ম্যাটারস অফ দ্য হার্ট

ম্যাটারস অফ দ্য হার্ট

নভেম্বর ১৪, ০৫:০৫ পি.এম. জিএমটি

লন্ডন, ইংল্যান্ড

এদিকে! আমি কিছু একটা পেয়েছি!

সাফিয়া ঘাড় ঘুরিয়ে আওয়াজের উৎসের দিকে তাকাল। দেখল, মেটাল ডিটেক্টর। হাতে এক টেকনিশিয়ান তার সঙ্গীকে ডাকছে। আবার কী হলো? দৌড়ে সেদিকে চলে এল সাফিয়া। গুরুত্বপূর্ণ কিছু হলেও হতে পারে।

কারাও আওয়াজ শুনতে পেয়ে ছুটে এসেছে। “কী পেয়েছ?” ক্ষমতা যেন ঝরে পড়ছে ওর গলা দিয়ে।

“আমি নিশ্চিত নই,” টেকনিশিয়ান জানালো, “কিন্তু খুব শক্তিশালী রিডিং পাচ্ছি ডিটেকটরে।”

“উল্কা পিন্ডের টুকরা?”

“বলতে পারছি না। এই পাথরখন্ডের নিচে চাপা পড়ে আছে।”

সাফিয়া চিনতে পারল পাথরখন্ডটা। জিনিসটা আসলে একটা বেলে পাথর দ্বারা নির্মিত মূর্তির অংশ। এই মানবাকৃতির মূর্তিটা সালালাহের একটা সমাধির বাইরে পাওয়া গিয়েছে। সম্ভবত ২০০ বি.সি. তে বানানো হয়েছিল ওটা। একটা মানুষ দেখানো হয়েছে ওটাতে, লম্বা কিছু একটা কাঁধের উপর ধরে আছে। অনেকে বলেন যে লম্বা জিনিসটা আসলে রাইফেল, কিন্তু প্রকৃত পক্ষে ওটা আগুন ধরাবার মশাল।

এখন কেবল দেহ আর ভাঙা দুটো পা অবশিষ্ট আছে মূর্তিটার। আগুনের প্রচন্ড উত্তাপে ওগুলোর উপরদিকের বেলে পাথর গলে গিয়ে কাঁচে পরিণত হয়েছে।

এসব ভাবছে সাফিয়া, আর ওদিকে কারার ভাড়া করা টীমের সবাই ঘিরে ধরেছে ওটাকে।

মেটাল ডিটেক্টর হাতে ধরা লোকটা মূর্তির দিকে ইঙ্গিত করে বলল, “ওটা সরিয়ে দেখা দরকার।”

“দেখ।” নড করল কারা, “এই, ক্রোবার জোগাড় কর তো কয়েকটা।” আদেশ পালন করার জন্য এগিয়ে গেল কয়েকজন।

সাফিয়া এগিয়ে এসে বাঁধা দিল, “কারা, দাঁড়াও। মূর্তিটাকে চিনতে পারছ না?”

“পারছি, কিন্তু তুমি কী বোঝাতে চাইছ?”

“ভাল করে দেখ। এই মূর্তিটা তোমার বাবা সালালাহের সমাধিতে আবিষ্কার করেছিলেন। এর যতটা সম্ভব রক্ষণাবেক্ষণ করা দরকার।”

“আমি কেয়ার করি না।” কনুইয়ের ধাক্কায় ওকে সরিয়ে দিল কারা। এর চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস চাপা পড়ে আছে। হয়তো তা পাপার কী হয়েছিল, সে ব্যাপারে কোনো আলোকপাত করতে পারবে।”

নিচু গলায় বলল সাফিয়া, “তোমার কি আসলেই মনে হয় যে, এখানকার ঘটনার সাথে তোমার বাবার মৃত্যুর কোন সম্পর্ক আছে?

উত্তর না দিয়ে ওর লোকদের দিকে ফিরল কারা, “আমাকেও একটা দাও।”

সাফিয়া আর বাধা দিল না। জায়গায় দাঁড়িয়ে একবার নজর বুলালো গ্যালারির দিকে। এতদিন কি তাহলে ভুল বুঝে এসেছে ও? এসব আর্টিফ্যাক্ট জড়ো করার পিছনে কি কারার অন্য কোন উদ্দেশ্য ছিল?

ছোট বেলায় শোনা গল্পটা মনে করার চেষ্টা চালালো সে। কারা সেদিন খুব কাঁদছিল। ধরেই নিয়েছিল, ওর পাপার মৃত্যুর জন্য দায়ী অতিপ্রাকৃত কোন শক্তি। সাফিয়াকে সব খুলে বলেছিল। নিসিনাসেরা দায়ী…মরুভূমির ভূত।

তখন থেকেই ও প্রশ্নের উত্তর খুঁজে বেড়িয়েছে। নিসনাসদের সম্পর্কে যত গল্পগাথা ছিল, সব পড়েছে। গল্পে আছে, একদা মরুভূমির মাঝে ছিল বিশাল এক শহর। অনেক নামেই পরিচিত ছিল তাঃ ইরাম, ওয়াবার, উবার। ডাকা হতো “সহস্র পিলারের শহর” বলেও। কুরআনে এই শহরের অধঃপতনের কথা বলা হয়েছে, আরব্য রজনী আর আলেক্সান্ডারের বইতেও বলা হয়েছে। বাইবেলে উল্লেখিত নবী নোয়াহ ( নুহ আঃ) এর বংশধরদের হাতে হয়েছিল এই শহরের গোড়া পত্তন। উবার ইতিহাসে একিইসাথে অত্যন্ত ধনী আর অধঃপতিত শহর হিসেবে উল্লেখিত। এর অধিবাসীরা কালো জাদুর চর্চা করত। হুদ নামের নবীর আদেশ আর সাবধানবাণী কানেই তোলেনি এর রাজা। আর তাই স্রষ্টা ধ্বংস করে দিয়েছিলেন শহরটাকে। বালুর সমুদ্রে ডুবে গিয়েছিল পুরোটা এলাকা, আর কখনও দেখা যায়নি। যেন মরুভূমির আটলান্টিস। গল্পে আরো আছে, শহরটা এখনও পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। তবে আছে বালুর নিচে, এর অধিবাসীরা পরিণত হয়ে গিয়েছে পাথরে। শহরের অলিগলিতে এখন দুষ্ট জীনদের রাজত্ব। তবে এখানেই শেষ না। জীনদের চেয়েও ভয়ানক নিসনাসেরা আবাস করে এখানে, জাদু ক্ষমতা সম্পন্ন হিংস্র প্রাণি এরা।

সাফিয়া ভেবেছিল, কারা এসব গাল-গপ্পোকে স্রেফ গাল-গপ্পো হিসেবেই ধরে নিয়েছে। বিশেষ করে যখন অভিজ্ঞ অনুসন্ধানকারীরা জানালো-ওর বাবার মৃত্যুর জন্য দায়ী সিংক হোলের আচমকা আবির্ভাব-তখন আর সন্দেহে কোন অবকাশ ছিল বলে সাফিয়ার মনে হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে, ভুল হয়েছিল ওর। কারা একটা ক্রো বার হাতে তুলে নিয়েছে, বোঝাই যাচ্ছে যে ওকে থামানে সম্ভব না। বান্ধবীর দৃঢ় প্রতিজ্ঞ মুখের দিকে চেয়ে চোখ বন্ধ করল সাফিয়া। ভাবছে ওর জীবনের কতটুকু এই বোকার মত অনুসন্ধানে নষ্ট করেছে কারা? লেখাপড়ার বিষয় পছন্দ করার পিছনেও কি কারার হাত ছিল? মাথা নাড়ল সে। এখন এসব চিন্তা করার সময় না। পরে ভাবতে হবে।

এগিয়ে এসে মূর্তিটার সামনে দাড়িয়ে বলল, “আমি তোমাকে এই কাজ করতে দিতে পারিনা।”

কারা ওকে হাতের ইশারায় সরে যেতে বলল, “যদি উল্কাপিন্ডের একটা টুকরাও ওখানে থেকে থাকে, আমাদেরকে সেটা বের করতেই হবে। কয়েকটা ভাঙা পাথরখন্ডের চেয়ে তা অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

“কার কাছে গুরুত্বপূর্ণ? আরবের ঐ সময়ের খুব বেশি মূর্তি বাকি নেই। ভাঙা হলেও-“।

“উল্কাপিন্ডটা পরেও বের করা যাবে। সাফিয়া কারাকে থামিয়ে দিল, “একটু দেরী হলে এমন কোন ক্ষতি বৃদ্ধি হবে না।”

ইস্পাতের মত করা দৃষ্টিতে ওর দিকে চাইল কারা। অনেক পুরুষও সেই দৃষ্টির সামনে কেঁচো হয়ে যাবে। কিন্তু সাফিয়া এক বিন্দু ছাড় দিতেও রাজি না। হতে পারে কারা কেনসিংটন সাম্রাজ্যের সম্রাজ্ঞী, কিন্তু আসল কারাকে সে ভালো মতোই চেনে।

এগিয়ে এসে ক্রোবারটা হাত থেকে নিয়ে নিল সে। কারার আঙুল কাঁপছে দেখে অবাক হলো, “আমি জানি তোমার মনে কী চলছে।” ফিসফিস করে বলল সে। উটের মত দেখতে উল্কাপিন্ডটার ইতিহাস দুজনের ভালো মতো জানা আছে। ব্রিটিশ এক অভিযাত্রী আবিষ্কার করেছিল ওটা, কথিত আছে বালুর সমুদ্রে ডুবে যাওয়া এক শহরের সদর দরজার প্রহরী ঐ উল্কাপিন্ড।

শহরটার নাম-উবার। আরো বড় ব্যাপার হলো, অদ্ভুত এক উপায়ে বিস্ফোরিত হয়েছে ঐ উল্কাপিন্ড । “কোন না কোন যোগাযোগ নিশ্চয় আছে,” বিড় বিড় করে বলল কারা।

অহেতুক আশার বাড়িটাকে গুঁড়িয়ে দেয়ার মত একটাই পথ জানে সাফিয়া, “তুমি জানো উবারকে খুঁজে পাওয়া গিয়েছে।” ১৯৯২ সালের কথা। নিকোলাস ক্ল্যাপ নামের এক অ্যামেচার আর্কিওলজি শহরটা খুঁজে পান। ৯০০ বি.সি. তে স্থাপিত এই শহরটা মরুভুমিতে দুস্প্রাপ্য ওয়াটার হোল (পানির কুপ) এর পাশেই অবস্থিত ছিল। স্থাপিত হবার পর থেকে সুগন্ধি, বিশেষ করে ফ্রাঙ্কেনসেন্স কেনা বেচা করার রুটে খুব গুরুত্বপূর্ণ স্থান নিয়ে নেয় শহরটা। ওমানের উপকূলীয় পাহাড়গুলোর সাথে উত্তরের ধনী শহরগুলোর বাজারের সংযোগ স্থাপন করে। পরবর্তী দিনগুলোতে উবারের উন্নতি হয় ঈর্ষনীয় গতিতে। এরপর হঠাৎ একদিন আচমকা সিংক হোল সৃষ্টি হয়ে ডুবিয়ে দেয় শহররের অর্ধেকটাকে। বেঁচে যাওয়া কুসংস্কারাচ্ছন্ন অধিবাসীরা এর পর তাকে পরিত্যাগ করে চলে যায়।

“শহরটা আদপে একটা ব্যবসাকেন্দ্র ছাড়া আর কিছুই না।” জোর দিয়ে বলল সাফিয়া।

কারা মাথা নাড়ল। কিন্তু তা সাফিয়ার কথা অস্বীকার করার জন্য, নাকি নিজেকে | ফিরে পাবার জন্য-তা বোঝা গেল না। ক্ল্যাপের আবিষ্কারের কথা শুনে খুব উত্তেজিত হয়ে পড়েছিল কারা। বড় অক্ষরে বিভিন্ন সংবাদ পত্রে লেখা হয়েছিল সে কথাঃ পৌরাণিক অ্যারাবিয়ান শহর আবিষ্কার! কারা সাথে সাথে ছুটে গিয়েছিল সাইটে। কিন্তু দুবছর খনন কার্য চালাবার পর পাওয়া গিয়েছিল শুধু কিছু তৈজসপত্র আর তার ভাঙা টুকরা।

কোথায় যে সেই বিশাল গুপ্তধন আর কোথায় সেই সহস্র পিলার! নিসনাসদের কথা নাহয় বাদই রইল।

“লেডী কেনসিংটন,” মেটাল ডিটেকটর হাতে লোকটা ওদের দৃষ্টি আকর্ষণ করল, “হয়তো ড, আল-মায়াজ ভালো পরামর্শই দিয়েছেন।” দুজনে একসাথে মূর্তির দিকে নজর ফেরালো।

“আমি ভুল করেছিলাম,” টেকনিশিয়ান বললো, “এই রিডিং এর উৎস মূর্তিটার নিচে নেই।”

“তাহলে কোথায় আছে?” বিরক্ত কারা জানতে চাইল।

“ভেতরে আছে।”

“ভেতরে?”

“জি ম্যাম। আরো আগেই বোঝা উচিত ছিল। কিন্তু এই জিনিসের ভেতরে যে কিছু থাকতে পারে, তা মাথায় আসেনি।”

সাফিয়া সামনে এগিয়ে এল, “সম্ভবত কিছু লোহা জমেছিল ভেতরে, ওটার রিডিং পাওয়া যাচ্ছে।”

“নাহ। রিডিং খুব শক্তিশালী, লোহা হবার কথা না।”

“ভেঙে ফেলতে হবে।” বলল কারা।

সাফিয়া ভ্রু কুঁচকে ওর দিকে তাকাল। এত সহজে? হাঁটু গেঁড়ে মূর্তির পাশে বসে পড়ল সে। “কেউ আমাকে একটা ফ্লাশ লাইট দাও।”

ওর আদেশও ত্বরিতগতিতে পালিত হলো। “কী করতে চাচ্ছ?” জানতে চাইল কারা।

“ভেতরে উঁকি দেব।” সাফিয়া ওটার দেহে ঠেসে ধরল ফ্লাশ লাইট । আগুনের উত্তাপে বেলে পাথর কাঁচে পরিণত হয়ে গিয়েছে।

জ্বলে উঠল যেন মূর্তিটি। তবে কাঁচ মাত্র দুই ইঞ্চি পুরু হওয়ায় খুব একটা ভেতরে দেখা গেল না। যে জিনিস লুকিয়ে আছে, সেটা নিশ্চয় খুব গভীরে।

কারা ওর পেছনে দাঁড়িয়েছিল, আঁতকে উঠল সে।

“কী হল?” বলতে বলতে ফ্ল্যাশ লাইট সরাতে শুরু করল সাফিয়া।

“না, না।” বলে উঠল কারা, “লাইট সরিও না। সেন্টারের কাছে নিয়ে যাও।”

সাফিয়া কথা শুনল। একটা ছায়া দেখতে পেল সে। ঠিক যেখানে কাচ আর বেলে পাথরের সংযোগস্থল, সেখানে। বুকের ঠিক মাঝখানটায় হবার কারণে এক নজরেই বুঝতে পারল, জিনিসটা কি।

“একটা হৃদপিন্ড।” ফিসফিস করে বলল কারা। সাফিয়া বসে পড়ল ওখানে, অবাক বিস্ময়ে বলল, “একটা মনুষ্য হৃদপিন্ড।”

০৮:০৫ পি.এম.

বেশ কয়েকঘন্টা পরের কথা। ডিপার্টমেন্ট অফ অ্যানশিয়েন্ট নেয়ার ইষ্ট-এর প্রাইভেট বাথরুমের সামনে দাঁড়িয়ে আছে কারা কেনসিংটন।

আর মাত্র একটা… হাতের তালুতে একটা কমলা রঙের পিল নিয়ে নাড়ছে সে। জিনিসটা বিশ মিলিগ্রাম ওজনের প্রেসক্রিপশন অ্যাফিটামিন (ইয়াবা)। এত ছোট জিনিসের ঝাঁঝ এতো বেশি! ভাবাই যায়না। তবে ওর এখন আরো দরকার । তাই আরেকটা পিল নিল হাতে। হাজার হলেও, গত রাতটা ঘুমাতে পারেনি। এখন যে একটু চোখ বন্ধ করবে, সে উপায় নেই। অনেক কাজ বাকি।

পানি ছাড়াই গিলে ফেলল জোড়া পিল। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকাল। লালচে দেখাচ্ছে ওর ত্বক, চোখ জোড়া স্বাভাবিকের চেয়ে একটু বেশি বড় বড়। পানিতে হাত ভিজিয়ে নিয়ে মুখে বোলাল ও। বিস্ফোরণের সময় ব্ল্যাকহিথে নিজের পারিবারিক এস্টেস্টে ঘুমাচ্ছিল কারা। খবর পেয়ে আর দেরি করেনি। সাথে সাথে চলে এসেছে মিউজিয়ামে। কিন্তু এখন মনে হচ্ছে সেসব কত যুগ আগের কথা!

এবার কী করণীয়?

সারাদিন খেটে উল্কাপিন্ডের কয়েকটা টুকরা খুঁজে পেয়েছে ওর ফরেনসিক টীম । প্রাথমিক পরীক্ষায় জানা গিয়েছে, বৈদ্যুতিক আবেশের ফলে উল্কাপিন্ডের মাঝে আপাত স্থিতাবস্থায় থাকা কোন জিনিস বিস্ফোরিত হয়ে এ কান্ড ঘটিয়েছে। কিন্তু জিনিসটা কী, তা কেউ বলতে পারছে না। ইংল্যান্ড আর এর বহির্বিশ্বের বিভিন্ন ল্যাবে এখন পরীক্ষা নিরীক্ষা চলবে।

কারা হতাশ। ভিডিও ফুটেজ দেখে ভেবেছিল, ওর পাপার মৃত্যুর কারণ সম্পর্কে কিছুটা হলেও এবার জানতে পারবে। তখনো এমন বিস্ফোরণ ঘটেছিল, মৃত্যু হয়েছিল একজনের। কোন না কোন যোগাযোগ তো নিশ্চয় আছে।

কিন্তু কী সেই সংযোগ? নাকি অতীতের অজস্রবারের মত এবারো একটা কানাগলিতে এসে উপস্থিত হয়েছে সে?

দরজায় নক করার আওয়াজে সম্বিত ফিরে পেল কারা। “কারা, আমরা পরীক্ষার জন্য তৈরি।” সাফিয়ার গলা, কষ্ঠে দুশ্চিন্তার ছাপ পরিষ্কার। হবারই কথা, কারার মনের অবস্থা একমাত্র সাফিয়ার পক্ষেই আঁচ করা

সম্ভব।

“আসছি।” পিলের বাক্সটা স্যাচেলে ভরে নিল সে, বেড়িয়ে এসে রওনা দিল পরীক্ষাঘরের দিকে।

ঘরটাকে মর্গের রূপ দেয়া হয়েছে, লাশ হিসেবে আছে বেলে পাথরের মূর্তিটা। সাফিয়ার জোরাজুরিতেই জিনিসটাকে এখানে নিয়ে আসা হয়েছে। দুটো হ্যালোজেনের বাতি আলো ফেলছে মাথাহীন মূর্তির উপর। পাশে রাখা আছে এক গাদা যন্ত্রপাতিঃ স্কালপেল, ক্ল্যাপ আর থাম্ব ফরসেপ (ক্ষুদ্রাকৃতির চিমটা)। বিভিন্ন আকারের অনেকগুলো হাতুড়ি আর ব্রাশও আছে।

সাফিয়া একজোড়া ল্যাটেক্স গ্লাভস পরে নিল। গায়ে একটা অ্যাপ্রোন জড়ানো, চোখে সেফটি গ্লাস।

“তৈরি?” জানতে চাইল সে, জবাবে শুধু নড করল কারা।

“বুড়া লোকটার বুক ফাড়া শুরু হোক।” আমেরিকানদের সচরাচর রুক্ষ ভঙ্গিমায় বলল এক যুবক। কারা চেনে ওকে। নর্থ-ওয়েষ্টার্ণ ইউনিভার্সিটির গ্রাড স্টুডেন্ট (সাধারণত যারা স্নাতকোত্তর ডিগ্রী লাভের জন্য কারও অধীনে অধ্যয়নরত) ছেলেটা, নাম ক্লে বিশপ। পুরো প্রক্রিয়াটা ভিডিও করার জন্য একটা ক্যামকোডারের পাশে দাঁড়িয়ে আছে সে।

“পরিস্থিতি অনুযায়ী আচরণ কর, মি. বিশপ। এই “বুড়া লোকের সম্মান প্রাপ্য।” সাবধান করে দিল সাফিয়া।

“সরি।” বলল বটে, কিন্তু সেই সাথে হেসে বুঝিয়ে দিল যে সে বিন্দুমাত্র দুঃখিত না। দেখে ছাত্র বলে মনেই হয় না। পরনে জিন্স আর কনসার্ট টি-শার্ট। রিবকের জুতা, লোকে বলে এককালে ওগুলো সাদা ছিল। কিন্তু আসলে কথা সত্যি কিনা, তা কে জানে! চোখের চশমা জোড়া থাকায় কিছুটা ছাত্র ছাত্র ভাব এসেছে চেহারায়। “সবকিছু রেডি, ড. আল-মায়াজ।”

“খুব ভালো।” হ্যালোজিন বাতি দুটোর নিচে এসে দাঁড়াল সাফিয়া।

কারা ঘুরে এসে অন্যদিকে দাঁড়াল। আর একজন মাত্র লোক উপস্থিত আছে এই মুহুর্তে, সিকিউরিটি প্রধান রায়ান ফ্লেমিং। ওকে দেখে নড করল লোকটা। শক্ত হয়ে গেল, মিউজিয়ামের অধিকাংশ কর্মচারীর উপরই ওর উপস্থিতির এই প্রভাব দেখা যায়। সাফিয়া মাপ নিতে নিতে গলা খাঁকরি দিয়ে রায়ান বলল, “আবিষ্কারটার কথা শুনে এসেছি।”

“কেন?” জানতে চাইল কারা, “এটা কি কোন নিরাপত্তাজনিত ব্যাপার?”

“জি না, কৌতুহল বলতে পারেন।” মূর্তির দিকে ইঙ্গিত করে বলল সে, “প্রতিদিন তো আর পাথরের মূর্তির ভেতর হৃদপিন্ড পাওয়া যায় না!”

হৃদয়ের টানেই যে এসেছে সিকিউরিটি প্রধান, সে ব্যাপারে কোন সন্দেহ নেই কারার। কিন্তু সেই হৃদয় যে মূর্তির ভেতরে পোরা হৃদয়টা নয়, তাও জানে। অদ্ভুত মূর্তিটার চেয়ে, সাফিয়ার দিকেই বেশি নজর লোকটার।

কোন কিছু না বলে মূর্তির দিকে ঝুঁকে এল কারা। হৃদপিন্ডটা একেবারে আসলের অনুরূপ। আকৃতি বা অবস্থানে কোন গোলমাল নেই। কিন্তু যেহেতু ফরেনসিক টীম এর উপস্থিতি টের পেয়েছে, সেহেতু ওটা অবশ্যই কোন ধাতুর আকরিক দিয়ে তৈরি। একথা জানে সে, কিন্তু তাও মনে হলো যে কোন মুহূর্তে ওটার স্পন্দন শুরু হয়ে যাবে!

হীরে দিয়ে অগ্রভাগ বানানো, এমন এক যন্ত্র নিয়ে মূর্তির দিকে ঝুঁকল সাফিয়া। হৃদপিন্ডের উপরের কাঁচে দক্ষ হাতে একটা চতুর্ভুজ টানল, “যতটা সম্ভব সংরক্ষণ করতে চাই।”

এরপর চতুর্ভুজটার উপরে বসাল একটা সাকশন-কাপ (একধরনের যন্ত্র। বায়ুশুন্যতা তৈরি করে যার সাথে লাগানো হয়, তার উপর শক্ত হয়ে এটে বসে)। “আমার মনে হয়-কাঁচের নিচের দিকটার সাথে লেগে থাকা বেলে পাথর ভঙ্গুর।”

একটা রাবারের হাতুড়ি তুলে নিল এবার। ধীর কিন্তু শক্ত করে আঘাত হানল চতুর্ভুজ বরাবর। ছোট ছোট ফাটল দেখা গেল কাঁচের উপর। প্রতিটা আঘাত সাথে কেঁপে উঠল উপস্থিত সবাই, উত্তেজনা পেয়ে বসেছে।

তবে সাফিয়ার কোন ভাবান্তর নেই। কারা জানে যে সাফিয়া প্রায়ই প্যানিক অ্যাটাকে ভোগে। কিন্তু নিজস্ব পরিবেশে ওর কোন তুলনা নেই। হাতে ধরা হীরার মতই শক্ত আর তীক্ষ সে।

“এতটুকুতে কাজ হয়ে যাবার কথা।” হাতের হাতুড়ি রেখে দিয়ে এবার ব্রাশ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল কেনসিংটন গ্যালারির কিউরেটর সাফিয়া আল-মায়াজ। ধুলো সরিয়ে আঁকড়ে ধরল সাকশন-কাপের হ্যান্ডেল। হ্যাচকা টান না দিয়ে প্রথমে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাল। কিছুটা বের হলে টানল নিজের দিকে। পরিষ্কার বের হয়ে এল চতুর্ভুজাকৃতি কাঁচ।

কারা আরো কাছে এসে দাঁড়াল, প্রথমে যা ভেবেছিল, তারচেয়েও নিখুত করে হৃদপিন্ডটা বানানো হয়েছে। প্রতিটা চেম্বার আলাদা করে বোঝা যাচ্ছে (হৃদপিন্ডে মোট চারটা চেম্বার থাকে-ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়)। এমনকি ছোট ছোট ধমনী আর শিরাগুলোও বাদ পড়েনি।’

সাফিয়া সাবধানে তুলে আনা কাঁচটা উল্টে ধরল। হৃদপিন্ডের উপরের দিকের ছাপ পড়েছে ওতে। ক্যামেরার দিকে ফিরল মেয়েটা, “ক্লে, ঠিকমত ভিডিও করছো তো?”

“ওহ ম্যান অসাধারণ।” দুপায়ে লাফাচ্ছে সাফিয়ার গ্রাড স্টুডেন্ট।

“হ্যা বলে ধরে নিলাম।” টেবিলের উপর কাঁচটাকে নামিয়ে রাখতে রাখতে বলল সাফিয়া।

“হৃদপিন্ডটার কী অবস্থা?” জানতে চাইল ফ্লেমিং।

মূর্তির খোলা বুকের দিকে ঝুঁকে এল সাফিয়া। ব্রাশের হ্যান্ডেলটা দিয়ে হালকা করে বাড়ি দিল হৃদপিন্ডে। এর ফলে যে আওয়াজ সৃষ্টি হলো, সেটা শুনতে পেল সবাই। “জিনিসটা যে ধাতব, সে ব্যাপারে সন্দেহ নেই। রঙ দেখে মনে হচ্ছে ব্রোঞ্জ।”

“ফাঁপা শোনাল।” বলল ক্লে, “আবার আঘাত করো তো।” মাথা নেড়ে না করল সাফিয়া। “নাহ, আরেকবার আঘাত করা উচিত হবে না। এই দেখ, হৃদপিন্ডের উপর জায়গায় জায়গায় বেলে পাথর। যেভাবে আছে, সেভাবে রেখে দেয়াই ভালো। রিসার্চাররা আগে দেখে নিক।”

কারা দম ফেলবার পর্যন্ত সাহস পায়নি। এখন অক্সিজেনের অভাবে কানে তালা লাগবার উপক্রম। আর কেউ কি ব্যাপারটা টের পায়নি?

কোন কিছু জিজ্ঞাসা করার আগেই, শব্দ করে খুলে গেল ঘরটার দরজা। লাফিয়ে উঠল সবাই। দুজন লোক ঘরে প্রবেশ করল। হ্যালোজেন বাতিটা ঘুরিয়ে দরজার দিকে আলো ফেলল সাফিয়া, “ডিরেক্টর টাইসন নাকি?”

“এডগার!” এগিয়ে গেল কারা, “এখানে কী করছ?” মিউজিয়াম প্রধান পাশে সরে গেলে, তার সঙ্গিকে দেখতে পেল সবাই। সেন্টা লন্ডন হোমিসাইড-এর ইন্সপেক্টর স্যামুয়েলসন।

“তোমার অসাধারণ আবিষ্কারের কথা যখন শুনতে পারি, তখন ইন্সপেক্টর সাহেব আমার সাথেই ছিলেন। জানতে চাইলেন, জিনিসটা দেখার সুযোগ পাবেন কিনা। যে সহযোগিতা আমাদের সাথে করেছেন, তাতে না বলি কিভাবে?”

“ঠিক বলেছ।” কারা ডিপ্লোম্যাটিক সুরে বলল, একেবারে শেষ মুহর্তে বিরক্তিটুকু ঢেকে ফেলেছে। “ঠিক সময়ে এসেছ।” বলে জায়গা থেকে সরে দাঁড়াল সে, নিজের আবিষ্কারটা নাহয় আরো কিছুক্ষণ গোপনে থাকুক।

বসের দিকে চেয়ে নড করল ফ্লেমিং, “আমার যা দেখার দেখেছি। এখন কাজে যেতে হয়। এরপর সাফিয়ার দিকে ফিরে বলল, “দেখতে দেবার জন্য ধন্যবাদ।”

“ব্যাপার না।” অন্যমনস্কভাবে বলল সাফিয়া।

আরো কিছুক্ষণ সাফিয়ার দিকে চেয়ে থেকে ঘুরে দাঁড়াল রায়ান ফ্লেমিং। ব্যাপারটা কারার নজর এড়ালো না। সাফিয়া আসলে নিজের কাজের বাইরে কিছুই বোঝে না। ফ্লেমিং-এর চেয়েও ভালো ভালো পুরুষকে জীবন থেকে হারিয়ে যেতে দিয়েছে ও।

ইন্সপেক্টর স্যামুয়েলসন রায়ানের জায়গায় এসে দাঁড়াল। “আশা করি বিরক্ত করছি না।”

“আরে না।” সাফিয়া বলল। “কপালজোরে আবিষ্কার করে ফেলেছি।”

“তাই নাকি?” বলে মূর্তির দিকে ঝুঁকে এল ইন্সপেক্টর। কারা জানে, কেবলমাত্র কৌতুহল নিবৃত্তির জন্য এখানে আসেনি ইন্সপেক্টর। তদন্তে কাকতালীয় ঘটনার কোন জায়গা নেই।

এডগার ইন্সপেক্টরের কাঁধের উপর দিয়ে তাকাল, “অসাধারণ, তাই না? সারা দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করবে এই আবিষ্কার।”

স্যামুয়েলসন সোজা হয়ে দাঁড়ালেন, “মূর্তিটার উৎপত্তি কোথায়?”

“আমার বাবা জিনিসটা আবিষ্কার করেছিলেন।” কারা বলল।

সাফিয়া চোখ থেকে সেফটি গ্লাসটা সরিয়ে বলল, “ওমানি উপকূলের সালালাহ শহরের এক প্রাচীন সমাধির পাশে নতুন জমকালো সমাধি প্রতিষ্ঠা কার্যে টাকা ঢেলেছিলেন রেজিনাল্ড কেনসিংটন। পুরনো সমাধিটার পাশে এই মূর্তি খুঁজে পান তিনি। জিনিসটা খুবই বিরল, প্রাক-ইসলাম যুগে বানানো হয়েছিল। এই ধরুন ২০০ বি.সি. এর দিকে। কিন্তু আবিষ্কারের সময়ও একেবারে দারুণ অবস্থায় ছিল ওটা। অবশ্য সমাধিটা গত দুই সহস্র বছর ধরে খুব পবিত্র বলেই পরিচিত।”

উপস্থিত সবার দিকে একবার করে চাইলেন ইন্সপেক্টর স্যামুয়েলসন। অবশেষে আবার টেবিলে শোয়ানো মূর্তির দিকে ফিরে বললেন, “আপনি একটা পুরনো সমাধির কথা বললেন।”

“হ্যা। নবী ইমরানের সমাধি।”

“কে সে? কোন ফারাও?”

সাফিয়া হাসল, “সমাধিটা মিশরীয় না।” কারার মত সেও বুঝতে পারছে যে ইন্সপেক্টরের কোন উদ্দেশ্য আছে, “আরবের অধিকাংশ সমাধিই বাইবেল বা কুরআনে বর্ণিত কোন ব্যক্তির কবর। আর আমাদের সমাধিতে শায়িত ব্যক্তির কথা দুই জায়গাতেই আছে।”

“নবী ইমরান? কই আমার তো মনে পড়ছে না।”

“আসলে তিনি বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আপনি কি কুমারী মাতা মেরীর নাম শুনেছেন?”

“দু-একবার।”

এমন ভঙ্গিতে উত্তর দিলেন স্যামুয়েলসন যে সাফিয়া না হেসে পারল না। “নবী ইমরান কুমারী মাতা মেরীর বাবা ছিলেন।”

০১:৫৪ পি.এম. ইএসটি

আর্লিংটন, ভার্জিনিয়া

পেইন্টার ক্রো একটা রুপালী মার্সিডিজ এস৫০০ সেডানের পেছনের সীটে বসে আছে। গাড়িটা পূর্বদিকে যাচ্ছে, ওয়াশিংটনের দিকে। কিন্তু এতদূর যেতে হবে না। ওদের গন্তব্য-ডারপা হেডকোয়ার্টার।

হাতঘড়ির দিকে চেয়ে একবার সময় দেখে নিল। মাত্র কয়েক ঘণ্টা আগেই পাঁচ বছরের পুরনো পার্টনারের মুখোমুখি হতে হয়েছে ওকে। ঠিক ক্যাসান্দ্রাকে নিয়ে ভাবছে না ও, কিন্তু একথাও সত্যি যে মেয়েটার আশেপাশেই ঘুরপাক খাচেছ ওর চিন্তা ভাবনা।

কাছাকাছি সময়ে রিক্রুট করা হয়েছিল ওদেরকে। পেইন্টার এসেছে নেভী সিলস থেকে আর ক্যাসান্দ্রা ছিল আর্মি রেঞ্জারসে। ডারপা ওদেরকে রিক্রুট করেছিল সিগমা ফোর্স নামের এক নতুন গোপন দলের জন্য। সিগমা ফোর্সের খবর এতটাই গোপন যে, ডারপার সবাই এ দলের কথা জানে না। সিগমার উদ্দেশ্য হল-টেকনোলজির উপর প্রশিক্ষণপ্রাপ্ত এমন একদল এজেন্ট গড়ে তোলা, যারা রিসার্চ আর টেকনোলজী সংক্রান্ত মিশনগুলিতে কাজ করবে।

সে জন্য যা করার দরকার পড়ে, তাই করার অনুমতিও দেয়া হয়েছে সিগমাকে।

কিন্তু এখন পেইন্টারকে ডেকে পাঠানো হচ্ছে হেডকোয়ার্টারে। নতুন কোন মিশন নিশ্চয়। তবে কেন এত জরুরী তলব, তা বুঝতে পারছে না ও। নর্থ ফেয়ারফ্যাক্স ড্রাইভের একটা পার্কিং লটে এসে থামল গাড়ি। একগাদা সিকিউরিটি চেক পার হতে হল ওকে। অবশেষে এক জন পাথরমুখো লোক এসে পেইন্টারকে বলল, “দয়া করা আমাকে অনুসরণ করুন, কমান্ডার ক্রো।” পেইন্টারকে পথ দেখিয়ে ভাইস অ্যাডমিরাল টনি রেক্টরের অফিসের সামনে নিয়ে এল পাথরমুখো। ভেতরে ঢোকার অনুমতি চেয়ে বাইরে দাঁড়াল দুইজনে।

পেইন্টার জয়েন করার পর থেকেই ভাইস অ্যাডমিরাল টনি রেক্টরকে ডারপার প্রধান হিসেবে দেখে আসছে। এর আগে তিনি অফিস অফ ইনফরমেশন অ্যাওয়ারনেস, যেটা কিনা ডারপার তথ্য সংগ্রাহক উইং, তার প্রধান ছিলেন। ১১ই সেপ্টেম্বরের পর অ্যাডমিরালের দক্ষ হাতে জড়ো করা তথ্যবলী, অভিজ্ঞতা আর প্রশাসক হিসেব অসাধারণ সুনামের জোরে তিনি ডারপার ডিরেক্টর হতে পেরেছেন।

দরজা খুলে গেলে পাথরমুখোর ইঙ্গিতে ভেতরে ঢুকল পেইন্টার। কিন্তু পাথরমুখো বাইরেই দাড়িয়ে রইল। আবার বন্ধ হয়ে গেল দরজা।

কালো মেহগনি কাঠের প্যানেল দিয়ে সাজানো ঘরটিতে তামাকের হালকা গন্ধ ভাসছে। ঠিক মাঝখানে শোভা পাচ্ছে মেহগনির-ই একটা ডেক্স। টনি “দ্য টাইগার” রেক্টর বসে ছিলেন ডেক্সের পেছনে। পেইন্টারকে দেখে হাত বাড়ালেন। বিশালাকার মানুষ তিনি, কিন্তু মেদ নেই একবিন্দু। ষাট বছর বয়সেও শক্ত পোক্ত শরীর।

“বসে পড়ো। ড. ম্যাক নাইটকে আসতে বলেছি, শীঘ্রই এসে পড়বেন।”

ড. শেন ম্যাক নাইট সিগমার প্রতিষ্ঠাতা এবং বর্তমান ডিরেক্টর। পেইন্টারের সরাসরি বস তিনি। আগে নেভী সিল ছিলেন, ফিজিক্স আর ইনফরমেশন টেকনোলজী-দুই বিষয়ে পিএইচডি করা। ড. ম্যাক নাইটকে ডাকা মানে, পরিস্থিতি আসলেই গুরুতর।

“আমি কি জানতে পারি, কেন আমাকে ডাকা হয়েছে স্যার?”

চেয়ারে আরাম করে বসলেন অ্যাডমিরাল, “কানেক্টিকাটের ঝামেলার কথা শুনেছি।” পেইন্টারের প্রশ্নের উত্তর না দিয়ে, প্রসঙ্গ ঘুরিয়ে ফেললেন তিনি, “ঝ্যাং এর কম্পিউটার নিয়ে কাজ চলছে। আশা করি তথ্য গুলো উদ্ধার করা যাবে।”

“পাসওয়ার্ডটা উদ্ধার করতে না পারার জন্য আমরা-আমি দুঃখিত।”

শ্রাগ করলেন অ্যাডমিরাল, “চাইনিজদের হাতে তো পড়েনি। আর তোমাকে যে সব সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তাতে রেজাল্ট মেনে নিতে আমার আপত্তি নেই।”

ক্যাসান্দ্রার কথা জানতে চাইল পেইন্টারের মন। কিন্তু নিজেকে বাঁধা দিল সে। এতক্ষণে নিশ্চয় ক্যাসান্দ্রাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়ে গিয়েছে। এরপর কে জানে কোথায় পাঠানো হবে ওকে!

“আর তোমার প্রশ্নের জবাবে বলতে হয়, অ্যাডমিরাল বললেন, “ডিফেন্স সায়েন্সের ওরা আমাদেরকে কিছু তথ্য জানিয়েছে। গতরাতে ব্রিটিশ মিউজিয়ামে একটা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।” নড করলো পেইন্টার। আসার সময় সিএনএন-এ শুনেহে, “বজ্রপাত।”

“রিপোর্টে তাই উল্লেখ করতে বলা হয়েছে।”

অ্যাডমিরালের কথা শুনে পিঠ খাড়া করে বসল পেইন্টার। কিন্তু কোন কিছু জিজ্ঞাসা করার পূর্বেই দরজা খুলে দমকা হাওয়ার মত ভেতরে ঢুকলেন ড. শেন ম্যাক নাইট। চেহারা লাল হয়ে আছে, ঘামে ভিজে গিয়েছে । যেন দৌড়ে এসেছেন তিনি।

“আমরা নিশ্চিত হতে পেরেছি।” অ্যাডমিরালকে উদ্দেশ্য করে তিনি বললেন।

নড করলেন অ্যাডমিরাল রেক্টর, “বসুন ডক্টর। আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে।” | বাইশ বছর হলো ডারপার হয়ে কাজ করছেন ম্যাক নাইট। স্পেশাল প্রজেক্টস অফিসের ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন কিছুদিন।

“সিগমা” তার একটা স্পেশাল প্রজেক্ট। এমন একদল অপারেটিভ নিয়ে একটা বিশেষ দল গড়তে চেয়েছেন, যে দলে আছে বুদ্ধি আর শক্তির দারুণ মিশেল।

পেইন্টার তার প্রথম দিককার রিক্রুটদের একজন, ওকে নিজেই ট্রেনিং দিয়েছিলেন। ইরাকে থাকার সময় পা ভেঙে গিয়েছিল পেইন্টারের। সুস্থ হয়ে উঠবার সময়টাতে ওকে প্রস্তুত করেছেন ম্যাক নাইট। পেইন্টার সম্ভবত এই দুনিয়ার আর কাউকে তার সমকক্ষ বলে মনে করেনা। কিন্তু এখন তাকে দেখে মনে হচ্ছে, ভয় পেয়েছেন সিগমা নেতা… কোথাও কোনও গোলমাল আছে।

অ্যাডমিরাল রেক্টর ডেস্কের প্লাজমা মনিটরটা পেইন্টারের দিকে ঘোরালেন, “কিছু। বলার আগে আমি চাই তুমি এই ফুটেজটা দেখে নাও।”

সামনে ঝুঁকে এল পেইন্টার, আশা করছে ভিডিও দেখে কিছু উত্তর পাবে। সাদা কালো ভিডিওটার দিকে মনোযোগ দিয়ে তাকাল সে।

“এটা ব্রিটিশ মিউজিয়ামের সার্ভেইল্যান্স ফুটেজ।” | পুরোটা দেখতে বেশি সময় লাগল না। বিস্ফোরণ শেষ হলে, বন্ধ হয়ে গেল ভিডিওটাও। চেয়ারে হেলান দিয়ে বসল পেইন্টার। টের পেল, উর্ধ্বতন দুজনই ওর দিকে তাকিয়ে আছেন।

“ঐ আলোর গোলকটা সম্ভবত বল লাইটনিং।” বলল সে।

“ঠিক ধরেছ।” ওকে নিশ্চিত করলেন অ্যাডমিরাল রেক্টর, “কিন্তু কথা হলো আগে কখনও বল লাইটনিং-কে ভিডিওতে ধরা সম্ভব হয়নি।”

“এতটা ভয়াবহ কোন বল লাইটনিং এর কথাও শোনা যায়নি। যোগ করলে ড. ম্যাক নাইট। | ট্রেইনিং এর সময় শোনা এক লেকচারের কথা মনে পড়ে গেল পেইন্টারের। গ্রীক সভ্যতায় বল লাইটনিং এর কথা লেখা আছে। কিন্তু জিনিসটা আসলে কী, তার ব্যাখ্যা কেউ পুরোপুরি দিতে পারেননি।

“তাহলে ব্রিটিশ মিউজিয়ামের বিস্ফোরণটার কারণ কী?” জানতে চাইল সে।

“এই যে, এটা।” ড্রয়ার থেকে একটা বস্তু বের করে ডেস্কের উপর রাখলেন তিনি। দেখতে একটা কালো হয়ে যাওয়া পাথরের মত, আকারে সফটবলের সমান। “আজকে সকালে এসে পৌঁছেছে।”

“কী এটা?”

ইঙ্গিতে বস্তুটাকে তুলে নিতে বললেন অ্যাডমিরাল। বেশ ভারী মনে হলো জিনিসটাকে। পাথরের টুকরার এত ভারী হবার কথা না। ঘনত্ব দেখে মনে হচ্ছে, সীসা হতে পারে।

“মেটিওরিক আয়রন (উল্কাপিন্ড থেকে পাওয়া লোহা)।” ব্যাখ্যা করলেন ড. ম্যাক নাইট। “তোমার হাতের স্যাম্পলটা একটু আগে যে আর্টিফ্যাক্টের বিস্ফোরণ দেখলে, সেখান থেকে পাওয়া।”

পেইন্টার বস্তুটাকে ডেক্সের উপর রেখে দিল, “আমি বুঝতে পারছি না। আপনি কি বলতে চাচ্ছেন যে বল লাইটনিং না, এই উল্কাপিন্ড বিস্ফোরণের কারণ?”

“হ্যা এবং না।” দ্ব্যর্থবোধক উত্তর দিলেন ম্যাক নাইট। “রাশিয়ার তানগুসকা বিস্ফোরণ সম্পর্কে কিছু জানোনা?” রেক্টর জানতে চাইলেন।

“বেশি কিছু না। যত দূর মনে পড়ে ১৯০৮ সালে ওখানে উল্কাপিন্ড পড়েছিল। বিশাল এক বিস্ফোরণ ঘটেছিল তখন।”

রেক্টর হেলান দিলেন, “বিশাল শব্দটা আসলে ঘটনার ভয়বহতা বোঝাতে ব্যর্থ। প্রায় চল্লিশ মাইল ব্যসার্ধ জুড়ে অবস্থিত জঙ্গল যেন উপড়ে ফেলেছিল বিস্ফোরণটা, তীব্রতায় দুহাজার পারমাণবিক বোমার সমান! শক ওয়েভে চারশ মাইল দূরের ঘোড়াও হোঁচট খেয়েছিল।” | “শুধু তাই না, আরও কিছু কিছু ব্যাপারে প্রভাব ফেলেছিল বিস্ফোরণটা।”

ম্যাক নাইট বললো “ছয়শ মাইল লম্বা চৌম্বকীয় ঝড় সৃষ্টি হয়েছিল। বিস্ফোরণের পর বহুদিন পর্যন্ত রাতের আকাশ এতটা উজ্জ্বল হয়েছিল যে চাইলে খবরের কাগজ পড়া যেত। যে ইএম পালস তৈরি হয়েছিল, তার প্রভাব ছিল অর্ধ পৃথিবী জুড়ে।

“ক্রাইষ্ট।” ফিসফিস করে বলল পেইন্টার।

“শত শত মাইল দূর থেকে বিস্ফোরণ দেখা লোকদের মতে, হঠাৎ করে উজ্জ্বল এক আলো চিরে দিয়েছিল রাতের আকাশ। তীব্রতায় সূর্যের চেয়ে কোন অংশে কম হবে না। পিছু পিছু লেজ হিসেবে ছিল রঙধনু রঙের আলো।”

“উল্কাপিন্ড।” বলল পেইন্টার।

অ্যাডমিরাল রেক্টর মাথা নাড়লেন, “সেটা একটা থিওরি। কিন্তু তাতেও অনেক সমস্যা আছে। প্রথমত, এমন কোনও ধ্বংসাবশেষ পাওয়া যায়নি যেটা উল্কাপিন্ড এর দিকে ইঙ্গিত করে।

“কোন ক্রেটারও (গর্ত তৈরি হয়নি)।” ম্যাক নাইট নড করলেন, “চল্লিশ মেগাটন শক্তির বিস্ফোরণ ছিল ওটা। এর আগে অন্য কোন উল্কাপিন্ড এত শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে পারেনি। প্রায় পঞ্চাশ হাজার বছর আগে অ্যারিজোনায় একটা উল্কাপিন্ড আঘাত হেনেছিল। কিন্তু তার ক্ষমতা ছিল মাত্র তিন মেগাটন। বিশাল এক গর্ত তৈরি হয়েছিল ওখানে। এক মাইল চওড়া আর পাঁচশ ফুট গভীর! তাহলে তানগুসকায় হলো না কেন?”

পেইন্টারের কাছে এই প্রশ্নের কোন জবাব নেই…ঠিক এই মুহূর্তে ওর মনে যে প্রশ্ন উঁকি দিচ্ছে তার-ও নেই। এর সাথে ব্রিটিশ মিউজিয়ামের এই ঘটনার কী সম্পর্ক?

“বিস্ফোরণের পর, ঐ এলাকার জীব বৈচিত্রের মাঝে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়ঃ কিছু কিছু ফার্ণের মাঝে দেখা গিয়েছিল অস্বাভাবিক গতিতে বেড়ে ওঠা, মিউটেশনের গতিও বেড়ে গিয়েছিল। এমনকি গাছ আর পিপড়ার মাঝে দেখা গিয়েছিল অস্বাভাবিক বৈশিষ্ট্য। মানুষও পুরোপুরি প্রভাব এড়াতে পারনি। স্থানীয় ইভেঙ্ক গোত্রের রক্তে অস্বাভাবিকতা দেখা যায়। মনে করা হয়, এটা তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব।”

পেইন্টার মনের মাঝে গেঁথে নেয়ার চেষ্টা করল তথ্যগুলো, “এসবের জন্য কী দায়ী?”

উত্তর দিলেন এ্যাডমিরাল রেক্টর, “খুব ছোট একটা জিনিস। মাত্র সাত পাউন্ড হবে ওজনে।”

পেইন্টার আঁতকে উঠল, “যা বোঝাতে চাইছেন, তা অসম্ভব-”

শ্রাগ করলেন অ্যাডমিরাল, “কোন সাধারণ পদার্থ না…” ! নিস্তব্ধতা যেন পেয়ে বসল সবাইকে।

বেশ কিছুক্ষণ পর ড. ম্যাক নাইট ভাঙলেন সেই নিরবতা, ১৯৯৫ সালের রিসার্চ বলছে, তানগুসকায় আঘাত হানা বস্তুটা উল্কাপিন্ডই ছিল-কিন্তু তৈরি হয়েছিল অ্যান্টি ম্যাটার (প্রতি পদার্থ) দিয়ে।”

চোখ বড় বড় হয়ে এল পেইন্টারের, “প্রতি পদার্থ!”

এই মিটিং এ ওকে কেন ডাকা হয়েছে, তা পরিষ্কার হয়ে গেল। অধিকাংশ লোক মনে করে, প্রতি পদার্থ কল্পবিজ্ঞানের বিষয়। কিন্তু আসলে তা নয়। এই ৯ দশকেই প্রতি পদার্থ বানাতে সক্ষম হয় মানুষ। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত সার্ন ল্যাবরেটরিজের নেতৃত্বে সম্ভব হয়েছে এই অসাধ্য সাধন। তবে পরিমানে অত্যন্ত কম। সার্নের এক বছরের উৎপাদিত প্রতি পদার্থ দিয়ে একটা বাল্ব কয়েক সেকেন্ডের বেশি জ্বালানো সম্ভব না।

কিন্তু তাও, প্রতি পদার্থ বিজ্ঞানীদের খুব পছন্দের একটা বিষয়। মাত্র এক গ্রাম প্রতি পদার্থ একটা পারমাণবিক বোমার সমান বিস্ফোরণ ঘটাতে সম্ভব। তবে, তার জন্য দরকার প্রথমে প্রতি পদার্থের কোন স্থিতিশীল উৎস আবিষ্কার করা। সেটাও অসম্ভব। কেননা পদার্থের সংস্পর্শে আসা মাত্রই প্রতি পদার্থ বিক্রিয়া করে ধ্বংস। হয়ে যায়।

দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করল সে, “তাহলে কি ব্রিটিশ মিউজিয়ামের বিস্ফোরণটাও…?”

“ধ্বংস প্রাপ্ত গ্যালারিতে অনুসন্ধান চালিয়েছি আমরা।” ম্যাক নাইট বলল, “ধাতু বা কাঠ, কোনটাই বাদ দেইনি।”

পেইন্টারের মনে পড়ে গেল, রুমে ঢোকা মাত্রই ওর বস বলেছিলেন-আমরা নিশ্চিত হতে পেরেছি।

“ওগুলোর বিকিরণের বৈশিষ্ট্য তানগুসকায় পাওয়া বিকিরণের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়।” বললেন ম্যাক নাইট।

“তাহলে কি বলতে চাচ্ছেন যে, ব্রিটিশ মিউজিয়ামের বিস্ফোরণের কারণ পদার্থ আর প্রতি পদার্থের সংঘর্ষ?”

অ্যাডমিরাল রেক্টর হাতে তুলে নিলেন কালো বস্তুটা, “অবশ্যই না। এটা সাধারণ লোহা। এরচেয়ে বেশি কিছু না।”

“আমি কিছু বুঝতে পারছি না।”

এবার কথা বললেন ম্যাক নাইট, “এই বৈশিষ্ট্যের মিলটা হেসে উড়িয়ে দেয়া যাচ্ছে না। একদম এক, কাকতালীয় হতেই পারে না। তাই একমাত্র ব্যাখ্যা হতে পারে যে-কোন না কোনভাবে এই উল্কাপিন্ডের মাঝে প্রতি পদার্থ স্থিতিশীলভাবে জমা ছিল! বল লাইটনিং এর সংস্পর্শে এসে তা অস্থিতিশীল হয়ে পড়ে। ভেতরে যতটুকু প্রতি পদার্থ ছিল, সব ধ্বংস হয়ে যায়।”

“শুধু তার ধারক এই টুকরাটাকে রেখে যায়।” লোহার বস্তুটাকে দেখালেন অ্যাডমিরাল। কিছুক্ষণ চুপ করে রইল সবাই।

নিরবতা ভেঙে এ্যাডমিরাল রেক্টর বললেন, “আমাদের ধারণা যদি সঠিক হয়, তাহলে অবস্থা কী দাঁড়াবে তা বুঝতে পেরেছ? প্রায় অসীম শক্তির এক আধার নিয়ে কথা বলছি আমরা। ভুল কারও হাতে এর একটা অংশও পড়তে দেয়া যাবে না।”

নড করল পেইন্টার, “তাহলে এখন আমাদের করণীয় কী?”

বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলেন অ্যাডমিরাল রেক্টর, “প্রথমত, এই কথা যেন বাইরে না ছড়ায়, সে ব্যবস্থা করতে হবে।”

ম্যাক নাইট তার সাথে যোগ করলেন, “কমান্ডার, আমরা চাই তুমি একটা ছোট দল নিয়ে মিউজিয়ামে চলে যাও। কাভার হিসেবে বলা হবে, তুমি বজ্রপাতের ব্যাপারে বিশেষজ্ঞ এক আমেরিকান বৈজ্ঞানিক। তোমার উদ্দেশ্য হলো, ওখানে নতুন কোন তথ্য আবিষ্কৃত হলো কিনা, সেদিকে লক্ষ রাখা। আমরা এদিকে আমাদের গবেষণা অব্যাহত রাখব। যদি লন্ডনে কোন বাড়তি অনুসন্ধানের প্রয়োজন পড়ে, তাহলে আমরা তোমাদেরকে ব্যবহার করব।”

“ইয়েস স্যার।”

“আরেকটা ব্যাপার এই ব্যাপারটা নিয়ে কিন্তু একমাত্র তোমার টীমই কাজ করছে না।”

“মানে?”

“ডিরেক্টর লন্ডনে অনুসন্ধানের জন্য যে দুজনের দল পাঠিয়েছিলেন, চার ঘণ্টা আগে তাঁদেরকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। দুজনেই মৃত। ওদের ঘর তছনছ করে ফেলা হয়েছে। বেশ কিছু জিনিস চুরিও হয়েছে। ওখানকার পুলিশ ঘটনাটাকে ডাকাতি হিসেবে দেখছে।”

অ্যাডমিরাল রেক্টর ডেস্কের পেছন থেকে বললেন, “আমার কখনওই কাকতালীয় কোন ব্যাপারে বিশ্বাস ছিল না, এখনও নেই।”

ম্যাক নাইট নড করলেন, “আমরা জানি না, খুনী আমাদের মতই প্রতি পদার্থের ব্যাপারটা জানে কিনা। কিন্তু আমরা চাই, তোমার টীম তা ধরে নিয়েই কাজ করুক।” নড করল পেইন্টার।

“এর মাঝে,” অ্যাডমিরাল বললেন, “দোয়া কর যেন তোমার পৌঁছুতে পৌঁছুতে ওরা যেন গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার না করে বসে।”

০৯:৪৮ পি.এম. জি.এম.টি.

লন্ডন, ইংল্যান্ড

“তোমার উচিত হৃদপিন্ডটাকে বের করে ফেলা।” সাফিয়া মাপ নিচ্ছিল, কারার কথা শুনে মুখ তুলে তাকাল। এই মুহূর্তে কেবল কারা, ক্লে আর ও ঘরটাতে আছে। এডগার আর ইন্সপেক্টর বিশ মিনিট আগেই বিদায় নিয়েছেন।

সাফিয়া আবার নিজের কাজে মন দিল, “তা তো একসময় না একসময় বের করতেই হবে।”

“না, আজকেই করতে হবে।” বান্ধবীর দিকে তাকাল সে। কারার চেহারা হ্যালোজেনের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে। নেশাগ্রস্ত অবস্থায় আছে ওর বন্ধু। অ্যাম্ফিটামিন নিশ্চয়!

“এত ব্যস্ততা কিসের?” ক্লে আছে বলে, কারাকে ঘাঁটাতে চাইল না সে।

“ইন্সপেক্টর আসার আগে আমি একটা জিনিস দেখতে পেয়েছি।” নিচু গলায় উত্তর দিল কারা, “তুমি যে কেন এখনও দেখতে পাওনি, তাই ভেবে আশ্চর্য হচ্ছি।”

“কী?”

সামনে ঝুঁকে এসে হৃদপিন্ডটার উন্মুক্ত একটা অংশে হাত রাখল কারা। ঠিক করে বলতে গেলে বলতে হয়, ডান নিলয়ে। “এই উঁচু জায়গাটা দেখ।”

“হৃদপিন্ডের কোন একটা ধমনী বা শিরা হবে।”

অসাধারণ শৈল্পিক দক্ষতার প্রমাণটার দিকে তাকিয়ে বলল সাফিয়া। “তাই কি?”

এবার আঙুল দিয়ে দেখাল কারা। “উপরের অংশটা দেখ। একদম সোজা। এরপর নব্বই ডিগ্রী কোণে দুই দিক দিয়েই নিচে নেমে গিয়েছে।” দাগ বরাবর আঙুল চালিয়ে গেল সে।

আবার বলল, “এই হৃদপিন্ডের সবকিছু একদম আসলের অনুকরণে সাজানো। এমনকি দ্য ভিঞ্চিও এতটা নিখুঁতভাবে বর্ণনা দিতে পারতেন কিনা তা নিয়ে সন্দেহ আছে।” সাফিয়ার দিকে ফিরল সে, “কিন্তু প্রকৃতি নিখুঁত নব্বই ডিগ্রী কোণে কাজ করে না।”

সাফিয়াও সামনে ঝুঁকে এল, আঙুল বোলালো কারার দেখাদেখি। চেহারার সন্দেহ বিস্ময়ে রূপ নিতে বেশিক্ষণ লাগল না। “হঠাৎ.. হঠাৎ করেই শেষ হয়ে গিয়েছে!”

“এটা আসলে একটা চিহ্ন।” কারা যেন ঘোষণা করল। “দক্ষিণ আরবের লেখার মত। এর উচ্চারণ হলো B.” একমত হলো সাফিয়া, এই ভাষার চিহ্নগুলো হিব্রু বা অ্যারামিকের চাইতেও প্রাচীন।

“হৃদপিন্ডের উপরের চেম্বারটা দেখ।”

“ওটাকে ডান অলিন্দ বলে।” মাঝখান থেকে বলে উঠল ক্লে। একসাথে ওর দিকে তাকাল দুই মেয়ে।

“মেডিক্যাল স্কুলে ভর্তি হয়েছিলাম। কিন্তু পরে বুঝতে পেরেছি যে রক্তের একটা বাজে প্রভাব রয়েছে আমার উপর, গা গুলিয়ে ওঠে।”

কারা আবার হৃদপিন্ডের দিকে মনোযোগ দিল, “ঐ অলিন্দের অনেকটা অংশ এখনও বের হয়নি। আমার তো মনে হয়, ওখানেও একটা চিহ্ন খুঁজে পাওয়া যাবে।”

“সাবধানে কাজ করতে হবে।” বলেই কাজে লেগে পড়ল সে। বেশিক্ষণ লাগল না ডান অলিন্দকে উন্মুক্ত করতে।

এবারের চিহ্নটা এতই অদ্ভুত আকৃতির যে তার প্রাকৃতিক হবার কোন সম্ভাবনাই নেই।

“এই শব্দের মানে কী?” জানতে চাইলে ক্লে।

“ইংরেজীতে সরাসরি উচ্চারণ করে এই চিহ্নকে বোঝানো যাবে, এমন শব্দ নেই।” উত্তর দিল সাফিয়া, “অনেকটা wa এর মত। উচ্চারণ করতে হয় U বা W-A-এভাবে।”

কারা সাফিয়ার চোখে চোখ রাখল, “আরো শব্দ থাকতে পারে। তাই আমাদের হৃদপিন্ডটাকে বের করে আনা দরকার।”

সাফিয়াও একমত ওর সাথে । তবে হৃদপিন্ডের বাকি অংশটা শক্ত করে বেলে পাথরের সাথে লেগে আছে। তাই পুরোপুরি ছাড়াতে অনেকক্ষণ সময় লেগে গেল । কিন্তু শেষ পর্যন্ত সফল হলো সাফিয়া। সাকশন ক্ল্যাপ ব্যবহার করে হৃদপিন্ডটাকে মূর্তির ভেতর থেকে বের করে আনল। সুরক্ষার জন্য সেটাকে হরিণের চামড়ার উপর রাখল সে। এরপর খুলে ফেলল সাকশন ক্ল্যাম্প। একদিকে কাত হয়ে গেল হৃদপিন্ডটা। সাথে সাথে হালকা একটা আওয়াজ হলো। | সাফিয়া উপস্থিত দুইজনের দিকে তাকাল। শব্দটা এতই হালকা ছিল যে, আসলেই হয়েছে কিনা বুঝতে পারছে না। ‘

“আগেই বলেছিলাম, জিনিসটা আমার কাছে ফাঁপা মনে হয়েছে।” বলল ক্লে।

হাত বাড়িয়ে হৃদপিন্ডটাকে স্পর্শ করল সাফিয়া। “ভেতরে কোন এক ধরনের তরল আছে বলে মনে হচ্ছে।”

ক্লে এক পা পিছিয়ে গেল, “রক্ত না হলেই বাঁচি।”

“খুব ভালোভাবেই সীল করা আছে হৃদপিন্ডটা, ভেতরের জিনিস বের হবে না। ওকে সান্ত্বনা দিল সাফিয়া। “আমি তো খোলার মত কোন উপায়ও দেখতে পাচ্ছিনা।”

“কোন বর্ন বা চিহ্ন দেখতে পাচ্ছ?” জানতে চাইল কারা। সাফিয়া ওর সাথে যোগ দিল। দুইজনে মিলে খুঁজতে লাগল চিহ্ন। প্রথম কাজ হলো হৃদপিন্ডের অন্য দুই চেম্বার খুঁজে বের করা। বেশি সময় লাগল না এতে। সাফিয়া বাম নিলয়ে আঙুল বুলাল। একেবারে মসৃণ।

“কিছু নেই।” অবাক কারা বলে উঠল, “হয়তো ক্ষয়ে গিয়েছে।”

খুব সাবধানের সাথে পরীক্ষা করে দেখল সাফিয়া, “মনে হয় না একেবারেই মসৃণ।”

“বাম অলিন্দটা পরীক্ষা করে দেখ।” পরামর্শ দিল ক্লে। নড করে সায় জানাল মেয়েটা। হৃদপিন্ডটাকে ওল্টাতেই নজরে পড়ল চিহ্নটা।

“এটার উচ্চারণ হল-R” বলল কারা। ফিসফিসিয়ে বলা শব্দগুলো শুনে ওকে ভীত মনে হচ্ছে। ধপ করে বসে পড়ল একটা চেয়ারে। কিন্তু…না…এ তো অসম্ভব।”

ভ্রু কুঁচকালো ক্লে, “আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রথমে B, এরপর WA or U এবং সবশেষে R. অর্থ কি?”

“এই বর্ণগুলো তো তোমার চেনা উচিত মি. বিশপ।” বলল সাফিয়া, “হয়তো সাজিয়ে গুছিয়ে দিলে সহজে চিনতে পারবে।” বলে পেন্সিল হাতে নিল সে, নতুন করে সাজালো চিহ্নগুলোকে।

মুখ কুঁচকে ক্লে বলল, “এটাও তো হিব্রু আর আরবীর মত ডান থেকে বামে পড়তে হবে তাই না? তাহলে হলো WABR…UBR কিন্তু এই ভাষায় আবার স্বরবর্ণ অনুহ্য থাকে।” চোখ বড় বড় হয়ে গেল যুবকের, “আরবের হারানো শহর! মরুভূমির আটলান্টিস! U-B-A-R (উবার)।”

কারা মাথা নাড়ল, “উবার আর উবার! প্রথমে শহরটার নিরাপত্তা দেবার কথা এমন একটা উল্কাপিন্ডের টুকরা বিস্ফোরিত হলো। আর এখন এক অদ্ভুত ব্রোঞ্জের হৃদপিন্ডে সেই নামটাই আমরা পেলাম!”

“যদি আসলেই এটা ব্রোঞ্জের তৈরি হয় তো।” হৃদপিন্ডটার দিকে ঝুঁকে বলল সাফিয়া।

ওর কথা শুনে নিজেকে সামলে নিল কারা, “কি বলতে চাচ্ছ?”

“মনে হয় না ব্রোঞ্জের। অনেক বেশি ভারি। পরিষ্কার করে দেখলাম, মূল ধাতুটা একটু বেশিই লাল।”

দাঁড়িয়ে পড়ল কারা, “তোমার ধারণা, ঐ উল্কাপিন্ডের টুকরাটার মত-ই, এই হৃদপিন্ডটাও লোহার তৈরি?”

“সম্ভবত একই ধরনের লোহার তৈরি। নিশ্চিত হতে হলে আমার আরো পরীক্ষা করে দেখতে হবে, কিন্তু ব্যাপারটা বড় অদ্ভুত। যে সময় এই মূর্তিটা বানানো হয়েছিল, সে সময় তো আরবের লোকেরা লোহা গলানো আর এমন দক্ষতার সাথে কিছু বানানো শেখেইনি। অনেকগুলো রহস্যময় ব্যাপার দেখতে পাচ্ছি এখানে!”

“ঠিক বলেছ।” উত্তেজিত কারা বলল, “ওই দুই পয়সার ট্রেডিং পোস্টটা আসল উবার না। আসল উবার এখনও আবিষ্কৃতই হয়নি।”

“কিন্তু এখন তাহলে কী করতে চাও?” ক্লে হৃদপিন্ডটাকে পরীক্ষা করে দেখছিল, “বাম নিলয়ে কিছু নেই কেন?”

“উবার লিখতে যে তিনটা শব্দ লাগে, হয়তো তাই।” বলল সাফিয়া।

“তাহলে কেন একটা চার চেম্বারের হৃদপিন্ডে নামটা লিখতে হল? তাও আবার রক্ত এর ভেতরে যেভাবে প্রবাহিত হয়, সেই ধাপগুলো অনুসরণ করে?”

সাফিয়া ঘুরে দাঁড়াল, “ব্যাখ্যা করে বোঝাও।”

“রক্ত প্রথমে প্রবেশ করে ডান অলিন্দে। ওখানে আমরা পেলাম-U. এরপর আসে ডান নিলয়ে। ওখানে পেলাম-B. সেখান থেকে যায় বাম অলিন্দে, R এই হলো উবার। কিন্তু এখানে থেমে যাওয়া কেন?”

“ঠিক, কেন?” সোফিয়া ক্লে-এর কথার পুনরাবৃত্তি করল। যেভাবে নামটা লেখা হচ্ছে, তাতে মনে হচ্ছে তা একটা কিছুর দিকে প্রবাহিত হওয়া নির্দেশ করছে। হঠাৎ একটা বুদ্ধি এল মাথায়। “হৃদপিন্ড থেকে বের হয়ে রক্ত কোথায় যায়?”

ক্লে একদম উপরের দিকে নির্দেশ করল, “এই আওয়ার্টা (বড় আকারের ধমনী) দিয়ে মস্তিষ্ক আর সমগ্র দেহে ছড়িয়ে পড়ে।”

ক্লে-এর নির্দেশ মত জায়গায় নজর দিল সাফিয়া। উঁকি দিলে আওয়ার্টার ভেতরে। এক টুকরা বেলে পাথর আটকে আছে ওখানে। হৃদপিন্ডের চেম্বারগুলো পরিষ্কার করতে গিয়ে ব্যস্ত হয়ে পড়ায়, ওদিকে নজরই দেয়নি সে।

“কী ভাবছ?” জানতে চাইল কারা।

“চিহ্নগুলো স্থাপন করার স্টাইল দেখে মনে হচ্ছিল, ওগুলো কোন এক বিশেষ দিকে ইঙ্গিত করছে।” হৃদপিন্ডটাকে টেবিলে রেখে মনোযোগ দিল বেলে পাথরের টুকরাটা সরাবার কাজে। ছোট টুকরা, বেশি সময় লাগল না। কিন্তু ভেতরের বস্তুটা দেখতে পেয়ে বসে পড়ল সে।

“কী হলো? ভেতরে কী?” জানতে চাইল ক্লে।

“প্রাচীন আরবের লোকেরা যেটাকে রক্তের চেয়ে বেশি দামি মনে করত।” ছোট একটা চিমটা ব্যবহার করে সে বের করে আনল এক টুকরা শুকনো ধুপ। জিনিসটার সুগন্ধ টের পেল সে।

“ধুনো (ফ্রাঙ্কেনসেন্স)।” বলল কারা, “কিন্তু এর অর্থ কী?”

“একটা প্রতীকী ম্যাসেজ।” সাফিয়া উত্তর দিল, “এর অর্থ-যেভাবে রক্ত প্রবাহিত হয়, সেভাবেই প্রবাহিত হয় উবারের সম্পদ।

বান্ধবীর দিকে ফিরে তাকাল, এই ক্লুটা নিশ্চয় উবারকে নির্দেশ করে উবারে প্রবেশের পথে পরবর্তী পদক্ষেপকে ?”

“কিন্তু নির্দেশটা করছে কোন দিকে?” কারা জিজ্ঞাসা করল।

সাফিয়া মাথা নাড়ল, “তা জানি না। কিন্তু সালালাহ হলো বিখ্যাত সুগন্ধী রাস্তা বা দ্য ইনসেন্স রোডের শুরু। তাছাড়া নবী ইমরানের সমাধিও ওখানে।”

“তাহলে ওখান থেকেই আমাদের খোঁজ শুরু করতে হবে।” সোজা হয়ে বলল কারা।

“খোঁজ?”

“এক সপ্তাহের মাঝে একটা অভিযানের ব্যবস্থা করে ফেলতে হবে আমাদের। আমার ওমানের লোকজন সব ব্যবস্থা করে ফেলতে পারবে। দলে নেব শুধু যোগ্য ব্যক্তিদের। প্রথমেই আসে তোমার নাম। এছাড়া তুমি যাদের যাদেরকে যোগ্য মনে কর, তারাও আসছে।”

“আমি?” জিজ্ঞাসা করল সাফিয়া, হৃদস্পন্দন যেন বেড়ে গিয়েছে। “আমি…আমাকে দিয়ে…বহু বছর হলো আমি ফিল্ডে কাজ করিনা।”

“তুমি আসছ।” শক্ত গলায় বলল কারা, “এইসব হলের ভেতরে নিজেকে লুকিয়ে রাখার পালা শেষ।”

“আমি এখান থেকেই সাহায্য করতে পারি। ফিল্ডে যাবার প্রয়োজন নেই।”

কারা ওর চোখের দিকে তাকাল। কর্কশ, প্রায় শোনা যায় না এমন আওয়াজে বলল, “সাফিয়া, আমি তোমার সাহায্য চাই। যদি আসলেই কিছু পাওয়া যায়…কোন তথ্য…” মাথা নাড়ল সে, “আমি একা থাকলে সহ্য করতে পারব না।”

সাফিয়া ঢোক গিলল। বান্ধবীকে কিভাবে না করতে পারে? কারার চোখের তারায় যে পরিষ্কার ভয় আর আশা দেখা যাচ্ছে! কিন্তু ওর মাথার মাঝে খেলে গেল পুরাতন কিছু চিৎকার। সাফিয়ার হাত যে বাচ্চাদের রক্তে মাখা, “আমি… আমি পারবনা…”

ওর চেহারায় নিশ্চয় কিছু একটা পরিষ্কার হয়ে ফুটে উঠেছিল কেননা কারা ওর দিকে তাকিয়ে মাথা নাড়ল, “ঠিক আছে আমি বুঝতে পেরেছি। তবে তুমি না গেলে আমাদের একজন না একজন দক্ষ ফিল্ড আর্কিওলজিস্ট নিতেই হবে।” হাসল সে। কারা কার কথা বলছে, তা পরিষ্কার বুঝতে পারল সাফিয়া। ওহ, না… কারাও যেন ওর ব্রিত অবস্থা টের পেয়েছে, “আমার মত তুমিও জানো যে, ওদিকে ওর মত দক্ষ আর্কিওলজিষ্ট আর কেউ নেই।” পার্স খুঁজে সেলফোনটা বের করে নিল হাতে, “সফল হতে চাইলে, আমাদের ইন্ডিয়ানা জোনসকে লাগবেই লাগবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *