ফায়ার স্টর্ম
৪ ঠা ডিসেম্বর, ০৬:৪৫ পি.এম.
উবার
ক্যাপ্টেন আল-হাফির সাথে সিড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে সাফিয়া। রুমের ছাদে জড়ো হওয়া আকাশী নীল ঝড়ের দিকে তাকিয়ে আছে সে। চোখ ধাঁধানো সেই ওজ্বল্য ছড়িয়ে পড়েছে সারা রুম জুড়ে। তবে এই ঝড়ের সবচেয়ে ভয়াবহ বৈশিষ্ট্য হলো, একদম নীরব ওটা।
“প্রাসাদটা কতো দূর?” সাফিয়া জানতে চাইল ক্যাপ্টেনের কাছে।
“চল্লিশ গজ।”
সিড়ির দিকে নজর ফেরালো মেয়েটা। রেহেম গোত্রের এখন মাত্র চোদ্দ জন প্রাপ্তবয়স্ক নারী আর সাত জন বাচ্চা বাকি আছে। ক্যাপ্টেন আল-হাফির বারোজন নেমে এসেছে আটে। দুদলের কাউকে উবার-এ প্রবেশ করায় আগ্রহী বলে মনে হচ্ছে না।
কিন্তু সাফিয়াকে অনুসরণ করার জন্য তৈরি সবাই। যে পথ ধরে ওদের যেতে হবে, সেদিকে তাকিয়ে আছে মেয়েটা। ভুল একটা পদক্ষেপ বয়ে আনবে বীভৎস মৃত্যু।
“তুমি কি নিশ্চিত?” কারা পেছন থেকে ওকে জিজ্ঞাসা করল। লুলু আর পেইন্টারও সাথে আছে।
“যতটা নিশ্চিত হওয়া সম্ভব।” উত্তর দিল সাফিয়া। শাহরা গোত্রের একজনের কাছ থেকে আলখেল্লা ধার করেছে পেইন্টার। কিন্তু এখনও খালি পায়ে আছে ও।
ওদের পেছনের প্যাসেজ থেকে ধ্বসে পড়া পাথরের আওয়াজ ভেসে আসছে। প্রস্তুত হতে অনেক বেশি সময় খরচ হয়ে গিয়েছে। সিড়ির উপর দিকটা ভেঙে পড়তে শুরু করেছে।
“রাণীর উপর অনেক বেশি ভরসা করছ তুমি।” বলল পেইন্টার ।
“এই বিপর্যয় থেকে বেঁচে ফিরতে পেরেছিলেন তিনি, তাই না? বাঁচিয়েছেন রাজার বংশকেও। কিন্তু কিভাবে?”
ঘুরে দাঁড়াল সাফিয়া, হাতের ভাঁজে আটকে রাখা আলখেল্লাটা থেকে মুঠো ভরে বালু নিল। ছড়িয়ে দিল সামনের পথে। | “বালু খুব ভালো বিদ্যুৎ কুপরিবাহী। উবারের রাজকীয় প্রাসাদটা দেখোনি? বালু দিয়ে বানানো চিত্রকর্মে বলতে গেলে ঢাকা ছিল ওটা। দেয়াল, মেঝে, ছাদ-কোন জায়গা বাকি ছিলনা। চিত্রকর্মে বালুর উপস্থিতি নিরাপদে রেখেছিল ওই ঘরে আশ্রয় নেয়া সবাইকে।” রেডিওতে টোকা দিল সে, “ওমাহা, কোরাল, ক্লে আর ড্যানি যেমন এতক্ষণ ধরে নিরাপদে আছে।”
নড করল পেইন্টার। লোকটার চোখে শ্রদ্ধা আর বিশ্বাস দেখতে পেল মেয়েটা।
ঘুরে দাঁড়িয়ে পেছনের মানুষগুলোকে দেখলো সাফিয়া। সবাই কাঁধে বালু ভর্তি বোঝা বহন করছে বাচ্চারাও বাদ পড়েনি। এখন যেখানে আছে, সেখান থেকে প্রাসাদ পর্যন্ত বালু দিয়ে একটা পথ বানাতে চাচ্ছে ওরা। সেখানে আশ্রয় নিবে ওরা।
রেডিওটা মুখের কাছে ধরল মেয়েটা, “ওমাহা?”
“আছি, সাফ।”
“আমরা শুরু করলাম।”
“সাবধানে থেকো।”
রেডিও নামিয়ে রেখে কাঁচের উপর ছড়ানো বালুতে পা রাখল সাফিয়া। সামনে থেকে পথ দেখিয়ে সবাইকে নিয়ে যাবে ও। পায়ের বুট ব্যবহার করে ছড়িয়ে দিল বালু। বালু নির্মিত রাস্তার শেষ মাথায় এসে থমকে দাঁড়াল, পেইন্টারের হাত থেকে আরেকটা বালু ভর্তি ব্যাগ নিলো সে। ধীর কিন্তু নিশ্চিত গতিতে এগিয়ে চলল।
বেশ কিছুদূর এগিয়ে থমকে দাঁড়াল ও। যেহেতু এখনও বেঁচে আছে, তার অর্থ কাজ হয়েছে পরিকল্পনায়। সাফিয়ার পেছনে একসারিতে এগোচ্ছে সবাই।
“দেখে শুনে পা ফেলো।” সাবধান করে দিলো সাফিয়া, পায়ের নিচে যেন সবসময় বালু থাকে। ভুলেও দেয়াল স্পর্শ করো না। আর বাচ্চাদের উপর নজর রেখো।” প্রাসাদের দিকে তাকাল ও, শামুকের গতিতে চলছে।
এখন প্রায় প্রতিক্ষণে ওদের দিকে ছুটে আসছে বজ্র। সাফিয়াদের প্রতিবার নড়াচড়ার সাথে সাথে পরিবর্তন হচ্ছে বাবলের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। সেটাকে আবার স্থিতবস্থায় আনার চেষ্টা আরকি।
ব্যাগ ভর্তি বালু শেষ হবার সাথে সাথে আরেকটা ব্যাগ হাতে নিল সাফিয়া। কিন্তু সেটাকে ব্যবহার করার আগে শুনতে পেল একটা আর্ত চিৎকার।
পিছলে গিয়েছে শরীফের পা, নিজের সামলাবার জন্য পাশের দেয়ালের দিকে হাত বাড়িয়ে দিয়েছে লোকটা।
“না!” চিৎকার করে উঠল সাফিয়াও। কিন্তু দেরি করে ফেলেছে সে।
শিকারী ঈগলের মতো ছোঁ মেরে এগিয়ে এল উজ্জ্বল বজ্র। গলে তরলে পরিণত হলো দেয়াল, কাঁধ পর্যন্ত দেয়ালে ডুবে গেল লোকটার। পরমুহুর্তে শক্ত হয়ে গেল কাঁচ। সাথে সাথে মারা গেল ডেজার্ট ফ্যান্টম। আতঙ্কে কেঁদে ফেলল বাচ্চারা, মার আচলের তলে মুখ লুকালো।
পেছন থেকে সামনে ছুটে এল বারাক, চেহারায় দুঃখের ছাপ একেবারে স্পষ্ট। লোকটার চোখে ওর চোখ পড়তেই বাচ্চা আর মেয়েদের দিকে ইঙ্গিত করল সাফিয়া।
“ওদেরকে শান্ত রাখো।” বলল সাফিয়া, “চলার উপর থাকতে হবে আমাদের।” নিজেকে খুব কষ্টে সামলে বালুর ব্যাগটা হাতে নিল। কাঁপছে সাফিয়া।
পেইন্টার ওর পাশে এসে দাঁড়ালো, “আমাকে দাও।”
নড করল সাফিয়া, পিছিয়ে এল।
কারা দাঁড়িয়ে আছে ওর পেছনে। “অ্যাক্সিডেন্ট ছিল।” বলল মেয়েটা, “তোমার কোন দোষ নেই।” কথাটা বুঝতে তো পারছে সাফিয়া, কিন্তু মানতে পারছে না।
অনেকক্ষণ পর কোর্ট ইয়ার্ডের দেয়াল অতিক্রম করল ওরা, সামনে প্রাসাদের প্রবেশদ্বার পরিষ্কার দেখা যাচ্ছে। ওমাহা হাতে ফ্ল্যাশ লাইট নিয়ে দাঁড়িয়ে আছে। “এদিকে…আলো দেখে এসো।” বলল প্রত্নতাত্ত্বিক। দৌড়াবার ইচ্ছা অনেক কষ্টে সামাল দিল সাফিয়া। এখনও ওরা নিরাপদ না। সেই শামুকের গতিতেই এগোল। লোহার গোলকের ভাস্কর্যটা পার হয়ে এসে উপস্থিত হলো লক্ষ্যে।
সাফিয়াই প্রথমে প্রবেশ করল। ভেতরে ঢুকে জড়িয়ে ধরল ওমাহাকে। শক্তি যেন নিঃশেষিত হয়ে গিয়েছে মেয়েটার। ওমাহার উপর নিজের দেহের ভার ছেড়ে দিল ও ওমাহা কোলে তুলে নিল ওকে, প্রধান ঘরের দিকে এগোল। আপত্তি করল না মেয়েটা, ওরা নিরাপদ এখন।
০৭:০৭ পি.এম.
একচুল পরিমাণ নড়েনি ক্যাসান্দ্রা। তবে সাফিয়াদের মিছিলটা দেখেছে। জানে, নড়া মানেই মৃত্যু। ওর মাত্র কয়েক গজ পাশ দিয়ে পার হয়ে গিয়েছে পেইন্টার আর সাফিয়া।
পেইন্টার! লোকটা এখানে এল কিভাবে?
কিন্তু নড়ার সুযোগ নেই, এমনকি জোরে জোরে শ্বাস নিতেও ভয় পাচ্ছে। বহু বছরের স্পেশাল ফোর্সের ট্রেনিং আর ফিল্ড অপারেশনের অভিজ্ঞতা ওকে মূর্তির মতো স্থির হয়ে থাকতে শিখিয়েছে। তার সব কটা কাজে লাগাচ্ছে এখন।
ক্যাসান্দ্রা চোখের কোণ দিয়ে ট্রাকারের উপর নজর রেখেছে এতক্ষণ, তাই সাফিয়ার এদিকে আসাতে খুব একটা অবাক হয়নি। অথচ লাল ত্রিভুজগুলো একটাও নেই। ওর দলের একমাত্র সে-ই অবশিষ্ট আছে। কিন্তু হাল ছাড়তে রাজি নয় ক্যাসান্দ্রা। সাফিয়ার বুদ্ধি দেখে চমকৃত হয়েছে ক্যাসান্দ্রা।
বালু দিয়ে বানানো পথ!
মাত্র পনের গজ দূরের টাওয়ারের ন্যায় উঁচু দালানটাই যে এই গুহার একমাত্র নিরাপদ স্থান, তা বিলক্ষণ বুঝতে পারছে সে। সাফিয়াদের আনন্দিত গলার আওয়াজও শুনতে পেয়েছে।
ওর অবস্থান থেকে মাত্র দুই গজ দূরে আছে বালুর পথটা। দুটো বড় বড় পা ফেলতে পারলেই…চোখের কোণ দিয়ে উপরে তাকাল মেয়েটা। অপেক্ষায় রইল, দেহের প্রতিটা মাংসপেশি শক্ত হয়ে আছে। তৈরি করে নিচ্ছে নিজেকে।
মাত্র তিন গজ দূরে আঘাত হানল একটা বজ্র। এতেই কাজ হবে, হতে হবে।
এক জায়গায় পরপর দুবার বাজ পড়েনা-প্রবাদটার উপর ভরসা করে লাফ দিল ও ।
এক পলকের জন্য ওর পা স্পর্শ করল কাঁচ, পরের পাটা পড়ল বালুর উপর। সাথ সাথে গুঁড়ি মেরে বসল।
অবশেষে নিরাপদ। দীর্ঘ নিঃশ্বাস নিল কাসান্দ্রা, স্বস্তিতে ফুঁপিয়ে উঠল। নিজেকে এই এক মুহূর্তের দুর্বলতার বিলাসিতা উপভোগ করার অনুমতি দিল। ঘোড়ার মত দৌড়াতে থাকা হৃদপিণ্ডটাকে শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিল সে।
একসময় শান্ত হয়ে এল ওর দেহ। নড়ে উঠল এতক্ষণ মূর্তির ন্যায় দাড়িয়ে থাকা মেয়েটা।
কাজে লেগে পড়ার সময় হয়েছে। নিজেকে সোজা করে নিয়ে ওয়্যারলেস ডেটোনেটরটা হাতে নিল। অক্ষত আছে কিনা পরীক্ষা করে দেখল। কোন সমস্যা হয়েছে বলে মনে হলো না। একটা বাটন টিপল প্রথমে, এরপর লাল বাটনটা টিপে আরেকবার টিপল প্রথম বাটনটা।
ডেড ম্যানস সুইচ। আগে বাটন টিপলে বিস্ফোরিত হতো সাফিয়ার দেহে লাগানো সি-ফোর, কিন্তু এখন দরকার বাটন থেকে হাত সরানো। হোলস্টার থেকে বন্দুকটা বের করে নিল মেয়েটা। পেইন্টারের মোকাবিলা করার জন্য পুরোপুরি তৈরি এখন ক্যাসান্দ্রা ।
০৭:০৯ পি.এম.
মেঝেতে বসে রুমের চারদিকে তাকাচ্ছে পেইন্টার।
কোরাল নিজের সব থিওরী, এখানে ঘটা সব ঘটনা খুলে বলেছে পেইন্টারকে। এই মুহূর্তে বসের পাশে বসা আছে ও, বন্দুক পরীক্ষা করে দেখছে।
সাফিয়া রুমের অন্যদিকে দাঁড়িয়ে আছে। রেহেম আর শাহরাদের সবাই ঘিরে আছে ওকে। হাসছে, আনন্দ করছে। নতুন এক পরিবার খুঁজে পেয়েছে মেয়েটা। ওমাহাও পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটাও থেকে থেকে ঝুঁকে পড়ছে ওর দিকে।
কোরাল বন্দুক পরিষ্কারে এক সেকেন্ড বিরতিও দেয়নি। “মাঝে মাঝে হাল ছেড়ে দিতে হয়।”
ও উত্তর দেবার আগে, ডান দিক থেকে ভেসে আসা একটা ছায়া ওর নজর কেড়ে নিলো।
উদ্যত পিস্তল হাতে ক্যাসান্দ্রা ঢুকে পড়েছে রুমে। শান্ত, দুশ্চিন্তামুক্ত দেখাচ্ছে ওকে যেন বেড়াতে এসেছে।
“আনন্দঘন পরিবেশ মনে হচ্ছে।” বলল সে। মেয়েটার আচমকা অনুপ্রবেশ চমকে তুলল সবাইকে, বন্দুক হাতে নিলো সবাই।
পাত্তাই দিলো না ক্যাসান্দ্রা। ছাদের দিকে পিস্তল তাক করে আছে সে। ওদের দিকে বাড়িয়ে দেয়া হাতে ধরে আছে একটা পরিচিত ডিভাইস। “এভাবে কি অতিথিকে কেউ স্বাগত জানায়?”
“গুলি করো না!” চিৎকার করে বলল পেইন্টার, “কেউ গুলি করো না!” এমনকি সাফিয়াকে আড়াল করার জন্য ওর সামনে দুহাত তুলে দাড়িয়ে গেল ও।
“ডেড ম্যানস সুইচটা চিনতে পেরেছ দেখছি।” বলল ক্যাসান্দ্রা, “আমি মরলে ওই সুন্দরীও…” সাফিয়াকে দেখাল, “বাঁচবে না।”
ওমাহার কান এড়াল না কথাগুলো, “এই কুত্তীটা কী বোঝাতে চাইছে?”
“বুঝিয়ে দাও না, ক্রো। হাজার হলেও, তোমার ডিজাইন অনুসরণে বানিয়েছি এই ট্রান্সিভার।”
ক্যাসান্দ্রার দিকে ফিরল পেইন্টার, “এটা ট্রাকার…বোমা না।”
“বোমা? কিসের বোমা?” জানতে চাইল ওমাহা, চোখে আতংক আর রাগ। ব্যাখ্যা করল পেইন্টার, “সাফিয়া যখন বন্দী করা হয়েছিল, তখন ক্যাসান্দ্রা ওর শরীরে একটা ছোট ট্রাকিং ডিভাইস ঢুকিয়ে দেয়। অল্প পরিমাণ সি-ফোর ছিলো ওই ট্রাকারে। ক্যাসান্দ্রা হাতে যে জিনিসটা ধরে রেখেছে ওটা ডেটোনেটর। বাটনের উপর থেকে হাত সরিয়ে নিলেই ফাটবে বোমা।”
“আমাদেরকে আগে বলনি কেন?” বলল ওমাহা, “আমরা সরিয়ে ফেলতাম।”
“সে চেষ্টা করলে সাথে সাথে ফেটে যেত বোমা।” বলল ক্যাসান্দ্রা।
সাফিয়ার দিকে ফিরল পেইন্টার, “আমি চেয়েছিলাম তোমাকে কোন নিরাপদ জায়গায় নিয়ে সার্জন আর বিস্ফোরণ বিশেষজ্ঞের তত্ত্ববধায়নে ট্রাকারটা সরাবো।” এর ব্যাখ্যা শুনেও একবিন্দু কমলো না মেয়েটার আতংক।
“আমরা তো সবাই বন্ধু তাই না?” বলল ক্যাসান্দ্রা, বন্ধুদের মাঝে অস্ত্রের স্থান কোথায়! ফেলে দাও ওগুলো। সবাই। ভুল করো না কিন্তু, নাহলে হয়তো আমার হাত বাটনের উপর থেকে…”
ক্যাসান্দ্রার নির্দেশ মেনে নেয়া ছাড়া আর কোন উপায় নেই কারও।
কোরাল নিজের অন্ত্রটা ছুঁড়ে ফেলে দিলো কোর্ট ইয়ার্ডে, কিন্তু প্রবেশদ্বারের সাথেই দাড়িয়ে রইল। গুহার দিকে মেয়েটার নজর।
“কী হলো? জানতে চাইল পেইন্টার।
“ঝড়, আরো প্রচন্ড রূপ ধারণ করেছে। ভয়াবহ অবস্থা।” ছাদের দিকে ইঙ্গিত। করল সে, “অস্থিতিশীল হয়ে পড়ছে বাবল।”
“তো?”
“যেকোন মুহূর্তে বিস্ফোরণে টুকরা টুকরা হয়ে যাবে জায়গাটা।” পেইন্টারের দিকে ফিরে বলল কোরাল।
০৭:২২ পি.এম.
প্রাসাদের দ্বি-তল ব্যালকনির উপর থেকে ঝড়ের দিকে তাকিয়ে আছে সাফিয়া। গুহার ছাদ ঢাকা পড়ে গিয়েছে কালো মেঘে। ধীরে ধীরে ঘুরছে মেঘের রূপ নেয়া স্থির বিদুৎ। ডোমের আকৃতির ছাদের ঠিক কেন্দ্রবিন্দুতে তৈরি হয়েছে একটা ছোট, নিচের দিকে মুখ করা ফানেল। ধীরে নেমে আসছে ওটা, লক্ষ্য প্রতি পদার্থ ভর্তি লেক।
– “নোভাক ঠিক বলেছে।” বলল ক্যাসান্দ্রা। নাইট ভিশন গগলস পরে আছে মেয়েটা, “পুরো ডোমটা ভরে উঠেছে।”
“মেগা স্টর্মের জন্য এমনটা হচ্ছে।” বলল কোরাল, “দুই হাজার বছর আগে যে ঝড়টা এই বিপর্যয়ের সৃষ্টি করেছিল, তারচেয়ে অনেক ভয়াবহ এই ঝড়। আমার তো ভয় হচ্ছে, প্রতি পদার্থর কিছু অণু না অস্থিতিশীল হয়ে পড়ে।”
“কী হবে এখন?” জানতে চাইল সাফিয়া।
ব্যাখ্যা করল কোরাল, “কখনও কোন ট্রান্সফর্মারকে ফাটতে দেখেছ? এখন এই শুহাটাকে ট্রান্সফর্মার হিসেবে কল্পনা করো। পুরো আরব উপদ্বীপকে হাওয়ায় মিলিয়ে দেবার ক্ষমতা রাখে।” নিশ্চুপ হয়ে গেল সবাই।
“এখন তাহলে আমরা কী করব?” এমন একজন প্রশ্নটা করে বসল, যার কাহ থেকে এধরনের প্রশ্ন কেউ আশায় করেনি।
ক্যাসান্দ্রা।
নাইট ভিশন গগলসটা চোখে দিয়ে বলল, “থামাতে হবে ব্যাপারটা।”
ওমাহা বিরক্ত স্বরে বলল, “তুমি সাহায্য করতে চাও? তাও আমাদেরকে হাহ।”
“আমি মরতে চাইনা, মাথা আমার ঠিক আছে।”
“মাথা ঠিক আছে, কিন্তু বিবেক নেই আরকি।”
“এভাবে না বলে বলো-আমি সুযোগের সদ্বব্যবহার করতে ভালবাসি।” কোরালের দিকে ফিরে বলল, “কোন উপায় মাথায় এল?” মাথা নাড়ল কোরাল।
“ওগুলো তো বিদ্যুৎ, তাই না?” বলল পেইন্টার, “মাটিতে নামিয়ে আনলেই হয়। যদি এই কাঁচের বাবল শক্তি শুষে নেয় আর জমা করে রাখে, তাহলে আমাদের বাবলের নিচের অংশ ভেঙে ফেলতে হবে।”
“থিওরি হিসেবে মন্দ না, কমান্ডার।” বলল কোরাল, “আর লেকের তলদেশে যে কাঁচ আছে, সেটা ভাঙতে পারলে প্রতি পদার্থ বহনকারী পানিও ভূগর্ভস্থ হতে বাধ্য। এতে পদার্থ-প্রতি পদার্থ বিক্রিয়ার সম্ভাবনাও কমে যাবে।”
আশার আলো দেখতে পেল সাফিয়া। তবে কোরালের পরের কথা শুনে নিভে গেল তা, “সমস্যা হলো সেটাকে কাজে লাগানো। আমাদের কাছে অত বড় বোমা নেই।”
পরবর্তী কয়েকটা মিনিট কেটে গেল কিভাবে ওদের কাজে আসবে এমন বোমা বানানো যায়। নিজের শরীরে ঘুরে ফিরে বেড়ানো বোমাটার কথা মনে পড়ে গেল ওর। আঁতকে উঠে চোখ বন্ধ করে ফেলল সে।
“এখানে অতটা শক্তিশালী কোন বোমা নেই।” বলল কোরাল।
“আছে।” চোখ খুলে বলল সাফিয়া। কোর্ট ইয়ার্ডের দিকে ইঙ্গিত করলো সে, “ওটাকে কাজে লাগানো যাবে।”
অন্যরা ওর ইঙ্গিত করা দিকে তাকাল। কাঁচের থাবায় বসে থাকা লোহার গোলকটাকে দেখাচ্ছে কিউরেটর। “গোলকটাকে লেকে ফেলে দেব।” বলল সাফিয়া।
“বিশ্বের সবচেয়ে বড় ডেপথ চার্জ।” ড্যানি মন্তব্য করল ।
“ওটা যে ব্রিটিশ মিউজিয়ামের উটের মতো বিস্ফোরিত হবে, সেটা কিভাবে জানলে?” কোরাল জানতে চাইল, “সবগুলো লোহার নির্দশণ কিন্তু এক আচরণ করেনি।”
“চল, দেখাই।” বলল সাফিয়া।
ঘুরে দাঁড়িয়ে সিড়ি দিয়ে নিচে নেমে এল মেয়েটা। প্রধান রুমে এসে বালু দিয়ে আঁকা চিত্রগুলোর দিকে ইঙ্গিত করল সে।
“এই যে দেখ “, একটা তেল চিত্র দেখাল ও, “এখানে উবার আবিষ্কারের দৃশ্য দেখা যাচ্ছে। আর ওই দেয়ালে ছবিতে দেখাচ্ছে মাটির উপরের উবার। আর এই দেয়ালের ছবিটা দেখাচ্ছে আসল উবারকে।” প্রাসাদের ছবিটাকে স্পর্শ করল সে, “একেবারে ছোট ছোট বিষয়ের দিকেও দৃষ্টি রেখেছে এর অঙ্কনকারীরা। এমনকি প্রবেশদ্বারের দুই দিকে থাকা বেলে পাথরের মূর্তিও দেখতে পাচ্ছি। কিন্তু পার্থক্য হলে-এখানে দুটো মূর্তিই দেখা যাচ্ছে। আমরা কিন্তু একটা দেখতে পেয়েছি।”
“কেননা একটাতে প্রথম চাবিটা ঢুকিয়ে সেটাকে সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে।” বলল ওমাহা।
নড করল সাফিয়া। ছবিগুলো নিশ্চয় উবার ধ্বংসের আগে আঁকা। কিন্তু দেখ, আরেকটা জিনিস নেই এখানে। গোলকটাকে দেখতে পাচ্ছি না, হাতের তালুর ভাস্কর্য নেই। ওটার জায়গায় দাঁড়িয়ে আছেন শেবার রাণী। নিশ্চয় জায়গাটার গুরত্ব বোঝাবার জন্য।”
“কী বোঝাতে চাইছ?” জানতে চাইল ক্যাসান্দ্রা। বিরক্ত হলেও সেটাকে সামলে নিল সাফিয়া। ওর বন্ধুদের আর পুরো আরবকে বাঁচাতে হলে, এই…এই জঘন্য মেয়ে মানুষটাকেও বাঁচাতে হবে ওর। “অতীতে ভারসাম্য খুব গুরুত্বপূর্ণ ছিল। যেখানে রাণী দাড়িয়ে ছিলেন, সেখানে এখন দেখতে পাচ্ছি গোলকটাকে। ওটা নিশ্চয় গুরুত্বপূর্ণ।”
“ভাষ্কর্যটার অবস্থান দেখ।” বলল ওমাহা, “মনে হচ্ছে গোলকটাকে লেকের দিকে ছুঁড়ে দিচ্ছে হাতটা।” সাফিয়া সবার দিকে মুখ করে বলল, “রাণীর শেষ অস্ত্র, যেন প্রয়োজন হলে লেকটাকে ধ্বংস করে ফেলা যায়।”
“কিন্তু তুমি কি নিশ্চিত?” পেইন্টার জানতে চাইল।
“চেষ্টা করতে ক্ষতি কী?” উত্তর দিল ওমাহা, “হয়তো কাজে আসবে, হয়তো আসবে না।”
কোরাল বলল, “যাই করো না কেন, তাড়াতাড়ি করো। অবস্থা সুবিধার না।” সবাই এগিয়ে এল সামনে।
ছাদে তৈরি হওয়া ফানেলটা বিশাল অজদহার(সাপ) মতো নড়ছে, ফানেলটা আকারে আরো বড় হয়েছে।
গুহার মেঝেতে অবস্থিত লেকের পানিও পাক খাচ্ছে। “কিভাবে সারতে চাও কাজটা?” জানতে চাইল পেইন্টার ।
“গোলকটাকে স্পর্শ করতে হবে, তাও আমাকেই।” বলল সাফিয়া। “অন্য চাবিগুলোর মতো এটাকেও…”
“তাহলে চল, গড়িয়ে দেয়া যাক বলটাকে।” বলল ওমাহা।
০৭:৩৫ পি.এম.
ওমাহা কোর্ট ইয়ার্ডের বাইরে বানানো বালুর পথের উপর দাঁড়িয়ে আছে। সরাসরি ভাস্কর্যের কাছ পর্যন্ত গিয়ে শেষ হয়েছে পথটা। এই মুহূর্তে চার ফুট ব্যাসার্ধের গোলকের সামনে দাঁড়িয়ে আছে সাফিয়া।
গোলকটার দিকে এগোল সাফিয়া। দুই হাতের তালু ঘষল মেয়েটা। এরপর কাঁচ নির্মিত হাতের আঙুলের ফাক দিয়ে গলিয়ে দিল ওর হাত।
বুলেটের ক্ষতটা এখনও ভোগাচ্ছে ওকে, টের পেল ওমাহা। দৌড়িয়ে মেয়েটার কাছে যেতে চাইছে ও, চাইছে টেনে সরিয়ে দিতে।
ধাতব গোলককে স্পর্শ করছে সাফিয়ার হাত। ঝিরঝির শব্দ করে একটা নীল আলো ছড়িয়ে গেল গোলকটার তলজুড়ে। আঁতকে উঠে পিছিয়ে এল সাফিয়া। ওমাহা হাত বাড়িয়ে ধরিয়ে ফেলল ওকে, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করল।
“ধন্যবাদ।”
“শিয়োর, বেবী।” একহাতে জড়িয়ে ধরেছে মেয়েটাকে।
“দুই মিনিটের টাইমার রাখা হয়েছে গ্রেনেডটায়।” কাঁচের মুঠোর বেসে বোমা বসাচ্ছে ও। “কাভার নাও সবাই।”
একবার গোলকটাকে হাতের মুঠো থেকে মুক্ত করতে পারলে, বাকি কাজ সারবে মধ্যাকর্ষণ শক্তি। ইচ্ছা করে এমন ঢালু করে প্রাসাদের এভিনিউ বানানো হয়েছে, যে একবার মুক্ত হলে লেকের উপর গিয়ে পড়বেই পড়বে ওটা।
সাফিয়াকে প্রধান রুমে ফিরে আসতে সাহায্য করল ওমাহা।
ওদের পেছনে দেখা গেল এক উজ্জ্বল আলোর ঝলকানি। আঁতকে উঠল ওমাহা, ভাবছে গ্রেনেডটা ফাটল না তো?
“গ্রেনেড ফাটেনি…” বলল কোরাল, “বজ্র গোলকটাকে আঘাত করেছে।” ঘুরে দাঁড়ালো ওরা দুজনে। গোলকটার সমগ্রদেহ জুড়ে খেলা করছে নীল আলো । আস্তে আস্তে গলে যাচ্ছে কাচ, নিজে থেকেই মুক্ত হয়ে যাচ্ছে গোলকটা।
খিলানযুক্ত প্রবেশপথ দিয়ে বের হয়ে গেল ওটা। অবাক চোখে তাকিয়ে তাকিয়ে দেখল কোরাল।
“নিচু হও!” পেইন্টারের চিৎকার শুনে সম্বিত ফিরল সবার।
কান ফাটানো শব্দ শুনতে পেল ওরা। সময়মত ফেটেছে পেইন্টারের বসান গ্রেনেড।
বিস্ফোরণের আওয়াজ মিলিয়ে গেলে, ওর চোখের দিকে তাকাল ওমাহা, “ভালো কাজ দেখিয়েছ।” লোকটার কাঁধে আলতো চাপড় বসালো, “আসলেই ভালো কাজ দেখিয়েছ।”
ব্যালকনিতে গিয়ে অবস্থান নিল সবাই, গোলকটার যাত্রা দেখতে চায়। বিশাল জিনিসটা নড়ছে বলে, থেকে থেকে বজ্রপাত হচ্ছে ওটার ওপর। তবে গতি কমছে না।
“নিজের দিকে শক্তি আকর্ষণ করছে ওটা।” বলল কোরাল।
“আসলেই একটা ডেপথ চার্জ।” যোগ দিল ড্যানি।
“যদি লেকের পানি স্পর্শ করা মাত্র ওটা ফেটে যায়?” ভয়ার্ত কণ্ঠে জানতে চাইল ক্লে।
মাথা নাড়ল কোরাল “যতক্ষণ চলমান থাকবে, ততক্ষণ ফাটার কোন সম্ভাবনা নেই।”
“কিন্তু যখন তলদেশে গিয়ে থামবে…” যোগ করল ড্যানি।
শেষ করল কোরালঃ “উপরের অবস্থিত পানির তীব্র চাপ এসে পড়বে গোলকটার উপর।
এরপর…”
“এরপর বুম…”
“আসলেই, বুম…” কোরাল একমত। সবার নজর উজ্বল গোলকটার উপর নিবদ্ধ। কিন্তু অর্ধেক পথ পাড়ি দিয়ে থমকে দাঁড়াল জিনিসটা। ক্যাসান্দ্রার বোমা বর্ষণের ফলে সৃষ্টি হওয়া জঞ্জালে আটকা পড়েছে।
“শিট।” বিড়বিড় করে বলল ড্যানি।
“আসলেই, শিট।” একমত হলো কোরাল।
০৭:৪৩ পি.এম.
ব্যালকনিতে আবারও শুরু হয়েছে উত্তপ্ত বাক্য বিনিময়। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে সাফিয়া।
“একটা আরপিজি ব্যবহার করলে কেমন হয়?” বলল ক্যাসান্দ্রা।
“প্ৰতি পদার্থ দিয়ে বানানো বোমার দিকে গ্রেনেড ছুড়োতে চাও?” বিদ্রুপ করল ওমাহা, “খুব ভালো বুদ্ধি!”
দীর্ঘশ্বাস ফেলল ক্যাসান্দ্রা। সাফিয়া দেখতে পেল, মেয়েটা এখনও শক্ত করে চেপে ধরেছে ডেড ম্যানস সুইচ। কাউকে এমনকি ধারে কাছেও ঘেঁষতে দিচ্ছে না একগুয়ে যোদ্ধা মেয়েটা। কিন্তু কথা হলো, সাফিয়াও কম একগুয়ে না।
ক্লে আড়াআড়ি করে হাত বেঁধে বলল, “এখন দরকার হলো ওখানে গিয়ে একটা জোরে ধাক্কা দেয়া।”
“চেষ্টা করে দেখতে কে মানা করেছে?” ক্যাসান্দ্রা বিদ্রুপ করতে ছাড়ল না, “নড়লেই, কাঁচের কবরে শুয়ে পড়তে হবে তোমাকে।”
নড়ে উঠল কোরাল, এতক্ষণ চিন্তার রাজ্যে ডুব দিয়েছিল। “হুম। নড়াচড়া বজ্রকে আকর্ষণ করে। গোলকটাকে যেমন করেছে। কিন্তু কেন? যদি এই গুহাকে মোশন-ডিটেকটিং ফিল্ড হিসেবে ধরে নেই…তাহলে দাঁড়ায় এই ফিল্ডে কেউ নড়াচড়া করলে পরিবর্তন হয় ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডে। কিন্তু,..” নিচের দিকে চাইল মেয়েটা, “অদৃশ্য কেউ যদি এই ফিল্ডের মাঝ দিয়ে যেতে পারে…”
“কিভাবে?” জানতে চাইল পেইন্টার ।
হোজা আর অন্যান্য রেহেমদের দিকে তাকাল কোরাল, “চাইলে ওরা অদৃশ্য হয়ে যেতে পারে।”
“হ্যা, কিন্তু সত্যি সত্যি তো আর অদৃশ্য হয়না। যে দেখছে, তার অনুভূতিকে নিয়ন্ত্রণ করে ওরা।”
“হ্যাঁ। কিন্তু কিভাবে করে?” উত্তর দিলো না কেউ। কোরাল চমকে উঠল, “ওহ, তোমাদেরকে তো বলা হয়নি।”
“কী বলা হয়নি?” জিজ্ঞাসা করল পেইন্টার।
কোরাল সাফিয়ার দিকে তাকিয়ে নড করল, “আমি ওর রক্ত পরীক্ষা করে দেখেছি।”
গুহার দিকে ইঙ্গিত করল মেয়েটা, “লেকের মতো, রেহেমদের লোহিত কণিকার পানি-আসলে আমার ধারনা ওদের দেহের সমস্ত পানি-বাকিবল দিয়ে ভর্তি।
“প্রতি পদার্থ আছে?” জিজ্ঞাসা করল ওমাহা।
“নাহ, তা নেই। আমাকে জিজ্ঞাসা করলে বলব, ওদের সবার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তে কোন না কোন পরিবর্তনের ফলে এমনটা হয়েছে।”
সাফিয়ার বুক আতংকে ভরে উঠল, “কী?”
পেইন্টারের দিকে তাকাল কোরাল, “কমান্ডার, রাশিয়ার তানগুসকা বিস্ফোরণের কথা মনে আছে? ওই এলাকার সব প্রাণির মাঝে কিন্তু পরিবর্তন দেখা গিয়েছিল।
তার জন্য দায়ী ছিল পদার্থ-প্রতি পদার্থ বিক্রিয়ার ফলে উৎপন্ন গামা রশ্মি বিকিরণ।
এখানেও তাই হচ্ছে। কে জানে কতো যুগ গামা রশ্মি বিকিরণের মাঝে বাস করেছে এখানকার মানুষ। এরপর হঠাৎ একটা ঘটনা ঘটে যায়। এক মহিলার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তে পরিবর্তন আসে।”
“মাইটোকন্ড্রিয়া?” জানতে চাইল সাফিয়া, বাইলোজীতে শেখা জ্ঞান মনে করতে চাইছে।
“মানব কোষের ঝিল্লিযুক্ত অঙ্গ, কাজ-শক্তি উৎপন্ন করা। এক হিসেবে বলতে গেলে, মাইটোকন্ড্রিয়া হলো আমাদের কোষের ব্যাটারি। মজার ব্যাপার হলো ওদের নিজস্ব ডিএনএ আছে, আর তা পোষক দেহের ডিএনএ এর সাথে মেলে না। অনেকে বিশ্বাস করেন, মাইটোকন্ড্রিয়া আগে ছিল এক ধরনের ব্যাকটেরিয়া। বিবর্তনের এক পর্যায়ে মানুষ সেগুলোকে আত্তীকরণ করে ফেলে। মাইটোকন্ড্রিয়া তার স্বাধীন জীবনের ডিএনএ এখনও বয়ে চলছে। আর যেহেতু এই জিনিসটা শুধু কোষের সাইটোপ্লাজমে থাকে, তাই মায়ের মাইটোকন্ড্রিয়া থেকে হয় বাচ্চার মাইটোকন্ড্রিয়া। এজন্যই রাণীর বংশধর মাঝে ঠিক তার মতো ক্ষমতা বিদ্যমান।”
রেহেমদেরকে দেখাল কোরাল।
“আর গামা বিকিরণের কারণে মাইটোকন্ড্রিয়ায় পরিবর্তন এসেছে?” জানতে চাইল ওমাহা।
“হ্যাঁ, খুব ক্ষুদ্র পরিবর্তন। এর প্রধান কাজ শক্তি উৎপাদন করা হলেও, রেহেমদের ক্ষেত্রে তা অল্প একটু শক্তি ব্যবহার করে বাকিবলকে স্থিতিশীল বানায়। এই চেম্বারের ফিল্ডের জন্যও দায়ী বাকিবল, ধরণ কিন্তু এক।”
“এই মহিলাদের বিশেষ ক্ষমতার জন্যও কি বাকিবল দায়ী?” জানতে চাইল পেইন্টার!
“মস্তিষ্কের শতকরা নব্বই শতাংশ পানি।” বলল কোরাল, “তাই যদি মস্তিষ্কে বাকিবল থেকে থাকে, তাহলে যেকোন কিছু ঘটা সম্ভব। ম্যাগনেটিক ফিল্ডের উপর এদের প্রভাব আমরা নিজেদের চোখে দেখেছি। নিচু শ্রেণীর প্রাণীদের উপর যে এরা প্রভাব বিস্তার করতে পারে, সেটা তো পরিষ্কার। আমাদের উপরও ওদের কিছুটা প্রভাব আছে।”
রেহেমদের দিকে তাকাল মেয়েটা, “আর যদি নিজেদের উপর প্রবল ইচ্ছা শক্তি খাটায়, তাহলে ম্যাগনেটিক ফোর্স ব্যবহার করে নিজের ডিম্বাণুকেও বিভক্ত করতে পারে। অযৌন প্রজনন।”
“পার্থেনোজেনেসিস।” ফিস ফিস করে বলল সাফিয়া।
“ঠিক আছে।” বলল পেইন্টার, “মেনে নিলাম সব। কিন্তু আমাদের কী লাভ হচ্ছে এতে?”
“এতক্ষণ ধরে কী বললাম তাহলে?” লেকে পানির ঘূর্ণন আর ছাদ থেকে নেমে আসা ফানেলের দিকে চাইল ও। সময় দ্রুত শেষ হয়ে আসছে। “রেহেমদের কেউ চাইলে, নিজের ম্যাগনেটিক ফিল্ডকে এই গুহার ফিল্ডের সাথে মিলিয়ে নিতে পারবে। কোন ধরনের ক্ষতির আশঙ্কা ছাড়াই তার পক্ষে হেঁটে যাওয়া সম্ভব।”
“মিলাবে কিভাবে?”
“ইচ্ছাশক্তির দ্বারা।”
“কে এই ঝুঁকি নিতে রাজি হবে?” জিজ্ঞাসা করল ওমাহা।
এক পা এগিয়ে এলেন হোজা, “আমি নেব। আমার কাছে মেয়েটার কথা সত্য বলে মনে হচ্ছে।”
কোরাল বুক ভরে শ্বাস নিল। ঠোঁট ভিজিয়ে বলল, “আমি দুঃখিত, আপনি খুব দুর্বল… নাহ, শারীরিক সক্ষমতার কথা বলছি না।” বিভ্রান্ত লুলু ভ্রু কুঁচকে ফেললেন।
ব্যাখ্যা করল কোরাল, “বাইরে ঝড়ের যে অবস্থা, তাতে শুধু অভিজ্ঞতা দিয়ে কাজ হবে না। দরকার হবে এমন কাউকে, যার মাঝে আছে প্রচুর পরিমাণে বাকিবল।”
ঘুরে সাফিয়ার চোখে চোখ রাখল কোরাল, “আমি বেশ কয়েকজন রেহেমের রক্তও পরীক্ষা করে দেখেছি। অন্যদের কোষে যে পরিমাণ বাকিবল আছে, তা এর কোষে আছে তার দশগুণ।”
ভ্রু কুঁচকে ফেলল সাফিয়াও, “তা কিভাবে সম্ভব? আমি দোআঁশলা! তামার মাত্র অর্ধেকটা রেহেম।”
“তা ঠিক, তবে তোমার মা রেহেম। তোমার কোষে তার মাইটোকন্ড্রিয়া। ‘হাইব্রিড ভিগর’ নামে প্রকৃতিতে একটা অদ্ভুত ব্যাপার দেখা যায়। দেখা যায়, দুটো আলাদা আলাদা বংশ মেশালে যে উত্তরসূরি জন্ম নেয়, তা যেকোন এক বংশের বার বার প্রজননের চেয়ে শক্তিশালী হয়।”
নড করল ড্যানি, “যেমন, সংকরের ফলে জন্মানো কুকুরের স্বাস্থ্য বেশি ভালো হয়।”
“তুমি মাইটোকন্ড্রিয়াদের দিয়েছ নতুন রক্তের স্বাদ।” শেষ করল কোরাল, “আর ওরা সেটা পছন্দ করেছে।”
সাফিয়ার পাশে এসে দাড়ালো ওমাহা, “তুমি চাচ্ছ ওই ঝড়ের মাঝে একে বাইরে পাঠাতে?”
নড করল কোরাল, “হ্যা। আমি বিশ্বাস করি, সাফিয়া ছাড়া আর কেউ কাজটা করতে পারবে না।”
“চুলোয় যাও।” বলল ওমাহা।
সাফিয়া ওর কনুই-এ চাপ দিল, “আমি কাজটা করতে চাই।”
০৮:০৭ পি.এম.
কোর্ট ইয়ার্ডের বালুময় পথে দাঁড়িয়ে আছে সাফিয়া, দূর থেকে ওকে দেখছে ওমাহা। সাথে যেতে চেয়েছিল, কিন্তু সাফিয়া রাজী হয়নি। এই মুহূর্তে কেবল হোজা আছেন মেয়েটার সাথে। তাই বাধ্য হয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে ও। পেইন্টার দাড়িয়ে আছে ওর সাথে। সাফিয়ার সিদ্ধান্তে যে লোকটা অসন্তুষ্ট, তা চেহারাতে স্পষ্ট ফুটে আছে। অন্তত এই একটা ব্যাপারে একমত হতে পেরেছে দুজন। কিন্তু তাতে আর কী লাভ! সিদ্ধান্তটা যে সাফিয়ার।
ওর যুক্তিটাও অগ্রাহ্য করা যাচ্ছে নাঃ হয়তো প্ল্যানটা কাজ করবে আর নাহয় আমরা এমনিতেও মারা পড়ব।
তাই এখন শুধু একটা কাজ করার আছে-অপেক্ষা।
কান পেতে শুনছে সাফিয়া।
“কাজটা একদম সহজ।” হোজা বললেন, “অদৃশ্য হবার মূলমন্ত্র ইচ্ছাশক্তির প্রয়োগ নয়, বরঞ্চ ইচ্ছাশক্তিকে মুক্তি দেয়া।”
ভ্রু কুঁচকে ফেলল মেয়েটা। তবে হোজার কথার সাথে কোরালের কথা মিলে যায়। ওর দেহের মাইটোকন্ড্রিয়া এই রুমের শক্তির ধরনের সাথে মিলে যায় এমন বাকিবল উৎপন্ন করে। তাই শুধু ওদেরকে নিজেদের কাজ করতে দিলেই…
এক হাত বাড়িয়ে দিলেন হোজা, “প্রথমে তোমাকে কাপড় ছাড়তে হবে।”
তীক্ষ্ণ চোখে বয়স্কা মহিলার দিকে চাইল সাফিয়া।
“কাপড় আমাদের অদৃশ্য হবার ক্ষমতার উপর প্রভাব ফেলে। যদি ওই মহিলা বৈজ্ঞানিকের বলা ছাইপাশ সত্যি হয়, তাহলে তো আগে থেকে সাবধান হওয়া ভালো।”
কথা না বাড়িয়ে কাপড় ছাড়ল সাফিয়া। পা থেকে খুলে ফেলল বুট। ব্লাউজ আর প্যান্ট খুলে ফেলল। একটু পর দেখা গেল অন্তর্বাস ছাড়া আর মেয়েটার পরণে কিছু নেই।
“লাইক্রা আর সিল্ক দিয়ে এগুলো বানানো। এগুলো ছাড়ছি না।”
শ্রাগ করলেন হোজা, “নিজেকে শান্ত করো। চোখ বন্ধ করে খুব শান্ত আর আরামদায়ক কোন জায়গার কথা ভাব।”
বুক ভরে শ্বাস নিল সাফিয়া। দীর্ঘ দিন ধরে প্যানিক অ্যাটাকের রোগী হওয়ায়, নিজেকে শান্ত করার বিভিন্ন পদ্ধতি ওর জানা। কিন্তু এখন এত চাপের মাঝে সেগুলোকে অকিঞ্চিৎকর বলে মনে হচ্ছে।
“বিশ্বাস রাখতে হবে তোমাকে…” বললেন হোজা, “…নিজের উপর, তোমার রক্তের উপর।”
আবারও বুক ভরে নিঃশ্বাস টানল মেয়েটা। একনজর তাকাল ওমাহা আর পেইন্টারের দিকে। দুজনের চোখে একই দৃষ্টি দেখতে পেল সাফিয়া, ওকে সাহায্য করার তীব্র আকাঙ্ক্ষা ফুটে উঠেছে উভয়ের চোখে। কিন্তু এটা যে ওর পথ, ওকে একা একা পার হতে হবে।
সামনের দিকে নজর ফেরাল ও, ভয় পেলেও মনোস্থির করে ফেলেছে। রক্তক্ষয়ী অতীতকে পেছনে ফেলতে হবে। এখানে, এই মুহূর্তে যারা উপস্থিত আছে, তাদের সবাইকে ও-ই নিয়ে এসেছে। এখন আর পিছু হটার সময় নেই। চোখ বন্ধ করে ফেলল ও, যেতে দিল সব সন্দেহ। ধীরে ধীরে নিয়মিত হয়ে এল সাফিয়ার শ্বাস নেবার গতি।
“খুব ভালো বাছা। এবার আমার হাত ধর।” হাত বাড়িয়ে বয়স্কা মহিলার হাত ধরল সাফিয়া, আরেকটু রিল্যাক্স হয়ে এল কেন যেন। হোজার হাতের আলতো চাপ ওকে স্বাভাবিক হতে সাহায্য করছে। মনে হচ্ছে, সদূর অতীত থেকে মা যেন ওর হাতে চাপ দিচ্ছেন। উষ্ণ হয়ে উঠল ভেতরটা। “সামনে এগোও।” ফিস ফিস করে বললেন হোজা, “ভরসা রাখো আমার উপর।”
গলাটা অবিকল মার, শান্ত। আশ্বস্ত করার মতো। নির্দেশ মানলো সাফিয়া। জুতাবিহীন এক কাঁচ থেকে বালুর উপর রাখল, এরপর অন্যটা।
“চোখ খোলো।”
নিঃশ্বাসের গতিতে কোন পরিবর্তন না এনে চোখ খুলল ও। মন চাইছে না তাও ছেড়ে দিল হোজার হাত। আরেক পা এগিয়ে গেল। হাত ছেড়ে দিয়েছে, অথচ উষ্ণ অনুভূতিটা রয়ে গিয়েছে ওর মাঝে। মা মারা গিয়েছে অনেক দিন হলো, কিন্তু সাফিয়ার প্রতি তার ভালবাসা এখনও রয়ে গিয়েছে ওর রক্তে, হৃদয়ে। দৃঢ়, শান্ত পদক্ষেপে এগিয়ে গেল সাফিয়া।
* * * *
কখন যে ওমাহা হাঁটু গেড়ে বসে পড়েছে, নিজেও জানে না। একদৃষ্টিতে তাকিয়ে দেখছে সাফিয়ার হেঁটে যাওয়া। কাঁপছে মেয়েটার অবয়ব, কিন্তু দেখতে পাচ্ছে এখনও। মনে হচ্ছে অপার্থিব কোন দৃশ্য দেখছে। কোর্ট ইয়ার্ডের খিলানযুক্ত প্রবেশদ্বারের নিচে এক মুহূর্তের জন্য হারিয়ে ফেলল সাফিয়াকে। শাস নিতে ভুলে গেল ওমাহা।।
পরমুহুর্তে অবশ্য আবার দেখতে পেল মেয়েটাকে, নিশ্চিত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে।
শান্ত চেহারাটা দেখে চোখে পানি চলে এল ওর। ক্ষমতা থাকলে জীবনের বাকি দিনগুলোতে এখনকার অবস্থায় রেখে দিত মেয়েটাকে।
একটু নড়ে উঠে এক পা পিছিয়ে এল সাফিয়া, কবরের মতো নীরব।
* * * *
সিড়ি বেয়ে উপরে উঠে এল পেইন্টার। অন্যরা সবাই একসাথে বসে ছিল, সেখানে এসে থামল ও, সবার চোখ সাফিয়ার দিকে নিবদ্ধ। চিন্তা যুক্ত চোখে ওর দিকে তাকাল কোরাল। চিন্তিত হবার পেছনে যথেষ্ট কারণ আছে বটে। লেকের পানির কাছে নেমে এসেছে বিদ্যুতের ঘূর্ণিপাক। আর এদিকে একদম আগের ন্যায় পাক খাচ্ছে পানি। পাকের ঠিক মাঝখান থেকে উপরের দিকে উঠে এসেছে ঘূর্ণায়মান পানির স্তম্ভ-উল্টো ঘুর্ণি। আগুনের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে ওটা। উপরের শক্তি আর নিচের প্রতি পদার্থ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মিলিত হবার।
যদি কোনওভাবে সফল হয়, তাহলে শেষ হয়ে যাবে সবকিছু। প্রতি পদার্থ, শক্তি, আরব। এমনকি, হয়তো পুরো বিশ্ব।
ঝড়ের আলোয় আলোকিত রাস্তা ধরে এগিয়ে যেতে থাকা মেয়েটার দিকে তাকিয়ে রইল পেইন্টার। ভূতের মত আবছা দেখাচ্ছে সাফিয়াকে। এত শান্তভাবে হেঁটে যাচ্ছে মেয়েটা যে মনে হচ্ছে, অনন্ত সময় ওর হাতে। একবার ঝড় আর আরেকবার মেয়েটার দিকে তাকাচ্ছে পেইন্টার। প্রার্থনা করছে, মেয়েটার নিরাপত্তার আবার সেই সাথে গতি যেন আরেকটু বাড়ে।
ওমাহাকে দেখা গেল, সবার সাথে যোগ দিতে উপরে উঠে আসছে। নীচ থেকে মনে হয় আর সাফিয়াকে দেখতে পাচ্ছিল না। এক সাথে অনেকগুলো অনুভূতি খেলে যাচ্ছে লোকটার চোখেঃ আশা, ভয় আর…আর ভালবাসা। গুহার দিকে মনোযোগ ফেরাল পেইন্টার। সাফিয়া গোলকটার কাছে পৌঁছে গিয়েছে প্রায়।
“আরেকটু…” গুঙিয়ে উঠল ওমাহা।
সবার মনেই কথাটা খেলে যাচ্ছে।
* * * *
ধীরে সুস্থে সিঁড়ি দিয়ে নামছে সাফিয়া। প্রতিটা পদক্ষেপ সাবধানতার সাথে ফেলতে হচ্ছে। ভাঙা কাঁচ ছড়িয়ে আছে চারিদিকে। ওগুলোতে লেগে কেটে যাচ্ছে ওর পা।
ব্যথাটাকে পাত্তা না দিয়ে শান্ত রইল ও। লোহার গোলকটাকে দেখতে পেল সামনে, পৃষ্ঠতল আকাশী নীল দেখাচ্ছে। এগিয়ে এসে ঠিক কী কারণে থেমে গিয়েছে গোলকটা, তা পরীক্ষা করে দেখল। দেয়ালের একটা ভেঙে পড়া অংশ দেখতে পেল সে। বা দিকে মাত্র দুফুট গড়িয়ে দিলেই, গোলকটা আবার চলা শুরু করবে। অবশিষ্ট রাস্তাটায় নজর বুলাল মেয়েটা। পথে আর কোন বাঁধা নেই। শুধু এখন একটা ধাক্কার অপেক্ষা। গোলকটা ভারী হলেও, একদম নিখুঁত বৃত্তাকৃতির। ঠিকমত একটা ধাক্কা দিতে পারলেই…
ওটার পাশে গিয়ে দাঁড়াল সাফিয়া, পা দুটোকে শক্ত করে নিল। এরপর বুক ভরে শ্বাস নিয়ে ধাক্কা দিল গোলকটাকে। পরমুহুর্তে গোলকটাকে চার্জ করে রাখা বিদ্যুৎ দূরে ছুঁড়ে ফেলে দিলো ওকে। খিঁচুনি দিয়ে উঠল সাফিয়ার দেহ, ঘাড় বেঁকে গিয়েছে, মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিয়েছে হাড়ে। কিন্তু দায়িত্ব সফলতার সাথে সমাপ্ত করতে পেরেছে ও। নড়তে শুরু করেছে গোলক।
এদিকে অজ্ঞান হয়ে গিয়েছে সাফিয়া, দলা পাকিয়ে পড়ে আছে গুহার মেঝেতে।
* * * *
সাফিয়া…!
দূর থেকে দেখলেও, বলতে গেলে কিছুই নজর এড়ায়নি ওমাহার। সাফিয়ার দেহটাকে পুতুলের মতো আছড়ে পড়তে দেখেছে। তারপর থেকেই অনড় মেয়েটা।
অজ্ঞান নাকি মৃত? হায় খোদা… ঘুরে দাঁড়াল ও।
হাত আঁকড়ে ধরে ওকে থামাল পেইন্টার। “কোথায় যাচ্ছ?”
“ওর কাছে।”
আরো জোরে চেপে বসল পেইন্টারের আঙুল। “দুই পা ফেলার আগেই ঝড়টা তোমাকে মেরে ফেলবে।”
কারা ওদের সাথে যোগ দিল, “ওমাহা…ঠিক বলেছে পেইন্টার।” ক্যাসান্দ্রা রেইলের ধারে দাঁড়িয়ে আছে, স্কোপ দিয়ে দেখছে সবকিছু। “না নড়লে মেয়েটার কোন অসুবিধা হবার কথা না। তবে গোলকটা লেকে আছড়ে পড়লে যে কী হবে, তা বলা যায় না। ওভাবে উন্মুক্ত স্থানে পড়ে থাকাটা মনে হয় না নিরাপদ।”
গোলকটার দিকে তাকাল ওমাহা, লেকের কাছে প্রায় পৌঁছে গিয়েছে ওটা। লেকের উপর নেচে বাড়াচ্ছে দুটো প্রচন্ড ক্ষমতাসম্পন্ন শক্তি, যেন বিশাল গুহাটার ঠিক মাঝখানে তৈরি হয়েছে এক বালুঘড়ি। শক্তির ঘূর্ণির সাথে মিলিত হবার জন্য ব্যাগ্র হয়ে আছে পানির স্তম্ভ।
আর গোলকটা ঠিক সেদিকেই এগোচ্ছে। থেকে থেকে ওটার উপর যেন চাবুক চালাচ্ছে বজ্র।
“চেষ্টা করে দেখতে হবে আমাকে!” বলে হাতটা ছাড়িয়ে নিলো ওমাহা। দৌড়ে সিড়ি বেয়ে নামল ও।
পেইন্টারও ওকে অনুসরণ করল, “গডড্যামইট, ওমাহা! নিজের জীবনকে এভাবে ছুঁড়ে ফেল না!”
সিড়ির শেষ ধাপটাও পার হলো ওমাহা, “জীবনটা আমার, তাই নয় কি?” হঠাৎ বসে পড়ল মাটিতে, পা থেকে খুলে ফেলল জুতা।
লোকটার কর্মকান্ড দেখে ভ্রু কুঁচকে ফেলল পেইন্টার। “শুধু তোমার জীবন হলে একটা কথা ছিল। সাফিয়া তোমাকে ভালবাসে। যদি তুমিও বেসে থাকো, তাহলে কাজটা করো না।”
টান দিয়ে মোজা খুলে ফেলল ওমাহা, “আমি জীবনকে ছুঁড়ে ফেলছি না।” ক্রল করে মুঠো ভর্তি করে বালু তুলে আনলো। ইতস্তত না করে ঢেলে দিল মোজার ভেতর।।
“কী করছ তুমি?”
“বালু দিয়ে জুতা বানাচ্ছি।” বালু ভর্তি মোজায় পা ঢুকিয়ে দিতে দিতে বলল ওমাহা। এমনভাবে পা নাড়ল, যেন পায়ের তলার এক ইঞ্চি পড়িমাণ জায়গা খালি থাকে।
অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল পেইন্টার। “আগে কেন…? সাফিয়ার এত ঝুঁকি নেবার কোনও…”
“কেবল এল মাথায়। জানোই তো প্রয়োজন আবিষ্কারের জননী।”
“আমিও তোমার সাথে যাব।”
“সময় নেই।” পেইন্টারের খালি পায়ের দিকে ইঙ্গিত করলো ওমাহা, “মোজা নেই।”
বালুময় পথ ধরে দৌড়ানো শুরু করল ও। কাঁচের রাস্তার উপরে উঠেও গতি কমালো না। পেইন্টারকে যতটা আত্মবিশ্বাসের সাথে বলেছিল, আসলে ওর আত্মবিশ্বাস তার ধারেকাছেও পৌঁছাতে পারবে না। বজ্র এসে আছড়ে পড়তে শুরু করল আশেপাশে। ভয়ের চোটে আরো বেড়ে গেল ওর গতি। মচকে যাওয়া গোড়ালি প্রতি পদক্ষেপে চিৎকার করে আপত্তি জানাচ্ছে।
তবুও এক বিন্দু কমালো না নিজের গতি।
* * * *
এই মানুষগুলোকে ক্রেডিট দিতেই হয়, ভাবল ক্যাসান্দ্রা। দুর্দান্ত সাহসী এরা। ফ্ল্যাশ লাইটের আলোয় ওমাহার অগ্রযাত্রার উপর নজর রাখছে ও। কোন পুরুষ কি ওকে এতটা ভালবেসেছে কখনও? পেইন্টার যে ফিরে এসেছে, তা বুঝতে পেরেও অগ্রাহ্য করল মেয়েটা। আমি কি ওকে সেই সুযোগটা দিতাম?
গোলকটার শেষ কয়েকবার লাফিয়ে ওঠা দেখল ক্যাসান্দ্রা। লেকের প্রায় কাছে পৌঁছে গিয়েছে ওটা। সামনে থাকা অপশনগুলো পরখ করে দেখল ও, বেঁচে থাকলে এরপর কী করবে তা ভেবে নিলো। ডেড ম্যানস সুইচে আরো শক্ত হয়ে বসল ওর আঙুল।
পেইন্টার যে সাফিয়ার দিকে তাকিয়ে আছে তা পরিষ্কার দেখতে পাচ্ছে। ক্যাসান্দ্রা। ওমাহা পৌঁছে গিয়েছে অনঢ় মেয়েটার পাশে। হেরে গিয়েছে ওরা দুজনেই। শেষ বারের মতো লাফিয়ে উঠল গোলকটা, আছড়ে পড়ল লেকের পানিতে।
* * * *
সাফিয়ার কাছে পৌঁছে গিয়েছে ওমাহা। এখন পর্যন্ত একচুল নড়েনি মেয়েটা। ওমাহার চারপাশে একের পর এক আঘাত হানছে বজ্র। কিন্তু পাত্তা দিল না ও; নজর শুধু সাফিয়ার দিকে।
মেয়েটার বুক উঠছে আর নামছে। বেঁচে আছে সে। লেকের কাছ থেকে ভারী কিছু একটা পানিতে আছড়ে পড়ার আওয়াজ ভেসে এল। ডেপথ চার্জ জায়গামতো আঘাত হেনেছে।
আর সময় নেই হাতে, ওদের নিরাপদ স্থানে পৌছানো দরকার ।
সাফিয়াকে কোলে তুলে নিয়ে ঘুরে দাঁড়ালো ওমাহা। খেয়াল রাখতে হবে, মেয়েটার দেহের কোনও অংশ যেন কোনও ধরনের তলের সংস্পর্শে না আসে। মেয়েটার দেহ কোলে নিয়েই ঢুকে পড়ল একটা অক্ষত বাড়িতে। গোলকটা লেকের সংপর্শে আসায়, এখন যে কী ঘটবে সে ব্যাপারে ওর কোন ধারনাই নেই। কিন্ত জানে, মাথার উপর একটা ছাদ থাকলে মন্দ হয় না।
নড়ে উঠলো সাফিয়া, “ওমাহা…”
“আমি এখানেই আছি, বেবী…” নিচু হয়ে বসল ও, দেহের পুরো ওজনটা চাপিয়ে দিয়েছে বালুজুতার উপর। “এখানেই আছি।“
* * * *
তাকিয়ে তাকিয়ে সাফিয়াকে কোলে নিয়ে ওমাহার দালানের ভেতর ঢুকে যাওয়া দেখা ছাড়া পেইন্টারের আর কিছু করার নেই। এদিকে গোলকটা লেকের পানিতে আছড়ে পড়ার পর, উষ্ণ পানির একটা ধারা লাফিয়ে উঠেছে। মনে হচ্ছে, যেন অনেক উচ্চতা থেকে ফেলা হয়েছে ওটা। ছাদের দিকে রওনা দিল পানি, সংস্পর্শে আসতেই জ্বলে উঠল যেন। এরপর ঝরে পড়ল চারপাশে।
অবশেষে পদার্থের সান্নিধ্য পেল প্রতি পদার্থ।
লেকের পানিতে তৈরি হওয়া ঘূর্ণিপাক কেঁপে উঠল, ছোট ছোট ঢেউ দেখা গেল পানির পৃষ্ঠদেশে।
ওদিকে ছাদের দিক থেকে ধীরে ধীরে নীচে নেমে আসছে স্থির বিদাৎ। লেকের দিকে মনোযোগ দিল পেইন্টার। আবারও আগের রূপ ধারণ করেছে ঘূর্ণি। প্রথম কিছুক্ষণ ঘটল না কিছুই। পানির ধারা বেয়ে নীচে নেমে এল আগুন, এক মুহূর্তের জন্য জ্বলে উঠল লেকের পানি। আবার সাথে সাথে নিভে গেল। স্থিতবস্থায় ফিরে গিয়েছে, প্রকৃতি স্থিতবস্থা পছন্দ করে।
“গোলকটা এখনও থামেনি মনে হচ্ছে। লেকের একেবারে নিচু জায়গাটায় গিয়ে থামবে। সে-ই ভালো। পানির চাপ চেইন রিঅ্যাকশনটার তীব্রতা বাড়িয়ে দিবে। নিচের দিকে পাঠিয়ে দিবে তা।” বলল কোরাল,
মেয়েটার দিকে ঘুরে দাঁড়ালো পেইন্টার, “ওই মাথাটা কি এক মুহূর্তের জন্যও হিসাব নিকেশ বাদ দিতে পারেনা?”
উত্তরে শ্রাগ করল সে, “না, কেন?”
ড্যানি ওর পাশে এসে দাঁড়াল, “আর লেকটার সবচেয়ে নিচু জায়গাটায়। পৌঁছাবার পর যদি বিস্ফোরণ হয়, তাহলে পৃথিবীর নিজস্ব পানি সরবরাহের সিস্টেমে সহজেই পৌঁছে যাবে লেকের পানি।”
হতাশ পেইন্টার মাথা নাড়ল, এই দুজন একই ঝাঁকের মাছ।
ক্যাসান্দ্রা সোজা হয়ে দাঁড়াল। কারা আর ওকে নিয়ে মোট পাঁচজন এখনও ব্যালকনিতে দাড়িয়ে আছে। লুলু রেহেমদেরকে নিচের রুমে নিয়ে গিয়েছে। ক্যাপ্টেন আল-হাফি আর বারাক নিয়ে গিয়েছে অবশিষ্ট শাহরাদের ।
“কিছু একটা ঘটছে।” বলল ক্যাসান্দ্রা।
লেকের মাঝখানটায় কালো পানিতে যেন লাল রঙ ছড়িয়ে দিয়েছে কেউ। অনেক গভীর থেকে উঠে আসছে সেই আভা, আগুন ধরেছে লেকের তলদেশে। দেখার জন্য মাত্র আধ সেকেন্ড সময় পেল সবাই। এরপর সেই লাল আভা ছড়িয়ে পড়ল চারদিকে। হুমপ-গভীর আর তীব্র একটা আওয়াজ শোনা গেল।
পুরো লেকটা লাফিয়ে কয়েক ফুট উপরে উঠে গেল, এরপর আবার আছড়ে পড়ল নীচে।
ঠিক মাঝখান থেকে উৎপন্ন হয়ে লেকের চারদিকে ছড়িয়ে পড়ল ছোট ছোট ঢেউ।
“নীচে চলে যাও!” চিৎকার করল পেইন্টার। কিন্তু দেরি হয়ে গিয়েছে।
অদেখা এক শক্তি, বাতাসও না আবার বিস্ফোরণের ধাক্কাও না, গুহার আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। সামনে বয়ে নিয়ে এল প্রচন্ড গরম বাতাসের দেয়াল। শিকারি প্রাণির হিংস্রতায় যেন ঝাঁপিয়ে পড়ল ওদের উপর।
পেইন্টার ততক্ষণে মাত্র বাঁকের অর্ধেকটা ঘুরতে পেরেছে, কঁাধে গরম বাতাসের ধাক্কায় উড়ে গিয়ে রুমের অন্য মাথায় পড়ল। অন্যদের অবস্থাও খুব একটা ভালো না।
জোর করে চোখ বন্ধ করে রইল ও, এক বার মাত্র শ্বাস নিয়েছে গরম বাতাসে। কিন্তু তাতেই মনে হচ্ছে, ফুসফুসে কেউ আগুন ধরিয়ে দিয়েছে।
যেমন আচমকা শুরু হয়েছিল, তেমনি আচমকা শেষ হয়ে গেল।
হারিয়ে গেল বাতাসের উষ্ণতা।
উঠে দাঁড়ালো পেইন্টার, “শেল্টার।” কোনরকমে বলতে পারল। কিন্তু দেরী হয়ে গেল এবারও, এসে পড়েছে ভূমিকম্প।
কান ফাটানো আওয়াজ নিয়ে এল সাথে, মনে হলো পৃথিবীটাই যেন দুভাগ হয়ে যাচ্ছে।
লেকের পানির ন্যায় লাফিয়ে উঠল প্রাসাদটাও।
ভূমিকম্পের পরের মুহূর্তগুলো সবসময় বেশি ভয়ানক হয়। এবারও তাই হলো। কেঁপে উঠল টাওয়ার, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কাঁচ। টাওয়ারের উপরের একটা তলা ভেঙে পড়ল। আরও ভাঙ্গল পিলার, শহর বা লেকের উপর আহড়ে পড়ল সেগুলো।
পুরোটা সময় মাথা নিচু করে শুয়ে রইল পেইন্টার। কান ফাটানো একটা শব্দ শুনতে পেয়ে, সেদিকে তাকাল ও-পপ।
ব্যালকনির একটা অংশ আছড়ে পড়ছে নিচে, ছোটো একটা হাত নড়তে দেখল সে।
ক্যাসান্দ্রা। ভূমিকম্পের ধাক্কায় অন্যরা প্রবেশদ্বার দিয়ে ছিটকে পড়লেও, মেয়েটার কপাল মন্দ। সে ধাক্কা খেয়েছিল প্রাসাদের বাইরের দিকের দেয়ালের সাথে। ব্যালকনির সাথে পড়ে গেল মেয়েটা, এক হাতে এখনও ডেটোনেটর ধরে আছে। পেইন্টার ওকে ধরার জন্য এগোল, কিন্তু পারল না। তাই কিনারার কাছে পৌছে উকি দিল নিচে। কাঁচের উপর দলা পাকিয়ে পড়ে আছে ক্যাসান্দা। কপাল ভালো, খুব একটা বেশি নিচে পড়তে হয়নি ওকে। বুকের কাছে ধরে আছে ডেটোনেটর, পিঠের উপর শুয়ে আছে।
“আমার কাছে আছে!” পেইন্টারকে দেখে বলল ও, হুমকি দিল না স্বান্তনা, বুঝতে ব্যর্থ হলো পেইন্টার।
উঠে দাড়াল মেয়েটা।
“দাড়াও।” বলল পেইন্টার, “আমি আসছি।”
ক্যাসান্দ্রা উঠে দাঁড়ালে পায়ের বৃদ্ধাঙুলিতে আঘাত হানল বজ্র। কাঁচের উপর দাঁড়িয়ে ছিল ও, বজ্র এসে লাগতেই গলে গেল তা। গলিত কাঁচের মাঝে কোমর পর্যন্ত ডুবে গেল ওর দেহ, এরপর আবার শক্ত হয়ে গেল কাঁচ।
চিৎকার করল না ক্যাসান্দ্রা, কিন্তু ওর সারা দেহ তীব্র যন্ত্রণায় কেঁপে কেঁপে উঠল। আগুন ধরে গিয়েছে পরণের আলখেল্লায়। হাতে এখনও ডেটোনেটরটা ধরে আছে মেয়েটা। অনেক কষ্টে শুধু বলল, “পেইন্টার…!”
কোর্ট ইয়ার্ডের এক জায়গায় বালু দেখতে পেয়ে, জায়গাটা লক্ষ্য করে লাফ দিল পেইন্টার। এরপর লাথি দিয়ে বালু ছিটিয়ে ছিটিয়ে মেয়েটার কাছ পর্যন্ত যাবার পথ বানিয়ে নিল। কাছে গিয়ে বালুতে হাঁটু গেড়ে বসে পড়ল ও। বাতাস মাংস পোড়র গন্ধে ভারী হয়ে আছে।
“ক্যাসান্দ্রা…ওহমাইগড।”
ট্রান্সমিটারটা ওর দিকে বাড়িয়ে ধরল ক্যাসান্দ্রা, চেহারা ব্যথায় কুঁচকে আছে। “আর ধরে রাখতে…ধরো…”
নিজের হাত দিয়ে মেয়েটার হাত আঁকড়ে ধরল পেইন্টার।
হাতের মুঠো নরম হয়ে এল ক্যাসান্দ্রার, পেইন্টারের শরীরে নিজেকে এলিয়ে দিল ও। কাঁচের স্পর্শ লেগে থাকা চামড়া দিয়ে উজ্জ্বল লাল রক্ত বেরোচ্ছে, ধমনীর রক্ত।
“কেন?” জানতে চাইল পেইন্টার।
চোখ বন্ধ করে রইল মেয়েটা, শুধু মাথা নাড়ল একবার, “তোমার কাছে আমি…ঋণী!”
“কিভাবে?”
চোখ খুলে ওর চোখে চোখ রাখল মেয়েটা, ঠোঁট নড়ে উঠল। শোনা যায় না। এমন স্বরে বলল, “ইস, আমাকে যদি তুমি বাঁচাতে পারতে!”।
পেইন্টার জানে, মেয়েটা এই মুহর্তের কথা বলছে না..বলছে যখন ওর পার্টনার ছিল, সেই সময়ের কথা। চোখ বন্ধ হয়ে এল মেয়েটার। ওর কাঁধে এসে পড়ল মেয়েটার মাথা।
শক্ত করে ধরে রইল ও। সেই আলিঙ্গনের মাঝে মারা গেল ক্যাসান্দ্রা।
* * * *
ওমাহার আলিঙ্গনাবস্থায় চোখ খুলল সাফিয়া। শক্ত করে ওকে জড়িয়ে ধরেছে ওমাহা। ওকে কোলে নিয়ে গোড়ালির উপর ভর দিয়ে বসে আছে প্রত্নতাত্ত্বিক।
ওমাহা এখানে কেন?
এখানটাই বা কোন জায়গা?
স্মৃতি ফিরে পেল আচমকা।
গোলক…লেক… নড়ে উঠল ও, ছাড়া পেতে চাইছে।
হঠাৎ ওর নড়ে ওঠায় চমকে গেল ওমাহা। “সাফিয়া, শান্ত হও।”
“কী হয়েছে?”
ক্লান্তি আর ব্যথার ছাপ ওমাহার চোখে স্পষ্ট। “বেশি কিছু না। বলতে পার, পুরো আরব এলাকাকে ধ্বংসের হাত থেকে বাঁচালে তুমি।”
জায়গাটাকে চিনতে পারল সাফিয়া, এখানে আটকে গিয়েছিল গোলকটা।
দুজনেই লেকের দিকে তাকাল। এখনও আগের মতো দেখাচ্ছে লেকটাকে, ছাদের দৃশ্যের খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না।
দমে গেল মেয়েটা, “কোনও পরিবর্তন হয়নি।”
“ডার্লিং, ঘুমিয়ে ঘুমিয়ে অনেক কিছুই মিস করেছ তুমি।”
যেন সাফিয়াকে তা বোঝাতেই আবার কেঁপে উঠল চারপাশ। এক পা পিছিয়ে এল ওমাহা। লেকের দিকে নজর পড়তে বলল, “তীরের দিকে তাকাও।”
ঘাড় ফেরালো সাফিয়া। পানি প্রায় বিশ গজ ভেতরে চলে গিয়েছে। পানি নেমে যাচ্ছে।”
আরো শক্ত করে ওকে জড়িয়ে ধরল ওমাহা, “পেরেছ তুমি! কোরালের ধারণা একদম ঠিক!” ।
সাফিয়া এবার ছাদের দিকে মনোযোগ দিল। স্থির বিদ্যুতের ঝড়টাও যেন তীব্রতা হারিয়েছে। শহরের দিকে নজর ফেরালো এবার, প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে জায়গাটা। কিন্তু আশা এখনও আছে।
“বেঁচে গেলাম মনে হচ্ছে।”
“তাও কোন ঝুঁকি নিতে রাজি নই।” বলে ওকে কোলে নিয়েই প্রাসাদের দিকে রওনা দিল ওমাহা।
আপত্তি করলো না ও, কিন্তু খুব দ্রুত ওর কাছে ধরা পড়ে গেল ওমাহা। প্রতিবার পা ফেলার সাথে সাথে কুঁচকে উঠছে ওমাহার চেহারা।
“কী হলো?” জানতে চাইল ও।
“তেমন কিছু না, জুতায় বালু ঢুকেছে।”
* * * *
ওদেরকে আসতে দেখল পেইন্টার। কোর্ট ইয়ার্ডে পৌঁছলে ডাক দিল, “ওমাহা, ঝামেলা শেষ।” বলল সে, “সাফিয়াকে নামিয়ে দিতে পার।”
ওকে গ্রাহ্য না করে এগিয়ে গেল ওমাহা, “এই তো আরেকটু।”
কিন্তু শাহরা আর রেহেম গোত্রবাসীরা ওকে এগোতে দিলে তো! ঘিরে ধরল সাফিয়াকে, যার যার মতো করে ধন্যবাদ জানাচ্ছে। ড্যানি এগিয়ে এসে ভাইকে জড়িয়ে ধরল। ক্যাসান্দ্রার ব্যাপারে নিশ্চয় কিছু একটা বলেছে কারণ ওমাহা চাইল মেয়েটার মৃতদেহের দিকে।
পেইন্টার ওকে আলখেল্লা দিয়ে ঢেকে রেখেছে, ডেটোনেটরটাকে নিষ্ক্রিয় করে দিয়েছে। সাফিয়া এখন নিরাপদ।
উপস্থিত সবার দিকে একবার করে তাকাল পেইন্টার। আহত সবাই, কেটে ছড়ে গিয়েছে। কিন্তু এছাড়া বহাল তবিয়তে আছে সবাই।
সোজা হয়ে দাঁড়াল কোরাল। একহাতে একটা লঞ্চার নিয়ে, অন্যহাতে তুলে ধরল একটা ধাতব বেল্ট। লঞ্চারের সাথে লেগে গেল ওটা। পেইন্টারকে তাকিয়ে থাকতে দেখে বলল, “ম্যাগনেটাইজড, চুম্বকে পরিণত হয়ে গিয়েছে। ইন্টারেস্টিং।”
পেইন্টার কোন উত্তর দেবার আগেই আরেকটা ভূমিকম্প কাঁপিয়ে দিল ওদেরকে। তবে প্রথমটার চেয়ে অনেক দুর্বল। চমকে উঠে সবাই বুঝতে পারল, বিপদ এখনও শেষ হয়নি। নিরাপদ স্থানে পৌঁছতে হবে ওদেরকে। বিপদের গুরুত্ব বোঝাতেই যেন নিচ থেকে একটা গুরুগম্ভীর আওয়াজ ভেসে এল। পায়ের নিচের কাঁচ কেঁপে উঠল। আওয়াজটার সঙ্গী হলো একটা নিচু, প্রায়। শোনা যায় না এমন শব্দ।
নড়ল না কেউ, দমবন্ধ করে রইল সবাই। এরপর ঘটল ঘটনাটা।
উষ্ণ পানির একটা ফোয়ারা বের হয়ে এল লেক থেকে, ছাদের দিকে ছুটল। উচ্চতায় কম করে হলেও তিন তলা উঁচু হবে। দুইশ বছর বয়সী রেডউড গাছের সমান মোটা।
এই ধারাটি বের হয়ে আসার আগে, লেকটার পানি এতটা কমে এসেছিল যে আকারে আগের এক-চতুর্থাংশ হয়ে গিয়েছিল ওটা। ফাটল ধরল জমাবদ্ধ পানির চারপাশে, যেন কোনও ভেঙে যাওয়া ডিমের খোসা।
এখন আবার ভরে উঠছে লেকটা। হাঁ করে তাকিয়ে রইল সবাই।
“কম্পনগুলো নিশ্চয় পৃথিবীর নিজস্ব ওয়াটার সিস্টেমে ফাটল ধরিয়েছে।” বলল ড্যানি। খুব দ্রুত ভরে উঠছে লেকটা।
“ডুবতে চলেছে এই জায়গাটা।” বলল পেইন্টার, “আমাদের পালাতে হবে।”
“আগুন থেকে পানিতে…” তিক্ত স্বরে বলল ওমাহা, “ভালো। খুব ভালো।”
* * * *
বাচ্চাদেরকে জড়ো করতে সাহায্য করছে সাফিয়া। প্রাসাদ থেকে পালাচ্ছে ওরা। শাহরা গোত্রের কমবয়সীরা সাহায্য করছে রেহেম গোত্রের বয়স্কা সদস্যদের।
সিড়ির গোড়ায় পৌঁছাতে পৌঁছাতে দেখল, ভরে উঠেছে লেক। পানি উপচে পড়ছে এখন। কিন্তু তবু উষ্ণ পানির ধারা থামেনি।
ফ্ল্যাশ লাইট হাতে সামনে চলছে শক্তিশালী পুরুষেরা। পথে জায়গায় জায়গায় পাথরের চাঁই আর স্তুপ প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, ওগুলো সরিয়ে দিয়ে পথ বানাচ্ছে।
যতটা তাড়াতাড়ি সম্ভব এগিয়ে চলছে দলটা। সবল সাহায্য করছে দুর্বলকে। কতক্ষণ পর জানে না সাফিয়া, আনন্দঘন একটা চিৎকার শুনতে পেল, “হুর-রে।”
নিরাপত্তা!
চলার গতি বেড়ে গেল সবার। পেইন্টার পৃষ্ঠতলে দাঁড়িয়ে আছে। হাত ধরে ওকে টেনে নিল লোকটা। এরপর হাত বাড়ালো কারার দিকে।
মেসাটাকে চিনতে কষ্ট হচ্ছে সাফিয়ার, এখন সেটা রূপ নিয়েছে একগাদা নুড়ি পাথরের। ঘুরে ঘুরে দেখল চারপাশ। বাতাস জোরে বইছে, কিন্তু ঝড়ের কোন নিশানা নেই। আকাশে ভাসছে পূর্ণ চন্দ্র, রূপালি আলোয় উদ্ভাসিত হয়ে আছে বিশ্ব।
ক্যাপ্টেন আল-হাফি ওর উপর ফ্ল্যাশ লাইটের আলো ফেলল, এরপর আলো ফেলে ফেলেই দেখিয়ে দিল এগোবার পথ।
পাথর থেকে বালুর উপর নেমে এল দলটা। চড়াইয়ে উঠতে হচ্ছে এখন। ট্রাক আর ট্রাক্টরের পুড়ে কয়লা হয়ে যাওয়া ধ্বংসাবশেষ পার হতে হলো। উল্টো হয়ে থাকা ট্রাক্টরের ভেতর কিছুক্ষণের জন্য হারিয়ে গেল পেইন্টার, ফিরে এল একটা ল্যাপটপ হাতে নিয়ে। চোখে প্রশ্ন নিয়ে ওর দিকে তাকাল সাফিয়া, কিন্তু কোন ব্যাখ্যা পেল না।
মরুভূমির ভেতর দিয়ে চলছে দলটা, ওদের পেছনে তৈরি হয়েছে নতুন এক ঝর্ণার। মেসাটা ভরে উঠেছে পানিতে। বালুঝড়ের ফলে তৈরি হওয়া ঢাল পানিতে টইটুম্বুর হয়ে উঠতে একদম সময় লাগল না। ওমাহার হাত ধরে হাঁটছে সাফিয়া। নিচু স্বরে কথা বলছে সবাই। হঠাৎ একাকী হাঁটতে থাকা পেইন্টারের উপর নজর পড়ল মেয়েটার।
“একটু দাঁড়াও।” ওমাহার হাতে আলতো করে একটা চাপ দিয়ে বলল সাফিয়া। এগিয়ে গেল পেইন্টারের দিকে। মেয়েটাকে পাশে আসতে দেখে চোখে প্রশ্ন নিয়ে তাকাল পেইন্টার।
“পেইন্টার, আমি…আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই।”
হাসল লোকটা, মুচকি হাসি। “প্রয়োজন নেই, আমার কাজই এটা।” পাশাপাশি কিছুদূর হেঁটে গেল ওরা, সাফিয়া জানে যে পেইন্টার আসলে, ওর অনুভূতি লুকাচ্ছে। বার বার লোকটার নজর সরিয়ে নেয়া তার প্রমাণ।
ওমাহার দিকে তাকাল সাফিয়া, এরপর আবার পেইন্টারের দিকে, “আমি…আমরা…”
দীর্ঘশ্বাস ফেলল সিগমা এজেন্ট, “সাফিয়া, আমি বুঝতে পেরেছি।”
“কিন্তু-“
ঘুরে দাঁড়াল পেইন্টার, নীল চোখ জোড়ায় দৃঢ়তা, “সত্যি বলছি, বুঝতে পেরেছি।” ওমাহার দিকে নড করল, “মানুষটা ও মন্দ নয়।”
শত সহস্র কথা খেলে গেল সাফিয়ার মনে, যেগুলো পেইন্টারকে জানাতে চায়।
“যাও।” আর কোন কথা না বলে ওমাহার দিকে এগোল সাফিয়া।
“কী কথা হলো?” স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করতে চাইল, কিন্তু ব্যর্থ হলো।
“বিদায় জানাচ্ছিলাম…” ওর হাত ধরে বলল মেয়েটা।
ঢালের শেষ মাথায় চলে এসেছে দলটা। ওদের পেছনে এখন একটা পূর্ণ আকৃতির লেক।
“এই পানিতে আবার প্রতি পদার্থ নেই তো?” জানতে চাইল ড্যানি।
মাথা নাড়ল কোরাল, পানির চেয়ে প্রতি পদার্থ বহনকারী বাকিবলের ওজন বেশি। এতক্ষণে নিশ্চয় অ্যাকুইফারের সাথে মিশে গিয়েছে।”
“নেই তাহলে।” বলল ওমাহা।
“আমাদের ক্ষমতাও নেই।” যোগ করলেন লুলু। সাফিয়া আর কারার মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন তিনি।
“বুঝতে পারলাম না?” অবাক সাফিয়া জানতে চাইল।
“আশীর্বাদ আর অনুভব করতে পারছি না।” বয়স্কা মহিলার গলায় নেই কোন আক্ষেপ, মেনে নিয়েছেন তিনি।
“নিশ্চিত আপনি?”
নড করলেন লুলু, “আগেও অন্যদের সাথে এমন হয়েছে। এই দুর্বল আশীর্বাদ সহজেই নষ্ট হয়ে যায়। ভূমিকম্পের সময় কিছু একটা হয়েছে, বুঝতে পেরেছি তখন।”
রেহেমরা সবাই নড় করল।
সেসময় অজ্ঞান ছিল সাফিয়া।
“ম্যাগনেটিক পালসটা সম্ভবত এরজন্য দায়ী।” বলল কোরাল, লুলুর কথা শুনে ফেলেছে। “ওটার তীব্রতা বাকিবলকে অস্থিতিশীল করার মতোই ছিল।” লুলুর দিকে তাকিয়ে নডকরল ও, “একবার ক্ষমতা হারালে কি রেহেম আর তা ফিরে পায়?”
হোজা মাথা নেড়ে জানালেন-না।
“ইন্টারেস্টিং।” বলল কোরাল, “কোষের ভেতর মাইটোকন্ড্রিয়ার বাকিবল বানাতে হলে ছাঁচ দরকার। অন্তত দুএকটা বাকিবল থাকতেই হবে। কিন্তু সব যদি সরিয়ে ফেলা হয়, তাহলে আর নতুন বাকিবল তৈরি করতে পারবে না সে।”
“তাহলে সত্যি সত্যি ক্ষমতাটা চিরতরে হারিয়ে গিয়েছে।” মন খারাপ করে ফেলল সাফিয়া।
ওর হাতে আলতো চাপ দিলেন হোজা, এরপর নিজের বাঁ চোখের নিচে অঙ্কিত রুবি রঙা ট্যাটুতে স্পর্শ করে বললেন, “আমরা রেহেমরা একে দুঃখ বলে ডাকি। উবার ত্যাগ করার সময় শেবার রাণি যে অশ্রুপাত করেছিলেন, তার স্মৃতিচিহ্ন। শহরটার জন্য কেঁদেছিলেন, কেঁদেছিলেন মৃতদের জন্য। তবে সম্ভবত সবচেয়ে বেশি কেঁদেছিলেন নিজের জন্য। আমরা তার সেই বোঝা বহন করে এসেছি এতদিন।” লুলু হাত সরিয়ে নিলেন, “এই চাঁদনী রাতে আমরা নতুন করে এর নামকরণ করছি, ফারাহ।”
ভাষান্তর করলো সাফিয়া, “আনন্দ…।”
নড করলেন হোজা, “এই অশ্রু হোক নতুন জীবনের আনন্দে কাঁদা আমাদের প্রথম অশ্রু। লুকিয়ে থাকার সময় শেষ, নতুন জীবনে পা রাখতে যাচ্ছি আমরা।” সাফিয়ার চেহারা থেকে দুঃখের রেশ মেটেনি নিশ্চয়, কেননা হোজা সাফিয়ার কাঁধ ধরে ঘুরিয়ে দিলেন ওকে। “মনে রেখ বাছা, জীবন কোনও সরলরেখা নয়। যদি কোনও কিছুর সাথে একে তুলনা দিতেই হয়, তাহলে দিতে হবে বৃত্তের সাথে। মরুভূমি কেড়ে নেয়, কিন্তু ফিরিয়েও দেয়।” সামনে নতুন গড়ে ওঠা লেকের দিকে ইঙ্গিত করলেন তিনি, “উবার নেই, কিন্তু ইডেন ফিরে এসেছে।”
রূপালি আলোয় ঝিকঝিক করছে লেকের পানি।
উবারের আগের, উল্কাপিন্ড আঘাত করার আগের আরবে যেন ফিরে গিয়েছে ও। মরুদ্যান, ঘন সবুজ জঙ্গল আর প্রাণ বৈচিত্রে ভরপুর এলাকা দেখতে পাচ্ছে যেন মানস চোখে-অতীত, বর্তমান আর ভবিষ্যতের মেলবন্ধন।
তাও কি সম্ভব?
ইডেনের উদ্যান…পুনরুজ্জীবিত।
পেছন থেকে ওকে জড়িয়ে ধরল ওমাহা।
“ঘরে ফিরে আসায় স্বাগতম, ডার্লিং।” মেয়েটার কানে কানে বলল।
