৬
অবলোকেশ্বর বললেন, ‘আমরা কুলরক্ষাকারী সম্রাট পণ্ডুর কাছে আমাদের বক্তব্য নিবেদন করতে চাই।’—এ কথা বলার পর নিগ্রন্টপতি আর অবলোকেশ্বর সম্রাট পণ্ডুর সঙ্গে সাক্ষাতের প্রয়োজনীয়তা ব্যক্ত করলেন তাঁর কাছে। সব কথা শ্রবণ করে পাটলিপুত্র নগরীর সনাতনধর্মের কুলপতি বললেন, ‘পৃথিবীর যে কোনও প্রান্তে যেখানে সনাতনধর্ম আর ব্রাহ্মণরা আক্রান্ত হবে, একজন ব্রাহ্মণ হিসাবে ধর্ম রক্ষার্থে সনাতনধর্মের পাশে থাকা আমার কর্তব্য। মৃতব্যক্তির অস্থি-দন্ত বা দেহাবশেষ সংরক্ষণ করা, তাকে পূজা করা অনাচারই বটে। সনাতনধর্ম একে সমর্থন করে না। কোনও ব্রাহ্মণ বা সনাতনধর্মাবলম্বী সাধারণ নাগরিক যদি এ কাজ করত তবে আমরা ব্রাহ্মণ কুলপতিরাই তাকে কুলচ্যুত করতে পারতাম, তার শাস্তি বিধান করতে পারতাম। কিন্তু এক্ষেত্রে ধর্ম হন্তাকারী স্বয়ং কলিঙ্গরাজ। তাই এই অন্যায় কার্যর প্রতিবিধান একমাত্র সম্রাট পণ্ডুই করতে পারেন। তবে সম্রাটের সঙ্গে সাক্ষাত করা সাধারণ ব্যাপার নয়। আমি যথা সম্ভব দ্রুত সম্রাটের সঙ্গে আপনাদের সাক্ষাতের ব্যবস্থা করছি।’
নিগ্রন্টপতি বললেন, ‘হ্যাঁ, সে চেষ্টাই করবেন। কলিঙ্গপতি গুহসীব কে বৌদ্ধধম্ম গ্রহণের আগেই নিরস্ত করতে হবে।’
বিষ্ণুবাহন তাঁদের আশ্বস্ত করে বললেন, ‘আপনারা নিশ্চিন্ত থাকুন, সে চেষ্টা আমি করব। তবে তার জন্য কয়েকদিন সময় লাগবে। ক’দিনের মধ্যেই সন্ধ্যারতির সময় বিষ্ণু মন্দিরে সম্রাট পণ্ডুর উপস্থিত হবার কথা দেবদাসীদের নৃত্যগীত প্রত্যক্ষ করার জন্যে। সে সময়ে আমি সম্রাটকে আপনাদের মনোবাঞ্ছা জানাব। আশা করি তিনি আপনাদের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে সম্মত হবেন। যে কয়দিন তিনি সম্মত না হচ্ছেন ততদিন আপনারা আমার অতিথিশালাতে বিশ্রাম নিন।’
সন্ধ্যারতির সময় এগিয়ে আসছে। ব্রাহ্মণ আর নিগ্রন্টদের থেকে বিদায় নিয়ে বিষ্ণুবাহন রওনা হয়ে গেলেন রাজপ্রাসাদের উদ্দেশে। তাঁর অতিথিশালায় আশ্রয় গ্রহণ করলেন শম্বুকনাত আর অবলোকেশ্বর। তাঁরা প্রতীক্ষা করতে লাগলেন কবে ডাক আসে সে জন্য।
তবে কয়েক দিবসের মধ্যেই তাঁদের ডাক এসে গেল। তিন দিবস পর এক রাত্রে প্রাসাদ থেকে সন্ধ্যারতি সাঙ্গ করে ফিরে এসে রাজব্রাহ্মণ শম্বুকনাতদের জানালেন, ‘আজ সম্রাট মন্দিরে এসেছিলেন। তিনি আপনাদের দর্শন দিতে সম্মত হয়েছেন। রাজপ্রাসাদের অভ্যন্তরে রাজসভাতে আপনারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। কিন্তু তার আগে দুটো বিষয়ে আপনাদের অবগত করানো উচিত। প্রথমত সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করতে হলে তাঁকে উপঢৌকন, দর্শনী প্রদান করতে হয়। তেমন কিছু সঙ্গে এনেছেন কি?’
অবলোকেশ্বর বললেন, ‘হ্যাঁ, সনাতনধর্মাবলম্বীদের উপহার স্বরূপ আমি এনেছি হীরকখচিত এক শিবমূর্তি।’
শম্বুকনাত বললেন, ‘আর কলিঙ্গর নিগ্রন্ট জৈনদের পক্ষ থেকে আমি এনেছি এক মুক্তামালা। বৃহৎ আকৃতির ওই মুক্তা কলিঙ্গ সমুদ্রতট ব্যতীত আর কোথাও মেলে না।’
তাঁদের জবাব শুনে বিষ্ণুবাহন বললেন, ‘আচ্ছা, ওতেই হবে।’
রাজব্রাহ্মণ এরপর নিগ্রন্টপতিকে বললেন, ‘আমার দ্বিতীয় বক্তব্য হল, আপনারা আপনাদের ধর্ম চিহ্ন ওই ঝাঁটা হস্তে রাজসভাতে কখনই প্রবেশ করতে পারবেন না। কারণ, আবর্জনা দূর করার ঝাঁটা এখানে অমঙ্গলের প্রতীক হিসাবে বিবেচিত হয়। রাজ সন্দর্শনে ও বস্তু সঙ্গে রাখা যাবে না।’
ব্রাহ্মণের যেমন উপবীত, বৌদ্ধদের যেমন ভিক্ষাপাত্র তেমনই জৈন সন্ন্যাসীদের সর্বক্ষণের সঙ্গী এই ঝাঁটা। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কৌশলী নিগ্রন্টপতি বললেন, ‘আমি আপনার প্রস্তাবে সম্মত।’
বিষ্ণুবাহন বললেন, ‘তবে আর কোনও সমস্যা নেই। আগামীকাল যথা সময়ে আমার ভৃত্যরা আপনাদের প্রাসাদে নিয়ে যাবে। আমি দ্বাররক্ষীদের আর রক্ষীপ্রধানকে আপনাদের কথা জানিয়ে রাখব। রাজপ্রাসাদ বা রাজসভাতে আপনাদের প্রবেশ করতে সমস্যা হবে না। আমিও সভাতে উপস্থিত থাকব। সম্রাট যা জানতে চাইবেন নির্দিষ্টভাবে শুধুমাত্র তারই জবাব দেবেন। প্রয়োজনে কৌশল অবলম্বন করবেন। কিন্তু অধিক বাক্যালাপ করবেন না।’
এ কথা বলার পর রাজসভা সংক্রান্ত আরও কিছু বিষয়ে অবগত করে অন্তর্হিত হলেন বিষ্ণুবাহন।
রাত অতিক্রান্ত হল। পরদিন নির্দিষ্ট সময় ভৃত্য সহযোগে সঙ্গীদের নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশে যাত্রা করলেন নিগ্রন্টপতি শম্বুকনাত আর ব্রাহ্মণ অবলোকেশ্বর।
সম্রাট পণ্ডুর রাজপ্রাসাদ পাটলিপুত্র নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত। বহু দূর থেকেই চোখে পড়ে তার গগনচুম্বী স্বর্ণধ্বজা। তার ওপর পত পত করে উড়ছে সমগ্র ভারতবর্ষের অধিপতি সম্রাট পণ্ডুর রাজপতাকা আর সনাতনধর্মের প্রতীক গৈরিক পতাকা। প্রাসাদের সামনে উপস্থিত হয়ে অবাক হয়ে গেলেন শম্বুকনাতেরা। এত বড় বিশাল প্রাসাদ ইতিপূর্বে কোনও দিন চাক্ষুস করেননি। অপূর্ব স্থাপত্যশৈলীতে কাষ্ঠ আর প্রস্তরনির্মিত প্রাসাদের কোনও এক কোণে অনায়াসে স্থান পেতে পারে কলিঙ্গরাজের প্রাসাদ। এ প্রাসাদ দেখে মনে হয় যেন স্বর্ণ নির্মিত। প্রাসাদের বহির্গাত্রে কোথাও সত্যিই সোনার পাত বসানো আবার কোথাও কাষ্ঠগাত্রের ওপর রজনের প্রলেপ দিয়ে সোনালি রঙ করা। কত রক্ষী, লোকজন প্রাসাদের বাইরে। বিশাল প্রবেশ তোরণ ঘিরে ব্যুহ রচনা করে সার বেঁধে দাঁড়িয়ে আছে পর্বত প্রমাণ আকারের হস্তীবাহিনী। তাদের পিঠে বসে আছে মাহুত আর ভয়ঙ্কর শূলধারী রক্ষীরা। সেই ঐরাবতবাহিনীর নজর অতিক্রম করে মক্ষিকাও প্রবেশ করতে পারে না প্রাসাদে। শম্বুকনাত শুনেছেন সম্রাট পণ্ডুর নাকি এক লক্ষ রণহস্তী আছে। যাদের পদভারে কম্পিত থাকেন আসমুদ্রহিমাচলের অধিপতিরা। এই ভয়ঙ্কর হস্তীবাহিনীর জন্যই মহারাজ পণ্ডুর বশ্যতা স্বীকার করে নিয়েছেন পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত সব নৃপতিকুল।
প্রাসাদে প্রবেশ করতে বেশি বেগ পেতে হল না শম্বুকনাতদের। রাজপুরোহিত প্রাসাদে উপস্থিত হয়ে তাদের সম্পর্কে বার্তা দিয়ে রেখেছিলেন রক্ষীপ্রধানকে। শুধু নিগ্রন্টদের পোশাক দেখে বিস্মিত হল রক্ষীকুল।
প্রাসাদে প্রবেশ করার পর একটি কক্ষে তাঁদের নিয়ে গিয়ে প্রত্যেকের দেহ তল্লাসী করল রক্ষীরা। সম্রাটের জন্য উপহার বয়ে আনা দারুকাঠের ক্ষুদ্র পেটিকাগুলোও পরীক্ষা করা হল, তার মধ্যে কোনোও প্রাণঘাতী বস্তু আছে কিনা তা দেখার জন্য। অতঃপর একদল সভারক্ষী, শম্বুকনাত আর অবলোকেশ্বরের দলটিকে নিয়ে প্রবেশ করল রাজসভাতে।
বিরাট রাজসভা। সোনার পাতে মোড়া স্তম্ভগাত্রে মশাল জ্বলছে। কারুকার্য মণ্ডিত রাজসভার চতুর্দিকে সোনায় মোড়া। চন্দনকাষ্ঠ নির্মিত ব্যাঘ্র চর্ম আচ্ছাদিত উঁচু বেদির ওপর হীরক খচিত স্বর্ণ সিংহাসনে বসে আছেন জম্বুদ্বীপ অধিপতি সম্রাট পণ্ডু। গৌরবর্ণ দীর্ঘদেহ। কাঁধ পর্যন্ত নেমে আসা কেশদাম। তীক্ষ্ম কঠিন চিবুক ও গুল্ম সমৃদ্ধ গম্ভীর মুখমণ্ডল। পরনে মাণিক্য খচিত রাজবেশ, মাথায় সম্রাটের মুকুট। তাতে বসানো দুর্মূল্য রত্নরাজী থেকে বিচ্ছুরিত আলো যেন এক আলোকবৃত্ত রচনা করেছে তাঁর মস্তকের চারপাশে। ঠিক যেমন আলোক ছটা থাকে দেবতাদের। এক অর্থে দেবতাইতো তিনি। জম্বুদ্বীপের ভাগ্য দেবতা তিনি। দুজন অতুলনীয় সুন্দরী তাঁর দু’পাশে দাঁড়িয়ে। তাদের একজনের হাতে সোনার থালায় ফল, পানপাত্র। আর অন্যজন চামর দোলাচ্ছে। মহারাজ পণ্ডু যে বেদিতে বসে আছেন তার কিছুটা নীচে দু’পাশে সার সার আসন। সেখানে বসে আছেন তাঁর পার্শ্বচর, রাজন্যবর্গ, সেনাপতি, মন্ত্রী পরিষদ ও ব্রাহ্মণকুল। অন্যদের কাউকে শম্বুকনাতরা না চিনলেও ব্রাহ্মণদের মাঝে বিষ্ণুবাহনকে দেখে আশস্ত হলেন। দুপাশে সারিবদ্ধ আসনের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে শম্বুকনাত আর অবলোকেশ্বরদের হাজির করানো হল সম্রাটের বেদির সামনে। নিগ্রন্টপতিদের পোশাক দেখে তিনিও মৃদু বিস্মিত হলেন ঠিকই, কিন্তু তার সম্রাট-সুলভ গাম্ভীর্য বজায় রাখলেন। সম্রাটের বেদির নীচেই দুজন ভৃত্য দণ্ডায়মান। শম্বুকনাতরা মাথা ঝুঁকিয়ে সম্রাটকে অভিবাদন জানাবার পর তাদের ক্ষুদ্র উপহার পেটিকা দুটি উন্মোচন করে ভৃত্যের হাতে দিল। ভৃত্য সে দুটি তুলে ধরল মহারাজ পণ্ডুর দিকে। জম্বুদ্বীপের অধিপতির রাজকোষে দুর্মূল্য সামগ্রী, মণিমুক্তর অভাব নেই। কিন্তু মুক্তামালাটা আকৃষ্ট করল তাঁকে। প্রায় কপোতের ডিমের আকৃতির বড় বড় মুক্ত। এত বড় মুক্ত ইতিপূর্বে দেখেননি তিনি। সম্রাট তাই জানতে চাইলেন, ‘এ মুক্ত কোথায় পাওয়া যায়?’
নিগ্রন্টপতি বললেন, ‘রাজন, এ মুক্তর নাম গজমুক্ত। একমাত্র কলিঙ্গ প্রদেশের সমুদ্রতে এ মুক্ত মেলে।’
রাজর্ষি পণ্ডু এ প্রসঙ্গে আর কোনও বাক্যালাপ করলেন না। আজানুলম্বিত দক্ষিণ হস্তের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে একবার শুধু উপহার দুটি স্পর্শ করলেন। অর্থাৎ তিনি উপহার গ্রহণ করলেন। তাঁর সামনে থেকে ভৃত্য সরিয়ে নিল উপহার। মহারাজকে ইতিপূর্বে তাদের পরিচয় সম্পর্কে অবগত করে রেখেছেন বিষ্ণুবাহন। রাজর্ষি, ব্রাহ্মণ অবলোকেশ্বরের উদ্দেশে বললেন, ‘আপনাদের আগমনের কারণ ব্যক্ত করুন।’
ব্রাহ্মণ অবলোকেশ্বর বললেন, ‘রাজন, আমরা ব্রাহ্মণকুল কলিঙ্গ প্রদেশের রাজধানী দন্তপুরের বাসিন্দা। আমার সঙ্গী এই শম্বুকনাত নিগ্রন্ট অর্থাৎ জৈনধর্মালম্বীদের কুলপতি। দীর্ঘকাল ধরেই আমরা সেখানে সুখে শান্তিতে আমাদের ধর্মপালন করে আসছি। কিন্তু বর্তমানে আমরা অতীব বিপদের সম্মুখীন। আমাদের সনাতনধর্মকে মুছে ফেলার প্রচেষ্টা শুরু হয়েছে কলিঙ্গদেশ থেকে। আর এ কাজের দায়িত্ব গ্রহণ করেছেন স্বয়ং কলিঙ্গপতি গুহসীব। তার পূর্বপুরুষরা সনাতনধর্মের উপাসক হলেও রাজা গুহসীব বৌদ্ধধম্ম গ্রহণ করতে চলেছেন বৌদ্ধ সন্ন্যাসীদের প্ররোচনাতে। শুধু তাই নয় শাস্ত্র বিরোধী এক নারকীয় বস্তুকে দেবতাজ্ঞানে সম্মান প্রদর্শন করছেন তিনি। এই ভয়ঙ্কর অনাচার থেকে কলিঙ্গবাসীকে, সনাতনধর্মকে রক্ষা করার জন্যই রাজর্ষির শরণাপন্ন হয়েছি আমরা।’
যদিও রাজা গুহসীব সনাতনধর্ম ত্যাগ করে নিগ্রন্ট ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু সে কথা শুনে যদি সম্রাট পণ্ডু ব্যাপারটাতে গুরুত্ব না দেন সে জন্য অবলোকেশ্বর তার বক্তব্য এমন ভাবে সম্রাটের সামনে উপস্থাপিত করলেন, যাতে মনে হয় যে রাজা গুহসীব তার পূর্বপুরুষের ন্যায় সনাতনধর্মেরই উপাসক ছিলেন।
ব্রাহ্মণের কথা শুনে রাজাধীরাজ পণ্ডু বললেন, ‘শাস্ত্র বিরোধী সেই নারকীয় বস্তুটি কী?’
অবলোকেশ্বর বললেন, ‘মৃত মানুষের দেহাংশ। একটি বীভৎস দেখতে অক্ষিদন্ত বা ছেদকদন্ত। ওই দন্ত নাকি বৌদ্ধধম্মের প্রতিষ্ঠাতা গৌতমের। সেই নারকীয় বস্তুকেই দেবতাজ্ঞানে পূজা করতে উদ্যত হয়েছেন রাজা গুহসীব।’
‘ছেদকদন্তকে পূজা করা!’ ব্যাপারটা শুনে আশ্চর্য হলেন রাজর্ষি পণ্ডু। তিনি বললেন, ‘ও বস্তু ওখানে উপস্থিত হল কী ভাবে?’
নিগ্রন্টপতি এবার জবাব দিলেন ‘বহু শত বৎসর পূর্বে কোনও এক বৌদ্ধ সন্ন্যাসী ওই অপবিত্র বস্তুটি কলিঙ্গতে নিয়ে যায়। আপনি তো জানেনই রাজর্ষি যে সম্রাট অশোক সনাতনধর্ম পরিত্যাগ করে অনাচারী বৌদ্ধধম্ম গ্রহণ করার পর সর্বত্রই সেই অনাচার ছড়িয়ে পড়ে। তাই ওই বীভৎস বস্তুটি রয়ে গেছিল ওখানকার এক মন্দিরে শত শত বৎসর ধরে। আপনার পূর্বপুরুষদের মতো সনাতনধর্মের রক্ষাকর্তারা আবার সনাতনধর্মের গৈরিক পতাকাতলে ফিরিয়ে এনেছিলেন প্রজাদের। জম্বুদ্বীপ মহাদেশের সর্বত্রই আবার ব্রাহ্মণ্যবাদের পুনরুত্থান ঘটেছিল তাঁদের হাত ধরে। বুদ্ধ অনুগামীরা হয়ে পড়েছিল নগণ্য। কলিঙ্গও তার ব্যতিক্রম নয়। তাই দন্তপুরের মন্দিরে রক্ষিত ওই বস্তুটিকে আমরা বিশেষ গুরুত্ব দেইনি। সেটাই আমাদের ভ্রম হয়েছিল। আমরা বুঝতে পারিনি যে মুষ্টিমেয় কয়েকজন বৌদ্ধ সন্ন্যাসী ও অপবিত্র বস্তুকে কেন্দ্র করে প্রচলিত ধর্মকে মুছে ফেলার জন্য চক্রান্তের জাল বুনবে!’
‘মানুষের দেহাংশ রক্ষা করা কি অনাচার?’ পাটলিপুত্রর ব্রাহ্মণ শ্রেষ্ঠ বিষ্ণুবাহনের দিকে তাকিয়ে এ বিষয় ধর্ম ব্যাখ্যা জানতে চাইলেন রাজর্ষি পণ্ডু।
বিষ্ণুবাহন উঠে দাঁড়িয়ে বললেন, ‘নিশ্চিত অনাচার রাজন। সনাতনধর্মর রীতি অনুসারে মৃত্যুর পর মানুষের দেহ অগ্নিকুণ্ডে বিনাশ করতে হয়। এমনকী নাভি কুণ্ডল, অস্থি কলসও নদী বা সমুদ্রতে বিসর্জন দেওয়া হয়। মানুষের সামান্য কেশ গুচ্ছও তার মৃত্যুর পর সংরক্ষণ করা সনাতনধর্ম শাস্ত্র বিরোধী। মৃত্যুর পর প্রেতযোনি লাভ করে আত্মারা। তাদের বৈতরণী নদী পার হতে হলে যাত্রা করতে হয় পৃথিবীর সব টান, মায়া পিছনে ফেলে। যে দেহ সে পৃথিবীতে ছেড়ে এসেছিল তার সমান্য কিছুও যদি কোথাও অবশিষ্ট থেকে থাকে তবে তার মায়া থেকে সে মুক্ত হতে পারে না। প্রেত হয়েই ঘুরে বেড়াতে থাকে এই দেহাবশেষের কাছে। নানা অশুভ শক্তির জন্ম আর ধ্বংসের কারণ হয়ে ওঠে সেই প্রেত। গান্ধার নরেশ সুবলের অস্থি দিয়ে পাশা বানিয়েছিল তাঁর পুত্র শকুনি। যে কারণে সে পাশা তাঁর কথা শুনতো। প্রেতযোনি থেকে মুক্তি না পাওয়া সুবলের হাড় দিয়ে বানানো সেই পাশা কুরুক্ষেত্রের যুদ্ধের সৃষ্টি করেছিল, ধ্বংস করেছিল পৃথিবীকে। ও বস্তুর বিনাশ প্রয়োজন।’ একটানা কথা বলে থামলেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ বিষ্ণুবাহন।
বিষ্ণুবাহনের বক্তব্য গ্রহণ করে রাজাধীরাজ নিগ্রন্টপতি আর ব্রাহ্মণ অবলোকেশ্বরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, ‘আপনারাও কি ওই দন্তর বিনাশ চাইছেন?’
অবলোকেশ্বর বললেন, ‘হ্যাঁ, রাজর্ষি। আপনি ওই অপবিত্র বস্তুটি ও সেই মন্দির ধ্বংস করুন। কারণ, সব সমস্যার উৎপত্তি ওই দন্ত থেকেই। দন্ত ধ্বংস করে বৌদ্ধধম্ম গ্রহণ থেকে আপনি নিবৃত্ত করুন রাজা গুহসীবকে। আগামী মাঘী পূর্ণিমাতেই নাকি পাপ ধর্ম গ্রহণ করতে চলেছেন রাজা গুহসীব। তিনি এও বলেছেন, বৌদ্ধধম্ম তিনি গ্রহণ করার পর প্রজাদেরও বৌদ্ধধম্ম গ্রহণ করতে হবে। আর ব্রাহ্মণরা যদি সনাতনধর্ম পরিত্যাগ করতে অসম্মত হয় তবে তিনি তাদের রাজ্য থেকে বিতাড়িত করবেন। তার রাজ্যে ব্রাহ্মণদের কোনও স্থান হবে না।’
নিগ্রন্টপতি শম্বুকনাত তার পাশ থেকে বললেন, ‘রাজা গুহসীব এমনও ইচ্ছা প্রকাশ করেছেন যে বৌদ্ধধম্ম গ্রহণ করার পর তিনি নাকি পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও সেই পাপ ধর্ম প্রচারে অবতীর্ণ হবেন। যেমন করেছিলেন সম্রাট অশোক।’
ব্রাহ্মণ অবলোকেশ্বর আর নিগ্রন্টপতি বেশ কিছু কথা মিথ্যা বললেন নিজেদের দুরবস্থা, সনাতনধর্মের সংকট বোঝাবার জন্য। রাজা গুহসীব এমন কথা কখনই বলেননি যে তার রাজ্য থেকে সনাতনধর্মকে বিতাড়িত করা হবে।
জম্বুদ্বীপের অধিপতি পণ্ডু নিছক একজন রাজা নন, তিনি সনাতনধর্মের প্রচণ্ড অনুরাগী, রক্ষক হলেও তিনি সমগ্র ভারতবর্ষের নৃপতিকুলেরও অধিপতি। তাই কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে তার রাজনৈতিক তাৎপর্য, ফলাফলও ভেবে নিতে হয়। তাই তিনি ব্রাহ্মণ কুলপতি বিষ্ণুবাহন, কলিঙ্গব্রাহ্মণ অবলোকেশ্বর আর নিগ্রন্টপতি শম্বুকনাতের বক্তব্য শ্রবণ করার পর সভায় উপস্থিত প্রাজ্ঞ মহামন্ত্রী কৃষ্ণদেবকে বললেন, ‘এ বিষয়ে আপনার মতামত কী?’
বৃদ্ধ মহামন্ত্রী কৃষ্ণদেব একজন রাজনৈতিক বিশেষজ্ঞই নন, এ দেশের রাজনৈতিক, ধর্মীয় ইতিহাস সম্পর্কেও তার জ্ঞান আছে। তিনি জানেন, মহারাজ বিম্বিসারের আমল থেকে মগধ থেকে কীভাবে বৌদ্ধধম্ম বিস্তার লাভ করেছিল নানা রাজ্যে। আর সম্রাট অশোকের আমলে তো তা ছড়িয়ে পড়েছিল ওই ভূখণ্ড অতিক্রম করে সমুদ্র অতিক্রম করে সিংহল দ্বীপেও। এখনও সে দেশে সেই ধর্ম প্রবল ভাবে বর্তমান। বৌদ্ধধম্মর প্রবল প্রতাপে এক সময় তো জম্বুদ্বীপ থেকে মুছেই যেতে বসেছিল সনাতনধর্ম! সম্রাট পণ্ডুর পূর্বপুরুষ সাতকর্ণী, সাতবাহন বংশীয় নৃপতিরা ও আরও কিছু নৃপতি মিলে অনেক সংঘর্ষ, রক্তপাত, আত্মবলিদানের মাধ্যমে ধীরে ধীরে বেশ কয়েকশত বৎসরের চেষ্টাতে সনাতনধর্মকে আবার স্বীয়মর্যাদাতে প্রতিষ্ঠা করেন জম্বুদ্বীপের বুকে। যদিও সেই বিম্বিসারের মগধের পতন হয়েছে বহু শতাব্দী পূর্বেই, সম্রাট অশোকও হারিয়ে গেছেন মহাকালের অন্ধকার আবর্তে। বৌদ্ধধম্ম প্রায় মুছেই গেছে এ মহাদেশ থেকে। শুধু এ ভূখণ্ডে ক্ষুদ্র রাজ্য উজ্জয়িনীতে ক্ষুদ্র মৃৎপ্রদীপের মতো টিকে আছে বৌদ্ধধম্ম। তবে সেখানে সনাতনধর্মের দাপটও কম নয়। তবে কে বলতে পারে ওই দন্তকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্মের স্ফুলিঙ্গ দাবানলের মতো ছড়িয়ে পড়বে না একের পর এক রাজ্যে? বিশেষত ওই নিগ্রন্টপতির বক্তব্য যদি সত্যি হয়, যদি রাজা গুহসীবের ধর্ম প্রচারের বাসনা থাকে তবে এমন তো হতেই পারে।—এ সব কথা দ্রুত ভেবে নিয়ে উঠে দাঁড়িয়ে মহামন্ত্রী কৃষ্ণদেব বললেন, ‘রাজর্ষি, আমি ব্রাহ্মণশ্রেষ্ঠ বিষ্ণুবাহনের সঙ্গে সহমত পোষণ করি। শুধু ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক ভাবেও সেটাই কাম্য। এমনও হতে পারে যে ওই দন্তের মাধ্যমেই বৌদ্ধধম্মের পুনরুত্থান ঘটাবার চেষ্টা শুরু হল? ধর্ম ব্যাপারটা বড় মারাত্মক। কখন যে কী ভাবে ছড়িয়ে পড়ে তা কেউ বলতে পারে না! নইলে কোথায় কোন দূরবর্তী পাহাড়ের পাদদেশে অবস্থিত ক্ষুদ্র রাজ্য লুম্বিনী! তাকে গ্রামই বলা যায়। যে দেশের সঙ্গে সে অর্থে কোনও যোগাযোগই ছিল না সমতলের। আর সেখানকার গৃহত্যাগী রাজপুত্র কিনা এসে তার ধর্ম ভাবনা দিয়ে গ্রাস করে ফেলল সব কিছু! সম্রাট অশোকের মতো বেদ; ব্রাহ্মণ উপাসক রাজারাও কিনা সনাতনধর্ম পরিত্যাগ করে তাঁর প্রবর্তিত ধর্ম গ্রহণ করেছিলেন! একটা মানুষই শুধু তার প্রবর্তিত ধর্ম ভাবনা দিয়ে প্রায় পাঁচশো বছর কোণঠাসা করে ফেলেছিল হাজার হাজার বছরের প্রাচীন সনাতনধর্মকে! এমন কিছু যে ঘটতে পারে সেই সময়ের সনাতনধর্মে অনুরাগী নৃপতিরা কী ভেবেছিলেন?’
এ কথা সম্রাটকে স্মরণ করিয়ে দেবার পর মহামন্ত্রী বললেন, ‘হ্যাঁ, এ কথা ঠিকই যে ওই ধর্মকে অবলম্বন করে আপনার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার মতো ক্ষমতা জম্বুদ্বীপের পাহাড় থেকে সমতল পর্যন্ত কোনও নৃপতির নেই। কিন্তু এমন তো হতেই পারে যে ওই ধর্মের প্রসারকে কেন্দ্র করে কলিঙ্গর সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যগুলোর বিবাদ বিসংবাদ শুরু হল, কোনও রাজ্যের অভ্যন্তরে ধর্মীয় বিবাদ শুরু হল। তখন জম্বুদ্বীপের সম্রাট, রাজাধীরাজ হিসাবে সে সব বিবাদের নিষ্পত্তি করার জন্য নৃপতিরা আপনারই শরণাপন্ন হবে। তাতে বিব্রত হতে হবে আপনাকে। শাস্ত্রে আছে, অগ্নি, শত্রু আর আশঙ্কার শেষ রাখতে নেই। এ সবের সমূলে বিনাশ প্রয়োজন। তাই ওই দন্ত ধ্বংস করাই কাম্য।’
ব্রাহ্মণ শ্রেষ্ঠ আর মহামন্ত্রীর কাছ থেকে পরামর্শ গ্রহণের পর রাজর্ষি পণ্ডুর সিদ্ধান্ত নিতে অসুবিধা হল না। ধর্ম আর রাজনীতি উভয়ই যখন বলছে যে ওই দন্তকে ধ্বংস করা উচিত তখন তার ধ্বংসই কাম্য। রাজর্ষি বললেন, ‘ঠিক আছে ওই অশুভ দন্তকে, বুদ্ধর শেষ চিহ্নকে নিশ্চিহ্ন করব আমি, যাতে তাকে কেন্দ্র করে ভবিষ্যতে কোনও উপদ্রব না ঘটে সে জন্য। আর কলিঙ্গরাজ্যে সনাতনধর্মকে আমি আগের মতো সম্মানের আসনে প্রতিষ্ঠিত করব।’
সাতকর্ণীর বংশধর, জম্বুদ্বীপ অধিপতি সম্রাট পণ্ডুর কথাগুলো শুনে রাজসভাতে উপস্থিত ব্রাহ্মণকুল হর্ষধ্বনি করে বলে উঠলেন, ‘জয় হোক সনাতনধর্মের রক্ষাকর্তা রাজর্ষি পণ্ডুর। জয় হোক বেদ-ব্রাহ্মণের।’
বুদ্ধর দন্ত আর দন্তমন্দির ধ্বংস করার সিদ্ধান্ত তো জানালেন রাজর্ষি, কিন্তু কী ভাবে সে সিদ্ধান্ত বাস্তবায়িত হবে? পাটলিপুত্র নগরী ত্যাগ করে স্বয়ং সম্রাট তো আর কলিঙ্গর ক্ষুদ্র নরপতির রাজ্যে দন্ত ধ্বংসর জন্য অভিযানে যাবেন না। সে সময় আর প্রয়োজনও নেই সম্রাটের। কলিঙ্গরাজ যদি যুদ্ধ করতে চায় তবে তার বিরুদ্ধে সাধারণ সেনা দলই যথেষ্ট। সম্রাটের হঠাৎ চোখ পড়ল সভাগৃহতে বসে থাকা একজনের ওপর। রাজা চিত্তযান। সম্রাটের অধীনস্থ চেদী রাজ্যের নৃপতি সে। কার্যপলক্ষে তিনি চেদী রাজ্য থেকে পাটলিপুত্রতে সাক্ষাৎ করতে এসেছেন। চেদী রাজ্য থেকে কলিঙ্গর দূরত্বও বেশি নয়। রাজর্ষি পণ্ডু তার উদ্দেশে বললেন, ‘চেদীরাজ চিত্তযান। আমি আপনার ওপর দন্ত সমেত ওই মন্দির বিনাশের দায়িত্ব অর্পণ করতে চাই। আপনি কলিঙ্গরাজকে ধর্ম ত্যাগ করতে নিষেধ করবেন। বলবেন এটা জম্বুদ্বীপ অধিপতির নির্দেশ।’
চেদীরাজ চিত্তযান উঠে দাঁড়িয়ে বললেন, ‘সম্রাটের আদেশ শিরোধার্য। কিন্তু নৃপতি গুহসীব তো শুনলাম আগামী মাঘী পূর্ণিমাতেই সনাতনধর্ম ত্যাগ করবেন। পাটলিপুত্র ত্যাগ করে আমার রাজ্য হয়ে কলিঙ্গতে প্রবেশ করতে মাঘী পূর্ণিমা পেরিয়ে যাবে। ওই দন্ত সমেত মন্দির আমি ধ্বংস করব ঠিকই, কিন্তু সে সময়কালের মধ্যে যদি কলিঙ্গরাজ ধর্মান্তরিত হয়ে যান তবে সেক্ষেত্রে আমি কী করব? রাজর্ষির আদেশ কী?’
নিগ্রন্টপতি আর একটু হলে তাঁর মনের ভাবনা বলেই ফেলছিলেন— ‘ধর্মান্তরিত হলে হত্যা করতে হবে রাজা গুহসীবকে।’
কিন্তু বিচক্ষণ সম্রাট পণ্ডু সে কথা বললেন না। একটু ভেবে নিয়ে রাজর্ষি বললেন, ‘সে ক্ষেত্রে ওই দন্ত আর মন্দির ধ্বংস করার পর কলিঙ্গরাজকে পাটলিপুত্র নগরীতে নিয়ে আসবেন। প্রায়শ্চিত্ত করিয়ে তাঁকে আবার সনাতন ধর্মে ফিরিয়ে আনা হবে।’ কথা শেষ করে রাজসভা সাঙ্গ করে উঠে দাঁড়ালেন রাজর্ষি পণ্ডু।
সভা ভঙ্গ হবার পর চেদীরাজ চিত্তযানের সঙ্গে মিলিত হলেন ব্রাহ্মণ বিষ্ণুবাহন, অবলোকেশ্বর আর উৎফুল্ল নিগ্রন্টপতি। কলিঙ্গরাজ গুহসীবকে শিক্ষাদানের ব্যবস্থা সফল হতে চলেছে। তাঁরা চারজন চেদীরাজের কলিঙ্গ অভিযানের পরিকল্পনা রচনা করলেন। ঠিক হল নিগ্রন্টপতিরা ফিরে গিয়ে কলিঙ্গ সীমান্তে অপেক্ষা করবেন চেদীরাজের আগমনের জন্য। চেদীরাজ নিজ রাজ্যে ফিরে সৈন্যবাহিনী নিয়ে নিগ্রন্টপতিদের সঙ্গে মিলিত হলে তাঁরা তাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন দন্তমন্দিরের দিকে।
তবে কালক্ষেপ করা যাবে না। তাই সেদিনই চেদীরাজ চিত্তযান আর নিগ্রন্টপতিরা পাটলিপুত্র নগরী ত্যাগ করে রওনা হয়ে গেলেন নিজ নিজ রাজ্যের দিকে।
কলিঙ্গরাজ্যের রাজধানী দন্তপুর বা দন্তনগরী সমুদ্র উপকূলে অবস্থিত প্রাচীন নগরী। তবে নগরীস্থিত দন্তধাতুর মন্দির আকারে তেমন বিশাল নয়। কাষ্ঠ আর প্রস্তর নির্মিত দন্তমন্দিরটি মধ্যম আকৃতির। ভিক্ষু ক্ষেম, কলিঙ্গরাজ ব্রহ্মদত্তর হাতে শাস্তার পবিত্র অক্ষি দন্তটি সমর্পণ করার পর সাতশত বছর পূর্বে এ মন্দির নির্মাণ করান রাজা ব্রহ্মদত্ত। কলিঙ্গ যুদ্ধর পর চন্দ্রাশোক বুদ্ধর স্মরণ নিয়ে ধর্মাশোকে রূপান্তরিত হবার পর এ মন্দিরে স্বর্ণলেপন করেন। কাশীরাজা, সুনন্দ প্রমুখ নৃপতিগণ বিভিন্ন দানসামগ্রী প্রদান করেছিলেন। তারপর এক সময় সনাতনধর্মের পুনরুত্থান সূচিত হয়। উদয়গিরি-কুমারী পর্বতে কলিঙ্গ রাজ খারবেলের সময় যে নিগ্রণ্টরা বসতি স্থাপন করেছিলেন তাঁরাও তাদের ধর্মবিস্তার শুরু করেন। কলিঙ্গরাজ গুহসীবের পূর্বপুরুষরা সনাতনধর্মাবলম্বী হলেও অন্য ধর্মর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তবে তাঁরা এই দন্ত মন্দিরের সংস্কার বা কলেবর বৃদ্ধির কাজে মনোনিবেশ করেননি। দূর থেকে এই মন্দিরকে প্রণাম জানালেও মন্দিরে তাঁরা পদার্পণ করতেন না। দন্তধাতুটিকে নিয়ে বাৎসরিক যে শোভাযাত্রা হয় তাতেও তাঁরা অংশ নিতেন না। আর কিছুকাল আগে পর্যন্ত রাজপ্রাসাদে ভোগবিলাসের মধ্যে ডুবে থাকা রাজা গুহসীব এ মন্দিরের ব্যাপারে কোনও কিছু জানতেনই না। আর কদিন বাদে মাঘী পূর্ণিমা। বিজেতার পাদপদ্মে সেদিন আনুষ্ঠানিক ভাবে নিজেকে সমর্পণ করবেন রাজা গুহসীব। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে কার্য সম্পন্ন হবার পর তিনি এ স্থানেই বিশাল এক দন্তমন্দির নির্মাণ করাবেন প্রাচীন কাঠামোকে অক্ষুণ্ণ রেখেই। কলিঙ্গর স্থপতি ও ভাস্কররা ষোড়োশ মহাজনপদের সময় থেকেই এ ধরণীর শ্রেষ্ঠ ভাস্কর-শিল্পী হিসাবে পরিচিত। তাদের দিয়ে তিনি এমন অনিন্দ্যসুন্দর দন্তমন্দির রচনা করবেন যে তার তুলনা জম্বুবদ্বীপে কোথাও থাকবে না। সে মন্দিরই হবে শাস্তার প্রতি রাজা গুহসীবের শ্রদ্ধার্ঘ্য।
দন্তমন্দিরে যেদিন প্রথম পদার্পণ করেছিলেন রাজা গুহসীব, প্রত্যক্ষ করেছিলেন অলৌকিক গর্জন ও আলোকজ্যোতি সম্পন্ন শাস্তার দন্তাধার, তার পর দিন থেকেই তিনি নাচঘর-নারীসঙ্গ-সুরাপান ত্যাগ করেছিলেন। বর্তমানে তিনি অন্য বিলাসব্যসনও ত্যাগ করতে শুরু করেছেন। যদিও শাস্তা খাদ্য গ্রহণের ব্যাপারে তেমন কোনও নিষেধাজ্ঞা দেননি। তিনি নিজেও মৎস-মাংসাদী গ্রহণ করতেন, তবুও শাস্তার জীবন দর্শনকে অনুসরণ করে পঞ্চকাঞ্চন পরিহার করে জীবনের জন্য যতটুকু খাদ্য গ্রহণ প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করছেন। ঠিক যেমন গ্রহণ করেন মঠস্থিত বৌদ্ধ শ্রমণরা।
সায়াহ্নে যাবতীয় রাজকার্য সমাপ্ত হবার পর প্রতিদিনের মতো এদিনও যখন তিনি দন্তমন্দিরের উদ্দেশে রওনা হলেন তখন সমুদ্রর বুকে সূর্য অস্ত যেতে চলেছে। দূর থেকে তিনি দেখতে পেলেন অস্তাচলগামী সূর্যর রক্তিম আভা ছড়িয়ে পড়েছে দন্ত মন্দিরের স্বর্ণ শিখরে। পাত্র-মিত্র-সভাসদ সহযোগে রথচক্রে বা হস্তীপৃষ্ঠে মন্দিরে গমন করেন না গুহসীব। পদব্রজেই তিনি মন্দিরে যান। নগরবাসীদের সঙ্গে সে সময় সাক্ষাতও হয় রাজার। নিগ্রণ্টপতি আর তাঁর অনুচরেরা নগরীর সাধারণ জনজীবনের ব্যাপারে এত দিন অন্ধকারেই রেখেছিলেন কলিঙ্গপতিকে। পথ চলতে চলতে অনেক সময় তিনি কলিঙ্গবাসীর অভাবের অভিযোগের কথা শ্রবণ করেন, সাধ্যমতো তাদের সমস্যার প্রতিবিধান করার চেষ্টাও করেন। এ যেন এক অন্য গুহসীব! রাজপ্রাসাদ থেকে তিনি আজ নেমে এসেছেন ধুলোবালুময় পথে। তাঁর প্রতি ক্রমশ শ্রদ্ধা বৃদ্ধি পাচ্ছে সাধারণ নাগরিকদের। আর কলিঙ্গরাজের এ পরিবর্তনের পশ্চাতে যে এই দন্তমন্দিরের ভূমিকা সম্বন্ধেও নগরবাসী বিশেষ অবগত।
ধর্ম নির্বিশেষে দন্তমন্দিরের ওপরও সে কারণে শ্রদ্ধা আরও বৃদ্ধি পাচ্ছে সাধারণ নাগরিকদের। বিশেষত কলিঙ্গনগরী-দন্তপুরের অন্তজ মানুষ, ধীরব, কারুজীবী, চাষি, কামার, ছুতোর এসব সম্প্রদায়ের মানুষদের মধ্যে। কায়িক পরিশ্রম করে যারা, যারা এতদিন নিষ্পেষিত হয়ে এসেছে নিগ্রণ্ট ও ব্রাহ্মণদের দ্বারা। প্রাসাদ থেকে দন্তমন্দিরে যাবার পথে কলিঙ্গরাজের সঙ্গী থাকে শুধু দুজন রক্ষী। মহামন্ত্রীর পরামর্শ ও অনুরোধে তাদের সঙ্গে রাখতে বাধ্য হয়েছেন রাজা গুহসীব।
নিগ্রণ্টদের সঙ্গে সংঘাতের আবর্তে কলিঙ্গরাজকে একেবার নিরাপত্তাহীন ভাবে চলার পক্ষে মত দেননি বিচক্ষণ মহামন্ত্রী ভার্গব। শস্ত্রধারী রক্ষীরা রাজার সঙ্গে দন্তমন্দিরে যায় ঠিকই, কিন্তু তাদের মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করতে দেন না কলিঙ্গধীপ। তারা রাত জেগে মন্দিরের বাইরে থাকে।
রাজা গুহসীব মন্দিরের ভিক্ষু প্রধান জেতবনের থেকে ধম্ম কথা, বুদ্ধর জীবন কথা, বাণী সারা রাত্রি ধরে শ্রবণ করার পর শেষ রাত্রিতে মন্দির থেকে নির্গত হলে, তখন তাঁকে আবার প্রাসাদে ফিরিয়ে আনে। বেশ উৎফুল্ল ভাবেই মন্দিরের দিকে এগোলেন কলিঙ্গনাথ। বৃদ্ধ ভিক্ষু জেতবন শাস্তার পূর্ব জন্মের কাহিনি শোনাবেন বলেছেন আজকে। কলিঙ্গপতি ভেবে রেখেছেন মন্দির নির্মাণের পরিকল্পনার ব্যাপারটাও জানাবেন তাঁকে। এ ব্যতীত মাঘী পূর্ণিমার দিন তাঁর বৌদ্ধধম্ম গ্রহণ সম্পর্কিত যে অনুষ্ঠান হবে, সে বিষয়েও কিছু আলোচনা আছে। ভিক্ষু জেতবনই তাঁকে করুণাময়ের ধর্মে দীক্ষিত করবেন। মাঘ মাস ইতিমধ্যেই সূচিত হয়েছে। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই অতি দ্রুত সন্ধ্যা নামে। এদিনও তার ব্যতিক্রম হল না। পদব্রজে কলিঙ্গরাজ যখন মন্দিরের সমুখে পৌঁছলেন তখন অন্ধকার নেমে গেছে। কয়েকটি মৃৎ প্রদীপ প্রতিষ্ঠা করা হয়েছে মন্দিরে তোরণ দ্বারে, দেওয়াল গাত্রে। কী নির্মল, স্নিগ্ধ সে আলো। মন্দিরের ভিতর থেকে অনুচ্চ স্বরে ভেসে ভিক্ষুদের সম্মিলিত সন্ধ্যা প্রার্থনা। আর তার সঙ্গে কখনও-বা গুরু-গম্ভীর চর্মবাদ্যর শব্দ।
গুহসীব মন্দিরে প্রবেশ করলেন। প্রার্থনা যতক্ষণ চলল ততক্ষণ তিনি দণ্ডায়মান রইলেন প্রার্থনা কক্ষর বাইরে। তাঁর উপস্থিত হেতু প্রার্থনারত শ্রমনদের মনসংযোগ ক্ষুণ্ণ হোক তা তিনি চান না। এক সময় শেষ হল সান্ধ্য প্রার্থনা। পিতলের তৈরি একটা ঘৃত প্রদীপ নিয়ে প্রার্থনা কক্ষের বাইরে আত্মপ্রকাশ করলেন প্রবীণ শ্রমণ জেতবন। শ্রদ্ধা প্রদর্শনের জন্য পরস্পরের উদ্দেশে মাথা ঝোঁকালেন তাঁরা। অতঃপর প্রতিদিনের মতো সেই শ্রমণ তাঁকে নিয়ে উপস্থিত হলেন যে কক্ষে শাস্তার পবিত্র রত্নটি রক্ষিত আছে সেই কক্ষ সংলগ্ন ছাদ সমৃদ্ধ চত্বরে। আসন পাতা ছিল, রাজার জন্য বিশেষ কোনও আসন নয়, তালপাতার আসন। তাতে মুখোমুখি উপবেশন করলেন শ্রমণ ও রাজা গুহসীব।
দন্তধাতুর কক্ষ থেকে ভেসে আসছে সেই অলৌকিক মন্ত্রধবনি। প্রবীণ ভিক্ষু জেতবন বললেন, ‘আজ আপনাকে “জাতক কাহিনী” শোনাব বলেছিলাম। তাই তো রাজন?’
রাজা গুহসীব বললেন, ‘হ্যাঁ, তাই। সে কাহিনী শুনতে আমি আগ্রহী।’
ভিক্ষু জেতবন বললেন, ‘কাহিনি শুরু করার আগে, সে কাহিনীগুলি কী সে সম্পর্কে কিছু কথা আপনাকে অবগত করি—। জাতক কাহিনী হল ভগবান বুদ্ধর বহুজন্মর বা পূর্বজন্মর কথা ও কাহিনী। এক জন্মের কর্মফলে কেউ সম্যকবুদ্ধ হতে পারেন না। ভগবান বুদ্ধ তাই বুদ্ধাঙ্কুর বা বোধিসত্ত্ব রূপে কোটিকল্পকাল ধরে মানব রূপে তো বটেই, এমনকী পশু-পাখি ইত্যাদি নানা ধরনের অসংখ্য যোনিতে জন্মগ্রহণ করেন। এবং সেই সব প্রত্যেক জন্মে তাঁর অহিংসা, মৈত্রী, ত্যাগ, দান, তিতিক্ষার মাধ্যমে বহু জন্মর কর্মফলে অবশেষে সম্যকবুদ্ধে পরিণত হন।
‘বোধিসত্ত্ব যখন বিভিন্ন যোনিতে জন্ম নেন, সে সব কালেও চতুরাশ্রম ও বর্ণাশ্রম প্রথার প্রচলন ছিল। চতুরাশ্রম, অর্থাৎ, ব্রহ্মচর্য-গার্হস্থ-বানপ্রস্থ ও সন্ন্যাস। এ ব্যাপারে তাঁর কোনও আপত্তি না থাকলেও সনাতন ধর্মর বর্ণাশ্রম প্রথা মেনে নিতে পারেননি তিনি। অর্থাৎ শুধুমাত্র ব্রাহ্মণরা পাঠ করবেন ও পৌরহিত্য করবেন, ক্ষত্রিয়রা শাসক হবেন ও যুদ্ধ করবেন, বৈশ্যরা বাণিজ্য করবেন, আর শূদ্ররা ব্যাধের জীবন যাপন করবেন বা উপযুক্ত তিন শ্রেণীর আজ্ঞাবহ থাকবেন বংশ পরম্পরায় ব্রাহ্মণ পুত্র ব্রাহ্মণ হবেন এবং অন্যরাও তাই। কিন্তু বোধিসত্ত্ব এই সামাজিক নিয়মের বিরোধী ছিলেন এই কারণে যে তিনি মনে করতেন কোনও ব্রাহ্মণ, ন্যায়, নীতি, আদর্শ পরিত্যাগ করে পতিত হতে পারেন, আবার কোনও শূদ্র বা চণ্ডাল তার মহত্ত্ব বা জ্ঞান লাভে পারদর্শীতা প্রদর্শন করে ব্রাহ্মণত্ব লাভ করতে পারেন। বোধিসত্ত্বর এ ভাবনা অনেক জাতক কাহিনীতে প্রতিফলিত হয়েছে। বুদ্ধ যখন বিভিন্ন জীবদেহ ধারণ করে অর্থাৎ বোধিসত্ত্বরূপে জন্মগ্রহণ করছেন তখন পূর্বজন্ম বা জন্মান্তরের কাহিনীগুলি তাঁর মনে থাকত। অর্থাৎ তিনি জাতিস্বর ছিলেন। তিনি তাঁর পূর্বজন্মর এই সব কাহিনী তাঁর শিষ্যদের শোনাতেন, যাতে তারা ন্যায়পরায়ণ, ধর্মপরায়ণ দানশীল ও উদার হন। বৌদ্ধধম্মাবলম্বীদের তো অবশ্যই অন্যান্য সমস্ত মানুষদেরও জাতক কাহিনী অবশ্যই শ্রবণ করা প্রয়োজন।’
রাজা গুহসীবের নিকটে জাতককাহিনীর উৎস ও তাৎপর্য ব্যাখ্যা করার পর ভিক্ষু জেতবন একটু ভেবে নিয়ে বললেন, ‘আপনি যেহেতু একজন রাজা সেজন্য একটি কাহিনী আপনাকে বিবৃত করি যে কাহিনীতে বোধিসত্ত্ব একজন রাজা ছিলেন। এ জাতক কাহিনীর নাম “রাজ উপদেশ জাতক”।’
প্রদীপের স্নিগ্ধ আলো ছড়াচ্ছে চারপাশে। দণ্ডধাতুর কক্ষ থেকে ভেসে আসছে মন্ত্রধবনি। ধূপের গন্ধে বিভোর চারদিক। অতি প্রাচীন সেই চত্বরে, রাজা গুহসীবের মুখোমুখি বসে ভিক্ষু জেতবন শুরু করলেন তার জাতক কাহিনী—‘প্রাচীন কালে বারাণসীর রাজা ছিলেন ব্রহ্মদত্ত। তাঁর প্রধানা মহিষীর গর্ভে জন্ম নিয়েছিলেন বোধিসত্ত্ব। তাঁর নামকরণ হল “ব্রহ্মদত্ত কুমার”। শিক্ষা গ্রহণের উপযুক্ত বয়স হলে ব্রহ্মদত্ত কুমারকে পাঠানো হল সে যুগের সর্বশ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র তক্ষশিলা নগরীতে। যথারীতি ধর্মশাস্ত্র, নীতিশাস্ত্র ইত্যাদি শাস্ত্রতে পারদর্শী হয়ে তিনি এক সময় আবার তক্ষশিলা থেকে বারাণসীতে ফিরে এলেন। এক সময় বৃদ্ধ হয়ে মৃত্যু হল বারাণসীরাজ ব্রহ্মদত্তর। তাঁর শূন্য সিংহাসনে বসে রাজা হলেন বোধিসত্ত্ব-ব্রহ্মদত্তকুমার। নিরপেক্ষভাবে, নিষ্ঠা সহকারে রাজধর্ম ও বিচারকার্য পরিচালনা করতে লাগলেন।
তাঁর সুশাসন ও নিরপেক্ষ বিচারের ফলে অপরাধ কমতে লাগল। ঝগড়া, বিবাদ, চৌর্যকর্ম, পাপকাজ নিশ্চিহ্ন হতে লাগল বারাণসী থেকে। তারপর একদিন এমন সময় এল যে রাজর্ষির বিচারালয় শূন্য হয়ে গেল! কেউ কোনও অপরাধ করে না, আর তাই কেউ কারো নামে অভিযোগ জানাতে বিচারালয়তেও আসে না।
রাজা ব্রহ্মদত্ত কুমারের একদিন মনে হল ‘আচ্ছা, আমি তো সবার দোষের বিচার করে ত্রুটি সংশোধন করলাম। কিন্তু আমার নিজের কোনও দোষ-ত্রুটি যদি থেকে থাকে তবে তার সংশোধন করা প্রয়োজন। তবেই আমি ভবিষ্যতে সম্যকবুদ্ধ হতে পারব।’
কিন্তু, নিজের দোষ তো অনেক সময় নিজে বোঝা যায় না। তাই তিনি তাঁর পাত্র-মিত্র-সভাসদ ও রাজপ্রাসাদের অন্যদের ডেকে জানতে চাইলেন, ‘বলো, আমার চরিত্রে কী দোষ-ত্রুটি আছে?’
সবাই তাঁর কথা শুনে বলল, ‘রাজন আপনি জিতেন্দ্রিয়, অবিমিশ্র গুণের অধিকারী। আপনার কোনও দোষ নেই। সর্বত্রুটিমুক্ত মানব আপনি।’
তাঁদের কথা শুনে রাজা ব্রহ্মদত্ত কুমার রূপী বোধিসত্ত্বর মনে হল হয়তো বা ভয় পেয়ে প্রাসাদের লোকরা তাঁর মুখের ওপর দোষের কথা বলছে না। তবে নগরবাসীরা নিশ্চয়ই তাঁর দোষ, ত্রুটি তাঁকে জানাবে। এই ভেবে রাজা প্রাসাদ পরিত্যাগ করে নগর পরিভ্রমণে বেরোলেন। কিন্তু সমগ্র বারাণসী নগরীতে তিনি এমন একজন লোক খুঁজে পেলেন না যে তাঁর দোষ বলতে পারে। তা দেখে ব্রহ্মদত্ত কুমার ভাবলেন, তবে নিশ্চয়ই রাজধানীতে না পেলেও তাঁর রাজ্যে এমন কোনও একজনকে পাবেন যে রাজার দোষ চিহ্নিত করবে।—এ ভাবনার বশবর্তী হয়ে বোধিসত্ত্ব একজন মাত্র সারথীকে ছদ্মবেশে নিয়ে রথচক্রে তাঁর রাজত্বে পরিভ্রমণ শুরু করলেন। নানা গ্রাম, নগরী অতিক্রম করে তিনি রাজত্বের প্রান্তসীমানায় উপস্থিত হলেন। কিন্তু শিশু বা বৃদ্ধ, নারী বা পুরুষ, তাঁর রাজ্যে এমন কাউকে খুঁজে পেলেন না যে বোধিসত্ত্বর একটিও দোষ চিহ্ণিত করল। সবাই রাজা ব্রহ্মদত্ত কুমারের চরিত্র আর সুশাসনে মুগ্ধ। সর্বত্র তারা বারাণসীরাজের গুণকীর্তন করছে। অগত্যা তিনি আবার রাজবেশ ধারণ করে রাজধানীতে ফেরার ব্যাপারে মনস্থ করলেন। ঠিক একই সময় একই কারণে কাশী নরেশ মল্লিক নানা রাজ্য ঘুরে তাঁর চরিত্রে দোষ খুঁজে দিতে পারে এমন একজন মানুষকেও খুঁজে না পেয়ে আবার ছদ্মবেশ ছেড়ে কোশলনগরীতে প্রত্যাবর্তন করতে যাচ্ছিলেন। কোশলরাজ মল্লিকও ছিলেন একজন ন্যায় পরায়ণ, প্রজাবৎসল নৃপতি। তিনিও ছিলেন একটি রথে, এবং একজনমাত্র সারথী ছিল। যাত্রা করতে করতে বারাণসীরাজ আর কোশলরাজের দুটো রথই একটা অপরিসর সাঁকোতে দুদিক থেকে উঠে এসে সাঁকোর ঠিক মধ্যবর্তী স্থানে মিলিত হল। সাঁকোটি এমনই অপরিসর যে একটি রথ পিছু হটে সাঁকো থেকে সরলে তবেই অন্য রথটি সামনে এগোবে। কিন্তু কে পিছু হঠবে? বোধিসত্ত্বর সারথী, কোশলরাজের সারথীকে বলল, ‘দুই রাজার মধ্যে যিনি বয়ঃকণিষ্ঠ তিনি অন্যজনকে সম্মান প্রদর্শন করে পিছু হটুন। আপনার রাজার বয়স বলুন?’
রাজর্ষি মল্লিকের সারথী প্রস্তাবে সম্মত হয়ে কোশল রাজের বয়স জানাল। কিন্তু দেখা গেল বারাণসীরাজ ও কোশলরাজ একই দিনে জন্মলাভ করেন, এবং একই মুহূর্তে জন্ম নেন। এক পল সময়ের নিরিখেও কেউ কারো অগ্রজ নন।
অতঃপর সমাধান সূত্র খোঁজার জন্য কোশলরাজের সারথী বলল, ‘রাজনরা যখন সমবয়সি এখানে এঁদের মধ্যে যার রাজ্যের পরিমাণ, সম্পদ, সেনাবাহিনী, কুলমর্যাদা অধিক তিনি এগোবেন আর অপর নৃপতি পিছু হঠবেন। আপনার রাজার এসব বিষয় বিবৃত করুন।’
দুই সত্যবান নৃপতির দুই সত্যবান সারথী ও বিষয়গুলিতে সত্য পরিসংখ্যানই দিলেন। তাতে দেখা গেল সর্বক্ষেত্রেই দুই রাজা সমান ক্ষমতাবান! কেউ এক নিক্তি পরিমাণ কমবেশি নন! তবে, সমস্যা সমাধানের উপায় কী? সমাধান খোঁজার জন্য শেষ চেষ্টা করে ব্রহ্মদত্ত কুমারের সারথী বলল, ‘তবে, দুই রাজনের মধ্যে যাঁর চরিত্রগুণ বেশি, তিনি এগোবেন। অন্যজন পিছু হটবেন। আপনি কোশলরাজ মল্লিকের চরিত্রগুলো বিবৃত করুন।’
প্রস্তাবে সম্মত হয়ে কোশলরাজের সারথী একটি গাঁথার মাধ্যমে রাজা মল্লিকের চরিত্রের গুণকীর্তন করে বললে—
“তিনি,
কঠোরে কঠোর,
কোমলে কোমল।
সাধু সঙ্গে সাধু,
শঠে শাঠ্যং।
—এই হল তাঁর নীতি।”
কোশল সারথীর কথা শুনে বারাণসী সারথী বলল, ‘এ সব যদি তোমার রাজার চরিত্রগুণ হয় তবে দোষ কাকে বলে?’
এ বাক্য শুনে কোশলরাজের সারথী বলল, ‘এ সব যদি দোষ হয়ে থাকে তবে গুণ কাকে বলে? আপনার রাজার গুণ ব্যক্ত করুন—।’
কাশীরাজরূপী বোধিসত্ত্বর সারথীও এবার এক গাথার মাধ্যমে তাঁর রাজনের গুণ বিবৃত করে বললেন—
“তিনি,
ক্রোধীকে শাসন করেন,
অক্রোধের বলে।
অসাধুকে সাধু করেন,
সাধু ব্যবহারে।
মিথ্যাকে দমন করেন,
সত্যর প্রভাবে।
—তাই তিনি সর্বশ্রেষ্ঠ।”
এতক্ষণ দুই রথে বসে দুই নৃপতি তাঁদের সারথীদের বাক্যালাপ শুনছিলেন। কোশলরাজ বিমোহিত হয়ে গেলেন কাশীরাজের চরিত্রগুণ শুনে। তিনি তো এ কথা গুলো ভেবে দেখেননি! কাশীরাজের চরিত্রগুণই তো সর্বশ্রেষ্ঠ! প্রেম, ক্ষমা, সত্যর মাধ্যমেই তো অশুভকে পরাজিত করা সর্বশ্রেষ্ঠ পথ। ব্যাপারটা উপলব্ধি করে কোশলরাজ তাঁর সারথীকে নির্দেশ দিলেন, ‘রথ পিছু হঠাও।’
কিন্তু ঠিক সেই মুহূর্তে বোধিসত্ত্ব, রথ ছেড়ে মাটিতে নেমে পড়লেন। তাই দেখে কোশলরাজ বিস্মিত ভাবে তাকে বললেন, ‘আপনি আপনার রথ ত্যাগ করলেন কেন? আমি তো আমার সারথীকে পিছু হটার নির্দেশ দিলাম।’
বোধিসত্ত্ব মৃদু হেসে বললেন, ‘এ পৃথিবীতে মানুষে মানুষে ছোট বড় কোনও প্রভেদ নেই। আপনাকে নিয়ে যদি আপনার রথ পিছু হটে আর আমি যদি রথে বসে সামনে এগোই তাহলে কারো ধারণা হতে পারে আমি আপনার থেকে শ্রেষ্ঠ নৃপতি। কাজেই আমি ভূমিতে নামলাম। আমার শূন্য রথ এগোক সামনের দিকে।’
বারাণসীরাজের কথা শুনে কোশলরাজ আবারও প্রমাণ পেলেন যে বারাণসীরাজ কত মহৎ। কোশলরাজ মল্লিক তাঁর রথ সমেতই পশ্চাদ্ধাবন করলেন। বারাণসীরাজের শূন্য রথ অতিক্রম করল সাঁকো। কোশলরাজ তাঁর রথ থেকে নেমে তাঁকে আলিঙ্গন করে বললেন, ‘আপনার ধর্ম ভাবনায়, আচরণে মোহিত আমি। অনুগ্রহ করে আপনার আরও ভাবনা সম্পর্কে অবগত করুন আমাকে। যাতে আমি আমার রাজ্যে তা প্রয়োগ করতে পারি এবং নিজের আচরণের ক্ষেত্রেও তা প্রয়োগ করে আমার স্বর্গবাস নিশ্চিত করতে পারি।’
বোধিসত্ত্ব সম্মত হলেন তাঁর প্রস্তাবে। তিনি তাঁকে তাঁর নীতি ভাবনা ব্যক্ত করলেন। তারপর তাঁরা যে যাঁর দেশে ফিরে গেলেন। বারাণসী বা কাশীরাজ ব্রহ্মদত্ত কুমারের নির্দেশিত পথে চলে কোশলরাজ মল্লিক নির্দিষ্ট সময় স্বর্গারোহন করলেন। আর বোধিসত্ত্বও বারাণসীরাজ ব্রহ্মদত্ত জীবন পরিত্যাগ করে আবার নতুন জীব রূপে জন্ম নিলেন।
জাতক কাহিনী সমাপ্ত করে ভিক্ষু জেতবন বললেন, ‘এই কাহিনীর মাধ্যমে বোধিসত্ত্ব বলে গেছেন যে প্রেম, করুণা ও সত্য দিয়ে পৃথিবীর সব কিছু জয় করা যায়, এবং একজন আদর্শ রাজার আচরণ কেমন হওয়া উচিত।’ ভিক্ষু জেতবনের কথা শুনে কলিঙ্গরাজ বললেন, ‘আমি চেষ্টা করব শাস্তার এই ভাবনাতে নিজেকে পরিচালিত করতে।’
মাঘী পূর্ণিমার আর মাত্র কয়েকটা দিন বাকি। কলিঙ্গরাজ গুহসীব এরপর ভিক্ষুর সঙ্গে আলোচনা শুরু করলেন মাঘী পূর্ণিমাতে তাঁর ধর্ম গ্রহণ অনুষ্ঠানের খুঁটিনাটি নিয়ে। ওই দিনই তো দন্তধাতু প্রথম দর্শন করবেন, স্পর্শ করবেন রাজা গুহসীব। কিছু সময়ের জন্য তিনি দন্তধাতুর আধার মস্তকে ধারণ করে রাজপ্রাসাদেও নিয়ে গিয়ে রাখবেন তা তার স্পর্শে প্রাসাদকে পবিত্র করবার জন্য। এ সব নানা বিষয় নিয়ে আলোচনা সাঙ্গ হবার পর রাজা গুহসীব তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাবার জন্য বললেন, ‘আমি ভেবে রেখেছি শাস্তার পদতলে নিজেকে সমর্পণ করার পর এই প্রাচীন মন্দিরের কাঠামো অক্ষুণ্ণ রেখেই এখানে একটি স্বর্ণ মন্দির নির্মাণ করাব। এ বিষয় শ্রমণের বক্তব্য জানতে আগ্রহী।’
ভিক্ষু জেতবন, রাজা গুহসীবের প্রশ্নের জবাবে কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় অপর একজন ভিক্ষু তাঁদের অদূরে এসে দাঁড়ালেন। প্রধান ভিক্ষু জেতবনের সঙ্গে রাজা গুহসীব যখন এ স্থানে বসে বাক্যালাপ করেন তখন সাধারণত অন্য কোনও শ্রমণ বা ভিক্ষু তাঁদের দুজনের বাক্যালাপের বিঘ্ন ঘটাবার জন্য সেখানে উপস্থিত হন না। কাজেই সেই ভিক্ষু সেখানে এসে উপস্থিত হতেই প্রধান ভিক্ষু জেতবন ও রাজা গুহসীব বাক্যালাপ থামিয়ে তাকালেন দণ্ডায়মান ভিক্ষুর দিকে। প্রধান ভিক্ষুর উদ্দেশে তিনি বেশ উত্তেজিত ভাবে বললেন, ‘কুকুসন্ধ বালু ঢিপি কাঁপছে! যে ভিক্ষু প্রদীপ রেখে আসতে গিয়েছিল সে এসে এই মাত্র জানাল!’
তার কথা শুনে প্রধান ভিক্ষু জেতবন বললেন, ‘সে ঢিপি কাঁপছে তা নিশ্চিত?’
‘হ্যাঁ, প্রধান সে এ ব্যাপারে নিশ্চিত। প্রদীপ প্রজ্জ্বলনের পর যেই ভিক্ষু যখন ঢিপিতে লবন নিবেদন শুরু করে তখনই ঢিপি কাঁপতে শুরু করে!’
