২৩
গভীর থেকে আরও গভীরে প্রবেশ করে চলল ভগবানের শেষ চিহ্নবাহী সেই অর্ণবপোত। কখনও সমুদ্র স্রোত আবার কখনও বাতাস ঠেলে নিয়ে চলল সেই বাণিজ্যতরীকে। যেখানে সমুদ্র স্রোত থাকে না সেখানে পাল খাটাতে হয়। বায়ুবাহিত হয়ে তখন এগিয়ে চলে জলযান। বিশালাকৃতির সব পাল। অজস্র কাছি তাদের। পাল খাটানো, নামানো অত্যন্ত পরিশ্রমসাধ্য কাজ। অন্যদের সঙ্গে সে কাজেই নিয়োজিত থাকেন দন্তকুমার। দিনে তো বটেই, কোনও কোনও সময় রাত্রিতেও এ কাজে নিয়োজিত থাকেন তিনি। আর দন্ত ধাতুর আধার কোলে নিয়ে বুদ্ধনাম জপতে জপতে ময়ূরপঙ্খীর খোলে বসে দন্তকুমারের ফেরার জন্য প্রতীক্ষা করে ছদ্মবেশী রাজকন্যা হেমমালা। সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলে ফেরার সময় হয় না দন্তকুমারের। আঁধার নামলে তিনি ফেরেন। রজ্জু টানার কারণে দন্তকুমারের করতলে রক্ত জমাট বেঁধে থাকে। হেমমালা স্বামীর রক্তাক্ত রুক্ষ করতলে প্রদীপের তৈল মর্দন করার পর তাঁর কাছে প্রতিদিনই জানতে চায়, ‘সিংহল দেশ আর কত দূর স্বামী?’
দন্তকুমারও প্রতিদিনই তাকে আশ্বস্ত করে হেসে বলেন, ‘এই তো মাত্র আর ক’দিনের পথ। তুমি চিন্তা কোরো না। ভগবান নিশ্চয়ই আমাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেবেন।’
কিন্তু পথ যেন আর ফুরায় না।
সেদিন এক বিপরীত সমুদ্র স্রোতের মধ্যে এসে উপস্থিত হল সেই মহাতরণী। পালের কাজ শুধু অর্ণবপোতকে এগিয়ে নিয়ে যাওয়া নয়, বিপরীত স্রোতের বিরুদ্ধে লড়াই করে তাকে দিগ্ভ্রষ্ট হতে না দেওয়া। এ পথে অভিজ্ঞ নৌ-কর্মীদের মুখে দন্তকুমার শুনলেন, এই বিপরীত স্রোত অতিক্রম করতে পারলেই নাকি সিংহল যাত্রার পথে আর তেমন কোনও বিঘ্নের সম্মুখীন হতে হবে না। তবে এ স্থানটি বিপজ্জনক। এ স্থানের জলরাশি বিকটাকৃতি হিংস্র মৎস্য, কুম্ভীর ইত্যাদিতে পরিপূর্ণ। তাছাড়া এ স্থান নাগজাতির বাসস্থানের সন্নিকটে।
নাগজাতির মানুষেরা বন্ধুবৎসল নয়, সর্পের মতোই তারা হিংস্র। বিশালাকৃতির এক সর্পকে নাকি তারা দেবতাজ্ঞানে পূজা করে! কোনওভাবে কোনও বর্হিদেশীয় জলযান যদি পথভ্রষ্ট হয়ে নাগ সমুদ্রে, নাগ রাজ্যের কাছে গিয়ে উপস্থিত হয় তবে আর তার রক্ষা নেই! তাই এ স্থানে সতর্কতা অবলম্বন করা বিশেষ প্রয়োজন। তাদের কথা শুনে দন্তকুমার মনে মনে বললেন, ‘হে তথাগত, হে আলোকবর্তিকা, তুমি যেন এ জলযানকে বিপদমুক্ত কোরো।’
এই বিপরীত স্রোতে তরণীর গতিপথ সঠিক রাখার জন্য বেশ কয়েকটা পাল খাটানো হল। এ কাজ সম্পন্ন হতে সারাদিন কেটে গেল। সূর্যাস্তের পূর্বে অধিকারী পালগুলি পরীক্ষা করে নিশ্চিত হয়ে বললেন, ‘আশা রাখি এই “কাল সমুদ্র” অতিক্রম করতে সমর্থ হব আমরা।’
সারাদিনের পাল খাটানোর অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে সূর্যাস্তের পর হেমমালার কাছে ফিরে এলেন দন্তকুমার। জাহাজের খোলের এক কোণে একটা প্রদীপ জ্বালিয়ে পতিসেবায় নিযুক্ত হল রাজকন্যা হেমমালা। দন্তকুমার তাকে জানালেন, ‘এই সমুদ্র অতিক্রম করলেই সিংহল সমুদ্রের কাছে পৌঁছে যাবে এই ময়ূরপঙ্খী।’
এ কথা শুনে হেমমালা বেশ উৎফুল্ল হল। তাঁদের এক পাশে সযত্নে রাখা ধাতুপাত্রর উদ্দেশে হাতজোড় করে প্রণাম জানাল সে। এরপর এক সময় নৈশাহার সাঙ্গ করে শুয়ে পড়ল তাঁরা। সারাদিনের ক্লান্তিতে আর ময়ূরপঙ্খীর দুলুনিতে ঘুম নেমে এল দত্তকুমারের চোখে। নিদ্রামগ্ন হল হেমমালাও।
কিন্তু মধ্যরাত্রে হঠাৎই একটা শব্দে ঘুম ভেঙে গেল তাঁদের। নিস্তব্ধ হয়ে থাকা ধাতুপাত্র থেকে একটা চাপা গম্ভীর নাদ নির্গত হচ্ছে! জেগে উঠেছে ভগবানের শেষ চিহ্ন! তিনি যেন কিছু ইঙ্গিত করছেন তাঁদেরকে! কিছু ঘটছে কি? নিদ্রাভঙ্গ হয়ে উঠে বসার পর গবাক্ষ দিয়ে বাইরের দিকে তাকাল তারা। তমসাময় রাত্রি, বাইরে কিছু নজরে আসছে না তাঁদের। তবে যেন মনে হল ময়ূরপঙ্খীর গতিবেগ বৃদ্ধি পেয়েছে, অতিমাত্রায় দুলছে তরী। দন্তকুমার স্ত্রীকে বললেন, ‘আমার মনে হচ্ছে, কিছু ঘটছে বা ঘটতে চলেছে। আমি উপরে গিয়ে একবার দেখে আসি।’
খোল ছেড়ে ময়ূরপঙ্খীর ওপরে উঠে আসতে অন্ধকারের মধ্যেই দন্তকুমার বুঝতে পারলেন প্রচণ্ড গতিতে ছুটে চলেছে তাদের জলযান। কয়েকটি মশাল জ্বলছিল সে স্থানে। তারই আলোতে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন দন্তকুমার। বড় বড় পালগুলো সব নুইয়ে পড়েছে! তাড়াতাড়ি পালগুলোর কাছে উপস্থিত হতেই আসল কারণটা বুঝতে পারলেন তিনি। কে বা কারা যেন মাস্তুল ও পাটাতনের সঙ্গে কষে বাঁধা পালের রজ্জু বন্ধনগুলো কেটে দিয়েছে। তাই বিপরীত স্রোতের টানে গহিন অন্ধকারের মধ্যে ছুটে চলেছে ময়ূরপঙ্খী। ব্যাপারটা দেখে সবাইকে জাগ্রত করার জন্য চিৎকার শুরু করলেন দন্তকুমার। সেই চিৎকার শুনে ছুটে এল মাঝি দাঁড়িরা। কোনও একটা বিপদ ঘটেছে বুঝতে পেরে সে স্থানে উপস্থিত হলেন অধিকারী সদাশিবও।
তিনি পালগুলোর অবস্থা দেখে বুঝতে পারলেন শুধু বিপদ নয়, মহাবিপদ উপস্থিত হয়েছে তাদের সামনে। এ ঘটনা যে ব্যক্তিই ঘটিয়ে থাকুক না কেন তার পরিণাম মারাত্মক হতে চলেছে। অধিকারীর নির্দেশে পালগুলি খাটাবার জন্য সকলে মিলে একবার শেষ চেষ্টা করা হল ঠিকই, কিন্তু ততক্ষণে নিকষ অন্ধকারের মধ্যে উল্কার গতিতে ছুটতে শুরু করেছে ময়ূরপঙ্খী। তাকে আর নিয়ন্ত্রণে রাখা গেল না। নিজেদেরকে ভাগ্যের হাতে সমর্পণ করে ভোরের আলো ফোটার জন্য প্রতীক্ষা করতে লাগল সবাই। দন্তকুমার আর হেমমালাকে জাগ্রত করে দেবার পর সেই ধাতুপাত্রও আবার নিস্তব্ধ হয়ে গেল। পাত্রটিকে কোলে নিয়ে বুদ্ধের নাম জপতে লাগল হেমমালা।
ভোরের আলো ফুটল এক সময় এবং ময়ূরপঙ্খীর গতিও এক সময় স্থির হয়ে এল। অন্ধকার কেটে যেতেই অধিকারী আর তাঁর লোকজন দেখতে পেল গভীর জঙ্গল আর এক পর্বত সমৃদ্ধ অজানা উপকূলে সমুদ্র স্রোত তাদের জলযানকে এনে ফেলেছে। এরপর সমুদ্রের জলের দিকে তাকাতে সবাই চমকে উঠল। অজস্র সর্প ভেসে বেড়াচ্ছে নদীর জলে। ময়ূরপঙ্খীর কেউ ইতিপূর্বে এ স্থানে না এলেও জায়গাটা অনুমান করতে অসুবিধা হল না তাদের। যে পর্বত দেখা যাচ্ছে তা হল নাগ পর্বত। নাগ রাজ্যে এসে উপস্থিত হয়েছে দিগ্ভ্রষ্ট অর্ণবপোত। ঘটনাটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে শিহরন খেলে গেল সকলের শরীরে। নাগ জাতির মানুষেরা যে অতি ভয়ংকর! এই স্থানে একবার উপস্থিত হলে জীবন রক্ষার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
অধিকারীর নির্দেশে একবার বেশ কয়েকজন মাঝি চেষ্টা করে দেখল যে দাঁড় চালিয়ে কোনওভাবেই ময়ূরপঙ্খীকে দ্বীপের কাছ থেকে দূরে সমুদ্রের দিকে নিয়ে যাওয়া যায় কিনা। কিন্তু সে প্রচেষ্টাও ব্যর্থ হল। ময়ূরপঙ্খী যেন জগদ্দল পাথরের মতো ভারী হয়ে গেছে। সম্ভবত জলযানের তলদেশ মাটিতে আটকে গেছে। কিন্তু জলে নেমে যে কোনওভাবে ময়ূরপঙ্খীকে মুক্ত করা হবে সে উপায় একেবারেই নেই। সর্পকুল এসে ময়ূরপঙ্খীর চারদিকে উপস্থিত হয়েছে। বিশাল বিশাল সর্প জলতল থেকে চার-পাঁচ হাত প্রমাণ শরীর তুলে ছোবল দিচ্ছে ময়ূরপঙ্খীর গায়ে। খোলের গবাক্ষ দিয়ে হেমমালাও দেখতে পেল বাইরের এই দৃশ্য। আতঙ্কিত হেমমালা দন্তধাতুর পাত্রটাকে বুকে আগলে একইভাবে বুদ্ধনাম জপ করে যেতে লাগল।
কিছু সময়ের মধ্যেই নাগরাজ্যের বাসিন্দাদের আবির্ভাব ঘটল। কয়েক শত মানুষ জঙ্গলের বাইরে বেরিয়ে এল। তাদের সঙ্গে ধনুর্বাণ ইত্যাদি অস্ত্র। কৃষ্ণ বর্ণের লোকগুলো এরপর সমুদ্রতটে দাঁড়িয়ে ময়ূরপঙ্খী লক্ষ্য করে তির নিক্ষেপ করতে শুরু করল। তাদের তিরের আঘাত থেকে বাঁচবার জন্য সবাই নানান স্থানে আশ্রয় নিতে লাগল। দন্তকুমার আর অধিকারী সদাশিব গিয়ে আশ্রয় নিলেন জলযানের প্রধান মাস্তুলের আড়ালে। ঝাঁকে ঝাঁকে তির ছুটে আসছে, তার মধ্যে তাঁরা দুজন নিজেদের কোনওরকম রক্ষা করতে লাগলেন।
তাদের কিছুটা তফাতে একটা কাঠের পাঠাতনের আড়ালে আত্মগোপন করেছিল একজন মাঝি। হঠাৎ একটা তির মাস্তুলের গায়ে আঘাত হেনে দিগ্ভ্রষ্ট হয়ে সেই মাঝির বাহুতে মৃদু আঘাত হানল। মাঝির শরীর থেকে মাত্র কয়েক বিন্দু রক্তপাত হল তাতে। কিন্তু এর কয়েক মুহূর্তের মধ্যেই প্রচণ্ড যন্ত্রণায় আর্তনাদ করে মাটিতে গড়িয়ে পড়ল লোকটা। নীল হয়ে গেল লোকটার শরীর। তারপর দন্তকুমারের চোখের সামনে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ল সে। তা দেখে দন্তকুমার আর অধিকারী বুঝতে পারলেন নাগরাজ্যের বাসিন্দাদের তিরের ফলায় তীব্র বিষ মাখানো আছে। সাপের বিষ। এরপর তাঁরা দেখতে পেলেন ইতিমধ্যে নাগরাজ্যের বেশ কিছু অধিবাসী নৌকা নিয়ে জলে নেমে পড়েছে, ময়ূরপঙ্খীর দিকে এগিয়ে আসার জন্য। অধিকারীর জলযানে সামান্য কিছু অস্ত্র আছে ঠিকই কিন্তু তিনি বুঝতে পারলেন তা দিয়ে ওই হিংস্র মানুষদের প্রতিহত করা যাবে না। তাই তিনি দন্তকুমারকে বললেন আমরা আত্মসমর্পণ করব। আমাদের সর্বস্ব হরণ করে নিয়ে যাক ওরা। কিন্তু আত্মসমর্পণ করলে হয়তো বা আমাদের জীবন রক্ষা হতে পারে।
দন্তকুমার বললেন, ‘তবে তাই করুন। মানুষের জীবনের চাইতে আর কোনও কিছুর দামই বেশি নয়।’
অধিকারীর নির্দেশে এরপর কোনওক্রমে ময়ূরপঙ্খীর মাথায় সাদা পতাকা উড়িয়ে দেওয়া হল। এতে কিছুটা কাজ হল। অর্ণবপোতের বন্দিদের অভিপ্রায় বুঝতে পেরে তির নিক্ষেপ বন্ধ করল দ্বীপবাসীরা। নৌকা নিয়ে তারা এগিয়ে আসতে লাগল ময়ূরপঙ্খীর দিকে। হেমমালাও বাণিজ্যতরীর অন্ধকার খোলে বসে এই দৃশ্য প্রত্যক্ষ করল। স্বামীর অনিষ্ট হবার আশঙ্কা বিচলিত করে তুলল তাকে। সে আর কালবিলম্ব না করে ধাতুপাত্রটাকে বুকে আঁকড়ে ধরে বুদ্ধ নাম জপতে জপতে খোল ছেড়ে উপরে উঠে স্বামীর পাশে এসে দাঁড়াল। অধিকারী সদাশিব বাণিজ্য তরণীর সবাইকে নির্দেশ দিলেন জাহাজের মাস্তুলগুলোর সামনে সারবদ্ধ হয়ে দাঁড়াতে। তাঁর নির্দেশ পালন করল সবাই।
কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকটা ছোট বড় নৌকা নিয়ে অর্ণবপোতকে চারপাশ থেকে ঘিরে ধরল দ্বীপবাসীরা। এরপর দড়ির মই বেয়ে ময়ূরপঙ্খীতে উঠে পড়ল। ভীষণাকৃতির সব লোক। কৃষ্ণবর্ণ, অর্ধনগ্ন চেহারা। তাদের কণ্ঠে মালার মতো জড়ানো আছে বিষধর সব সর্প। হাতে বিভিন্ন ধরনের সব অস্ত্র। ময়ূরপঙ্খীর বাসিন্দাদের ঘিরে ধরল তারা। হিংস্র দ্বীপবাসীদের যে দলপতি তার চেহারা অনেকটা রাক্ষসের মতো প্রকাণ্ড। তার গলায়, বাহুতে, কোমরে জড়ানো আছে অনেকক’টা বিষধর সর্প। লোকটার চোখের দৃষ্টিও সাপের মতো হিংস্র। তীক্ষ্ণ দৃষ্টিতে সে পর্যবেক্ষণ করতে লাগল সবাইকে। অধিকারী নাগ দলপতির উদ্দেশে বলল, ‘আমাদের যে সম্পদ আছে তা তোমরা নিয়ে যাও কিন্তু আমাদের হত্যা কোরো না।’
অধিকারী সদাশিবের কথার জবাবে দ্বীপবাসীদের দলপতি বিজাতীয় ভাষায় কর্কশভাবে যা বলল, তাতে দন্তকুমাররা বুঝতে পারলে, ওরা তাদের সবাইকে দ্বীপে নিয়ে যাবে।
ইতিমধ্যে আরও বেশ কিছু নৌকা এসে ভিড়ল ময়ূরপঙ্খীর গায়ে। অধিকারী ও দন্তকুমার বুঝতে পারলেন এদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনও লাভ হবে না। কাজেই নাগ দলপতির নির্দেশই পালন করার জন্য অধিকারী নির্দেশ দিলেন সবাইকে। ময়ূরপঙ্খী থেকে দ্বীপবাসীদের নৌকায় নামতে শুরু করল। হেমমালা আর দন্তকুমারও ময়ূরপঙ্খী ছেড়ে উঠে বসল সর্পধারী, অস্ত্রধারী ভয়ংকর দ্বীপবাসীদের নৌকাতে। নাগরাজ্যের বাসিন্দারা এর পর বন্দিদের নিয়ে রওনা হল দ্বীপের দিকে। কেউ যে দ্বীপবাসীদের থেকে বাঁচার জন্য সমুদ্রে ঝাঁপ দেবে সে উপায়ও নেই। চারপাশে কিলবিল করছে বিষধর সব সর্প। তাদের বিষে সমুদ্রের জল কৃষ্ণবর্ণ ধারণ করেছে। এমন ভয়ংকর সমুদ্র তীর ইতিপূর্বে কেউ কখনও দেখেনি। বন্দিদের নিয়ে দ্বীপবাসীরা পৌঁছে গেল তটভূমিতে। দ্বীপের যে বাসিন্দারা সেখানে দাঁড়িয়ে ছিল তারা হিংস্র উল্লাসধ্বনি করে উঠল বন্দিদের দেখে।
অর্ণবপোতের যাত্রীদের মাটিতে নামানোর পর দ্বীপবাসীরা বর্শার কাষ্ঠদণ্ড ধনুক ইত্যাদি দিয়ে ঠেলতে ঠেলতে বন্দিদের নিয়ে চলল দ্বীপের গভীরে। সর্পময় দ্বীপ জঙ্গলের গাছের গুঁড়িতে শাখায় জড়িয়ে আছে নানান ধরনের সর্প। বাতাসে তাদের ফোঁসফোঁস শব্দ। আতঙ্কিত রাজকন্যা হেমমালাও বুদ্ধনাম স্মরণ করতে করতে এগিয়ে চলল দন্তকুমারের সঙ্গে সঙ্গে। ক্রমশ এগিয়ে আসতে লাগল নাগ পর্বত। আর দন্তকুমারদের কানে সেদিক থেকে ভেসে আসতে লাগল আরও অনেক দ্বীপবাসীদের সমবেত কোলাহল আর বাদ্যযন্ত্রের শব্দ।
জঙ্গল থেকে বেরিয়ে এক সময় নাগ পর্বতের সামনে এসে উপস্থিত হল বন্দিরা। তারা সেখানে দেখতে পেল, নাগ পর্বতের নিম্নভাগে একটা বিশাল আকৃতির গুহামুখ আছে। তার কিছুটা তফাতে উন্মুক্ত আকাশের নিচে সমবেত হয়েছে এই দ্বীপের বাসিন্দারা। পুরুষ-নারী সবাই আছে। নাগ পুরুষদের মতো নাগ রমণীরাও সর্পভূষণে সজ্জিতা। সর্প দিয়ে কেশ বন্ধন করেছে তারা। হিংস্রতার ছাপ তাদেরও মুখমণ্ডলে।
নাগ-পর্বতের পাদদেশে উপস্থিত হওয়া দ্বীপবাসীরা কেউ চিৎকার করছে, কেউবা বাদ্যযন্ত্র বাজাচ্ছে। দন্তকুমার তা দেখে অনুমান করলেন, সম্ভবত আজ তাদের কোনও উৎসবের দিন। ময়ূরপঙ্খীর সবাইকে তাদের কাছে নিয়ে গিয়ে দাঁড় করানো হল। বন্দিদের দেখতে পেয়ে সেই সব দ্বীপবাসীদের উল্লাস যেন দ্বিগুণ হয়ে উঠল। আরও জোরে বাজানো হতে থাকল বাদ্যযন্ত্র।
কিছু সময় ধরে তাদের নাচ, গান চলার পরে দ্বীপবাসীদের উদ্দেশে তাদের দলপতি কী যেন নির্দেশ দিল। সঙ্গে সঙ্গে দ্বীপবাসীরা থেমে গিয়ে গুহার দিকে মুখ করে দাঁড়িয়ে পড়ল। চারপাশটা হঠাৎই যেন ভয়ঙ্কর রকম নিস্তব্ধ হয়ে গেল।
নাগ দলপতি অধিকারীর উদ্দেশে গুহার দিকে দেখিয়ে কিছু একটা বলল। তারপর একজন মাঝির হাত ধরে টান দিল। তা দেখে দন্তকুমার অনুমান করলেন ময়ূরপঙ্খীর লোকটাকে তারা গুহার দিকে টেনে নিয়ে যেতে চাইছে। সম্ভবত তাকে সেখানে নিয়ে গিয়ে হত্যা করবে দ্বীপবাসীরা। কয়েকজন দ্বীপবাসী লতার রজ্জু নিয়ে এগিয়ে এল সেই মাঝির কাছে তাকে রজ্জুবদ্ধ করার জন্য। দন্তকুমারের সেই সহযাত্রীও ব্যাপারটা অনুমান করে আতঙ্কে অধিকারীর দিকে তাকিয়ে আর্তনাদ করে বলে উঠল, ‘আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। আমার গৃহে ছোট ছোট পুত্র কন্যা আছে, তারা আমার গৃহে ফেরার জন্য প্রতীক্ষা করছে। আমার বৃদ্ধ পিতামাতা আর স্ত্রীও পথ চেয়ে বসে আছে আমার জন্য। দোহাই আমাকে বাঁচান!’
কিন্তু অধিকারী তাকে এই সমগ্র নাগরাজ্যের বাসিন্দাদের হাত থেকে রক্ষা করবেন কীভাবে? অসহায় ভঙ্গিতে নিশ্চুপ ভাবে দাঁড়িয়ে রইলেন তিনি। লোকটার মর্মস্পর্শী আবেদন স্পর্শ করল দন্তকুমারের মনকে। তিনি বললেন, ‘ওর পরিবর্তে আমি যাব।’—এ কথা বলে তিনি নাগ দলপতির সামনে গিয়ে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন সেই মাঝির পরিবর্তে তাকে যেন রজ্জুবদ্ধ করা হয়। ব্যাপারটা বুঝতে পেরে কেমন যেন একটা অদ্ভুত হাসি ফুটে উঠল নাগ দলপতির মুখে।
মাঝিকে ছেড়ে দিয়ে এরপর দন্তকুমারকেই রজ্জুবদ্ধ করা হল। লোকগুলো তাঁকে গুহার দিকে টেনে নিয়ে যাওয়ার আগে দন্তকুমার শুধু হেমমালার উদ্দেশে বললেন, ‘তুমি ভগবানের শেষ চিহ্নকে আগলে রাখো। ভগবানের যা ইচ্ছা তাই ঘটবে। তাঁকে স্মরণ করো।’ দন্তকুমারের হাত-পা সবই বেঁধে ফেলা হয়েছিল। তাঁর হাঁটার ক্ষমতাও ছিল না। কয়েকজন দ্বীপবাসী তাঁকে মাটি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে গুহামুখের কিছুটা তফাতে রেখে দ্রুত আবার নিজের স্থানে ফিরে এল। দন্তকুমারের সামনেই অন্ধকার গুহামুখ।
নাগ দলপতির নেতৃত্বে এরপর নাগরাজ্যের বাসিন্দারা গুহার দিকে মুখ করে মাথা ঝুঁকিয়ে অদ্ভুত স্বরে কী যেন বলতে শুরু করল। তা দেখে দন্তকুমারের মনে হল, তারা যেন মন্ত্রোচ্চারণ করে তাদের কোনও দেবতাকে আহ্বান জানাচ্ছে। কে সেই দেবতা? রাজকন্যা হেমমালা দ্বীপবাসীর আচরণ দেখে বুঝতে পারলেন কোনও ভয়ংকর ঘটনা ঘটতে চলেছে। সে ভগবানের ধাতুপাত্রটা বুকে জড়িয়ে বলতে লাগল, ‘হে তথাগত, হে মহাজ্ঞানী করুণাময়, তুমি আমার স্বামীকে বিপদ থেকে রক্ষা করো, রক্ষা করো।’ আর দন্তকুমার তথাগতর উদ্দেশে বললেন, ‘আমি মরতে ভয় পাই না। আপনি শুধু আমার কর্তব্য পালনের সুযোগ করে দিন। আপনার শেষ চিহ্নকে নিরাপদে সিংহল দ্বীপে পৌঁছে দিতে দিন। তারপর যদি আমার মৃত্যু নেমে আসে, তবে আমি হাসি মুখে সে মৃত্যুকে বরণ করে নেব।’
দ্বীপবাসীদের মন্ত্রোচ্চারণ বেশ কিছু সময় ধরে চলার পর হঠাৎ থেমে গেল। অন্ধকার গুহামুখের ভিতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগল দন্তকুমারের কানে। কেউ যেন তার বিশাল দেহ মাটির ওপর দিয়ে টেনে নিয়ে আসছে গুহার বাইরে বের হওয়ার জন্য। আর এর কয়েক মুহূর্তের মধ্যে অন্ধকার গুহার ভেতর থেকে যে সূর্যালোকে আত্মপ্রকাশ করল, তাকে দেখে আতঙ্কে মূর্ছা যাবার উপক্রম হল ময়ূরপঙ্খীর যাত্রীদের।
বিশালাকার এক অজগর সর্প। নাগ পর্বতের নাগ দেবতা। যার উপাসনা করে নাগরাজ্যের বাসিন্দারা। বাইরে বেরিয়ে আসার পর সেই মহাসর্প একবার তার মুখ হাঁ করল। তার মুখগহ্বর এতটাই বৃহৎ যে একটা গাভীকে সে মুহূর্তের মধ্যে ভক্ষন করতে পারে। দন্তকুমারকে যে মহাসর্পের ক্ষুধা মেটাবার জন্যই উৎসর্গ করা হয়েছে তা বুঝতে অসুবিধা হল না। ধীরে ধীরে এরপর সেই নাগরাজ রজ্জুবদ্ধ দন্তকুমারের দিকে এগিয়ে আসতে লাগল, তাকে গলাধঃকরণের জন্য। আর সেই দৃশ্য দেখে আতঙ্কিত হেমমালা চোখ মুদে বলে যেতে লাগল, ‘হে ভগবান রক্ষা করো, রক্ষা করো আমার স্বামীকে।’
নাগ দেবতা এসে উপস্থিত হল দন্তকুমারের সামনে। কী হিংস্র তার দৃষ্টি! অকুতোভয় দন্তকুমার চেয়ে রইলেন তার চোখের দিকে। কিছুক্ষণ তারা পরস্পরের দিকে তাকিয়ে থাকার পর সেই মহাসর্প মাটি থেকে তার ঘাড়টা বেশ কিছুটা ওপরে তুলল দন্তকুমারকে তার মুখগহ্বরে নেবার জন্য। ঠিক সেই সময় হঠাৎই যেন মাথার ওপর সূর্যটা ঢেকে গেল। আকাশ থেকে একটা কর্কশ চিৎকার ভেসে এসে তা প্রতিধ্বনিত হতে লাগল নাগ পর্বতে। তা শুনে আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল সকলে। বিশাল এক পক্ষী কোথা থেকে যেন এসে উপস্থিত হয়েছে নাগ পর্বতের আকাশে। তার ডানা দুটো এত বিশাল যে তাদের আড়ালে সূর্যও মাঝে মাঝে ঢেকে যাচ্ছে। মহাসর্পের মতো এ পক্ষীও মহাপক্ষী। তাকে দেখামাত্রই নাগ দেবতাও কেমন যেন থমকে গেল। একটা চঞ্চলতা শুরু হল দ্বীপবাসীদের মধ্যে। আকাশে পাক খেতে খেতে ক্রমশ নিচে নামতে শুরু করল পাখিটা। দন্তকুমার চিনে ফেললেন পাখিটাকে। কাব্য কাহিনিতে তিনি শুনেছেন এই পাখির কথা। সর্পকুলের মৃত্যুদূত এই গরুড় পক্ষী। বিশাল তার চঞ্চু আর নখরযুক্ত পদ।
পাখিটা এরপর বিদ্যুৎ গতিতে নেমে এল নাগ দেবতার দিকে। নাগ দেবতা কিছু করে ওঠার আগেই গরুড় পক্ষী তার বিশাল চঞ্চু দিয়ে আঘাত হানল মহাসর্পর মস্তকে। তার সেই এক আঘাতেই ভয়ঙ্কর দেবতার মস্তক ছিন্নভিন্ন হয়ে গেল। মাটিতে লুটিয়ে পড়ল সেই সর্প। গরুড় দেবতা এরপর আক্রমণ শুরু করল নাগরাজ্যের বাসিন্দাদের উপর। তার নখরাঘাতে, চঞ্চুর আঘাতে মাটিতে লুটিয়ে পড়তে লাগল তারা। প্রাণ রক্ষার্থে তারা আর্তনাদ করতে লাগল, পলায়ন করতে লাগল আরও গভীর জঙ্গলের মধ্যে। কিছুক্ষণের মধ্যে অন্তর্হিত হল তারা সকলে। সে স্থানে শুধু রয়ে গেল ময়ূরপঙ্খীর যাত্রীরা আর সর্প দেবতার মৃতদেহ। গরুড় পক্ষী কিন্তু তাদেরকে বিপদমুক্ত করে আকাশ ছেড়ে গেল না। মাথার ওপরের আকাশে সে উড়ে বেড়াতে লাগল। অধিকারী সদাশিব এরপর বন্ধনমুক্ত করলেন দন্তকুমারকে। ভগবানের শেষ চিহ্নকে বুকে আগলে তাঁর নাম স্মরণ করতে করতে কখন যেন মূর্ছিত হয়ে পড়েছিল রাজকন্যা হেমমালা। দন্তকুমারের চেষ্টায় জ্ঞান ফিরল তার।
হেমমালা দেখল ভগবান বুদ্ধ তার ডাকে সাড়া দিয়েছেন। এরপর তারা রাওনা হল সমুদ্র তীরে ফেরার জন্য। আর গরুড় পক্ষীও তাদের মাথার ওপর দিয়ে ধীরে ধীরে উড়ে চলল, তাদেরকে রক্ষা করার জন্য। তার ভয়ে সর্পকুল উধাও হয়ে গেল হেমমালাদের যাত্রাপথ থেকে। এক সময় সমুদ্র তীরে পৌঁছে গেল তারা। সেই বিশাল পক্ষী একবার সমুদ্রের আকাশে পাক খেতেই তাকে দেখে সর্পকুল তাদের নিজেদের প্রাণ বাঁচাতে নিমেষে অদৃশ্য হয়ে গেল সমুদ্রের গভীরে। নাগ রাজ্যের বাসিন্দাদের নৌকাগুলো নিয়েই এরপর সবাই এগোল ময়ূরপঙ্খীর দিকে। আর কোনও বিপদ ঘটল না। সবাই নিরাপদে এসে উঠে পড়ল ময়ূরপঙ্খীতে। তাদের ত্রাতা সেই গরুড় পক্ষী এসে স্থির হল ময়ূরপঙ্খীর মাথার আকাশে। তার ডানার পালকগুলো এরপর ফুল হয়ে বর্ষিত হতে লাগল বুকে ভগবানের শেষ চিহ্ন নিয়ে দাঁড়িয়ে থাকা হেমমালার ওপর।
তারপর একসময় পালকহীন শরীরের ভিতর থেকে আবির্ভূত হলেন এক জ্যোতির্ময় মানব। হাতজোড় করে আকাশ থেকে সেই দেবতা প্রণাম জানালেন দন্তধাতুর উদ্দেশে। তারপর মিলিয়ে গেলেন আকাশের বুকে। আর এরপরই দুলে উঠল ময়ূরপঙ্খী, আপনা থেকেই ঘুরে গেল তার অভিমুখ নির্দিষ্ট দিকে। কোথা থেকে যেন বাতাস বইতে শুরু করল। বন্ধনমুক্ত হয়ে আবারও সমুদ্রের বুকে ভেসে চলল ভগবানের শেষ চিহ্নবাহী ময়ূরপঙ্খী নাও। আর বেশি দূরে নয় সিংহলের পথ।
