১৬
কলিঙ্গরাজ গুহসীব পাটলিপুত্র নগরী থেকে দন্তপুরে প্রত্যাগমনের পর, তাঁর কন্যার সঙ্গে বুদ্ধভক্ত, উজ্জয়িনীর যুবরাজের বিবাহ সম্পন্ন করার পর দন্তপুরের সকল মানুষের মনেই আনন্দ সঞ্চারিত হল। তারা বুঝতে পারল যে কলিঙ্গ রাজ্যের ভবিষ্যতের নৃপতি হলেন গুহসীব জামাতা বুদ্ধভক্ত দন্তকুমার। সে সৎ কর্মঠ, নির্লোভ ব্যক্তি। তাঁর হাতে রাজ্যের শাসন ভার অর্পিত হলে প্রজাদের নিশ্চিত হিতসাধন হবে।
রাজা গুহসীবও মাত্র কয়েক দিন তাঁর জামাতাকে পর্যবেক্ষন করে বুঝতে পারলেন যে দন্তকুমার, কলিঙ্গর সিংহাসনে আরোহন করার পক্ষে উপযুক্ত ব্যক্তি।
কলিঙ্গ রাজের আর রাজ্যশাসনে কোনও আগ্রহ নেই। ভোগ-লালসা তো তিনি বহুদিন হল পরিত্যাগ করেছেন। গুহসীব মনে মনে ভেবে নিয়েছেন বাকি জীবনটা তিনি দন্তমন্দিরেই অতিবাহিত করবেন ভিক্ষু রূপে। বৎসর অতিক্রান্ত হলে তিনি জামাতাকে রাজ্যভার বুঝিয়ে দিয়ে দন্তমন্দিরে গিয়ে আশ্রয় নেবেন।
এদিন ভোরে শুকতারা ফুঠে উঠতেই নিদ্রাভঙ্গ হল কলিঙ্গ নরেশ গুহসীবের। অন্ধকার আকাশে গবাক্ষ দিয়ে গুহসীব দেখতে পাচ্ছেন শুকতারা, ভোরের পূর্বাভাস। আর এরপরই নৃপতির খেয়াল হল, আজ দন্তধাতুর বাৎসরিক উৎসবের দিন। এমনই এক দিনে কলিঙ্গ নরেশ প্রথম প্রত্যক্ষ করেছিলেন দন্তধাতু নিয়ে সেই শোভাযাত্রা। যে দৃশ্য পরবর্তীকালে তাঁর জীবন বদলে দিয়েছিল, ভগবান বুদ্ধের পাদপদ্মে নিজেকে সমর্পণ করেছিলেন তিনি। আজও তেমনই দন্তধাতু নিয়ে শোভাযাত্রায় বেরোবে নগরী পরিক্রমা করতে। আর সেই দন্তধাতু বহন করবেন কলিঙ্গ নরেশ নিজেই। এ ব্যাপারটা খেয়াল হতেই দ্রুত শয্যা ত্যাগ করলেন গুহসীব।
কিছু সময়ের মধ্যেই তিনি কক্ষ সংলগ্ন স্নানাগারে স্নান সম্পন্ন করে পটবস্ত্র পরিধান করে যখন তাঁর প্রাসাদের বাইরে এসে দাঁড়ালেন তখন বাইরের অন্ধকার মুছে যেতে শুরু করেছে। তিনি দেখলেন ইতিমধ্যে তাঁর জামাতা দন্তকুমার এসে উপস্থিত হয়েছে তাঁর সঙ্গী হবার জন্য। দন্তকুমার, কলিঙ্গ নরেশের পাদস্পর্শ করলেন। গুহসীব আশীর্বাদ পূর্বক তাকে নিয়ে নগ্ন পদে রাজপ্রাসাদ ত্যাগ করে রওনা হলেন দন্তমন্দিরের উদ্দেশে। তাঁরা যখন সেখানে গিয়ে উপস্থিত হলেন তখন দিবাকরের প্রথম আলো ছড়িয়ে পড়েছে প্রাচীন দন্তমন্দিরের স্বর্ণ শিখরে।
মন্দিরের প্রধান ভিক্ষু জেতবনের নির্দেশে মধ্যরাত থেকেই অন্য ভিক্ষুরা নিয়োজিত হয়ে পড়েছিলেন মন্দির প্রাঙ্গণ ধৌতকার্য থেকে শুরু করে অন্যান্য নানা কাজে। নৃপতি গুহসীবের আগমনের জন্য তাঁরা প্রস্তুত হয়েই ছিলেন। নৃপতির আগমনবার্তা পেয়ে তাঁকে স্বাগত জানাতে প্রধান ভিক্ষু জেতবন মন্দিরের বাইরে বেরিয়ে এলেন। উৎসবের দিন দেবতার শেষ চিহ্নকে নির্দিষ্ট নিয়ম ও প্রথানুসারে পূজা পাঠ করা হয়। শোভা যাত্রার সময় যিনি ধাতুটিকে মস্তকে বহন করবেন তাঁকে চীবর পরিধান করতে হবে।
মন্দিরে প্রবেশ করার আগে ভিক্ষুরা কলিঙ্গ নরেশের হস্তপদ প্রক্ষালন করালেন। তারপর তাঁকে চীবর পরিধানে সাহায্য করলেন। দন্তকুমারকেও প্রক্ষালন করালেন তাঁরা। তবে তাঁকে চীবর পরানোর আবশ্যিকতা ছিল না। একজন বাদ্যকার ও একজন ভিক্ষু বৃহৎ আকৃতির জ্বলন্ত প্রদীপ নিয়ে মন্দিরের দ্বারে উপস্থিত ছিল।
বাইরে সূর্যদেব সবে উদিত হয়েছেন। প্রাচীন মন্দিরের ভিতর এখন আধো অন্ধকার। প্রথমে প্রদীপ বাহক ভিক্ষু তারপর বাদ্যকার আর তাদের পশ্চাতে প্রধান ভিক্ষু, কলিঙ্গ নরেশ গুহসীব, জামাতা দন্তকুমার ও অন্য ভিক্ষুদের নিয়ে প্রবেশ করলেন মন্দিরের ভিতর।
ভগবানের নিদ্রাভঙ্গ করার জন্য বাদ্যকার বাদ্য বাজাতে লাগল। প্রাচীন মন্দিরের ভিতর প্রতিধ্বনিত হতে লাগল বাদ্যের গম্ভীর নাদ। সারবদ্ধভাবে এগিয়ে গিয়ে সবাই উপস্থিত হল গর্ভগৃহর বন্ধ কপাটের সামনে। পূজার নানান উপকরণ ইতিপূর্বেই সেখানে সাজিয়ে রাখা ছিল। কাঠের পাত্রে রাখা জল নিয়ে সেখানে হস্তপদ প্রক্ষালন করলেন সকলে। তারপর কক্ষের দ্বারপ্রান্তে রক্ষিত প্রদীপগুলো জ্বালানো হল। প্রধান ভিক্ষু জেতবন তারপর সেই কক্ষের দ্বার অর্ধ উন্মোচিত করলেন।
পূজার উপকরণগুলি ভিক্ষুরা নিজেদের হাতে তুলে নিলেন। ঢাকনা যুক্ত আধারে রক্ষিত ফুলমালা ও বিল্বপত্র, তিনটি চীবর, পাখা, চামর, জলপূর্ণ দুটি স্বর্ণপাত্র, দুটি পানপাত্র ও কর্পূরের প্রদীপ। এছাড়া দন্ত পক্ষালনের জন্য একটি নিম দাঁতন ও পিকদানি।
প্রধান পুরোহিত জেতবন কক্ষে প্রবেশ করলেন। অর্ধ উন্মোচিত দরজার বাইরে থেকে ভিক্ষুরা তাঁকে পানীয় জল ও প্রক্ষালনের জল সরবরাহ করলেন। জেতবন, ভগবানের শেষ চিহ্ন-রক্ষিত পাত্রটি উন্মুক্ত করে দেবতার নিদ্রাভঙ্গ করলেন ‘যে ধর্ম্মা হেতুপ্পভবা’ মন্ত্রোচ্চারণের মাধ্যমে। কক্ষের বাইরে থেকে ভিক্ষুরা জেতবনের হাতে তুলে দিতে লাগলেন পূজার নানা সামগ্রী। জেতবন এরপর নিম দাঁতন দিয়ে দেবতার দন্ত মার্জন করার জন্য দাঁতনটিকে একটি স্বর্ণ নির্মিত পাত্রে স্থাপন করে দেবতার উদ্দেশে বললেন, ‘হে ভগবান বুদ্ধ, আপনি দন্ত মার্জন করার নিমিত্ত এই নিম দাঁতন ও প্রক্ষালনের জল গ্রহণ করুন।’
তিনবার এরূপর বলার পর ভিক্ষু সেই দাঁতনটি পিকদানিতে নিক্ষেপ করলেন। দন্ত মার্জন সম্পন্ন হল ভগবানের। অতঃপর প্রধান ভিক্ষু তথাগতর কল্পিত রূপ স্মরণ করে তাঁর পদযুগল প্রক্ষালন করে আসন পেতে বসার ব্যবস্থা করলেন। তারপর তাকে তিনবার পাখার বাতাস করে, চামর দুলিয়ে মন্ত্রচ্চারণ করে, সাতবার ঘণ্টা বাজিয়ে ভগবানের প্রাথমিক পূজা সম্পন্ন করলেন।
এ কাজ সমাপ্ত হবার পর তিনি কক্ষের দরজা সম্পূর্ণ রূপে উন্মুক্ত করেছিলেন। কলিঙ্গ নরেশ গুহসীব আর অন্য ভিক্ষুরা এবার প্রবেশ করলেন এই কক্ষে। কলিঙ্গরাজ একটি কর্পূরের প্রদীপ জ্বালিয়ে নতজানু হয়ে প্রণাম জানাল দন্তধাতুকে। তারপর তিনি ও অন্য ভিক্ষুরা পূজা শুরু করলেন দেবতার। বাইরে সমবেত হতে শুরু করেছে কলিঙ্গবাসীরা শোভাযাত্রায় অংশ নেবার জন্য।
বেশ অনেকটা সময় ধরে পুজোপাঠ চলল। তা সমাপ্ত হলে খাদ্য প্রদান করা হল দেবতাকে। ‘সাধু, সাধু’ শব্দ উচ্চারণ করতে করতে দেবতাকে প্রদান করা হল ভাত, ডাল, তরকারি ও পরমান্ন। তারপর দেবতার শেষ চিহ্নকে প্রণাম জানিয়ে কক্ষ ত্যাগ করে বাইরে বেরিয়ে কপাট বন্ধ করা হল যাতে দেবতার খাদ্য গ্রহণে কোনও অসুবিধা না হয়।
খাদ্যগ্রহণের নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে আবার কক্ষের দ্বার উন্মোচন করে দেবতাকে মুখ প্রক্ষালনের জন্য জল নিবেদন করা হল।
দেবতার পূজা ও খাদ্যদানের কাজ শেষ। এবার নগর পরিক্রমায় বেরোলেন দেবতা। তাই প্রধান পুরোহিত জেতবন প্রথমে কলিঙ্গ রাজের মস্তকে সোনার সুতোয় বোনা বস্ত্রখণ্ড স্থাপন করলেন। তারপর সযত্নে উন্মুক্ত দন্তধাতুর পাত্রটি রাখলেন তার ওপর। কলিঙ্গ নরেশ তাঁর দক্ষিণ হস্ত দিয়ে মাথার ওপর আঁকড়ে ধরলেন ভগবানের শেষ চিহ্ন।
ভিক্ষুদের সঙ্গে ভগবানের দন্তধাতু নিয়ে কলিঙ্গ নরেশ যখন মন্দিরের বাইরে বেরিয়ে এলেন তখন মন্দিরের সমুখভাগ জনসমাগমে পূর্ণ হয়ে উঠেছে। তিনি বাইরে বেরিয়ে আসতেই হর্ষ ধ্বনি করে উঠল উদ্বেলিত জনতা। বেজে উঠল ঢাক, ভেরী, ঝাঝর, কাসর প্রভৃতি বাদ্যযন্ত্র। কিছুক্ষণের মধ্যেই শুরু হল সেই শোভাযাত্রা। তার প্রথমে বাদ্যকারেরা, তারপর নগ্নপদে, মস্তকে দন্তধাতু ধারণ করে কলিঙ্গ নরেশ, জেতবন ও অন্য ভিক্ষুরা। তারপর মন্দিরের সামনে অপেক্ষারত জনতারা। সব শেষে চলল দন্তকুমার সমগ্র শোভাযাত্রার ওপর দৃষ্টি রেখে।
শুরু হল দন্তধাতুর নগর পরিক্রমা। শোভাযাত্রা যত এগোতে লাগল ততই তার কলেবর বৃদ্ধি পেতে লাগল। দন্তধাতু দর্শনের জন্য পথের পাশে সার বেঁধে দাঁড়িয়ে অগণিত জনতা। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, ধনী, নির্ধন-কে নেই জনতার ভিড়ে। দূর-দূরান্ত থেকে, ভিন দেশ থেকেও বহু মানুষ নগরীতে এসেছে ভগবানের শেষ চিহ্নকে দর্শন করে পূণ্য লাভের আশায়।
রমণীরা কেউ পুষ্প বৃষ্টি করতে লাগল, কেউ বা দেবতার উদ্দেশে নিবেদন করতে লাগল মুক্তাহার, স্বর্ণালঙ্কার। কোনও দীন-হীন ব্যক্তি হয়তো তার সাধ্য মতো সংগ্রহ করে এনেছে একটি মাত্র ফল। পরম ভক্তি ভরে সে তাই নিবেদন করল দেবতার উদ্দেশে। আর এসব দেখে আবেগ মথিত হয়ে পড়লেন কলিঙ্গরাজ। তাঁর চোখ থেকে জল ঝরতে লাগল।
সূর্য তখন মধ্যগগণে। নগর পরিক্রমা তখন প্রায় শেষ করে আবার দন্ত মন্দিরে ফেরার জন্য যাত্রা শুরু করেছে সেই শোভা যাত্রা। প্রথম থেকেই শোভা যাত্রার শেষে চলছিলেন দন্তকুমার। হঠাৎ তাঁর চোখে পড়ল পথের পাশে জনতার মধ্যে দাঁড়িয়ে থাকা এক হস্তী আর কিছু ভিনদেশী মানুষকে। দন্তধাতু নিয়ে নগর পরিক্রমার সময় ইতিপূর্বে হস্তীগুলি শুঁড় তুলে প্রণামও জানিয়েছে। কিন্তু দন্তকুমার খেয়াল করলেন এই হাস্তী শুঁড় তুলে প্রণাম জানালেন না। সেই হস্তী ও লোকগুলোর পাশ দিয়ে শোভাযাত্রা অতিক্রম করার পর শেষ ব্যক্তি দন্তকুমার কিছুটা কৌতূহল বশতই কয়েক মুহূর্তর জন্য থমকে দাঁড়িয়ে পড়লেন সেই হস্তী আর লোকগুলোর সামনে। হস্তীর পিঠে একটা বিরাট বোঁচকা, আর ভিনদেশীদের অনেকের মুখমণ্ডলই মস্তক বন্ধনীর কাপড়ে অর্ধেক আচ্ছাদিত। নিশ্চল ভাবে দাঁড়িয়ে থাকা হস্তীটার দিকে ভালো করে তাকিয়ে দন্তকুমার দেখলেন অসংখ্য শুষ্ক ক্ষতচিহ্ন রয়েছে সেই হস্তীর শরীরে। তা দেখে উজ্জয়িনীর রাজপুত্র বুঝতে পারলেন এই হস্তীটি আসলে রণহস্তী! এই প্রাচীন ক্ষত চিহ্নগুলো অতীতের রণাঙ্গণের সাক্ষ বহন করছে। দন্তকুমার ভিনদেশীদের উদ্দেশে প্রশ্ন করলেন, ‘আপনারা কারা? কোথা থেকে এসেছেন?’
প্রশ্নের উত্তরে একজন জবাব দিল, ‘আমরা সনাতন ধর্মের তীর্থযাত্রী। পশ্চিমদেশ থেকে পুরী ধাম দর্শনে এসেছি। শোভা যাত্রা দেখে দাঁড়িয়ে পড়েছি।’ যে ব্যক্তি দন্তকুমারের প্রশ্নের জবাব দিল তাঁর মুখমণ্ডলের অর্ধেক বস্তখণ্ড দ্বারা আচ্ছাদিত হলেও দন্তকুমারের হঠাৎ যেন মনে হলে এ মুখমণ্ডল আর কণ্ঠস্বর যেন তিনি ইতিপূর্বে প্রত্যক্ষ করেছেন!
শোভা যাত্রা এগিয়ে যাচ্ছে। তাই এরপর আর দন্তকুমার সেখানে দাঁড়ালেন না। পূর্বের মতো তিনি অনুসরণ করল শোভাযাত্রাকে। তবে ব্যাপারটাকে তিনি মন থেকে মুছে ফেলতে পারলেন না। চলতে চলতে তিনি ভাবতে লাগলেন তীর্থযাত্রীরা যুদ্ধ হস্তী কোথায় পেলেন? ভিনদেশী লোকটার মুখমণ্ডল ও কণ্ঠস্বর তাঁর পরিচিত মনে হল কেন?
দন্তকুমার তাঁর সামনে থেকে চলে যাবার পর যে দন্তকুমারের প্রশ্নের জবাব দিয়েছিল তিনি তাঁর পাশে দাঁড়ানো অবগুণ্ঠধারী সঙ্গীকে প্রশ্নের করলেন, ‘ওই অপবিত্র অস্থিই আমার সম্রাট হবার পক্ষে অন্তরায় তাই তো?’
প্রশ্নর জবাবে ছদ্মবেশী জৈন সন্ন্যাসী শম্বুকনাত বললেন, ‘রাজন, হ্যাঁ, ওই অস্থি ধ্বংস করে, কলিঙ্গরাজকে হত্যা করে রাজকন্যাকে হরণ করতে হবে। দেখছেন তো কোনও সেনাদল নেই শোভাযাত্রায়। এমনকী একজন অস্ত্রধারী অঙ্গ রক্ষকও নেই কলিঙ্গরাজের সঙ্গে। রাতের অন্ধকারে আমরা সহজেই কার্যোদ্ধার করতে পারব।’
অস্মকরাজ বিড় বিড় করে বললেন, ‘প্রশ্নকর্তাকে আমার কেমন যেন চেনা মনে হল! কোথায় যেন তাকে দেখেছি বলে মনে হচ্ছে!’
সরোবরের তীরে উজ্জয়িনীর রাজকুমারের সঙ্গে বেশ কয়েক বৎসর পূর্বে অস্মকরাজ ক্ষীরধারের যখন সাক্ষাৎ হয়েছিল তখন দন্তকুমারের কাঁধে ছিল তুনির, হাতে ছিল ধনুক, পরনে ছিল উজ্জয়িনীর বেশভূষা। কিন্তু দন্তকুমারের পরনে এখন কলিঙ্গের বেশ, সঙ্গে ধনুর্বাণ নেই। তাই তাঁকে চিনেও যেন চিনে উঠতে পারলেন না ক্ষীরধার। ঠিক যেমন তাঁকে চেনা মনে হলেও চিনতে পারল না দন্তকুমারও।
নগর পরিক্রমা সাঙ্গ করে বেলা দ্বিপ্রহরে শোভাযাত্রা ফিরে এল দন্তমন্দিরে। কলিঙ্গরাজ গুহসীব আর ভিক্ষুরা মন্দিরে প্রবেশ করলেন পবিত্র দন্ত ভাণ্ডটিকে গর্ভগৃহতে পুনঃস্থাপনের জন্য। কিন্তু তিনি ভাণ্ডটি আসনে স্থাপন করার সঙ্গে সঙ্গেই সবাইকে চমকিত করে পবিত্র ধাতু সমেত পাত্রটি হঠাৎই শূন্যে উঠে গেল! কিছু সময় পাত্রটি স্থির হয়ে দাঁড়িয়ে রইল কলিঙ্গ নরেশ আর ভিক্ষুদের মাথার ওপর। তারপর ধীরে ধীরে ভাসতে ভাসতে সেই কক্ষের বাইরে বেরিয়ে এল! তা দেখে কলিঙ্গরাজ গুহসীব ও ভিক্ষুরাও বাইরে বেরিয়ে এলেন। শূন্যে ভাসমান দন্তধাতু এবার এগোল প্রচীন মন্দিরের অলিন্দ বেয়ে। তার পিছু পিছু এগোলেন সবাই। দন্তকুমারও অনুসরণ করলেন সবাইকে।
একের পর এক অলিন্দ, প্রকোষ্ঠ শূন্যে ভাসমান অবস্থায় সেই পবিত্র ধাতুপাত্র এসে উপস্থিত হল মন্দিরের পশ্চাৎভাগে প্রাকার বেষ্টিত এক উন্মুক্ত স্থানে। একটি অনুচ্চ ঢিবি রয়েছে সেখানে। ধম্মগ্রহণ করার পূর্বে যারা অস্ত্র ত্যাগ করেছেন তাদের অস্ত্র প্রথিত আছে সেখানে। কেউ কেউ বলেন, কলিঙ্গ যুদ্ধের পর তাঁর ভয়ঙ্কর রূপ দেখে সম্রাট অশোক যখন অস্ত্র ত্যাগ করে অহিংস ধর্ম গ্রহণ করেন, তখন তাঁর তরবারি এই স্থানে প্রথম প্রথিত করা হয়। তারপর থেকে এই রীতি চালু হয়ে আসছে। কলিঙ্গরাজের নিজের তরবারি এমনকী দন্তকুমারের ধনুর্বাণও এই স্থানে প্রথিত। তার ওপর মাটির আবরণ জমে স্থানটি ঢিবির আকৃতি ধারণ করেছে। সেই ঢিবির মাথায় শূন্যে চক্রাকারে পাক খেতে শুরু করল ধাতুপাত্র। আর তার সঙ্গে সঙ্গে অদ্ভুত এক শব্দ নির্গত হতে লাগল পাত্র থেকে। যা শুনতে অনেকটা বজ্রনাদের মতো।
এ ব্যাপারটা কিছুক্ষণ নিরীক্ষণ করার পর রাজা গুহসীব প্রধান ভিক্ষুর কাছে জানতে চাইলেন, ‘দেবতা আমাদের কী নির্দেশ দিচ্ছেন বলে মনে হয়?’
ভিক্ষু জেতবন বললেন, ‘ভগবান সম্ভবত আমাদের অস্ত্র ঢিবি উৎখননের নির্দেশ দিচ্ছেন।’
কথাটা শুনে কলিঙ্গ নরেশ বললেন, ‘কিন্তু শাস্তাতো অহিংসার পূজারি ছিলেন। তাঁর ভাবনায় অনুপ্রানিত হয়েই তো অস্ত্রত্যাগ করে এ স্থানে প্রথিত করা হয়েছে। তিনি অস্ত্রধারণ বা উদ্ধারের নির্দেশ দেবেন কেন?’
কলিঙ্গ নরেশ গুহসীবের বক্তব্য যে যুক্তিগ্রাহ্য তাতে সন্দেহ নেই। প্রশ্নের জবাবে বৃদ্ধভিক্ষু একটু ভেবে নিয়ে বললেন, ‘হয়তো তিনি আত্মরক্ষার্থে অস্ত্রধারণের কথা বলছেন। বোধিসত্ত্ব যখন কুশ জাতক রূপে জন্মগ্রহণ করেছিলেন তখন একবার আত্মরক্ষার্থে অস্ত্রধারণ করে কতিপয় শত্রু সংহার করেছিলেন। ঢিবি খনন করে দেখাই যাক না কী হয়?’
প্রধান ভিক্ষুকের নির্দেশে এরপর কয়েকজন ভিক্ষু মিলে ঢিবি খনন শুরু করল। রাজ জামাতা দন্তকুমারও নিয়োজিত হন তাঁদের কাজে। মাটির প্রলেপ সরে যেতেই বেরিয়ে আসতে লাগল নানান অস্ত্র-তলোয়ার, ভল্ল, বর্শা, রণকুঠার। এক সময় ঢিবির ভিতর থেকে আত্মপ্রকাশ করল দন্তকুমারের ধনুর্বাণও। নিজের জিনিস চিনতে পেরে দন্তকুমার সেগুলো হাতে তুলে নিতেই শূন্যে ভাসমান দন্তধাতু থেকে নির্গত বজ্রধ্বনি স্তিমিত হয়ে আসতে লাগল, তারপর ধীরে ধীরে সেই ধাতুভাণ্ড নীচে নেমে এসে শান্তভাবে কলিঙ্গরাজের মস্তকে অবস্থান করল। তা দেখে উপস্থিত ভিক্ষু আর কলিঙ্গ নরেশের বুঝতে অসুবিধে হল না যে দন্তকুমার ধনুর্বাণ ধারণ করুক তাই দেবতার ইচ্ছা।
মাথায় ধারণ করা দন্তধাতুকে নিয়ে গুহসীব আর ভিক্ষুরা এরপর মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করলেন তাকে নিজের আসনে প্রতিষ্ঠিত করার জন্য। না, এবার আর ধাতুপাত্রে কোনও চঞ্চলতা লক্ষিত হল না। নিজের আসনে স্থাপিত হল দন্তধাতু সমেত সেই স্বর্ণভাণ্ড। প্রধান পুরোহিত জেতবন সেই ধাতুপাত্রর ঢাকনা বন্ধ করে কলিঙ্গ নরেশকে নিয়ে কক্ষ ত্যাগ করে দোর বন্ধ করলেন। বাইরে বেরিয়ে এসে কলিঙ্গরাজ গুহসীব প্রধান ভিক্ষুকে বললেন, ‘বুঝলাম ভগবান আমার জামাতাকে আত্মরক্ষার জন্য অস্ত্র ধারণ করতে বললেন। কিন্তু শত্রু কোথায়? কাকে প্রতিহত করার জন্য দন্তকুমার অস্ত্র তুলে নিল? কেউ কলিঙ্গর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে তো জানা নেই। আর কেনই-বা করবে। বৌদ্ধ হোক বা সনাতনধর্মাবালম্বী, সবারই তো তীর্থক্ষেত্র কলিঙ্গ দেশ।’
ভিক্ষু জেতবন রাজার কথা শুনে বললেন, ‘হয়তো আপনার প্রশ্নের জবাব কেবল তথাগতই জানেন।’
ঠিক সেই সময় ধনুর্বাণ হাতে সেখানে দণ্ডায়মান দন্তকুমারের আবারও মনে পড়ে গেল সেই রণহস্তীর কথা। ব্যাপারটা তিনি কলিঙ্গ নরেশের কাছে ব্যক্ত করে বললেন, ‘লোকগুলো আমার মনে কেমন যেন সন্দেহের উদ্রেক ঘটাচ্ছে! হস্তীর পিঠে সামগ্রী চাপিয়ে অথবা তার পৃষ্ঠে আরোহণ করে অনেকে তীর্থ দর্শন করতে আসে ঠিকই, কিন্তু তীর্থ যাত্রীর কাছে রণহস্তী কী ভাবে এল? লোকগুলো সম্পর্কে একটু অনুসন্ধান প্রয়োজন। জানা দরকার তারা এই নগরীতেই আছে নাকি নগরী ত্যাগ করে পুরী ধামের উদ্দেশে রওনা হয়েছে?’
দন্তকুমারের সন্দেহ যাচাই করার জন্য কিছুক্ষণের মধ্যেই রাজ নির্দেশে কয়েকজন লোক রওনা হয়ে গেল ব্যাপারটা অনুসন্ধানের জন্য।
