পিকিং এ লক

পিকিং এ লক

৪ঠা ডিসেম্বর, ০৯:০৭ এ.এম.

শিশুর

সাফিয়া গগলসটাকে জায়গা মত বসাল, “উপস্থিত সবার হাতে যার যার যন্ত্রপাতি আছে তো?”

“বাইরের অবস্থা দেখে মনে হয় যেন রাত নামছে।” ক্লে খোলা দরজার কাছে দাড়িয়ে বলল। বাতাসের হাত থেকে কিছু হলেও রক্ষা করতে পারবে, এমন একটা বাড়িতে আশ্রয় নিয়েছে ওরা। বাইরে তাকাল সাফিয়া। ঝড় প্রায় এসে পড়েছে, পুরো দুনিয়া যেন অন্ধকার হয়ে আছে। নষ্ট করার মত সময় একদমই নেই।

শিশুরের ঘরগুলো অধিকাংশ সময় ফাকা পড়ে থাকে। এগুলোর অধিবাসীরা যাবার সময় সবকিছু সাথে করেই নিয়ে যায়। এমনকি পর্দাগুলোও।

“তোমাদেরকে যেভাবে ভাগ করে দেয়া হয়েছে, সেভাবে জায়গাগুলো খুঁজে দেখ।” বলল সাফিয়া। একটা দেয়ালে ম্যাপ টাঙ্গানো আছে। মোট পাঁচটা ভাগে সে ভাগ করেছে ম্যাপটাকে। মেটাল ডিটেক্টর হাতে পাঁচটা দলকে খোঁজার দায়িত্ব দেয়া হয়েছে। একে অন্যের সাথে রেডিও ব্যবহার করে যোগাযোগ রাখবে ওরা। একেবারে বাচ্চা বাদে সবাইকে কাজে লাগিয়ে দেয়া হয়েছে।

“যদি কেউ কিছু খুঁজে পাও, তাহলে সেটাকে মার্ক করে রাখবে। তোমার সাথীরা খুঁড়ে দেখবে গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায় কিনা। কিন্তু তোমরা খোঁজ চালিয়ে যাবে।”

নড করে সবাই ওর নির্দেশ মেনে নিল।

“আর যদি আসলেই গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায়, তাহলে রেডিওতে জানাবে। আমি এসে দেখে যাব। মনে রেখ…” সিং বাঁধানো হাতে পড়া ঘড়িটায় টোকা দিল সে, “পঁয়তাল্লিশ মিনিট পর, সবাই এখানে ফিরে আসবে। ঝড়ের প্রধান তান্ডব শুরু হবে প্রায় এক ঘণ্টা পর। তাই বাতাস বন্ধ না হওয়া পর্যন্ত এখানেই থাকব আমরা। বুঝতে পেরেছ সবাই?”

কেউ প্রশ্ন করার জন্য হাত তুলল না।

“ঠিক আছে তাহলে, কাজে লেগে পড়।”

মোট ত্রিশজন ছড়িয়ে ছিটিয়ে পড়ল। যেহেতু দুর্গের কাছে উবারের প্রবেশদ্বার পাবার সম্ভাবনা বেশি, তাই সাফিয়া অধিকাংশকে নিয়ে সেদিকেই রওনা হলো।

বাতাসের ঝাপটা আরো বৃদ্ধি পেয়েছে। বাঁক ঘুরে একটা বিল্ডিং পার হয়েই, হাওয়ার ধাক্কায় পিছিয়ে এল সাফিয়া। মনে হলো যেন, খোদা নিজ হাতে ওকে ধাক্কা দিচ্ছে!

পেইন্টার যে বারবার সন্দেহের দৃষ্টিতে হোজার দিকে তাকাচ্ছে, তা ওর নজর এডায়নি। দুদলই নিজেদের সাথে ঘটা ঘটনাগুলো খুলে বলেছে। সাফিয়ার কথা যে পেইন্টারের বিশ্বাস করতে কষ্ট হয়েছে, তা তখনই বুঝতে পেরেছে।

গ্রামের প্রধান অংশটা পার হয়ে এসে, ধ্বংসাবশেষে ঢুকল ওরা। যার যার নির্ধারিত এলাকার দিকে রওনা হলো। ওমাহা আর ড্যানি স্যালুট ঠুকে রওনা দিল সিংকহোলের দিকে। দুই ভাইয়ের মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা খুব কাজে আসবে। আরেকটা সম্ভাব্য স্থান হলো ফাটলটা।

ওমাহার পছন্দ হয়নি ব্যাপারটা। সাফিয়া ফিরে আসার পর থেকে প্রতি পদে মেয়েটাকে অনুসরণ করছে সে। তাই এখন আলাদা হওয়াটা পছন্দ না হওয়াই স্বাভাবিক।

পেইন্টারের ব্যাপারটা আলাদা। লোকটা কেন জানি সাফিয়ার সাথে একটা দূরত্ব বজায় রাখছে। ওদের সম্পর্কটা যেন পরিবর্তন হয়ে গিয়েছে। সাফিয়া অবশ্য তার কারণটাও জানে। ওর গলায় ড্যাগার ধরার সময়, পেইন্টার নিজের চরিত্রের এক গোপন দিক দেখিয়ে ফেলেছে। ব্যাপারটাকে কিভাবে নেবে, তা বুঝতে পারছে না দুইজনের কেউই। সাফিয়া শক পেয়েছে, আর পেইন্টার খোলসে গিয়ে ঢুকেছে।

কাজের দিকে মনোযোগ ফেরাল সাফিয়া। পাহাড়ের উপর উঠে এসেছে ওরা, সামনে ধ্বংসাবশেষ পূর্ণ এলাকা দেখতে পাচ্ছে। এক দশক পর আবার এই দৃশ্য দেখতে পাচ্ছে সাফিয়া। তখন শুধু দূৰ্গটাই ছিল, আর এখন পুরো শহরটাকে খুদে বের করা হয়েছে।

এমনকি ত্রিশ ফুট গভীর সিংকহোলটাও ভালমত পরীক্ষা করে দেখা হয়েছে। কিন্তু দূর্গটাই সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। খাঁজে খাঁজে পাথরগুলো বসিয়ে ধসিয়ে বানানো হয়েছে দুর্গটা, যার বেস চতুর্ভুজাকৃতি। প্রতি বাহু ত্রিশ গজ লম্বা। দূর্গে প্রবেশ করার পথটা খুঁজল মেয়েটা।

পেইন্টার একটা টর্চ জ্বালালো, “খোঁজ শুরু করা যেতে পারে।”

সাফিয়া প্রবেশ করল ভেতরে, সাথে সাথে যেন বন্ধ হয়ে গেল বাতাসের প্রবাহ। লুলুও তার সাথে যোগ দিলেন।

বারাক মেটাল ডিটেক্টরটা চালু করে দিল।

হল ঘর থেকে সাত ধাপ নিচে একটা জানালা বিহীন চেম্বার দেখা গেলো মনুষ্য-নির্মিত।

“ঐ রুমটাতে খুঁজে দেখ।” বারাককে নির্দেশ দিল সাফিয়া ।

ওদিকে পেইন্টার আর ক্লে রাডার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।

দেয়াল আর সিলিং-এর দিকে আলো ফেলল সাফিয়া। নগ্ন পড়ে আছে ওগুলো। তবে এখানে আগে কখনও ক্যাম্প ফায়ার ধরানো হয়েছিল। ধোঁয়া কালো হয়ে লেগে আছে ছাদে।

হাঁটাহাঁটি শুরু করে দিল সে, চোখ দিয়ে সূত্র খুঁজছে। বারাক মেটাল ডিটেক্টর দিয়ে কিছুই খুঁজে পেল না। ধাতব কিছু নেই এখানে। ঘরটার ঠিক মাঝখানে এসে দাঁড়াল সাফিয়া। দূর্গের ভেতরের এই একটা মাত্র চেম্বার এখনও অক্ষত আছে। ওয়াচ টাওয়ারটা ভেঙে পড়েছে অনেক আগে। সেই সাথে ধ্বংস করে দিয়েছে এই চেম্বারের উপরের ঘরগুলো।

রাডারটা চালু করল পেইন্টার, এই জিনিস নিয়ে মাটির নিচে কী আছে-সে ব্যাপারেও ধারণা পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো জিনিসটা বড় আর ভারী। তাই ক্লে কে দেখা গেল মনিটরটা টেনে আনছে। সাফিয়া এগিয়ে এল, নিচে কোনও গোপন বেসমেন্ট থাকলে তা মনিটরে দেখা যাবে । নাহ, কিছু নেই। শুধু লাইমস্টোন।

সোজা হয়ে দাঁড়াল সাফিয়া, যদি উবারের গোপন হৃদয়ের কোন রহস্য থেকেই থাকে, তাহলে সেটা অবশ্যই মাটির নিচে আছে। কিন্তু কোথায়?

হয়তো ওমাহার ভাগ্য শিকে ছিঁড়বে। সাফিয়া রেডিও তুলে ধরল, “ওমাহা, শুনতে পাচ্ছ?”

“হ্যা। কী হয়েছে? কিছু খুঁজে পেয়েছ?”

“নাহ। তোমরা?”

“এখন পর্যন্ত কিছু পাইনি।”

ভ্রু কুঁচকে গেল সাফিয়ার। উত্তর এই দুই জায়গার কোথাও না কোথাও থাকার কথা । এই দূর্গটা হলো উবারের কেন্দ্র। রাণীর তো উবারের হৃদয়কে ধারে কাছে কোথাও রাখার কথা। আর সেই পথটাকেও লুকিয়ে রাখবার কথা।

লুলুর দিকে ফিরল সে, “আপনি বলেছিলেন, এখানকার দূর্ঘটনার পর, রানী উবারের প্রবেশদ্বার সিল করে দেন আর চাবি গুলোকে লুকিয়ে ফেলেন।”

নড করলেন লুলু, “যতদিন পর্যন্ত না উবার আবার উন্মুক্ত হবার যোগ্য হয়।”

“তারমানে, সিংকহোলের কারণে প্রবেশদ্বারটা ধ্বংস হয়নি। কাকতালীয় ব্যাপার। একটু বেশিই কাকতালীয় ব্যাপার।

“হয়তো এখানে চাবিগুলো নিয়ে আসলে কিছু ঘটবে।” পরামর্শ দিল পেইন্টার।

“নাহ।” পাত্তা দিল না মেয়েটা। গেট পাবার পর চাবিগুলো কাজে আসতে পারে। কিন্তু গেটটা কে তো আগে খুঁজে পেতে হবে।

দীর্ঘশ্বাস ফেলল পেইন্টার, “আবার রাডার দিয়ে খুঁজে দেখব?”

সাফিয়া মাথা নাড়ল। “নাহ, ভুল হচ্ছে আমাদের। আমরা অনেক বেশি প্রযুক্তি ব্যবহার করছি। এতে কাজ হবে না।”

পেইন্টারকে আহত মনে হলো, হাজার হলেও প্রযুক্তি নিয়েই ওর কাজ।

“আমরা খুব বেশি আধুনিক চিন্তা করছি-মেটাল ডিটেক্টর, রাডার, ম্যাপ। এগুলো তো আগেও করা হয়েছে। এর অর্থ গেটটা আসলে প্রাকৃতিক ভূচিত্রের একটা অংশ। যন্ত্রপাতি বাদ দিয়ে মাথা খাটিয়ে আমাদের তা বের করতে হবে।”

লুলুকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখল মেয়েটা। শেবার রাণী আর লুলু দেখতে একই রকম। কিন্তু মিল কি শুধু চেহারাতেই শেষ? স্বভাবে কি কোন মিল নেই?

রেজিনান্ড কেনসিংটনের কথা মনে পড়ে গেল ওর। এতদিন ধরে ব্যাপারটা গোপন রেখেছেন লুলু। নিশ্চয় দেহটাকে তার খুঁড়ে বের করতে হয়েছে, এরপর পাহাড়ের আস্তানায় নিয়ে যেতে হয়েছে। অথচ চাবিগুলো আবিষ্কৃত হবার আগে তিনি কিছুই বলেননি। একাগ্রতার পরাকাষ্ঠা যেন। হয়তো রাণী বিলকিসও এমন ছিলেন। একাগ্রতার পরাকাষ্টা।

আচমকা ভেতরটা যেন ঠান্ডা হয়ে এল সাফিয়ার। মাথায় খেলে যাওয়া প্রথম প্রশ্নটা মনে পড়ে গেল। সিংকহোলের কারণে প্রবেশদ্বারটার কোন ক্ষতি হলো না কেন? উত্তরটাও সাথে সাথে ধরতে পারল। বিস্ময়ে বড় বড় হয়ে গেল ওর চোখ। উল্টো দিকে এগোতে হবে ওকে!

ওর চেহারা দেখে পেইন্টার কিছু একটা আন্দাজ করতে পারল, “সাফিয়া…?”

“আমি জানি প্রবেশদ্বারটাকে কিভাবে সীল করা হয়েছে।”

০৯:৩২ এ.এম.

পেইন্টার দ্রুত পায়ে ওদের অস্থায়ী আবাস থেকে চেম্বারের দিকে এগিয়ে গেল। সাফিয়া ওকে Rad-X স্ক্যানারটা আনতে পাঠিয়েছে। জিনিসটা ওরা পেয়েছে ক্যাসান্দ্রার এসইউভিতে। জিনিসটার ব্যবহারও মেয়েটার কাছ থেকে শিখেছে সাফিয়া।

শুধু স্ক্যানারটাই না, আরো একগাদা যন্ত্রপাতি খুঁজে পেয়েছিল পেইন্টার। কোরাল খুব খুশী হয়েছিল ওগুলো দেখে। তাই পুরো কেসটাই নিয়ে এসেছিল সে।

এগোতে গিয়ে পদে পদে বাঁধা পাচ্ছে পেইন্টার, বাতাসের বাঁধা। ধুলি মিশ্রিত বাতাস যেন চাবুক হানছে ত্বকের উন্মুক্ত স্থানগুলোতে। নাকে ভেসে আসছে বিদ্যুতের গন্ধ। নীলচে আভাও দেখতে পাচ্ছে সে। নাসার চালানো পরীক্ষায় দেখা গিয়েছে, এধরনের বালুঝড়ের প্রধান ক্ষতিকারক উপাদান বালু কিংবা বাতাস না, স্থির বিদ্যুৎ।

মাথা নিচু করে দূর্গের দিকে রওনা হলো পেইন্টার। জায়গা মত পোঁছে, উপরে না উঠে নিচের দিকে নামল সে। সিংকহোলটার দিকে। ওটার লম্বা অক্ষ পূর্ব-পশ্চিম বরাবর। পশ্চিম দিকের প্রান্তে অবস্থিত দূৰ্গটা।

সাফিয়া তার দল নিয়ে সিংকহোলের পুর্ব দিকে আছে। রেহেমদের অনেকেও চলে এসেছে। বাতাসের হাত থেকে বাঁচতে, মাটিতে শুয়ে আছে তারা।

ওমাহা, কারা আর সাফিয়া তাকিয়ে আছে রাডারের মনিটরের দিকে। “এই যে, মনিটরে কিছু একটা দেখাল সে, “এই পকেটটা দেখ। সারফেস থেকে মাত্র তিন ফুট দুরে।”

“ক্লে,” ওমাহা বলল এবার, “রাডারটাকে দুই ফুট পিছিয়ে আনো তো। হয়েছে।”

পেইন্টার যোগ দিল ওদের সাথে, “কিছু পেলে?”

“একটা চেম্বার।” উত্তর দিল সাফিয়া।

ওমাহা ভ্রু কুচকালো, “প্রাচীন কূপের অংশ এটা। অনেক আগেই শুকিয়ে গিয়েছে।”

পেইন্টার মনিটরের দিকে তাকাল। স্ক্যানারের ঠিক নিচে অবস্থিত ভূ-গর্ভস্থ এলাকার একটা ম্যাপ ভেসে উঠল। কোণের মত দেখতে এলাকাটা, উপরে চিকন কিন্তু নিচে মোটা।

“সবচেয়ে চওড়া জায়গাটাও মাত্র দশ ফুট।”

সাফিয়া সোজা হয়ে দাড়াল, পেইন্টারকে জিজ্ঞাসা করল, “রেডিয়েশন ডিটেক্টর এনেছ?”

“হ্যা।” কেসটা দেখিয়ে দিল সে। “স্ক্যানারটা চালু কর।” নির্দেশ মত কাজ করল পেইন্টার । যন্ত্রটা চালু হলে বলল, “রেডি।” ধীরে ধীরে এক পাক ঘুরল সে। সাফিয়া কি সন্দেহ করছে। লাল নিডলটা একবিন্দুও নড়ল না।

“কিছু নেই।” বলল সে।

“আমি বলেছিলাম-” ওমাহা মুখ খুলল। কিন্তু কথা শেষ করার আগেই ওকে থামিয়ে দিল সাফিয়া, “ক্লিফের দিকটা পরীক্ষা করে দেখ। কাছে যাও।”

এবারও নির্দেশ মত কাজ করল পেইন্টার। ক্লিফের কাছে পৌঁছে ডিটেক্টর অংশটা একটু নাড়াল।

হালকা নড়ে উঠল নিডল।

নিজের দেহ ব্যবহার করে, বাতাসের ঝাঁপটা থেকে আড়ালে রাখল যন্ত্রটা। কিছুক্ষণ নড়াচড়া করে স্থির হলো নিডল। খুব দূর্বল রিডিং পাচ্ছে। কিন্তু পজিটিভ রিডিং তো!

চিৎকার করে বলল, “এখানে কিছু একটা আছে!”

সাফিয়া উত্তর দিল, “ক্লে যেখানে আছে, ওখানেই খুঁড়তে হবে। তিন ফুট নিচে।”

ওমাহা ঘড়ি দেখল, “আর মাত্র বিশ মিনিট সময় আছে।”

“যথেষ্ট। যদি কয়েকজন একসাথে কাজ করে তো…” এক মিনিটের মধ্যে কাজে লেগে পড়ল উৎসাহী কয়েকজন। সাফিয়া পিছু সরে এল।

ওমাহা জানতে চাইল, “কী হচ্ছে এখানে, তা বলবে?”

নড করল মেয়েটা, “আমার নিশ্চিত হতে হতো। আমরা ভুল ভাবে এগোচ্ছিলাম। আমরা জানি সিংকহোলে পড়ে উবারের অর্ধেক ধ্বংস হয়ে যায় । আর এই দূর্ঘটনার পর, শেবার রাণী উবারের প্রবেশদ্বার বন্ধ করে দেন।”

“তো?” হোজার পাশে দাড়ানো কারা জানতে চাইল। “আচ্ছা তোমার কি এই ভেবে অবাক লাগেনি যে, দুর্ঘটনায় এত কিছু হলো কিন্তু এই প্রবেশদ্বারের কিছু হলো না কেন? মানুষজন পালাচ্ছে আর রাণী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্রবেশদ্বারটাকে লুকিয়ে রাখার মত কঠিন কাজ করে ফেললেন?”

“তা কিছুটা লেগেছে।” বলল কারা। “তোমার ইঙ্গিত ধরতে পারছি।”

উজ্জ্বল হয়ে বলল ওমাহা, “আমরা উল্টো দিকে এগোচ্ছিলাম।”

“তোমরা কি দয়া করে মনুষ্য ভাষায় কথা বলবে?” পেইন্টার বিরক্ত হয়ে বলল।

ব্যাখ্যা করল ওমাহা, “আমরা ঘটনা প্রবাহ বলতে যা জেনেছি, তা ভুল। ডিম আগে না মুরগি আগে, সেই অবস্থা আরকি। আমরা ভেবেছিলাম, সিংকহোলের জন্য প্রবেশদ্বার সিল করা হয়েছিল।”

“নতুন করে ভেবে দেখ,” এবার সাফিয়া ব্যাখ্যা করার ভার নিল, “মনে কর তুমিই রাণী। ঐ দুর্ঘটনায় রাজ বংশের কী যায় আসে? উবারের আসল ক্ষমতা, আসল ঐশ্বর্য তো অন্যখানে। রাণী চাইলেই আবার নতুন করে সবকিছু গড়তে পারতেন।”

সাফিয়া থামতেই শুরু করল ওমাহা, “এই শহরটা রাজ বংশ বা রাণী, কারও জন্যই গুরুতপর্ণ না। আসলে এটা একটা ধোকা। উবারকে নিরাপদে রাখার ধোকা।”

“শহরটাকে ব্যবহার করা হয়েছে, দক্ষ টিমের মত আবারও হাল ধরলো সাফিয়া “প্রবেশদ্বারটাকে লুকাবার জন্য।”

কারা মাথা দোলাল, পেইন্টারের মত সে-ও কিছু বুঝতে পারেনি।

দীর্ঘশ্বাস ফেলল ওমাহা, “রাণীকে কিছু একটা ভয় পাইয়ে দিয়েছিল। যে ভয়ে ভীত হয়ে উবারের ঐশ্বর্যকে ত্যাগ করেছিলেন তিনি, নিজের বংশধরদের জন্য বেছে নিয়েছিলেন যাযাবর জীবন। তোমার কি মনে হয়, তার মত কেউ একজন সিংকহোলটাকে এতটা ভয় পেয়েছিলেন?”

“মেনে নিলাম।” বলল পেইন্টার। নিজস্ব সাবজেক্ট পেয়ে ওমাহা আর সাফিয়া উত্তেজিত হয়ে উঠছে, এখানে আর ওর কোনও স্থান নেই। ঈর্ষার ছুরি যেন ঘা বসাল ওর কলিজায়।

“কিছু একটা দেখে ভয় পেয়েছিল রাজবংশ। চিরদিনের জন্য সীল করে দিতে চেয়েছিল উবারের প্রবেশদ্বার। সে জিনিসটা কী, তা জানিনা। কিন্তু রাণী যে চিন্তাভাবনা না করে কোন পদক্ষেপ নেননি, সেটা বলতে পারি। নিজেই চিন্তা করে দেখ। তিনি চাবি বানিয়েছিলেন, পবিত্র স্থানগুলোতে চাবিগুলো স্থাপন করেছিলেন। সহজে যেন খুঁজে না পাওয়া যায়, সেই ব্যবস্থা করেছিলেন। এটা কি কোন ভীত সন্ত্রস্ত মানুষের আচরণ হতে পারে?” একটানা কথা বলে থামল সাফিয়া। দম নেবার জন্য থামল। চাইল ওমাহার দিকে।

ওমাহা ওর হয়ে বলে দিল কথাটা। “রাণী ইচ্ছা করেই সিংকহোলের ধ্বসে পড়ার ব্যবস্থা করেছিলেন।”

হতভম্ব হয়ে গেল সবাই।

“নিজের শহর নিজের হাতে ধ্বংস করেছেন?” কারা জানতে চাইল, “কিন্তু কেন?”

নড করল সাফিয়া, “শহরটা আসলে ছিল তার উদ্দেশ্য পূরণের হাতিয়ার।”

“মানসিকভাবেও দারুণ কাজ করেছিল বুদ্ধিটা।” ওমাহা বলল, “স্থানীয় লোকদের ভয় পাইয়ে দিয়েছিল। আমার তো মনে হয়ে রাণী নিজে সেই আগুনে ইন্ধন দিয়েছিলেন।”

“এত কিছু কিভাবে বুঝলে?” পেইন্টার জানতে চাইল।

“প্রথমে তো শুধু আন্দাজ করেছিলাম।” বলল সাফিয়া, “নিশ্চিত হওয়া বাকি ছিল। যদি এই সিংকহোলটা কোন কিছু চেপে রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে তাহলে এর নিচে অবশ্যই কিছু না কিছু আছে। যেহেতু মেটাল ডিটেক্টর কিছু পায়ান, সেহেতু হয় জিনিসটা অনেক গভিরে প্রোথিত, নাহয় সেটা কোন ধরনের চেম্বার।

পেইন্টার খোদকদের দিকে তাকাল।

“এমনকি চাবিগুলো লুকাবার সময়ও, রাণী প্রতীক আর মিথলজীর সাহায্য নিয়েছেন।” কথা থামায়নি সাফিয়া, “প্রথমত লোহার হৃদপিন্ডের কথাই ধর।”

জিনিসটা উবারের হৃদয়কে প্রতিনিধিত্ব করে। আর অধিকাংশ শহরের ক্ষেত্রে কেন্দ্র অবস্থিত পানির কৃপ-ই তার হৃদয়। তাই প্রবেশদ্বারটাকে কুপের নিচে ফেলে, সেটাকে ধসিয়ে দেন তিনি।”

“ভয়ে পালিয়ে যায় সবাই।” বিড়বিড় করে বল পেইন্টার। কেশে গলা পরিষ্কার করে জানতে চাইল, “রেডিয়েশন সিগনেচারের ব্যাপারে কি বলবে?”

“এই রকম সিংকহোলের জন্য ডায়ানামাইট দরকার।” উত্তর দিল ওমাহা।

নড করল সাফিয়া, অথবা পদার্থ-অতি পদার্থ বিস্ফোরণ।”

লুলুর দিকে তাকাল পেইন্টার। হোজা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিলেন। আসলেই কি এই মহিলার পূর্ব পুরুষদের এত ক্ষমতা ছিল?

হোজা নড়ে উঠলেন, “তুমি আন্দাজে কথা বলছ। রাণী সাহেবা কেবলমাত্র উবারের রহস্যকে ধামাচাপা দেবার জন্য এত গুলো নিস্পাপ মানুষকে হত্যা করবেন?”

সাফিয়া হেঁটে তার কাছে উপস্থিত হলো, “এই সিংকহোলের পাশে কোন মরদেহ বা তার কোন অংশ পাওয়া যায়নি। আমার মনে হয় তিনি সবাইকে শহর থেকে কোন না কোনভাবে বাইরে নিয়ে গিয়েছিলেন, এরপর ধ্বসিয়ে দিয়েছিলেন শহরটাকে।”

হোজাকে তাও সন্দিহান মনে হলো, এমনকি সাফিয়ার কাছ থেকে এক পা পিছিয়ে এলেন তিনি।

খোদকদের ওদিক থেকে সোরগোল শোনা গেল, “আমরা কিছু একটা পেয়েছি!” ড্যানি চিৎকার করে বলল। “আরো খোঁড়ার আগেই এসে দেখে যাও।”

ট্রেঞ্চের মত দেখতে ফাটলের ঠিক মাঝখানে তাকিয়ে দেখতে পেল, লাল বালুর চিহ্ন মাত্র নেই ওখানে। ওগুলো যেন বরফ হয়ে গিয়েছে।

“কি ওগুলো?” কারা জানতে চাইল।

সাফিয়া নেমে পড়ল নিচে, সাদা তলের উপর হাত বুলিয়ে বলল, “এগুলো বালু না। ধুনো।”

“কী?” অবাক পেইন্টার জিজ্ঞাসা করল।

“রূপালী ধুনো।” ব্যাখ্যা করল সাফিয়া, “লোহার হৃদপিন্ডেও এই জিনিস ছিল। একধরনের সিমেন্ট বলতে পার। চেম্বারটার মুখ বন্ধ করতে ব্যবহৃত হয়েছে।”

“আর তার নিচে?”

শ্রাগ করল সাফিয়া, “তা জানার মাত্র একটাই পথ আছে।”

০৯:৪৫ এ.এম.

ক্যাসান্দ্রা ওর ল্যাপটাপটা শক্ত করে আঁকড়ে ধরল। আবহাওয়া আর মরুভূমিকে পূর্ন শ্রদ্ধা দেখিয়ে, মোটামুটি গতিতে এগোচ্ছে ওর ট্রাক্টর। এমন ঝড় শুরু হয়েছে যে, কয়েকগজ দূরের জিনিসও দেখা মুশকিল।

ওর পিছু পিছু আসছে যে কোন ধরনের জমিতে চলতে সক্ষম এমন পাঁচটা ট্রাক। একেবারে পিছন পিছন আসছে VTOL কপ্টার বহনকারী যান।

ল্যাপটপের স্ক্রীনে ফুটে ওঠা ঘড়ির দিকে তাকাল সে। ওর দলটাকে রাস্তায় নামাতে প্রায় পনের মিনিট লেগে গিয়েছিল। কিন্তু সময়টা পুষিয়ে নিয়েছে। বিশ মিনিটের মাঝে ওদের শিশুরে পৌঁছে যাবার কথা।

তাও কোন ঝুঁকি না নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে সে, ঝড়টার গতিপথ দেখছে। হিসেব অনুযায়ী, ঝড় আঘাত হানবার ঠিক আগে আগে মরুদ্যানটায় পৌছাবে ওরা। সামনের কয়েকটা ঘন্টা খুব কষ্টকর হবে।

মনিটরের অন্য স্ক্রিনে ফুটে আছে শিশুরের ম্যাপ। গ্রামটার প্রতিটা দালানের ডায়াগ্রাম ফুটে আছে, এমনকি ধ্বংসাবশেষগুলোও বাদ যায়নি। ছোট্ট একটা নীল ঘূর্ণায়মান বৃত্ত-ও আছে। ধ্বংসাবশেষের ঠিক মাঝখানে জ্বলছে।

ড. সাফিয়া আল-মায়াজ। ক্যাসান্দ্রা নীল বৃত্তটার দিকে তাকিয়ে রইল। কী করছ তুমি? ওকে ধোকা দিয়েছে এই মেয়ে, ছিনিয়ে নিতে চেয়েছে ওর পুরষ্কার। ঝড়টাকে ব্যবহার করতে চাইছে। বুদ্ধি আছে বটে মেয়েটার, নিজেকেই বলল ক্যাসান্দ্রা। কিন্তু বুদ্ধি দিয়ে আর কতদূর যাওয়া যায়? সেই সাথে দরকার শক্তি। সিগমা এই জিনিসটা ওকে ভাল করেই শিখিয়েছে। উপযুক্ত শাস্তি পাবে ড. আল-মায়াজ। তুমি বুদ্ধিমতী হতে পার, কিন্তু ক্ষমতা আমার হাতে। সাইড মিররের দিকে চাইল। একশত জন মিলিটারি ট্রেনিং পাওয়া লোক, সর্বাধুনিক অস্ত্র হাতে ওকে অনুসরণ করছে।

ড. আল-মায়াজ হয়তো গুপ্তধন আবিষ্কার করবে। কিন্তু শেষ পর্যন্ত তা আসবে ক্যাসান্দ্রার হাতেই।

ল্যাপটপের স্ক্রিনের দিকে চাইলো আবার। ঝড়টা এলাকার ম্যাপের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে। তাই শিশুরের ম্যাপ সম্বলিত স্ক্রিনের দিকে তাকাল।

আঁতকে উঠে সোজা হয়ে বসল সে। ম্যাপ থেকে নীল বৃত্তটা উধাও হয়ে গিয়েছে।

হারিয়ে গিয়েছে ড. আল-মায়াজ।

০৯:৫৩ এ.এম.

মই ধরে ঝুলছে সাফিয়া। উপরে থাকা পেইন্টারের দিকে একবার চাইল সে। লোকটার হাতে ধরা ফ্লাশলাইটের আলো ওর চোখ ধাঁধিয়ে দিচ্ছে। মিউজিয়ামের কথা মনে পড়ে গেল ওর। সেদিনও ও ঝুলছিল, আর পেইন্টার নিচে দাড়িয়ে ওকে অভয় দিচ্ছিল। এখন ব্যাপারটা উল্টে গিয়েছে। পেইন্টার এখন উপরে আর সে নিচে। কিন্তু এবারও ওকেই অভয় দিতে হচ্ছে।

“আর কয়েকটা ধাপ।” বলল পেইন্টার।

নিচের দিকে তাকাল সাফিয়া, ওমাহা দাড়িয়ে রয়েছে ওখানে। বলছে, “আমি মই ধরেছি।”

সাফিয়ার চারপাশের বাতাসে ধুনোর সুগন্ধ। ওমাহার পায়ের কাছে দলা হয়ে পড়ে আছে ওগুলো। পিক অ্যাক্স ব্যবহার করে চেম্বারের মুখ খুলতে ওদের একদম বেগ পেতে হয়নি।

মুখ খুলে যেতেই, ভেতরটা দেখার জন্য ওমাহা একটা মোমবাতি নিচে নামিয়ে দিয়েছিল। সেই সাথে ভেতরের বাতাস শ্বাসযোগ্য কিনা, তার পরীক্ষাও হয়ে গিয়েছিল। এরপর নিজে মই বেয়ে নিচে নেমে চেম্বারটা পরীক্ষা করে দেখে সন্তুষ্ট হলে পরে সাফিয়াকে নামতে বলে।

আহত এক কাঁধ নিয়ে নামতে বেগ পেতে হচ্ছে সাফিয়ার। শেষের দিকে যখন ওমাহা ওর কোমর জড়িয়ে ধরল, তখন অজান্তেই স্বস্তির নিঃশ্বাস ফেলল মেয়েটা।

“আমি ঠিক আছি।” ওমাহা ওকে ছাড়ছে না দেখে বলল।

লজ্জা পেয়ে হাত সরিয়ে নিল ওমাহা।

পেইন্টারও নেমে এসেছে, তিন তিনটা ফ্ল্যাশ লাইটের আলোয় জ্বলজ্বল করছে চেম্বারের দেয়াল। “মনে হচ্ছে, পিরামিডের মধ্যে আছি।” বলল সে।

নড করল সাফিয়া। তিনটা রুক্ষ দেয়াল এই চেম্বারে। ওমাহা হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে।

“বেলে পাথর।” বলল সাফিয়া, “দেয়াল আর মেঝে-দুটাই বেলে পাথরে তৈরি।”

“সেটা কি খুব গুরুত্বপূর্ণ?” জানতে চাইল পেইন্টার ।

“এই চেম্বারটা প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, মনুষ্য নির্মিত। লাইমস্টোনের উপর বানানো হয়েছে। এরপর বাইরে থেকে ঢেলে দেয়া হয়েছে বালু।”

ওমাহা চোখ তুলে চাইল, “আর এই জায়গাটা যেন কেউ খুঁজে না পায়, সেজন্য সিংকহোলটার উৎপত্তি হয়েছে।”

“কিন্তু কেন?” জানতে চাইল পেইন্টার, “এত ঝামেলার দরকার কী?”

“বুঝতে পারনি?” ওমাহা হাসল।

“কি বুঝতে পারিনি?”ওমাহা ওর দুই হাত ছড়িয়ে দিল, “এই স্থাপনা তুমি আগেও দেখেছ।” পেইন্টার ভ্রু কুঁচকালো। ওমাহা যে দুষ্টুমি করছে, তা পরিষ্কার বুঝতে পারছে সাফিয়া।

“এরকম এক স্থাপনার সাথে বাড়ি খেয়েছিল আমাদের গাড়ি। অবশ্য অনেক ছোট ছিল সেটা।”

পেইন্টারের চোখ বড় বড় হয়ে গেল, “উপাসনার পাথর!”

“ট্রাইলিথ।” বলল ওমাহা, “আমরা একটা বিশাল ট্রাইলিথের মাঝখানে দাঁড়িয়ে আছি।”

সাফিয়ার সন্দেহ হলো, ওমাহা লাফানো শুরু করে দেয় কিনা! তবে ওর নিজেরও যে সে ইচ্ছা হচ্ছিল না, তা বললে মিথ্যা হবে। “চাবিগুলো এখানে নিয়ে আসা দরকার।”

“ঝড়ের কথা ভুলে গেলে?” পেইন্টার সাবধান করে দিল।

“চুলোয় যাক ঝড়,” বলল ওমাহা, “তুমি অন্যদেরকে নিয়ে গ্রামে আশ্রয় নাও। আমি এখানেই থাকব।” সাফিয়ার দিকে তাকাল সে।

নড করল মেয়েটাও, “এই আশ্রয়টাই যথেষ্ট। শুধু কাউকে দিয়ে চাবিগুলো, পানি আর কিছু রশদ পৌঁছে দাও। আমি আর ওমাহা এই সময়টা কাজে লাগাই। হয়তো ঝড় শেষ হবার আগেই রহস্যভেদ করে ফেলব আমরা। ঝড়ের জন্য কাজ বন্ধ রাখলে পুরো এক দিন নষ্ট হবে।

দীর্ঘশ্বাস ফেলল পেইন্টার, “আমিও থাকি।”

“দেখো ক্রো,” বলল ওমাহা, “এখানে তোমার কোন কাজ নেই। তুমি যেমনটা আমাকে বলেছিলে, তেমনটাই বলি-এক্ষেত্রে আমি বেটার। তুমি এখানে থাকলে শুধু ঝামেলা পাকবে।”

চেহারা কালো হয়ে গেল পেইন্টারের। স্বান্তনা দেয়ার ভঙ্গিতে ওর হাতে হাত রাখল সাফিয়া, “ওমাহা ঠিক বলেছে। আর তাছাড়া রেডিও তো রইলোই। কিছু লাগলে, সাথে সাথে জানাব। আমাদের চেয়ে তোমাকে অন্যদের অনেক বেশি প্রয়োজন।”

অনিচ্ছাসত্ত্বেও মেনে নিল পেইন্টার। তবে মইয়ে উঠে একবার সাফিয়া আর আরেকবার ওমাহার দিকে তাকাল সে। “কিছু লাগলে রেডিও তে জানিও।” এরপর সবাইকে নিয়ে রওনা হলো গ্রামের দিকে।

হঠাৎ করেই সাফিয়া উপলব্ধি করতে পারল, ও আর ওমাহা এখন একেবারে একা। একটু আগেই যেটাকে স্বাভাবিক মনে হচ্ছিল, এখন তা অস্বাভাবিক মনে হলো ওর কাছে।

“কোথেকে শুরু করা যায়?” ওমাহা জিজ্ঞাসা করল । “প্রথমে সূত্র খুঁজে দেখা যাক।” পিছিয়ে এসে একে একে তিনটা দেয়ালেই আলো ফেলল সে। দেখতে শুনতে একই মনে হলো দেয়ালগুলোকে। শুধু একটা দেয়ালের মাঝামাঝিতে একটা ছোট চতুর্ভুজাকৃতি গর্ত আছে, হয়তো প্রদীপ রাখার জন্য।

মেঝে থেকে একটা মেটাল ডিটেক্টর তুলে নিল ওমাহা। “এই জিনিস কোন কাজে আসবে বলে-” ওকে মানা করতে চাইল সাফিয়া। কিন্তু ততক্ষণে যন্ত্রটা চালু করে ফেলেছে সে, পিং করে আওয়াজ করল ওটা। “বিগেনারস লাক।” বলল ওমাহা। কিন্তু মেঝে বরাবর যেখানেই ডিটেক্টরটা ধরে ওমাহা, সেখানেই পিং করে ওঠে যন্ত্রটা। যেন সারা মেঝেতে ধাতু ছড়িয়ে আছে। দেয়ালগুলোর দিকে ধরেও একই ফল পেল সে।।

“ওকে।” হার মানল ওমাহা, হাত থেকে নামিয়ে রাখল যন্ত্র। আমার কিন্তু এখন রাণীকে একদম পছন্দ হচ্ছে না।”

“খড়ের গাদায় সূঁচ ঢুকিয়ে রেখেছেন তিনি।”

“প্রযুক্তি বাদ দিয়ে চেষ্টা করে দেখা যাক,”

ওমাহা পকেট থেকে নোট খাতা আর পেন্সিল বের করল। কম্পাস হাতে নিয়ে জিজ্ঞাসা করল, “চাবিগুলো…?”

“কি হয়েছে চাবিগুলোর?”

“যদি ওগুলো উবারের ধ্বংসের সময় বানানো হয়, তাহলে ওগুলো ২০০ বি.সি. এর মূর্তিতে গেল কিভাবে? উবার কি ৩০০ এ.ডি. তে ধ্বংস হয়নি?”

“তোমার চারপাশে একবার তাকিয়ে দেখ।” বলল সাফিয়া, “এরা যে খুব দক্ষ কারিগর, সেটা তো স্পষ্ট। প্রথমে ওই পবিত্র সমাধিগুলো খুঁজে বের করেছে, ওখানে এমনভাবে চাবিগুলো লুকিয়ে রেখেছে যে পরে টের পাবার আর কোন পথ নেই।” মেনে নিল ওমাহা, ম্যাপ এঁকে চলছে ।

রেডিও থেকে হঠাৎ গলার আওয়াজ ভেসে এল। পেইন্টারের গলা, “সাফিয়া, চাবি গুলো আমার হাতে আছে। পানি আর কিছু রশদ নিয়ে আসছি। আর কিছু লাগবে?”

সাফিয়া কিছুক্ষণ ভাবল। এরপর বিশেষ একটা জিনিস নিয়ে আসতে বলল। “ঠিক আছে, আনছি।”

ওমাহা ওর দিকে তাকিয়ে আছে।

কথা শেষ হলে ঘুরে দাঁড়াল ও, দেখতে পেল ওমাহা ওর দিকে তাকিয়ে ওর চোখে চোখ পড়তেই নজর সরিয়ে নিল সে। “যতটুকু পেরেছি,” বলে ম্যাপটা সাফিয়াকে দেখাল সে।

“কোনও কিছু বুঝতে পারছ?” জানত চাইল মেয়েটা।

“সাধারণত, ট্রাইলিথের তিনটা দেয়াল স্বর্গীয় ত্রয়ীকে নির্দেশ করেঃ সাডা, হের্ড আর হাবা।”

“চন্দ্র, সূর্য আর ভোরের তারা। বর্তমানে প্রচলিত নামগুলো বলল সে, “এই এলাকার পূর্ব পর ধর্মগুলো এই ত্রয়ীর উপাসনা করত।”

“কিন্তু কোন দেয়ালটা কার প্রতিনিধি, সেটা বুঝব কিভাবে?” ওমাহা জিজ্ঞাসা করল।

নড করল মেয়েটা, “কোনদিক থেকে শুরু করা যায়?”

“আমি বলি কি, সকাল থেকেই শুরু করা যাক। ভোরের তারা সূর্যোদয়ের সময় দক্ষিণপূর্ব আকাশে ওঠে।” ওমাহা দক্ষিণপূর্ব দেয়ালে হাত রাখল।

“তাহলে বাকি রইল আর দুইটা।” বলল সাফিয়া।

“উত্তরের দেয়ালটা পূর্বপশ্চিম অক্ষের সাথে মিলিয়ে বানানো।”

“আকাশে সূর্য যেভাবে ভ্রমণ করে।” উজ্জ্বল হয়ে গেল সাফিয়ার চেহারা, “উত্তরের দেয়ালের ঐ ছোট গর্তটা সম্ভবত জানালার প্রতিনিধিত্ব করছে। যা দিয়ে ঘরে প্রবেশ করে সূর্যের আলো।”

“তাহলে এই শেষ দেয়ালটা চন্দ্রের প্রতিনিধি।” দক্ষিণপশ্চিম দেয়ালে হাত রাখল সে, “কেন? সেই ব্যাখ্যা অবশ্য দেয়া যাচ্ছে না।”

“কিন্তু দেয়ালগুলোকে কেমন খালি খালি দেখাচ্ছে।” বলল ওমাহা।

“কিছু একটা মিস করছি মনে হচ্ছে…” বলতে বলতে ওর দিকে এগিয়ে এল সাফিয়া।

পদশব্দের আওয়াজ পেইন্টারের উপস্থিতি ঘোষণা করল।

ওমাহা মইয়ের অর্ধেকটা উঠে পেইন্টারের হাত থেকে রশদ নিয়ে নিচে সাফিয়ার হাতে দিল।

“সব ঠিক আছে?” পেইন্টার জানতে চাইল, “অগ্রগতি কেমন?”

“খুব ধীর।” বলল সাফিয়া।

“কিন্তু অগ্রগতি হচ্ছে।” পাশ থেকে জানাল ওমাহা। পেইন্টার সোজা হয়ে দাঁড়াল। বোঝা নামিয়ে রাখলেও, ওকে দেখে মনে হচ্ছিল। পরবর্তী বাতাসের দমকায় যেন উড়ে যাবে।

“নিরাপদ আশ্রয়ে যাওয়া দরকার তোমার।” পেইন্টারকে সাবধান করে দিল সাফিয়া।”

একটু স্যালুট ঠুকে চলে গেল পেইন্টার। “কী যেন বলছিলাম?” হাতের কাজের দিকে ওর মনোযোগ ফিরিয়ে নিল ওমাহা।

১০:১৮ এ.এম.

সিংকহোল থেকে বেরিয়ে এসেই ঝড়ের সামনে পড়ে গেল পেইন্টার। অদ্ভুত এক রাত নেমে এসেছে। সূর্যকে ঢেকে দিয়েছে ধুলো, চোখের এক হাত সামনের জিনিসও দেখতে পাচ্ছে না সে। এমনকি নাইট ভিশন গগলস পরেও কয়েক গজ দূরের জিনিস দেখতে কষ্ট হচ্ছে ওর।

গ্রামের দালানগুলো ঘেঁষে বয়ে যাচ্ছে বালু মিশ্রিত বাতাস, সেই সাথে যেন পানির মত প্রবাহিত হচ্ছে ওর পায়ের নিচের মাটি। বাতাসে বিদ্যুতের গন্ধ, মুখের ভেতর যেন তার স্বাদ পাচ্ছে সে।

অবশেষে ওদের আশ্রয়ের আচ্ছাদনের নিচে এসে পৌঁছুল সে। এখানে ঝড়ের প্রকোপ কিছুটা কম।

ঠিক ওর দুই এক ফুট সামনে, ভূতের মত উদয় হলো এক রেহেম স্কাউট। হাতে রাইফেল, পাহারা দিচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, চোখে দেখার আগ মুহূর্ত পর্যন্ত মেয়েটার উপস্থিতি টের পায়নি পেইন্টার। নড করে এগিয়ে গেল সে, কিন্তু কোনও উত্তর পেল না। কিছু দূর গিয়ে পিছু ফেরে দেখল, ভূতের মতোই উধাও হয়ে গিয়েছে মেয়েটা।

ঝড়ের কারণে এমনটা মনে হলো, নাকি আসলেই মেয়েটার কোন অতিপ্রাকৃত ক্ষমতা আছে? সাফিয়ার বলা গল্প বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ওর। যদিও হোজা তাঁদের মানসিক ক্ষমতার প্রমাণ দেখিয়েছেন। একটা বিছেকে বারবার মাটিতে ৪ মত হয়ে বাঁকতে বাধ্য করেছেন তিনি। তবে সেটা কি আসলেই হোজার মানসিক ক্ষমতা, নাকি সাপুড়েদের মত কোন ট্রিক, তা কে বলতে পারে?

ভাবতে ভাবতে হাতলের কাছে এসে পৌঁছল পেইন্টার। বাতাসের গর্জন এতক্ষণে কান সওয়া হয়ে গিয়েছে। কিন্তু এখন ওর কানে আসছে অন্যরকম একটা শব্দ। মনে হচ্ছে শব্দটা বাতাসের না, বাতাস শব্দটাকে বয়ে আনছে , দাঁড়িয়ে ভাল করে শোনার চেষ্টা করল সে। কিন্তু কিছুই শুনতে পেল না।

ঝড়ের কারসাজি? নাকি সে-ই ভুল শুনেছে? সোজা পূর্ব দিকে চাইল সে। শব্দটা যে ওদিক থেকে এসেছে, এ ব্যাপারে ওর কোন সন্দেহই নেই। দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল সে। ভেতরে মানবদেহ গাদাগাদি করে বসে আছে। কালো সমুদ্রে আইসবার্গ খুঁজে বের করতে যেমন বেগ পেতে হয় না, তেমনি রেহেমদের মাঝ থেকে কোরালকে খুঁজে পেতেও পেইন্টারের বেগ পেতে হলো না। বন্দুক পরিষ্কার করছিল মেয়েটা। ওকে দেখে এগিয়ে এল। পেইন্টারের চেহারার চিন্তিতভাব নজর এড়ালো না মেয়েটার।

“কী সমস্যা?”

১০:২২ এ.এম.

বালিয়াড়ির আড়ালে থেমে দাঁড়িয়েছে ট্রাকগুলো, অপেক্ষা করছে নির্দেশের। শিশুর এখান থেকে মাত্র সিকি মাইল দূরে।

ক্যাসান্দ্রা আর জন কেন ট্রাক্টরে বসে আছে। ক্যাসান্দ্রার পরণে খাকি ফেটিগ, মাথা হুডে ঢাকা আর চোখে নাইট ভিশন গগলস। দশ মিনিট আগে বিশ জন যোদ্ধাকে সামনে পাঠিয়েছে ও, তাদের সাথে কথা বলছে কেন। “রজার দ্যাট। পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা কর।” এয়ার পিসে বলল লোকটা। ক্যাসান্দ্রাকে জানাল, “দলটা গ্রামের কাছে পৌঁছে গিয়েছে।”

“গ্রাম আর ধ্বংসাবশেষ দুজায়গাই ঘিরে রাখতে বল। স্নাইপারদের পজিশন নেবার নির্দেশ দাও। আমি চাই না ওখান থেকে কেউ পালাবার সুযোগ পাক।”

“আই, ক্যাপ্টেন।” নির্দেশ দিতে ব্যস্ত হয়ে পড়ল কেন।

দলের একেবারে পেছনের দিকে যাচ্ছে ওরা। ছয়টা ফ্ল্যাটবেড ট্রাকে VTOL কপ্টার রাখা আছে ওদিকে। একেবারে শেষ দুই ট্রাকের কাছে চলে এল।

“এই দুজন তোমার সেরা পাইলট তো?” ক্যাসান্দ্রা জানতে চাইল। “না হলে, ওদের কপালে দুর্ভোগ আছে।” ঝড়ের দিকে চেয়ে বলল কেন। উভয়েই জানে, বেঁচে থাকতে হলে এই মিশনে সফল হতেই হবে। জবের সমাধিক্ষেত্রের ব্যর্থতা ওদেরকে বিপদে ফেলে দিয়েছে। গিল্ড কমান্ডের কাছে ব্যর্থতার স্থান নেই।

পাইলট দুজনকে আপেক্ষমান অবস্থায় দেখতে পেল ক্যাসান্দ্রা, যার যার হেলমেট বগল দিয়ে চেপে ধরে আছে। ওদের দিকে এগিয়ে গেল সে। ওদের বিশেষভাবে নির্মিত হেলমেটের সাথে লাগানো আছে তার, যেন কপ্টার চালাবার সময় রাডারের ডাটা সরাসরি দেখতে পায়। এই আবহাওয়ায় উড়তে হলে, পুরোপুরি যন্ত্রের উপর নির্ভর করে উড়তে হবে।

ক্যাসান্দ্রাকে চিনতে পেরে সোজা হয়ে দাড়াল ওরা।

“গর্ডন, ফাউলার। এই ঝড়ের মাঝে কপ্টারগুলোকে ওড়াতে পারবে?”

“ইয়েস, স্যার।” বলল গর্ডন, ফাউলারও নড করল, “ইঞ্জিনে যেন বালু না ঢোকে, সেই ব্যবস্থা নেয়া হয়েছে। রাডার সিস্টেমে আপলোড করা হয়েছে বালিঝড় সংক্রান্ত সফটওয়্যার। আমরা তৈরি।”

ভয়ের চিহ্নমাত্র নেই চেহারায়, বরং উল্টো। উত্তেজিত দেখাচ্ছে দুজনকে।

“সরাসরি আমার সাথে যোগাযোগ রাখবে। বুঝতে পেরেছ?”

উত্তরে কেবল নড পেল সে।

“একজন গ্রামটায় স্কাউটিং করবে আর আরেকজন ধ্বংসাবশেষ। কেনের কাছে তোমাদের কপ্টারের কম্পিউটারে জন্য একটা সফটওয়্যার প্যাচ পাবে। আমাদের প্রাইমারি টার্গেটের লোকেশন জানাবে সেই প্যাচ। টার্গেটের যেন কোন ক্ষতি-আবারও বলছি-টার্গেটের যেন কোন ক্ষতি না হয়।”

“বুঝতে পেরেছি, স্যার।” বলল গর্ডন।

“এছাড়া যাকে পাও, গুলি করে মেরে ফেল।” শেষ আদেশটা দিল ক্যাসান্দ্রা।

আবারও নড পেল উত্তর হিসেবে।

ঘুরে দাড়াল ক্যাসান্দ্রা, “তাহলে যাও, কপ্টারগুলোকে হাওয়ায় ভাসাও।”

১০:২৫ এ.এম.

ওমাহা তাকিয়ে তাকিয়ে সাফিয়ার কাজ করা দেখছে। নিজের কাজে মনোস্থির করতে বেগ পেতে হচ্ছে ওর। সাফিয়ার সাথে কাজ করার আনন্দ প্রায় ভুলতে বসেছিল সে। এই মুহুর্তে একাগ্রচিত্তে কাজ করে চলছে মেয়েটা। ভ্রুর উপরে এসেছে জমেছে বিন্দু বিন্দু ঘাম, গালের সাথে লেগে আছে মাটি। এই সাফিয়াকেই চেনে সে। তেল আবিবের ঘটনাটা ঘটার আগে…ঠিক এমনটাই ছিল সাফিয়া।

আরেকবার কি সুযোগ পাওয়া যাবে না? ওদের মাঝে সবকিছু কি একেবারেই শেষ হয়ে গিয়েছে?

সাফিয়া হাত দিয়ে মেঝে পরিষ্কার করছিল । কাজ থামিয়ে ওর দিকে মুখ তুলে চাইল।

নড়ে উঠল ওমাহা, আমুদে স্বরে বলল, “কী করছ? কাজের মেয়ে কাল সকালেই চলে আসবে!”

“এটা দক্ষিণপূর্ব দিক। ট্রাইলিথের এই দেয়ালটা ভোরের তারার প্রতিনিধি।”

“বুঝলাম। তো?”

গত দশ মিনিট ধরে চুপচাপ কাজ করছিল সাফিয়া। পেইন্টারের এনে দেওয়া রশদগুলো সামনে সাজাচ্ছিল। এরপর বেশ কিছুক্ষণ চাবিগুলোকে পরীক্ষা করে দেখেছে।

পূর্বের কাজে ফিরে গেল সাফিয়া, “কোন দেয়াল কার প্রতিনিধিত্ব করে, সেটা আমরা বুঝতে পেরেছি। এখন বের করতে হবে, কোন চাবি কার প্রতিনিধিত্ব করে।

নড করল ওমাহা, “তোমার কী ধারণা?”

“আমাদের ভাবতে হবে প্রাচীন সময়কে মাথায় রেখে।” বলল সাফিয়া।

আশেপাশের দেয়ালের দিকে তাকাল ওমাহা, রহস্য সমাধানে বদ্ধপরিকর, “ভোরের তারা কিন্তু আসলে কোন তারা না। ওটা একটা গ্রহ, ভেনাস।”

“রোমানরা এই গ্রহ আবিষ্কার এবং নামকরণ করেছিল।” সোজা হয়ে দাড়াল ওমাহা, নজর চাবিগুলোর দিকে, “ভেনাস হচ্ছে রোমানদের ভালবাসা আর সৌন্দর্যের দেবী।” ঝুঁকে দাড়িয়ে শেবার রাণীর আবক্ষ মূর্তি সম্বলিত বর্শাটা স্পর্শ করল সে, “আর ইনি যে সুন্দরী, সে ব্যাপারে কোন সন্দেহ নেই।”

“আমিও তেমনটা ভাবছিলাম। জবের সমাধির মতো, এখানেও নিশ্চয় এমন কোন না কোন জায়গা আছে, যেখানে এই চাবিটা ঢুকাতে হবে। মেঝেতে কোন গর্ত?” ওমাহার গর্ত খোঁজায় মন দিল, কিন্তু ওর দৃষ্টি মেঝেতে নয়-অন্য কোথাও।

“ভুল করছ,” বলল সে, “দেয়ালগুলো গুরুত্বপূর্ণ, মেঝে নয়।” দক্ষিণপূর্বের দেয়াল বরাবর হাত বোলাতে শুরু করল সে, “যেহেতু এই দেয়াল ভোরের তারার প্রতিনিধি, সেহেতু এই দেয়ালেই পাওয়া যাবে” | দেয়ালে একটা খাঁজ আবিষ্কার করায় হঠাৎ চুপ হয়ে গেল সে। ওর বুক বরাবর অবস্থিত খাঁজটা। একদম প্রাকৃতিক মনে হয়, আবছা আলোয় পরিষ্কার দেখা পাওয়া অসম্ভব।

সাফিয়া উঠে দাঁড়াল। আনন্দের সাথে বলল, “খুঁজে পেয়েছ!”

“চাবিটা নিয়ে এসো।”

তাড়াতাড়ি গিয়ে লোহার বর্শাটা নিয়ে এল মেয়েটা। এরপর দুইজনে মিলে

গর্তটায় ঢুকিয়ে দিল বর্শাটার দন্ড। এমনকি বর্শার পুরো দেহটা ঢুকে গেল গর্তে! বাইরে রইল শুধু আবক্ষ মূর্তিটুকু।

আরেকটু প্রবেশ করালো সাফিয়া, “এই যে দেখ, দেয়ালের এখানকার খাঁজ গুলো চেহারার খাঁজের সাথে মিলে যায়।” হাতের এক মোচড়ে, খাঁজে খাঁজ মিলিয়ে দিল সে।

“নিখুতভাবে ফিট হয়েছে।”

একপা পিছিয়ে এল সাফিয়া, “তালায় যেমন চাবি ফিট হয়।”

“মূর্তিটা চোখের দৃষ্টি কোথায়, দেখ!”

“চন্দ্রের দেয়ালের দিকে।”

“এবার হৃদপিন্ডটার পালা।” বলল ওমাহা, “কিন্তু কথা হলো, সেটা যাবে কোথায়? চন্দ্রের দেয়ালে না সূর্যের?”

“আমার মনে হয়, সূর্যের দেয়ালে। এই এলাকার সবচেয়ে সম্মানিত ঈশ্বর ছিল চাঁদ। তাই, শেষ চাবিটা চন্দ্রের দেয়ালে হবার সম্ভাবনাই বেশি।”

ওমাহা উত্তর দিকের দেয়ালের কাছে চলে গেল, “তাহলে হৃদপিন্ডটা আসবে এখানে।”

বলে হাতে তুলে নিল হৃদপিন্ডটা। এই দেয়ালের গর্তটা ও আগেই খুঁজে পেয়েছে। ভেবেছিল, ওটা বানানো হয়েছে প্রদীপ রাখার জন্য। কিন্তু এখন মনে হচ্ছে, ঘটনা অন্য । দেয়ালের জানালার মত গর্তটায় হাত বুলিয়ে বলল, “এখানেও খাঁজ কাটা আছে দেখছি।”

খাপে খাপে মেলাতে একটু এদিক ওদিক করতে হলো হৃদপিন্ডটাকে। কিন্তু অবশেষে সক্ষম হলো সে। সোজা হয়ে বসল জিনিসটা।

“বসেছে এবার?” জানতে চাইল ওমাহা।

অবশিষ্ট দেয়ালে হাত বুলালো সাফিয়া, “এখানে কিছু নেই।”

“অন্ধকারে দেখা পাওয়া যাবে এমন কিছু নেই।” বলল ওমাহা।

সাফিয়া ওর দিকে ফিরে বলল, “আলো। এই তিনটার প্রত্যেকটাই আলো দানকারী । সূর্য আলো দেয়, ভোরের তারাও আলো বিকিরণ করে।”

“কিন্তু দেয়টা কাকে?” ভ্রু কুঁচকে বলল ওমাহা। .. পিছিয়ে এল সাফিয়া। মনোযোগ দিয়ে পরীক্ষা করে দেখল দেয়ালটাকে। এবড়ো খেবড়ো, চাঁদের মতই অনেকটা। “ফ্ল্যাশ লাইট।” বিড়বিড় করে বলল সে।।

দুই জনে তুলে নিল দুইটা ফ্ল্যাশ লাইট। ওমাহা দাঁড়াল হৃদপিন্ডটার কাছে আর সাফিয়া, আবক্ষ মূর্তির কাছে।

“লেট দেয়ার বি লাইট।” বলে মাথার উপর ফ্ল্যাশ লাইটটা ধরল ওমাহা। এমনভাবে ধরল, যেন জানালা দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে। উঁচু জানালাদিয়ে প্রবেশ করে সূর্যের আলো।”

“আর ভোরের তারা উজ্জ্বল হয়ে দেখা দেয় দিগন্তে।” বলে হাঁটু গেঁড়ে বসল সাফিয়া। আবক্ষ মূর্তিটার চোখ যেখানে তাকিয়ে আছে, ঠিক সেই বরাবর আলো ফেলল।

দুই কোণ থেকে ফেলা আলো দেয়ালের উপর পড়ে সৃষ্টি করল একটা আকৃতির। পিট পিট করে তাকাল ওমাহা, “দেখে মনে হচ্ছে উটের মাথা, গাভীর মাথাও হতে পারে।”

“ষাঁড়!” সাফিয়া ওমাহার দিকে তাকিয়ে বলল, উত্তেজনায় জ্বলজ্বল করছে ওর চোখ দুইটা। “সাডা, চন্দ্র ঈশ্বরকে চিহ্ন হিসেবে সবাই ষাঁড়ের প্রতিকৃতি ব্যবহার করত। কারণ আর কিছুই না, প্রাণীটার চন্দ্রাকৃতি শিং।”

“কিন্তু, আকৃতিটা লক্ষ করে বলল ওমাহা, “এই ষাঁড়ের শিং কোথায়?” দেয়ালের আকৃতিটার দুই কানের মাঝে কিছুই নেই। সাফিয়া রসদের দিকে ইঙ্গিত করল, “আমি লাইট ধরছি, আমাকে যন্ত্রটা দাও।”

ওমাহা গর্তটার উপর ওর হাতের ফ্ল্যাশ লাইট রেখে দিল। এরপর রসদের কাছে গিয়ে শটগানের মত দেখতে একটা যন্ত্র হাতে তুলে নিল, যন্ত্রটার পিছন দিকটা স্যাটেলাইট ডিশের মত দেখতে। সাফিয়া পেইন্টারকে বিশেষভাবে এই যন্ত্রটাই আনতে বলেছিল। জিনিসটা কিভাবে কাজ করে, তা দেখার জন্য ওমাহা উদগ্রীব হয়ে আছে।

যন্ত্রটা মেয়েটার হাতে দিয়ে, তার কাছ থেকে ফ্ল্যাশ লাইটটা নিল সে। চেম্বারের ঠিক মাঝখানে এসে দাঁড়াল মেয়েটা, হাতের লেজার এক্সক্যাভেটারটা তাক করল দেয়ালের উপর ষাঁড়ের আকৃতির উপর। একটা লাল আলোর বৃত্ত দেখা গেল সেখানে। দীর্ঘ একটা শ্বাস নিয়ে টেনে ধরল যন্ত্রটার ট্রিগার । লাল বৃত্তটা শুরু করে দিল কাজ করা । বালু আর ধুলো উড়তে শুরু করল দেয়াল থেকে। সেই সাথে আরো উজ্জ্বল কিছু একটা। লাল, ধাতুর টুকরা। লোহার গুঁড়া, এতক্ষণে ওমাহা বুঝতে পারল, কেন মেটাল ডিটেক্টরটা পাগলের মত আচরণ করছিল। প্রাচীন আর্কিটেক্টটারা বালুর সাথে লোহা মিলিয়ে চেম্বারটা বানিয়েছিল।

দেয়ালের উপর যেন জাদু দেখাচ্ছিল সাফিয়ার যন্ত্র, এমনভাবে বেলে পাথর কাটছিল যেন মাটি খুড়ছে। ফ্ল্যাশ লাইটের উজ্জ্বল আলোয় ওমাহা দেখতে পেল, দেয়ালের গা থেকে উজ্জ্বল কিছু একটা বেরোচ্ছে।

লৌহ নির্মিত কিছু একটা।

সাফিয়া লেজার একবার উপরে আর আরেকবার নিচে তাক করছে। কয়েক মিনিটের মাঝেই, শিং এর মত দেখতে একটা জিনিস বেরিয়ে এল।

“ষাঁড় যে, সে ব্যাপারে আর কোনই সন্দেহ নেই।” ওমাহা মেনে নিল।

“সাডা” যন্ত্রটা নামিয়ে রাখতে রাখতে বিড়বিড় করে বলল সাফিয়া, “চন্দ্র।”

এগিয়ে গিয়ে শিং এর উপর হাত রাখল সে, যেন নিশ্চিত হতে চাইছে-ওটা আসল। স্পর্শ করতেই নীল স্ফুলিঙ্গ ছুটল। “আউচ!”

“ঠিক আছ তো?”

“হ্যাঁ,” বলল মেয়েটা, “স্থির বিদ্যুতের কারণে শক লেগেছে।” কিন্তু তবুও এক পা পিছিয়ে এল সে, এক দৃষ্টিতে দেয়ালে লাগানো শিং এর দিকে তাকিয়ে আছে।

চন্দ্রাকৃতির শিং, দেয়ালের গা থেকে বের হয়ে এসেছে। এদিকে চেম্বার জুড়ে উড়ছে বালু আর ধুলো। দেয়াল খোদার কারণে উৎপত্তি হয়েছে ওগুলোর।

উপরের দিকে তাকাল ওমাহা, সিংকহোলের উপরের আকাশটা কালো দেখাচ্ছে। কিন্তু তারচেয়ে কালো কিছু একটা আচমকা নিচে নেমে এল। একটা চোখ ধাঁধানো আলো বের হলো জিনিসটা থেকে।

ওহ… নো……..

১০:৪৭ এ.এম.

সাফিয়া টের পেল, ওমাহা কোমর জড়িয়ে ধরে ওকে টেনে সরিয়ে দিচ্ছে। ছায়ার দিকে টেনে নিয়ে যাচ্ছে।

“কী করছ?”

কথা শেষ করতে পারল না সে, তার আগেই মাথার উপর থেকে খুব বেশি উজ্জ্বল একটা আলো চেম্বারে এসে পতিত হলো।

“হেলিকপ্টার”, ওমাহা ওর কানের কাছে মুখ নিয়ে বলল।

এতক্ষণে সাফিয়া শুনতে পেল হেলিকপ্টারের পাখার আওয়াজ।

“ক্যাসান্দ্রা নিশ্চয়।” বলল ওমাহা। কিছুক্ষণ পরেই ওদের উপর থেকে ফ্লাড লাইটের আলো সরে গেল, কিন্তু একেবারে দূরে চলে গেল না কপ্টারটা। ঝড়ের মাঝে কিছু একটা খুঁজছে।

হঠাৎ করেই চেম্বারটাকে আগের চেয়ে বেশি অন্ধকার মনে হতে লাগল। “পেইন্টারকে সাবধান করতে হবে।” বলল সাফিয়া।

মটোরোলা রেডিওটার দিকে এগিয়ে গেল সে। কিন্তু যন্ত্রটাকে স্পর্শ করা মাত্রই শিকার হলো আরেকটা নীলাভ স্ফুলিঙ্গের। হাত টেনে সরিয়ে নিল মেয়েটা। এতক্ষণে স্থির বিদ্যুতের মাত্রা বৃদ্ধি পাওয়াটা বুঝতে পারল সে। মনে হলো, ত্বকের উপর দিয়ে পিঁপড়া হাঁটছে।

“সাফিয়া, ফিরে এসো।

ওমাহার চোখ বড় বড় হয়ে আছে। ওর দিকে এগিয়ে এল সে। তবে ছায়া ছেড়ে বেরোল না। ওমাহার মনোযোগ এখন পুরোপুরি চেম্বারের মাঝখানটার দিকে।

সাফিয়া ওর সাথে যোগ দিল। হেলিকপ্টারের আলো যেখানে পড়েছিল, সেখানে একটা নীলচে আভা দেখা যাচ্ছে। কাঁপছে ওটা, বাতাসে ভাসছে আর ঘুরপাক খাচ্ছে। প্রতিটা মুহর্তে আকারে বড় হচ্ছে।

“স্থির বিদ্যুৎ।” বলল ওমাহা, “চাবিগুলোকে দেখ।”

লোহার তিনটা চাবিই-হৃদপিন্ড, আবক্ষ মূর্তি আর শিং-লালচে বর্ণ ধারণ করেছে।

“বাতাস থেকে বিদ্যুৎকে নিজের দিকে টানছে। ঝড়টার ফলে উৎপন্ন স্থির বিদ্যুৎ টেনে নিচ্ছে।”

কিছুক্ষণের মাঝেই স্পন্দনরত মেঘের আকার ধারণ করল সেই নীলচে আভা।

আরো উজ্জ্বল হয়ে উঠল চাবিগুলো। বাতাস চড়চড় করে উঠল। জামার প্রতিটা ভাঁজে জন্ম নিল স্রোতের মত দেখতে নীল রঙ।

আঁতকে উঠল সাফিয়া। বেলে পাথর বিদাৎ কুপরিবাহী। শিংটাকে খুদে বের করে, নিশ্চয় ওরা কোন ধরনের সার্কিট পূর্ণ করেছে। এখন চেম্বারটা ম্যাগনেটিক বোতলের ন্যায় আচরণ করছে। বন্দি করছে শক্তিকে।

“এখান থেকে পালানো দরকার।” জোরালো গলায় বলল ওমাহা।

সাফিয়া তবুও চেয়ে আছে, মন্ত্রমুগ্ধের মত দেখছে সামনের দৃশ্য। কিভাবে যাবে ওরা? যে জিনিস দেখছে, তার ভিত্তি স্থাপিত হয়েছিল হাজার হাজার বছর আগে। এই জিনিসকে ফেলে কি পালানো যায়?

ওমাহা আঁকড়ে ধরল মেয়েটার কনুই, “স্যাফ, চাবিগুলো!” ওগুলো মিউজিয়ামের লোহার উটের মত আচরণ করছে। দেখ, এখানেও একটা বল লাইটনিং তৈরি হচ্ছে।”

বিট্রিশ মিউজিয়ামের স্মৃতি ফিরে এল সাফিয়ার মনে। ঠিকই বলেছে ওমাহা।

“আমার মনে হয়, আমরা অজান্তেই একটা বোমা চালু করে ফেলেছি। সাফিয়াকে টানতে টানতে মইয়ের কাছে নিয়ে বলল ওমাহা, “যেকোন মুহূর্তে ফাটবে।”

মইয়ের প্রথম ধাপে পা রাখতেই, সাদা আলোতে ভরে উঠল দুনিয়া। কুঁচকে উঠল ওর দেহ, যেন ও কোন হরিণী। আর শিকারি ওর উপর আলো ফেলেছে। ফিরে এসেছে হেলিকপ্টারটা, চক্কর দিচ্ছে মাথার উপরে।

মৃত্যু ওদের জন্য অপেক্ষা করছে উপরে।

কিন্তু সমস্যা হলো, নিচেও যে সে মুখ হাঁ করে বসে আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *