৪
আকস্মিক এক অদ্ভুত পরিবর্তন এসেছে কলিঙ্গরাজের জীবনে। সেদিনের পর থেকে আর নাচমহলে পা রাখেননি তিনি। আমোদ-প্রমোদ থেকে যথাসম্ভব নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেন। রাজকার্যেও নিজেকে নিয়োজিত করেছেন কলিঙ্গপতি। প্রজাদের অভাব-অভিযোগের কথা শোনেন, সাধ্যমতো তা প্রতিকারেরও ব্যবস্থা করেন। রাজকার্য থেকে ফিরে প্রতি সায়াহ্নে তিনি আগের মতোই স্নান সারেন, নতুন পট্টবস্ত্র পরিধান করেন। তবে তারপর তিনি নাচ ঘরে যান না। প্রাসাদ ত্যাগ করে তিনি চলে যান দন্তমন্দিরে। সারারাত তিনি নতজানু হয়ে বসে থাকেন সেই পবিত্র আধারের সামনে। কখনও বা গদ্যে উপদেশ বা ‘সুক্ত’ বা গদ্যে-পদ্যে মিলিত উপদেশ—‘গেয্য’ শোনেন ভিক্ষুদের কাছ থেকে। তারপর রাত শেষে আকাশে যখন শুকতারা ফুটে ওঠে তখন এক অদ্ভুত মানসিক প্রশান্তি নিয়ে ফিরে আসেন প্রাসাদে। ষষ্ঠ মাস অতিক্রান্ত হতে চলেছে এ ভাবে।
সেদিন দ্বিপ্রহরে কলিঙ্গরাজ বসে ছিলেন রাজসভায়। সারাদিন তিনি সভা পরিচালনা করেছেন। কাজ প্রায় শেষ। গুহসীবের ইচ্ছা এবার সভা ভঙ্গ করার। এদিন তিনি সায়াহ্নের প্রাক্কালেই দন্তমন্দিরে যাবেন বলে স্থির করেছেন। কারণ সেখানে এক প্রাচীন ভিক্ষুর কাছ থেকে মহারাজের ‘অব্ভূতধম্ম’ অর্থাৎ বুদ্ধের অলৌকিক ক্রিয়াকলাপের কাহিনি শোনার কথা। সে জন্য মনের ভিতর এক অদ্ভুত আগ্রহ অনুভব করছেন কলিঙ্গরাজ। ব্যাকুল হয়ে আছেন তিনি সে সব ঘটনা শ্রবণ করার জন্য।
মহারাজ গুহসীব বৃদ্ধাঙ্গুল ভূমির দিকে প্রদর্শন করে সভা ভঙ্গের ইঙ্গিত করতে যাচ্ছিলেন ঠিক এমন সময় সেখানে উপস্থিত হল একদল বৌদ্ধ ভিক্ষু। শহরের উপকণ্ঠে এক ছোট মঠে থাকেন তারা। তাদের সঙ্গে এক ছোট্ট বালিকা। বালিকাকে নির্দেশ করে ভিক্ষুরা বললেন, এই বালিকার পিতা নাকি তিন দিন পূর্বে ভদ্রক নামের এক শ্রেষ্ঠীর বাগিচা থেকে দেবতার পূজার জন্য শ্রেষ্ঠীর অনুমতি বিনা ফুল চয়ন করে ধরা পড়ে। বাগিচা আবৃত ছিল না। তাই পথপার্শ্বে সেই বাগিচা যে ব্যক্তিগত সম্পত্তি তা নাকি বুঝতে পারেনি সেই কন্যার পিতা। যাই হোক, বিনা অনুমতিতে পুষ্পচয়নের অপরাধ হিসাবে চয়নকারীর দুই পক্ষকাল বাগিচা মালিক শ্রেষ্ঠীর কাছে আটক ও তাকে দিয়ে বাগিচায় কূপ খননের শাস্তি বিধান করা হয়েছে। পিতা ভিন্ন মাতৃহারা এই বালিকার অন্য কেউ নেই। বালিকা এখন মঠের আশ্রয়ে আছে। ভিক্ষুরা ধর্মাবতারের কাছে এই আবেদন নিয়ে এসেছেন যে, যদি তিনি সে লোকের দণ্ড মকুব করেন তবে পিতা-পুত্রী মিলিত হতে পারে। পিতার অভাবে নাকি আহার-নিদ্রা ত্যাগ করেছে এই এতটুকু বালিকা।
ভিক্ষুদের কথা শুনে ঈষৎ বিস্মিতভাবে গুহসীব বললেন, ‘অনুমতি বিনা অন্যের বাগিচা থেকে ফুল চয়ন অপরাধ ঠিকই, কিন্তু তাকে দণ্ড কে দিল? আমি তো কাউকে এমন দণ্ডাদেশ দিইনি!’
এক ভিক্ষু এবার জবাব দিলেন, ‘দণ্ডাদেশ দিয়েছেন সেখানকার স্থানীয় এক নিগ্রন্ট। সেই দণ্ডাদেশই কার্যকর হয়েছে।’
‘নিগ্রন্ট?’ রাজা গুহসীব তাকালেন মহামন্ত্রীর দিকে।
একটু চুপ করে থেকে মহামন্ত্রী ভার্গব বললেন, ‘নিগ্রন্টরা এ রাজ্যে দণ্ডাদেশ দেন এবং তা কার্যকরও হয়। আমিও তাতে হস্তক্ষেপ করতে পারি না।’
‘কেন? হস্তক্ষেপ করতে পারেন না কেন? আমি কি এদের বিচারকার্যের ভার দিয়েছিলাম কোনও সময়?’ প্রশ্ন করলেন কলিঙ্গপতি।
ভার্গব ইতস্তত করে বললেন, ‘তা দেননি ঠিকই। কিন্তু আপনি নিগ্রন্ট ধর্ম অনুসারী। তাই নিগ্রন্টদের ধর্মই এ রাজ্যে রাষ্ট্রধর্ম। সে জন্য তারা বিচারকের আসনে অবতীর্ণ হন অনেক সময়। প্রয়োজনবোধে রাজকার্যেও হস্তক্ষেপ করেন। একমাত্র নিগ্রন্টপতি শম্বুকনাতের নির্দেশ মেন চলে তারা। শম্বুকনাতের শিষ্য আপনি। পাছে আপনি কুপিত হন নিগ্রন্টদের সম্বন্ধে অভিযোগ করলে সে কারণে সবাই এ ব্যবস্থা মেনে নিয়েছে।’
কয়েকমুহূর্ত স্তব্ধ হয়ে গেলেন কলিঙ্গরাজ। তিনি বললেন, ‘মহামন্ত্রী! আপনি শ্রেষ্ঠীর কাছে লোক পাঠিয়ে ওই লোকটিকে মুক্তির নির্দেশ দিন। এরপর থেকে খেয়াল রাখবেন যে কলিঙ্গরাজ্যের একমাত্র বিচারক আমি। আর আমার অনুপস্থিতিতে এ কার্য সম্পাদন করবেন আপনি ও মহাসৈন্যাধক্ষ। অন্য কেউ নয়।’—এই নির্দেশ দিয়ে সভাকক্ষ ত্যাগ করলেন কলিঙ্গরাজ।
সভা থেকে ফিরে আহার সাঙ্গ করে একটু বিশ্রাম নিলেন ক্ষেত্রপতি। তারপর স্নান সেরে প্রস্তুত হলেন বহির্গমনের জন্য। ঠিক এই সময় দ্বারী এসে জানাল, ‘নিগ্রন্টপতি শম্বুকনাত মহারাজের সাক্ষাৎপ্রার্থী।’
অন্য কেউ হলে তাকে এ সময়ে ফিরিয়ে দিতেন ধীরাজ। কিন্তু নিগ্রন্টপতিকে তো আর ফেরানো যাবে না। কাজেই তিনি দ্বারীকে বললেন, ‘তাঁকে এখানে আসতে বল।’
কিছুক্ষণের মধ্যেই নিগ্রন্টপতি শম্বুকনাত প্রবেশ করলেন কক্ষে। দীর্ঘকায় মুণ্ডিত মস্তক, ঘোর কৃষ্ণবর্ণের শালপ্রথাংশু দেহ। নিগ্রন্টদের মতোই তাঁর হাতে ধরা আছে, একটা ছোট ঝাঁটা। শম্বুকনাতের মুখমণ্ডলে প্রশান্তির থেকে অনেক বেশি জেগে থাকে এক দৃঢ় কর্তৃত্বব্যঞ্জক ভাব।
কলিঙ্গপতি তাঁকে সম্মান প্রদর্শন করার পর শম্বুকনাত বললেন, ‘না, ধর্মানুষ্ঠান নয়, এক জরুরি বিষয় বাক্যালাপ করতে এসেছি।’
‘কী বিষয়ে?’ জানতে চাইলেন কলিঙ্গরাজ।
শম্বুকনাত বললেন, ‘শুনলাম আজ আপনি নিগ্রন্টদের বিচার করার ক্ষমতা কেড়ে নিয়েছেন। দীর্ঘদিন ধরে এ ক্ষমতা ভোগ করে আসছে জৈনরা। রাজ্যের মঙ্গল কামনাতেই তারা এই দায়িত্ব পালন করে থাকে। আপনার নির্দেশ ইতিমধ্যেই রাষ্ট্র হয়েছে নগরীতে। তাতে অপমানিত বোধ করছে নিগ্রন্টরা। তারা আমার কাছে অভিযোগ জানাতে এসেছিল। যেহেতু আপনি নিগ্রন্টধর্ম গ্রহণ করেছেন, তাই বিচার করা তাদের অধিকারের মধ্যে পড়ে।’
কথাটা শুনে কলিঙ্গধীপ বিনীতভাবে বললেন, ‘নিগ্রন্টদের অপমান করার অভিপ্রায়ে আমি এই নির্দেশ দিইনি। রাজসভার বাইরে সমান্তরাল শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা চলতে থাকলে রাজসভার সঙ্গে সংঘাতের বাতাবরণ সৃষ্টি হতে পারে। তাছাড়া বিচার সঠিক হচ্ছে না। লঘুপাপে অনেক সময় গুরুদণ্ড দেওয়া হচ্ছে। কাজেই পুরো বিচার প্রক্রিয়াটাই আমি নিজের হাতে তুলে নিচ্ছি যেমন অন্য রাজারা করে থাকেন।’
জৈন গুরু বললেন, ‘আপনি শাসনকার্য পরিচালনা করুন, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু মহাবীর অনুসারী স্বধর্মের লোকদের আপনি বিচারকের মর্যাদা ফিরিয়ে দিন। সেটাই আপনার ধর্ম কর্তব্য হবে। নিগ্রন্টরা তাঁদের ধর্ম প্রতিপালন করছেন।’
কলিঙ্গরাজ কথাটা শুনে বললেন, ‘আমি জানি ধার্মিক নিগ্রন্ট সম্প্রদায়ের কাজ তীর্থঙ্করদের আদর্শ প্রচার করা। কিন্তু বিচারকের আসনে বসার সঙ্গে ধর্মের কী সম্পর্ক! ধর্মাধিকরণ তো স্বয়ং নৃপতি হন।’
নিগ্রন্টপতি তাঁর কথা শুনে এবার বললেন, ‘না, কলিঙ্গরাজ। আপনার আদেশ আপনাকে ফিরিয়ে নিতে হবে। দীর্ঘদিন ধরে চলে আসা অধিকার থেকে স্বধর্মাবলম্বীদের বঞ্চিত করতে পারেন না আপনি। আদেশ ফিরিয়ে নিন।’—এ কথাগুলো যেন অনেকটা কর্তৃত্বব্যঞ্জক কণ্ঠস্বরেই বলেন নিগ্রন্টশ্রেষ্ঠ।
কলিঙ্গরাজের সঙ্গে এভাবে কথা বলার সাহস ইতিপূর্বে কেউ দেখায়নি। হিতার্থে কেউ পরামর্শ দিতে পারে রাজনকে। কিন্তু তা নির্দেশাত্মক ভঙ্গীতে নয়।
তবুও কথাগুলো তেমন গায়ে মাখলেন না গুহসীব। তিনি বাতায়নের বাইরে তাকালেন। সূর্যদেব পাটে যেতে বসেছেন। বেলা দ্রুত পড়ে আসছে। দন্তমন্দিরে যেতে হবে কলিঙ্গরাজকে। নিগ্রন্টরাজের সঙ্গে বাক্যালাপে রাজপ্রাসাদ ত্যাগে বিলম্ব হচ্ছে তাঁর।
কাজেই নিগ্রন্টপতির সঙ্গে আর বিতর্কে না যেতে চেয়ে কলিঙ্গরাজ জৈন সন্ন্যাসীর উদ্দেশে বললেন, ‘ঠিক আছে। আপনার প্রস্তাব আমি বিবেচনা করব। আমাকে আপনি সময় দিন। তিন দিন পর আপনি আমাকে দর্শন দিলে আমি আপনাকে সিদ্ধান্ত জানিয়ে দেব। আমাকে মার্জনা করবেন। বেলা পড়ে আসছে। আমাকে প্রাসাদ ত্যাগ করে দন্তমন্দিরে যেতে হবে।’
কলিঙ্গরাজের শেষ কথাটা শ্রবণ করেই যেন কঠিন হয়ে উঠল নিগ্রন্টপতি শম্বুকনাতের মুখ। তিনি কলিঙ্গরাজের উদ্দেশে বলে উঠলেন, ‘না, আপনি কোথাও যাবেন না।’
কলিঙ্গপতি মৃদু বিস্মিত ভাবে জানতে চাইলেন, ‘তার মানে?’
নিগ্রন্টপতি বললেন, ‘তার মানে হল আপনি ওই দন্তমন্দিরে যাবেন না। আপনি জৈনধর্ম গ্রহণ করেছেন। জৈনধর্ম মতে মৃতের দেহাবশেষ সংরক্ষণ করা বা তার উপাসনা করা অনাচার। শুধু জৈন নয়, সনাতনধর্ম মতেও শবাস্থি সংরক্ষণ করা শাস্ত্রবিরোধী। এ কাজে আমি আপনাকে নিয়োজিত হতে দিতে পারি না।’
এ কথা শ্রবণ করে এই প্রথম মৃদু অসন্তোষের ভাব ফুটে উঠল কলিঙ্গরাজের মুখমন্ডলে। তবুও তিনি নিজেকে সংযত করে বললেন, ‘আমার পূর্বপুরুষরা ওই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। বংশানুক্রমে ওই দন্তধাতুর পূজা করেছেন। আমি তাদের পদাঙ্ক অনুসরণ করছি মাত্র। তাছাড়া এই দন্তধাতুর অলৌকিকত্ত্ব আমি নিত্যদিন প্রত্যক্ষ করি।’
কলিঙ্গরাজের বক্তব্য শুনে শম্বুকনাত বললেন, ‘কলিঙ্গরাজ ব্রহ্মদত্ত, কাশিরাজ বা সুনন্দরা যে কাজ করে ভুল করেছিলেন, সে কাজের পুনরাবৃত্তি আমি ঘটতে দিতে পারি না।’
কলিঙ্গরাজের চোয়াল এবার ধীরে ধীরে কঠিন হতে শুরু করল। তিনি বললেন, ‘আপনি এবার কক্ষ ত্যাগ করুন নিগ্রন্টপতি। আমার বিলম্ব হচ্ছে।’
কথাটা শোনামাত্রই শম্বুকনাত বলে উঠলেন, ‘না, আপনি সেখানে যেতে পারবেন না।’
কলিঙ্গরাজ বললেন, ‘আপনি কি নির্দেশ দিচ্ছেন?’
নিগ্রন্টপতি শম্বুকনাত বললেন, ‘হ্যাঁ, নির্দেশ বলতে পারেন। আপনি জৈন ধর্মাবলম্বী। নিগ্রন্টপতি হিসাবে আমি আপনাকে নির্দেশ দিচ্ছি যে আপনি ওই দন্তমন্দিরে আর যাবেন না। এবং আপনাকে ওই দন্তধাতু সমেত দন্তমন্দির ধ্বংস করতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ ওই শবাস্থি পূজার পাপ-কাজে নিয়োজিত না হয়।’
এবার এই ধাতু মন্দির ধ্বংস করার কথা শুনে নিজের ক্রোধ সম্বরণ করতে পারলেন না কলিঙ্গরাজ। মুহূর্তের মধ্যে যেন তাঁর ধমনীতে যুগযুগ ধরে ঘুমিয়ে থাকা রাজরক্ত জেগে উঠল। যে রক্ত কারোর নির্দেশ মানে না, শুধু নির্দেশ দিতে জানে। প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে কলিঙ্গরাজ জৈন সন্ন্যাসীকে বললেন, ‘নিগ্রন্টপতি হিসাবে আপনাকে এতক্ষণ সম্মান প্রদর্শন করছিলাম। কিন্তু ভুলে যাবেন না আমি কলিঙ্গপতি আর আপনি সামান্য সন্ন্যাসীমাত্র। নির্দেশদানের ক্ষমতা রাজার থাকে, সন্ন্যাসীর নয়।’
কলিঙ্গপতির কথা শেষ না হতেই সন্ন্যাসীও কঠিন স্বরে বলে উঠলেন, ‘নিগ্রন্টপতি হিসাবে আমি আবারও আপনাকে নির্দেশ দিচ্ছি যে আমার কথা পালন করুন। নচেত প্রভূত ক্ষতির সম্মুখীন হবেন আপনি।’
কথাটা শোনামাত্রই কলিঙ্গপতি গুহসীব চিৎকার করে বলে উঠলেন, ‘আপনার এতবড় সাহস যে আপনি ভয় দেখাচ্ছেন আমাকে! অন্য কেউ হলে আমি এই ধৃষ্টতার কারণে শূলে চড়াতাম। তা না করে আমি আপনাকে নির্দেশ দিচ্ছি যে কাল সূর্যোদয়ের পূর্বে আপনি অনুচর সমেত নগরী ছেড়ে চলে যাবেন। নচেত আমি শাস্তিবিধানে বাধ্য হব।’
নিগ্রন্টপতিও ক্রুদ্ধভাবে বলে উঠলেন, ‘হ্যাঁ, তাই যাব। কিন্তু যাবার আগে আপনাকে বলে যাই যে আপনার সিদ্ধান্ত কলিঙ্গরাজ্যের সমূহ বিপদের কারণ হবে। আমি এ রাজ্যে স্বধর্মের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করবই।’
কলিঙ্গপতিও তার উদ্দেশে ব্যঙ্গ করে বললেন, ‘আপনার সে মনস্কামনা কোনও দিন পূর্ণ হবে না। নগর থেকে বিতাড়িত হবার আগে আপনি জেনে যান যে আগামী মাঘী পূর্ণিমাতে ভগবান বুদ্ধর নির্দেশিত ধর্ম গ্রহণ করছি আমি। এই কলিঙ্গ প্রদেশের রাজধর্ম হবে বৌদ্ধধম্ম।’
ক্রুদ্ধ, অপমানিত নিগ্রন্টপতি শম্বুকনাত বেরিয়ে গেলেন রাজকক্ষ ছেড়ে। নিজেকে সংযত করে কিছু সময়ের মধ্যে কলিঙ্গরাজ প্রাসাদ ত্যাগ করে গেলেন দন্তমন্দিরের উদ্দেশ্য। তিনি যখন দন্তমন্দিরে উপস্থিত হলেন ঠিক তখনই ওদিকে নগরী ত্যাগ করার আগে নিগ্রন্টপতি উপস্থিত হলেন আর একজনের বাটিকায়। তিনি ব্রাহ্মণ কুলপতি স্বয়ম্ভূচার্য। কলিঙ্গ প্রদেশে ব্রাহ্মণ আর নিগ্রন্টরাই প্রথম শ্রেণির নাগরিকের মর্যাদা পেয়ে এসেছেন এতদিন। যদিও সনাতনধর্মের সঙ্গে জৈনধর্মের প্রভূত মতপার্থক্য, তবুও এই কঠিন পরিস্থিতিতে স্বয়ম্ভূচার্যের সঙ্গে সম্মিলিত হবার প্রয়োজন অনুভব করলেন কৌশলী জৈনপতি শম্বুকনাত। কলিঙ্গরাজ যখন দন্তমন্দিরে ভিক্ষুর কাছে ‘অবভূতধম্ম’ শুনছেন তখন নিজেদের মধ্যে ভবিষ্যতে কলিঙ্গরাজের বৌদ্ধধম্ম গ্রহণের কথা শুনে বেশ উত্তেজিত ও আশঙ্কিত হলেন স্বয়ম্ভূচার্যও।
ব্যাপারটা শ্রবণ করে তিনি আলোচনা শেষে পরামর্শ দিলেন শম্বুকনাতকেও। সেই পরামর্শ এই বিপদে মনে ধরল জৈনপতি শম্বুকনাতেরও। কথায় আছে যে, যখন নদী প্লাবিত হয় তখন সর্প ও বেজি প্রাণধারণের জন্য এক বৃক্ষে উন্নীত হয়। জলস্রোত থেকে বাঁচার জন্য কেউ তখন কাউকে আক্রমণ না করে সহাবস্থান করে। তেমনই দুই কুলপতি আলোচনা করে সিদ্ধান্ত নিলেন উপযুক্তও স্থানে গিয়ে অভিযোগ জানাতে হবে। শম্বুকনাতের সঙ্গী হলেন আরও কয়েকজন নিগ্রন্ট ও ব্রাহ্মণ অবলোকেশ্বর ও তাঁর তিন ব্রাহ্মণ সঙ্গী। অবলোকেশ্বর ব্রাহ্মণশ্রেষ্ঠ স্বয়ম্ভূচার্যের প্রতিনিধি।
