শেষ চিহ্ন – ১৩

১৩

রাত কেটে গিয়ে ভোরের আলো ফুটল এক সময়। রাজ নির্দেশে বেশ কয়েকটি দল ঢেঁড়া পিটিয়ে বেরিয়ে পড়ল নগরী পরিক্রমায়। সময় যত অতিবাহিত হতে লাগল তত জনসমাগম বৃদ্ধি পেতে লাগল কানন প্রাঙ্গণে।

যাঁরা গত দিন পবিত্র ধাতুর অলৌকিক ক্ষমতা প্রত্যক্ষ করেছিল তারা সে সংবাদ ছড়িয়ে দিয়েছে নগরীর সর্বত্র। তাই এদিন আরও অধিক সংখ্যায় পাটলিপুত্রবাসী সমবেত হতে লাগল রাজসভা সংলগ্ন উদ্যানে। একসময় জম্বুদ্বীপ অধিপতিও পূর্ব দিনের মতোই পাত্রমিত্র ও সভাসদ পরিবৃত হয়ে উপস্থিত হলেন সেখানে।

তিনি দেখলেন, গত দিনের মতোই আলোক বিচ্ছুরিত হচ্ছে সেই দন্তধাতু থেকে। সবাই প্রতীক্ষা করতে লাগল কেউ যদি পবিত্র দন্তধাতুটিকে প্রস্তর পাত্রের বাইরে বার করার জন্য আনতে পারেন, তাঁর জন্য।

হ্যাঁ, এক সময় তিনি সেখানে এসে উপস্থিত হলেন। ঢেঁড়ার মাধ্যমেই বার্তা কানে গেছে তাঁর। তিনি পাটলিপুত্র নগরীরই বাসিন্দা। সেই লোলচর্ম আবৃত প্রবীণ বৌদ্ধ সন্ন্যাসীকে দেখে নত মস্তকে করজোড়ে প্রণাম জানালেন রাজা গুহসীব ও রাজা চিত্তযান। পাটলিপুত্র নরেশ সেই সন্ন্যাসীর উদ্দেশে বললেন, ‘আপনি আপনার পরিচয় প্রদান করুন। আপনি কি ভগবান বুদ্ধের পবিত্র দন্ত ধাতুকে, প্রস্তুর পাত্রের বাইরে আনতে সক্ষম?’

জম্বুদ্বীপ অধিপতির প্রশ্নের জবাবে সেই বৌদ্ধ ভিক্ষু, সম্রাট ও অন্য দুই রাজাকে চমকিত করে দিয়ে বললেন, ‘আমি ভিক্ষু সুভদ্দ। বহু বৎসর ধরে আমি এই পাটলিপুত্র নগরীতে নিভৃতে ভগবান বুদ্ধের নাম জপ করছি। আপনারা হয়তো বা কেউ শুনে থাকবেন যে, বহু শত বৎসর পূর্বে শ্রাবস্তী নগরে এক ধণাঢ্য শ্রেষ্ঠী ছিলেন, যাঁর নাম ছিল সুদত্ত। শ্রাবস্তী নগরী ত্যাগ করে তিনি এই পাটলিপুত্র নগরীতে উপস্থিত হয়ে ভগবান বুদ্ধকে দর্শন করেন ও তাঁর পাদপদ্মে নিজেকে সমর্পণ করেন। গৌতম বুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি তাঁর যাবতীয় সম্পদ বিলিয়ে দেন গরিব-দুঃখীদের মধ্যে ও বৌদ্ধধম্ম প্রচারের কাজে। জেতবন মঠসহ বহু মঠ, স্তূপও তিনি নির্মাণ করেন। এই দানশীলতার জন্য তাঁর নামকরণ করা হয় অনাথপিণ্ডক। তিনি ছিলেন আমার প্রপিতামহ। তাঁরই কর্মফলের পুণ্যে আমি ভগবান বুদ্ধের শেষ চিহ্নকে এই প্রস্তর আধার থেকে মুক্ত করতে সক্ষম। অনুগ্রহ করে আপনারা নিশ্চুপ হয়ে ভগবান বুদ্ধের উদ্দেশে নির্মল চিত্তে শ্রদ্ধাভাব প্রদর্শন করুন।’

মুহূর্তে নিশ্চুপ হয়ে গেল জনতা। কলিঙ্গরাজ, চেদীরাজ তো বটেই এমনকী সনাতনধর্ম রক্ষাকর্তা জম্বুদ্বীপ অধিপতি, নৃপতি শ্রেষ্ঠ পণ্ডু ও তাঁর সেনাপতি, অমাত্যরা পর্যন্ত নির্মল চিত্তে ভগবান বুদ্ধকে স্মরণ করতে লাগলেন।

চারদিক নিস্তব্ধ হয়ে যাবার পর সেই অতি প্রাচীন বৌদ্ধ ভিক্ষু নিজ উত্তরীয় তাঁর বাম স্কন্ধে স্থাপন করে, দক্ষিণ জানু মহীতলে স্থাপন করে, ভগবানের পবিত্র দন্ত ধাতুর পাত্রের দিকে তাকিয়ে করজোড়ে বলতে থাকলেন—‘বিজেতা আপনি নানা মাতৃগর্ভে, নানা জাতক হিসাবে জন্ম লাভ করে মানুষকে সত্যের, জ্ঞানের আলোক দেখিয়েছেন। ত্যাগ, করুণা ও মৈত্রীর আদর্শে চলার শিক্ষা দিয়েছেন এই পৃথিবীকে।’

ছদন্ত হস্তী জাতকরূপে আপনি জন্ম লাভ করে, ব্যাধের বিষবাণে বিদ্ধ হয়েও আপনার ষড়বর্ণ রশ্মি বিচ্ছুরিত দন্তদ্বয় ছেদন করে এই ব্যাধকেই প্রদান করেন।

শশক জাতকরূপে আপনি জন্ম লাভ করে জলন্ত অগ্নিতে শরীর বিসর্জন দিয়েছিলেন ক্ষুধার্ত ব্রাহ্মণের ক্ষুধা নিবৃত্তির জন্য।

শিবি রাজরূপে মাতৃগর্ভে জন্মলাভ করে বোধিলাভের জন্য নিজ চক্ষুদ্বয় আপনি দান করেছিলেন অন্ধকে।

মহাকপি জাতকরূপে জন্মগ্রহণ করে, নিজ মেরুদণ্ড চূর্ণ করে অসীম যন্ত্রণা সহ্য করেও আপনি নিজ কুলের প্রাণ রক্ষা করেন ও রাজাকে তাঁর কর্তব্য স্মরণ করান।

ক্ষান্তিবাদী জাতকরূপে জন্মগ্রহণ করলে রাজা যখন আপনার হাত-পা ছেদন করছেন, তখনও আপনি তাঁর মঙ্গল কামনা করেন।

অনিত্য দেহ জাতকরূপে জন্মগ্রহণ করে আপনি শিক্ষা দিয়েছিলেন, শরীর ক্ষণস্থায়ী। রোগ, জরা, ব্যাধির প্রকোপে একদিন সে পরাস্ত হয়।

শূকর জাতকরূপে জন্মলাভ করে আপন ধূর্তদের ধূর্ততা ও তাদের মাংসলোভ দূর করেছিলেন।

জ্যোৎস্না কুমার জাতকরূপে জন্মগ্রহণ করে রাজ সিংহাসনে আরোহণ করেও আপনি দরিদ্র ব্রাহ্মণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেন।

মহাবোধি জাতকরূপে জন্মলাভ করে আপনি শিক্ষা দিয়েছিলেন, পাপের প্রতিকার পাপ দ্বারা, অন্যায়ের প্রতিকার অন্যায় দ্বারা করা অনুচিত।

হংসরাজ জাতকরূপে জন্মগ্রহণ করে আপনি বলেছেন, ধনুর্ধরের তিরের থেকেও দ্রুত হল মানুষের আয়ুক্ষয়। প্রত্যেকেই প্রতি মুহূর্তে অন্তিম সত্য অর্থাৎ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন।

বৃক্ষদেবতারূপে জন্মগ্রহণ করে আপনি শিক্ষা দান করেছিলেন যে অত্যাধিক ধনলাভের আকাঙ্ক্ষা মানুষকে বিপথে চালিত করে।

পক্ষীরূপে জন্মলাভ করে আপনি সত্যধর্মের দ্বারা বনানীর অগ্নি নির্বাপিত করেন বৃক্ষ, জীবকূলের।

মৎসরাজরূপে জন্মগ্রহণ করে আপনি শুষ্ক সরোবরে জল আনয়ন করে মৎস ও অন্য জলজ প্রাণীদের প্রাণ রক্ষা করেছিলেন।

মুণ্ডক জাতক হিসাবে জন্মলাভ করে আপনি শিক্ষা প্রদান করেছিলেন যে শঠ ব্যক্তি যখন ক্ষমতাহীন হয় তখন সে সাধুর রূপ ধরে।

আপনি মানুষের কর্তিত অঙ্গুলি ঝুলন্ত মহাপরাক্রমশালী দস্যু অঙ্গুলিমালকে পরাভূত করেছিলেন।

আপনি মার কর্তৃক জলন্ত অগ্নিকুণ্ডে পদ্ম প্রস্ফুটিত করেছিলেন আর তার ওপর দণ্ডায়মান হয়ে শ্রেষ্ঠী দাতব্য দান করেছিলেন।

সম্ভবরূপে জন্মগ্রহণ করে আপনি সুচরিতের নিগূঢ় প্রশ্নাবলীর উত্তর প্রদান করেছিলেন।

আপনি কালাগিরি পর্বত শিখরে বসবাসকারী গামাশক্তি, পানাশক্তি লিপ্ত, অলৌকিক ক্ষমতা সম্পন্ন যক্ষ পুন্নাককে দমন করেছিলেন।

‘আপনি তপোবনে মিথ্যাচারকে পরাস্ত করে অমোঘ ব্রহ্মাকে জয় করে নূতন ব্রহ্মলোক সৃষ্টি করেছিলেন।’

আপনি ‘চতুরস্রসেনানী’র অধিপতি অলৌকিক অস্ত্রে সজ্জিত ‘তমসা আলবক’ নামের যক্ষকে পরাভূত করেছিলেন।

আপনি বহুজন্মে নিজের প্রাণের মায়া ত্যাগ করে বহু জীবের রক্ষা কর্তা রূপে নানা মাতৃগর্ভে আবির্ভূত হয়েছিলেন।

আপনি ধর্মচক্র সূত্তটি প্রবর্তন করে মানবজাতিকে সাগররূপ বিশাল সত্যতে অবগাহন করিয়েছেন।

আপনি, ব্যাধি, জরা, মৃত্যু এই তিন সত্য সম্পর্কে মানবজাতিকে অবগত করেছেন।

আপনি সর্ব প্রকার রিপু দমন করে, করুণাময় রূপে মানবজাতির হিত সাধন করেছেন।

আপনি শিক্ষা দিয়েছেন সব মানুষকে ভালোবাসার জন্য। যে ব্যক্তি মানুষকে ভালোবাসে তাকে অনেক সময়ে দুঃখী জীবন কাটাতে হয়। সেই দুঃখেও মনে আনন্দ নিহিত থাকে।

‘আপনি শিক্ষা দিয়েছেন, অতীত নিয়ে বিভ্রান্ত হয়ো না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও। এটাই সুখী হবার একমাত্র উপায়।’

আপনি শিক্ষা দিয়েছেন, জ্ঞান হল একটি প্রজ্জ্বলিত প্রদীপের মতো। শত প্রদীপ জ্বালাতে আমরা একটি মাত্র প্রদীপই ব্যবহার করি, কিন্তু তার নিজের আলো কমে না।

আপনি শিক্ষা দিয়েছেন, অপরের ওপর বিজয় লাভের চেয়ে নিজের ওপর বিজয় লাভ কাম্য। কারণ, সে জয় কেউ ছিনিয়ে নিতে পারবে না।

আপনি শিক্ষা দিয়েছেন, ক্রোধ পরিত্যাগ করো। কারণ, সে হল জ্বলন্ত অঙ্গারের মতো। অপরের গায়ে তা ছুঁড়ে মারতে গেলে নিজের হাতও তাতে দগ্ধ হয়।

আপনি মানুষকে শিক্ষা দিয়েছেন, কটু বাক্য পরিহার করে মৌন থাকার জন্য। কারণ, মৌনতা শান্তি আনে।

আপনি শিক্ষা দিয়েছেন, ভালো উপদেশ শুনলেও যতক্ষণ না সেই শিক্ষা জীবনে গ্রহণ করবে ততক্ষণ তা মূল্যহীন।

আপনি শিক্ষা দিয়েছেন, মানুষের মনই তাঁর প্রকৃত বন্ধু বা শত্রু।

আপনি শিক্ষা দিয়েছেন, কোনও পরিবারকে সুখী ও স্বাস্থ্যবান হতে গেলে সবার প্রথমে প্রয়োজন অনুশাসন মেনে চলা ও নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখা। কোনও ব্যক্তি যদি তাঁর মনের ওপর নিয়ন্ত্রণ লাভ করে তবে আত্মজ্ঞানের রাস্তা সে অবশ্যই খুঁজে পাবে।

আপনি শিক্ষা দিয়েছেন, একটি শুদ্ধ জীবন যাপনের জন্য একটি ব্যক্তিকে সব কিছুর মধ্যে থেকেও কিছুই নিজের নয়, এই ভাবনা ধারণ করতে হবে।

আপনি শিক্ষা দিয়েছেন ঈর্ষা পরিত্যাজ্য। কারণ, তা মানুষের মনের শান্তি বিঘ্নিত করে।

আপনি শিক্ষা দিয়েছেন, খারাপ কাজের জন্য একমাত্র তুমি দায়ী। তার দায়ভার অন্য কারো নয়।

আপনি শিক্ষা দিয়েছেন, ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয়ে রচিত মানুষের জীবন। কেবল একটি সঠিক মুহূর্ত পালটে দিতে পারে একটি দিনকে। একটি সঠিক দিন পালটে দিতে পারে একটি জীবনকে। আর এক সঠিক জীবন পালটে দিতে পারে সারা বিশ্বকে।

আপনি শিক্ষা দিয়েছেন তিনটি জিনিসকে কেউ হাজার চেষ্টা করেও গোপন রাখতে পারবে না। তা হল সূর্যর আলো, চন্দ্রের আলো ও সত্যের আলোকবর্তিকা।

এইভাবে একের পর এক বুদ্ধর জাতক কাহিনীর সারাংশ ও তাঁর বাণী বলে যেতে লাগলেন সেই মানুষটি। তা শ্রবণ করে জল ঝরতে শুরু করল রাজর্ষি পণ্ডু ও সমবেত জনতার চোখে। কাননের পশুপাখিরাও যেন নিশ্চুপ ভাবে তা শ্রবণ করতে লাগল!

এক সময় সেই জ্ঞানী বুদ্ধসেবক জনতার উদ্দেশে বললেন, ‘এই সেই মহাকরুণাময়, ধম্মের সৃষ্টিকর্তা, নরশ্রেষ্ঠ মারজয়ী তথাগতর ধাতু। যিনি জ্ঞানের দ্বারা ভয়শূন্য ছিলেন, যিনি অনন্ত জ্ঞানের অধিকারী ছিলেন, যিনি শত্রুশূন্য ছিলেন। তিনিই তথাগত, সত্যধম্মের রাজা। আসুন, আমরা এই দন্তধাতুকে নতমস্তকে প্রণাম জানাই।’

তাঁর কথা শুনে রাজাধীরাজ পণ্ডুসহ সকলে মস্তক নত করে প্রণাম জানাল কুদিত প্রস্তর পাত্রে রক্ষিত দন্তধাতুর উদ্দেশে। সত্য উন্মোচিত হল সকলের সামনে। পরমুহূর্তেই সেই প্রস্তর পাত্র থেকে ভগবানের শেষ চিহ্ন আকাশের দিকে উত্থিত হয়ে উজ্জ্বল তারকার ন্যায় আলোক বিচ্ছুরণ করতে লাগল।

এত সুন্দর সেই আলো যে সূর্যের আলোক রশ্মিও তার কাছে ম্লান হয়ে গেল। তারপর সেই পবিত্র ধাতুটি ধীরে ধীরে পৃথিবীর দিকে নামতে থাকল। অনাথ পিণ্ডকের উত্তরসূরি সেটা প্রথমে মস্তকে ধারণ করলেন, তারপর হাতে নিলেন।

ভগবানের পবিত্র অস্থিটিকে হাতে নিয়ে সুভদ্দ এরপর বললেন, ‘আপনারা যে দৃশ্য প্রত্যক্ষ করলেন এই দন্তধাতুর প্রভাবেই সম্ভব হল, আমার কোনও অলৌকিক ক্ষমতা বলে নয়। এবং তা প্রমাণ করার জন্য কোনও পঙ্কিল জলাশয়ের কাছে নিয়ে যাওয়া হোক।’

পাটলিপুত্র নগরীতেই এক অতি পঙ্কিল সরোবর ছিল। তার জল এত কর্দমাক্ত, কষায় ও পূতিগন্ধময় যে কোনও পশুপক্ষীও সে জল পান করত না। এমনকী ভেক, সর্প ইত্যাদি প্রাণীরাও সে স্থানে বসবাস করত না। শ্রমণের ইচ্ছা পূরণের জন্য রাজর্ষি পণ্ডু উদ্যান ত্যাগ করে তাকে নিয়ে রওনা হলেন সেই পঙ্কিল সরোবরের দিকে। পাটলিপুত্রবাসীরাও চলল সেই সরোবরের দিকে।

সরোবরের কৃষ্ণবর্ণের অতি দুর্গন্ধযুক্ত জলের কিনারে দাঁড়িয়ে অনাথপিণ্ডকের উত্তরপুরুষ সেই পবিত্র ধাতুটিকে নিক্ষেপ করলেন জলাশয়ে। মুহূর্তের মধ্যে সেই সরোবর কাকচক্ষু শীতল জলে পরিপূর্ণ হয়ে উঠল। হাজার পদ্ম ফুটে উঠল সরোবরে! তার সৌরভে আমোদিত হয়ে উঠল চারপাশ। এক বিশাল প্রস্ফুটিত পদ্মের ওপর শোভা পেতে লাগল ভগবানের পবিত্র দন্তধাতু!

রাজর্ষি পণ্ডু, কলিঙ্গ নরেশ গুহসীব, চেদীরাজ চিত্তযান হাতজোড় করে হাঁটু মুড়ে সরোবরের কিনারে বসে সেই দন্তধাতুকে প্রণাম জানালেন। যেখানে যত পশুপক্ষী ছিল তারা আনন্দে কলরব করে উঠল। অলৌকিক দৃশ্য দেখে আনন্দে উদ্বাহু হয়ে নৃত্য করতে লাগল সমবেত জনতা।

অবশেষে সুভদ্দর সঙ্গে সেই সরোবরের শীতল জলে রাজর্ষি পণ্ডুসহ সবাই অবগাহন করে দেহ মনকে কলুষ মুক্ত করলেন। অমৃতবারির ন্যায় সেই পুণ্য সরোবরের জল পান করে তৃপ্ত বোধ করলেন। অনাথপিণ্ডকের প্রপৌত্র এরপর সেই প্রস্ফুটিত পদ্মের ওপর থেকে ভগবানের পবিত্র দন্তধাতুটি সংগ্রহ করে পূর্বেকার সেই আধারে রাখলেন। তারপর সেই স্বর্ণভাণ্ড তুলে দিলেন কলিঙ্গরাজ গুহসীবের হাতে। সরোবর থেকে উঠে রাজর্ষি পণ্ডুর ইচ্ছায় সেই পবিত্র ধাতু কিছুদিন পাটলিপুত্র নগরীতে রাখার জন্য সবাই ফিরে চলল রাজপ্রাসাদ সংলগ্ন এক স্বর্ণমন্দিরের উদ্দেশে। সেখানে স্থাপন করা হল সেই পবিত্র দন্তধাতুটির পাত্র। সম্রাট পণ্ডুর নির্দেশে উৎসবের প্রস্তুতি শুরু হল পাটলিপুত্র নগরীতে। আর তার জন্য রাজাধিরাজ পণ্ডু উন্মুক্ত করে দিলেন তাঁর রাজকোষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *