শেষ চিহ্ন – ৩

৩

রাত্রির তৃতীয় যামে নিজ কক্ষে ফিরে নিদ্রা গেছিলেন গুহসীব। প্রত্যহ সায়াহ্নে নিদ্রা ভঙ্গ হয় তাঁর। নগরী যখন জেগে থাকে তখন নিদ্রা যান রাজা। সায়াহ্নে নিদ্রা ভঙ্গ হলে আহার রচনা হয় তাঁর। দাসীরা তারপর চন্দন লেপে দেয় তাঁর দেহে। গোলাপ জলে অবগাহন করে, পট্টবস্ত্র পরিধান করে, স্বর্ণলঙ্কারে ভূষিত হয়ে তিনি প্রবেশ করেন নাচ ঘরে। হাজার প্রদীপমালার আলোকে সুন্দরী নর্তকীর নূপুরের কিঙ্কিনি, সঙ্গীত-বাদ্যযন্ত্রের মূর্ছনা আর মদিরা সেবনে রাত ভোর হয়ে আসে রাজার। খুব প্রয়োজন না হলে রাজসভাতেও যান না তিনি। রাজপ্রাসাদের বাইরে তো নয়ই। রাজ্য চালনার কাজ পরিচালনা করেন মন্ত্রী-অমাত্যরা। কাজটা তাঁরা ভালোই করেন। কোনও অশান্তি নেই রাজ্যে, অন্তত রাজা গুহসীবের চোখে পড়ে না। অবশ্য রাজ্যের কতটুকুই বা সংবাদ রাখেন তিনি। শেষ কবে তিনি নগরী পরিক্রমা করেছেন তা তাঁর নিজেরই মনে নেই। নর্তকী-নৃত্য-গীত আর মদিরা—যেটুকু সময় তিনি জেগে থাকেন সে সময়টুকুও এ সব নিয়েই কেটে যায় তাঁর। যদিও তিনি নিগ্রন্ট ভক্ত, কিন্তু এটাই তাঁর জীবন যাত্রা। এ নিয়মের ব্যতিক্রম হয় না।

কিন্তু সেদিন আকম্মিক এ নিয়মের ব্যতিক্রম ঘটল। কী একটা আবছা শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেল কলিঙ্গরাজের। না, এখন ভোর নয়, সূর্যদেব অনেকক্ষণ আগেই উদিত হয়েছেন। নগর জীবনের ব্যস্ততাও শুরু হয়ে গেছে প্রতিদিনের মতো। আবছা শব্দটা যেন ক্রমশ প্রকট হচ্ছে। একটু বিরক্ত হয়েই পালঙ্কে উঠে বসলেন কলিঙ্গরাজ। গবাক্ষগুলো সব বন্ধ। একটি মাত্র সুগন্ধী প্রদীপ জ্বলছে ঘরে। সে আলোতে তাঁর পালঙ্কের পাশে সার বেঁধে দাঁড়িয়ে আছে তাঁর রূপসী পরিচারিকার দল। এ ভাবেই তারা দাঁড়িয়ে থাকে। কেউ ঘুমন্ত রাজার ওপর চামর দোলায়, আবার কেউ বা থাকে দৈবাৎ যদি রাজা ঘুম থেকে উঠে কোনও নির্দেশ দেন তা পালনের জন্য।

নিদ্রা ভঙ্গ হবার পর কয়েকমুহূর্ত শব্দের উৎস বোঝার চেষ্টা করে ইশারায় একজন দাসীকে গবাক্ষ উন্মুক্ত করতে বললেন। নির্দেশ পালন করল দাসী। গবাক্ষ উন্মোচিত হতেই একরাশ আলো ছড়িয়ে পড়ল কক্ষে। কিছুক্ষণের জন্য চোখে ধাঁধা লেগে গেল কলিঙ্গরাজের। কারণ বহু দিন তিনি এমন সকালের আলো দেখেননি। ধাতস্থ হতে বেশ কিছুক্ষণ সময় লাগল মহারাজের। তারপর তিনি তাঁর প্রাসাদের দ্বিতল শয়নকক্ষ থেকে তাকালেন গবাক্ষের বাইরে।

সুউচ্চ রাজপ্রাসাদের এই শয়নকক্ষ থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। নগরীর হর্ম্যরাজি, প্রধান সড়ক দৃশ্যমান হয় গবাক্ষ থেকে। কলিঙ্গরাজ গুহসীব দেখতে পেলেন ভেরি-কাঁসর-ঝাঁঝর শোভিত এক দীর্ঘ মিছিল নগর পরিক্রমা করছে। সেই জনপ্লাবনের মধ্যে রয়েছে এক শিবিকা। স্বর্ণ নির্মিত মঠের ন্যায় সেই শিবিকা ঝলমল করছে রৌদ্রজ্জ্বল সকালে।

কীসের জনপ্লাবন? আজ কী তবে নিগ্রন্টদের কোনও পরব? কিন্তু নিগ্রন্টপতি শম্বুকনাত তো এ ব্যাপারে তাঁকে কিছু অবগত করেননি। সেই জনসমাগম ক্রমশ এগিয়ে আসতে লাগল রাজপ্রাসাদের দিকে। তারা আরও এগিয়ে আসার পর মহারাজের চোখে পড়ল জনসমাগমের ঠিক মধ্যভাগে কিছু লোক বহন করছে শিবিকা-মঠ। সম্ভবত সেটা স্বর্ণ নির্মিত। সূর্যকিরণে মঠটা ঝলমল করছে। কী আছে ওই শিবিকার মধ্যে? কোনও রূপসি কন্যাকে কেউ উপঢৌকন পাঠাল নাকি কলিঙ্গ রাজের সেবার জন্য? এমন উপঢৌকন তো মাঝে মাঝেই ছোট ছোট ভূস্বামীরা পাঠায় তাঁর কাছে। এই সম্ভাবনার কথা মনে আসতেই তিনি কিঞ্চিত উৎফুল্ল হয়ে পালঙ্ক ছেড়ে নীচে নামলেন। একজন দাসীকে তিনি বললেন, ‘তুই মহামন্ত্রীকে ডেকে আন।’-এ কথা বলে তিনি ব্যাপারটা ভালো করে দেখার জন্য গবাক্ষের সামনে গিয়ে দাঁড়ালেন।

কিছুক্ষণের মধ্যেই মহামন্ত্রী ভার্গব প্রবেশ করলেন সেই কক্ষে। সেই মহাসমারোহ তখন রাজপ্রাসাদের একদম কাছে চলে এসেছে। রাজপ্রাসাদকে কেন্দ্র করে যে বৃত্তাকার পথ আছে সেখানে পৌঁছে গেছে মিছিল। শঙ্খনাদ, ঝাঁঝর, চর্মবাদ্যের শব্দে মুখরিত চারপাশ। স্বর্ণ শিবিকা যারা বহন করছে তারা সবাই মুণ্ডিত মস্তক।

কলিঙ্গরাজ তাঁর মহামন্ত্রীকে জিগ্যেস করলেন, ‘কি যাচ্ছে ওই স্বর্ণ শিবিকাতে?’ মহামন্ত্রী বললেন, ‘ওই শিবিকার মধ্যে স্বর্ণ আধারে ভগবান বুদ্ধর দন্তধাতু রক্ষিত আছে। এই পবিত্র ধাতু বহন করে বৎসরান্তে একবার নগর প্রদক্ষিণ করে নগরবাসী। যাতে নগরীর সৌভাগ্য বৃদ্ধি পায় ও শাস্তার উপাসকরা ভবিষ্যলোকে সুখে থাকতে পারে।’

কথাটা শুনে অবাক হয়ে গেলেন কলিঙ্গরাজ। প্রমোদমত্ত মহারাজ কোনও দিনই নগরীর কোনও খবর রাখেননি। তিনি এবার কৌতূহলী হয়ে জানতে চাইলেন, ‘ওই দন্তধাতুর প্রাক কথন কী?’

মহামন্ত্রী ভার্গব বললেন, ‘সাতশত বৎসর পূর্বে ভগবান বুদ্ধের ওই দন্তধাতু তাঁর শিষ্য থের ক্ষেম এখানে এনে তুলে দিয়েছিলেন আপনার পূর্বপুরুষ মহারাজ ব্রহ্মদত্তর হাতে। এই যে আমাদের রাজধানীর নাম “দন্তপুর” তা ওই পবিত্র দন্তধাতু এ নগরীতে রাখা আছে বলেই। মহারাজ ব্রহ্মদত্ত শাস্তার আদর্শ গ্রহণ করেন ও নগরীতে এক স্বর্ণ মন্দির রচনা করে ওই পবিত্র ধাতুদন্ত স্থাপন করেন ও পূণ্য সঞ্চয় করে স্বর্গলোকে গমন করেন। ব্রহ্মদত্তের পর তাঁর পুত্র কাশীরাজ, পৌত্র সুনন্দও ব্রহ্মদত্তর পদাঙ্ক অনুসরণ করেন। তারপর অন্য বহু বসুধাপতিরাও মন্দিরের দন্তধাতুটিকে বন্দনা করে এসেছেন। এ নগরীর যাবতীয় সুখ শান্তির আধার ওই দন্তধাতু।’

কলিঙ্গ রাজ মহামন্ত্রীর কথা শুনে আশ্চর্য হয়ে বললেন, ‘কিন্তু নিগ্রন্টপতি শম্বুকনাত যে বলেন এই নগরীর সমৃদ্ধির মূলে তারাই?’

প্রশ্নটা শুনে মুহূর্তখানেক চুপ করে রইলেন মহামন্ত্রী। মহারাজ গুহসীব নিগ্রন্ট অর্থাৎ জৈনধর্ম গ্রহণ করেছেন। তিনি সে ধর্ম পালন না করলেও নিগ্রন্টপতি শম্বুকনাতের তার ওপর যথেষ্ট প্রভাব। যে কারণে জৈনরা এই দন্তপুর কলিঙ্গরাজ্যে ব্রাহ্মণদের সমপরিমাণ, ক্ষেত্রবিশেষে তাদের চেয়েও বেশি ক্ষমতা ভোগ করে থাকে। কাজেই জৈনপতি শম্বুকনাতের বক্তব্যের সরাসরি বিরোধিতা করা সমীচীন মনে করলেন না বিচক্ষণ মহামন্ত্রী ভার্গব। তিনি শুধু বললেন, ‘ওই ধাতুদন্তর অলৌকিক ক্ষমতা আছে। যে কারণে তাকে সম্মান প্রদর্শন করেছিলেন ব্রহ্মদত্ত, কাশীরাজ, মুনন্দের মতো মহানৃপতিরা।’

দন্তবাহকের সমারোহ প্রাসাদের চারপাশের বৃত্তাকার পথ প্রদক্ষিণ করতে শুরু করেছে। সে দিকে তাকিয়ে কলিঙ্গরাজ বললেন—‘কী অলৌকিকত্ব আছে ওই ধাতুদন্তর? ওরা এখন ধাতুটিকে নিয়ে কোথায় যাবে?’

ভার্গব বললেন, ‘নগর পরিক্রমা শেষ হলে ওরা ধাতুটিকে মন্দিরে নিয়ে গিয়ে পুনঃস্থাপন করবে। সারাদিন পূজা-অর্চনা চলবে। সায়াহ্নে আপনি যদি ওই দন্তমন্দিরে যান তবে এই পবিত্র ধাতুর অলৌকিকত্বের প্রমাণ পাবেন। আমি নিজেও তা প্রত্যক্ষ করেছি।’

সায়াহ্ন? ওই সময় থেকে তো কলিঙ্গরাজের রাত্রি যাপনের ভোগবিলাসের প্রস্তুতি শুরু হয়। কিন্তু নিজের অজান্তেই যেন কলিঙ্গ সম্রাট মহামন্ত্রীর কথা শুনে বলে উঠলেন, ‘ঠিক আছে আমি যাব। সায়াহ্নে আপনি দ্বারপ্রান্তে উপস্থিত থাকবেন, আমাকে সেখানে নিয়ে যাবার জন্য।’

‘যথা আজ্ঞা।’ বলে মহারাজকে বিদায় জানিয়ে কক্ষ ত্যাগ করলেন মহামন্ত্রী ভার্গব। দন্তবাহকদের মিছিলও এক সময় অন্তর্হিত হল দূরে। ক্ষীণ হতে হতে মিলিয়ে গেল শঙ্খধ্বনির শব্দ। গবাক্ষ বন্ধ করে আবার নিদ্রা গেলেন কলিঙ্গরাজ। তাঁর স্বপ্নে অন্যদিন সুন্দরী নারী আসে। যাদের নিয়ে অভিসারে মত্ত থাকেন মহারাজ গুহসীব। কিন্তু এদিন তাঁর স্বপ্নে যেন এক অদ্ভুত জ্যোতির্বলয় দেখতে লাগলেন গুহসীব। অদ্ভুত স্নিগ্ধ এক জ্যোতির্বৃত্ত!

প্রতিদিনের মতো এদিনও সূর্যাস্তের প্রাক্কালে নিদ্রভঙ্গ করে পালঙ্ক ছেড়ে নামলেন মহারাজ। প্রতিদিনের মতো তাঁর দেহে চন্দন লেপে কক্ষ সংলগ্ন স্নানাগারে গোলাপ জলে অবগাহন করালো সুন্দরী দাসীরা। এরপর নতুন পট্টবস্ত্র, স্বর্ণাভূষণ, স্বর্ণপাদুকায় সাজানো হল মহারাজকে।

এতক্ষণে দিনমণি নিভিয়ে দিয়েছে তার সমস্ত আলোটুকু। নাচঘরে জ্বলে উঠেছে হাজার দীপশিখা। সুন্দরী রমণীরা সেখানে মহারাজের জন্য প্রস্তুত হয়ে আছে সুরাপাত্র ও নানা আমোদ উপকরণ সহযোগে। বাদকেরাও ইতিমধ্যে সেখানে উপস্থিত মহারাজকে স্বাগত জানাবার জন্য। সুন্দরী নর্তকীদের কর্ণফুল থেকে নাচ ঘরে ছড়িয়ে পড়ছে হীরকদ্যুতি। মহারাজের রাত্রি যাপনের প্রস্তুতি হিসাবে সব আয়োজনই সম্পন্ন। এক দল সুন্দরী রমণী প্রতিদিন এ সময় কক্ষে প্রবেশ করে মহারাজকে নিয়ে নাচঘরের দরজা পর্যন্ত পৌঁছে দেয়। এদিনও তার অন্যথা হল না। তারা এল। অন্যদিনের মতোই মহারানা তাঁর শয়নকক্ষ ত্যাগ করলেন ঠিকই কিন্তু তিনি তাদের সঙ্গে আলোকজ্জ্বল অলিন্দ পথে নাচ ঘরের দিকে এগোলেন না। কক্ষের বাইরে দাঁড়িয়ে ছিলেন মহামন্ত্রী ভার্গব। মহারাজ তাকে ইশারা করলেন পথ দেখিয়ে নিয়ে যাবার জন্য। এই প্রথম এক অদ্ভুত দৃশ্য প্রত্যক্ষ করল প্রাসাদবাসীরা। মহারাজ নাচ ঘরে গেলেন না!

সামান্য কিছু রক্ষী নিয়ে ভার্গবকে সঙ্গী করে প্রাসাদ ত্যাগ করলেন কলিঙ্গরাজ। বহুদিন পর প্রাসাদ-নাচ ঘরের বদ্ধ পরিবেশ ত্যাগ করে খোলা আকাশের নীচে এসে দাঁড়ালেন কলিঙ্গপতি। আজ মনে হয় পূর্ণিমা। ধীরে ধীরে আকাশে চাঁদ উঠতে শুরু করেছে। নির্মল বাতাসে কনকচাঁপার গন্ধ ভেসে আসছে। একবার জোরে শ্বাস নিলেন ক্ষেত্রপাল। তারপর এগোলেন দন্তমন্দিরের উদ্দেশে।

মন্দিরে এসে উপস্থিত হলেন মহারাজ। নগরের প্রান্তসীমায় চাঁদের আলোতে দাঁড়িয়ে আছে স্বর্ণনির্মিত দন্ত মন্দির। সপার্ষদ সোপানশ্রেণী বেয়ে তিনি উঠে এলেন মন্দিরে। চারপাশে বিরাজ করছে নিস্তব্ধ-শান্তির পরিবেশ। মন্দির চত্বরে উঠে রক্ষা দলকে ইশারায় থেমে যেতে বললেন মহামন্ত্রী। তারপর কলিঙ্গরাজকে নিয়ে ভিক্ষুমণ্ডল পরিবৃত হয়ে এগোলেন মন্দিরের দিকে। পায়ে পায়ে মন্দিরের ভিতরে এগোতেই কীসের যেন একটা অস্পষ্ট শব্দ কানে আসতে লাগল কলিঙ্গরাজের। যেন সমুদ্র গর্জনের মতো শব্দ। কিন্তু সমুদ্র তো এ জায়গা থেকে অনেক দূরে!

এক সময় কলিঙ্গরাজ এসে দাঁড়ালেন সেই কক্ষের সামনে। হ্যাঁ, অবিকল সমুদ্র গর্জনের মতো এক গম্ভীর নাদ ভেসে আসছে সেই কক্ষ থেকে। কক্ষের ভিতর দারুকাঠ নির্মিত, স্বর্ণখচিত সিংহাসনে রয়েছে এক মুখ বন্ধ ক্ষুদ্রাকৃতি আধার-কৌটো।

ঘরে কোনও প্রদীপ জ্বলছে না, কিন্তু সেই পাত্র থেকে বিচ্ছুরিত আলো আলোকিত করে তুলেছে সেই কক্ষকে। না, সেই আলো নাচ ঘরের চোখ ধাঁধানো আলো নয়, অদ্ভুত সুন্দর স্নিগ্ধ এক আলোকবলয় বিচ্ছুরিত হচ্ছে সেই পাত্রকে ঘিরে। আর সমুদ্র গর্জনের মতো শব্দের উৎসও ওই আধার! অবাক হয়ে গেলেন কলিঙ্গধিপ। এই জ্যোতির্বলয়ই স্বপ্নে প্রত্যক্ষ করেছিলেন তিনি! হ্যাঁ, ঠিক এই জ্যোতির্বলয়!

মহামন্ত্রী ভার্গব বললেন, ‘ওই মুখবন্ধ আধারেই রক্ষিত আছে ভগবানের দন্তধাতু! ওই উজ্জ্বল আলোকবৃত্ত ও সমুদ্রনাদ তার অলৌকিকত্ত্বের প্রমাণ। এটা দেখাবার জন্যই আপনাকে এখানে এনেছি।’

বিস্মিত কলিঙ্গপতি নিশ্চুপ ভাবে চেয়ে রইলেন সেই আলোকবৃত্তের দিকে। সে আলো যেন ধীরে ধীরে দূর করে দিতে থাকল কলিঙ্গপতির মনের ভিতর জমে থাকা সব পাপ, সব গ্লানি, সব অন্ধকার। তাঁকে ঘিরে দাঁড়ানো শ্রমণরা তখন মৃদু মন্দ্রস্বরে প্রার্থনা শুরু করেছেন—‘বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সঙ্ঘং শরণং গচ্ছামি…’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *