মাউন্টেন ট্রেক

মাউন্টেন ট্রেক

৪ঠা ডিসেম্বর, ১২:১৮ এ.এম.

ধোফার পাহাড়

গভীর ঘুম থেকে আচমকা জেগে উঠল সাফিয়া। হাত ছুঁড়তে শুরু করল, আতংক ভর করেছে মনে।

“শান্ত হও বোন।” এর পাশ থেকে বলে উঠল কেউ, “আমি তোমার সাথেই আছি।”

ধীরে ধীরে শান্ত হয়ে এল সে, দেখল রাতের অন্ধকার চাদর ওদেরকে চারদিক থেকে ঘিরে রেখেছে। একটা হাঁটু গেড়ে বসে থাকা উটের সাথে ঠেস দিয়ে রাখা হয়েছে ওকে। পাশে আছে এক মহিলা, এক হাত দিয়ে ধরে রেখেছে ওর ভাল কাঁধটা।

“কোথায়..?” বিড়বিড় করে জানতে চাইল সাফিয়া। চেষ্টা করল নিজের দুই পায়ে উঠে দাঁড়াতে কিন্তু পারল না। আস্তে আস্তে স্মৃতি ফিরে আসছে। সমাধির গোলাগুলির স্মৃতি মনে পড়ে গেল ওর। টুকরা টুকরা ছবির মত চোখের সামনে ভাসছে স্মৃতিগুলো। একটাই চেহারা আলাদা করে চিনতে পারল-পেইন্টার। কেঁপে উঠল সে। কী হয়েছে? এখন কোথায় রয়েছে সে?

কষ্ট করে হলেও উঠে দাঁড়ালো সে, উটটার গায়ে হেলান দিল। খেয়াল করে দেখল, ওর আহত কাঁধটাতে অদক্ষ হাতে ব্যান্ডেজ বাঁধা আছে। রক্ত পড়া কিছুটা হলেও কমানো ব্যান্ডেজটার উদ্দেশ্য। কিন্তু একটু নড়লেই ব্যথা করছে কাঁধ।

অপরিচিতা ওর পাশেই দাঁড়িয়ে আছে। দেখে মনে হলো, এই-ই ওকে উদ্ধার করেছে। কিন্তু তফাৎ হলো, এখন মহিলার পরণে আছে একটা মরুভূমিতে ব্যবহারের উপযোগী করে বানানো এক আলখেল্লা।

“সাহায্য আসছে।” ফিসফিস করে বলল মহিলা।

“কে তুমি?” এই কথাটুকু বলতেই নিজের উপর জোর খাটাতে হলো সাফিয়ার। রাতের ঠান্ডায় শীত লাগছে ওর। বৃষ্টি নামা বন্ধ হয়ে গেলেও, মাথার উপরের গাছের পাতা থেকে দুই এক ফোঁটা করে পানি বেয়ে পড়ছে।

ওর প্রশ্নের কোন উত্তর দিল না মহিলা, শুধু হাত বাড়িয়ে কিছু একটা দেখাল। সামনের জঙ্গল ভেদ করে আসা আলো দেখতে পেল সাফিয়া। মশাল বা টর্চ হাতে কেউ একজন ওদের দিকেই এগিয়ে আসছে।

পালাতে চাইল সে, কিন্তু দুর্বল দেহ অস্বীকৃতি জানাল।

আস্বাসের ভঙ্গিতে ওর কাঁধে হাত দিয়ে চাপ দিল মহিলা। অন্ধকারে সয়ে এসেছে চোখ, তাই সামনের দৃশ্যটা দেখতে পেল সাফিয়া।

একটা পথুরে লাইমস্টোন ক্লিফ দেখতে পেল, ঝোপঝাড় আর লতা-পাতায় বিবর্ণ। একটু আগে দেখা আলোটা আসছে ক্লিফের মুখে অবস্থিত টানেল থেকে। এই ধরনের টানেল বা রাস্তা ধোফার পাহাড়ে খুব স্বাভাবিক এক দশ্য।

টানেলের মুখে আলো এসে পৌছুলে, সাফিয়া বুঝতে পারল ঐ দলে মোট তিন জন আছে। এক বয়স্ক মহিলা, বারো-তেরো বছরের এক বাচ্চা আর এক কমবয়সী মহিলা। অবাক হয়ে সে লক্ষ্য করল, এই কমবয়সী মহিলার চেহারা আর ওর উদ্ধারকারিণীর চেহার প্রায় অবিকাল। তিন জনের পরণেই আলখেল্লা। আরো একটা মিল খুঁজে পেল ওঃ তিন জনের বাম চোখের বাইরের দিকে, একটা রুবী রঙের ট্যাটু। দেখতে এক ফোঁটা চোখের পানির মত। এমনকি বাচ্চাটাও বাদ যায়নি।

“হারিয়ে গিয়েছিল…” সাফিয়ার পাশে দাঁড়ানো মহিলা বলল।

“..এবার ঘরে ফিরে এসেছে।” বয়স্কা মহিলা বলল, ছড়িতে ভর দিয়ে আছে সে। সাদা চুল বেনী করে বাঁধা। কিন্তু চেহারায় বয়সের ছাপ এক বিন্দুও পড়েনি।

বয়স্কা মহিলার চোখের দিকে তাকাতে পারছেনা সাফিয়া, আবার ফিরিয়ে নিতে পারছে না।

“স্বাগতম।” ইংরেজীতে বলে উঠল বয়স্কা মহিলা। টানেলের প্রবেশপথ পর্যন্ত সাফিয়াকে নিয়ে যাওয়া হলো। ভেতরে ঢোকার পর, সবার সামনে সামনে এগোল বাচচাটা, মাথার উপর মশাল ধরে আছে। ওদের পিছু পিছু আসছে বয়স্কা মহিলা, কিন্তু কমবয়সী জন চলে গিয়েছে উটের কাছে।

কেউ কোন কথা না বলেই কয়েক পা এগিয়ে গেল। সাফিয়ার মনে একগাদা প্রশ্ন ভর করেছে। শেষ পর্যন্ত নিজেকে থামিয়ে রাখতে পারল না সে, “তোমরা কে? কী চাও?”

“শান্ত হও।” বয়স্কা মহিলা পেছন থেকে ফিসফিসিয়ে বলল, “তুমি নিরাপদে আছ।”

এখন পর্যন্ত আছি, সাফিয়া ভাবল। ওদেরকে ছেড়ে যাওয়া মহিলার কোমরে গোঁজা ছোরা, ওর নজর এড়ায়নি। “আমাদের হোজা তোমার সব প্রশ্নের জবাব দেবেন।” চমকে উঠল সাফিয়া। হোজা মানে গোত্রের শামান (জাদুকর)।

মেয়েরা ছাড়া কেউ হোজা হতে পারে না। গুপ্ত জ্ঞান ধারণ, চিকিৎসা করা, ভবিষ্যত্বাণী করাএসবই হোজার কাজ। কারা এরা? ভাবতে ভাবতে এগিয়ে চলল সে। নাকে আসছে জেসমিনের গন্ধ, গন্ধটা শান্ত করে দিল ওকে। মনে করিয়ে দিল ওর বাড়ির কথা, মার কথা আর নিরাপত্তার কথা।

কিন্তু কাঁধের ব্যথাটা ভোগাচ্ছে, রক্ত বের হওয়া শুরু হয়েছে আবার। এখন ব্যান্ডেজ ভেদ করে ওর হাত বেয়ে পড়ছে।

পিছনে আওয়াজ শুনতে পেয়ে ঘাড় ফিরিয়ে তাকাল সাফিয়া, তৃতীয় মহিলা ফিরে এসেছে। হাতে করে নিয়ে এসেছে লোহার হৃদপিন্ডবাহী রূপালী সুটকেসটা, কাঁধে বয়ে আনছে শেবার রাণীর চেহারা ঝোলানো লোহার বর্শা। ক্যাসান্দ্রার কাছ থেকে চুরি করে এনেছে নিশ্চয়।এরা কি মরুভূমির লুটেরা? ওকে কি আবারও কিডন্যাপ করা হয়েছে?

পাহাড়ের ভেতর দিয়ে চলে গিয়েছে টানেলটা। পথে অনেক গুলো গুহা আর পার্শ-টানেল পার হয়ে এসেছে এতক্ষনে। পথ হারাতে তাই সময় লাগল না সাফিয়ার। এরা ওকে নিয়ে যাচ্ছেটা কোথায়?

বেশ অনেকক্ষণ পর মনে হলো, তাজা বাতাসের স্পর্শ পাচ্ছে। সেই সাথে আরো ভারী হয়ে এসেছে জেসমিনের গন্ধ। টানেলটাও যেন অনেকটা উজ্জ্বল হয়ে উঠেছে।

একটা বাঁক ঘুরতেই দেখতে পেল, বিশাল এক গুহায় এসে উপস্থিত হয়েছে ওরা।

ভেতরে পা রাখল সাফিয়া। প্রথম দেখায় গুহা মনে হলেও, বুঝতে পারল-ওটা আসলে গুহা না। আসলে ওটা একটা থিয়েটার। অনেক উপরে একটা গর্ত দেখতে পেল সাফিয়া। ওখান দিয়ে পানি ঢুকছে, বেয়ে বেয়ে জমা হচ্ছে একটা ছোট পুকুরের মত জায়গায়। পুকুরটাকে ঘিরে জ্বলছে পাঁচটা ক্যাম্পফায়ারের আগুন, যেন কোন তারকার পাঁচটি কোণ।

ভৌগলিক বৈশিষ্ট্যগুলো পরিচিত মনে হলো সাফিয়ার কাছে। এই এলাকায় এমন সিংকহোলের সংখ্যা অগণিত।

আঁতকে উঠল সাফিয়া। আরো প্রায় ত্রিশটা অবয়বকে ঘোরাফেরা করতে দেখতে পাচ্ছে সে। অনেকে তাকিয়ে আছে ওর মুখের দিকে। আলীবাবা আর চল্লিশ চোরের গল্পের কথা মনে পড়ে গেল সাফিয়ার।

পার্থক্য একটাই-এই চল্লিশ চোরের সবাই মহিলা। বিভিন্ন আকারের, বিভিন্ন বয়সের। .. পায়ে পায়ে এগোল সাফিয়া, এতক্ষণ ধরে হাঁটবার আর ক্ষত খুলে রক্ত প্রবাহিত হবার কারণে দূর্বল হয়ে পড়েছে ও। শরীর কাঁপছে।

আগুনের পাশ থেকে একজন দাড়িয়ে পড়ল, “সাফিয়া?”

বক্তার দিকে শরীরের অবশিষ্ট সবটুকু শক্তি দিয়ে তাকাল মেয়েটা। বক্তার পরণের কাপড় অন্যান্যদের চেয়ে আলাদা। এই মেয়ে এখানে কিভাবে এল, তা সাফিয়ার মাথায় কিছুতেই খেলছে না।

“কারা?”

০১:০২ এ.এম.

থুমরাইত এয়ার বেস, ওমান

ক্যাপ্টেনের অফিসে রাখা চার্ট টেবিলের উপর ঝুঁকে দাঁড়ালো ক্যাসান্দ্রা। এই এলাকার সাটেলাইট ম্যাপ ব্যবহার করে, কিউরেটরের ম্যাপের অনুলিপি তৈরি করেছে সে। নীল রঙের মার্কার ব্যবহার করে সালালাহের সমাধি আর পাহাড়ের সমাধির মাঝে এক লম্বা লাইন এঁকেছে সে। লাল রঙ দিয়ে লাইন টেনেছে জবের সমাধি থেকে মরুভূমির উপর। এরপর হারানো শহরের লোকেশনটা ঘিরে লাল একটা বৃত্ত একেছে।

ওর বর্তমান অবস্থান, গুমরাইত এয়ার বেস থেকে জায়গাটা মাত্র ত্রিশ মাইল দূরে।

“কত দ্রুত তৈরি হতে পারবেন?” জানতে চাইল সে।

অল্প বয়েসী ক্যাপ্টেন জিহ্বা দিয়ে ঠোঁট ভেজাল, “তাবু, শেল্টার, অস্ত্র, রেশন, পানি, তেল, মেডিক্যাল সাপ্লাই আর জেনারেটর এরই মাঝে হেলিকপ্টারে তোলা শেষ। নির্দেশ মত, জিরো সেভেন হান্ড্রেড আওয়ারেই ওগুলো জায়গামত পৌঁছাবে।”

নড করল ক্যাসান্দ্রা। কিন্তু কৌতুহলী ক্যাপ্টেন বলল, “জায়গাটা মরুভূমির ঠিক মাঝখানে। ওখানে ক্যাম্প স্থাপন করে লাভ কী?”

“আপনি শুধু আপনাকে দেয়া আদেশ পালন করে যান, ক্যাপ্টেন গ্যারিসন।”

“ইয়েস স্যার।” বলল বটে, কিন্তু চোখ থেকে বিভ্রান্তভাবটা গেল না ক্যাপ্টেনের। ওর নজর আবার জানালা গলে পড়ল শেষ মুহুর্তের চেকিং-এ ব্যস্ত দুইশ লোকের উপরে। স্যান্ড ফেটিগ (মরুভূমিতে ব্যবহৃত ক্যামোফ্লেজ পোক) পড়ে আছে সবাই, কিন্তু কোন ইনসিগনিয়া নেই!

ক্যাসান্দ্রা ক্যাপ্টেনকে বিভ্রান্ত অবস্থায় রেখেই বেড়িয়ে পড়ল। খোদ ওয়াশিংটন থেকে ক্যাপ্টেনকে নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে, ক্যাসান্দ্রাকে যেন সর্বোচ্চ সহোযোগিতা দেয়া হয়। গিল্ড কমান্ড সামলেছে বাকি সব। বলা হয়েছে, ক্যাসান্দ্রার দলকে পাঠানো হয়েছে, আসন্ন ঝড়ের হাত থেকে এই এলাকার রিফিউজিদের সাহায্য করতে। এই মুহুর্তে ক্যাসান্দ্রার অধীনে আছে পাঁচটা যেকোন রাস্তার উপর দিতে চলতে সক্ষম এমন গাড়ি, একটা আঠার টন ওজনের এম-৪ হাই স্পীড ডেজার্ট ট্রাক্টর, এক জোড়া ট্রান্সপোর্ট হিউ আর VTOL ছয়টা কপ্টার স্লেড। আধা ঘন্টার মাঝে বেরিয়ে পড়বে ওরা।

কমান্ড ডিপো থেকে বের হতে হতে হাতঘড়ি দেখল ক্যাসাদ্রা মাঝে এসে উপস্থিত হবে বালুঝড়। রিপোর্টে বলছে, বাতাসের গতি .. আশি মাইল ছুঁই ছুঁই করছে।

কপাল মন্দ, ঠিক ঝড়ের দিকেই এগোতে হবে ওদের। উপায় নেই কোন, গিল্ড কমান্ড থেকে নির্দেশ এসেছে। এমন আভাসও দেয়া হয়েছে যে, প্রতি পদার্থ যে কোন মুহূর্তে বিস্ফোরিত হয়ে যেতে পারে। যে করেই হোক, ব্যাপারটাকে থামাতে হবে। তাই এত তাড়া।

অন্ধকার হয়ে আসা এয়ারফিল্ডটায় নজর বুলাল ক্যাসান্দ্রা। গিল্ড কমান্ড গতকালই এখানে বাড়তি সেনা আর যন্ত্রপাতি পাঠিয়ে দিয়েছে। গতকালের বন্দুকযুদ্ধের পর, মিনিস্টার নিজেই ওর সাথে কথা বলে কাজটা করেছেন। ভাগ্যকে ধন্যবাদ দিতেই হয়, কেননা সাফিয়াকে হারাবার আগেই হারানো শহরের লোকেশন জানতে পেরেছে সে। এই একটা কারণেই এখনও মিনিস্টার ওর উপর সন্তুষ্ট। কিন্তু সে নিজে নিজের উপর সন্তুষ্ট না।

পেইন্টারকে মানস চোখে দেখতে পাচ্ছে ক্যাসান্দ্রা। ধ্বংসাবশেষ আর সমাধির মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে সে। ক্যাসান্দ্রার উচিত ছিল ওকে গুলি করা । সাফিয়ার গায়ে লাগার সম্ভাবনা ছিল বটে, কিন্তু লাভ কী হলো? কিউরেটরকে হারাতেই হয়েছে। ক্যাসান্দ্রা কেন গুলি করেনি, তাই ভাবছে এখন। পেইন্টার যখন ওর দিকে ঘুরছিল, তখন এক সেকেন্ডের ভগ্নাংশের জন্য হলেও ইতস্তত করেছে।

সে নিজেকেই গালি দিল, সেই সাথে পেইন্টারকেও। পরেরবার সুযোগ হাত ছাড়া করবে না।

সেই সুযোগ মিলবে কি? পালাবার সময় যে লোকটা ওর ম্যাপ চুরি করেছে, সেটা ক্যাসান্দ্রার নজর এড়ায়নি। সুতরাং ধরে নেয়া যায়, পেইন্টার আসবে।

তবে এবার সে পেইন্টারের জন্য তৈরি। আসুক পেইন্টার, দ্বিতীয়বার ইতস্তত করবে না ক্যাসান্দ্রা।

অস্থায়ী কমান্ড সেন্টার মানে পার্ক করে রাখা গাড়ির পাশের আউটবিল্ডিং থেকে জন কেনকে বের হয়ে আসতে দেখল সে। খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে মার্সেনারি। পায়ে স্প্লিন্ট লাগানো। লোকটার চেহারার বাম দিকে সার্জিকাল গ্লু লাগানো, গলায় আর গালে আঁচড়ের দাগ। কিন্তু কোনও কিছুই ওকে দমাতে পারেনি।

“ক্লিন আপের কাজ একঘণ্টা আগে শেষ হয়েছে।” বলল কেন।

নড করল ক্যাসান্দ্রা। সমাধির বন্দুকযুদ্ধে ওদের জড়িত থাকার সমস্ত প্রমাণ মুছে ফেলা হয়েছে। “ক্রো-এর দলের কোন খবর?”

পাহাড়ে উধাও হয়ে গিয়েছে। পাহাড়ে প্রচুর পার্শ্ব রাস্তা আর উট চলা পথা। মাঝে মাঝে ঘন বনও আছে। মনে হয় ওরকম কোন এক জায়গাতেই লুকিয়েছে।”

কাসান্দাও তেমনটাই ভেবেছে। গোলাগুলিতে বেশ ধাক্কা খেয়েছে ওর দল। অনসরণ বা খোঁজ করার মত লোকবল অবশিষ্ট ছিল না। তাছাড়া স্থানীয় কর্তৃপক্ষ চলে আসার আগে নিজ দলের আহতদেরকেও সরিয়ে আনা দরকার ছিল। প্রথম এয়ার লিফটেই সমাধি ছেড়ে চলে এসেছিল সে। গিল্ড কমান্ডকে সব জানানো দরকার ছিল। জানিয়েছে, কিন্তু কিছুটা কমিয়ে। উবারের আসল লোকেশন যে সে আবিষ্কার করেছে তাও জানিয়েছে। আর এই তথ্যটাই বাঁচিয়ে দিয়েছে ওর জীবন।

“কিউরেটরের কী খবর?” জানতে চাইল সে।

“লোক লাগিয়ে রেখেছে। পাহাড় খুঁজে দেখছে। কিন্তু মেয়েটার সিগন্যাল এখনও খুঁজে পায়নি।”

ভ্রু কুঁচকালো ক্যাসান্দ্রা। সাফিয়ার ভেতরে প্রবেশ করানো ইমপ্ল্যান্টটার রেঞ্জ প্রায় দশ মাইল। তাহলে সিগন্যাল পাবে না কেন? পাহাড়ে সিগন্যাল বাঁধা পায়নি তো? হতে পারে, আসন্ন ঝড়ের জন্যও হতে পারে। কারণ যাই হোক না কেন, ধরা ওকে পড়তেই হবে।

সি-ফোর এর ছোট টুকরাটার কথা মনে পড়ল ক্যাসান্দ্রার। ওর হাত থেকে পালিয়েছে মেয়েটা…কিন্তু মৃত্যুর হাত থেকে পালাতে পারেনি। “ঠিক আছে। এবার বেরিয়ে পড়া যাক।”

০১:৩২ এ.এম.

ধোফার পাহাড়

“গুড গার্ল, সাফ।” বিড়বিড় করে বলল ওমাহা।

রাস্তার উপরে দাড়িয়ে নজর রাখতে থাকা পেইন্টার নড়ে উঠল । কি আবিষ্কার করেছে লোকটা? চোখে নাইট-ভিশন গগলস পরে আছে। আর ভোক্স ওয়াগনটা পার্ক করে রাখা আছে একটা গাছে নিচে।

ওমাহা আর অন্যান্যরা ভ্যানের পেছনে গাদাগাদি করে আছে। এই মুহর্তে দুই ভাই ঝুঁকে আছে ওর চুরি করে আনা ম্যাপের উপর।

ওদের পাশে দাড়িয়ে কোরাল ক্যাসান্দ্রার এসইউভি থেকে প্রাপ্ত সরঞ্জামাদি দেখে নিচ্ছে।

সমাধি থেকে ফেরার পথে ড্যানি আর ক্লে-এর সাথে দেখা হয় ওদের। কারার হঠাৎ উধাও হয়ে যাওয়ার কারণে, পাগলপারা হয়ে গিয়েছিল দুইজন। সাথে সাথে মেয়েটাকে খুঁজতে বের হয়েছিল ওমাহা আর পেইন্টার। সেই সময় ওরা ব্যস্ত ছিল ক্যাসান্দ্রার এসইউভি তে যা পাওয়া যায়, তা ভোক্স ওয়াগনে ভরতে। এসইউভিটা চালিয়ে দিয়েছিল একটা খাড়া ঢাল বেয়ে। পেইন্টার ভয় পাচ্ছিল, ওর মতই ক্যাসান্দ্রা হয়তো জিপিএস ব্যবহার করে এসইউভিটাকে খুঁজবে। কিন্তু ভোক্স ওয়াগন ইউরোভ্যানটার কথা ক্যাসান্দ্রা জানে না। বাড়তি সুবিধা। কারা নিজেকে লুকিয়ে রাখবে, এই আশা করে আর অপেক্ষা করেনি ওরা। কিন্তু এখন কেন জানি পেইন্টারের অশান্তি লাগছে। কারার দেহ খুঁজে পায়নি ওরা। গেল কোথায় মেয়েটা? নেশা করতে না পারার সাথে কি এর কোন সম্পর্ক আছে? দীর্ঘ একটা শ্বাস নিলো সে। হয়তো সবার জন্য ভালই হয়েছে। ওদের থেকে দূরে থাকলেই হয়তো কারা বেঁচে থাকার সুযোগ পাবে।

এখন ওর দলের সদস্য সংখ্যা ছয়ঃ সে এবং কোরাল, ড্যানি আর ওমাহা, বারাক আর ক্লে। ক্যাপ্টেন আল-হাফি আর শরীফের যে কী হয়েছে, খোদাই ভাল জানেন। পলায়নরত বাইত খাতিরের সাথে আছে ওরা।

প্রায় তিনঘণ্টা ধরে একটানা ছোটার পর, বিশ্রাম নেবার আর নিজেদেরকে গুছিয়ে নেবার জন্য থেমেছে পেইন্টারের দল। এখান থেকে সামনে এগোতে হলে, ম্যাপের বিন্দু বিন্দু দাগগুলো অনুসরণ করা ছাড়া উপায় নেই।

ভ্যানে থাকা ওমাহা সোজা হয়ে বসল, “হারামজাদীকে ধোকা দিয়েছে সাফিয়া।”

পেইন্টার ততক্ষণে যোগ দিয়েছে ওদের সাথে, “কী বলতে চাইছ?”

“এদিকে এসো, দেখাচ্ছি।”

পেইন্টার ওমাহার পাশে গিয়ে দাঁড়ালো। ওর প্রতি লোকটার অসহযোগী ভাবটা এখন অনেক কমে এসেছে। এখানে আসার পথে পুরো ঘটনা খুলে বলেছে সে, চিতার আক্রমণ, অদ্ভুত মহিলার আগমন-কিছুই বাদ দেয়নি।ওমাহা বুঝতে পেরেছে যে, যতক্ষণ পর্যন্ত সাফিয়া ক্যাসান্দ্রার থেকে দূরে আছে, ততক্ষণ আর বিপদের আশঙ্কা নেই।

ম্যাপের দিকে ইঙ্গিত করল ওমাহা, “এই যে লাইনগুলি দেখছ, এদের মাঝে নীল লাইনটা সালালাহের সমাধি থেকে জবের সমাধি পর্যন্ত। সাফিয়া নিশ্চয় প্রথম সমাধিতে কোন না কোন সূত্র খুঁজে পেয়েছে।”

পেইন্টার নড করল, “আর অন্যটা?”

“নিশ্চয় জবের সমাধিতে দ্বিতীয় কোন সূত্র পেয়েছে সে।”

“ধাতব রডের সাথে লাগানো আবক্ষ মূর্তি?”

“হতে পারে। এই যে এখানে দেখ, সাফিয়া গোল বৃত্তাকার একটা দাগ টেনেছে। মরুভূমির ঠিক মাঝখানে। আমি নিশ্চিত, পরবর্তী গন্তব্য এটাই।”

“উবারের লোকেশন।” অসুস্থবোধ করছে পেইন্টার। ক্যাসান্দ্রা যদি জেনে থাকে…

“নাহ, এটা উবারের লোকেশন না।” ড্যানি বলল।

ওমাহা নড করল। “আমি মেপে দেখেছি। জবের সমাধি থেকে এই জায়গাটা ঠিক উনসত্তর মাইল দূরে।”

পেইন্টারের মুখ থেকেই ওমাহা শুনেছে, লম্বা মতন এক লোক রড বরাবর কিছু একটা মেপে “উনসত্তর” শব্দটা উচ্চারণ করেছিল।

“তাহলে তো মিলেই গেল।” বলল পেইন্টার।

“কিন্তু ওরা মাইল হিসেব করেছে,” বলল ওমাহা, “আমাদের মাইল।”

“তাতে কী?”

ওমাহা এমনভাবে পেইন্টারের দিকে তাকাল, যেন শিক্ষক ফাঁকিবাজ ছাত্রের দিকে তাকায়, “লোহার হৃদপিন্ডটার বয়স কত ছিল? যদি ঐ রডটাও সেই সময়কার হয়, তাহলে এই ধর ২০০ বি.সি. তে বানানো হয়েছিল ওগুলো।”

“মেনে নিলাম।”

“তখনকার মাইল হিসাব করা হত রোমানদের মাপ অনুসারে। এক মাইল সমান পাচ হাজার রোমান ফুট। আর এক রোমান ফুট সমান সাড়ে এগার ইঞ্চি। সাফিয়ার এটা জানার কথা! ক্যাসান্দ্রাকে ধোকা দিয়ে ভুল জায়গায় পাঠিয়েছে সে।”

“তাহলে আসল লোকেশনটা কোথায়? জানতে চাইল পেইন্টার ।

মনে মনে হিসেব করে নিল ওমাহা। কিছুক্ষণ পর বলল, “উনসত্তর রোমান মাইল সমান এখনকার তেষট্টি মাইলের মত।”

“ক্যাসান্দ্রাকে তাহলে ছয় মাইল সামনে পাঠিয়েছে সাফিয়া। বেশি না।”

“মরুভূমিতে ছয় মাইল আর ছয়শ মাইল একই কথা।”

পেইন্টার কথা বাড়াল না। এই ধোকাটুকু ক্যাসান্দ্রাকে বেশিক্ষণ বোকা বানিয়ে রাখতে পারবে না। যে মুহূর্তে মেয়েটা বুঝবে যে সে ভুল জায়গায় এসে পৌছেড়ে তখন অন্যদের সাথে আলোচনা করবে সে। বড়জোর একদিন বা দুই বাড়তি সময় এনে দিয়েছে সাফিয়ার এই চালাকি। “ম্যাপে লোকেশনটা দেখাও তো।”

ওমাহা আগ্রহের সাথে কাজে নেমে পড়ল, হিসেব নিকেশ করে একটা পিন বসিয়ে দিল ম্যাপে। কিন্তু সাথে সাথেই ভ্রু কুঁচকে ফেলল, “কিছুই বুঝতে পারছি না।”

পেইন্টার ওর কাঁধের উপর দিয়ে ম্যাপের দিকে তাকাল, “শিশুর।”

ওমাহা মাথা নাড়ল, হতাশ গলায় বলল, “সোনার হরিণের পিছে ছুটছি।”

“বুঝলাম না।”

ড্যানি উত্তর দিল, “১৯৯২ সালে নিকোলাস ক্ল্যাপ এই শিশুরেই উবারের ধ্বংস স্থূপ আবিষ্কার করেন। ওখানে কিছু নেই।”

পেইন্টারের মেনে নিতে কষ্ট হলো, “হয়তো কিছু একটা সবার নজর এড়িয়ে গিয়েছে।”

ওমাহা চাপড় বসাল ম্যাপে, “আমি নিজে ওখানে গিয়েছি। কিছু নেই। এত ঝামেলা, হত্যা কান্ড… সব অহেতুক!”

“গত কয়েকদিনের কথা ভেবে দেখ,” হাল ছাড়তে রাজি নয় পেইন্টার। “সবার ধারণা ছিল ঐ দুই সমাধির সব রহস্য উদঘাটিত হয়ে গিয়েছে। কিন্তু আসলেই কি তাই? আমরা কি দুই জায়গাতেই নতুন কিছু আবিষ্কার করিনি।”

“আমরা করিনি, সাফিয়া করেছে।” তিক্ত সুরে বলল ওমাহা। বেশ কিছুক্ষণ চুপ করে রইল সবাই।

পেইন্টার ওমাহার কথাগুলো ভেবে দেখল। বলল, “মেয়েটা অবশ্যই শিশুরে যাবে।”

ওমাহা তাকাল ওর দিকে, “কী বলতে চাও?”

“সাফিয়ার কথা বলছি। ক্যাসান্দ্রাকে ধোকা দিলেও, নিজে তো আসল লোকেশনের কথা জানে, তাই না?”

ওমাহা তাও বুঝতে পারেনি, বলল, “কিন্তু শিশুরে তো কিছুই নেই।”

“কিছুই নেই না, কিছুই পাওয়া যায়নি। তোমার কথাই ভেবে দেখ সাফিয়া আবিষ্কার করেছে নতুন সূত্র। সে ভাববে, শিশুরেও হয়তো তেমন কিছু আছে। কাসান্দ্রা যেন সেই জিনিস হাতে না পায়, তার সর্বোচ্চ চেষ্টাটাই করবে সে।”

দীর্ঘ একটা শ্বাস টানল ওমাহা, “ঠিক বলেছ।”

“যদি ওকে যাবার অনুমতি দেয়া হয়, তবে না!” কোরাল পাশ থেকে বলল, “অদ্ভুত মেয়েমানুষটার কথা ভুলে গিয়েছ!”

বারাক উত্তর দিল, “আমি এদের কথা আগেও শুনেছি। ক্যাম্পফায়ারের পাশে ওদের গল্প শোনা যায়। মরুভূমির যোদ্ধা। মানুষের চেয়ে জ্বীনের সাথেই মিল বেশি। প্রাণিদের সাথে কথা বলতে সক্ষম। চাইলেও মিলিয়ে যেতে পারে হাওয়ায়।”

“হুম, বুঝেছি।” ওমাহা বিদ্রুপের সুরে বলল।

“ঐ মেয়েটার মাঝে আসলেই অস্বাভাবিক কিছু ছিল।” পেইন্টার বলল, “আমার মনে হয়, ওদের সাথে এই আমাদের প্রথম সাক্ষাৎ না।”

“কি বোঝাতে চাইছ?”

ওমাহার দিকে তাকিয়ে নড করল পেইন্টার, “মনে আছে, মাসকাটে তোমাকে কিডন্যাপ করার চেষ্টা চালানো হয়েছিল? মার্কেটে একটা মেয়েকে দেখেছিলে?”

“তোমার ধারণা, ঐ মেয়ে আর এই মেয়ে এক?”

শ্রাগ করল পেইন্টার, “এই না হলেও, হয়তো একই দলের। এই খেলায় যে তৃতীয় পক্ষ আছে, সে ব্যাপারে আমি নিশ্চিত। সাফিয়াকে কিডন্যাপ করার পেছনে নিশ্চয় কোন না কোন কারণ আছে। আমার তো মনে হয়, তোমাকে ব্যবহার করে সাফিয়াকে ফাঁদে ফেলবার জন্য ওই কিডন্যাপের প্রচেষ্টা চালানো হয়েছিল। রূপালী স্যুটকেসটা উটের পিঠে বেঁধে নিয়েছিল ঐ মহিলা। কারণ ছাড়া নেয়নি নিশ্চয়। এই সবকিছু উবারের দিকে নির্দেশ করছে।”

ওমাহা এক মুহূর্ত ভাবল, “তাহলে আমরা ওখানেই যাব। আশা করি সাফিয়াকে দেখতে পাব।”

“না পেলেও, অন্তত এলাকা তো খুঁজে দেখা যাবে।” কোরাল বলল, “এখানে একটা বেশ শক্তিশালী রাডার আছে, সহজেই বালুর নিচে দেখা যাবে। এক বাক্স গ্রেনেড আর বাড়তি রাইফেলও আছে। কিন্তু এই জিনিসটা…” হাতে শটগানের মত দেখতে একটা অস্ত্র তুলে নিল সে, “…যে কি তা বুঝতে পারছি না।”

পেইন্টারের দিকে ফিরল সবাই, যেন ওর অনুমতির অপেক্ষা করছে।

“আমরা অবশ্যই যাব।” বলল সে।

ওমাহা চাপড় বসাল ওর কাঁধে, “অবশেষে, আমরা কোন বিষয়ে একমত হতে পারলাম।”

০১:৫৫ এ.এম.

কারাকে জড়িয়ে ধরল সাফিয়া, “এখানে কী করছ তুমি?”

“আমি নিজেও জানি না।” ওর আলিংগনের মাঝে কাঁপছে কারা।

“অন্যরা কই? আমি পেইন্টারকে দেখেছি…ওমাহার কী খবর ……আর ওর ভাইয়ের?”

“যতদূর জানি, সুস্থই আছে সবাই। কিন্তু গোলাগুলির সময় আমি আলাদা হয়ে পড়ি।”

বসে পড়ল সাফিয়া, দূর্বল লাগছে খুব। মাথাটা চক্কর দিচ্ছে। এতটাই দুর্বল লাগছে যে বসে থাকাও সম্ভব হলো না। আগুনের পাশে শুয়ে পড়ল সে।

“তোমার কাঁধ! রক্ত ঝরছে।” কারা আঁতকে উঠল।

গুলি লেগেছে! কথাটা মুখ দিয়ে বের হয়েছে নাকি হয়নি, তা বুঝতে পারল না সাফিয়া।

আচমকা তিন জন মহিলা ওদের পাশে এসে দাঁড়াল, হাত ভর্তি বিভিন্ন জিনিসপত্র। একটা ধোঁয়া ওঠা পানি ভর্তি বেসিন, ভাঁজ করা কাপড়, ঢেকে রাখা একটা পাত্র আর জায়গাটার সাথে বেমানান-একটা রেড ক্রস মেডিক্যাল কিট। অন্য এক বয়স্কা মহিলাও এসে উপস্থিত হলো। তুষারের মত সাদা তার চুল, হাতে লম্বা একটা ছড়ি । কাঁধগুলো ঝুঁকে পড়েছে, কানে রুবি পাথর ঝুলছে, ঠিক তার ট্যাটুর মত।

“শুয়ে থাক, কন্যা আমার।” বয়স্কা মহিলা ইংরেজীতে বললেন, “ক্ষতটা দেখতে দাও।”

সাফিয়ার বাঁধা দেবার শক্তি নেই, কিন্তু কারার আছে। তাই কারার উপর ভরসা রাখল সে, কোন বিপদ হলে ওর উপর ভরসা করা ছাড়া উপায়-ও নেই।

সাফিয়ার শরীর থেকে ব্লাউজটা খুলে ফেলা হলো। অ্যালোভেরা আর মিন্টের পেস্ট মাখানো হলো ভিজে ওঠা ব্যান্ডেজে। এরপর ধীরে ধীরে টেনে খুলে ফেলা। হলো। আঁতকে উঠল সে, মনে হলো কেউ যেন ওর চামড়া খুলে নিচ্ছে।

“আপনারা ওকে ব্যথা দিচ্ছেন।” বলে উঠল কারা।

“আমার কাছে এক অ্যাম্পুল মরফিন আছে, হোজা।” একজন মেডিক্যাল কিট খুলতে খুলতে বলল।

“আগে ক্ষতটা দেখতে দাও।” বয়স্কা মহিলা বললেন। সাফিয়া ঘুরল, যেন কাঁধটা সহজে দেখানো যায়।

“বুলেট সোজা বের হয়ে গিয়েছে। ক্ষতটাও খুব একটা গভীর না। অপারেশনের দরকার পড়বে না। মিষ্টি গন্ধরসের চা খেতে দাও ওকে। সেই সাথে দুটা টাইনেনল (প্যারাসিটামল) আর কোডেইন (মরফিনের মত ব্যথা নাশক) । ভাল হাতটায় উষ্ণ লিঙ্গারস ল্যাকটেট সলিউশন (এক ধরণের স্যালাইন) ঝুলিয়ে দাও।”

“ক্ষতটার কী হবে?”

রক্তপাত বন্ধ করতে হবে, এরপর প্যাক দিয়ে বেঁধে দিতে হবে কাঁধ। স্লিং-ও দিতে হবে।”

“জি, হোজা।”

সাফিয়াকে বসানো হলো। এক কাপ চা ধরিয়ে দেয়া হলো কারার হাতে, “পান করতে সাহায্য কর। এতে কিছুটা হলেও শক্তি ফিরে পাবে সে।”

মেনে নিল কারা, দুহাত বাড়িয়ে কাপটা গ্রহণ করল। অল্প অল্প করে পান করল সাফিয়া। মনে হলো, উষ্ণতা পাকস্থলী পর্যন্ত ছড়িয়ে পড়ছে। দুটা পিলও দেয়া হলো ওকে।

“ব্যথার জন্য।” ওকে বলল মহিলাদের একজন।

“খেয়ে ফেল সাফি,” বলল কারা, “নাহয়, আমিই খেয়ে ফেলব।”

হাঁ করে ওষুধ মুখে নিল সাফিয়া, চায়ের সাহায্যে গিলে ফেলল।

“এবার শুয়ে পড়। তোমার ক্ষতের উপর কাজ করতে দাও।” হোজা বললেন।

কথা মত কাজ করল সাফিয়া।

ওর পাশে এসে দাঁড়ালেন হোজা, এক হাত সাফিয়ার হাতে রেখে বললেন, “ঘুমাও মেয়ে। শান্তিতে ঘুমাও।”

“কে…কে আপনারা?” জানতে চাইল কারা।

“আমরা তোমার মা।”

কুঁচকে গেল সাফিয়া। হতেই পারে না। ওর মা মৃত। আর এই মহিলার বয়স অনেক বেশি। নিশ্চয় কথাটা আক্ষরিক অর্থে বলা হয়নি। কিন্তু কিছু বলার আগেই ঘুমিয়ে পড়ল সে।

তবে হোজার বলা শেষ কয়টি শব্দ পরিষ্কার শুনতে পেল সে, “আমরা সবাই, সবাই তোমার মা।

০২:৩২ এ.এম.

কারা দেখতে পেল, অদ্ভুত দর্শন মেয়েগুলো ওর বান্ধবীর শুশ্রষা করছে। দক্ষহাতে হোজার দেয়া নির্দেশগুলো পালন করছে ওরা। একটু কেঁপে উঠল সাফিয়া, কিন্তু ঘুম ভাঙ্গল না।

“হাতটা যেন স্লিং-এ থাকে।” আদেশ দিলেন বয়স্কা মহিলা, “আর ঘুম থেকে উঠলে এক কাপ চা পান করতে দেবে ।”

উঠে দাড়ালেন হোজা, কারার দিকে ফিরে বললেন, “মেয়েরা তোমার বান্ধবীর সেবা করুক। তুমি আমার সাথে এসো”

“আমি সাফিয়াকে ছেড়ে এক পা-ও নড়ব না।” বান্ধবীর দিকে আরো সরে এলো কারা।

“চিন্তা করো না, ওর কোন ক্ষতি হবে না। আমার সাথে এসো, তোমার উত্তর পাবে।”

“কি বলতে চান আপনি?”

“তোমার জীবনের উত্তর। ইচ্ছা হলে এসো, নাহয় থাকো। আমার কিছু যায় আসে না।”

সাফিয়ার দিকে একবার তাকাল কারা, আরেকবার বয়স্কা মহিলার দিকে।

জীবনের উত্তর!

আস্তে করে উঠে দাঁড়াল সে, “ওর যদি কোন ক্ষতি হয়…” হুমকীর সুরে বলল। এরপর পিছু নিল হোজার।

“আমরা কোথায় যাচ্ছি?”

পাত্তাই দিলেন না হোজা। হেঁটে হেঁটে গুহার আরো ভেতরে প্রবেশ করলেন তিনি।

এখানে কিভাবে এসেছে, তা মনেই করতে পারছে না কারা। শুধু জানে এক নারীকে অনুসরণ করে এসেছে। এখানে এসে পৌঁছাবার পর ওকে বলা হয়েছে, আগুনের পাশে বসে থাকতে। অনেক কিছু জানতে চেয়েছে সে, কিন্তু উত্তর পায়নি।

এই মহিলারা কারা? সাফিয়া বা ওর কাছে এরা কি চায়?

একটা টানেলের প্রবেশমুখে এসে উপস্থিত হলো ওরা। দেখল, বাচ্চা একটা মেয়ে হাতে আলাদীনের চেরাগের মত এক ছোট ল্যাম্প নিয়ে দাঁড়িয়ে আছে। বয়স বেশি হলে আট হবে। বড় বড় চোখে তাকিয়ে আছে কারার দিকে, যেন ভিনগ্রহের কোন মানুষ দেখছে। কিন্তু সেই চোখে নেই কোন ভয়, আছে শুধু কৌতুহল।

নড করলেন হোজা, “এগোও, ইয়াকুত ।”

ইয়াকুত আরবী শব্দ, এর অর্থ রুবী। এখানে আসার পর, এই প্রথম কোন নাম উচ্চারিত হতে শুনল কারা।

হোজার দিকে তাকাল সে, “আপনার নাম কী?”

“আমাকে অনেক নামেই ডাকা হয়। তবে আমাকে যে নাম জন্মের সময় দেয়া হয়েছিল, তা হলো লুলু। তোমাদের ভাষায় এর অর্থ দাঁড়ায় মুক্তা।”

নড করল কারা, “আপনাদের সবার নাম কি কোন না কোন দামী পাথরের নামে?”

উত্তর পেল না কারা, কিন্তু বুঝতে পারল যে সে ঠিকই ধরেছে। সমস্যা হলো, আরবের রীতি অনুসারে এমনভাবে নাম দেয়া হয় শুধু দাসদের।

তাহলে এই মেয়েরা ওমন নাম কেন বেছে নিয়েছে? অধিকাংশ আরব মহিলাদের তুলনায় অনেক বেশি স্বাধীন এরা ।

টানেল থেকে একটা লাইমস্টোনের চেম্বারে ঢুকে পড়ল ইয়াকুত। ঠান্ডা চেম্বারটা,

দেয়ালগুলো স্যাতসেঁতে, ল্যাম্পের আলোয় অদ্ভুতুড়ে দেখাচ্ছে। মেঝেতে বেশ বড় জায়নামাজ বিছানো, সেই সাথে খড় পাতা। অন্য মাথায় দাঁড়িয়ে আছে একটা কালো পাথরে নির্মিত বেদী।

হিম শীতল একটা স্রোত বয়ে গেল কারার শিরদাড়া বরাবর। এখানে কেন আনা হয়েছে ওকে?

বেদীটার পিছনে অদৃশ্য হয়ে গেল ইয়াকুত। হঠাৎ করে যেন উজ্জ্বল হয়ে গেল আলো। ইয়াকুত ওর হাতে ধরা ল্যাম্পটা ব্যবহার করে মশাল জ্বালিয়েছে।

মশালের আভায় নিজের ভুল বুঝতে পারল কারা। বেদীটা আসলে অনেকটা কালো অবসিডিয়ানের মত। তবে অনেক বেশি স্বচ্ছ। মশালের আলো বেদীটাকে ভেদ করে এদিকে আসছে।

“এসো,” লুলু কারাকে জায়নামাজের উপর নিয়ে এলেন, “হাঁটু গেড়ে বস।” চুপচাপ আদেশ পালন করল কারা। ঠিক ওর পেছনে দাঁড়িয়ে হোজা বললেন, “এই জিনিসের খোঁজেই এতদূর এসেছ তুমি।” বেদীর দিকে ছড়ি তুলে ইঙ্গিত করলেন তিনি।

স্বচ্ছ পাথরটার দিকে চাইল কারা। আবারও ভুল করেছে সে, ওটা আসলে স্বচ্ছ পাথরই না। ওটা… কাঁচ

ভেতরে একটা মনুষ্য কঙ্কাল দেখা যাচ্ছে। হাড়গুলো পর্যন্ত কালো হয়ে গিয়েছে, হাত দুদিকে ছড়ানো, কিন্তু পা জোড়া মুড়ে আছে। পম্পেই-এর ধ্বংসাবশেষে এমন দৃশ্য আগেও দেখেছে কারা। ভিসুভিয়াসের আগ্নেয়ৎপাতের ফলে সৃষ্ট ছাই দেহের উপর জমে পাথরে রূপান্তরিত করে দেয় জীবিত মানুষকে। যার ফলে সৃষ্ট হয় এমন মূর্তি। কারা জানে, ওকে কেন এখানে আনা হয়েছে। দেখানো হচ্ছে এই দৃশ্য।

ওর জীবনের উত্তর। নিজেকে আর ধরে রাখতে পারনা সে, আছড়ে পড়ল মেঝেতে। না… কেঁদে ফেলল কারা। বুঝতে পেরেছে, ঐ মূর্তিটা কার?

চিৎকার বেরিয়ে এল গলা দিয়ে, এক মুহূর্তেই যেন ওর কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে সবকিছু। ওর শক্তি, আশা এমনকি বেঁচে থাকার ইচ্ছাও।

“পাপা…”

০৩:১২ এ.এম.

জ্ঞান ফিরে পেয়েই সাফিয়া শুনতে পেল মনোমুগ্ধকর এক সুর। টের পেল, উষ্ণতা ফিরে এসেছে দেহে। চুপচাপ শুয়ে কিছুক্ষণ উপভোগ করল সে। এরপর ধীরে উঠে বসল। চীৎকার করে যেন প্রতিবাদ জানাল ওর কাঁধ। কিন্তু ব্যথা অনেক কমে এসেছে। ঘড়ি দেখে বুঝল, একঘন্টার মত ঘুমিয়েছে সে। কিন্তু মনে হলো । অনেকদিন পার হয়ে গিয়েছে।

এক যুবতী মেয়ে এগিয়ে এল ওর দিকে, হাঁটু গেড়ে বসে এগিয়ে দিল একটা কাপ, “হোজা আপনাকে এটা পান করতে বলেছেন। ভাল হাতটা দিয়ে কাপটাকে নিল সে।

“কারা, আমার বান্ধবী, সে কোথায়?”

“চা শেষ করুন, এরপর আমি হোজার কাছে আপনাকে নিয়ে যাচ্ছি। আপনার বোন ওর সাথেই আছেন।”

নড করল সাফিয়া। গরম, ধোঁয়া ওঠা কাপটা থেকে যত দ্রুত সম্ভব চা পান করল সাফিয়া। শেষ করে উঠে দাঁড়ালো কোন সাহায্য ছাড়াই।

“এদিকে।” মেয়েটা ওকে পথ দেখিয়ে চলল।

“তোমরা আসলে কে?” সাফিয়া জানতে চাইল।

“আমরা রেহেম। এক কথায় উত্তর দিল ওর গাইড।

রেহেম আরবী শব্দ, এর অর্থ “গর্ভাশয়”। তাহলে কি মেয়েদের এই গোত্রটি কি মরুভুমির আমাজন রমণী?

সামনে আলো দেখতে পেল সাফিয়া। গাইড মেয়েটি টানেলের মুখে এসে সরে দাঁড়াল। ভেতরে প্রবেশ করল সে। একটা চেম্বারের সামনে এসে কান্নার আওয়াজ শুনতে পেল সে। কারা…

ভয় পাচ্ছিল এতক্ষণ, কিন্তু কারার কান্নার আওয়াজ কানে যেতেই ঠেলে সরিয়ে দিল ভয়টাকে। কারাকে মেঝেতে পড়ে থাকতে দেখল সে। বয়স্কা হোজা ওর পাশে বসে আছেন, আলিংগন করে আছেন মেয়েটাকে।

“কারা, কী হয়েছে?” সাফিয়ার গলা শুনে মুখ তুলে চাইল কারা, চোখ ফুলে গিয়েছে, গাল দুইটা ভেজা। হাত তুলে দেখিয়ে দিল বেদীটাকে।

কিন্তু কঙ্কালটাকে দেখার আগে কিছু বুঝতে পারল না সাফিয়া, “ওহ হো…”

কর্কশ গলায় কারা বলল, “ওটা…ওটা আমার বাবার।”

“ওহ কারা।” মেয়েটার প্রতি মমত্ববোধে ধরে এল সাফিয়ার গলা। কারাকে জড়িয়ে ধরলো সে। রেজিনাল্ড কেনসিংটন ওর সাথে বাবার মতই আচরণ করতেন।

কারার দুঃখ অনুভব করতে পারল সে, কিন্তু একই সাথে বিভ্রান্তবোধ করল।

“কিভাবে? কেন?”

কারা বয়স্কা মহিলার দিকে তাকাল, নিজে কথা বলতে অক্ষমবোধ করছে।

হোজা কারার হাতে আলতো চাপড় দিলেন, “তোমার বান্ধবীকে আগেই বলেছি, লর্ড কেনসিংটনকে আমরা ভালভাবেই চিনি। মৃত্যুর দিনে তিনি প্রবেশ করেছিল নিষিদ্ধ এলাকায়। তাঁকে সাবধান করে দেয়া হয়েছিল, কিন্তু তিনি সেই সাবধানবাণী কানে তোলেননি। দুর্ঘটনাক্রমে এই এলাকায় আসেননি লর্ড কেনসিংটন, উবারের খোঁজে এসেছিলেন। ঠিক তার মেয়ে যেমন এসেছে।”

“কী হয়েছিল?”

“উবারের সীমানায় পা দেয়ার অর্থ হলো, শতাব্দির পর শতাব্দি ধরে ঘুমিয়ে থাকা শক্তিতে জাগিয়ে তোলা। আমরা এই শক্তির প্রহরী। তিনি এই জায়গার কথা শুনেছিলেন, নিজেকে এখান থেকে দূরে রাখতে পারেননি। আর সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল।”

কারা উঠে বসল, “কী এই শক্তি?”।

হোজা মাথা নাড়লেন, “আমাদেরও জানা নেই। উবারের দরজা আমাদের জন্য বন্ধ হয়েছে, তাও প্রায় দুই সহস্রাব্দ হতে চলল। দরজার ওপাশে কী আছে, সেই জ্ঞান হারিয়ে গিয়েছে কালের অতলে। আমরা রেহেম, সর্বশেষ প্রহরী। আমরা অতীতের জ্ঞান পেয়েছি আমাদের পূর্বতনের মুখ থেকে। কিন্তু উবারের ধ্বংসের পর, দুইটি রহস্য আমাদের কাছে এখনও রহস্যই রয়ে গিয়েছে। উবারের রাণী আমাদেরকে তা বলেননি। প্রথম রহস্য হলো, উবারের প্রবেশদ্বার খুঁজে বের করার চাবি কোথায় লুকিয়ে রাখা হয়েছে? আর অন্যটি হলো, উবারের হৃদপিন্ডে লুকিয়ে থাকা শক্তিটি আসলে কী!”

বয়স্কা মহিলার বলা প্রত্যেকটা কথা, আরো একশ প্রশ্নের জন্ম দিল সাফিয়ার মনে। উবারের প্রবেশ দ্বার। এর সর্বশেষ প্রহরী। হারানো শহরের হৃদপিন্ড। লুকানো চাবি।

হঠাৎ কিছু একটা উপলব্ধি করতে পারল সে, “লুকানো চাবি… “লোহার হৃদপিন্ডটা।”

নড কর হোজা, “উবারের হৃদপিন্ড খুঁজে বের করার চাবি।”

“আর বর্শা সহ বিলকিসের আবক্ষ মূর্তি। শেবার রাণী বিলকিসের!” বয়স্কা মহিলা বাউ করলেন, “তিনি আমাদের সবার মা। উবারের রাজপরিবারের প্রথম ব্যক্তি।”

উবারের প্রচলিত ইতিহাস মাথায় খেলে গেল সাফিয়ার। ওর জানামতে শহরের গোড়াপত্তন ঘটেছে ৯০০ বি.সি. তে। ইতিহাস অনুসারে, শেবার রনিও সেই সময়কার। উবার ধ্বংস হয়েছে ৩০০ এ.ডি. তে। অনেক লম্বা সময়। কিন্তু পুরোটা সময় যে একই পরিবারের হাতে রাজ ক্ষমতা ছিল, তা স্বীকৃত। আর সেটা যে শেবার রাণীর পরিবার ছিল না, সেটাও স্বীকৃত।

সাফিয়া সেই প্রশ্নটাই করল, “আমি তো জানতাম, উবারের প্রথম শাসক হলে রাজা শাদ্দাদ, নোয়াহ ছিলেন তার পর-দাদা।” এখনও শাহরা নামের এক বেদুইন গোত্রের খোঁজ পাওয়া যায়। যাদের দাবী, তারা রাজা শাদ্দাদের বংশধর।

বয়স্কা মহিলা মাথা নাড়লেন, “শাদ্দাদের বংশধরদের মন্ত্রী বলা যায়। বিলকিস রাণীর বংশই আসল শাসক। অধিকাংশ মানুষ সেকথা জানত না। রাণীর বংশ এখনও বিলুপ্ত হয়নি, টিকে আছে।”

আবক্ষ মূর্তিটার কথা মনে পড়ে গেল সাফিয়ার। ওকে এখানে নিয়ে আসা মেয়েটার সাথে অনেক মিল আছে সেই মূর্তির। রাণীর বংশ কি এখনও অতটা বিশুদ্ধ থাকতে পারে?

সাফিয়া সামলে নিল নিজেকে, “আপনি কি বলতে চাইছেন যে, আপনারা শেবার রাণীর বংশধর?”

হোজা আবারও বাউ করলেন, “নাহ…ব্যাপারটা এতো সহজ না।” এরপর সাফিয়ার চোখের দিকে চেয়ে বললেন, “আমরাই শেবার রাণী।”

০৩:২৮ পি.এম.

কারার নিজেকে অসুস্থ বলে মনে হলো। না, অনেকক্ষণ ধরে ড্রাগ নেয়নি, সেজন্য না। নিজেকে ওর বিধ্বস্ত মনে হচ্ছে। হারানো শহর, অস্বাভাবিক ক্ষমতার আর পুরনো বংশগতির কথা ওর কাছে কোন মূল্যই রাখে না। ওর চোখ শুধু ওর বাবার কঙ্কালের উপর।

হোজার একটা কথাই বারবার শুনতে পাচ্ছে সে।

দুর্ঘটনাক্রমে এই এলাকায় আসেননি লর্ড কেনসিংটন, উবারের খোজে এসেছিলেন। তার মেয়ে যেমন এসেছে।

বাবার মৃত্যুর দিনের কথা মনে পড়ল ওর। কেন মাসকাটের ধারে কাছে শিকারের স্পট ছেড়ে, এত দূরে শিকার করতে এসেছিল ওরা? ওর জন্মদিনটা আসলে এইসব এলাকায় আসার উছিলা না তো?

বুকের ভেতরটা রাগে ভরে উঠল। কিন্তু কার প্রতি এই রাগ? সত্যটা এতদিন গোপন করে রাখার জন্য এই রেহেমদের উপর? ওর বাবার উপর? নাকি অহেতুক এতদিন পাপাকে অনুসরণ করে এসেছে বলে নিজেরই উপর?

উঠে বসে হোজার দিকে ফিরল সে। “কেন আমার বাবা উবারের খোঁজ করছিলেন?”

“কারা,….” স্বান্তনা দেবার সুরে বলল সাফিয়া, “এসব নিয়ে নাহয় কিছুক্ষণ পরেই ভাবা যাবে।”

“নাহ।” রাগ ওর গলায় আদেশের ভঙ্গি ফুটিয়ে তুলল, “আমি এখনি জানতে চাই।”

হোজা উত্তর দিলেন, “তোমার জানতে চাইবার সব অধিকারই আছে। আর উত্তর দেবার জন্যই তোমাদের দুজনকে এখানে আনা হয়েছে।” একবার সাফিয়া আর আরেকবার কারার দিকে চাইলেন তিনি, “মরুভূমি কেড়ে নেয়, আবার ফিরিয়েও দেয়।”

“এর মানে কী?” জানতে চাইল কারা। দীর্ঘশ্বাস ফেললেন হোজা, “মরুভূমি তোমার বাবাকে কেড়ে নিয়েছে।” বেদীর দিকে এগিয়ে গেলেন তিনি, “কিন্তু উপহার দিয়েছে এক বোন।” সাফিয়াকে দেখালেন তিনি।

“সাফিয়া আমার সবচেয়ে কাছের বান্ধবী, সবসময় তাই ছিল।” রাগ থাকা সত্ত্বেও সাফিয়ার প্রতি ভালবাসায় ভরে গেল ওর মন।

“সে তোমার বান্ধবীর চেয়েও বেশি কিছু। তোমরা আত্মার বোন, সেই সাথে…রক্তেরও।” কংকালটার দিকে ইঙ্গিত করলেন তিনি, “এই যে এখানে শুয়ে আছে তোমার বাবা…সাফিয়ারও।” হতভম্ব দুই মেয়ের দিকে তাকালেন হোজা, “তোমরা দুই বোন।”

০৩:৩৩ এ.এম.

সাফিয়ার মন হোজার কথা বুঝতে ব্যর্থ হলো।

“অসম্ভব।” বলল কারা, “আমার জন্মের সময়ই মা মারা যান।

“তোমাদের বাবা এক, মা না।” হোজা ব্যাখ্যা করলেন, “সাফিয়ার মা আমাদের গোত্রর একজন।”

সাফিয়া মাথা ঝাঁকল। কারা আর ও তাহলে সং বোন। ঘুম থেকে উঠে যে কি অনুভব করতে পেরেছিল, এখন ছেয়ে ঢুকলো টুকরো হয়ে গেল তা। নিজের মায়ের ব্যাপারে কেবল একটা কথাই জানত সে-ওর বয়স যখন চার, তখন বাস দুর্ঘটনায় মারা যান তিনি। বাবার ব্যাপারে তো কিছুই জানে না। শৈশবের স্মৃতিতে শুধু মার নামটাই মনে আছে ওর, আল-মায়াজ।

“শান্ত হও।” হাত তুলে বললেন হোজা, “এটাকে উপহার হিসেবে দেখো, অভিশাপ হিসেবে না।”

বয়স্কা মহিলার কথা শুনে শান্ত হয়ে এল সাফিয়ার হৃদয়। কিন্তু লজ্জায় কারার দিকে তাকাতে ব্যর্থ হলো সে। যেন ওর অস্তিত্ব লর্ড রেজিনাল্ড কেনসিংটনের সুনামের জন্য কলংক। শৈশবে ফিরে গেল সে। এতিমখানায় মেয়ে ছিল অনেক। কিন্তু তাকেই বেছে নিয়েছিলেন কারার বাবা। ওর আর কারার মাঝে সখ্যতা হতে একদমই সময় লাগেনি। হয়তো অবচেতন মনে দুজনেই চিনতে পেরেছিল ওদের মাঝে বিদ্যমান রক্তের সম্পর্কটাকে। কিন্তু লর্ড কেনসিংটন কখনও এই গোপন কথা ওদেরকে বলেননি কেন?

“যদি জানতাম…” আঁতকে উঠল কারা, হাত বাড়িয়ে দিল সাফিয়ার দিকে। কারার দিকে চাইলো সে। নাহ, ওর চোখে কোন রাগ নেই, নেই কোন অভিযোগ। বরং স্বস্তি, আশা আর ভালবাসা খেলা করছে ওখানে।

“হয়তো আমরা জানতাম,” বিড় বিড় করে বলল সাফিয়া, “অবচেতন মনেই জানতাম।” কেঁদে ফেলল দুজনে, মুহুর্তের মাঝে দুই বান্ধবী হয়ে গেল দুই বোন।

দীর্ঘ একটা মুহূর্ত আলিঙ্গনবদ্ধ অবস্থায় রইল ওরা, কিন্তু মনের মাঝে খেলে যাওয়া প্রশ্ন আলাদা করে দিল ওকে।

হোজা বললেন, “তোমাদের গল্প অনেক পুরনো। লর্ড কেনসিংটনের – ইমরানের সমাধি আবিষ্কার করার চেয়েও প্রাচীন। তার অসাধারণ আবিষ্কারটা আমাদের জন্যও গুরুত্বপূর্ণ ছিল। মূর্তিটার নির্মাণকাল, উবারের শুরুর সময় পুঁতে রাখা ছিল এমন এক সমাধিতে, যার সাথে জড়িত ছিল অলৌকিক মহিলা।”

“কুমারী মাতা মেরী?” জানতে চাইল সাফিয়া।

নড করে ওর প্রশ্নের উত্তর দিলেন হোজা, “প্রহরী হিসেবে দায়িত্ব পালনের জন্য আমাদের একজনকে ওখানে যেতেই হত। বলা হয়েছিল, সময় এলে উবারের প্রবেশদ্বার আবিষ্কার করার জন্য প্রয়োজনীয় চাবি আত্মপ্রকাশ করবে। আমার তরফ থেকে পাঠানো হয়েছিল আলমাজ কে।”

“আল-মায়াজ।” উচ্চারণের পার্থক্যটুকু নজর এড়ায়নি সাফিয়া।

“আলমাজ।” জোর দিয়ে বললেন হোজা।

কারা সাফিয়ার হাতে চাপ দিল, “এখানকার মেয়েদের নাম দামী পাথরের নাম অনুসারে রাখা হয়। হোজার নাম লুলু মুক্তা।”

চোখ বড় বড় হয়ে গেল সাফিয়ার। “আলমাজ! হীরা। এতিমখানার ওরা। ভেবেছিল, মায়ের বংশের নাম আল-মায়াজ। কি হয়েছিল তার?”।

হোজা চিন্তিতভাবে মাথা নাড়লেন, “তোমার মা প্রেমে পড়েছিল। লর্ড কেনসিংটনের খুব কাছাকাছি চলে গিয়েছিল সে। তিনিও ওর প্রেমে পড়েছিলেন। কয়েকমাস পর, আলমাজ টের পায় যে সে গর্ভবতী। প্রাকৃতিক উপায়ে।” শব্দের অদ্ভুত ব্যবহারে ভ্রু কুঁচকালো সাফিয়া।

“ভয় পেয়ে গিয়েছিল তোমার মা। আমাদের গোত্রের মেয়েদের জন্য, কোন পুরুষের সন্তান জন্ম দেয়া নিষিদ্ধ। তাই পালিয়ে আমাদের কাছে চলে এসেছিল সে। তোমার জন্ম পর্যন্ত আমাদের সাথেই ছিল। কিন্তু তারপর ওকে চলে যেতে হয়। আলমাজ আমাদের নিয়ম ভেঙ্গেছিল। আর তুমি বিশুদ্ধ রেহেম নও, দোআঁশলা।” নিজের চোখের নিচকার রুবী রঙের ট্যাটু স্পর্শ করলেন তিনি, সাফিয়ার এমন কোন ট্যাটু নেই। “মাসকাটের অদূরে, খালুফে আবাস নেয় তোমার মা। কিন্তু হঠাৎ দুর্ঘটনায় তাকে মারা যেতে হয়।

লর্ড কেনসিংটন একবারের জন্যও হাল ছাড়েননি। তোমার মা আর তার সম্ভাব্য সন্তানের খোঁজে কোন কমতি করেননি তিনি। কিন্তু আমাদের কেউ যদি নিরুদ্দেশ হতে চায়, তাহলে তাঁকে খুঁজে বের করা অসম্ভব। বিলকিসের রক্তের নানা উপহারের এটাও একটা।”

হাতের ছড়ির দিকে তাকালেন তিনি, “যখন জানতে পারলাম যে তুমি অনাথ হয়ে গিয়েছ, তোমাকে পরিত্যাগ করতে পারলাম না। তোমাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা খুঁজে বের করে, লর্ড কেনসিংটনকে তা জানিয়ে দিলাম। আলমাজের কথা শুনে খুব দুঃখ পেয়েছিলেন তিনি, কিন্তু ঐ যে বললাম-মরুভূমি কেড়ে নেয়, আবার ফিরিয়েও দেয়। তিনি তোমাকে নিজের কাছে নিয়ে আসেন। আমার ধারণা, তোমরা বড় হবার পর পুরো ব্যাপারটা তিনি খুলে বলতে চেয়েছিলেন।”

কারা নড়ে উঠল “শিকারের দিনের সকালে…পাপা বলেছিলেন যে তিনি আমার সাথে খুব গুরুতপর্ণ একটা ব্যাপারে কথা বলতে চান। আমি ভেবেছিলাম হয়তো স্কুল বা ইউনিভার্সিটির ব্যাপারে বলবেন। কিন্তু এখন ……।”

সাফিয়া ওর হাতে চাপ দিল, “এখন তো জানতে পেরেছি। এটাই বা কম কি!”

কারা মুখ তুলে চাইল, চোখে বিভ্রান্তি, “কিন্তু তাহলে তিনি উবারের করছিলেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না।”

হোজা দীর্ঘশ্বাস ফেললেন, “নানা কারণে আমাদের পুরুষ মানুষের কাছে যাওয়া নিষেধ। হয়তো আবেগের বসে কিছু একটা বলে বসেছিল আলমাজ। শেয়ার করে বসেছিল কোন তথ্য। কিন্তু উবারের অস্তিত্বের কথা একবার জানার পর সেটাকে পাগলের মত খুজে বেড়ান তোমার বাবা। হয়তো হারানো প্রেমিকার কথা ভেবে। কিন্তু উবার বড় বিপদজনক জায়গা।”

“এখন আমাদের কি হবে?” কারার পাশে দাঁড়িয়ে জানতে চাইল সাফিয়া।

“যাওয়ার পথে বলব।” উত্তর এল, আমাদের লম্বা পথ পাড়ি দিতে হবে।

“কোথায় যাচ্ছি?” জানতে চাইল সাফিয়া।

প্রশ্নটা শুনে অবাক দেখাল হোজাকে, “তুমি আমাদেরই একজন, সাফিয়া। আমাদেরকে উভয় চাবি এনে দিয়েছ।”

“হৃদপিন্ড আর বর্শা?”

নড করলেন হোজা। ঘুরে দাঁড়িয়ে বললেন, “দুই সহস্রাব্দের পর, উবারের প্রবেশদ্বার খুলব আমরা।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *