শেষ কথা
৮ই এপ্রিল, ০২:৪৫ পি.এম.
ডারপা হেড কোয়ার্টার
আরলিংটন, ভার্জিনিয়া
অফিসের দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে পেইন্টার ক্রো। কাস্টডিয়ানকে নেমপ্লেটের স্ক্রু খুলতে দেখছে ও। সিগমা ফোর্সের একদম শুরু থেকে নামটা এই দরজায় শোভা পাচ্ছিল। মিশ্র অনুভূতি হলো ওরঃ অবশ্যই গর্ব আর আত্মতৃপ্তি। কিন্তু সেই সাথে রাগ আর কিছুটা লজ্জাও আছে। এভাবে এই পদে আসতে চায়নি কখনও।
দরজা থেকে খসে পড়ল নেমপ্লেট।
ডিরেক্টর শেন ম্যাক নাইট।
সিগমার প্রাক্তন প্রধান।
নেমপ্লেটের জায়গা হলো ডাস্টবিনে।
সেক্রেটারির ডেস্ক থেকে কালো আর রূপালী রঙের নতুন নেমপ্লেটটা তুলে নিল কাস্টডিয়ান। বৈদ্যুতিক ক্রু ড্রাইভার ব্যবহার করে জায়াগমত লাগিয়ে দিল ওটা। এরপর এক পা পিছিয়ে এল।
“কেমন দেখাচ্ছে?” ক্যাপে হাত রেখে জিজ্ঞাসা করল লোকটা।
নড করল পেইন্টার, একদৃষ্টিতে নেমপ্লেটের দিকে চেয়ে আছে।
ডিরেক্টর পেইন্টার ক্রো।
সিগমার পরবর্তী প্রজন্মের নেতা।
আধ ঘন্টা পর ওর শপথ গ্রহণ অনুষ্ঠান। কিন্তু প্রশ্ন হলো, ওই ডেস্কটার পেছনে কিভাবে বসবে ও?
নিজেকে অযোগ্য মনে হচ্ছে পেইন্টারের, কিন্তু তাই বলে দায়িত্ব পালনে পিছ পা হবে না কখনও। প্রেসিডেন্টের আদেশে পদোন্নতি পেয়েছে। ওমানে যা ঘটে গেল, তারপর ডারপার মাথা থেকে পা পর্যন্ত পরিবর্তন করাটা দরকারী হয়ে পড়েছিল।
ভাবা যায়, গিল্ডের প্রধান কিনা ওদের একজন! পেইন্টার ওমান থেকে প্রমাণ নিয়েই এসেছিল। ক্যাসান্দ্রার ল্যাপটপ থেকে সমস্ত তথ্য বের করে আনতে সক্ষম হয়েছে বিশেষজ্ঞ কর্মীরা। সেই সাথে প্রমাণ পেয়েছে ওর দাবীর স্বপক্ষে।
মিনিস্টারের মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছে।
থামিয়ে দেয়া হয়েছে সিগমাকে কলুষিত করার যত প্রয়াস।
তবে দুঃখের কথা হলো, ধরা যায়নি লোকটাকে। তার আগেই নিজের বন্দুক ব্যবহার করে আত্মহত্যা করেছে সে। সন্দেহ নেই, গিল্ডের জন্য এটা একটা শক্ত আঘাত। কিন্তু এতেও সন্দেহ নেই যে, পৌরাণিক হাইড্রার মতো আবার গজিয়ে উঠবে ওরা।
উঠুক, পেইন্টার প্রস্তুত ওদের মোকাবেলা করার জন্য।
জুতার আওয়াজে ধ্যান ভাঙ্গল ওর। মুখে বড় এক হাসি নিয়ে হাত বাড়িয়ে দিল, “আপনি এখানে কী করছেন স্যার?”
শেন ম্যাক নাইট ওর বাড়ানো হাতটা ধরলেন। “পুরনো অভ্যাস। এতো সহজে কি আর যায়? আসলে, তোমাকে দেখতে এসেছি। অসুবিধা হচ্ছে কোনও?”
“না, স্যার।”
শেন ম্যাক নাইট নড করলেন, পেইন্টারের কাঁধে আলতো চাপড় মেরে বললেন, “চিন্তা করো না। সিগমাকে আমি যোগ্য লোকের হাতে ছেড়ে যাচ্ছি।”
“ধন্যবাদ, স্যার।” ডাস্টবিনে পড়ে থাকা তার নেমপ্লেটটা নিয়ে পকেটে পুরলেন ড. শেন ম্যাক নাইট।
লজ্জায় লাল হয়ে গেল পেইন্টারের চেহারা। কিন্তু শেন শুধু হাসলেন। জ্যাকেটের পকেটে টোকা মেরে বললেন, “স্মৃতি সংরক্ষণ করছি।” ঘুরে দাড়ালেন তিনি, “শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা হবে।”
আজ ওরা দুজনেই শপথ গ্রহণ করছেন।
শেনের পদে স্থলাবিষিক্ত হচ্ছে পেইন্টার আর শেন হচ্ছেন ভাইস অ্যাডমিরাল টনি “দ্য টাইগার” রেক্টরের পদে।
আরেকটা পরিচয় আছে অ্যাডমিরালের-মিনিস্টার।
রেক্টর, অর্থ ধর্মযাজক। আবার মিনিস্টারের আরেক অর্থও তাই।
হারামজাদা এতটা আত্মবিশ্বাসী ছিল যে নিজের নামটাকে ঘুরিয়ে কোডনেম বানিয়ে নিয়েছিল।
ওমানে থাকা অবস্থায়, পেইন্টার তো শেনকে বিশ্বাসঘাতক বলে ধরে নিয়েছিল। কিন্তু যখন ক্যাসান্দ্রার মুখে “মিনিস্টার” শব্দটা শুনতে পেয়েছে, তখন নিজের ভুল বুঝতে পেরেছিল। ওকে এই মিশনে পাঠিয়েছিল দুজন- শেন ম্যাক নাইট আর অ্যাডমিরাল টনি রেক্টর। আর যেহেতু রেক্টর শেনের বস, তাই পেইন্টারের পাঠানো সব তথ্যই সে জানত। ক্যাসান্দ্রাকে তথ্য সরবরাহ করতে তাই লোকটার একদম বেগ পেতে হয়নি।
ল্যাপটপের তথ্যগুলো ওর সন্দেহকে প্রমাণ করে ছেড়েছিল। সিগমাকে নিজের কাজের জন্য ব্যবহার করতে চেয়েছিল রেক্টর। ক্যাসান্দ্রা ছিল ওর প্রথম চর। এমনকি ফক্সউডসে ক্যাসান্দ্রার উপর নির্দেশ ছিল ঝ্যাং এর মাধ্যমে চাইনিজদের কাছে সব তথ্য পৌঁছাবার ব্যবস্থা করা।
সিগমার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে বিব্রত আর লজ্জিত করা ছিল উদ্দেশ্য। যেন শেন ম্যাক নাইটকে সরিয়ে সেখানে রেক্টরের কোন পুতুলকে বসানো যায়।
ব্যর্থ হয়েছে সেই ভয়ংকর পরিকল্পনা। বন্ধ দরজার দিকে তাকাল ও, জীবনের এক নতুন অধ্যায় ওর জন্য দরজার ওপাশে অপেক্ষা করছে।
যে লম্বা পথ পাড়ি দিয়ে এই পর্যায়ে আসতে হয়েছে, সেই পথের কথা মনে পড়ল পেইন্টারের। জ্যাকেটের পকেটে এখনও রয়েছে চিঠিটা। দাঁড়িয়ে থেকেই বের করে নিল তা। খামের উপর ওর নামটা সুন্দর করে এমবস করা। গত সপ্তাহে পেয়েছে চিঠিটা। এখন পর্যন্ত খোলার সাহস হয়নি। কিন্তু চিঠিটা না খোলা পর্যন্ত নতুন দায়িত্ব নিতেও পারবে না।
দাঁড়িয়ে দাঁড়িয়েই খুলে ফেলল এনভেলপ, ভেতরের জিনিসগুলোকে বের করে আনল। পাতলা চামড়া দিয়ে বানো নিমন্ত্রণপত্রের সাথে এক টুকরা কাগজ দেখতে পেল। ওতে লেখা-
উপস্থিত থেকো…
-কারা
আলতো করে মাথা ঝাঁকাল পেইন্টার, হাসি ফুটে উঠেছে চেহারায়। এবার নিমন্ত্রণপত্রের দিকে নজর দিল। জুনে বিয়ে, লেক ইডেনের তীরে অনুষ্ঠিত হবে। লেক ইডেন হচ্ছে ওমানের সদ্য আবিষ্কৃত স্বাদু পানির লেক। পাত্র-পাত্রীঃ ওমাহা ডান এবং সাফিয়া আল-মায়াজ।
দীর্ঘশ্বাস ফেলল ও, কিন্তু অবাক হয়ে লক্ষ করলো যতটা ভেবেছিল ততটা খারাপ লাগছে না।
অন্য সবার কথা মনে পড়ল ওর। কোরাল একটা অ্যাসাইনমেন্ট নিয়ে ইন্ডিয়ায় আছে। ড্যানি আর ক্লে এখন বেষ্ট ফ্রেন্ড। ওরাও খোঁড়াখুঁড়ি নিয়ে ব্যস্ত…তাও ইন্ডিয়ায়। জায়গাটা ড্যানির নির্বাচন করা। আনুষ্ঠানিকতার সাথে শাহরা আর রেহেম, দুই গোত্র এক হয়েছে। নতুন এক সাবাব ওমান নির্মাণের কাজ চলছে। কারা সেটা পরিদর্শন করার সাথে সাথে, বিট্রিশ মিউজিয়ামের পুনঃনির্মাণ কাজটাও পরিদর্শন করছে। পিপল ম্যাগাজিনের দেয়া তথ্য মতে, রিহাবে থাকা অবস্থায় এক তরূণ ডাক্তারের সাথে মন দেয়া নেয়া হয়েছে মেয়েটার।
কারার লেখা নোটটার দিকে তাকাল পেইন্টারঃ উপস্থিত থেকো…
হয়তো থাকবে। কিন্তু আগের কথা আগে। এই মুহুর্তে দরজা খুলে নতুন অফিসে প্রবেশ করতে হবে ওকে।
হ্যান্ডেলের উপর হাত রাখল পেইন্টার, দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে খুলে ফেলল দরজা।
দুঃসাহসিক অভিযান ওর জন্য অপেক্ষা করছে যে।
