৫
পাটলিপুত্র।
অসংখ্য দেউল, প্রাসাদ হর্ম্যরাজি শোভিত জম্বুদ্বীপধিপতির রাজধানী। এই সসাগরা ভারতবর্ষের সম্রাট, গৌতমীপুত্র সাতকর্ণীর বংশধর রাজর্ষি পণ্ডু তাঁর সিংহাসনে অধিষ্ঠান করছেন। পাহাড় থেকে সাগর পর্যন্ত সব রাজাই তাঁর পদানত। সনাতনধর্মের রক্ষক রাজর্ষি পণ্ডু। এই পাটলিপুত্র নগর সহ সারা রাজ্যে তিনি নির্মাণ করেছেন ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের অসংখ্য মন্দির। রাজকোষ থেকেই নিত্যদিন পূজা-অর্চনার ব্যবস্থা হয় সেখানে। হীরক খচিত রাজদরবারে বসে তাঁর সাম্রাজ্য শাসন করেন সম্রাট পণ্ডু। মন্ত্রী-অমাত্যদের পাশাপাশি তাঁর দরবারে ব্রাহ্মণদেরও আসন আছে।
একদিন তাঁর সঙ্গে সাক্ষাতের অভিলাষে পাটলিপুত্র নগরীতে উপস্থিত হল সাতজন লোক। তার মধ্যে চারজন মুণ্ডিত মস্তক শিখাধারী ব্রাহ্মণ। তাঁদের চেহারার সঙ্গে নগরবাসী পরিচিত। কারণ ব্রাহ্মণকুল পাটলিপুত্র-সহ জম্বুদীপের সর্বত্রই বিরাজমান। স্থান প্রভেদে এদের পোশাকের, অলঙ্কারের কিছু পরিবর্তন থাকলেও তাঁদের ওই উপবীত ও শিখা সর্বত্রই তাদেঁর পরিচয় বহন করে থাকে। কিন্তু বাকি তিনজনের চেহারার সঙ্গে পাটলিপুত্র নগরী তেমন পরিচিত নয়। কারণ নিগ্রন্ট জৈনদের কোনও আবাসস্থল এ নগরীতে নেই। কোনওসময় যদি তা থেকেও থাকে তবে গত তিনশত বৎসরে সনাতনধর্ম ও ব্রাহ্মণদের পরাক্রমে মুছে গেছে।
নিগ্রন্টপতি শম্বুকনাতের ও তাঁর দুই সঙ্গীর হাঁটু থেকে শরীর একটি মাত্র শুভ্র বস্ত্র খণ্ডে আবৃত, যা শেষ অবগুণ্ঠনের মতো আবৃত করে রেখেছে তাঁদের মুণ্ডিত মস্তক আর ললাটকে। অনেকটা ঠিক নারীদের অবগুণ্ঠনের মতোই। তাদের প্রত্যেকের হাতেই আবার একটা ক্ষুদ্র ঝাঁটা। ব্রাহ্মণদের সঙ্গী এই অদ্ভুত পোশাকের তিনজন মানুষ বেশ দৃষ্টি আকর্ষণ করল নগরবাসীর।
তাতে অবশ্য এক দিক থেকে সুবিধাই হল আগন্তুকদের। জম্বুদ্বীপের অধিপতির সঙ্গে সাক্ষাৎ করা সহজ ব্যাপার নয়। তিনি সম্রাট। অধীনস্ত রাজা-মহারাজা আর ব্রাহ্মণ সমাজের প্রতিনিধি স্থানীয় ব্যক্তিবর্গ ব্যতীত সাধারণ নরকুলের তাঁর রাজসভাতে প্রবেশাধিকার নেই, নিরাপত্তার কারণে অপরিচিত ভিনদেশী ব্যক্তির তো নয়ই। কলিঙ্গর সনাতন ধর্মের কুলপতি স্বয়ম্ভূচার্য এক পত্র লিখেছেন আগুন্তুকদের পরিচয়দান করে পাটলিপুত্র নগরীর ব্রাহ্মণশ্রেষ্ঠ বিষ্ণুবাহনকে।
ব্রাহ্মণ বিষ্ণুবাহন সম্রাটের সভাসদ। তাঁর কাছেই প্রথমে যেতে হবে দলটিকে। সাধারণ নগরবাসীর মতো অদ্ভুত পোশাক সম্মিলিত তিনজন লোককে নিয়ে ব্রাহ্মণদের দল দৃষ্টি আকর্ষণ করল নগর রক্ষকদের। এক রক্ষী অধিপতি ভিনদেশীদের সামনে এসে তাদের পরিচয় ও গন্তব্য জানতে চাইল।
চারজন ব্রাহ্মণদের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ তিনি বললেন, ‘আমার নাম অবলোকেশ্বর। আমি কলিঙ্গরাজের ব্রাহ্মণ কুলপতি স্বয়ম্ভূচার্যের থেকে এক পত্র নিয়ে এসেছি পাটলিপুত্র নগরীর ব্রাহ্মণশ্রেষ্ঠ বিষ্ণুবাহনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তাঁর বাটিকার সন্ধান করছি।’
নগররক্ষক প্রশ্ন করল, ‘শুভ্র বস্ত্র খণ্ডে আচ্ছাদিত আপনার এই তিন সঙ্গী কারা?’
অবলোকেশ্বর জবাব দিলেন, ‘ওনারাও আমারই সঙ্গী হয়ে কলিঙ্গ থেকে এসেছেন। নিগ্রন্ট ধর্মাবলম্বী। কলিঙ্গরাজ্যের সনাতনধর্মের কুলপতি আমাদের সম্মিলিত ভাবে পাঠিয়েছেন পাটলিপুত্র নগরীর ব্রাহ্মণশ্রেষ্ঠর কাছে। অনুগ্রহ করে বিষ্ণুবাহনের বাটিকার সন্ধান দিন।’ অপরিচিত নিগ্রন্ট ধর্মাবলম্বীদের কথা পাটলিপুত্রের সাধারণ নগরবাসীর কাছে গ্রহণীয় নাও হতে পারে। তাই নিগ্রন্টপতি শম্বুকনাত, ব্রাহ্মণ অবলোকেশ্বরের সঙ্গে আগেই পরামর্শ করে রেখেছেন যে প্রাথমিক কথাবার্তা যা বলার তা অবলোকেশ্বরই বলবেন। তাই মৌনব্রত পালন করেছেন নিগ্রন্টপতি।
যদিও ব্রাহ্মণ অবলোকেশ্বরের তিনজন সঙ্গীর ধর্ম সম্পর্কে কিছুই ইতিপূর্বে শোনেনি রক্ষীপ্রধান, তবুও যেহেতু অবলোকেশ্বর, পাটলিপুত্র নগরীর ব্রাহ্মণশ্রেষ্ঠর কথা বললেন, সে জন্য রক্ষীপ্রধান তাদেরকে বিষ্ণুবাহনের বাটিকার পথ নির্দেশ জানিয়ে দিলেন। আর সঙ্গে একজন রক্ষীও নিযুক্ত করলেন বিষ্ণুবাহনের বাটিকা পর্যন্ত তাঁদের নিরাপদে পৌঁছে দেবার জন্য। বিষ্ণুবাহন পাটলিপুত্র নগরীর অন্যতম প্রভাবশালী সম্মানীয় ব্যক্তি। তাঁর সাক্ষাৎপ্রার্থীদের সাহায্য করা রক্ষী প্রধানের কর্তব্য।
বৈভবনগরী পাটলিপুত্র। চারদিকে কত সুউচ্চ প্রাসাদ মন্দির, সুরম্য উদ্যান। পথে কত মানুষজন! কেউ অশ্বারূঢ়, কেউ বা হস্তীপৃষ্ঠে আসীন। কেউ বা আবার রথচক্রে পথ পরিক্রমা করছে। অলঙ্কার শোভিত নগরবাসীর সাজ পোশাকেও আভিজাত্যের স্পষ্ট চিহ্ন বর্তমান। পথের পাশে দাঁড়িয়ে আছে অলঙ্কার শোভিতা বারবনিতারাও। রক্ষীর সঙ্গে যে সব দৃশ্য প্রত্যক্ষ করতে করতে সায়াহ্নে শম্বুকনাত আর অবলোকেশ্বর পৌঁছে গেলেন বিষ্ণুবাহনের বাটিকাতে।
পাটলিপুত্র নগরীর ব্রাহ্মণশ্রেষ্ঠ বিষ্ণুবাহনের কাষ্ঠনির্মিত বাটিকা নগরীর কেন্দ্রস্থলেই অবস্থিত। অবশ্য বাটিকা না বলে তাকে প্রাসাদ বলাই ভালো। আকারে তা এতটাই বিশাল! সে বাটিকা বা প্রাসাদের রৌপ্য মণ্ডিত বিশাল তোরণ কপাট প্রাসাদের অধিকারীর বৈভবের সাক্ষদান করছে।
দ্বার রক্ষীদের কাছে অবলোকেশ্বর তাদের আগমনের কারণ ব্যক্ত করাতে দ্বার রক্ষী বাটিকায় প্রবেশের অনুমতি দিল। একজন ভৃত্য সহযোগে শম্বুকনাত আর অবলোকেশ্বর তাঁদের সঙ্গীদের নিয়ে উপস্থিত হলেন বাটিকার অভ্যন্তরে দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট কক্ষে।
রাজপ্রাসাদের অভ্যন্তরে বিষ্ণু মন্দিরে সন্ধ্যারতির জন্য বহির্গমন করতে প্রস্তুত হচ্ছিলেন বিষ্ণুবাহন। ভৃত্য মারফত তাঁদের আগমন বার্তা পেয়ে বাটিকা ত্যাগ করে রাজপ্রাসাদে যাবার পূর্বে তিনি উপস্থিত হলেন দর্শন কক্ষে। স্বর্ণ কুণ্ডল, মাণিক্যের কণ্ঠহার, স্বর্ণবাজুবন্ধ আর বিল্ব কাষ্ঠর ওপর রূপোর পাত বসানো পাদুকা সমৃদ্ধ গৌরবর্ণের ব্রাহ্মণ বিষ্ণুবাহন দর্শন দিলেন আগন্তুক ব্রাহ্মণ ও নিগ্রন্টপতিকে। তাঁকে প্রণাম জানিয়ে অবলোকেশ্বর নিজের পরিচয় জানিয়ে স্বয়ম্ভূচার্যর পত্র তুলে দিলেন তাঁর হাতে। রেশমের আবরণে আচ্ছাদিত ক্ষুদ্র ভূর্জপত্র পাঠ করে বিষ্ণুবাহন বললেন, ‘হ্যাঁ, ব্রাহ্মণ কুলপতি স্বয়ম্ভূচার্য আমার বিশেষ পরিচিত। বৈশালী নগরীতে প্রতি বৎসর যে মহা ব্রাহ্মণ সম্মেলন হয় সেখানে একাধিকবার মিলিত হয়েছি আমরা। তিনি পত্রে অনুরোধ করেছেন যে সনাতনধর্ম রক্ষার্থে আমি যেন আপনাদের সাহায্য করি। ঠিক কী ধরনের সাহায্য প্রত্যাশা করেন আপনারা?’
