শেষ চিহ্ন – ২১

২১

দন্তপুর থেকে পদব্রজে বেশ অনেকটা দূরত্ব অতিক্রম করে এসেছে দন্তকুমার আর হেমমালা। কিন্তু তখন আর পা চলতে চায় না তাঁদের। দিনের বেলা তাঁদের মাথার ওপর নিষ্ঠুর সূর্যদেব যেন অগ্নিবর্ষণ করেন। পায়ের নীচের বালুকা রাশিও আগুনের মতো তপ্ত হয়ে ওঠে। তার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে হেমমালার পদযুগল পুড়ে কৃষ্ণবর্ণ ধারণ করেছে। ঘা ফুটে বেরিয়েছে স্থানে স্থানে। দন্তকুমারেরও এই অবস্থা।

এক-একদিন রাতে আবার বালুতট এত শীতল হয়ে যায় যে হাড়ে কাঁপন ধরে যায়। যে সামান্য খাবার তাঁদের সঙ্গে দেওয়া হয়েছিল তাও শেষ হয়ে গেছে। দৈবাৎ পথের পাশে কোনও গাছের ফল দেখলে তা দিয়েই ক্ষুন্নিবৃত্তি করছে তাঁরা। সমুদ্রর নোনা জল পান করেই কোনও ক্রমে তাঁরা তৃষ্ণা মেটাবার চেষ্টা করে। সে জল পান করলেই তীব্র বমনের উদ্রেক ঘটে। এই দুঃসহ পরিস্থিতির মধ্যেই ভগবানের শেষ চিহ্নকে বুকে আগলে ধরে তাঁরা হেঁটে চলে। মনে মনে বলে, ‘সেই তাম্রলিপ্তি বন্দর আর কতদূর? আর কত দূর? হে তথাগত, তুমি আমাদের শক্তি দাও যাতে আমরা গন্তব্যে পৌঁছতে পারি।’

দন্তকুমার আর হেমমালা তাঁদের যাত্রাপথে কোনও মানুষের সন্ধান পায়নি। দু-একবার শুধু অতি দূরে সমুদ্রের ভিতর বিন্দুর মতো জলযান ভাসতে দেখেছে। জীবন্ত প্রাণী বলতে মাঝে মাঝে সমুদ্র-গৃধিনীর দেখা মেলে। সমুদ্রের জলে ভেসে আসা সামুদ্রিক প্রাণীর মৃতদেহ ভক্ষণ করে তারা। নির্জন বালুতটে তাদের কর্কশ চিৎকার বুকে কাঁপন ধরায়।

দন্তকুমার আর হেমমালার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে গৃধিনীরা। হয়তো নরমাংস ভক্ষণেরই আশাতে। খাদ্য নেই, জল নেই, চারপাশে নোনা জল আর বালুকাময় পরিবেশে যেন অদ্ভুত এক অশুভ হাতছানি, নিস্তব্ধতা বিরাজ করে। তবুও তারই মধ্যে দিয়ে তথাগতকে স্মরণ করতে করতে তাঁর শেষ চিহ্নকে বুকে আগলে পথ চলে তাঁরা দুজনে।

একদিন দ্বিপ্রহরে পথ চলতে চলতে অবসন্ন হয়ে মাটিতে পড়ে গেল হেমমালা। বিগত দু-দিন ধরে তাঁদের দুজনের পেটেই কোনও খাদ্য নেই। হেমমালার অবসন্ন শরীরটাকে মাটি থেকে তুলে একটা বালু ঢিবির আড়ালে নিয়ে গিয়ে বসলেন দন্তকুমার। হেমমালা দন্তকুমারকে বলল, ‘আর যে আমি পথ চলতে পারছি না স্বামী।’

দন্তকুমার বললেন, ‘তুমি এখানে অবস্থান করো, আমি চেষ্টা করে দেখি কোনও ভাবে কোনও খাবার সংগ্রহ করা যায় কিনা? আমি যতক্ষণ না ফিরি ততক্ষণ তুমি ভগবানের শেষ চিহ্নকে বুকে আগলে তাঁর নাম জপ করো। নিশ্চয়ই তিনি আমাদের বিপদ থেকে রক্ষা করবেন।’ এ কথা বলে তিনি হেমমালার হাতে দেবতার শেষ চিহ্ন সমর্পণ করে, অন্য সামগ্রীর থলেটা সেখানে নামিয়ে খাদ্য অন্বেষণে রওনা হলেন।

সমুদ্রর জলে কোনও কোনও সময় খাদ্যসামগ্রী ভেসে আসে। যদি তেমন কিছুর সন্ধান মেলে। কিন্তু দন্তকুমার কিছুটা পথ এগোবার পরই হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হল। প্রবল বাতাস বইতে শুরু হল সমুদ্রর দিক থেকে। উড়তে শুরু করল বালুকা রাশি। চোখ অন্ধ হয়ে যাবার জোগাড়। দন্তকুমার তার মধ্যে দিয়ে কতদূরে কোথায় চললেন কিছুই বুঝতে পারলেন না। তারপর নামল মুষলধারে বৃষ্টি। সব কিছু ঝাপসা হয়ে গেল দন্তকুমার চোখে।

দুর্যোগ যখন থামল তখন বিকাল। দন্তকুমার দেখলেন তার সামনে এক অপরিচিত সমুদ্রতট। দন্তকুমার অনুমান করার চেষ্টা করতে লাগলেন যে স্থানে তিনি হেমমালাকে রেখে এসেছেন, সে স্থান থেকে এই স্থান কতদূর হবে? চারপাশে তাকাতেই এরপর তিনি হঠাৎ দেখতে পেলেন বিশালাকৃতির কৃষ্ণবর্ণের একটা নৌকা সমুদ্রের কিনারে দাঁড়িয়ে আছে, সম্ভবত সমুদ্রে পাড়ি দেবার অপেক্ষায়। নৌকা যখন আছে তখন হয়তো মানুষও আছে সেখানে। হয়তো তাদের কাছে খাদ্য মিলতে পারে। এ কথা ভেবে নিয়ে দন্তকুমার এগোলেন কিছুটা দূরে সমুদ্রতটে সেই নৌকার দিকে।

কালো রঙের সেই নৌকার কাছে পৌঁছে তার চারপাশে কাউকেই দেখতে পেলেন না। নৌকার খোল, গলুই মাটি থেকে এত উঁচুতে যে নীচ থেকে নৌকার ভিতর কেউ আছে কিনা তা কিছুই বোঝা যাচ্ছে না। দন্তকুমার ওপর দিকে তাকিয়ে জিগ্যেস করলেন, ‘নৌকাতে কেউ আছেন?’

বার কয়েক তিনি কথাটা বলার পর হঠাৎই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। নৌকার ভিতর থেকে নিক্ষিপ্ত হয়ে একটা জাল দন্তকুমারের ওপর এসে পড়ল। জালবন্দি হয়ে পড়লেন দন্তকুমার। এরপরই নৌকা থেকে বালুতটে লাফিয়ে নামল কিছু ভীষণ দর্শন লোক। তাদের হাতে নানাবিধ অস্ত্র। জালবন্দি দন্তকুমারকে তারা চারপাশ থেকে ঘিরে ধরে কিছুক্ষণ পর্যবেক্ষণ করল। তারপর তাদের ভীমদেহী দলপতি দন্তকুমারকে প্রশ্ন করল, ‘তুই কে? এখানে কোথা থেকে এলি?’

আত্মপরিচয় গোপন করে দন্তকুমার বললেন, ‘আমি একজন সামান্য ব্রাহ্মণ। ভাগ্যান্বেষণে পথে বেরিয়েছি। তারপর ঝঞ্ঝায় পথভ্রষ্ট হয়ে এখানে উপস্থিত হয়েছি। তোমরা কারা?’

সেই ভীম দর্শন ব্যক্তি জবাব দিল, ‘আমরা হলাম সমুদ্রদস্যু। সমুদ্র পথে দস্যুবৃত্তি করি।’

তাদের পরিচয় পেয়ে দন্তকুমার বললেন, ‘আমার থেকে লুণ্ঠন করার মতো কোনও সামগ্রী নেই। তোমরা আমাকে মুক্তি দাও।’

কথাটা শুনে দস্যু সর্দার বলল, ‘তুই ব্রাহ্মণ অথবা শূদ্র যেই হোস, তোর কাছে কোনও সামগ্রী থাকুক বা না থাকুক, তোকে মুক্তি দেওয়া হবে না। সমুদ্রে নৌকা ভাসাবার আগে আমরা মকর দেবতাকে তুষ্ট করার জন্য তাঁর উদ্দেশে নরবলি দিই। তোর মতো কোনও মানুষের সন্ধানেই আমরা প্রতীক্ষা করছিলাম। আজ রাতে তোকে আমরা বলি দেব। তারপর লুণ্ঠনের উদ্দেশে সমুদ্র যাত্রা করব।’

দন্তকুমার লোকগুলোকে দেখে এবং তাদের কথা শুনে বুঝতে পারলেন লোকগুলো বড় নিষ্ঠুর প্রকৃতির। তাদের কাছে প্রাণভিক্ষা করে কোনও লাভ হবে না। তথাগতই এখন একমাত্র ভরসা। জালে আবদ্ধ অবস্থায় তিনি ভাবতে লাগলেন স্ত্রী হেমমালার অসহায়তার কথা। আর মনে মনে বলতে লাগলেন, ‘হে তথাগত, তুমি তোমার শেষ চিহ্ন আর হেমমালাকে বিপদ থেকে রক্ষা কোরো।’

সমুদ্রের বুকে সূর্য ডুবে গেল এক সময়। অন্ধকার নামতেই সমুদ্রতটে মশাল জ্বালিয়ে নরবলির প্রস্তুতি শুরু করল। নৌকা থেকে একটা হাড়ি কাঠ এনে তারা সেটা প্রথিত করল বালুতটে। বালি দিয়ে এরপর তারা একটা মকর দেবতা বা কুম্ভীর মূর্তি প্রস্তুত করল। তথাগতর নাম স্মরণ করতে করতে দন্তকুমার প্রত্যক্ষ করতে লাগলেন দস্যুদের। বেড়ে চলল রাত।

বেশ অনেকক্ষণ ধরে কুম্ভীর মূর্তির পূজা করল তারা। তারপর যখন মধ্য রাত হল, তখন দন্তকুমারকে জালমুক্ত করে যুপ কাষ্ঠের সামনে দাঁড় করাল। একজন দস্যু সেখানে দাঁড়িয়ে আছে খড়্গ হাতে বলি দেবার জন্য। জান্তব উল্লাস, হিংস্রতা ছড়িয়ে আছে দস্যু দলপতি ও তার অন্য সঙ্গীদের মুখমণ্ডলে। বুদ্ধ নাম স্মরণ করে দন্তকুমার হাঁড়ি কাঠে মাথা গলিয়ে দিলেন। কাছে এগিয়ে এল খড়্গধারী দস্যু। খড়্গটা মাথার ওপরে তুলতে গেল ঠিকই, কিন্তু চেষ্টা করেও সে যেন খড়্গটা মাথার ওপর ওঠাতে পারল না। বার কয়েক চেষ্টা করার পর টাল খেয়ে খড়্গ সমেত মাটিতে পড়ে গেল। সমুদ্র দস্যুদের দলপতি তা দেখে জানতে চাইলেন, ‘কী হল?’

সেই দস্যু জবাব দিল, ‘খড়্গটা পাথরের মতো ভারী লাগছে! কিছুতেই মাথার ওপর তুলতে পারছি না!’

তার কথা শুনে দ্বিতীয় এক দস্যু এগিয়ে এল। দন্তকুমারের মনে হল সমুদ্রর গর্জন হঠাৎই যেন বাড়তে শুরু করেছে, বড় বড় ঢেউ এসে আছড়ে পড়তে শুরু করেছে বালুতটে। দ্বিতীয় সমুদ্রদস্যু এসে মাটি থেকে খড়্গটা উঠিয়ে নিল ঠিকই, কিন্তু তারপর সেও খড়্গটাকে ওপরে তুলে ধরতে ব্যর্থ হল। এরপর তৃতীয় জন, চতুর্থ জন এল। তার সঙ্গে সঙ্গে বাড়তে লাগল সমুদ্রের জলচ্ছ্বাস! সমুদ্র দস্যুদের মধ্যে এবার যেন স্পষ্ট বিস্ময়ের ভাব ফুটে উঠল। কেন এমন হচ্ছে! কেন কেউ ওঠাতে পারছে না খড়্গটা? ইতিপূর্বে তো তারা কত নরবলি দিয়েছে এই খড়্গ দিয়ে!

একের পর এক দস্যু যখন কাজটা সমাধা করতে ব্যর্থ হল, তখন সেই ভীমদেহী দস্যু সর্দার নিজেই এগিয়ে এল দন্তকুমারকে বলি দেবার জন্য। কিন্তু সেও খড়্গটাকে কোমরের উচ্চতায় ওঠাবার পর আর ওপরে ওঠাতে সক্ষম হল না। প্রবল বিস্ময় ফুটে উঠল তার চোখে-মুখে। তবুও সে আপ্রাণ চেষ্টা করে যেতে লাগল খড়্গটাকে ওপরে তুলে ধরার। আর এর ফলশ্রুতি হিসাবে নিজের শরীরের ভারসাম্য হারিয়ে খড়্গ সমেত মাটিতে পড়ে গেল।

ধারাল খড়্গের আঘাতে সমুদ্র দস্যুদের দলপতির বুক থেকে রক্তপাত শুরু হল। আর্তনাদ করে উঠল সে। আর এর পরই মুহূর্তেই আকাশের মতো উঁচু একটা ঢেউ আছড়ে পড়ল নৌকাটার গায়ে। ঢেউয়ের আঘাতে শূন্যে লাফিয়ে উঠল নৌকাটা। তারপর সমুদ্রর জলে আছড়ে পড়ে মুহূর্তের মধ্যে খণ্ডবিখণ্ড হয়ে গেল অত বড় দস্যু নৌকাটা! খড়্গ উঠিয়ে দন্তকুমারকে বলি দিতে ব্যর্থ হওয়া, দস্যু সর্দারের নিজ খড়্গে রক্তপাত হওয়া সর্বোপরি নৌকাটা আকস্মিক ঢেউয়ের আঘাতে অমন চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া—এসব দেখে প্রচণ্ড আতঙ্ক সৃষ্টি হল সমুদ্র দস্যুদের মনে। তারা বুঝতে পারল সম্ভবত কোনও দৈবশক্তির প্রভাবেই এ ঘটনা ঘটছে। নিজেদের প্রাণ রক্ষার জন্যই এরপর আতঙ্কিত দস্যু সর্দার ও তার সঙ্গীরা দন্তকুমারকে সেখানে ফেলে রেখেই পলায়নের জন্য ছুটল। অন্ধকারে হারিয়ে গেল তারা।

সমুদ্র দস্যুদের দল অন্তর্হিত হবার পর যুপ কাষ্ঠ থেকে নিজেকে মুক্ত করে উঠে দাঁড়ালেন। সমুদ্রের জলচ্ছ্বাস যেন স্তিমিত হতে শুরু করল এরপর। কিন্তু দন্তকুমার এবার কোন দিকে যাবেন? হেমমালাকে কোথায় রেখে এসেছেন তিনি? এ কথা ভাবতে ভাবতেই হঠাৎ তিনি দেখতে পেলেন সমুদ্রের পাড় বরাবর একটা আলোক বিন্দু এগিয়ে আসছে তাঁর দিকে।

আলোটা এসে থামল দন্তকুমারের সামনে। মৃৎ প্রদীপের আলো। কিন্তু সেই আলোকবর্তিকা যে বহন করে এনেছে তাকে দেখে অবাক হয়ে গেলেন দন্তকুমার। এ যে হেমমালা!

দন্তকুমার তাকে প্রশ্ন করলেন, ‘তুমি কী ভাবে এখানে উপস্থিত হলে?’

প্রশ্ন শুনে হেমমালা যেন একটু বিস্মিত হল। সে বলল, ‘ক্ষুধা-তৃষ্ণাতে আমি তো সংজ্ঞা হারিয়ে ছিলাম। তারপর তুমিই তো এলে। আমার কপালে চন্দন লেপে দিলে। আমার ক্ষুধা-তৃষ্ণা দূর হয়ে গেল সঙ্গে সঙ্গে। তুমি বললে, চোখ মেলে আমি যে প্রদীপ দেখতে পাব, সেই প্রদীপ তুলে নিয়ে পথ হাঁটতে। তাহলেই আমি আবার তোমার কাছে পৌঁছে যাব। আমি চোখ মেললাম। তোমার কথা মতো এই প্রদীপ দেখতে পেলাম। প্রদীপ তুলে নিয়ে সমুদ্র তীর ধরে হাঁটতে হাঁটতে তোমার কাছে পৌঁছলাম।’

পত্নীর কথা শুনে বিস্মিত দন্তকুমার বললেন, ‘আমি তো তোমার কাছে যাইনি। স্বয়ং তথাগতই হয়তো রক্ষা করছেন তোমাকে।’ এ কথা বলার পর দন্তকুমার সমুদ্র দস্যুদের হাতে তাঁর বন্দি হবার ঘটনা ও পরবর্তী সব ঘটনা বিবৃত করলেন হেমমালাকে।

সব শুনে হেমমালা বললেন, ‘হ্যাঁ, তথাগতই বিপদ থেকে রক্ষা করেছেন আমাদের। তিনি আমাদের অলক্ষে আমাদের সঙ্গেই পথ চলছেন। আমাদের আর কোনও ভয় নেই।’

দন্তধাতুর ভাণ্ডটা আবার স্বামীর হাতে সমর্পণ করল হেমমালা। পথ চলা শুরু হল দুজনের।

আরও বেশ কিছুদিন পথ চলল তাঁরা। অদ্ভুত ব্যাপার এই যে কোনও সময় খাদ্য-পানীয় না পেলেও তাঁদের কারোরই ক্ষুদা-তৃষ্ণার উদ্রেক ঘটল না। ভগবান বুদ্ধর নাম স্মরণ করতে করতে তাঁর শেষ চিহ্ন বহন করে এগিয়ে চলল দম্পতি। তারপর একদিন ভোরের আলো ফোটার পর তাঁরা দেখতে পেল দূরে সমুদ্রর বুকে, সমুদ্রতটে দাঁড়িয়ে আছে সার সার ময়ূরপঙ্খী নাও, নানা আকৃতির জলযান। দন্তকুমার বুঝতে পারলেন ওটা একটা সুবিশাল বন্দর। তাম্রলিপ্তি বন্দরের কাছে অবশেষে পৌঁছে গেছে তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *