হোয়াইট ওয়াটার
নভেম্বর ১৫, ০৭:০২ এ.এম.
ইয়াংগেটজি নদী, চীন।
“আমার নাম ইন্ডিয়ানা জোনস না!” চিৎকারটা বোটের ইঞ্জিনের আওয়াজকেও ছাপিয়ে দিল, “ওমাহা…ড. ওমাহা ডান! কারা, তুমি আমার নাম ভালোমতোই জানো।”
“ওমাহা? ইন্ডিয়ানা? নামে কী যায় আসে?” ওমাহার হাতে ধরা স্যাটেলাইট ফোন থেকে কারার দুষ্টুমি করে বলা কথাগুলো ভেসে এল। আঁকা বাঁকা কর্দমাক্ত নদীতে বোট চালাতে বেশ বেগ পেতে হচ্ছে ওমাহার। স্রোত আর পানিতে ডুবে থাকা পাথর অনেক বেশি বাড়িয়ে দিয়েছে বিপদের ঝুঁকি। কিন্তু ওমাহা কেবল স্রোত আর পাথরকেই ভয় পাচ্ছে না।
বোটের হালে এসে বিঁধল একটা বুলেট, ওয়ার্নিং শট হবে। একজোড়া কালো স্কিমিটার ১৭০ (এক ধরনের নৌকা) ওর পিছু ধেয়ে আসছে।
“কারা, কী চাও তাড়াতাড়ি বলো তো।” ওর বোটটা ফুলে ওঠা একটা পানির ঢেউয়ের সাথে বাড়ি খেয়ে বাতাসে ভাসল। নিজেও উঠে গেল সিট থেকে। পিছন থেকে ভেসে এল বিষ্ময় মাখানো কণ্ঠ। ওমাহা চিৎকার করে বলল, “কিছু একটা ধরে বস।” একটু আগে শোনা কণ্ঠটা বলে উঠল, “এতক্ষণে বলার সময় হলো!” পিছনে একবার তাকিয়ে ওমাহা নিশ্চিত হয়ে নিল যে ওর ছোট ভাই ড্যানি ঠিকই আছে। কালো অবয়ব দুটোও পরিষ্কার দেখতে পেল।
ওমাহা ফোনের রিসিভারে হাত চাপা দিয়ে ড্যানিকে বলল, “শটগানটা বের করো।”
খুঁজে বের করল ওর ভাই, “পেয়েছি।”
“গুলি?”
“ওহ হো, মনেই ছিল না।” বলে আবার খোঁজায় মন দিল ড্যানি। হতাশ ওমাহা মাথা নাড়ল। ওর ভাই, ড্যানি ডান, নামকরা একজন জিবাশ্মবিদ। মাত্র চব্বিশ বছর বয়সেই পিএইচডি করে ফেলেছে। কিন্তু মাঝে মাঝে এমন বোকার মত কাজ করে যে… ওমাহা ফোনের দিকে মনোযোগ দিল, “কারা। ব্যাপারটা কী?”
“আগে বল, কী নিয়ে এত ব্যস্ত তুমি?” উত্তর না দিয়ে জানতে চাইল মেয়েটা।
“তেমন কিছু না। যাই হোক, ফোন করেছ কেন?” বেশ কিছুক্ষণ চুপ করে রইল কারা। কারা নিজেই চুপ করে আছে, না চীন আর লন্ডনের দূরত্বের জন্য কিছু শুনতে পাচ্ছে না-তা জানে না ওমাহা। কিন্তু নিরবতাটুকু ওকে ভাবনার মাঝে হারিয়ে যাবার সুযোগ করে দিল। কারা কেনসিংটনকে দেখেনা তাও প্রায় চার বছর হতে চলেছে। সাফিয়া আল-মায়াজের সাথে ওর বাগদান ভেঙে দেবার পর আর দেখা হয় নি। ওমাহা জানে-কেমন আছো, কী করছ, এসব জানার জন্য ফোন দেবার পাত্রী কারা না। তাই সাফিয়াকে নিয়ে ভয় পেল সে। হয়তো…হয়তো…
কারা কথা বলল, “আমি ওমানে একটা অভিযান চালাবো বলে মনোস্থির করেছি। আমি চাই তুমি ফিল্ড টীমে থাক। আগ্রহী?”
আরেকটু হলেই ফোন রেখে দিত ওমাহা। বিজনেস কল, ভয় পাবার কোন কারণ নেই। “নাহ, ফোন দেবার জন্য ধন্যবাদ।”
“কিন্তু ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ…” মেয়েটার কণ্ঠে এমন কিছু একটা ছিল যে উপেক্ষা করতে পারল না সে।
“কবে?”
“এক সপ্তাহের মাঝে মাসকাটে এক হব আমরা। ফোনে সব কথা খুলে বলা সম্ভব না। তবে এতটুকু জেনে রাখ, খুব গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার হতে যাচ্ছে। এটা পুরো আরব উপদ্বীপের ইতিহাস নতুন করে লিখতে হতে পারে।”
ওমাহা উত্তর দেবার আগেই ড্যানি ওর পাশে এসে দাঁড়াল, “আমি দুটো ব্যারেল লোড করে ফেলেছি।” শটগানটা ওমাহার দিকে এগিয়ে দিল সে, “কিন্তু লবণের গুলি দিয়ে ঐ খুনিদের কিভাবে ভয় দেখাবে, তা বুঝতে পারছি না।”
“আমি দেখাবো না, তুমি দেখাবে।” ফোনের দিকে ইঙ্গিত করল করল সে, “হালের দিকে লক্ষ্যস্থির করে গুলি ছোঁড়। একটু দুশ্চিন্তায় ফেললেই হবে।” নড করে ঘুরে দাঁড়াল ড্যানি।
ফোনটা আবার কানের কাছে ধরল সে। শুনতে পেল, কারা কি যেন বলেই চলছে; “…হচ্ছে? এত হৈ চৈ কিসের?”
“চিন্তার কিছু নেই। নদীর ইঁদুরের সাথে”
শটগানের আওয়াজ ওকে থামিয়ে দিল।
“মিস করেছি।” ড্যানি গাল বকে উঠল।
“অভিযানে যাবে?” জানতে চাইল কারা।
ড্যানি অন্য ব্যারেলটাও খালি করল । “আবার গুলি ভরব নাকি?”
“হ্যা, গড ড্যামিট!”
“অসাধারণ,” কারা ভুল বুঝল। এক সপ্তাহ পর মাসকাটে দেখা হচ্ছে।” “দাঁড়াও, দাঁড়াও! আমি-” কিন্তু ততক্ষণে কেটে গিয়েছে স্যাটেলাইট ফোনের লাইন। রেগে গিয়ে নামিয়ে রাখল রিসিভার, কারা ভালো করেই জানে ওমাহা অভিযানে যাবার ব্যাপারে হাঁ বলেনি। কিন্তু সচরাচরের মতই, পরিস্থিতির সুবিধা নিয়েছে সে।
“এক চালকের মুখে লাগয়েছি!” উৎফুল্ল কিন্তু বিষ্মিত গলায় বলল ড্যানি, “ওর বোটটা তীরের দিকে যাচ্ছে। কিন্তু অন্যটার দিকে খেয়াল রেখ। ওটা ডানদিক দিয়ে কাছে আসছে।”
ডানে নজর ফেরাল ওমাহা। কালো স্কিমিটারে চারজন ধূসর ইউনিফর্ম পড়া লোক দেখতে পেল ও। মান্দারিনে ওদেরকে উদ্দেশ্য করে কিছু একটা বলা হলো। ভাষা না বুঝলেও উচ্চারণ থেকে মূল বক্তব্য বুঝে নিতে কষ্ট হলো না- “গতি কমাও…নয়ত মর!” আদেশের গুরুত্ব বোঝাতে একটা গ্রেনেড লঞ্চার বের করে ওদেরকে দেখানো হলো।
“এবার মনে হয় লবণ ছুঁড়ে কাজ হবে না।” ড্যানি বলল। উপায় নেই দেখে, ওমাহা গতি কমানো শুরু করল। হাত নেড়ে বোঝালো, হার মেনে নিয়েছে।
গ্লোভ কম্পার্টমেন্টটা খুলে ভেতরে রাখা টাইনোসসারাসের ডিমের দিকে তাকাল ড্যানি। এই জিনিসের দাম অনেক, ওজনের সমান স্বর্ণ চাইলেও ক্রেতা পেতে বিন্দুমাত্র বেগ পাবে না। গোবি মরুভূমিতে পাওয়া গিয়েছিল এই ডিম। বেইজিং-এর এক জাদুঘরে যাচ্ছিল, কিন্তু এধরনের আর্টিফ্যাক্ট সংগ্রহ করার জন্য অনেকেই মুখিয়ে থাকে। তাই, সাধারণত রুক্ষ আর আইনের ওপারের লোকেরা এসবের পিছে লেগেই থাকে।
“একটু দাঁড়াও।” ফিসফিসিয়ে ভাইকে বলল ওমাহা।
গ্লোভ কম্পার্টমেন্ট বন্ধ করে দিল ড্যানি, “প্লিজ মাথায় যে বুদ্ধি এসেছে, সেটা কাজে লাগাতে যেও না…”।
“আমার কাছ থেকে চুরি করবে এত সাহস! এদিকে আমিই একমাত্র গ্রেভ রবার (চুরি করে সমাধিতে ঢুকে যে মূল্যবান বস্তু হাতিয়ে নেয়)।” :
ওমাহা ওর হাতটাকে একটা সুইচের উপর নিয়ে এল। এই সুইচটা টিপে ধরলেই নাইট্রাস অক্সাইড প্রবেশ করবে বোটের পালস জেটে। সাথে সাথে চালু হয়ে যাবে হ্যামিলটন ২১২ টার্বো ইমপেলারটা (সাধারণত গতি হঠাৎ বৃদ্ধি করার জন্য নাইট্রাস অক্সাইড ব্যবহার করা হয়-অনুবাদক)।
সর্পিল নদীটার পরবর্তী বাঁক খুঁজল ওর চোখ।
ত্রিশ গজ দুরে। কপাল যদি ভালো হয়…
চেপে ধরল বাটনটা। নাইট্রাস গ্যাস ইমপেলারের দিকে ছুটল। আর বোটটা ছুটল সামনের দিকে। পিছু ধাওয়াকারী স্কিমিটারটা থেকে গুলির আওয়াজ ভেসে এল। আচমকা ঘটে যাওয়া ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছে ওরা। গ্রেনেড লঞ্চার তাক করার কথা যেন ভুলেই গিয়েছে।
গতি সর্বোচ্চ করে দিল ওমাহা। পানির উপর দিয়ে যেন ছুটে চলল বোট। ড্যানি ওর সীট বেল্ট লাগাতে লাগাতে বলল, “ওহ মাই গড…!”
ওমাহা সোজা সামনের দিকে তাকিয়ে রইল। নদীর বাঁকের কাছে এসে পিছু ফিরে তাকাল সে।
স্কিমিটারটা ওদের পিছু পিছু ছুটে আসছে, কিন্তু তাল মেলাতে পারছে না। তবে ওদের ধাওয়াকারীর একটা বিশেষ সুবিধা আছে, যা ওদের নেই-গ্রেনেড লঞ্চার। ঐ অস্ত্র দিয়ে ছোঁড়া গ্রেনেড ধারে কাছে লাগলেই-কেল্লা ফতে। বোটটাকে ডানে ঘোরাল ওমাহা, ফলে বাম দিকটা উঠে এল পানি ছেড়ে। সাই করে স্টার্নের পাশ দিয়ে বেড়িয়ে গেল রকেট।
বাঁক ঘুরতেই বোটটা সোজা করে ফেলল ওমাহা, ঠিক নদীর মাঝখানের দিকে এগোল। বোটের গতি এখন অস্বাভাবিক রকমের বেশি, পানির উপর দিয়ে যেন উড়ে চলছে।
ওর পিছু পিছু বাঁক ঘুরল ধাওয়ারত স্কিমিটার। প্রথম গ্রেনেড ব্যর্থ হওয়ায়, দ্বিতীয়টা ভরছে এখন।
সে সুযোগ ওদেরকে দিতে চায় না ওমাহা। কপাল ভালো, সর্পিলাকৃতি নদীও যেন ওকে সহযোগিতা করার জন্য মুখিয়ে আছে। সরাসরি লাইনে আসার সুযোগই দিল না স্কিমিটারটাকে। কিন্তু সমস্যা হলো, বাঁকের কারণে নাইট্রাস বন্ধ করে দিতে হলো ওমাহাকে। ওর নিজের বোটটাও গতি হারাল।
“ফাঁকি দেবার কোন উপায় নেই?” জানতে চাইল ড্যানি।
“নাহ।”
“ডিমটা দিয়ে দাও। ওটার জন্য জীবন খোয়ানোর কোন মানে হয় না।” ভাইয়ের বোকার মত কথা শুনে মাথা নাড়ল ওমাহা। ওরা যে দুই ভাই, তা জানা না থাকলে কেউ বুঝতেই পারবে না। দুজনেই ছয় ফুট দুই ইঞ্চি লম্বা, বালু রঙা চুল। কিন্তু ড্যানিকে দেখে মনে হয় যেন হাড়ের উপর তার জড়িয়ে ওকে বানানো হয়েছে। আর ওমাহা চওড়া। অভিজ্ঞতা ওর দেহটাকে শক্ত করে দিয়েছে। সাত মহাদেশের ছয়টিতে ঘুরেছে। দশ বছরের ছোট ভাইয়ের সাথে ওমাহার অমিল গুলোর কারণ-ও তাই। চেহারায় ভাঁজ পড়ে গিয়েছে, চোখের কোনগুলো কুঁচকে আছে। সবসময় ভ্ৰ কুঁচকে থাকায়, ভাঁজ খেয়েছে দুই ভ্রুয়ের মাঝখানের চামড়া।
ড্যানি লেখা পড়া শেষ করেছে মাত্র এক বছর হলো। এখনও অনেক অভিজ্ঞতার প্রয়োজন ওর।
“আমরা যদি ওদেরকে ডিম দিয়ে দেই-”
“তাহলেও আমাদেরকে মেরে ফেলবে।” ওমাহা ড্যানিকে বাঁধা দিয়ে বলল, “এ ধরনের লোকেরা পেছনে সাক্ষী ফেলে যায় না।”
“তাহলে পালানো ছাড়া উপায় নেই!”
“ঠিক ধরেছ।” স্কিমিটারের ইঞ্জিনের আওয়াজ কানে শুনতে পাচ্ছে ওরা। খুব বেশি দূরত্ব আর অবশিষ্ট নেই। নাইট্রাস ব্যবহার করে যে দূরত্ব বাড়িয়ে নেবে, নদীর বাঁকের জন্য তাও পারছে না। এই মুহূর্তে এক টুকরা খোলা নদী দরকার ওর, যেন নাইট্রাস ব্যবহার করতে পারে। আবার খোলা জায়গা বেশি বড় হলে, ধাওয়াকারীরা গ্রেনেড ছোঁড়ার সুযোগও পেয়ে যাবে। উভয় সংকট।
এঁকে বেঁকে বোট ছোটাচ্ছে ওমাহা। দুশ্চিন্তার কারণে একটা পাথরকে এড়াতে পারল না সে। বোটের নিচটা ঘষা খেল ওটার সাথে । তীক্ষ্ণ একটা আওয়াজ হলো।
“ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না।” বলল ড্যানি।
আসলেই তাই। ওমাহার কুঞ্চিত ভ্রু আরো কুঞ্চিত হয়ে এল। এই সমতল পানিতেও পায়ের নিচে বোটের কম্পন অনুভব করতে পারছে সে। সম্ভবত, নিচে কোথাও ফাটল ধরেছে। স্কিমিটারের ইঞ্জিনের আওয়াজ আবারও কাছে চলে এসেছে।
আরেকটা বাঁক ঘুরতে ঘুরতে এক ঝলকের জন্য পিছু ধাওয়কারীদের বোটটাকে দেখতে পেল ওমাহা। সত্তর গজ পেছনে আছে ওটা। ড্যানির মুখে ঘোঁত শব্দ শুনতে পেয়ে সামনে তাকাল সে। নদীর সামনের অংশে সাদা সাদা ফেনা দেখা যাচ্ছে। এই অংশে এসে, দুইপাশে লম্বা দুই দেয়ালের মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে নদী। সোজা অংশটা একটু বেশিই লম্বা।
যদি তীরে বোট ভেরাবার কোন উপায় থাকত, তাহলে তাই করত সে। কিন্তু সে সুযোগ নেই। তাই বাধ্য হয়ে মাথায় বিকল্প পরিকল্পনার ছক এঁকে নিল।
“ড্যানি, এখন যা করতে যাচ্ছি, তা তোমার একদম পছন্দ হবে না।”
“কী করতে যাচ্ছ!” ভয়ার্ত কণ্ঠে জানতে চাইল ড্যানি।
স্রোত বরাবর এক-চতুর্থাংশ এলাকা পার হয়ে এসে, একটা ঘূর্ণিজলকে কেন্দ্র করে বোট বৃত্তাকৃতিতে ঘুরিয়ে আনল ওমাহা। যেদিক দিয়ে এসেছে, সেদিকেই মুখ করে দাঁড়াল বোট।
“কী করছ?”
“পালাবার উপায় নেই। লড়েই এই ফাঁদ থেকে বেরোতে হবে।”
শটগানটাকে আঁকড়ে ধরল ড্যানি, “গ্রেনেড লঞ্চারের বিরুদ্ধে শটগান?”
“অস্ত্রে কী যায় আসে? লড়াই তো জিতব চমকে দিয়ে।
আর সেই একেবারে সঠিক সময়ে সঠিক কাজটা সেরে আবার গতি বাড়াল ওমাহা, স্রোতের ধার ঘেঁষে বোট চালিয়ে দিল । কিন্তু এবার গতিমুখ উল্টোদিকে। নদীর ম্যাপটা মনে মনে আবার পরীক্ষা করে দেখল প্ল্যানটাওঃ প্রথমে এদিক দিয়ে, এরপর ঘুরে পার হতে হবে ফেনাযুক্ত পানি জায়গাটা, স্রোতকে দুই ভাগ করা পাথরটা সাবধানে পার হয়ে শান্ত পানিতে নামতে হবে। ওর লক্ষ্য আসলে একটা পাথরের উপর দিয়ে বয়ে যেতে থাকা দুরন্ত ঢেউ। দীর্ঘদিন ধরে চলে আসা পানির প্রবাহে মসৃণ হয়ে আছে পাথরটা। স্কিমিটারের আওয়াজ আরো জোরালো হয়ে এসেছে।
“এসে গিয়েছে…” চোখের চশমাটা উপরে ঠেলে বলল ড্যানি।
ঢেউটার সামনে এসে তৈরি হয়ে নিল ওমাহা। চোখের কোণ দিয়ে স্কিমিটারটার দেহ দেখতে পাচ্ছে। বুঝল, বাঁক ঘুরেছে বোটটা। আর দেরী করা যায়না। আঙুল ঘোরাফেরা করছে নাইট্রাসের বাটনের উপর। বিশাল এক জুয়া খেলে ফেলেছে-হয় ছক্কা, নয় অক্কা।
স্কিমিটারটা ওদেরকে দেখতে পেয়েছে। নিশ্চয় স্কিমিটারের ওরা ভাবছে, ওদের বোটে কোন সমস্যা হয়েছে। কেননা এই মুহূর্তে ওদের দিকেই মুখ করে আছে ওমাহাদের বোট।
তাই গতি কমিয়ে আনল ওরা, দুই বোটের মাঝখানে এখন কেবল দশ গজের দূরত্ব। এত কাছ থেকে গ্রেনেড ছুঁড়লে নিজেদের বোটও হুমকির মাঝে পড়ে যাবে।
সময় যেন স্থবির হয়ে গেল, পরবর্তী পদক্ষেপটা ভেবে চিন্তে না নিলে বুমেরাং হতে পারে।
“শক্ত হয়ে বসো!” বাটন টিপে দিতে দিতে সাবধান করল ওমাহা।
মনে হলো, ওমাহাদের বোটের নিচে কেউ যেন একবাক্স ডিনামাইট ফাটি দিয়েছে। বিদ্যুৎ গতিতে সামনে এগোল ওদের বোট। পাথরের গা বেয়ে উপরে এল। পাথর আর ওদের বোটের মাঝে কুশন হিসেবে কাজ করল ঢেউ। পাথরটা পার হয়ে আকাশে ভাসল জলযান!
ভাসতে ভাসতে স্কিমিটারটার ঠিক উপরে এসে নিচে নামা শুরু করল ‘ হাজার হলেও, বোটটা পানির বাহন। হয়তো তাই পানির হাতছানি উপেক্ষা ব্যর্থ হলো। প্রচন্ড গতিতে ফাইবারগ্লাস দিয়ে বানানো স্কিমিটারটার উপরে পড়ল ওমাহাদের বোট।
পানিতে পড়ে গেল ওমাহা। গানওয়েল (জাহাজ বা বোটের পার্শ্বের রেলিং) ডুবে গেল পানিতে। কিন্তু পরমুহূর্তেই আবার ভেসে উঠল বোট।
“ড্যানি!”
“আমি ঠিক আছি।” এখনও সীটবেল্ট বেঁধে আছে ছেলেটা, বিষ্মিত দেখাচ্ছে। ক্রল করে গানওয়েলের দিকে এগিয়ে গেল ওমাহা,উঁকি দিল বাইরে।
স্কিমিটারটা খন্ড-বিখন্ড হয়ে গিয়েছে, ধ্বংসাবশেষ ভেসে বেড়াচ্ছে এদিক সেদিক। উপুড় হয়ে ভাসছে একটা মরদেহ। বাতাসে ভাসছে তেলের গন্ধ। তবে কপাল ভালো, স্রোত তেল ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আগুন ধরলেও হয়তো তেমন বড় হবে না বিস্ফোরণ।
ওমাহা দুইজন মানুষকে দেখতে পেল, স্কিমিটারের ধ্বংসাবশেষ ধরে ভাসছে। তবে ডায়নোসরের ডিমের প্রতি আর কোন আগ্রহ আছে বলে মনে হচ্ছে না।
সোজা হয়ে বসে ইঞ্জিন পরীক্ষা করে দেখল ওমাহা। একবার কেশে উঠেই বন্ধ হয়ে গেল। আবার চালু হবার সম্ভাবনা অতি ক্ষীণ। বোটের অ্যালুমিনিয়াম ফ্রেম দুমড়ে মুচড়ে গিয়েছে, পানিতে ভাসার অযোগ্য হয়ে পড়েছে বোট। প্যাডেল বের করে আনল সে।
ড্যানি সিটবেল্ট খুলে একটা প্যাডেল হাতে নিল, “এবার কী?”
“অন্য স্কিমিটারটা খুঁজতে আসার আগেই সাহায্য চাইতে হবে।”
“তা বুঝলাম, কিন্তু চাইবে টা কার কাছে?”
১২:০৫ এ.এম. জিএমটি,
বেঞ্চের উপর রাখা ফোনটা যখন বেজে উঠল, তখন সাফিয়া সাবধানে লোহার হৃদপিন্ডটা বাক্সে সাজিয়ে রাখছে। ফোনটা কারার। এই মুহূর্তে ও টয়লেটে। সাফিয়া আর ক্লে-কে বলেছে যে মুখে একটু পানি দিতে যাচ্ছে। কিন্তু সাফিয়া জানে, কথাটা মিথ্যা। আরো পিল খেতে গিয়েছে ওর বান্ধবী।
এদিকে বেজেই চলছে ফোনটা।
“আমি ধরব?” জানতে চাইল ক্লে।
সাফিয়া দীর্ঘশ্বাস ফেলে ধরল ফোন, জরুরী কিছু হলেও হতে পারে, “হ্যালো।” দীর্ঘ একটা নিরবতা। “হ্যালো?” আবার বলল সাফিয়া, “কে বলছেন?”
পরিচিত কিন্তু হতভম্ব একটা গলা শোনা গেল, “সাফিয়া?”
রক্ত যেন মেয়েটার মাথা থেকে পায়ে নেমে এল, “ওমাহা?”
“আমি…আমি কারার সাথে কথা বলতে চাইছিলাম। তুমিও যে ওখানে আছ তা বুঝতে পারিনি।”
খুব কষ্ট করে উত্তরে বলা শব্দগুলো উচ্চারণ করতে পারল সাফিয়া – “এই মুহুর্তে ব্যস্ত আছে। যদি একটু অপেক্ষা করতে পার।”
“সাফিয়া! দাঁড়াও…” ফোনটা নামিয়ে রাখতে রাখতে থেমে গেল সাফিয়া। কান থেকে একটু দূরে সরিয়ে রেখেছে। যেন ভুলে গেছে, কিভাবে ব্যবহার করতে হয় ওটা।
“আমি হয়তো……” ওমাহার গলা খুব আস্তে শোনা গেল, “তুমি যদি এতক্ষণ ওর সাথে থেকে থাক, তাহলে নিশ্চয় এই অভিযানের ব্যাপারে সবকিছু জানো?”
সাফিয়া কানে লাগাল ফোনটা, ব্যবসায়িক আলাপ চালাতে ওর কোন আপতি নেই। “অনেক লম্বা গল্প। তবে সংক্ষেপে বললে-আমরা এমন কিছু একটা আবিষ্কার করেছি, যেটা উবারের ব্যাপারে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।”
“উবার?”
“ঠিক শুনেছ।”
আরেকটা দীর্ঘ নিরবতার পর ওমাহা বলল, “তাহলে ব্যাপারটা কারার বাবাকে নিয়ে।”
“হ্যা। আর এই প্রথমবারের মত, কারা সম্ভবত আসলেই গুরুত্বপূর্ণ একটা কিছু আবিষ্কার করে ফেলেছে।”
“তুমি কি এই অভিযানে যোগ দিচ্ছ?” কাষ্ঠ কণ্ঠে জানতে চাইল ওমাহা।
“নাহ, আমি ফিল্ডের চেয়ে বরং এখানেই বেশি কাজে আসব।”
“ননসেন্স!” পরবর্তী শব্দগুলো ওমাহা এত জোরে বলল যে, এবার বাধ্য হয়েই সাফিয়া কান থেকে দূরে সরাল ফোনটা। “পৃথিবীর অন্য যে কারও চেয়ে তুমি উবার আর তার ইতিহাস সম্পর্কে ভালো জানো। তোমার আসতেই হবে। কারার জন্য না হলে, অন্তত নিজের জন্য এসো!”
সাফিয়ার কাঁধের উপর থেকে কথা বলে উঠল কেউ। “ওমাহা ঠিক বলেছে”, বলল কারা, “এই ধাঁধার সমাধানের জন্য আমাদের তোমাকে দরকার।”
ফোন আর কারার মাঝখানে নিজেকে ফাঁদে পড়া পশু বলে মনে হলো সাফিয়ার।
ফোনটা ওর হাত থেকে নিয়ে কারা বলল, “ওমাহা। সাফিয়া আমাদের সাথে আসছে।”
প্রতিবাদ করার জন্য মুখ খুলল সাফিয়া। কিন্তু কারা ওকে সে সুযোগ দিলে তো, “আমি তোমাদের কারও মুখ থেকেই না শুনতে চাই না।” ফোনটা কানে ধরে বলল সে।
“আমার আপত্তি নেই।” বলল ওমাহা, “সত্যি বলতে কি, এখানে একটু ঝামেলায় ফেঁসে গিয়েছি। সাহায্য দরকার ছিল।”
কারা চুপচাপ শুনল কিছুক্ষণ, “তুমি কি আজীবন বিপদের মাঝেই বাস করো, ইন্ডিয়ানা? তোমার কো-অর্ডিনেট আমার কাছে আছে। এক ঘন্টার মাঝে একটা হেলিকপ্টার পাঠিয়ে দিচ্ছি। ফোন লাইন কেটে দিল সে, “সত্যি বলছি, লোকটার থেকে দূরে থাকাই তোমার জন্য মঙ্গল।”
“কারা…”
“তুমি আসছ। এক সপ্তাহ পর আমরা রওনা হচ্ছি। আমার জন্য এটুকু তোমার করতেই হবে।”
ব্রিতকর একটা মুহূর্ত পর ক্লে বলে উঠল, “ইয়ে, মানে বলছি কী, আমিও যেতে পারি।”
ভ্রু কুঁচকে ফেলল সাফিয়া। ওর গ্রাড স্টুডেন্টের অভিজ্ঞতার ঝুলি একেবারেই শুন্য। হয়তো সাথে এলে, ছেলেটার উপকার-ই হবে। কিন্তু সাফিয়ার মনে হচ্ছিল, ও এমন একটা জিনিস আবিষ্কার করে বসেছে, যেটাকে চিরদিনের জন্য অনাবিষ্কৃত রাখতে পারলেই ভালো হত।
