ব্লাড অন দ্য ওয়াটার

ব্লাড অন দ্য ওয়াটার

৩ রা ডিসেম্বর, ০১:০২ পি.এম.

আরব সাগর

রেইল ধরে দাঁড়িয়ে আছে সাফিয়া, ভেসে পার হয়ে যাচ্ছে দূরত্ব। থেকে থেকে আওয়াজ করে উঠছে বিশাল জাহাজটা। রাতের বাতাসে পতপত করে উড়ছে পাল। মেয়েটার মনে হচ্ছে, অন্য এক সময়ে চলে এসেছে যে। এমন সময় যখন পথিবীতে চলত শুধু বাতাস, পানি আর বালুর রাজত্ব। মাসকাটকে অনেক পেছনে ফেলে এসেছে ওরা। মাথার উপর তারা উঁকি দিচ্ছে মেঘের ফাঁকে ফাঁকে।

সাবাব ওমান সালালাহ পৌঁছাবার আগেই বৃষ্টি হবার সমূহ সম্ভাবনা রয়েছে। ক্যাপ্টেন অবশ্য আবহাওয়ার খবর সবাইকে জানিয়ে দিয়েছে। দশ ফুট উঁচু উঁচু ঢেউ এর সম্মুখীন হবার সম্ভাবনার কথাও জানিয়েছে। “সাহাবের অবশ্য কোন সমস্যা হবে না।” হাসতে হাসতে বলল সে, “কিন্তু হালকা দুলুনি হতে পারে। বৃষ্টির সময় কেবিনে থাকলেই ভালো হয়।”

তাই বৃষ্টি আসবার আগের সময়টুকু খোলা আকাশের নিচে কাটাতে চায় সাফিয়া। সারাদিনের উত্তেজনার পর, কেবিনটাকে বড় বেশি ক্ষুদ্র মনে হচ্ছে।

পেছন থেকে কথা বলে উঠল কেউ একজন, “আমাদের পরিচিত সভ্যতার সর্বশেষ দৃশ্য।” মাসকাটের মিলিয়ে যেতে থাকা ছবির প্রতি ইঙ্গিত।

ক্লে বিশপ এগিয়ে এসে দাড়াল ওর পাশে, একহাতে রেলিং শক্ত করে আঁকড়ে ধরে আছে। অন্য হাতে জ্বলন্ত সিগারেট।

আচমকা অনুপ্রবেশের কারণে বিরক্ত হলেও, আচরণে তা প্রকাশ করল না সাফিয়া। “ঐ আলোগুলো শহরটার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনার। সেটা কী, বলতো মি. বিশপ?”

শ্রাগ করল ছেলেটা। বলল, “তেল পরিশোধনাগার?”

এই উত্তরটাই আশা করেছিল সে, কিন্তু তা ভুল। “না। পানি লবণমুক্ত করন ব্যবস্থাপনা। ওখান থেকে সারা শহরে স্বাদু পানি সরবরাহ করা হয়।”

“পানি?”

“হ্যা । তেল আরবের সম্পদ হতে পারে, কিন্তু পানি হলো এর জীবন।”

পশ্চিমের খুব কম মানুষ এই ব্যাপারটা জানে। এই এলাকায় পানি সংক্রান্ত চুক্তিগুলো এখন তেল সংক্রান্ত চুক্তির চাইতেও দামী।

ক্লে অবশেষে বলল, “পান করার জন্য হুইস্কি আর পানি মারামারির জন্য।”

বুঝতে পারল না সাফিয়া। “মার্ক টোয়েন বলেছিলেন।” বুঝিয়ে বলল ছেলেটা।

আসলেই তাই, এখানকার পরিস্থিতি বোঝাবার জন্য এরচেয়ে ভালো লাইন হয় না, “একদম ঠিক বলেছ মি. বিশপ।”

পোষাক আষাকে অন্যরকম মনে হলেও, ক্লে আসলে বেশ বুদ্ধিমান এক যুবক। এই অভিযানে ওকে সঙ্গে আনার এটাও একটা কারণ। একদিন খুব ভালো গবেষক হতে পারবে সে।

সিগারেটে আরেকটা টান দিল ক্লে। আগুনের আবছা আলোয় সাফিয়া দেখতে পেল, এত জোরে ছেলেটা রেলিং আঁকড়ে ধরেছে যে, আঙুলের গিঁটগুলো পর্যন্ত সাদা হয়ে আছে।

“ঠিক আছ তো?”

“সমুদ্রের ভক্ত আমি কোন কালেই ছিলাম না।”

ছেলেটার হাতে আলতো করে হাত রাখল সাফিয়া, “ঘুমাতে যাও, মি. বিশপ।”

এদিকে ডেক জুড়ে কাজ করে বেড়াচ্ছে কম বয়সী ট্রেইনিরা। ওমানের রয়াল নেভীর ট্রেইনিদের অনেককে অভিজ্ঞতার জন্য সাহাব ওমানে কাজ করতে পাঠানো হয়। সবসময় চালাতে হয় জাহাজটাকে। এইতো আর মাস দুয়েক পরেই প্রেসিডেন্ট’স কাপ নৌকা বাইচ টুর্ণামেন্টে অংশ নিবে সাবাব ওমান।

ডেকের মাঝখান থেকে ভেসে আসা চিৎকার আর আরবী গালির ফুলঝুড়িতে ভেঙে গেল রাতের নীরবতা। ঘুরে দাঁড়িয়ে সাফিয়া দেখতে পেল, মাঝডেকের কার্গো হ্যাচটা খুলে গিয়েছে। একজন নাবিককে অজ্ঞান করে ফেলেছে। আরেকজন খোলা হ্যাচ দিয়ে দৌড়ে বেরিয়ে এসেই ঝাঁপ দিল পাশে। নাবিকের লম্ফ ঝফের কারণটাও এক মুহূর্ত পর দেখা গেল। ডেকের কাঠে খুরের আঘাতের আওয়াজ শুনতে পেল সবাই। সাদা একটা স্ট্যালিয়ন ডেকে এসে উপস্থিত হয়েছে। নিচে, কার্গো হোন্ডে এতক্ষণ আটকে থাকাটা তার একদম পছন্দ হয়নি। চাঁদের রূপালি আলোয়, প্রাণিটার কেশর রূপার মতই দেখাচ্ছে।

“জেসাস!” ক্লে সাফিয়ার পাশ থেকে বলে উঠল। পেছনের পা দুটো তুলে ফেলল ঘোড়াটা, সাফিয়া হ্রেষা শুনতে পেল এত দূর থেকেও। ঘোড়াটাকে বেঁধে রাখা রশিটা ছিড়ে গিয়ে এই কান্ড ঘটেছে।

নাবিকেরা ঘিরে ধরল রাজকীয় প্রাণিটিকে, চেষ্টা করল কার্গো হোল্ডে ফিরিয়ে নেবার। কিন্তু সে কথা ঘোড়াটা শুনলে তো!

নিচে যে মোট চারটা ঘোড়া আছে তা জানে সাফিয়া, তাদের মাঝে দুটো স্ট্যালিয়ন আর দুটো মাদী। সালালাহের বাইরে যে রাজকীয় ঘোড়া প্রজনন ফার্ম আছে, সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল ওগুলোকে।

রেইলের পাশে দাড়িয়ে ঘোড়া আর মানুষের যুদ্ধ দেখছে সাফিয়া। ল্যাপোর মত করে একটা দড়ি ব্যবহার করতে চাইল কেউ। কিন্তু সফল তো হলোই না, বরং কপালে জুটল একটা ভাঙা পা।

তান্ডব নৃত্য নাচছে স্ট্যালিয়নটা। নাবিকদের চিৎকারে কান পাতা দায়। হঠাৎ এক নাবিকের হাতে রাইফেল দেখা গেল। ঘোড়াটাকে সামলানো না গেলে প্রাণহানির ঘটনা ঘটাও অসম্ভব না।

“লা! না!”

অর্ধ-নগ্ন একটা দেহ নাবিকদের মাঝ দিয়ে ছুটে এল। পেইন্টার ক্রোর পরনে শুধু একটা বক্সার। দেখে জঙ্গলী বলে ভ্রম হয়। এলোমেলো চুল দেখে সাফিয়া বুঝল, এই চিঙ্কার চেঁচামেচিতে সদ্য ঘুম ভেঙেছে ওর।

একটা দড়ির উপরে রাখা তারপুলিন নিয়ে ঘোড়াটার দিকে দৌড়ে গেল সে। “ওয়া-রা!” আরবীতে বলল, “সরে যাও!” প্রথমে নাবিকদের দূরে সরাল পেইন্টার, এরপর হাতে ধরা তারপুলিনটা নাচাল। স্ট্যালিয়নটার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হলো ও। প্রাণিটা আবার খুর দিয়ে ডেকের উপর আঘাত করল, সাবধান করছে আমেরিকান বিজ্ঞানীকে। কিন্তু কয়লার মত কালো চোখটার দৃষ্টি তারপুলিন আর সেটা ধরা পেইন্টারের ওপর ন্যস্ত।

“ই-আহ!” পেইন্টার চিৎকার করে হাত নাড়ল। এক পা পিছিয়ে গেল ঘোড়াটা, আর সেই সুযোগে এক পা এগিয়ে গেল সে। তবে ঘোড়াটার দিকে নয়, তার পাশের দিকে। তারপুলিনটা ওটার উপর ছুড়ে মারল, পুরোপুরি ঢেকে গেল প্রাণিটার মাথা।

অনেক চেষ্টা করেও মাথা থেকে তারপুলিনটা সরাতে সক্ষম হলো না স্ট্যালিয়ন। কাঁপতে কাঁপতে স্থির হয়ে দাড়াল, কিছু দেখতে পাচ্ছে না। পেইন্টার কয়েক পা দূরে দাঁড়িয়ে রইল। নরম গলায় আস্তে আস্তে ঘোড়াটাকে উদ্দেশ করে কিছু একটা বলল সে। একটু শান্ত হলে, স্ট্যালিয়নটার পাশে গিয়ে হাত রাখল তার পেটে। মাথা নাড়ল প্রাণিটা, কিন্তু অনেক আস্তে।

আরেকটু কাছে এসে এবার ঘোড়াটার গলায় হাত বুলালো পেইন্টার, নরম স্বরে কথা বলেই যাচ্ছে। অন্য হাত দিয়ে ছেঁড়া দড়িটা ধরল। আস্তে আস্তে ঘোড়াটার মুখ ঘুরিয়ে ফেলল ও।

কিছু দেখতে পাচ্ছে না বলে, চেনা সংকেতের প্রতি সাড়া জানালো বোবা প্রাণীটা। মানুষকে বিশ্বাস করা ছাড়া এখন আর কোন উপায় নেই।

একজন নাবিকের সাথে কথা বলল পেইন্টার, কী বলল তা বুঝতে পারলো না সাফিয়া। কিন্তু দেখল নড করে নাবিকটা ওকে পথ দেখিয়ে নিচে নিয়ে গেল।

“অসাধারণ।” সিগারেটের আগুন নেভাতে নেভাতে বলল ক্লে।

উত্তেজনা শেষ হতে যার যার কাজে ফিরে গেল ক্রু। সাফিয়া ওর চারপাশে তাকাল। কারার দলের প্রায় সবাই ডেকে উপস্থিত। তার মাঝে কেবল কারা আর ওমাহা কাপড় পাল্টায়নি, নিশ্চয় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল। ওদের পাশে দাড়ি আছে চারজন লম্বা, শক্ত দেখতে লোক। পরনে মিলিটারি ফেটিগ। চারজনের একজনকেও চিনতে পারল না সাফিয়া। হ্যাচ থেকে ফিরে এল পেইন্টার। জাহাজের ক্রুরা ঘিরে ধরল ওকে, কয়েকজন তো পিঠে চাপড় বসিয়ে দিল। হঠাৎ পাওয়া এই জনপ্রিয়তায় ব্ৰিতবোধ করছে পেইন্টার। সাফিয়া অবচেতনভাবে এগিয়ে গেল ওর দিকে। “ভালো দেখিয়েছ। যদি গুলি করতে হত-”

“তা হতে দিতাম না। প্রাণিটা ভয় পেয়ে গিয়েছিল।” কারা ওর পাশে এসে দাঁড়াল, বুকের উপর আড়াআড়িভাবে হাত বেঁধে আছে। মনে কি চলছে, তা মুখ দেখে বোঝার উপায় নেই।

“সুলতানের চ্যাম্পিয়ন ঘোড়া ওটা। আজরাতের সব খবর তার কানে অবশ্যই পৌঁছাবে। ভালো একজন বন্ধু বানিয়ে নিলে।”

শ্রাগ করল পেইন্টার, “কাজটা ঘোড়ার ভালোর জন্য করেছি।” ওমাহা কারার পাশে দাঁড়িয়ে আছে।

চেহারা লাল হয়ে আছে ওর, “ওমন স্টান্টবাজি কোথায় শিখেছ, টন্টো?”

“ওমাহা…” সাবধান করে দিল সাফিয়া।

পেইন্টার অপমানটুকু গায়ে মাখল না, “নিউ ইয়র্ক সিটির ক্লেয়ারমন্ট আস্তাবলে। ছোট বেলায় ওটা পরিষ্কার করতাম।” সে যে অর্ধ-নগ্ন তা এততক্ষণে টের পেল যেন, “আমার কেবিনে ফেরা উচিত।”

কারা বলল, “ড, ক্রো, ঘুমাতে যাবার আগে আমার কেবিন হয়ে গেলে ভালো হয়। পৌঁছাবার আগে তোমার সাথে কিছু কথা সেরে নিতে চাই।”

আচমকা বন্ধুত্বপূর্ণ প্রস্তাবটা পেয়ে বড় বড় হয়ে গেল পেইন্টারের চোখ, “অবশ্যই।”

ও অবাক হলেও সাফিয়া হয়নি। ঘোড়ার প্রতি কারা বরাবর দূর্বল। মেয়েটা নিজেও খুব দক্ষ ঘোড় সওয়ার। পেইন্টার সময়মত নাক গলানোতে সেও খুশি কম হয়নি।

সাফিয়াকে গুড নাইট জানিয়ে নড করল পেইন্টার । নড করেই উত্তর দিল সাফিয়া। কারার পাশে দাঁড়ানো লোক চারজনকে অতিক্রম করে চলে গেল সে। অন্যরাও যার যার কেবিনে চলে গেল, শুধু ওমাহা দাড়িয়ে রইল।

কারা মুখ নামিয়ে অপরিচিত চারজনের একজনকে উদ্দেশ করে আরবীতে কিছু একটা বলল। চারজন চারটা শামাগ (এক ধরনের পোষাক, মাথায় পরা হয়) আর মিলিটারি খাকি পরে আছে। সবার সাথে আছে অস্ত্র। কারা যার সাথে কথা বলছিল, তার বেল্টে একটা বাঁকানো ড্যাগার দেখতে পেল সাফিয়া। জিনিসটা যে বহুবার ব্যবহার করা হয়েছে তা স্পষ্ট বুঝতে পারল সে। এই লোকটাই দলনেতা। কারার কথা শুনে, দলের অন্যান্যদের তা জানালো লোকটা। চলে গেল তারাও।

“কে লোকটা?” জানতে চাইল সাফিয়া।

“ক্যাপ্টেন আল-হাফি।” উত্তর দিল কারা, “ওমান মিলিটারির বর্ডার পেট্রোলের সদস্য।”

“ডেজার্ট ফ্যান্টম।” বিড়বিড় করে বর্ডার পেট্রোলের প্রচলিত নামটা জানালো ওমাহা।

এরা ওমানের স্পেশাল ফোর্স। মরুভূমির স্মাগলার আর মাদক চোরাচালানকারীদের শায়েস্তা করা ডেজার্ট ফ্যান্টমের দায়িত্ব। পৃথিবীতে এর চেয়ে রুক্ষ মানুষ আর নেই। ব্রিটিশ আর আমেরিকান স্পেশাল ফোর্সেস টিমের সদস্যরা এদের কাছ থেকেই মরুভূমির যুদ্ধ কৌশল আর ওই বৈরি পরিবেশে বেঁচে থাকার উপায় শেখে।

কারা জানাল, ক্যাপ্টেন আর তার স্কোয়াড নিজে থেকে আমাদের এই অভিযানের বডিগার্ড হতে চেয়েছে। সুলতান কাবুস অনুমতি দিয়েছেন।”

“সূর্য ওঠার আগে কয়েকঘন্টা ঘুমিয়ে নেই। সাফিয়ার দিকে চোরা চোখে চাইল ওমাহা, “তোমারও ঘুমিয়ে নেয়া উচিত। সামনে অনেক লম্বা একটা দিন পড়ে আছে।” শ্রাগ করল সাফিয়া, তর্ক করতে চায় না।

ঘুরে দাঁড়িয়ে চলে গেল ওমাহা, এক দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল সাফিয়া। পুরাতন অনেক স্মৃতি এসে ভিড় জমাচ্ছে মনে। ওমাহা যে সুদর্শন, তা স্বীকার করা ছাড়া উপায় নেই। নীল চোখ, বালুরঙা চুল আর লম্বা দেহ-বেশ আকর্ষণীয়। এক মুহূর্তের জন্য সাফিয়ার ইচ্ছে হলো হাত বাড়িয়ে ওকে ছোঁয়। কিন্তু, কী লাভ?

কারার দিকে ফিরে দেখল, বান্ধবী ওর দিকেই তাকিয়ে আছে। মাথা নাড়ল মেয়েটা, “মৃতকে মৃতই থাকতে দাও।”

০১:৩৮ এ.এম.

ভিডিও মনিটরে ডাইভ টিমটাকে দেখতে পাচ্ছে ক্যাসান্দ্রা। কমান্ড বোটের ইঞ্জিনের আওয়াজকে অগ্রাহ্য করে ঝুঁকে আছে ও। ভিডিওটা আসছে টিম দ্য আর্গস থেকে। পাঁচ মাইল দূরে আর বিশ ফ্যাদম নিচে অবস্থান করছে ওটা।

আর্গসের চেম্বার দুটো। পেছনের চেম্বারটা পাইলট আর কো-পাইলটের জন্য। আর স্টার্ণের চেম্বারটা সমুদ্রের পানি দিয়ে ভরে ফেলা যায়, সাধারণত দুই অ্যাসল্ট ডাইভার থাকে ওখানে। আজও আছে। ভেতরের আর বাইরের চাপ সমান হলে খুলে গেল স্টার্ণের দরজা। পানিতে বের হয়ে এল দুই অ্যাসল্ট টিম মেম্বার, দুজনের কোমরে আছে পালস জেট। এগুলোও ডারপার ডিজাইন। গতি বাড়াতে কোন জুড়ি নেই। অনেক গুলো বিস্ফোরকও বয়ে নিয়ে যাচ্ছে দুই জন।

প্রায় অস্ফুট আওয়াজ শুনতে পেল ক্যাসান্দ্রা, “টার্গেটকে স্ক্যানারে ধরা সম্ভব হয়েছে।” আর্গসের ক্যাপ্টেন জানাল, “অ্যাসল্ট টিমকে কাজ শুরু করতে বলা হচ্ছে, ইটিএ সাত মিনিট (ইটিএ-এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল, লক্ষ্যে পৌঁছাবার সম্ভাব্য সময়)।”

“ভাল।” বলল ক্যাসান্দ্রা। “জিরো টু হান্ড্রেড আওয়ারে (রাত দুটো) মাইন ফাটবে।” কথা শেষ করল পাইলট। | “জিরো টু হান্ড্রেড আওয়ার, রজার দ্যাট।” বলে লাইন কেটে দিল মেয়েটা, জন কেনের দিকে তাকাল।

ওর দিকে একটা স্যাটেলাইট ফোন এগিয়ে দিল কেন, “স্ক্রাম্বলড লাইন, শুধু তোমার জন্য।”

ফোনটা হাতে নিল ক্যাসান্দ্রা। শুধু তোমার জন্য। এর অর্থ ওর উপরওয়ালা ফোন দিয়েছে। মাসকাটের ব্যর্থতার খবর এতক্ষণে তাদের পেয়ে যাবার কথা, সে নিজে রিপোর্ট পাঠিয়েছে। তবে ওই অদ্ভুত বেদুঈন মেয়ের কথা কিছু বলেনি। এই নিয়ে দ্বিতীয়বার হৃদপিন্ডটাকে নিজের আয়ত্বে নিতে ব্যর্থ হলো সে।

একটা ধাতব গলা কথা বলে উঠল, গোপনীয়তা রক্ষা করার জন্য এই ব্যবস্থা। কথা বলছেন গিল্ডের প্রধান, যাকে দ্য মিনিস্টার নামে ডাকা হয়। মনে হতে পারে যে পুরো ব্যাপারটা হাস্যকর। কিন্তু গিল্ডের গঠন প্রণালি অনেকটা টেরোরিস্টদের মত। কেবল মাত্র প্রয়োজন পড়লে, তথ্য আদান প্রদান করা হয়। সবাই যার যার মত স্বাধীন, তবে রিপোর্ট করতে হয় ঠিক তার উপরের জনের কাছে। মিনিস্টারকে কখনও দেখেনি ক্যাসান্দ্রা, আসলে মাত্র তিন জনের সেই সৌভাগ্য হয়েছে। এই তিন জন হলেন লেফটেন্যান্ট, বিদেশী কাজ-কর্ম দেখা শোনা করে। একদিন লেফটেন্যান্ট হবার স্বপ্ন দেখে ক্যাসান্দ্রা।

“গ্ৰে লিডার,” ধাতব গলাটা ওর এই মিশনের কোড নেম দিয়ে সম্বোধন করল, “মিশনের উদ্দেশ্য পরিবর্তন করা হয়েছে।”

শক্ত হয়ে গেল মেয়েটা। টাইম শিডিউলটা মাথায় খোদাই করে নিয়েছিল ও। ভুল করার কোন সুযোগ নেই। প্রথমে সাবাবের ডিজেল ইঞ্জিন বিস্ফোরিত হবে, এই সিগন্যাল পেয়ে জেট স্কিগুলো ছুটবে। সেই সাথে থাকবে একটা অ্যাসল্ট টিম। সব ধরনের যোগাযোগ করার পথ বন্ধ করে দেবে। লোহার হৃদপিন্ডটা হাতে এলে, জাহাজটাই উড়িয়ে দেয়া হবে। “স্যার, দলগুলো কাজে নেমে পড়েছে।”

“প্ল্যান পরিবর্তন করে নাও।” মিনিস্টার যেন কিছু শুনতে চাচ্ছেন না, “হৃদপিন্ড আর কিউরেটর, দুটোই আমার চাই। বুঝতে পেরেছ?”

ক্যাসান্দ্রা অবাক হলেও প্রকাশ করল না। এই আদেশ, সাধারণ আর দশটা আদেশ না। প্রথমে যে পরিকল্পনা করা হয়েছিল, অর্থাৎ শুধু লোহার হৃদপিন্ডটা দখল করার কথা ছিল যখন, তখন সাবাব ওমানের সবাইকে মেরে ফেলার নির্দেশ দেয়া হয়েছিল।

“কিউরেটরকে কেন দরকার, তা জিজ্ঞাসা করতে পারি কী?”

“স্টেজ টু এর জন্য দরকার হতে পারে। আমাদের যে আরব বিশেষজ্ঞকে কাজে লাগানোর কথা ছিল…সে একটু দোনোমোনো করছে। আর এই মিশন সফল হবার জন্য চাই গতি, দেরী করলে হয়তো পরাজিত হতে হবে, তাই।”

“ইয়েস স্যার।”

“সফল হবার পর আবার যোগাযোগ করো।” কথাটুকুর মাঝে লুকানো হুমকি পরিষ্কার টের পেল মেয়েটা। জন কেন দুই পা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছে।

ক্যাসান্দ্রা ওকে উদ্দেশ করে বলল, “পরিকল্পনায় পরিবর্তন এসেছে। তোমার লোকদের জানিয়ে দাও। আমরা প্রথমে যাব।” অন্ধকার সাগরের দিকে তাকাল সে, দূর সমুদ্রে জাহাজটার আলো জ্বলজ্বল করে জলছে।

“কখন বেরোব?”

“এখুনি।”

০১:৪২ পি.এম.

কেবিনের দরজায় নক করল পেইন্টার ক্রো। এখন যে স্যুইটের সামনে দাঁড়িয়ে আছে, সেটা প্রেসিডেন্সিয়াল সুইট। বড় বড় বিজনেস ম্যাগনেট আর ক্ষমতাবান ব্যক্তি ছাড়া এখানে কারও থাকার সৌভাগ্য হয় না। বর্তমানে লেডী কারা কেনসিংটন থাকেন এতে। সাবাব ওমানে উঠেই এর আকৃতির ব্যাপারে সমুদয় তথ্য ডাউনলোড করে নিয়েছে পেইন্টার। তাই এমনকি ভেতরে ঢুকে কী দেখতে পাবে, তাও অজানা নেই।

একজন কেবিন স্টুয়ার্ড এসে দরজা খুলে দিল।

“ড. ক্রো ” অল্প একটু বাউ করল সে, “লেডী কেনসিংটন আপনার জন্য অপেক্ষা করছেন।”

কারাকে যখন দেখতে পেল, তখন মেয়েটা কাপড় পাল্টে পুরু সুতির রোব পরে আছে। পা খালি।

স্টুয়ার্ড পেইন্টারকে নিয়ে ঢুকতেই ফিরে তাকালো সে “অনেক ধন্যবাদ, ইয়ান্নি।”

স্টুয়ার্ড বাউ করে বেরিয়ে গেলে, পাশের একটা খালি সোফার দিকে ইঙ্গিত করল মেয়েটা, “বসো। পানীয় অফার করতে পারছি না বলে দুঃখিত। জাহাজটা আরবের মতই শুষ্ক।”

“অসুবিধা নেই।” বসতে বসতে বলল পেইন্টার, “আমি পান করি না।”

“কেন? অতিরিক্ত আসক্তি জন্মায়?”

“না। ইচ্ছা হয় না।” শ্রাগ করল মেয়েটা। “আমাকে আসতে বলেছিলে, পরিস্থিতি সম্পর্কে আলোচনা করার কথা ছিল।”

“হুম, আমাদের হাতে কী কী রশদ আছে সেই তালিকা সকালের মাঝে তোমার কাছে পৌঁছে যাবে।”

ছোট ছোট হয়ে এল পেইন্টারের চোখ, “তাহলে এই জরুরী তলব কেন?”

“সাফিয়া।” এতটা স্বাভাবিকভাবে মেয়েটা বলল যে অবাক হয়ে গেল ও। পেইন্টার মেয়েটার মুখের দিকে তাকাল।

“তোমার দিকে যে দৃষ্টিতে তাকায়…” দীর্ঘ একটা বিরতি দিল কারা, “যতটা মনে হয়, ও তারচেয়েও নাজুক।”

আর তুমি যতটা ভাব, তারচেয়ে শক্ত-আপনমনে বলল সে।

“তুমি যদি ওকে শুধু ব্যবহার করার উদ্দেশ্যে ওর সাথে খাতির জমাও, তাহলে বলব-কাজ সারার পর, পৃথিবীর কোথাও তুমি লুকাবার জায়গা পাবে না। যদি শারীরিক আকর্ষণ থেকে থাকে, তাহলে বলব-ভুলে যাও। নাহলে হয়তো শরীরের কোন বিশেষ অঙ্গ খোয়াতে হতে পারে। এবার বলো, কোনটা?”

ডানে-বায়ে মাথা নাড়ল পেইন্টার। “কোনওটাই না।”

“ব্যাখ্যা কর।”

চেহারা অপরিবর্তিত রাখল পেইন্টার । কারার সাহায্য পেলে ওর মিশনটা সহজ হয়ে যাবে। কিন্তু চুপ করে রইল ও, কারণ কোনও মিথ্যা কথা খুঁজে পাচ্ছে না। অথচ সত্যের কাছাকাছি, এমন মিথ্যাই অধিক বিশ্বাসযোগ্য। কিন্তু সত্যটা কী? সাফিয়ার প্রতি ওর অনুভুতিটা আসলে কেমন?

এই প্রথমবারের মতো নিজের মনকে পরীক্ষা করে দেখল পেইন্টার। সাফিয়া। আকর্ষনীয়, কোন সন্দেহ নেই এতে। ওর সবুজাভ চোখ, কফি রঙা চামড়া এমনকি চেহারা উজ্জ্বল করা হাসিটাও ওর খুব পছন্দের। কিন্তু জীবনে সুন্দর মেয়ে কম আসেনি। তাহলে সাফিয়ার মাঝে বিশেষ এমন কি আছে? মেয়েটা স্মার্ট, সফল এবং নিঃসন্দেহে এমন এক অভ্যন্তরীণ শক্তির অধিকারী যা অনেকের নজর এড়িয়ে যায়।

ক্যাসান্দ্রাও এমন ছিল। কিন্তু তারপরও মেয়েটার সাথে ঘনিষ্ট হতে দীর্ঘ পাঁচ বছর সময় লেগেছিল পেইন্টারের। সাফিয়ার প্রতি আকৃষ্ট হতে কয়েক দিন পর্যন্ত লাগেনি। কিন্তু কেন?

কারণটা আঁচ করতে পারছে পেইন্টার, কিন্তু মানতে পারছে না। মিউজিয়ামের কথা মনে পড়ে গেল ওর, কিভাবে মেয়েটা কাঁধ জড়িয়ে ধরেছিল। স্বস্তির নিঃশ্বাস আর চোখে জল, দুটোই ছিল তখন চোখে। যেন জাগিয়ে তুলেছিল ওর ভেতরের পুরুষত্বকে। ক্যাসান্দ্রা ছিল একদম শক্ত একটা মেয়ে। কিন্তু সাফিয়া? সাফিয়ার মাঝে নরম আর শক্ত অংশ সমভাবে বিদ্যমান।

পেইন্টার জানে, এই বৈপারিত্তের উপস্থিতি ওকে টানছে মেয়েটার দিকে। “বললে না?” কারা চাপ দিল। প্রথম বিস্ফোরণের আওয়াজটা ওকে উত্তর দেবার হাত থেকে বাঁচিয়ে দিল।

০১:৫৫ এ.এম.

প্রচন্ড জোরালো আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল ওমাহার। চমকে উঠে বসে পড়ল সে। জাহাজের কম্পন টের পাচ্ছে। ও জানত, ঢেউ এর সামনে পড়তে হতে পারে। কিন্তু তাই বলে এত জোরালো কম্পন?

উপরের বাংকে শোয়া ড্যানিও ঘুম থেকে উঠে পড়ল। “কী হলো?” বন্দুকের আওয়াজ আর তারপর ভেসে আসা আর্তচিৎকার জবাব দিল ওর প্রশ্নের ।

“আমাদের উপর হামলা চালান হয়েছে।”

চশমাটা কোনওমতে চোখে গলাতে গলাতে ড্যানি জানতে চাইল, “কে আক্রমণ করছে? কেন করছে?”

“আমি কিভাবে বলব?”

ওমাহা পায়ের উপর খাড়া হয়ে শার্টে হাত গলিয়ে দিল। পিস্তল আর শটগানটা হোল্ডে রেখে এসেছে বলে নিজেকেই গালমন্দ করতে ইচ্ছা হলো ওর। আরব সাগরে আধুনিক জলদস্যুর অভাব নেই। বিভিন্ন টেরোরিষ্ট অর্গানাইজেশনের অংশও আছে। তবে ওমানি নেভীর প্রধান জাহাজটাকে কেউ আক্রমণ করবে, তা ভাবতেও পারেনি।

দরজাটা এক ইঞ্চি পরিমাণ খুলে বাইরে উকি দিল ও। উপরের দুই লেভেল আর ডেকে যাবার সিড়িটা হালকা আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে। ওমাহা আর ওর ভাইকে একদম নিচতলার কেবিনে শুতে দিয়েছে কারা। প্যাসেজ এর আরেকটা দরজা খুলে গেল।

ওমাহা আর ড্যানিই বাজে কেবিনের একমাত্র অধিবাসী না।

“ক্রো”ডাকলো সে।

তবে দরজা খুলে বের হলো পেইন্টার ক্রোয়ের পার্টনার কোরাল নোভাক, ডান হাতে একটা ড্যাগার ধরে আছে। পা খালি, পরনে শোবার পোষাক।

আর কেউ নেই সাথে।

“ক্রো কোথায়?” হিস হিস করে জানতে চাইল ওমাহা। বুড়ো আঙুল দিয়ে উপরের দিকে ইঙ্গিত করল মেয়েটা, “বিশ মিনিট আগে কারার সাথে দেখা করতে গিয়েছে।”

গুলির শব্দ ওদিক থেকেই আসছে বলে মনে হচ্ছে। ভাবল ওমাহা। একদম উপরে কারার সুইট, তার ঠিক নিচে সাফিয়া আর ক্লে। ভয়ে দৃষ্টি সংকুচিত হয়ে এল ওর। প্রতিটা গুলির সাথে সাথে মনে হচ্ছে, কেউ যেন ওর হৃদপিন্ডটাকে খামচে ধরছে। সাফিয়ার কাছে ওকে যেতেই হবে ভেবে সিড়ির দিকে পা বাড়াল। সিড়ির উপর থেকে এক পশলা গুলির আওয়াজ ভেসে এল, পরমুহূর্তে পদশব্দ ওদের দিকে আসছে।

“অস্ত্র?” ফিসফিস করে জানতে চাইল কোরাল।

ওমাহা দুহাতের তালু উল্টে দেখাল, নেই। জাহাজে ওঠার সময় সব জমা দিয়েছে।

ভ্রু কুঁচকে দ্রুত পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল মেয়েটি, ড্যাগারের বাঁট ব্যাবহার করে ভেঙে ফেলল একমাত্র বাল্ব। অন্ধকার নেমে এল সাথে সাথে।

পায়ের আওয়াজ আরো দ্রুততর হয়ে এসেছে। একটা ছায়াকে দেখাতে পেল ওরা। ছায়াটাকে দেখে নড়ে উঠল কোরাল, দাঁড়াবার ভঙ্গি পরিবর্তন করে ফেলল।

অন্ধকার একটা অবয়ব সিড়ির শেষ ধাপে নেমে আসতেই, লোকটার হাঁটু বরাবর লাথি হাঁকাল কোরাল। চিৎকার করে আছড়ে পড়ল লোকটা, শিপের রাঁধুনি। মেঝের সাথে আঘাত খেয়ে অজ্ঞান হয়ে পড়ে রইল সে।

অজ্ঞান দেহটার উপর চড়ে বসল কোরাল। উপরে এখনও গোলাগুলি চলছে, যদিও কমে গিয়েছে বেশ। কিন্তু এখনকার গুলিগুলো উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে।

এগিয়ে গেল ওমাহা, “অন্যদের অবস্থা দেখা দরকার।” বিশেষ করে সাফিয়ার। ওকে বাঁধা দিল কোরাল, “তার আগে আমাদের অস্ত্র দরকার।” আচমকা উপর থেকে একটা রাইফেলের গর্জে ওঠার শব্দ শোনা গেল । এক পা পিছিয়ে এল সবাই ।

ওমাহার চোখের দিকে তাকাল কোরাল। লোকটা সাফিয়ার ঘরের দিকে ছুটে যেতে চাইছে, আবার সাবধানতার গুরত্বটুকুও বুঝতে পারছে বলে বোঝা যাচ্ছে না। তবে ঠিক বলেছে মেয়েটা, বন্দুক যুদ্ধে মুষ্ঠির কোন দাম নেই।

ঘুরে দাঁড়াল ও, “হোল্ডে রাইফেল আর গুলি আছে।” একটা ফ্লোর হ্যাচ দেখাল সে, “ওটা দিয়ে যাওয়া যায়।”

আরো শক্ত করে ড্যাগারটা আঁকড়ে ধরল কোরাল এবং নড করে সম্মতি জানালো। একে একে সবাই ঢুকে পড়ল হ্যাচ গলে ।

আরেকদফা গুলি বর্ষণের আওয়াজ শোনা গেল, চিৎকার করে উঠল কেউ একজন। কোন পুরুষ, মহিলা না। তবুও সাফিয়ার জন্য দুশ্চিন্তা আরো বেড়ে গেল ওমাহার।

হ্যাচ বন্ধ করে দিতেই অন্ধকার নেমে এল। “কেউ ফ্ল্যাশ লাইট এনেছ?” জানতে চাইল ওমাহা। উত্তর দিল না কেউ। “ভালো, খুব ভালো।”

০১:৫৮ পি.এম.

জাহাজের জানালা দিয়ে বাইরে দেখছে পেইন্টার। একটা দুজন মানুষ বহন করতে পারে, এমন জেট স্কি নিচে ভেসে বেড়াচ্ছে। প্রায় নিঃশব্দে চলছে ওটা। অন্ধকার সত্ত্বেও ডিজাইনটা চিনতে পারল সে।

ডারপার ডিজাইন। সবার অলক্ষ্যে যেসব মিশনে কাজ করতে হয়, সেইসব মিশনের জন্য বানানো।

এধরনের জেট স্কিতে পাইলট উইন্ডশিল্ডের পেছনে নিচু হয়ে বসে থাকে, তবে আরোহীর অবস্থান থাকে কিছুটা উঁচুতে। একটা ৩৬০ ডিগ্রী নড়তে সক্ষম, এমন অ্যাসল্ট রাইফেল চালাবার দায়িত্ব থাকে আরোহীর উপর। সাধারণত দুজনের চোখেই থাকে নাইট ভিশন গগলস।

এখন পর্যন্ত এরকম জেট স্কি মোট চারটা দেখতে পেয়েছে সে। প্রধান জাহাজটা নজরে পড়ছে না। অথচ প্রধান জাহাজ ছাড়া তো আর এমন অ্যাসল্ট টিম পাঠানো সম্ভব না, তট থেকে অনেক দূরে ওরা এখন। ভেতরে ফিরে এল সে। কারা সোফার পেছনে নিচু হয়ে বসে আছে, ভয়ের চেয়ে রাগ বেশী দেখতে পেল। মেয়েটার চেহারায়।

প্রথম বিস্ফোরণটার সাথে সাথে কেবিনের বাইরে চেক করে এসেছে পেইন্টার । ধোঁয়া আর আগুনের আকার দেখে বুঝতে পেরেছে, বিস্ফোরক হিসেবে একটা গ্রেনেড ব্যবহার করা হয়েছে।

তবে আরেকটু হলেই প্রাণ খোয়াতে বসেছিল সে। কালো ক্যামোফ্লেজ পরা একটা লোক দরজায় এসে দাড়িয়েছিল। পেইন্টার সাথে সাথে কেবিনে পুনরায় ঢুকে পড়েছে, নয়ত লোকটার ছোঁড়া গুলি খেতে হতো। তাও ভাগ্য ভালে প্রেসিডেন্সিয়াল স্যুইটটা পুরু ধাতুতে মোড়ানো।

“রেডিও রুমের দখল নিয়ে নিয়েছে আক্রমণকারীরা।” কারাকে জানিয়েছিল

“আক্রমণকারী? কারা?”

“জানি না…দেখে মনে হয় প্যারা মিলিটারি।”

জানালার পাস থেকে সরে এসে কারার পাশে বসল পেইন্টার । আসলে কে এমন দলের নেতৃত্ব দিচ্ছে, তা সে ভালো করেই জানে। ক্যাসান্দ্রা।

“এখন আমরা কী করব?” জানতে চাইল কারা।

“আপাতত চুপচাপ বসে থাকব।”

এই মুহূর্তে স্যুইটে থাকাই ওদের জন্য নিরাপদ। কিন্তু অন্যদের নিরাপত্তার ব্যাপারটাও ভাবতে হবে। ওমানি নাবিকদের নিয়ে চিন্তা নেই। ওরা নিজেদেরকে সামলে নিয়ে এরিমধ্যে প্রতিরোধ করা শুরু করে দিয়েছে। কিন্তু সমস্যা হলো, এদের সবাই কমবয়সী আর অনভিজ্ঞ । অস্ত্রও তেমন নেই। জাহাজটার দখল নিতে ক্যাসান্দ্রার বেশী সময় লাগবে না।

কিন্তু উদ্দেশ্য কি মেয়েটার? চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিল পেইন্টার। ভাববার জন্য সময় দরকার। ওর বাবা কিছু পিকো বাক্য শিখিয়েছিলেন। পেইন্টার দেখেছে, ভাববার সময় ওগুলো আওড়ালে মন অনেক শান্ত হয়ে আসে। অর্থ জানা না থাকা সত্ত্বেও তাই কাজটা প্রায়শ করে থাকে সে।

ক্যাসান্দ্রাকে মনের চোখে ফুটিয়ে তুলল ও। এই আক্রমণের প্রধান উদ্দেশ্য যে লোহার হৃদপিন্ডটা দখল করা, সে বিষয়ে কোন সন্দেহ নেই। জিনিসটা এখনও কিউরেটরের ঘরে আছে। পেইন্টারের প্রশিক্ষিত মনে খেলে গেল বিভিন্ন আক্রমণের পদ্ধতি, বিভিন্ন উদ্দেশ্য।

হঠাৎ, পিকো বাক্য আওড়াবার মাঝখানে ব্যাপারটা ধরতে পারল সে। দ্রুত পায়ে ছুটল জানালার দিকে। মিশনটা শুরু করা হয়েছে সবাইকে জানান দিয়ে। যেন ওদের উদ্দেশ্যই ছিল জাহাজের সবাই আক্রমণের কথা জেনে যাক। যেন তেন মার্সেনারি গ্রুপ হলে দক্ষতার অভাবকে দোষ দেয়া যেত, কিন্তু এটা ক্যাসান্দ্রার গ্রুপ…

কেউ যেন খামচে ধরল ওর পাকস্থলি। “কী হলো?” জানতে চাইল কারা। কেবিনের বাইরে থেকে এখন আর গুলির আওয়াজ আসছে না। জানালার দিয়ে বাইরে মাথা গলিয়ে দিল সে। জেট স্কিয়ের সংখ্যা এখনও চারটা, কিন্তু কোনটাতে একজন আরোহীও নেই।

“ড্যাম…”

“কী হলো?” ভয়ার্ত কষ্ঠে জানতে চাইল কারা।

“আমাদের দেরী হয়ে গিয়েছে।”

এতক্ষণে বুঝতে পেরেছে পেইন্টার যে, গ্রেনেড বিস্ফোরণ দিয়ে আক্রমণ শুরু হয়নি। বরং উল্টা, গ্রেনেড বিস্ফোরণের মাধ্যমে সফলভাবে শেষ হয়েছে। আক্রমণকারীদের মিশন।

নিজের বোকামির জন্য নিজের উপরই রাগ হলো ওর। আচমকা আক্রমণে হচকচিয়ে গিয়েছিল সে। জোর করে আবার বর্তমান সমস্যার প্রতি মনোযোগ ফিরিয়ে আনল।

শেষ? যুদ্ধে শেষ বলতে কিছু নেই।

জেট স্কি চারটা বারবার ফিরে আসছে। তবে এবার এসেছে আরোহীদের নিয়ে যেতে। এই আরোহীরাই রেডিও রুমে বিস্ফোরণ ঘটিয়েছে। ওমানি নাবিকদের কারও না কারও চোখে নিশ্চয় ধরা পড়ে গিয়েছিল। তার ফলশ্রুতিতে এই গুলি বিনিময়। আরো কিছু গুলির শব্দ পাওয়া গেল। তবে এবার অনেকটা দূরে, জাহাজের সামনের দিকে। পালাতে চাইছে আক্রমণকারীরা।

জানালা দিয়ে জেট স্কিটাকে আসতে দেখল পেইন্টার, অন্যগুলো আরো আগেই যার যার আরোহী নিয়ে ফিরে গিয়েছে। এখন কোথাও দেখা যাচ্ছে না। গেল কোথায়?

আবারও প্রধান জাহাজের খোঁজে সমুদ্রপানে তাকাল ও, কোথাও না কোথাও তো ওটাকে থাকতেই হবে। কিন্তু কালো পানি ছাড়া আর কিছুই নজরে এল না।

আচমকা এক ঝলক আলো ওর নজর কেড়ে এল । তবে আলোটা পানির উপর থেকে আসেনি, এসেছে নিচ থেকে। আরো একটু বের হয়ে, নিচের দিকে তাকাল সে। সাবাব ওমানের নিচ থেকে একটা আলো ভেসে আসছে। ভ্রু কুঁচকে ফেলল পেইন্টার, চিনতে পেরেছে। সাবমারসিবল নিশ্চয়। কিন্তু কেন? সাথে সাথে পেয়ে গেল ওর প্রশ্নের উত্তর। মিশন শেষ বলে মেইন অ্যাসল্ট টিম ফিরে যাচ্ছে। এখন শুধু বাকি আছে ওদের চিহ্ন মুছে ফেলা। যেন কোনও সাক্ষী না থাকে।

সাবমারসিবলটা কেন আনা হয়েছে তাও বুঝতে পেরেছে। খুব নিঃশব্দে আর আচমকা আক্রমণ চালাবার জন্য।

“জাহাজটাতে মাইন লাগানো হয়েছে।” চিৎকার করে বলল ও, এরই মাঝে মাথায় হিসাব করা শুরু করে দিয়েছে। ভাবছে বিস্ফোরণের আওতার বাইরে যেতে হলে সাবটার কতোক্ষণ লাগতে পারে।

কিছু একটা বলল কারা, কিন্তু কানে ঢুকল না ওর।

জানালা থেকে সরে এসে দরজার দিকে এগোল পেইন্টার। শব্দ শুনে মনে হচ্ছে বন্দুকযুদ্ধটা এখন অচলাবস্থার সামনে এসে দাড়িয়েছে। মাঝে মাঝে দুয়েকটা আওয়াজ শোনা যাচ্ছে শুধু। দরজায় কান লাগিয়ে দাঁড়াল সে, কিন্তু কিছুই শুনতে পেল না। খুলে ফেলল দরজা।

“কী করছ?” জানতে চাইল কারা। পেইন্টারের প্রায় গায়ের সাথে লেগে আছে মেয়েটা।

“জাহাজ পরিত্যাগ করতে হবে।” দরজাটা খুলে ফেলল সে। মাত্র কয়েক পা দূরে মাঝ ডেকে যাবার দরজা। আসন্ন ঝড়ের প্রভাবে বাতাসের গতি বেড়ে গিয়েছে। ডেকটায় ভালো মতো নজর বুলাল ও। ওমানি নাবিকরা দুজন…না, তিন জন অস্ত্রধারীকে আটকে রেখেছে। মাঝ ডেকের দূরের অংশে একগাদা ব্যারেলের পেছনে অবস্থান নিয়েছে এই তিন অস্ত্রধারী। জাহাজের সামনের অংশে নজর রাখার জন্য এরচেয়ে ভালো অবস্থান আর হতে পারে। দুই জন সামনের দিকে নজর রাখছে আর একজন পেছনের দিকে।

পেইন্টারের একদম কাছে উপুড় হয়ে পড়ে আছে চতুর্থ অস্ত্রধারী। মাথার চারপাশে রক্ত জমে আছে।

পরিস্থিতি বুঝে নিল সে। এই দিকে ক্রেটের পেছনে আশ্রয় নিয়েছে চার ওমানি বর্ডার পেট্রোল এজেন্ট। অস্ত্রধারীদের দিকে নিজেদের রাইফেল তাক করে আছে। অচলাবস্থার সৃষ্টি হয়েছে এখানে। অস্ত্রধারীরা পালাতে পারছে না, আবার এদিকে বর্ডার পেট্রোল এগোতে পারছে না।

“এদিকে,” কারার কনুই ধরে টান দিল পেইন্টার, নিচে যাবার সিঁড়ির দিকে এগোচ্ছে।

“কোথায় যাচ্ছি আমরা?” জানতে চাইল মেয়েটা, “জাহাজ ছাড়ার কী হবে?”

উত্তর দিল না পেইন্টার। জানে অনেক দেরী হয়ে গিয়েছে, তবুও নিশ্চিন্ত হওয়া দরকার। নিচে নেমে এল দুজন।

হলের ঠিক মাঝখানে, মাথার উপরের ল্যাপের আলোয় একটা দেহকে পড়ে থাকতে দেখা যাচ্ছে। কিন্তু ডেকের মত গেস্ট কোয়ার্টারের সামনে পড়ে থাকা এই দেহটা কোন আক্রমণকারীর নয়।

একটা বক্সার আর সাদা টি-শার্ট দেহটার পরনে। পেছনে ছোট লালচে দাগ দেখা যাচ্ছে। নিশ্চয় পালাবার চেষ্টা করার সময় গুলি করা হয়েছিল।

“ক্লে…” বিড় বিড় করে বলল কারা।

দেহটার কাছে এসে হাঁটু গেড়ে বসল মেয়েটা। কিন্তু পেইন্টার থামল না, দুঃখ প্রকাশের সময় নেই। গ্রাড স্টুডেন্ট নিচে যাচ্ছিল, উদ্দেশ্য ছিল হয় লুকাবার জায়গা খোঁজা নয়ত অন্যদেরকে সাবধান করে দেয়া। কিন্তু পারেনি। দেরী হয়ে গিয়েছিল…ওদের সবার দেরী হয়ে গিয়েছে।

দরজাটার সামনে এসে দাঁড়াল পেইন্টার, অর্ধেক খুলে আছে। মনোযোগ দিয়ে শুনল ও, কি নিস্তব্ধতা ছাড়া কিছুই পেল না। নিজেকে মনে মনে শক্ত করে নিল।

কারা ডাকল ওকে, সে নিজেও বুঝতে পেরেছে পেইন্টারের ভয়টা কাকে নিয়ে, “সাফিয়া?”

০২:০২ এ.এম.

জাহাজটা দোল খাচ্ছে। অন্ধকারে ভারসাম্য বজায় রাখতে কষ্ট হচ্ছে ওমাহার। পেছন থেকে একটা গালি শুনতে পেয়ে ও বুঝল, ড্যানির কষ্টও কম হচ্ছে না।

“কী করতে চাচ্ছ, তা ভেবে দেখেছ তো?” ঠান্ডা গলায় জানতে চাইল কোরাল।

“হ্যা।” মিথ্যা বলল সে। হাত বাড়িয়ে অন্ধকারে একটা মই খুঁজছে ওমাহা, হিসেব অনুসারে পরবর্তী মইটা ধরে মাঝ ডেকের নিচে অবস্থিত স্টোরেজ হোল্ডে যাওয়া যাবে। অন্তত ওর তাই ধারণা। চুপচাপ এগিয়ে যাচ্ছে তিনজন।

ইঁদুরের ছোটাছুটির শব্দ পাওয়া যাচ্ছে। অন্ধকারে মনে হচ্ছে, বিশাল সাইজ হবে একেকটার। কলকাতার গলিতে ইঁদুরে খাওয়া লাশ দেখেছে ও। এই হারামিগুলো। প্রথমে শরীরের নরম জায়গা যেমন চোখ, জননেদ্রিয় ইত্যাদি খেয়ে ফেলে। ইদুর একদম পছন্দ করে না ওমাহা।

কিন্তু সাফিয়ার নিরাপত্তার চিন্তা ওকে সামনে এগিয়ে নিচ্ছে। মনে আসছে ভয়ানক সব চিন্তা। নিজের মনের কথাটা এতদিন কেন গোপনে রেখেছে ওমাহা? মেয়েটাকে বলেনি কেন?

শক্ত কিছু একটার স্পর্শ পেল ওর হাত, একটা মই। “পেয়েছি।” আত্মবিশ্বাসী না হলেও আত্মবিশ্বাসের সুরে বলল সে। এই পথে স্টোরেজ হোন্ডে যাওয়া যাক আর না যাক, এখান থেকে তো বেরোনো যাবে।

“সাবধান।” কোরাল সতর্ক থাকার উপদেশ দিল।

উপরে এখনও বন্দুক যুদ্ধ চলছে। একদম কাছেই। মেয়েটা উপদেশ না দিলেও চলত।

একদম উপরের ধাপে পৌছে, হ্যাচের ভেতরের দিকের হ্যান্ডেল খুঁজে পেল সে। মনে মনে প্রার্থনা করতে করতে হ্যাচটা খোলার চেষ্টা চালাল ওমাহা।

সহজেই খুলে গেল হ্যাচ, এতটাই সহজে যে পুরো পুরি খুলে গিয়ে একটা কাঠের পিলারের সাথে বাড়ি খেল।

হিসিয়ে উঠল কোরাল।

আলোয় আসতে পেরে নিজেকে আশীর্বাদধন্য বলে মনে হলো ওমাহার। কিন্তু যখন সদ্য কাটা খড় নজরে পড়ল, তখন বুঝতে পারল স্টোরেজ হোন্ডে আসহ পারেনি।

ওর ডান দিকে বেশ বড় সড় একটা আকৃতি নড়ে উঠল।

ঘুরে দাঁড়ানো মাত্রই বিশাল এক ঘোড়া দেখতে পেল। একটু আগে যে স্ট্যালিয়নটা ডেকে তান্ডব চালিয়েছিল, সেটাই। এই মুহূর্তে ভয়ার্ত চোখ জোড়া ওমাহাকে দেখছে। সামনের পা দুটো উপরে তুলল প্রাণিটা, ওকে আক্রমণকারী হিসেবে ধরে নিয়েছে। জাহাজের আস্তাবলে প্রবেশ করেছে ওরা!

কপালকে গালি দিল ওমাহা, স্টোরেজ হোন্ডে না এসে আস্তাবলে এসে পড়েছে। অন্যান্য ঘোড়াগুলোকেও দেখতে পেল সে।

স্ট্যালিয়নটার দিকে মনোেযোগ দিল ও। একটা রশি দিয়ে প্রাণিটাকে বেঁধে রাখা হয়েছে, সেটাই এখন টেনে ছিড়তে চাইছে সে। অবশ্য ভয়ার্ত ঘোড়াটার সামনে পড়া যে কোনও অস্ত্রধারী গার্ডের সামনে পড়ার চেয়ে ভালো। কিন্তু ওদেরকে অস্ত্র পেতে হলে এখান থেকে বেরোতে হবে।

আবার সাফিয়ার কথা মনে পড়ল ওর, অনেকদূর এসে পড়েছে…। রশিটার উপর ভরসা রেখে বেরিয়ে পড়ল ওমাহা। একটা গড়ান দিয়েই স্টলের বেড়ার কাছে চলে এল।

হাঁটুতে লাগা ময়লা ঝাড়তে ঝাড়তে বলল, “তাড়াতাড়ি করো!” লাল আর হলুদ রঙের একটা হর্স ব্ল্যাংকেট খুঁজে পেল ও, জিনিসটা তাড়াতাড়ি হাতে নিয়ে স্ট্যালিয়নটার সামনে গিয়ে নাড়তে শুরু করল। চিহি করে উঠল ঘোড়াটা। আরো দুইজন বাড়তি অনুপ্রবেশকারীর দিকে ওর নজর নেই, ব্ল্যাংকেটটা পুরোপুরি প্রাণিটার মনোযোগ আটকে রেখেছে।

ওমাহা বুঝতে পারল, নিজের ব্ল্যাংকেটটা চিনতে পেরেছে সে। ভাবছে কেউ ওকে বাইরে নিয়ে যাবে, স্টল থেকে মুক্তি পাবে আরব স্ট্যালিয়ন।

আফসোসের সাথে বেড়ার উপর জিনিসটা রেখে দিল ওমাহা, ড্যানি আর কোরাল ততক্ষণে ওর পাশে এসে দাঁড়িয়েছে। স্ট্যালিয়নটার বড় বড় চোখের উপর পড়ল ওর চোখঃ ভীত, সন্ত্রস্ত আর আশ্বাসের জন্য ব্যাকুল।

“বন্দুক কোথায়?” জানতে চাইল কোরাল।

স্টল থেকে মুখে ফেরাল ওমাহা, “ওদিকে থাকার কথা।” উপরের ডেকে যাওয়ার র্যাম্পের পাশে ইঙ্গিত করল সে। অনেকগুলো ক্রেট স্তুপ করে রাখা আছে।

ওদিকে, প্রতিটায় কেনসিংটন এর প্রতীক বসানো। মাথা নিচু করে সেদিকে এগিয়ে গেল ওমাহা। উপরে এখনও গোলাগুলি চলছে। আওয়াজ শুনে মনে হচ্ছে যে, র্যাম্পের দরজার সামনেই চলছে বন্দুকযুদ্ধ। ড্যানির প্রশ্নটা মনে পড়ে গেল ওর, “কে আক্রমণ করছে?” সাধারণ জলদস্যু হতে পারেনা। ওরা এত সুসংগঠিত বা দক্ষ না। এতটা সাহসও নেই।

ক্রেট গুলোর কাছে পৌঁছে একটা ক্রোবার হাতে তুলে নিল সে। নিজে এসব রসদের ব্যবস্থা করেছে বলে, ঠিক কোনটায় আছে বন্দুক তা ভালো করেই জানে। খুলে ফেলল সেটা।

ড্যানি একটা রাইফেল হাতে তুলে নিল, “এখন কী?”

“তোমার মাথা নিচু করে থাকবে, যেন কারও দৃষ্টি আকর্ষিত না হয়।” একটা ডেজার্ট ঈগল পিস্তল হাতে নিতে নিতে বলল সে।

“তুমি কী করবে?” জানতে চাইল ড্যানি। পিস্তল লোড করে বন্দুকযুদ্ধের দিকে মন দিল ওমাহা, “অন্যান্যদের কাছে যাব। ওরা নিরাপদ আছে কিনা, তা দেখা দরকার।”

অন্যান্যদের কথা বললেও, ওর মনে শুধু সাফিয়ার কথাই আসছে। কমবয়সী সাফিয়াকে যেন চোখের সামনে হাসতে দেখছে সে।

মেয়েটার প্রতি দায়িত্ব পালনে একবার ব্যর্থ হয়েছে ওমাহা-আর কখনও হবে না। কোরাল অনেকক্ষণ ধরে খুঁজছিল, মনের মত অস্ত্র পেয়ে এবার সোজা হয়ে দাঁড়াল। দক্ষতা আর দ্রুততার সাথে .৩৫৭ বুলেট ভরে নিল অস্ত্রে । মেয়েটাকে এখন আগের চেয়ে অনেক বেশি শান্ত আর রিল্যাক্সড মনে হচ্ছে। যেন কোন সিংহী শিকারের জন্য প্রস্তুত।

ওমাহার চোখে চোখ রাখল সে, “আগের পথ ধরে ফিরে যাওয়া উচিত আমাদের । অন্যান্যদের সাথে দেখা করা সহজ হবে।” উপর থেকে আবারও গুলির আওয়াজ ভেসে এল।

“তাতে প্রচুর সময় নষ্ট হবে।” ওমাহা র্যাম্পের দরজার দিকে তাকাল। এদিকে দিয়ে বের হলে একেবারে বন্দুকযুদ্ধের মাঝখানে পড়তে হবে ওর। “আরেকটা উপায় আছে।”

ওর পরিকল্পনা শুনতে শুনতে ভ্রু কুঁচকে ফেলল কোরাল ।

“ফাইজলামি করছ?” ড্যানি বিড়বিড় করে বলল। কিন্তু ওমাহার কথা বলা শেষ হলে কোরাল বলল, “কাজ হলেও হতে পারে।” তাহলে চল,” বলল ওমাহা, “দেরি হয়ে যাবার আগেই শুরু করা যাক।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *