শেষ চিহ্ন – ২২

২২

সত্যিই সুবিশাল বন্দর তাম্রলিপ্ত। সমুদ্রতীরের দেশে হেমমালা আজন্ম অবস্থান করলেও সে বা দন্তকুমার এত বৃহৎ বন্দর ইতিপূর্বে চাক্ষুস করেনি। বন্দরটি আসলে নদী মোহনায় অবস্থিত। নদী আর সমুদ্র এ স্থানে মিলে মিশে গেছে। মনুষ্য সৃষ্ট বেশ কয়েকটি খাঁড়ি বা খাল মোহনা থেকে ভূমিভাগে প্রবেশ করেছে। তার মাধ্যমে জলযানগুলি জীর্ণ সংস্কারের জন্য ভূখণ্ডে প্রবেশ করে। জল থেকে ওপরে তুলে তখন তাদের গাত্রের ছিদ্রে তাম্র লেপন করা হয়। নৌযানের সংস্কারের কাজ বহু যুগ ধরে এ স্থানে চলে আসছে বলে এ বন্দরের নাম, তাম্রলিপ্ত বা তাম্রলিপ্তি। অর্থাৎ যে স্থানে তাম্র লেপন করা হয়। তেমনই এক খাঁড়ির গা বেয়ে বন্দরের দিকে এগোতে লাগল তাঁরা।

সার সার নানান ধরনের নৌকা খাঁড়ির পাড়ে উল্টানো অবস্থায় রাখা আছে সংস্কারের জন্য। তাদের গায়ে সদ্য লেপন করা তাম্র ভোরের সূর্যকিরণে সুবর্ণ ধাতুর মতো ঝলমল করছে। তাঁরা বন্দরের দিকে যত এগোতে লাগল তত অবাক হয়ে যেতে লাগল বন্দরের বিস্তৃতি দেখে। মোহনার পাড় বরাবর যতদূর চোখ যায় ততদূর তার বিস্তৃতি। বহু অট্টালিকাও দাঁড়িয়ে আছে বন্দর নগরীতে।

একসময় তারা চলতে চলতে পৌঁছে গেল বন্দর কিনারে। জলের বক্ষ জুড়ে সেখানে দাঁড়িয়ে আছে সাধারণ মৎস আহরণের নৌকা থেকে বিভিন্ন ধরনের বিশাল আকৃতি ময়ূরপঙ্খী, অর্ণব পোত, বাণিজ্য তরণি। বিচিত্র আকৃতির ভিনদেশী জলযানও সেখানে আছে। ভোরের আলোতে জলযানগুলির মাথায় পতপত করে উড়ছে নানান বর্ণের নিশান। আকাশ যেখানে জলের সঙ্গে মিশেছে সে পর্যন্ত দেখা মিলছে তাদের।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই পণ্য নামানো ওঠানোর কাজ শুরু হয়েছে বন্দরে। হস্তী, অশ্ব, গর্দভ ইত্যাদি প্রাণী ও শকটের মাধ্যমে পণ্য পরিবহনের কাজ চলছে। কত মানুষের ভিড় আর কোলাহল চারপাশে। শ্বেত, পীত, কৃষ্ণবর্ণ, কত বর্ণের, পোশাকের মানুষ। আর কত বিচিত্র ধরনের পণ্য সামগ্রী যে এই বন্দরের মাধ্যমে আদান প্রদান হচ্ছে তার ঠিকানা নেই। ধাতু, বস্ত্র, খাদ্যশস্য থেকে শুরু করে চন্দন কাঠ-এমনকী পশুপাখী পর্যন্ত!

হঠাৎ ব্যাঘ্রর হুঙ্কার শুনে স্বচকিত হয়ে দম্পতি দেখতে পেল পিঞ্জরবদ্ধ অবস্থায় এক সুবিশাল ব্যাঘ্রকে কয়েকজন লোক শকটে করে নিয়ে চলেছে জলের দিকে। এ দেশ থেকে কোনও ভিন দেশের পশুপালায় পাড়ি দেবে ওই ব্যাঘ্র।

বন্দরে দাঁড়িয়ে চারপাশের এই সব বিচিত্র ঘটনা কিছু সময় ধরে প্রত্যক্ষ করল তাঁরা। জলের পাড় বরাবর কিছুটা তফাতে তফাতে কাষ্ঠে অগ্নিসংযোগ করে ধূমউদ্‌গিরণের ব্যবস্থা করা হয়েছে। এক ব্যক্তিকে ওই ধূমউদ্‌গিরণের সম্পর্কে জিগ্যেস করে দন্তকুমার জানতে পারলেন ধূম্র জ্বালিয়ে জাহাজ যাত্রার সংকেত দেওয়া হচ্ছে। আজ বা কালই ছেড়ে যাবে ওই সব জলপোত।

বেশ কিছুদিন ধরে দন্তকুমার ও তাঁর স্ত্রীর পেটে খাবার কণা পড়েনি। বন্দরে নানাবিধ খাদ্যসামগ্রীর বিপণী আছে। তারই একটিতে প্রবেশ করে দীর্ঘ দিন পর আহার গ্রহণ করল তাঁরা। ভবিষ্যতের কথা ভেবে কিছু খাদ্যদ্রব্যও ক্রয় করল। তারপর এগোল কোনও জলযান সিংহল দ্বীপের উদ্দেশে রওনা হচ্ছে কিনা সে সম্পর্কে সংবাদ সংগ্রহর জন্য। বন্দরে যে স্থানগুলোতে ধূম্রকুণ্ড রয়েছে সে স্থানে অবস্থান করছে জলযানের অধিকারী বা তার লোকেরা। কোথাও কোথাও সেই জলযানে বিভিন্ন কাজের জন্য নাবিকদেরও নিয়োগ করা চলছে।

পশ্চাতভাগে জলের বুকে দাঁড়িয়ে আছে তাদের বিশাল অর্ণবপোত, বাণিজ্যতরীগুলি। দ্রুত বন্দর ত্যাগ করে দূর দেশে পাড়ি দেবার জন্য প্রতীক্ষা করছে তারা। বেশ কয়েকটি স্থানে সিংহলগামী জাহাজের খোঁজ করার পর তাঁরা এক সময়ে এসে উপস্থিত হল এক ধুম্রকুণ্ডর সামনে। সেখানে কিছুদূরে ভাসমান রয়েছে এক বাণিজ্যপোত। তার সমুখ ভাগে কাষ্ঠ অলঙ্কৃত শুণ্ড যুক্ত হস্তীর মাথা বসানো। এ ভূভাগের বাণিজ্যপোতগুলোর সমুখ ভাগে সাধারণত ময়ূর, মকরদেবী বা ব্যাঘ্র মূর্তি রচিত থাকে। আর সিংহল দেশের জলযানগুলির সমুখ ভাগে থাকে সে দেশের বৌদ্ধধম্মের প্রতীক হস্তীমূর্তি। এ ভাবেই বিভিন্ন দেশের জাহাজ দূর থেকে দেখলেই চেনা যায়।

কৃষ্ণবর্ণের বেশ কিছু মানুষকেও তারা দেখতে পেল সেই জলযান ও তার সংলগ্ন তটে ধূম্রকুণ্ডকে ঘিরে। হ্যাঁ, ওই জলযান সিংহলেরই বাণিজ্যতরী এবং তা এদিনই সিংহলের উদ্দেশে পাড়ি দেবে জানতে পারল তারা। শেষ মুহূর্তে হঠাৎ কয়েকজন নাবিকের প্রয়োজন অনুভূত হয়েছে বলে সেই সিংহলগামী পোতের অধিকারীর লোকজন ধূম্রকুণ্ড জ্বালিয়ে কর্মপ্রার্থীদের সঙ্গে বাক্যালাপ করছে। দন্তকুমার ও হেমমালা তাদের কাছে গিয়ে অধিকারীর সঙ্গে সাক্ষাৎ-এর ইচ্ছা প্রকাশ করতে একজন লোক তাঁদের নিয়ে হাজির হল অধিকারীর কাছে।

নিকটেই এক হোগলাপাতার ছাউনি দেওয়া গৃহে যাত্রা শুরুর প্রাক্কালে অবস্থান করছিলেন তিনি। বাণিজ্যতরীটি সিংহলের হলেও প্রবীণ বয়সি অধিকারী লোকটি সনাতনধর্মাবলম্বী। তাঁর নাম সদাশিব। তিনি প্রথমেই দন্তকুমারের উড়নীর নীচে ধরা দন্তধাতুর পাত্রটি দেখে জানতে চাইলেন, ‘ওর মধ্যে কী আছে?’

বাধ্য হয়েই দন্তকুমারকে ছলের আশ্রয় নিতে হল। তিনি বললেন, ‘এর মধ্যে আমার দেবতা আছেন।’

দন্তকুমারের মাথায় শিখা, কণ্ঠে উপবতী। তা দেখে তাকে প্রথম দর্শনেই ব্রাহ্মণ বলেই ভেবেছিলেন অধিকারী। ব্রাহ্মণরা অনেকে তাদের সঙ্গে শালগ্রাম শীলা দেবতারূপে বহন করেন। ছদ্মবেশী দন্তকুমারের কথা শুনে অধিকারী সদশিব ভাবলেন, এ ব্রাহ্মণ শালগ্রাম শীলা বহন করছেন।

দন্তকুমার এরপর অধিকারীকে বললেন, ‘আমরা ব্রাহ্মণদম্পতি ভাগ্য অন্বেষণে সিংহল দ্বীপে যেতে চাই। আপনি যদি আমাদের সে কাজে সাহায্য করেন, আমাদের সিংহল রাজ্যে পৌঁছে দেন তবে বড়ই উপকৃত হই। আমাদের সে স্থানে পৌঁছে দেবার জন্য প্রয়োজনীয় অর্থমূল্য দেব আমরা।’

প্রস্তাব শুনে সদাশিব বললেন, ‘আমার জলযান বাণিজ্যতরী। এ তরীতে যাত্রীপরিবহণ বন্দরের নির্দেশমালায় নিষিদ্ধ। গতকালই এক যাত্রাবাহী ময়ূরপঙ্খী উপস্থিত হয়েছে এ বন্দরে। দু-পক্ষকাল সেই জলযান এ স্থানে অবস্থান করে যাত্রী নিয়ে পাড়ি দেবে সিংহল দ্বীপে। আপনারা সেই ময়ূরপঙ্খীর অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করুন।’

দু-পক্ষকাল মানে সে তো অনেক দেরি! দন্তকুমারের অনুমান ইতিমধ্যে নিশ্চয়ই পতন ঘটে গেছে দন্তনগরীর। শত্রু সেনারা নিশ্চয়ই মন্দিরে দন্তধাতুর সন্ধান না পেয়ে তার জন্য অনুসন্ধান শুরু করেছে, চর প্রেরণ করছে নানা স্থানে। কে বলতে পারে সেই চরের দল এ স্থানেও এসে উপস্থিত হবে না? তখন হয়তো ব্যর্থ হয়ে যাবে মহারাজ গুহসীবের পরিকল্পনা, ভগবানের শেষ চিহ্নকে রক্ষা করার চেষ্টা। কাজেই এ স্থানে একপক্ষকাল অতিবাহিত করলে বিপদের সম্ভাবনা প্রবল।

হেমলতা কাতর কণ্ঠে অধিকারীকে বলল, ‘শুনেছি সিংহল দেশের এক শৈব্য মন্দিরে পূজারি ব্রাহ্মণের প্রয়োজন। সেই উপলক্ষেই সিংহল যাত্রার ব্যাপারে মনস্থির করেছি আমরা। বহু দূর দেশ থেকে পদব্রজে আমরা এখানে উপস্থিত হয়েছি সিংহল যাত্রার আশাতে। সেখানে যেতে বিলম্ব হলে হয়তো বা আমাদের যাওয়াটাই নিষ্ফল হবে। অন্য কোনও ব্যক্তি নিয়োজিত হবেন মন্দিরের পৌরহিত্যের কাজে।’

একথা বলে একটু থেমে সে বলল, ‘তাছাড়া আমাদের সঙ্গী দেবতা খুব জাগ্রত। যাত্রাপথে তিনি আপনাদের যে কোনও বিপদ থেকে রক্ষা করবেন। অনুগ্রহ করে আপনার জলযানে স্থান দিন।’

রমণীর কাতর অনুরোধ এবার অধিকারীর হৃদয় স্পর্শ করল। তাছাড়া আরও একটি সংস্কার তার মধ্যে কাজ করল। সমুদ্র যাত্রার মুখে ব্রাহ্মণের অনুরোধ প্রত্যাখান করা উচিত হবে কি? ব্রাহ্মণের সঙ্গে আবার দেবতা আছেন! সমুদ্রযাত্রা মাত্রেই তো বিপদের সম্ভবনা থাকে। এই ব্রাহ্মণ দম্পতিকে প্রত্যাখান করলে দেবতার অভিশাপ তাঁর ওপর বর্ষিত হবে না তো? সমুদ্রযাত্রা পথে কোনও বিঘ্ন ঘটবে না তো? একথা ভেবে কিছুক্ষণ চুপ করে থাকার পর অধিকারী বললেন, ‘দেখুন, আপনাদের অবগত করলাম যে বাণিজ্যতরীতে যাত্রী পরিবহনের নিয়ম নেই। তবে পালের দড়ি টানার জন্য আমার আরও একজন লোকের প্রয়োজন। সে কাজ আপনি করতে পারবেন কি? তবে আমি নাবিক রূপে আপনাকে ও আপনার স্ত্রীকে আমার জলযানে স্থান দিতে পারি।’

দন্তকুমার প্রস্তাব শুনেই সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ‘হ্যাঁ, হ্যাঁ, আমি যে কোনও কাজ করতে প্রস্তুত। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন।’

ব্যবস্থা হয়ে গেল। অধিকারী একজন লোককে দিয়ে তাঁর হস্তীমুখ বাণিজ্যপোতে পাঠালেন তাদের দুজনকে। পাড় থেকে বাণিজ্যপোতটি কিছুটা তফাতে অবস্থান করছিল। নৌকা যোগে সে স্থানে যেতে হয়। লোকটির সঙ্গে হেমমালাকে সঙ্গে নিয়ে দন্তকুমার ধাতুপাত্রটিকে বুকে আঁকড়ে ধরে ভূমি ত্যাগ করে নৌকাতে উঠতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। যে সকল হস্তীকূল বন্দরে নানা কাজে নিয়োজিত ছিল তারা হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়ে সমুদ্রের দিকে ফিরে প্রণামের ভঙ্গিতে শুণ্ড উত্থিত করে একযোগে বৃংহতি ডাকতে শুরু করল। করুণ নাদ! হঠাৎ তাদের এই আচরণ বুঝতে পারল না কেউই। দন্তকুমার অনুমান করলেন, ওই সম্মিলিত নাদের মাধ্যমে হস্তীকূল বিদায় জানাচ্ছে দেবতার শেষ চিহ্নকে।

নৌকা যোগে সেই অর্ণবপোতের কাছে পৌঁছে গেল দন্তকুমার ও হেমমালা। তারপর রজ্জুর সাহায্যে উঠে পড়ল জলযানে। বিশাল বাণিজ্যতরী। নানান ধরনের শস্য ইত্যাদিতে পরিপূর্ণ। তরীর উপরিভাগে একাংশে নাবিকদের থাকার জন্য অনেক কক্ষ আছে ঠিকই কিন্তু তা পূর্বেই নাবিকদের জন্য নির্ধারিত করা হয়ে গেছে। সেখানে স্থান নাই। তাছাড়া এত পুরুষের মধ্যে একমাত্র নারী হেমমালা। যাত্রাপথে তার নিরাপত্তারও প্রয়োজন। কাজেই তাদের স্থান হল নানা সামগ্রী পূর্ণ জাহাজের খোলের এক অংশে। সেখানে হেমমালাকে রেখে তার হস্তে দন্তধাতুর পাত্রটিকে সমর্পণ করে বাণিজ্যতরীর উপরিভাগে উঠে এল দন্তকুমার।

বাণিজ্যতরীর নাবিকরা সবাই প্রায় সিংহলী। ঘোর কৃষ্ণবর্ণের গাত্র তাদের। অসুরের মতো চেহারা। যে ব্যক্তির সঙ্গে দন্তকুমাররা বাণিজ্যতরীতে এসে উপস্থিত হয়েছে সে এরপর রাবণ নামের নাবিক দলপতির সঙ্গে দন্তকুমারের সাক্ষাৎ করিয়ে দিয়ে অধিকারীর নির্দেশ জানিয়ে দিল তাঁকে। যেমন বিশালাকৃতির বাণিজ্যতরী তেমনই তার বিশাল বিশাল মাস্তুল, পাল, দাঁড়, হাল। দন্তকুমার কাজে লেগে গেল নাবিকদের সঙ্গে।

সময় এগিয়ে চলল। দ্বিপ্রহর থেকেই পালগুলো খাটানো শুরু হয়ে গেল। বিশাল বিশাল সব পাল, যা সমুদ্র পথে ঠেলে নিয়ে যাবে এই অর্ণবপোতকে। বেশ কয়েকজন নতুন নাবিকও উঠে এল তরণীতে। বিকেলবেলা বন্দরের কাজ সাঙ্গ করে তাঁর বাণিজ্যপোতে উঠে এলেন অধিকারী সদাশিব। পাল-দড়িদড়া, দাঁড় সব কিছু সমুদ্র অভিযানের জন্য প্রস্তুত হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করলেন তিনি। তারপর যাত্রার সময় এসে উপস্থিত হল।

বেলা শেষের আলো তখন ছড়িয়ে পড়েছে বাণিজ্যপোতের সোনালি মাস্তুলে, তমালিকা বন্দরে। অধিকারী সদাশিব তাঁর কয়েকজন সঙ্গীকে নিয়ে উপস্থিত হলেন তরণীর সমুখ ভাগে। মাঙ্গলিক রীতি অনুসারে তিনি একটা নারকেল ফাটালেন হস্তী মস্তকে আঘাত করে। ঠিক সেই সময় পরপর তিনবার শঙ্খধ্বনির শব্দ শোনা গেল। এবং তা যেন ভেসে এল খোলের ভিতর থেকেই।

সদাশিব মনে ভাবলেন, ব্রাহ্মণপত্নিই শঙ্খধ্বনি করলেন। হেমমালা সেই দন্তধাতুর পাত্র নিয়ে খোলের এক কোণে বসেছিলেন। আসলে ওই শঙ্খধ্বনির মতো শব্দ আচম্বিতে নিগর্ত হল ওই দন্তধাতুর পাত্র থেকেই! গম্ভীর শঙ্খনাদ! দন্তকুমার অবশ্য অনুমান করতে পারলেন ব্যাপারটা। মনে মনে তিনি বললেন, ‘হে তথাগত, তুমি আমাদের আশীর্বাদ করো, যেন আমরা তোমার শেষ চিহ্নকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে পারি।’

নারকোল ভাঙার পর অধিকারী নির্দেশ দিলেন নোঙর তুলে ফেলার জন্য। হেঁইয়া, হেঁইয়া শব্দে একদল নাবিক তুলে ফেলল নোঙর। দাঁড়ির দল প্রস্তুত হয়েই ছিল। এক সঙ্গে শব্দ করে অনেকগুলো দাঁড় আছড়ে পড়ল জলে। দাঁড়ের আঘাতে দুলে উঠে সেই বিশাল বাণিজ্যতরী ভেসে পড়ল সমুদ্রের দিকে।

ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল তমালিকা বন্দর, আরও অনেক দূরের দন্তনগরী জম্বুদ্বীপের ভূখণ্ড। বৈশালীর প্রাচীন সেই আম্রকানন, রাজউদ্যান থেকে দন্তপুরে হাজার বছরের পথ পরিক্রমা সাঙ্গ করে দন্তধাতু ভেসে পড়ল সমুদ্রের বুকে। পিছনে রয়ে গেল শুধু কিছু আনন্দঘন অথবা বিষণ্ণ স্মৃতি যা আবর্তিত হয়েছিল ভগবানের শেষ চিহ্নকে কেন্দ্র করে।

পরদিনই মাঝ সমুদ্রে পৌঁছে গেল বাণিজ্যতরী। ভোরের আলো যখন ছড়িয়ে পড়ল তখন খোলের গায়ের গবাক্ষ দিয়ে বাইরে তাকিয়ে দন্তকুমার আর হেমমালা দেখতে পেল চারপাশে শুধু অন্তহীন জলরাশি! তার যেন কোন কূলও নাই, সীমা নাই! হেমমালা পরম যত্নে তার কোলে ধারণ করে রেখেছে দন্তধাতুর পাত্রটা। যাত্রা শুরুর মুহূর্তে শঙ্খধ্বনির মতো শব্দ করার পর আবারও নিস্তব্ধ হয়ে গেছে পাত্রটা। গবাক্ষ দিয়ে আসা আলো এসে পড়েছে হেমমালার মুখমণ্ডলে। দন্তকুমার খেয়াল করল যেন মৃদু বিষণ্ণতা জেগে আছে হেমমালার মুখমণ্ডলে। তা দেখে তিনি প্রশ্ন করলেন, ‘তুমি কি ব্যথিত?’

হেমমালা জবাব দিল, ‘বড় মনে পড়ছে পিতার কথা, দন্তপুরের কথা।’

দু-ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখ বেয়ে। পরম মমতায় সে অশ্রু মুছিয়ে দিলেন দন্তকুমার। ভেসে চলল অর্ণবপোত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *