শেষ চিহ্ন – ১১

১১

গুহসীব-কন্যা হেমমালা। ষোড়শী রাজকন্যা হেমমালার গাত্রবর্ণ ঠিক যেন হেমের মতোই। কেশদাম বর্ষার মেঘের ন্যায় ঘন কৃষ্ণবর্ণের। চোখ দুটি দীঘির মতো গভীর। সদ্য প্রস্ফুটিত পদ্মের মতো তার স্নিগ্ধ বক্ষসৌন্দর্য। পিতার বড় আদরের কন্যা হেমমালা। পক্ষকাল ধরে বড় বিষণ্ণ রাজকন্যার মন। পিতা গুহসীব, চেদীরাজ চিত্তযানের সঙ্গে ভগবানের শেষ চিহ্ন নিয়ে যাত্রা শুরু করেছেন রাজর্ষি পণ্ডুর রাজধানী পাটলিপুত্র নগরীর দিকে। তিনি কবে আবার দন্তপুরে ফিরে আসবেন, কারো জানা নেই।

দন্তধাতুর অনুপস্থিতি ও গুহসীবের বিরহে কাতর কলিঙ্গনগরী। স্বাভাবিক কারণেই নগরবাসীদের তুলনায় এক পক্ষকাল ধরে পিতার অনুপস্থিতিতে রাজকন্যার বিষণ্ণতা আরও বেশি। প্রসাধনী, অঙ্গরাগের ব্যাপারে তার আর মন নেই। সখীদের সঙ্গে কলহাস্যে সে আর মেতে উঠছে না, খেলা করতে যাচ্ছে না প্রাসাদ সংলগ্ন মৃগদারে হরিণ শিশুদের কাছে।

শুধু প্রতিদিন বিকালে সখী বিন্দুর সঙ্গে কিছু সময়ের জন্য দন্তমন্দিরে গিয়ে সে উপস্থিত হয় সান্ধ্য প্রার্থনায় যোগ দিতে। মন্দিরে পবিত্র দন্তধাতু না থাকলেও যে মানিক্যখচিত আসনে ভগবানের শেষ চিহ্ন অধিষ্ঠিত ছিল, সেই আসনকেই পূজা করেন ভিক্ষুরা।

প্রতি সন্ধ্যায়, সান্ধ্য পূজা সমাপ্ত হলে সমবেত প্রার্থনায় যোগ দেন নগরবাসীরা। কোনও কোনও দিন প্রধান ভিক্ষু জেতবন, ভগবানের জীবনী, দর্শন বা জাতক কাহিনী বিবৃত করেন নগরবাসীদের সামনে। রাজপুরুষ থেকে সাধারণ নাগরিক, সবাই ভূমিতলে এক আসনে বসে শ্রবণ করেন ভগবান বুদ্ধের অমৃত বাণী। রাজকন্যা হেমমালাও এ সময় দন্তমন্দিরের প্রার্থনাকক্ষে উপস্থিত থাকে। সমবেত ‘বুদ্ধং শরণং গচ্ছামি’ ধ্বনিতে সে যোগ দেয়, প্রধান ভিক্ষুর মুখ নিসৃত ভগবানের জীবন কাহিনী শুনে কিছু সময়ের জন্য শান্তি লাভ করে।

এদিনও রাজকন্যা হেমমালা সখী বিন্দুকে নিয়ে সূর্যাস্তের মুহূর্তে গিয়ে উপস্থিত হল দন্তমন্দিরে। না, কোনও স্বর্ণ শিবিকায় চেপে সে উপস্থিত হয় না মন্দিরে। যায় সে পদব্রজেই, অন্য নাগরিকদের মতো প্রথমে সে সমবেত প্রার্থনা সঙ্গীতে যোগ দিল, তারপর মন্দিরের প্রধান ভিক্ষু জেতবনের মুখ নিসৃত জাতক কাহিনী শ্রবণ করতে বসল। এদিন ‘ময়ূর জাতক’ নামে একটি কাহিনী বিবৃত করছিলেন ভিক্ষু জেতবন। কিন্তু রাজকন্যা কিছুতেই মনোসংযোগ করতে পারছিল না সে কাহিনীতে।

ধর্মসভা ভঙ্গ হল এক সময়। উপস্থিত নগরবাসীরা প্রার্থনা কক্ষ ত্যাগ করে নিজেদের গৃহ অভিমুখে রওনা হল। প্রার্থনা কক্ষে উপস্থিত ভিক্ষুরাও একে একে নিজেদের কর্ম উপলক্ষে উপাসনা স্থল ত্যাগ করতে লাগলেন। এক সময়ে সেখানে রয়ে গেলেন শুধু জেতবন। প্রার্থনা কক্ষ নিস্তব্ধ হলে বেদীর উপর তিনি ধ্যানস্থ হতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় সামনে এসে দাঁড়াল রাজকন্যা হেমমালা।

করজোড়ে মাথা ঝুঁকিয়ে সে প্রণাম জানাল শ্রমণকে। বৃদ্ধ শ্রমণ জেতবন হাত তুলে তাকে আশীর্বাদ করলেন, রাজকন্যার মুখমণ্ডল নিরীক্ষণ করে বললেন, ‘রাজকন্যাকে বড় বিষণ্ণ বলে মনে হচ্ছে। হেতু কী?’

হেমমালা বলল, ‘পিতার অনুপস্থিতির কারণে বড় বিচলিত বোধ করছি। আমার এই ষোড়শী জীবনে ইতিপূর্বে আমি একদিনের জন্যও পিতৃছায়া থেকে বঞ্চিত হইনি।’

ভিক্ষু বললেন, ‘কলিঙ্গরাজ্যের নিরাপত্তার কথা ভেবে বাধ্য হয়েই মহারাজকে নগরী ত্যাগ করতে হয়েছে। তবে তুমি নিশ্চয়ই তাঁর হৃদয়ে অধিষ্ঠান করছ। তোমার অলক্ষে তাঁর স্নেহের ছায়া সর্ব সময় ঘিরে আছে তোমাকে।’

রাজকন্যা বলল, ‘তা জানি। তবুও মন মানছে না। তাছাড়া অন্য একটা আশঙ্কাও আমার মনের শান্তি বিঘ্নিত করছে। রাজর্ষি পণ্ডু যদি পিতা ও চেদীরাজের বৌদ্ধধম্ম গ্রহণ হেতু তাঁদের প্রতি ক্রুদ্ধ হয়ে কোনও ক্ষতি সাধন করেন বা কারারুদ্ধ করেন, তখন কী হবে?’

ভিক্ষু বললেন, ‘মহারাজ ভগবানের অনুগত সেবক। ভগবানের শেষ চিহ্ন বহন করে নিয়ে চলেছেন তিনি। তেমন যদি কোনও দুর্বিপাক উপস্থিত হয় তবে ভগবান নিশ্চয়ই তাঁদের রক্ষা করবেন। তুমি নিশ্চয়ই জানো ওই দন্তধাতু অলৌকিক ক্ষমতা সম্পন্ন। চেদীরাজ চিত্তযানও তা দর্শন করেছেন।’

শ্রমণের একথা শুনে রাজকন্যা সম্মতিসূচক মাথা নাড়ালেও তার মুখমণ্ডল থেকে আশঙ্কার মেঘ অদৃশ্য হল না। জেতবন তা দেখে একটু ভেবে নিয়ে বললেন, ‘বুঝতে পারছি তুমি শঙ্কা মুক্ত হতে পারছ না। তুমি বহুকাল ধরে রাজপ্রাসাদে একই পরিবেশে অবস্থান করছ। তা যতই বিলাসপূর্ণ হোক না কেন, দীর্ঘ দিন একই পরিবেশে থাকলে মানুষের মনে অবসাদ নামে, নানা দুশ্চিন্তার জন্ম হয়। যার থেকে শুধু মন নয়, শরীরেও কষ্ট আসে। পরিভ্রমণ করলে শুধু দেহ-মন নয় জ্ঞানও বৃদ্ধি পায়, ভাবনার চক্ষু উন্মীলিত হয়। সে কারণে আমরা ভিক্ষাপাত্র নিয়ে পথে পথে ঘুরে বেড়াই। আমার পরামর্শ, তুমি প্রাসাদ ত্যাগ করো, পথে নামো, তোমার মনের অবসাদ দূর হবে।’

ভিক্ষুর কথা শ্রবণ করে হেমমালা বললেন, ‘আপনি কি আমাকে বৌদ্ধধম্ম গ্রহণ করে ভিক্ষুণী হতে বলছেন?’

শ্রমণ বললেন, ‘দন্তপুরে তো কোনও ভিক্ষুণী সন্ত নেই। আমি তোমাকে ভিক্ষুণী হতে বলছি না। যেদিন তোমার অন্তরাত্মা নির্দেশ দেবে সেদিন তুমি নিজেই ভিক্ষুণী হবে, আমার বলার অপেক্ষা থাকবে না। আমি তোমাকে অনুরোধ করছি, সাময়িকভাবে প্রাসাদ ত্যাগ করে তুমি কোনও অপরিচিত স্থানে ভ্রমণ করো। তাতে তোমার সজীবতা লাভ হবে।’—এ কথা বলে চোখ বুজে ধ্যানে বসলেন প্রাচীন ভিক্ষু জেতবন।

ধ্যানস্থ বুদ্ধ সেবককে প্রণাম জানিয়ে হেমমালা প্রার্থনা কক্ষ ত্যাগ করল। কক্ষের বাইরে তার জন্য প্রতীক্ষা করছিল সখী বিন্দু। তাকে নিয়ে রাজকন্যা যখন পথে নামল, তখন নগর তোরণের মাথায় আর রাজপ্রাসাদের প্রাকারে মশালের আলো জ্বলে উঠেছে। সনাতনধর্মের যে মন্দিরগুলো রাজপথের গায়ে, নগরীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছে, সেখান থেকে ভেসে আসছে সন্ধ্যারতির ঘণ্টাধ্বনি। মালিকার দল মল্লিকা বিতরণ করছে পথে, নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই মুক্ত বায়ু সেবন করতে পথে নেমেছে। তাদের মধ্যে কেউ কেউ রাজকন্যা হেমমালাকে চিনতে পেরে মাথা ঝুঁকিয়ে সম্ভাষণ জানাচ্ছে।

প্রতিদিনের মতো এদিনও রাজপথে চেনা পরিবেশ। পথ চলতে চলতে রাজকন্যা হেমমালা তার সখী বিন্দুকে বলল, প্রাসাদের বাইরে এই কলিঙ্গ রাজ্যে তোর এমন কোনও স্থান চেনা আছে যেখানে ভ্রমণ করলে মনের আরাম হবে? ভিক্ষু জেতবন আমাকে মনের স্বাস্থ্য উদ্ধারের জন্য এমনই পরামর্শ দিয়েছেন।’

সখী বিন্দু জবাব দিল, ‘নগরীতে বেশ কিছু সুরম্য উদ্যান আছে। সে স্থানে তুমি ভ্রমণ করতে পারো।’

রাজকন্যা বলল, ‘নগরীর সর্বশ্রেষ্ঠ উদ্যান তো প্রাসাদকানন। না, উদ্যান ভ্রমণে আমার রুচি নেই। আমি এমন কোনও স্থানে ভ্রমণ করতে চাই, যে স্থান আমার অপরিচিত। যেখানে জন সমাগম নেই, রাজকন্যা পরিচয় যেখানে আমার বিড়ম্বনার কারণ হবে না।’

রাজকুমারীর কথা শুনে সখী পথ চলতে চলতে একটু ভেবে নিয়ে বলল, ‘কিয়ৎবৎসর পূর্বে তেমন এক স্থানে আমি একবার গেছিলাম।’

হেমমালা বলল, ‘সে স্থান কোথায়? কেমন?’

সখী বিন্দু জবাব দিল, ‘সে স্থান আমাদের রাজ্যের পশ্চিম সীমান্তে অবস্থান করছে। অরণ্যের ভিতরে এক বিরাট জলাশয় আছে সেখানে। অতি নির্জন, মনোরম স্থান। সরোবরের কাক চক্ষু জলে সন্তরণ করে রাজহংসীরা। তার পাড়ে ঘুরে বেড়ায় মৃগ শিশু, পক্ষীকুল নির্ভয়ে উড়ে এসে হাত থেকে শস্যকণা খেয়ে যায়। সে স্থান সত্যিই যেন মর্ত্যের নন্দন কানন! ওই অরণ্য আর হ্রদ পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে কলিঙ্গর সীমানা নির্ধারণ করছে। আপনি যাবেন সেখানে?’

সখীর কাছে সেই সুরম্য স্থানের বিবরণ শুনে রাজকন্যা হেমমালা বলল, ‘তবে কাল প্রত্যুষেই সে স্থানের উদ্দেশে যাত্রা শুরু করব আমরা। সে স্থানে পৌঁছতে কত সময় লাগবে?’

বিন্দু বলল, ‘অশ্ব শকটে যদি যান তবে এক দিবস। আর পালকি বা পদব্রজে গেলে দুই দিবসের কিছু বেশি সময় লাগবে।’

রাজকন্যা বলল, ‘আমি পালকিতেই যাব। রাজপ্রাসাদ আর এ নগরীর বাইরে আমি কোনদিন পদার্পণ করিনি। পালকি বা পদব্রজে গেলে ধীরে ধীরে চারদিক দেখতে দেখতে, জ্ঞান আহরণ করতে করতে যাওয়া যাবে, প্রয়োজনে মানুষের সঙ্গে কথা বলা যাবে।’

পরিকল্পনা মতোই পরদিন প্রত্যুষে যাত্রা শুরু করল রাজকন্যা হেমমালা। সঙ্গী বলতে বিন্দু-সহ তার সাতজন সখী, আর সে পালকিতে হেমমালা কে নিয়ে বেহারার দল রওনা হল। দন্তপুর ত্যাগ করে বেরিয়ে পড়ল তারা। কত রকম ছোট-বড় জনপদ, মানুষজন তাদের যাত্রা পথে! সব অবাক হয়ে দেখতে দেখতে হেমমালা এগিয়ে চলল তার সখীদের সঙ্গে। চারপাশের অদেখা পৃথিবী, নতুন মানুষজন দেখতে দেখতে ধীরে ধীরে হেমমালার মনের অবসাদ কেটে যেতে লাগল।

তাদের যাত্রা পথে কোথাও কোনও বিশৃঙ্খলা নেই। কলিঙ্গরাজ বৌদ্ধধম্মের আশ্রয় গ্রহণ করার পর থেকে, দুষ্ট, ক্ষমতালোভী নিগ্রণ্টপতিকে পরিত্যাগ করার পর থেকে কলিঙ্গর সর্বত্র শান্তি বিরাজমান। সনাতনধর্মাবলম্বীরা, বৌদ্ধরা, সাধারণ নিগ্রণ্টরা সবাই এক সঙ্গে বসবাস করছে, নিজেদের মতন করে ধর্মাচার পালন করছে, কোথাও কোনও বিরোধ নেই।

সারা দিন পথ চলে প্রথম দিনের শেষে তারা আশ্রয় গ্রহণ করল সনাতনধর্মাবলম্বীদের এক শিব মন্দিরে। মন্দিরের পূজারী ব্রাহ্মণ আর সেবায়েতের দল যথাযথ ভাবে তাদের আপ্যায়ন ও রাত্রিবাসের ব্যবস্থা করল। সেখানে রাত্রিবাসের পর কুক্কুট ধ্বনিতে ভোরের প্রথম আলো ফোটার পরপর বেহারার দল আবার রাজকন্যার পালকি কাঁধে তুলে নিল। এই দ্বিতীয় দিনের যাত্রা পথে কোনও নগরী আর চোখে পড়ল না তাদের। কৃষিজীবি মানুষদের গ্রাম সব। গ্রামের গায়ে রয়েছে ফসলের খেত। কোনও গ্রাম আবার জীবন নির্বাহ করে নদী থেকে মৎস্য আহরণে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও চারদিক দেখতে দেখতে চলল রাজকুমারী। দ্বিতীয় দিনের যাত্রা পথ শেষ হতে চলল এক সময়।

বিকাল হলে দূরে দিকচক্রবালে একটা কালো রেখা দেখিয়ে সখী বিন্দু, রাজকুমারীকে বলল, ‘ওই হল সেই অরণ্য, যার কেন্দ্র স্থলে সেই মনোরম সরোবর।’

সূর্যদেব যখন বেলা শেষের আলো ছড়িয়ে অস্তাচলে যেতে শুরু করল, সেই শেষ বিকেলে সেই অরণ্যের গায়ে কলিঙ্গরাজ্যের শেষ গ্রামে পৌঁছে গেল রাজকুমারীর শিবিকা। ছোট্ট একটি গ্রাম। কয়েকটি মাত্র পর্ণ কুটীর আছে সেখানে। দরিদ্র মানুষ বাস করে। এ গ্রামের মানুষরা সামান্য কিছু কৃষি কাজ করে, আর অরণ্য থেকে ফল-মূল ইত্যাদি সংগ্রহ করে জীবন ধারণ করে। রাজ্যের প্রান্তিক অঞ্চল বলে নগর জীবনের সঙ্গে গ্রামবাসীদের কোনও যোগযোগ নেই। আর রাজকুমারীকে যথাযথ আপ্যায়ন করার মতো কোনও ক্ষমতাই এদের নেই। তবুও কলিঙ্গ রাজকন্যা তাদের গ্রামে এসেছেন তা জানতে পেরে কুঁড়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এল তারা।

রাজকন্যা হেমমালা তাদের অক্ষমতার কথা বুঝতে পেরে বললেন, ‘তোমাদের সংকুচিত হবার, চিন্তিত হবার কোনও কারণ নেই। শুধু রাত্রিবাসের জন্য সামান্য ব্যবস্থা করে দিলেই হবে।’

তবুও গ্রাম প্রধান তার উদ্দেশে হাতজোড় করে বলল, ‘রাজকুমারী কি পর্ণ কুটীরে রাত্রিবাস করতে পারবেন?’

হেমমালা হেসে বলল, ‘ভগবান বুদ্ধ এমন কত পর্ণ কুটীরে আশ্রয় গ্রহণ করেছেন, খোলা আকাশের নীচেও রাত কাটিয়েছেন আর আমি তো সামান্য নারী মাত্র। আমার কোনও অসুবিধা হবে না।’

রাজকুমারীর ব্যবহারে আশ্বস্তবোধ করে দুটি পর্ণকুটীরে রাজকুমারী ও তার সখীদের রাত্রিবাসের ব্যবস্থা করে দিল গ্রামের মানুষরা। একটি কুটীরে রইল রাজকুমারী হেমমালা ও সখী বিন্দু, আর অপর কুটীরে আশ্রয় নিল তার অন্য সখীরা। গ্রামের রমণীরা খড়ের শয্যা প্রস্তুত করে দিল রাজকুমারীর জন্য। আহারের জন্য গ্রামবাসীরা রাজকুমারী ও তার সঙ্গিনীদের সামনে উপস্থিত করল কন্দসিদ্ধ ও কিছু ফল। কিন্তু গ্রামবাসীদের আতিথেয়তা ও আন্তরিকতার কারণে ঘৃত-পল্লান্নে প্রতিপালিত রাজকন্যা হেমমালার কাছে সেই কন্দমূল সিদ্ধই অমৃত সমান মনে হল। ভোজন সাঙ্গ করে খড়ের শয্যাতে পরম শান্তিতে নিদ্রা গ্রহণ করলেন রাজকন্যা।

পরদিন প্রত্যুষে গ্রামবাসীদের থেকে বিদায় নিয়ে সখীদের সঙ্গে হেমমালা অরণ্যে প্রবেশ করলেন। তবে বনপথে যেহেতু শিবিকাতে চলা অসুবিধাজনক তাই শিবিকা নিয়ে বাহকের দল অরণ্যের বাইরেই অবস্থান করল। গ্রামবাসীরাও হেমমালাকে আশ্বস্ত করল যে ও বনে কোনও হিংস্র প্রাণী অথবা দস্যুর সম্ভাবনা নেই, কাজেই নিশ্চিন্তেই সেই অরণ্যে প্রবেশ করল হেমমালা। অরণ্যের মধ্যে কত রকম গাছ, কত রকমের পুষ্প! প্রজাপতি, ভ্রমরের দল খেলে বেড়াচ্ছে এখানে ওখানে। গাছের মাথা থেকে ভেসে আসছে পাখির সুমধুর কলরব।

ঠিক তাদের কল-কাকলির মতোই সখীরা কল হাস্যে মেতে রাজকুমারীকে নিয়ে এগিয়ে চলল বন পথ ধরে। মাথার ওপর বিশাল বৃক্ষরাজি যে চাঁদোয়া রচনা করেছে তার ফাঁক দিয়ে আসা আলো পথ চলতে লাগল তাদের সঙ্গে।

এক প্রহর সময় অতিক্রান্ত হবার পর অরণ্যের প্রায় মধ্যস্থলে তারা উপস্থিত হল। রাজকুমারী জানতে চাইলেন, ‘সেই সরোবর আর কত দূরে?’

সখী বিন্দু বলল, ‘আর সামান্য পথ বাকি আছে রাজকুমারী।’

কিন্তু এর পরই সামনের পথে সব কেমন যেন নিস্তব্ধ হয়ে আসতে লাগল। মিলিয়ে যেতে লাগল পাখির কলতান বা ভ্রমর গুঞ্জন। তার মধ্যে দিয়েই সখী পরিবৃত রাজকুমারী এগিয়ে চলল। কিছু সময়ের মধ্যে সত্যিই গাছের ফাঁক দিয়ে সেই জলাশয় চোখে পড়ল। সখী বিন্দু বলে ওঠে, ‘আমরা পৌঁছে গেছি।’

অরণ্যের বাইরে বেরিয়ে সেই বিশাল হ্রদের কিনারে এসে দাঁড়াল রাজকুমারী হেমমালা। কাকচক্ষু বিশাল জলাশয়ের চতুর্দিকে অরণ্য। কিন্তু অদ্ভুত নিঝুম! সরোবরের পাড়ে অন্য কোনও প্রাণীও চোখে পড়ছে না। রাজকন্যা সখীর কাছে জানতে চাইলেন, ‘রাজহংসীর দল কই? হরিণ শিশুরাই বা কই?’

সখী বিন্দু বলল, ‘তারা হয়তো অন্যত্র গেছে। আবার ফিরে আসবে। হ্রদের জল কী সুন্দর দেখেছেন! চলুন, আমরা ওতে অবগাহন করি।’

অন্য সখীরাও বিন্দুর প্রস্তাবকে সমর্থন করল। সূর্য প্রায় মধ্যগগনে। স্নানেরই সময় বটে। সরোবরের শীতল জলরাশি যেন সবাইকে হাতছানি দিয়ে ডাকছে। কাজেই সখীদের কথায় সম্মত হয়ে সরোবরের জলে নেমে পড়ল রাজকন্যা। উচ্ছল সখীরা জলকেলিতে মেতে উঠল রাজকন্যাকে নিয়ে।

চারপাশে অন্য কোনও শব্দ না থাকলেও সখীদের উচ্ছল আনন্দধ্বনিতে মুখরিত হয়ে উঠল সরোবরের কূল। প্রাচীন বৃক্ষগুলোর গুঁড়িতে প্রতিধ্বনিত হয়ে অরণ্যের ভিতরেও প্রবেশ করতে লাগল সেই শব্দ। দীর্ঘক্ষণ সরোবরে জলকেলি করার পরে সখীদের নিয়ে রাজকন্যা যখন পাড়ে উঠে এল, তখন তার মনের অবসাদ কেটে গেছে। সত্যিই বড় সুরম্য এই হ্রদ। এবার সিক্ত বসন পরিবর্তন করে তাদের ফেরার পথ ধরতে হবে। নচেত অন্ধকার নামার আগে অরণ্য ত্যাগ করা সম্ভব হবে না।

রাজকন্যা তার এক সখীর থেকে শুষ্ক বস্ত্র নিয়ে তা পরিধান করার জন্য কাছেই একটা গাছের গুড়ির আড়ালে যাবার জন্য এগোচ্ছিল, কিন্তু অকস্মাৎ জঙ্গলের আড়াল থেকে সরোবরের তীরে আত্মপ্রকাশ করল অস্ত্রধারী একদল অশ্বারোহী। তারা যেন রাজকন্যা আর তার সখীদের পাড়ে উঠে আসার জন্যই সন্তর্পণে অপেক্ষা করছিল। ঘোড়সওয়াররা এসে ঘিরে ফেলল রাজকুমারীদের। তাদের কারো অশ্ব থেকে রজ্জুবদ্ধ অবস্থায় ঝুলছে রক্তাক্ত হরিণ শাবক, কারো অশ্বে বাঁধা আছে ডানা ভাঙা রাজহংস।

তাদের দেখে সরোবরের তীরে হরিণ বা মরালদের অনুপস্থিতির কারণ বুঝতে পারলেন হেমমালা। সুন্দর প্রাণীগুলো শিকার করেছে এই অশ্বারোহীর দল। অশ্বারোহীদের যে দলপতি সে রাজকন্যার সামনে এসে দাঁড়াল। বিশালাকৃতির কৃষ্ণবর্ণের এক ঘোটকীর উপর আরূঢ় সেই কৃষ্ণবর্ণর লোকটা। মদিরা রঞ্জিত তার ওষ্ঠ, চোখে যেন শীতল হিংস্রতা বিরাজমান। লোকটার মখমলের পোশাকে লেগে আছে শিকারের রক্তবিন্দু, কোমরবন্ধ থেকে ঝুলছে দীর্ঘ তরবারি। তার শিরস্ত্রান, কোমরবন্ধ সবই স্বর্ণ নির্মিত। হীরকাঙ্গুরীয় শোভা পাচ্ছে অশ্বারোহীর কঠিন অঙ্গুলিতে। যা দেখে অনুমান করা যায় যে অশ্বারোহীদের এই দলপতি কোনও সাধারণ শিকারী নয়। রাজকন্যা একে প্রশ্ন করলেন, ‘আপনি কে?’

দীর্ঘকায় কৃষ্ণদেহী কর্কশ স্বরে জবাব দিল, ‘আমি অস্মক রাজকুমার ক্ষীরধার। এ অরণ্যে মৃগয়া করতে এসেছি। তোমরা কারা?’

হেমমালা জবাব দিল, ‘আমি কলিঙ্গ রাজকন্যা হেমমালা। এই স্থানে ভ্রমণ করতে এসেছি।’

হেমমালা যে রাজকন্যা সে কথা শ্রবণ করে প্রথামাফিক তাকে কোনও সৌজন্য প্রদর্শন করল না অস্মক রাজপুত্র। রাজকন্যার সিক্ত বসনের দিকে তাকিয়ে তার ভিতর থেকে আত্মপ্রকাশ করা বিল্ব আকৃতির স্তন যুগলের দিকে চেয়ে লোলুপতা ফুটে উঠল ক্ষীরধারের রক্তাক্ত চোখে। সে বলল, ‘আমার অশ্বের পৃষ্ঠে আরোহণ করো।’

হেমমালা বিস্মিত ভাবে বললেন, ‘আপনার অশ্বে আরোহণ করব কেন?’

অস্মক রাজপুত্র জবাব দিল, ‘তোমাকে আমার দেশে নিয়ে যাব। মৃগয়া অভিযানে তুমিই আমার শ্রেষ্ঠ শিকার হবে।’

ক্ষীরধারের কথা শুনে হেসে উঠল তার পার্ষদরা। হেমমালা ক্ষীরধারের কথা শুনে বিস্মিত অপমানিত ভাবে বলে উঠল, ‘আপনি এ কী বাক্য বলছেন! আমার পরিচয় আমি আপনাকে দিয়েছি। আমি সাধারণ কোনও নারী নই। আমি রাজকন্যা। আপনার এ কথা বলার সাহস হয় কী ভাবে?’

হেমমালার কথা শুনে ক্ষীরধারের ভাবনার কোনও পরিবর্তন হল না। সে বলল, ‘তুমি রাজকন্যা হও বা দাসী, যে-ই হও না কেন, আমার অশ্বে আরোহণ করো। আমার কাছে তোমার একমাত্র পরিচয়, তুমি একজন সুন্দরী নারী।’

ক্ষীরধারের কথা শুনে অপমানিত, ক্রোধান্বিত রাজকন্যা চিৎকার করে বলে উঠলেন, ‘তোমার সঙ্গে বাক্যালাপ করতে ঘৃণা বোধ হচ্ছে। এই মুহূর্তে তুমি এ স্থান ত্যাগ করো, আমার পিতা কলিঙ্গরাজ যদি জানতে পারেন যে তুমি আমাকে অপমানিত করেছ তবে তোমার মৃত্যু অনিবার্য।’

রাজকন্যা হেমমালার কথা শুনে ক্ষীরধার অট্টহাস্য করে উঠল, ‘কলিঙ্গরাজ তো শুনেছি বৌদ্ধধম্ম গ্রহণ করে অস্ত্র ত্যাগ করেছেন! তাঁর যদি ক্ষমতা থাকে তবে তিনি তোমাকে নাহয় অস্মক জয় করে ফিরিয়ে আনবেন। তুমি স্বেচ্ছায় আমার সঙ্গে যেতে না চাইলে আমি বল প্রয়োগ করে তোমাকে হরণ করব। যেমন রাজপুরুষরা করে থাকে। আমার একশত উপপত্নী আছে। তোমাকেও আমি উপপত্নী বানাব।’

রাজকন্যা হেমমালা এবার তাকে ভর্ৎসনা করে বলল, ‘নিরীহ, নিরস্ত্র নারীদের প্রতি বল প্রয়োগ করতে তোর লজ্জাবোধ করে না? পামর, বলছি তুই এ স্থান ত্যাগ কর। আমাকে স্পর্শ করলে তোর সর্বনাশ হবে।’

ক্ষীরধার রাজকন্যার কথায় কোনও কর্ণপাত করল না! উপরন্তু তার সঙ্গীদের উদ্দেশে বলল, ‘অন্য রমণীদেরও ঘোড়ায় তুলে নাও। ওরা তোমাদের উপপত্নী হবে। কলিঙ্গের নারীরা দেখছি সকলেই বড় সুন্দর! সকলেই ক্ষীণ কোটি, ভারী নিতম্ব, বিল্ব স্তনা, সম্ভগের জন্য উপযুক্ত নারী।’

মুহূর্তের মধ্যেই যুবরাজের নির্দেশ পালনে সচেষ্ট হল তার সঙ্গীরা। কেউ রাজকন্যার সখীদের হাত ধরে টেনে, কেউ বা ঘোড়া থেকে নেমে আলিঙ্গন করে তাদের অশ্বে তুলে নেওয়ার চেষ্টা করতে লাগল। যে সরোবর তীর কিছু সময় আগে পর্যন্ত সখীদের আনন্দ-কলহাস্যে মুখরিত ছিল, সেখানেই এবার শোনা যেতে লাগল ভয়ার্ত নারীদের ক্রন্দনধ্বনি আর কামার্ত অস্মক সৈন্যদের উল্লাস। অশ্বপৃষ্ঠে বসে চারপাশের দৃশ্য উপভোগ করতে লাগল ক্ষীরধার! রাজকন্যা হেমমালা ভয়ার্ত ভাবে তাকাতে লাগলেন চারদিকে। এই রাক্ষস বাহিনীকে বাধা দেবার ক্ষমতা তার নেই।

রাজকন্যার কাছেই আতঙ্কিত হয়ে দাঁড়িয়েছিল সখী বিন্দু। একজন অশ্বারোহী এগিয়ে এসে অশ্বপৃষ্ঠ থেকে ঝুঁকে হাত বাড়াল বিন্দুকে টেনে ওপরে তোলার জন্য। চিৎকার করে উঠল বিন্দু। কিন্তু শেষ পর্যন্ত নারকীয় হাত বিন্দুর শরীর স্পর্শ করতে পারল না।

সহসা কোথা থেকে যেন একটা তির এসে বিদ্ধ হল পাপিষ্ঠর বাহুতে! আর সেই তিরের অভিঘাতে মাটিতে ছিটকে পড়ল লোকটা! ব্যাপারটা কী ঘটছে তা বুঝতে একটু সময় লাগল যুবরাজ ক্ষীরধার ও তার অনুচরদের। অরণ্যের আড়াল থেকে ঝাঁকে ঝাঁকে তির ছুটে আসতে লাগল তাদের দিকে। অব্যর্থ লক্ষ্যে সেই তিরগুলো বিদ্ধ হতে লাগল মল্ল দেশের সৈনিকদের শরীরে, তাদের অশ্বের গায়ে! অরণ্যের আড়াল থেকে তাদের লক্ষ করে তির চালাচ্ছে তিরন্দাজরা।

নারীদের ছেড়ে দিয়ে ক্ষীরধারের সঙ্গীরাও এরপর যেদিক থেকে তির আসছে সেদিকে শর নিক্ষেপ করল বটে, কিন্তু তারা সুবিধা করতে পারল না। অজ্ঞাত তিরন্দাজরা দাঁড়িয়ে রয়েছে গাছের আড়ালে আর অস্মক সৈনিকরা রয়েছে উন্মুক্ত স্থানে। কাজেই তিরের আঘাতে বিদ্ধ হতে লাগল ক্ষীরধারের অনুচররাই। তাদের আর্তনাদে ভরে উঠল চারপাশ।

হঠাৎ অস্মক সৈন্যদের একজন বলে উঠল, ‘অনুমান হচ্ছে বিশাল কোনও সেনাবাহিনী এসে উপস্থিত হয়েছে গাছের আড়ালে! আর আমরা মাত্র কয়েকজন সৈনিক! না পালালে আমরা কেউ জীবিত থাকব না।’

লোকটার কথা শুনে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল অস্মক সৈনিকদের মনে। ক্ষীরধারের নির্দেশের তোয়াক্কা না করেই তার সেনারা কেউ ঘোড়ার পিঠে বা কেউ ঘোড়া ফেলে রেখেই নারীদের ত্যাগ করে হ্রদের তীর বরাবর অন্যদিকে ছুটতে শুরু করল। এ ঘটনা দেখে প্রমাদ গুনলেন যুবরাজ ক্ষীরধার। সে-ও অনুমান করল যে এই অদৃশ্য শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। তবে পলায়ন করার আগে সে একবার হেমমালাকে হরণ করার শেষ চেষ্টায় হেমমালার দিকে হাত বাড়াতে যাচ্ছিল, ঠিক সেই সময় একটা তির এসে বিদ্ধ হল তার অশ্বের পাঁজরে। প্রচণ্ড আঘাতে সামনের দু-পা তুলে লাফিয়ে উঠল ঘোটকী। নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে ভূতলে পতিত হল ক্ষীরধার। তলোয়ার খসে পড়ল তার হাত থেকে। বিশালাকার আহত অশ্বও ঢলে পড়ল ক্ষীরধারের শরীরের ওপর। তার তলায় চাপা পড়ে গেল রাজকুমার। শরীরের ওপর থেকে সে ঠেলে সরাবার চেষ্টা করলে লাগল সেই জগদ্দল অশ্বকে।

ঠিক তখনই অরণ্যের আড়াল থেকে আত্মপ্রকাশ করল তিন ধনুর্ধর। তিরের মতোই তারা ছুটে এসে উপস্থিত হল ক্ষীরধার আর তার অশ্বর সামনে। তারা অশ্বের আড়াল থেকে ক্ষীরধারকে উদ্ধার করল এবং দ্রুত তাকে রজ্জুবদ্ধ করে ফেলল।

ঘটনার প্রাথমিক আকস্মিকতা কাটিয়ে ক্ষীরধার ধনুর্ধরদের উদ্দেশে বলল, ‘আমি অস্মক রাজকুমার ক্ষীরধার। তোমরা যেই হোক, আমাকে মুক্ত করে এই নারীদের আমাদের কাছে সমর্পণ করো, আমি তোমাদের প্রভূত পরিমান সম্পদ দিয়ে পুরস্কৃত করব।’

ধনুর্ধরদের সাজপোশাক সাধারণ হলেও তাদের মধ্যে একজন খুবই সৌন্দর্যের অধিকারী। গৌর বর্ণের সুগঠিত চেহারার যুবা পুরুষ। সে যুবকের মুখমণ্ডলে যেন দ্যুতি আছে। ক্ষীরধারের প্রস্তাব শুনে সে বলল, ‘আমরা রত্নলোভী নই। আর যে ব্যক্তি স্ত্রী জাতিকে অসম্মান করে সে যুবরাজ হলেও তার সঙ্গে সখ্যর আগ্রহ আমাদের নেই।’

ক্ষীরধার বলল, ‘তবে কি তোমরা আমাকে হত্যা বা বন্দি করতে চাও? তোমরা ভুলে যেও না আমি একজন রাজপুত্র।’

ধনুর্ধরদের দলপতি বলল, ‘না। তোমাকে আমরা হত্যা বা বন্দি কোনওটাই করব না। তবে তোমার আচরণ যুবরাজ সুলভ নয়। তাই তোমার যুবরাজের মুকুট আমি খুলে নিয়ে তুমি যাতে এ দেশ ছেড়ে দূরে চলে যেতে পারো সে ব্যবস্থা করছি।’

এ কথাগুলো বলে সেই গৌরবর্ণের যুবা পুরুষ কর্তব্য সম্পাদনের জন্য ইঙ্গিত করল তার সঙ্গীদের। তাদের একজন ক্ষীরধারের মাথা থেকে অস্মক রাজবংশের প্রতীকচিহ্ন শোভিত স্বর্ণমুকুট খুলে নিয়ে নিক্ষেপ করল সরোবরের জলে। ক্রোধে-অপমানে থরথর করে কাঁপতে থাকল রজ্জুবদ্ধ ক্ষীরধার। অন্য এক তিরন্দাজ এবার অস্মক সেনাদের একটা ছেড়ে যাওয়া অশ্বের লাগাম ধরে টেনে আনল। দুই ধনুর্ধর ক্ষীরধারকে উল্টো করে বসিয়ে দিল অশ্বের ওপর। তারপর সেই অশ্বর সঙ্গেও ক্ষীরধারকে রজ্জুবন্ধনে আবদ্ধ করল যাতে চলমান অশ্ব থেকে সে ভূপতিত না হয়। গৌরবর্ণের যুবক ব্যাঙ্গ করে ক্ষীরধারকে বলল, ‘মুকুটহীন হলেও আশা করি এই অশ্ব পথ চিনে যুবরাজকে তার রাজ্যে পৌঁছে দেবে।’

প্রচণ্ড ক্রোধে ক্ষীরধার বলল, ‘এ অপমানের শোধ আমি একদিন নেব।’

এরপর সে হয়তো আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু একজন ধনুর্ধর শর নিক্ষেপ করল অশ্বর নিতম্বে। সেই আঘাতে অশ্ব লাফিয়ে উঠে ক্ষীরধারকে নিয়ে প্রচণ্ড গতিতে ছুটতে শুরু করল হ্রদের পাড় ধরে। কিছু সময়ের মধ্যেই রজ্জুবদ্ধ ক্ষীরধারকে নিয়ে সেই অশ্ব অদৃশ্য হয়ে গেল সকলের দৃষ্টিপথের আড়ালে।

সে অদৃশ্য হবার পর সেই গৌরবর্ণের যুবাপুরুষ এসে দাঁড়াল রাজকন্যা হেমমালার সামনে। রাজকন্যার আতঙ্ক তখনও কাটেনি। তা অনুমান করে সেই যুবক হেমমালাকে বলল, ‘আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনি এখন বিপদমুক্ত।’

প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে হেমমালা তাকে নমস্কার জানিয়ে বলল, ‘আমি কলিঙ্গ নরেশ কন্যা হেমমালা। আমার রক্ষাকর্তার পরিচয় ব্যক্ত করুন!’

হেমমালার কথা শুনে, সেই গৌরবর্ণের যুবক বলল, ‘কী আশ্চর্য! আপনি কলিঙ্গর রাজকুমারী! আমি উজ্জয়িনীর রাজপুত্র দন্তকুমার। বুদ্ধ ভক্ত আমি। ভগবানের পবিত্র দন্তধাতু দর্শনের জন্য আমি দন্তপুরের উদ্দেশে রওনা হয়েছি।’

হেমমালা কথাটা শুনে বলল, ‘ভগবান বুদ্ধই আমাদের দুজনের মধ্যে সাক্ষাৎ ঘটালেন। কিন্তু সে দন্তধাতু বর্তমানে নগরীতে নেই। পিতা তা নিয়ে পাটলিপুত্র নগরীতে গমন করেছেন।’

এ কথা শুনে দন্তকুমারের চোখে হতাশা ফুটে উঠল। তিনি বললেন, ‘তবে কি সে দন্তধাতুর দর্শন পাব না আমি?’

হেমমালা তাকে আশ্বস্ত করে বলল, ‘আপনি আমার সঙ্গে দন্তপুর চলুন। রাজ অতিথি হিসেবে আপনি সেখানে অবস্থান করবেন। পিতা ফিরে এলে সেই পবিত্র অস্থি দর্শন করবেন আপনি। আমার জীবন রক্ষাকারীকে সেবা করার সুযোগ দিন।’

দন্তকুমার সম্মত হলেন হেমমালার প্রস্তাবে। তাকে আর সখীদের নিয়ে হেমমালা সেই সরোবর তীর ত্যাগ করে রওনা হল ফেরার জন্য।

ঠিক সেই সময় এ স্থান থেকে বহু দূরে দন্তধাতু বহন করা একদল মানুষ বহু পথ অতিক্রম করে আসার পর দূর থেকে দেখতে পেল কাষ্ঠনির্মিত বিশালাকৃতির এক প্রবেশ তোরণ। রাজা চিত্তযান সেই প্রবেশ তোরণ দেখিয়ে কলিঙ্গ নরেশকে বললেন, ‘ওই হল পাটলিপুত্র নগরীর প্রবেশদ্বার। আমরা পাটলিপুত্র নগরীর কাছে উপস্থিত হয়েছি।’

কলিঙ্গ নরেশ গুহসীব বললেন, ‘ভগবান বুদ্ধ আমাদের নিরাপদে এ স্থানে পৌঁছে দিলেন। ভবিষ্যতে কোনও বিপদ উপস্থিত হলে নিশ্চিত তিনিই আমাদের রক্ষা করবেন।’

এ কথা বলার পর তিনি চিত্তযানকে প্রশ্ন করলেন, ‘নগরীতে প্রবেশ করে কি আমরা রাজপ্রাসাদ অভিমুখে গমন করব? দন্তমন্দিরের প্রধান ভিক্ষু জেতবন বলেছিলেন পাটলিপুত্র নগরীতে নাকি সুভদ্দ নামের প্রাচীন বৌদ্ধ ভিক্ষু আছেন। তিনি প্রয়োজনে আমাদের সাহায্য করতে পারেন।’

চেদীরাজ চিত্তযান বললেন, ‘জম্বুদ্বীপ অধিপতি পণ্ডু সূর্যাস্তের পর কারো সঙ্গে সাক্ষাৎ করেন না। তাছাড়া তাঁর সঙ্গে সাক্ষাতের জন্য তো বটেই, এমন কী নগরীতে প্রবেশ করতেও আমাদের অনুমতির প্রয়োজন। এমন হতেই পারে যে নগরীতে প্রবেশ করা মাত্রই আমাদের বন্দি করা হল। আমি যে বৌদ্ধধম্ম গ্রহণ করেছি সে সংবাদ নিশ্চয়ই এত দিনে গুপ্তচর মাধ্যমে রাজাধীরাজের কাছে পৌঁছে গেছে। ওই বিশাল নগর তোরণ এ স্থান থেকে এখনও বেশ কয়েক যোজন দূর। তোরণের সম্মুখে পৌঁছতে সূর্যাস্তের সময় হয়ে যাবে। বিপদমুক্ত ভাবে আমরা যদি নগরীতে প্রবেশ করতে পারি তবে রাত্রির অন্ধকারে একবার এই সুভদ্দ নামের শ্রমণকে খুঁজে দেখার চেষ্টা করা যেতে পারে। এ নগরী আমার অপরিচিত নয়। পাটলিপুত্র নগরীর এক অংশে বৌদ্ধ শ্রমণদের এক অতিক্ষুদ্র বিহার আছে। সম্ভবত সেই স্থানেই তাকে পাওয়া যাবে। চলুন, দেখা যাক আমাদের সামনে কী প্রতীক্ষা করে আছে।’

মস্তকে ধাতব আধারে ভগবানের পবিত্র দন্তধাতু ধারণকারী কলিঙ্গরাজ গুহসীব আর বুদ্ধ আশ্রিত চেদীরাজ চিত্তযান তাদের মুষ্টিমেয় সঙ্গীদের নিয়ে এগিয়ে চললেন নগর তোরণের দিকে। চারদিক থেকে নানা ছোট-বড় পথ এসে মিলিত হয়েছে তাদের যাত্রাপথে। সে সব পথ বেয়ে আসা নানা শ্রেণির, নানা বর্ণের মানুষজন দেখতে পেলেন তারা। পথিকরা কেউ পদব্রজে, কেউবা অশ্বপৃষ্ঠে বা গো শকটে এগিয়ে চলেছে নগর তোরণের দিকে। কলিঙ্গরাজ যত সে পথে এগোতে লাগলেন জন কোলাহল তত প্রবল হয়ে উঠল। অবশেষে সূর্যাস্তের প্রাকমুহূর্তে পাটলিপুত্র নগরীর প্রবেশ মুখে উপনীত হলেন। প্রস্তর আর কাষ্ঠনির্মিত বিশাল তোরণ। তার শীর্ষে, সমুখভাগে পদচারণা করছে, অস্ত্রধারী সৈনিকেরা। তবে এ তোরণ নগরীতে প্রবেশের প্রধান তোরণ নয়।

পাটলিপুত্র নগরীতে প্রবেশ করার জন্য মোট চৌষট্টিটি সাধারণ তোরণ আছে। এ তোরণ তাদেরই একটা। যে প্রধান তোরণ দিয়ে জম্বুদ্বীপের শ্রেষ্ঠ নরপতি নগরীতে প্রবেশ-প্রস্থান করেন তা আরও বৃহৎ, তার শীর্ষদেশ স্বর্ণ মণ্ডিত। যে স্থানে রক্ষী সংখ্যা আরও প্রবল। বাদ্যযন্ত্রকার, নর্তকীর দল সে স্থানে সর্বদা প্রস্তুত থাকে সম্রাটকে অভ্যর্থনা জানাবার জন্য। সাধারণের প্রবেশ-প্রস্থান নিষিদ্ধ সেই তোরণদ্বার দিয়ে।

সাধারণ তোরণের সামনে উপস্থিত হয়ে কলিঙ্গরাজ গুহসীবকে কিছুটা তফাতে দাঁড় করিয়ে রেখে চেদীরাজ তোরণের দিকে এগোলেন রক্ষী প্রধানের উদ্দেশে। রক্ষীপ্রধানের সামনে তিনি উপস্থিত হতেই রক্ষীপ্রধান প্রচণ্ড বিস্ময় বোধ করল চেদীরাজকে চিনতে পেরে। ইতিমধ্যেই পাটলিপুত্রবাসী এ সংবাদ সম্পর্কে অবগত যে কলিঙ্গরাজকে দমন করার পরিবর্তে চেদীরাজ কলিঙ্গতে উপস্থিত হয়ে বৌদ্ধধম্মে দীক্ষিত হয়েছেন।

নগরীতে এ সংবাদও শোনা যাচ্ছে যে সম্রাট পণ্ডু কিছু দিবসের মধ্যেই কলিঙ্গ প্রদেশে বিশাল সৈন্য বাহিনী প্রেরণ করতে চলেছেন চেদী ও কলিঙ্গ-এ দুই নরপতিকে বন্দি করে আনার জন্য। সেই চেদীরাজ নিজেই এসে উপস্থিত হয়েছেন পাটলিপুত্র নগর তোরণে। রক্ষী প্রধান এরপর যখন চেদীরাজের মুখ থেকে শুনতে পেল যে কলিঙ্গরাজও তাঁর সঙ্গী হয়ে এসেছেন এবং তাঁরা দুই নৃপতি নগরীতে প্রবেশ করতে চাইছেন সম্রাটের সঙ্গে সাক্ষাতের অভিলাষে, তখন সে স্তম্ভিত হয়ে গেল! এ দুই নৃপতির মনে অন্য কোনও অনিষ্টের অভিলাষ নেই তো?

দ্বার রক্ষী কোনও দায়িত্ব গ্রহণ করতে চাইল না। সে চিত্তযানকে বলল, ‘আমি দুঃখিত, এই মুহূর্তে আপনাদের নগরীতে প্রবেশ করতে দিতে অপারগ। তবে আমি আপনাদের আগমন বার্তা নগরীর প্রধান সৈন্যধ্যক্ষর কাছে প্রেরণ করছি। তার সিদ্ধান্তের জন্য প্রতীক্ষা করতে হবে আপনাদের।’

এ কথা বলার পর দ্বাররক্ষী প্রধান সত্যি এক বার্তাবাহককে নগরীর অভ্যন্তরে প্রেরণ করল, এই আশ্চর্য সংবাদ পৌঁছে দেবার জন্য।

কিছুক্ষণের মধ্যেই তোরণের আড়ালে সূর্য ঢলতে শুরু করল। দুই নৃপতি রাত্রিবাসের জন্য আশ্রয় গ্রহণ করলেন প্রধান সড়ক থেকে কিছুটা দূরে ক্ষুদ্র প্রান্তরে বিশাল এক বটবৃক্ষের তলে। কলিঙ্গরাজ গুহসীব সযত্নে দন্তধাতুর আধারটিকে স্থাপন করলেন বৃক্ষতলের প্রস্তর বেদীতে। তার দুই পার্শ্বে বসলেন দুই নৃপতি।

সূর্য ডুবে গেল। প্রবেশ তোরণের মাথায় জ্বলে উঠল সার সার মশালের আলো। থেমে যেতে লাগল জন কোলাহল। নিস্তব্ধ হয়ে গেল চারদিক। সেই প্রাচীন বৃক্ষতলে ভগবানের শেষ চিহ্ন আগলে বসে দুই নৃপতি নিজেদের মধ্যে বাক্যালাপ করতে লাগলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *