১৫
আগন্তুককে পাটলিপুত্র নগরী থেকে দীর্ঘ পথ অতিক্রম করে গোদাবরী নদী তীরে এই রাজ্যে এসে পৌঁছোতে হয়েছে। বলা ভালো, পাটলিপুত্র নগরী থেকে বিতাড়িত হবার পর নানা জনপদে আশ্রয়ের সন্ধানে বেশ কয়েক বৎসর কাল ঘুরে কোথাও ঠাঁই না পেয়ে অবশেষে তিনি এসে উপস্থিত হয়েছেন অস্মকের রাজধানীতে।
ষোড়শ মহাজনপদের অন্যতম মহাজনপদ এই অস্মক রাজ্য। নগরীতে যিনি প্রবেশ করলেন, তিনি আর কেউ নন, নিগ্রণ্টপতি শম্বুকনাত। রাতের রাজধানীতে প্রবেশ করে তিনি দেখলেন নগরীর নানা স্থান আলোক মণ্ডিত ঠিকই, কিন্তু সে সব আলোক শিখা যেন অন্ধকারেরই প্রতিনিধি। প্রদীপ শোভিত সে সব স্থান হল বেশ্যা রূপোপজীবী-নটী গৃহ, মদ্য পরিবেশক বিপনী অথবা কড়ির জুয়া বা পণ রেখে পাশা খেলার স্থান। আর সাধারণ নাগরিকদের গৃহগুলো ভগ্নপ্রায় অবস্থায় অন্ধকারে নিমজ্জিত হয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে নগরীর প্রান্তসীমাতে। রাজপথে এই নিশীথে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে দু-ধরনের মানুষ আছে। প্রথম শ্রেণীর মানুষরা হল, লাম্পট্যবিলাসী রাজপুরুষ বা ধনীশ্রেণির। আর দ্বিতীয় শ্রেণী হল, প্রথম শ্রেণির মানুষদের অন্ধকার বিলাসের আয়োজনকে সার্থক রূপ দেবার জন্য নট, রূপোপজীবী, মদ্য পরিবেশক আর কিছু ইতর নারী-পুরুষ।
এ নগরীতে কারো সঙ্গে পরিচয় নেই শম্বুকনাতের। একটা মাথা গোঁজার আশ্রয় প্রয়োজন তার। প্রয়োজন নগরী সম্পর্কে, রাজ্যের প্রধান সম্পর্কে খোঁজখবর সংগ্রহ করা। শম্বুকনাতের সম্বল বলতে পনেরোটি স্বর্ণমুদ্রা। তবে হ্যাঁ, আর একটি গোপন সম্পদ অবশ্য তাঁর কাছে আছে যা বাইরে থেকে দেখে চট করে ধরা যায় না। তা হল, যে দণ্ডর ওপর তার খর্বাকৃতি ঝাঁটার শলাকাগুলি বাঁধা, সেই দণ্ড আসলে স্বর্ণ নির্মিত। কলিঙ্গরাজ গুহসীব যখন জৈনধর্মের আজ্ঞাবাহী ছিলেন, তখন তিনিই জৈন অধিপতিকে এই দণ্ড উপহার দিয়েছিলেন।
রাজপথের এক স্থানে দাঁড়িয়ে শম্বুকনাত ভাবতে লাগলেন, কীভাবে আশ্রয়ের সন্ধান করা যায়? তিনি যেখানে দাঁড়িয়ে ছিলেন, তার কাছেই এক মদ্য গৃহ। তিনি দেখলেন লোকজন সেখানে যাওয়া-আসা করছে। শুঁড়ি গৃহ আর নটী গৃহে সব ধরনের লোকের আনাগোনা থাকে। যদি সেখানে কোনও লোকের কাছ থেকে মাথা গোঁজার ঠাঁইয়ের কোনও খবর সংগ্রহ করা যায় এই উদ্দেশ্য নিয়ে শম্বুকনাত প্রবেশ করলেন সেখানে।
চেনা, অচেনা, নানা ধরনের মানুষই আসে এসব জায়গাতে। তাই শম্বুকনাতকে কেউ সেখানে প্রবেশ করতে বাধা দিল না। সেখানে প্রবেশ করে শম্বুকনাত বুঝতে পারলেন এ স্থান আসলে নিম্নবিত্ত মানুষের মদ্যপানের জায়গা।
ঘরের ছাদ থেকে ঝুলন্ত শিকেতে কাঠ কয়লার আগুন জ্বলছে। আর সেই আলোতে কক্ষের ভিতর ছড়িয়ে-ছিটিয়ে বসে, দাঁড়িয়ে মদ্যপান করছে কিছু লোক। পাথরের তৈরি বেশ কয়েকটা বড় বড় কলসে তণ্ডুল মদ্য রাখা আছে। মাটির ভাঁড়ে তার থেকে মদ্য পরিবেশন করা হচ্ছে। তণ্ডুল মদ্যর উৎকট গন্ধ চারপাশে। অধিক মদ্যপান করে কেউ কেউ মাটিতে গড়াগড়ি দিচ্ছে অথবা বিকট চিৎকার করছে। সব মিলিয়ে একটা নারকীয় পরিবেশ রচিত হয়েছে চারপাশে।
একপাশে দাঁড়িয়ে মদ্যগৃহের দৃশ্য প্রত্যক্ষ করতে লাগলেন শম্বুকনাত। হঠাৎ একজন মাঝ বয়সি ব্যক্তি তার কাছে এসে বলল, ‘তোমার কাছে কয়েকটা তামার মুদ্রা হবে? কালই ফেরত দিয়ে দেব।’
লোকটার পোশাক অতি সাধারণ। ইতিমধ্যেই সে কয়েক ভাণ্ড মদ্যপান করেছে। মুদ্রা শেষ হয়ে যাওয়াতে সে হাত পাততে এসেছে। শম্বুকনাত স্থির দৃষ্টিতে পর্যবেক্ষণ করলেন লোকটাকে। তাকে চুপ করে থাকতে দেখে লোকটা বলল, ‘আমি কথা দিচ্ছি কাল ঋণ শোধ করে দেব। আমি প্রতি সন্ধ্যায় এখানে আসি। কাল রাজার ভ্রাতুষ্পুত্রর শ্মশ্রু মুণ্ডন করতে যাব। পাঁচটি রৌপ্য মুদ্রা পাব সে কাজের জন্য। আমার বেশ কিছু কর্জ হয়ে গেছে এখানে। তাই শুঁড়ি আর মদ্য পরিবেশন করতে চাইছে না।’
লোকটার কথা শুনে শম্বুকনাত বুঝতে পারলেন লোকটি একজন ক্ষৌরকার। আর এদের কাছে নানান ধরনের সংবাদ থাকে। হয়তো এই লোকটা কাজে আসতে পারে।—এ কথা ভেবে নিয়ে শম্বুকনাত তাকে প্রশ্ন করলেন, ‘তোমার নাম কী? কোথায় থাকো তুমি?’
লোকটা জবাব দিল, ‘আমার নাম মূষিক। রাজপ্রাসাদের কাছে ক্ষৌরকার, ভৃত্য সম্প্রদায়ের যে পল্লী আছে সেখানেই বসবাস করি। দাও মুদ্রা দাও। বড় পিপাসা পেয়েছে।’
শম্বুকনাত এবার তাঁর পোশাক থেকে একটা স্বর্ণ মুদ্রা বার করলেন। তা দেখেই লোকটার চোখ যেন লোভে চক্চক্ করে উঠল। সে বলে উঠল, ‘এ যে দেখছি স্বর্ণ মুদ্রা!’
ক্ষৌরকার মূষিকের কথা শুনে শম্বুকনাত বুঝতে পারলেন, সে হয় অত্যন্ত গরিব, অথবা লোভী।
তিনি বললেন, ‘হ্যাঁ, স্বর্ণ মুদ্রা। এটা তোমাকে আমি দিতে পারি। কিন্তু তার বিনিময় তোমাকে একটা কাজ করে দিতে হবে। আমি পাটলিপুত্র নগরীর বাসিন্দা। মহাজনপদ পরিভ্রমণে বেরিয়ে এখানে এসে উপস্থিত হয়েছি। আপাতত আমার মাথা গোঁজার জন্য একটা আশ্রয়ের দরকার। অতি সাধারণ হলেও আপত্তি নেই। পারবে ব্যবস্থা করে দিতে?’
ক্ষৌরকার আরও কিছু প্রাপ্তির আশাতে বলল, ‘আমার গৃহে আমি একলাই থাকি। তুমি চাইলে সামান্য কিছু অর্থের বিনিময়ে আমার গৃহে তোমার থাকা ও আহারের বন্দোবস্ত করে দিতে পারি।’
শম্বুকনাত বললেন, ‘অতি উত্তম প্রস্তাব।’—এ কথা বলে তিনি মূষিকের হাতে স্বর্ণ মুদ্রাটি তুলে দিলেন। মূষিক সেই স্বর্ণ মুদ্রা দিয়ে শুঁড়ির কর্জ মেটাল। আরও বেশ কয়েক ভাঁড় মদ্যপান করল। তারপরও বেশ খানিক পরিমাণ রৌপ্য ও তাম্র মুদ্রা থাকল তার হাতে। মদ্যপান সাঙ্গ করে মূষিক মদ্য গৃহ ত্যাগ করে টলতে টলতে শম্বুকনাতকে নিয়ে রওনা হল নিজ বাটিতে ফেরার জন্য।
পথ চলতে চলতে ক্ষৌরকার মূষিক নেশাগ্রস্থ অবস্থায় অনর্গল কথা বলতে লাগল। শম্বুকনাত তাকে প্রশ্ন করলেন, ‘তোমাদের রাজার নাম কী?’
মূষিক জবাব দিল, ‘নৃপতির নাম ক্ষীরধার।’
‘নৃপতি ক্ষীরধার কেমন লোক?’ জানতে চাইলেন শম্বুকনাত।
ক্ষৌরকার মূষিক নেশার ঘোরে সত্যি কথাই বলল। সে বলল, ‘অতি ভয়ঙ্কর লোক! তাঁর পিতাকে অর্থাৎ অস্মকের পূর্বতন রাজাকে হত্যা করে বর্তমানে নিজেই রাজা হয়ে বসেছেন। ক্ষীরধারের একশত ভ্রাতুষ্পুত্র আছেন। তারা প্রত্যেকেই তাদের পিতৃব্যের মতোই ভোগী, লম্পট, দুশ্চরিত্র। হেন অপকর্ম নেই যে তারা সংগঠিত করে না। অস্মক দেশকে তারা শ্মশানে পরিণত করেছে। চারপাশেই শুধুই ব্যভিচার।’
মূষিকের কথা শুনে মনে মনে শম্বুকনাত খুশিই হলেন। এমন কোনও নীতিহীন নৃপতিকেই তো তিনি খুঁজে বেড়াচ্ছেন তাঁর প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। মূষিকের সঙ্গে তার গৃহে এসে উপস্থিত হলেন শম্বুকনাত। পাথরের তৈরি সেই গৃহের একটাই কক্ষ। দৈন্য-ছাপ ছড়িয়ে আছে তার সর্বত্র।
পরদিন এক সময় ভোরের আলো ফুটল। যে স্থানে এসে শম্বুকনাত উপস্থিত হয়েছেন, সেখানে জীর্ণতার ছাপ স্পষ্ট। গৃহগুলি ভাঙাচোরা, পথ কর্দমাক্ত। কিন্তু সেখান থেকেই চোখ পড়ছে ঝলমলে রাজপ্রাসাদ। মূষিক, শম্বুকনাতকে জানাল যে ওই রাজপ্রাসাদেই ক্ষৌরকার্য করতে যাবে সে। এ কথা শুনে শম্বুকনাত বললেন, ‘তুমি যদি নৃপতি ক্ষীরধারের সঙ্গে একবার সাক্ষাতের ব্যবস্থা করে দিতে পারো, তবে আমি তোমাকে আরও দুটি স্বর্ণ মুদ্রা প্রদান করব। এবং প্রতি রাত্রে তোমার শুঁড়িখানার খরচ বহন করব।’
এ কথা শুনে মূষিক উৎফুল্ল ভাবে বলল, সে চেষ্টা করবে রাজার ভ্রাতুষ্পুত্র কীচকের মাধ্যমে রাজসভাতে শম্বুকনাতের প্রবেশের অনুমতি আদায় করার।
মূষিক রওনা হয়ে গেল তার কর্তব্য সম্পাদনের উদ্দেশে আর শম্বুকনাতও বেরিয়ে পড়লেন পাটলি নগরী পরিদর্শনে। তিনি দেখলেন, মূষিক যা বলেছে, তা মিথ্যা নয়। নগরীর মানুষরা অবর্ণনীয় দুঃখের মধ্যে, চরম লাঞ্ছনার মধ্যে জীবন অতিবাহিত করছে। সেই ভগ্ন নগরীর মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে তিনি হঠাৎই একটা অট্টালিকা দেখতে পেলেন। তার গালার প্রলেপ দেওয়া দারুকাঠের স্তম্ভ দেওয়াল সব কিছু সূর্যের আলোতে ঝলমল করছে। দেখেই বোঝা যাচ্ছে কোনও বিত্তশালী ব্যক্তি সেখানে বসবাস করছেন।
সে গৃহের সামনে কয়েকজন ভৃত্য ঘুরে বেড়াচ্ছিল। তাদের একজনের সঙ্গে বাক্যালাপ করে শম্বুকনাত জানতে পারলেন, সেটা এক জ্যোতিষীর বাসগৃহ। নৃপতি ক্ষীরধার জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস রাখেন। তাই তাঁর আনুকূল্যেই জ্যোতিষীর এই স্বচ্ছলতা। এই নগরীতে নাকি আরও বেশ কিছু জ্যোতিষী আছেন যারা অধিক আনুকূল্য লাভ করে থাকেন রাজা ক্ষীরধারের কাছ থেকে। এ কথা শুনে শম্বুকনাত মনে মনে এক পরিকল্পনা করে নিলেন।
নগরী পরিভ্রমণ করে যখন শম্বুকনাত মূষিকের গৃহে ফিরে এলেন, তখন কার্য সম্পাদন করে মূষিকও ফিরে এসেছে। সে তাঁকে বলল, ‘ক্ষৌরকার্য করার সময় নৃপতির ভ্রাতুষ্পুত্রের সঙ্গে আমার কথা হয়েছে। সে বলেছে তাকে যদি এক কলস উত্তম সোমরস ও একটি কুমারী কন্যা উপঢৌকন দেওয়া হয়, তবে সে রাজসভাতে তোমার প্রবেশের ব্যবস্থা করে দেবে।’
শম্বুকনাত বুঝতে পারলেন এই কীচক নামের ব্যক্তিও অতিশয় লম্পট। নইলে সে নারী ও সোমরস উৎকোচ চাইত না।
তিনি মূষিককে জিগ্যেস করলেন, ‘এক কলস সোমরসের মূল্য কত? নারীর মূল্যই বা কত?’
মূষিক বলল, ‘সোমরস সব থেকে দামি মদ্য। মুক্ত চূর্ণ মিশ্রিত থাকে তার মধ্যে। এক কলস সোমরসের মূল্য সাত স্বর্ণ মুদ্রা।’ আর নারীর জন্য তিন স্বর্ণমুদ্রা।
শম্বুকনাত হিসাব করে দেখলেন, দশটি স্বর্ণ মুদ্রা নারী ও সোমরসের জন্য প্রদান করলে তার হাতে থাকবে মাত্র চারটি স্বর্ণ মুদ্রা। কিন্তু শম্বুকনাতের মানসিক অবস্থা এমনই যে তিনি তাঁর প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নিজের পরনের কাপড়টিও পণ রাখতে রাজি। তাই তিনি এরপর দশটি স্বর্ণমুদ্রা মূষিকের হাতে তুলে দিয়ে বললেন, ‘তুমি নারী ও মদ্য সংগ্রহ করে তা কীচকের কাছে প্রেরণের ব্যবস্থা করো।’
মূষিক পরদিনই সে কাজ সম্পন্ন করে ফেলল।
আরও সাত দিন মূষিকের গৃহেই অবস্থান করলেন। মূষিক প্রতিরাতেই শম্বুকনাতের অর্থ আনুকূল্যে যথেচ্ছ মদ্যপান করল। সাত দিন পর এক রাজকর্মচারী এসে রাজসভায় প্রবেশের জন্য প্রয়োজনীয় পাঞ্জা দিয়ে গেল। রাজদর্শনে যাবার জন্য প্রস্তুত হলেন শম্বুকনাত। তিনি তাঁর ঝাঁটার শলাকাগুলো খুলে ফেললেন। উন্মুক্ত হয়ে গেল সেই স্বর্ণদণ্ড। যা অনেকটা দেখতে রাজদণ্ডর মতোই। সেই দণ্ড হাতে নিয়ে তিনি রওনা হলেন রাজপ্রাসাদের উদ্দেশে।
শম্বুকনাতের হাতে পাঞ্জা ছিল। তা দেখে এবং তার অন্য হাতে ধরা স্বর্ণ দণ্ড দেখে রক্ষীরা তাঁকে বাধা দিল না। একটার পর একটা তোরণ অতিক্রম করে রাজসভার প্রবেশ তোরণে উপস্থিত হলেন তিনি। কিছুক্ষণ অপেক্ষা করার পর তাঁর ডাক এল। একজন দ্বারীর সঙ্গে রাজসভায় প্রবেশ করলেন শম্বুকনাত।
বেশ কিছু রাজসভাতে শম্বুকনাতের প্রবেশের অভিজ্ঞতা আছে। কিন্তু এই রাজসভায় প্রবেশ করে তাঁর মনে হল এমন বিশৃঙ্খল রাজসভা তিনি ইতিপূর্বে কোনওদিন দেখেননি। রাজসভা কোনও ছোট নৃপতির হোক বা সম্রাটের, সর্বত্রই তার একটা গাম্ভীর্য থাকে। কিন্তু সে সবের যেন কোনও বালাই নেই রাজা ক্ষীরধারের সভাতে।
সভার সর্বত্র স্বল্পবসনা নটীরা ঘুরে বেড়াচ্ছে। তাদের সঙ্গে চটুল কলহাস্যে মেতে আছে রাজার নানা বয়সি ভ্রাতুষ্পুত্ররা। মন্ত্রী ইত্যাদি উচ্চপদস্থ রাজকর্মচারীরা কেউ মদ্যপান করছেন, আবার কেউবা ঝিমচ্ছেন। কক্ষের প্রান্ত সীমায় কাষ্ঠ নির্মিত মঞ্চের ওপর সিংহাসনে বসে আছেন অস্মকরাজ ক্ষীরধার। কয়েকজন সুন্দরী দাসী তাঁর চারপাশে। কেউ তারা রাজাকে পাখার বাতাস করছে, কেউবা দাঁড়িয়ে আছে সোমরসের পাত্র বা খাদ্যদ্রব্য নিয়ে। দুজন দাসী আবার তাঁর পায়ের সামনে বসে তাঁর পদসেবা করছে। মঞ্চের ওপর সিংহাসনে বসে রাজা ক্ষীরধার যেন বেশ উপভোগ করছেন রাজসভার লাম্পট্য।
জৈন সন্ন্যাসী শম্বুকনাতকে নিয়ে দাঁড় করানো হল মঞ্চের সামনে। মদিরা আরক্ত চোখে ক্ষীরধার তাকালেন শম্বুকনাতের দিকে। রাজার মুখমণ্ডল দর্শন করে শম্বুকনাত বুঝতে পারলেন ব্যভিচারী রাজার সব চিহ্নই যেন লেগে আছে ক্ষীরধারের মদিরা লাঞ্ছিত মুখমণ্ডলে।
শম্বুকনাত তাঁর সামনে গিয়ে দাঁড়াতেই লাম্পট্য উপভোগে ছেদ পড়ল রাজার। ভ্রূ-কুঞ্চিত করে ঈষৎ বিরক্তভাবে তিনি শম্বুকনাতকে প্রশ্ন করলেন, ‘তুই কে?’
ক্ষীরধারের তুলনায় অনেক প্রবীণ জৈন সন্ন্যাসী। ইতিপূর্বে কোনও রাজার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে প্রথম দর্শনেই এমন ‘তুই’ সম্বোধন শোনেননি শম্বুকনাত। তবে কথায় বলে ‘যস্মিন দেশে যদাচার।’ তাছাড়া মাথা ঠান্ডা রেখে কাজ উদ্ধার করতে হবে শম্বুকনাতকে। তাই মনে মনে তিনি ‘তুই’ সম্বোধনে অপমানিত হলেও ক্ষীরধারকে মাথা ঝুঁকিয়ে প্রণাম জানিয়ে বললেন, ‘আমি একজন রাজ জ্যোতিষী। বিভিন্ন মহাজনপদ পরিভ্রমণে বেরিয়ে অস্মকে এসে উপস্থিত হয়েছি। তাই আপনার দর্শনে এসেছি।’
নৃপতি কথাটা শুনে প্রথমে যেন মৃদু তাচ্ছিল্যের ভঙ্গিতে জানতে চাইলেন, ‘কোন রাজার জ্যোতিষী?’
শম্বুকনা্ত বললেন, ‘জম্বুদ্বীপ অধিপতি সম্রাট পণ্ডুর ভাগ্য বিচার করতাম আমি।’
শম্বুকনাতের এই ঘোরতর মিথ্যা বচন শুনে সোজা হয়ে বসলেন ক্ষীরধার। তারপর সন্দিগ্ধভাবে তার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, ‘কী ভাবে বুঝব তুই সম্রাট পণ্ডুর জ্যোতিষী ছিলি?’
ধূর্ত শম্বুকনাত বিচলিত না হয়ে দৃঢ়ভাবে বললেন, ‘হ্যাঁ, আমি রাজর্ষি পণ্ডুর ভাগ্য গণনা করতাম। তিনি যখন একজন সাধারণ নৃপতি ছিলেন, তখন আমিই তাঁর হস্তরেখা বিচার করে বলেছিলাম, তিনি একদিন সসাগরা পৃথিবীর অধিপতি হবেন। আমার ভবিষ্যৎবাণী মিলে যাবার পর তিনি যখন সম্রাটের সিংহাসনে আরোহণ করেছিলেন, তখন তিনি আমাকে এই স্বর্ণ দণ্ড উপহার দিয়েছিলেন।’ এ কথা বলে তিনি দণ্ডটি মাথার ওপর তুলে ধরলেন। গবাক্ষ দিয়ে আসা সূর্যালোকে ঝলমল করে উঠল সেই স্বর্ণদণ্ড। নৃপতি ক্ষীরধারের ইশারাতে এরপর একজন রক্ষী শম্বুকনাতের হাত থেকে স্বর্ণদণ্ডটি নিয়ে ক্ষীরধারের হাতে দিলেন। ক্ষীরধার দণ্ডটি হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ঘুরিয়ে-ফিরিয়ে তা পরীক্ষা করলেন। নিখাদ সোনার তৈরি দণ্ড! বিস্মিত হলেন ক্ষীরধার। এমন স্বর্ণদণ্ড তো কোনও সাধারণ মানুষ বা জ্যোতিষীর কাছে থাকতে পারে না। তবে কি সত্যি বলছে লোকটা?
শম্বুকনাত এরপর ক্ষীরধারকে বললেন, ‘আমি মহারাজের ভাগ্য গণনা করতে ইচ্ছুক।’ ক্ষীরধার এ কথা শুনে তাঁকে প্রশ্ন করলেন, ‘তার বিনিময় তোমাকে কী প্রদান করতে হবে?’
আসলে এ প্রশ্নের মাধ্যমে ক্ষীরধার বোঝার চেষ্টা করলেন যে তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি আসলে ভাগ্য বিচারের আছিলাতে উপঢৌকন লাভের জন্য এসেছে কিনা?
নৃপতির মনের ভাব পাঠ করতে অসুবিধা হল না ধূর্ত সন্ন্যাসীর। তিনি বললেন, ‘যতক্ষণ না আমার ভবিষ্যৎবাণী ফলে ততক্ষণ আমি আপনার কাছ থেকে এক তণ্ডুলকণাও গ্রহণ করতে অপারগ। যখন আমার ভবিষ্যৎবাণী ফলবে তখন আপনি আমাকে যা উপহার দেবেন, আমি তাই নেব।’
অনেক জ্যোতিষীর কাছে ইতিপূর্বে ভাগ্য গণনা করিয়েছেন ক্ষীরধার। কিন্তু তাদের কারো মুখ থেকে এমন কথা শোনেননি তিনি। ভাগ্যফল বিচার করেই সব জ্যোতিষী বিপুল পরিমাণ পারিতোষিক গ্রহণ করেছে। জৈন সন্ন্যাসীর কথা শুনে তাঁর প্রতি সন্দেহ অনেকটাই দূর হয়ে গেল রাজা ক্ষীরধারের। তিনি বললেন, ‘ঠিক আছে, তুমি আমার ভাগ্য গণনা করে ভবিষ্যবাণী করো। দেখি তুমি কী বলো?’
ক্ষীরধারের অনুমতি নিয়ে এরপর শম্বুকনাত মঞ্চে উঠে পড়লেন। পরিচারিকাদের রাজার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হল। শম্বুকনাত জ্যোতিষীদের মতোই বেশ অনেকক্ষণ ধরে ক্ষীরধারের ললাট, হস্ত পরীক্ষা করলেন। তারপর ধুলো আনিয়ে সেই ধুলোর মধ্যে বেশ কিছুক্ষণ আঁকিবুঁকি করলেন। এ সব কাজ সাঙ্গ করে উঠে দাঁড়িয়ে রাজার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালেন।
রাজা ক্ষীরধার উৎসুকভাবে জিগ্যেস করলেন, ‘গণনা করে কী দেখলে বলো?’
শম্বুকনাত বললেন, ‘আপনার ভাগ্যেও সম্রাট হবার যোগ আছে রাজর্ষি পণ্ডুর মতো।’
এ কথা শুনে ক্ষীরধার বিস্মিতভাবে বলে উঠলেন, ‘কী বলছ তুমি? আমাকে মিথ্যা প্রলুব্ধ করছ না তো? সম্রাট হওয়া কি সামান্য ব্যাপার?’
শম্বুকনাত বললেন, ‘না, মিথ্যা বলছি না। আমার কথা যতদিন না ফলবে ততদিন এই স্বর্ণদণ্ড আপনার কাছে গচ্ছিত রাখবেন। তবে, আপনি যদি সত্যিই সম্রাট হতে চান তবে একটা কাজ করতে হবে আপনাকে। আপনার কোষ্ঠীতে লেখা আছে পত্নী ভাগ্যে সম্রাটের সিংহাসন লাভ করবেন আপনি।’
কথাটা শুনে ক্ষীরধার বললেন, ‘পত্নী ভাগ্যে কী ভাবে? আমার একশত পত্নী আছে।’
শম্বুকনাত বললেন, ‘না, তাদের দিয়ে আপনার সম্রাটের সিংহাসন লাভ হবে না। নির্দিষ্ট গুণ সম্পন্ন কন্যাকেই বিবাহ করতে হবে।’
নতুন বিবাহের কথা শুনেই রাজা ক্ষীরধার উল্লসিত ভাবে বললেন, ‘আমি বিবাহ করতে প্রস্তুত। সে কন্যার কী গুণ থাকতে হবে বলো?’
জৈন সন্ন্যাসী বললেন, ‘শাস্ত্র মতে কয়েকটি বিশেষ গুণ। যা সাধারণ কন্যার মধ্যে বিশেষ পাওয়া যায় না। তবে সে কন্যার খোঁজ আমার কাছে আছে।’
ক্ষীরধার প্রশ্ন করলেন, ‘কোথায় থাকে সেই কন্যা? কী ভাবে তাকে পাওয়া যাবে?’
জৈন সন্ন্যাসী জবাব দিলেন, ‘কলিঙ্গরাজ গুহসীবের কন্যা সে। কলিঙ্গর রাজধানী দন্তপুরের রাজপ্রাসাদে সে থাকে। তাকে হরণ করে আপনাকে বিবাহ করতে হবে। অত্যন্ত সুন্দরী কন্যা। নাম, হেমমালা।’
সমাপতন। নির্জন সরোবর তীরে হেমমালাকে একদা হরণ করতে গিয়ে রাজপুত্র ক্ষীরধার ও তাঁর সঙ্গীরা কেমন প্রহারের সম্মুখীন হয়েছিলেন দন্তকুমারের হাতে, তা জানা ছিল না শম্বুকনাতের। কিন্তু সেই অপমানের কথা উত্তমরূপেই মনে আছে ক্ষীরধারের। তাই রাজকন্যার পরিচয় জেনে তিনি চমকে উঠলেন।
ব্যাপারটা খেয়াল করে শম্বুকনাত বললেন, ‘হরণ করতে হবে শুনে চমকে গেলেন নাকি? তবে আপনার দুশ্চিন্তার কোনও কারণ নেই। রাজা গুহসীব বৌদ্ধধম্ম গ্রহণ করেছেন। সেনা দলের অস্তিত্ব বিলোপ হয়েছে কলিঙ্গ থেকে। দন্তপুর সম্পূর্ণ অরক্ষিত। সামান্য সেনাদল নিয়ে আপনি সহজেই দন্তপুর, কলিঙ্গ দেশ জয় করে হেমমালাকে হরণ করে অস্মকে নিয়ে আসতে পারেন। এর সঙ্গে আরও দুটো কাজ করতে হবে আপনাকে। দন্তনগরীতে এক অতি অপবিত্র অস্থি পূজা করেন কলিঙ্গরাজ। কলিঙ্গরাজ এবং তার পূজিত সেই অস্থি আপনার সম্রাটের সিংহাসনে আরোহণের ক্ষেত্রে দুষ্ট গ্রহ রূপে কাজ করবে। কাজেই রাজকন্যাকে হরণ করার সঙ্গে আপনার ভাগ্যের কণ্টক স্বরূপ রাজা গুহসীবকে হত্যা করে ওই অশুভ অস্থি ধ্বংস করতে হবে। এ সব কার্য সম্পাদন করলেই আপনার সম্রাট হবার পথ নিশ্চিত। কলিঙ্গ জয় করলেই অস্মক, কলিঙ্গ আর মল্ল, এই দুই মহাজনপদ আপনার করতলগত হবে। অন্য মহাজনপদের নৃপতিরাও তখন ধীরে ধীরে আপনার বশ্যতা মেনে নেবে। সম্রাট হবেন আপনি।’ একটানা কথাগুলো বলে থামলেন শম্বুকনাত।
সরোবর তীরে যে ঘটনা ঘটেছিল সে অপমানের জ্বালা দীর্ঘদিন বুকে বহন করে নিয়ে চলেছেন রাজা ক্ষীরধার। ঘটনা যে সময়কার সে সময় তিনি রাজা ছিলেন না। বিরাট সৈন্যদলও ছিল না। সামান্য কয়েকজন সঙ্গীকে নিয়ে তিনি শিকার করতে গিয়েছিলেন কলিঙ্গর প্রান্তদেশে। তাই সেই ধনুর্ধর যুবক অতর্কিতে আক্রমণ করে তাঁকে পরাস্ত করতে সক্ষম হয়েছিল। তবে তিনি এখন রাজা। বিশাল সেনাদল আছে তাঁর, সঙ্গে আছে এক শত ভ্রাতুষ্পুত্র। রক্তপাত, লুঠরাজে যারা তাঁর মতনই আমোদিত হয়। তবে আর চিন্তা কী? রাজকন্যাকে হরণ করে অপমানের প্রতিশোধ নেওয়া যাবে আর তার সঙ্গে সম্রাটও হওয়া যাবে।—এ কথা ভেবে ক্রূর হাসি ফুটে উঠল ক্ষীরধারের মুখে। তিনি শম্বুকনাতকে বললেন, ‘হ্যাঁ, আমি কলিঙ্গ অভিযানে যাব।’
ক্ষীরধারের সিদ্ধান্ত শুনে এবার হাসি ফুটে উঠল শম্বুকনাতের মুখে। নিজের শেষ সম্পদটুকুও তিনি পণ রেখেছেন তাঁর প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। তিনি ক্ষীরধারকে বললেন, ‘তবে আর কলিঙ্গ অভিযানে দেরি করা উচিত হবে না। দন্তপুর যে বর্তমানে অরক্ষিত আর তার রাজকন্যা যে অত্যন্ত সুন্দরী তা অনেক নৃপতিই জানেন। আপনি সেখানে উপস্থিত হবার আগেই হয়তো অন্য কোনও নৃপতি তাকে হরণ করবেন, অথবা গুহসীব কোনও নৃপতির হাতে রাজকন্যাকে সমর্পন করলেন, তখন আপনার সম্রাট হবার সুযোগ হাতছাড়া হয়ে যাবে।’
ক্ষীরধার বললেন, ‘হ্যাঁ, দেরি করা যাবে না। কলিঙ্গ অভিযানের প্রস্তুতি এখনই শুরু করতে হবে।’
রাজা ক্ষীরধার এরপর তাঁর রাজসভা এদিনের মতো সমাপ্ত ঘোষণা করলেন। তারপর তাঁর সেনাপতি, মন্ত্রী ও কয়েকজন ভ্রাতুষ্পুত্রকে ডেকে নিয়ে আলোচনায় বসলেন। এবং সেই আলোচনাতে অন্যতম প্রধান ভূমিকা গ্রহণ করলেন শম্বুকনাত। কলিঙ্গ জয় করে রাজকন্যা হেমমালা ছাড়াও আরও অনেক সুন্দরী নারী ও ধন সম্পদ পাওয়া যাবে শুনে ক্ষীরধারের লোভী, লম্পট সঙ্গীরা প্রচণ্ড উৎসাহ বোধ করল। সেনাপতি বললেন, ‘কিন্তু আমরা দন্তপুর অভিযানে অগ্রসর হচ্ছি এ খবর জানতে পেরে রাজা গুহসীব যদি কন্যা সমেত দন্তপুর ছেড়ে অন্য কোথাও পলায়ন করে তখন কী হবে?’
ধূর্ত সন্ন্যাসী এর সমাধানও করে দিলেন। তিনি বললেন, ‘কলিঙ্গের পুরী ধামে অনেকে তীর্থ করতে যায়। আপনি বলবেন আপনি কলিঙ্গে তীর্থ করতে যাচ্ছেন। তারপর কলিঙ্গে প্রবেশ করে আমরা অতর্কিতে দন্তপুর আক্রমণ করব। আমি আপনাদের পথ দেখিয়ে দন্তপুর নিয়ে যাব। একসময় আমি কিছুকাল দন্তপুরে অতিবাহিত করেছি। সেখানকার সব কিছু আমার চেনা।’
রাজা ক্ষীরধার, তাঁর পার্ষদ ও শম্বুকনাত আলোচনা করে কলিঙ্গ অভিযানের রূপরেখা চূড়ান্ত করে ফেললেন। তবে অভিযানের প্রস্তুতিতে আরও সাতদিন সময় লেগে গেল। তারপর একদিন তীর্থ যাত্রীর বেশে অস্মক থেকে সেনাদল নিয়ে কলিঙ্গর উদ্দেশে যাত্রা শুরু করলেন ক্ষীরধার। তাঁর সঙ্গী হলেন পাঁচজন ভ্রাতুষ্পুত্র এবং অবশ্যই জ্যোতিষীরূপী, প্রতিহিংসা পরায়ন জৈন সন্ন্যাসী শম্বুকনাত। তিনিই যে সমগ্র পরিকল্পনার রচয়িতা ও দন্তপুর অভিযানের প্রদর্শক।
