৯
ভোরের আলো ফুটতেই বৃংহিত, হ্রেষারব আর দুন্দুভির শব্দে কেঁপে উঠল দশদিক। হৃৎকম্প উপস্থিত হল বনের পশুপক্ষীদেরও। পথপ্রদর্শক নিগ্রণ্টপতি শম্বুকনাতকে নিয়ে বিশাল সেনাদল সহযোগে মেদিনী কাঁপিয়ে কলিঙ্গ প্রদেশের রাজধানী দন্তনগরীর দিকে যাত্রা শুরু করলেন চেদীরাজ চিত্তযান। চেদীরাজের হস্তীর পাশে চলতে থাকা কপালে ঘোমটা টানা, ঝাঁটা হাতে নিগ্রণ্টপতি শম্বুকনাতের মুখমণ্ডলে উজ্জ্বলভাব স্পষ্ট। আজই চেদীরাজের বাহিনী প্রবেশ করবে কলিঙ্গ রাজধানীতে। ধ্বংস হবে সেই অপবিত্র দন্ত, ধ্বংস হবে দন্তমন্দির। সমুচিত শিক্ষা পাবে কলিঙ্গরাজ গুহসীব। নিগ্রণ্টপতির কিছুটা তফাতে চলছিলেন ব্রাহ্মণপতি স্বয়ম্ভূচার্যর অনুচর ব্রাহ্মণ অবলোকেশ্বর। তাঁর উদ্দেশে উৎফুল্ল নিগ্রণ্টপতি বললেন, ‘যদি আর পাঁচদিন পূর্বে চেদীরাজ আমাদের কাছে উপস্থিত হতে পারতেন তবে কলিঙ্গরাজের পাপ ধর্ম গ্রহণও স্থগিত করা যেত! নগরীতে প্রবেশ করেই ধ্বংস করতে হবে দন্তমন্দির। আর এই কাজের জন্য চেদীরাজের হস্তীবাহিনীই যথেষ্ট। তাদের পদাঘাতে চূর্ণ হবে দন্তমন্দির। নিচ অশুভ শক্তির উপাসক ভিক্ষুগুলো যদি মন্দিরের ভিতরে অবস্থান করে তবে আরও উত্তম। একসঙ্গে মরবে তারা। ওরাই সব নষ্টের মূলে। না মরলে, শূলে চড়িয়ে মারব ওদের।’
নিগ্রণ্টপতির কথা শুনে কিন্তু তেমন উৎসাহ প্রকাশ পেল না ব্রাহ্মণপতির মুখে। তা লক্ষ করে নিগ্রণ্টপতি বললেন, ‘সুসময় সন্নিকটে। আবার ব্রাহ্মণ্যবাদ, নিগ্রণ্ট ধর্ম প্রতিষ্ঠিত হতে চলেছে দন্তনগরীতে। এ সময় আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন?’ ব্রাহ্মণ অবলোকেশ্বর বলল, ‘চিন্তার বিশেষ কারণ আছে। গতকাল বৈকালে যেখানে সেনাদল রাত্রিবাসের জন্য যাত্রা স্থগিত করেছিল তার কাছেই একস্থানে ব্রাহ্মণদের বসতি আছে। গরিব ব্রাহ্মণ সম্প্রদায়ের বাস সেখানে। ওই স্থান আমার পূর্ব পরিচিত হওয়াতে ব্রাহ্মণদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে সেখানে উপস্থিত হয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে দেখলাম সেই স্থান প্রায় শূন্য করে ব্রাহ্মণরা নাকি নগরীতে রাজা গুহসীবের শোভাযাত্রায় যোগ দিতে গেছে! যদিও তারা নিম্নগোত্রীয় ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ তো। স্বজাতির এই আচরণ আমার মনে উদ্বেগের জন্ম দিয়েছে!’
অবলোকেশ্বরের কথা শুনে তাকে আশ্বস্ত করার জন্য নিগ্রণ্টপতি শম্বুকনাত বললেন, ‘উদ্বেগের কারণ নেই। ওই অনাচারের মন্দির ধবংস হবার সঙ্গে সঙ্গে দেখবেন, সবাই আমাদের পদ চুম্বনের জন্য ব্যাকুল হয়ে পড়েছে। মানুষ সব সময় ক্ষমতার সামনে মাথা নত করে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।’
দন্তনগরীর দিকে এগিয়ে চলল চেদীরাজের বাহিনী।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই কীভাবে যেন চেদীরাজের আগমন বার্তা ছড়িয়ে পড়ল দন্তনগরীতেও। শান্ত দন্তপুর উত্তেজিত হয়ে উঠল। জাতিধর্মনির্বিশেষে রাজপথে নেমে এল দন্তনগরীর বাসিন্দারা। ব্রাহ্মণ সঙ্গে এনেছে ধাতব প্রদীপ দণ্ড, কৃষক এনেছে লাঙলের ধাতব ফলা, কামার এনেছে তীক্ষ্ম শলাকা, কাঠুরের সাথি কুঠার, ব্যাধ এনেছে তির-ধনুক। কলিঙ্গরাজ নির্দেশ দিলেই তারা সবাই ছুটবে নগরীর সীমান্তে। শেষ রক্ত বিন্দু দিয়ে কলিঙ্গরাজ গুহসীব আর দন্তমন্দিরকে রক্ষা করার চেষ্টা করবে সমবেত জনতা।
সূর্য আকাশের একটু ওপরে উঠতেই প্রাসাদের বাইরে পদার্পণ করলেন রাজা গুহসীব। নগ্নপদ তাঁর, সঙ্গে মহামন্ত্রী ভার্গব, আর কয়েকজন মাত্র অনুচর। অপেক্ষমাণ জনতা তাঁর দর্শন পেয়ে জয়ধ্বনি করে উঠল। জনতার মুখমণ্ডলে উত্তেজনার স্পষ্ট ছাপ, শক্ত মুঠিতে ধরা অস্ত্র। কিন্তু তাদের দেখে কলিঙ্গরাজের কোনও উত্তেজনা প্রকাশ পেল না। সকালের আলোতে তাঁর মুখমণ্ডলে ফুটে আছে প্রশান্ত ভাব। জনতাকে কিছুটা বিস্মিত করে তিনি তাঁদের দৈনন্দিন কাজে ফিরে যেতে বললেন। তারপর তাকালেন আকাশের একটা নির্দিষ্ট দিকে। দূরে যেদিকে রৌদ্রোজ্জ্বল সকালে জেগে আছে দন্তমন্দিরের স্বর্ণ শিখর। সেদিকে তাকিয়ে হাতজোড় করে প্রণাম জানিয়ে ভগবান বুদ্ধকে স্মরণ করে তিনি তাঁর সঙ্গীদের নিয়ে এগোলেন নগরীর প্রবেশ তোরণের দিকে। মনে মনে তিনি বলতে লাগলেন ত্রিশরণমন্ত্র—‘বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সঙ্ঘং শরণং গচ্ছামি…।’
প্রবল পরাক্রমে নগরীর দিকে ধাবমান চেদীবাহিনী। দ্বিপ্রহরে হস্তীপৃষ্ঠে আসীন চেদীরাজ চিত্তযানও আকাশের বুকে উজ্জ্বল এক সোনালি বিন্দু দেখতে পেলেন। তা দেখে তিনি নিগ্রণ্টপতির কাছে জানতে চাইলেন, ‘ও কী দেখা যায়?’
শম্বুকনাত জবাব দিলেন, ‘এই হল সেই অনাচার মন্দিরের শীর্ষদেশ। ধূলিতে মিশিয়ে দিতে হবে ওই বিন্দুকে। আমরা কলিঙ্গরাজধানী দন্তনগরীতে প্রবেশ করতে চলেছি।’
নিগ্রণ্টপতি একথা বলার কিছু সময়ের মধ্যেই নগরীর প্রবেশ তোরণ দৃশ্যমান হল সকলের কাছে। কলিঙ্গ সীমান্তে কোনও প্রতিরোধ না এলেও নগরী রক্ষার্থে নিশ্চয়ই এবার প্রতিরোধ আসবে। একথা ভেবে চোয়াল শক্ত করল চেদী সৈনিকরা। হাতে উঠে এল অস্ত্র। শিঙা বেজে উঠল, আরও জোরে বাজতে শুরু করল রণভেরী। মাথায় অঙ্কুশের ঘা দিয়ে হস্তীকুলকে উত্তেজিত করা শুরু হল। যাতে তাদের চিৎকারে কাঁপন ধরে কলিঙ্গ সেনার বুকে। কিন্তু সেসব শব্দের প্রত্যুত্তরে নগর তোরণের দিক থেকে কোনও রণভেরীর শব্দ ভেসে এল না। বীভৎস শব্দে আকাশ বাতাস বিদীর্ণ করে অবশেষে তোরণের সামনে উপস্থিত হলেন চেদীরাজ। না, নগর তোরণে কোনও সেনা সমাবেশ নেই। সামান্য কয়েকজন মানুষ সেখানে দণ্ডায়মান, এবং তারা প্রত্যেকেই অস্ত্রহীন। চেদীরাজের অস্ত্রধারী সেনাদল চতুর্দিক থেকে ঘিরে ফেলল তাঁদের। রণহস্তীর পিঠ থেকে অবতরণ করলেন চিত্তযান।
দন্তনগরীর যে কয়েকজন বাসিন্দা তোরণে দণ্ডায়মান ছিলেন তাদের মধ্যে ছিলেন এক গৌরবর্ণের মধ্যবয়সি পুরুষ। তাঁর মুখমণ্ডলে একই সঙ্গে আভিজাত্য ও শান্তভাব বিরাজমান। চেদীরাজ ভূমিতে নেমে দাঁড়াতেই তিনি তাঁর কাছে এগিয়ে এলেন। তারপর একটা প্রস্ফুটিত পদ্ম চেদীরাজ চিত্তযানের হাতে তুলে দিয়ে বললেন, ‘দন্তনগরীতে আপনাকে স্বাগত জানাই। আমার উচিত ছিল কলিঙ্গ সীমান্তেই আপনাকে স্বাগত জানানো। কিন্তু আপনার আগমন বার্তা মাত্র গত রাত্রে আমার কর্ণগোচর হয়েছে। ত্রুটি মার্জনা করবেন।’
চেদীরাজ চিত্তযান তাঁকে প্রশ্ন করলেন, ‘আপনার পরিচয় কী? কলিঙ্গপতির অমাত্য?’
তিনি মৃদু হেসে জবাব দিলেন, ‘না, আমি অমাত্য নই। আমিই কলিঙ্গপতি গুহসীব।’
রাজা গুহসীবের কথা শুনে, তাঁকে দেখে চেদীনরেশ বিস্ময় প্রকাশ করে বললেন, ‘আপনি যদি কলিঙ্গরাজ হয়ে থাকেন তবে আপনার রাজমুকুট কই? দেহরক্ষী কোথায়?’
কলিঙ্গপতি বললেন, ‘রাজমুকুট হল দম্ভের প্রতীক। আমি তা ভগবান বুদ্ধকে সমর্পণ করেছি। মুকুট আর ধারণ করছি না আমি। আর ভগবান বুদ্ধ আমার রক্ষাকর্তা। তাই আমার অঙ্গরক্ষীর প্রয়োজন নেই।’
একথা বলার পর কিছুটা তফাতে শম্বুকনাতকে দেখতে পেয়ে রাজা গুহসীব চেদীরাজকে বললেন, ‘নিগ্রণ্টপতি নিশ্চয়ই কলিঙ্গরাজের মুখমণ্ডলের সঙ্গে পরিচিত। আপনি তাঁর কাছ থেকে আমার পরিচয় লাভ করে নিশ্চিন্ত হতে পারেন।’
চেদীরাজ চিত্তযান তাকালেন শম্বুকনাতের দিকে। কিন্তু তাঁকে কোনও প্রশ্ন করার প্রয়োজন হল না চেদীরাজের। কলিঙ্গরাজের দিকে তাকিয়ে শম্বুকনাতের মুখমণ্ডলে যে আক্রোশের ভাব ফুটে উঠেছে তা দেখেই চিত্তযান বুঝতে পারলেন তাঁর সম্মুখে যিনি দণ্ডায়মান তিনি সত্যিই কলিঙ্গ নরেশ গুহসীব!
চেদীরাজ চিত্তযান এরপর কলিঙ্গরাজকে বললেন, ‘আমার এই বিশাল সেনাদল দর্শন করে আপনার মনে ভয়ের সঞ্চার হচ্ছে না? আমার আগমনের কারণ জানতে ইচ্ছে করছে না?’
কলিঙ্গরাজ বললেন, ‘ভীতির সঞ্চার তাঁর মনেই হয় যে কোনও অন্যায় কাজে লিপ্ত থাকে। আমি তেমন কোনও কার্য সমাধা করেছি বলে তো মনে হয় না। আপনার সঙ্গে এই বিশাল সেনাদল থাকলে আমি আতঙ্কগ্রস্ত হব কেন? সিংহের ক্ষুধা না পেলে সিংহ শাবক আর হরিণ শিশু একসঙ্গে খেলা করে। অতি বিষধর সর্পও অহেতুক কাউকে দংশন করে না। আর আপনি তো একজন মানুষ, সর্বোপরি, একজন নৃপতি। নীতিশিক্ষা রয়েছে আপনার মধ্যে। সঙ্গে সেনাদল থাকলেও তাই আপনি আমার আতঙ্কের উদ্রেক ঘটাচ্ছেন না। তবে আমি অবশ্যই আপনার আগমনের হেতু সম্পর্কে কৌতূহলী।’
তাঁর কথা শেষ হবার সঙ্গে সঙ্গে নিগ্রণ্টপতি শম্বুকনাত বলে উঠলেন, ‘কলিঙ্গপতি অবশ্যই পাপাচারে লিপ্ত হয়েছেন। তিনি ধর্ম পরিত্যাগ করেছেন।’
কলিঙ্গরাজ গুহসীব বললেন, ‘এ কথা ঠিকই আমি নিগ্রণ্ট ধর্ম পরিত্যাগ করে ভগবান বুদ্ধের ধম্ম গ্রহণ করেছি। এই ধম্ম আমাকে অনাচার, ভোগবিলাস থেকে মুক্ত হতে শিখিয়েছে। কিন্তু বৌদ্ধধম্মকে গ্রহণ করলেও নিগ্রণ্ট বা ব্রাহ্মণধর্মের প্রতি কোনও বিদ্বেষ বা অশ্রদ্ধা আমার নেই। আমার সঙ্গে যাঁরা আপনাকে স্বাগত জানাতে এসেছেন তাঁরা কেউই বৌদ্ধধম্ম গ্রহণ করেননি, এঁরা সবাই সনাতনধর্মের উপাসক।’
নিগ্রণ্টপতি শম্বুকনাত রাজাধিরাজ পণ্ডুর রাজসভাতেও চেদীরাজের কাছে কৌশলে এমনভাবে কলিঙ্গরাজের ধর্মত্যাগের বিষয়টা উপস্থিত করেছিলেন, তাতে তাঁদের ধারণা হয়েছিল যে কলিঙ্গরাজ সনাতনধর্ম পরিত্যাগ করে বৌদ্ধধম্ম গ্রহণ করেছেন। কলিঙ্গরাজের কথা শুনে চেদীরাজের সে ভুল ভেঙে গেল। তিনি এবার কলিঙ্গরাজকে বললেন, ‘জম্বুদ্বীপের অধীশ্বর রাজর্ষি পণ্ডুর নির্দেশ পালনের জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন দন্তনগরীর দন্তমন্দিরে যে দন্তটি রক্ষিত আছে তা ধ্বংস করার ও কলিঙ্গরাজ্যে ব্রাহ্মণ্যধর্ম প্রতিষ্ঠিত করার। আপনাকেও রাজর্ষি পণ্ডুর সঙ্গে সাক্ষাৎ করতে হবে।’
ব্রাহ্মণপতি অবলোকেশ্বর চেদীরাজের কথার পৃষ্ঠে বললেন, ‘হ্যাঁ, ধ্বংস করতে হবে ওই অপবিত্র বস্তুটিকে। সনাতনধর্মে মৃত ব্যক্তির দেহাবশেষ সংরক্ষণ গর্হিত কর্ম। চেদীরাজ অনাচারের প্রতিবিধান করুন।’
কলিঙ্গপতি চেদীরাজের উদ্দেশে বললেন, ‘হ্যাঁ, ওই দন্তমন্দিরে ভগবান বুদ্ধের শেষ চিহ্ন তাঁর দন্তধাতু আটশত বৎসর ধরে রক্ষিত আছে। তা অপবিত্র নয়, পরম পবিত্র। যে কারণে কাশীরাজ ব্রহ্মদত্ত, তাঁর পুত্র, প্রপৌত্র করি ও সুনন্দ প্রমুখ সনাতন ধর্মাবলম্বী নৃপতিগণ নিজ নিজ ধর্মের সঙ্গে সঙ্গে ওই দন্তধাতুকেও পূজা করে এসেছেন। সাধারণ কলিঙ্গবাসীরাও ওই অলৌকিক ক্ষমতাসম্পন্ন দন্তধাতুকে দেবতাজ্ঞানে সম্মান প্রদর্শন করে।’
এ কথা বলার পর একটু থেমে কলিঙ্গরাজ গুহসীব বললেন, ‘চেদীরাজ যে কারণে ওই দন্তমন্দিরে যেতে চান না কেন তার জন্য এই বিশাল সেনাদলের প্রয়োজন ছিল না। আপনার কলিঙ্গে পদার্পণের সংবাদ ইতিপূর্বে শ্রবণ করলে, সীমান্ত থেকে সঙ্গে করে এনে আমি নিজেই আপনাকে দন্তমন্দিরে পৌঁছে দিতাম। আর পাটলিপুত্র নগরীতে জম্বুদ্বীপপতি পণ্ডুর সঙ্গে সাক্ষাৎ করার ক্ষেত্রেও আমার আপত্তি নেই।’
চেদীরাজ চিত্তযান, কলিঙ্গপতির কথা শুনে প্রীত হলেও জম্বুদ্বীপ অধিপতি পণ্ডুর নির্দেশ তাঁকে পালন করতেই হবে। তাই তিনি বললেন, ‘চলুন তবে আমরা ওই মন্দিরের দিকে অগ্রসর হই।’
কলিঙ্গরাজ বললেন, ‘নিশ্চিত ওই দন্তমন্দিরে আপনার সঙ্গী হব আমি। কিন্তু তার আগে আমার একটি অনুরোধ আছে। আপনি কলিঙ্গরাজ্যের অতিথি। আমারও অতিথি। অতিথি দেব ভবঃ। আপনি দীর্ঘ পথ পরিক্রম করে এসেছেন। বিকাল হয়ে গেছে। দন্তমন্দিরে পৌঁছতে না পৌঁছতেই অন্ধকার নামতে শুরু করবে। আমার অনুরোধ আপনি আমার প্রাসাদে গিয়ে আজ রাত্রিটুকু বিশ্রাম গ্রহণ করে আমাকে অতিথি সৎকারের সুযোগ করে দিন। কাল প্রত্যুষে আমি আপনাকে দন্তমন্দিরে নিয়ে যাব। তারপর আপনি যা ইচ্ছা প্রকাশ করবেন তাই হবে।’
কলিঙ্গরাজ যা অনুমান করেছেন তা মিথ্যা নয়, দীর্ঘ পথ পরিক্রম করে বেশ ক্লান্ত বোধ করছেন চেদীরাজ চিত্তযান। কলিঙ্গরাজের ব্যবহারও বেশ মধুর। যা আকৃষ্ট করেছে চেদীরাজকে। কলিঙ্গরাজের সঙ্গে কোনও ব্যক্তিগত শত্রুতাও নেই চেদীরাজের। পাটলিপুত্র রাজের নির্দেশ পালন করতেই তিনি এখানে এসেছেন। অচেনা দন্তনগরীতে রাত্রিকালে সেই দন্ত বা দন্তমন্দির ধ্বংস করার পক্ষে উপযুক্ত সময়ও নয়। অন্ধকারে কোনও বিপদও হানা দিতে পারে। কাজেই মৃদু মৌনতা অবলম্বন করে চেদীরাজ ভাবতে লাগলেন কলিঙ্গরাজের প্রস্তাব গ্রহণ করবেন কিনা?
দন্তমন্দিরের দিকে এগোতে বিলম্ব হচ্ছে দেখে অসহিষ্ণু নিগ্রণ্টপতি চেদীরাজ চিত্তযানের উদ্দেশে বলে উঠলেন, ‘আপনি অহেতুক বিলম্ব করছেন কেন? দন্তমন্দিরে আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ওই পাপ বস্তু ধ্বংস করতেই হবে। শুধু তাই নয় ওই মন্দির ধ্বংস করে অগ্নিসংযোগও করতে হবে।’
দুই রাজার মধ্যে যখন বাক্যালাপ হয় তখন তাঁদের মাঝে তৃতীয় ব্যক্তির বাক্যলাপ শিষ্টাচার বিরোধী। তাঁদের কথার মাঝখানে নিগ্রণ্টপতির কথা শুনে মনে মনে অসন্তুষ্ঠ হচ্ছিলেন চেদীরাজ। তিনিও একজন নৃপতি। তাই নৃপতি সুলভ নীতিবোধ তাঁর আছে। নিগ্রণ্টপতির বলা শেষ কথাগুলোর মধ্যে প্রচ্ছন্ন নির্দেশের আভাস পেয়ে চেদীরাজ চিত্তযান তাঁর প্রতি ক্ষুব্ধ কণ্ঠে বললেন, ‘আপনি ভুলে যাচ্ছেন আমি একজন রাজা। আমি আপনার ধর্মের লোক নই, বা আপনার আজ্ঞাবাহী নই। আমি এখানে এসেছি রাজর্ষি পণ্ডুর নির্দেশ পালন করতে। আপনার নির্দেশ পালন করতে নয়। কখন কী কার্য আমাকে সম্পাদন করতে হবে আমি উত্তমরূপে জানি। আপনি আমাকে নির্দেশ দেবেন না। স্তব্ধ হন। অপ্রয়োজনীয় বাক্যালাপ থেকে বিরত থাকুন।’
নিগ্রণ্টপতিকে একথা বলার পর চেদীরাজ চিত্তযান তাঁর নিজের সিদ্ধান্তই যে শেষ কথা শম্বুকনাতকে বোঝাবার জন্য কলিঙ্গরাজকে বললেন, ‘আমি আপনার আতিথেয়তা গ্রহণ করলাম। আপনার প্রাসাদে আজ বিশ্রাম গ্রহণ করে আগামী প্রত্যুষে আমি আমার কার্য সম্পাদনের জন্য দন্তমন্দিরে যাব।’
কলিঙ্গরাজ বললেন, ‘আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে দন্তমন্দিরে, দন্তধাতুর কক্ষে পৌঁছে দেব।’
চেদীরাজ চিত্তযান তাঁর সেনাবাহিনীকে নগরী তোরণের বাইরে অপেক্ষা করতে বলে সামান্য কয়েকজন দেহরক্ষী নিয়ে কলিঙ্গরাজের সঙ্গে তোরণ অতিক্রম করে যাত্রা করলেন রাজপ্রাসাদের দিকে। নিগ্রণ্টপতি ব্যাপারটাতে বেশ ক্ষুব্ধ হলেও তিনি জানতেন, চেদীরাজকে রাজর্ষি পণ্ডুর নির্দেশ পালন করতেই হবে। কলিঙ্গরাজের সঙ্গে চেদীরাজ রাজপ্রাসাদের দিকে প্রস্থান করার পরই নিগ্রণ্টপতি শম্বুকনাতও নগরীতে প্রবেশ করলেন রাত্রিকালে দন্তনগরীর ওপর নজর রাখার জন্য।
কলিঙ্গরাজ যখন চেদীরাজকে নিয়ে তাঁর প্রাসাদের সামনে উপস্থিত হলেন তখন সমুদ্রের বুকে সূর্য অস্ত যেতে বসেছে। দিনের শেষ আলো ছড়িয়ে পড়েছে রাজপ্রাসাদের সিংহতোরণে। প্রাসাদ ত্যাগ করার পূর্বেই কলিঙ্গরাজ গুহসীব প্রাসাদবাসীদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে গেছিলেন। চেদীরাজ চিত্তযান তোরণে প্রবেশ করতেই তাঁকে অভ্যর্থনা জানাতে চারিদিকে মঙ্গলশঙ্খ বেজে উঠল। প্রাসাদের প্রবেশ পথে কুলনারীরা সারবদ্ধভাবে দাঁড়িয়ে পুষ্পবৃষ্টি করতে লাগল। চিত্তযান আশা করেননি যে এমনভাবে তাঁকে অভ্যর্থনা জানানো হবে। বিশেষত তিনি যখন দন্তমন্দির ধ্বংস করার সংকল্প নিয়ে এসেছেন এখানে! প্রাসাদে প্রবেশ করে দ্বিতলে এক অলিন্দশোভিত মহার্ঘ কক্ষে চেদীরাজকে নিয়ে উপস্থিত হলেন রাজা গুহসীব। সুখ-স্বাচ্ছন্দ্যের কোনও অভাব নেই সেই কক্ষে। সন্ধ্যা নামল দন্তনগরীতে।
কক্ষে বেশ কিছু সময় বিশ্রাম করার পর, পরমান্ন সহযোগে আহার সাঙ্গ করে কক্ষ সংলগ্ন অলিন্দে চাঁদের আলোতে উপবেশন করলেন চেদীরাজ চিত্তযান। তাঁর সঙ্গী হলেন কলিঙ্গরাজ গুহসীব। কলিঙ্গরাজের আতিথেয়তা ও ব্যবহারে মুগ্ধ চেদীরাজ চিত্তযান। চন্দ্রালোকিত অলিন্দে মুখোমুখি দুটি দারুকাঠের সিংহাসনে বসে কথোপকথন শুরু করলেন দুই নৃপতি।
কথা প্রসঙ্গে চেদীরাজ চিত্তযান জানতে চাইলেন, ‘আপনার সৈন্য সংখ্যা কত?’
কলিঙ্গরাজ জবাব দিলেন, ‘এক সময় তো কলিঙ্গর হস্তীবাহিনী জম্বুদ্বীপের সর্বশ্রেষ্ঠ বাহিনী ছিল। তবে কয়েকশত বৎসর ধরে শান্তি বিরাজ করছে কলিঙ্গদেশে। তাই বিশাল সেনাদলের প্রয়োজন হয় না। তবুও হস্তী-রথী-পদাতিক সেনা একত্র করলে অন্তত দশ সহস্র হবে।’
রাজা গুহসীবের কথা শুনে রাজা চিত্তযান বললেন, ‘আপনার বাহিনী দেখছি আমার বাহিনীর অনুরূপ। তবে আপনি আমার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলেন না কেন? সৈন্যবাহিনী যখন অনুরূপ তখন আপনারও তো জয়ের সম্ভাবনা আছে?’
প্রশ্ন শুনে কলিঙ্গপতি বললেন, ‘আপনি নিশ্চয়ই কলিঙ্গ যুদ্ধের কথা শুনেছেন? সম্রাট অশোক আর কলিঙ্গরাজ পদ্মনাভর সেই মহাযুদ্ধে কলিঙ্গপক্ষে সেনা ও সাধারণ নাগরিক মিলিয়ে এক লক্ষ ও অশোকের দশ হাজার সেনার মৃত্যু হয়। নদীর জল লাল হয়ে গেছিল মানুষের রক্তে। যে যুদ্ধের বীভৎসতা সম্রাট অশোকের জীবনে পরিবর্তন আনে। তিনি বুদ্ধের শরণাপন্ন হন। আমার আপনার মধ্যে যুদ্ধ সংগঠিত হলে কোনও এক পক্ষ জয়ী হবে ঠিকই, কিন্তু বহু সংখ্যক সেনার মৃত্যু ঘটবে। তাদের সবারই আমার আপনার মতোই স্ত্রী-পুত্র-কন্যা পরিজন আছে। শোনা যায়, কলিঙ্গ যুদ্ধ শেষ হবার কিয়ৎক্ষণ পরই সম্রাট অশোক নাকি দম্ভ করে বলেছিলেন, ‘আমি পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি। এ পৃথিবীতে আমার বা অন্য কোনও ব্যক্তির যে-কোনও ইচ্ছা পূরণের ক্ষমতা আমার আছে! আমি মর্তের দেবতা।’ ঠিক সেই সময়ে মৌর্য সম্রাটের সামনে আবির্ভূতা হয়েছিল এক শোকাতুরা নারী। সে সম্রাটকে বলেছিল, ‘তুমি যদি এতই ক্ষমতাবান হও, তবে আমার মৃত পুত্রকে ফিরিয়ে দাও।’
পুত্রহারা জননীর সেই কথাই নাকি সম্রাট অশোকের ভাবনায় পরিবর্তন এনেছিল। আত্ম-অনুশোচনার জন্ম দিয়েছিল তাঁর মনে। যুদ্ধ, মৃত্যু ডেকে আনে। তা আপনার আমার যে-কোনও পক্ষেরই হোক না কেন। আমার তা কাম্য নয়। ভগবান বুদ্ধের অহিংস ভাবনা অনুসরণ করতে চাই আমি। অহিংসাই মানব জাতির মুক্তিলাভের পথ। হিংসা, দ্বেষ, ঘৃণা এসব কিছুই পরিত্যাগ করতে বলেছেন তিনি।’
এরপর একটু থেমে তিনি বললেন, ‘হয়তো আপনি অবগত যে ভগবান বুদ্ধ, একজন রাজপুত্র ছিলেন। আমার আপনার ন্যায় তিনিও রাজসুখ ভোগ করতে পারতেন। কিন্তু তা না করে তিনি মানুষকে সকল দুঃখ থেকে মুক্তি দিতে রাজ ঐশ্বর্য ত্যাগ করে পথের ধূলিকণা গায়ে মেখে নিয়েছিলেন। কঠোর তপস্যার মাধ্যমে তিনি সম্যক জ্ঞান লাভ করেছিলেন। বুদ্ধ হয়েছিলেন রাজপুত্র গৌতম থেকে। “মার” অর্থাৎ মানবের সকল অশুভ আকাঙ্ক্ষা, যাবতীয় অশুভ শক্তিকে পরাস্ত করেছিলেন তিনি। অধর্মের বিরুদ্ধে ধম্মের জয় প্রতিষ্ঠা করেছিলেন প্রেম ও করুণা দিয়ে। পঞ্চশীল নীতির মাধ্যমে তিনি শক্তির পথ দেখিয়েছেন।’
কলিঙ্গরাজ গুহসীবের কথা শুনে আগ্রহ প্রকাশ করে চিত্তযান বললেন, ‘বুদ্ধের ধম্ম সম্পর্কে আমার তেমন ধারণা নেই। অনুগ্রহ করে সে সম্বন্ধে বিবৃত করুন আমাকে। এই পঞ্চশীল নীতিই বা কী?’
রাজা গুহসীব, চেদীরাজকে বলতে লাগলেন ভগবানের নীতি, জীবন কাহিনি। চেদীরাজ চিত্তযান বেশ পুলকিত হলেন ভগবান বুদ্ধের জীবন কাহিনি শুনে। গভীর রাত পর্যন্ত বুদ্ধের জীবন চরিত শ্রবণ করে নিদ্রা গেলেন চেদীরাজ চিত্তযান। বহুদিন পর যেন শান্তির নিদ্রা গেলেন তিনি। ঘুমপাড়ানি গানের মতো তাঁর কানে বাজতে লাগল এক অদ্ভুত মন্ত্রধ্বনি। ঘুমের মধ্যেই পদ্মের সুবাসে যেন আচ্ছন্ন হয়ে রইলেন তিনি।
পরদিন জবাকুসুম উদিত হলেন সমুদ্রের বুকে। ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়ল হর্ম্যপ্রাসাদ শোভিত দন্তনগরীতে। চেদীরাজ চোখ মেলে দেখলেন উন্মুক্ত গবাক্ষ দিয়ে দূরে দৃশ্যমান মন্দিরের স্বর্ণ কিরীট দেখা যাচ্ছে। কলিঙ্গরাজের আতিথেয়তা ও তাঁর মুখ থেকে শ্রবণ করা বুদ্ধ কাহিনি মুগ্ধ করেছে নৃপতি চিত্তযানকে। কিন্তু কর্তব্য ত্যাগ করা যায় না। তাই চেদীরাজ শয্যা ত্যাগ করে প্রস্তুত হলেন দন্তমন্দিরে গমন করার জন্য।
নির্দিষ্ট সময়ে কক্ষের দ্বারপ্রান্তে এসে উপস্থিত হলেন কলিঙ্গরাজ গুহসীব। চেদীরাজকে তিনি বললেন, ‘চলুন এবার দন্তমন্দিরের উদ্দেশে যাত্রা করি।’
চিত্তযান দেখলেন, কলিঙ্গরাজের মুখমণ্ডলে উৎকণ্ঠার চিহ্নমাত্র নেই, শান্ত মুখমণ্ডল তাঁর। প্রাসাদ থেকে নির্গত হবার সময় চেদিরাজ, কলিঙ্গপতিকে বললেন, ‘আপনার আতিথেয়তায় আমি মুগ্ধ। কিন্তু রাজর্ষি পণ্ডুর নির্দেশ আমাকে পালন করতে হবে।’
