শেষ চিহ্ন – ২০

২০

দন্তমন্দিরের এ কক্ষে একটা মৃৎ প্রদীপ জ্বলছে। তাকে ঘিরে ভূমিতে উপবিষ্ট তাঁরা চারজন।

কয়েক মুহূর্ত প্রদীপের কম্পমান শিখার দিকে তাকিয়ে নিশ্চুপভাবে বসে রইলেন তাঁরা। তারপর কলিঙ্গ নরেশ দন্তকুমারকে প্রশ্ন করলেন, ‘আজ যুদ্ধের গতিপ্রকৃতি কী?’

যদিও উত্তরটা তার জানা, তবুও তিনি সংবাদটা জামাতার মুখ থেকে জানতে চাইলেন।

দন্তকুমার জবাব দিলেন, ‘আমাদের সৈন্যর সংখ্যা নিঃশেষ হয়ে গেছে। সাধারণ কলিঙ্গবাসীরা প্রতিরোধ চালাচ্ছে অস্মক বাহিনীর বিরুদ্ধে। কলিঙ্গবাসীদের মধ্যে আজকে অনেকে এই দন্তমন্দির রক্ষা করার জন্য নিজেদের জীবন উৎসর্গও করেছেন। কিন্তু অস্ত্রধারী বিশাল সৈন্য বাহিনীর বিরুদ্ধে সাধারণ গৃহবাসীরা আর কতক্ষণ, কতদিনই বা প্রতিরোধ চালাতে পারবেন? সম্ভবত আর দুই দিনের মধ্যেই এ যুদ্ধ শেষ হয়ে যাবে। অস্মক বাহিনী প্রবেশ করবে দন্তপুরে। তারপর কী ঘটবে তা একমাত্র তথাগতই জানেন। আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে।’—এই বলে হতাশায় মাথা ঝোঁকালেন দন্তকুমার।

দন্তমন্দিরের প্রধান পুরোহিত জেতবনও কণ্ঠে বিষণ্ণতা ফুটিয়ে বললেন, ‘তাহলে আমরা সত্যিই রক্ষা করতে পারলাম না এই দন্তমন্দির, ভগবানের শেষ চিহ্নকে! প্রাচীন সন্ন্যাসী ভবিষ্যদ্রষ্টা কুকুসন্ধর ভবিষ্যদ্বানী সত্যি হল। তিনি সমুদ্রর দিকে অঙ্গুলি নির্দেশ করেছিলেন পবিত্র দন্তধাতুর ভবিষ্যৎ সম্পর্কে। তাহলে শত্রু বাহিনী ওই পবিত্র দন্তধাতুকে স্পর্শ করার আগে আমাদেরই ধাতু পাত্রটি নিক্ষেপ করতে হবে সমুদ্রর জলে।

কলিঙ্গ নরেশ গুহসীব বললেন, ‘না, ধাতু পাত্রটিকে রক্ষা করতে হবে আমাদেরই। মহাজ্ঞানী কুকুসন্ধ সমুদ্রর দিকে অঙ্গুলি নির্দেশ করেছিলেন ভগবানের শেষ চিহ্নকে সমুদ্রর জলে নিক্ষেপ করার জন্য নয়। তিনি আসলে ভগবানের শেষ চিহ্ন কীভাবে রক্ষা করা যাবে তার পথ নির্দেশ করেছেন।’

কলিঙ্গ নরেশের কথার অর্থ না বুঝতে পেরে দন্তকুমার ও জেতবন তাঁকে প্রশ্ন করলেন, ‘কুকুসন্ধ পবিত্র ধাতুটিকে রক্ষা করার জন্য আমাদের কী পথ নির্দেশ করেছেন?’

কলিঙ্গ নরেশ এরপর প্রথমে গত রাতে দেখা স্বপ্নটি ব্যক্ত করলেন তাঁদের কাছে। তারপর বললেন, ‘আমি যখন জম্বুদ্বীপের সম্রাট পণ্ডুর রাজধানীতে অবস্থান করছিলাম, তখন একবার সুদূর সিংহল দ্বীপ থেকে সিংহল অধিপতি মহাদিসেন ভগবানের পবিত্র ধাতুটি দর্শন করতে এসেছিলেন। পরম বুদ্ধভক্ত মহাদিসেন আমাকে দন্তধাতুটি নিয়ে তাঁর দেশে যাবার জন্য আমন্ত্রণও জানিয়ে গেছিলেন। স্বপ্নে আমি যা দেখলাম, শুনলাম তাতে আমার স্থির বিশ্বাস ওই মন্দিরটি সিংহলেই অবস্থিত। সেখানকার স্থানীয় মানুষ-শ্রমণদের মতো আমার সঙ্গে সাক্ষাৎ হওয়া সিংহল নৃপতির গায়ের রং-ও ছিল ঘোর কৃষ্ণবর্ণের। জম্বুদ্বীপ থেকে বৌদ্ধধম্ম মুছে যেতে থাকলেও সিংহলের রাজধর্ম বৌদ্ধ। একমাত্র সেখানে গেলেই পবিত্র ধাতুটি রক্ষা পাবে। মহাজ্ঞানী কুকুসন্ধ সমুদ্রর দিকে আঙুল দেখিয়ে তাকে রক্ষা করার জন্য ও পথে যেতে বলেছেন। ওই মহাসমুদ্র অতিক্রম করতেই তো সিংহল যেতে হয়।’

দন্তমন্দিরের প্রধান পুরোহিত জেতবন বললেন, ‘তবে তো জম্বুদ্বীপ ত্যাগ করতে হবে ভগবানের শেষ চিহ্নকে।’

রাজা গুহসীব বললেন, ‘হ্যাঁ, আজ নিজ কর্মভূমে ঠাঁই হল না ভগবানের শেষ চিহ্নর। যদি আমরা ভগবানের পবিত্র ধাতুটিকে শেষ পর্যন্ত সিংহলপতি মহাদিসেনের হাতে তুলে দিতে পারি, তারপর যদি কোনও দিন তথাগত চান, তবে তাঁর শেষ চিহ্ন আবার নিশ্চয়ই জম্বুদ্বীপে ফিরে আসবে। হয়তো বা তার জন্য আরও সহস্র বছর প্রতীক্ষা করতে হবে জম্বুদ্বীপবাসীদের।

দন্তমন্দিরের প্রধান পুরোহিত জেতবন বললেন, ‘কিন্তু সিংহল তো অতি দূরের পথ। ঝঞ্ঝা সঙ্কুল সমুদ্র অতিক্রম করে সে দেশে পৌঁছন যাবে? সে পথ পাড়ি দেবার অভিজ্ঞতা তো আমাদের কারো নেই। কীভাবে তা সম্ভব?’

কলিঙ্গ নরেশ বললেন, ‘যে ভাবেই হোক আমাদের এ কার্য সম্পন্ন করতে হবে। আর এক বা দুই দিবসের মধ্যেই দন্তপুর অধিকার করবে অস্মক সেনারা। আমরা নিজেদের মৃত্যু প্রত্যক্ষ করতে পারি, কিন্তু কীভাবে প্রত্যক্ষ করব যে আমাদের চোখের সামনে তারা ধ্বংস করছে ভগবানের শেষ চিহ্নকে?’

এ কথা বলে কয়েক মুহূর্ত চুপ করে রইলেন বৃদ্ধ কলিঙ্গ নরেশ গুহসীব। তারপর আবেগ মথিতভাবে জামাতা দন্তকুমারের হাত স্পর্শ করে বললেন, ‘আমি এবং ভিক্ষু জেতবন বৃদ্ধ হয়েছি। এই মহাযাত্রার পরিশ্রম সহ্য করতে গেলে হয়তো বা পথের মধ্যেই আমাদের মৃত্যু ঘটবে, দন্তধাতুকে পৌঁছে দেওয়া যাবে না গন্তব্যে। একমাত্র তুমিই পারবে এই মহা সমুদ্র, দুর্গম যাত্রাপথ অতিক্রম করে ভগবানের শেষ চিহ্নকে সিংহল দ্বীপে পৌঁছে দিতে। তোমাকে এ অনুরোধ জানাবার জন্যই এ সভা। জানি তোমার এই যাত্রাপথে পদে পদে বিপদ ওত পেতে থাকবে, তবুও কেউ যদি এ কাজ সম্পন্ন করতে পারে তবে তুমিই পারবে।’

মহারাজ গুহসীবের প্রস্তাব শুনে দন্তকুমার বললেন, ‘ভগবান বুদ্ধর শেষ চিহ্নকে রক্ষা করার জন্য আমি মৃত্যুবরণ করতেও রাজি। এ দায়িত্ব গ্রহণ করতে আমি রাজি। কিন্তু আমি তো পথ চিনি না। কোন পথে আমি, কীভাবে সমুদ্র পাড়ি দেব?’

ভিক্ষু জেতবন একথা শুনে একটু ভেবে নিয়ে বললেন, ‘কলিঙ্গর উত্তর-পশ্চিম দিকে প্রাচীন বন্দর তাম্রলিপ্তি। সেখান থেকে বিশালাকৃতির সব বানিজ্যপোত, ময়ূরপঙ্খী নৌকা সিংহলসহ নানান দ্বীপভূমির দিকে যাত্রা করে। সম্রাট অশোকের নির্দেশে তাঁর পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রা বোধিবৃক্ষর চারা নিয়ে একদা ওই তাম্রলিপ্তি বন্দর থেকেই সিংহল পাড়ি দিয়েছিলেন বৌদ্ধধম্ম প্রচারের উদ্দেশে। ও পথেই যেতে হবে তোমাকে।’

দন্তকুমার জানতে চাইলেন, ‘দন্তপুর থেকে তাম্রলিপ্তি বন্দরের দূরত্ব কত?’

কলিঙ্গ নরেশ বললেন, ‘শুনেছি সমুদ্র উপকূল ধরে সে স্থানে পদব্রজে পৌঁছতে এক পক্ষকালের কিছু অধিক সময় লাগে। ও ভাবেই তোমাকে তাম্রলিপ্তি বন্দরে পৌঁছতে হবে।’

দন্তকুমার বললেন, ‘তবে, ও ভাবেই আমি পৌঁছাব তাম্রলিপ্তিতে।’

রাজা গুহসীব বললেন, ‘আর বিলম্ব করা চলবে না। আজ রাতের অন্ধকারেই তোমাকে রওনা দিতে হবে সে পথে।’

এ কথা বলার পর রাজা গুহসীব তাঁর কন্যা হেমমালার উদ্দেশে বললেন, ‘তুমি দন্তকুমারের অর্ধাঙ্গিনী। দন্তকুমার যে পথে যাত্রা করবে সে পথ অত্যন্ত বিপদ সঙ্কুল। এমনও হতে পারে, সে আর কোনও দিন ফিরতে পারল না কলিঙ্গে বা জম্বুদ্বীপে। স্বামীর ওপর স্ত্রীরও অধিকার বর্তমান। তাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে তোমার মতামত জানাও প্রয়োজন।’

কলিঙ্গ নরেশের কথা শুনে হেমমালা বলল, ‘পতিব্রতা স্ত্রীর কর্তব্য হল স্বামীর অনুগামী হওয়া। সুখে, দুঃখে, যে-কোনও কঠিন পরিস্থিতিতে তাঁর সঙ্গদান করা। এই ভয়ঙ্কর দুর্যোগের দিনে স্বামীর যাত্রাপথে আমিও তাই স্বামীর সঙ্গে থাকতে চাই। আপনি আমাকে স্বামীর সঙ্গিনী হবার জন্য অনুমতি প্রদান করুন।’

দন্তকুমার তাঁর প্রতি স্ত্রীর ভালোবাসা দেখে যারপরনায় আনন্দিত হলেন ঠিকই, কিন্তু স্ত্রীর বিপদের আশঙ্কায় তিনি হেমমালাকে বললেন, ‘আমি সম্পূর্ণ অচেনা পথে পাড়ি দিতে চলেছি হেমমালা। যে পথে প্রতি মুহূর্তে হয়তো কালনাগিনীর মতো বিপদ ওত পেতে থাকবে। তাছাড়া আমি অনুমান করতে পারছি, আমার যাত্রাপথ অত্যন্ত কষ্টসাধ্য হবে। দিনের পর দিন আহার-নিদ্রা ত্যাগ করতে হবে। তুমি অন্তঃপুরবাসিনী, রাজ ঐশ্বর্যে প্রতিপালিত হয়েছ, এ কষ্ট তুমি সহ্য করতে পারবে না। তুমি বরং অন্য পুরনারীদের সঙ্গে দন্তনগরী ত্যাগ করে অন্য কোনও স্থানে নিরাপদ আশ্রয় গ্রহণ করো যাতে অস্মক বাহিনী তোমাকে স্পর্শ না করতে পারে।’

কিন্তু হেমমালা স্বামীর এ প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলল, ‘যাত্রাপথে যত কষ্টই আসুক না কেন আমি হাসি মুখে তা সহ্য করব। আমার বিশ্বাস ভগবান বুদ্ধর আশীর্বাদ আমাকে সব কষ্ট সহ্য করার ক্ষমতা দেবে, সব বিপদ থেকে আমাদের রক্ষা করবে। পিতা আপনি আমাকে অনুমতি দিন।’

কলিঙ্গ নরেশ গুহসীব বললেন, ‘ঠিক আছে, তবে তাই হোক। আমি অনুমতি দিলাম।’

দন্তমন্দিরের প্রধান ভিক্ষু জেতবন বললেন, ‘শত্রু সেনার চরেরা নিশ্চয়ই চারদিকে ঘুরে বেড়াচ্ছে। বিশেষত তাম্রলিপ্তি বন্দর পর্যন্ত পথ অত্যন্ত বিপদজনক হয়ে উঠতে পারে ওই গুপ্তচরদের কারণে। তাই যাত্রা শুরুর আগে দন্তকুমার ও হেমমালার ছদ্মবেশ ধারণ প্রয়োজন। এমন ছদ্মবেশ যাতে তাদের কেউ চিনতে না পারে, বুদ্ধ-ভক্ত বলে সন্দেহ না করতে পারে।’

এরপর এ নিয়ে কিছু সময় আলোচনাক্রমে সিদ্ধান্ত হল সনাতনধর্মাবলম্বী ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর ছদ্মবেশে দন্তপুর ত্যাগ করে সিংহলের উদ্দেশে রওনা দেবে তাঁরা।

বাইরে রাত্রি গভীর হবার সঙ্গে সঙ্গে সঙ্গোপনে যাত্রা শুরুর প্রস্তুতি শুরু হল। জেতবন, মন্দিরের অন্য ভিক্ষুদেরও জানতে দিলেন না ব্যাপারটা। দন্তকুমারের ঘন কেশরাশি প্রায় সম্পূর্ণ মুণ্ডন করে শুধু পশ্চাদ্ভাগে শিখা রাখা হল, সনাতন ব্রাহ্মণদের যেমন থাকে। উপযুক্ত শুভ্র বসন আর উত্তরীয়ও পরানো হল তাকে। রাজকন্যা হেমমালার শরীর থেকেও মুছে ফেলা হল রাজ দুহিতার যাবতীয় চিহ্ন আভরণ। ব্রাহ্মণীর বেশে সজ্জিত করা হল তাকেও। অতি সাধারণ শুভ্র পট্টবস্ত্র পরিধান করল হেমমালা। সিংহল যাত্রার ব্যয় ভারের জন্য কয়েকটি স্বর্ণমুদ্রা ও একটি হীরক খণ্ড জামাতার হাতে তুলে দিলেন কলিঙ্গ নরেশ গুহসীব। একটি কাপড়ের পুঁটুলিতে দেওয়া হল সামান্য কিছু ফল আর তাঁদের পরিধান যোগ্য একটি করে অনুরূপ বস্ত্র।

রাত আরও গভীর হল এক সময়। গভীর রাতে এক এক দিন অস্মক শিবির থেকে মাঝে মাঝে তাদের উৎশৃঙ্খল আমোদ ধ্বনি ভেসে আসে। সে শব্দও থেমে গেল। ঘুমিয়ে পড়ল দন্তনগরী, এমনকী ঘুমিয়ে পড়ল দন্তমন্দিরের শ্রমণরাও। এরপর তারা চারজন হাজির হলেন গর্ভগৃহর সামনে। ভিক্ষু জেতবন একটা প্রদীপ প্রজ্জ্বলন করে নিঃশব্দে গর্ভগৃহর দ্বার উন্মোচন করলেন। প্রদীপের মৃদু আলো ছড়িয়ে পড়ল গর্ভগৃহে। সোনার সিংহাসনে, সোনার সুতোয় বোনা চন্দ্রাতপের নীচে মখমলের গালিচার ওপর স্বর্ণ ভাণ্ডে অবস্থান করছেন ভগবানের শেষ চিহ্ন। কক্ষের চৌকাঠে মাথা ঠেকিয়ে তারা প্রথমে প্রণাম জানালেন দন্তধাতুকে। কক্ষের কপাটের ঠিক বাইরে একটি পাত্রে পবিত্র জল রাখা ছিল। তা দিয়ে হস্ত প্রক্ষালন করলেন সবাই। ভিক্ষু জেতবন গর্ভগৃহতে প্রবেশ করলেন। অনুচ্চ স্বরে সবাই বলতে লাগলেন, ‘বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি….’

দন্তমন্দিরের প্রধান পুরোহিত এগিয়ে গিয়ে ধীরে ধীরে দন্তধাতুর ভাণ্ডটা তুলে নিয়ে কক্ষের বাইরে বেরিয়ে এলেন। কম্পিত হস্তে তিনি প্রথমে ভাণ্ডটি উন্মোচন করলেন। তার ভিতর ঘুমিয়ে ভগবানের শেষ চিহ্ন। এই স্বর্ণ ভাণ্ডসহ ভগবানের শেষ চিহ্ন নিয়ে যাত্রা করার সময়, কখনও তা অন্য কারো দৃষ্টিগোচর হলে, সাধারণ ব্রাহ্মণ দম্পতির কাছে বহুমূল্য স্বর্ণভাণ্ড এল কীভাবে তা নিয়ে সন্দেহ হতে পারে। ব্রাহ্মণরা অনেক সময় অতি সাধারণ পাথরের তৈরি মুখ বন্ধ করার এক ধরনের কৌটা ব্যবহার করে থাকেন শ্রীবিষ্ণুরূপী কৃষ্ণপ্রস্তর বা শালগ্রাম শিলা বহন কার জন্য। কলিঙ্গ রাজ গুহসীব তেমনই এক ভাণ্ড হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। প্রধান পুরোহিত জেতবন, পবিত্র ধাতুটিকে স্পর্শ না করে কৌশলে তা স্বর্ণ ভাণ্ড থেকে প্রতিস্থাপন করলেন কলিঙ্গ নরেশের হাতে ধরা পাথরের পাত্রে। এ কাজ করার সময় নিজের অজান্তেই যেন একটা চাপা যন্ত্রণাক্লিষ্ট আর্তনাদ বেরিয়ে এল দন্তমন্দিরের প্রধান পুরোহিত জেতবনের কণ্ঠ থেকে। পবিত্র ধাতুটি গ্রহণ করার পর তার দিকে শেষ বারের জন্য একবার তাকিয়ে নিয়ে মনে মনে তাকে প্রণাম জানিয়ে পাত্রের মুখ বন্ধ করলেন রাজা গুহসীব। ঠিক সেই সময় প্রদীপটিও হঠাৎ নিভে গেল। হয়তো সে জানাল যে ভগবানের শেষ চিহ্নর সঙ্গে এই মন্দিরের, এই নগরীর সহস্র বছরের সম্পর্কের পরিসমাপ্তি ঘটল এ ক্ষণে। এ মন্দিরে আর প্রদীপ শিখার প্রয়োজন নেই।

অন্ধকার মন্দির ত্যাগ করে সমুদ্র পাড়ের দিকে যাত্রা করলেন তাঁরা চারজন। মাথার ওপর ক্ষীণ চাঁদ, তার নীচে ঘুমন্ত দন্তনগরী। এ নগরীর মানুষরা জানে না যে দন্তমন্দির ত্যাগ করে তাঁদের দেবতা এই তমসাময় রাত্রিতে যাত্রা শুরু করলেন এক অজানা অচেনা পথে। তিনি আর কোনওদিন ফিরে আসবেন না দন্তমন্দিরে। মহাকালের পথ ধরে আবার পথ পরিক্রমা শুরু করল তথাগতর শেষ চিহ্ন।

সমুদ্র গর্জন ক্রমশ কাছে এগিয়ে আসতে লাগল। নির্জন নগরী অতিক্রম করে তাঁরা পৌঁছে গেলেন সমুদ্র সৈকতে। মধ্য রাতের অন্ধকার উত্তাল সমুদ্র। সেই অন্ধকার সমুদ্রর দিকে তাকিয়ে দন্তকুমার মনে মনে ভাবলেন, ‘এই সমুদ্রর ওপারে কোথায় সেই দেশ? সেখানে তাঁকে পৌঁছতেই হবে।’

বিদায়ের ক্ষণ উপস্থিত হল। কলিঙ্গ নরেশ গুহসীব কম্পিত হস্তে ভগবানের শেষ চিহ্ন সমর্পণ করলেন দন্তকুমারের কাছে। চাঁদ যদিও এ সময় আলোকময় হতো তবে দন্তকুমার দেখতে পেতেন জলধারা নামতে শুরু করেছে কলিঙ্গ নরেশ গুহসীব ও ভিক্ষু জেতবনের চোখ বেয়ে। তবে দন্তকুমার তা অন্ধকারের মধ্যে দেখতে না পেলেও তাদের যন্ত্রণা তিনি নিশ্চিত ভাবে অনুভব করতে পারলেন। দন্তকুমার আর হেমমালা মাথা ঝুঁকিয়ে প্রণাম জানাল কলিঙ্গপতি গুহসীব ও ভিক্ষু জেতবনের উদ্দেশে। তাঁরাও আশীর্বাদের ভঙ্গীতে হাত তুললেন। কলিঙ্গ নরেশ বললেন, ‘তথাগতর কাছে প্রার্থনা জানাই তাঁর শেষ চিহ্ন যেন রক্ষা করতে পারো তোমরা।’

ভিক্ষু জেতবন বললেন, ‘ভগবান বুদ্ধ পথ দেখান তোমাদের।’

তাঁদের দুজনের আশীর্বাদ গ্রহণ করে, দন্তধাতুর ভাণ্ড বুকে জড়িয়ে, স্ত্রী হেমমালাকে সঙ্গী করে অন্ধকার সমুদ্র উপকূল বেয়ে এরপর যাত্রা শুরু করলেন বুদ্ধ ভক্ত দন্তকুমার। অজানা পথে বহু দূরে তাকে পাড়ি দিতে হবে। রক্ষা করতে হবে ভগবানের শেষ চিহ্নকে।

তাঁরা দুজন যতক্ষণ না অন্ধকারের মধ্যে বিলীন হয়ে গেল ততক্ষণ সেদিকে চেয়ে রইলেন কলিঙ্গ নরেশ গুহসীব আর ভিক্ষু জেতবন। তারপর তাঁরা যেমন এসেছিলেন তেমনই ফেরার পথ ধরলেন। পথ চলতে চলতে কলিঙ্গপতি একবার শুধু বললেন, ‘এই কাল রাত্রি আমাকে নিঃস্ব করে দিল!’

মন্দির চত্বরে ফিরে এলেন তাঁরা। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে রিক্ত মন্দির। আর কোনও দিন ভোরের আলো ফুটলে এ মন্দিরে ছড়িয়ে পড়বে না ভিক্ষুদের সম্মিলিত প্রার্থনা সঙ্গীত, কোনও শোভাযাত্রা নির্গত হবে না এ মন্দির থেকে, দিন শেষে হবে না সন্ধ্যারতি। অসীম এক শূন্যতা যেন বিরাজ করছে মন্দিরের চারপাশে। তবুও সে মন্দিরে রাজাকে নিয়ে প্রবেশ করতে যাচ্ছিলেন ভিক্ষু জেতবন। কারণ, ভোরের আলো ফুটলে অন্য ভিক্ষুদের ব্যাপারটা জানাতে হবে। এ মন্দিরে আর কারো থাকার আবশ্যকতা নেই। তাছাড়া হাতে মাত্র একটা দিন সময়, তারপরই অস্মক বাহিনী প্রবেশ করবে নগরীতে। তার আগেই নগরী ত্যাগ করে অন্যত্র যেতে হবে ভিক্ষু ও নগরীর বাসিন্দাদের। সে জন্য মন্দিরে বসে কর্মপন্থা নির্ণয় করা প্রয়োজন।

ভিক্ষু জেতবন চত্বর অতিক্রম করে মহারাজকে নিয়ে কপাট উন্মোচন করে মন্দিরে প্রবেশ করতে যাচ্ছিলেন, কিন্তু চৌকাঠ অতিক্রম করার মুহূর্তেই হঠাৎই মাটিতে ঢলে পড়লেন কলিঙ্গ নরেশ গুহসীব। তাঁর ভারী দেহের পতনের শব্দে দ্বার প্রান্তের কক্ষে শায়িত ভিক্ষুদের ঘুম ভেঙে গেল। প্রদীপ জ্বালিয়ে কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে এলেন তাঁরা। রাজা গুহসীবের দেহটাকে তুলে এনে রাখা হল শূন্য গর্ভগৃহর সামনে। সে দেহ পরীক্ষা করে জেতবন আর অন্য ভিক্ষুরা বুঝতে পারলেন কলিঙ্গ নরেশ গুহসীবের দেহে আর প্রাণ নেই।

একদা রাজা গুহসীব ছিলেন ভোগবিলাসী, নাগরিকদের প্রতি কর্তব্যহীন এক রাজা। কিন্তু তিনিই ভগবান তথাগতর আশীর্বাদে তাঁর শেষ চিহ্নর সংস্পর্শে বৌদ্ধধম্ম গ্রহণ করে হয়ে উঠেছিলেন সর্বত্যাগী, কলিঙ্গর অত্যতম শ্রেষ্ঠ প্রজাহিতৈষী নৃপতি। প্রজাদের সুখে রাখা আর ভগবান বুদ্ধর বন্দনাই ছিল তাঁর কাজ।

ভিক্ষু জেতবন বুঝতে পারলেন, ভগবানের শেষ চিহ্নকে এভাবে বিদায় জানাবার শোক সহ্য না করতে পেরে দেহত্যাগ করেছেন পুণ্যবান কলিঙ্গ রাজ গুহসীব। ভিক্ষু জেতবন অন্য ভিক্ষুদের কাছে এবার ব্যক্ত করলেন সব কথা। তারপর তাদেরকে প্রয়োজনীয় নির্দেশ দিলেন।

ভোরের আলো এক সময় ফুটল পৃথিবীর বুকে। দন্তকুমার আর হেমমালা দন্তপুরকে পিছনে ফেলে বেশ খানিক পথ এগিয়ে গেছে। তাদের যাত্রাপথের একপাশে সমুদ্র, অন্যপাশে কাঁটাওয়ালা গাছের জঙ্গল। তার মধ্যে দিয়ে বালুকাময় পথ এগিয়ে গেছে সামনের দিকে। কলিঙ্গরাজের মৃত্যু সংবাদ তাদের কাছে পৌঁছল না। বেলা যত বাড়তে লাগল তত প্রখর হয়ে উঠতে লাগল মাথার ওপরের সূর্য, আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠতে লাগল বালি। দুজনেরই নগ্ন পদ। তবুও তারই মধ্যে ভগবানের শেষ চিহ্নকে আঁকড়ে ধরে হেঁটে চলল তারা। দন্তপুর ত্যাগ করে তারা যতদূরে চলে যেতে পারে, ততই মঙ্গল।

ওদিকে ভোরের আলো ফোটার পরই প্রতিদিনের মতোই অস্মক বাহিনী তুরী-ভেরী-দুন্ধুভী ইত্যাদি যুদ্ধবাদ্য বাজাতে বাজাতে, বিকট চিৎকার সহযোগে দন্তপুরে প্রবেশ করার চেষ্টা করতে লাগল। আর মুষ্টিমেয় কলিঙ্গ পুরুষরা তাদেরকে প্রতিরোধের চেষ্টা চালিয়ে যেতে লাগল।

নগরী পতনের মুখে। দন্তকুমার দন্তনগরী ত্যাগ করেছেন, কলিঙ্গ নরেশ প্রয়াত, তাই এই শেষ দিনে যাবতীয় গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন ভিক্ষু জেতবন। মন্দির থেকে কলিঙ্গরাজ গুহসীবের দেহ বহন করে নিয়ে যাওয়া হল সমুদ্রতটে। চন্দন কাঠের চিতা সাজিয়ে তাতে শায়িত করা হল কলিঙ্গ নরেশের দেহ। মন্ত্রোচ্চারণ করতে করতে বৌদ্ধ ভিক্ষুরা প্রদক্ষিণ করল তাঁর দেহ। বৌদ্ধ রীতি অনুসারে শেষ বিদায়ের কাজ সম্পন্ন হলে ভিক্ষু জেতবন অগ্নিসংযোগ করলেন চিতায়। পঞ্চভূতে বিলীন হয়ে গেল কলিঙ্গ নরেশ, বুদ্ধ ভক্ত গুহসীবের নশ্বর দেহ। তাঁর চিতাভস্ম সমুদ্রতে বিসর্জন দেবার পর জেতবন আর অন্য ভিক্ষুরা নেমে পড়লেন সব থেকে গুরুত্বপূর্ণ কাজে। দন্তনগরীর প্রতিটি গৃহ ঘুরে ঘুরে তারা একত্রিত করলেন নারী, শিশু, বৃদ্ধ ও অশক্ত মানুষদের। তারপর এক একজন ভিক্ষুর নেতৃত্বে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করে নগরী ত্যাগ করানোর ব্যবস্থা করা হল। গঙ্গা তীরবর্তী কাশী রাজ্য সকলকে আশ্রয় দান করে বলে কথিত আছে। দেবতা বিশ্বনাথ সেখানে অধিষ্ঠান করলেও সেখানে ধর্ম-বর্ণের প্রভেদ নেই। তাই দূরবর্তী সেই কাশী নগরীর দিকেই যাত্রা করানো হল সবাইকে। শূন্য হয়ে যেতে লাগল দন্তপুর।

সূর্য মধ্য গগনে ওঠার পর থেকেই অস্মক সেনাপতির মনে হতে লাগল কলিঙ্গ বাহিনীর প্রতিরোধ যেন ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। দ্বিপ্রহরের পর এক সময় যেন দন্তপুরের সব কিছু নিশ্চুপ হয়ে গেল। একটা তিরও দন্তপুর থেকে ভেসে এল না অস্মক সেনাদের দিকে। অস্মক সেনাপতি প্রথমে ভাবলেন, ‘তবে কি আর একজন সেনাও জীবিত নেই দন্তপুরে? তারপর তার মনে হল, এটা একটা ফাঁদও হতে পারে। অস্মক সেনারা নগরীতে প্রবেশ করলেই কলিঙ্গ সেনারা চারদিক থেকে ঘিরে ফেলে বধ করতে পারে তাদেরকে। এ কথা ভেবে নিয়ে অস্মক সেনাপতি সিদ্ধান্ত নিলেন পূর্বের সিদ্ধান্ত মতো রাতেই আচম্বিতে হানা দেওয়া হবে দন্তপুরে।

ছদ্মবেশী জৈন সন্ন্যাসী শম্বুকনাতের এ দিনটা কাটতেই চাইছিল না। তিনি সারাদিন ধরে ছটফট করতে লাগলেন অন্ধকার নামার জন্য। যে রাত আসতে চলেছে, তা তাঁর প্রতিশোধ নেবার রাত। তিনি ধ্বংস করবেন সেই অপবিত্র অস্থি, হত্যা করবেন ভিক্ষু জেতবন আর কলিঙ্গপতি গুহসীবকে। তারপর তিনি রাজকন্যা হেমমালাকে তুলে দেবেন অস্মকরাজের হাতে। তবেই প্রতিশোধের আগুন নিভবে তাঁর বুকে।

জৈন সন্ন্যাসীর প্রতিহিংসার আকাঙ্ক্ষা চরিতার্থ করতে নয়, প্রকৃতির নিয়মেই এক সময় সন্ধ্যা নামল সমুদ্রতীরে দন্তনগরীর বুকে। অস্মক বাহিনী প্রস্তুত হতে শুরু করল নগরীতে প্রবেশ করার জন্য। প্রস্তুত হলেন শম্বুকনাতও। রাত আরও গভীর হতেই হঠাৎই জ্বলে উঠল শত শত মশালের আলো। উদ্যত অস্ত্র হাতে অস্মক সেনারা উৎকট চিৎকার সহযোগে আচম্বিতে প্রবেশ করল দন্তপুরে। না, কোনও প্রতিরোধের সম্মুখীন তারা হল না। দন্তনগরী অধিকারে এসেছে এ সংবাদ পাওয়া মাত্রই সৈন্য পরিবেষ্টিত হয়ে অশ্বপৃষ্ঠে অস্মকরাজ কীচক আর শম্বুকনাতও প্রবেশ করলেন নগরীতে। বহু কাল পর এ নগরীতে কালো ঘোড়ার পিঠে, কালো পোষাক পরিহিত শম্বুকনাত উপস্থিত হলেন। ক্রোধ আর প্রতিহিংসার আগুন বর্ধিত হচ্ছে তাঁর মুখমণ্ডল জুড়ে। দন্তপুরে প্রবেশ করার পর লম্পট অস্মকরাজ কীচকের ইচ্ছা ছিল প্রথমে রাজপ্রাসাদে যাবার। কারণ, রাজকন্যা হেমমালা ও অন্য সুন্দরী নারীদের সেই স্থানেই পাবার সম্ভাবনা। কিন্ত শম্বুকনাতের আক্রোশের প্রধান কেন্দ্রবিন্দু বৌদ্ধ ধর্মাবলম্বীদের মন্দির ও যে স্থানে রক্ষিত ভগবান বুদ্ধর শেষ চিহ্ন। তাই তিনি কীচককে বললেন, ‘সর্বাগ্রে ওই দন্তমন্দিরে প্রবেশ করে ধ্বংস করতে হবে অপবিত্র অস্থিটাকে। ওই অস্থি ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে ওর সমস্ত অশুভ শক্তি বিনষ্ট হবে। এ কাজ সম্পাদন করে তারপর আমরা রাজপ্রাসাদে যাব। আমি নিজ হস্তে রাজা গুহসীবকে হত্যা করে হেমমালা ও অন্য পুরনারীদের তুলে দেব আপনার হাতে। শম্বুকনাতের কথা শুনে অস্মকরাজ কীচক অগত্যা এগোলেন দন্তমন্দিরের দিকে। ততক্ষণে দন্তমন্দির ঘিরে ফেলেছে অস্মকের মশালধারী সেনারা। শম্বুকনাত তাদের নির্দেশ দিয়ে রেখেছিলেন যাতে একজন বৌদ্ধ ভিক্ষুও পালাতে না পারে। শ্রমণদের সকলকে এক সঙ্গে জ্যান্ত পুড়িয়ে মারার ইচ্ছা তাঁর।

ঘোড়া থেকে নেমে কয়েকজন মশালধারী সৈন্যকে নিয়ে শম্বুকনাত প্রবেশ করলেন দন্তমন্দিরে। গর্ভ গৃহ খুঁজে পেতে তাঁর দেরি হল না। লোল চর্ম এক অতিবৃদ্ধ সন্ন্যাসী দ্বার প্রান্তে বসে ‘ত্রি-শরণ’ মন্ত্র জপ করছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ভগবানের সঙ্গে তাঁর মিলনের সময় এসেছে। তাই তিনি স্বেচ্ছায় রয়ে গেছেন মন্দিরে। জৈন সন্ন্যাসী শম্বুকনাতকে তিনি চিনতে পারলেও তাঁর মধ্যে কোনও আতঙ্ক ফুটে উঠল না। তথাগতর পাদপদ্মে নিজের আত্মাকে সমর্পণ করার উদ্দেশে নির্লিপ্তভাবে মন্ত্রোচ্চারণ করে যেতে লাগলেন তিনি। শম্বুকনাত দেখলেন গর্ভগৃহ শূন্য। যে বেদিতে দন্তধাতুর ভাণ্ড স্থাপন করা থাকত তা শূন্য হয়ে পড়ে আছে!

শম্বুকনাত বৃদ্ধ সন্ন্যাসীকে প্রশ্ন করলেন, ‘ওই অপবিত্র অস্থিটা কোথায় গেল বল?’

সন্ন্যাসী, তাঁর প্রশ্নের জবাবে স্মিত হেসে বললেন, ‘এসো, আমার পাশে বসে আমার সঙ্গে “ত্রি-শরণ” জপ করো। ভগবান বুদ্ধ পরম করুণাময়। তিনি তোমার সব পাপ ক্ষমা করে দেবেন। তিনিই তোমার মুক্তির একমাত্র পথ।’

শম্বুকনাত তাঁর কথা শুনে ঘৃণা ভরে বললেন, ‘আগে ওই অপবিত্র অস্থিটাকে ধ্বংস করি, তারপর তোর ভগবানের সঙ্গে তোর মিলনের ব্যবস্থা করছি।’

বৃদ্ধ ভিক্ষু তাঁর কথা শুনে বিচলিত না হয়ে আগের মতোই ধ্যান করে যেতে লাগলেন। শম্বুকনাত আর অস্মক সেনারা এরপর মন্দিরের প্রতিটা কক্ষে অনুসন্ধান চালালেন। কিন্তু কোথাও সেই দন্তধাতু অথবা অপর একজন শ্রমণের সন্ধান মিলল না। শম্বুকনাতের মনে হল দন্তধাতু নিয়ে শ্রমণরা অন্য কোথাও আত্মগোপন করেছেন। সে স্থান রাজপ্রাসাদও হতে পারে। ক্রুদ্ধ শম্বুকনাত সৈন্যদের বললেন মন্দিরে আগুন লাগিয়ে দাও। বৃদ্ধ সন্ন্যাসীটাও পুড়ে মরুক সে আগুনে। তাঁর নির্দেশ মতোই কাজ হল। গর্ভগৃহসহ মন্দিরের নানান স্থানে অগ্নিসংযোগ করল অস্মক সৈন্যরা।

শম্বুকনাত মন্দিরের বাইরে বেরিয়ে অস্মকরাজ কীচকের কাছে উপস্থিত হতেই তিনি তাঁকে ব্যাগ্রভাবে প্রশ্ন করলেন, ‘ওই অপবিত্র অশুভ অস্থি কি ধ্বংস হল? মন্দিরে অগ্নিসংযোগ হল দেখছি!’

প্রশ্ন শুনে শম্বুকনাত হঠাৎ বিব্রত বোধ করে বললেন, ‘না, হয়নি। সম্ভবত ওই অপবিত্র বস্তুকে রাজা গুহসীব তাঁর প্রাসাদে নিয়ে গেছেন। চলুন আমরা সে স্থানে যাই।’

এ কথা বলে শম্বুকনাত তাঁর ঘোড়ার পিঠে উঠে বসলেন। কাঠের স্তম্ভ, গালা, রজনের প্রলেপ দেওয়া দন্তমন্দির তখন দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। রাজপ্রাসাদের দিকে রওনা হবার আগে হঠাৎই সেদিকে তাকিয়ে এক অদ্ভুত দৃশ্য প্রত্যক্ষ করলেন শম্বুকনাত। জ্বলন্ত মন্দিরের ভিতর থেকে এক উজ্জ্বল রূপালি আলোক তারকা নিক্ষিপ্ত হয়ে হারিয়ে গেল আকাশের বুকে। জৈন সন্ন্যাসী শম্বুকনাত ওই তারকা সদৃশ আলোক বিন্দুকে চিনতে না পারলেও তা ছিল সেই বৃদ্ধ শ্রমণের আত্মা। নশ্বর শরীর ত্যাগ করে তা চলে গেল ভগবান বুদ্ধর পাদপদ্মে মিলিত হবার জন্য।

শম্বুকনাত এরপর অস্মকরাজ কীচক ও তার সেনাবাহিনীকে পথ চিনিয়ে এগোলেন রাজপ্রাসাদের দিকে। সারাপথে একটাও জনপ্রাণী চোখে পড়ল না তাদের। একসময় তারা এসে উপস্থিত হলেন কলিঙ্গরাজের প্রাসাদের সামনে। অন্ধকারে নিমজ্জিত প্রাসাদ। অস্মক রাজের নির্দেশে সৈন্য সমেত তার কিছু লম্পট ভ্রাতারা প্রবেশ করল প্রাসাদের ভিতর। আর শম্বুকনাতও প্রাসাদে প্রবেশ করলেন কোথায় সেই দন্ত ধাতুটি লুক্কায়িত আছে তা অনুসন্ধানের জন্য। কিন্তু সেই ধাতু দন্তর সন্ধান না পেয়ে হতাশভাবে তাঁকে আবার প্রাসাদের বাইরে বেরিয়ে আসতে হল। নারী লোলুপ অস্মকরাজ কীচক প্রতি মুহূর্তেই ভাবছিলেন এই বুঝিবা শম্বুকনাত, রাজকন্যা হেমমালার চুলের মুঠি ধরে তাকে প্রাসাদের বাইরে এনে তাঁর সামনে দাঁড় করাল। কিন্তু তাকে শূন্য হাতে ফিরে আসতে দেখে কীচক বেশ অবাক হলেন। বেশ অনেকটা সময় ধরে অনুসন্ধান চালাবার পর কীচকের ভ্রাতারাও বাইরে বেরিয়ে এসে জানাল, একজন নারী তো দূরের কথা, একটিও জীবন্ত প্রাণী নেই রাজপ্রাসাদে!

ব্যাপারটা জেনে অস্মকরাজ কীচক ক্ষুব্ধ কণ্ঠে শম্বুকনাতকে বললেন, ‘তুমি যে বলেছিলে এখানে রাজকন্যা হেমমালা আর অন্য নারীদের পাওয়া যাবে? কোথায় তারা?’

শম্বুকনাত বললেন, ‘মনে হচ্ছে তারা নগরী ত্যাগ করে পালিয়েছে।’

নারী রত্নদের না পেয়ে কীচকের লম্পট ভ্রাতারা বেশ ক্ষুব্ধ হয়ে উঠল। তাদের লাভের আশাতেই তো তারা এত দূর কলিঙ্গে এসে উপস্থিত হয়েছে। একজন রাজভ্রাতা শম্বুকনাতের উদ্দেশে বলল, ‘ওই ধাতু দন্ত আর রাজকন্যার কাহিনি তোমার মস্তিষ্কের কল্পনা প্রসূত নয় তো?’

এরপর আর একজন রাজভ্রাতা বলল, ‘তুমি এত বড় জ্যোতিষী যে তারা পালিয়ে যাবে, এ ব্যাপারটাও আগাম জানতে পারলে না?’

তৃতীয় এক রাজভ্রাতা বলল, ‘এই যে আমরা এতদূর এসে খালি হাতে ফিরে যাব তার ক্ষতিপূরণ কি তুমি দেবে?’

শম্বুকনাত বুঝতে পারলেন, পরিস্থিতি তার বিপক্ষে চলে যেতে শুরু করেছে। এবার যে-কোনও মুহূর্তে বিপদ নেমে আসতে পারে তার ওপর। এ স্থান দ্রুত ত্যাগ করা প্রয়োজন। তাই তিনি অস্মকরাজ কীচক আর তার ভ্রাতাদের উদ্দেশে বললেন, ‘আপনারা শান্ত হন। হেমমালা আর অন্য নারীরা প্রাসাদ ত্যাগ করে বেশিদূর যেতে পারেনি। আজ রাতের মধ্যেই আমি তাদের ধরে এনে আপনাদের হাতে তুলে দিচ্ছি।’—এ কথা বলে শম্বুকনাত উঠে বসলেন তাঁর ঘোড়ার পিঠে। তারপর চোখের পলক ফেলতে না ফেলতেই তিনি হারিয়ে গেলেন রাত্রির অন্ধকারে। সে রাত্রি কেন, শম্বুকনাতের জন্য আরও দু-রাত্রি অপেক্ষা করার পর যখন তিনি ফিরলেন না তখন কীচক আর তার ভ্রাতারা জ্যোতিষীকে গালি দিতে দিতে অস্মক রাজ্যে ফেরার পথ ধরল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *