স্টর্ম ওয়াচ
৪ঠা ডিসেম্বর, ০৫:৩০ পি.এম.
শিশুর
এখনও পিছু ধাওয়া বন্ধ হয়নি।
বালুঝড়ের তোয়াক্কা না করে ধাওয়াকারীদের এগিয়ে আসতে দেখল পেইন্টার। নিজের গতি বাড়িয়ে দিল। ঘন্টায় প্রায় ত্রিশ মাইলের গতিতে ছুটছে সে। এরকম ঝড়ের মধ্যে এই সামান্য গতিও মৃত্যু ডেকে আনতে পারে।
দুপাশের আয়না চেক করল ও। একমূহুর্তের জন্য ধাওয়াকারীদের দেখতে পেল। উভয় পাশ থেকে একটা করে ফ্ল্যাট বেড ট্রাক এগিয়ে আসছে। মালবাহী হওয়া সত্ত্বেও পেইন্টারের চেয়ে জোরে ছুটছে ওগুলো। অবশ্য বৈরি পরিবেশের কারণে গতিতে কিছুটা হলেও ভাটা পড়ছে। অন্যদিকে, পেইন্টার তার বিশ-টনি ট্রাক্টরটা সোজা একদিকে চালিয়ে নিচ্ছে। উঁচু-নিচু পথে ঝাঁকি খেতে খেতে সামনে আসা সকল বাঁধা গুঁড়িয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে।
ট্রাক্টরের ক্রুজ কন্ট্রোল (একটি ব্যবস্থা যার মাধ্যমে যানবাহনের গতি নির্দিষ্ট করে দেয়া হয়) সেট করে দিল পেইন্টার। বাহনটার অন্যান্য সুবিধাগুলো চেক করতে লাগল তারপর। একটা রাডার ডিশ দেখতে পেল, কিন্তু জিনিসটা কিভাবে ব্যবহার করতে হয় জানা নেই তার। রেডিওটা খুঁজে পেল। প্রথমে ভেবেছিল, যতটা সম্ভব থুমরাইত এয়ার বেজের গিয়ে ওমানি রয়্যাল এয়ার ফোর্সের সাথে যোগাযোগ করবে। কেউ না কেউ সাড়া তো দেবে। অন্যদের বাঁচাতে হলে এখন আর লুকিয়ে থাকা চলবে না। সরাসরি এখানকার সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।
কিন্তু ট্রাক্টরটা তাকে এয়ার বেইজ থেকে দূরে, একেবারে ঝড়ের দিকে নিয়ে চলছে। ধাওয়াকারী ট্রাকগুলো এগিয়ে আসছে দ্রুত।
একটা বালুর ঢিবিতে উঠে পড়তেই পেইন্টারের বাম পাশে বিস্ফোরণ ঘটল। কেঁপে উঠল ধরণী। ‘
আরপিজি ছোঁড়া হচ্ছে ওকে লক্ষ করে। ট্রাক্টরটা এগিয়ে যেতে লাগল নিজ গতিতে। ঢিবির ঢাল বেয়ে উপরে উঠে যাচ্ছে তরতর করে।
কানফাটানো শব্দে আরেকটা বিস্ফোরণ ঘটল পেছনে। তবে পলি-কার্বনেট আর কেভলারে তৈরি ট্রাক্টরটার কোনো ক্ষতিই করতে পরল না। আক্রমণগুলোকে অগ্রাহ্য করল পেইন্টার। চেষ্টা করতে থাকুক। এই বালুঝড়ের মধ্যে ঠিকমতো নিশানা করতে পারবে না। আর বাকিটা সামলে নেবে ট্রাক্টরটার মজবুত কাঠামো।
তখনই কেউ যেন পেইন্টারের পেটের ভেতরটা খামচে ধরল। ট্রাক্টরটার গতি কমে গিয়েছে, পিছলে যেতে শুরু করেছে বাহনটা। সহসাই সে বুঝতে পারল, তার ধাওয়াকারীরা ওকে লক্ষ্য করে বোমা ছুঁড়ছে না।
ছুঁড়ছে ঢিবির ঢালের উদ্দেশ্যে, খাদ সৃষ্টি করছে সেখানে। পুরো ঢালে ধ্বস নেমেছে, সাথে ট্রাক্টরটাও পিছলে যাচ্ছে নীচে। ক্রুজ কন্ট্রোল বন্ধ করে গতি কমিয়ে আনলো পেইন্টার। চেপে ধরল অ্যাক্সিলেটর, পিছলে যাওয়া ঢালে আবারও উঠার চেষ্টা করছে। কিন্তু বালুতে ঘূর্ণি তোলা ছাড়া আর কোনো লাভ হলো না।
ব্রেক কষলো এবার। গাড়ির পেছনটা ঘুরাতে ঘুরাতে উল্টো দিকে যেতে লাগল। বালুর স্রোতের সাথে ছুটছে সে এখন। ঢালের সাথে সমান্তরালে না আসা পর্যন্ত ঘুরাতে লাগল ট্রাক্টরটা। বিপজ্জনকভাবে দোল খাচ্ছে বাহনটা। এক মূহুর্তের অসতর্কতার জন্য উল্টে যেতে পারে।
একবার ব্রেক কষে আবার গতি বাড়িয়ে দিল পেইন্টার। সামনে বাড়ল ট্রাক্টরটা, ঝড়ের বেগে নীচে নেমে যেতে লাগল। ধাওয়া করল ট্রাকগুলো। কিন্তু নেমে আসা বালুর কবলে পড়ে গতি কমিয়ে দিতে হয়েছে তাদের।
ঢিবির পাদদেশে পৌছে কোণা ঘুরল পেইন্টার। অনেক হয়েছে, আর পালাতে রাজি না।
ট্রাক্টরটার দিক ঠিক করে আবার ক্রুজ সেট করে দিল। সামনে ছুটল বাহনটা। হুইল ছেড়ে দিল পেইন্টার যেন পথ ভুল না হয়। তারপর দ্রুত পেছনে সরে এল । একটা লঞ্চার তুলে নিয়ে তাতে একটা গ্রেনেড ভরে নিল। লম্বা টিউবটা কাঁধে বসিয়ে চলে এল ট্রাক্টরের একেবারে শেষ মাথায়।
লাথি দিয়ে দরজাটা খুলে ফেলল সে। বালুঝড় ঝাপটা দিয়ে ঢুকে পড়ল। ভেতরে। পেছনে তাকাল সে। দুটো উজ্জ্বল আলো তার দিকে এগিয়ে আসতে আসছে। “জাহান্নামে যাও।” বিড়বিড় করে বলে নিশানা করল সে। টেনে দিল ট্রিগার । হুস করে লঞ্চার ছেড়ে বেরিয়ে গেল গ্রেনেড। তপ্ত বাতাসের স্পর্শ এসে লাগল পেইন্টারের মুখে। একটা আগুনের গোলা উড়ে যেতে দেখল সে।
তার ধাওয়াকারীরাও দেখতে পেয়েছে। ট্রাক দুটোকে দুপাশে সরে যাবার চেষ্টা করতে দেখল পেইন্টার। কিন্তু দেরি করে ফেলেছে। সশব্দে বিস্ফোরিত হলো গ্রেনেড । অন্ধকারের মধ্যে দাউদাউ করে জ্বলে উঠল একটা ট্রাক। আগুনের গোলার ন্যায় আকাশে উঠে গেল সেটা। তারপর আছড়ে পড়ল বালুতে।
অদৃশ্য হয়ে গিয়েছে অন্যটা। বালুর স্রোতে ডুবে গিয়েছে সম্ভবত। তবে সেটা পরে দেখবে পেইন্টার।
নিজের সিটে ফিরে এল সে। চেক করল দু’পাশের মিরর। অন্ধকার হয়ে আছে পিছনটা।
চুরি করা আনা ল্যাপটপটা চালু করল পেইন্টার। চার্জ থাকলেই বাঁচোয়া। একটা মানচিত্র ফুটে উঠল স্ক্রিনে। তাকিয়ে রইল পেইস্টার।
কোনো নীল রঙের বিন্দু দেখা যাচ্ছে না।
আতঙ্কে শিরশির করে উঠল তার শরীর। তখনই পরিচিত নীলচে বিদুটা ফিরে এল। সিগন্যাল গ্রহণ করতে যা কিছু সময় নিয়েছে। বিন্দুটার অবস্থান চেক করল পেইন্টার। স্থান পরিবর্তন করছে ওটা, যার অর্থ সাফিয়া চলাফেরা করছে। এখনও বেঁচে আছে ও। পেইন্টার আশা করল, বাকিও ঠিক আছে।
তাকে সাফিয়ার কাছে…অন্যদের কাছে ফিরতে হবে। ট্রান্সিভারটা এখনও রয়ে গিয়েছে সাফিয়ার শরীরে। ওকে ক্যাসান্দ্রার হাত থেকে মুক্ত করে একজন সার্জন আর বিস্ফোরক নিষ্ক্রিয়কারীর কাছে নিয়ে যেতে হবে।
তাকিয়ে থাকতে থাকতে পেইন্টার খেয়াল করল, শুধু Z-অক্ষের মানগুলো পরিবর্তিত হচ্ছে। এই অক্ষ দ্বারা উচ্চতা কিংবা গভীরতা মাপা হয়। অক্ষের ঋণাত্মক মানটা ক্রমেই ছোট হয়ে আসছে, প্রায় শুন্যের কাছাকাছি।
উপরে উঠছে সাফিয়া। পৃষ্ঠতলের কাছাকাছি পৌঁছে গিয়েছে। গুহা থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা পেয়ে গিয়েছে নিশ্চয়। চালাক মেয়ে।
পেইন্টারের ভ্রু জোড়া কুঁচকে গেল। Z-অক্ষের মানগুলো শুন্য পেরিয়ে বাড়তে শুরু করেছে। সাফিয়া শুধু পৃষ্ঠতলেই পৌছেনি, আরো উপরে উঠতে শুরু করেছে। হচ্ছেটা কী?
সাফিয়ার দূরত্বটা চেক করল পেইন্টার। তার থেকে প্রায় পাঁচ মাইল দূরে আছে সাফিয়া। ট্রাক্টরটার দিক সেদিকে পরিবর্তন করে দিল পেইন্টার। গতি প্রতি ঘন্টায় আরো পাঁচ মাইল বাড়িয়ে দিল।
সাফিয়া যেহেতু পালানোর একটা রাস্তা খুঁজে পেয়েছে, তারমানে ক্যাসান্দ্রাও খুঁজে পাবে। যত তাড়াতাড়ি সম্ভব, সেখানে পৌঁছতে হবে পেইন্টারকে। নীলচে বিন্দুটার দিকে একবার নজর দিল ও। জানে, সে ছাড়াও আরও একজন বিন্দুটার উপর নজর রাখছে।
ক্যাসান্দ্রা… পোর্টেবল ডেটোনেটরটা এখনও তার হাতে।
০৫:৪৫ পি.এম.
আঁধারে ঢাকা সিড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে সাফিয়া। তার পিছু পিছু দুই সারিতে উঠছে শিশু, বৃদ্ধা আর আহত নারীরা। কারা তার হাতে থাকা একমাত্র টর্চলাইটটা সামনের দিকে তাক করে রেখেছে। ফলে সাফিয়ার সামনে সামনে চলছে ওর ছায়াটা। নীচের কুরুক্ষেত্র থেকে যতটা সম্ভব দূরে চলে যেতে চাইছে তারা। এখনও গোলাগুলির শব্দ কানে আসছে।
পাশের দেয়ালে হাত বুলালো সাফিয়া। বেলে পাথরের দেয়াল। পায়ের নীচের সিড়ি ক্ষয়ে গিয়েছে জুতা আর খালি পায়ের আঘাতে। কতজন চলাফেরা করেছে এই সিঁড়ি দিয়ে? মানসপটে শেবার রাণীকে দেখতে পেল যেন ও, উঠা-নামা করছে এই সিঁড়ি দিয়ে।
কতক্ষণ ধরে উঠছে, জানা নেই সাফিয়ার। অতীত-বর্তমান সব যেন একবিন্দুতে মিলিয়ে গিয়েছে। পৃথিবীর অন্যান্য জায়গার তুলনায় আরবে সময়ের তাল পাওয়া দায়। ইতিহাস এখানে মৃত নয়, পিচঢালা পথ কিংবা আকাশচুম্বী দালানের নীচেও চাপা পড়েনি। এমনকি আটকা পড়েনি জাদুঘরের চার দেয়ালের মাঝে। ইতিহাস এখানে জীবন্ত, এখানকার প্রকৃতির সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে।
লুলু উঠে এল সাফিয়ার পাশে। “আমি তোমার প্রিয়তম এর সাথে তোমাকে কথা বলতে শুনেছি।”
এ বিষয়ে কথা বলতে ইচ্ছে করছে না সাফিয়ার। “আসলে তা না… অনেক আগেই ওর সাথে…”
“তোমরা দুজনেই এই ভূমিকে ভালোবাসো,” সাফিয়ার কথায় পাত্তা না দিয়ে হোজা বললেন, “তোমাদের দুজনের মাঝে হয়তো একটা দেয়াল দাঁড়িয়ে গিয়েছে। অথচ চাইলে সে দেয়ালও ভাঙ্গা সম্ভব।”
“মুখে বলা অনেক সহজ।”
হাতের আঙুলের দিকে তাকাল সাফিয়া। একসময় সেখানে একটা আংটি পরানো ছিল। মিথ্যে আশ্বাসের ন্যায় সেটা আজ নেই। কিভাবে ও বিশ্বাস করবে যে প্রয়োজনের সময় ওমাহাকে সে পাশে পাবে? যে তোমাকে ছেড়ে গিয়েছিলে, সে ছিল একটা বাচ্চা। আর আজ তোমার সামনে হাঁটু গেড়ে বসে আছে এক পুরুষ। বিশ্বাস করবে কি সাফিয়া? আরেকটা চেহারা ভেসে উঠল ওর চোখের সামনে। পেইন্টার…। তার কোমল স্পর্শ, নীরব শ্রদ্ধা আর আশ্বাস, এমনকি তার চোখে ফুটে ওঠা ব্যথাও মনে পড়ে গেল সাফিয়ার।।
ওর মনের কথা বুঝতে পেরেই যেন লুলু বললেন, “মহৎ হৃদয়ের অনেক পুরুষ আছে। শুধু কেউ কেউ একটু বেশি সময় নেয়।”
সাফিয়ার চোখ ফেটে জল আসতে চাইল। “আমার আরও কিছু সময় প্রয়োজন… বিবেচনা করে দেখব।”
“সময় কম পাওনি তুমি। আমাদের মতো তুমিও অনেকটা সময় একাকি কাটিয়েছ। সবকিছু হারানোর আগে সিদ্ধান্ত নিয়ে নাও।”
কথাটার সত্যতা প্রমাণ করতেই যেন সামনে খোলা গুহামুখের কাছে বাতাস গর্জে উঠল।
স্বস্তির নিঃশ্বাস ফেলল সাফিয়া। এতক্ষণ নীচে থাকার পর খোলা জায়গায় আসার জন্য আকুপাকু করছিল ওর মন।
“ঝড়ের কী অবস্থা দেখে আসি।” বিড়বিড় করে বলল ও।
“আমিও আসছি তোমার সাথে,” পেছন থেকে বলল কারা।
“আমিও,” বলল হোজা। “শেবার রাণী কী দেখেছিলেন, তা আমি নিজ চোখে দেখতে চাই। দেখতে চাই উবারের মূল প্রবেশপথটাকে।”
তারা তিনজনে সিঁড়ির বাকি ধাপগুলো পার হলো বাকিদের পেছনে রেখে। বালুঝড় গুহামুখে ঝাপটা মেরে যাচ্ছে। মাথার উপর হুড আর চোখে গগলস টেনে দিল তারা।
গুহামুখটা আসলে একটা ফাটল। ফ্ল্যাশলাইট নিভিয়ে দিল কারা। বাইরে থেকে যথেষ্ট আলো আসছে।
আরেকটু এগোলেই বেরিয়ে যাওয়া যাবে। গুহামুখের কাছে একটা ক্রোবার দেখতে পেল সাফিয়া। চৌকাঠের ওপাশে একটা বিশাল চ্যাপ্টা পাথরের চাই আংশিকভাবে পথরোধ করে আছে।
“পাথরটা বোধ হয় প্রবেশমুখ লুকিয়ে রেখেছে।” বলল কারা।
নড করল সাফিয়া। ক্যাপ্টেন আল-হাফির লোকজন সম্ভবত ক্রোবার টা ব্যবহার করে পাথরটা এমনভাবে সরিয়ে রেখেছে যাতে চলাফেরা করা যায়। যদি কোনওভাবে ঝড়ের মোকাবেলা করা যায়, তাহলে হয়তো সাফিয়ারা সবাই পালাতে পারবে। পাথরটা আবার জায়গামতো বসিয়ে দিলে আর বের হতে পারবে না ক্যাসান্দ্রা।
তাজা বাতাস সাফিয়ার মনে আশার সঞ্চার করল। ঝড়ের তেজ কমে এসেছে। আগের মতো আর অন্ধকার হয়ে নেই বাইরের পরিবেশ।
ফাটলটা দিয়ে বাইরে বেরিয়ে এল সাফিয়া। তবে পাথরের আড়ালে রইল। বালুতে ঢাকা পড়েছে সূর্য, গভীর রাত এখন গোধূলিতে পরিবর্তিত হয়েছে। বাঁকা চাঁদের ন্যায় মাঝে মাঝে উঁকি দিচ্ছে সূর্য।
“ঝড়ের তেজ কমে এসেছে মনে হচ্ছে।’ সাফিয়ার ধারণা সত্য প্রমাণ করতেই যেন বলে উঠল কারা।
তবে একমত হতে পারলেন না লুলু। “বোকার মতো কথা বলো না। উবারের বালু ধোকা দিতে পারদর্শী। একারণেই এখানকার গোত্রগুলো এ জায়গাটাকে এড়িয়ে চলে; অভিশপ্ত আর ভূতুড়ে বলে। জ্বীন আর পিশাচের আখড়া বলে পরিচিত এ বালুভূমি।” হোজা আরও সামনে এগিয়ে গেলেন।
অনুসরণ করল সাফিয়া, ওর আলখেল্লা আর স্কার্ফ বাতাসে উড়ছে। চারদিকে তাকাল ও। বুঝতে পারল, তারা এখন মরুভূমির সমতল থেকে প্রায় ত্রিশ-চল্লিশ ফিট উঁচু একটা টিলায় দাঁড়িয়ে আছে। আশেপাশে এরকম আরও অসংখ্য পাথুরে টিলা দাঁড়িয়ে আছে। যাযাবর গোত্রগুলো এগুলোকে “বালুর জাহাজ” বলে থাকে।
আরেকটু বেরিয়ে এল সাফিয়া। এবার টিলার আকৃতিটা চিনতে পারল ও। এরকমই একটা প্রতিকৃতি বালু দিয়ে আঁকা ছিল প্রাসাদে। তিন হাজার বছর আগে এখানেই উবারের প্রথম প্রবেশপথ আবিষ্কৃত হয়েছিল। দুর্গ আর রাণীর প্রাসাদদুটোই এই টিলার অনুকরণে সাজানো হয়েছিল। মরুভূমির বাকি সব বালুর জাহাজের চেয়ে মূল্যবান এই জাহাজ।
টিলার পরে, বালুঝড় সাফিয়ার দৃষ্টি আকর্ষণ করল। ঘূর্ণায়মান মেঘগুলোকে খুব অদ্ভুত দেখাচ্ছে। এক মাইলেরও বেশি জায়গা ধরে ঘূর্ণিপাক খাচ্ছে বালুর স্তম্ভ। এত দূর থেকেও বাতাসের গর্জন শুনতে পাচ্ছে সাফিয়া।
“সম্ভবত আমরা ঝড়ের কেন্দ্রবিন্দুতে আছি।” বলল কারা।
“এটা উবারের কাজ,” বললেন লুলু। “ঝড়কে নিজের দিকে আকর্ষণ করে এ শহর।”
সাফিয়ার মনে পড়ল, চাবি দিয়ে গেটটা খোলার পর অল্প কিছুক্ষণের জন্য যেন ঝড় নিস্তেজ হয়ে পড়েছিল।
কারা কিনারে গিয়ে দাঁড়ালে নার্ভাস হয়ে পড়ল সাফিয়া।
“চলে এসো ওখান থেকে।” সাবধান করার চেষ্টা করল সাফিয়া। ভয় পাচ্ছে, বাতাসের ধাক্কায় কারা হয়তো পড়ে যাবে।
“এপাশ দিয়ে নীচে নামার রাস্তা দেখতে পাচ্ছি। এই রাস্তা ব্যবহার করে হয়তো আমরা নেমে যেতে পারব। নীচে তিনটা ট্রাক দেখতে পাচ্ছি আমি। ক্যাপ্টেন আলহাফির যানবাহন ওগুলো।”
কিনারে চলে এল সাফিয়া। এরকম ঝড়ো বাতাসের মধ্যে এমন খাড়া আর চিকন পথ বেয়ে নামার কথা কল্পনাই করতে পারে না ও।
ওর সাথে সহমত পোষণ করলেন লুলু। “এ পথে নামা সম্ভব নয়।” হোজার দিকে ফিরে তাকাল কারা। বৃদ্ধার চেহারা দেখে বুঝতে পারল, এই পথ বেয়ে নামার ইচ্ছা না থাকলেও এখানে থাকারও কোনও ইচ্ছা নেই হোজার। সুযোগটা নেবে বলে ঠিক করল কারা।
তার মতলব বুঝতে অসুবিধা হলো না হোজার। “তোমার মতো তোমার বাবাও বালুর এই সাবধানবাণী অগ্রাহ্য করেছিল। সেসব তোমার মনে আছে আশা করি।”
কথাগুলো রাগিয়ে দিল কারাকে। “ভয় পাওয়ার কী আছে এখানে?” হাতদুটো সামনে প্রসারিত করল লুলু। “এগুলো নিসনাস এর বালু।”
সাফিয়া আর কারা দুজনেই নামটার সাথে পরিচিত। মরুভূমির কালো ভূত। জানে, রেজিনাল্ড কেনসিংটন এর মৃত্যুর জন্য এই নিসনাস দায়ী।
দক্ষিণ-পশ্চিমে ইঙ্গিত করল লুলু। একটা বালুর ঘূর্ণি পাক খাচ্ছে সেখানে। স্থির বিদ্যুতের কারণে অন্ধকারে চমকাচ্ছে টর্নেডোর ভেতরটা। এক মূহুর্তের জন্য ঝলসে উঠল ঘূর্ণি, তারপর অদৃশ্য হয়ে গেল।
“এরকম বালুর দানব আগে দেখেছি আমি,” বলল কারা।
নড করল লুলু। “নিসনাস কে উপেক্ষা করলে পুড়ে মরতে হয়।”
রেজিনাল্ড কেনসিংটনের কাঁচের ভেতর আটকা পড়া দোমড়ানো লাশটা ভেসে উঠল সাফিয়ার চোখে। সাথে সাথে নীচের মমিকৃত মানুষগুলোর কথা মনে পড়ে গেল। এদের মধ্যে যোগসূত্র কোথায়?
বালুর মধ্যে থেকে একটা দানব মাথা তুলে দাঁড়াল পূর্বে। আরেকটা দাড়াল দক্ষিণে। জীবনে অনেক ঘূর্ণিপাক দেখেছে সাফিয়া, কিন্তু এমন স্থিরবিদ্যুৎ সম্পন্ন ছিলোনা কোনোটা।
কারা তাকিয়ে রইল। “আমি বুঝতে…”
মূহুর্তেই টিলার ধার ঘেঁষে একটা দানব গজিয়ে উঠল। পাথরের উপর ছিটকে পড়ল সবাই।
“একটা নিসনাস!” চিৎকার করে উঠল লুলু। টিলার ঠিক নীচ থেকেই উঠে এসেছে বালুর পাক। গুহার উদ্দেশ্যে পেছনে সরে যেতে লাগল কারা আর হোজা। বিস্মিত সাফিয়া আগের জায়গায় দাঁড়িয়ে রইল।
বিশাল বালুর স্তম্ভ বেয়ে ভূমি থেকে আকাশে উঠে যাচ্ছে বিদ্যুতের শিখা। সাফিয়ার কাপড়, চামড়া আর চুলে মটমট করতে লাগল স্থিরবিদ্যুৎ। কষ্টদায়ক হলেও অন্যরকম একটা অনুভূতি ছড়িয়ে যাচ্ছে ওর পুরো শরীরে।
আরও সামনে এগিয়ে গেল ও। তাকাল ঘূর্ণির একেবারে কেন্দ্রবিন্দুতে। তিনটা ট্রাকের একটাকে ঘিরে পাক খেতে দেখল বালুর স্তম্ভটাকে। কনুইতে কিছু একটার স্পর্শ পেয়ে চমকে উঠল ও। কারা। কোনওমতে ভয় কাটিয়ে দেখতে চলে এসেছে। সাফিয়ার হাত ধরল সে। তার স্পর্শে সাফিয়া টের পেল, এক পুরানো দুঃস্বপ্ন জেগে উঠছে কারার ভেতরে।
ট্রাকের নীচের বালু কালো হতে শুরু করেছে। একটা পোড়া গন্ধ এসে লাগল তাদের নাকে। সাফিয়ার হাত আঁকড়ে ধরল কারা। গন্ধটা তার পরিচিত। বালু কালো হয়ে যাচ্ছে। গলিত বালু। কাঁচ। নিসনাস!
থেকে থেকে ঝলসে উঠছে ঘূর্ণি, স্তম্ভের মত আকৃতির উপরে যেন জ্বলে উঠছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাকটাকে গলিত বালুতে ডুবতে দেখল ওরা। প্রথম কিছুক্ষণ খুব আস্তে আস্তে ডুবল বাহনটা, রবারের টায়ারটা গলে গেল প্রথমে, এরপর আচমকা উশ শব্দ করে ট্রাকটার উপর আছড়ে পরল ঘূর্ণি। একেবারে শেষ মুহুর্তে সাফিয়া টের পেল, কাঁচ অন্ধকারের মতো কালো দেখাচ্ছে। এমনভাবে নিচে নেমে গেল ট্রাকটা যেন বাতাস কেটে নামছে। মুহূর্তে হারিয়ে গেল ট্রাকের অধিকাংশ দেহ। যতটুকু অবশিষ্ট ছিল, বালু এসে ঢেকে দিল তা।।
এক মুহূর্ত পর, ট্রাকটাকে গিলে ফেলা বালু যেন ফুলে উঠল। “তেলের ট্যাংক বিস্ফোরিত হয়েছে।” বলল কারা। চোখ তুলে ওরা দেখতে পেল, পুরো এলাকা ভরে উঠেছে ভয়ংকর ঘূর্ণিতে। একডজনের কম হবে না। “হচ্ছেটা কী?” জানতে চাইল কারা।
মাথা নাড়ল সাফিয়া। এদিকে ওদের দিকে ধেয়ে আসছে ভীষণ কালো আর ভয়ংকরদর্শন আরেকটা ঝড়, চারদিক থেকে ঘিরে ধরছে।
ভয়ার্ত চোখে চারপাশে তাকালেন লুলু, “সমুদ্রে জন্ম নেয়া ঝড়টা এসে পড়েছে। এর সাথে যদি বালুঝড় মিলিত হয়ে, তাহলে অনৰ্থ হয়ে যাবে।”
“মেগা স্টর্ম।” বলল সাফিয়া, “মেগা স্টর্মের জন্ম দেখতে পাচ্ছি আমরা।”
প্রতি মুহূর্তে জন্ম নিচ্ছে নতুন নতুন ঘূর্ণি। দেখে মনে হচ্ছে, নরকে এসে উপস্থিত হয়েছে ওরা। এই বালুতে হাঁটা মানে মৃত্যুকে আহ্ববান জানানো।
খুব কাছ থেকে হওয়া একটা আওয়াজ ভেসে এল সাফিয়ার কানে, ওর রেডিও কথা বলে উঠেছে। পকেট থেকে যন্ত্রটাকে বের করে নিলো ও। ওমাহা চালু রাখতে বলেছিল।
“সাফিয়া…যদি…শুনতে পাও…” কারা ওর পাশে এসে দাঁড়ালো,
“কে?”
“আমি…আসছি…সাফিয়া, শুনতে পাচ্ছ…”
“কে?”
বড় বড় চোখ করে মেয়েটা উত্তর দিল, “পেইন্টার। বেঁচে আছে।”
আচমকা পরিষ্কার শুনতে পেল লোকটার কথা, “আমি তোমার অবস্থান থেকে দুই মাইল দূরে আছি। ওখানে থাকো, আসছি আমি।” নিশ্চুপ হয়ে গেল রেডিও।
মুখের কাছে যন্ত্রটাকে নিয়ে এসে সাফিয়া বলল, “পেইন্টার, শুনতে পাচ্ছ? এসো না এখানে! এসো না! শুনতে পাচ্ছ?”
উত্তর এল না কোন। ঝড়, আগুন আর বাতাসের অপার্থিব দুনিয়ার দিকে তাকাল মেয়েটা। এখানে নরক গুলজার চলছে আর পেইন্টার কিনা এদিকেই এগোচ্ছে।
০৬:০৫ পি.এম.
দলের দুজনের সাথে গুড়ি মেরে বসে আছে ক্যাসান্দ্রা। গোলা গুলি এখনও থামেনি। প্রথম আরপিজিটা আঘাত হানার পরপর যুদ্ধে নেমেছে ক্যাসান্দ্রা। এই মুহূর্তে উবারের দিকে এগোচ্ছে সে।
ধীর গতিতে একটু একটু করে ওরা দল দখল করে নিচ্ছে শহরটা।
রাইফেলের স্কোপ দিয়ে তাকিয়ে আছে ক্যাসান্দ্রা, অপেক্ষা করছে। একগুচ্ছ দালান ওর সামনে, নাইট ভিশন গগলস পরে আছে বলে অদ্ভুত দেখাচ্ছে সবকিছু। গগলসের উপরে একটা ইনফ্রা রেড কাঁচ নামিয়ে নেয়ায়, জীবন্ত মানুষকে নড়তে দেখছে ও। একটা বাঁকের কাছে শত্রুপক্ষের একজন ওর চোখে ধরা পড়ল।
শক্রর কাধে একটা টিউব, অত্যন্ত গরম। লঞ্চার নিশ্চয়। দলের সবাইকে আগে থেকে নির্দেশ দিয়ে রেখেছে, যেন শক্রর দূর পাল্লার অস্ত্র প্রথমে ধ্বংস করা হয়।
খোলা জায়গায় এসে দাঁড়াল শত্রু, লঞ্চার ব্যবহার করতে চায়। মাথার দিকে তাক করে গুলি ছুঁড়ল ক্যাসান্দ্রা। মাত্র একটা সুযোেগ ওর জন্য যথেষ্ট।
ইনফ্রারেডের কারণে পরিষ্কার দেখতে পেল মাথাটার তরমুজের মতো ফেটে যাওয়া।
মারা গেল শত্রু, কিন্তু রিফ্লেক্স বশত শরীর নড়ে উঠল। লঞ্চার থেকে বেরিয়ে এল গ্রেনেড়।
ধাঁধাঁ লেগে গেল চোখে, পিছিয়ে এল ও। লক্ষ্য কী ছিল, জানে না ক্যাসান্দ্রা। কিন্তু ছাদ যে ছিল না, সেটা নিশ্চিত। অথচ এখন লম্বা একটা বাঁক নিয়ে উপর দিকে যাচ্ছে গ্রেনেড ।
ছাদের বিভিন্ন রঙ ছড়াচ্ছে স্থির বিদ্যুৎ, সেই আলোতে গ্রেনেডটাকে হারিয়ে ফেলল সাফিয়া। তাই সব বাদ দিয়ে খালি চোখে তাকাল ও।
লেকের ওপাশে বিস্ফোরিত হলো লক্ষচ্যুত গ্রেনেড, দূরবর্তী একটা দেয়ালে আঘাত হেনেছে ওটা। গগলসের টেলিস্কোপ অন করে সেদিকে তাকাল ক্যাসান্দ্রা।
শিট… ওর মন্দ ভাগ্য যেন কাটছেই না।
গুহায় আসার টানেলটার ছাদে আঘাত হেনেছে গ্রেনেড। দেয়াল ধ্বসে পড়ে টানেলের প্রবেশ পথ বন্ধ করে দিল। বেরোবার আর কোন উপায় নেই।
মাটির উপরে রেখে আসা দলের উপর নির্ভর করা ছাড়া আর কোন উপায় নেই, সময় হলে তাদের মাটি খুঁড়ে ক্যাসান্দ্রাদের বের করতে হবে। আপাতত সাফিয়া, উবার দখল আর এখানকার রহস্য নিয়ে মাথা ঘামাবে বলে ঠিক করল ও। আবার পরে নিল গগলস আর ইনফ্রারেড। আবার শিকার শুরু করা যাক।
মেয়েটার দলের লোকেরা এরিমধ্যে মৃত শত্ৰুর কাছ থেকে লঞ্চারটা নিজেদের দখলে নিয়ে নিয়েছে। একবার ইলেকট্রনিক ট্রাকারের দিকে তাকাল ক্যাসান্দ্রা।
সাফিয়ার কাছাকাছি চলে এসেছে ওরা। লাল ত্রিভুজ, অর্থাৎ ওর দলের লোকেরা। চারদিক থেকে ঘিরে ধরেছে মেয়েটাকে। সন্তুষ্ট হয়ে যন্ত্রটা পকেটে পুরতে চাইল ক্যাসান্দ্রা, কিন্তু নীল বৃত্তটার উচ্চতা নির্দেশক মান দেখে থমকে দাঁড়াল। বরফ হয়ে গেল যেন, অসম্ভব।
অস্থির ছাদের দিকে তাকাল ক্যাসান্দ্রা। ট্রাকারের হিসাব অনুযায়ী পৃষ্ঠদেশে দাড়িয়ে আছে সাফিয়া। এখান থেকে বের হবার আরো রাস্তা আছে নাকি?
গলায় লাগানো মাইকটা স্পর্শ করে সাধারণ একটা সতর্কবার্তা দিয়ে দিল সবাইকে, “এগোও! সর্বোচ্চ গতি ব্যবহার করো! কাউকে ছাড়বে না!”
জায়গা ছেড়ে অন্য সবার সাথে যোগ দিল ক্যাসান্দ্রা। “ব্যাপারটা শেষ করি চলো।”
০৬:১০ পি.এম.
ক্যাপ্টেন আল-হাফির চিৎকার শুনতে পেয়েছে ওমাহা, লোকটা আরবীতে বলছে, “সিড়ির কাছে ফিরে চলো!”
কোরাল, ড্যানি আর ক্লে-এর পাশে গুঁড়ি মেরে বসে আছে ওমাহা। প্রাসাদের কোর্ট ইয়ার্ডের ভেতরে আশ্রয় নিয়েছে ওরা। মাত্র বিশ গজ দূরে একটা গ্রেনেড ফাটলো। দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে ওদের।
“যাওয়া দরকার।” বলল ক্লে।
“যেতে পারলে তো খুশিই হতাম।” বলল ওমাহা, “কথাটা আমাকে না বলে, বাঁকের ওপাশের দু’জনকে বলো।”
বেশ কিছুক্ষণ ধরে এখানে আটকা পড়ে আছে ওরা। আচমকা একদিক দিয়ে কোর্ট ইয়ার্ডে ঢুকে পড়েছিল ওমাহা আর ক্লে, অন্য দিক দিয়ে কোরাল আর ড্যানি। উভয় দলকে ধাওয়া করছিল কমান্ডো। এখন আটকে পড়ে আছে ওরা। না পারছে পালাতে, আবার না পারছে কমান্ডোদের সাথে লড়তে।
অচলাবস্থার সৃষ্টি হয়েছে যেন। তবে ক্যাসান্দ্রার সেনাদের একটা বাড়তি সুবিধা রয়েছেঃ ওদের কাছে এমন জটিল স্কোপ আছে, যাতে ধরা পড়ছে ওমাহাদের প্রতিটা নড়াচড়া।
“প্রাসাদের দিকে ফিরে গেলে কেমন হয়?” পিস্তলে একটা নতুন ম্যাগাজিন ভরতে ভরতে বলল কোরাল, “ওখানে মোকাবেলা করা সহজ হবে।”
নড করল ওমাহা, চোখ বন্ধ করে দৌড়াল প্রাসাদের প্রবেশদ্বারের দিকে।
“ক্যাপ্টেন আল-হাফি আর অন্যদের কী হবে?” ভেতরে ঢুকতে ঢুকতে বলল ক্লে, “ওরা যদি আমাদেরকে ছাড়াই রওনা দেয়?”
এক হাঁটুর উপর ভর দিয়ে বসে আছে ওমাহা, বন্দুকের নল কোর্ট ইয়ার্ডের দিকে। ওকে পাশ থেকে কাভার দিচ্ছে কোরাল। ড্যানি আর ক্লে দাঁড়িয়ে আছে পেছনে।
“যাবে কোথায়?” ওমাহা জিজ্ঞাসা করল, “ওই সরু সিড়িতে দাড়িয়ে লড়ার চাইতে, এখানে থেকে লড়াই করা ভাল। অন্তত এখানে নড়ার-”।
ওর কানের পাশে এসে আঘাত করল গুলি, ভেঙে খান খান হয়ে গেল কাঁচ।
“ড্যাম।”
প্রথমটার পিছু পিছু ভেসে এল আরো কয়েকটা বুলেট। মেঝেতে শুয়ে পড়ল ওমাহা। ড্যানি আর ক্লে রুমের ভেতরের দিকে চলে গেল। ওমাহা যে এখনও গুলি খায়নি, তার একমাত্র কারণ হলো কোর্ট ইয়ার্ডের মাঝখানে থাকা লোহার গোলকসহ হাতের ভাষ্কর্য। ওটার জন্যই ক্যাসান্দ্রার সৈন্যরা সরাসরি গুলি করতে পারছে না।
শত্রু পক্ষের এক কমান্ডোকে দেখতে পেল ওরা। লোকটার কাঁধে একটা গ্রেনেড লঞ্চার শোভা পাচ্ছে। প্রাসাদের প্রবেশদ্বারের দিকে তাক করা। তাকে কাভার দেবার জন্য গুলি ছুঁড়তে শুরু করলো অন্য কমান্ডোরা।
ঘুরে দাঁড়িয়ে লঞ্চার কাঁধে দাঁড়ানো লোকটার দিকে পিস্তল তাক করলো কোরাল। কিন্তু দেরি হয়ে গিয়েছে ওর।
অবশ্য, স্বর্গের প্রভুর দেরি হয়নি।
ছাদ থেকে ছুটে এসে লোকটার কাছেই মেঝেতে এসে আঘাত হানলো একটা বজ্র, রেটিনাকে ঝলসে দিল এক মুহূর্তের জন্য। অবশ্য আক্ষরিক অর্থে ওটাকে বজ্র বলা যায় না। মেঝে আর ছাদের মাঝে শক্তির আদান প্রদান বলা যায়। সে যাইহোক, কোন গর্ত সৃষ্টি হলো না। এমনকি লোকটাকে স্পর্শ পর্যন্ত করল না।
যা করল, তা বড় বেশি ভয়াবহ।
লোকটার পায়ের নিচের কাঁচ এক মুহুর্তের মাঝে কঠিন থেকে পরিণত হলো তরলে। গলিত কাঁচের মাঝে গলা পর্যন্ত ডুবে গেল যোদ্ধা। ওর গলা থেকে যে চিৎকারটা বের হলো, তা একমাত্র নরকের গভীরে শোনা যেতে পারে। তীব্র আগুনে পোড়ার সময় মানুষ এমন চিৎকার করে।
শুরু হবার সাথে সাথে থেমে গেল চিৎকার। মারা গিয়েছে লোকটা, খোলা মুখ দিয়ে বেরিয়ে এল ধোঁয়া। আবার কঠিনে রূপান্তরিত হলো কাঁচ। অন্য কমান্ডোরাও দৃশ্যটা দেখেছে। গুলি চালানো বন্ধ করে দিল তাই। দূর থেকে ভেসে আসছে গুলির আওয়াজ, কিন্তু এখানে সবাই নিরব নিস্তব্ধ। চোখ তুলে চাইল ওমাহা, ছাদে যেন আগুন লেগেছে। আরো বেশ কয়েকটা বক্স এসে আছড়ে পড়ল মেঝেতে। কেবল শোনা চিৎকারটার অবিকল আরেকটা চিৎকার ভেসে এল দূর থেকে।
“আবার ঘটছে বিপর্যয়টা।” বলল কোরাল।
মৃত কাঁচের কবরে শুয়ে থাকা লোকটার দিকে তাকাল ওমাহা, মেয়েটার কথা পরিষ্কার বুঝতে পেরেছে।
অগ্নিময় মৃত্যু ফিরে এসেছে উবারে।
০৬:১২ পি.এম.
ছোট একটা বালিয়াড়ির উপর দিয়ে পার হলো বিশ-টনী ট্রাক্টর, সিট থেকে কয়েক ফুট উপরে উঠে গেল পেইন্টার। এখন আর কিছুই দেখতে পাচ্ছে না। অন্ধের মতো গাড়ি চালাতে হচ্ছে ওকে।
কয়েক মিনিট আগে, হঠাৎ করে আরো তীব্র হয়ে উঠেছে বালুঝড়। মনে হচ্ছে বাতাস নয়, কোন দানব থেকে থেকে আঘাত হানছে ট্রাক্টরের দেহে। কিন্তু হাল ছাড়েনি ও। ল্যাপটপটাকে গাইড বানিয়ে এগিয়ে চলছে।
সাফিয়ার উদ্দেশ্যে।
মেয়েটা ওর রেডিও কল শুনতে পেয়েছে কিনা, তা জানে না ও। কিন্তু এরপর থেকে আর কোন নড়াচড়া নেই সাফিয়ার। এখনও মাটির উপরে…আসলে মাটির চল্লিশ ফুট উপরে আছে ও। সামনে নিশ্চয় ছোট খাটো হলেও কোন একটা পাহাড় আছে।
সাইড মিররে আলোর প্রতিফলন দেখতে পেল পেইন্টার। আরেকটা বাহন পিছু নিয়েছে। ট্রাক্টরের বড় বড় লাইটের আলোয় পথ চলছে ওটা। ও নিশ্চিত, পিছু ধাওয়াকারী বাহনটার ড্রাইভারও কিছু দেখতে পাচ্ছে না। অনুসরণ করে চলছে ওকে।
অন্ধের দেখানো পথে চলছে আরেক অন্ধ। থামার বিন্দু মাত্র ইচ্ছা নেই পেইন্টারের। আচমকা আরো বেড়ে গেল বাতাসের গতি। ক্ষণিকের জন্য এক পাশে কাত হয়ে গেল ট্রাক্টরটা, এরপর আবার নেমে এল। ক্রাইস্ট… কেন জানে না, হেসে ফেলল ও।
যেমন হঠাৎ করে বেড়ে গিয়েছিল বাতাসের গতি, তেমনি হঠাৎ করেই কমে গেল। মনে হলো, প্রচন্ড গতিতে ঘূর্ণায়মান কোন ফ্যানের সুইচ বন্ধ করে দিয়েছে কেউ।
সাইড মিররের দিকে তাকাল ও কালো পর্দা ভেদ করে কিছু দেখতে পেল না। নিশ্চয় ঝড়টার অন্য দিকে চলে এসেছে তার ট্রাক্টর।
পিছু ধাওয়াকারী বাহনটার কোন খবর নেই। হয়তো বাতাসের ঝাপটায় উল্টে গিয়েছে।
সামনের দিকে মনোযোগ দিল সে। প্রায় সিকি মাইল পর্যন্ত দেখতে পাচ্ছে এখন। তাই কালো পাথরটার আবছা ছায়া ওর নজর এল না। মরুভূমির মেসা, চিনতে পারল। সাথে সাথে ল্যাপটপের দিকে তাকাল পেইন্টার। নীল বৃত্তটা সোজা সামনে আছে।
“ওখানে আছ তাহলে।” ট্রাক্টরের গতি বাড়িয়ে দিল ও।
সাফিয়া ওকে দেখতে পাচ্ছে কিনা, তা নিয়ে ভাবল একবার। রেডিওটা তুলে নিল হাতে। একটা চোখ রাস্তার উপর নিবদ্ধ। ছোট ছোট টর্নেডো দেখতে পাচ্ছে, মরুভূমিকে আকাশের সাথে মিল করিয়ে দিচ্ছে ওগুলো। রেডিওটাকে মুখের কাছে ধরে বলল, “সাফিয়া, আমার কথা শুনতে পারলে জানাও। আমাকে দেখতে পাবার কথা।” উত্তরের জন্য অপেক্ষা করল পেইন্টার ।
ভাঙা ভাঙা বাক্যে জবাব এল, “পেইন্টার! এসো না! ফিরে -” সাফিয়ার গলা! তবে শুনে মনে হচ্ছে মেয়েটা বিপদে পড়েছে।
“আমি ফিরছি না। আমার কাছে-“।
রেডিও রিসিভার থেকে ওর কানের দিকে ছুটে এল বিদ্যুতের নীল শিখা। চিৎকার করে হাত থেকে ফেলে দিল রেডিও চুল পোড়র গন্ধ পাচ্ছে নাকে।
বিদ্যুতায়িত হয়ে পড়েছে পুরো ট্রাক্টর। যেখানেই হাত দিচ্ছে, সেখানেই শক লাগছে ওর। রবারের কোটিং করা হুইলে হাত রাখল ও। জোরালো শব্দ করে বন্ধ হয়ে গেল ল্যাপটপ।
হঠাৎ ফগহর্ণের আওয়াজ শুনতে পেল ও।
নাহ, ফগহর্ণ না…ট্রাকের হর্ণ ।
সাইড মিররে তাকিয়ে দেখতে পেল, ঝড়ের কালো দেয়াল ভেদ করে বাইরে এসে পড়েছে পিছু ধাওয়াকারী ট্রাক। প্রথমে এক পাশের চাকা স্পর্শ করল মাটি, এরপর অন্যপাশ। লাফিয়ে উঠল ট্রাকটা, এরপর তিনশ ষাট ডিগ্রী পাক খেল একবার। গাল বকে উঠল পেইন্টার।
ট্রাক ড্রাইভার নিজেও সম্ভবত বেঁচে ফিরতে পারায় বিস্মিত। অবশ্য ট্রাকটার দফা রফা অবস্থা। সামনের বাম্পার কুঁচকে গিয়েছে। ট্রাকের কার্গোকে ঢেকে রাখা তারপুলিন সরে এসেছে এক পাশে।
অ্যাক্সিলেটরে পা দাবাল পেইন্টার, ওর আর ট্রাকটার মাঝে যতটা সম্ভব দূরত্ব সৃষ্টি করতে চাইছে। আরপিজির কথা মনে আছে ওর। একটু জায়গা পেলে ট্রাকটাকে সামলাবার চেষ্টা করবে।
ট্রাকটা পিছু ধাওয়া শুরু করল আবার। ক্রুজ কন্ট্রোল চালু করে নিজেকে মোকাবেলার জন্য তৈরি করে নীল পেইন্টার। মরুভূমি এখন স্যান্ড ডেভিলের জঙ্গলে রূপ নিয়েছে। নড়ছে সবগুলো ডেভিল। ভ্রু কুঁচকে ফেলল ও। ছন্দবদ্ধ ভাবে নড়ছে ওগুলো, যেন ব্যালে নাচ নাচছে। ঠিক সেই মুহুর্তে বালুর টান অনুভব করল সে।
একটু আগে গ্রেনেড বিস্ফোরণের ফলে সৃষ্ট হয়েছিল ধ্বস। তখন ঠিক এই ধরনের টান অনুভব করেছিল ও। কিন্তু এখন তো সমতল ভূমির উপর চলছে ওর ট্রাক্টর।
চারদিকে নেচে বেড়াচ্ছে ঘূর্ণি, থেকে থেকে ঝলসে উঠছে বিদ্যুৎ। অথচ মরুভূমি যেন পিছলে সরে যাচ্ছে ট্রাক্টরের নিচ থেকে। অসম্ভব মনে হলেও, কাদা মাটি জমে আটকে যাচ্ছে বিশ-টনি ট্রাক্টর। গতি কমে এল ওর। অনুভব করতে পারল ঘুরে যাচ্ছে ওর ট্রাকের পেছনের অংশ। থেমে যাচ্ছে ও!
বিশ-টনি দানবটা ঘুরে যাওয়ায়, পাশের জানালা দিয়ে ট্রাকটাকে দেখতে পাচ্ছে পেইন্টার। এগিয়ে আসছে ওর দিকে, ক্ষতিগ্রস্ত টায়ার কামড় বসাচ্ছে বালুতে। কিন্তু ওর চোখের সামনে ট্রাকটার রিম পর্যন্ত ডুবে গেল মাটিতে, এরপর ডুবল অ্যাক্সেল।
শিকারের মতোই আটকে পড়েছে শিকারীও।
যেন অ্যাম্বারে আটকা পড়ে মাছি।
সমস্যা হলো, অ্যাম্বার এখনও প্রবাহিত হচ্ছে।
পরিষ্কার টের পাচ্ছে পেইন্টার, বালু নড়ছে।
০৬:১৫ পি.এম.
রেডিওটা ব্যবহার করার আশা ছেড়ে দিল সাফিয়া। আতংকিত চোখে চেয়ে থেকে দেখা ছাড়া আর কিছু করার নেই ওর। কারা আর লুলু ওর পাশে দাঁড়িয়ে। সামনে তাকিয়ে মনে হলো, জেগে জেগে দুঃস্বপ্ন দেখছে।
ঘূর্ণিপাকের দিকে তাকাল ও, ভয়ংকর বৈদ্যুতিক বিচ্ছুরণ দেখতে পাচ্ছে। সেই সাথে আছে কালো বালুর পুল। আকাশ থেকে নেমে আসছে বজ্র।
কিন্তু সমস্যা ওগুলোকে নিয়ে না। যতদূর নজর যায়, ততটুকু মরুভূমি এক বিশাল ঘুর্ণিপাকে রূপ নিয়েছে। উবারের ভুগর্ভস্থ বাবলকে ঘিরে আছে ওটা। বেলে পাথরের মেসাটা যেন স্রোতের মাঝে নাক উঁচু করে থাকা একটা পাথর। আরো দুয়েকটা ছোট ছোট পাথর আছে অবশ্য, যেমন পেইন্টারের ট্রাক্টর আর অন্য ট্রাক।
ঘূর্ণিপাকে আটকা পড়েছে ওগুলো । বাঁ দিক থেকে একটা কিছু ভেঙে পড়ার আওয়াজ ভেসে এল, মেসার একটা অংশ খসে পড়েছে।
“এখানে থাকা অসম্ভব।” বলল কারা, “পরিস্থিত আরো খারাপের দিকে এগোচ্ছে।”
“পেইন্টার…” বলল সাফিয়া। ওদেরকে উদ্ধার করার জন্য নিশ্চিত মৃত্যুর দিকে এগোচ্ছে লোকটা।
“নিজেরটা ওর নিজেকেই দেখতে হবে।” বলল কারা, “আমরা সাহায্য করতে পারব না।”
রেডিও থেকে হঠাৎ আওয়াজ ভেসে এল। জিনিসটাকে যে ধরে রেখেছে, তা মনেই ছিল না সাফিয়ার। পেইন্টার…
“সাফিয়া, শুনতে পাচ্ছ?”
নাহ, পেইন্টার না। ওমাহা। “শুনছি।”
ওমাহার গলা শুনে মনে হচ্ছে, যেন সুদূর কোন পৃথিবীর বুকে দাড়িয়ে কথা বলছে ও।
“এখানে অদ্ভুত কিছু একটা ঘটছে। স্থির বিদ্যুৎ বজ্রের রূপ নিয়ে কাঁচে আঘাত হানছে। যেখানে পড়ছে, মুহূর্তের জন্য গলে যাচ্ছে কাঁচ। বিপর্যয়টার পুনরাবৃত্তি ঘটছে! এখানে এসো না!”
“তুমি উপরে চলে এসো।”
“পারছি না। ড্যানি, ক্লে, কোরাল আর আমি প্রাসাদে আটকা পড়েছি।” টানেলে হুটোপুটির আওয়াজ শুনে ফিরে তাকাল ও, শরীফ বেরোচ্ছে টানেল থেকে।
কারা এগিয়ে গেল লোকটার দিকে।
টানেলের দিকে ইঙ্গিত করল শরিফ, “আমরা পিছিয়ে এসেছি। ক্যাপ্টেন আল-হাফি শত্রুদের বাঁধা দেবার চেষ্টা করবেন। তোমাদের-” মরুভূমির দিকে নজর পড়তেই থমকে দাঁড়াল সে। আরেকটা ফাটল দেখা গেল মেসায়।
“আল্লাহ্, রক্ষা করো।” প্রার্থনা করল শরীফ।
০৬:২৬ পি.এম.
বহুদিন পর আবারও সীমাহীন আতংক অনুভব করল ক্যাসান্দ্রা। এর আগে এমন অনুভব হতো ছোটবেলায়, যখন গভীর রাতে ওর দরজার সামনে ভারী পদশব্দ শুনতে পেত। মনে হচ্ছে, ভেতরটা যেন জমে বরফ হয়ে গিয়েছে। নিঃশ্বাস কিভাবে নিতে হয়, তাও যেন ভুলে গিয়েছে মেয়েটা।
একটা ছোট চ্যাপেলের মতো দেখতে কাঁচের দালানের ভেতর লুকিয়ে আছে ক্যাসান্দ্রা। ওটার দরজা বলতে আসলে ক্ষুদ্র একটা ফোঁকর, জানালা নেই। বাইরে শহরের নিচু অংশটা ছড়িয়ে আছে।
ক্ষণে ক্ষণে কাঁচের মেঝেতে বজ্রের আছড়ে পড়া দেখতে পাচ্ছে ও। কিছু কিছু তো একেবারে লেকের উপর পড়ছে। ওগুলো আবার ফিরে যাচ্ছে ছাদে, কিন্তু আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়ে। যেন…যেন পানি থেকে শুষে নিচ্ছে শক্তি!
তবে যেগুলো কাঁচের উপর পড়ছে, সেগুলো আর ফিরে যাবার সুযোগ পাচ্ছে না। অদ্ভুত এক উপায়ে ওগুলোকে শুষে নিচ্ছে কাঁচ। মুহূর্তের জন্য কাঁচের সমুদ্রে পরিণত হয়েই আবার কঠিন রূপ ধারন করছে।
ওর দলের একজনকে সেই কাঁচের সমুদ্রে ডুবে যেতে তো নিজের চোখেই দেখেছে। যে দেয়ালে হেলান দিয়ে ছিল লোকটা, ঠিক সে দেয়ালেই আঘাত হানলো বজ্র। আচমকা অবলম্বন হারিয়ে পেছনে পড়ে যেতে লাগল লোকটা। পরমুহূর্তেই যখন গলিত কাচ কঠিনে পরিণত হলো, দেখা গেল হতভাগা দেহের অর্ধেকাংশ কাঁচের একপাশে আর বাকি অর্ধেকাংশ অন্য পাশে।
এখন আর তেমন একটা গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে না, জান বাঁচাতে আশ্রয় খুঁজছে সবাই। মমিকৃত লাশগুলোকে দেখেছে, তাই জানে কী ঘটছে এখানে।
গুহায় নেমে এসেছে পিন পতন নীরবতা, মাঝে মাঝে অবশ্য প্রাসাদের পেছনের দেয়াল থেকে খন্ড যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে। কিউরেটর মেয়েটার দল ওদিকে আশ্রয় নিয়েছে।
মেয়েটার কথা মনে পড়তেই, ইলেকট্রনিক ট্রাকারটা আঁকড়ে ধরল ক্যাসান্দা। লাল ত্রিভূজ গুলোর দিকে তাকাল। ওর দলের লোক, মাত্র কয়েকজন অবশিষ্ট আছে। পঞ্চাশ জন সৈন্য নিয়ে এসেছিল, এখন মাত্র এক ডজন লাল ত্রিভুজ দেখা যাচ্ছে। ও দেখতে দেখতেই হারিয়ে গেল আরেকটা ত্রিভুজ। শিকারী এখন শিকারে পরিণত হয়েছে।
কাসান্দ্রা জানে, দালানের ভেতর আর বাইরের কোনও তফাৎ এই বজ্ৰ বোঝে না। বেশ কয়েকটা কাঁচে আবদ্ধ লাশ দালানের ভেতরেও দেখতে পেয়েছে ও।
যত দূর বুঝতে পারছে-বজ্রপাতের সাথে সম্পর্ক রয়েছে নড়াচড়ার। হয়তো এই বাবলের মাঝে এতটা স্থির বিদৎ জমা হয়েছে যে, যেকোনও নড়াচড়া এর স্থিতাবস্থাকে অস্থিতিশীল করে ফেলে।
তাই স্থির হয়ে বসে রইল ক্যাসান্দ্রা, একদম মূর্তির মতো। ছোটবেলায় এভাবেই শুয়ে থাকত বিছানায়। তখন কোনও লাভ হয়নি, মনে হয়না এখন হবে।
০৬:১৭ পি.এম.
প্রাসাদের প্রবেশদ্বারে সটান শুয়ে আছে ওমাহা। নীরবতা প্রচন্ড চাপ ফেলছে ওর উপরে। কোর্ট ইয়ার্ডের বাইরে ভয়ংকর রূপ ধারণ করেছে অগ্নিঝড়। থেকে থেকে ঝলসে উঠছে বজ্র, নীলচে সাদা সূর্যের মতো আলো ছড়াচ্ছে গুহার ছাদ।
অবাক হয়ে দেখছে ওমাহা আর অপেক্ষা করছে মৃত্যুর।
অন্তত সাফিয়াকে সত্যি কথাটা তো জানাতে পেরেছে, বলতে পেরেছে ওর ভালবাসার কথা। এখন মরেও শান্তি পাবে। উপরে দিকে চাইল ওমাহা, প্রার্থনা করলো সাফিয়ার নিরাপত্তার। রেডিওতে মেয়েটার বলা কথা পরিষ্কার শুনতে পেয়েছে সে। উপরে অপেক্ষা করছে মৃত্যু আর নিচে তো তার দিকে চেয়েই আছে ওমাহা। পার্থক্য শুধু পদ্ধতির।
কোরাল ওর পাশে শুয়ে আছে। ঝড়টাকে দেখছে, “আমরা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় ট্রান্সফরমারের মধ্যে আছি।”
“কী বলতে চাচ্ছ?”
ফিসফিসিয়ে কথা বলছে দুজন, “কাঁচের কথা বলছি। এখানকার পানিতে যে প্রতি পদার্থ আছে, তা তো তুমি জানোই। কাঁচ, পানি, প্রতি পদার্থ-সব মিলিয়ে গুহাটা পরিণত হয়েছে একটা বিশালাকার ইনস্যুলেটেড সুপারকন্ডাকটারে, নিজের দিকে শক্তি আকর্ষণ করছে অবিরত। পৃষ্ঠতলের ওপর দিয়ে যাচ্ছে, এমন যেকোন বালুঝড় থেকে শক্তি শুষে নেয়। কিন্তু যখন সেই শোষিত শক্তি ধারণক্ষমতার চেয়ে বেশি হয়ে যায়, তখন সেটাকে খরচ করার প্রয়োজন পড়ে। বৈদ্যুতিক ঝড়ের সময় যেমনটা হয় আরকী। কিন্তু পার্থক্য হলো সেক্ষেত্রে বজ্রের উৎপত্তি হয় আকাশে, আর এই ক্ষেত্রে হচ্ছে মাটিতে। উপরের দিকে বজ্রের আকৃতিতে মাটি খুঁড়ে দিচ্ছে শক্তি। তার প্রভাবে মরভূমিতে উৎপত্তি হচ্ছে ঘূর্ণির।”
“তা নাহয় বুঝলাম।” বলল ওমাহা, “কি এখানে কী ঘটছে?”
“মেগা স্টর্মের কাছ থেকে ধারণক্ষমতার চেয়ে অনেক…অনেক বেশি শক্তি শুষে নেয়ার কারণে ঘটেছে এগুলো। যথেষ্ট দ্রুত সেটাকে খরচ করতে পারছে না বাবল। তাই নিজের ভেতরে ঢেলে দিচ্ছে অতিরিক্ত শক্তি।”
“বুঝলাম।”
“শক্তির পুনঃবিতরণ আরকি।” বলল মেয়েটা, “কাঁচ কিন্তু বিদ্যুৎ সুপরিবাহী। যে শক্তিটুকু ভূপৃষ্ঠের মাধ্যমে বের করে দিতে পারেনা, সেটা এখানকার মেঝের দিকে পাঠিয়ে দেয়। কাঁচ সেটাকে খরচ করে ফেলে। এই স্থিতাবস্থাটা সারা বাবল জুড়ে বিদ্যমান। লেকের পানিতে দ্রবীভূত প্রতি পদার্থ স্থিতিশীল থাকার এটাও একটা কারণ।
“আর গলিত কাচের ব্যাখ্যা? সেটা কী?”
“আমার মনে হয়না ওটা গলিত কাঁচ। ”
চোখে প্রশ্ন নিয়ে মেয়েটার দিকে চাইল ওমাহা, “কি বোঝাতে চাইছ?”
“কাঁচ কিন্তু সর্বদা তরল অবস্থায় থাকে। জানো কি সেটা?”
“তো?”
“বজ্রগুলো কিন্তু কাঁচ গলিয়ে ফেলছে না, শুধু ওর অবস্থার রূপান্তর ঘটাচ্ছে। এক মুহুর্তের জন্য কাঁচের অণুর সমস্ত বন্ধন এত দূর্বল করে ফেলছে যে আরেকটু হলে তা বাষ্পে পরিণত হত। আর যখন শক্তি খরচ হয়ে যায়, তখন কাঁচ আবার তার পূর্বের রূপ ফিরে পায়।”
ওমাহার মনে আশার সঞ্চার হচ্ছে, ভাবছে হয়তো কোন সমাধান বের করে ফেলেছে মেয়েটা। “এ সমস্যার সমাধান কী তাহলে?” ,
“সমস্যা তো ওখানেই ড. ডান,” হতাশ গলায় বলল কোরাল, “এ সমস্যার কোনও সমাধান নেই।”
০৬:১৯ পি.এম.
মেসার দিক থেকে ভেসে আসা বিস্ফোরণের আওয়াজ মনোেযোগ কেড়ে নিল পেইন্টারের।
ট্রাক বিস্ফোরিত হয়ে সৃষ্টি হয়েছে আওয়াজটার। একটা স্যান্ড ডেভিল সেটার পাশ দিয়ে চলে যাচ্ছে, মাটিতে রেখে যাচ্ছে তার চলে যাবার প্রমাণ-তরল কাঁচ।
স্যান্ড ডেভিলগুলো কোন একভাবে প্রচন্ড তাপ শক্তি উৎপন্ন করছে, বালুকে পরিণত করছে কাঁচে। রেডিওতে দেয়া সাফিয়ার সতর্কবার্তা মনে পড়ে গেল পেইন্টারের। মেসার দিকে যেতে নিষেধ করেছিল মেয়েটা, কিন্তু মানেনি সে।
ট্রাক্টরে আটকা পড়েছে পেইন্টার। বালুর ঘূর্ণিপাকে পড়ে চরকির মতো পাক খাচ্ছে। চারপাশে ছড়িয়ে আছে মৃত্যুর নানা নিদর্শন। একটা ঘূর্ণি বন্ধ হলে তার স্থান দখল করে নিচ্ছে আরো তিনটা। পিছু ধাওয়াকারী ট্রাকটাও পাক খাচ্ছে।
দুই বাহনের মাঝখানের দূরত্ব একটা সুযোগ এনে দিয়েছে পেইন্টারকে, তার সদ্বব্যবহার করার সিদ্ধান্ত নিলো ও।
পরিকল্পনাটা শুনলে বদ্ধপাগল পর্যন্ত কেঁপে উঠবে ভয়ে। কিন্তু বসে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করার চেয়ে তো ভালো মরলে, লড়াই করেই মরবে। নিজের শরীরের দিকে তাকাল একবার, পরনে শুধু একটা বক্সার।
উঠে দাঁড়িয়ে ট্রাক্টরটার পেছনে চলে গেল ও, খুব বেশি কিছু নেয়া যাবে না সাথে।
একটা পিস্তল আর একমাত্র ছুরিকে সঙ্গী বানালো। গোছানো শেষ করে পেছনের দরজার কাছে চলে এল সে। খুব দ্রুত কাজ ও সারতে না পারলে…বুক ভরে শ্বাস নিলো একবার, খুলে ফেলল দরজা।
আচমকা বালুর ভেতর থেকে মাথা উঁচু করে দাঁড়ালো একটা স্যান্ড ডেভিল। স্থির বিদ্যুতের ধাক্কায় পিছিয়ে গেল ও। একদম সময় নেই হাতে।
পার্শ্ব দরজার দিকে এগোল পেইন্টার, বলতে গেলে চোখ বন্ধ করে লাফ দিল। বালুর উপর পড়তেই, হাঁটু পর্যন্ত ডুবে গেল ও। এখানকার বালু খুব নরম। এদিকে ওর ট্রাক্টরের দিকে এগিয়ে আসছে একটা স্যান্ড ডেভিল। কোনক্রমে নিজেকে মুক্ত করে নিলো পেইন্টার, দৌড়াল ট্রাক্টরের সামনের দিকে। ঘূর্ণির টানে কমে গিয়েছে ওর গতি।
পঞ্চাশ গজ দূরে ফ্ল্যাটবেডটা দেখতে পেল। দৌড়ালো সেটাকে লক্ষ্য করে।
ট্রাকে থাকা সৈন্যরাও নিশ্চয় দেখতে পেয়েছে ওকে। কেননা খুলে গেল ওটার দরজা, রাইফেল হাতে এক সৈন্যকে দেখতে পেল পেইন্টার।
তবে ব্যাপারটা আঁচ করতে পেরে আরো আগেই পিস্তল তাক করেছে ও। একের পর এক গুলি চালিয়ে গেল ও, হিসেব করে গুলি করার কোন অর্থই নেই। হাত দুদিকে ছড়িয়ে শুয়ে পড়ল ড্রাইভার।
এদিকে আগুন লেগে গিয়েছে ওর ট্রাক্টরে, বিস্ফোরণের ধাক্কায় চেহারা সামনের দিকে দিয়ে পড়ে গেল সে, কিন্তু সাথে সাথে উঠে বসে আবার শুরু করল দৌড়ানো। জানে, একবার থামলে আর কোনদিন দৌড়াবার সুযোগ না-ও মিলতে পারে। থুতুর সাথে মুখ থেকে পরিষ্কার করল বালু।
ট্রাক্টরটা একদিকে কাত হয়ে গিয়েছে, জ্বলন্ত অগ্নিকুন্ডের মতো দেখাচ্ছে। আবার দৌড়াবার দিকে মনোযোগ দিল ও।
ট্রাকের কাছে পৌঁছাবার পর হাচরে পাচরে কোনক্রমে ওটার ফ্ল্যাট বেডে পৌঁছল পেইন্টার। তারপুলিনটা এখনও জায়গামতো আছে, কুঁচকে আছে যদিও। ছুরি দিকে কেটে ফেলল তারপুলিনের বাঁধন।
ট্রাকের বেডে কী আছে, তা আগেই দেখে ফেলেছে পেইন্টার।
একটা ওয়ান ম্যান কপ্টার।
০৬:২২ পি.এম.
পিস্তলের আওয়াজ শুনতে পেল সাফিয়া।
পেইন্টার…
সিড়িপথের প্যাসেজে গাদাগাদি করে দাড়িয়ে ছিল সাফিয়া। তার সাথে দাড়িয়ে ছিল কারা এবং লুলু। কিভাবে এখান থেকে পালানো যায় তা নিয়ে ভাবছিল এতক্ষণ। উত্তরটা মাথায় আসি আসি করেও আসছে না। কোন একটা সূত্র ধরতে পাচ্ছে না। রহস্যটা নিয়ে মাথা ঘামিয়ে চলছে ও।
একটু আগের চিন্তাটা আবারও মনে পড়ে গেল ওর। কিভাবে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ এসে মিলেছে এখানে একবিন্দুতে। চোখ বন্ধ করল সে, উত্তরটা বার বার ফসকে যাচ্ছে।
এরপর শুনতে পেল গুলির শব্দ।
সেই সাথে ভেসে এল বিস্ফোরণের আওয়াজ, মনে হলো ধারে কাছে কোথাও ট্রাক বিস্ফোরিত হয়েছে। | দৌড়ে মেসার উপর উঠে এল সাফিয়া, দেখতে পেল আগুনের গোলক উঠে যাচ্ছে উপরে। ট্রাক্টরটা একদিকে কাত হয়ে আছে।
ওহ, খোদা…পেইন্টার… নগ্ন একটা অবয়বকে দৌড়াতে দেখল সে।
কারা যোগ দিল ওর সাথে, “ক্রো!”
আশায় বুক বাঁধল সাফিয়া, “তুমি নিশ্চিত?”
“ওই লম্বা চুল দেখেই বুঝে যায়।”
অবয়বটা ট্রাকের পেছনে উঠে পড়ল। এরপর নজরে এল কপ্টারের রোটর, কানে। শুনতে পেল গুঞ্জন।
দীর্ঘশ্বাস ফেলল কারা, “মানুষটার মাথায় বেশ ভালোই চিকন বুদ্ধি, মানতেই হয়।”
আচমকা একটা ঘূর্ণিকে ট্রাক আর আর কপ্টারের দিকে এগোতে দেখল সাফিয়া। কিন্তু পেইন্টার দেখেছে কি?
০৬:২৩ পি.এম.
পেইন্টার কন্ট্রোলের পাশে শুয়ে আছে। দুই হাতের কাছে আছে দুই কন্ট্রোল। রোটরের গতি বাড়িয়ে দিল ও। স্পেশাল ফোর্সেস ট্রেনিং নেবার সময় হেলিকপ্টার চালিয়েছে সে, কিন্তু এরকম কোনটা চালায়নি। কতটুকুই বা পার্থক্য?
ডান থ্রটলটা ধরে টান দিল পেইন্টার । কিছু হলো না। এরপর নজর দিল বাম দিকে, তবুও কিছু হলো না। পার্থক্য আছে তাহলে।
যা আছে কপালে ভেবে একসাথে দুই থ্রটল ধরে টান দিল ও। কাজ হলো এবার, সোজা উপরে উঠে গেল কপ্টার। রোটরের গুঞ্জন ওর হৃদপিন্ডের স্পন্দন মিলে গেল একবিন্দুতে।
কপ্টারের লেজের সাথে লেগে থাকা ঘূর্ণিটাকে এতক্ষণে দেখতে পেল পেইন্টার। নরক থেকে উঠে আসা দানবের মত লাগছে ওটাকে।
কন্ট্রোল ধরে নাড়াচাড়া করলো পেইন্টার। বুঝে নিলো কোনটা ডানে, কোনটা বায়ে আর কোনটা সামনে নিয়ে যায়। সামনে যাওয়াই ভালো।
মরুভূমি পৃষ্ঠের সামান্য উপর দিয়ে এগোচেছ কপ্টার, গোত্তা খাবার আগেই যন্ত্রটার নাক তোলার প্রয়াস পেল সে।
কিন্তু সমস্যা হলো, মেসাটাতে পৌঁছাতে হলে ভয়ংকর দর্শন ঘূর্ণি পার হতে হবে ওকে। কোনক্রমে ওটার ধার ঘেঁষে বেরিয়ে যাবার চেষ্টা করল।
একচুল দূর দিয়ে যেতে সক্ষম হলো শেষ পর্যন্ত।
কিন্তু একেবারে শেষ মুহূর্তে বিদায়ী উপহার হিসেবে যেন বজ্রের একটা চাবুক চালালো ঘূর্ণি। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বিদ্যুতের শক অনুভব করলো সে। অনুভব করলো কপ্টারটাও।
বন্ধ হয়ে গেল কপ্টারের ইঞ্জিন। মরুভূমির দিকে গোত্তা খেয়ে পড়তে শুরু করল জিনিসটা। রিবুট করার চেষ্টা চালালো পেইন্টার, খক খক করে কাশতে কাশতে বন্ধ হয়ে গেল ইঞ্জিন।
মেসাটা একদম সামনেই। বন্ধ হয়ে যাওয়া কপ্টারটা মেসার দিকে চালাবার আপ্রাণ চেষ্টা চালালো পেইন্টার।
আরেক বার রিবুট করার চেষ্টা চালালো ও, সফল হলো এবার। দুটো থ্রটল একসাথে টেনে ধরল। নাক তুলল কপ্টার। মেসাটার ক্লিফ ধেয়ে এল ওর দিকে। “আরেকটু…” দম বন্ধ করে বললো পেইন্টার। মেসাটার শীর্ষের ওপর এক মুহুর্তের জন্য নজর পড়ল ওর। কপ্টারটাকে কয়েক ইঞ্চি উপরে ওঠাবার আপ্রাণ চেষ্টা চালালো সে। ধারের সাথে আটকে গেল কপ্টারের ল্যান্ডিং স্কিড, উল্টে গেল কপ্টার। পাথরে বাড়ি খেয়ে টুকরো টুকরো হয়ে গেল রোটর।
কপাল ভালো পেইন্টারের, যে অংশে ও বসে ছিল সেটা মেসার উপর এসে পড়ল। মাথায় আঘাত পেল ও, কিন্তু অন্তত জানে তো বেঁচে গেল।
নিজেকে কপ্টারটা থেকে বের করে আনলো সে। পাথরের উপর শুয়ে শুয়ে হাঁপাল কিছুক্ষণ। নিজের সৌভাগ্যকে নিজের বিশ্বাস হতে চাইছে না।
সাফিয়া দ্রুত এগিয়ে গেল ওর দিকে। কারা অনুসরণ করলো সাফিয়াকে, হাত বেঁধে তাকাল পেইন্টারের দিকে, “চেষ্টাটা মন্দ ছিল না। কিন্তু আগে কী কখনও শোননি-তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে?”
উঠে বসল সিগমা এজেন্ট, “কেন? কী হচ্ছে এখানে?”
“নিরাপদ কোনও জায়গায় যাওয়া দরকার।” বলল সাফিয়া, পেইন্টারকে উঠে বসতে সাহায্য করল।
“কোথায় যাবে?” কারা ওর অন্য হাত ধরে বলল, “বালুঝড় এই মরুভূমিকে টেনে ছিঁড়ে ফেলবে। আর নিচে উবারে ধরে গিয়েছে আগুন।”
সোজা হয়ে দাঁড়াল সাফিয়া, “আমি জানি, কোথায় যাওয়া যেতে পারে।”
