টম্বস

টম্বস

মেরুনড

৩রা ডিসেম্বর, ১২:২২ পি.এম.

সালালাহ,

জেগে উঠে নিজেকে একটা সেলে আবিষ্কার করল সাফিয়া। কিছুটা দ্বিধান্বিত; শরীরের অবস্থাও খুব একটা সুবিধার মনে হচ্ছে না, কেমন বমি বমি ভাব, পেটের ভেতর গুড়গুড় করছে। চারপাশে তাকিয়ে অন্ধকার রুমটা দেখল ও। আর গুঙিয়ে ওঠল। পুরো রুমটা ঘুরছে যেন। মেঝে থেকে অনেক উঁচুতে একটা গরাদযুক্ত জানালা দেখা যাচ্ছে। ধারালো আলোকরশ্মি চুইয়ে ঢুকছে সেই জানালা দিয়ে। বেশ উজ্জ্বল, গায়ে জ্বালা ধরিয়ে দেয়।

সাফিয়ার বমি বমি ভাবটা বেড়ে গেল। পাশ ফিরে কোনমতে ভার হয়ে আসা মাথাটা খাটের কিনারে নিয়ে এল মেয়েটা। পেটের ভেতরের সব যেন উগরে আসবে। কিন্তু কিছুই হলো না। তেতো একটা স্বাদে ভরে উঠল মুখটা। আবারও শুয়ে পড়ল ও। ধীরে ধীরে নিঃশ্বাস নিতে লাগল। রুমের ঘূর্ণন গতিও সেই সাথে কমে আসতে লাগল। ঘামে ভিজে গিয়েছে, পরনের কাপড় লেপটে আছে শরীরের সাথে। গরমে বুক ফাটার জোগার। তৃষ্ণায় শুকিয়ে আছে গলা। কতক্ষণ যাবত অজ্ঞান ও? ইনজেকশন হাতে লোকটার কথা মনে পড়ল। লম্বা, আগাগোড়া কালো পোশাক পরা আর শীতল। সে-ই সাফিয়াকে ভেজা পোশাক পাল্টাতে বাধ্য করেছিল। | সাবধানে রুমটার ওপর নজর বোলাতে লাগল সাফিয়া। দেয়ালগুলো পাথরের তৈরি, মেঝে কাঠের। পুরো রুম জুড়ে ভাজা পেঁয়াজ আর ঘর্মাক্ত পায়ের গন্ধ। আসবাবপত্র বলতে মাত্র একটা খাট। বন্ধ দরজাটা ওক কাঠের তৈরি। বোঝাই যাচ্ছে, বাইরে থেকে বন্ধ করা। আরও কিছুক্ষণ নিশ্চল পড়ে রইল ও। ড্রাগের কারণে এখনও ভালভাবে হুশ ফেরেনি। তারপরও মনের গভীরে একটা সুপ্ত আতঙ্ক ওকে খুঁচিয়ে চলছে। ও একা, বন্দি। বাকিরা মৃত। রাতের আঁধার চিরে দাউদাউ করে জ্বলে ওঠা শিখা, স্বচ্ছ পানিতে তার প্রতিফলন ভেসে উঠল ওর মনে। অন্ধকারের মধ্যে ঝলসে ওঠা ক্যামেরার ফ্ল্যাশের মতোই জ্বালিয়ে দিচ্ছে ওর স্মৃতিকে। লাল হয়ে গিয়েছে পৃথিবী, চোখ ফেরানো যায় না। সাফিয়ার দম বন্ধ হয়ে আসতে চাইল, গলার কাছে কী যেন আটকে গিয়েছে। কাঁদতে চেয়েও পারছে না। একবার যদি শুরু করে তাহলে হয়তো নিজেকে থামাতে পারবে না।

অবশেষে উঠে বসল ও। মেঝেতে নামিয়ে দিল পা জোড়া। দৃঢ় কোনো সংকল্প নয়, তলপেটের চাপই বাধ্য করছে ওকে মনে করিয়ে দিচ্ছে এখনও জীবিত ও। দেয়ালে হাত দিয়ে টলোমল পায়ে উঠে দাঁড়াল। শান্তির পরশ বুলিয়ে দিল ঠান্ডা দেয়াল।

রুমের একমাত্র জানালার দিকে মুখ তুলে তাকাল। তাপমাত্র আর সূর্যের অবসান দেখে মনে হচ্ছে, দুপুর চলছে। কিন্তু আজ কী বার? সাগর আর বালুর গন্ধ টের পাচ্ছে সাফিয়া। নিশ্চিত, এখনও আরবেই আছে। দরজার দিকে এগোলো। গুলিয়ে ওঠল পেটের ভেতরটা।

দরজায় ধাক্কা দেয়ার জন্য হাত বাড়াল। কিন্তু এরা কি আবারও ওকে অজ্ঞান করে রাখবে? বাম হাতের কালশিটেতে আঙুল ছোঁয়ালো, ইনজেকশনের কারণে বেগুণি হয়ে গিয়েছে। ওকে সতর্ক হতে হবে। জোরে জোরে দরজায় থাবা বসাল আর চেঁচাল, “হ্যালো! কেউ আছেন?” এরপর কথাগুলো আরবীতে পুনরাবৃত্তি করল।

কোনো উত্তর এল না। আরও জোরে ধাক্কাতে লাগল ও। আঙুলের কড়ে ব্যথা শুরু হয়ে ঘাড় পর্যন্ত ছড়িয়ে গেল। ওর শরীরটা দুর্বল হয়ে পড়েছে, পানিশূন্যতায় ভুগছে। মরার জন্যই কি এখানে ওকে রেখে গিয়েছে এরা?

অবশেষে পায়ের আওয়াজ পাওয়া গেল। কাঠের সাথে লোহার ঘর্ষণের শব্দ এল। খুলে গেল দরজা। পূর্বে দেখা লোকটাকেই আবারও দেখতে পেল সাফিয়া। ওর চেয়ে প্রায় আধা ফিট লম্বা, পরনে কালো শার্ট আর রঙচটা জিন্স, গলা গলাবন্ধ। লোকটার টেকো মাথা দেখে অবাক হয়ে গেল ও। আগে খেয়াল করেনি । তখনই মনে পড়ল, আগেরবার লোকটার মাথায় ছিল একটা কালো ক্যাপ। পুরো মাথাজুড়ে চুল বলতে শুধু চোখের ভ্রু আর থুতনিতে হালকা দাড়ি। কিন্তু চোখগুলো ঠিকই মনে আছে সাফিয়ার। নীল আর শীতল, অনুভূতিশুন্য। হাঙরের চোখের মতোই ধূর্ত।

চোখগুলো ওর দিকে তাকাতেই কেঁপে উঠল সাফিয়া। রুমের তাপমাত্রা যেন। নেমে গিয়েছে কয়েক ডিগ্রি।

“ঘুম ভেঙেছে?,” বলল লোকটা। “তাহলে এসো আমার সাথে ।” লোকটার উচ্চারণে হালকা অস্ট্রেলিয়ান টান ধরতে পারল সাফিয়া, দীর্ঘদিন বাইরে থাকায় ক্ষয়ে এসেছে তা। “কোথায়… আমার টয়লেটে যেতে হবে।”

ভ্রুকুটি করল লোকটা। তারপর লম্বা পা ফেলে এগোতে এগোতে বলল, “আমার সাথে এসো।”

সাফিয়াকে একটা ছোট বাথরুমে নিয়ে এল সে। এখানে একটা টয়লেট, একটা পর্দাবিহীন গোসলখানা আর একটা বেসিন আছে যেখান থেকে ক্রমাগত পানি পড়েই যাচ্ছে। ভেতরে ঢুকে গেল সাফিয়া। দরজার উদ্দেশ্যে হাত বাড়াল ও, তবে তা লাগাতে দেয়া হবে কিনা, জানে না। ‘দেরি করবে না,” দরজা বন্ধ করে দিতে গিয়ে বলল লোকটা।

একা হতেই কক্ষটায় কোনো ধরনের অস্ত্র বা পালানোর রাস্তা খুঁজতে লাগল সাফিয়া। এখানকার জানালাতেও গরাদ লাগানো। তবে বাইরে দেখতে তো দোষ নেই। দ্রুত সামনে এগিয়ে গেল ও আর বাইরে তাকিয়ে নিচে সাগর ঘেঁষে গড়ে ওঠা একটা উপশহর দেখতে পেল। তাল গাছ আর শাদা দালান ছড়িয়ে আছে সামনে। বামে রঙবেরঙের তারপুলিন আর শামিয়ানা দেখেই বোঝা যায়, ওখানে হাট-বাজার বসে। আর বহুদূরে, শহর পেরিয়ে, রয়েছে কলা, নারকেল, আঁখ আর পেঁপে বাগান।

জায়গাটা সাফিয়ার চেনা।

ওমানের গার্ডেন সিটি হিসেবে পরিচিত শহরটা।

সালালাহ।

ধোফার প্রদেশের রাজধানী সালালাহ, প্রাকৃতিক সৌন্দর্য্যের আধার। সাবাব ওমানের এখানেই আসার কথা ছিল। সবুজ প্রকৃতি, জলপ্রপাত আর কুলকুল করে বয়ে চলা নদী এই শহরটাকে ওমানের অন্য শহরগুলো থেকে অনন্য করেছে। পুরো দেশটার মধ্যে শুধু এই অংশে মৌসুমি বায়ু বয়, সাথে আনে ঝিরিঝিরি বৃষ্টি। আর উপকূলীয় পর্বতগুলোতে তো প্রায় সবসময় ঘন কুয়াশা ঝুলে থাকে। মধ্যপ্রাচ্যে সরাচর এমন জলবায়ু দেখা যায় না। একারণে একমাত্র এখানেই ফ্রাঙ্কেনসেন্স (ধুনো) নামক এক ধরনের দুর্লভ গুল্ম জন্মাতে দেখা যায়, এককালে সুগন্ধি হিসেবে যার চাহিদা ছিল আকাশছোঁয়া। এই সুগন্ধি রপ্তানি করে সেকালে প্রচুর আয় হতো। সেই সব সম্পদের কল্যাণেই গড়ে ওঠে কিংবদন্তির শহর সুমহারাম, আল-বালিদ আর হারানো শহর উবার।

কিন্তু অপহরণকারীরা সাফিয়াকে এখানে কেন নিয়ে এসেছে?

টয়লেটে বসে দ্রুত পেট খালি করল ও। তারপর হাত ধুয়ে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকাল। এক ধূসর, পাণ্ডুর আর ক্লান্ত মুখ দেখতে পেল ও। কিন্তু তবুও, বেঁচে আছে ও।

দরজায় একটা টোকা পড়ল। “হয়েছে?” কোনো উচ্চবাচ্য করে দরজা খুলল সাফিয়া। নড করল লোকটা। “এসো।”

একবারও পিছনে না তাকিয়ে হাঁটতে লাগল সে। জানে, পরিস্থিতি এখন তার নিয়ন্ত্রণে। অনুসরণ করল সাফিয়া। যদিও তার পা সায় দিচ্ছে না, কিন্তু আর কোনো উপায়ও নেই।

সিড়ি বেয়ে নেমে আরেকটা হলে এসে পৌঁছল তারা। কাঁধে রাইফেল বহনকারী একটা লোক প্রবেশপথ পাহারা দিচ্ছে, তার দৃষ্টিতে কাঠিন্য।

অবশেষে একটা বিশাল দরজার সামনে এসে দাঁড়াল তারা। একবার নক করে সাফিয়ার সাথের লোকটা দরজাটা খুলে ধরল।

একটা সাদামাটা রুম ভেসে উঠল সাফিয়ার সামনে। মেঝেতে রোদে রং নষ্ট হয়ে যাওয়া কার্পেট, একটা সোফা, দুইটা কাঠের চেয়ার, সিলিঙে ঘূর্ণায়মান হয় একটা টেবিলও দেখতে পাচ্ছে ও; অস্ত্র, কিছু ইলেকট্রিক যন্ত্রপাতি আর একটা ল্যাপটপ রাখা সেখানে। একটা তার চলে গিয়েছে জানালার পাশে রাখা হাতের তালুর আকৃতির একটা স্যাটেলাইট ডিশের দিকে।

“তুমি এখন যেতে পারো, কেন,” ল্যাপটপের সামনে থেকে সরে গিয়ে বলল মেয়েটা।

“ক্যাপ্টেন।” নোকটা নড করল আর দরজা লাগিয়ে চলে গেল।

একবার টেবিল থেকে একটা বন্দুক তুলে নেয়ার কথা ভাবল সাফিয়া। পরে। সেটা নাকচ করে দিল। জানে, টেবিলের ধারেকাছেও পৌছাতে পারবে না। এখনও দুর্বল ও, পা ফেলতে হচ্ছে সাবধানে।

ওর দিকে ফিরল মেয়েটা। তার পরনে কালো ট্রাউজার, ধূসর টি-শার্ট-বোতাম খোলা, হাতাগুলো গোটানো। আর ওপরে একটা ফুলহাতা ঢলঢলে শার্ট। কোমরে একটা পিস্তলের কালো বাঁট দেখা যাচ্ছে। ‘বসো, একটা চেয়ার দেখিয়ে আদেশ করল সে। অনেকটা অনিচ্ছুক ভঙ্গিতে হাঁটতে লাগল সাফিয়া।

মেয়েটা সোফার পেছনেই দাঁড়িয়ে রইল। “ড. আল-মায়াজ, এই অঞ্চলের প্রাচীন প্রত্নতত্ত্ব বিষয়ে তোমার জ্ঞানের সুনাম আমার ওপরওয়ালাদের নজর কেড়েছে।”

সাফিয়া কথাগুলো বুঝে উঠতে পারল না। মেয়েটার মুখ, কালো চুল, ঠোটের দিকে তাকিয়ে রইল ও। এই মেয়েটাই ওকে ব্রিটিশ মিউজিয়ামে খুন করতে চেয়েছিল। রায়ান ফ্লেমিং এর মৃত্যুর জন্য এ-ই দায়ী, গতকাল রাতে এর কারণেই মরতে হয়েছে ওর বন্ধুদের। মেয়েটার কথা ওর কানে ঢুকছে না, একের পর এক চেহারা ভেসে উঠতে লাগল ওর মনে।

“শুনছ, ড. আল-মায়াজ?”

উত্তর দিতে পারল না সাফিয়া। মেয়েটার মধ্যে কিছু একটা খুঁজছে ও, এমন কিছু যেটা তার সকল পৈশাচিক আর নির্মম কৃতকর্মের জন্য দায়ী করতে পারে কোনো চিহ্ন অথবা আঘাতের দাগ বা যেকোনও কিছু। কিন্তু তেমন কিছু পেল না। এ কী করে সম্ভব?

একটা দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। সোফায় এসে বসল সে। তারপর সামনে ঝুঁকে এসে কনুই রাখল হাঁটুর ওপরে। বলল, “পেইন্টার ক্রো।” শব্দ দুটো চমকে দিল সাফিয়াকে, রাগে জ্বলে উঠল ওর শরীর।

“পেইন্টার… আমার পার্টনার ছিল সে।”

নিজের কানকে বিশ্বাস করতে পারল না সাফিয়া। না…

“তোমার মনোযোগ কাড়তে পেরেছি তাহলে।” সন্তুষ্টির হাসি ফুটল মেয়েটার ঠোঁটে। “সত্যটা তোমার জানা উচিত। পেইন্টার ক্রো তোমাদের সবাইকে ব্যবহার করছিল। কোনও কারণ ছাড়াই ঠেলে দিচ্ছিল বিপদের মুখে। অনেক কিছু গোপন করেছে সে।”

“মিথ্যা বলছ।” কোনমতে বলল সাফিয়া।

সোফায় হেলান দিয়ে বসল মেয়েটা। “আমার মিথ্যা বলার কোনো কারণ নেই। আমি পেইন্টারের মতো কোনো কিছু গোপন করব না। হুট করে যে রহস্যের মুখোমুখি হয়েছ, যা খুঁজে পেয়েছ দুর্ভাগ্যবশত-সেটা আসলে এক অসীম শক্তির সম্ভাব্য চাবিকাঠি।”

“ঠিক বুঝতে পারছি না।”

“আমি প্রতি পদার্থের কথা বলছি।”

এমন অবাস্তব কথা শুনে ভ্রু কুঁচকালো সাফিয়া। মিউজিয়ামের বিস্ফোরণ, রেডিয়েশন সিগনেচার (তেজস্ক্রিয় পদার্থ নির্গত বিকিরণের উপস্থিতির প্রমাণ), প্রতি পদার্থের স্থিতিশীল অবস্থা নিয়ে অনুসন্ধান সম্পর্কে ব্যাখ্যা করতে লাগল মেয়েটা। বিশ্বাস করার ইচ্ছা না থাকলেও, সাফিয়া খেয়াল করল, কথাগুলো ফেলে দেয়ার মতো নয়। বরং কিছু কিছু বিষয় বেশ পরিষ্কার হয়ে যায় সেক্ষেত্রে। পেইন্টারের চালচলন-কথাবার্তা, তার যন্ত্রপাতি, যুক্তরাষ্ট্রের অতি আগ্রহ।

“মিউজিয়ামে যে উল্কাপিণ্ডটা বিস্ফোরিত হয়েছিল,” বলতে থাকে মেয়েটা। “বলা হয়ে থাকে, সেটা ছিল হারানো শহর উবারের সত্যিকারের প্রবেশপথের পাহারাদার। আমাদের সেখানেই নিয়ে যেতে হবে তোমাকে।”

সাফিয়া মাথা নেড়ে আপত্তি জানাল। “এসব ভুয়া।”

এক মুহূর্তের জন্য তাকিয়ে থাকল মেয়েটা, তারপর উঠে দাঁড়াল। টেবিলের নীচ থেকে কিছু একটা বের করল সে আর টেবিলের ওপরের যন্ত্রপাতি থেকে একটা যন্ত্র টেনে নিলো। সে ফিরে এলে, নিজের স্যুটকেসটা চিনতে পারল সাফিয়া।

স্যুটকেসটা খুলে ফেলল মেয়েটা। কালো রঙের স্টাইরোফোমে মোড়ানো লোহার হৃদপিণ্ডটা বের হয়ে হয়ে এল সাথে সাথে। উজ্জ্বল রোদে সেটা লাল বর্ণ ধারণ করেছে। এই নিদর্শনটি তুমি আবিষ্কার করেছ। এমন একটা মূর্তির ভেতরে, যেটা ধারণা করা হয় দুইশ খ্রিস্টপূর্ব সময়কার। আর এর ওপরে অংশে উবারের নাম লেখা।”

আস্তে করে নড করল সাফিয়া, মূর্তিটা নিয়ে মেয়েটার জ্ঞান দেখে বিস্মিত। সম্ভবত সাফিয়ার সম্পর্কেও সব জানে।

নিচু হলো মেয়েটা। হাতেধরা যন্ত্রটি হৃপিন্ডের ওপরে নিয়ে আসতেই মটমট করে শব্দ করে ওঠল লোহার পিণ্ডটা। “এটা অত্যন্ত নিম্ন-স্তরের রেডিয়েশন সিগনেচার বহন করছে। বলতে গেলে, ধরাই যায় না। তবে বিস্ফোরিত উল্কাপিন্ড এর সাথে এর সিগনেচারের মিল আছে। পেইন্টার কি এসব বলেছে কখনও?

সাফিয়ার মনে পড়ল, পেইন্টারকেও একই ধরনের একটা যন্ত্র দিয়ে কাজ করতে দেখেছিল। তবে কি সবই সত্য? একটা ঠাণ্ডা পাথরের ন্যায় হতাশা চেপে বসলো ওর পেটে।

“আমরা চাই, তুমি আমাদের হয়ে কাজটা চালিয়ে যাও,” স্যুটকেসটা বন্ধ করতে করতে বলল সে। “আমাদের হারানো শহর উবারের প্রবেশপথে নিয়ে চল ।

বন্ধ স্যুটকেসটার দিকে তাকিয়ে থাকল সাফিয়া। এত রক্তপাত, এতগুলো মৃত্যু… সবকিছুর জন্য দায়ী ওর আবিষ্কার। আবারও। “সম্ভব নয় আমার পক্ষে ” বিড়বিড় করল ও।

“তাহলে আর একটা রাস্তাই আছে তোমার সামনে-মৃত্যু।”

মাথা নাড়াল সাফিয়া, কাঁধ ঝাঁকাল। পাত্তা দেয় না ও। ঘনিষ্ঠ সবাইকে ওর কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে। আর এসবের জন্য দায়ি ব্যক্তিকে কোনোভাবেই সাহায্য করবে না সাফিয়া।

“তুমি সাহায্য না করলেও আমরা এগিয়ে যাব। আরও বিশেষজ্ঞকে ধরে নিয়ে আসা হবে প্রয়োজনে। আর বলা বাহুল্য, তোমার শেষ মূহুর্তগুলো সুখকর হবে না।

হাসি পেল সাফিয়ার। এই মেয়েটা কষ্টের ভয় দেখাচ্ছে ওকে। এত কিছুর পরও… মাথা উঁচু করে প্রথমবারের মতো তার চোখের দিকে তাকাল। এতক্ষণ যাবত ভয়ে তাকায়নি ও। ওকে এ রুমে নিয়ে আসা লোকটার চোখের মতো শীতল নয় মেয়েটার চোখদুটো। সুপ্ত ক্রোধ আগুনের ন্যায় জ্বলছে ওই চোখ দুইটাতে… আর আছে দ্বিধা। ভ্রুকুটি করে আছে সে ।

“যা ইচ্ছা করো,” নিজের গুরুত্ব বুঝতে পেরে বলল সাফিয়া। এই মেয়েটা ওর ক্ষতি করা দূরের কথা, ওকে স্পর্শও করতে পারবে না। গতকাল রাতে তারা যা করেছে, এরপর আর কোনো হুমকির পরোয়া করে না সাফিয়া। দুইজনেই বিষয়টা হাড়ে হাড়ে টের পাচ্ছে।

একটা চিন্তার রেখা খেলে গেল মেয়েটার কপালে।

আমাকে দরকার তার, সাফিয়া নিশ্চিত। গতরাতে আমার সবকিছু ছিনিয়ে নিয়েছে এরা, আর কী নিতে পারবে? কিছু না। আস্তে আস্তে মনোবল ফিরে পাচ্ছে সাফিয়া, ড্রাগের প্রভাব কেটে যাচ্ছে।

আগেও একবার কোথা থেকে উড়ে এসে ওর জীবনে জুড়ে বসেছিল এক মেয়ে। বুকে বোমা বেঁধে নিরপরাধ মানুষ খুন করেছিল সে। উদ্দেশ্য ছিল সাফিয়া।

তেল আবিবে বিস্ফোরণে মারা গিয়েছিল ওই মেয়েটা। সে ঘটনায় বেশ মুষড়ে পড়েছিল সাফিয়া। সব দোষ নিজের কাঁধে চাপিয়ে নিয়েছিল। নিজেকে পাপমুক্ত করার জন্য সেই গণহত্যার প্রতিশোধ নিতে পারেনি কখনও।

কিন্তু আজ সব পাল্টে গিয়েছে। অপহরণকারীর মুখখামুখি হয়েছে ও, একবারও চোখ সরিয়ে নেয়নি। সাফিয়ার মনে আফসোস, যদি তেল আবিবের ওই মেয়েটার সাথে আগে দেখা হতো ওর, তাহলে হয়তো তাকে থামাতে পারত। বিস্ফোরণটা রুখতে পারত আর রক্ষা পেত অনেকগুলো জীবন। প্রতি পদার্থের স্থিতিশীল অবস্থার ব্যাপারটা কি আসলেই সত্য? ব্রিটিশ মিউজিয়ামের দুর্ঘটনাটার পরিণাম ভেসে উঠল ওর চোখে। তেমন অসীম শক্তি হাতের মুঠোয় পেলে কী করবে এই মেয়েটা? আর কত মানুষকে মরতে হবে?

তা হতে দিতে পারে না সাফিয়া। “নাম কী তোমার?”

প্রশ্নটা চমকে দিল মেয়েটাকে। তা দেখে সন্তুষ্টির হাসি খেলে গেল সাফিয়ার মুখে। “এইমাত্র বললে, আমাকে সব সত্য কথা বলবে।”

ভ্রুকুটি করল মেয়েটা, তবে উত্তর দিল। “ক্যাসান্দ্রা স্যানচেজ।”

“যদি আমি সহযোগিতা করার সিদ্ধান্ত নেই, তাহলে কী কী করতে হবে, ক্যাসান্দ্রা?” নিজের নাম শুনে মেয়েটার অস্বস্তি ভাবটা খুব উপভোগ করল সাফিয়া।

দাড়িয়ে হাকল ক্যাসান্দ্রা, রাগ ফেটে পড়ছে ওর চোখ বেয়ে। “এক ঘন্টার মধ্যেই আমরা নবী ইমরানের সমাধিস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। যেখানে মূর্তিটা পাওয়া গিয়েছিল। যেখানে তুমি অন্যেদের সাথে যাওয়ার কথা ছিল। সেখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে।”

“শেষ প্রশ্ন,” বলল সাফিয়া। চোখে কৌতুক নিয়ে ওর দিকে তাকাল ক্যাসান্দ্রা।

“কার হয়ে কাজ করো তুমি? এর উত্তর দিলেই আমি সহযোগিতা করব।” উত্তর দেয়ার আগে দরজার দিকে এগিয়ে গেল ক্যাসান্দ্রা, দরজা খুলে কেনকে ভেতরে ডাকল। বন্দিকে নিয়ে যাওয়ার ইশারা দিল।

দরজায় দাড়িয়েই উত্তর দিল সে। “মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের জন্য।”

০১:০১ পি.এম.

কিউরেটর বের হওয়া পর্যন্ত অপেক্ষা করল ক্যাসান্দ্রা। দরজাটা বন্ধ হয়ে যেতেই রুমের ময়লার ঝুড়িতে লাথি মারল। কাঠের মেঝেতে কাগজের দলাগুলো পড়ল। একটা পেপসি ক্যান গড়াতে গড়াতে সোফার কাছে গিয়ে থামল। কুত্তী…..

কোনরকমে নিজের রাগ সামলে নিল সে। ওই মেয়ে কিউরেটরকে পুরো বিদ্ধস্ত দেখাচ্ছিল। ক্যাসান্দ্রা কল্পনাই পারেনি যে মেয়েটার পেটে এত শয়তানি লুকিয়ে থাকতে পারে। শেষ মূহুর্তে বিজয়ীর হাসি ফুটে উঠেছিল তার চোখেমুখে। বুঝতে পেরেছিল, ক্ষমতা তখন ওর হাতে। ক্যাসান্দ্রা থামাতে পারেনি। কিভাবে ব্যাপারটা সম্ভব হলো? মুঠো পাকিয়ে এল ক্যাসান্দ্রার হাতদুটো, তারপর আস্তে করে আঙুলগুলো শিথিল করে হাত ঝাঁকাল। “কুত্তী…” বিড়বিড় করল সে। তবে আশার কথা হলো, সহযোগিতা করতে রাজি হয়েছে তার বন্দি। আপাতত এটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে তাকে। সংবাদটা শুনে খুশি হবেন মিনিস্টার।

তারপরও তেতো হয়ে থাকল ক্যাসান্দ্রার মুখ। সে যেমনটা ধারণা করেছিল, তার চেয়ে বেশি শক্ত ওই কিউরেটর। মেয়েটার প্রতি পেইন্টারের আগ্রহের কারণ এবার বুঝতে পারছে সে।

পেইন্টার…

বিরক্তি নিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল ক্যাসান্দ্রা। পেইন্টারের লাশ পাওয়া যায়নি। বিষয়টা তাকে খোঁচাচ্ছে। যদি–

দরজায় টোকা পড়ার শব্দে তার চিন্তায় ব্যাঘাত ঘটল। সে উল্টো ঘুরার আগেই দরজা ঠেলে প্রবেশ করল জন কেন। বিরক্তিতে ক্যাসান্দ্রার চোখমুখ কুঁচকে গেল। এমন অভদ্রতা আর বেয়াদবি দেখে।

“বন্দিকে দুপুরের খাবার দেয়া হয়েছে,” বলল কেন। “দুটার ভেতরে তৈরি হয়ে যাবে সে।”

ইলেক্ট্রনিক যন্ত্রপাতি রাখা টেবিলটার দিকে এগিয়ে গেল ক্যাসান্দ্রা। “সাবডার্মাল টা কেমন কাজ করছে?”

“অসাধারণ। শক্তিশালী সিগন্যাল পাঠাচ্ছে।” গতকাল রাতে বন্দি অজ্ঞান থাকার সময় সাফিয়ার দুই কাধের মাঝে চামড়ার নীচে একটা মাইক্রো ট্রান্সিভার বসানো হয়েছে। এই অণুযন্ত্রটাই ঝ্যাং এর শরীরে বসানোর কথা ছিল। পেইন্টারের উদ্ভাবিত যন্ত্র এক্ষেত্রে ব্যবহার করে বেশ শান্তি পেয়েছে ক্যাসান্দ্রা। আশেপাশে দশ মাইলের মধ্যে সিগন্যাল পাঠাতে সক্ষম যন্ত্রটি। পালানোর কোনো রাস্তাই নেই।

“চমৎকার,” বলল সে। “তোমার লোকজনকে তৈরি হতে বলল ।”

“তারা তৈরি,” কিছুটা রুক্ষ্ম স্বরেই জবাব দিল কেন। লোকটা ভালো করেই জানে এই মিশনের সফলতার ওপর নির্ভর করছে তাদের উভয়ের বাঁচা-মরা।

“গতকাল রাতের জাহাজ বিস্ফোরণ নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ কী ভাবছে?”

“সিএনএন সন্ত্রাসী হামলা বলে প্রচার করছে।” ঘোঁত ঘোঁত করে বলল কেন।

“জীবিতদের কী অবস্থা? কোনো লাশ পাওয়া গিয়েছে?”

“কেউ বাঁচেনি। সবেমাত্র উদ্ধার কাজ শুরু হয়েছে। মৃতের সংখ্যা এখনও জানা যায়নি।”

নড করল ক্যাসান্দ্রা। “ঠিক আছে, প্রস্তুত করো তোমার লোকজনদের। যাও এখন।”

চোখ সরু করে উল্টো ঘুরল কেন। রুম থেকে বের হওয়ার সময় দরজা টেনে দিলেও পুরোপুরি লাগালো না। ক্যাসান্দ্রাকে গিয়ে দরজাটা পুরোপুরি লাগিয়ে দিতে হলো। ক্লিক করে শব্দ করল দরজার লক।

ত্যাড়ামি করতে থাকো কেন, সময় এলে সুদে-আসলে পুষিয়ে দেব।

এক ধরণের হতাশা নিয়ে সোফায় বসে পড়ল সে। কেউ বাঁচেনি। পেইন্টারের সাথে অন্তরঙ্গ দিনগুলোর কথা মনে পড়ে গেল তার। তাদের প্রথম চুমু। পেইন্টারের হাত তার কোমর থেকে আস্তে আস্তে উপরে উঠছিল। | হাত দুটো যেখানে এসে থেমেছিল, সেখানে হাত রাখল ক্যাসান্দ্রা আর হেলান দিয়ে বসল। রাতের মিশনটা সফল হওয়া সত্ত্বেও সন্তুষ্টির চেয়ে ক্ষোভ জমছে তার ভেতর। আর কারণটাও তার জানা। পেইন্টারের লাশটা নিজের চোখে দেখা না পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছে না সে।

জাহান্নামে যাও, পেইন্টার…

মন যেমনটাই চাক না কেন, ওই সম্পর্কের শেষটা সুখকর নাও হতে পারত। অতীত থেকে এই শিক্ষাটা নিয়েছে ক্যাসান্দ্রা। প্রথমে তার পিতা… ক্যাসান্দ্রার বয়স তখন এগারো, রাতের বেলা চুপে চুপে তার বাবা উঠে আসতো তার খাটে। বইয়ের দুনিয়ায় নিজেকে গুটিয়ে নিয়েছিল ক্যাসান্দ্রা। একটা দেয়াল গড়ে তুলেছিল তার আর বাকি দুনিয়ার মাঝে। বই পড়েই সে জেনেছিল কিভাবে পটাশিয়াম মরণ ডেকে আনে। কোনো চিহ্ন রেখে যায় না। তারপর তার সতেরোতম জন্মদিনে মৃত অবস্থায় পাওয়া গেল বাবাকে, লোকটার লে-যি-বয় (এক ধরনের কাউচ)-এ। তার শরীরের আরও অসংখ্য ছিদ্রের মাঝে একটা সুঁইয়ের ফুটো আলাদাভাবে কারও নজরে আসেনি। অবশ্য ক্যাসান্দ্রার মা অনুমান করতে পেরেছিল, এরপর থেকে তাকে ভয় পেতে শুরু করে মহিলা।

কোনো পিছুটান না থাকায় আঠারো বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দেয় ক্যাসান্দ্রা। নিজেকে আরও কঠোর করে তোলে। তারপরই সুযোগ আসে একটা স্পেশাল ফোর্সের মার্কসম্যান প্রোগ্রামে যোগ দেয়ার। বিশাল সম্মানের ব্যাপার, কিন্ত ওর অংশগ্রহণ সবাই সরল চোখে দেখেনি। ফোর্ট ব্রাগের এক সৈনো ওকে ওর অবস্থান বোঝাবার জন্য একাকী এক গলিতে টেনে নিয়ে যায়। জোর করে ওর শার্ট ছিড়ে ফেলে। “এবার তোমাকে কে বাঁচাবে?”

কিন্তু লোকটা জানতো না কী ভুলটাই না করছিল সে। ভাঙ্গা দুটো পায়ের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। ক্ষতিগ্রস্ত জননাঙ্গ ঠিক করতে পারেনি ডাক্তাররা। বিষয়টা গোপন রাখার শর্তে সেনাবাহিনী থেকে বের করে দেয়া হয় ক্যাসান্দ্রাকে।

আর গোপনীয়তায় অতুলনীয় সে। তারপর সিগমা থেকে ডাক আসে, গিল্ড থেকেও। সিদ্ধান্ত নিতে দেরি করে সে। নিজেকে আরও কঠোর রূপে গড়ে তোলার সুযোগ হিসেবে দেখেছিল ব্যাপারটাকে।

এরপর এল পেইন্টার… তার হাসি, শান্ত ভাবভঙ্গি…

কেন যেন কষ্ট হতে লাগল ক্যাসান্দ্রার । জীবিত নাকি মৃত?

জানতে হবে তাকে। অনুমানের ওপর ভর করে সিদ্ধান্ত নেয়া চলে না। সোফা ছেড়ে টেবিলের দিকে এগিয়ে গেল সে। ল্যাপটপটা চালুই ছিল। বন্দির শরীরে স্থাপন করা মাইক্রো ট্রান্সিভার থেকে আসা সিগন্যাল চেক করল সে, জিপিএস ম্যাপিং ফিচারে ক্লিক করল। একটা ত্রিমাত্রিক গ্রিড হাজির হলো। নীলচে রঙের ঘূর্ণায়মান গোলক সেলরুমে বন্দির অবস্থান নির্দেশ করছে।

যদি পেইন্টার জীবিত থাকে, তবে অবশ্যই এই কিউরেটরকে উদ্ধার করতে আসবে। | স্ক্রিনের দিকে তাকিয়ে রইল ক্যাসান্দ্রা। তার বন্দি হয়তো ভাবছে একটু আগে জিতেছে সে। কিন্তু অদূর ভবিষ্যতে তার এই ভাবনা ধূলিস্মাৎ হয়ে যাবে।

পেইন্টারের সাবডার্মাল ট্রান্সিভার ডিজাইনে কিছুটা পরিবর্তন এনেছে ক্যাসান্দ্রা, গিল্ডের নকশা করা একটার সাথে জুড়ে দিয়েছে। পাওয়ার সেল এর ক্ষমতা একটু বাড়াতে হয়েছে অবশ্য। কিন্তু এই পরিবর্তনটুকুর ফলে ক্যাসান্দ্রা এখন চাইলেই সাবডার্মালটায় বসানো সি-ফোর বিস্ফোরকটা ফাটিয়ে দিতে পারবে। আর তাতে মৃত্যু অবধারিত।

তাই, যদি জীবিত থাকে তো…আসুক পেইন্টার । সব ধরনের অনিশ্চয়তা দূর করতে ক্যাসান্দ্রা প্রস্তুত।

০১:৩২ পি.এম.

ক্লান্ত শরীরগুলো বালুর ওপর আছড়ে পড়ল। তাদের পেছনে উপকুলীয় সরু রাস্তা এতে এগিয়ে আসছে চুরি করা ট্রাকটি। সামনে দিগন্তজোড়া সাদা বালু, সাগরে বিলীন হওয়া চুনাপাথরের টিলা দুপাশে ঘিরে রেখেছে। আশেপাশে জনমানুষের চিহ্ন নেই।

দক্ষিণে তাকাল পেইন্টার, পঞ্চাশ মাইল বা তারও বেশি দূরত্বে থাকা সালালাহ শহরটার আশায়। সাফিয়া ওখানে না থেকে যায় না। আশা করছে, খুব বেশি দেরি করে ফেলেনি তারা।

পেছনে ট্রাকের ইঞ্জিন কম্পার্টমেন্টে আরবীতে ঝগড়া করছে ওমাহা আর তিন আরব বেদুইন।

বাকিরা টিলার ছায়ায় আরাম খুঁজছে। রুক্ষ্ম রাস্তায় আর ট্রাকের শক্ত স্টিলের মেঝেতে ঝাঁকি খেতে খেতে নির্ঘুম এক রাত কেটেছে। পেইন্টারের চোখ লেগে এসেছিল, কিন্তু দুঃস্বপ্ন দেখে বিশ্রাম নেয়া হয়ে ওঠেনি।

বাঁ চোখটা স্পর্শ করল সে, ফুলে বন্ধ হয়ে আছে। যন্ত্রণা তাকে বর্তমান পরিস্থিতি বিবেচনা করতে সাহায্য করল। রুক্ষ্ম রাস্তা আর পাথুরে জমির এমনিতেই যাত্রায় দেরি করিয়ে দিচ্ছে। তার ওপর এখন একটা রেডিয়েটর হোস নষ্ট হয়ে গিয়েছে। যত দেরি হবে, বিপদ বাড়বে ততই।

বালির মর্মর ধ্বনি শুনে কোরালের দিকে নজর গেল তার। একটা ঢিলেঢালা আলখাল্লা পরে আছে কোরাল। আলখাল্লা এতই ছোট যে তার পায়ের গোড়ালি দেখা যাচ্ছে ।ট্রাকে শোয়ার কারণে তার চুলে-মুখে তেল লেগে আছে। “আমাদের দেরি হয়ে গিয়েছে,” বলল সে।

নড করল পেইন্টার। “তা বুঝলাম। কিন্তু কতটুকু দেরি করে ফেলেছি?”

কোরাল ঘড়ি দেখল। তার হাতে একটা ব্রেটলিঙ্গার কোম্পানির ড্রাইভারস ক্রোনোগ্রাফ। সিগমার লজিস্টিশিয়ান আর স্ট্র্যাটেজিস্টদের সে অন্যতম। “আমার ধারণা মাঝ সকালেই সালালাহ পৌছে গিয়েছে ক্যাসান্দ্রার টিম। তারা ততটুকু সময়ই দেরি করবে যতটুকু তাদের চিহ্ন মুছে দিতে প্রয়োজন হয়। সাবাবের ধ্বংসের জন্য যাতে কেউ তাদের ধরতে না পারে আর জরুরি অবস্থার জন্য শহরে একটা নিরাপদ স্থান নিশ্চিত করে তবেই তারা যাত্রা শুরু করবে। যদি আমাদের ভাগ্য ভালো হয়, তাহলে তারা এইমাত্র রওনা হচ্ছে। আর নাহয় দু ঘন্টা আগেই সমাধিস্থলে পৌছে গিয়েছে।”

“না, নেই। অহেতুক আশা না করাই ভালো।” পেইন্টারের দিকে তাকাল কোরাল।

“ক্যাসান্দ্রার অ্যাসল্ট টিম তাদের শক্তি-সামর্থ বুঝিয়ে দিয়েছে আমাদের। সমুদ্রে জয়ী হয়ে এখন তারা নবোদ্যমে যাত্রা শুরু করবে। তবে আশার একটা কারণ আছে।”

“কী?”

“তারা এখন আগের চেয়ে বেশি সতর্ক থাকবে। কথাটা শুনে ভ্রু কুচকালো পেইন্টার ।

ব্যাখ্যা করতে লাগল কোরাল, “এলিমেন্ট অফ সারপ্রাইজ, চমকে দেয়ার সুবিধার কথা বলছিলে তুমি। কিন্তু আমাদের মূল সুবিধা কিন্তু সেটা নয়। ক্যাপ্টেন সানচেজ সম্পর্কে আমার যতটুকু ধারণা, সে কখনও ঝুঁকি নেবে না। হামলা ঠেকানোর প্রস্তুতি নিয়েই বের হবে।”

“এটাকে আমাদের সুবিধা বলছ? কিভাবে?”

“বারবার পিছু তাকাতে গেলে হোঁচট খেতে হয়।”

“তোমার তো দেখি অনেক বুদ্ধি, নোভাক।” শ্রাগ

করল কোরাল। “আমার কথা নয়, বুদ্ধের কথা। আমার মা বৌদ্ধ ছিল।”

পেইন্টার তার দিকে তাকাল। কোরালের কথাটা শুনে বুঝতে পারেনি যে মজা করছে নাকি সত্যই বলছে।

“হয়ে গিয়েছে!” ইঞ্জিনটা গুঙিয়ে উঠতেই চিৎকার করে বলল ওমাহা। ওঠে পড়ো সবাই!” বালুর নরম বিছানা ছাড়তে ছাড়তে বিড়বিড় করে প্রতিবাদ জানালো অন্যেরা।

কারা কে উঠতে সাহায্য করল পেইন্টার। কারার হাত ধরতে গিয়ে দেখল। কাঁপছে হাতজোড়া। “তুমি ঠিক আছো?”

হাতটা ছাড়িয়ে নিলো কারা, পেইন্টারের দিকে তাকাল না। “হ্যা। শুধু সাফিয়ার জন্য চিন্তা হচ্ছে।” পেছনে কোণায় একটা ছায়াময় জায়গা খুঁজে নিলো সে। বাকিরাও তাই করল। রোদে ফ্লাট বেড ট্রাকের পেছনটা তেতে উঠেছে।

“ইঞ্জিনটা চালু করে ফেললে তাহলে,” বলল ড্যানি। বিস্ফোরণের সময় তার চশমাটা হারিয়ে ফেলেছে। আরবের সাথে তার প্রথম পরিচয়টা খুব একটা সুখকর হয়নি। তবে এখনও ভেঙ্গে পড়েনি সে। “সালালাহ পর্যন্ত টিকবে তো?”

শ্রাগ করল ওমাহা, শুয়ে পড়ল ভাইয়ের পাশে। “দেখা যাক, কী হয়। মাত্র তো পঞ্চাশ মাইল। ইঞ্জিনটা হয়তো একটু গরম হয়ে যাবে। কিন্তু তেল পড়ে যাওয়ার ছিদ্রটা কোনোরকমে বন্ধ করা হয়েছে। আশা করি সমস্যা হবে না।”

পেইন্টার অবশ্য ওমাহার মতো খুব একটা আশাবাদী হতে পারছে না। কোরাল আর ক্লে এর মাঝের সিটটা দখল করেছে সে। লাফ দিয়ে সামনে বাড়ল ট্রাকটা, ঝাঁকুনিতে কেঁপে উঠল সবাই। মৃদু ডাক ছাড়ল ঘোড়াটা, খুর দিয়ে মেঝেতে আঘাত করে ঝাঁকির প্রতিবাদ জানাচ্ছে। একরাশ ধুলোবালির ঝড় তুলে রাস্তায় উঠে এল ট্রাক। যাত্রা শুরু করল সালালাহের দিকে।

তীব্র রোদে চোখ বন্ধ করে রাখল পেইন্টার। ঘুম আসবে না ভালো করেই জানে। ক্যাসান্দ্রার কথা মনে পড়ে গেল তার। সাবেক পার্টনারের সাথে অংশ নেয়া বিভিন্ন মিশনের কথা ঘুরতে লাগল মাথায়। প্রায় সবক্ষেত্রেই নিজেকে পেইন্টারের সমকক্ষ প্রমাণ করেছিল ক্যাসান্দ্রা। কিন্তু তার ধূর্ততা, ধোঁকাবাজি, নৃশংসতা পেইন্টার ধরতেই পারেনি কখনও। এদিক থেকে পেইন্টারকেও ছাড়িয়ে গিয়েছে সে, নিজেকে একজন যোগ্য ফিল্ড অপারেটিভ হিসেবে প্রমাণ করেছে।

কিছুক্ষণ আগে কোরালের বলা কথাগুলো মনে পড়ে গেল তার। বারবার পিছু তাকাতে গেলে হোঁচট খেতে হয়। সে নিজেও কি এমন করেছে? মিউজিয়ামের ঘটনাটার পর থেকে ক্যাসান্দ্রার সাথে তার অতীত নিয়ে একটু বেশি ভাবছে পেইন্টার। ক্যাসান্দ্রা তার মনোযোগ কেড়ে নিয়েছে, অতীতের সাথে বর্তমানকে গুলিয়ে ফেলছে পেইন্টার । এমনকি তার হৃদয়ও দ্বিধান্বিত। সাবাব ওমানে কেন অসাবধান হয়ে পড়েছিল সে? মনে মনে কি আশা করছিল যে ক্যাসান্দ্রার মাঝে একটুখানি হলেও ভালো কিছু দেখতে পাবে? যদি সে সত্যিই ক্যাসান্দ্রার প্রেমে পড়ত, তবে তাদের মাঝে সত্যের ছিটেফোঁটা হলেও থাকত।

এখন ভুলটা উপলব্ধি করতে পারছে সে। মৃদু প্রতিবাদের শব্দ শুনে বাস্তবে ফিরে এল পেইন্টার।

আলখাল্লা টানাটানি করে হাঁটু ঢাকার চেষ্টা করছে ক্লে। পেইন্টারের উদ্দেশ্যে বলল, “তোমার কী মনে হয়? আমরা সময়মতো পৌছাতে পারব?”

সত্যটা বলার সিদ্ধান্ত নিলো পেইন্টার। “জানি না।”

দুপুর ০২:১৩

চার চাকার একটা মিতসুবিশির পেছনের সিটে চড়ে বসল সাফিয়া। দেখতে একই আরও তিনটা গাড়ি আসছে পেছন পেছন। শোকযাত্রার ন্যায় গাড়ি বহরটি…. চলছে কুমারী মরিয়মের পিতা, নবী ইমরানের সমাধিস্থলের দিকে।

জড়ো হয়ে আছে সাফিয়া। গাড়িটা নতুনই ঠেকছে। নরম চামড়ার গদি, নীল লাইট, টাইটানিয়াম বডি দেখে চোখে ধাঁধা লাগে, গাড়ির যাত্রীর দুরবস্থা অনুমান করা যায় না। সাফিয়ার মনের ধোঁয়াশা কাটেনি এখনও। আর সেই পুরোপুরি সিডেটিভের পার্শ্বপ্রতিক্রিয়া বলে উড়িয়ে দেয়া যায় না। ক্যাসান্দার সঙ্গে কথোপকথন মনে পড়ে গেল ওর।

পেইন্টার… | কে সে? কোন সূত্রে সে আর ক্যাসান্দ্রা পার্টনার ছিল? এসবের মানে কী? পেইন্টারের হাসি, আশ্বস্ত করার উদ্দেশ্যে করা আলতো স্পর্শগুলো ভেসে উঠল সাফিয়ার চোখে। তিক্ততায় ভরে গেল মন। আর কী কী লুকিয়েছে পেইন্টার? সকল দ্বিধাদ্বন্দ্ব মনের গহীনে চাপা দিল সাফিয়া, মুখোমুখি হতে ভয় পাচ্ছে। তাছাড়া বুঝতে পারছে না পেইন্টারকে নিয়ে এত ভাবছে কেন ও। ওরা তো একে অপরকে ভালো করে চেনেই না।

ক্যাসান্দ্রার আরেকটা কথা ভাবিয়ে তুলল সাফিয়াকে। সে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষে কাজ করছে, কিন্তু তা কী করে সম্ভব? মার্কিন যুক্তরাষ্ট্রের অনৈতিক পররাষ্ট্র নীতি সম্পর্কে হালকাপাতলা ধারণা আছে ওর। কিন্তু কল্পনা করতে পারছে না এ আক্রমণটা ওরাই ঘটিয়েছে। তার ওপর ক্যাসান্দ্রার লোকগুলোও কেমন যেন, দেখলেই সাফিয়ার গায়ে কাঁটা দেয়। সাধারণ আমেরিকান সৈন্য তারা হতেই পারে না।

তাছাড়া সবসময় কালো পোশাক পরিহিত কেন তো আছেই। তার উচ্চারণে অস্ট্রেলিয়ান টান বোঝা যায়। গাড়িটা সে চালাচ্ছে, চলনে লোকটা একটু ধীর প্রকৃতির। রাস্তার মোড় ঘুরছে তীক্ষ্মভাবে, যেন রেগে আছে। তার কাহিনীটাই বা কী?

গাড়ির শেষ যাত্রী সাফিয়ার পাশে বসে আছে। কোলের ওপর হাত রেখে বাইরের প্রকৃতি দেখছে ক্যাসান্দ্রা, ঠিক একজন পর্যটকের মতো। পার্থক্য শুধু তার কাছে তিনটা বন্দুক আছে। সাফিয়াকে সেগুলো দেখিয়ে সতর্ক করে দিয়েছে। একটা তার কাঁধের হোলস্টারে, একটা পেছন দিকে কোমরে আর বাকিটা পায়ে গোড়ালিতে। সাফিয়ার সন্দেহ, আরও একটা অস্ত্র লুকানো থাকতে পারে ক্যাসান্দ্রার কাছে।

খাঁচায় পোরা পাখির মতো চুপচাপ থাকা ছাড়া আর কিছুই করার নেই ওর। মধ্য সালালাহ দিয়ে চলছে গাড়ি। গাড়িতে সংযুক্ত থাকা নেভিগেশনে চোখ পড়ল সাফিয়ার। সৈকতের পাশে অবস্থিত একটা রিসোর্ট, দ্য হিলটন সালালাহ পার হয়ে এসেছে তারা। এখন চলছে পৌর শহর আল-কুয়াফের দিকে, যেখানে শায়িত আছেন নবী ইমরান।

খুব বেশি দূরে নয়। সালালাহ ছোট্ট শহর, এমাথা-ওমাথা করতে মিনিট কয়েকের বেশি লাগে না। শহরটার মূল আকর্ষণ এর প্রাকৃতিক সৌন্দর্য। মুঘসালের বালুসৈকত, সুমহুরানের ধ্বংসাবশেষ, মৌসুমি বৃষ্টিপাতে গজিয়ে ওঠা নানা রকমের গাছপালা। আর একটু ভেতরে গেলেই চোখে পড়বে ধোফার পর্বতমালা, যেখানে দুর্লভ ফ্রাঙ্কেনসেন্স উদ্ভিদ জন্মে।।

কুয়াশায় ঢাকা পর্বতমালার দিকে তাকাল সাফিয়া। এক চিররহস্য আর প্রাচুর্যের উৎস ধোফার পর্বত। যদিও তেলই বর্তমানে ওমানের অর্থনীতির মূল চালিকা শক্তি, তবে এখনও সালালাহ এর স্থানীয় আয়ের মূল উৎস ওই সুগন্ধি। এলাকার খোলা বাজারগুলো গোলাপজল, চন্দন, ধূপধুনো আর আগরের গন্ধে ভরপুর। বিশ্বের পারফিউমের রাজধানী এই সালালাহ। সকল নামীদামী ডিজাইনারেরা সুগন্ধি সংগ্রহের আশায় এখানে ছুটে আসে।

একসময় স্বর্ণের চেয়েও দামি ছিল এই ফ্রাঙ্কেনসেন্স। সুগন্ধি রপ্তানি করে ফুলে কেঁপে উঠেছিল ওমানের অর্থনীতি। উত্তরে জর্ডান আর তুর্কি, পশ্চিমে আফ্রিকা পর্যন্ত ভাসতো তাদের বাণিজ্যিক জাহাজগুলো। তবে কিংবদন্তী হয়ে দাড়ায় স্থলভূমির একটা রাস্তা, দি ইনসেন্স রোড। প্রাচীন ধ্বংসাবশেষগুলো থেকে রাস্তাটার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। ইহুদি, খ্রিস্টান আর ইসলাম ধর্মের সাথে জড়িয়ে আছে এসব রহস্যময় আর সাংকেতিক চিহ্নে মোড়ানো ধ্বংসাবশেষের ইতিহাস। সবচেয়ে বিখ্যাত উপকথাটা সম্ভবত উবারকে নিয়ে। সহস্র পিলারের শহরটার গোড়াপত্তন করেছিলেন নূহ (আঃ) এর বংশধরেরা। মরুভূমির কাফেলাগুলোকে পানির সরবরাহ করে ধনী হয়ে উঠেছিল শহরটা।

এখন হাজারো বছর পর, আবারও ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উবার। এর রহস্য উন্মোচনের লোভে ঝরেছে রক্ত।

অনেক কষ্টে পেছনে রাখা রুপালি বাক্সের দিকে তাকানো থেকে নিজেকে বিরত রাখছে সাফিয়া। সালালাহ তে পাওয়া এক ধ্বংসাবশেষের ভেতরে পাওয়া গিয়েছে। উবারে লুকায়িত রহস্যের চাবিকাঠি।

প্রতি পদার্থ।

এও কি সম্ভব?

মিতসুবিশির গতি কমে গেল। পাশের একটা এবড়োথেবড়ো রাস্তায় নেমে পড়লো গাড়িট। রাস্তার দুপাশে বসা নারকেল, খেজুর আর কিশমিত দোকানগুলো পাশ কাটিয়ে এগোতে লাগল ধীর গতিতে। পালানোর কথা একবার ভাবলএকবার সাফিয়া। কিন্তু বেঁধে রাখা হয়েছে ওকে। বেল্ট খুলতে গেলেই থামিয়ে দেয়া হবে।

তার ওপর পিছনে আছে সশস্ত্র লোকভর্তি তিনটা গাড়ি।

একটা ট্রাক তাদের পেছন পেছন মোড় ঘুরল। বাকিগুলো এগিয়ে যেতে লাগল। সম্ভবত সরু রাস্তাটার ওমাথার নিরাপত্তা নিশ্চিত করতে ঘুরে যাচ্ছে। এত সাবধানতা অবলম্বন করতে দেখে বেশ অবাক হলো সাফিয়া। বন্দিকে ঠেকাতে কেন আর ক্যাসান্দ্রাই যথেষ্ট। মুক্তির কোনো পথ নেই, ভালো করেই জানে সাফিয়া। পালানোর চেষ্টা করলেই মৃত্যু সুনিশ্চিত।

রাগে সাফিয়ার সর্বাঙ্গ জ্বলে ওঠল। হার মানবে না ও, এত সহজে ছেড়ে দেবে না। অপহরণকারীদের কথা মতো চলবে, তবে সুযোগের অপেক্ষায় থাকবে। ক্যাসান্দ্রার দিকে তাকাল ও প্রতিশোধ নেবেই… ওর বন্ধুদের জন্য, ওর নিজের জন্য। আচমকা ট্রাকটা ঝাঁকুনি খেয়ে থেমে গেলে বাস্তবে ফিরে এল সাফিয়া। একটা লোহার গেটের সামনে দাঁড়িয়ে আছে গাড়িটা।

নবী ইমরানের সমাধিস্থলের প্রবেশপথ। ‘উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করো না,” যেন সাফিয়ার মনের কথা বুঝতে পেরে বলে ওঠল ক্যাসান্দ্রা।

জানালার দিকে ঝুঁকে গেটের দারোয়ানের সাথে কথা বলতে লাগল জন কেন। কিছু ওমানি রিয়াল হাতবদল হলো। দারোয়ান একটা বাটন চেপে ধরতেই খুলে গেল গেটটা। কেন ধীর গতিতে চালিয়ে গাড়িটা ভেতরে নিয়ে পার্ক করল । অন্য ট্রাকটা বাইরে দাঁড়িয়ে রইল।

কেন লাফ দিয়ে বাইরে বেরিয়ে সাফিয়ার পাশের দরজাটা খুলে ধরল । বিষয়টা অন্য যেকোনো সময় হলে ভদ্রতার মতো দেখাত, কিন্তু এখন তা শুধুই সাবধানতা অবলম্বন মাত্র। সাফিয়ার উদ্দেশ্যে একটা হাত বাড়িয়ে দিল সে।

সাফিয়া পাত্তা না দিয়ে বেরিয়ে এল। ট্রাকের পেছনে চলে এল ক্যাসান্দ্রা। রুপালি বাক্সটা বের করে আনলো। “এবার কী?”

চারপাশে তাকাল সাফিয়া। কোথা থেকে শুরু করতে হবে?

টালিপাথরের কোর্ট ইয়ার্ডের মাঝখানে দাঁড়িয়ে আছে তারা। ছোট আর ছিমছাম বাগান দিয়ে জায়গাটা ঘেরা। কোর্ট ইয়ার্ড থেকে একটু দূরে মাথা তুলেছে একা মসজিদ। শাদা রঙের মিনারটা রোদে জ্বলছে যেন, চূড়ায় আছে বাদামি আর স্বর্ণালি রঙের মিশেলে একটা গম্বুজ। একটা ছোট বারান্দা বৃত্তাকারে ঘিরে রেখেছে গম্বুজটাকে। এখানে দাঁড়িয়েই পাঁচ ওয়াক্ত নামাযের জন্য ডাক দেয় মুয়াজ্জিন। কোনো উত্তর দিতে পারল না সাফিয়া। তবুও এক ধরনের স্বস্তি ভর করল ওর মনে। বাইরের কোলাহল কোর্ট ইয়ার্ডের ভেতরে প্রবেশ করতে পারছে না।

জায়গাটার পবিত্রতায় বাতাসও যেন থমকে গিয়েছে। কয়েকজন মুসল্লি এদিক ওদিক ঘোরাফেরা করছে। একপাশে অবস্থিত সমাধিস্থলের প্রতি শ্রদ্ধার দৃষ্টি তাদের চোখেমুখে। সমাধিস্থলটা বেশ লম্বা, উচ্চতায় খাটো, শাদা রঙ করা আর সবুজ কাপড়ে ঢাকা। এখানেই শায়িত আছেন কুমারী মরিয়মের পিতা, নবী ইমরান (আ:)। সাফিয়ার সামনে এসে দাঁড়াল ক্যাসান্দ্রা। তার মুখে অস্থিরতা। “কোথেকে শুরু করব আমরা?”

“প্রথমে…” বিড়বিড় করে সামনে এগিয়ে গেল সাফিয়া। জানে, ওকে প্রয়োজন অপহরণকারীদের। যদিও ও একজন বন্দি, কিন্তু তাড়াহুড়োর দরকার নেই। জ্ঞানই ওর শক্তি। ওর পিছে পিছে চলল ক্যাসান্দ্রা।

সমাধিস্থলের প্রবেশমুখের দিকে এগিয়ে গেল সাফিয়া।

আলখেল্লা পরা একজন সমাধিস্থলের মুরিদ এগিয়ে এল দলটার দিকে। “আসসালামু আলাইকুম,” বলল সে। “ওয়ালাইকুম আসসালাম,” জবাব দিল সাফিয়া।

“আস ফা,” অপারগতা জানাল লোকটা আর মাথার দিকে ইঙ্গিত করল। “খোলা চুলে মেয়েটাদের প্রবেশ নিষেধ।” একজোড়া সবুজ স্কার্ফ বের করে আনলো সে।

“শুকরান, ধন্যবাদ জানাল সাফিয়া, দ্রুত কাপড়টা মাথায় পরে ফেলল। ও তো ভেবেছিল চুলে স্কার্ফ বাঁধতে ভুলেই গিয়েছে এতদিনে। ক্যাসান্দ্রাকে চুল বাঁধতে সাহায্য করল লোকটা। ব্যাপারটা পছন্দ হলো না সাফিয়ার।

পথ ছেড়ে দিল লোকটা। “আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক,” সম্ভাষণ জানিয়ে নিজের জায়গায় চলে গেল সে।

“ভেতরে ঢোকার আগে জুতো খুলে রাখতে হবে।” বাইরে পড়ে থাকা জুতার সারির দিকে নড করে বলল সাফিয়া। খালি পায়ে সমাধিস্থলে প্রবেশ করল তারা।

জায়গাটা আসলে একটা লম্বা হল, পুরো দালানের দৈর্ঘ্য জুড়ে আছে। একদম শেষ মাথায় একটা বাদামী মার্বেল পাথরের হেডস্টোন অবস্থিত, আকারে একটা বেদীর সমান। মার্বেলের উপর জ্বলছে সুগন্ধি কাঠি, পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ছে সেই গন্ধ। কিন্তু এখানে ঢোকা মাত্রই নজর পড়ে হেডস্টোনের উপর। প্রায় ত্রিশ মিটার লম্বা আর মেঝে থেকে এক মিটার উঁচু কবরটা রঙধনু রঙের কাপড়ে মোড়া।

কাপড়টার উপরে কুরআনের বিভিন্ন আয়াত লিখে রাখা হয়ে পুরো মেঝে ঢাকা আছে জায়নামাজ দিয়ে।

“সমাধিটা বিশাল।” নরম স্বরে বলল কেন।

একজন মাত্র লোক উপস্থিত ছিল ওখানে, সে মাথা তুলে আগন্তকদের দেখলো। এরপর কোন শব্দ না করে বের হয়ে গেল রুম থেকে। ঘরে মানুষ বলতে শুধু ওরাই।

ত্রিশ মিটার লম্বা কবরটার এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত হেঁটে গেল সাফিয়া। প্রচলিত আছে, দুই দিক থেকে কবরটার দৈর্ঘ্য মাপলে, তা কখনও এক হয় না। গল্প না সত্যি, তা অবশ্য ও কখনও পরীক্ষা করে দেখেনি।

ক্যাসান্দ্রা ওর পিছু পিছু আসছে, অবাক চোখে দেখছে চারপাশ। “এই জায়গা সম্পর্কে কি জান?”

শ্রাগ করল সাফিয়া, কবরটা চক্কর দেয়া শেষ হলে রওনা দিল মার্বেলের হেডস্টোনটার দিকে। “মধ্যযুগ থেকে এই কবরটা পবিত্র স্থান হিসেবে সম্মান পেয়ে আসছে। কিন্তু এই অলংকরণ…মানে এই ভল্ট আর কোর্ট ইয়ার্ডের বয়স অল্প।”

মার্বেলে হেডস্টোনটার কাছে পৌঁছে গেল সাফিয়া, একটা হাত রাখল উপরে। “এখান থেকে স্যার রেজিনাল্ড মূর্তিটা খুঁড়ে বের করেছিলেন। প্রায় চল্লিশ বছর আগের কথা।”

ছোট্ট স্যুটকেসটা নিয়ে সামনে এগিয়ে এল ক্যাসান্দ্রা। পাথুরে বেদীটাকে ঘিরে একটা চক্কর কাটল।

কথা বলে উঠল কেন, “কুমারী মাতা মেরীর বাবা তাহলে এখানে শায়িত?”

“এ নিয়ে কিছু বিতর্ক আছে।”

ক্যাসান্দ্রা সাফিয়ার দিয়ে তাকাল, “কী রকম?”

“অধিকাংশ বড় বড় খ্রিষ্টান গ্রুপ যেমন-ক্যাথলিক, বাইজেনটাইন, নেস্টোরিয়ান, জ্যাকবাইট-বিশ্বাস করে মেরীর বাবার নাম জোয়াকিম। কিন্তু কুরআন বলে মেরী এক সম্ভ্রান্ত বংশের সন্তান, ইমরানের বংশ। ইহুদী বিশ্বাসও তাই বলে। এই দুই ধর্ম মতে, ইমরান আর তার স্ত্রী সন্তান চাইতেন। কিন্তু ইমরানের স্ত্রী ছিলেন বাঁজা। তাই ইমরান প্রতিজ্ঞা করলেন, তার কোন ছেলে হলে জেরুজালেমের মন্দিরের জন্য উৎসর্গ করবেন। উত্তর মিলল প্রার্থনার, কিন্তু ছেলের জায়গায় জন্মাল মেয়ে-মেরী, কিন্তু তাতেই খুশি ইমরান দম্পত্তি। প্রতিজ্ঞামত তাকে উৎসর্গ করলেন মন্দিরের ধার্মিক জীবন যাপন করার জন্য।”

“কিন্তু তার সাথে লোহার হৃদপিন্ড লুকিয়ে রাখা মূর্তিটার কী সম্পর্ক?” জানতে চাইল ক্যাসান্দ্রা।

একই প্রশ্ন সাফিয়ারও। কুমারী মেরীর সাথে সম্পর্কযুক্ত একটা কবরে উবার। খুঁজে বের করার সূত্র কেন লুকায়িত থাকবে? মেরী তিন প্রধান ধর্মের কাছেই খুব সম্মানিতা-ইহুদী খ্রিষ্টান আর ইসলাম, এটা একটা কারণ হতে পারে। এ এলাকায় ক্ষমতা যার হাতে থাকুক না কেন, এই সমাধির সংরক্ষন সে করবেই করবে।

রেজিনাল্ড কেনসিংটন নামের এক প্রত্নতাত্ত্বিক যে খুঁড়ে মূর্তিটাকে বের করে ফেলবেন, তা সাধারণ হিসেবে আসার কথা না। কিন্তু এখানে প্রথম কে রেখেছিল মূর্তিটা? কেনই বা এনেছিল? বিখ্যাত ইনসেন্স রোডের শুরু এখানে, তাই?

বিভিন্ন তথ্য খেলে গেল সাফিয়ার মনেঃ মূর্তিটার বয়স, সমাধিকে ঘিরে থাকা বিভিন্ন রহস্য, নানা ধর্মমতের কাছে এর গুরুত্ব। ক্যাসান্দ্রার দিকে ফিরল ও, “আমার হৃদপিন্ডটা দরকার।”

“কেন?”

“কারণ তুমি ঠিকই বলেছ। এখানে মূর্তিটা স্থাপন করার নিশ্চয় কোন না কোন কারণ আছে।”

দীর্ঘ একটা মুহূর্ত ওর দিকে তাকিয়ে থেকে জায়নামাজের উপর হাঁটু গেঁড়ে বসল ক্যাসান্দ্রা। স্যুটকেসটা খুলে ফেললল। ভেতরে হৃদপিন্ডটাকে কালো রাবারের কুশনের উপর শুইয়ে রাখা হয়েছে।

সাফিয়া তুলে নিল জিনিসটাকে। ওটার ওজনে আবারও অবাক হয়ে গেল, শুধু লোহার তো এত ওজন হবার কথা না।

পাথুরে বেদী পর্যন্ত বয়ে নিয়ে গেল জিনিসটাকে, “ঠিক এইখানে মূর্তিটা এভাবে দাঁড়িয়ে থাকার কথা।” এই কথা বলে মূর্তির মতো করে দাঁড়িয়ে পড়ল সে, হৃদপিন্ডটাকে ধরল যেভাবে শরীরের মাঝে হৃদপিন্ড থাকে, ঠিক সেই ভাবে। লম্বা কিন্তু সরু কবরের মাথায় দাঁড়াল ও।

প্রায় সাত ফুট উঁচু ছিল মূর্তিটা, মাথা ছিল একটা হেড ড্রেস আর চেহারায় স্কার্ফ। হাতে ছিল রাইফেলের মত করে ধরা একটা বর্শা। চোখ বন্ধ করে ভারী, সুগন্ধীযুক্ত বাতাসে শ্বাস নিল সে। এক মুহূর্তে যেন ফিরে গেল হাজার বছর অতীতে।

প্রথমে কল্পনা করল যে গাছ থেকে সুগন্ধী এসেছে, সেই গাছটাকে। ছোট ছোট ধূসর-সবুজ পাতা সম্বলিত একটা গাছ। সেই গাছের বাকল ছিড়ে নিত অতীতের মানুষেরা। তখনো পাহাড়ে নিজেদের মতো থাকতে ভালবাসত এই গোত্র, নিজেদেরকে ওদের বংশধর বলে দাবী করা শাহরা গোত্র এখনও তাই করে। অদ্ভুত সুরেলা এক ভাষায় কথা বলে ওরা।

প্রতিটা শ্বাসের সাথে সাথে সুগন্ধী ঢুকে পড়ছে ওর ফুসফুসে। মাথা ঘুরে উঠল সাফিয়ার, মনে হলো পায়ের তলার মাটি যেন আপনা থেকেই নড়ে উঠছে, মুহূর্তের জন্য উপর আর নীচ গুলিয়ে গেল মেয়েটার । আঁতকে উঠে বেদী নিজেকে সামলাল।

হাত বাড়িয়ে ওর কনুই ধরে ফেলল কেন। কিন্তু, ওই কনুই এর ভাঁজেই সাফিয়া ধরে ছিল হৃদপিন্ডটাকে।

আচমকা নড়ে ওঠায় পড়ে গেল ওটা।

বেদীতে একটা বাড়ি খেয়ে, মার্বেলের উপর পড়ে গেল জিনিসটা। নড়ছে।

ওটার দিকে হাত বাড়িয়ে দিল ক্যাসান্দ্রা।

“না!” সতর্ক করে দিল সাফিয়া, “ধরো না!” শেষ বারের মতো নড়ে উঠে স্থির হয়ে গেল হৃদপিন্ডটা। “ধরো না।” আরেকবার সাবধান করে দিয়ে হাঁটু গেঁড়ে বসল সাফিয়া, পাথরের বেদীর সাথে এক সমান হলো ওর চোখ।

হৃদপিন্ডটা স্থির হলে সাফিয়া দেখল, অবিকল একটু আগে জিনিসটাকে যেভাবে সে ধরেছিল, ঠিক সেভাবে শুয়ে আছে।

উঠে দাঁড়াল ও, হৃদপিন্ডটাকে অনুসরণ করে স্থির হয়ে দাঁড়াল। ঠিক যেভাবে দাঁড়ালে হৃদপিন্ডটার অবস্থান ওর নিজের হৃদপিন্ডের মতো হয়। এরপর হাত তুলে এমন ভঙ্গি করল যেন, কোন বর্শা ধরে আছে।

বাড়িয়ে দেয়া হাত যেদিকে ইঙ্গিত করছে, সেদিকে তাকাল সাফিয়া। কবরের লম্বা অক্ষের একদম সমান্তরালে ধরা আছে হাতটা। স্থির হয়ে থেকে লোহার হৃদপিন্ডের দিকে তাকাল ও।

হৃদপিন্ডটা ওভাবে স্থির হলো কেন? কাকতালীয় নাকি…? নড়তে নড়তে স্থির হয়েছিল ওটা…যেন কোন কম্পাস। সোজা সামনের দিকে চলে গেল ওর দৃষ্টি। পার হয়ে গেল সমাধি, শহর। দূরের ওই সবুজ পাহাড়ের দিকে। বুঝতে পারল সাফিয়া। তবে নিশ্চিত হওয়া প্রয়োজন, “আমার একটা ম্যাপ দরকার।”

“কেন?” জানতে চাইল ক্যাসান্দ্রা।

“কারণ আমি আমাদের পরবর্তী লক্ষ্য খুঁজে পেয়েছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *