শেষ চিহ্ন – ১৯

১৯

হ্যাঁ, শেষ পর্যন্ত কলিঙ্গ রাজ্যের সীমানায় একদিন এসে উপস্থিত হল কীচকের নেতৃত্বে অস্মক বাহিনী। তাদের পথ প্রদর্শক ছদ্মবেশী জ্যোতিষী, জৈন সন্ন্যাসী শম্বুকনাত। অস্মকের হিতৈষী, কীচকের মাতুলের মল্ল বাহিনীর সেনাপতি জয়দ্রথও কিছুকালের মধ্যেই উপস্থিত হবে কলিঙ্গর অপর সীমান্তে। এক সহস্র রণহস্তী সঙ্গে আনছে সে। অস্মকরাজ কীচকের সঙ্গে রয়েছে দুই সহস্র অশ্বারোহী, পাঁচ সহস্র পদাতিক। পাঁচশত রথী ও একশত হস্তীযূথ। সীমান্তের দু-পাশ থেকে আক্রমণ করে নিশ্চিহ্ন করে দেওয়া হবে কলিঙ্গকে। এমনই পরিকল্পনা।

কলিঙ্গ সীমান্তে এসে শিবির স্থাপন করল কীচক বাহিনী। ওপাশ থেকে মল্লবাহিনী উপস্থিত হলেই একযোগে আক্রমণ শুরু হবে। কিন্তু এত কাছে পৌঁছবার পর শম্বুকনাতের প্রতিহিংসা নেবার জন্য যেন আর তর সইছিল না। কলিঙ্গ সীমান্তে দু-দিন অতিবাহিত হতে না হতেই তিনি অস্মক রাজকে বললেন, ‘মল্লবাহিনীর জন্য আমাদের আর অপেক্ষা করা ঠিক হবে না। এমন হতে পারে এই সময়কে কাজে লাগিয়ে কলিঙ্গরাজ গুহসীব ওই অপবিত্র অস্থি, রাজকন্যা হেমমালা, অন্য সব নারী ও ধন-সম্পদ নিয়ে দন্তপুর ত্যাগ করে পালিয়ে যেতে পারে। তখন আমাদের কলিঙ্গ অভিযান বৃথা যাবে। আমাদের সঙ্গে যে বাহিনী আছে তা দন্তপুরকে নিশ্চিহ্ন করার পক্ষে যথেষ্ট। আমি গণনা করে দেখলাম, আগামীকাল দিনটি আপনার ও আপনার বাহিনীর পক্ষে অত্যন্ত শুভ। চলুন, কালই আমরা এই সীমান্ত অতিক্রম করে দন্তপুরের উদ্দেশে যাত্রা শুরু করি।’

কীচক বলল, ‘ঠিক আছে, তবে তাই হোক।’

পরদিন প্রত্যুষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রণভেরি বেজে উঠল। বিকট শব্দে চিৎকার করতে করতে কীচক বাহিনী প্রবেশ করল কলিঙ্গে। দন্তপুর, সে স্থান থেকে মাত্র তিনদিনের পথ। সীমান্ত অঞ্চলে যে সব অধিবাসী অবস্থান করত তারা ইতিপূর্বেই অস্মক বাহিনীর আগমন বার্তা পেয়ে সে স্থান পরিত্যাগ করেছিল। যাত্রা পথে তারা যে শূন্য কুটির আর ফসলের খেত দেখতে পেল তাতে অগ্নিসংযোগ ঘটাল অস্মক সেনারা। কোথাও থেকে কোনও প্রতিরোধ না আসায় দ্বিগুণ উৎসাহ নিয়ে এগিয়ে চলল উল্লসিত কীচকের দল।

দ্বিতীয় দিন তারা এসে উপস্থিত হল সেই জঙ্গলস্থিত সরোবরের নিকট। যেখানে একদা অস্মকের যুবরাজ ক্ষীরধার, রাজকুমারী হেমমালা ও তার সহচারীদের হরণ করতে গিয়ে দন্তকুমারের প্রহারে নিজ রাজ্যে পলায়ন করতে বাধ্য হয়েছিল। এ সরোবরের সৌন্দর্য ক্ষীরধারের মতোই তার ভ্রাতুষ্পুত্রদেরও মুগ্ধ করল না, বরং সরোবরে সন্তরণরত রাজহংস ইত্যাদি জলজ পক্ষী, অরণ্যে ভ্রমণরত হরিণকুলকে দেখে কীচক ও তার সেনাদের মধ্যে হিংস্র ক্ষুধা লালসার জন্ম হল। তির নিক্ষেপ করে প্রথমে বধ করা হল রাজহংসদের। স্বচ্ছ্ব সরোবরের জল লাল হয়ে উঠল রক্তে। এরপর একদল সেনা অরণ্যে আগুন লাগিয়ে দিল। যেন খান্ডব দহন শুরু হল। প্রাণ ভয়ে ছোটাছুটি করতে লাগল হরিণ, শশক ইত্যাদি প্রাণীরা। আর নির্বিচারে তাদের বধ করতে লাগল কীচক সেনারা। নিরীহ প্রাণীদের হত্যা করে মদ্য সহযোগে তাদের মাংস ভক্ষণ করে নিজেদের হীন লালসা নিবৃত্ত করল অস্মকরাজের সহচরেরা।

ওদিকে চরের মাধ্যমে অস্মকবাহিনীর অগ্রগমনের সংবাদ, তাদের নিষ্ঠুর কার্যকলাপ প্রতি প্রহরেই কানে আসছিল কলিঙ্গরাজ গুহসীব ও এ যুদ্ধের সেনাপতি দন্তকুমারের। কীচক সেনাবাহিনীর সংখ্যার বিবরণ সম্পর্কে তাঁরা অবগত হয়েছেন। কলিঙ্গ সেনাদলে রয়েছে দুই সহস্র পদাতিক সেনা। তার মধ্যে এক সহস্র সেনা সে অর্থে কোনওরূপ প্রশিক্ষণপ্রাপ্ত সেনা নয়, তারা দন্তপুর বা কলিঙ্গর সাধারণ নাগরিক। কেউ-বা চাষি, কেউ ধীবর, কুম্ভকার বা কামার। তারা দুর্যোগের দিনে নিজ নিজ ব্যবহার্য দ্রব্য সামগ্রীকে অস্ত্রে রূপান্তরিত করে যোগ দিয়েছে কলিঙ্গ সেনাদলে। এ ব্যতীত এ সেনাদলে রয়েছে দশটি সমরহস্তী ও দশজন মাত্র অশ্বারোহী সেনা।

সংখ্যার বিচারে যে কলিঙ্গ সেনা অস্মক সেনার ধারেকাছে নয় তা বলাই বাহুল্য। তবুও যুবরাজ সেনাপতি দন্তকুমারের সাহসে কোনও ভাটা পড়ল না। যেদিন সেই সরোবর তীরে খাণ্ডব দহন হল, সে সংবাদ পাওয়া মাত্রই সেই সন্ধ্যায় দন্তমন্দির প্রাঙ্গণে দন্তকুমার তাঁর সেনাদলকে একত্রিত করলেন। তিনি তাঁর সেনাদের উদ্দেশে বললেন, ‘আর মাত্র একটি রাত আর একটি দিন সময় আছে হাতে। আর তারপরই অস্মক বাহিনী এসে উপস্থিত হবে দন্তপুরের কাছে। এর মধ্যে কেউ যদি কলিঙ্গ সেনাদল ত্যাগ করে নিজের বা পরিবারের নিরাপত্তার স্বার্থে দন্তপুর ত্যাগ করতে চায় তবে তা নিঃসঙ্কোচে করতে পারে। কিন্তু তাঁর কথা শুনে সেনাদলের মধ্যে একজনও সেনাদল ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করল না। তা দেখে দন্তকুমারের মনোবল আরও বৃদ্ধি পেল।

কলিঙ্গ নৃপতি গুহসীব, দন্তমন্দিরের প্রধান পুরোহিত জেতবন ও অন্য ভিক্ষুরা অস্ত্র ধরবেন না ঠিকই, তবে তাঁরা যুদ্ধ চলাকালীন সৈন্যদের আহার, ও অন্যান্য রসদ সরবরাহ, বিশেষত আহত সৈনিকদের শুশ্রূষার কাজে নিজেদের নিয়োজিত রাখবেন বলে সিদ্ধান্ত নিলেন।

রাজা হিসাবে গুহসীব এরপর সেনাদলের উদ্দেশে এক উদ্দীপক বক্তৃতা করলেন। তিনি বললেন, মগধ সেনাদল অপেক্ষা শক্তিশালী কোনও সেনাদল ছিল না। সম্রাট অশোকও কলিঙ্গ জয় করেছিলেন বহু বৎসরের প্রচেষ্টার পর। সেই যুদ্ধে শেষ পর্যন্ত কলিঙ্গ সেনারা পরাজিত হয়েছিল ঠিকই, কিন্তু তাঁদের বীরত্বে সম্রাট অশোকও চমকিত হয়েছিলেন, সে কাহিনী আজও লোকের মুখে মুখে ফেরে।

অতীতের সেই সর্বশ্রেষ্ঠ কলিঙ্গ সেনাদের উত্তরাধিকার বহন করে চলেছে বর্তমান সেনাদলও। তাই সংখ্যার বিচারে অস্মক সেনাদল যতই এগিয়ে থাকুক না কেন ওতে কলিঙ্গ সেনাদলের বিন্দুমাত্র ভীত হবার কারণ নেই। রক্ষা করতে হবে দন্তনগরী, রক্ষা করতে হবে দন্তপুর।’

কলিঙ্গ নরেশের উদ্দীপক ভাষণ শুনে কলিঙ্গ সেনাদল অন্ধকার আকাশ কাঁপিয়ে চিৎকার করে উঠল, ‘জয় কলিঙ্গ বাহিনীর জয়! সেনাপতি দন্তকুমারের জয়! কলিঙ্গ নরেশ গুহসীবের জয়!’

অতঃপর দন্তমন্দিরের প্রধান পুরোহিত জেতবন উপস্থিত সকলের উদ্দেশে দন্তমন্দিরের পবিত্র বারি সিঞ্চন করলেন।

সেনাপতি দন্তকুমার রাত্রি কাটিয়ে দিলেন তাঁর দুই সঙ্গী পুলস্ত ও কেতুর সঙ্গে যুদ্ধর পরিকল্পনার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে। ঠিক হল দন্তনগরীর বহির্ভাগে থাকবে কেতুর নেতৃত্বে প্রশিক্ষিত তিরন্দাজ বাহিনী। পুলস্ত অপেক্ষাকৃত অপটু সৈন্য বা সাধারণ নাগরিকদের নিয়ে তারপর একটি প্রতিরোধের প্রাকার গড়ে তুলবে। আর সেনাপতি দন্তকুমার তাঁর দশজন অশ্বারোহী সেনা নিয়ে নগরীর অন্দর-বাহির, যখন যেখানে প্রয়োজন, সর্বত্র বিচরণ করবেন।

পরদিন সকালে সরোবর তীরস্থ সেই দগ্ধ বন থেকে অস্মক বাহিনী রওনা হল দন্তপুরের দিকে। তাদের রণবাদ্যের প্রচণ্ড শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল। ক্রমশ তারা এগিয়ে আসতে লাগল। আর দন্তকুমারও তাঁর পরিকল্পনা মতো সারাদিন ধরে সৈন্য সমাবেশ ঘটালেন বিভিন্ন স্থানে। দিনের শেষে যখন সমুদ্রর বুকে সূর্য ডুবল তখন দন্তপুরের অনেকটাই কাছে পৌঁছে গেছে অস্মক বাহিনী। আর কলিঙ্গ সেনারাও প্রস্তুত পরদিন তদের গতিরোধ করার জন্য।

কলিঙ্গরাজ গুহসীব কিন্তু এ রাত্রে দন্তমন্দিরে বিনিদ্র রজনী যাপন করলেন। তিনি সারা রাত ধরে অপেক্ষা করলেন, যদি সেই গম্ভীরনাদ গর্ভগৃহ থেকে ভেসে আসে সে জন্য। যদি আবার জাগ্রত হয় দন্তধাতু, কোনও অলৌকিক ঘটনা দৃশ্যমান হয় সে জন্য। তবে তেমন কোনও ঘটনা ঘটল না। ঘুম ভাঙল না ভগবানের শেষ চিহ্নর।

শেষ রাতে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন গুহসীব। দূরাগত একটা শব্দে তাঁর তন্দ্রাভাব কেটে গেল। সমুদ্রর জলোচ্ছাসের শব্দ ছাপিয়ে ভেসে আসছে অজস্র মানুষের উন্মত্ত কলরব! দন্তপুরের সীমানায় উপস্থিত হয়েছে অস্মক বাহিনী।

দন্তকুমার রাত্রির শেষ প্রহরে প্রাসাদে ফিরেছিলেন নিজ কক্ষে রক্ষিত ধনুর্বাণ ইত্যাদি সংগ্রহ করার জন্য আর প্রিয়তমা হেমমালার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আকাশে যখন শুকতারা ফুটে উঠল তখন দন্তকুমার প্রাসাদের কূপের শীতল জল দিয়ে স্নান সারলেন। পত্নী হেমমালা নিজ হস্তে যুদ্ধ সাজে সজ্জিত করলেন স্বামীকে। তাঁর হাতে তুলে দিলেন ধনুর্বাণ। দন্তকুমার এরপর স্ত্রীকে আলিঙ্গন করে, ওষ্ঠধারে চুম্বন করে, প্রাসাদ ত্যাগ করে রওনা হলেন অস্মক বাহিনী যেদিকে এসে উপস্থিত হয়েছে সেই দিকে। কিছুক্ষণের মধ্যেই আকাশের শুকতারা মুছে গিয়ে সমুদ্রের বুক থেকে উত্থিত হতে শুরু করল রক্তিম আভা। আলোকিত হতে শুরু করল দিকচক্রবাল।

অস্মকরাজ কীচকের বাহিনী যে স্থান দিয়ে নগরীতে প্রবেশ করবে সে স্থানে সার সার প্রাচীন আম গাছ আছে। ওই গাছগুলোই সে পাশে দন্তপুরের সীমানা নির্ধারণ করে। ওই আম্রবৃক্ষগুলোতে ভোরের আলো ফোটার আগেই উঠে বসল কেতুর তিরন্দাজ সঙ্গীরা। ভোরের প্রথম আলো যখন ছড়িয়ে পড়ল তখন গাছের মাথা থেকে কেতু আর তার তিরন্দাজ বাহিনী দেখতে পেল সামনে যতদূর চোখ যায় শুধু অস্মক বাহিনী আর তাদের পতাকা! যেন সমুদ্র তীরের ছোট্ট নগরী দন্তপুরের আর এক পাশে সেনাসমুদ্র তৈরি হয়েছে।

ভোরের আলো ফুটতেই অস্মক সেনা প্রস্তুত হল নগরীতে প্রবেশ করার জন্য। নানা ধরনের রণভেরী বাজতে শুরু করল প্রথমে। তারপর উৎকট চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে কীচক বাহিনী এগোতে শুরু করল। কিন্তু আম্রকাননের কাছে পৌঁছতেই গতিরুদ্ধ হয়ে গেল তাদের। গাছগুলোর ডাল-পালার আড়াল থেকে ঝাঁকে ঝাঁকে তির উড়ে আসতে লাগল তাদের দিকে। ভূপতিত হতে লাগল অস্মক সেনারা। তারা প্রথমে বুঝতেই পারল না কোন অদৃশ্য স্থান থেকে তির নিক্ষেপ হচ্ছে। এ ভাবেই প্রথম দিন কীচক বাহিনীকে নগরীর সীমানায় আটকে দিল কলিঙ্গবাহিনী।

সূর্য ডুবে গেল, এদিনের মতো সাঙ্গ হল যুদ্ধ। অস্মকরাজ কীচক তার সেনাদলের সমুখ ভাগে ছিলেন না। সেনা ব্যুহের অনেক ভিতরে এক স্থানে রেশমের পর্দা নির্মিত কক্ষে নারী ও সুরা আমোদ-প্রমোদে তিনি লিপ্ত ছিলেন। কারণ, কীচক নিশ্চিত ছিলেন যে বিশাল অস্মক বাহিনীকে কলিঙ্গর মুষ্টিমেয় সেনাবাহিনী কিছুতেই প্রতিহত করতে পারবে না। সুতরাং, ভোগ বিলাসে ছেদ ঘটিয়ে লাভ কী?

সূর্য ডুবে গেলে এদিনের মতো যুদ্ধ সমাপ্ত হলে অস্মক সেনাপতি হাজির হলেন কীচকের কাছে। তিনি তখন তার কয়েকজন লম্পট ভ্রাতা ও জ্যোতিষীরূপী জৈন পুরোহিত শম্বুকনাতকে সঙ্গে নিয়ে কয়েকজন নর্তকীদের সঙ্গে চটুল বাক্যালাপে মেতে ছিলেন। সেনাপতিকে দেখে কীচক বললেন, ‘সৈন্যরা নিশ্চয়ই দন্তপুরে প্রবেশ করেছে? নিশ্চয়ই দন্তনগরী আমার পদানত? কলিঙ্গরাজ গুহসীবকে তোমরা বন্দি করেছ? নাকি সে যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে?’

কীচকের ভ্রাতারা বললেন, ‘নিশ্চয়ই রাজপ্রাসাদ অবরুদ্ধ করে ফেলেছে অম্মক সেনারা? প্রাসাদ ও নগরীর রমণীরা পালাতে পারেনি তো? শুনেছি কলিঙ্গ নারীদের অঙ্গসৌষ্ঠব অতীব সুন্দর। তাদের জন্যই তো এসেছি আমরা।’

আর শম্বুকনাত উত্তেজিতভাবে বললেন, ‘আর দন্তমন্দির? সে জায়গার সংবাদ কী? নির্দেশ মতো সব শ্রমণদের হত্যা করা হয়েছে তো? আমি এখনই নগরীতে প্রবেশ করতে চাই। ওই অপবিত্র অস্থিকে নিজ হস্তে আমি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে ধ্বংস করতে চাই।’

সবার কথার জবাবে সেনাপতি জানালেন, ‘না, আমরা দন্তপুরে প্রবেশ করতে পারিনি। আমাদের গতিরুদ্ধ হয়েছে।’

‘গতিরুদ্ধ হয়েছে কেন?’ বিস্মিতভাবে জানতে চাইলেন কীচক।

সেনাপতি জানালেন, ‘নগরীর প্রবেশ মুখে আম্রকাননের আড়াল থেকে ঝাঁকে ঝাঁকে তির ধেয়ে আসছে আমাদের দিকে। কিন্তু শত্রু অদৃশ্য থাকায় আমরা তাদের প্রহার করতে পারছি না।’

কথাটা শুনে শম্বুকনাত বললেন, ‘তবে অগ্নিবলয় নিক্ষেপ করুন ওই আম্রকাননে। ধ্বংস করুন বৃক্ষগুলো। যত দ্রুত সম্ভব আমাদের নগরীতে প্রবেশ করতে হবে।’

শম্বুকনাতের পরিকল্পনা মতোই পরদিন কাজ করলেন অস্মক সেনাপতি। ভোরের আলো ফোটার পর, যুদ্ধ শুরু হলে কলিঙ্গ তীরন্দাজরা গাছের মাথা থেকে শর নিক্ষেপ শুরু করতেই ওপাশ থেকে অস্মক সেনারা কাষ্ঠ চক্রর পাটাতনের ওপর রক্ষিত দানবীয় গুলতির মাধ্যমে অগ্নিগোলক নিক্ষেপ করতে লাগল গাছগুলিকে লক্ষ্য করে। তবুও বীর বিক্রমে শত্রুপক্ষর দিকে তির নিক্ষেপ করে যেত লাগল কলিঙ্গ সেনারা। কিন্তু বারংবার অগ্নিগোলক নিক্ষিপ্ত হওয়াতে ধীরে ধীরে গাছের গুঁড়িগুলোতে আগুন জ্বলে উঠতে লাগল। তা ছড়িয়ে পড়তে লাগল শাখা প্রশাখায়। আর তার পরিণামে গাছের আড়াল থেকে ভূপতিত হতে লাগল দগ্ধ কলিঙ্গসেনারা। তবুও সারাদিন ধরে যুদ্ধ চলল। সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্তে জীবনের শেষ তিরটি শত্রুসেনার বুকে বিদ্ধ করে ঝলসানো নিষ্প্রাণ দেহ নিয়ে বৃক্ষকাণ্ড থেকে ভূপতিত হলেন দন্তকুমারের দীর্ঘ দিনের সহচর তিরন্দাজ কেতু।

সূর্য ডুবে গেল। দন্তকুমার তাঁর সহযোগীর মৃতদেহ নিজ স্কন্ধে বহন করে আনলেন সমুদ্র তীরে। সেখানে উপস্থিত হলেন কলিঙ্গরাজ গুহসীব। দন্তমন্দিরের প্রধান পুরোহিত জেতবনসহ অন্য ভিক্ষুরা। কেতু বৌদ্ধধম্মাবলম্বী ছিল না। শুধুমাত্র কলিঙ্গকে ভালোবেসে, ভিনদেশী হয়েও সে তার জীবন উৎসর্গ করল ভগবানের শেষ চিহ্নকে রক্ষা করার জন্য। বৌদ্ধ শ্রমনরা তার ঝলসানো মৃতদেহে পরম মমতায় চন্দন লেপে দিল। চিতা সাজানো হল। সমুদ্রতীরে চোখের জলে বিদায় জানানো হল তিরন্দাজ কেতুকে।

চিতার আগুন যখন নিভল তখন আকাশে ক্ষীণ চাঁদ উঠতে শুরু করেছে। দন্তকুমারের পাশে দাঁড়িয়ে ছিল তাঁর আর এক সঙ্গী পুলস্ত। দন্তকুমার তাকে বললেন, ‘আমাদের প্রথম প্রতিরোধ প্রাচীর ভেঙে গেল। কাল নিশ্চয়ই অস্মকের পদাতিক বাহিনী দন্তপুরে প্রবেশ করার চেষ্টা করবে। যে ভাবেই হোক তাদের প্রতিরোধ করতে হবে।’

পুলস্ত বলল, ‘যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে ততক্ষণ যুদ্ধক্ষেত্র ত্যাগ করব না আমি।’

পর দিন থেকে আবারও যুদ্ধ শুরু হল। ভয়ঙ্কর যুদ্ধ। অস্মক বাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে লাগল দন্তপুরে প্রবেশ করার। কিন্তু সেনাপতি দন্তকুমার আর তাঁর সঙ্গী পুলস্ত কলিঙ্গ সেনাদলকে নিয়ে তাদের প্রতিরোধ করতে লাগলেন। একটা একটা করে দিন কাটতে লাগল।

সেনাপতি দন্তকুমার আর কলিঙ্গ সেনাদের সামনে এ যুদ্ধে প্রধান সমস্যা হয়ে দাঁড়াল কীচকের সমুদ্র সমান সেনাদল। কলিঙ্গ সেনা একজন অস্মক সেনাকে বধ করলেই তার সামনে হাজির হয় সাতজন অস্মক সেনা। যুদ্ধের নিয়মই এই যে উভয় পক্ষর সেনারাই কমবেশি হতাহত হয়। কলিঙ্গ সেনার সংখ্যা এমনিতেই নগণ্য। সে সংখ্যাও ধীরে ধীরে কমে আসতে লাগল।

যুদ্ধের সপ্তম দিনে দন্তকুমার, গুহসীব প্রমুখেরা বুঝতে পারলেন ভগবানের পবিত্র ধাতুটি যদি না কোনও চমৎকারিত্ব দেখায়, তবে অস্মক বাহিনীকে প্রতিরোধ করা কিছুতেই সম্ভব নয়। তাই দন্তমন্দিরে ধাতুটির উদ্দেশে করুণ আকুতি-সহ পূজাপাঠ চলতে লাগল। রাজা গুহসীব ভগবানের শেষ চিহ্ন জাগ্রত হবার আশায় দিবা-রাত্রি মন্দির চত্বরে হত্যে দিয়ে পড়ে রইলেন, কিন্তু আগের মতোই নীরব হয়ে রইল ভগবানের পবিত্র শেষ চিহ্ন।

যুদ্ধের নবম দিনে নিহত হল দন্তকুমারের অপর সঙ্গী পুলস্ত। কলিঙ্গ বাহিনী প্রায় নিঃশেষ হয়ে এসেছে তখন। আর চর মারফত খবর এল, অস্মক বাহিনীর মিত্র শক্তি আর তিনদিনের মধ্যেই আর এক দিক থেকে এসে উপস্থিত হবে দন্তপুরে। যদিও দন্তপুরের সাধারণ নাগরিকরা প্রস্তুত হল, পরদিন মুষ্টিমেয় কলিঙ্গসেনাদের পাশে থেকে দন্তপুর এবং দন্তমন্দিরকে রক্ষা করার, কিন্তু সেনাপতি দন্তকুমার, রাজা গুহসীব, দন্তমন্দিরের প্রধান পুরোহিত জেতবন বুঝতে পারলেন, আর তিনদিন পরই যুদ্ধর নিষ্পত্তি হবে। মল্ল ও অস্মকের সম্মিলিত বাহিনীর আক্রমণ কিছুতেই প্রতিরোধ করা সম্ভব নয় তাদের পক্ষে।

কলিঙ্গরাজ গুহসীব দন্তমন্দিরেই অবস্থান করছিলেন যুদ্ধর ক’দিন আগে থেকেই। প্রতি রাতে জেগেই কাটান তিনি। কিন্তু পুলস্তর মৃত্যু, মল্ল সৈনিকদের আগমন বার্তা, যুদ্ধে নিশ্চিত পরাজয় ঘটতে চলেছে জেনে, সর্বোপরি ভগবানের পবিত্র চিহ্নর ভবিষ্যতের কথা চিন্তা করে বিষণ্ণ, অবসন্নভাবে শেষ রাতের দিকে এদিন ঘুমিয়ে পড়েছিলেন তিনি। ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন কলিঙ্গরাজ গুহসীব। ঘন সবুজ অরণ্য প্রদেশের মধ্যে এক স্বর্ণ মন্দিরে উপস্থিত হয়েছেন কলিঙ্গ নরেশ। চীবর পরিহিত অসংখ্য বৌদ্ধ শ্রমণের দল ঘুরে বেড়াচ্ছে মন্দিরে। তবে তাদের গাত্রবর্ণ ইতিপূর্বে গুহসীবের দেখা বৌদ্ধ শ্রমণদের মতো তাম্র, পীত, অথবা শুভ্র বর্ণের নয়, ঘোর কৃষ্ণবর্ণের। গর্ভগৃহতে মহা সমারোহে পূজাপাঠ চলছে। গুহসীব পায়ে পায়ে গিয়ে দাঁড়ালেন গর্ভগৃহের সামনে। ধূপের ধোঁয়ায় গর্ভগৃহর ভিতরটা অস্পষ্ট। কিছুই দেখা যাচ্ছে না। শুধু মন্ত্রোচ্চারণের শব্দ কানে আসছে। কলিঙ্গ নরেশ গর্ভগৃহর ভিতর তাকিয়ে প্রশ্ন করলেন, ‘এখানে কীসের পূজা হচ্ছে?’

তিনি প্রশ্নটা করার সঙ্গে সঙ্গেই মন্ত্রোচ্চারণ থেমে গেল। গুহসীবের চোখের সামনে সেই ধুম্রজালের মধ্যে থেকে ধীরে ধীরে আবির্ভূত হলেন মুণ্ডিত মস্তক, শুভ্রবর্ণের, সৌম্যকান্তি এক বৌদ্ধ সন্ন্যাসী। তিনি স্মিত হেসে কলিঙ্গ নরেশকে বললেন, ‘এ মন্দিরে অবস্থান করছেন ভগবান বুদ্ধর ধাতু দণ্ড। তারই পূজা করছি আমরা।’

কলিঙ্গ নরেশ অবাক হয়ে গেলেন সন্ন্যাসীর কথা শুনে। ভগবানের পবিত্র শেষ চিহ্ন তো অবস্থান করছেন কলিঙ্গের রাজধানী দন্তপুরের মন্দিরে। কিন্তু এ মন্দির তো সে মন্দির নয়!

সেই বৌদ্ধ সন্ন্যাসী এবার কলিঙ্গ নরেশের মনের ভাব পাঠ করে বললেন, ‘কুশীনগর থেকে ভগবান বুদ্ধর পবিত্র দন্তধাতুর যে যাত্রা শুরু হয়েছিল, সহস্র বছরের সেই পথ পরিক্রমায় ভগবানের সেই শেষ চিহ্ন আপনার কলিঙ্গ রাজ্যে বিশ্রাম লাভের জন্যে থেমেছিলেন। সেখানে তার বিশ্রাম লাভের সময় শেষ হয়েছিল কলিঙ্গরাজ। তাই সে স্থান ত্যাগ করে দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিয়ে তিনি বর্তমানে এ মন্দিরে এসে অবস্থান করছেন। তিনি এখন এখানেই থাকবেন যতদিন না আবার তাঁর পথ পরিক্রমনে ইচ্ছা জাগে।’

সন্ন্যাসীর কথা শুনে কলিঙ্গ নরেশ বিস্মিতভাবে প্রশ্ন করলেন, ‘আপনি কে? আমার পরিচয় আপনি জানলেন কী ভাবে?’

প্রশ্ন শুনে সন্ন্যাসীর ঠোঁটের কোলে হাসি ফুটে উঠল। তিনি বললেন, ‘আমি যে ভগবানের শেষ চিহ্নের পথ পরিক্রমার সহস্র বছরের সঙ্গী।’

এ কথা বলার পরই সেই সৌম্যকান্তি বৌদ্ধ সন্ন্যাসীর মাংসপেশী যেন তাঁর শরীরের মধ্যে বিলীন হয়ে চামড়ার আড়াল থেকে অস্থি ফুটে বেরোতে লাগল। কঙ্কাল সার এক মূর্তিতে পরিণত হলেন তিনি। কলিঙ্গ নরেশ এবার চিনতে পারলেন তাঁকে। এ যে সেই সমুদ্র তীরের বালুস্তূপের অতি প্রাচীন সন্ন্যাসী মহাজ্ঞানী কুকুসন্ধ! কেউ কেউ যাকে বলে থাকেন তিনিই নাকি বুদ্ধ-শিষ্য ক্ষেম! কলিঙ্গ রাজ গুহসীবকে নিজের দুই মূর্তির দর্শন দিয়ে এরপর গর্ভগৃহের ধূম্রকুঞ্জে হারিয়ে গেলেন সন্ন্যাসী।

ঘুম ভেঙে গেল কলিঙ্গরাজ গুহসীবের। গবাক্ষ দিয়ে তিনি দেখতে পেলেন পুব আকাশে শুকতারা ফুটে উঠেছে। সেদিকে তাকিয়ে অদ্ভুত স্বপ্নটার কথা ভাবতে কলিঙ্গ নরেশের কাছে সব কিছু স্পষ্ট হয়ে গেল। শুকতারা মুছে গিয়ে ভোরের আলো ফুটে উঠতে শুরু করল কিছুক্ষণের মধ্যেই। ভেসে আসতে শুরু হল অস্মক শিবির থেকে দুন্দুভীর শব্দ। যুদ্ধ শুরুর সংকেত। সকাল হবার পর রাজা গুহসীব তাঁর জামাতা দন্তকুমারকে সংবাদ পাঠালেন দিন শেষে সন্ধ্যা নামলে দন্তমন্দিরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কন্যা হেমমালাকেও তিনি একই সময় উপস্থিত হতে বললেন সেখানে।

প্রতিদিনের মতো এদিনও যুদ্ধ শুরু হল। কলিঙ্গ বাহিনীর হয়ে এদিন দন্তপুর রক্ষার জন্য সেনাপতি দন্তকুমারের নেতৃত্বে যারা অস্মক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হল, তারা অধিকাংশই কলিঙ্গর সাধারণ নাগরিক। ইতিপূর্বে তাদের যুদ্ধের কোনও অভিজ্ঞতা নেই। তাদের কারো কারো কাছে সে অর্থে যুদ্ধের অস্ত্রও নেই। তাদের কেউ কেউ কাঁচা বেল অথবা প্রস্তর খণ্ড অস্ত্র হিসাবে নিক্ষেপ করতে লাগল শত্রুসেনার ওপর। কেউ বা শত্রুসেনাকে প্রতিহত করতে লাগল জ্বলন্ত কাষ্ঠখণ্ড দিয়ে। দেশ রক্ষার্থে নাগরিকদের এই লড়াই যেন কলিঙ্গ যুদ্ধেরই পুনরাবৃত্তি। সেনাপতি দন্তকুমারের তির আর তলোয়ারের আঘাতে নিহত হল বহু শত্রুসেনা। তবে সে জন্য যুদ্ধের গতিপ্রকৃতি বদলের কোনও সম্ভাবনা দেখা দিল না। কারণ, অস্মক বাহিনী সংখ্যায় অগুনতি। কলিঙ্গ বাহিনী আর কতজনকে বধ করবে?

তবে অস্মকরাজ কীচক, তার অন্য ভ্রাতারা এবং বিশেষত শম্বুকনাত ভেবেছিলেন যে বড়জোর, দু-তিন দিনের মধ্যেই এ যুদ্ধ শেষ হয়ে যাবে। কিন্তু তা না হওয়াতে অধৈর্য হয়ে পড়লেন তারা। শম্বুকনাতের পরামর্শ মতো কীচক এদিন সন্ধ্যায় ডেকে পাঠালেন তার সেনাপতিকে। কীচক তাকে বললেন, ‘আর বিলম্ব করা অসহ্য। আগামীকাল দিবাভাগে যদি অস্মক সৈন্যরা দন্তপুরে প্রবেশ না করতে পারে তবে রাতের অন্ধকারে হস্তীবাহিনী নিয়ে সামনে কোনও বাধা আসলে তাকে চূর্ণ করে দিয়ে দন্তপুরে প্রবেশ করতে হবে। যুদ্ধের কোনও নিয়ম নীতি না মানলেও চলবে। নারী-বালক-শিশু, কারো প্রতি দয়া দেখানো চলবে না। যে বাধা দিতে আসবে তাকেই নির্বিচারে হত্যা করতে হবে। আগামী পরশু সূর্যোদয়ের আগেই যে ভাবেই হোক পদানত করতে হবে কলিঙ্গর রাজধানী দন্তপুরকে।’

অস্মক সেনাপতি বললেন, ‘তাই হবে মহারাজ।’

ওদিকে এদিনের যুদ্ধ শেষে সন্ধ্যা নামার পর, ঘর্মাক্ত, ক্লান্ত শরীরে গুহসীবের আদেশ মতো এ যুদ্ধের সেনাপতি দন্তকুমার এসে উপস্থিত হলেন দন্তমন্দিরে। তিনি সেখানে হেমমালাকে দেখে একটু অবাকই হলেন। দন্তকুমার সেখানে উপস্থিত হতেই কলিঙ্গ নরেশ, প্রধান পুরোহিত জেতবন, জামাতা দন্তকুমার আর কন্যা হেমমালাকে নিয়ে এক নিভৃত কক্ষে উপবেশন করলেন তাঁর বক্তব্য জানাবার জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *