শেষ চিহ্ন – ১৪

১৪

যে মন্দিরে দন্তধাতু এনে স্থাপন করা হয়েছিল, কয়েক দিনের মধ্যেই দেখা গেল সে মন্দির ভগবানের পবিত্র অস্থি সংরক্ষণের পক্ষে উপযুক্ত নয়। কারণ, দন্তধাতুর অলৌকিক মহিমা প্রচারিত হবার সঙ্গে সঙ্গেই ওই ধাতু দর্শন করে পুণ্য লাভের অভীপ্সায় রাজ্যের নানা প্রান্ত থেকে প্রতিদিন সহস্র সহস্র মানুষ পাটলিপুত্র নগরীতে এসে উপস্থিত হচ্ছে। প্রাসাদ সংলগ্ন মন্দির প্রাঙ্গণে তাদের স্থান সংকুলান হচ্ছে না। তা দেখে সম্রাট পণ্ডু, সন্ন্যাসী সুভদ্দ ও গুহসীবের সঙ্গে আলোচনা ক্রমে পাটলিপুত্র নগরীর কেন্দ্রস্থলে একটা বৃহৎ স্বর্ণমন্দির নির্মাণের উদ্যোগ গ্রহণ করলেন। সেই স্থানে রক্ষিত হবে ভগবানের অস্থি।

মন্দির নির্মাণের কাজ শুরু হল। আর তার সঙ্গে সঙ্গে রাজর্ষি পণ্ডু, কলিঙ্গ নরেশ গুহসীব ও চেদীরাজ চিত্তযানকে সঙ্গী করে প্রাচীন ভিক্ষু সুভদ্দের কুটিরে নিয়মিত উপস্থিত হয়ে শ্রবণ করতে লাগলেন ভগবানের বাণী, তাঁর জীবন কাহিনি। আর তা শ্রবণ করে জম্বুদ্বীপ অধিপতির হৃদয় যেমন পরম শান্তিতে ভরে উঠল, তেমনই সম্পদ, সংসারের প্রতি বৈরাগ্যও দেখা দিল। মন্দির নির্মাণ সমাপ্ত হতে তিন বৎসর লাগল। ততদিনে সম্রাট পণ্ডু অনুরক্ত হয়ে পড়েছেন শাস্তার ধর্ম ভাবনা, তাঁর জীবনাদর্শের প্রতি।

জ্ঞানী ভিক্ষু সুভদ্দের পৌরোহিত্যে সম্রাট পণ্ডু সেই নবনির্মিত স্বর্ণমন্দিরে স্থাপন করলেন ভগবানের পূত অস্থি। এই উপলক্ষে পাটলিপুত্র নগরীতে এমন সমারোহ হল যা পাটলিপুত্রবাসী ইতিপূর্বে দেখেননি। সম্রাটের অর্ধীনস্থ বহু রাজা-মহারাজা সে উপলক্ষে সম্রাটের রাজধানীতে এসে উপস্থিত হলেন, এবং তাঁরা নিজেরাও দন্তমন্দিরে ঐশ্বর্য প্রদান করে গৌরবান্বিত হলেন।

 সুদূর সিংহল থেকে সেবার শীতকালে পাটলিপুত্র নগরীতে এসে উপস্থিত হলেন বৌদ্ধ উপাসক সিংহল নৃপতি মহাদিসেন। তাঁর আগমন বার্তা পেয়ে কলিঙ্গপতিকে সঙ্গী করে তাঁকে নগরীর দ্বারপ্রান্তে অভ্যর্থনা করার জন্য উপস্থিত হলেন স্বয়ং সম্রাট পণ্ডু। সিংহলরাজকে উপযুক্ত সম্বর্ধনা জানিয়ে নিয়ে যাওয়া হল দন্তমন্দিরে। মন্দিরে তিনি নিবেদন করলেন সিন্ধু ছেঁচে আনা রাজহংসের ডিমের আকৃতির অতি দুর্মূল্য মুক্ত ও রক্ত বর্ণের প্রবাল ইত্যাদি বহু রত্নরাজি। সে সব উপহার ইতিপূর্বে কেউ চাক্ষুষ করেননি।

দন্তধাতু যে কক্ষে রক্ষিত আছে তার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সিংহল রাজ মহাদিসেন এমন আবেগমথিত হয়ে পড়লেন যে আনন্দশ্রু তাঁর বাঁধ মানল না। কক্ষের ভিতর স্বর্ণাসনে, স্বর্ণাধারে রক্ষিত ভগবানের শেষ চিহ্নের দিকে তাকিয়ে কেঁদেই চললেন তিনি। পাটলিপুত্র নগরীতে সাতদিন অতিবাহিত করবেন বলে মনস্থির করে এসেছিলেন মহাদিসেন। সম্রাট পণ্ডু তাঁকে স্বীয় প্রাসাদে রাত্রিবাসের আমন্ত্রণ জানালে সিংহলরাজ জানালেন এ সাত দিন, সাত রাত তিনি দন্তধাতু মন্দিরে ভগবান বুদ্ধর শেষ চিহ্নের সংস্পর্শেই অতিবাহিত করতে চান। সম্রাট পণ্ডু সিংহলরাজের অনুরোধ মঞ্জুর করলেন। মহাদিসেন, সাত রাত অতিবাহিত করলেন মন্দির প্রাঙ্গণে। প্রবল শৈত্যপ্রবাহে তখন কম্পমান পাটলিপুত্র নগরী।

সাত রাত অতিবাহিত হবার পর মহাদিসেনের বিদায় বেলায় রাজা গুহসীব তাঁকে বললেন, ‘এই প্রবল শীতে মন্দির প্রাঙ্গণে কোনও আচ্ছাদন ব্যতিরেকে শয়ন করতে আপনাকে প্রবল কষ্টের সম্মুখীন হতে হল!’

তা শুনে মহাদিসেন বললেন, ‘একটুও নয়। বরং রাজ পালঙ্কেও আমি এমন সুখনিদ্রা যাইনি। খোলা আকাশের নীচে শুভ্র প্রস্তরের ওপর বিনা আচ্ছাদনে শয়ন করা মাত্রই আমাকে ঘিরে যেন অতি আরামদায়ক এক উষ্ণবলয় রচিত হতো। তাকে অতিক্রম করে শৈত্যপ্রবাহ আমাকে স্পর্শ করতে পারত না। গর্ভগৃহের ভিতর থেকে ভেসে আসত সুমধুর এক মন্দ্রধ্বনি। আমার মনে হতো, পরম করুণাময় যেন তাঁর সন্তানকে ঘুম পাড়িয়ে দিচ্ছেন। আমার নাসারন্ত্রে প্রবেশ করত এক অজানা অপূর্ব সৌরভ। সেই স্বর্গীয় ঘ্রাণ গ্রহণ করে, সমধুর ধ্বনি শ্রবণ করতে করতে পরম উষ্ণতায় প্রতি রাতে শান্তির নিদ্রা গেছি আমি। এই সুখনিদ্রার কথা আমার আমৃত্যু মনে থাকবে।’

সিংহলরাজ মহাদিসেনের কথা শুনে কলিঙ্গরাজ গুহসীব পুলকিত হলেন। বললেন, ‘এ সবই ভগবানের অলৌকিক ক্ষমতা। আপনি তাঁর পরম ভক্ত। তাই তিনি আপনাকে তাঁর অলৌকিক ক্ষমতা প্রদর্শন করলেন।’

যাত্রার পূর্ব মুহূর্তে সিংহলরাজ মহাদিসেন আবেগমথিত ভাবে কলিঙ্গরাজ গুহসীবের হাত স্পর্শ করে বললেন, ‘কলিঙ্গরাজ, আপনি নিশ্চয়ই পূর্বজন্মে পুণ্য সঞ্চয় করেছিলেন। যে কারণে আপনি এ জন্মে ভগবানের শেষ চিহ্নের সংস্পর্শে থাকার সৌভাগ্য লাভ করেছেন। যদি আপনি কোনওদিন এই পবিত্র দন্তধাতু সহযোগে সিংহলের মাটিতে পদার্পণ করেন তবে সিংহলবাসীরা নিজেদের জীবন ধন্য মনে করবে। আপনার ও এই পবিত্র দন্তধাতুর মর্যাদা রক্ষার জন্য, সর্বদা প্রস্তুত হয়ে থাকবে দ্বীপবাসী। মনে করবেন সিংহল দেশটাও আপনারই।’

এই উষ্ণ আমন্ত্রণে অশ্রু নেমে এল কলিঙ্গ নরেশের চোখেও।

তিনি মহাদিসেনকে বললেন, ‘বুদ্ধ সেবক মনে রাখবে আপনার এই আমন্ত্রণের কথা।’

নৃপতি দুজনের অলক্ষে পরম করুণাময় হয়তো হাসলেন তাঁদের এই কথোপকথন শুনে। কলিঙ্গনরেশের থেকে বিদায় নিয়ে, পাটলিপুত্র ত্যাগ করে রাজা মহাদিসেন যাত্রা শুরু করলেন।

সময় এগিয়ে চলতে লাগল নিজের নিয়মে। ইতিমধ্যে আরও কয়েক বৎসর অতিক্রান্ত হয়ে গেল। যদিও বার্তাবাহকের মাধ্যমে কলিঙ্গরাজ জানতে পারছিলেন যে কলিঙ্গরাজ্য ও তার রাজধানী সুরক্ষিতই আছে এবং তাঁর মহামন্ত্রী ভার্গবের পরিচালনায় সেখানে শান্তি বিরাজমান, তবুও ধীরে ধীরে দন্তপুরে ফেরার জন্য রাজা গুহসীবের মন ব্যাকুল হয়ে উঠতে লাগল।

সর্বোপরি তাঁর কন্যাকে দীর্ঘ দিন দেখেননি তিনি। যে কন্যাকে তিনি কিশোরীবেলায় ছেড়ে এসেছিলেন, সে আজ যুবতী। পিতার কর্তব্য সাধন করে উপযুক্ত পাত্রের সঙ্গে তার বিবাহের ব্যবস্থা করা প্রয়োজন। সে কার্য দন্তপুরে না ফিরে গেলে সম্ভব নয়। এ সব নানা কথা ভেবে নিজ জন্মভূমিতে ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠলেন কলিঙ্গপতি।

কিন্তু সমস্যা হল ভগবানের পবিত্র অস্থি পাটলিপুত্র নগরীতে রেখে তিনি কীভাবে ফিরবেন দন্তপুরে? আবার পাটলিপুত্র নগরী থেকে তিনি দন্তধাতু নিয়ে দন্তপুরে ফিরতে চান এ কথা রাজর্ষি পণ্ডুকে জানাতে সঙ্কোচবোধ হতে লাগল কলিঙ্গপতির। সম্রাট যে কলিঙ্গপতিকে পুত্রের মতো স্নেহ করেন। তাকে আঘাত দিতে মন চাইছিল না কলিঙ্গপতির।

এভাবে আরো কিছুদিন অতিবাহিত হবার পর ভগবানই এই সমস্যার সমাধান করলেন। রাজর্ষি পণ্ডু এক রাতে স্বপ্ন দেখলেন একদল দেবতা তাঁর শিয়রে এসে দাঁড়িয়েছেন। আর যে রাতে পণ্ডু এই স্বপ্ন দেখলেন, তার পরদিন স্বর্ণ মন্দিরের গর্ভগৃহের দ্বার উন্মোচন করে এক অদ্ভুত ব্যাপার দেখা গেল। গর্ভগৃহের চন্দ্রতপের নীচে বেঞ্চির ওপর স্বর্ণ সিংহাসনে মখমলের গালিচার ওপর বসানো ধাতু ভাণ্ডটি আর স্বস্থানে নেই। সিংহাসনের নীচে অবস্থান করছে সেই স্বর্ণভাণ্ডটি। পর পর আরও দু-রাত এরপর একই ঘটনা ঘটল। ভগবানের শেষ চিহ্ন সম্মিলিত স্বর্ণ পাত্রটি সিংহাসনে স্থাপন করা হলেও পর দিন আবার একই ঘটনা প্রত্যক্ষ করলেন সবাই। অর্থাৎ স্বর্ণভাণ্ডটি সিংহাসন ছেড়ে নীচে নেমে পড়েছে! সম্রাট পণ্ডুও প্রথম রাতের মতো আরও দু-রাত একই স্বপ্ন দেখলেন!

এ দুটি ঘটনার ব্যাখ্যা খুঁজতে রাজাধিরাজ শরণাপন্ন হলেন মহাজ্ঞানী ভিক্ষু সুভদ্দর। সব শুনে তিনি বললেন, ‘রাজন, ওই পবিত্র দন্তধাতু কলিঙ্গ থেকে পথ পরিক্রমা করে পাটলিপুত্র নগরীতে এসে উপস্থিত হয়েছিল আপনাকে স্বর্গলাভের সঠিক পথ দেখাবার জন্য। ভগবানের শেষ চিহ্নের প্রভাবে আপনি দান-ধ্যান ইত্যাদি প্রজাহিতৈষী কাজের মাধ্যমে বর্তমানে স্বর্গলাভের অধিকারী হয়েছেন। তাই দেবতার দল আপনাকে স্বর্গে নিয়ে যাবার জন্য উপস্থিত হয়েছেন। আর দন্তধাতুর এ স্থানে কার্য সমাপ্ত হওয়ায় সে আবার ফিরে যেতে চাইছে কলিঙ্গে। তার এখনও অনেক পথ পরিক্রমা বাকি। মহাকালের পথ ধরে ওই দন্তধাতুকে যেতে হবে আরও অনেক দূরে ভগবানের আদর্শকে বহু মানুষের মধ্যে ছড়িয়ে দেবার জন্য। তাই ধাতুপাত্রটি সিংহাসন ছেড়ে নীচে নেমে আসছে, তাকে ফিরিয়ে নিয়ে যাবার কথা বলছে।’

মহাজ্ঞানী ভিক্ষুর কাছ থেকে এ কথা শ্রবণ করে জম্বুদ্বীপ অধিপতি তাঁর কাছে জানতে চাইলেন, ‘এখন আমার কী করণীয়, সে বিষয়ে পরামর্শ দিন।’

সুভদ্দ বললেন, ‘মহারাজ, আপনাকে স্বর্গারোহণ করাতে দেবতাকুল উপস্থিত হয়েছেন ঠিকই, কিন্তু যতদিন না আপনি যথাযোগ্য মর্যাদার সঙ্গে ওই পবিত্র দন্তধাতুকে বিদায় জানাচ্ছেন ততদিন দেবতাগণ আপনাকে স্বর্গে নিয়ে যেতে অপারগ। আপনি পবিত্র ধাতুটির বিদায়ের আয়োজন করুন এবং নিজের অক্ষয় স্বর্গলাভের জন্য প্রস্তুত হন।’

দন্তধাতুর বিদায় উৎসবের প্রস্তুতি শুরু করলেন রাজর্ষি। সাতদিন ধরে সুভদ্দের পৌরহিত্যে বিশেষভাবে পূজা করা হল ভগবানের শেষ চিহ্নকে। নিজের স্বর্গারোহণের পূর্বে রাজর্ষি পণ্ডুও বেশ কয়েকটি কাজ করলেন। তার অধীনস্থ রাজ্যগুলিকে স্বাধীনতা প্রদান করলেন। বিশাল সৈন্যদল ভেঙে দিয়ে শুধুমাত্র পাটলিপুত্র নগরী রক্ষার জন্য কিছু সৈন্য রাখার ব্যবস্থা করলেন। পররাজ্য আক্রমণ করা যাবে না, পাটলিপুত্র নগরী রক্ষা করার জন্যই শুধু অস্ত্র ধরা যাবে এই শর্তে তাঁর উত্তরাধিকারী নির্বাচনের কাজও সম্পন্ন করলেন।

এইসব কাজ সম্পন্ন করার পর এক প্রত্যুষে অশ্রুসজল চক্ষে দন্তধাতুর ভাণ্ডটিকে শেষবারের মতো স্পর্শ করে, প্রণাম জানিয়ে পণ্ডু তা সমর্পণ করলেন কলিঙ্গনরেশ গুহসীবের হাতে। বাদ্যযন্ত্র, লোকজন সমাহারে সেই ধাতুপাত্রটিকে মস্তকে ধারণ করে কলিঙ্গরাজ পাটলিপুত্র নগরী থেকে যাত্রা শুরু করলেন নিজ দেশে ফেরার জন্য। ধাতুভাণ্ড নিয়ে পাটলিপুত্র নগরীর সিংহতোরণ অতিক্রমের সঙ্গে সঙ্গেই নগরীর ভিতর থেকে শিঙার ধ্বনি ভেসে এল কলিঙ্গরাজের কানে। তিনি বুঝতে পারলেন মহাজ্ঞানী ভিক্ষু সুভদ্দের কথা সত্যি হল। স্বর্গরোহন করলেন রাজর্ষি পণ্ডু। কলিঙ্গরাজ এগিয়ে চললেন তাঁর নিজের পথ ধরে।

যে পথে গুহসীব কলিঙ্গ থেকে দন্তধাতুটিকে পাটলিপুত্রে আনয়ন করেছিলেন ফেরার সময় সে পথই অবলম্বন করলেন তিনি। তাঁর যাত্রা পথে কোথাও পুষ্পবৃষ্টি করল জনতা, কোথাও আবার তাঁরা পুণ্য অভিলাষে সঙ্গী হল কলিঙ্গনরেশের। তাঁর রাত্রিকালীন বিশ্রামের জন্য কোথাও খুলে দেওয়া হল স্থানীয় ভূস্বামীর প্রাসাদ, কোথাও খুলে দেওয়া হল সনাতনধর্মের মন্দির প্রাঙ্গণ। কেউ একবারও বলল না যে, মৃত মানুষের অস্থি অপবিত্র, তাকে গৃহে বা মন্দিরে স্থান দিলে অমঙ্গল সূচিত হবে। সকলেই পবিত্র দন্তধাতুটিকে যথাযোগ্য মর্যাদা দান করে তার কাছে নিজের মনস্কামনা পূর্ণ হবার জন্য আশীর্বাদ প্রার্থনা করতে লাগল।

পথ চলতে চলতে ক্রমশ কাছে এগিয়ে আসতে লাগল কলিঙ্গ দেশ। তারপর এক রাতে সবার কানে এল চিরপরিচিত সাগর গর্জন। পরদিন এক আলো ঝলমলে সকালে কলিঙ্গপতি গুহসীব ভগবান বুদ্ধের শেষ চিহ্নকে মস্তকে ধারণ করে এসে দাঁড়ালেন সিংহতোরণের সামনে।

কলিঙ্গরাজের আগমনবার্তা পৌঁছে গেছিল দেশবাসীর কাছে। মহামন্ত্রী ভার্গবের নেতৃত্বে নরপতিকে বরণ করার জন্য প্রতীক্ষা করছিল রাজকন্যা হেমমালা ও উদ্বেলিত জনতা। মহারাজ সেখানে উপস্থিত হতেই তূর্য, ভেরি ইত্যাদি বাদ্যযন্ত্র বেজে উঠল, পুরনারীরা পুষ্পবৃষ্টি শুরু করল।

দীর্ঘ দিন পর সাক্ষাৎ হল পিতা-পুত্রীর। কলিঙ্গপতি প্রথমে চললেন সেই প্রাচীন দন্তমন্দিরের দিকে ভগবানের শেষ চিহ্নকে পুর্নস্থাপনের জন্য। এইসময় তিনি খেয়াল করলেন মহামন্ত্রী ভার্গবের সঙ্গী এক অপরিচিত যুবককে। গৌর চেহারা, প্রশস্ত ললাট, উন্নত চিবুক। তাঁর পদচারণার ভঙ্গিমায় আভিজাত্যের ভাব আছে। রাজা গুহসীব বুঝতে পারলেন, এই যুবক কলিঙ্গবাসী নয়।

কলিঙ্গপতি দন্তমন্দিরে উপস্থিত হয়ে সেখানে ধাতুপাত্রটি স্থাপন করলেন। কার্য সমাধা করে প্রবেশ করলেন রাজপ্রাসাদে। রাজকন্যা হেমমালা নিজের হাতে সেদিন সন্ধ্যায় শত প্রদীপ জ্বালালেন প্রাসাদে। রাত গভীর হবার সঙ্গে সঙ্গে দন্তমন্দিরের থেকে ভেসে আসতে লাগল পরিচিত মন্ত্রধ্বনি। সেই শব্দ শ্রবণ করতে করতে আর কন্যার পদসেবা গ্রহণ করে নিদ্রা গেলেন বহু পথ অতিক্রম করে আসা শ্রান্ত কলিঙ্গপতি।

প্রাসাদে ফিরে আসার পর বেশ কয়েকটা দিন কলিঙ্গনরেশের কেটে গেল বিশ্রামে। আদরের কন্যা হেমমালাকে পাটলিপুত্র নগরীর সব কাহিনি শোনালেন। কলিঙ্গনরেশ গুহসীব দীর্ঘ বৎসর ধরে রাজকার্য থেকে বিচ্ছিন্ন। এবার সে কাজের সঙ্গে আবার যুক্ত হতে হবে। কয়েকদিন বিশ্রাম গ্রহণ করে তিনি একদিন মহামন্ত্রী ভার্গবকে ডেকে পাঠালেন।

ভার্গবের কাছে রাজা শুনলেন, ভগবান বুদ্ধের অপার করুণায় সারা কলিঙ্গ নগরীতেই শান্তি, সমৃদ্ধি বিরাজমান। সনাতন, বৌদ্ধ ও জৈন সম্প্রদায়ের মধ্যেও অশান্তির কোনও শঙ্কা নেই। সেই দুষ্ট নিগ্রণ্টপতি শম্বুকনাতও আর কলিঙ্গদেশে ফিরে আসেননি।

রাজকার্য সংক্রান্ত নানান আলোচনার পর একসময় কলিঙ্গনরেশ তাঁর মহামন্ত্রীকে জিগ্যেস করলেন, ‘আমি দন্তপুরে পদার্পণ করার দিন আপনার সঙ্গে যে গৌরবর্ণের যুবককে দেখলাম, সে কে? তাকে দেখে তো কলিঙ্গবাসী বলে মনে হল না।’

মহামন্ত্রী ভার্গব বললেন, ‘উনি উজ্জয়িনীর রাজপুত্র দন্তকুমার। পরম বুদ্ধ ভক্ত, সৎ, কর্মঠ, নির্লোভ যুবক। আপনি দন্তধাতু নিয়ে পাটলিপুত্র নগরীতে যাত্রা শুরুর কিছু দিনের মধ্যেই তিনি ওই পবিত্র দন্তধাতু দর্শনের জন্য এখানে এসে উপস্থিত হন। তারপর আপনার ফেরার প্রতীক্ষায় এই রাজপ্রাসাদের অতিথিশালাতেই রয়ে গেছেন। এই কয়েক বৎসর দন্তপুরের সম্যক ব্যবস্থার সঙ্গে তিনি পরিচিত হয়েছেন। দন্তপুরবাসী তাঁর মধুর ব্যবহারে তাঁর প্রতি গভীর অনুরক্ত হয়ে পড়েছে। রাজকার্যের পরিচালনায় আমিও তাঁর কাছ থেকে প্রভূত সাহায্য লাভ করেছি।’

মহামন্ত্রী এও জানালেন, ‘এই যুবক আপনার কন্যা হেমমালার প্রাণ রক্ষাকারীও বটে। উজ্জয়িনীর যুবরাজ যখন কলিঙ্গদেশ অভিমুখে আসছিলেন, তখন তিনি দেখতে পান এক সরোবরের তীরে অস্মক দেশের লম্পট যুবরাজ রাজকন্যা হেমমালা ও তাঁর সখীদের হরণ করার চেষ্টা করছে। দন্তকুমার উপযুক্ত বীরত্ব প্রদর্শন করে সেই পাপিষ্ঠের কবল থেকে রাজকন্যাকে রক্ষা করেন এবং সেই দুরাচারকে উপযুক্ত শিক্ষা দিয়ে নিজ রাজ্যে পলায়নে বাধ্য করে।’

মহামন্ত্রীর মুখে একথা শুনে বড় চমৎকৃত বোধ করলেন কলিঙ্গনরেশ। তিনি তখনই উজ্জয়িনীর রাজপুত্রকে তাঁর সামনে সসম্মানে উপস্থিত করার নির্দেশ দিলেন। একটু পরেই তাঁর সামনে উপস্থিত হল দন্তকুমার। কলিঙ্গ নরেশের পাদস্পর্শ করে সে প্রণাম জানাল। কলিঙ্গপতি তার আচরণে বেশ প্রীত হলেন। যৌবনে রাজকুমাররা বেশ উদ্ধত প্রকৃতির হয়। কলিঙ্গরাজ নিজেও যৌবনে তেমনই ছিলেন। কিন্তু এই যুবকের সঙ্গে প্রথম সাক্ষাতেই তাকে বেশ নম্র, স্থিতধী বলে মনে হল।

কলিঙ্গপতি তাঁকে বললেন, ‘মহামন্ত্রীর মুখ থেকে আমি সব শুনেছি। তুমি আমার প্রাণাধিক কন্যার প্রাণ রক্ষা করেছ। এর বিনিময়ে কী উপহার চাও বলো। কলিঙ্গদেশের প্রসিদ্ধ হস্তীযূথ, সমুদ্র উপকূলের দুর্মূল্য মুক্তমালা, স্বর্ণালঙ্কার, ভূমি, তোমার যা প্রয়োজন বলো!’

উজ্জয়িনীর যুবরাজ দন্তকুমার কয়েকমুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তারপর নতমস্তকে বলল, ‘ও সব কিছুরই প্রয়োজন নেই আমার। সুদূর উজ্জয়িনী থেকে এখানে, দীর্ঘকাল প্রতীক্ষা করে আছি শুধুমাত্র একবার ভগবান বুদ্ধের পবিত্র চিহ্ন দর্শনের আশায়। আপনি যদি আমার সেই মনস্কামনা পূর্ণ করেন, তা হলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি একজন বুদ্ধ ভক্ত মাত্র। আর আপনি হলেন ভগবানের পবিত্র চিহ্নের রক্ষক। আপনি যদি ভগবানের ‘ধম্ম’ প্রচারের কাজে আমাকে নিয়োজিত করতে চান তবে আমি নিজেকে ধন্য মনে করব।’

কলিঙ্গনরেশ বললেন, ‘কিন্তু তোমার জন্য যে উজ্জয়িনীর রাজ সিংহাসন প্রতীক্ষা করে আছে!’

যুবরাজ সংক্ষিপ্ত জবাব দিল, ‘ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে নিজের যুবরাজ পরিচয়ও মুছে ফেলতে আমি রাজি আছি।’

যুবরাজ দন্তকুমারের সঙ্গে আরও কিছু বাক্যালাপ করে কলিঙ্গপতি তাঁকে বিদায় দিলেন। দন্তকুমারের আচরণে তিনি বড় প্রীত। তিনি চলে যাবার পর রাজা গুহসীব মহামন্ত্রীকে বললেন, ‘কন্যা হেমমালা বিবাহযোগ্যা। তার বিবাহের জন্য এমনই এক যুবকের সন্ধান করছি। উজ্জয়িনীর যুবরাজ কি সম্মত হবে হেমমালাকে বিবাহ করতে? তবে আমি নিশ্চিন্ত হতে পারি।’

বৃদ্ধ মহামন্ত্রী মৃদু হেসে বললেন, ‘আমি যতটুকু বুঝেছি তাতে হেমমালা ও যুবরাজ পরস্পরের প্রতি অনুরক্ত। আপনার সামনে সঙ্কোচে সে কথা ব্যক্ত করিনি। বেশ কয়েকদিন আমি দুজনকে অতিথিশালায় নিভৃত অলাপ করতে দেখেছি। রাজকন্যা ও রাজপুত্র এ প্রস্তাব নিশ্চিত গ্রহণ করবেন।’

কলিঙ্গনরেশ বললেন, ‘তবে সে আয়োজন করুন।’

রাজা গুহসীবের কন্যা হেমমালার সঙ্গে উজ্জয়িনীর রাজপুত্র দন্তকুমারের বিবাহ সম্পন্ন হতে চলেছে শুনে সমগ্র কলিঙ্গরাজ্যে উৎসব শুরু হল। কলিঙ্গ দেশের নানা স্থান থেকে প্রজাগণ ও বৌদ্ধ ভিক্ষুরা দন্তপুরে সমবেত হতে লাগলেন।

নির্ধারিত দিনে দন্তনগরীর দন্তমন্দিরে সমবেত হলেন সবাই। ধাতুপাত্রের মুখ উন্মোচন করলেন রাজা গুহসীব। দন্তকুমার, সেই ধাতু পাত্রের ভিতর রক্ষিত ভগবানের শেষ চিহ্ন দর্শন করে নিজের মানবজীবন সার্থক করলেন। ভগবানের পবিত্র দন্তধাতুকে সাক্ষী রেখে সম্পন্ন হল হেমমালা ও দন্তকুমারের বিবাহ। উৎসবের হাজার প্রদীপের আলোয় দন্তনগরী ঝলমল করছিল।

ঠিক সেইদিন গভীর রাতে কলিঙ্গ নগরী থেকে অনেক দূরে অস্মকরাজ্যে পদার্পণ করল এক কৃষ্ণকায় ব্যক্তি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *