১
যামিনী জোছনাময়ী।
বৈশাখী পূর্ণিমার রাত।
বাতাস মাতোয়ারা শালফুলের মিষ্টি গন্ধে। আকাশের দিকে মাথা তুলে দাঁড়ানো দুটি দীর্ঘ শাল বৃক্ষের মধ্যবর্তী ভূমিতে নিজ হাতে শয্যা প্রস্তুত করে দিয়েছিলেন শিষ্য আনন্দ। গাছের ফাঁক গলে চাঁদের আলো এসে ছড়িয়ে পড়েছে তাঁর সারা শরীরের ওপর। সেই শুভ্র রেশম শয্যায় উত্তর দিকে মাথা রেখে বিজেতা নিজেকে শায়িত করলেন। সিংহশয্যায়—ডান হাত দিয়ে মাথাটা তিনি মৃদু উত্থিত করে রেখেছেন শয্যাভূমি থেকে। আকাশের ওই চন্দ্রিমার মতোই এক স্নিগ্ধ অথচ উজ্জ্বল জ্যোতি ছড়িয়ে পড়ছে তাঁর মুখমণ্ডল থেকে। কোথায় সেই লুম্বিনীর মৃগদাব আর কোথায় এই কুশীনগরে মল্লরাজের শালবাগিচা! সারা জীবন ধরে চলা দীর্ঘ পথ পরিক্রমার শেষে আজ অন্তিম শয্যায় শায়িত হলেন শাস্তা। আর যে পথ ধরে তিনি তাঁর মহাপরিক্রমণ সম্পন্ন করেছেন সেই পথই সিক্ত হয়েছে তাঁর করুণাবারিতে।
সাধারণ মানুষ থেকে দেশ-বিদেশের কত ধনাঢ্য, রাজা-মহারাজা, এমনকী যৌবনে প্রবল সংঘ বিদ্বেষী মগধ সম্রাট অজাতশত্রুকেও তাঁর স্মরণ নিতে হয়েছে শান্তির সন্ধানে। সংঘ ধ্বংসকারী, অজস্র শ্রমণ হত্যাকারী অজাতশত্রুর হৃদয়েও তিনি সিঞ্চন করেছেন তাঁর শান্তিবারি। তাঁকেও ফেরাননি আজ এই অন্তিম শয্যায় শায়িত ক্ষমাসুন্দর।
শাস্তার শয্যা ঘিরে রয়েছে অসংখ্য মানুষ। শাস্তার শিষ্যগণ অর্থাৎ শ্রমণ, মল্ল সহ নানা বর্ণের, নানা ধর্মের মানুষ নির্বাক ভাবে চেয়ে আছে মহাজ্ঞানীর আধো-উন্মীলিত করুণাময় চোখের দিকে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাঁর শেষ বাণী শোনার জন্য। মানব জীবনের তিন অমোঘ সত্য একদিন পীড়িত করেছিল তাঁকে, যা থেকে মুক্তি পাবার সন্ধানে একদিন তিনি রাজপ্রাসাদ ত্যাগ করেছিলেন। উপলব্ধি করেছিলেন যে, জরা-ব্যাধি-মৃত্যু প্রকৃতই মানব জীবনে তিন অমোঘ পরিণতি। প্রথম দুই পরিণতি অতিক্রম করে শাস্তা এখন শেষ সত্যের সামনে উপনীত। অপেক্ষা শুধু যাম শেষে শুকতারা উন্মেষের।
তবে এমনটা যে আজ হতে চলেছে তা জানেন তাঁর শিষ্যরা। শরীরটা জরাগ্রস্থ হয়ে ভেঙে পড়েছে বেশ কয়েক বৎসর ধরে। তিনি নিজেই আনন্দকে বলতেন, ‘ভাঙা ঝাঁটায় বাঁশের গোঁজা দিয়ে যেমন কোনওরকমে কাজ চালানো হয়, তেমনই, আমি কোনওরকমে আমার এই জীর্ণ শরীরটা দিয়ে কাজ চালাচ্ছি।’
বিনায়ক তাঁর জীবনের শেষ বর্ষাটা কাটিয়েছেন বৈশালীর বেলুবে। আট মাস যাবৎ তিনি অসুস্থ শরীরে ভিক্ষুসংঘের সঙ্গে হিমালয় থেকে বিন্ধ্যপর্বতের পাদদেশে ভ্রমণ করে বেড়িয়েছেন। ভিক্ষু আনন্দ ছিলেন তাঁর ছায়াসঙ্গী। বৈশালী থেকে রাজগৃহতেও শেষবারের জন্য গেছিলেন তিনি। শুনলেন পাটালী গ্রামকে নগরে পরিণত করার কাজ শুরু হয়েছে। খবরটা পেয়ে আনন্দকে সঙ্গে নিয়ে ঘুরে এলেন সেখান থেকেও। তারপর বৈশালীতে ফিরে ঠিক তিন মাস আগে মাঘী পূর্ণিমার দিন চাপল চৈত্যে বসে তথাগত শিষ্য আনন্দকে বললেন, ‘আজ থেকে ঠিক তিনমাস পরে আমি দেহত্যাগ করব।’
তারপর তিনি বৈশালীতে উপস্থিত শিষ্যদের ধর্মোপদেশ দিয়ে তাঁর স্মৃতিচিহ্নরূপে তাদের হাতে তুলে দিলেন তাঁর ভিক্ষাপাত্রটি। কারণ, তিনি উপলব্ধি করেছিলেন যে, ভিক্ষুসংঘের সঙ্গে ভিক্ষাপাত্র হাতে নগর পরিক্রমার শক্তিকে হরণ করেছে তাঁর জরা-বার্ধক্য। তিনি এখন তাঁর মহাপ্রব্রজ্যা সমাপ্ত করে এগিয়ে চলেছেন অন্তিম সত্যের দিকে।
এই তিনটে মাস যেন খুব দ্রুতই কেটেছে ভিক্ষু আনন্দের। ভিক্ষাপাত্র নিয়ে বৈশালীর শিষ্যরা চলে যাবার পর থেকেই যেন দ্রুত ভাঙতে শুরু করেছিল শাস্তার দেহ। জরা প্রতিমুহূর্তে গ্রাস করে নিচ্ছিল তাঁর শরীরকে। ধনুকের মতো বেঁকে যাচ্ছিল তাঁর নশ্বর শরীর। তবু সে অবস্থাতেই তিনি বৈশালী ত্যাগ করলেন আনন্দকে নিয়ে।
শবর ভক্ত চুন্দর আহ্বানে যাত্রা করলেন জেতবনের অভিমুখে। আম্রকাননে ব্যাধ চুন্দর সঙ্গে সাক্ষাৎ হল মহার্ণবের। অতঃপর তিনি ধর্ম উপদেশ দিলেন ব্যাধ চুন্দকে। তখন তিনি পথশ্রমে ক্লান্ত-অবসন্ন। দীনহীন চুন্দ। সে জাতকের আপ্যায়নের জন্য সংগ্রহ করে রেখেছিল শূকরমদ্দব।
জীর্ণ, জরাগ্রস্থ ভগবানের বৈশালী থেকে সেই আম্রকাননে পৌঁছতে বেশ বিলম্ব হয়েছিল। তাই নিঃসম্বল চুন্দ ‘শূকরমদ্দব’ প্রথিত করে রেখেছিল মাটির গভীরে। উপদেশান্তে ব্যাধ চুন্দ সেই শূকরমদ্দব পরিবেশন করল শাস্তাকে। মৃত্তিকার গভীরে থাকার কারণে কীটগ্রস্থ, বিষাক্ত হয়ে যায় সেই শূকর মাংস। আনন্দ বুঝতে পেরেছিলেন, সেই শূকর মাংস গ্রহণ করতে পারবে না সংঘ প্রতিষ্ঠাতার অশক্ত-জীর্ণ শরীর। অস্থির ওপর স্বচ্ছ বন্ধনের মতো চামড়াটাই তো শুধু এখন লেগে রয়েছে মহামানবের দেহে। কিন্তু তাঁর শেষ সঙ্গী ভিক্ষু আনন্দের পরামর্শ গ্রহণ না করে তিনি তাঁকে বললেন, ‘রাজন্ন হলে হয়তো আমি প্রত্যাখ্যান করতে পারতাম। কিন্তু দীন-গৃহহীন-বনাচারী চুন্দর একমাত্র সম্পদ এই শূকরমদ্দব। তাকে আমি প্রত্যাখ্যান করি কী ভাবে?’
শূকরমদ্দব গ্রহণ করলেন মহর্ষী। তারপর আনন্দের অনুমান অনুসারে তীব্র উদর যন্ত্রণা শুরু হল শাস্তার। হয়তো বা তিনি শেষ সত্যের সামনে উপস্থিত হবার অছিলাতেই গ্রহণ করেছিলেন সেই বিষাক্ত আহার। পাছে শিষ্য চুন্দকে কেউ তাঁর মৃত্যুর জন্য দোষারোপ করে তাই উদরের জ্বালা-যন্ত্রণা শুরু হবার সঙ্গে সঙ্গেই করুণাময় জেতবন পরিত্যাগ করলেন। পাবার জেতবন থেকে হিরণ্যবতী নদী পেরিয়ে কুশীনগরের দূরত্ব মাত্র দেড় যোজন। শিষ্য আনন্দকে অবলম্বন করে অতি কষ্টে জীর্ণ-অশক্ত-অসুস্থ শরীরে সে পথ অতিক্রম করে কুশীনগরে উপস্থিত হলেন তিনি। তিনমাস কেটে গেছে ইতিমধ্যে। আজ তিনি শায়িত হলেন যমক-শালতরুর মধ্যবর্তী স্থানে মহাপরিনির্বাণের জন্য। রাত্রির প্রথম যামে শুরু হল শেষের শুরু।
দীর্ঘ দিনের সাহচর্যের কারণে মহাজ্ঞানীর চোখের ভাষা পাঠ করতে পারেন ভিক্ষু আনন্দ। উত্তরমুখী সিংহশয্যায় শায়িত মহাজ্ঞানী তাকালেন তাঁর প্রিয় সঙ্গী আনন্দের দিকে। ব্যাপারটা বুঝতে পারলেন আনন্দ। তিনি ইশারা করলেন উপস্থিত মল্লদের উদ্দেশে। তারা কিছুটা এগিয়ে এসে দাঁড়াল মহাজাতকের শয্যাপাশে। রাত্রির প্রথম যামে তাদের মুক্তির জন্য ধর্মোপদেশ দিতে শুরু করলেন মহাজ্ঞানী। নতমস্তকে সে উপদেশ গ্রহণ করল মল্লরা। তারপর মহাস্থবিরকে প্রণাম জানিয়ে পিছু হটে নিজেদের স্থানগ্রহণ করল। তাদের কর্ণকুহর ধন্য হল জাতকের মহাজ্ঞানে।
এরপর আবারও তিনি মৃদু দৃষ্টিপাত করলেন ভিক্ষু আনন্দের নয়নতারায়। ভিক্ষু আনন্দ আহ্বান করলেন অতিবৃদ্ধ সুভদ্দকে মহাজ্ঞানীর শয্যার সন্নিকটে উপস্থিত হবার জন্য। জনতার মধ্যে থেকে সুভদ্দ এসে উপস্থিত হলেন শয্যাপাশে। ঝুঁকে পড়লেন তথাগতর মুখমণ্ডলের ওপর। শান্ত সমাহিত এক দৃপ্ত কণ্ঠস্বরে রাত্রির দ্বিতীয় যামে সুভদ্দকে তিনি জানালেন অমর পথ বা নির্বাণ লাভের দিগদর্শন। ভগবান নিজ কণ্ঠে শেষ প্রজ্ঞা দান করলেন সুভদ্দকে। অতিবৃদ্ধ সুভদ্দ হয়তো বা এই মাহেন্দ্রক্ষণের জন্যই দেহ ধারণ করেছিলেন এত বছর ধরে। প্রজ্ঞা গ্রহণের শেষে তিনি মহাজ্ঞানীকে প্রণাম জানিয়ে তাঁর শয্যা ছেড়ে পূর্ববৎ কিছুটা তফাতে সরে এসে ধীরে ধীরে ভূমি স্পর্শ করে শায়িত হলেন। মহাজাতকের মহাপরিনির্বাণের আগেই নির্বাণ ঘটল তাঁর শিষ্য অতিবৃদ্ধ সুভদ্দরও।
প্রাথমিক দুটো কাজ সাঙ্গ হল মহাজ্ঞানীর। এবার শেষ কাজ। বুদ্ধকে ঘিরে দাঁড়ালেন ভিক্ষু আনন্দ, অনিরুদ্ধ, ক্ষেম-সহ অন্য প্রধান শিষ্য এবং অন্য শিষ্যরা। মাথার ওপর চাঁদ হাসছে। অশ্রু সজল চোখে সারিবদ্ধ ভাবে দণ্ডায়মান ভিক্ষুদের উদ্দেশে মহাজ্ঞানী শুরু করলেন ধম্ম সম্বন্ধে তাঁর উপদেশ এবং ভবিষ্যতে নির্বাণ লাভের নির্দেশ দিলেন। ভিক্ষুদের নির্দেশ প্রদান যখন শেষ হল তখন রাত্রির শেষ যাম সাঙ্গ হতে বেশি সময় বাকি নেই।
আনন্দ, ক্ষেম-সহ তাঁর প্রধান শিষ্যদের ইচ্ছা, তিনি সঙ্ঘ সম্বন্ধে শেষ নির্দেশ দিয়ে যান তাঁদেরকে। তাই আনন্দ জাতককে করজোড়ে বললেন, ‘প্রভু, সঙ্ঘ বিষয়ক কোনও নির্দেশ দেবেন না? আপনার অবর্তমানে কীভাবে পরিচালিত হবে মহাসঙ্ঘ?’
যদিও শেষ কয়েক বৎসর যাবত ভিক্ষুসঙ্ঘের পরিচালনা ও নানা সমস্যার ব্যাপারে আনন্দকে পরামর্শ দিতেন মহাস্থবিরজাতক। কিন্তু নিজের প্রতিষ্ঠিত ভিক্ষুসঙ্ঘের অধিপতি হতে চাননি তিনি। মহাজ্ঞানী সঙ্ঘকেই নিজের ওপরে স্থান দিয়েছেন। সঙ্ঘের হিতকেই নিজের হিতের ওপর প্রতিষ্ঠিত করেছেন সর্বদা। মহাপরিক্রমণ শেষে জীবনের এই অন্তিম দণ্ডেও তাঁর সেই ভাবনার পরিবর্তন হল না। তিনি বললেন, ‘আমার ভিক্ষুসঙ্ঘের অধিনায়ক হবার ইচ্ছা কোনও দিন ছিল না। কোনও একক ব্যক্তিবিশেষ নয়, সম্মিলিত ভিক্ষুদের মতামতই হল সঙ্ঘের প্রকৃত শক্তি। তোমরা পূর্বের ন্যায় সম্মিলিত আলোচনার মাধ্যমে সঙ্ঘ পরিচালনা কোরো। তাতেই সঙ্ঘের হিত।’
এ কথা বলার পর ধীরে ধীরে ক্লান্তিতে বুজে আসতে লাগল তাঁর দু-চোখ।
সেই মাহেন্দ্রক্ষণ প্রায় সমাগত। রাত্রি শেষ হয়ে আসছে। বেশ কিছুক্ষণ নিস্তব্ধতার পর সেই মহাজ্ঞানী তন্দ্রাজরিমা কণ্ঠে বললেন, ‘তোমাদের মনে কোনও প্রশ্ন থাকলে বলো?’
তাঁর প্রশ্নের জবাবে নির্বাক রইলেন তাঁর বিহ্বল শিষ্যরা। জল গড়িয়ে পড়ছে তাদের চোখ বেয়ে।
শিষ্য শ্রমণদের নিশ্চুপ দেখে মহাজ্ঞানী তাঁর জীবনের শেষ বাক্য বললেন তাদের উদ্দেশে—‘বয়ধম্মাসাংখারা অপ্পামাদেন সম্পাদেখ।’
অর্থাৎ ‘সমুদয় সৃষ্ট বস্তুই ধ্বংসশীল। তোমরা নির্ভুল ভাবে নিজেদের কার্য সম্পাদন কোরো।’
—বুদ্ধের শেষ বাণী। আর এরপরই সম্পূর্ণ চক্ষু মুদে গেল তাঁর। ধ্যানস্থ হলেন তিনি। আর সেই অবস্থাতেই তিনি মুক্ত হলেন খন্ধ, কাম, কিলেস এবং কম্ম-র জাগতিক বন্ধন থেকে।
অন্তিম মুহূর্তে ভগবানের শয্যা থেকে দৃষ্টি সরিয়ে ভিক্ষু আনন্দ তাকিয়ে ছিলেন ভূমির দিকে। তিনি নির্বাক হলেও অশ্রু বাঁধ মানছে না তাঁর। বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়ছে মাটিতে। উপস্থিত সকলের নতমস্তকদৃষ্টিও মাটির দিকে নিবদ্ধ। ধ্যানমগ্ন শায়িত অমিতাভর দিকে শুধু তাকিয়ে ছিলেন ভিক্ষু অনিরুদ্ধ। শুকতারা ফুটে উঠল। অনিরুদ্ধ দেখলেন সিংহশয্যায় শায়িত শাস্তার ‘পা’দুটি মৃদু শিথিল হয়ে গেল।’ তা দেখে ভিক্ষু অনিরুদ্ধ বললেন, ‘ভগবান বুদ্ধ প্রদীপ শিখাটিকে নিভিয়ে দিলেন। তিনি মহাপরিনির্বাণ লাভ করলেন।’—তাঁর এ কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই কম্পন অনুভূত হল মেদিনীতে। কোথা থেকে যেন ভেসে এল শঙ্খনাদ।
ভগবানের শয্যা পাশে মাথা নত করে দাঁড়িয়ে রইলেন ভিক্ষু শ্রমণের দল। মহাজ্ঞানীর দেহের ওপর ঝরে পড়তে লাগল শালফুল। বাতাস আমোদিত তার গন্ধে। ষঢ়রিপুকে অতিক্রম করেছিলেন মহাজ্ঞানী। জরা-বার্ধক্যকেও অতিক্রম করে এখন তিনি শান্তিশয্যায় শায়িত। এক টুকরো আবছা হাসি যেন জেগে আছে প্রেমাঙ্কুরের ঠোঁটের কোণে।
আলো ফুটে উঠল এক সময়। সম্বিত ফিরল উপস্থিত ভিক্ষু-শ্রমণ-জনতার। ভিক্ষু অনিরুদ্ধ বললেন, ‘ভগবানের মহাপরিনির্বাণের সংবাদ জানাতে হবে সবাইকে। কুশীনগর, বৈশালী, কপিলাবস্তু, রাজগ্রাম, পিপ্পলিবন সর্বত্র। সেখানে সংবাদ প্রেরণ ও সেসব রাজ্যের রাজা বা রাজপ্রতিনিধিরা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। অপেক্ষা করতে হবে দেশের বিভিন্ন প্রান্তে যে সব ভিক্ষু সঙ্ঘ গড়ে উঠেছে সেখান থেকে ভিক্ষু-ভিক্ষুণীদের আসার জন্য। মহামানবের নশ্বর দেহকে শেষ একবার দর্শনের জন্য, তাঁকে প্রণাম জানাবার জন্য সুযোগ দিতে হবে সবাইকে। অন্তত সাত দিন সময় দিতে হবে এসবের জন্য। তারপর ভগবানের নশ্বর দেহের দাহকার্য সম্পন্ন হবে।’ এ কথা বলার পর তিনি বললেন, ‘ভিক্ষু আনন্দ। আপনি প্রথম মল্লনগরীতে প্রবেশ করে মল্লরাজকে এ সংবাদ দিন।’
ভিক্ষু অনিরুদ্ধর কথা শুনে ভিক্ষু আনন্দ চোখের জল মুছে এগোলেন তাঁর কার্য সম্পাদনের জন্য।
সাতদিন রেখে দেওয়া হল বিজেতার মরদেহ। তাকে ঘিরে চলল ভিক্ষু-শ্রমণদের দিবা-রাত্রি পূজার্চনা। বিজেতার মহাপরিক্রমণের সংবাদ ছড়িয়ে পড়ামাত্রই বিভিন্ন রাজ্য থেকে লোক সমাগম শুরু হল। তার মধ্যে রাজা-ধনাঢ্যরা যেমন আছেন তেমনই আছে অসংখ্য সাধারণ দীনহীন মানুষ। সবাই তাঁদের শেষ শ্রদ্ধা নিবেদন করতে চায় মহাজ্ঞানী জাতককে। সুদীর্ঘ জীবনের দীর্ঘ পথপরিক্রমায় অসংখ্য মানুষকে মুক্তির পথ নির্দেশ করেছেন, শিখিয়েছেন প্রেম-শান্তি-অহিংসার বাণী। তাই আজ তারা সকলে সমবেত বিজেতার পদতলে।
সাতটা দিন দেখতে দেখতে কেটে গেল এক সময়। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই ভিক্ষু-শ্রমণদের মধ্যে প্রস্তুতি শুরু হল বিজেতার মরদেহের অন্তিম সংস্কারের জন্য। মল্লরাজ স্থান নির্বাচন করে রেখেছেন সে কাজের জন্য। সে স্থান কোনও সাধারণ শ্মশান নয়। মল্লরাজের প্রাসাদ সংলগ্ন যে বাগিচায় তাদের অভিষেক সম্পন্ন হয় সেই ‘মুকুটবন্ধন’ মণ্ডপেই সম্পন্ন হবে দাহকার্য। সেখানে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নৃপতি ও বৌদ্ধ ভিক্ষুরা।
সূর্যোদয়ের পর অনিরুদ্ধ-আনন্দ-ক্ষেম-সরভু প্রমুখ ভিক্ষুদের তত্ত্বাবধানে প্রথমে বিজেতার মরদেহ থেকে প্রাচীন বস্ত্র সরিয়ে ফেলে নতুন বস্ত্রে আবৃত করা হল। এরপর বিধিসম্মত ভাবে পাঁচ-হাত কার্পাস বস্ত্রখণ্ডে আচ্ছাদিত করা হল। মল্লরাজ বুদ্ধের মরদেহ বহন করে নিয়ে যাবার জন্য স্বর্ণ নির্মিত শবাধার বা শবদ্রোণ পাঠিয়েছেন। তাতে স্থাপন করা হল বিজেতার মরদেহ। আটজন মল্লপ্রধান বহন করলেন সেই শবাধার। অসংখ্য শ্রমণ-ভিক্ষু সারবদ্ধভাবে অনুসরণ করলেন তাদেরকে। চোখে তাদের জল, মৃদুমন্দ কণ্ঠে তারা উচ্চারণ করে চলেছেন—‘বুদ্ধং শরণং গচ্ছামি…’
সকাল থেকেই আজ আকাশের মুখও কেমন যেন ভার। হয়তো মহাজ্ঞানীর মহাপ্রয়াণে ব্যথিত হয়ে অশ্রুমোচনের প্রস্তুতি শুরু করেছে সেও। স্বর্ণ নির্মিত শবাধার নিয়ে মল্ল আর ভিক্ষুদের দল এগিয়ে চলল নির্দিষ্ট স্থানের দিকে।
পথের দু-পাশে অগণিত জনতার ভিড় এই শেষ যাত্রাকে প্রত্যক্ষ করার জন্য। বিত্তশালী শ্রেষ্ঠী, রাজনটী, কবি-চিত্রকর-কৃষক-মজুর সবাই রয়েছেন সেই জনতার ভিড়ে। সম্রাটের স্বর্ণখচিত রাজপ্রাসাদ থেকে শুরু করে দরিদ্রের পর্ণকুটিরে, সর্বত্রই তো প্রেমময় তাঁর বরাভয় দান করেছেন। এত জনতা সমবেত হলেও কোনও উৎশৃঙ্খলতা নেই তাদের মধ্যে।
মুক্তাহারে শোভিত শ্রেষ্ঠীর দেহ স্পর্শ করেই হয়তো দাঁড়িয়ে আছে ছিন্ন ছাগ বসন পরিহিত পথের ভিখারী। শাস্তা তো বলেছিলেন যে, সব মানুষই সমান। তাঁর নির্দেশই অনুসরণ করছে সারবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকা সমবেত জনতা। ধনী-দরিদ্র, ব্রাহ্মণ-বৌদ্ধ, শাস্ত্রকার-চামার, কারও মধ্যে এই শেষ যাত্রায় কোনও পার্থক্য নেই। তাঁরা কেউ জোড় হস্তে সম্মান প্রদর্শন করছে বিজেতার প্রতি, আবার কেউ-বা পুষ্পবৃষ্টি করছে শবাধারে। এমনকী অলঙ্কারও! মল্ল সেনাপতি বন্ধুল মল্লর স্ত্রী মল্লিকাদেবীর কাছে ‘মহালতা প্রসাধন’ নামে অতি মূল্যবান একটি গহনা ছিল, যা মল্লরাজের রাজকোষেও ছিল না। মল্লিকা তার সেই হীরকখোচিত গহনা সমর্পণ করলেন বিজেতার শবাধারে। বিজেতার দেহ শেষপথ পরিক্রমার শেষে এক সময় প্রবেশ করল মল্লরাজার প্রাসাদ কাননে।
মুকুট বন্ধন মণ্ডপে সুগন্ধী চন্দন কাঠের চিতা সাজানো হয়েছে। সপার্ষদ মল্লরাজ তো সেখানে আছেনই, ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছে মগধ, বৈশালী, কপিলাবস্তু, পাবা, অলকপ্প, বেটদীপ, রাজগ্রাম ও কুশীনগর-এই আটটি রাজ্যের রাজা বা রাজপ্রতিনিধিরা। মরদেহ নিয়ে মল্ল-ভিক্ষুরা বাগিচায় প্রবেশ করতেই আকাশের মুখ যেন আরও ভার হয়ে এল। বিজেতার মরদেহকে সম্মান প্রদর্শনের জন্য আসন ছেড়ে জোড় হস্তে উঠে দাঁড়ালেন, মহামূল্যবান পোশাকে আচ্ছাদিত দীর্ঘদেহী এক রাজপুরুষ। আকাশে সূর্যদেব ম্রিয়মান হলেও সেই রাজপুরুষের স্বর্ণকিরীট যেন সূর্যদেবের মতোই উজ্জ্বল। তলোয়ারের কোষ থেকে ছড়াচ্ছে নীলকান্ত মণির দ্যুতি। তবে তাঁর দু-চোখ বেয়ে ঝরে পড়ছে বিষণ্ণতা। তিনি মহাপরাক্রমশালী মগধ সম্রাট, একদা চুড়ান্ত বুদ্ধ ও সঙ্ঘ বিদ্বেষী অজাতশত্রু।
সেই মহাদ্রোণকে এনে প্রথমে স্থাপন করা হল চন্দনকাঠ শোভিত চিতা বেদির পাশে। তাকে ঘিরে দাঁড়াল ভিক্ষুশ্রমণরা। প্রথমে কাছে এসে বিনায়কের নশ্বরদেহে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন সম্রাট অজাতশত্রু। তারপর একে একে বৈশালীর লিচ্ছবি নরেশ, কপিলাবস্তুর শাক্যরাজ, অলকপ্প রাজপুরুষ, বেটদীপের ব্রাহ্মণ, রাজগ্রাম বা লুম্বিনির কল্য ও পাবা এবং কুশীনগরের মল্লরা। রাজন্যবর্গের শ্রদ্ধার্পণের পর বৌদ্ধ সন্ন্যাসী অনিরুদ্ধ, আনন্দ, সরভু, ক্ষেম-সহ অন্য মহাজ্ঞানীরাও তাঁদের শেষ শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন বিজেতার পদমূলে। শেষবার স্পর্শ করলেন ভগবানের পাদপদ্ম। বিধিমতো মন্ত্রোচ্চারণ শুরু করলেন ভিক্ষুরা।
এরপর অন্তিম কাজ। রৌপ্য কলসে সাজানো ছিল তৈল। তা ঢালা হতে লাগল বিজেতার শরীরে, সেই মহাদ্রোণে। তৈল পরিপূর্ণ হল মহাদ্রোণ। তারপর মহাজ্ঞানীর দেহ সমেত সেই তৈলপূর্ণ মহাদ্রোণকে স্থাপন করা হল চিতায়। মন্ত্রচ্চারণের মধ্যে দিয়ে অগ্নিসংযোগ করা হল তাতে। সর্বপাপহরা পাবক রশ্মি গ্রাস করতে শুরু করল মহাজাতকের দেহকে। সেদিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইলেন সবাই। কোনওরকম ধোঁয়া-মসি অথবা ক্ষার উৎপন্ন হতে দেখা গেল না। শুধু নরশ্রেষ্ঠের দেহ থেকে উত্থিত হয়ে চিতার চারপাশে নিক্ষিপ্ত হতে লাগল ক্ষুদ্র ক্ষুদ্র তণ্ডুলের মতো দেখতে শুভ্র উজ্জ্বল দেহাংশ বা ধাতুগুলি। কেউ যেন হীরকদ্যুতি ছড়িয়ে দিতে লাগল তাঁর চিতার চারপাশে। শ্রমণের দল সংগ্রহ করতে লাগল চালের ন্যায় দেখতে সেই পবিত্র ধাতুকণা। আর পাবক শিখার দিকে তাকিয়ে ভিক্ষু আনন্দ ভাবতে লাগলেন যে, যদি কোনও দেহাবশেষ পড়ে থাকে তবে তা কার অধীনে থাকবে? তিনি কে? কোন নৃপতি? সবাই আবার দাবি করে বসবেন না তো সেই পবিত্র দেহাবশেষ?’
এ মহাদেশে রাজা বা ধনী ব্যক্তি মারা গেলে তাঁর চিতার ওপর চৈত্য বা দেহাবশেষের ওপর স্তূপ নির্মাণের প্রথা আছে। যেদিন বিজেতা ভিক্ষু আনন্দকে তাঁর মহাপরিনির্বাণের সময়ের কথা শুনিয়েছিলেন সেদিন ভিক্ষু আনন্দ অশ্রুসজল চোখে তাঁর কাছে জানতে চেয়েছিলেন, ‘আপনার মহাপরিনির্বাণের পর পাবক যদি আপনার সম্পূর্ণ দেহকে গ্রাস না করে তবে সেই দেহাবশেষের কী হবে? তাঁর ওপর স্তূপ নির্মাণের অনুমতি দিন আপনি।’
মহাজ্ঞানীর নিজের সমাধি নির্মাণের আগ্রহ কোনওদিন ছিল না। এমনকী জীবিত অবস্থায় নিজের ছবি বা মূর্তি নির্মাণের অনুমতি তিনি কাউকে দেননি। আপত্তি জানিয়ে প্রত্যাখ্যান করেছিলেন সে সব প্রস্তাব। আত্মপ্রচারের আগ্রহ, নাম-যশ-খ্যাতির মোহ ইহকাল বা পরকালের জন্য কোনও সময়ই তাঁর ছিল না। তিনি বললেন, ‘এই নশ্বর দেহের ছবি এঁকে বা মূর্তি গড়ে কী হবে? যা ধুলো হয়ে মিশে যাবে তাকে ধুলো হয়ে মিশে যেতে দাও। আমাকে প্রণাম না করে যদি তোমরা সদ্ধর্ম পালন করে নিজেদের উন্নতি করো তবেই আমি সুখী হব।’
তেমনই স্তূপ নির্মাণেও আপত্তি ছিল তার। তিনি চাইতেন, স্তূপ নয়, তাঁর মৃত্যুর পর জেগে থাকুক তাঁর প্রেম-অহিংসার ভাবনা। কিন্তু তাঁর শেষ সময়ের ছায়াসঙ্গী ভিক্ষু আনন্দের করুণ আর্তি শেষ পর্যন্ত প্রত্যাখ্যান করতে পারেননি তিনি। অনুমতি দিয়ে তিনি বলেছিলেন—‘তোমরা নিজেদের প্রতি যত্নবান হও। নিজেদের জন্য চেষ্টা করো। তাতেই আমি সুখী হব।’ চিতার সামনে দাঁড়িয়ে বিজেতার বলা কথাগুলো মনে পড়ে গেল ভিক্ষু আনন্দের। নিস্তব্ধভাবে চিতার লেলিহান শিখার দিকে তাকিয়ে অশ্রুমোচন করছেন ভিক্ষু শ্রমণের দল।
আগুন গ্রাস করছে বিজেতার দেহ। কিন্তু এরপর হঠাৎই এক সময় যেন কেউ মসি ঢেলে দিল আকাশে। বরুণদেব আর তার কান্না ধরে রাখতে পারলেন না। প্রথমে শুরু হল প্রবল বাতাস। চিতার আগুন লাফিয়ে উঠতে লাগল আকাশের দিকে। বাগিচার গাছগুলো বাতাসে প্রবল ভাবে আন্দোলিত হয়ে জানাতে লাগল তাদের কষ্ট। ঠিক যেভাবে পুরনারীরা বিজেতার মহানির্বাণে মাথা ঝাঁকিয়ে ক্রন্দনধ্বনিতে শোক ব্যক্ত করছিল ঠিক তেমনই প্রবল বাতাসে নুইয়ে পড়ছে গাছের শাখাগুলো। আর তারপরই শুরু হল মুষলধারে বৃষ্টি। শ্রমণদের চোখের জল আর বৃষ্টি মিলেমিশে ভিজিয়ে দিতে লাগল ধরিত্রীকে। নিভতে শুরু করল চিতার আগুন। সম্রাট থেকে শুরু করে সাধারণ শ্রমণ সবাই ভিজতে শুরু করল সেই মুষলবারিতে।
বৃষ্টি থামল এক সময়। চিতার আগুন তখন নিভে গেছে।
ভিক্ষু, রাজন্যরা এরপর গিয়ে ঘিরে দাঁড়াল সেই মহাদ্রোণের চারপাশে। সবাই ঝুঁকে পড়লেন তার ওপর। অঙ্গারের মধ্যে থেকে উঁকি দিচ্ছে বিজেতার করোটি, কণ্ঠাস্থী ও কয়েকটি দাঁত—চক্ষুদন্ত। কিছু একটা ব্যবস্থা করতে হবে বিজেতার এই পবিত্র দেহাবশেষের।
কিছুক্ষণের নিস্তব্ধতা। তারপর মল্লরাজ বললেন, ‘বিজেতার পরিনির্বাণ ঘটেছে আমার রাজ্যে। তাই তার পবিত্র অস্থি সংগ্রহের অধিকারী আমি। এই অস্থিগুলি সংগ্রহ করে আমি তার ওপর এই কাননে স্বর্ণ চৈত নির্মাণ করব।’
কপিলাবস্তুর শাক্যরাজ বলে উঠলেন, ‘কিন্তু এই মহাজ্ঞানী আমাদের সন্তান। এই পবিত্র অস্থি আমরা জাতকের জন্মভূমিতে নিয়ে যাব। শাস্ত্রমতে দেহাবশেষের ওপর সর্বাগ্রে দাবি থাকে তাঁর পরিবারের, জন্মভূমির।’ এই বলেই তিনি হাত বাড়াতে যাচ্ছিলেন অস্থি সংগ্রহের জন্য, ভিক্ষু সরভু তাকে থামিয়ে দিয়ে বললেন, ‘না, জাতকের এই ধাতুগুলি সঙ্ঘই গ্রহণ করবে। তিনি গৃহী ছিলেন না, তিনি কোথায় জন্মেছিলেন অথবা কোথায় তার পরিনির্বাণ ঘটেছে তার চেয়েও বড় কথা তিনি ছিলেন সঙ্ঘের প্রতিষ্ঠাতা। তিনি সঙ্ঘকে নিজের চেয়েও বেশি গুরুত্ব দিতেন। বলতেন সঙ্ঘের সিদ্ধান্তই শেষ কথা। তাই সঙ্ঘের তত্ত্বাবধানেই থাকবে এই পবিত্র দেহঅস্থি। তার অধিকারী কপিলাবস্তু বা কুশীনগর নয়।’
বৈশালী নরেশ সঙ্গে সঙ্গে বললেন, ‘মহাজ্ঞানী দীর্ঘদিন আমার রাজ্যে অতিবাহিত করেছেন। মনে রাখবেন, “বুদ্ধধাতুর” ওপর আমার দাবি আছে। এ দাবি আমি ছাড়ব না।’
অলকপ্প, বেটদীপ, পাবার রাজপ্রতিনিধিরাও জানিয়ে দিলেন মহাজ্ঞানীর দেহধাতু না নিয়ে তারাও ফিরবেন না।
ভিক্ষু আনন্দ এমনই আশঙ্কা করছিলেন। তা সত্য হতে চলল।
