টম্ব রাইডার
৩ রা ডিসেম্বর, ০৮:০৭ পি.এম.
জেবাল ইটেন
হাতঘড়িতে সময়টা দেখে নিলো পেইন্টার, আর মাত্র এক মিনিট বাকি। একটা ফিগ গাছের গোড়ায়, মাটিতে পেট লাগিয়ে শুয়ে আছে সে। দৃষ্টির আড়াল করে রেখেছে একটা অ্যাকাসিয়া ঝোপ। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে পার্ক করে রাখা গাড়িগুলো। রাস্তার অনেকটা দূরে, ডান দিকে অবস্থান নিয়েছে। নাইট ভিশন গগলস থাকায়, গার্ডদের খুঁজে বের করতে বিন্দু মাত্র কষ্ট করতে হয়নি। বৃষ্টির হাত থেকে বাঁচতে, উইন্ডব্রেকারের হুড তুলে দিয়েছে সবাই। অধিকাংশ গার্ডকে রাখা হয়েছে রাস্তাটার আশেপাশে। দুএকজন মাত্র ঘুরছে এলাকা জুড়ে।
যেখানে ও আছে, সেখান থেকে সবচেয়ে কাছের এসইউভিটা ত্রিশ গজ দূরে, প্ল্যান বানিয়ে ফেলল পেইন্টার। মনে মনে বার বার ঝালিয়ে নিল, ঘটনা ঘটা শুরু হলে আর সুযোগ পাবে না।
আরেকবার ঘড়ি দেখল ও, সময় শেষ। উপুড় হয়ে শুয়ে ছিল এতক্ষণ, এবার উঠে বসল। কান পাতল ও, কিন্তু কোন শব্দ শুনতে ব্যর্থ হলো। আবারও ঘড়ি দেখল, দশ মিনিট পার হয়ে গিয়েছে। এখনও
ঠিক সেই মুহূর্তেই শুনতে পেল শব্দটা। একটা গান, বেশ কয়েকজন কোরাসে গাইছে। বাইত খাথির গান গাইতে গাইতে এগিয়ে আসছে।
সমাধি কমপ্লেক্সের দিকে মনোযোগ ফেরাল পেইন্টার। গার্ডদের দৃষ্টি আকর্ষণ করতে সফল হয়েছে ওর বেদুঈন বন্ধুরা, রাস্তার দিকে এখন নজর ওদের। দুজন তো রাস্তার পাশে অবস্থিত ঝোপে পজিশন পর্যন্ত নিয়ে নিয়েছে। পার্ক করা এসইউভি থেকে গার্ডদের কয়েকজনকে সরিয়ে নিতে সফল হয়েছে বাইত খাথির। পেইন্টার এবার নিজের কাজ শুরু করল। দম বন্ধ করে দৌড় লাগাল সবচেয়ে কাছের বাহনটার দিকে। কারও সন্দেহ উদ্রেক না করেই পৌঁছে গেল লক্ষ্যে। প্রথম এসইউভিটার কাছে পৌঁছে, ব্যাগের জিপার খুলে ফেলল ও। আগে থেকেই তৈরি করে রাখা সি-ফোর এর প্যাকেজগুলো থেকে একটা নিয়ে গাড়িটার গ্যাস ট্যাংকের কাছে ফিট করল।
পরেরটার কাছে গিয়েও একই কাজ করল পেইন্টার। তবে তৃতীয়টা ঘাঁটালো না, শুধু ভেতরে একবার তাকিয়ে দেখল, চাবি ইগনিশনে ঝুলছে কিনা। ভাগ্য ভালো ওর, ঝুলছে।
সন্তুষ্ট হয়ে এবার গার্ডদের দিকে নজর দিল ও, গার্ডরা এখনও বাইত খাথিরদের নিয়ে ব্যস্ত।
ঘুরে দাঁড়িয়ে সমাধি কমপ্লেক্সটাকে ঘিরে রাখা নিচু দেয়ালটার দিকে দৌড়াল পেইন্টার। লক্ষ রাখছে, ওর আর গার্ডদের মাঝে যেন এসইউভিগুলো থাকে। পেছন থেকে আরবীতে তর্কাতর্কির আওয়াজ ভেসে এল। বেদুঈনরা শেষ চড়াই এর অর্ধেক উঠে এসেছে। দ্রুত কাজ সারতে হবে ওকে।
লাফিয়ে মাত্র চার ফুট উঁচু দেয়ালটা পার হলো পেইন্টার, আগে থেকেই মসজিদের পেছনে একটা জায়গা ঠিক করে রেখেছে। হঠাৎ থমকে দাঁড়াল ও। মসজিদটার দুদিকেই আলো ফেলছে কেউ একজন, আলোর উৎস কোর্ট ইয়ার্ড। কানে মানবকণ্ঠ ভেসে এল, কিন্তু বৃষ্টির আওয়াজে পরিষ্কার শুনতে পেল না। ওখানে যে কতজন আছে, সে ব্যাপারে পেইন্টারের বিন্দু মাত্র ধারণা নেই। দেয়ালের ছায়ায় ছায়ায় পা ফেলে মসজিদের পেছনে চলে এল সে। হাত বাড়িয়ে ধরল নব, বন্ধ দরজা ভেঙে ঢোকা যায়, কিন্তু তাতে শব্দ হবে প্রচুর। জানালা বা ভেতরে ঢোকার অন্য কোন রাস্তা খুঁজল ও। মসজিদের যেকোন পাশ দিয়ে বেরোলেই ফাঁকা জায়গা পড়বে সামনে, আত্মগোপন করার কোন উপায় নেই। নাহ, মসজিদের ভেতর দিয়েই এগোতে হবে ওকে। ক্যাসান্দ্রার হাত থেকে সাফিয়াকে ছিনিয়ে আনতে হলে, যতটা সম্ভব কাছাকাছি পৌঁছতে হবে ওকে।
মসজিদের একদম প্রান্তে চলে এল পেইন্টার, কিন্তু তাও কোন জানালা খুজে পায়নি। এমন বিল্ডিং কে বানায়? মনে মনে ভাবল। এই মুহুর্তে ছোট্ট বাগানে দাঁড়িয়ে আছে, দুটো বড় বড় খেজুর গাছ দেখা যাচ্ছে। গাছ দু’টোর মাঝে একটা বেশ বড়। ছাদের ঠিক ধার ঘেঁষে উঠে গিয়েছে ওটা। যদি এই গাছে চড়া যায়, তাহলে…কষ্ট হবে উঠতে । কিন্তু ঝুঁকিটা নিতে হবে, সিদ্ধান্ত নিল ও।
যেই কথা সেই কাজ, গাছ বেয়ে উঠতে শুরু করল পেইন্টার। কিন্তু অল্প কিছু উঠেই পিছল খেয়ে আছড়ে পড়ল মাটিতে।
আবার বাওয়া শুরু করতে গিয়েও থমকে গেল সে, দেয়াল ঘেঁষে বেড়ে ওঠা একটা ঝোপে দুটো জিনিস দেখতে পেয়েছেঃ একটা অ্যালুমিনিয়ামের মই…আর একটা বিবর্ণ হাত। শক্ত হয়ে গেল পেইন্টার। অনড় হয়ে আছে হাতটা। ক্রল করে এগোল ও, ঝোপটাকে দুহাত দিয়ে সরাচ্ছে। মসজিদের দেয়ালের সাথে লাগানো আছে মই। ভুলটা ওরই, খেজুর গাছে উঠার জন্য একটা মই যে এখানে কোথাও থাকবে সেটা আগে ভাবেনি। এবার হাতটার মালিকের দিকে নজর দিল।
বয়স্ক এক আরব, পরণে ডিসডাসা, তাতে সোনার সুতো দিয়ে কাজ করা। খুব সম্ভবত সমাধি কমপ্লেক্সের কেয়ারটেকার। মাটিতে পড়ে আছে দেহটা, লোকটার পালস চেক করল পেইন্টার। না, বেঁচে আছে তবে অজ্ঞান। সোজা হলো পেইন্টার। ক্যাসান্দ্রার দলের কাজ হবে, কিন্তু অজ্ঞান করে এখানে টেনে এনে রাখার কী অর্থ? রহস্যজনক হলেও, ব্যাপারটা নিয়ে মাথা ঘামাবার সময় নেই এখন।
মইটাকে ব্যবহার করে ছাদের দিকে উঠতে শুরু করল ও। ছাদের কাছাকাছি গিয়ে শেষ হয়েছে মইটার উচ্চতা, তাই কিনারা ধরে নিজেকে টেনে তুলতে হলো ওর। উপরে উঠেই উবু হয়ে বসল পেইন্টার, কারও চোখে পড়তে চায় না। এরপর এগোল মিনারের দিকে। ছাদের চেয়ে একটু নিচে একটা ব্যালকনি মিনারটাকে ঘিরে আছে। ওখানে দাঁড়িয়ে আযান দেয় মুয়াজ্জিন।
লাফ দিয়ে ব্যালকনির উপর নামল পেইন্টার। এখান থেকে কোর্ট ইয়ার্ডটা পরিষ্কার দেখা যাচ্ছে। নাইট ভিশন গগলসের উজ্জ্বলতায় সবকিছু পরিষ্কার বুঝতে পারছে না দেখে চোখ থেকে খুলে ফেলল সেটা। আলো জ্বলছে ছোট ধ্বংসাবশেষে।
একটা ফ্লাশলাইট কবরের প্রবেশদ্বারের সামনে পড়ে আছে। ওটার আলোতে মাটিতে পোঁতা একটা সরু খাম্বা নজরে পড়ল পেইন্টারের। দেখা মনে হচ্ছে, খাম্বাটার মাথায় ঝুলছে আবক্ষ কোন মূর্তি।
হঠাৎ ধ্বংসাবশেষ থেকে ভেসে আসা পরিচিত একটা কণ্ঠ শুনতে পেল ও, “জায়গাটা ম্যাপে দেখাও।” ক্যাসান্দ্রার কণ্ঠ, শক্ত হয়ে উঠল পেইন্টারের দেই।
এরপর শুনতে পেল সাফিয়ার গলা, “বুঝতে পারছি না। যেকোন জায়গা হতে পারে।”
তাহলে বেঁচে আছে মেয়েটা, কেউ যেন পেইন্টারের দেহে স্বস্তির পরশ বুলিয়ে গেল। পরমুহুর্তেই ওকে ঘিরে ধরল দুঃচিন্তা। কত জন আছে ছায়া দেখে মনে হচ্ছে চারজনের বেশি রুমটায় নেই।
যদি তাড়াতাড়ি করতে পারে, তাহলে…
আচমকা একটা লম্বা অবয়ব দেখতে পেল ও, কালো পোষাক পরে আছে। এগিয়ে এসে খাম্বাটার পাশে হাঁটু গেড়ে বসল লোকটা। খাম্বাটার একদম নীচ থেকে উপর পর্যন্ত হাত বোলাল সে। এরপর আবার উধাও হয়ে গেল লোকটা। তবে ওর বলা কথা পরিষ্কার শুনতে পেল পেইন্টার
“উনসত্তর।”
আর অপেক্ষা করা যায় না। মিনারের ব্যালকনি থেকে নিচে নামার সিঁড়ির দিকে এগোল ও। হাতে চলে এসেছে পিস্তল, নাইট ভিশন গগলস ফিরে এসেছে স্বস্থানে। তবে কাউকে দেখতে পেল না ও, বেরিয়ে এসে প্রবেশদ্বারের দিকে পা বাড়াল। | দরজা খোলা, গগলস আবার চোখ থেকে নামিয়ে চুপি চুপি ঢুকে পড়ল ভেতরে । একদম সামনে এগোলে কোর্ট ইয়ার্ড, দুই পাশে দু’টো চিনে মাটির দেয়াল পোর্চটাকে আকৃতি দিয়েছে। কোর্ট ইয়ার্ডটাও খালি। যদি এখন একটা দৌড় লাগায়… হিসাব কষছে পেইন্টার। গতি ছাড়া এই পরিকল্পনা কাজে আসবে না। সোজা হয়ে তৈরি করে নিল নিজেকে। পেছন থেকে ভেসে আসা একটা আওয়াজ শুনে জায়গায় জমে গেল ও। চোখ ধাঁধানো গতিতে ঘুরে দাঁড়াল ও, পিস্তল তাক করল মসজিদের ভেতরের অংশের দিকে। অন্ধকার থেকে একজোড়া ছায়া এগিয়ে এল। চোখ জ্বলছে, ক্ষুধার্ত চিতা। রাতের আঁধারের মতোই ওকে ঘিরে ধরল প্রাণি দুটো।
০৮:১৮ পি.এম.
“জায়গাটা ম্যাপে দেখাও।” বলল ক্যাসান্দ্রা। হাঁটু গেড়ে বসল কিউরেটর, সামনে একটা ম্যাপ বিছিয়ে রেখেছে। আগে থেকে একটা নীল দাগ টানা আছে ওতে, এবার একটা লাল দাগ টানল। উত্তরপূর্ব দিকে চলে গিয়েছে দাগটা, পাহাড় পার হয়ে মরুভূমির রুব আল-খালি নামের ফাঁকা অংশের উপর দিয়ে। মাথা নাড়ল সাফিয়া, “কিছুই বুঝতে পারছি না। যেকোনও জায়গা হতে পারে।”
ম্যাপের দিকে চাইল ক্যাসান্দ্রা। মরুভূমিতে লুকিয়ে থাকা একটা শহর খুঁজছে। কিন্তু কোথায় ওটা?
“কোনও একটা ভুল হচ্ছে আমাদের।” বলল সাফিয়া, হাত দিয়ে কপাল ডলছে।
আচমকা কথা বলে উঠল কেনের রেডিও। “কয়জন?” কিছু ক্ষণ বিরতির পর বলল, “ঠিক আছে, কেবল নজর রাখ। আমাদের ধারে কাছেও ঘেঁষতে দিও না। অবস্থার কোন পরিবর্তন হলে আমাকে জানাবে।”
কেনের কথা বলা শেষ হলে, চোখে প্রশ্ন নিয়ে তাকাল ক্যাসান্দ্রা।
শ্রাগ করল লোকটা, “আসার সময় কিছু বেদুঈন দেখলাম না? ওগুলো ফিরে এসেছে।”
সাফিয়ার চেহারার উৎকণ্ঠা ক্যাসান্দ্রার নজর এড়ালো না, মেয়েটা বেদুঈনদের নিয়ে দুশ্চিন্তা করছে। খুব ভাল। “বলে দাও, কেউ কাছে ঘেষলেই যেন মেরে ফেলে।” কেঁপে উঠল সাফিয়া। “যত তাড়াতাড়ি এখানকার কাজ শেষ হবে, তত তাড়াতাড়ি চলে যাব আমরা।” মুখ নিচু করে ম্যাপটার দিকে তাকাল সাফিয়া, “দূরত্ব বোঝাবার জন্য নিশ্চয় ওই বর্শা বা মূর্তিতে কিছু না কিছু ব্যবহার করা হয়েছে।” চোখ বন্ধ করে দুলতে শুরু করল সাফিয়া। হঠাৎ থেমে গেল।
“কী হলো?” জানতে চাইল ক্যাসান্দ্রা। “বর্শাটার গায়ে দাগ কাটা ছিল। ভেবেছিলাম হয়তো অঙ্গসজ্জা। তবে কিনা প্রাচীনকালে এরকম দাগ কেটে দূরত্ব হিসাব করা হতো। গুণে দেখতে হবে।”
ক্যাসান্দ্রা এখনও অবিশ্বাস করে মেয়েটাকে। মিথ্যা বলে হয়তো ওদেরকে ভুল পথে চালিত করব। সেই সুযোগ দেয়া যায় না, “কেন, গিয়ে গুণে এসো।” গজ গজ করতে করতে বেরিয়ে গেল কেন। ম্যাপের দিকে মনোযোগ দিল ক্যাসান্দ্রা, “এটাই মনে হয় শেষ লোকেশন।”
শ্রাগ করল সাফিয়া, “হতে পারে। তিন নাম্বারটা পুরনো সব বিশ্বাসের কাছে পবিত্র। খ্রিষ্টানদের ত্রিনিত্রি, বা প্রাচীন স্বর্গীয় ধর্মবিশ্বাসেও ত্রিনিত্রিঃ চাঁদ, সূর্য আর ভোরের তারা।
“উনসত্তর।” শুনে এসে জানালো কেন।
“উনসত্তর।” বলল সাফিয়া, “হ্যা, তাই তো!”
“আবার কী হলো?” জানতে চাইল ক্যাসান্দ্রা।
“ছয় আর নয়।” ম্যাপের উপর ঝুঁকে পড়েছে কিউরেটর, “দুটোই তিন দ্বারা বিভাজ্য।”
ক্যালকুলেটার আর প্রোট্রাকটর নিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ল ও।
“লাল দাগ বরাবর উনসত্তর মাইল গেলে পাব…” বলল মেয়েটা, ম্যাপে একটা বৃত্ত আঁকল। “এই জায়গাটা।”
ক্যাসান্দ্রা ঝুঁকে এসে নিজে হিসাব করে দেখল, ভুল নেই কোন। “তাহলে এই জায়গাতেই পাওয়া যাবে হারানো শহরটাকে?”
নড করল সাফিয়া, নজর ম্যাপের উপর থেকে সরায়নি। “খুব সম্ভবত।”
ভ্রু কুঁচকে গেল ক্যাসান্দ্রার, বুঝতে পারছে মেয়েটা সব কিছু খুলে বলেনি। সাফিয়ার কব্জি আঁকড়ে ধরল ও, “কী লুকাচ্ছ?”
সাফিয়া উত্তর দেবার আগেই একদম কাছ থেকে ভেসে এল গুলির আওয়াজ।
মিস ফায়ার হতে পারে, হতে পারে কোন অতি উৎসাহী বেদুঈনের গুলি ফোটাবার আওয়াজ। কিন্তু ক্যাসান্দ্রা জানে, গুলিটা কে করেছে। “পেইন্টার…”
০৮:৩২ পি.এম.
ভয়ে পিছিয়ে আসায়, পেইন্টারের প্রথম গুলিটা লক্ষ্যে আঘাত হানতে পুরোপুরি ব্যর্থ । হলো। গুলি লেগে দেয়াল থেকে খসে পড়ল প্লাষ্টার। চিতা দুটো হারিয়ে গেল ছায়ায়। নিজেকে পোর্চের দেয়ালের আড়ালে ছুঁড়ে ফেলল ও। বলদ। গুলি ছোঁড়া একদম উচিত হয়নি। একমাত্র যে অস্ত্রটা ওর হাতে ছিল, এলিমেন্ট অফ সারপ্রাইজ, সেটাও খুইয়ে বসেছে।
“পেইন্টার!” ক্যাসান্দ্রা চিৎকার করে উঠল। নড়তেও ভয় পাচ্ছে পেইন্টার, ভেতরে অপেক্ষা করছে চিতা আর বাইরে ক্যাসান্দ্রা।
“আমি জানি, তুমি মেয়েটাকে পছন্দ করো।” বলেই চলছে ক্যাসান্দ্রা।
চুপ করে পেইন্টার, ঠিক কোন জায়গায় গুলি হয়েছে তা ক্যাসান্দ্রার জানার কথা না। তাই খোলা জায়গায় বেরোতে ভয় পাচ্ছে মেয়েটা। এটাকে কোনভাবে নিজের সুবিধার্থে ব্যবহার করা যায় না?
“যদি পরবর্তি দশ সেকেন্ডের মাঝে অস্ত্র ফেলে দিয়ে বেরিয়ে না আসো-আমি বন্দিকে গুলি করব।”
দ্রুত চিন্তা খেলে গেল ওর মাথায়, বের হওয়া মানেই মৃত্যু। ওর তো বটেই, সাফিয়ারও।
“আমি জানতাম তুমি আসবে ক্রো! কী ভেবেছ, ইয়ামানের কথা বলে বোকা বানাতে পারবে?”
মাত্র কয়েক ঘন্টা আগে খুব সুরক্ষিত একটা সার্ভার ব্যবহার করে বসের কাছে মেইল পাঠিয়েছে ও। এরিমধ্যে মেয়েটা খবর পেয়ে গেল? হতাশা পেয়ে বসল ওকে। সিগমার একদম মাথায় বসে আছে বিশ্বাসঘাতক। শেন ম্যাক নাইট…ওর বস… অসম্ভব মনে হলেও, সাক্ষ্য প্রমাণ সেদিকেই ইঙ্গিত দেয়। নিজেকে সামলে নিল পেইন্টার, হতাশাটাকে পরিণত করল শক্তিতে। ব্যাগের রেডিও ট্রান্সমিটারে হাত বুলালো।
“পাঁচ সেকেন্ড, ক্রো।”
পাঁচ সেকেন্ডই যথেষ্ট।
টিপে দিল ট্রান্সমিটারের বাটন।
০৮:৩৪ পি.এম.
জোড়া বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ওমাহা। রাতের অন্ধকার আকাশ আলোকিত হয়ে উঠল প্রজ্বলিত এসইউভি-এর আলোয়। পেইন্টারের এই সিগন্যাল দেবার কথা ছিল, সাফিয়াকে উদ্ধার করতে পেরেছে সে। এবার ওদের কাজে নামার পালা।
“এখন!” চিৎকার করে বলল ওমাহা।
ওর দু’পাশ থেকে গর্জে উঠল অনেকগুলো রাইফেল। সেই সাথে জায়গামত দু’জন স্নাইপার রাখা আছে, তারাও গুলি চালালো। বিস্ফোরণের ধাক্কায় পড়ে যাওয়া দুই গার্ড নিজেদেরকে সামলে নিয়েছিল কিছুটা, গুলি খেয়ে উল্টে পড়ল। অন্য গার্ডরা কাভারের খোঁজে ব্যস্ত হয়ে পড়ল। ওমাহা জানে শত্রুপক্ষ পেশাদার। সামলে উঠবে মুহূর্তেই।
বাইনোকুলার চোখে ধরল ও। দুটো জ্বলন্ত এসউভি দেখতে পাচ্ছে সেই সাথে অক্ষত ততীয়টাও। পালাবার সময় এটাকেই ব্যবহার করার প্ল্যান ছিল পেইন্টার এর। কিন্তু ধারে কাছে ওকে দেখা যাচ্ছে না।
কোথায় লোকটা? কিসের জন্য অপেক্ষা করছে?
ওমাহার ডান দিক থেকে চিৎকার ভেসে এল, সেই সাথে ঘন্টির আওয়াজ। বাইত খাথির উটগুলোকে আড়াল হিসাবে ব্যবহার করছে। সেই সাথে ওদেরকে কাভার দেয়ার জন্য গুলি বৃষ্টি তো আছেই। অপর পক্ষ থেকেও কয়েকটা গুলি ভেসে এল।
একটা উট চিৎকার করে পড়ে গেল মাটিতে। ওমাহার বাম দিকের মাটি হঠাৎ বিস্ফোরিত হলো। গ্রেনেড। নতুন আরেকটা শব্দ শুনতে পেল ও, ডানদিকের খাদ থেকে উঠে আসছে… শিট..
পাঁচটা ছোট ছোট হেলিকপ্টার দেখা যাচ্ছে এখন। ওগুলো চালাতে মাত্র একজন লাগে। আকারে এতটা ক্ষুদ্র যে মাছি বলে ভ্রম হয়। ব্লেড, ইঞ্জিন আর চালকের সীট-এই নিয়ে বানানো হয় কপ্টারগুলো। পাইলট পাঁচজন আকাশে ভাসতে ভাসতে উজ্জ্বল ফ্ল্যাড লাইটের আলো ফেলল নিচে। দৌড়ে পালাচ্ছে ওমাহার দলের মানুষ আর উট।
কুত্তীটা তাহলে আমাদের জন্য প্রস্তুত ছিল, ভাবল ওমাহা। কিভাবে জানল? বারাক আর কোরাল ওমাহার পাশে এসে দাঁড়ালো। মেয়েটা হিস হিস করে বলল, “পেইন্টারের সাহায্য দরকার হবে। এখন আর নজর এড়িয়ে এসইউভিটার কাছে পৌঁছাতে পারবে না।”
পার্কিং লটটাকে দেখে মনে হচ্ছে ছোট খাটো কোন যুদ্ধক্ষেত্র। হেলিকপ্টারগুলোর দিকে গুলি ছুঁড়ল কয়েকজন, কিন্তু আরো উপরে উঠে আত্মরক্ষা করল ওগুলো।
প্ল্যানটা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু সাফিয়া এখনও বন্দী, ওকে ছেড়ে যেতে পারে না ওমাহা। পিস্তল হাতে তুলে নিল কোরাল, “আমি যাচ্ছি।”
হাত বাড়িয়ে মেয়েটাকে ধরে ফেলল ওমাহা, বজ্র কণ্ঠে বলল, “এবার, আমরা সবাই যাচ্ছি।”
০৮:৩৫ পি.এম.
কোলের উপর ফেলে রাখা কালাশনিকভের দিকে একদৃষ্টিতে চেয়ে রয়েছে কারা। মনোযোগ বসাতে কষ্ট হচ্ছে ওর, বমি আসছে, মাথাও ধরেছে। একটা কমলা পিল এই মুহূর্তে ওর বড় প্রয়োজন।
ক্লে ইঞ্জিনটাকে চালু করতে ব্যস্ত। বার বার চেষ্টা করেও পারছে না, পেছনের সীটে পিস্তল হাতে বসে আছে ড্যানি।
বিস্ফোরণ দু’টো ভোরের আকাশের মত আলোকিত করে তুলেছিল চারপাশ। পেইন্টারের সিগন্যাল, এরপর থেকে শুধু গোলাগুলির আওয়াজ শুনতে পাচ্ছে ও।
“শালার রদ্দি মাল…” গাড়িটাকে উদ্দেশ করে গালি দিল ক্লে। আরোহীর জানালা দিয়ে বাইরে তাকাল কারা। শুরু হয়েছে অপারেশন, কপাল ভাল থাকলে কিডন্যাপারদের একটা এসইউভিতে চড়ে এখনওই চলে আসবে অন্যান্যরা। বাইত খাথির ছড়িয়ে পড়বে। কিন্তু কেন জানি মনে হচ্ছে, সব প্ল্যান মোতাবেক চলছে না।
“একটু বিশ্রাম দাও জিনিসটাকে।” ক্লে কে উদ্দেশ করে বলল ড্যানি, “নাহলে ব্যাটারি বসে যাবে।”
কারার খুলির ভেতরটা যেন ঝির ঝির শব্দে ভরে উঠল। নড়তে হবে ওকে, বসে থাকা চলবে না। দরজা খুলে বাইরে পা রাখল মেয়েটা।
“কী করছ?” ভয়ার্ত কণ্ঠে জানতে চাইল ক্লে! উত্তর না দিয়ে রাস্তার উপর উঠে এল কারা। ভ্যানটাকে একটা তেতুল গাছের আড়ালে পার্ক করে রাখা হয়েছে। নিশিতে পাওয়া মানুষের ন্যায় এগিয়ে চলছে সে, কিছুক্ষণের মাঝেই ভ্যানটা দৃষ্টির আড়ালে চলে গেল।
গুলি বর্ষণ এখনও চলছে। শুনতে পাচ্ছে কারা। কিন্তু অগ্রাহ্য করল, অখন্ড মনোযোগ হাঁটার উপর। রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা মহিলা, কারার জন্য অপেক্ষা করছেন যেন। লম্বা আলখেল্লা তার পরণে, চেহারা কালো পর্দা দিয়ে ঢাকা। শুকনো হাতে একটা লাঠি ধরে আছেন তিনি। হঠাৎ করেই মাথাটা হালকা হয়ে এল কারার, ব্যথা আর বমি বমি ভাবটা আর নেই।
একচুল পরিমাণ নড়েননি বৃদ্ধা মহিলা, শুধু তাকিয়ে রয়েছেন ওর দিকে। “তোমাকে ওর প্রয়োজন পড়বে।” কারার হাত থেকে রাইফেলটা খসে পড়লে বললেন তিনি, ঘুরে দাঁড়ালেন। কারা অনুসরণ করল তাকে।
তেঁতুল গাছের আড়াল থেকে ইঞ্জিনের খকখক করে কেশে ওঠার শব্দ শুনতে পেল ও, কিন্তু পর মুহূর্তেই তা বন্ধ হয়ে গেল। কারা হাঁটা থামাল না। চাইলেই থেমে যেত পারত, কিন্তু থামল না । কার একে প্রয়োজন হবে, তা আঁচ করতে পারছে।
০৮:৩৬ পি.এম.
হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়েছে সাফিয়াকে, হাত মাথার উপর। পিস্তলের নল ঠেসে ধরা হয়েছে ওর মাথায়। আরেকটা পিস্তল প্রবেশদ্বারের দিকে তাক করে আছে ক্যাসান্দ্রা। দুজনই মুখ করে আছে ওদিকে।
বিস্ফোরণের সাথে সাথে আলো নিভিয়ে ফেলেছে ক্যাসান্দ্রা, সেই সাথে কেনকে বাইরে পাঠিয়েছে।
সাফিয়া মৃর্তির ন্যায় বসে আছে। আসলেই কি সত্যি? পেইন্টার বেঁচে আছে? অন্যদের কি খবর? চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ওর। একাকিত্বের যন্ত্রণা আর সইতে হবে না। আর কেউ না হলেও, অন্তত পেইন্টার তো বেঁচে আছে। কতক্ষণ থাকবে সেটা অন্য বিষয়।
তীব্র বন্দুক যুদ্ধের আওয়াজ ভেসে এল। সেই সাথে হেলিকপ্টারের আওয়াজ। “তুমি তো উবারের অবস্থান জেনে গিয়েছ।” বলল সাফিয়া, “এখন আমাদের যেতে দাও।”
পাত্তাই দিল না ক্যাসান্দ্রা। ওর মনোযোগ প্রবেশদ্বারের দিকে, এইমাত্র ওখান থেকে একটা আওয়াজ ভেসে এসেছে।
আসছে কেউ, পেইন্টার নাকি কেন? প্রবেশদ্বারের বাইরে বিশাল একটা ছায়া দেখা গেল, একঝলকের জন্য পরে থাকা ফ্ল্যাশ লাইটের আলোয় পরিষ্কার দেখা গেল ওটাকে। উট।
অপার্থিব একটা দৃশ্য, কেননা উটটার পাশে বৃষ্টিতে ভিজতে ভিজতে দাঁড়িয়ে আছে একজন নগ্ন মহিলা। থেকে থেকে কেঁপে উঠছে যেন তার অবয়ব। “তুমি।” আঁতকে উঠল ক্যাসান্দ্রা।
এক হাতে লোহার হৃদপিন্ড যে স্যুটকেসটাতে রাখা ছিল, তা তুলে নিল। মহিলাটা। প্রবেশদ্বারের ঠিক বাইরেই রাখা ছিল সেটা।
“এত সহজ না, হারামজাদি।” বলে গুলি চালালো ক্যাসান্দ্রা। ঠিক কানের পাশে পিস্তল গর্জে ওঠায়, চিৎকার দিয়ে জায়নামাজের উপর আছড়ে পড়ল সাফিয়া।
ঘাড় তুলে প্রবেশদ্বারের দিকে তাকাল ও, খালি। ক্যাসান্দ্রার দিকে চোখ পড়তে দেখলো দুই পা ফাঁক করে দাড়িয়ে আছে মেয়েটা। দরজার দিকে তাক করে আছে। এই সুযোগ, বুঝতে পারল সাফিয়া। জায়নামাজের একটা কোণা আঁকড়ে ধরল, ও আর কাসান্দা, দুজনেই এখন ওটার উপর দাঁড়িয়ে। সর্বশক্তিতে একটা হ্যাচকা টান দিল।
হুমড়ি খেয়ে পড়ল ক্যাসান্দ্রা, হাতের পিস্তল থেকে গুলি বেরিয়ে এসে ছাদে আঘাত হানল।
এদিকে টান দিয়েই প্রবেশদ্বারের দিকে রওনা দিয়েছে সাফিয়া। একদম কাছে এসে সামনে লাফ দিল ও, সেই সাথে শুনতে পেল আরেকটা গুলির শব্দ।
ভাসমান অবস্থায় গুলিটা আঘাত হানল ওর কাঁধে। সাফিয়ার মনে হলো, কেউ যেন প্রচন্ড শক্তিতে ওর কাধে লাথি বসিয়ে দিয়েছে। বুঝতে পারল গুলি লেগেছে ওখানে। দরজার পাশ থেকে গড়িয়ে সরে গেল ও। কোন মতে হাচড়ে পাচড়ে উঠে সরু গলিটার মুখে এসে দাঁড়াল। কাভার খুঁজতে যাবে, এমন সময় পেছনে থেকে একটা হাত এসে ওর মুখ চেপে ধরল।
০৮:৩৯ পি.এম.
শক্ত করে সাফিয়াকে ধরে রইল পেইন্টার, “শব্দ করো না।” ফিসফিস করে বলল ও।
পেইন্টারের হাতে কাঁপছে সাফিয়ার দেহ।
বেশ কিছুক্ষণ ধরে লুকিয়েছিল পেইন্টার, ক্যাসান্দ্রাকে বের করে আনার ফন্দি খুঁজছিল। কিন্তু দেখা গেল ওর প্রাক্তন পার্টনার, দলের হাতে কাজ সামলাবার ভার দিয়ে সন্তুষ্ট। এদিকে ভাসমান হেলিকপ্টার গুলো এখনও আলো ফেলছে জায়গাটায়। আরেকবার ওকে বোকা বানিয়েছে ক্যাসান্দ্রা। পেইন্টারের মনে হলো, আর কোন আশা নেই। হতাশার মাঝখানে এক টুকরা আলো হয়ে এল উটটা। দেখে মনে হচ্ছিল, আশেপাশের গুলির আওয়াজ প্রাণিটাকে স্পর্শই করতে পারছে না। কবরের সামনে এসে উধাও হয়ে গিয়েছিল ওটা, এর অল্প কিছুক্ষণ পর হলো কয়েকবার গুলি আর তারপর দেখা গেল সাফিয়াকে।
“আমাদের একদম পেছনের দেয়ালের কাছে যেতে হবে।” ফিস ফিস করে বলল ও। কমপ্লক্সের সামনের দিক থেকে গোলাগুলির আওয়াজ এখনও ভেসে আসছে। ওদিক দিয়ে যাওয়া প্রায় অসম্ভব। “আমার পেছনে থাক।” মেয়েটাকে নির্দেশ দিল ও। একপা একপা করে এগোল ওরা, পেইন্টারের চোখে নাইট ভিশন গগলস। আচমকা গলিটা উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল । চোখে ধাঁধাঁ লেগে গেল ওর।
“একপাও নড়বে না।”
জায়গায় জমে গেল পেইন্টার। সামনে দাড়িয়ে আছে একজন বিশালদেহী পুরুষ। একহাতে ফ্ল্যাশ লাইট আর আরেক হাতে পিস্তল। দুটোই পেইন্টারের দিকে তাক করা।
“কেন।” গুঙিয়ে উঠল সাফিয়া।
মনে মনে গাল বকে উঠল পেইন্টার। নিশ্চয় লোকটা ওদের উপর নজর রাখছিল এতক্ষণ ধরে।
“অস্ত্র ফেলে দাও।” আদেশ দিল কেন।
আদেশ মানা ছাড়া আর কোন উপায় নেই পেইন্টারের। পিস্তলটাকে ছেড়ে দিলো।
নতুন একটা তীক্ষ্ণ গলা শোনা গেল ওর পেছন থেকে, গলির মুখ থেকে এসেছে।
ক্যাসান্দ্রার গলা, “মেরে ফেলো লোকটাকে।”
০৮:৪০ পি.এম.
পার্কিং লটের একদম ধারে লুকিয়ে আছে ওমাহারা। কোরাল মাটিতে পড়ে থাকা দেহগুলোকে পরীক্ষা করে দেখছে। ওমাহা মেয়েটার পাশেই বসে আছে, সুযোগ পেলেই দৌড় লাগাবে। বারাক কাভার দিচ্ছে ওদের।
ভয়ে বুক কাঁপছে ওমাহার, হাতে ডেজার্ট ঈগল পিস্তল। এই একটু আগে কমপ্লেক্স থেকে গুলির আওয়াজ ভেসে এসেছে।
সাফিয়া…
পার্কিং লটের স্থানে স্থানে এখনও আগুন জ্বলছে। মাথার উপর উড়ছে এক জোড়া হেলিকপ্টার। অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
“চল যাই।” উঠে দাঁড়াল কোরাল, দৃষ্টি আকাশের দিকে। “দৌড়াবার জন্য তৈরি হও।”
ভ্রু কোঁচকাল ওমাহা, কিন্তু কোরালের হাতের দিকে নজর পড়তেই বুঝে ফেলল। মেয়েটা কেন কথাটা বলেছে। একটা গ্রেনেড দেখা যাচ্ছে আমেরিকান বৈজ্ঞানিকের হাতে। নিশ্চয় মৃত গার্ডটার কাছ থেকে নিয়েছে। গ্রেনেডটার পিন খুলে খোলা জায়গায় এসে দাঁড়াল মেয়েটা, সম্পূর্ণ মনোয়ে আকাশের দিকে। গ্রেনেড ধরা হাতটা পিঠের পেছনে নিয়ে এল ও, এক মুহূর্ত। দাঁড়িয়ে রইল সেভাবে।
“কী করছ?” জানতে চাইল ওমাহা।
“ফিজিক্স।” উত্তর দিল সে, “ভেক্টর অ্যানালাইসিস, সময় মেলানো, নিক্ষেপের কোণ হিসাব করা।” বলতে বলতেই গ্রেনেড ছুঁড়ে দিল ও। অন্ধকারে হারিয়ে গেল ওটা।
“দৌড়াও!” সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল কোরাল। হাত নড়াবার পর্যন্ত সময় পেল না, মাথার উপর বিস্ফোরিত হলো গ্রেনেড । হেলিকপ্টারের ঠিক পেটের নিচে বিস্ফোরিত হয়েছে গ্রেনেড। “দৌড়াও!” আবারও বলল কোরাল। বারাক মেয়েটার পিছু পিছু ছুটছে। এবার যেন কথাটা শুনতে পেল ওমাহা। ফেটে যাওয়া হেলিকপ্টারটার ধ্বংসাবশেষ বৃষ্টির মতো ঝড়ছে।
এদিকে কোরাল অবশিষ্ট এসইউভির কাছে পৌঁছে গিয়েছে। ড্রাইভারের সীটে বসে পড়ল মেয়েটা। আর বারাক উঠে পড়ল পেছনে, ওমাহার জন্য ড্রাইভারের পাশের সীটটা ছেড়ে দিল।
এসইউভির ইঞ্জিনটা যখন কেশে উঠেছে, তখন কেবল দরজাটাকে স্পর্শ করেছে ওমাহা। ও গাড়িতে উঠে বসার আগেই যন্ত্রটা চালাতে শুরু করেছে কোরাল।
রাইফেলের আওয়াজ শুনে সীটে সংকুচিত হয়ে বসল ওমাহা। কিন্তু গুলিটা শত্রুপক্ষের তরফ থেকে আসেনি। এসেছে বারাকের কাছ থেকে।
এসইউভিটার মুন রুফে গুলি করেছে লোকটা, কনুই দিয়ে ভাঙা কাঁচ সরিয়ে রাইফেল সহ দেহের উপরের অংশ বের করে আনলো সে, শুরু করে দিলো গুলি করা।
গাড়ি একটা তীক্ষ্ণ বাঁক ঘুরতেই, সামনে একটা হেলিকপ্টার পড়ল, বারাক গুলি ছুঁড়ল ওটাকে লক্ষ করে। কিন্তু সময়মত কপ্টারটা উপরে উঠে যাওয়ায়, কোন ক্ষতিই করতে পারল না। এদিকে আটকে গিয়েছে যেন এসইউভি, একচুল নড়তে চাইছে না। রিভার্সে এসইউভিটাকে চালালো কোরাল। চলতে শুরু করল গাড়ি, হঠাৎ ওমাহাকে সাবধান করে দেবার জন্য মেয়েটা বলে উঠল, “ওমাহা, তোমার বাঁয়ে।”
বারাককে কপ্টার সামলাতে ব্যস্ত দেখে, এক গার্ড সুযোগ নেবার চেষ্টা করছে। কাধে রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে লোকটা। এদিকে ওমাহার হাতে আছে ডেজার্ট ঈগল, কিন্তু লোকটা এসইউভির একদম সামনে দাঁড়িয়ে। উপায়ান্তর না দেখে, উইন্ডশিন্ডের ভেতর দিয়েই গুলি চালালো ও। লাভ হলো না, ভাঙ্গল না কাচ। তবে মাথা নিচু করে সরে গেল গার্ড।
এতক্ষণে মাটিতে কামড় বসাতে পারল গাড়িটার চাকা, এখনও রিভার্সে চলছে। ঘাড় বাঁকিয়ে পথে থেকে দক্ষ হাতে ড্রাইভিং করছে কোরাল। ওদেরকে অনুসরণ করছে কপ্টারটা। “শক্ত হয়ে বসো!”
০৮:৪৪ পি.এম.
সাফিয়া গলির মাঝে দাঁড়িয়ে আছে, সামনে পেইন্টার আর পেছনে ক্যাসান্দ্রা। এদিকে কেন বন্দুক তাক করে আছে ওদের দিকে।
“মেরে ফেলো।” আবারও বলল ক্যাসান্দ্রা।
“না!” পেইন্টারের সামনে যাবার চেষ্টা করল সাফিয়া। প্রতিবার নড়ার সাথে সাথে যেন আগুন ধরে যাচ্ছে কাঁধে, রক্ত বেয়ে পড়ছে ওর হাত দিয়ে। এ খুন করলে আমি আর তোমাকে সাহায্য করব না। উবারের রহস্য কখনওই সময় করতে পারবে না তুমি!”
পেইন্টার ওকে সামনে যেতে দিলো না, ক্যাসান্দ্রা চিৎকার করে বলল, “কেন তোমার নির্দেশ তুমি পেয়ে গিয়েছ।”
একবার কেন আর একবার ক্যাসান্দ্রার দিকে তাকাচ্ছে সাফিয়া, হঠাৎ লোকটার পেছনে একটা নড়াচড়া দেখতে পেল। গুঁড়ি মেরে ছিলো এতক্ষণ, তাই নজরে পড়েনি। চোখগুলো লাল।
পেইন্টার আঁতকে উঠল, সেও দেখতে পেয়েছে। হুংকার ছেড়ে কেনের উপর ঝাঁপিয়ে পড়ল চিতা, রিফ্লেক্সবশত গুলি করে বসল লোকটা। সাফিয়ার কানের পাশে শিষ বাজিয়ে গেল বুলেট। দেয়াল থেকে প্রার্থনার রুমে পড়ে গেল মানুষ আর পশু।
একহাতে সাফিয়াকে আড়াল করে ঘুরল পেইন্টার, হাতে চলে এসেছে পিস্তল। ক্যাসান্দ্রার দিকে যখন ঘুরল, তখন সাফিয়া ওর পেছনে ঢাকা পড়ে গিয়েছে।
গুলি করল ও। লাফ দিয়ে পিছিয়ে এল ক্যাসান্দ্রা। লক্ষ্যে আঘাত হানতে ব্যর্থ হলো বুলেট।
প্রার্থনার রুম থেকে ভেসে এল রক্ত হিম করা চিৎকার। মানুষের না প্রাণির, তা বুঝতে কষ্ট হলো সাফিয়ার। ক্যাসান্দ্রাও গুলি চালালো, কিন্তু ব্যর্থ হলো মেয়েটাও।
“যাও।” সাফিয়াকে অনুরোধ করল পেইন্টার।
“তোমার কী হবে?”
“আমরা দুজনে একসাথে পালালে পিছু ধাওয়া করতে সমস্যা হবে না। ক্যাসান্দ্রার, বাঁধা দেবার কেউ থাকবে না।”
“কিন্তু-“
“যাও বলছি!”
আর কথা বাড়াল সাফিয়া। যত দ্রুত নিরাপদ স্থানে পৌঁছাতে পারবে সে, তত বাড়বে পেইন্টারের পালিয়ে আসার সম্ভাবনা। অন্তত নিজেকে তাই বোঝাতে চাইল, কিন্তু জানে আসলে পেইন্টারকে ফেলে পালাচ্ছে ও। গোলাগুলি চলছেই।
প্রার্থনার রুম থেকে আর কোন আওয়াজ আসছে না। কেনের কী হয়েছে তা অজানাই রয়ে গেল। এদিকে পার্কিং লট থেকে মুহুর্মুহু গুলির শব্দ ভেসে আসছে। মাথার উপর উড়তে থাকা একটা কপ্টার দেখতে পেল ও। গলির শেষ মাথায় পৌঁছে গেল সাফিয়া, দেয়ালটা মাত্র চার ফুট উঁচু হলেও আহত কাঁধ নিয়ে পারবে বলে মনে হলো না সাফিয়ার। শার্ট ভিজিয়ে রক্ত বাইরে আসছে।
বাওবাব গাছের নীচ থেকে ওর দিকে এগিয়ে এল একটা উট। দেখে মনে হলো সেই আগেরটাই। কেননা উটের সাথে আছে সেই নগ্ন মহিলা। তবে এবার সে উটের উপর বসে আছে।
এই অপরিচিতকে বিশ্বাস করবে না অবিশ্বাস, তা বুঝতে পারছে না সাফিয়া। কিন্তু যেহেতু ক্যাসান্দ্রা এই মহিলাকে গুলি করেছে, তাই একে বিশ্বাস করার সিদ্ধান্ত নিল ও। আমার শত্রুর শত্রু, আমার…
সাফিয়ার দিকে হাত বাড়িয়ে দিল অচেনা মহিলা, এরপর কিছু একটা বলল। ভাষাটা না আরবী না ইংরেজি। তবুও বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না সাফিয়ার । ভাষাটা নিয়ে লেখা পড়া করেছে বলে না, কারণ হলো কথাগুলো যেন সরাসরি ওর মস্তিষ্কের ভেতর ঢুকে বলছে মহিলা।
“স্বাগতম বোন।” অ্যারামিকে বলছে মহিলা, “শান্তি নামুক তোমার উপর।”
ওর দিকে বাড়িয়ে দেয়া হাতটা ধরল সাফিয়া। দৃঢ় আর শক্তশালী আঙুল আঁকড়ে ধরল ওর হাত। বিনা আয়াসে যেন তুলে নিল ওকে। ব্যথায় যেন চিৎকার করে উঠল আহত কাঁধ। অন্ধকার নেমে এল চোখে।
“শান্তি।” নরম গলায় বলল অপরিচিতা।
সাফিয়ার মনে হলো, আসলেই শান্তি নেমে আসছে ওর উপর। ব্যথা যেন নেই হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ল মেয়েটা।
০৮:৪৭ পি.এম.
পেইন্টারের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, শুধু ভাবার্থে নয় আক্ষরিক অর্থেই… ছুঁড়ে ক্যাসান্দ্রাকে দূরে সরিয়ে রাখছে ও। মাথার পাশে অবস্থিত জানালার পর্দা টেনে সরালো ও।
কপাল ভালো, খোলাই ছিল সেটা। এক হাঁটু গেঁড়ে বসে আরেকটা গুলি পাঠিয়ে দিল ক্যাসান্দ্রার দিকে। ম্যাগাজিনে আর গুলি নেই, তাই বেল্ট থেকে নতুন একটা নিয়ে বন্দুকে ভরল। ক্যাসান্দ্রার গুলির উত্তরে আরেকটা গুলি করেই জানালা দিয়ে গলে ভেতরে ঢুকে পড়ল।
একটা গড়ান দিয়ে দেয়ালের কাছে চলে এল সে। কবরটাকে ঘিরে একবার চক্কর দিল, বন্দুকের নল দরজার দিকে তাক করা। জানালার কাছে ফিরে এসে উকি দিল বাইরে, বাইরে কিছু একটা নড়তে দেখল মনে হলো। দেয়ালের বাইরে একটা উট দেখতে পেল পেইন্টার, একজন নগ্ন মহিলা উটের পিঠে বসে আছে। মনে হচ্ছে, হাঁটু দিয়ে প্রাণিটাকে চালাচ্ছে মহিলা। ওর কোলে আরেকজন মেয়েকে দেখতে পাচ্ছে ও। অবশ, অনড়।
“সাফিয়া…”
ধীরে ধীরে চোখের আড়াল হয়ে গেল ওরা। উটটার পিছু নিল একজোড়া চিতা। পিছু ধাওয়া করবে কি করবে না, তা ঠিক করার আগেই দরজার কাছ থেকে একটা আওয়াজ ভেসে আসতে শুনল ও। বসে পড়তে পড়তে ঘুরে গেল ওর প্রশিক্ষিত দেহ।
“খেলা এখনও শেষ হয়নি, ক্রো!” ক্যাসান্দ্রা চিৎকার করে বলল। বন্দুকটা একচুল পরিমাণ নড়ালো না পেইন্টার, মেয়েটাকে একটা সুযোগ দিলে জীবন দিয়ে তার মাশুল গুণতে হতে পারে। আচমকা একটা ট্রাকের গর্জন ভেসে এল ওর কানে। এদিকেই আসছে।
গুলির শব্দ শুনে কালাশনিকভকে চিনতে পারল ও। বুঝল, ওদের দলের কেউ হবে। উধাও হয়ে গেল ক্যাসান্দ্রার ছায়া, পিছু হটছে নিশ্চয়।
দরজার দিকে তাড়াতাড়ি অস্ত্র হাতে এগিয়ে গেলো পেইন্টার। মেঝেতে একটা ‘ম্যাপ পড়ে আছে। ঝুঁকে সেটাকে হাতে তুলে নিল।
বাগান ভেদ করে কোর্ট ইয়ার্ডে ঢুকে পড়েছে মিতসুবিশি এসইউভি ট্রাক। মুন রুফে একটা লোককে দেখতে পেল পেইন্টার । আসমানের দিকে ধরে আছে রাইফেল, থেকে থেকে গুলি চালাচ্ছে বারাক।
ওর আর এসইউভির মাঝের জমিটুকু ফাঁকা বলেই মনে হলো। ক্যাসান্দ্রা পিছিয়ে গিয়েছে। কবর ঘর থেকে বের হয়ে হাত নাড়ল সে।
ওকে দেখতে পেয়েই যেন গাড়ি ঘুরিয়ে ফেলল ড্রাইভার। তবে গাড়ির সামনের দিক নয় পেছনের দিকটা তার দিকে এগিয়ে আসছে। কাছে এসে থেমে দাঁড়ালো গাড়ি, কেরালকে ড্রাইভার সীটে বসা দেখল পেইন্টার।
“ঢুকে পড়ো?” বারাক চিৎকার করল। সেদিকে একবার তাকাল পেইন্টার। সাফিয়া…
অপরিচিতা মেয়েটা অন্তত সাফিয়াকে বিপদ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছে। আপাতত এতেই সন্তুষ্ট থাকতে হবে ওকে।
“যাও!” এসইউভিতে চড়ে বলল ও।
সামনের গিয়ারে গাড়ি ছোটালো কোরাল।
এক জোড়া হেলিকপ্টার এদের পিছু ধাওয়া করছে। বারাক গুলি ছুঁড়েছে ওদেরকে উদেশ্য করে। খোলা দরজার দিকে গাড়ি হাঁকালো কোরাল।
বের হয়ে এল যায় বিনা বাধায়, রাস্তায় উঠে এল। এরপর গাছের আড়ালে হারিয়ে গেল এসইউভি।
সামনের সীট থেকে জিজ্ঞাসা করল ওমাহা, “সাফিয়া কোথায়?” চোখের দৃটি উদভ্রান্তের মতো।
“নেই।” মাথা নাড়ল পেইন্টার, চোখের পলক পর্যন্ত ফেলল না।“নেই ও।”
