ফক্সহান্ট
নভেম্বর ১৪, ০৭:০৪ এ. এম. ইএসটি
লেডিয়ার্ড, কানেকটিকাট
যে কোন ধরনের শিকারে সফল হবার জন্য চাই ধৈৰ্য্য। পেইন্টার ক্রো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ওর মাতৃভূমিতে। তার বাবার গোত্রের লোকরা এই এলাকাকে ডাকে মাসানটুকেট-“গাছের রাজ্য” বলে। কিন্তু পেইন্টার যেখানে দাড়িয়ে আছে সেখানে নেই কোন গাছ, নেই পাখির কোলাহল বা বাতাসের মৃদু স্পর্শ। তার বদলে কান না পাতলেও শুনতে পাওয়া যাবে স্লট মেশিনের খটাখট, পয়সার ঝনঝনানি। শ্বাস নিতে হয় পরিশোধিত বাতাসে। | ফক্সউড রিসোর্ট এন্ড ক্যাসিনো বিশ্বের সবচেয়ে বড় গ্যাম্বলিং কমপ্লেক্স (জুয়াখেলার স্থান), এমনকি লাস ভেগাস বা মন্টি কার্লোতেও এত বড় কমপ্লেক্স নেই! লেডিয়ার্ডের ঠিক বাইরে, মাসানটুকেট রিজার্ভেশনের ঠিক মাঝখানে গাছপালা ভেদ করে দাড়িয়ে আছে বিশাল কমপ্লেক্সটি। জুয়াখেলার বিভিন্ন উপকরণ ছাড়াও রিসোর্টে আছে তিনটা বিশ্বমানের হোটেল। পুরো কমপ্লেক্সটার মালিক পিকো ট্রাইব (গোত্র) । পিকো ট্রাইব অর্থ “ফক্স পিপল (শেয়াল মানব)” । এই মাটিতে দশ হাজার বছর ধরে শিকার করে বেড়াচ্ছে গোত্রটি। কিন্তু আজকের শিকারের লক্ষ্য হরিণ না, আর না কোন শেয়াল । আজকের শিকার একজন চাইনিজ কম্পিউটার সায়েন্টিস্ট-জিন ঝ্যাং।
ঝ্যাং অবশ্য নিজের আসল নামের চেয়ে নকল নাম-কেয়াস নামেই বেশি পরিচিত। দক্ষ হ্যাকার আর কোড ব্রেকার এই ঝ্যাং। ডোশিয়ে পড়ে লোকটার প্রতি শ্রদ্ধা জন্মেছে পেইন্টারের মনে। গত তিন বছর ধরে ইউ.এস.এ-এর বিরুদ্ধে অনেকগুলো সফল কম্পিউটার এসপিউনাজ মিশন সম্পন্ন করেছে, এই মুহুর্তে রাফল লরেন স্যুট পড়া লোকটি। এবার তো একেবারে লস অ্যালামস থেকে প্লাজমা উইপনস টেকনলজি চুরি করে এনেছে।
অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে পেইন্টার-কখন শিকার পাই গো (এক ধরনের খেলা) এর টেবিল ছেড়ে উঠবে। অবশেষে ফল মিলল অধ্যবসায়ের, উঠেছে লোকটা।
“ক্যাশ করে নেবেন, ডা. ঝ্যাং?” পিট বস জানতে চাইল। ভোর সাতটা বাজে, ঝ্যাং বাদে অন্য কোন খেলোয়াড় নেই। আর আছে লোকটার বডিগার্ড।
পেইন্টার তাই দূর থেকে নজর রাখছে। কোন ঝুঁকি নিতে চায় না সে, অন্তত এতদূর আসার পর তো নয়-ই।
ঝ্যাং ডিলারের দিকে এগিয়ে দিল নিজের কালো চিপস গুলো। ডিলার মেয়েটি টাকা গোনা শুরু করল।
লোকে বলে, চাইনিজদের চেহারা দেখে মনের ভাব বোঝার উপায় নেই। ঝ্যাংকে দেখে কথাটা সত্যি বলে মনে হলো পেইন্টারের। একেবারে অনুভুতিশুন্য চেহারা।
দেখে কেউ আঁচ পর্যন্ত করতে পারবে না যে, লোকটা কত বড় ক্রিমিনাল। পনেরোটা দেশের পুলিশের ওয়ান্টেড লিষ্টে ওর নাম আছে। একেবারে পশ্চিমা ব্যবসায়ীদের মত বেশ নিয়েছে লোকটা একটা দারুণ স্যুট, সিল্ক টাই আর হাতে প্লাটিনাম রোলেক্স। চোখে চশমা, হালকা নীল রঙের কাচ দিয়ে বানানো। জিনিসটা ওর চেহারায় জ্ঞানী জ্ঞানী একটা ভাব এনে দিয়েছে।
অবশেষে গোনা শেষ হলো ডিলারের, “পুরো পঞ্চাশ হাজার ডলার।” পিট বস মেয়েটির দিকে চেয়ে নড করলে, টাকাগুলো শুনল ডিলার। “সৌভাগ্য আপনার সাথী হোক।” বস বলল। | ঝ্যাং চুপচাপ ওর দুই বডিগার্ড নিয়ে ঘুরে দাঁড়াল, এমনকি একবার নড পর্যন্ত করল না। সারা রাত ধরে জুয়া খেলেছে সে। সুর্য উঁকি দিচ্ছে পূর্বাকাশে। তিনঘন্টার মাথায় সাইবার ক্রাইম ফোরাম আবার চালু হয়ে যাবে। পরিচয় পত্র চুরি, দালানের নিরাপত্তা ইত্যাদি আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হবে কনফারেন্সটিতে।
দুই ঘন্টা পর শুরু হবে হিউলেট প্যাকার্ডের ব্রেকফাস্ট সিম্পোজিয়াম। এই মিটিং চলাকালীন সময়েই ঝ্যাং লেনদেন সেরে ফেলবে। লোকটার আমেরিকান কন্ট্যাক্ট কে, তা এখনও জানা যায়নি। পেইন্টারের এই গোপন মিশনের এটাও একটা উদ্দেশ্য। চুরি করা ডাটা পুনরুদ্ধারের সাথে সাথে ঝ্যাং এর আমেরিকান কন্ট্যাক্টকেও ধরতে চায় সিগমা।
এমন একটা মিশন, যেখানে ব্যর্থ হবার কোন সুযোগ নেই। পেইন্টার পিছু নিল। মাইক্রো-সার্ভেইল্যান্স আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ সে অসাধারণ দক্ষ। ডারপার বসেরা সেজন্যই ওকে বেছে নিয়েছেন। তবে ফক্সউডের মত জায়গায় কারও নজর না কাড়ার ব্যাপারটাও আছে। দোআঁশলা হলেও, পেইন্টারের মাঝে বাবার যতটুকু ছাপ আছে তা দিয়ে সহজেই ওকে পিকো ইন্ডিয়ান বলে চালিয়ে দেয়া যায়। একটা ট্যানিং স্যালনে গিয়ে চামড়াটা আরেকটু বাদামী করে নিতে হয়েছে আর কন্টাক্ট লেন্সের সাহায্যে মার কাছ থেকে পাওয়া নীল চোখজোড়া ঢাকতে হয়েছে-এই যা।
বেশ কিছুটা দূর থেকে ঝ্যাংকে অনুসরণ করছে পেইন্টার। সরাসরি একবারও ওদিকে তাকায়নি। হঠাৎ ইয়ারপিসে গুঞ্জন উঠল, চিনতে পারল পেইন্টার- ঝ্যাং এর গলা। নিজের স্যুইটের দিকে ফিরতে ফিরতে মান্দারিনে কথা বলছে লোকটা।
গলায় লাগানো মাইক্রোফোনটা স্পর্শ করল পেইন্টার, সাবভোকাল (স্বরযন্ত ব্যবহার করে কোন আওয়াজ না করে শুধু স্পন্দনের সাহায্যে কথা বলা) আওয়াজে বলল, “স্যানচেজ, শুনতে পাচ্ছ?”
“একেবারে পরিষ্কার, কমান্ডার।”
ক্যাসান্দ্রা স্যানচেজ এই মিশনে ওর সহকারী। ঝ্যাং-এর স্যুইটের ঠিক উল্টো পাশে আস্তানা গেঁড়ে বসেছে মেয়েটি।
“সাবডার্মাল (চামড়ার নিচে লাগানো) যন্ত্রটা কাজ করছে?”
“করছে। কিন্তু খুব তাড়াতাড়ি কাজ না সারতে পারলে সমস্যা হবে। জিনিসটার পাওয়ার প্রায় শেষের দিকে।”
পেইন্টার ভ্রু কুঁচকে ফেলল। সাবডার্মাল জিনিসটা আসলে একটা আড়িপাতা যন্ত্র। আগের দিন ঝ্যাং-এর শরীর ম্যাসেজ করার উছিলায় ক্যাসান্দ্রা সেটাকে জায়গামত বসিয়ে দিয়েছে। ল্যাটিন আমেরিকান বলে, স্যানচেজকে অনায়াসে ইন্ডিয়ান বলে চালিয়ে দেয়া যায়। আড়িপাতা যন্ত্রটা একেবারেই ছোট, তাই ঝ্যাং চামড়া ফুটো হবার ব্যথা একদম টের পায়নি। তাও সাবধানের মার নেই ভেবে, স্যানচেজ চামড়ার রঙের সাথে মিলিয়ে একটা সার্জিকাল টেপ লাগিয়ে দিয়েছিল। ম্যাসেজ করা শেষ হতে হতে, ঐ ছিদ্রের আর কোন অস্তিত্বই রইল না। তবে সমস্যা একটাই, জিনিসটার আয়ুষ্কাল মাত্র বারো ঘণ্টা।
“আমাদের হাতে কতক্ষণ সময় আছে?”
“খুব বেশি হলে…আঠারো মিনিট।” বারো জন ডারপা এজেন্ট দুই সপ্তাহ খেটে চুরির পেছনে দায়ী ব্যক্তিটিকে খুঁজে বের করতে পেরেছেঃ জিন ঝ্যাং। কাগজে কলমে সে চ্যাংনেট, সাংহাইয়ের একটা টেলিকমের উচ্চ পদস্থ কর্মচারী। কিন্তু আসলে সে একজন গুপ্তচর। সিআইএ-র দেয়া তথ্য মতে, ঝ্যাং-এর স্যুইটে রাখা একটা স্যুটকেস কম্পিউটারে পোরা আছে সব তথ্য। কিন্তু এমন ব্যবস্থা করে দেয়া আছে যে, ঠিক মতো আনলক করতে না পারলে সব মুছে যাবে।
সেই ঝুঁকি নেয়া সম্ভব না। কেননা লস অ্যালামসে রেখে আসা ঝ্যাং-এর ওয়ার্ম নিজের কাজ খুব ভালোমত করেছে। প্লাজমা ক্যানন সম্পর্কিত সব তথ্য মুছে গিয়েছে। নাওয়া খাওয়া ছেড়ে কাজ করলে আগের অবস্থায় ফিরতে সময় লাগবে না হলেও দশ মাস। কিন্তু সমস্যা হলো, তথ্যগুলো চায়নার হাতে পড়লে তারা এগিয়ে যাবে পাঁচ বছর।
কিন্তু সময় যে বয়ে যাচ্ছে, হাতে আর বেশি অবশিষ্ট নেই।
এলিভেটর চালু হলে পেইন্টার গলার মাইক্রোফোন স্পর্শ করে বলল, “উপরে উঠছে।”
“বুঝতে পেরেছি, তোমার নির্দেশের অপেক্ষা করছি কমান্ডার।”
এদিকে এলিভেটরের দরজা বন্ধ হবার সাথে সাথে, পেইন্টার পাশের এলিভেটরে উঠে পড়েছে। আগেই হলুদ টেপ দিয়ে আটকে রাখা হয়েছিল ওটা। টেপে কালো অক্ষরে লেখা ছিলঃ নষ্ট।
“ঢুকে পড়েছি।”
স্যানচেজ সাবধান করে দিল ওকে, “তৈরি হয়ে নাও।”
দরজা বন্ধ হতে হতে, এলিভেটরের মেহগনি প্যানেলে হেলান দিয়ে দাঁড়াল পেইন্টার।
ছুঁড়ে দেয়া গুলির মত উপরে ছুটল এলিভেটর । স্যানচেজ ওর এলিভেটরের গতি ম্যাক্সিমাম করে রেখেছে আগেই। আর ঝ্যাং-এর এলিভেটরের গতি কমিয়ে দিয়েছে চব্বিশ পার্সেন্ট। আশা করা যায়, ঝ্যাং ব্যাপারটা টের পাবে না। বত্রিশতম তলায় এসে ঝাঁকি দিয়ে থামল পেইন্টারের এলিভেটর। এতটাই আচমকা যে মেঝে থেকে উপরে উঠে গেল ওর দেহ। এক মুহূর্ত পর আবার আছড়ে পড়ল মেঝেতে। দরজা খুললে, টেপের নিচ দিয়ে বের হলো সে। অন্য এলিভেটরটার দিকে তাকিয়ে দেখল, এখনও তিন তলা নিচে আছে সেটা। তাড়াতাড়ি করতে হবে।
দৌড়ে ঝ্যাং-এর স্যুইটের সামনে চলে এল সে। “ভেতরের কী খবর?” জানতে চাইল সে।
“মেয়েটাকে খাটের সাথে বেঁধে রাখা হয়েছে। ভেতরে দুই জন গার্ড তাস পেটাচ্ছে।”
“রজার দ্যাট।” সুইটের হিটিং ভেন্টে আগেই পেন্সিল ক্যামেরা সেট করে রেখেছে স্যানচেজ। ঝ্যাং-এর স্যুইটের ঠিক উল্টোটার দরজা খুলল পেইন্টার।
ক্যাসান্দ্রা স্যানচেজের চারদিকে মাকড়সার জালের মত ছড়িয়ে আছে নজরদাড়ী করার সব যন্ত্রপাতি। মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় পরে আছে মেয়েটি। এমনকি তার কাঁধেও একটা কালো হোলস্টার, তাতে শোভা পাচ্ছে .৪৫ সিগ সওয়ার। নিজের মত করে বানিয়ে নিয়েছে সে বন্দুকটা। বাঁটটা স্বাভাবিকের চেয়ে বড়, রাবার দিয়ে মোড়া। ম্যাগাজিন রিলিজ করার ক্যাচটা ডান দিকে। খুব দক্ষ মার্কসম্যান সে, সিগমায় আসার আগে স্পেশাল ফোর্সে ট্রেনিং নিয়ে এসেছে।
চোখে উত্তেজনা নিয়ে পেইন্টারকে স্বাগত জানালো মেয়েটা।
ক্যাসান্দ্রাকে দেখে শ্বাস ফেলার গতি যেন বেড়ে গেল পেইন্টারের। সিল্কের ব্লাউজ মেয়েটির স্তন জোড়াকে ঢেকে রাখতে ব্যর্থ হয়েছে। নিজেকে সামলাতে চোখ উপরে তুলে নিল সে। গত পাঁচ বছর ধরে একে অন্যের পার্টনার ওরা। কিন্তু নিজেদের মাঝে সম্পর্কটা ঘন হয়েছে এই অল্প কয়দিন হলো। | মেয়েটিও যেন বুঝতে পারল ওর অবস্থা।
“হারামজাদারা এসে পড়েছে প্রায়।” মনিটরের দিকে নজর ফেরালো সে, “পনের মিনিটের মাঝে যদি ফাইলগুলো ওপেন না করে সে… শিট!”
“কী হলো?” জানতে চাইল পেইন্টার।
একটা মনিটরের দিকে আঙুল তুলে দেখাল ক্যাসান্দ্রা। গ্রান্ড পিকো টাওয়ারের থ্রি-ডি ইমেজ দেখা যাচ্ছে ওতে। একটা ছোট লাল X জ্বলছে ওতে। “ঝ্যাং আবার নিচে নামছে!”
হাত মুঠো করে ফেলল পেইন্টার। “কিছু একটা সন্দেহ করতে পেরেছে হয়তো। এলিভেটরে ওঠার পর কি স্যুইটের সাথে কোন যোগাযোগ করেছে?”
“একবারও না।”
“কম্পিউটারটা কোথায়? ওখানেই আছে?”
আরেকটা মনিটরের দিকে দেখাল মেয়েটি। ওতে ঝ্যাং-এর স্যুইটের সাদা কালো ছবি দেখা যাচ্ছে। ছোট কম্পিউটারকে দেখতে পেল পেইন্টার। ভেতরে ঢুকে ওটা ছিনিয়ে আনতে কোন কষ্টই হবে না ওর, কিন্তু ওর চাই ঝ্যাং-এর কোডগুলো। নয়ত কম্পিউটারে জমা করে রাখা সব তথ্য পরিণত হবে আবর্জনায়। আড়িপাতা যন্ত্রটা এজন্যই ফিট করা হয়েছিল, ঝ্যাং এর টাইপ করা সবগুলো কী বুঝতে পারত ওটার সাহায্যে।
“আবার নিচে যেতে হবে।” বলল পেইন্টার । যন্ত্রটার রেঞ্জ মাত্র দুইশ মিটার। তাই কাউকে না কাউকে সবসময় ওটার কাছে থাকতে হয়।
“যদি আমাদের উপস্থিতি আন্দাজ করতে পারে-”
“আমি জানি।” দরজার দিকে এগোতে এগোতে বলল ও। ঝ্যাং যদি ওদের উপস্থিতির কথা আন্দাজ করতে পারে, তাহলে আর কোন উপায় নেই-মেরে ফেলতে হবে ক্রিমিনাল লোকটাকে। চায়নার হাতে কোনক্রমেই তথ্যগুলো পড়তে দেয়া যাবে না। সেভাবে ব্যাকআপ প্ল্যান করে রেখেছে ওরা। সিগমা কাঁচা কাজ করে না। তাদের ব্যাকআপ প্ল্যানের-ও ব্যাকআপ প্ল্যান থাকে। এমনকি, স্যুইটের ভেন্টিলেশন গ্রেটে একটা ছোট ইএম গ্রেনেডও আছে (ইএম-ইলেকট্রো ম্যাগনেটিক, এধরনের গ্রেনেড ফাটিয়ে একটা নির্দিষ্ট এলাকার সব ইলেকট্রনিক যন্ত্রপাতি অকেজো করে দেয়া যায়)। এক মুহূর্তের নোটিশে ওটাকে ফাটিয়ে দিতে পারে পেইন্টার। এতে করে কম্পিউটার থেকে সব তথ্য মুছে যাবে।
পেইন্টার আবার দৌড়ে গিয়ে ঢুকল ওর এলিভেটরে। “ওদের আগে আমাকে নিচে নামিয়ে দিতে পারবে?”।
“শক্ত করে কিছু একটা আঁকড়ে ধর।” জবাবে ক্যাসান্দ্রা বলল। কিন্তু মেয়েটার পরামর্শ মোতাবেক কাজ করার আগেই পায়ের নিচ থেকে সরে গেল এলিভেটরের মেঝে। বাধাহীনভাবে পড়তে শুরু করল এলিভেটর। একেবারে শেষ মুহূর্তে এসে ব্রেক কষে থামল যন্ত্রটা, অনেক চেষ্টা করেও নিজের পায়ে দাঁড়িয়ে রইতে পারল না পেইন্টার।
দরজা খুলে গেলে হাচরে পাঁচরে উঠে দাঁড়াল ও। মাত্র পাঁচ সেকেন্ডে ত্রিশ ফ্লোর! রেকর্ড করে ফেলেছে নিশ্চয়। এলিভেটর থেকে বের হয়ে লবিতে এসে দাঁড়াল সে, ঝ্যাং-এর এলিভেটরের দিকে তাকিয়ে বুঝল এই মুহূর্তে মাত্র আর কয়েক ফ্লোর উপরে আছে ওটা।
কয়েকপা পিছিয়ে এল পেইন্টার, এমন ভান করছে যেন সে ক্যাসিনোর | সিকিউরিটি গার্ড।
এলিভেটর এসে পৌছাল অবশেষে, খুলে গেল দরজা। আড়চোখে এলিভেটরের ভেতরে নজর ফেলল সে, ওহ শিট… খালি ভেতরটা!
ঝ্যাং অন্য কোন ফ্লোরে নেমে পড়ল নাকি? এলিভেটরের ভেতর ঢুকল সে। অসম্ভব। এটা এক্সপ্রেস এলিভেটর। মাঝখানে বিরতি দেবার প্রশ্নই ওঠে না।
ঠিক সেই মুহূর্তে পেইন্টারের নজরে পড়ল এলিভেটরের পেছনের দেয়ালের দিকে। কিছু একটা টেপ দিয়ে লাগানো আছে। ঝিলিক দিচ্ছে প্লাষ্টিক আর ধাতু। মাইক্রোট্রান্সিভার, আড়ি পাতার যন্ত্রটা।
দুরু দুরু বুকে এলিভেটরে প্রবেশ করল পেইন্টার। চোখ কেবলমাত্র টেপের উপর। টেনে খুলে নিল জিনিসটা। কাছ থেকে পরীক্ষা করল। ঝ্যাং ওকে ধোকা দিয়েছে!
হে খোদা… “স্যানচেজ!” কোন উত্তর পেল না ওপাশ থেকে। ঘুরে দাঁড়িয়ে চাপল এলিভেটরের সুইটস লেখা বাটন, মনে হলো খুব ধীরে ধীরে বন্ধ হচ্ছে এলিভেটরের দরজা। রেডিওতে মেয়েটাকে ধরার জন্য আরেকবার চেষ্টা করে দেখল সে, কিন্তু কোন উত্তর পেল না।
“গড ড্যাম…” এলিভেটর ওঠা শুরু করল। পেইন্টার নিজেকে সামলাতে পারল , মেহগনি প্যানেলের ঘুষি বসাল, “আরো জোরে যা, হারামজাদা!” কিন্তু মনে মনে জানে, অনেক দেরী হয়ে গিয়েছে।
০২:৩৮ পি.এম,
জিএমটি লন্ডন, ইংল্যান্ড
কেনসিংটন গ্যালারির সামনে, হলে দাড়িয়ে সাফিয়ার মনে হলো-ওর দম বন্ধ হয়ে আসছে। কিন্তু এই অনুভূতি পোড়া কাঠের গন্ধ বা আগুনের ধোঁয়ার জন্য হচ্ছে না। হচ্ছে অপেক্ষার জন্য। সারাটা সকাল ধরে অপেক্ষা করছে ও, কিন্তু ভেতরে ঢোকার অনুমতি পায়নি।
কেবলমাত্র অফিশিয়াল লোকদের জন্য।
সিভিলিয়ানদের হলুদ টেপটা অতিক্রম করার অনুমতি নেই, তার উপর গার্ড দিচ্ছে মিলিটারির লোক।
প্রায় অর্ধদিন পর ওকে ঢোকার অনুমতি দেয়া হলো। এবার নিজের চোখেই দেখতে পাবে ভেতরের ধ্বংস যজ্ঞ। ভেতরে ঢুকবার ঠিক আগ মুহূর্তে ওর মনে হচ্ছিল, হৃদপিন্ড যেন লাফিয়ে গলায় চলে এসেছে। কিছু কি অবশিষ্ট আছে? পুনরুদ্ধার করতে পারবে কি সে? যতটুকু আশা অবশিষ্ট ছিল, গ্যালারিতে ঢুকে তাও মুহূর্তের মাঝে উড়ে গেল।
এই গ্যালারি শুধু ওর অ্যাকাডেমিক অর্জনের ঘাঁটি-একথা ভাবলে বড় ভুল হবে। তেল আবিবের পর, সাফিয়া নতুন করে নিজেকে গুছিয়ে নিয়েছে এই গ্যালারিটাকে সাজিয়ে তোলার মাধ্যমে। আরবকে ছেড়ে ইংল্যান্ডে এসেছে সে, কিন্তু মাতৃভূমিকে মন থেকে মুছে ফেলা কি আর সম্ভব? সে যে এক আরবী মায়ের সন্তান। আর তাই লন্ডনের প্রাণকেন্দ্রে সাজিয়ে নিয়েছে নতুন এক আরব। ঘর বলে মনে হয় জায়গাটাকে, শান্ত আর নিরাপদ স্থান।
নাহ, ঘর না । ঘরের চেয়েও বেশি কিছু…।
এই গ্যালারিটা শুধু নিজের জন্য সাজায়নি সে, সাজিয়েছে ওর মায়ের জন্যও। যে মাকে খুব কষ্ট করে মনে করতে হয়। একে অন্যের সাথে জীবনের মুহূর্তগুলো শেয়ার করতে পারেনি তো কী হয়েছে, এই গ্যালারিটাকে তো শেয়ার করতে পারে! কিন্তু এখন? এখন সব ধ্বংস হয়ে পড়ে আছে চোখের সামনে। “আমাদেরকে ঢোকার অনুমতি দিয়েছে।”
আচমকা রায়ান ফ্লেমিং-এর গলা শুনে সম্বিত ফিরল সাফিয়ার। সিকিউরিটি প্রধান এখনও ওর সাথে আছে।
“চিন্তা করো না, আমি তোমার সাথেই থাকব।” স্বান্তনা দেয়ার সুরে বলল রায়ান।
জোর করে শ্বাস টানল মেয়েটি, নড করে জানাল কৃতজ্ঞতা। ভয়ে ভয়ে এগোল সামনের দিকে। গ্যালারির এন্ট্রান্স পার হয়ে উঁকি দিল ভেতরে।
জানত কী দেখতে পাবে, কিন্তু শোনা আর নিজের চোখে দেখা পুরো আলাদা ব্যাপার।
চিরপরিচিত সেই উজ্জ্বল গ্যালারিটা পরিণত হয়েছে কালো খুপরিতে। আগুন ধ্বংস করে ফেলেছে সবকিছু। কিন্তু কেন ঘটল ব্যাপারটা? সাফিয়া কিছুই ভাবতে পারছে না।
“রাবারের জুতা পরে নাও,” ফ্লেমিং ওকে টেনে একপাশে জড়ো করে রাখা রাবারের বুটের দিকে নিয়ে গেল। “ওহ, আর শক্ত হ্যাটও লাগবে।”
“শুরু করব কত্থেকে?” জানতে চাইল কেউ।
প্রয়োজনীয় পোশাক পরিধান করে গ্যালারিতে প্রবেশ করল সাফিয়া, রোবটের মত হেঁটে দেখছে সবকিছু। যেন দেখছে সব-ই, কিন্তু কী দেখছে তা উপলব্ধি করতে পারছে না। পায়ের নিচে কিছু একটা পড়তে সেদিকে নজর দিল সে। এক টুকরো পাথর, অ্যাসারিয়ান একটা ট্যাবলেটের অংশ। সোজা হয়ে দাঁড়াল সে।
এতক্ষণে গ্যালারিতে উপস্থিত অন্যদের দিকে নজর পড়ল তার। অনাহুত আগন্তুক এসে ঢুকেছে ওর ঘরে। জায়গায় জায়গায় জটলা বেঁধে দাঁড়িয়ে আছে লোকগুলো, কথা বলছে নিচু স্বরে। সাফিয়ার মনে হলো, যেন কোন কবরস্থানে চলে এসেছে। সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের সদস্য এসে উপস্থিত হয়েছে, এরপর কী করণীয় তা ঠিক করতে চায়।
হঠাৎ শীতল ক্রোধ আচ্ছন্ন করে ফেলল সাফিয়াকে, ইচ্ছা হলো ঘাড় ধরে সবাইকে বের করে দেয়। এটা তার গ্যালারি, তার আবাস। একদিক দিয়ে ভালোই হলো, ক্রোধটা ঝেঁটিয়ে দুর করল ওর ভেতরে গড়ে ওঠা অসহায়ত্বকে। সাহায্য করল নিজেকে গুছিয়ে নিতে, সাফিয়া এই গ্যালারির কিউরেটর। ওর দায়িত্ব অনেক।
মিউজিয়ামের অন্যান্য স্কলার আর ছাত্রদের উপর নজর পড়ল মেয়েটির, ওদের বিভেদ ভুলে এক হয়ে কাজ করাটা আরেকটু শান্ত হতে সাহায্য করল।
ঘুরে প্রবেশ পথের কাছে এসে দাঁড়াল সাফিয়া। গুছিয়ে কাজ করবার জন্য স্বেচ্ছাসেবীদের দরকার নেতৃত্ব, নির্দেশনা। আর গ্যালারি কিউরেটর হিসেবে এ দ্বায়িত্ব এসে পড়ে ওর ঘাড়ে। কিন্তু কোন কিছু করার বা বলার আগেই, কারার নেতৃত্বে এগিয়ে আসা একদল মানুষ দেখে থমকে গেল সে। মানুষগুলোর পরনে কেনসিংটন ওয়েলস-এর ইনসিগনিয়া আঁকা কাজের পোষাক। কম করে হলেও বিশ জন হবে!
নতুন আসা মেয়েটার ঠিক সামনে গিয়ে দাঁড়াল সে, “কারা?” সারাটা দিন কারাকে কোথাও খুঁজে পায়নি ও। তবে শুনেছে, অনুসন্ধান কাজে সহায়তা করায় ব্যস্ত ছিল কারা কেনসিংটন।
অনুসারীদের হাতের ইঙ্গিতে গ্যালারিতে প্রবেশ করতে বলল কারা এরপর সাফিয়ার দিকে ফিরে বলল, “আমি নিজস্ব ফরেনসিক টিম নিয়ে এসেছি।”
“কেন? কেন করছ এসব?” প্রশিক্ষিত সেনাদলের মত চলা ফেরা করতে হয় নব্য আগন্তকদের দিকে তাকিয়ে জানতে চাইল সাফিয়া। সেনাদলের মত চলাফেরা হলেও, এ দলের হাতে নেই কোন অস্ত্র। বরঞ্চ সেখানে শোভা পাচ্ছে একগাদা বৈজ্ঞানিক যন্ত্রপাতি।
“এখানে আসলে কী ঘটেছিল, তা খুঁজে বের করতে চাই বলে।” কারা দৃঢ় সংকল্পের সাথে বলল।
বহুদিন পর এরকম করে মেয়েটাকে কথা বলতে শুনল সাফিয়া। ওর ভেতরের কোন দমে থাকা স্পৃহাকে যেন কেউ খুঁচিয়ে তুলেছে। মাত্র একটা বিষয় এমন করার ক্ষমতা রাখে।
কারার বাবা।
মেয়েটির সাথে বিস্ফোরণের ভিডিও দেখার শেষ মুহূর্তগুলোর কথা মনে পড়ে গেল সাফিয়ার। কানে যেন শুনতে পেল সেই মুহূর্তে কারা উচ্চারিত শব্দঃ অবশেষে…
কারা গ্যালারিতে পা দিল। ততক্ষনে ওর দলের সবাই কাজে লেগে পড়েছে। “আমি চাই ওই উল্কাপিন্ডের প্রতিটা খন্ড যেন আমার সামনে থাকে।” নড করে সবাই জানিয়ে দিল যে, তারা বুঝতে পেরেছ। এরপর আবার যার যার কাজে মনোযোগ দিল।
সাফিয়া কারার পাশে এসে দাঁড়াল, “আসলে কী খুঁজছ, বল তো?”
কারা ফিরে তাকাল ওর দিকে, চোখ জোড়া যেন জ্বলজ্বল করে জ্বলছে, “উত্তর।”
“তোমার বাবার জীবন সম্পর্কে?”
“না, তার মৃত্যু সম্পর্কে।”
৪:২০ পি.এম.
গ্যালারির ভেতরে এখনও পূর্ণোদ্দমে কাজ চলছে। কিন্তু কারা বসে আছে হলে, একটা ফোন্ডিং চেয়ারে। কাজের কোলাহল এখান থেকে খুব অল্প শোনা যাচ্ছে। সিগারেট ধরাবার জন্য বের হয়েছিল সে। অভ্যাসটা অনেক আগেই ছেড়ে দিয়েছে, কিন্তু এই মুহুর্তে হাত দুটোকে ব্যস্ত রাখার জন্য কিছু না কিছু একটা খুব দরকার।
আশা করতেও সাহস দরকার। সে সাহস কি ওর মাঝে অবশিষ্ট আছে?
সাফিয়া ওকে দেখতে পেয়ে সেদিকে রওনা হলো। কিন্তু কারা হাত নেড়ে থামিয়ে দিল ওকে, “এক মিনিটের মাঝে ফিরছি।” হাতের সিগারেটটার দিকে ইঙ্গিত করে বলল ।
সাফিয়া কোন কথা না বলে নড করল শুধু, আবার ঢুকে পড়ল গ্যালারিতে। সিগারেটে আরেকটা টান দিল কারা, বুক ভরে গেল শীতল ধোঁয়ায়। কিন্তু নিজের মধ্যে কেন যেন এক অপূর্ণতা টের পাচ্ছে সে। গত রাতে শোনা মিউজিয়ামের বিস্ফোরণ ঘটার আচমকা খবরের কারণে শুরু হয়ে ছিল অ্যাড্রেনালিনের প্রবাহ। আস্তে আস্তে থেমে আসছে সেটা, সেই সাথে আসছে অবসাদ। ধোঁয়া ছাড়ল সে, পাপা…
গ্যালারির কোন এক জায়গা থেকে কিছু একটা আছড়ে পড়ল। কারার কানে বন্দুকের গুলির মত শোনাল আওয়াজটা। মনে পড়ে গেল অতীতের কথা, বালির রাজ্যে শিকার করার কথা।
সেদিনটা ছিল ওর ষোলতম জন্মবার্ষিকী। আর শিকার আয়োজন করেছিলেন ওর বাবা, জন্ম দিনের উপহার হিসেবে।
* * * *
অ্যারাবিয়ান ওরিক্সটা হারিয়ে যেতে চাইল বালিয়াড়ির আড়ালে (এক ধরনের অ্যান্টিলোপ হরিণ)। কিন্তু দেহের সাদা পশমগুলো অনেক দূর থেকেও পরিষ্কার দেখা যাচ্ছে। ধবধবে সাদার মাঝখানে মাত্র দুটো দাগ। একটা দাগ প্রাণিটার লেজের ঠিক মাথায়, আর আরেকটা চোখ আর নাকের চারপাশে। পিছনে রক্তের ট্রেইল রেখে এগিয়ে যাচ্ছে ওরিক্সটা, শিকারীদের কাছ থেকে পালাচ্ছে।
প্রায় পৌনে একমাইল পিছন পিছন আসছে কারা। স্যান্ড সাইকেলের (এক ধরনের বাহন) ইঞ্জিনের আওয়াজ ভেদ করেও শুনতে পাচ্ছে ওরিক্সটার কাতরানি। হতাশ কারা আরো দ্রুত যাওয়ার জন্য বাইকের হ্যান্ডেল মোচড়ালো। স্যান্ড স্কার্ফ পরে আছে বলে রাগে একটার উপর আরেকটা চেপে থাকা ঠোট দেখা যাচ্ছে না। ওর পরনে একটা খাকি সাফারি স্যুট। বাঁধা চুল ঘোটকীর লেজের মতো করে ঝুলছে। | ওর বাবাও আসছেন সাথে সাথে, অন্য আরেকটা সাইকেলে চড়ে। তার কাঁধে শোভা পাচ্ছে একটা রাইফেল। মেয়ের চোখের উপর চোখ পড়ল লর্ড কেনসিংটনের।
“কাছাকাছি এসে পড়েছি!” ইঞ্জিনের আওয়াজকে ছাপিয়ে এবার ভদ্রলোকের গলার আওয়াজ শোনা গেল। গতি বাড়িয়ে বালিয়াড়ির কাছাকাছি পৌঁছে গেলেন তিনি। | কারা পিছু নিল, না দেখলেও জানে যে ওদের বেদুইন গাইড সাথে সাথেই আসছে। হাবিব-ই খুঁজে পেয়েছিল ওরিক্সটাকে। দক্ষ হাতে গুলিও করেছিল প্রথমে । সাইকেল না থামিয়েই ওরিক্সটার গায়ে গুলি লাগাতে দেখে, হাবিবের তাকে মুগ্ধ হয়েছিল কারা। কিন্তু যখন জানতে পারল যে, ইচ্ছা করেই হত্যা করা হয়নি ওরিক্সটাকে, বেদুইন ওর জন্যই আহত করেছে প্রাণিটাকে-মুগ্ধতা পরিণত হয় রাগে।
“গতি কমিয়ে দিলাম… বাচ্চাটার জন্য।” ভাঙা ভাঙা ইংরেজিতে বলেছিল হাবিব।
অহেতুক নৃশংসতা দেখে আর অপমানে হতবাক হয়ে গিয়েছিল কারা। ছয় বছর বয়স থেকে বাবার সাথে শিকার করে সে। নিজেও যথেষ্ট দক্ষ, আর তাই জন্তু জানোয়ারদের অযথা আহত করা পছন্দ করে না। বর্বরতা মনে হয় ওর কাছে।
থ্রটলটা আরো খুলে দিল সে, গতি বাড়াল সাইকেলের। লর্ড কেনসিংটন কারাকে যে পদ্ধতিতে বড় করেছেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন, বিশেষ করে ইংল্যান্ডে। মা-হারা এক লেডীর এমনভাবে বেড়ে ওঠা উচিত কিনা-এ প্রশ্নের জবাব চায় সবাই। কিন্তু কারা জানে, ওর বাবা ঠিক কাজটাই করেছেন। বাইরের দুনিয়ায় মেয়ে বা ছেলে বলতে কিছু নেই। নিজের যোগ্যতাতেই অর্জন করতে হয় সবকিছু।
বালিয়াড়ির গোড়ার কাছে গিয়ে কারা আর ওর গাইড, লর্ড কেনসিংটনকে ধরে ফেলল। তার সাইকেলটা বালিতে আটকা পড়ে গিয়েছিল। দক্ষতার সাথে সেই ফাঁদ থেকে বের হয়ে পরের বালিয়াড়িটার দিকে রওনা দিলেন তিনি। সেটা আবার ছয়শ ফুট উঁচু লাল বালির পাহাড়!
হাবিবের ঠিক পিছু পিছু চুড়ায় পৌছল কারা, গতি কমিয়ে উঁকি দিল নিচে। কপাল ভালো গতি কমিয়েছিল, কেননা বালিয়াড়ির ওই পাশ ধরে নামার মত কোন
জায়গা নেই। একেবারে খাড়া দেয়াল। শেষ হয়েছে বালুর রাজ্যের সাথে মিশে গিয়ে। আরেকটু হলেই সাইকেলসহ পড়ে যেত ও।
হাবিব ওকে সাইকেল থামাবার নির্দেশ দিলে সেই মোতাবেক কাজ করল কারা সামনের অসাধারণ সুন্দর দৃশ্য ওকে যেন শ্বাস নিতে ভুলিয়ে দিয়েছে।
প্রচন্ড উত্তাপে বালি রূপান্তরিত হয়েছে কাঁচে। সৃষ্টি হয়েছে তাপ মরীচিকার। কারার দেখে মনে হলে, সামনে এক বিশাল বড় লেক। সেই সাথে আরো একটা দৃশ্য নজরে পড়ল ওর। লেকের ঠিক মাঝখানে | ফানেলাকৃতির একটা স্তম্ভ। বালুর নিচ থেকে উপরে উঠে যাচ্ছে-একটা স্যান্ড ডেভিল।
বালুর ঘূর্ণিঝড়।
কারার জন্য এই দৃশ্য এবারই প্রথম না। এর আগেও দেখেছে, এমনকি আরো ভয়ানক স্যান্ড স্টর্মও (বালু ঝড়) দেখেছে। ওগুলো হঠাৎ করেই আসে, আবার হঠাৎ করেই নেই হয়ে যায়। কিন্তু এখন যে দৃশ্যটা সামনে রয়েছে, সেটা দেখার সাথে সাথেই দাগ কেটে গিয়েছে ওর মনে। ঘূর্ণিঝড়টার একাকী অবস্থান, বিশাল শুন্যতার মাঝে তার অস্তিত্ব-যেন জাদু করে ফেলেছে ওকে।
পাশ থেকে হাবিবের বিড় বিড় করে কিছু বলার আওয়াজ শুনতে পেল সে। মাথা নিচু করে আছে গাইড, প্রার্থনা করছে।
লর্ড কেনসিংটন যোগ দিলেন ওদের সাথে, “ওই যে!” খাড়া দেয়ালটার গোড়ার দিকে ইঙ্গিত করলেন তিনি।
ওরিক্সটাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেল। হাবিব হাত তুলে মানা করল, “নাহ, আমরা আর সামনে এগোচ্ছি না।”
কারার বাবা ভ্রু কুঁচকে ফেললেন, “কি বলছ এসব?”
“আর সামনে এগোনো যাবে না।” হাবিব জবাব দিল, “এটা নিসনাসদের এলাকা, নিষিদ্ধ বালু। আমাদের ফিরে যেতে হবে।”
হেসে ফেলল ওর বাবা, “বোকার মত কথা বলো না তো, হাবিব।”
“পাপা?” প্রশ্ন করল কারা। নিসনাস শব্দটা এই প্রথম শুনছে।
“নিসনাসেরা হলে গিয়ে মরুভুমির বুগিম্যান (দানব), কালো জিন। এসব এলাকায় শিকার করে বেড়ায়।”
গাইডের দিকে তাকাল কারা। আরবের সবচেয়ে, নাহ ভুল হলো-সারা বিশ্বের সবচেয়ে বিশাল জনশুন্য আর বালুময় এলাকা এই রুব আল-খালি। সাহারা মরুভুমিও আকারে এর কাছে শিশু। এই জায়গাকে ঘিরে অনেক গালগল্প প্রচলিত। অনেকে বিশ্বাসও করে সেসব।
ভাবভঙ্গী দেখে মনে হচ্ছে, বিশ্বাস ওদের গাইডও করে। বাইকের ইঞ্জিন আবার চালু করে ওর বাবা বললেন, “তোমাকে শিকারের প্রতিশ্রুতি দিয়েছিলাম কারা। প্রতিশ্রুতি ভাঙ্গব না।”
কারা ইতস্তত করল। ভয় আর সঙ্কল্প; গালগল্প আর বাস্তবতার মাঝে আটকা পড়ে গিয়েছে সে। এই মরুভুমির মাঝখানে দাঁড়িয়ে, সব গল্প সত্যি মনে হচ্ছে ওর।
পলায়নপর প্রাণিটার দিকে নজর পড়ল হঠাৎ। খুব কষ্ট হচ্ছে হাঁটতে। মনোস্থির করে ফেলল সে। প্রাণিটার এই কষ্টের জন্য সে-ই দায়ী, কষ্ট থেকে মুক্তিও তাকেই দিতে হবে।
নিজের ইঞ্জিনটা চালু করল সে, “বাম দিক দিয়ে নিচে নামার পথ আছে।” বালিয়াড়ির আপাত মসৃণ দিকটার দিকে বাইক চালালো ।
ওর বাবা যে গর্বের সাথে ওর দিকে তাকিয়ে হাসছেন, সেটা টের পেতে পিছু ফিরতে হলো না কারার।
ওরিক্সটাকে খুঁজল নজর । খুঁজে পেতে সময় লাগল না। কিন্তু দুরের স্যান্ড ডেভিলটা আবারও কেড়ে নিলো ওর মনোেযোগ। এক বিন্দুও নড়েনি ওটা, অদ্ভুত ব্যাপার!
বাইক চালিয়ে নিচে নেমে এল কারা, পিছু পিছু ওর বাবা। কিন্তু ওরিক্সটার কান ফাঁকি দিতে পারল না। গতি বাড়িয়ে দিল প্রাণিটা, বার বার মাথা তুলে এদিকে চাইছে। আর বেশি দূরে নেই, বাইকটা নিয়ে খুব সহজেই ধরে ফেলতে পারবে আহত প্রাণিটাকে। এরপর একটা মাত্র গুলিতেই সমাপ্তি হবে শিকারের।
“কাভারের দিকে ছুটছে।” ওর বাবার চিৎকার শুনতে পেল।“স্যান্ড স্টর্মের দিতে এগোচ্ছে।”
ওকে অতিক্রম করে শাই করে চলে গেল ওর বাবার বাইক। মাথা নিচু করে নিল কারাও। আহত প্রাণিটা জান বাঁচাবার জন্য মরিয়া হয়ে ছুটছে।
স্টর্মের কাছে পৌঁছে গিয়েছে প্রাণিটা, উদ্দেশ্য মাঝখানে পৌঁছুনো। গাল বকে উঠলেন ওর বাবা, কিন্তু গতি কমালেন না। কারাও কমালো না। স্যান্ড স্টর্মটার একদম পাশে এসে ব্রেক কষলো দুজনেই। বালুতে গভীর একটা গর্ত দেখা যাচ্ছে। স্যান্ড স্টর্মটা গর্তের ঠিক মাঝখান থেকে উঠে এসেছে, যেন মরুভুমির কাছ থেকে ধার নিচ্ছে বালু। কম করে হলেও পঞ্চাশ গজ হবে তার ব্যাসার্ধ, বিস্তৃতি সিকি মাইল।
স্যান্ড স্টর্মটার দেহ জুড়ে খেলা করছে নিশ্চুপ, নীলাভ আলো। কারা নাকে ওজোনের গন্ধ পেল। রুক্ষ, শুষ্ক মরুভুমিতে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকেঃ স্থির বিদ্যুৎ।
অসাধারণ সুন্দর দৃশ্যটার দিকে না তাকিয়ে, ওর বাবা গর্তের দিকে ইঙ্গিত করলেন, “ওই যে, ওখানে!”
কারা সেদিকে চাইল, ওরিক্সটাকে দেখা যাচ্ছে। কিভাবে কিভাবে যেন প্রাণিটা পৌঁছে গিয়েছে কেন্দ্রে। “রাইফেলটা হাতে নাও!” নির্দেশ দিলেন ওর বাবা। শব্দগুলো কানে গেলেও, ঠায় দাঁড়িয়ে রইল মেয়েটি।
ওরিক্সটা প্রায় পৌঁছে গিয়েছে ওর গন্তব্যে। বাবা গাল বকে উঠলেন, ঢাল বেয়ে। চালিয়ে দিলেন তার বাইক।
ভয়ে ঠোঁট কামড়ে ধরল কারা। কিন্তু তবুও বাবার পিছু পিছু বাইক চালিয়ে দিন। ঢালের একটু নিচে নামতেই শরীর দিয়ে অনুভব করল স্থির বিদ্যুতের উপস্থিত। লোমগুলো দাঁড়িয়ে গেল, ভয়টা আরো বাড়িয়ে দিয়ে গেল যেন। গতি কমাল সে। পেছনের চাকাগুলো বসে গেল বালুময় ঢালে।
এদিকে ওর বাবা পৌঁছে গিয়েছেন নিচে, বাইকটাকে ঘুরিয়ে নিয়ে থামালেন। হাত বাড়িয়ে দিলেন কাঁধে ঝোলান রাইফেলের দিকে।
কারা তার মার্লিন রাইফেলের কান ফাটানো আওয়াজ শুনতে পেল। ওরিক্সটা বালুর আড়ালে হারিয়ে গিয়েছে প্রায়, শুধু ছায়া দেখা যাচ্ছে এখন। সেই ছায়া হেলে পড়ল । পেরেছে, পাপা পেরেছে!-ভাবল সে। নিজেকে বড় বোকা মনে হলো কারার। ভয় পেয়ে মোমের পুতুলের মত দমে পড়েছিল সে। “পাপা!” প্রশংসা করার জন্য মুখ খুলল সে।
কিন্তু হঠাৎ ভেসে আসা এক চিৎকার থামিয়ে দিল ওকে। স্যান্ড ডেভিলটা থেকে এসেছে ওই নারকীয় চিঙ্কার। ওরিক্সের ছায়া যন্ত্রণায় ছটফট করছে, চিৎকারটা এসেছে ঐ অবলা প্রাণির মুখ থেকেই। যেন কেউ ওকে জবাই করছে।
ওর বাবাও শুনেছেন চিৎকার। বাইক ঘুরিয়ে নিতে চাইলেন। এরপর মুখ তুলে চাইলেন, “কারা! এখান থেকে যাও!”
হচ্ছেটা কী এখানে?
যেমন আচমকা শুরু হয়েছিল, তেমনই আচমকা বন্ধ হয়ে গেল গা শিহরানো চিৎকার। পরিবর্তে ভেসে এল মাংস আর পশম পোড়ার বীভৎস গন্ধ। দম বন্ধ হয়ে এল কারার। তাকিয়ে তাকিয়ে দেখল, ওর বাবা বাইকটা বালু থেকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছে। বাবার বাইক আটকে গিয়েছে।
জায়গায় স্থানু হয়ে দাঁড়িয়ে থাকা কারার দিকে পড়ল তার নজর, “যাও, কারা!” হাত নাড়িয়ে পরিস্থিতির গুরুত্ব বোঝাবার প্রয়াস পেলেন তিনি। ভয়ে কাগজের মত সাদা হয়ে আছে মুখ, “যাও, বাছা!”
এতক্ষণে উপলব্ধি করতে পারল কারা, কেউ যেন ওকে হালকাভাবে টানছে। যেন ওর আসে পাশের এলাকার অভিকর্ষ হঠাৎ করেই বেড়ে গিয়েছে। স্যান্ড ডেভিলটার দিকে ছুটে যাচ্ছে বালু কণা।
ওর বাবাও টের পেয়েছেন। সর্বশক্তিতে চেষ্টা চালালেন এবার, কিন্তু কাজ হলো । কারার দিকে তাকিয়ে বললেন, “খোদার কসম, দৌড়াও!” চিৎকারটা নয়, ওর বাবার ভয়ার্ত কণ্ঠ শুনে সম্বিত ফিরল মেয়েটির। পাপা তো খুব কম সময়ই চিৎকার করেন, ভয় পেয়ে চিৎকার করার মত লোক তো তিনি না!
ইঞ্জিন চালু করল সে। ভয়ার্ত চোখে দেখল, গর্তটা আকারে আরো বেড়ে গিয়েছে। ওর বাবাকে গ্রাস করে ফেলেছে প্রায়।
“পাপা!”
“যাও, বাছা!” যেন কেবলমাত্র ইচ্ছাশক্তির জোরেই বাইকটাকে ছুটিয়ে আনলেন তিনি। নিচ থেকে সরে যেতে থাকা বালুতে কামড় বসাল সামনের চাকা।
কারা বাইক ঘুরিয়ে নিল, ঢাল বেয়ে উঠে গেল উপরে। মনে হচ্ছিল, বাইকের চাকার নিচের বালু গুলো যেন কোনো কার্পেট। আর প্রচন্ড শক্তিশালী কেউ হ্যাচকা টানে ওটাকে সরিয়ে নিতে চাইছে। নিজের দক্ষতার সবটুকুকে কাজে লাগাল সে।
কিছুটা নিরাপদ দূরত্বে এসে পিছু ফিরে চাইল-বাবা এখনও গর্তের কাছে। ঘাম আর বালুতে কর্দমাক্ত হয়ে আছে চেহারা, অতিরিক্ত মনোযোগের কারণে চোখজোড়া কুঁচকে গিয়েছে। তার ঠিক পিছনের দেখা যাচ্ছে ঘূর্ণায়মান বালু। চেষ্টা করেও নজর ফেরাতে পারল না কারা। স্যান্ড ডেভিলটার ঠিক মাঝখানে একটা অন্ধকার ছায়া দেখতে পেল সে, আকারে বাড়ছে মুহুর্মুহু। সেই সাথে যেন আরো কালো হচ্ছে ছায়াটার রঙ। বিদ্যুতের হালকা ঝলকানি যেন গিলে ফেলছে কালো অবয়বটা। বাতাস থেকে এখনও পোড়া মাংসের গন্ধ বিদায় নেয়নি।
হাবিবের সাবধানবাণীর কথা মনে করে, ভয়ে কেঁপে উঠল সে। কালো ভুত…নিসনাস! “পাপা?” কিন্তু ওর বাবাকে যে ততক্ষণে আরো শক্ত করে আটকে ফেলেছে বালু! পালাবার কোন পথই রাখেনি। চোখে চোখ পড়ল বাপ-মেয়ের। পাপার চোখে ভয় দেখতে পেল কারা, কিন্তু জানে ঐ ভয়টা তার নিজের জন্য না। ওর জন্য। যাও, ফিসফিস করে বললেন তিনি। এরপরই হারিয়ে গেলেন বালুর আড়ালে।
“পাপা!… উত্তর হিসেবে শুনতে পেল ভয়ানক এক চিৎকার। নড়ার সুযোগ পেল না কারা, তার আগেই বালুর স্তম্ভের মাঝে বিস্ফোরণ ঘটল। ভয়াবহ গতিতে ছড়িয়ে পড়ল বাইরের দিকে। ধাক্কা দিয়ে ওকে উড়িয়ে নিয়ে গেল সেই বিস্ফোরণের শক্তি। মাটি উপরে উঠে এল ওর সাথে মিলিত হতে। হাতের কিছু একটা ভাঙার আওয়াজ পেল কারা, ব্যথাও পেল সেই সাথে। মুখ থুবড়ে বালুতে আছড়ে পড়ল সে। | ওভাবেই শুয়ে রইল কিছুক্ষণ, নড়ার ক্ষমতা নেই। কিন্তু বাবার খোঁজ নেবার তাগিদে নিজেকে টেনে তোলার চেষ্টা করল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল যেখানে একটু আগেও পাপা ছিলেন, সেদিকে।
উধাও হয়ে গিয়েছে স্যান্ড ডেভিল। এখন অবশিষ্ট আছে শুধু বালুকণা। বসার চেষ্টা করল, কিন্তু সাথে সাথেই ব্যথা পেল হাতে। কী ঘটল, কেন ঘটল-কিছুই বুঝতে পারেনি কারা। হতভম্ব চোখে তাকাল চারপাশে। চারপাশে শুধু বালুর রাজ্য। কোন প্রিন্ট নেই, নেই কোন ট্রাক। কিছুই নেইঃ কোন গর্ত নেই, কোন রক্তাক্ত ওরিক্স নেই, বাইকও নেই।
লর্ড রেজিনাল্ড কেনসিংটন, তিনিও নেই। নিঃসঙ্গ বালুর দিকে তাকিয়ে রইল সে, “পাপা…”
* * * *
গ্যালারি থেকে ভেসে আসা চিৎকার কারাকে টেনে আনল বর্তমানে। সিগারেট টানতে ভুলে গিয়েছে, পুড়ে পুড়ে নিঃশেষ হয়ে গিয়েছে তা। পায়ের নিচে ফেলে আগুন নিভাল সে।
“এদিকে!” আবার শুনতে পেল চিৎকারটা। এক টেকনিশিয়ান ডাকছে, “আমি কিছু একটা পেয়েছি।”
০৮:০২ এ.এম. এএসটি
লেডীয়ার্ড, কানেক্টিকাট
গ্রান্ড পিকো টাওয়ারের একেবারে উপরের ফ্লোরে পৌঁছে খুলে গেল এলিভেটরের দরজা। নিচু হয়ে এলিভেটরের মেঝেতে শুয়ে আছে পেইন্টার ক্রো। অ্যাম্বুশের আশংকা করছে। তাই হাতে চলে এসেছে গ্লক বন্দুকটা। নল সামনের দিকে।
কিন্তু না, কেউ নেই ওখানে।
কান পেতে ভালো করে শুনল পেইন্টার। কোন আওয়াজ, পদশব্দ এমনকি নিঃশ্বাসের আওয়াজও শুনতে পেল না।
কিছুটা রিল্যাক্স হলো সে, এরপর ঝুঁকি নিয়েই উঁকি দিল বাইরে। কিছু নেই। পা থেকে জুতা খুলে ফেলল ও, এমনভাবে এলিভেটরের দরজার উপর রাখল যেন দরজা বন্ধ না হয়। এর ফলে প্রয়োজনের সময় মুহূর্তেই পিছিয়ে এসে একটা নিরাপদ আশ্রয় পাবে। মোজা পরেই তিন পা এগোল। ওপাশের দেয়ালটার কাছে পৌঁছে আরেকবার চেক করে নিল চারপাশ। নাহ, বিপদের কোন চিহ্ন নেই।
ভাগ্যকে গাল দিল পেইন্টার, এই মিশনে সিগমার টীমের সদস্য মাত্র দুজন! যদিও হোটেল সিকিউরিটি আর স্থানীয় পুলিশ ওকে সাহায্য করছে, সবগুলো এক্সিটে পাহারা দিচ্ছে। ইন্ডিয়ানদের প্রতি সম্মান দেখাবার জন্য, অন্য কোন ফেডারেল এজেন্টকে পাঠানো হয়নি। তাছাড়া মিশনটা ছিল একদম গোপনীয়। ভিতরে ঢুকে একটা ছোট্ট জিনিস চুরি করে নিয়ে আসা। পরিস্থিতি খারাপ হলে, সেটা ধ্বংস করে দেয়া।
কিন্তু সব ওলট পালট হয়ে গিয়েছে। ওর নিজের যন্ত্রই ওকে ধোকা দিয়েছে। কিন্তু এই মুহূর্তে সেটা নিয়ে ভাবছে না সে। ভাবছে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।
ক্যাসান্দ্রা…। মনে মনে চাইছে, যেন ওর আন্দাজ ভুল হয়। কিন্তু আশা করতেও ভয় পাচ্ছে।
খুব সাবধানে এগিয়ে নিজের স্যুইট পর্যন্ত এল সে। হ্যান্ডেলটাকে পরীক্ষা করে দেখল প্রথমে। বন্ধ । এরপর এক হাত পকেটে ঢুকিয়ে চাবি বের করে আনল। অন্য হাতে ধরা গ্লকটা তাক করা আছে ঝ্যাং-এর সুইটের দিকে। লক খুলে ফেলল ও। ধাক্কা দিল দরজাটাকে।
কোন গুলি হলো না, আর না কোনও চিৎকারের আওয়াজ পাওয়া গেল। উদ্যত বন্দুক হাতে ভেতরে প্রবেশ করল সে। খালি।
একে একে বেডরুম আর বাথরুমও খুঁজে দেখল। ওগুলোও খালি। শত্রুপক্ষের কেউ নেই… নেই ক্যাসান্দ্রাও। এবার ইলেকট্রনিক ইকুইপমেন্টের দিকে ফিরল সে, উদ্দেশ্য মনিটর গুলো দেখা। ওতে ঝ্যাং-এর অ্যাপার্টমেন্টটা দেখা যাচ্ছে। খালি পড়ে আছে ওটা, কম্পিউটারটাও নেই। পুরো স্যুইটে কেবল একজনকে দেখা যাচ্ছে।
“ওহ, গড…”
সাবধানতা ভুলে দৌড় দিল সে। অন্য পাশের স্যুইটের সামনে এসে হাতড়ে বের করল সিকিউরিটি পাস কী। এই পুরো টাওয়ারের সবগুলো দরজা খোলা যায় এই পাস কী দিয়ে। ওটা ব্যবহার করে খুলে ফেলল ঝ্যাং-এর সুইটের দরজা। সোজা বেডরুমের দিকে দৌড় দিল পেইন্টার। মেয়েটার নগ্ন দেহ সিলিং ফ্যানের সাথে রশিতে ঝুলছে। বেগুনি হয়ে আছে মুখটা। মনিটরে যখন দেখেছিল, তখনো নড়ছিল পা দুটো। কিন্তু এখন স্থির।
বন্দুকটা হোলস্টারে ভরে নিল পেইন্টার। এরপর লাফিয়ে একটা চেয়ার পার হলো। পরের লাফটা দিল সিলিং ফ্যান লক্ষ করে, হাতে ততক্ষণে বেরিয়ে এসেছে। একটা ড্যাগার। দক্ষ হাতে কেটে ফেলল রশি। প্রথমে নিজেকে সামলালো, এরপর ধরে ফেলল পড়ন্ত দেহটাকে।
আস্তে করে মেয়েটাকে নামিয়ে রেখে, ব্যস্ত হয়ে পড়ল গলার ফাঁসটা নিয়ে, “গড ড্যাম!”
শক্ত হয়ে এঁটে বসেছিল রশি। কিন্তু অল্পক্ষণের চেষ্টায় ফাঁসটা খুলতে সক্ষম হলো পেইন্টার। সে আঙুল বুলিয়ে নিশ্চিত হয়ে নিল যে মেয়েটার ঘাড় ভাঙেনি।
তবে, বেঁচে আছে কি? ওর প্রশ্নের উত্তর দিতেই যেন খাবি খেয়ে উঠল মেয়েটা। স্বস্তিতে মাথা নত করল পেইন্টার।
আচমকা চোখ খুলল মেয়েটা, চোখে আতংক। কাশতে কাশতে পিঠ বাঁকা হয়ে গেল ওর। হাত বাড়িয়ে অদৃশ্য আততায়ীর হাত থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করল সে।
মান্দারিন ভাষায় আতংকিত মেয়েটাকে স্বান্তনা দেবার চেষ্টা করল পেইন্টার, “শান্ত হও, তুমি নিরাপদে আছ। শুয়ে থাকো।”
কাছ থেকে দেখে পেইন্টারের মনে হলো, মেয়েটার বয়স তেরও হবে না। ঝ্যাং এর নিষ্ঠুরতার চিহ্ন বয়ে বেড়াচ্ছে শরীরের বিভিন্ন জায়গায়। কাজ শেষ হতে মেয়েটাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে দানবটা, শুধু মাত্র ওকে দেরী করাতে!
মেয়েটা একটু শান্ত হলে পিছিয়ে এল সে।
ওর LASH কমিউনিকেটরে আওয়াজ ভেসে এল, “কমান্ডার ক্রো। হোটেল সিকিউরিটির গলা চিনতে পারল, “টাওয়ারের উত্তর দিকের এক্সিটে গোলাগুলি চলছে।”
“ঝ্যাং?” দৌড়ে ব্যালকনির জানালার দিকে এগোল সে।
“ইয়েস স্যার। আমি রিপোর্ট পেয়েছি যে সে আপনার পার্টনারকে ঢাল হিসেবে ব্যবহার করছে। সন্দেহ করা হচ্ছে, তার গায়ে গুলিও লেগেছে। আমি আরো লোক পাঠাচ্ছি।”
ধাক্কা দিয়ে দরজা খুলল পেইন্টার। “রোডব্লক দরকার।”
“কিছুক্ষণের মাঝে বসে যাবে রোডব্লক।”
একটা লিংকন গাড়ির চাকার আওয়াজ কানে এল পেইন্টারের। গাড়িটা পার্কিং লট থেকে দ্রুত গতিতে টাওয়ারের দিকে এগিয়ে এসেছে। ঝ্যাং-এর গাড়ি-চিনতে পারল সে।
সিকিউরিটি প্রধানের গলা শোনা গেল আবার, “উত্তরের এক্সিট দিয়ে বেরিয়ে পড়েছে ওরা। আপনার পার্টনার এখনও ঝ্যাং-এর সাথে।” টাওয়ারের কর্নারে এসে পৌঁছেছে গাড়িটা।
পেইন্টার ফিরে এল ঘরের ভেতরে, “রোডব্লক গুলো এক্ষুনি স্থাপন কর!” বলল কিন্তু জানে যে অনেক দেরী হয়ে যাবে। এখানকার পুলিশ, মাতাল আর ছিচকে চোরদের ধরে অভ্যস্ত। এধরনের বড় কাজের অভিজ্ঞতা ওদের নেই। মাত্র চার মিনিট হয়েছে ওর ইমার্জেন্সি কল করার। এত দ্রুত রোডব্লক স্থাপন করতে পারবে বলে মনে হয় না।
ওকেই কিছু একটা করতে হবে। ঝুঁকে এসে মেঝেতে পড়ে থাকা ছুরিটা হাতে নিল সে। নম্র গলায় মেয়েটাকে উদ্দেশ করে বলল, “এখানেই থাক।” এরপর দৌড়ে চলে এল মেইন রুমে, ভেন্টিলেশন গ্রিল খুলে হাতে নিল ইএম গ্রেনেডটা।
এরপর কার্পেট বিছানো হলঘরটা ধরে এগিয়ে গেল। মাথায় আগেই গেঁথে নেয়া বিল্ডিং এর ম্যাপটা মনে করার প্রয়াস পেল। আন্দাজে রওনা দিল উত্তর দিকের এক্সিটের দিকে।
সাতটা দরজা পার হয়ে আট নাম্বার দরজার সামনে এসে দাঁড়াল সে। সিকিউরিটি কী ব্যবহার করে খুলে ফেলল দরজা। “সিকিউরিটি!” চিৎকার করে ভেতরে অবস্থানরতদের জানালো, এরপর ঢুকে পড়ল ঘরে।
বয়স্ক এক মহিলা বসে বসে ইউএসএ টুডে পড়ছিলেন। জার্মান ভাষায় জানতে চাইলেন, “হচ্ছেটা কী?”
স্যুইটের জানালার দিকে দৌড়াতে দৌড়াতে জার্মানেই মহিলাকে শান্ত করতে বলল, “চিন্তার কিছুই নেই, ফ্রাউলিন।”
জানালা খুলে মাথা গলিয়ে দিল বাইরে। লিংকন টাউন কারটা চুপচাপ দাঁড়িয়ে আছে। পিছনের দরজা বন্ধ। গুলির আওয়াজ কানে এল পেইন্টারের। ইঞ্জিন চালু হলো গাড়িটার। বুলেট প্রুফ দেহের কোন ক্ষতিই করতে পারেনি গুলি।
হাত বের করে গ্রেনেডটা ফেলে দিল সে। এখন স্রষ্টার কাছে প্রার্থনা করা ছাড়া ওর আর কিছুই করার নেই।
মনে মনে প্রার্থনাই করল ও, গ্রেনেডটার রেঞ্জ মাত্র বিশ গজ। কয়েক সেকেন্ড পর সে শুনতে পেল অস্ফুট আওয়াজ, ফুটেছে গ্রেনেডটা! কিন্তু যথেষ্ট কাছে গিয়ে ফুটেছে তো? আবার মাথা গলিয়ে দিল জানালা দিয়ে।
ঝ্যাং-এর গাড়িটা অনেক দূর এগিয়ে গিয়েছে, টাওয়ারের প্রায় কর্নারের কাছে। কিন্তু মোড় ঘোরার পরিবর্তে, মাতালের মতো এদিক সেদিক করতে করতে গিয়ে ধাক্কা খেল সামনে পার্ক করে রাখা একটা ভোক্স ওয়াগনের সাথে।
আটকে থাকা দীর্ঘশ্বাসটা বের করে ফেলল পেইন্টার। ইএম গ্রেনেডের এই বৈশিষ্ট্যটা খুব কাজের। আশেপাশের সব কম্পিউটারের বারোটা বাজিয়ে ছাড়ে।
এদিকে সিকিউরিটির সদস্যরা ঘিরে ধরেছে জায়গায় দাঁড়িয়ে থাকা গাড়িটিকে।
“হচ্ছেটা কি?” জার্মান ভদ্রমহিলা আবারও জানতে চাইলেন।
স্যুইট থেকে বেরোতে বেরোতে পেইন্টার জবাব দিল, “এই কিছু বর্জ্য ফেললাম আরকি।” এলিভেটরে উঠে জুতা পড়ে নিল সে। এরপর নিচতলায় নামার বাটন চাপল।
ঝ্যাং-এর পলায়ন বন্ধ করতে পারলেও, ইএম গ্রেনেডে নিশ্চয় কম্পিউটারটার বারোটা বেজে গিয়েছে। নষ্ট হয়ে গিয়েছে সব তথ্য। তবে এই মুহূর্তে তা নিয়ে ভাবছে না সে।
ভাবছে ক্যাসান্দ্রার কথা। মেয়েটাকে উদ্ধার করতেই হবে।
এলিভেটরের দরজা খুলেছে কি খোলেনি, জ্যা মুক্ত তীরের মত ছুটল পেইন্টার। গ্যাম্বলিং ফ্লোরে যেন নরক নেমে এসেছে। বন্দুকের আওয়াজ শুনে, দুএক জন বাদে সবাই পাগলের মত ছুটাছুটি করছে।
এক দৌড়ে উত্তরের এক্সিট দিয়ে বের হলো সে। এরপর আইডি কার্ড দেখিয়ে দেখিয়ে পার হলো সিকিউরিটি ব্লকড (কেউ বা কোন বাহন যেন পার না হতে পারে, এ জন্য স্থাপিত বাঁধা)। তাতেও যে কালক্ষেপন হলো, সেটাকে অনেক বেশি বলে মনে হলো ওর। অবশেষে সিকিউরিটি প্রধান জন ফেনটনকে দেখতে পেল সে। লোকটার কাছে গিয়ে দাড়াতেই, সে পেইন্টারকে নিয়ে এল গাড়ির কাছে। “গাড়িটা যে কেন অ্যাক্সিডেন্ট করল, তা বুঝতে পারছি না। তবে বলতেই হয়, আমাদের কপাল ভালো।”
“শুধু কপালের কাজ না এটা।” বলে ইএম গ্রেনেডের কথা জানাল পেইন্টার, “কাল সকালে দু-একজন অতিথির গাড়ি চালু করতে বেগ পেতে হতে পারে। আর দ্বিতীয় তলার কয়েকটা টেলিভিশন সম্ভবত কাজ করা বন্ধ করে দিয়েছে।”
বাইরে বের হয়ে দেখতে পেল, স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। কয়েকটা ধূসর-কালো পুলিশ কারও দেখতে পেল সে। এম.পি. ট্রাইবাল পুলিশ-চিনতে পারল।
পেইন্টার একবার নজর বুলিয়ে নিল চারপাশে। ঝ্যাং-এর বডিগার্ডরা রাস্তায় শুয়ে আছে, হাত মাথার পেছনে। দুটো লাশও দেখতে পেল, সিকিউরিটি কোট দিয়ে ঢাকা। পুরুষ দেহ দুটো-ই। এগিয়ে গিয়ে একটা কোট সরালো সে, বডিগার্ডদের একজন। চেহারার একপাশ খুইয়ে বসেছে বেচারা। অন্য দেহটা পরীক্ষা করে দেখার প্রয়োজনবোধ করল না সে, ঝ্যাং-এর জুতা দেখেই ওকে চিনতে পেরেছে।
“আত্মহত্যা করেছে। পরিচিত একটা গলা ভেসে এল পেছন থেকে, “ধরা পড়ার চেয়ে আত্মহত্যা করাই শ্রেয় মনে করেছে।” ঘুরে দাঁড়িয়ে ক্যাসান্দ্রাকে দেখতে পেল পেইন্টার, চেহারা মলিন হয়ে আছে। মুখে লাজুক হাসি। ব্রা পড়ে আছে শুধু। বাম কাঁধটা হারিয়ে গিয়েছে ব্যান্ডেজের আড়ালে। নড করে ঝ্যাং-এর কম্পিউটারের দিকে ওর দৃষ্টি আকর্ষণ করল মেয়েটি, কয়েক ফুট দূরে যন্ত্রটা পড়ে আছে।
“সব তথ্য হারিয়ে ফেলেছি মনে হয়,” বলল পেইন্টার, “ইএম গ্রেনেডটা ব্যবহার করতে হয়েছে।”
“নাও হতে পারে।” মেয়েটা হাসতে হাসতে জবাব দিল, “তামার ফ্যারাডে কেজের (ফ্যারাডে কেজ যে কোন ধরনের বিদ্যুৎ থেকে ভেতরের বস্তুকে সুরক্ষা দেয়) কেসিং মনে হচ্ছে। গ্রেনেডে ক্ষতি হবার কথা না।”
স্বস্তির নিঃশ্বাস ফেলল পেইন্টার। তথ্য গুলো তাহলে নিরাপদে আছে! সবকিছু শেষ হয়ে যায়নি…অবশ্য পাস কোড উদ্ধার করতে না পারলে, আদপে কোন লাভই হবে না। ক্যাসান্দ্রার দিকে এগিয়ে গেল সে। ওকে দেখে হাসল মেয়েটা, চোখজোড়া উজ্জ্বল।
গ্লকটা বের করে মেয়েটার কপালে ধরল পেইন্টার ক্রো।
“পেইন্টার, এসব কী-” এক পা পিছিয়ে এল বিস্মিত মেয়েটা।
তাল মিলিয়ে এক পা এগিয়ে এল পেইন্টার ক্রো, এক মুহূর্তের জন্যও বন্দুকের নল লক্ষ্য থেকে সরায়নি। “কোডটা বলো।”
ফেনটন চলে এল ওর পাশে, “কমান্ডার?”
“এই ব্যাপারে নাক গলাবেন না।” সিকিউরিটি প্রধানকে থামিয়ে দিয়ে ক্যাসান্দ্রা সানচেজের দিকে মনোযোগ দিল পেইন্টার। “ঝ্যাং আর ওর চার বডিগার্ডের লাশ পড়ে আছে এখানে। যদি ঝ্যাং আমাদের আড়ি পাতার ব্যাপারে জেনে গিয়ে থাকে, তাহলে নিশ্চয় কনফারেন্সে অবস্থানরত ওর কন্ট্যাক্টকেও জানিয়েছে। বিনিময় সম্পন্ন করতে পারার জন্য, একসাথে পালাবার চেষ্টা করাই কি যুক্তিযুক্ত নয়?” লাশ গুলোর দিকে তাকাতে চাইল মেয়েটা, কিন্তু পেইন্টার বাঁধা দিল। “পাগল হয়ে গেলে নাকি? আমাকে ঐ লোকের কন্টাক্ট বলে ভাবছ?” জানতে চাইল ক্যাসান্দ্রা।
বন্দুকের লক্ষ্য স্থির রেখেই চেহারার এক পাশ হারানো বডিগার্ডের ইঙ্গিত করল। সে, “একটা সিগ সওয়ার মানুষের চেহারার কি ক্ষতি করতে পারে, তা আমি ভালো করেই জানি। তুমি তো সিগ সওয়ার-ই ব্যবহার করো, তাই না?”
“ঝ্যাং আমার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়েছিল। তুমি পাগলের মত আচরণ করছ, পেইন্টার । আমি-”।
পেইন্টার পকেটে হাত ঢুকিয়ে বের করে আনল এলিভেটরের দেয়ালে লেগে থাকা যন্ত্রটা। তুলে ধরল ক্যাসান্দ্রার চোখের সামনে।
শক্ত হয়ে গেল মেয়েটা, কিন্তু ভুলেও যন্ত্রটার দিকে তাকাল না।
“এক বিন্দু রক্ত নেই, ক্যাসান্দ্রা। একটুও না। এর অর্থ, তুমি জিনিসটা প্ল্যান্টই করোনি।”কঠিন হয়ে গেল মেয়েটার চেহারা।
“কোডটা বলো।”
স্থির, শান্ত চোখে ওর দিকে তাকাল ক্যাসান্দ্রা, “আমি যে মুখ খুলব না, তা তোমার জানা আছে।”
অনেক দিনের পরিচিত পার্টনারের চেহারাটা এখন অপরিচিত মনে হচ্ছে। ওতে কোন আফসোস নেই, নেই কোন অপরাধবোধ। আছে কেবল একগুঁয়েমি। মেয়েটার মুখ খোলাতে পারে সে, কিন্তু সেই সময় বা ইচ্ছা কোনটাই ওর নেই। ফেনটনকে বলল, “একে হ্যান্ডকাফ পরান। সব সময় পাহারায় রাখবেন।”
হাতকড়া পরাবার সময় ওকে ডাকল মেয়েটা। বলল, “পেইন্টার, নিজের পিঠের দিকে নজর রেখো। কিসের মধ্যে ঢুকে পড়েছ, সে ব্যাপারে তোমার বিন্দুমাত্র ধারণা নেই।”
কোন কথা না বলে, কম্পিউটার কেসটা তুলে নিল সে।
“গভীর জলে সাঁতরাতে নেমেছ পেইন্টার। আশেপাশে যে কতগুলো হাঙর আছে, বুঝতেও পারছ না।” মেয়েটাকে উপেক্ষা করে এগিয়ে গেল পেইন্টার। মনে মনে ভাবল, মেয়েদের মন, বোঝা বড় দায়!
টাওয়ারে ঢোকার ঠিক আগ মুহূর্তে এম.পি. ট্রাইবাল পুলিশের একজন ওর পথরোধ করে দাঁড়াল। “কমান্ডার ক্রো?”
“বলছি।”
“আমাদের অফিসে আপনার জন্য একটা আর্জেন্ট কল এসেছে।”
ভ্রু কুঁচকে গেল পেইন্টারের, “কার কল?”
“অ্যাডমিরাল রেক্টর নাকী একজনের স্যার। আপনি চাইলে রেডিওতে কথা বলতে পারেন।”
পেইন্টার অবাক হয়ে গেল। অ্যাডমিরাল টনি “দ্য টাইগার” রেক্টর হলেন ডারপার প্রধান, ওর কমান্ডার ইন চীফ। আগে কখনও তার সাথে কথা হয়নি ওর, শুধু কাগজে সই দেখেছে। এখানকার পরিস্থিতির কথা কি এত তাড়াতাড়ি ওয়াশিংটনে পৌঁছে গিয়েছে?
এম.পি. পুলিশের লোকটাকে অনুসরণ করে একটা পার্ক করা গাড়ির দিকে এগোল সে। রেডিওটা মুখের কাছে এনে বলল, “কমান্ডার ক্রো বলছি, স্যার।”
“কমান্ডার, এক্ষুনি আর্লিংটনে ফিরে এসো। তোমাকে তুলে নেবার জন্য হেলিকপ্টার পাঠানো হচ্ছে।” ঠিক সেই মুহূর্তে পেইন্টার শুনতে পেল হেলিকপ্টারের আওয়াজ।
অ্যাডমিরাল রেক্টর আরো বললেন, “তোমার জায়গায় কমান্ডার জাইলসকে পাঠানো হচ্ছে। তাকে ডিব্রিফ করে যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো।”
“ইয়েস স্যার।” বলল সে, কিন্তু ততক্ষনে লাইন ডেড হয়ে গিয়েছে। গাড়ি থেকে বেরিয়ে এসে, উপরে ভাসমান হেলিকপ্টারের দিকে চাইল পেইন্টার। সন্দেহ খেলা করছে ওর মনে। অ্যাডমিরাল রেক্টরের হঠাৎ এই ফোন। কলের কী অর্থ? এত তাড়াহুড়ো কেন? ক্যাসান্দ্রার বলা কথাগুলো বার বার খেলে যাচ্ছে মনে।
গভীর জলে সাঁতরাতে নেমেছ পেইন্টার। আশেপাশে যে কতগুলো হাঙর আছে, বুঝতেও পারছ না।
