সেফটি ফার্স্ট
৩রা ডিসেম্বর, ০৩:০২ পি.এম.
সালালাহ।
ওমাহা ট্রাকের পেছনে বসে ঢুলছিল, নিতম্বে পরিচিত কম্পন টের পেয়ে ভেঙে গেল তন্দ্রা। ধুর ছাই…ওর সাথে সাথে তন্দ্রাচ্ছন্ন অন্যরাও জেগে উঠল। শেষ বারের মতো কেশে বন্ধ হয়ে গেল ইঞ্জিন।
“এই ট্রাকে চড়ে চলার সৌভাগ্য আর হবে বলে মনে হচ্ছে না।” বলল ওমাহা। যেন ওর কথা বুঝতে পেরেই, খুরের আঘাতের মাধ্যমে প্রতিবাদ জানালো আরবী ঘোড়াটা। পারলে আমিও তোর মতো প্রতিবাদ করতাম, মনে মনে ভাবল ওমাহা।
ট্রাকের পেছন থেকে নেমে এসে সবাই মাটিতে দাঁড়াল, ক্যাপ্টেন আল-হাফি আর তার দুই লোক বারাক আর শরীফও তাই করল।
“কতদূর এসেছি?” হাত তুলে চোখে রোদ পড়া বন্ধ করতে চাইল কারা, “সালালাহ কত দূরে?”
“কয়েক মাইল হবে।” শ্রাগ করে বলল ওমাহা, আসলে দূরত্বটা সে নিজেও জানে না। দ্বিগুণও হতে পারে।
ক্যাপ্টেন আল-হাফি ওদের দিকে এগিয়ে এল, “আমাদের চলার উপর থাকা উচিত।” ইঞ্জিন থেকে ওঠা ধোঁয়ার দিকে ইঙ্গিত করে বলল, “লোকজন কৌতুহলী হয়ে উঠতে পারে।”
নড করল ওমাহা। ঠিকই বলেছে ক্যাপ্টেন। “বাকি পথটা হেঁটে যেতে হবে।” বলল পেইন্টার। ট্রাক থেকে সে-ই সবার পরে নেমেছে। ঘোড়াটার লাগাম ধরে আছে। এমনকি মাটিতে নামিয়ে এনেছে।
অল্প কিছুক্ষণের মাঝেই হাঁটা ধরল ওরা। দুজন দুজন করে পাশাপাশি হাঁটছে, যেন ছোট কোন ক্যারাভান। ক্যাপ্টেন একদম সামনে হাঁটছে। আর একদম পেছনে ঘোড়াসহ কোরাল আর পেইন্টার।
ওমাহা টের পেল ওরা ফিসফিস করে কথা বলছে, নিশ্চয় ভবিষ্যৎ পরিকল্পনা আটছে। গতি কমিয়ে তাই ওদের পাশে এসে দাঁড়াল, শুনতে চায়। ব্যাপারটা কারার নজর এড়ালো না, সে-ও ওদের সাথে যোগ দিল।
“সালালাহ-এ প্রবেশের পর আমাদের প্ল্যান কী?” জানতে চাইল ওমাহা।
কর্ষণ করতে চাই না। কোরাল
ভ্রু কোচকাল পেইন্টার, “আমরা কারও দৃষ্টি আকর্ষণ করতে চাই না। আর আমি-”।
“দাঁড়াও ৷” ওকে থামিয়ে দিল ওমাহা, “তুমি কি ভেবেছ আমাকে ফেলে যেতে পারবে?” রাগের সাথে উঁচু গলায় বলা কথাগুলো সবাই শুনতে পেল।
“আমরা সবাই সমাধিতে একসাথে ঢুকতে গেলে,” শান্ত গলায় বলল পেইন্টার “সবার নজরে পড়ে যাব। আমার আর কোরালের ট্রেনিং আছে। আর নজরে পড়ে কিভাবে রেকি করতে হয়, তা আমি জানি। সাফিয়ার খোঁজ করব আর যদি তখনো এসে উপস্থিত না হয়, তাহলে অপেক্ষা করব।”
“আর যদি ততক্ষণে মেয়েটা এসে, কাজ সেরে আবার চলেও যায়?” জানতে চাইল ওমাহা।
“সেটাও জেনে নিতে পারব।”
কারা যোগ দিল এবার, “কিন্তু কোন দিকে গিয়েছে বা কোথায় গিয়েছে, সেটা বুঝবে কিভাবে?”
তাকিয়ে রইল শুধু পেইন্টার, বলল না কিছুই। “তোমার ধারণা আমরা পৌঁছাতে পৌঁছাতে দেরী হয়ে যাবে।” বলল ওমাহা।
“নিশ্চিত করে বলা যায় না।” দিগন্তের দিকে তাকাল ওমাহা, শহরের অবয়ব দেখা যাচ্ছে। কিন্তু অনেক দূরে, অনেক দেরী হয়ে গিয়েছে। “দল ছেড়ে কাউকে না কাউকে আগে আগে যেতে হবে।” বলল ও
“কিভাবে?” জানতে চাইল কারা।
ঘুরেই ইঙ্গিতে ঘোড়াটাকে দেখাল ওমাহা, “ওই ঘোড়াটা ব্যবহার করে। একজন…বা দুইজন… ওটায় চড়ে শহরে যেতে পারে। সরাসরি সমাধির দিকে এগোবে, লুকিয়ে থাকবে। সাফিয়া চলে গেলে ওকে অনুসরণ করবে।” কেউ কোন কথা বলল না।
ওর চোখের দিকে তাকিয়ে কোরাল বলল, “আমি আর পেইন্টার কেবলি সে কথা আলোচনা করছিলাম।”
“আমার যাওয়া উচিত।” বলল পেইন্টার ।
ওর দিকে ঘুরে দাঁড়াল ওমাহা, “কেন? আমি শহরটাকে নিজের হাতে তালু মতোই চিনি।”
পেইন্টার নজর সরালো না, “তথ্য জোগাড়ের ব্যাপারে তোমার কোন অভিজ্ঞতা আছে? এখন নবিশদের শেখাবার সময় না । মুহূর্তের মাঝে তুমি ধরা পড়ে যাবে।
“কোনদিন না। আমার হয়তো কোন ট্রেনিং নেই, কিন্তু নিজেকে লুকিয়ে রাখতে আমি জানি। মাঠ পর্যায়ে দীর্ঘ দিন ধরে কাজ করছি।”
কথা বলল পেইন্টার যেন কোন ধ্রুব সত্য জানাচ্ছে, “নাহ, আমি তোমার চেয়ে বেটার । এটাই আমার কাজ।”
হাত শক্ত করে ফেলল ওমাহা। ওর মনের একটা অংশ সামনে দাঁড়ানো লোকটাকে ভর্তা করে ফেলতে চাইছে, আর আরেকটা অংশ কথাটাকে স্বীকার করে নিচ্ছে। আসলেই কি পেইন্টার এ কাজের জন্য ওর চেয়ে বেশি উপযুক্ত? “সাফিয়াকে পেলে কী করবে?”
“কিছুই না।” বলল পেইন্টার, “আগে শত্রুপক্ষের জনবল দেখব, দূর্বলতা খুঁজব। অপেক্ষা করব উপযুক্ত সময়ের।”
“আর আমরা কী করব?” কোমরে হাত রেখে জানতে চাইল কারা। উত্তর দিল কোরাল, “সালালাহ-এ আমাদের একটা সেফ হাউস আছে। ওখানে টাকা আর রশদ রাখা।”
“বন্দুক?” আবারও জানতে চাইল কারা। নড করল কোরাল। “সেফ হাউজে গিয়ে প্রয়োজন মতো অস্ত্র আর রশদ নেব আমরা। এরপর ওয়াশিংটনের সাথে যোগাযোগ করে আমাদের অবস্থা জানাব,
বাড়তি-“
“না।” বাঁধা দিল পেইন্টার, কারও সাথে কোন ধরনের যোগাযোগ করা যাবে না। এখন থেকে আমাদের নিজেদের উপর ভরসা করে এগোতে হবে।”
পেইন্টার শুধু ওমানি সরকারের মাঝেই বিশ্বাসঘাতকের উপস্থিতি সন্দেহ করছে না, ভাবল ওমাহা, ওর নিজের সরকারের মাঝেও করছে। ক্যাসান্দ্রা স্যানচেজ নামের মেয়েটা সবসময় এক ধাপ এগিয়ে রয়েছে। নিশ্চয় তথ্য পাচ্ছে কারও না কারও থেকে।
ওমাহার দিকে তাকাল পেইন্টার, “কারও কোন আপত্তি নেই তো।”
থাকলেই বা কী, ভাবতে ভাবতে নড করল ওমাহা। কিন্তু এগিয়ে এল পেইন্টারের দিকে। আলখেল্লার ভেতর থেকে পিস্তলটা বের করে এগিয়ে দিল লোকটার দিকে, “যদি সুযোগ আসে…তাহলে…”
“আমি সেই সুযোগের সদ্বব্যবহার করবো।” বলে পিস্তলটা হাতে নিল সে। পিছিয়ে এল ওমাহা, পেইন্টার চড়ে বসল ঘোড়ায়। স্যাডল ছাড়াই ঘোড়া চালাতে জানে ও, “সালালাহ-এ দেখা হবে।” বলে রওনা দিল।
“যতটা দক্ষ ঘোড় সওয়ার, ততটা দক্ষ স্পাই হলেই বাঁচি।” বলল কারা।
ওমাহার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল পেইন্টার। শহরের দিকে ধীর পায়ে আবার রওনা হলো দলের বাকি সদস্যরা।
০৩:৪২ পি.এম.
ধোফারের ম্যাপের উপর ঝুঁকে আছে সাফিয়া। ওদের ট্রাকের হুডের উপরে বিছানো হয়েছে জিনিসিটা। ম্যাপের ঠিক মাঝখানে একটা ডিজিটাল কমপাস রেখেছে ও অন্য হাতে একটা প্লাষ্টিকের রুলার। অনেক সাবধানতার সাথে হিসাব কষছে।
“কী করছ তুমি?” পঞ্চম বারের মতো জানতে চাইল ক্যাসান্দ্রা।
পাত্তা দিল না সাফিয়া, ম্যাপের উপর এতটা ঝুঁকে এল যে নাকটা প্রায় ম্যাপ ছুঁই ছুঁই করছে। কম্পিউটার ছাড়া এরচেয়ে ভাল করা অসম্ভব।
“কলম।” হাত বাড়িয়ে চাইল ও।
জ্যাকেটে হাত ঢুকিয়ে একটা বল পয়েন্ট কলম বের করে দিল কেন। সাবধানে কলমটা নিল ও। আবার মনোযোগ দিল ম্যাপের দিকে। উবারের রহস্য সমাধানে ব্যগ্র হয়ে আছে।
রুলার ব্যবহার করে লম্বা একটা দাগ টানল। ম্যাপে এখন নীল কালির একটা রেখা দেখা যাচ্ছে, নবী ইমরানের সমাধি থেকে বের হয়ে সোজা চলে গিয়েছে। হাত দিয়ে রেখাটাকে অনুসরণ করল সাফিয়া, পরিচিত নাম খুঁজছে।
জানে কী পাবে, তাও নিশ্চিত হওয়া আর কী। একটা ছোট কালো বিন্দুর উপর এসে স্থির হলো ওর হাত।
এগিয়ে এল ক্যাসান্দ্রা, জোরে জোরে উচ্চারণ করল জায়গাটার নাম, “জেবাল ইটেন।” সাফিয়ার মুখের দিকে তাকাল সে।
“ইটেন পাহাড়।” বলল সাফিয়া, ছোট্ট পাহাড়টার দিকে মনোযোগ দিল। “এর চূড়ায় আরেকটা সমাধি আছে। এই সমাধির ন্যায় সেটাও তিন ধর্মের কাছে পবিত্র।”
“কার সমাধি?”
“আরেকজন নবী। আইয়ুব (আঃ), ইংরেজিতে যাকে জব নামে চেনে সবাই।” ভ্রু কুঁচকে ওর দিকে চাইল ক্যাসান্দ্রা।
সাফিয়া ব্যাখ্যা করল, “জব বাইবেলেও আছেন আবার কুরআনেও। তার অনেক সম্পদ আর ছেলে মেয়ে ছিল। স্রষ্টার উপাসনা থেকে কখনও একচুল হটেননি। পরীক্ষা স্বরূপ তার কাছ থেকে কেড়ে নেয়া হয়েছিল সবকিছুঃ সম্পদ, বাচ্চা-কাচ্চা এমনকি তার সুস্বাস্থ্য পর্যন্ত। অসুস্থতা খারাপ রূপ নিলে, সমাজ তাঁকে একঘরে করে রাখে। এখানে থাকতে হয় নির্বাসিত জবকে…” ম্যাপে টোকা দিল ও, “এই ইটেন পাহাড়ে। কিন্তু তবু তিনি স্রষ্টার উপাসনা থেকে বিমুখ হননি। খুশি হয়ে স্রষ্টা তাকে পা দিয়ে মাটিতে আঘাত করতে বলেন। আঘাত করা মাত্রই মাটি ফুরে বের হয় একটা ঝর্ণা। সেই ঝর্ণার পানি খাওয়ায় আর তাতে গোসল করায় জবের রোগমুক্তি ঘটে। তিনি আবার যৌবন ফিরে পান। কিন্তু এই ইটেন পাহাড়েই জীবনের বাকি অংশ কাটিয়ে দেন তিনি। মারা গেলে সেখানেই তাঁকে কবর দেয়া হয়।”
“তোমার ধারণা এই সমাধি উবার খুঁজে পাবার পরবর্তী ধাপ?”
“যদি প্রথমটা এখানে হয়, তাহলে পরেরটা ওখানে হতে দোষ কী? দুই জায়গার মাঝে মিল দেখতে পাচ্ছ না? দুটাই সব ধর্মের কাছে পবিত্র।”
“তাহলে আমাদের ওখানেই যেতে হবে।” ক্যাসান্দ্রা ম্যাপের দিকে হাত বাড়াল।
ওকে বাঁধা দিল সাফিয়া। “ওখানে আসলেই কিছু পাওয়া যাবে কিনা, সে ব্যাপারে আমি নিশ্চিত নই। আমি আগেও ওখানে গিয়েছি, আমার নজরে তেমন কিছু পড়েনি। আর এখানে যেমন হাতে একটা হলেও সূত্র ছিল…” লোহার হৃদপিন্ডটার দিকে তাকাল ও, “ওখানে খোঁজার মতো কোন সূত্রও আমাদের হাতে নেই। পরবর্তী সূত্র খুঁজে পেতে পেতে বছর লেগে যেতে পারে।”
“তোমাকে তো সেজন্যই আনা হয়েছে।” বলল ক্যাসান্দ্রা, ঝটকা মেরে সরিয়ে নিল ম্যাপ, “এই ধাঁধাঁর সমাধান করার জন্য।”
মাথা নাড়ল সাফিয়া, অসম্ভব একটা কাজ। অন্তত ক্যাসান্দ্রাকে তাই বোঝাতে চায় সে, মুখে যত যাই বলুক, পরবর্তী কোন পদক্ষেপটা কাজে আসবে তা এরিমধ্যে আন্দাজ করে ফেলেছে। কিন্তু এই জ্ঞানটাকে কিভাবে কাজে লাগাবে, তা বুঝতে পারছে না। আবারও ক্যাসান্দ্রার এসইউভিতে উঠে বসল ও। রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে ট্রাকটা। ড্যাশবোর্ডের জিপিএস ন্যাভিগেশন সিস্টেমের দিকে তাকাল সাফিয়া, দেখতে পেল শহর থেকে বাইরে বেরোবার রাস্তাগুলো।
আরেকটা সমাধি অপেক্ষা করছে ওর জন্য। মনে মনে প্রার্থনা করল, এটা যেন ওর সমাধি না হয়ে দাঁড়ায়।
০৪:০২ পি.এম.
ইটেন পাহাড়
শালার বিচ্ছু…
কার্পেট বিছানো কাজের জায়গায় বসার আগে, পায়ের তলে কালো রঙের লিটা পিষে মারল ড. জ্যাক বার্টান্ড। ল্যান্ড রোভার থেকে পানি আনতে গিয়েছে এক মিনিট হয়নি, এরিমধ্যে কাঁকড়া বিছে এসে জুটেছে তার ছায়াঘেরা জায়গায়। চিত হয়ে কোটরের ভেতর শুয়ে পড়ল জ্যাক। ছাদে দক্ষিণ আরবীয় ভাষায় কি একটা লেখা। জবের সমাধিও এই পাহাড়ের উপরে। পুরো এলাকাটাকেই কবরস্থান বলা যায়। পথে আরো দুইটা সমাধি দেখে এসেছে। যে গরম পড়েছে, তাতে ক্ষণে ক্ষণে স্বপ্ন দেখছে সালালাহ হিলটন হোটেল ফিরে যাবার।
এক হাতে শার্ডোনে নিয়ে নিয়মিত বিরতিতে হোটেলের পুলে ডুব দেবার লোভে কাজের গতি বেড়ে গেল ওর। লেখাটার উপরে উটের লোম দিয়ে বানানো ব্রাশ বুলাচ্ছে অতীত ভাষার উপরে বিশেষজ্ঞ জ্যাক। এই মুহূর্তে প্রথম দিককার সেমেটিক ভাষা নিয়ে কাজ করছে ও, আস্তে আস্তে বর্তমানের দিকে এগোচ্ছে ও অ্যারামিক, ইলাইমাইক, পালমারিন, নাবাটাইন, সামারিটিনা, হিব্রু। ভাষা শেখার জন্য কবরের বিকল্প নেই, অনেক কিছু লিখে রাখা হয়।
হঠাৎ যেন শিরদাড়া দিয়ে ঠান্ডা পানি বয়ে গেল ওর, মনে হতে লাগল-কেউ যেন দূর থেকে নজর রাখছে।
কনুইয়ের উপর ভর দিয়ে উঠে দাঁড়াল জ্যাক, নজর ওর পায়ের দিকে। এই এলাকা চোর-ডাকাতে গিজগিজ করে। কিন্তু জবের সমাধির মত পবিত্র জায়গায়, কেউ কোন অপরাধ করার সাহস পাবে বলে মনে হয় না। তাই রাইফেলটা রোভারেই রেখে এসেছে।
দৃষ্টি সীমার মাঝে সন্দেহজনক কিছু দেখতে পেল না সে। তাও বুট পরা পাটাকে ভেতরে ঢুকিয়ে নিল। যদি আসলেই কেউ ওর ক্ষতি করার। উদ্দেশ্য নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে, তাহলে লুকিয়ে থাকা বুদ্ধিমানের কাজ হবে। কিছুক্ষণ কেটে গেল নিস্তব্ধতায়। এরপর আচমকা একটা অবয়ব দেখা গেল সমাধির মুখে।
অলস গতিতে এগিয়ে এল অবয়বটা, ধীরে এগোলেও নিজের ক্ষমতার ব্যাপারে আত্মবিশ্বাসী। লাল পাথরের আড়ালে যেন হারিয়ে গেল প্রাণিটার রক্তাভ পশম।
অবিশ্বাস আর আতংক নিয়ে বড় বড় চোখে তাকিয়ে রইল জ্যাক।
গল্প শুনেছে অনেক, কিন্তু বিশ্বাস করেনি। প্যান্থেরা পারডুস নিমর! অ্যারাবিয়ান চিতা। বিলুপ্ত প্রায় প্রাণি ।
হেঁটে পার হয়ে গেল ওটা। কিন্তু একা আসেনি।
আরেকটা চিতা দেখা গেল, আগেরটার চেয়ে কমবয়সী। গতিও তাই বেশি। এরপর আরেকটা, পুরুষ।
পূর্নাঙ্গ দল!
দম বন্ধ করে রইল জ্যাক, মনে মনে প্রার্থনা করছে। ভয়ে প্রায় পাগলপারা দশা। এরপর আরো একটা অবয়ব দেখতে পেল ও। নাহ, চিতা না। খালি পা, খালি পায়ের পাতা, তবে এগোচ্ছে চিতাদের মতোই নিঃশব্দে। একজন মহিলা। যেখানে শুয়ে আছে, সেখান থেকে মেয়েটার কোমরের উপর দেখতে পাচ্ছে না জ্যাক। পাত্তা দিল না ওকে মহিলা, পার হয়ে পাহাড়ের চুড়ার দিকে চলে গেল।
ভয়ে ভয়ে বের হয়ে এল জ্যাক, যেন কবর থেকে জীবন্মৃত বেরোচ্ছে। মাথা বের করে উঁকি দিল ও। মহিলাটা এমন পথে ধরে এগোচ্ছে, যেটা সম্ভবত সে ছাড়া আর কেউ চেনে না। ফেনাভ মোকা কফির ন্যায় গায়ের রং, কোমর পর্যন্ত লম্বা চুল, নগ্ন কিন্তু লজ্জার কোন ছাপ নেই। মহিলা যেন জ্যাকের তাকিয়ে থাকা টের পেল, কিন্তু ফিরে তাকাল না। জ্যাকের আবারও মনে হলো, কেউ একজন ওর উপর নজর রাখছে। ভয়ে কেঁপে উঠল বুক, কিন্তু নজর ফিরিয়ে নিতে পারল না। চিতাগুলোর পাশে হেঁটে এগোল মহিলা, এখনও উপরে উঠছে। জবের সমাধিটা পাহাড়ের চুড়াতে। কেঁপে উঠল যেন তার অবয়ব, জ্যাকের মনে হলো মরীচিকা দেখছে।
হাত আর হাঁটুর উপর দিয়ে বসে ছিল এতক্ষণ। স্ক্র্যাচ করে হওয়া একটা শব্দ ওকে হাতের দিকে নজর ফেরাতে বাধ্য করল। একজোড়া বিছে ওর আঙুলের উপর হাঁটছে! বিষধর না হলেও এদের দংশনে তীব্র ব্যথা হয়। আরো অনেকগুলোকে বিভিন্ন ফাক ফোকর থেকে বের হতে দেখে আঁতকে উঠল জ্যাক। কোটরের দেয়াল আর ছাদ থেকে শত শত বিছে নেমে আসছে। তাড়াহুড়ো করে বের হলো সমাধি থেকে। পিঠ, গোড়ালি, ঘাড় আর হাতে দংশনের ব্যথায় পাগল হয়ে উঠল যেন।
হাচড়ে পাচড়ে এগোল ল্যান্ড রোভারের দিকে। হঠাৎ পাহাড়ের দিকে তাকাল, ভয় পাচ্ছে এতো আওয়াজ আবার ওই চিতা গুলোর দৃষ্টি না আকর্ষণ করে বসে। কিন্তু না, নেই ওগুলো। চিতা, মহিলা-কেউ নেই।
অসম্ভব। কিন্তু বিছে দংশনের ব্যথা ওর ভেতর থেকে সমস্ত কৌতুহল ঝেটিয়ে দূর করেছে।
জবের সমাধির দিকে চলে গেল নজর।
দরজা খুলে উঠে পড়ল ল্যান্ড রোভারে। ওকে সাবধান করে দেয়া হলো এইমাত্ৰ-এ ব্যাপারে কোন সন্দেহ নেই। অচিরেই ঘটতে যাচ্ছে খুব ভয়ংকর কিছু।
০৪:৪৫ পি.এম.
সালালাহ
“সাফিয়া এখনও বেঁচে আছে।” সেফ হাউজের দরজা দিয়ে ঢুকতে গিয়ে বললো পেইন্টার। সেফ হাউজ না বলে অবশ্য একটা দুই রুমের ফ্ল্যাট বলাই ভালো। কোরাল দরজা খুলেছিল, ওকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকল পেইন্টার। সাত প্রহরায় দাঁড় করিয়ে রাখা দুই জন ডেজার্ট ফ্যান্টম ওর নজর এড়ায়নি।
অন্যরা সবাই সামনের রুমে বসে আছে, যাত্রার ক্লান্তিতে অবসন্ন। পাশের বাথরুম থেকে পানি পড়ার আওয়াজ ভেসে আসছে। কারা যে নেই, তা দেখতে পেয়েছে পেইন্টার। ড্যানি, ওমাহা আর ক্লে-সবার চুল ভেজা। বুঝল, গোসল করে নিয়েছে সবাই।
“কোথায় সে?” ওমাহা পেইন্টারকে ঢুকতে দেখে জিজ্ঞাসা করল।
“আমি ঢুকে দেখি, সাফিয়া সমাধি থেকে বের হয়ে যাচ্ছে। এসইউভি এর একটা ক্যারাভান দেখতে পেয়েছি। অস্ত্রবল অনেক।” ছোট্ট রান্নাঘরটার সিংকের সামনে গিয়ে ট্যাপ খুলে দিল পেইন্টার, চুল ধোবে ।
ওমাহা কিন্তু ওর পিছু ছাড়েনি, “তুমি ওদেরকে ট্রাক করছ না কেন?”
সোজা হয়ে ভেজা চুলে হাত বোলাল ও, “করছি না কে বলল?” ওমাহার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, এরপর কোরালের কাছে জানতে চাইল, “এখনে রশদ কেমন আছে?”
পেছনের রুমের যাবার দরজার দিকে নড করল মেয়েটা, “তোমার জন্য অপেক্ষা করছিলাম। ইলেকট্রনিক কী-প্যাডটা ঝামেলা করছে।”
“দেখাও আমাকে।” দরজার কাছে ওকে নিয়ে গেল মেয়েটা। এই ফ্ল্যাটটা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা সিআইএ-এর অগণিত ফ্ল্যাটের একটা। সিগমাকে মিশন শুরু হবার সময়, ব্যাকআপ হিসেবে এর লোকেশন জানানো হয়েছে।
পর্দার আড়ালে লুকিয়ে থাকা কী-প্যাডটা খুঁজে বের করল পেইন্টার, বেশ কিছু যন্ত্রপাতি নিচে পড়ে আছেঃ নেইল কাটার, রেজর ব্লেড, টুইজার, নেইল ফাইল।
“বাথরুমে ছিলো।” পেইন্টার প্রশ্ন নিয়ে তাকাতেই উত্তর দিল কোরাল।
কী-প্যাডের দিকে মনোযোগ দিল ও, কোরাল আগেই কেসিংটা খুলে ফেলেছে। সার্কিটটাকে মনোযোগ দিয়ে পরীক্ষা করল।
কোরাল ওর পাশে ঝুঁকে এল, কেটে ফেলা কয়েকটা লাল-নীল তার দেখিয়ে বলল, “সাইলেন্ট অ্যালার্মটা বন্ধ করতে পেরেছি। তবে ভাবলাম, ইলেকট্রনিকস যেহেতু তোমার ফিল্ড, তাই আর না এগোনোই ভালো।”
নড করলো পেইন্টার, এই ধরনের লকারের সাথে অ্যালার্ম লাগানো থাকে। যেন কেউ এলেই সিআইএ খবর পেয়ে যায়। ও চায় না, ওদের এখানে উপস্থিতির কথা কেউ জানুক। দুনিয়ার কাছে এই মুহূর্তে ওরা মৃত, ব্যাপারটা সেরকমই রাখতে চায়।
সার্কিটটা ভালমতো পরীক্ষা করে দেখল ওর দক্ষ চোখ, ঠিক আছে সব। ভালই কাজ দেখিয়েছি কোরাল। “সব তো ঠিক আছে বলে মনে হচ্ছে।”
“তাহলে ঢোকা যায়, নাকি?”
মিশনের আসার আগে শেখানো কোডটা মনে করার প্রয়াস পেল পেইন্টার। দশ ডিজিটের কোড, একমাত্র একবার সুযোগ পাবে ঠিকমত প্রবেশ করাবার। ভুল কোড প্রবেশ করালে, দ্বিতীয়বার আর সুযোগ পাওয়া যাবে না। সাবধানতার সাথে কাজ করতে হবে।
“তোমার হাতে কিন্তু মাত্র নব্বই সেকেন্ড সময় আছে।” মনে করিয়ে দিল। কোরাল।
আরেকটা নিরাপত্তা ব্যবস্থা, দশ ডিজিটের সিকোয়েন্সটা একটা নির্ধারিত সময়ের মাঝেই চাপতে হবে। ভালভাবে খেয়াল করে বাটন গুলো চাপলো ও। কিন্তু সিকোয়েন্সের সাত নাম্বার বাটন-নয়-চাপার সময় হাতটা যেন কেঁপে উঠল। অন্যান্য বাটনের চেয়ে এটাকে একটু অনুজ্জ্বল মনে হচেছ। থমকে দাঁড়াল পেইন্টার, অহেতুক সন্দেহ করছে না তো?
“কী সমস্যা?” জানতে চাইল কোরাল। ডান ভাতৃদ্বয় ততক্ষণে ওদের সাথে যোগ দিয়েছে। চিন্তায় পড়ে গিয়েছে ও, নয় লেখা বাটনটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। নিশ্চয় ভুল হচ্ছে…
“পেইন্টার।” ফিস ফিস করে বলল কোরাল। দেরী করলে, চালু হয়ে যাবে নিরাপত্তা ব্যবস্থা। নষ্ট করার মতো সময় নেই, কিন্তু এখানে কোন ভজঘট আছে-ওর মন বলছে।
এদিকে ওর পেছনে ওমাহার উপস্থিতি বারবার মনে করিয়ে দিচ্ছে, সাফিয়াকে বাঁচাতে হলে রশদ আর অস্ত্র খুব দরকার। আর দুটোই আছে এই দরজার ওপাশে।
টুইজার আর নেইল ফাইল হাতে তুলে নিও পেইন্টার, সার্জনের দক্ষতায় নয়লেখা বাটনটার উপরের অংশ খুলে নিল। ওর হাতের উপর এসে পড়ল সেটা, এত সহজে! মনোযোগ দিয়ে ওদিকে তাকাল। ড্যাম… নজরে পড়ল একটা চতুৰ্জাকৃতি চিপ, জিনিসটার ঠিক মাঝখানে প্রেশার প্লাঞ্জার। একটা পাতলা ধাতব তার জড়িয়ে রেখেছে চিপটাকে। নিশ্চয় একটা মাইক্রো ট্রান্সমিটার ভাবলো ও। বাটন টা চাপলেই চালু হয়ে যেত। দেখে মনে হচ্ছে, জিনিসটা হাতে বানানো।
ক্যাসান্দ্রা এখানে এসেছিল। ঘাম গড়িয়ে পড়ল পেইন্টার এর বা চোখের উপর দিয়ে।
কোরাল ওর কাঁধের উপর দিয়ে বলে উঠল, “শিট ।” শুধু শিট বললে কম বলা হয়ে যায়, “সবাই বের হও।”
“কী হল?” জানতে চাইল ওমাহা।
“বুবি ট্রাপ।” বলল পেইন্টার, গলায় ফুটে উঠল রাগ।
“বেরোও! এখনি।”
“কারাকে নিয়ে এসো!” ওমাহাকে নির্দেশ দিল কোরাল, অন্য সবাইকে দরজার দিকে এগোবার ইঙ্গিত দিল।
পেইন্টার কিন্তু জায়গা ছেড়ে নড়েনি। মনে মনে গালির তুবড়ি ছোটাল, আরো একবার ক্যাসান্দ্রা ওকে বোকা বানিয়েছে।
“ত্রিশ সেকেন্ড!” কোরাল বেরোতে বেরোতে জানিয়ে গেল ওকে। হাতে আর মাত্র আধ-মিনিট সময় আছে। নির্জনে চিপটাকে পরীক্ষা করে দেখল। এখন শুধু তুমি আর আমি, ক্যাসান্দ্রা।
নেইল ফাইল রেখে দিয়ে নেইল কাটার তুলে নিল হাতে, লেগে পড়ল কাজে। নিজস্ব যন্ত্রপাতিগুলোর জন্য আফসোস করল মনে মনে। প্রথমে শক্তিবাহী তারটাকে আলাদা করল, এরপর সেটার উপর জড়ানো প্লাষ্টিকের কোটিংটাকে সরালো। মুল তারটা বেরিয়ে এলে, টুইজার ব্যবহার করে উপরে তুলল সেটাকে। এরপরের কাজগুলো একদম সহজ। প্রাষ্টিক পোড়ার গন্ধ ভেসে এল প্রায় সাথে সাথে। ট্রান্সমিটারটার আয়ু শেষ । আট সেকেন্ড… চুলোয় যাও ক্যাসান্দ্রা। শেষ তিনটা ডিজিট চাপল পেইন্টার । আওয়াজ করে খুলে গেল দরজা। দরজা খোলার পর, স্বস্তির নিঃশ্বাস ফেলার সাহস পেল ও।
সোজা হয়ে দরজার ফ্রেমটাকে পরীক্ষা করে দেখল সে। দেখে তো মনে হচ্ছে | কেউ স্পর্শও করেনি। ক্যাসান্দ্রা ট্রান্সমিটারের উপর ভরসা রেখেছে বলে মনে হচ্ছে। নব ঘুরিয়ে দরজা খুলল পেইন্টার, ভারী স্টিলের দরজা। মনে মনে প্রার্থনা করতে করতে খুলে ফেলল দরজা।
দোরগোড়ায় দাড়িয়ে ভেতরে উকি দিল ও, একটা মাত্র বাল্ব জ্বলছে। ড্যাম ইট…
কাটার মেঝে থেকে ছাদ পর্যন্ত শুধু স্টিলের তাক আর তাক। কিন্তু সব খালি।
একটা সুতোও পড়ে নেই।
কাসান্দা কোন ঝুঁকি নেয়নি, সব ঝেড়ে পুঁছে নিয়ে গিয়েছে। শুধু রেখে গিয়েছে এক টুকরা সি-ফোর, পেইন্টার নয় লেখা বাটনটা চাপলেই ফেটে যেত ।
হতাশায় ভরে উঠল পেইন্টারের মন। চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু তা না করে ফ্ল্যাটের দরজার কাছে চলে গেল ও। ভেতরে ঢুকতে বলল সবাইকে।
কোরালকে দেখে বলল, “সব নিয়ে গিয়েছে।”
ওমাহা কোরালের পেছনেই ছিল, “কে…?”
“ক্যাসান্দ্রা স্যানচেজ।” রাগতস্বরে জবাব দিল পেইন্টার, “সাফিয়ার
অপহরণকারী।”
“সে কিভাবে এই সেফ হাউজের কথা জানল?” মাথা নাড়ল পেইন্টার, আসলেই তো। জানল কিভাবে? উত্তর না দিয়ে বিস্ফোরকটার দিকে এগোল সে।
“কোথায় যাও?” জিজ্ঞাসা করল ওমাহা।
“দেখি বোমাটা আলাদা করা যায় কিনা। আমাদের কাজে আসতে পারে।” পেইন্টারকে কিছুক্ষণ চুপচাপ কাজ করতে দিল ওমাহা, এরপর জানতে চাইল, “সাফিয়ার কী হবে? বলেছিলে ওকে ট্র্যাক করতে পারবে তুমি।”
সি-ফোর এর টুকরাটা আলাদা করে লোকটার দিকে তাকাল ও, “বলেছিলাম। কিন্তু এখন সমস্যা যে হয়েছে, তা তো দেখতেই পাচ্ছ। এখানে একটা স্যাটেলাইটের সাথে সংযোগ সম্পন্ন কম্পিউটার ছিল। সেটা ব্যবহার করে DOD সার্ভারের সাথে যোগাযোগ করা যেত।”
“আমি বুঝিনি।” কারা বলল, মেয়েটাকে খুব বিদ্ধস্ত মনে হচ্ছে। ড্রাগের প্রভাব, নাকি ড্রাগ না নেবার প্রভাব তা বুঝতে পারল না পেইন্টার।
সামনের ঘরটায় সবাইকে নিয়ে এল ও, প্রতিটা পদক্ষেপে ক্যাসান্দ্রার পিন্ডি চটকাচ্ছে। মেয়েটা সেফ হাউজের ব্যাপারে জানে, লকার কোড জানে এমনকি সেটায় বুবি ট্রাপ পর্যন্ত রেখে গিয়েছে। কিভাবে? দলের সবার দিকে তাকাল সে। “ক্লে কোথায়?” জানতে চাইল পেইন্টার।
“সিড়িতে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে।” উত্তর দিল ড্যানি, “রান্নাঘরে একটা প্যাকেট খুঁজে পেয়েছিল।”
ক্লে যেন বুঝতে পেরেছিল, ওকে খোঁজা হচ্ছে। কেননা, ঠিক সেই মুহুর্তেই ঘরে প্রবেশ করল সে। আচমকা সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে অবাক দেখাল ছেলেটাকে। “কী ব্যাপার?”
কারা পেইন্টারকে জিজ্ঞাসা করল, “এরপর কী?” ক্যাপ্টেন আল-হাফির দিকে চাইল পেইন্টার, “আমি শরীফের কাছে সুলতানের ঘোড়া রেখে এসেছি। সেটা বিক্রি করে অস্ত্র আর বাহনের ব্যবস্থা করা যায় কিনা দেখবে একটু?”
আশ্বস্ত করার ভঙ্গিতে মাথা নাড়ল ক্যাপ্টেন, “এদিকে আমার পরিচিত বেশ কয়েকজন ব্যবসায়ী আছে।”
“আধা ঘন্টা মাঝে কাজ সারতে হবে কিন্তু।”
“সাফিয়ার কী হবে।” চাপ দিল ওমাহা, “এরিমধ্যে অনেক বেশি সময় নষ্ট হয়ে গিয়েছে।”
“এই মুহুর্তে সাফিয়া নিরাপদ। ক্যাসান্দ্রার ওকে দরকার, তা না হলে সাফিয়াকে এতক্ষণে নবী ইমরানের সাথে শুয়ে থাকতে হতো। রাতের আঁধারে উদ্ধার অভিযান সফল হবার সম্ভাবনা বেশি। হাতে এখনও সময় আছে।”
“কিন্তু সাফিয়াকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সেটা কিভাবে বুঝবে?” জানতে চাইল কারা।
উপস্থিত সবার চেহারার দিকে চাইল পেইন্টার, কতোটা বলা নিরাপদ হবে তা ভাবছে।
“বললে না?” ওমাহাও সুর মেলাল, “কিভাবে বুঝবে?”
দরজার দিকে এগোল পেইন্টার, “এই শহরের সবচেয়ে ভালো কফি কোথায় বিক্রি করে, তা খুঁজে বের করার মাধ্যমে।”
০৫:১০ পি.এম.
আল-হাফফা সউকের পাশ দিয়ে হেটে যাচ্ছে ওমাহা, ওর পিছু পিছু পেইন্টার । অন্য সবাই এখনও সেফ হাউজেই আছে, বিশ্রাম নিচ্ছে। অপেক্ষা করছে ক্যাপ্টেন আলহাফির গাড়ি নিয়ে ফিরে আসার। প্রতি পদক্ষেপে রাগ বাড়ছে ওর, পেইন্টার সাফিয়াকে দেখেছে। মেয়েটা ওর মাত্র কয়েকগজ দূরে ছিল…কিন্তু উদ্ধার করার কোন চেষ্টাই চালায়নি লোকটা। সেফ হাউজে লোকটার আত্মবিশ্বাসকে টলে উঠতে দেখেছে ওমাহা। যত ঝুঁকিই থাকুক না কেন, হারামজাদার উচিত ছিল সাফিয়াকে উদ্ধার করার চেষ্টা করা-ভাবল ও। এত বেশি সাবধানতা অবলম্বন করতে গিয়ে না মেয়েটাকে চিরতরে হারিয়ে বসে! ওমাহা চলার গতি বাড়িয়ে দিল, ওদের লক্ষ্য হচ্ছে সউকের অন্য মাথা ? ওখানে আধুনিক কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে। এমনকি একটা মিনি মার্ট আর পিজ্জা হাট পর্যন্ত আছে।
শেষ মাথায় পৌঁছে ওমাহা বলল, “এসে পড়েছি, এখন কী করতে হবে বল।”
এগিয়ে গেলো পেইন্টার, “দেখাচ্ছি তোমাকে।”
অনুসরণ করল ওমাহা। মাথা উঁচু করে নামটা পড়লঃ সালালাহ ইন্টারনেট ক্যাফে। এই প্রতিষ্ঠানটা উন্নত মানের কফি, বিশ্বমানের চা, ক্যাপাচিনো আর এসপ্রেসোর জন্য বিখ্যাত। এধরনের প্রতিষ্ঠান অবশ্য খুব দুর্গম এলাকাতেও পাওয়া যায়। শুধু দরকার একটা টেলিফোন কানেকশন, তাহলেই পৃথিবীর সবচেয়ে পশ্চাদপর এলাকা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের সাথে সংযুক্ত হয়ে যায়।
ভেতরে ঢুকল পেইন্টার। কাউন্টারে একজন সোনালী চুলো ইংরেজ বসে আছে। ছেলেটাকে ওর ক্রেডিট কার্ড নাম্বার বলল সে।
“এটাও মুখস্ত রেখেছ!” বিস্ময় লুকাতে ব্যর্থ হলো ওমাহা। “কখন কাজে লাগে, কে বলতে পারে? এই যেমন এখন লেগে গেল।” ছেলেটা কার্ড নিয়ে ব্যস্ত, এই সুযোগে ওমাহা জানতে চাইল, “আমি তো ভেবেছিলাম সবার চক্ষু এড়িয়ে আমাদের চলার কথা। ক্রেডিট কার্ড ব্যবহার করলে সবাই জেনে যাবে না যে, এখনও তুমি বেঁচে আছ?”
“এখন আর তাতে কিছু যায় আসে না।” ইলেকট্রনিক ক্রেডিট কার্ড মেশিনটা জেগে উঠল। ছেলেটা আঙুল তুলে জানাল, সব ঠিক আছে । “কতক্ষণ দরকার আপনাদের?”
“হাই স্পিড কানেকশন?”
“ডিএসএল । এছাড়া আর কোন উপায় নেই।”
“তাহলে ত্রিশ মিনিট লাগবে।”
“কোণার মেশিনটা খালি আছে।”
ওমাহাকে নিয়ে সেদিকে এগিয়ে গেল পেইন্টার। মেশিনের সামনে বসে বিশাল একটা আইপি এড্রেস টাইপ করল, “DOD-এর সার্ভারে ঢুকছি।”
“এতে সাফিয়ার কী লাভ হবে?”
পাত্তা দিল না পেইন্টার, টাইপ করে চলছে। “এই সার্ভার ব্যবহার করে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের কারণে প্রায় যেকোন সিস্টেমে প্রবেশাধিকার পার হয়ে গিয়েছে।” মিতসুবিশির লোগো ভেসে উঠল স্ক্রিনে।
“গাড়ি কিনবে নাকি?” বিদ্রুপ করল ওমাহা। সাইটে ইচ্ছে মত ঘোরা ফেরা করছে পেইন্টার, পাসওয়ার্ড প্রয়োজন হচ্ছে না। “ক্যাসান্দ্রা এসইউভি ব্যবহার করছে, মিতসুবিশি কোম্পানির এসইউভি। VIN নাম্বার পড়তে কোন কষ্ট হয়নি আমার, ওরা লুকাবার চেষ্টাই করেনি।”
“VIN? ভেহিকেল আইডেন্টিফিকেশন নাম্বার?”
নড করল পেইন্টার। “জিপিএস নেভিগেশন সম্বলিত সব গাড়ি স্যাটেলাইটের সাথে যোগাযোগ রেখে চলে।”
ওমাহা এতোক্ষণে বুঝতে পারল, “যদি VIN নাম্বার জানা থাকে তাহলে গাড়িটা কোথায় আছে, তা জানা সম্ভব, তাই তো?”
“সে আশাই করছি।”
হঠাৎ স্ক্রিনে একটা ম্যাসেজ ভেসে উঠল, VIN নাম্বার চাইছে। নাম্বারটা টাইপ করে এন্টার চাপল পেইন্টার, হাত মৃদু কাঁপছে।
ওমাহা লোকটার মনের কথা বুঝতে পারছে যেন। নাম্বারটা ঠিক মত মুখস্ত করতে পেরেছে তো? কিডন্যাপাররা জিপিএস বন্ধ করে দেয়নি তো? অনেক ধরনের সমস্যাই তো হতে পারে।
দীর্ঘ একটা মুহূর্ত পর ওমানের ম্যাপ ফুটে উঠল স্ক্রিনে। চলন্ত এসইউভি এর কো-অর্ডিনেট ভেসে উঠল।
স্বস্তির নিঃশ্বাস ফেলল পেইন্টার, সেই সাথে ওমাহাও। “সাফিয়াকে কোথায় নিয়ে গিয়েছে বুঝতে পারলে…”
জুম করল পেইন্টার, সালালাহ শহরটা ভেসে উঠল ম্যাপে । কিন্তু এসইউভিটাকে দেখা গেল শহরের একদম প্রান্তে। বের হয়ে যাচ্ছে!
“না…”
“গড ড্যাম। শহর ছাড়ছে!”
“সমাধিতে কিছু একটা খুঁজে পেয়েছে নিশ্চয়!”
“তাহলে আমাদেরও যাওয়া দরকার, এখনি!” বলে ঘুরে দাড়াল ওমাহা।
“কোথায় যাবে?” মনিটরের দিক থেকে একচুল নজর হটায়নি পেইন্টার। “ওরা থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের।”
“এখানে হাইওয়ে একটাই, আমরা চাইলেই ধরে ফেলতে পারব।”
“যদি হাইওয়ে ছেড়ে নেমে পড়ে? ওদের ফোর-হুইল-ড্রাইভ গাড়ি আছে।” শান্তস্বরে বলল পেইন্টার। ওমাহার মন চাইছিল এই মুহূর্তে কোন গাড়ি চুরি করে সাফিয়ার পিছু নেয়, আবার পেইন্টারের যুক্তিযুক্ত কথা গুলো সে ফেলেও দিতে পারছিলো না।
পেইন্টার ওর হাত ধরে ফেলল, “ড, ডান, ভাবো। ওদের উদ্দেশ্য হতে পারে কোন জায়গাটা?”
“আমি কিভাবে-“
“এই এলাকার ব্যাপারে সাফিয়া যেমন জানে, তুমিও তেমন জানো। কোন রাস্তা ধরে ওরা এগোচ্ছে, সেটা তোমার সামনে আছে। কোনদিকে এগোচ্ছে, তাও জাননা। শুধু কোথায় থামবে তা আন্দাজ করতে হবে। কী এমন আছে ওদিকে যা সাফিয়ার দৃষ্টি কাড়তে পারে?” মাথা নাড়ল ওমাহা, শুধু শুধু সময় নষ্ট করছে ওরা।
“গডড্যামইট ওমাহা! জীবনে একটা বারের জন্য হলেও মাথা ঠান্ডা করে ভাবো!”
ওমাহা হাত সরিয়ে নিল, “জাহান্নামে যাও!” কিন্তু জায়গাতেই দাঁড়িয়ে রইল। “কী আছে ওদিকে? কোথায় যাচ্ছে ওরা?” মনিটরের দিকে তাকাল ওমাহা, পেইন্টারের চোখে চোখ রাখতে বাধছে। আসলেই, কী খুঁজে পেয়েছে সাফিয়া? সম্ভাব্য সব নৃতাত্ত্বিক জায়গাগুলোর নাম ওর মাথায় খেলে গেলঃ স্মৃতিস্তম্ভ, ধ্বংসাবশেষ, কবর, সমাধি, গুহা। কিন্তু সংখ্যায় যে অনেক।
কিন্তু আচমকা একটা বুদ্ধি উদয় হলো ওর মাথায়। ক্যাসান্দ্রা যেদিকে যাচ্ছে, সেদিকে খুব গুরুত্বপূর্ণ একটা সমাধি আছে। কম্পিউটারের দিকে এগোল ওমাহা, “এই হাইওয়েতে আর পনের মাইল সামনে। একটা বাঁক আছে। যদি ওরা সেই বাঁক ঘোরে, তাহলে…”
“আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আরকি।” বলল পেইন্টার । তাই তো মনে হচ্ছে।” বসে পড়লো ওমাহা।
০৫:৩২ পি.এম.
আরেকটা কম্পিউটার ভাড়া নিল পেইন্টার। প্রথমটায় ওমাহাকে রেখে পরেরটায় এসে বসল। নতন কপিউরটাতেও DOD সার্ভারে ঢুকল ও। নিজেকে মৃত দেখাবার কোন কারণ নেই। সেফ হাউজে বসানো বুবি ট্রাপ থেকে বোঝা যায় ক্যাসান্দ্রা সত্যিটা জানে।
অবশ্য এটাও সার্ভারে ঢোকার একটা কারণ।
ব্যক্তিগত পাসওয়ার্ডটা প্রবেশ করিয়ে মেইল দেখল ও। এরপর ওর উপরওয়ালা ড. শেন ম্যাক নাইটকে পাঠাবার জন্য একটা মেইল লিখল। একমাত্র একেই ও বিশ্বাস করে। তাই মিশনের সবকিছু জানাতে চাইছে। অল্প কথায় মিশন সম্পর্কে সবকিছু খুলে বলেছে ও। ক্যাসান্দ্রার কথা, সিগমায় গুপ্তচর থাকার ব্যাপারে ওর সন্দেহের কথাও বাদ যায়নি। কেউ বলে না দিলে, ক্যাসান্দ্রার কস্মিনকালেও ওই সেফ হাউজের লোকেশন জানবার কথা না।
শেষ করল এই বলেঃ “ব্যাপারটা অতিসত্ত্বর তদন্তের দাবী রাখে। এই মিশনের সফলতা অনেকাংশে তথ্য পাচার বন্ধের উপর নির্ভর করছে। কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। এই সন্ধ্যায় আমরা ড. আল-মায়াজকে উদ্ধারের চেষ্টা চালাবো। আমাদের বিশ্বাস ক্যাসান্দ্রার গ্রুপ তাকে নিয়ে যাচ্ছে…” একটু থেমে দীর্ঘ নিঃশ্বাস নিল পেইন্টার, এরপর লিখল, “ইয়ামেনের বর্ডারের দিকে। আমরাও এখন সেদিকে যাচ্ছি।” মেইলটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল পেইন্টার। যে সন্দেহটা মনের মাঝে উঁকি দিচ্ছে, তা এতটা ভয়াবহ যে স্তম্ভিত হয়ে যাচ্ছে ও।
ওমাহা হাত নেড়ে ওকে ডাকল, “বাঁক ঘুরেছে!” মেইল পাঠিয়ে দিল পেইন্টার।
“এসো, এসো।” দরজার কাছে পৌঁছে গিয়েছে ওমাহা, “আমরা চলা শুরু করে দিতে পারি।”
অনুসরণ করল পেইন্টার, দরজার কাছে এসে শেষবারের মতো দ্বিতীয় কম্পিউটারের দিকে তাকাল।
প্রার্থনা করল, ওর সন্দেহ যেন ভুল প্রমাণিত হয়।
