২৪
ময়ূরপঙ্খীর যাত্রাপথে এই ভয়ঙ্কর নাগরাজ্য থেকে আরোহীদের জীবন রক্ষা যে এই ব্রাহ্মণ দম্পতির জন্যই সম্ভব হল এবং গরুড় দেবতার আশীর্বাদ প্রদানের অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে অর্ণবপোতের অধিকারী সহ সকল নাবিকরা এই ক্ষণে স্পষ্টভাবে বুঝতে পারল, এই দম্পতি নিজেদের সাধারণ ব্রাহ্মণ দম্পতি রূপে পরিচয় দিলেও তাঁরা সাধারণ কেউ নন। নচেৎ দেবতার আশীর্বাদ এমন ভাবে বর্ষিত হতো না তাঁদের ওপর।
ময়ূরপঙ্খী তার নির্দিষ্ট গতিপথ ধরে আবার চলতে শুরু করার পর অধিকারী সদাশিব ও তাঁর অনুচররা এসে উপস্থিত হল দন্তকুমার আর হেমমালার কাছে। সদাশিব করজোড়ে হেমমালার উদ্দেশে বললেন, ‘মা, আপনার জন্যই আমার এই ময়ূরপঙ্খী বিপদমুক্ত হয়েছে, রক্ষা পেল এতগুলো মানুষের জীবন। ভয়ঙ্কর নাগ দেবতার সামনে আপনার স্বামীর নির্ভীক অবস্থান ও আপনার আহ্বানে দেবতার সাড়া দেওয়া, এ দুই ঘটনা দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি আপনারা কোনও সাধারণ মানব-মানবী নন, আর আপনি যাঁকে বুকে আঁকড়ে ধরে আছেন তিনিও সাধারণ শালগ্রাম শিলা নন। অনুগ্রহ করে আপনি আপনাদের পরিচয় ব্যক্ত করুন। আমাদের যাত্রাপথ প্রায় শেষ হতে চলেছে। আত্মপরিচয় দান করে বাকি পথটুকুতে আপনাদের যথাযোগ্য সেবার সুযোগ করে দিন আমাকে।’
অধিকারীর করজোড় প্রার্থনা শুনে দন্তকুমার বুঝতে পারলেন তাঁদের আর পরিচয় গোপনের প্রয়োজন নেই। তিনি বললেন, ‘আমি বুদ্ধ শিষ্য কলিঙ্গরাজ গুহসীবের জামাতা দন্তকুমার, আর আমার স্ত্রী হেমমালা হল দন্তপুরের রাজকন্যা। সে নিজের বক্ষে ধারণ করে আছে ভগবান বুদ্ধর শেষ চিহ্ন দন্তধাতুকে। কলিঙ্গরাজ গুহসীবের শেষ ইচ্ছামতো আমরা এই পবিত্র ধাতুদন্তটিকে সমর্পণ করতে চলেছি সিংহল রাজের কাছে।’
এ কথা বলার পর দন্তকুমার ধীরে ধীরে ব্যক্ত করতে লাগলেন পবিত্র ধাতুটির মহিমা, তার অতীত এবং তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাবার কারণ। পবিত্র ধাতুটির অলৌকিক ক্ষমতা, তা রক্ষা করার জন্য কলিঙ্গ নরেশ গুহসীব ও সর্বোপরি হেমমালা ও দন্তকুমারের ত্যাগ-তিতিক্ষা কষ্টের কথা শুনে জল ঝরতে শুরু করল অধিকারী ও তাঁদের সঙ্গীদের চোখ বেয়ে।
দন্তকুমারের বক্তব্য শেষ হবার পর অধিকারী বললেন, ‘আমার পরম সৌভাগ্য যে সাক্ষাৎ দেবতাকে বহন করে নিয়ে চলেছে আমার এই বাণিজ্যতরী। যথাযোগ্য মর্যাদার সঙ্গে আমি সিংহল দেশের মাটিতে পৌঁছে দেব ভগবানের শেষ চিহ্নকে। আপনাদের আর জলযানের অন্ধকার খোলে থাকার প্রয়োজন নেই, ভগবানের শেষ চিহ্নকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে অর্ণবপোতে স্থাপনের ব্যবস্থা করছি আমি।’
অধিকারীর নির্দেশমতো অর্ণবপোতের শ্রেষ্ঠ কক্ষটি উন্মুক্ত করে দেওয়া হল দম্পতির জন্য। সে কক্ষ আলোকজ্জ্বল। উন্মুক্ত গবাক্ষ দিয়ে দেখা যায় সুনীল আকাশ, বহু দূর পর্যন্ত সমুদ্রের জলরাশি। কক্ষের কেন্দ্রস্থলে গালিচার আচ্ছাদনযুক্ত একটা রৌপ্য খণ্ডের ওপর স্থাপন করা হল ভগবানের ধাতু পাত্রটি। রেশমের আচ্ছাদন রচনা করা হল তার মাথায়। ময়ূরপঙ্খীর অধিকারীর সিন্দুকে বেশ কিছু কবুতরের ডিমের আকৃতির দুর্মূল্য দুষ্প্রাপ্য মুক্ত ছিল। তা দিয়ে আলপনা রচনা করা হল বেদির চারপাশে। জাহাজের মাঝি-দাঁড়িরাও নিজেদের জীবন রক্ষার কৃতজ্ঞতাবশে ও নিজেদের সুখ-শান্তির আর্শীবাদ লাভের জন্য তাদের সাধ্যমতো উপহার নিবেদন করল দন্তধাতুর প্রতি। বৃহৎ আকৃতির সে কক্ষের এক পাশের মেঝেতে হেমমালা ও দন্তকুমারের শয়নের জন্য শয্যারও ব্যবস্থা করা হল। এ সব সাঙ্গ হতে বিকাল গড়িয়ে গেল।
অস্তাচলগামী সূর্যের রাঙা আলোতে শান্ত নীল সমুদ্র অতিক্রম করে সিংহল দেশের দিকে এগিয়ে চলল ময়ূরপঙ্খী। পালে তার বাতাস লেগেছে, বিপদ থেকে উদ্ধার পেয়ে দাঁড়ি, মাঝি সহ সকলের মনেই নতুন উদ্যম ফিরে এসেছে, তাই গতি বৃদ্ধি পেল অর্ণবপোতের।
তবে অন্ধকার নামার পর অধিকারী সদাশিব, তাঁর একান্ত ঘনিষ্ঠ কয়েকজন মাঝি-দাঁড়িকে ডেকে পাঠালেন তাঁর কক্ষে। তিনি তাদের বললেন, ‘আমার অনুমান আমাদের জলযানে এমন কেউ আছে যে চায় না ভগবানের শেষ চিহ্ন তাঁর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছক। সে-ই পালের রশি কেটে দিয়ে জলযানকে বিপথে চালিত করেছিল। আমরা তাম্রলিপ্তি বন্দর থেকে যে সকল নতুন লোককে জলযানে কর্যোপলক্ষ্যে নিয়োগ করেছিলাম সে লোক তাদের মধ্যেই কেউ হবে। কিন্তু নিছক সন্দেহের বশে তো আর কাউকে দোষী সাব্যস্ত করা যায় না, তাতে অন্য নাবিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হতে পারে। তিন রাত্রি পরেই আমরা উপস্থিত হতে চলেছি সিংহল বন্দরে। এই তিন রাত সতর্ক থাকতে হবে আমাদের, যাতে নতুন করে কেউ কোনও দুর্ঘটনা ঘটাতে না পারে। এই তিন রাত তোমরা সতর্ক প্রহরা দেবে জলযানের সর্বত্র। এই পবিত্র দন্তধাতুর জন্যই আমাদের সকলের জীবন রক্ষা পেয়েছে। যে ভাবেই হোক ভগবানের শেষ চিহ্নকে নিরাপদে আমাদের সিংহল দ্বীপে পৌঁছে দিতে হবে। এ ক’টা দিন তাই অন্য নাবিকদের প্রতি সতর্ক দৃষ্টি রাখবে তোমরা।’
প্রধান দাঁড়ি বলল, ‘সান্ধ্যকালীন সংখ্যা গণনা করার সময় দেখলাম তাম্রলিপ্তি বন্দর থেকে নিযুক্ত এক নাবিককে পাওয়া যাচ্ছে না। জানি না সে কোনও কারণে জলে ঝাঁপ দিয়েছে কিনা অথবা সেই সর্প দ্বীপেই রয়ে গেছে কিনা?’
অধিকারী বললেন, ‘সে কোথাও লুকিয়ে আছে কিনা সে ব্যাপারটাও অনুসন্ধান করো।’
সদাশিবের নির্দেশমতো প্রাচীন নাবিকরা জলযানের সর্বত্র ছড়িয়ে পড়ল। সে রাত্রি নির্বিঘ্নেই কেটে গেল। কোথাও অশুভ কিছু ঘটল না।
পরদিন গবাক্ষ দিয়ে আসা ভোরের প্রথম আলোর স্পর্শে ঘুম ভাঙল হেমমালার। বহুদিন পর সে উদ্বেগমুক্ত হয়ে তাঁর স্বামীর কোলে মাথা রেখে শান্তির নিদ্রা যাপন করল। দন্তকুমার অবশ্য জাগ্রতই ছিলেন। সারা রাত ধরে তিনি চন্দ্রালোকিত সমুদ্রে ময়ূরপঙ্খীর ভেসে চলা দেখেছেন, শুনেছেন বাতাসের শব্দ, কখনওবা দাঁড় টানার আওয়াজ। যতক্ষণ না সিংহল দ্বীপে তাঁরা পৌঁছচ্ছে ততক্ষণ তাঁর দায়িত্ব-কর্তব্য সম্পর্কে অবিচল বুদ্ধ সেবক দন্তকুমার।
দিনের আলো ফোটার পর শুদ্ধ বস্ত্রে সেই দন্তধাতুকে প্রণাম জানিয়ে, ধূপ জ্বালিয়ে দন্তধাতুর উপাসনায় বসল হেমমালা। কক্ষ থেকে ‘বুদ্ধং শরণং গচ্ছামি’ ধ্বনি ছড়িয়ে পড়তে লাগল গোটা ময়ূরপঙ্খীতে, সমুদ্রের জলে। হয়তোবা সেই মন্ত্রোচ্চারণের শব্দেই একদল রুপালি মৎস সমুদ্র থেকে তাদের পুচ্ছ উন্মোচিত করতে করতে এগিয়ে চলল জলযানকে ঘিরে। তাদের রুপালি পুচ্ছ ঝিলিক দিচ্ছে সূর্যালোকে। যেন সন্তরণশীল অগুনতি রৌপ্য ফলক উত্থিত হচ্ছে সমুদ্রের বুক থেকে। এ এক আশ্চর্য সুন্দর দৃশ্য।
দ্বিপ্রহরের পর বৌদ্ধধর্মাবলম্বী একদল নাবিক এসে দন্তকুমারকে অনুরোধ জানাল ভগবানের জীবন কথা শোনাবার জন্য। কক্ষের ঠিক সম্মুখভাগে গালিচা বিছিয়ে ভক্তদের উন্মুক্ত আকাশের নীচে তার জীবন কথা বিবৃত করতে বসলেন দন্তকুমার।
ভেসে চলেছে ময়ূরপঙ্খী। দ্বিপ্রহর অতিক্রম করে বিকাল হল এক সময়। তারপর সমুদ্রের বুকে আবির ছড়িয়ে সূর্যদেব অস্ত গেলেন। এভাবেই অতিক্রান্ত হল দিনটা। অন্ধকার নামার পর আকাশে আবার যখন চাঁদ হেসে উঠল তখন সাঙ্গ হল দন্তকুমারের কথা। মুগ্ধ শ্রোতারা তাঁর কথা শোনার পর তৃপ্তি লাভ করে কক্ষদ্বারে দাঁড়িয়ে আবেগমথিত ভাবে ধাতু পাত্রটিকে দর্শন করে, তাঁর উদ্দেশে প্রণাম জানিয়ে ফিরে গেল যে যার কাজে।
রাত নামল। দন্তকুমারের কোলে মাথা রেখে আগের রাতের মতোই নিদ্রা গেল হেমমালা। আর দন্তকুমার গবাক্ষর দিকে চেয়ে দেখতে থাকলেন আকাশের বুকে হীরক বিন্দুর মতো ছড়িয়ে থাকা অসংখ্য নক্ষত্রর নীচে ময়ূরপঙ্খীর ভেসে চলা।
কিন্তু ময়ূরপঙ্খীর যাত্রাপথে তখনও এক বিস্ময়কর ঘটনা অনুষ্ঠিত হওয়া বাকি ছিল। এবং তা ঘটল শেষ রাতে। অধিকারীর নির্দেশ মতো কিছু বিশ্বস্ত নাবিক ময়ূরপঙ্খীর নানান স্থানে আত্মগোপন করে প্রহরারত ছিল। তেমনই কয়েকজন মাঝি আত্মগোপন করেছিল জাহাজের খোলে। অন্ধকার খোল, শুধু ওপরের দিকের বৃত্তাকার ছিদ্রপথ দিয়ে সামান্য আলো প্রবেশ করছে তার ভিতর। রাত্রি তখন শেষ হয়ে আসছে, হঠাৎ তারা ক্ষীণ শব্দ শুনে দেখল কে একজন ওপর থেকে নেমে আসছে কাঠের সিঁড়ি বেয়ে।
অবগুণ্ঠনধারী এক ব্যক্তি নেমে এসে দাঁড়াল খোলের মধ্যবর্তী কাঠের পাটাতনের ওপর। তার হাতে মৎস শিকারের দীর্ঘ ফলাযুক্ত একটি লৌহ শলাকা। যে ধরনের শলাকার পিছনে রজ্জু বেঁধে জলযান থেকে তা নিক্ষেপ করা হয়, বৃহৎ আকৃতির মৎস শিকারের জন্য। কিন্তু এই অস্ত্র দিয়ে আগন্তুক খোলে নেমেছে কেন? তার ভাব ভঙ্গি দেখে খোলের অন্ধকারে আত্মগোপন করা দাঁড়ি-মাঝিদের অনুমান হল, এ এক রহস্যময় ব্যক্তি! সে কী উদ্দেশে ভোর রাতে জাহাজের খোলে নেমেছে তা প্রত্যক্ষ করার জন্য সে দিয়ে চেয়ে রইল তারা।
অবগুণ্ঠনধারী এরপর তার অস্ত্র তুলে ধরে এগোল অন্ধকার খোলের সেই প্রান্তের দিকে যে স্থানে দু-রাত্রি আগেও রাত্রি যাপন করছিল হেমমালা ও দন্তকুমার। আগন্তুক সে স্থানে পৌঁছে তার হাতের অস্ত্র নিক্ষেপ করতে গিয়েও তা নামিয়ে নিল। সে সম্ভবত বুঝতে পারল সে স্থানে আর কেউ নেই। তার কণ্ঠ থেকে একটা আক্ষেপ সূচক শব্দ নির্গত হল।
সে আবার ফিরে এসে দাঁড়াল খোলের ঠিক মধ্যবর্তী স্থানে। নাবিকদের অবাক করে দিয়ে তার তীক্ষ্ণ অস্ত্র দিয়ে আঘাত করতে শুরু করল খোলের পাটাতনের ওপর। এবার আগন্তুক কী করতে উদ্যত হয়েছে তা বুঝতে অসুবিধা হল না অধিকারীর সঙ্গীদের।
এই অবগুণ্ঠনধারী ব্যক্তি খোলের তলদেশে ছিদ্র করে ডুবিয়ে দিতে চায় ময়ূরপঙ্খীকে! কী ভয়ঙ্কর প্রচেষ্টা, অন্তর্ঘাত! আর কাল বিলম্ব না করে নাবিকরা এবার আত্মপ্রকাশ করল আড়াল থেকে। সেই অবগুণ্ঠনধারী তাদের দেখে পালাবার চেষ্টা করল ঠিকই, কিন্তু অন্যরা তাকে ফাঁস নিক্ষেপ করে রজ্জুবদ্ধ করে ফেলল। চকমকি পাথর ঘষে একটা প্রদীপ জ্বালানো হল। সেই ব্যক্তির আবরণ উন্মোচন করে তারা দেখল সে আর কেউ নয়, তাম্রলিপ্তি বন্দর থেকে আগত সিংহলী নাবিক, যার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। যারা তাকে বন্দী করল তাদের প্রশ্নের জবাবে কোনও উত্তরই দিল না সেই সিংহলী। তবে তার মুখমণ্ডলে যে তীব্র হতাশা ফুটে উঠেছে তাকে দেখে তা বুঝতে পারল সবাই। তাকে নিয়ে তারা প্রতীক্ষা করতে লাগল ভোরের আলো ফোটার জন্য।
প্রকৃতির নিয়মেই চন্দ্রদেব রাত্রি শেষে নিদ্রাগমন করলেন। সমুদ্র গর্ভ থেকে নিদ্রাভঙ্গ করে ধীরে ধীরে আবির্ভূত হলেন সূর্যদেব। তার আলো ছড়িয়ে পড়ল সমুদ্রবক্ষে, ময়ূরপঙ্খীর প্রাঙ্গণে। গত দিনের মতো সে আলোর স্পর্শে ঘুম ভেঙে উঠে বসল হেমমালা। সে দেখল শান্ত সমুদ্রের বুকে আগের দিনের মতোই বাতাসে ভর করে এগিয়ে চলছে বিশাল ময়ূরপঙ্খী নাও। গবাক্ষ দিয়ে জলযানের প্রধান মাস্তুল সহ অন্য মাস্তুলগুলি দেখা যায়।
হেমমালা হঠাৎ দেখতে পেল একটা পাখি উড়ে এসে বসল প্রধান মাস্তুলের মাথায়! হেমমালা পক্ষীটির প্রতি স্বামীর দৃষ্টি আকর্ষণ করাবার পর তা দেখে দন্তকুমার বললেন, ‘আমরা যে দ্বীপের কাছে পৌঁছে গেছি ওই পাখিই তার প্রমাণ। অধিকারীর বক্তব্য অনুসারে আজকের দিন আর রাত অতিক্রম করলেই আমরা পৌঁছে যাব গন্তব্যে।’ পাখিটা দেখে আর দন্তকুমারের কথা শুনে হেমমালা বলল, ‘আজ আমরা তবে দেবতার স্তবস্তুতি করেই সূর্যাস্ত পর্যন্ত সময় অতিবাহিত করব।’
স্বামী-স্ত্রী সে কাজেই নিয়োজিত ছিলেন। কিন্তু একটু বেলার দিকে বাইরে থেকে ভেসে আসা নাবিকদের কোলাহল, উত্তেজিত কথাবার্তার শব্দে দেব বন্দনায় ছেদ পড়ল তাঁদের। দন্তকুমার দ্বার উন্মোচন করে কোলাহলের কারণ সম্পর্কে একজন মাঝিকে জিগ্যেস করতেই সে তাঁকে জানাল একজন সিংহলী নাবিককে বন্দী করা হয়েছিল। সম্ভবত সেই লোকটাই পালের দড়ি কেটে দিয়ে ময়ূরপঙ্খীকে বিপথে চালিত করেছিল। খোল থেকে তাকে এখন ওপরে তুলে আনা হয়েছে। এবার তার বিচার হবে। সে কারণে নাবিকরা সমবেত হয়ে উত্তেজিতভাবে বাক্যালাপ করছে।
কে ওই সিংহলী নাবিক, যে ভগবানের শেষ চিহ্নবাহী অর্ণবপোতের গতি বারংবার রুদ্ধ করতে চাইছিল? ডুবিয়ে দিতে চাইছিল ময়ূরপঙ্খীকে? কৌতূহলবশত তাকে দেখার জন্য, তার কৃতকর্মের কারণ জানার জন্য দন্তকুমার ও হেমমালা কক্ষ ত্যাগ করে গিয়ে উপস্থিত হল জলযানের উন্মুক্ত প্রাঙ্গণে। সেখানে রজ্জুবদ্ধ অবস্থায় এনে দাঁড় করানো হয়েছে সেই পাপীষ্ঠকে। ক্রুদ্ধ দাঁড়ি-মাঝি-নাবিকরা তাকে ঘিরে রেখেছে যাতে সে পলায়ন করতে না পারে। তাদের কারো কারো হাতে অস্ত্রও আছে।
অধিকারী সদাশিবও উপস্থিত ছিলেন সে স্থানে। তিনি বারংবার বন্দীকে প্রশ্ন করেছিলেন কেন সে এমন ভয়ঙ্কর কার্যে নিয়োজিত হয়েছিল। কিন্তু তার কথার কোনও জবাব দিচ্ছিল না বন্দী! দন্তকুমার, হেমমালাকে নিয়ে সে স্থানে উপস্থিত হয়ে ভালো করে বন্দীকে অবলোকন করে বিস্ময়ে চমকে উঠলেন। এ বন্দীর চেহারার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানা আছে দন্তকুমারের। বন্দীর ছিন্ন পোশাকের ভিতর থেকে উঁকি দিচ্ছে তার কোমর বন্ধনীতে আবদ্ধ একটা ঝাঁটা। বন্দীর ত্বকের রঙ সিংহলীদের ন্যায় কৃষ্ণবর্ণের বলে তাকে সিংহলী বলে ভ্রম হলেও দন্তকুমারের তাকে চিনতে অসুবিধা হল না। দন্তকুমার, আধিকারী ও সমবেত নাবিকদের উদ্দেশে বললেন, ‘এ ব্যক্তি সিংহলী নয়, ইনি হলেন সেই জৈন সন্ন্যাসী শম্বুকনাত! যাঁর কথা আমি অবগত করেছি আপনাদের, ভগবানের শেষ চিহ্নকে ধ্বংস করার অভিলাষেই এ তরীকে ডুবিয়ে দিতে চাইছিলেন ইনি।’
তাঁর কথা শুনে সমবেত নাবিকরা চিৎকার করে উঠল, ‘হত্যা করো, হত্যা করো এই পাপিষ্ঠকে, সমুদ্রের জলে ছুড়ে ফেলে দাও ওকে।’
হ্যাঁ, এই সেই শম্বুকনাত, জম্বুদ্বীপ অধিপতির সভা থেকে শুরু করে ভগবানের শেষ চিহ্নকে ধ্বংস করার জন্য একের পর এক চক্রান্তের জাল বুনে চলেছে সে। কিন্তু দেবতার আশীর্বাদ তাঁর সেবকদের সঙ্গে থাকায় শম্বুকনাতের প্রতিটি চক্রান্ত ব্যর্থ হয়েছে ঠিকই কিন্তু পরবর্তীতে আবার সে নতুন করে চক্রান্তের জাল বুনেছে তাঁর ধূর্ত বুদ্ধির সাহায্যে। তাঁর আক্রোশের জন্যই অসংখ্য নিরপরাধ মানুষের প্রাণ গেছে, ধ্বংস হয়েছে দন্তপুর, তবু তাঁর ধাতুর প্রতি আক্রোশ মেটেনি। গোপনে দন্তধাতুবাহী হেমমালা ও দন্তকুমারকে অনুধাবন করে এই হিংসাপরায়ণ সন্ন্যাসী শেষ চেষ্টা করেছেন ভগবানের শেষ চিহ্নকে ধ্বংস করার। তিনি তাকিয়ে আছেন দন্তকুমার ও হেমমালার দিকে। তাঁর চোখ দিয়ে হতাশা ঝরে পড়েছে শেষ প্রচেষ্টা ব্যর্থ হওয়ায়।
শম্বুকনাতই পালের দড়ি কেটে দিয়েছিলেন, কিন্তু তারপর যখন ভগবানের আশীর্বাদে তাঁর পরিকল্পনা ব্যর্থ হল, তখন তিনি অপরাধী মন নিয়ে আত্মগোপন করেছিলেন কাষ্ঠনির্মিত এক জলপাত্রের মধ্যে। তাঁর আশঙ্কা ছিল কেউ হয়তো বা তাঁর সেই দুষ্কর্ম দেখে ফেলতে পারে, এবং তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে পারে। সেই পাত্রে আত্মগোপন করার কারণে তাঁর জানা ছিল না যে ভগবানের পবিত্র চিহ্ন নিয়ে দন্তকুমার ও হেমমালা জলযানের খোল ত্যাগ করে অন্যত্র রাত্রিবাস করছেন। এই অজ্ঞানতা হেতু তিনি খোলে নেমে তাঁদের হত্যা করে পবিত্র ধাতুটিকে সমুদ্রগর্ভে নিক্ষেপ করবেন বলে মনস্থির করেছিলেন। কিন্তু যখন তিনি দেখলেন যে সে স্থানে তারা নে্ই তখন এই অর্ণবপোতকে সমুদ্র গর্ভে ডুবিয়ে দিয়ে তাঁর পরিকল্পনা রূপায়িত করার চেষ্টা করছিলেন। হয়তো তাতে তাঁর নিজেরও মৃত্যু ঘটত, এ পরিকল্পনা অনেকটা আত্মঘাতীও ছিল, কিন্তু মানুষের মনে যখন অন্যের অনিষ্ট করার চিন্তা, অপরিসীম হিংসা জাগ্রত হয়, তখন সে নিজের ভালোমন্দও বিচার করে না, প্রতিহিংসা চরিতার্থ করাই তাঁর একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। এমনই ঘটেছে শম্বুকনাতের ক্ষেত্রেও।
মাঝি-মাল্লারা চিৎকার করে চলেছে—‘এই নরাধমকে হত্যা করো, হত্যা করো’ বলে। কেউ বা অস্ত্র উঁচিয়ে ধরেছে অধিকারীর নির্দেশের অপেক্ষায়। অধিকারী সদাশিব দন্তকুমারকে বললেন, ‘বুদ্ধ ভক্ত, ভগবানের শেষ চিহ্নবাহী রাজকুমার, আপনিই বলুন এই পাপিষ্ঠকে কী দণ্ড দেওয়া যায়? আমার মনে হয় মৃত্যুদণ্ডই ওর একমাত্র প্রাপ্য।’
সমবেত নাবিকরা এবার কোলাহল থামিয়ে চেয়ে রইল দন্তকুমারের দিকে। তাদের মনে হল দন্তকুমার নিশ্চিত এই নরাধমের মৃত্যুদণ্ড ঘোষণা করবেন। তারপরই তারা এই পাপিষ্ঠকে ছুড়ে ফেলে দেবে সমুদ্রের জলে। সিংহল সমুদ্রকে আপাতদৃষ্টিতে শান্ত মনে হলেও হাঙর ইত্যাদি হিংস্র মাছের অভাব নেই তাতে। তারাই এই হন্তারকের অন্তিম সংস্কার করবে।
শম্বুকনাতের মুখমণ্ডলেও যেন একই ভাবনা ফুটে উঠল, তিনি হতাশ ভাবে চেয়ে রইলেন দন্তকুমারের দিকে। বেশ কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এল চারপাশে। বুদ্ধ শিষ্য দন্তকুমার একবার হেমমালার দিকে চাইলেন। হেমমালার চোখের ভাষা দেখে তিনি বুঝতে পারলেন স্বামীর সিদ্ধান্তই তাঁর সিদ্ধান্ত। হাসি ফুটে উঠল তাঁর ঠোঁটের কোণে। রজ্জুবদ্ধ, মৃত্যুর প্রতীক্ষা করা শম্বুকনাতের উদ্দেশে তিনি বললেন, ‘এ কথা সত্যি যে আপনি একজন পাপী, হত্যাকারী, কিন্তু ভগবান বুদ্ধ প্রেমময়, করুণাময়। আপনি তাঁকে স্মরণ করলে তাঁর আশ্রয় প্রার্থনা করলে তিনি নিশ্চয়ই আপনার সব পাপ ক্ষমা করে দেবেন।’
বুদ্ধভক্ত দন্তকুমারের কথা শুনে অবাক হয়ে গেল সবাই। অধিকারী প্রবল বিস্ময়ে দন্তকুমারকে বললেন, ‘এ আপনি কী বলছেন রাজকুমার! যার জন্য বহু মানুষের প্রাণ নাশ হয়েছে, সে আমাদের সবাইকে হত্যা করতে উদ্যত হয়েছিল। সর্বোপরি ভগবানের শেষ চিহ্নকে নিশ্চিহ্ন করে দিতে বারংবার চেষ্টা করেছে তাকে ক্ষমা করবেন ভগবান!’
বুদ্ধ শিষ্য হেসে বললেন, ‘হ্যাঁ, তিনি ওঁকে ক্ষমা করবেন। ক্ষমা আর করুণা প্রদর্শনই যে তথাগতর শ্রেষ্ঠ শিক্ষা। ভগবান, “মার”-এর ওপর বিজয় লাভের কথা বলেছেন, অর্থাৎ অশুভ শক্তির ওপর বিজয় লাভের কথা বলেছেন। “মার” আসলে লোভ-ক্রোধ-কাম-হিংসা। যা মানুষের মনে অবস্থান করে শরীরে নয়, আপনারা একে হত্যা করতে পারেন ঠিকই, তাতে ওর শরীরের ওপর বিজয় লাভ করা যাবে, মনের ওপর নয়।’
এ কথা বলার পর দন্তকুমার আবারও শম্বুকনাতের উদ্দেশে বললেন, ‘আমি আপনাকে অনুরোধ করছি “ত্রিশরণ” উচ্চারণ করে তথাগতর কাছে নিজেকে সমর্পণ করতে, তিনি নিশ্চয়ই আপনাকে ক্ষমা করবেন। আর আমিও আপনার হয়ে ক্ষমা প্রার্থনা করছি পরম করুণাময়ের কাছে।’
দন্তকুমারের শেষ কথাগুলো শুনে প্রবল বিস্ময় ফুটে উঠল শম্বুকনাতের মুখমণ্ডলে। যাঁকে তিনি হত্যা করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন সেই ব্যক্তি কিনা শম্বুকনাতের পাপকার্যের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তথাগতর কাছে!
জৈন সন্ন্যাসী বলে উঠলেন, ‘এও কি কখনও সম্ভব?’
দন্তকুমার বললেন, ‘হ্যাঁ, সম্ভব। আসুন আপনি আমার সঙ্গে সঙ্গে ত্রিশরণ বন্দনা করুন—।’
এ কথা বলে বুদ্ধভক্ত দন্তকুমার নিজের হাত দুটো বুকের কাছে জোড় করে বলতে শুরু করলেন, ‘বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি।’
শম্বুকনাত প্রথমবার এই মন্ত্র উচ্চারণ করতেই রজ্জুবন্ধন খসে পড়ল তাঁর শরীর থেকে। এ ঘটনায় কঠোর মনের সন্ন্যাসী শম্বুকনাতের সারা শরীর উত্তেজনায় কেঁপে উঠল। তবে কি সত্যি বলছে বুদ্ধ শিষ্য দন্তকুমার? তথাগত ক্ষমা করবেন তাকে?
দন্তকুমার এরপর দ্বিতীয়বার ধীরে ধীরে ‘ত্রিশরণ’ মন্ত্র উচ্চারণ করলেন। ঘটনাটা কী ঘটে দেখার জন্য শম্বুকনাত সচেতন ভাবেই দ্বিতীয়বার তাঁর সঙ্গে সঙ্গে মন্ত্রোচ্চারণ করলেন।
দীর্ঘদিন ধরে যুদ্ধক্ষেত্র, পথে পথে ঘুরে বেড়ানোর ফলে শম্বুকনাতের শরীরে যে পুঁতিগন্ধের জন্ম হয়েছিল, সর্বদা অন্যের অনিষ্ট কামনায় তাঁর মনে যে ক্লেদ জন্মেছিল, দ্বিতীয়বার মন্ত্রচ্চারণ করায় শম্বুকনাতের মনে হল তার শরীর-মন থেকে সব ক্লেদ যেন নিমেষে মুছে গেল। তাঁর মনে হল পালকের মতো হালকা হয়ে গেছে তাঁর শরীর। পুঁতিগন্ধের পরিবর্তে চন্দনের ঘ্রাণ নির্গত হচ্ছে তাঁর শরীর থেকে। ব্যাপারটা নিছক তাঁর মনের ব্যাপার নয়, সেই চন্দনের ঘ্রাণ টের পেল সেখানে তাঁকে ঘিরে দাঁড়িয়ে থাকা অন্য নাবিকরাও। বিস্ময় ফুটে উঠল তাদের মুখমণ্ডলেও। হাতের অস্ত্র মাটিতে নামিয়ে রাখল তারা।
শম্বুকনাত বুঝতে পারলেন সত্যিই পরম করুণাময় তাঁর সব পাপকার্য ক্ষমা করতে চলেছেন। চোখ দিয়ে অশ্রু নির্গত হতে শুরু করল তাঁর। শম্বুকনাত নতজানু হয়ে ধীরে ধীরে বসে পড়লেন। তারপর হাত দুটো বুকের কাছে জড়ো করে তৃতীয়বারের জন্য আবেগ মথিত ভাবে দন্তকুমারের সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ‘বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সঙ্ঘং শরণং গচ্ছামি!’
তাঁর এই তৃতীয়বার মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গেই সবাইকে সচকিত করে পর পর তিনবার মঙ্গল শঙ্খনাদের মতো শব্দ উত্থিত হল কক্ষে রক্ষিত ভগবানের শেষ চিহ্নের আধার থেকে। শম্বুকনাত ধীরে ধীরে শুয়ে পড়লেন। আর এরপরই এক উজ্জ্বল আলো তার শরীর থেকে নিক্ষিপ্ত হয়ে ঊর্ধ্বে উঠে মিলিয়ে গেল আকাশের বুকে। ‘মার’-এর ওপর জয়লাভ সম্পন্ন হল।
পরম করুণাময়ের আশীর্বাদে শম্বুকনাতের আত্মা কলুষমুক্ত হয়ে পাড়ি দিল অনন্তলোকের পথে। পড়ে রইল শুধু শম্বুকনাতের শরীরটা। ময়ূরপঙ্খীর যাত্রীরা সকলে বিহ্বল হয়ে গেল ভগবানের করুণা দেখে। প্রকৃত বুদ্ধভক্তর মতোই তার কর্তব্য সম্পাদন করলেন দন্তকুমার। তার অনুরোধে নাবিকরা এরপর পরম যত্ন সহকারে শম্বুকনাতের দেহটাকে এক ক্ষুদ্রাকৃতি নৌকায় তুলে ভাসিয়ে দিল নীল সমুদ্রের জলে। এ কাজ সম্পন্ন হবার পর দন্তকুমার আর হেমমালা আবার কক্ষে ফিরে এসে বুদ্ধ বন্দনায় মগ্ন হলেন। ভেসে চলল ময়ূরপঙ্খী।
সময় এগিয়ে চলল তার সঙ্গে সঙ্গে। দিন কেটে গিয়ে এক সময় সূর্যাস্ত হল। সারাদিন আর কক্ষ ত্যাগ করলেন না দন্তকুমার আর হেমমালা। ভগবানের শেষ চিহ্নের সামনে বসে জীবজগতের মঙ্গলকামনায় প্রার্থনা করে চললেন। অন্ধকার নামার পর চাঁদও উঠল একসময়। তারায় ভরে উঠল আকাশ। সমুদ্রের বুকে ঝিকিমিকি করতে লাগল তাদের আলো। এদিন রাতে আর নিদ্রা গেলেন না হেমমালা। পথ যে প্রায় শেষ হয়ে এল।
শেষ রাতে হেমমালা আর দন্তকুমার গবাক্ষ দিয়ে দেখতে পেল ময়ূরপঙ্খী যেদিকে ভেসে চলেছে সেদিকে ঠিক তার অগ্রভাগে এক উজ্জ্বল আলো ভেসে উঠল সমুদ্রবক্ষ থেকে। তারপর সেই আলোকবৃত্তের মধ্য থেকে আবির্ভূত হল এক শুভ্র কঙ্কাল আর মানব মূর্তি। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তাঁকে। সমুদ্রের বুকের ওপর দিয়ে ময়ূরপঙ্খীর আগে আগে চলতে শুরু করল সেই শুভ্র মানবমূর্তি। তাঁর পরিচয় বুঝতে পারল হেমমালা ও বুদ্ধভক্ত দন্তকুমার। চাঁদের আলোতে শান্ত সমুদ্রের বুকে হেঁটে চলা ওই ব্যক্তি কুকুসন্ধ, বুদ্ধশিষ্য ক্ষেম। সিংহল দ্বীপ নিকটে এসে পড়েছে, তাই তিনি ভগবানের শেষ চিহ্নকে সে স্থানে আমন্ত্রণ করে নিয়ে চলেছেন। করজোড়ে তারা দুজন অবলোকন করতে লাগল সেই দৃশ্য। হেমমালা আর দন্তকুমারের অনুমানই সত্য প্রমাণিত হল। চাঁদ মুছে গেল এরপর। আর তার সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলেন কুকুসন্ধও। এরপর শুকতারা ফুটে উঠল আকাশে।
ধীরে ধীরে ভোরের আলো ছড়িয়ে পড়তে লাগল চারপাশে। দন্তকুমার আর হেমমালার চোখে ভেসে উঠতে লাগল সবুজ পাহাড়, নারকেল বনানী আর সুবর্ণ বালিসমৃদ্ধ এক সমুদ্রতট। ক্রমশ কাছে এগিয়ে আসতে লাগল দ্বীপভূমি। তাদের শব্দ যেন স্বাগত জানাচ্ছে মহাজ্ঞানীর শেষ চিহ্নবাহী অর্ণবপোতকে। অবশেষে রৌদ্রকরোজ্জ্বল সেই সুপ্রভাতে সিংহল দ্বীপের তটরেখা স্পর্শ করল সেই ময়ূরপঙ্খী।
বৈশালী নগরীর রাজার কানন থেকে ভগবান বুদ্ধের শেষ চিহ্নের যে যাত্রা শুরু হয়েছিল তা নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে শত সহস্র বছরের পথ পরিক্রমণ সাঙ্গ করে অবশেষে এসে উপস্থিত হল এক নতুন দেশ সিংহল দ্বীপে। ময়ূরপঙ্খী যখন দ্বীপভূমি স্পর্শ করল তখন পরম বুদ্ধভক্ত দন্তকুমার ও রাজনন্দিনী হেমমালা করজোড়ে করুণাময়ের শেষ চিহ্নের উদ্দেশে বলে উঠল—
‘বুদ্ধং শরণং গচ্ছামি
ধম্মং শরণং গচ্ছামি
সঙ্ঘং শরণং গচ্ছামি।’
তথাগতর ত্রিশরণ মন্ত্র ছড়িয়ে পড়ল সুদূর সিংহল দ্বীপের আকাশে।
সমাপ্তি কথা—বুদ্ধশিষ্য দন্তকুমার ভগবানের শেষ চিহ্ন নিয়ে সিংহল দ্বীপে অবতরণ করে জানতে পারেন যে এই সময়কালের মধ্যে পূর্বতন সিংহল নৃপতি মহাদিসেনের মৃত্যু ঘটেছে। এই সংবাদ মর্মাহত করল তাঁদেরকে। কিন্তু তাঁরা দুঃখিত হলেও এ কথা শুনে আশ্বস্ত বোধ করলেন যে দ্বীপবাসীর নতুন নৃপতি হিসাবে সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন মহাদিসেনের পুত্র কিত্তিরসিরিমেঘ, এবং তিনিও বুদ্ধভক্ত।
সিংহলবন্দর থেকে ভগবানের শেষ চিহ্নকে প্রথমে শোভাযাত্রা সহকারে তাঁরা নিয়ে গিয়ে স্থাপন করেন এক স্বর্ণমন্দিরে।
অজস্র ভক্তবৃন্দ ভগবানের শেষ চিহ্নকে দর্শন করার জন্য সেই মন্দিরে উপস্থিত হতে লাগল। দ্বীপভূমির সর্বত্র ছড়িয়ে পড়ল ভগবানের দন্তধাতুর আগমণ বার্তা। এই শুভ সংবাদ পৌঁছল মহারাজ কিত্তিরসিরিমেঘের কাছেও। তিনি উদ্বেল হয়ে উঠলেন ভগবানের শেষ চিহ্নকে দর্শন করার জন্য।
সিংহলদ্বীপ স্থিত মেঘগিরি মহাবিহারের ভিক্ষুকদের সঙ্গে পরিচয় ছিল মহারাজের। তিনি তাঁর ইচ্ছার কথা ভিক্ষুদের জানালেন। ভিক্ষুদের আমন্ত্রণে সুবর্ণ মন্দির মেঘগিরি মহাবিহারে ভগবানের পবিত্র চিহ্নটিকে স্থানান্তরিত করলেন সেই দম্পতি। সিংহলরাজ কিত্তিরসিরিমেঘ এসে উপস্থিত হলেন মেঘগিরি মহাবিহারে। তিনি উপযুক্ত ভাবে নিজেকে শুদ্ধ করলেন দেবতার শেষ চিহ্নকে গ্রহণের জন্য। তাঁর কাছেই তথাগতর শেষ চিহ্নকে সমর্পণ করলেন পরম বুদ্ধ সেবক রাজপুত্র দন্তকুমার ও কলিঙ্গ রাজকন্যা হেমমালা। কর্তব্য সম্পাদন করলেন তাঁরা। তার পর অতিক্রান্ত হয়েছে আরও সহস্র বছর। বর্তমানে ভগবান বুদ্ধর সেই শেষ চিহ্ন, তাঁর দন্তধাতু পরম শ্রদ্ধার সঙ্গে রক্ষিত আছে বর্তমান শ্রীলঙ্কার পবিত্র ক্যান্ডি বুদ্ধ মন্দিরে। সারা পৃথিবী থেকে অগণিত মানুষ দর্শন করতে যান ক্যান্ডির বুদ্ধ মন্দির।
সমাপ্ত
