৭
দন্তমন্দিরের প্রধান ভিক্ষু জেতবন, রাজা গুহসীবকে বললেন, ‘রাজন, আমাকে মার্জনা করবেন। আমাকে এখনই দন্ত মন্দির ত্যাগ করে অন্যত্র গমন করতে হবে।’
ভিক্ষু জেতবনের মুখ মণ্ডলে প্রচণ্ড উত্তেজনার ভাব লক্ষ করে রাজা গুহসীব বললেন, ‘এত রাত্রিতে কোথায় গমন করবেন আপনি? কোথাও কোনও বিপদ বা উপদ্রব উপস্থিত হয়েছে নাকি? তাহলে আমি আপনার সঙ্গী হতে পারি।’
গুহসীবের প্রস্তাব শুনে ভিক্ষু জেতবন মৃদু ভেবে নিয়ে বললেন, ‘আমাকে যেতে হবে বেশ কিছুটা দূরবর্তী এক বালুতটে। হ্যাঁ, ইচ্ছা করলে রাজন আমার সঙ্গী হতে পারেন। হয়তো-বা তার প্রয়োজনও আছে। তবে আমরা দুই জন ভিন্ন তৃতীয় ব্যক্তিকে সঙ্গে নেওয়া যাবে না। আর কালক্ষেপও করা যাবে না।’
রাজা গুহসীব তাঁর আসন ত্যাগ করে উঠে দাঁড়িয়ে বললেন, ‘আমি সম্মত।’
প্রধান ভিক্ষু জেতবনের সঙ্গে রাজা গুহসীব দন্তমন্দির ত্যাগ করে মৃদু চন্দ্রালোকিত, কুয়াশাচ্ছন্নরাত্রিতে রওনা হলেন নির্দিষ্ট স্থানের দিকে। দন্তনগরী ঘুমিয়ে পড়েছে, কোথাও কোনও প্রদীপ শিখা নেই। নিস্তব্ধ জনপদ। রাজা গুহসীবকে নিয়ে জেতবন যে স্থানের দিকে যাত্রা করছেন সে স্থান নগরীর বাইরে সমুদ্রর দিকে। পথ চলতে চলতে জেতবন সে বিষয়ে রাজা গুহসীবকে বললেন, ‘আমরা চলেছি সমুদ্র পাড়ের কাছে কুকুসন্ধর বালু ঢিপিতে।’
রাজা গুহসীব জানতে চাইলেন, ‘কুকুসন্ধ কে? তাঁর নামতো শুনিনি?’
ভিক্ষু জেতবন বললেন, ‘ “কুকুসন্ধ” হল ভগবান বুদ্ধর আর এক নাম। ওই বালু ঢিপির নীচে কুকুসন্ধ নামে এক মহাভিক্ষু, যিনি দন্ত ধাতু মন্দির নির্মাণের সময় কাল অর্থাৎ সাত-আটশত বৎসর ধরে ধ্যানমগ্ন অবস্থায় আছেন। আমরা কেউ তাঁকে কোনও দিন চোখে দেখিনি। দন্তমন্দিরের ভিক্ষুরা শুধু যুগ যুগ ধরে তাদের পূর্বসূরীদের মুখ থেকে জেনে এসেছেন তাঁর কথা এবং উত্তরসূরীদের তা জানিয়ে দিয়ে গেছেন। কারো কারো ধারণা কুকুসন্ধ নাকি আসলে সেই বুদ্ধ শিষ্য ক্ষেম, অথবা পূর্ব জন্মে ক্ষেম ছিলেন। শাস্তার আশীর্বাদে বোধিসত্ত্বর মতো তিনিও জাতিস্বর। অর্থাৎ পূর্বজন্মের কথা তিনিও স্মরণ করতে পারেন। দন্তমন্দিরের শত শত বছরের প্রথা অনুসারে তাঁর বালুঢিপির সামনে প্রতি সন্ধ্যায় একজন গিয়ে প্রদীপ জ্বালিয়ে আসে ও ঢিপির গায়ে লবন ছড়িয়ে আসে।’
রাজা গুহসীব জানতে চাইলেন, ‘লবন ছড়ায় কেন?’ ভিক্ষু জেতবন জবাব দিলেন, ‘প্রাচীন প্রথা। এ সম্পর্কে আমার সম্যক ধারনা নেই। তবে এক প্রাচীন ভিক্ষু আমাকে একবার বলেছিলেন যে তার অনুমান, ওই লবণ বালুকণা ভেদ করে মহাভিক্ষু কুকুসন্ধর শরীরে পৌঁছায়। ওই লবণে জারিত করেই তিনি তাঁর প্রাচীন শরীরকে বাঁচিয়ে রেখেছেন, অথবা ওই লবণ তিনি খাদ্যরূপে গ্রহণ করেন। সমুদ্র এখন ওই স্থান থেকে কিছুটা তফাতে সরে গেলেও সাত-আটশত বৎসর পূর্বে লবণ বাহিত সমুদ্রজল প্রত্যহ দুইবার জোয়ারের সময় ধৌত করত ওই বালুতটকে। সে কারণেই নাকি ভিক্ষু কুকুসন্ধ এই স্থান বেছে নিয়েছিলেন তাঁর উপসনার জন্য শত সহস্র বৎসর ধরে তাঁর শরীরকে বাঁচিয়ে রাখতে।’
রাজা গুহসীব অত্যন্ত আশ্চর্য হলেন কুকুসন্ধর ব্যাপার শুনে।
ভিক্ষু জেতবন এরপর কুকুসন্ধ সম্পর্কে তাঁর আগ্রহ আরও বাড়িয়ে দিয়ে বললেন, ‘প্রাচীন ভিক্ষুরা বলে আসছেন মহাভিক্ষু কুকুসন্ধ নাকি আমাদের দন্তমন্দিরের প্রহরী। অতীতের মতো তিনি নাকি ভবিষ্যৎদ্রষ্টাও। যখনই কোনও বিপদ আসার উপক্রম হয় তখনই নাকি তিনি বালির স্তূপের আড়াল থেকে উত্থিত হয়ে সতর্ক করে দেন দন্তমন্দিরের শ্রমণদের।
সম্রাট অশোক যখন কলিঙ্গ অভিযান করবেন বলে মনস্থ করেছিলেন তখন নাকি কুকুসন্ধ আত্মপ্রকাশ করে পাটলীপুত্রর দিকে অঙ্গুলি নির্দেশ করে বিপর্যয়ের দিক নির্ণয় করে ইঙ্গিত দিয়েছিলেন। দন্তমন্দিরের ভিক্ষুরা সে সংবাদ কলিঙ্গ অধিপতি অনন্ত পদ্মনাভর কাছে পৌঁছেও দিয়েছিল। কিন্তু কলিঙ্গরাজ অনন্ত পদ্মনাভ ব্যাপারটাতে বিশেষ গুরুত্ব দেননি।
কলিঙ্গরাজ্যের হস্তীবাহিনী ছিল সে সময় মহাজনপদগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনি যদি কুকুসন্ধর সাবধান বাণীকে গুরুত্ব দিয়ে সম্রাট অশোক কলিঙ্গ সীমা অতিক্রম করার পূর্বে তাঁর রণহস্তী বাহিনীকে সীমান্তে মোতায়ন করতেন তবে যুদ্ধের ফলাফল অন্যরূপ হত। উপাসক কুকুসন্ধ যদি আজ সত্যি আত্মপ্রকাশ করেন তবে আমি নিশ্চিত দন্তনগরীর ওপর কোনও বিপদ ঘনিয়ে আসছে। কলিঙ্গরাজ্যের রক্ষাকর্তা হিসাবে, ভবিষ্যতের বৌদ্ধনৃপতি হিসাবে সে তথ্য আপনার জ্ঞাত হওয়া প্রয়োজন। তাই আপনাকে আমার সঙ্গী করলাম। আমরা দন্তমন্দিরের মাত্র কয়েকজন ভিক্ষু শুধুমাত্র সেই ঢিপির সন্ধান জানি। তিনি ধ্যান ভঙ্গ করলে নাকি তাঁকে মাত্র তিনটি প্রশ্ন করা যায়।
বেশ কিছু সময় ধরে পথ পরিক্রমার পর দন্তনগরী ত্যাগ করে নির্দিষ্ট স্থানে উপস্থিত হলেন ভিক্ষু জেতবন ও রাজা গুহসীব। এই স্থান দন্তনগরী ও সমুদ্রর মধ্যবর্তী স্থানে অবস্থিত এক বালুকাময় অঞ্চল। চাঁদের আলোতে ছোট-বড় অসংখ্য বালুর স্তূপ জেগে আছে চারপাশে। কুয়াশার চাদর ভেসে বেড়াচ্ছে সেই স্তূপগুলির গায়ে। এ এক জনমানবহীন অঞ্চল। নভোরজময় বালু স্তূপের সেই গোলকধাঁধাতে কলিঙ্গরাজকে নিয়ে প্রবেশ করলেন দন্তমন্দিরের প্রধান ভিক্ষু জেতবন। একসময় একটা ক্ষীণ আলোকবিন্দু চোখে পড়ল তাঁদের দুজনেরই। তাঁরা উপস্থিত হলেন সেই স্থানে।
মানুষপ্রমাণ বালু ঢিপির ঠিক মাঝখানে অপেক্ষাকৃত একটি ছোট বালুঢিপির সামনে সন্ধ্যাতে দন্তমন্দিরের ভিক্ষুর প্রজ্জ্বলন করা প্রদীপটা তখনও জ্বলছে। তবে তার আয়ু ফুরিয়ে এসেছে। নিভে যাবার পূর্বে মাঝে মাঝে উজ্জ্বল আলোক বিকিরণ করছে সে। ঢিপিটার সামনে দাঁড়িয়ে তার প্রতি দৃষ্টিপাত করলেন ভিক্ষু জেতবন ও নৃপতি গুহসীব। ঢিপিটা অন্য ঢিপিগুলোর থেকে ক্ষুদ্রাকৃতির হলেও তার মধ্যে অনায়াসে কোনও মানুষ ধ্যানস্থ অবস্থায় লুক্কায়িত থাকতে পারে। প্রতিদিন তার গায়ে লবণ সিঞ্চন করার কারণে গাত্রবর্ণ অন্য বালু ঢিপি অপেক্ষা অধিক শুভ্র।
বালু ঢিপিটা তখন কিন্তু স্থির। যে ভিক্ষু প্রদীপ প্রজ্জ্বলন করতে এসেছিল তবে কি তার দৃষ্টি বিভ্রম হয়েছিল, সেই বালু ঢিপির দিকে কিছুক্ষণ নিস্তব্ধভাবে তাকিয়ে থাকার পর ভিক্ষু জেতবন সেই ঢিপির সামনে জানু পেতে বসলেন। রাজা গুহসীবও তাঁকে অনুসরণ করলেন। সেই ঢিপির দিকে তাকিয়ে হাত জোড় করে ভিক্ষু জেতবন এরপর প্রার্থনার ভঙ্গিতে মৃদুস্বরে বলতে লাগলেন-‘বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি—সঙ্ঘং শরণং গচ্ছামি…।’
ভিক্ষু বেশ কিছুক্ষণ ধরে প্রার্থনা উচ্চারণ করার পর যেন সেই বালুকা ঢিপির অন্তরালে যিনি আছেন তিনি সাড়া দিলেন। বালুকা স্তূপ কাঁপতে শুরু করল! খসে পড়তে লাগল বালুকণা। তার ভিতর থেকে আত্মপ্রকাশ করতে লাগল ধ্যানস্থ অবস্থায় বসা এক অদ্ভুত দর্শন মূর্তি। এক সময় বালুকারাশির ভিতর থেকে আত্মপ্রকাশ করলেন শত শত বৎসর ধরে ভগবান বুদ্ধর ধ্যানমগ্ন ভিক্ষু কুকুসন্ধ-বুদ্ধ শিষ্য ক্ষেম। তাঁর শরীরে কোনও মাংসপেশী আজ আর অবশিষ্ট নেই! এক কঙ্কাল মূর্তি! হাড়ের ওপর শুধু পাতলা চামড়ার চাদর জড়ানো। লবণের প্রলেপের জন্য সেই চামড়ার রং সাদা হয়ে গেছে। তার অক্ষিপল্লব, ওষ্ঠ, কোনও কিছুই স্পষ্ট নয়। কোটরগুলো আবছাভাবে দৃশ্যমান। শুভ্রবর্ণের ধ্যানস্থ এক কঙ্কাল মূর্তি। হাত দুটো কোলের কাছে রাখা। নির্জন রাতে চাঁদের আলোতে এই অদ্ভুত দর্শন কুকুসন্ধর মূর্তি দর্শন করে শুধু রাজা গুহসীবই নন, ভিক্ষু জেতবনও পরম বিস্মিত ও চমকিত হলেন। তাহলে শত শত বৎসর ধরে দন্তধাতু মন্দিরের শ্রমণ-ভিক্ষুদের কাহিনী মিথ্যা ছিল না। ইনিই সেই বালুর স্তূপের আড়ালে বহুশত বৎসর ধরে উপাসনা করে চলা অতীত-ভবিষ্যদ্রষ্টা কুকুসন্ধ!
প্রাথমিক বিস্ময়ের ভাব কাটিয়ে উঠতে কয়েক পল সময় লাগল ভিক্ষু জেতবনের। তারপর তিনি হাতজোড় করে সেই মূর্তির উদ্দেশে বললেন, ‘হে কালদর্শী, বুদ্ধ সেবক মহাভিক্ষু। আপনি আমার ও কলিঙ্গরাজের প্রণাম গ্রহণ করুন। আপনার ধ্যানভঙ্গ কি কোনও বিপদের আগাম বার্তাবাহী?’
ভিক্ষু জেতবনের প্রশ্নর জবাবে মাথা ঝুঁকিয়ে ভবিষ্যৎ দ্রষ্টা মহাভিক্ষু বুঝিয়ে দিলেন, হ্যাঁ, বিপদ সমাগত।
তাঁর কথা বুঝতে পেরে দন্তমন্দিরের প্রধান ভিক্ষু দ্বিতীয় প্রশ্ন করলেন, ‘সে কেমন বিপদ? কোথা থেকে আসছে?’
শত শত বছরের প্রাচীন মহাভিক্ষু তাঁর কঙ্কালসার শরীরের কাঠির মতো দক্ষিণ হস্ত ধীরে ধীরে তুলে পশ্চিম দিকে কিছু সময় স্থির রাখলেন। তারপর হাতটা আবার পূর্বের মতো নিজ স্থানে স্থাপন করলেন।
ভিক্ষু জেতবন এরপর তাঁকে তৃতীয় অর্থাৎ শেষ প্রশ্ন করলেন, ‘আমরা চিরকাল কলিঙ্গর এই দন্তমন্দিরে ভগবানের শেষ চিহ্নকে রক্ষিত রাখতে পারব তো?’
ভিক্ষু জেতবন ও কলিঙ্গরাজকে চমকিত করে এমনভাবে মহাভিক্ষু তাঁর কঙ্কাল মুণ্ড নাড়ালেন যে তাঁর এখনি বুঝি মুণ্ড স্কন্ধচ্যুত হবে! এবং তাঁর অর্থ-রক্ষিত থাকবে না! প্রদীপের আলোটাও সেই মুহূর্তে দপ করে জ্বলে উঠে নিভে গেল।
আর এরপরই একেবারে স্থির হয়ে গেলেন মহাভিক্ষু। তিনি ধ্যানস্থ হলেন পূর্বের ন্যায়। তার দুপাশের দুই বালু স্তূপ থেকে বালি খসে পড়তে লাগল তাঁর শরীরে। কিছু সময়ের মধ্যেই বালির ঢিপির আড়ালে অদৃশ্য হলেন মহাভিক্ষু কুকুসন্ধ অথবা বুদ্ধ শিষ্য ভিক্ষু ক্ষেম।
দন্তমন্দিরের প্রধান ভিক্ষু জেতবন ও রাজা গুহসীব উঠে দাঁড়িয়ে সে স্থান ত্যাগ করে ফেরার পথ ধরলেন। বেশ কিছুক্ষণ নীরবে পথ চললেন তাঁরা। ভবিষ্যদ্রষ্টা কুকুসন্ধর শেষ জবাবে অর্থাৎ ভগবান বুদ্ধর চিহ্ন ওই দন্তধাতু পূর্বের ন্যায় ওই দন্তমন্দিরে থাকবে না জেনে বেশ আশাহত হয়েছেন তারা দুজনেই।
সেই বালুস্তূপের প্রান্তর থেকে নির্গত হয়ে নগরীতে প্রবেশ করতে এক সময় কলিঙ্গরাজ আক্ষেপের স্বরে বললেন, ‘আমি ভেবেছিলাম সেই স্থানে একটি স্বর্ণ মন্দির রচনা করব। সে ইচ্ছা হয়তো পূর্ণ হবে না।’
তাঁর কথার জবাবে শ্রমণ জেতবন একটু ভেবে নিয়ে বললেন, ‘কখন সেই পবিত্র দন্তধাতু বর্তমান মন্দির থেকে অন্যত্র স্থানান্তরিত হবে অথবা নিশ্চিহ্ন হবে সে সময়কাল সম্পর্কে তো মহাভিক্ষু কুকুসন্ধর থেকে আমরা কিছু জানতে পারিনি। সে প্রশ্নর অবকাশ ছিল না। ভবিষ্যদ্রষ্টার কথা মিথ্যা হবে না, ঠিকই, কিন্তু সে সময় আসতে হয়তো আরও হাজার বছর পেরিয়ে যাবে।
ভিক্ষু জেতবনের যুক্তিতে কিছুটা আশ্বস্তবোধ করে কলিঙ্গরাজ বললেন, ‘মহাভিক্ষু কুকুসন্ধ জানিয়েছেন যে, বর্তমান ধাতুমন্দিরে ওই পবিত্র ধাতু ভবিষ্যতে রক্ষিত থাকবে না। এই দন্তনগরী বা কলিঙ্গর অন্য কোনও মন্দিরে ভগবানের পবিত্র ধাতু রক্ষিত থাকবে না তা সে কথাতো তিনি বলেননি। আমি সমুদ্রর নিকটবর্তী স্থানে ওই দন্তধাতুর জন্য নতুন মন্দির নির্মাণ করাব।’
পরস্পরের কথার যুক্তিতে কিছুটা আস্থা ফিরে পেলেন তাঁরা দুজনেই। ভিক্ষু জেতবন এরপর বললেন, ‘তবে যে একটা দুর্যোগ ঘনিয়ে আসছে সে ব্যাপারটা কিন্তু নিশ্চিত। আর তা আসছে মহাভিক্ষুর নির্দেশিত পশ্চিম দিক থেকেই।’
কলিঙ্গরাজ বললেন, ‘পশ্চিম দিকে চেদী রাজ্য। রাজার নাম চিত্তযান। জম্বুদ্বীপ অধিপতি মহাসম্রাট পণ্ডুর অনুরাগী ঘনিষ্ঠ তিনি। তবে গত তিনশত বৎসরের মধ্যে চেদী রাজার সঙ্গে কলিঙ্গর কোনও সংঘর্ষ তো হয়ইনি বরং শান্তি বজায় থেকেছে। আমার পিতামহ, বৃদ্ধ পিতামহর রাজত্বকালে রাজ দুহিতা বিনিময়ও হয়েছে দুই রাজ পরিবারের মধ্যে। যতটুকু জানি চেদী রাজ চিত্তযান সনাতনধর্মাবলম্বি হলেও পরধর্মসহিষ্ণু, নীতিবান। পর রাজ্যের প্রতি তাঁর লোভ নেই।’
এ কথা বলার পর একটু ভেবে নিয়ে বললেন, ‘তবে মহাভিক্ষু কুকুসন্ধ যখন পশ্চিম দিক নির্দেশ করলেন তখন আমি কাল প্রত্যুষেই একদল গুপ্তচর প্রেরণ করছি পশ্চিম সীমান্তে। দেখা যাক তারা কী সংবাদ বহন করে আনে?’
রাজ-নির্দেশে একদল অশ্বারোহী গুপ্তচর বণিকের ছদ্মবেশে পরদিনই রওনা দিল পশ্চিম সীমান্তর দিকে। ক্রমশ এগিয়ে আসতে লাগল মাঘী পূর্ণিমার দিন। কলিঙ্গরাজ ঢেড়া পিটিয়ে সারা নগরবাসীকে জানিয়ে দিলেন ওই দিন তাঁর বৌদ্ধধম্ম গ্রহণের কথা, আর সে উপলক্ষে দন্তধাতু নিয়ে রাজপ্রাসাদে গমন, শোভাযাত্রা, উৎসবের কথা। একই সঙ্গে তিনি তাঁর সভাসদ ও নগরবাসীদের একথা জানিয়েও আশ্বস্ত করলেন যে কলিঙ্গরাজের ধর্ম পরিবর্তন হেতু ব্রাহ্মণরা বা নিগ্রন্টদের আতঙ্কের কোনও কারণ নেই। রাজা গুহসীবের রাজ্যে প্রত্যেকেই তার নিজ নিজ ধর্মাচার ও উৎসব পালন করতে পারবেন। এ কথা জানার পর সবাই রাজআহ্বানে তাঁর উৎসবে যোগদানের প্রস্তুতি শুরু করল।
মাঘী পূর্ণিমার ঠিক আগের দিন মধ্যাহ্নে পরদিন তাঁর ধর্ম গ্রহণ ও উৎসবের চূড়ান্ত প্রস্তুতির জন্য মহামন্ত্রী ভার্গব আর ভিক্ষু জেতবনের সঙ্গে এক নিবিড় আলোচনাতে বসেছিলেন কলিঙ্গরাজ গুহসীব। ভিক্ষু জেতবন প্রাসাদে এসেছেন কোন স্থানে ওই পবিত্র ধাতুভাণ্ড, এক দণ্ডর জন্য রক্ষিত থাকবে তা প্রাসাদের সে স্থান নির্বাচনের জন্য। তার নিমিত্তে পদ্মশোভিত মণ্ডপ নির্মাণ করতে হবে। ঠিক এমন সময় এক গুপ্তচর ফিরে এল পশ্চিম সীমান্ত থেকে। সে রাজাকে নিবেদন করল যে পশ্চিম সীমান্তে এখনও কোনও সেনাদল উপস্থিত না হলেও সেখানে তারা কয়েকজন অনুচর সমেত নিগ্রণ্টপতি শম্বুকনাত ও কয়েকজন ব্রাহ্মণকে দেখতে পেয়েছে! সম্ভবত কারো জন্য সে স্থানে প্রতীক্ষা করছেন তাঁরা! অন্য গুপ্তচররা সীমান্তেই অবস্থান করছে আরো খবর সংগ্রহ করে আনার জন্য।
কলিঙ্গরাজ গুহসীবের কাছ থেকে অপমানিত হয়ে নিগ্রণ্টপতি সেই যে প্রাসাদ ও দন্তপুর ত্যাগ করেছিলেন তারপর তাঁর আর কোনও সংবাদ পাননি কলিঙ্গ নরেশ। তিনি শুনেছিলেন নিগ্রণ্টপতি নাকি তাঁর রাজ্য ত্যাগ করেছেন। তাঁদের সীমান্তে ফিরে এসে সে স্থানে অপেক্ষারত থাকার সংবাদ শুনে নিগ্রণ্টরা যে তাঁর অনিষ্ট কামনাতে সমবেত হয়েছেন তা অনুমান করলেন গুহসীব। তবে ব্রাহ্মণরা কেউ কেউ নিগ্রণ্টপতির সঙ্গী হয়েছে যেনে বিস্মিত হলেন রাজা। নিগ্রণ্টপতি শম্বুকনাতকে বরাবর তিনি ব্রাহ্মণদের বিরুদ্ধাচারণ করতেই দেখেছেন। নিগ্রণ্ট আর ব্রাহ্মণরা একসঙ্গে!
এ ঘটনা শ্রবণ করে ভিক্ষু জেতবন বললেন, ‘মহাভিক্ষু কুকুসন্ধ তবে সঠিক দিক নির্দেশ করেছেন। আপনি বৌদ্ধধম্ম গ্রহণ করতে চলেছেন জেনে নিজেদের বৈরীতা ভুলে আপনার অনিষ্ঠ সাধনের জন্য একত্রিত হয়েছে ব্রাহ্মণ আর নিগ্রণ্টরা। আপনি এখনও ভেবে দেখুন আপনি বৌদ্ধধম্ম গ্রহণ করবেন কিনা? আমাদের হেতু আপনার কোনও অনিষ্ট হোক তা আমি চাই না।’
ভিক্ষুর কথা শুনে কলিঙ্গপতি হেসে বললেন, ‘আমি ভগবান বুদ্ধর চরণ তলে স্থান নিতে যাচ্ছি, তার জন্য ভগবানের যা ইচ্ছা করবেন তা তাই করবেন। ভগবান বুদ্ধ ভয়ঙ্কর ‘মার’কে জয় করতে পেরেছিলেন আর আমি সামান্য নিগ্রণ্টদের ভয়কে জয় করতে পারব না? আগামীকাল প্রত্যুষে সঠিক সময়তেই আমি দন্তমন্দিরে উপস্থিত হব শাস্তার পাদপদ্মে নিজেকে সমর্পণ করার জন্য। আপনি দেখবেন সে অনুষ্ঠানের কোনওরূপ যেন ত্রুটি না হয়।’
কলিঙ্গরাজ গুহসীবের কথা শুনে ভিক্ষু খুশি হয়ে বললেন, ‘ভগবান বুদ্ধ আপনার মনোবাঞ্ছনা পূর্ণ করুন। আগামীকালই তাঁর শেষ চিহ্ন, পবিত্র দন্তধাতু স্পর্শকরার অধিকার লাভ করবেন আপনি।’
ঠিক এদিন সন্ধ্যাতেই পশ্চিম সীমান্তে বিশাল সেনাদল নিয়ে উপস্থিত হলেন চেদীরাজ চিত্তযান। পশ্চিম সীমান্ত থেকে কলিঙ্গ প্রদেশের রাজধানী দন্তনগরী আনুমানিক সাতদিনের পথ। চেদীরাজ চিত্তযান মিলিত হলেন নিগ্রণ্টপতিদের সঙ্গে। তাঁরা তাঁকে পথ দেখিয়ে নিয়ে যাবেন দন্তনগরীর দন্তমন্দিরে। তাঁদের দেখামাত্র এক অশ্বারোহী গুপ্তচর এ সংবাদ জানাবার জন্য দন্তনগরীর উদ্দেশে রওনা হল।
