শেষ চিহ্ন – ১২

১২

রাজর্ষি পণ্ডু তাঁর রাজমুকুট ও উপযুক্ত পোশাক পরিধান করে প্রাসাদ ছেড়ে রাজসভাতে যাত্রা করার আগে প্রত্যহ প্রাসাদে এসে উপস্থিত হন তাঁর প্রধানমন্ত্রী কৃষ্ণদেব, রাজপুরোহিত বিষ্ণুবাহন ও সেনাপতি বজ্রবাহু। বিষ্ণুবাহন জম্বুদীপ অধিপতির মাথায় শান্তিবারি সিঞ্চন করার পর তিনি প্রাসাদের বাইরে পদার্পণ করেন।

এদিনও তার ব্যতিক্রম হল না। পুরোহিত রাজর্ষির মাথায় শান্তিবারি সিঞ্চন করলেন। নরপতি প্রাসাদের বাইরে যাবার জন্য পা বাড়াতে যাচ্ছিলেন, সেইসময় সেনাপতি বজ্রবাহু বললেন, ‘একটি অতি জরুরি সংবাদ। আমি তা এখন রাজর্ষির কাছে নিবেদন করতে চাই।’

‘কী সংবাদ?’ ভ্রূকুটি করে জানতে চাইলেন জম্বুদ্বীপ অধিপতি।

বজ্রবাহু বললেন, ‘রক্ষীপ্রধান এসে জানাল যে কলিঙ্গরাজ গুহসীব ও চেদীরাজ চিত্তযান ওই দন্তধাতুটিকে সঙ্গে করে পাটলিপুত্র নগরীর দ্বারপ্রান্তে এসে উপস্থিত হয়েছেন গত সন্ধ্যায়। তাঁরা নাকি আপনার সাক্ষাৎপ্রার্থী। বর্তমানে তাঁরা সেই স্থানে অবস্থান করছেন।’

সেনাপতির কথা শুনে নৃপতি ও তাঁর অন্য দুই সঙ্গী অত্যন্ত বিস্মিত বোধ করলেন। রাজর্ষি ইতিমধ্যেই মনস্থির করেছিলেন কলিঙ্গদেশে বিশাল বাহিনী পাঠাবেন দুই বিধর্মী নৃপতিকে বন্দি করে আনার জন্য। কিন্তু তার আগেই তাঁরা নিজেরাই ওই দন্ত অস্থি সমেত হাজির হলেন!

দুই নৃপতির আগমনবার্তা শোনার সঙ্গে সঙ্গেই রাজাধিরাজের চোখ জ্বলে উঠল। বিশেষত একদা তাঁর প্রিয় চেদীরাজ চিত্তযানের প্রতি তাঁর ক্রোধ প্রবল। বিশ্বাসের অমর্যাদা করেছে সে। ক্রোধান্বিত সম্রাট বললেন, ‘ওই অস্থি সমেত তাঁদেরকে রাজসভায় হাজির করো! ওই অস্থি আমি ধ্বংস করব আর কঠিন শাস্তি বিধান করব ওই ধর্মত্যাগী নরপতিদের উদ্দেশে।’

পুরোহিত শ্রেষ্ঠ বিষ্ণুবাহন বললেন, ‘এ প্রসঙ্গে মহারাজকে একটি কথা আমার বলার আছে। মৃত ব্যক্তির অস্থি সনাতনধর্ম মতে অপবিত্র বস্তু। রাজসভায় ওই বস্তু প্রবেশ করলে সভা অপবিত্র হবে। ওই বস্তু রাজসভাতে প্রবেশ না করতে দেওয়াই বাঞ্ছনীয়। এমনকী এই অস্থির সংস্পর্শে থাকা নৃপতিগণও রাজসভাতে পদার্পণ করলে অমঙ্গল হতে পারে।’

থমকে গেলেন রাজর্ষি। প্রধান পুরোহিত শাস্ত্রচর্চা করেন। তাঁর বক্তব্যের গুরুত্ব আছে! তিনি মহামন্ত্রী কৃষ্ণদেবের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন।

খানিক ভেবে নিয়ে প্রাজ্ঞ মহামন্ত্রী বললেন, ‘একটা কাজ করা যেতে পারে। রাজসভায় প্রবেশ পথে যে বাগিচা প্রাঙ্গণ আছে সেখানে ওই অস্থি সহ দুই বিধর্মী নৃপতিকে আনা যেতে পারে। সে স্থানে মাটি খনন করে অগ্নিকুণ্ড রচনা করে প্রথমে ভস্মীভূত করা হোক ওই অপবিত্র বস্তুকে। আর ওই অস্থি বিনষ্ট হবার সঙ্গে সঙ্গেই নিশ্চয়ই তার হানিকারক ক্ষমতা বিনষ্ট হবে। তারপর রাজর্ষি ওই দুই নৃপতির দণ্ড দেবেন।’

পুরোহিত বিষ্ণুবাহন, এই বক্তব্য সমর্থন করে বললেন, ‘যথার্থই বলেছেন মহামন্ত্রী। সর্বাগ্রে ওই অপবিত্র অস্থি ধ্বংসের প্রয়োজন। তারপর সম্রাট যা সিদ্ধান্ত নেবেন। আর ওই অগ্নিকুণ্ড রচনা, কুণ্ডে অস্থি নিক্ষেপ এসব কার্য ওই নিগ্রণ্টপতি শম্বুকনাত ও তাঁর সঙ্গীদের দিয়েই সম্পন্ন করাতে হবে। কারণ, ওই অপবিত্র বস্তু স্পর্শ করাও আমাদের পক্ষে অমঙ্গলজনক হতে পারে।’

রাজাধিরাজ পণ্ডু সবার বক্তব্য শ্রবণ করে বললেন, ‘ওই দুই পাতকীকে তবে অপবিত্র অস্থি সমেত প্রাঙ্গণে উপস্থিত করানো হোক। আর নিগ্রণ্টরা যেন সেখানে অগ্নিকুণ্ড রচনা করে রাখে। আমি মধ্যাহ্নে বাগিচাতে উপস্থিত থেকে ওই অপবিত্র বস্তুর বিনাশ প্রত্যক্ষ করার পর দণ্ড বিধান করব।’

রক্ষীপ্রধান প্রাসাদের বাইরেই প্রতীক্ষা করছিল। মহাসেনাপতি তাকে রাজনির্দেশ জানিয়ে দেবার পর সে ছুটল কর্তব্য সম্পাদনের জন্য। রাজর্ষি পণ্ডু তাঁর সঙ্গীদের নিয়ে রওনা হলেন রাজসভার দিকে।

শম্বুকনাতের কাছে যখন রাজ আজ্ঞা পৌঁছল, তখন তাঁর আনন্দে ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য করার মতো অবস্থা। কালবিলম্ব না করে তিনি তাঁর অনুচরদের নিয়ে নির্দিষ্ট স্থানের দিকে রওনা হলেন অগ্নিকুণ্ড রচনার জন্য। আর দুই বৌদ্ধ নৃপতিও ভগবানের শেষ চিহ্ন নিয়ে, কার্যত বন্দী অবস্থায় রক্ষী পরিবৃত হয়ে পা রাখলেন পাটলিপুত্র নগরীতে। রক্ষীপ্রধান তাঁদের দুজনকে নিয়ে চললেন রাজসভা সংলগ্ন উদ্যান প্রাঙ্গণে সম্রাটের সামনে তাঁদের হাজির করাবার জন্য। কৌতূহলী জনতা তাদের পশ্চাদধাবন করল। দুই নৃপতি যখন সেই প্রাঙ্গণে উপস্থিত হলেন তার পূর্বে সেখানে উপস্থিত হয়েছেন নিগ্রণ্টপতি শম্বুকনাত। তিনি নৃপতিদ্বয়কে দেখে ব্যঙ্গভরে বললেন, ‘স্বাগত রাজাধীরাজরা। আপনাদের সেবার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। সেই সৌভাগ্য থেকে আমায় বঞ্চিত করবেন না।’

কলিঙ্গরাজ আর চেদীরাজ এ কথার জবাব দেবার কোনও প্রয়োজন বোধ করলেন না। রক্ষীপরিবৃত অবস্থায় তাঁরা প্রতীক্ষা করতে লাগলেন জম্বুদ্বীপপতির আগমনের জন্য। আর নিগ্রণ্টপতি ব্যস্ত হয়ে পড়লেন ভূমি খনন করে, অঙ্গার বিছিয়ে অগ্নিকুণ্ড রচনার কাজে।

ঠিক মধ্যাহ্নে রাজর্ষি পণ্ডু রাজসভা ভঙ্গ করে তাঁর অমাত্য, সভাসদদের সঙ্গে নিয়ে উপস্থিত হলেন। তাঁর নির্দেশ পালন করে দুই নৃপতিকেই হাজির করা হয়েছে বাগিচা প্রাঙ্গণে। ইতিপূর্বে কলিঙ্গপতিকে না দেখলেও তাঁর মাথায় স্বর্ণনির্মিত দন্তধাতুর পাত্রটি দেখে তাঁর পরিচয় বুঝতে পারলেন। রাজর্ষি আরও দেখলেন, নিগ্রণ্টপতি ও তাঁর সঙ্গীরা ইতিমধ্যেই ভূমিতে তিন হাত পরিমাণ গভীর কূপ রচনা করে তার ওপর জ্বলন্ত অঙ্গারের আচ্ছাদন বিছিয়েছেন। পাটলিপুত্র নগরীর বহু মানুষও বাগিচায় সমবেত হয়েছে অস্থি ধ্বংস প্রত্যক্ষ করার জন্য।

সম্রাট চাইলেন দুই নৃপতির দিকে। কলিঙ্গপতি তাঁর মস্তক থেকে দন্তধাতুর পাত্রটা নামিয়ে বুকের কাছে জড়িয়ে ধরে মাথা ঝুঁকিয়ে প্রণাম জানালেন জম্বুদ্বীপের অধিপতিকে। চেদীরাজও প্রণাম জানালেন।

রোষান্বিত দৃষ্টিতে দুই নৃপতির দিকে কয়েকমুহূর্ত তাকিয়ে থেকে সম্রাট তাঁদের উদ্দেশে বললেন, ‘সনাতনধর্মকে হেয় প্রতিপন্ন করার জন্য, যে পাপকর্ম আপনারা সংগঠিত করেছেন তার জন্য আমি আপনাদের কঠিন দণ্ড দেব। আর তার আগে ধ্বংস করব এই অপবিত্র বস্তুটিকে।’

তাঁর কথা শুনে কলিঙ্গ নরেশ গুহসীব বললেন, ‘হে জম্বুদ্বীপ অধিপতি আপনার ধর্মকে কলুষিত করার বাসনা আমাদের নেই। তবে আমরা ভগবান বুদ্ধের কাছে নিজেদের সমর্পিত করেছি এ ঘটনা সত্য। আর রাজর্ষির বিরুদ্ধে কোনও চক্রান্ত করা বা যুদ্ধ ঘোষণা করার মতো ক্ষমতাও আমাদের মতো ক্ষুদ্র নরপতিদের নেই। তাই আমরা এই পবিত্র দন্তধাতু বহন করে নিজেরাই সম্রাট সন্দর্শনে উপস্থিত হয়েছি। ভগবান বুদ্ধ যা চান তাই হবে।’

রাজর্ষি পণ্ডু অট্টহাস্য করে বলে উঠলেন, ‘দেখা যাক, ভগবান বুদ্ধ, নাকি জম্বুদ্বীপপতির ইচ্ছা, কোনটি বেশি শক্তিশালী! দেখি আপনাদের আরাধ্য ভগবান তাঁর অস্থিকে এবং তাঁর সেবকদের রক্ষা করতে পারেন কিনা?’

নিগ্রণ্টপতি শম্বুকনাত এই মুহূর্তের জন্যই প্রতীক্ষা করছিলেন! সম্রাটের কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই তিনি বললেন, ‘রাজর্ষি যদি নির্দেশ দেন তবে আমি আমার কতর্ব্য সম্পাদন করি। অপবিত্র বস্তুর বিনাশ যত দ্রুত হয় ততই মঙ্গল।’

জম্বুদ্বীপপতি সম্মতিসূচক মাথা নাড়লেন। শম্বুকনাতের ঠোঁটে ফুটে উঠল কলিঙ্গ নৃপতি আর চেদীরাজের প্রতি তীব্র ঘৃণা। তিনি ছুটে গিয়ে ছিনিয়ে নিলেন স্বর্ণভাণ্ড। তারপর সেই পাত্র উন্মোচন করে ভগবানের পবিত্র দন্ত ধাতু নিক্ষেপ করলেন অগ্নিকুণ্ডে। তা দেখে আবার অট্টহাস্য করে উঠলেন পণ্ডু। দুই নৃপতি সজল চোখে কুণ্ডের দিকে চেয়ে মনে মনে স্মরণ করতে লাগলেন ভগবান বুদ্ধকে। নির্বাক জনতা!

বেশ খানিকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর রাজর্ষি পণ্ডু নিগ্রণ্টপতিকে বললেন, ‘দেখুন, অস্থি ভস্মীভূত হয়েছে কিনা!’

তাঁর কথা শুনে শম্বুকনাত উৎসাহভরে উঁকি দিলেন অগ্নিকুণ্ডে। কিন্তু তিনি দেখলেন দন্তধাতুটি অবিকৃত অবস্থায় হয়েছে! তা দেখে তিনি সম্রাটকে বললেন, ‘আর কিছুটা সময় অতিবাহিত হলে নিশ্চয়ই অপবিত্র বস্তুটি ধ্বংস হবে। অতি প্রাচীন অস্থি, তাই হয়তো ভস্মীভূত হতে কিঞ্চিৎ বিলম্ব হচ্ছে।’

নিগ্রণ্টপতির একথার পর সবাই প্রতীক্ষা করতে লাগলেন!

এরপরেই এক অদ্ভুত ঘটনার সূত্রপাত হল। অগ্নিকুণ্ড থেকে হঠাৎই একটি অগ্নিশিখা উত্থিত হয়ে নৃত্য শুরু করল! আর তার সঙ্গে সঙ্গে তীব্র এক সৌরভ সেই অগ্নিকুণ্ড থেকে উত্থিত হয়ে ছড়িয়ে পড়তে লাগল চারপাশে। তারপর রাজর্ষি পণ্ডু আর সমবেত জনতাকে বিস্মিত করে সেই অগ্নিশিখা এক প্রস্ফুটিত পদ্মের আকার ধারণ করল। চারপাশ মোহিত হয়ে উঠল সেই পদ্মের সৌরভে। কিছুক্ষণ স্থির হয়ে রইল সেই পদ্ম। তারপর সব আগুন সহসা নির্বাপিত হল। কৌতূহলী সম্রাট নিজে কুণ্ড অবলোকন করে দেখলেন অবিকৃত অবস্থায় রয়েছে সেই দন্তধাতু! যেন স্বয়ং অগ্নিদেব ওই প্রস্ফুটিত পদ্মের আকার ধারণ করেছিলেন।

এই অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করার পরও নিগ্রণ্টপতি হাল ছাড়লেন না। তিনি বললেন, ‘রাজর্ষি, সম্ভবত এই অপবিত্র অস্থির গায়ে নৃপতিরা কোনও আরকের প্রলেপ মাখিয়ে রেখেছেন। সেই আবরণ থাকার জন্য অগ্নি তাকে গ্রহণ করতে পারছে না। চূর্ণ করে ধ্বংস করা হোক এই অপবিত্র অস্থিকে।’

রাজর্ষি পণ্ডু বললেন, ‘তবে তাই করা হোক। রাজহস্তী ঐরাবতকে এখানে আনয়ন করো। তার পদতলে চূর্ণ হোক ওই অস্থি।’

নিগ্রণ্টপতি অগ্নিকুণ্ড থেকে ভগবানের দন্তধাতুকে তুলে প্রস্তর ভূমির ওপর স্থাপন করলেন। রাজহস্তীও উপস্থিত হল। সম্রাট মাহুতকে নির্দেশ দিলেন দন্তধাতুকে চূর্ণ করার জন্য। পাহাড়ের মতো ঐরাবতকে নিয়ে মাহুত অগ্রসর হল! কিন্তু দন্তধাতুর সম্মুখে পৌঁছেই দাঁড়িয়ে পড়ল মহাকাল। মাহুত তার মাথায় উপর্যুপরি অঙ্কুশের ঘা দিয়েও তাকে এক পা নড়াতে পারল না!

নিগ্রণ্টপতি মাহুতের উদ্দেশে চিৎকার করে বললেন, ‘আরও ঘা দাও, আরও ঘা দাও।’

তাঁর কথা শুনে মাহুত আরও কয়েকবার সেই রাজহস্তীর মাথায় অঙ্কুশের ঘা দিয়ে ব্যর্থ চেষ্টা করার পর জানিয়ে দিল আর আঘাত করা সম্ভব না। এর পর গজরাজ ক্ষেপে গিয়ে অস্থিচূর্ণ করার পরিবর্তে উপস্থিত জনতাকেই পদপৃষ্ট করবে।

পরক্ষণেই দ্বিতীয় অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করলেন রাজর্ষি পণ্ডু সহ সমবেত জনতা। পবিত্র দন্তধাতু ভূমির উপর যে স্থানে রাখা হয়েছিল, তার সম্মুখভাগের প্রস্তরাকীর্ণ ভূমিতে এক ফাটলের সৃষ্টি হল, আর সেই নিষ্প্রাণ ভূমি থেকে উত্থিত হল বৃন্তসমেত এক শ্বেতপদ্ম! আর তা দেখে সেই বিশালাকৃতি হস্তী প্রণামের ভঙ্গিমায় তার শুণ্ড মাথার উপর উত্থিত করে হাঁটু মুড়ে ধীরে ধীরে বসে পড়ল সেই পদ্মের সামনে।

রাজর্ষি পণ্ডু যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না। সবার মতো তিনিও বাকরুদ্ধ হয়ে চেয়ে আছেন সেই দন্তধাতু ও প্রস্ফুটিত পদ্মের দিকে। রাজা গুহসীব ও রাজা চিত্তযান এখন বলতে শুরু করছেন, ‘বুদ্ধং শরং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি।’ দন্তধাতুর লীলা প্রত্যক্ষ করে আনন্দ অশ্রু ঝরে পড়ছে তাঁদের চোখ বেয়ে।

তখনও হাল ছাড়েননি নিগ্রণ্টপতি শম্বুকনাত। তিনি বললেন, ‘পাথরের পাত্রে ওই অস্থি স্থাপন করে লৌহদণ্ডের আঘাতে চূর্ণ করা হোক।’

ততক্ষণে সম্রাট পণ্ডু এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, ভগবান বুদ্ধের দন্তধাতু অলৌকিক ক্ষমতা সম্পন্ন। তবুও তৃতীয়বারের জন্য তার অলৌকিক প্রভাব প্রত্যক্ষ করতে চাইলেন। কারণ, শাস্ত্রে বলা আছে কোনও বস্তু বা ব্যক্তির অলৌকিক ক্ষমতা তিনবার যাচাই করা প্রয়োজন। তাই তিনি বললেন, ‘তবে তাই হোক।’

নিগ্রণ্টপতি পবিত্র দন্তধাতুকে স্থাপন করলেন এক পাথরের আধারে। উপস্থিত রক্ষীদের মধ্যে থেকে দুজন বলিষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করা হল লৌহদণ্ডের সাহায্যে ভগবানের শেষ চিহ্নকে চূর্ণ করার জন্য। সেই রক্ষীদ্বয় হাতে লৌহদণ্ড তুলে নেবার সঙ্গে সঙ্গে তৃতীয়বারের জন্য সেই দন্তধাতুর অলৌকিক ক্ষমতা প্রত্যক্ষ করলেন। ভগবান বুদ্ধের পবিত্র দন্তধাতু থেকে বিচ্ছুরিত হতে লাগল তীব্র আলোকপ্রভা। এক শুভ্র আলোর বলয় রচিত হল পাথরের আধারের চারপাশে। ভূমি থেকে দন্তধাতু সমেত পাত্রটি উত্থিত হয়ে শূন্যে বিচরণ করতে লাগল!

রাজর্ষি পণ্ডু নিশ্চিত হয়ে গেলেন ভগবান বুদ্ধর এই দন্ত-অস্থি সত্যিই অলৌকিক ক্ষমতা সম্পন্ন এবং পবিত্র বস্তু। নিগ্রণ্টপতি ও তাঁর সঙ্গীরা মিথ্যাচার করেছেন তাঁর সঙ্গে! পাটলিপুত্রর প্রধান পুরোহিতও স্বগতক্তির স্বরে বললেন, ‘আমিও মিথ্যা ধারণার বশবর্তী হয়েছিলাম। এই দন্ত সত্যিই পবিত্র। নইলে তা অগ্নিকে পরাস্ত করতে পারত না, পাথরের বুকে পদ্ম প্রস্ফুটিত করতে পারত না, আলোক বিচ্ছুরণ করে শূন্যে ভাসমান থাকতে পারত না। রাজর্ষি, আপনি এই পবিত্র বস্তুকে সম্মান প্রদর্শনের ব্যবস্থা করুন।’

জম্বুদ্বীপ অধিপতি সেই দুজন সেনাকে নির্দেশ দিলেন লৌহদণ্ড ত্যাগ করার জন্য। তারাও হতবাক হয়ে গিয়েছিল এই অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করে। তারা হাত জোড় করে দাঁড়াল সেই দন্ত ধাতুর উদ্দেশে। সমবেত জনতাও তখন প্রণাম জানাচ্ছে সেই দন্ত ধাতুকে। এরপর দন্তধাতু সমেত পাথরের পাত্র ধীরে ধীরে ভূমি স্পর্শ করল। তবে তার আলোক বিচ্ছুরণ আগের মতোই অব্যাহত থাকল, ঘিরে রইল জ্যোতির্বলয়!

পাটলিপুত্র নরেশ তাকালেন দুই নরপতির দিকে। তাঁরা বুকের কাছে হাত জোড় করে বলে চলেছেন, ‘বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি।’

ইতিমধ্যেই সম্পূর্ণ পাল্টে গেছেন জম্বুদ্বীপপতি। বললেন, ‘আহা, কী অপূর্ব দৃশ্য প্রত্যক্ষ হল আপনাদের সৌজন্যে। আপনারা কী উপহার চান বলুন? আমি কীভাবে সম্মান প্রদর্শন করতে পারি এই পবিত্র অস্থিকে?’

কলিঙ্গ নরেশ করজোড়ে বললেন, ‘আমাদের অন্য কিছু প্রয়োজন নেই পবিত্র দন্তধাতু ছাড়া। আমরা যেন ওই পবিত্র বস্তুকে সস্থানে ফিরিয়ে নিয়ে যেতে পারি।’

চেদীরাজ বিনীতভাবে বললেন, ‘আর আমরা যেন জম্বুদীপ অধিপতির অনুগত নৃপতি হয়ে আমাদের “ধম্ম” পালন করতে পারি।’

সম্রাট বললেন, ‘আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। তবে তার আগে নিজ হাতে এই পবিত্র দন্তধাতুর পূজা সম্পন্ন করব। এবং পাটলিপুত্র নগরীতে এই পবিত্র দন্তধাতুর আগমন উপলক্ষে উৎসবের আয়োজন করব।’

দন্তধাতু কলিঙ্গ ফিরে যাবার কথা শুনে তাকে বাধা দিতে শম্বুকনাত একটা শেষ চেষ্টা করলেন। তিনি বললেন, ‘হ্যাঁ, এ কথা সত্য যে আমরা সবাই এই দন্তধাতুর অলৌকিক ক্ষমতা প্রত্যক্ষ করেছি। কিন্তু মহারাজ, আপনি এই দন্তধাতু পুনরায় বৌদ্ধদের হাতে সমর্পণ করবেন না। কারণ, এবার আমি নিশ্চিত বুঝতে পারছি এই দন্ত বুদ্ধের নয়, নিশ্চিতভাবে এই দন্ত সনাতনধর্মের রামচন্দ্র, পরশুরাম অথবা কোনও বিষ্ণু অবতারের। আপনি এই নগরীতেই মন্দির রচনা করে বিষ্ণু চিহ্ন স্থাপন করুন ও পূজা অর্চনা করুন।’

কিন্তু হিতে বিপরীত হল। রাজর্ষি পণ্ডু, বিরক্তভাবে শম্বুকনাতকে বললেন, ‘আপনি আমাকে সনাতনধর্ম সম্পর্কে শিক্ষা দেবার কে? এখন স্পষ্ট, আপনি একজন বাচাল ও শঠ প্রকৃতির ব্যক্তি।’

অতঃপর শম্বুকনাত আর তার সঙ্গীদেরকে দেখিয়ে তিনি রক্ষীদের নির্দেশ দিলেন, ‘এই মকর্টগুলোকে এখনই পাটলিপুত্র নগরীর বাইরে বের করে দে। আর যেন কোনওদিন এরা পাটলিপুত্র নগরীতে প্রবেশ না করে।’

জম্বুদ্বীপ অধিপতির নির্দেশ পালন হল তৎক্ষণাৎ! অর্ধচন্দ্র দিয়ে রক্ষীরা শম্বুকনাত আর তার সঙ্গীদের তাড়িয়ে নিয়ে চলল।

সম্রাট বললেন, ‘এবার এই পাথরের পাত্র থেকে ধাতু দন্তটিকে বার করে পূর্বের ন্যায় তার আধারে রেখে কোনও মন্দিরে স্থাপন করা যাক।’

কিন্তু পবিত্র দন্তধাতুকে কেউই সেই পাত্রের বাইরে বার করতে সক্ষম হল না। এমনকী কলিঙ্গ রাজ গুহসীব ও চেদীরাজ চিত্তযানও ব্যর্থ হলেন।

কলিঙ্গপতি গুহসীব বললেন, ‘আমার অনুমান কোনও অতিনিষ্ঠ জ্ঞানী বুদ্ধসেবকই একমাত্র পারবেন এই পাত্র থেকে পবিত্র দন্তধাতুকে বাইরে বার করে আনতে।’

জম্বুদ্বীপ অধিপতি বললেন, ‘আমি এখনই নগরীতে ঢেঁড়া পিটিয়ে জানিয়ে দিচ্ছি, কেউ যদি পবিত্র দন্তধাতুকে পাত্রের বাইরে আনতে পারেন তবে তাকে সহস্র স্বর্ণমুদ্রা ও তাঁর প্রত্যাশামতো অন্য সামগ্রী প্রদান করব। আপাতত রাত্রি অতিবাহিত করার জন্য এই পাথরের পাত্রের ওপর সোনার সুতোয় বোনা চন্দ্রাতপের ব্যবস্থা করা হোক।’

মধ্যাহ্নে সম্রাট উপস্থিত হয়েছিলেন দন্তধাতুর বিনাশ প্রত্যক্ষ করার জন্য। কিন্তু ঘটনা প্রবাহর পরম্পরায় দুপুর গড়িয়ে কখন যে বিকাল হয়েছে, কারো খেয়াল ছিল না। সম্রাটের নির্দেশমতো সোনার সুতোয় বোনা রেশমের সামিয়ানা টাঙানো হল পাথরের পাত্রের ওপর। পাটলিপুত্র নরেশ এরপর কলিঙ্গপতি ও চেদীরাজকে বললেন, ‘দীর্ঘ পথ পরিক্রমা করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমার সঙ্গে প্রাসাদে চলুন আপনারা! সেখানে ক্ষুধা-তৃষ্ণা নিবারণ করে বিশ্রাম গ্রহণ করবেন।’

কলিঙ্গপতি বললেন, ‘রাজাধীরাজ, আপনার আহ্বানে আমরা সম্মানিত আপ্লুত। কিন্তু আজ রাতটুকু আমরা ভগবানের পবিত্র দন্তধাতুর সান্নিধ্যেই কাটাতে চাই।’

জম্বুদ্বীপপতি ধীর পায়ে ফিরে গেলেন প্রাসাদের দিকে।

অন্ধকার নামল কিছুক্ষণের মধ্যে। কিন্তু পাত্রস্থ দন্তধাতু থেকে একইভাবে বিচ্ছুরিত হতে লাগল শুভ্র আলোকরশ্মি। সেদিকে তাকিয়ে ত্রিশরণ মন্ত্র জপ করে চললেন দুই নৃপতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *