৮
‘সাধু সাধু তিসরণেন সদ্ধিং পঞ্চসীলং ধম্মং সাধুকং
সুরকখিতং কত্বা অপ্পমাদেন সম্পাদেথ।’
সঙ্ঘ নিবাসী ভিক্ষু হোন, গৃহী অথবা রাজন, ত্রিশরণ ও পঞ্চশীল বৌদ্ধমাত্রই পালন করতে হয়। রাজা গুহসীব, ভিক্ষু জেতবনের উদ্দেশে বললেন, ‘ভন্তে, সংসার দুঃখ থেকে মুক্তিলাভ, নির্বাণ সাক্ষাৎ করার উদ্দেশে, কর্ম ও কর্মের বিপাককে শ্রদ্ধা করে আমি ত্রিশরণসহ পঞ্চশীল ধর্ম প্রার্থনা করছি। ভন্তে, অনুগ্রহপূর্বক আমাকে শীল প্রদান করুন।’
রীতিমাফিক রাজা গুহসীব তিনবার একই কথা বলে ভিক্ষুকে অনুরোধ করার পর ভিক্ষু জেতবন বললেন, ‘আমি যা বলব তা আপনি তিনবার করে বলুন। বলতে শুরু করলেন ভিক্ষু। প্রথমত “আমি প্রাণী হত্যা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।” ’
দ্বিতীয়ত, ‘অদত্ত বস্তু, অর্থাৎ যা আমাকে দেওয়া হয়নি তা গ্রহণ বা চুরি করার থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।’
তৃতীয়, ‘অবৈধ কামাচার থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।’
চতুর্থত, ‘মিথ্যা বাক্য বলা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।’
পঞ্চমত, ‘প্রমত্ততার কারণ সুরা মৈরেয় দ্রব্য সেবন করা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি।’
ভিক্ষু জেতবনের কথামতো এই পঞ্চশীলের প্রতিটি কথাই তিনবার করে বললেন রাজা গুহসীব।
ভিক্ষু বললেন, ‘এর পরবর্তী দুটি বাক্যও তিনবার করে বলুন।’
‘সেই ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধকে প্রণাম জানাই।’
‘বুদ্ধর শরণ গ্রহণ করছি, ধর্মের শরণ গ্রহণ করছি ও সঙ্ঘের শরণ গ্রহণ করছি।’
কলিঙ্গরাজ শেষ কথাগুলি তিনবার উচ্চারণ করার পর ভিক্ষু জেতবন বললেন, ‘আচ্ছা, ত্রিশরণসহ পঞ্চশীল ধর্ম উত্তমরূপে রক্ষা করে অপ্রমত্তভাবে সম্পাদন করুন। আপনার ত্রিশরণ গ্রহণ সম্পন্ন হল।’
বৌদ্ধধম্ম গ্রহণ করলেন কলিঙ্গরাজ গুহসীব।
এরপর ধূপ-দীপ-উপাচার সহযোগে আরও কিছু রীতি সম্পন্ন হবার পর ভিক্ষু জেতবন, নব দীক্ষিত কলিঙ্গরাজকে নিয়ে চললেন, দন্তধাতু কক্ষর দিকে। অলিন্দের দু-পাশে সে কক্ষ পর্যন্ত সার বেঁধে দাঁড়িয়ে আছেন বৌদ্ধ ভিক্ষুরা। তাঁরা এক যোগে বলতে লাগলেন ত্রিশরণ মন্ত্র—‘বুদ্ধং শরণং গচ্ছামি…ধম্মং শরণং গচ্ছামি…সঙ্ঘং শরণং গচ্ছামি…।’
ভিক্ষু জেতবনের সঙ্গে রাজা গুহসীব এসে উপস্থিত হলেন সেই কক্ষর সামনে। কক্ষের দ্বার আজ কলিঙ্গ রাজের জন্য উন্মুক্ত। কক্ষর ঠিক মাঝখানে অনুচ্চ দারুকাঠের নির্মিত স্বর্ণখোচিত সিংহাসনে মখমলের বিছানার ওপর রয়েছে সেই মুখবন্ধ স্বর্ণাধার। যাকে বলে ‘বাংপ্রো’ বা কৌটো। তার মধ্যে রক্ষিত ভগবানের শেষ চিহ্ন-দন্তধাতু। রাজাকে নিয়ে সেই কক্ষে প্রবেশ করে সেই সিংহাসনের সামনে উপনীত হলেন ভিক্ষু। দুজনে প্রথমে প্রণাম জানালেন সেই স্বর্ণপাত্রর উদ্দেশে। ঠিক এমনই মুহূর্তর জন্য জন্ম-জন্মান্তর, অনন্তকাল ধরে অপেক্ষা করেছিলেন কলিঙ্গরাজ। তেমনই তাঁর মনে হল। ভিক্ষু সিংহাসন থেকে সেই স্বর্ণপাত্র তুলে নিয়ে তা উন্মোচন করলেন। তারপর তা বাড়িয়ে দিলেন রাজা গুহসীবের দিকে। কাঁপা কাঁপা হাতে তা গ্রহণ করে পাত্রের ভিতর দৃষ্টিপাত করলেন রাজা। পাত্রের ভিতর আরও একটি ক্ষুদ্র মখমলের বিছানায় রক্ষিত আছে ঈষৎ স্বর্ণাভ বা হলুদবর্ণের দীর্ঘ এক দন্ত, ভগবান বুদ্ধের বাম চক্ষুস্থিত ছেদক দন্ত-ভগবান বুদ্ধের শেষ চিহ্ন!
এক অদ্ভুত দ্যুতি ছড়াচ্ছে সেই দন্তধাতু থেকে। হীরকের মতো উজ্জ্বল হলেও তা হাঁসের পালকের মতোই নরম, কোমল, স্নিগ্ধ, চোখে কোনও জ্বালা ধরায় না। আবেগমথিত, বিহ্বল ভাবে রাজা গুহসীব চেয়ে রইলেন ভগবানের শেষ চিহ্নর দিকে। হঠাৎ তিনি উপলদ্ধি করলেন তাঁর মনে হল নৃপতিসুলভ যতটুকু দম্ভ, ভাবনা-চিন্তা ছিল তা যেন সবই মুছে যাচ্ছে। অনির্বচনীয়, অবর্ণনীয় আনন্দসুখে ভরে উঠছে তার মন, পালকের মতো হালকা হয়ে উঠতে শুরু করেছে তাঁর শরীর, মৎস্য চক্ষুর মতো স্বচ্ছ হয়ে উঠছে তাঁর ভাবনা—যে ভাবনার আধার ভগবান বুদ্ধর প্রদর্শিত পথ, তাঁর পঞ্চশীল। মুক্তির আনন্দ বিহ্বলতায় কলিঙ্গ রাজের দু-চোখ বেয়ে জল ঝরতে লাগল।
‘রাজন, এবার আমাদের বহিঃগর্মন করতে হবে। বহু মানুষ অপেক্ষা করছেন মন্দিরের বাইরে।’
ভিক্ষু জেতবনের কথাতে প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে সম্বিত ফিরল রাজা গুহসীবের। দন্তধাতুর পাত্রটি মস্তকে ধারণ করে সে কক্ষ ত্যাগ করে এগোলেন মন্দিরের বাইরে যাবার জন্য। রাজার আগে আগে ভিক্ষু জেতবন আর তাঁর পশ্চাতে অন্য শ্রমণরা।
সত্যি সারা কলিঙ্গদেশ যেন সমবেত হয়েছে মন্দিরের বাইরে। যারা বলতে গেলে প্রায় সকলেই সনাতনধর্মাবলম্বী। এমনকী কয়েকজন ব্রাহ্মণও আছেন তাদের মধ্যে! যাঁরা মনে করেন ধর্ম নয়, রাজার পরিচয় তাঁর সুশাসন। যা প্রবর্তন করেছেন কলিঙ্গরাজ। দন্তধাতু মস্তকে ধারণ করা রাজা গুহসীব মন্দিরের বাইরে আত্মপ্রকাশ করতেই তাঁর নামে জয়ধ্বনি করে উঠল জনতা। বেজে উঠল ঝাঁঝার, শঙ্খ বিভিন্ন বাদ্য যন্ত্র। শুরু হয়ে গেল শোভাযাত্রা। সবার প্রথমে দন্তধাতু মাথায় নিয়ে নগ্ন পদে কলিঙ্গরাজ গুহসীব ও তাঁর পশ্চাত ধাবনে অগণিত জনতা। বাদ্য যন্ত্রর নানা শব্দ ইতিপূর্বে শুনেছেন কলিঙ্গরাজ। নটীদের নৃত্যগীতের সময় বাদ্যযন্ত্রর শব্দ, প্রাসাদের আলিন্দে দাঁড়িয়ে তাঁর সৈনিকদের যুদ্ধ মহড়ার সময় রণভেরীর শব্দ ইত্যাদি। তবে এমন আনন্দময় বাজনা যেন ইতিপূর্বে কখনও শোনেননি। এগিয়ে চলল শোভাযাত্রা।
ঠিক এই সময় বাদ্যযন্ত্র বাজছিল অন্য এক স্থানেও। তবে তা দন্তধাতু নিয়ে শোভাযাত্রার মতো আনন্দ উচ্ছল নয়, কর্ণপটহ উৎপাটনকারী রণভেরীর শব্দ! সীমান্ত অতিক্রম করে কলিঙ্গ রাজ্যে পদার্পণ করলেন চেদীরাজ চিত্তযান। সঙ্গে তাঁর বিশাল পদতিক সেনা, হস্তীবাহিনী, রথচক্রযান। রণভেরীর শব্দে আকাশ বাতাস কাঁপিয়ে সবাইকে ভীতসন্ত্রস্ত করে এগিয়ে চলেছেন তিনি।
চেদীরাজের অনুমান ছিল তা সীমান্ত অতিক্রম করার মুহূর্তেই নিশ্চয়ই তাঁর সামনে থাকবে তাঁকে প্রতিরোধ করার জন্য কলিঙ্গবহিনী। তিনিও রাজা, তাই তিনি অনুমান করেছিলেন যে নিশ্চয়ই তাঁর আগমন বার্তা ইতিমধ্যে গুপ্তচর মাধ্যমে পৌঁছে গেছে কলিঙ্গরাজের কাছে। সীমান্তে কোনও প্রতিরোধের সম্মুখীন না হওয়াতে একটু বিস্মিত বোধ করলেন তিনি। বিশাল এক রণহস্তীর পিঠে শিবিকাতে উপবিষ্ট ছিলেন চেদীরাজ। আর তাঁর হস্তীর ঠিক পাশেই পদব্রজে এগোচ্ছিলেন নিগ্রণ্টপতি শম্বুকনাত ও তাঁর সঙ্গীরা। চেদীরাজ চিত্তযান এক সময় নীচে তাকিয়ে শম্বুকনাতকে বললেন, ‘সীমান্তে কোনও সেনা দেখলাম না, যাত্রাপথেও তেমন লোকজন দেখছি না! সবাই কী কলিঙ্গদেশ ত্যাগ করেছে?’
দাঁতে দাঁত চেপে নিগ্রণ্টপতি শম্বুকনাত বললেন, ‘না, ত্যাগ করেনি। আজকে মাঘী পূর্ণিমা। কলিঙ্গরাজ পাপাচারী গুহসীব আজ পাপধর্ম গ্রহণ করছেন। সে উপলক্ষে শোভাযাত্রাতে যোগ দিতে, তা প্রত্যক্ষ করতে কলিঙ্গবাসী দন্তনগরীর অভিমুখে গেছে।’
শম্বুকনাতের কথা শুনে চেদীরাজ মৃদু বিস্ময় প্রকাশ করে বললেন, ‘কলিঙ্গবাসী তো অধিকাংশই বেদ-ব্রাহ্মণ আর আপনাদের নিগ্রণ্ট-জৈনধর্মর উপাসক তাই না?’
শম্বুকনাত বললেন, ‘হ্যাঁ, কলিঙ্গতে পাপাচারী বৌদ্ধধর্মাবলম্বীদের সংখ্যা নগণ্য। রাজ্যবাসীরা হয় নিগ্রণ্ট ধর্মের উপাসক, অথবা, বেদ-ব্রাহ্মণ-সনাতনধর্মের উপাসক। কিন্তু এ প্রশ্ন কেন?’
চেদীরাজ একটু ভেবে নিয়ে বললেন, ‘কলিঙ্গবাসীরা ব্রাহ্মণ্যধর্ম বা নিগ্রণ্ট ধর্মের লোক হয়েও কলিঙ্গপতির বৌদ্ধধম্ম গ্রহণের অনুষ্ঠানে গেল কেন? তবে নিশ্চয়ই তারা কলিঙ্গরাজের প্রতি শ্রদ্ধাশীল, আস্থাশীল। তাই অনুষ্ঠানে যোগ দিতে তাদের কাছে ধর্ম বাঁধা হয়ে ওঠেনি।’
শত্রুপক্ষের সম্বন্ধে চেদী রাজের এ ভাবনা শুনে নিগ্রণ্টপতি ক্ষিপ্ত হয়ে বললেন, ‘সবই ওই পাপাচারী বৌদ্ধ আর রাজা গুহসীবের ষড়যন্ত্র। ভয় দেখিয়ে, ভুল বুঝিয়ে পাপকার্যে কলিঙ্গবাসীকে সামিল করেছে তাঁরা। যার সব কিছুর মূলে রয়েছে ওই অপবিত্র বস্তুটি। ধ্বংস করতে হবে ওই অপবিত্র দন্তটি।’
চেদীরাজ এগিয়ে চললেন গন্তব্যর দিকে। নিগ্রন্টপতি যে জবাবই দিন না কেন, বিচক্ষণ চেদীরাজ ভাবতে লাগলেন—‘সত্যি কি সারা রাজ্যবাসীকে এমনভাবে ভুল বোঝানো সম্ভব?’
না, মানুষকে যে বিভ্রান্ত করা যায় না, ভুল বোঝানো যায় না তা একজন নিষ্ঠাবান রাজা হিসেবে তা বুঝতে পেরছেন কলিঙ্গরাজও। আনন্দাশ্রু নির্গত হচ্ছে তার চোখ বেয়ে। তাঁকে এত ভালোবাসে তাঁর প্রজারা! এত ভালোবাসে কলিঙ্গবাসী! দন্তধাতুকে মস্তকে ধারণ করে শোভাযাত্রা সহযোগে নগর পরিক্রমণ করছেন কলিঙ্গরাজ।
সারা নগরী আজ সে দৃশ্য প্রত্যক্ষ করার জন্য উপস্থিত হয়েছে পথপার্শ্বে। ধনী-দরিদ্র-ব্রাহ্মণ-অব্রাহ্মণ কে নেই এদের মধ্যে! রাজপথের দু-পাশের সুউচ্চ অট্টালিকা থেকে যেমন তাঁর ওপর পুষ্পবৃষ্টি করছে অভিজাত নারীরা, তেমনই পর্ণকুটীর থেকে বেরিয়ে তাঁর যাত্রাপথে প্রাচীন মৃগচর্ম বিছিয়ে দিয়ে গেল এক ব্যাধ রমণী। আশ্চর্যের ব্যাপার হল এরা কেউই কিন্তু বৌদ্ধ ধম্মাবলম্বী নয়।
রাজা গুহসীব একবার দেখতে পেলেন, একদল ব্রাহ্মণ আশীর্বাদের ভঙ্গিতে দক্ষিণ হস্তে তাঁদের উপবীত ধারণ করে দাঁড়িয়ে আছেন কলিঙ্গরাজের মঙ্গলকামনাতে। ব্রাহ্মণমাত্রই যে ধনবান তা তো নয়। তাঁদের পোশাক দেখে রাজার মনে হল তাঁরা সাধারণ শ্রেণির ব্রাহ্মণ, যাঁদের জীবন নির্বাহ করা অনেকটাই নির্ভর করে রাজ্যের সুশাসনের ওপর। তাঁরা ব্রাহ্মণ হলেও তাই ভরসা রাখছেন বৌদ্ধ কলিঙ্গরাজের প্রতি। আর এসব দেখতে দেখতে আবেগমোহিত হয়ে নগর পরিক্রমণ করতে করতে অবশেষে বেলা দ্বিপ্রহরে দন্তধাতুসহ রাজপ্রাসাদে প্রবেশ করলেন কলিঙ্গরাজ।
প্রাসাদের অভ্যন্তরে মর্মর প্রস্তর আচ্ছাদিত যে বিশাল প্রাঙ্গণ আছে সেখানে পদ্মফুল শোভিত বিশাল মণ্ডপ রচনা করা হয়েছে। মণ্ডপের চাঁদোয়ার নীচে স্বর্ণ সিংহাসনে সেই পবিত্র স্বর্ণ ভাণ্ড স্থাপন করলেন কলিঙ্গরাজ। তাঁর রানিরা, রাজকন্যা হেমমালা, মহামন্ত্রী ভার্গব ও অমাত্যগণ নত মস্তকে প্রণাম জানালেন, শিহরিত ও পুলকিত হলেন ভগবানের শেষ চিহ্ন প্রাসাদ প্রাঙ্গণে দেখে। মণ্ডপের চারদিক ঘিরে দাঁড়িয়ে থাকা বৌদ্ধশ্রমণদের ত্রিশরণ মন্ত্রের সঙ্গে গলা মেলালেন অনেকেই—‘বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সঙ্ঘং শরণং গচ্ছামি।’
ধূপ-দীপ-রত্ন-স্বর্ণমুদ্রা সহযোগে মণ্ডপে পূজা করা হল সেই পবিত্র দন্তধাতুর। পূজা সাঙ্গ হবার পর কলিঙ্গরাজ স্বর্ণমুদ্রা, খাদ্যদ্রব্য ইত্যাদি বিতরণ করলেন প্রাসাদে আগত দরিদ্র প্রজাদের মধ্যে। সময় এগিয়ে চলল। অবশেষে যখন বিকাল হল তখন কলিঙ্গরাজ সেই দন্তধাতুর আধার সমর্পণ করলেন ভিক্ষু জেতবনের হস্তে। রাজপ্রাসাদ ত্যাগ করে সেই দন্তধাতু নিয়ে ভিক্ষুক শ্রমণের দল ফিরে চললেন দন্তমন্দিরের উদ্দেশে। নগরবাসীও ফিরে চলল যে যার নিজের ঠিকানাতে। সাঙ্গ হল কলিঙ্গরাজ গুহসীবের ধম্মগ্রহণ উৎসব।
রাত্রি নামল। ধীরে ধীরে আকাশে চাঁদ উঠল। মাঘী পূর্ণিমার গোল চাঁদ। জ্যোৎস্না চুঁইয়ে পড়তে লাগল পৃথিবীতে। সারা দিনের উৎসব মুখর রাজপ্রাসাদ তখন নিস্তব্ধ। নিজ কক্ষের বাতায়ন থেকে সেই চাঁদের দিকে তাকিয়ে রাজা গুহসীবের মনে হল ভগবান বুদ্ধের করুণাবারি যেন জ্যোৎস্না হয়ে নেমে আসছে পৃথিবীর বুকে! কী অপার আনন্দময় শান্তি বিরাজ করছে চারপাশে।
পরদিন সন্ধ্যাতে সারাদিনের রাজকার্য সাঙ্গ করে রাজা গুহসীব উপস্থিত হলেন দন্তমন্দিরে। শ্রমণদের সঙ্গে তিনি প্রথমে সান্ধ্য প্রার্থনায় অংশগ্রহণ করলেন। আজ আর সে কাজে বাধা নেই তার। সে কাজ সাঙ্গ হবার পর তিনি প্রধান ভিক্ষু জেতবনের সঙ্গে ধম্ম সংক্রান্ত আলোচনাতে বসলেন। গতকাল কলিঙ্গরাজ বৌদ্ধধম্ম গ্রহণের পর এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছেন তাঁর প্রাসাদের এবং সভাসদদের অনেকেই। হয়তো বা তাদের কেউ কেউ বৌদ্ধধম্ম গ্রহণও করবেন ভবিষ্যতে। তবে নতুন এই ধর্মের বিষয়ে অনেকের মনে নানা জিজ্ঞাস্যও আছে। রাজাকে নানা প্রশ্নও করেছেন অনেকে। কলিঙ্গরাজ সে সব প্রশ্নের উত্তর দানের চেষ্টা করেছেন। আর যেসব প্রশ্নর উত্তর জানেন না তা ভিক্ষু জেতবনের মাধ্যমে জেনে নেবার চেষ্টা করতে লাগলেন ভবিষ্যতে প্রশ্নকর্তাদের তা অবগত করার জন্য।
ভিক্ষুকে নানা প্রশ্ন করে তার উত্তর, ব্যাখ্যা জানতে জানতে রাজা গুহসীব এক সময় তাঁকে বললেন, ‘তথাগত অহিংস ধর্ম পালন করতে বলেছেন। আমার রাজ্যের বহু মানুষই তো মৎস, মাংসাদি আহার হিসাবে গ্রহণ করে থাকে। বিশেষত, নিম্নবিত্ত মানুষেরা খাদ্য হিসাবে যা পায় তাই গ্রহণ করে। আমার কন্যা হেমবতীরও বিশেষ প্রিয় আমিষ ব্যাঞ্জন। বৌদ্ধধম্ম গ্রহণ করলে কি তাদের আমিষ পরিত্যাগ করতে হবে? তথাগতর ধম্ম গ্রহণের ক্ষেত্রে তাদের কাছে আমিষ ব্যাঞ্জন পরিত্যাগ করা অন্তরায় উঠতে পারে। এ সম্বন্ধে কয়েকজন আজ রাজসভাতে প্রশ্নও করেছেন আমাকে। এ বিষয়ে আপনার বক্তব্য কী?’
শ্রমণ বললেন, ‘ভিক্ষু, শ্রমণদের কিছু কঠিন অনুশাসন হয়তো মেনে চলতে হয় যা বৌদ্ধ ধম্মাবালম্বী গৃহীদের না মানলেও চলে। সঙ্ঘের শ্রমণরাও অনেক সময় আমিষ ভক্ষণ করেন। ভগবান বুদ্ধ স্বয়ংই তো তাঁর নশ্বর দেহ ত্যাগ করার আগে এক ব্যাধের দেওয়া শূকর মাংস ভক্ষণ করেছিলেন। পরম শ্রদ্ধা ভরে ব্যাধের নিবেদন করা সেই আমিষ দ্রব্য প্রত্যাখান করতে পারেননি ভগবান।’
এ কথা বলার পর শ্রমণ বললেন, ‘তবে আপনাকে একটা ঘটনা বলি। বুদ্ধের চিন্তাভাবনার এক প্রবল বিরোধী ছিলেন দেবদত্ত। ছিলেন হিংসাপরায়ণও। বুদ্ধের প্রতি তাঁর হিংসা এমনই প্রবল ছিল যে সম্রাট অজাতশত্রুকে প্রভাবিত করে বুদ্ধকে বেশ কয়েকবার হত্যার চেষ্টাও তিনি করেন। কিন্তু করুণাঘন ভগবান বুদ্ধ তাঁর ক্ষমাসুন্দর দৃষ্টিতে তার সব অপরাধ মার্জনা করেন। শেষ পর্যন্ত ভগবান বুদ্ধের মহত্ত্ব অবলোকন করে তাঁর প্রবল বিরোধী দেবদত্ত তাঁর প্রতি অনুরক্ত হন ও বুদ্ধের পদতলে নিজেকে সমর্পণ করেন।
ধম্মের সব অনুশাসন মেনে চলা ভিক্ষু দেবদত্ত একবার বুদ্ধকে অনুরোধ জানিয়েছিলেন যাতে তিনি তার ধম্ম অনুসারীদের আমিষ ভক্ষণ নিষিদ্ধ বলে নির্দেশ দেন। কিন্তু ভগবান বুদ্ধ তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিলেন, ‘এ নির্দেশ আমি কখনোই দিতে পারি না। কারণ, মানুষের প্রধান শত্রু হল তার ক্ষুধা। তাকে জয় করে বেঁচে থাকতে হলে খাদ্যদ্রব্য গ্রহণ আবশ্যক। বহু মানুষ আছে যাঁরা নেহাতই দুঃস্থ, অশক্ত বা বৃদ্ধ। অন্যের দান করা খাদ্যসামগ্রী গ্রহণ করে তাদের জীবনধারণ করতে হয়। আমিষ-নিরামিষের বাছবিচার করলে তাদের চলবে না। তাছাড়া এ পৃথিবীতে এমন অনেক স্থান আছে যেখানে শস্য ফলে না। জীবনধারণের জন্য আমিষই একমাত্র খাদ্য। কাজেই বৌদ্ধধম্মাবলম্বীদের কাছে আমিষ কঠোরভাবে নিষিদ্ধ এমন ধম্ম নিদান আমি দেব না।’
ভিক্ষু জেতবনের কথা শ্রবণ করে কলিঙ্গপতি বললেন, ‘কিন্তু তিনি তো জীব হত্যা নিষেধ করেছেন। জীব হত্যা না করে আমিষ ভক্ষণ কীভাবে সম্ভব?’
ভিক্ষু জেতবন বললেন, এ কথা ঠিকই যে বুদ্ধ তাঁর শিষ্যদের প্রাণীহত্যা করতে নিষেধ করেছিলেন। গৃহীদের উদ্দেশে তিনি বলেছিলেন, নিজের লালসার জন্য যেন কেউ জীব হত্যা না করে। কিন্তু ক্ষুন্নিবৃত্তির জন্য আমিষ গ্রহণ করতেই পারে। ধরা যাক, কারো হরিণের মাংস ভক্ষণ করবার ইচ্ছা হল। শুধু তার লালসার নিমিত্তেই একটি হরিণকে হত্যা করা হল, কোনও বৌদ্ধধম্মাবলম্বীর পক্ষে তা পাপকার্য। কিন্তু আবার ধরা যাক, কোনও ধীবর তার জীবিকা নির্বাহের জন্য মৎস আহরণ করেছে অথবা কোনও ব্যাধ পশুশিকার করে এনে বিক্রয় করছে। সে কাজ কিন্তু শুধুমাত্র কোনও নির্দিষ্ট বৌদ্ধধম্মাবলম্বীর জন্য করা হয়নি। সেসব মৎস বা মাংস খণ্ডের ক্রেতা কিন্তু যে-কোনও ধর্মের মানুষ, বা যে-কোনও বর্ণের মানুষই হতে পারে। ক্ষুধা নিবারণের জন্য তা গ্রহণে কোনও সমস্যা নেই। দেখতে হবে, যে আমিষ দ্রব্য আপনি গ্রহণ করছেন, তার মৃত্যুর কারণ যেন আপনার ভোগ-লালসা না হয়।’
ভিক্ষু জেতবনের ব্যাখ্যা শ্রবণ করে আশ্বস্ত হলেন কলিঙ্গরাজ। তিনি বললেন, ‘এ কথা জানলে বহু কলিঙ্গবাসীরই এই ধম্ম গ্রহণে অসুবিধা হবে না বলেই আমার ধারণা।’
এ কথা বলার পর ভিক্ষু জেতবনকে আবারও কোনও প্রশ্ন করতে যাচ্ছিলেন কলিঙ্গরাজ। কিন্তু রাত্রির নিস্তব্ধতা ভঙ্গ করে অশ্বখুরের কঠিন শব্দ এসে থামল দন্তমন্দিরের বাইরের চত্বরে।
এক ভিক্ষু এসে তাঁদের জানাল, ‘এক অশ্বারোহী অত্যন্ত জরুরি সংবাদ নিয়ে এসেছে কলিঙ্গরাজকে জানাবার জন্য!’
‘এ সময় আবার কে এল?’ মৃদু বিরক্ত হয়েই কলিঙ্গরাজ আলোচনা ত্যাগ করে বাইরে বেরিয়ে এলেন। হ্যাঁ, চাঁদের আলোতে দাঁড়িয়ে আছে এক অশ্বারোহী তার ঘোটকের পাশে। ফেনা ঝরছে সেই ঘোটকের মুখ থেকে, আগন্তুকও ঘর্মক্লান্ত। তাদের দেখেই মনে হচ্ছে অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছে তারা। অশ্বারোহী কয়েক পা এগিয়ে এসে কলিঙ্গরাজকে প্রণাম জানিয়ে মাথা তুলতেই রাজা গুহসীব চিনতে পারলেন তাকে। আগন্তুক পশ্চিম সীমান্ত থেকে আগত তাঁর দ্বিতীয় গুপ্তচর! মহারাজ প্রশ্ন করলেন, ‘তুমি কী সংবাদ বহন করে এনেছ?’
গুপ্তচর বলল, ‘সংবাদ গুরুতর। চেদীরাজ চিত্তযান তাঁর হস্তী, রথ, পদাতিক সেনা সমৃদ্ধ বিশাল সেনাবাহিনী নিয়ে সীমান্ত অতিক্রম করে কলিঙ্গরাজ্যে প্রবেশ করেছেন। তাদের পথ দেখিয়ে কলিঙ্গ রাজধানী দন্তনগরীর দিকে নিয়ে আসছেন নিগ্রণ্টপতি শম্বুকনাত। চেদীরাজের বাহিনী প্রবেশ করবে দন্তনগরীতে!’
সংবাদ শুনে বেশ বিস্মিত বোধ করলেন কলিঙ্গপতি গুহসীব। গুপ্তচরকে বিদায় দিয়ে তিনি মন্দিরে প্রবেশ করে সেই সংবাদ ব্যক্ত করলেন ভিক্ষু জেতবনকে।
জেতবন তা শুনে বললেন, ‘আমার নিশ্চিত ধারণা নিগ্রণ্টপতি শম্বুকনাত আপনার ওপর প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই চেদীরাজকে নগরীতে নিয়ে আসছেন।’
কলিঙ্গরাজ বললেন, ‘কিন্তু তাঁর কথাতে প্রভাবিত হয়ে চেদীরাজই বা আসছেন কেন? চেদীরাজ চিত্তযানের সঙ্গে আমার তো কোনও বৈরীতা নেই। আর মানুষ হিসাবেও তিনি উত্তম বলে শুনেছি।’
ভিক্ষু জেতবন বললেন, ‘তার পিছনে নিশ্চয়ই কোনও রহস্য লুকিয়ে আছে। যা তাঁরা এখানে পদার্পণ না করলে জানা যাবে না। তবে নিগ্রণ্টপতির আক্রোশের প্রধান লক্ষ্য যে এই দন্তমন্দির আর ভগবানের ওই পবিত্র দন্তধাতু, সে সম্বন্ধে আমার সন্দেহের অবকাশ নেই।’
একথা বলার পর ভিক্ষু জেতবন, কলিঙ্গ নরেশকে বললেন, ‘এই নগরীর রক্ষক আপনি। কলিঙ্গরাজ কী করবেন? তাঁর নগরী, আর এই দন্তমন্দির রক্ষার্থে? সৈন্য সমাবেশ ঘটিয়ে দন্তনগরীর প্রবেশ পথে চেদীরাজের গতিরোধ করার চেষ্টা করবেন? যুদ্ধ করবেন?’
কিছুক্ষণ মৌনতা অবলম্বন করে এই দুর্যোগময় পরিস্থিতিতে তাঁর কী করণীয় তা ভাবলেন গুহসীব। তারপর বললেন, ‘আমি জানি, যদি এ মুহূর্তে আমি অস্ত্র ধারণ করি তবে শুধু সেনারাই নয়, সর্বধর্মনির্বিশেষে সমগ্র কলিঙ্গবাসীকে আমি পাশে পাব। ঠিক যেমন কলিঙ্গযুদ্ধের সময় কলিঙ্গসম্রাটের পাশে এসে দাঁড়িয়েছিল রাজ্যের সব সমর্থ পুরুষ। কিন্তু আমি সৈন্য সমাবেশ ঘটাব না।’
‘তবে আপনি কীভাবে চেদী বাহিনীকে প্রতিহত করবেন?’ জানতে চাইলেন ভিক্ষু জেতবন।
কলিঙ্গরাজ গুহসীব কয়েকমুহূর্ত চেয়ে রইলেন ভিক্ষু জেতবনের দিকে। তিনিও তাকিয়ে কলিঙ্গরাজের মুখের দিকে। গবাক্ষ বেয়ে একফালি চাঁদের আলো এসে পড়েছে কলিঙ্গরাজের মুখমণ্ডলে।
তাতে কোনও হিংসা বা দ্বেষের চিহ্ন নেই। শান্ত মুখমণ্ডল তাঁর। ঠোঁটের কোণে যেন জেগে আছে আবছা হাসির রেশ। মৌনতা ভঙ্গ করে কলিঙ্গরাজ গুহসীব বললেন, ‘না, আমি অস্ত্রধারণ করব না। কিছুদিন পূর্বে আপনি “রাজ উপদেশ জাতক” নামের এক কাহিনী শুনিয়েছিলেন আমাকে। যে কাহিনীতে বারাণসীরাজরূপী বোধিসত্ত্ব যে নীতি অনুসরণ করেছিলেন আমিও সেই পন্থা অনুসরণ করব। অর্থাৎ ক্রোধীকে অক্রোধ দিয়ে, অসাধুকে সাধু ব্যবহারের মাধ্যমে জয় করার চেষ্টা করব। ভগবান বুদ্ধ যেমন তাঁর প্রতি চরম বিদ্বেষভাবাপন্ন দেবদত্তকে প্রেম-ভালোবাসা দিয়ে হিংসামুক্ত করেছিলেন, ঠিক সেভাবেই চেদীরাজ চিত্তযানের মন জয় করার চেষ্টা করব আমি। ভগবানের দেখানো পথ থেকে আমি বিচ্যুত হব না। তারপর ভগবানের মনে যা ইচ্ছা আছে তাই হবে।’
সদ্য ধম্ম গ্রহণ করা কলিঙ্গরাজ গুহসীবের ভগবান বুদ্ধের নীতি আদর্শের প্রতি প্রবল আস্থাবোধ দেখে অত্যন্ত প্রীত হলেন ভিক্ষু জেতবন। গুহসীব, রাজা হলেও জেতবন তাঁর দীক্ষাগুরু। তাই ভিক্ষু জেতবন, কলিঙ্গরাজের উদ্দেশে আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে বললেন, ভগবান বুদ্ধ আপনার ইচ্ছা পূর্ণ করুন।’
ভগবান বুদ্ধের শেষ চিহ্ন, সেই দন্তধাতুর উদ্দেশে প্রণাম জানিয়ে এরপর দন্তমন্দির ত্যাগ করলেন রাজা গুহসীব।
