২
তাঁর দেহাবশেষের অধিকার নিয়ে শুরু হল বাকবিতণ্ডা। রাজপুরুষদের মুঠি চেপে বসতে শুরু করল তাঁদের কোষবদ্ধ তলোয়ারের হাতলে। ভিক্ষু আনন্দ, ক্ষেম, অনিরুদ্ধসহ প্রবীণ ভিক্ষুরা অসহায়ভাবে চেয়ে রইলেন সে দৃশ্যের দিকে। কলহ ক্রমশ বাড়তে শুরু করল। যিনি অহিংসার মূর্ত প্রতীক তাঁর দেহাবশেষের অধিকার প্রতিষ্ঠায় জন্ম হল হিংসার। ভাগ্যের এ কী পরিহাস! ভিক্ষু আনন্দ এবার উপলব্ধি করলেন যে, শাস্তা কেন তাঁর দেহাবশেষ সংরক্ষণের বিরোধী ছিলেন। কলহ থেকে শুরু হল ধাক্কাধাক্কি। তারপর হঠাৎ-ই কে যেন উত্তেজিত হয়ে তাঁর তলোয়ার কোষমুক্ত করলেন। মুহূর্তে বিবদমান অন্য রাজপুরুষদের ক্ষাত্ররক্তও জ্বলে উঠল। তাহলে তলোয়ারের মাধ্যমেই নিষ্পত্তি হোক এ বিবাদের। ঝনঝন শব্দে কোষমুক্ত হতে লাগল অন্য তলোয়ারগুলো। অহিংসার পূজারির দেহাবশেষকে সাক্ষী রেখে এই রক্তস্নানের দৃশ্য থেকে পালাতে দু-হাতে মুখ ঢেকে পিছু ফিরলেন ভিক্ষু আনন্দ। কিন্তু ঠিক সেই মুহূর্তে বজ্রনির্ঘোষ কণ্ঠস্বরে কে যেন বলে উঠল, ‘থামুন সবাই। তলোয়ারের মাধ্যমেই যদি এর সমাধান করতে হয় তবে সে দায়িত্ব আমি নিচ্ছি। কে আসবেন প্রথমে? এগিয়ে আসুন?’
সেই কণ্ঠস্বর শুনে চমকে উঠে তাঁর দিকে ফিরে তাকাল সবাই। অস্থি সংগ্রহের উন্মাদনায় কিছুক্ষণের জন্য তাঁর উপস্থিতির কথা বিস্মৃত হয়েছিলেন অন্য রাজপুরুষেরা। কিন্তু তাঁর উন্মুক্ত দীর্ঘ তরবারির দিকে তাকিয়ে বিবদমানদের তরবারি ধীরে ধীরে মাটির দিকে নেমে এল। কারণ দীর্ঘদেহী সেই লোকটার ওই ভয়ঙ্কর তরবারি যে কত রাজা-নৃপতির ধড়-মুণ্ড আলাদা করেছে তার হিসাব নেই! তলোয়ার কোষমুক্ত করেছেন মগধ সম্রাট অজাতশত্রু। তাঁর আহ্বানে সাড়া দেওয়া বা তাঁর নির্দেশ অমান্য করার সাহস বা ক্ষমতা কোনও রাজপুরুষেরই নেই।
মগধরাজ অজাতশত্রু এতক্ষণ কিছুটা তফাতে দাঁড়িয়ে সম্পূর্ণ বিষয়টা প্রত্যক্ষ করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে বাধ্য হলেন। কারণ তিনি বুঝতে পারলেন লড়াইয়ের ফলাফল যাই হোক না কেন ব্যাপারটার নিষ্পত্তি এখানে হবে না। এর ফল হবে সুদূরপ্রসারী। এ ঘটনা জন্ম দেবে বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে দীর্ঘস্থায়ী বৈরিতার। যুদ্ধ শুরু হবে রাজ্যগুলোর মধ্যে। যার প্রভাব পড়বে ছোট ছোট এই রাজ্যগুলো দিয়ে ঘিরে থাকা তাঁর রাজ্যেও।
জনতা নিশ্চুপ হয়ে গেল। কেউ কেউ ভাবতে লাগলেন, ‘তবে কি অজাতশত্রুই হরণ করে নিয়ে যাবেন জাতকের অস্থিসমগ্র? তাঁকে তো বাধা দেবার ক্ষমতা উপস্থিত রাজা বা শ্রমণদের কারও নেই।
নিঃশব্দে বয়ে যেতে লাগল সময়। লৌহ কঠিন সম্রাটের মুখভঙ্গি। হাতে কোষমুক্ত উদ্যত দীর্ঘ তরবারি। তিনিও প্রত্যক্ষ করছেন তাঁর সামনে দাঁড়িয়ে থাকা রাজপুরুষদের।
এক সময় নিস্তব্ধতা ভঙ্গ করে ভিক্ষু অনিরুদ্ধ বললেন, ‘তাহলে কি সম্রাটই এই পবিত্র ধাতুগুলোর দায়িত্ব নিচ্ছেন?’
প্রশ্ন শুনে কয়েক মুহূর্ত ভেবে নিলেন বিচক্ষণ রাজনীতিবিদ অজাতশত্রু। শাস্তার অন্তিম সংস্কার স্থল থেকে তিনি কোনও একটা অস্থি স্মারক সংগ্রহ করে নিয়ে যাবেন ঠিকই তবে তাঁর সব দেহধাতুগুলি নয়। কারণ তার রাজ্যের ব্রাহ্মণ বা জৈনরা ব্যাপারটা ভালো ভাবে নেবে না। সম্পূর্ণ অস্তিধাতুগুলো নিয়ে গিয়ে স্তূপ রচনা করলে সেটা বৌদ্ধ ধম্মাবলম্বীদের তীর্থ ক্ষেত্র হয়ে উঠবে। ব্রাহ্মণরা অসন্তুষ্ট হবে তাতে। রাজ্য পরিচালনার ব্যাপারে ব্রাহ্মণদের ওপর তাঁকে অনেকাংশে নির্ভর করতে হয়। আর দ্বিতীয়ত তাঁর অবর্তমানে তার বংশধরদের এ কাজের ফল ভোগ করতে হতে পারে। কারণ আজ তাঁর সিদ্ধান্তের প্রতিবাদ করার সাহস না দেখালেও ভবিষ্যতে কোনও রাজা অস্থিধাতুগুলো নিজের রাজ্যে নিয়ে যাবার জন্য মগধ আক্রমণ করতে পারে।
কথাগুলো ভেবে নিয়ে অজাতশত্রু বললেন, ‘না, এই পবিত্র অস্থিধাতুগুলি আমি মগধে নিয়ে যাব না।’
‘তবে কে নেবেন?’ জানতে চাইলেন ভিক্ষু আনন্দ।
কিছুটা তফাতে দাঁড়িয়েছিলেন দ্বিজোত্তম দ্রোণ। তাঁর দিকে দৃষ্টি পড়তেই অজাতশত্রু তাঁকে প্রথমে কাছে ডাকলেন। তারপর সবার উদ্দেশে বললেন, ‘হ্যাঁ, আপনাদের সবারই অধিকার আছে এই মহাজ্ঞানীর পবিত্র অস্থি সংগ্রহের। কিন্তু এ ব্যাপারে সঙ্ঘের অধিকার সর্বাগ্রে। তাই তাঁরা প্রথমে একটি পবিত্র ধাতু গ্রহণ করবেন। বাকি অস্থিধাতুগুলি ব্রাহ্মণ দ্রোণ সমভাগে ভাগ করে দেবেন আটটি রাজ্যের মধ্যে। ভবিষ্যতে আপনাদের নিজেদের মধ্যে সংঘাত এড়াতে ধাতুগ্রহণ করেই আপনারা যাত্রা শুরু করবেন নিজ রাজ্যের উদ্দেশে। আপনারা প্রাসাদবাগিচা ত্যাগ করার পরই আমি এ স্থান ত্যাগ করব।’ তাঁর এই প্রস্তাবে সম্মত হলেন উপস্থিত সবাই। অবশ্য সম্মত না হয়ে অন্য কোনও উপায়ও ছিল না।
অজাতশত্রু এবার তাকালেন ভিক্ষু সঙ্ঘের প্রতিনিধিদের দিকে। অজাতশত্রুর আহ্বানে সাড়া দিয়ে সারিপুত্রের শিষ্য সরভু একটি স্বর্ণপাত্র নিয়ে এগিয়ে গেলেন চিতার কাছে। তিনি সংগ্রহ করলেন শাস্তার গ্রীবাস্থি। ভিক্ষুদের আর এ স্থানে থাকার প্রয়োজন নেই। ভিক্ষু সরভু, আনন্দ, অনিরুদ্ধ সহ অন্য ভিক্ষুরা সেই পবিত্র দন্তধাতু নিয়ে বিষণ্ণ চিত্তে সেই বাগিচা ত্যাগ করলেন মহিয়ঙ্গন বিহারের নিকটে কঞ্চুকে চৈতে ধাতুটিকে নিয়ে স্তূপ স্থাপনের ইচ্ছায়। সেখানে দাঁড়িয়ে রইলেন শুধু সন্ন্যাসী মহাকারুনিক ক্ষেম। এ সাতটা দিন শাস্তার মহাপরিনির্বাণ, তাঁর অন্তিম সংস্কারের ব্যাপারটা যেন এখনও চোখে দেখলেও বিশ্বাস করতে পারছেন না তিনি। এ সাতটা দিন শাস্তার মরদেহের পায়ের কাছে বসেই কাটিয়েছেন তিনি। তবুও এখনও যেন বিশ্বাস হয় না শাস্তার এই নিষ্ক্রমণ।
ভিক্ষু ক্ষেম ছাড়া অন্য ভিক্ষুরা বাগিচা ছেড়ে চলে যাবার পর দ্বিজোত্তম দ্রোণ তাঁর কাজ শুরু করলেন। একটি কলসে প্রথমে তিনি চিতাভস্ম থেকে অস্থিধাতুগুলি সংগ্রহ করে সেগুলি সমভাগে ভাগ করলেন। তারপর তিনি একে একে তুলে দিতে লাগলেন আটটি রাজ্যের প্রতিনিধিদের হাতে। আর এই পুরো ব্যাপারটি তত্ত্বাবধান করলেন সম্রাট অজাতশত্রু। তথাগতর পবিত্র অস্থিধাতু গ্রহণ করে উৎফুল্ল মনে একে একে রাজপুরুষরা মল্লরাজের বাগিচা থেকে বিদায় নিয়ে নিজেদের দেশে ফেরার জন্য রওনা হলেন।
সময় এগিয়ে চলল, বেলা পড়ে আসছে। ব্রাহ্মণ দ্রোণের দেওয়া শেষ অস্থিধাতুটি গ্রহণ করে মল্লরাজও তাঁর বাগিচা ত্যাগ করে প্রাসাদ অভিমুখী হলেন এক সময়। সম্রাট অজাতশত্রুকে এবার মগধে ফেরার জন্য রওনা হতে হবে। সন্ধ্যা নামতে শুরু করবে কিছু সময়ের মধ্যে। বাগিচার বাইরে দাঁড়িয়ে থাকা তাঁর রাজহস্তীর বৃংহিত শোনা যাচ্ছে। প্রভুকে ডাকছে সে। তলোয়ার কোষবদ্ধ করতেই বাগিচায় একদল লোক প্রবেশ করে অজাতশত্রুর সামনে এসে দাঁড়াল। তারা পিপ্পলিবনের মৌর্য। তাঁদের পৌঁছতে বেশ বিলম্ব হয়েছে। কিন্তু অস্থিধাতু তো সব শেষ। কাজেই ব্রাহ্মণ দ্রোণ ভস্মাধার থেকে ভষ্ম-অঙ্গার যা ছিল তা কলস ভরে তুলে দিলেন মৌর্যদের হাতে। অঙ্গারের টুকরোগুলোই অগত্যা তারা তথাগতর ধাতুরূপে গ্রহণ করে যাত্রা করল সুদূর পিপ্পলিবনের উদ্দেশে। সব কাজ সম্পন্ন হলে সম্রাট অজাতশত্রু এবার ব্রাহ্মণকে বললেন, ‘আপনার ধাতু-ভস্ম সংগ্রহের কলসটা এবার আমাকে দিন। এর ওপরও একটি স্তূপ নির্মাণ করব আমি।’
ব্রাহ্মণ কলসটি তুলে দিলেন সম্রাট অজাতশত্রুর হাতে। আবারও শোনা গেল বৃংহিত। সম্রাট ও সেই ব্রাহ্মণও এবার পা বাড়ালেন নিজ নিজ গন্তব্যের উদ্দেশে। জনশূন্য হয়ে গেল বাগিচা।
সূর্যদেব পাটে যাবার প্রস্তুতি শুরু করেছেন। এক অদ্ভুত মায়াবী আলো ছড়িয়ে পড়েছে রাজ বাগিচায়, বিজেতার নিঃসঙ্গ ভস্মাধারের ওপর। শূন্যতা ছড়িয়ে আছে চারপাশে।
সবাই চলে গেলেও একজন কিন্তু তখনও উপস্থিত ছিলেন সেখানে। ভিক্ষু মহাকারুনিক ক্ষেম। বাহ্যজ্ঞান শূন্য হয়ে সেখানে দাঁড়িয়ে ছিলেন তিনি। এক সময় সম্বিত ফিরল তাঁর। তিনি দেখলেন কখন যেন ফিরে গেছে তাঁর সঙ্গী ভিক্ষু-শ্রমণদের দল! অজাতশত্রু বা অন্য রাজপুরুষরাও উপস্থিত নেই সেখানে। নিঃসঙ্গ ভাবে দাঁড়িয়ে আছেন তিনি। আর আছে ওই শবাধার।
চোখের জল মুছলেন ক্ষেম। তারপর তাঁর পরিধেয় বস্ত্রখণ্ড বা চিবরের প্রান্তদেশ ছিন্ন করে ফেললেন অমিতাভর পবিত্র দেহাভস্মর কণা সংগ্রহ করা যায় কিনা সেই আশায়।
ধীর পায়ে এগিয়ে গিয়ে ভিক্ষু ক্ষেম গিয়ে দাঁড়ালেন সেই ভস্মাধারের সামনে। তারপর ঝুঁকে পড়লেন তাঁর ভিতর। কিন্তু ভস্মাধার শূন্য। মহাজ্ঞানীর চিতাভস্মের শেষ কণাটুকু দ্রোণ তুলে দিয়েছেন পিপ্পলিবনের মৌর্যদের হাতে। শাস্তা একবার কথা প্রসঙ্গে তাঁর শিষ্যদের বলেছিলেন, কেউ যদি কায়-মন-বাক্যে তাঁর দেহাবশেষ বা চিতাভস্ম খোঁজে, তবে সে তা পাওয়া থেকে বঞ্চিত হবে না। তবে কি ক্ষেম মহাপাতক! যে কারণে তিনি বঞ্চিত হলেন সে সৌভাগ্য থেকে? ক্ষেম নিজে স্বজ্ঞানে কোনও দিন কোনও অন্যায় করেননি। লোকে তাঁকে ডাকে মহাকারুনিক নামে। তবে কেন এমন হল? ভস্মাধারের সামনে দাঁড়িয়ে সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে লাগলেন ভিক্ষু ক্ষেম। সময় এগিয়ে চলল, কিন্তু এ প্রশ্নের উত্তর খুঁজে পেলেন না তিনি। তারপর এক সময় তিনি সিদ্ধান্ত নিলেন, ‘হয়তো বা তাই হবে। হয়তো অজ্ঞানে বা পূর্বজন্মে কোনও পাপ করেছিলাম আমি। নইলে কেন আমি বঞ্চিত হলাম ভগবানের আশীর্বাদ থেকে।’ জল গড়িয়ে পড়ল বৃদ্ধ ভিক্ষুর চোখ থেকে। ভস্মাধারের ভিতর তাকিয়ে হাতজোড় করে তিনি বললেন, ‘হে করুণাময়, হে মহাজ্ঞানী, নিজের অজ্ঞানতায় আমি যদি কোনও পাপ করে থাকি ইহজন্মে বা পূর্বজন্মে তবে আমাকে ক্ষমা করুন।’
অশ্রুসজল চোখে কাঁপা কাঁপা কণ্ঠস্বরে কথাগুলো বলে ভস্মাধারকে শেষ প্রণাম জানিয়ে বিদায় নিতে গিয়েও তিনি থমকে দাঁড়ালেন। ঠিক সেই সময় হঠাৎই একটা জিনিসে চোখ আটকে গেল তাঁর। গাছের পাতার ফাঁক গলে বিরাট ভস্মাধারটার এক কোণে ঠিক ছুরির ফলার মতো আলোকরশ্মি এসে পড়েছে, আর সেই আলোতে ভস্মাধারের কোণে কোনও বস্তুর ওপর সেই রশ্মি পড়ে স্বর্ণপ্রভা বিচ্ছুরিত করছে! সেটার দিকে ভালো করে তাকাতেই বিস্ময়ে হতবাক হয়ে গেলেন শ্রমণ। আনন্দে থরথর করে কেঁপে উঠল তাঁর শরীর। শবাধারের এক কোণে সবার অলক্ষে এখনও পড়ে আছে একটা জিনিস। জাতকের বাম চক্ষুদন্ত! দন্তধাতু!
মহাজ্ঞানীর বলে যাওয়া কথা তবে মিথ্যা নয়। মন থেকে কেউ চাইলে অবশ্যই সে খুঁজে পাবে তাঁর অস্থিধাতু!
প্রাথমিক বিস্ময় বিহ্বলতার ঘোর কাটিয়ে ওঠার পর তাপস ক্ষেম পরম শ্রদ্ধায় সেই দন্তধাতু সংগ্রহ করে তাঁর ছিন্ন চিবরে বাঁধলেন। তারপর চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য স্মরণ করলেন সেই প্রেমময়কে। আনন্দাশ্রু গড়িয়ে পড়তে লাগল তাঁর দু’চোখ বেয়ে। কিন্তু সবার অলক্ষে মহাজ্ঞানীবুদ্ধ কি সেদিন হেসেছিলেন দন্তধাতু হাতে ধরা সেই বৃদ্ধ সন্ন্যাসীর দিকে চেয়ে? কোনও কৌতূকপূর্ণ হাসি? মহাজ্ঞানী কি জানতেন যে তাঁর এই দন্তধাতু হাজার বছর পরও জন্ম দেবে অন্য কোনও কাহিনির?
চিবরে বাঁধা মহাজ্ঞানীর অস্থিভস্ম বুকে জড়িয়ে মহাকারুনিক এরপর এগোলেন মঠে ফেরার জন্য। অন্ধকার নামতে শুরু করেছে পৃথিবীর বুকে।
উদ্যান থেকে বহির্গমনের জন্য তিনি উপস্থিত হলেন তোরণের সামনে। দুজন দ্বারী সেখানে দাঁড়িয়ে আলাপচারিতায় ব্যাস্ত ছিল। ক্ষেম, রাজাধিরাজ নন, ছিন্ন বস্ত্র পরিহিত এক ভিক্ষু। তারা দুজন একবার অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে আবার তাদের কথোপথনে মন দিল। একজন বলল, ‘ভাগ্যিস অজাতশত্রু ঠিক সময় উপস্থিত হয়েছিলেন, নইলে রক্তনদী বইত এই রাজ-উদ্যানে।’
অপর একজন বলল, ‘সে সম্ভাবনা কিন্তু ভবিষ্যতে উড়িয়ে দেওয়া যায় না। মগধ সম্রাট তো চিরকাল জীবিত থাকবেন না। সে সময় হয়তো ধাতুগুলোর অধিকার নিয়ে আবার সংঘর্ষ হবে রাজাদের মধ্যে। সঙ্ঘ বা সন্ন্যাসীদের ক্ষমতা হবে না বিবদমান রাজশক্তিকে নিবৃত্ত করার। তাঁদের ক্ষমতাই বা কতটুকু?’
এ কথা শুনে প্রথম দ্বারী বলল, ‘হ্যাঁ, ঠিক কথা। ধরো সবার অলক্ষে এখনও একটা ধাতু রয়ে গেছে শবাধারে। কাল প্রত্যুষে সেটার খোঁজ মিলল। তাহলে তার অধিকার নিয়েই লড়াই শুরু হয়ে যেতে পারে। মগধ সম্রাট অজাতশত্রু তো রাজকার্য ত্যাগ করে বারবার বিরোধ মীমাংসা করবেন না।’
ধীর পায়ে উদ্যানের বাইরে বেরিয়ে যাচ্ছিলেন মহাকারুনিক। কিন্তু দ্বারীদের কথাগুলো কানে যেতেই তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। এ কথাগুলো তিনি ভেবে দেখেননি। তাঁর উদ্ধারকৃত এই দন্তধাতু কোনও অমঙ্গলের সূচনা করবে না তো? তিনি তো সামন্য ভিক্ষু মাত্র। কীভাবে তিনি রক্ষা করবেন এই অমূল্য সম্পদ? সঙ্ঘ, স্থানীয় রাজন্যবর্গের মধ্যে সমভাবে বন্টিত হয়েছে ভগবানের ধাতু। সঙ্ঘের হাতে যদি তিনি এ ধাতু তুলে দেন তবে সঙ্ঘও হয়তো আক্রান্ত হতে পারে। ব্যাহত হতে পারে সঙ্ঘের মানবসেবার দৈনন্দিন কাজ। তবে?
মহাসমস্যায় পড়লেন মহাকারুনিক ভিক্ষু ক্ষেম। অন্ধকার ক্রমশ গাঢ় হতে থাকল। তাঁর কর্তব্য নিয়ে চিন্তিত হয়ে পড়লেন ক্ষেম। এক সময় তিনি ভাবলেন, ‘আচ্ছা, এই দন্তধাতুকে যদি এ অঞ্চল থেকে দূরে নিয়ে যাওয়া যায় তবে হয়তো এ সমস্যা থেকে মুক্ত হওয়া যাবে। কিন্তু কোথায় যাওয়া যায়?’
হঠাৎই তাঁর স্মরণে এল একজনের কথা। তিনি হয়তো স্বযত্নে রক্ষা করতে পারবেন এই অমূল্য রত্নকে। আর ভগবানের এই ধাতু-মাণিক সে রাজ্যে অবস্থান করায় তাকে কেন্দ্র করে ভগবানের আদর্শও প্রচারিত হবে সে স্থানে।
সিদ্ধান্ত নিয়ে ফেললেন মহাকারুনিক ক্ষেম। তিনি আর মঠে ফিরলেন না। চিবর বাঁধা ভগবানের ধাতুকে বুকে জড়িয়ে তিনি যখন দূরবর্তী এক নগরীর উদ্দেশে পদব্রজে যাত্রা শুরু করলেন তখন আকাশের বুকে চন্দ্র দেবতার উদয়ের প্রস্তুতি শুরু হয়েছে। আকাশের বুকে ফুটে উঠতে শুরু করেছে তারার দল। ভিক্ষু ক্ষেমের বুকে ধরা চিবর জড়ানো দন্তধাতু থেকে যেন বিচ্ছুরিত হতে লাগল এক স্নিগ্ধ আলো। সেই আলোতে পথ চলতে লাগলেন ভিক্ষু ক্ষেম। দীর্ঘ পথপরিক্রমার শেষে একদিন এক রৌদ্রজ্জ্বল সকালে তিনি উপস্থিত হলেন এক নগরীতে।
এরপর মহাকালের রথের চাকায় কত শত বছর অতিক্রান্ত হল। আজাতশত্রু চলে গেলেন। মগধের সিংহাসনে কত রাজা এলেন গেলেন। অস্তমিত হল মগধের পরাক্রম। উত্থান হল পাটলিপুত্রর! সম্রাট অশোক! মহামতি আশোক। ভগবানের করুণা তিনি প্রচার করলেন সর্বত্র। সে এক স্বর্ণযুগ বৌদ্ধধম্মের। কিন্তু তাকেও চলে যেতে হল কালের নিয়মে। বার্ধক্য-জরা-মৃত্যুকে কে আর অস্বীকার করতে পারে? সময়ের রথচক্রতলে বিলীন হয়ে গেল তাঁর সম্রাজ্যও। খণ্ডিত হল সংঘ-ধম্মও। পুনরুত্থান শুরু হল বেদ-ব্রাক্ষণের। এভাবে কেটে গেল সাতশত বছর…
