১০
প্রাসাদ ত্যাগ করে চেদীরাজ চিত্তযান দন্তনগরীর রাজপথে পা রাখলেন রাজা গুহসীবের সঙ্গে মুষ্টিমেয় কয়েকজন দেহরক্ষীকে নিয়ে। তাঁরা এগোলেন দন্তমন্দিরের দিকে। প্রশস্ত রাজপথ। তার দুপাশে উদ্যান, অট্টালিকা, প্রাসাদ সাক্ষ্য দিচ্ছে দন্তনগরীর বৈভবের। সে সব অবলোকন করতে করতে এগোলেন চেদীরাজ চিত্তযান। তবে পথঘাট কেমন যেন জনশূন্য। কলিঙ্গপতি নির্ভীক হতে পারেন, কিন্তু তাঁর প্রজারা হয়তো বিশাল সেনাবাহিনীর আগমনে আতঙ্কিত হয়ে নগরী ত্যাগ করেছেন—এমনটা মনে মনে ভাবলেন রাজা চিত্তযান। দন্তমন্দিরের স্বর্ণশিখর ক্রমশ স্পষ্ট হয়ে উঠতে লাগল চেদীরাজের চোখে। এক সময় মন্দিরের প্রায় কাছাকাছি পৌঁছে গেলেন দুই নৃপতি। দুপাশে প্রাচীন বৃক্ষরাজি অনেকটা প্রাকারের মতো সার বেঁধে দাঁড়িয়ে আছে সেখানে। আর তার মধ্যে দিয়ে পথ গিয়ে মিলেছে দন্তমন্দিরে। নগরী সম্পর্কে নানা প্রশ্ন করতে করতে চেদীরাজ চিত্তযানকে বললেন, ‘সমুদ্রের অবস্থান আপনার প্রাসাদের কাছেই তাই না। কাল সারারাত আমি তার গর্জন শুনেছি ঘুমের মধ্যেও। অতি সুন্দর এক মন্দ্রধ্বনি।’
সমুদ্রের অবস্থান রাজপ্রাসাদ থেকে কিছুটা তফাতে। একমাত্র যখন সমুদ্র প্রচণ্ড উত্তাল হয় তখনই শঙ্খনাদের মতো তার গর্জনধ্বনি শোনা যায়। গত রাতে সমুদ্র শান্ত ছিল। চেদীরাজের সে শব্দ শোনার কথা নয়! তাই তাঁর বক্তব্য শুনে প্রথমেই একটু বিস্মিতবোধ করলেন রাজা গুহসীব। কিন্তু পরক্ষণেই অন্য একটা ভাবনার উদয় হল তাঁর মনে। রোমাঞ্চিত হয়ে মৃদু কেঁপে উঠলেন তিনি। তারপর চেদীরাজ চিত্তযানকে বললেন, ‘হয়তো বা ভগবান বুদ্ধই আপনাকে ডাকছেন তাঁর শেষ চিহ্ন অবলোকনের জন্য।’
‘অর্থাৎ? আপনার বক্তব্য স্পষ্ট করুন কলিঙ্গপতি!’ বললেন চেদীরাজ।
কলিঙ্গপতি কিন্তু তাঁর কথার জবাব না দিয়ে মুহূর্তে প্রচণ্ড এক ধাক্কায় চেদীরাজ চিত্তযানকে ভূপতিত করলেন। বিস্ময়ের সীমা রইল না নৃপতি চিত্তযান ও তাঁর দেহরক্ষীদের। আর এরপরই প্রকাণ্ড বৃক্ষগুলোর আড়াল থেকে কয়েকশত অস্ত্রধারী জনতা এসে ঘিরে ফেলল চেদীরাজ চিত্তযান আর তাঁর অঙ্গরক্ষীদের। তবে কি এতক্ষণ কলিঙ্গরাজের মধুর ব্যবহারের আড়ালে কোনও অভিসন্ধি, খল ভাবনা কাজ করছিল? লাফিয়ে উঠে তলোয়ার কোষ মুক্ত করলেন রাজা চিত্তযান। তাঁর দেহরক্ষীরাও তাদের অস্ত্র উঁচিয়ে ধরল। কিন্তু জনতার সংখ্যা বিপুল। কোনও অবস্থাতেই চেদীরাজ আর তাঁর মুষ্টিমেয় দেহরক্ষীদের পক্ষে তাদের প্রতিহত করা সম্ভব নয়। ভল্ল, কিরিচ, তলোয়ার শোভিত উন্মত্ত জনতা!
তাদের একজন কলিঙ্গরাজের উদ্দেশে বলে উঠল, ‘মহারাজ আপনি নিশ্চিন্ত থাকুন। দন্তমন্দির ধ্বংস হতে দেব না। আমরা এই মুহূর্তে বধ করব চেদীরাজকে।’
তার কথার সঙ্গে সঙ্গেই অস্ত্রধারী কলিঙ্গবাসীরা সমস্বরে হিংস্রভাবে চিৎকার করে উঠল, ‘বধ করব! বধ করব!’
সূর্যালাকে ঝিলিক দিয়ে উঠল তাদের অস্ত্রগুলো! চেদীরাজ দেখলেন মাথায় পালক গোঁজা ব্যাধশ্রেণীর একজন তার ধনুকে শর রচনা করতে চলেছে তাঁকে লক্ষ্য করে! আর কলিঙ্গরাজের সে দৃশ্য চোখ পড়তেই তিনি তাঁর শরীর দিয়ে রাজা চিত্তযানকে আড়াল করে দাঁড়িয়ে জনতার উদ্দেশে বললেন, ‘এখনই অস্ত্র ত্যাগ করো তোমরা।’
রাজা গুহসীবের কথা শুনে অপর একজন নগরবাসী বলে উঠল, ‘আপনার আশঙ্কার কোনও কারণ নেই মহারাজ। গতরাতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। সেনাদল ও নাগরিকরা সংগঠিত হয়েছে। চেদীবাহিনীকে পরাস্ত করতে আমাদের বেগ পেতে হবে না। তাছাড়া চেদীরাজের ছিন্ন মুণ্ড দর্শন করলে চেদী সৈন্যরা দিশাহারা হয়ে পড়বে।’
তার বাক্য শ্রবণ করে কলিঙ্গ নরেশ গুহসীব বললেন, ‘চেদীরাজ আমার অতিথি। অতিথি দেবতা সমান হন। অহিংসা পরিত্যাগ করে ভগবান বুদ্ধের শান্তির পথ অনুসরণ করো তোমরা। অস্ত্র পরিত্যাগ করো।’
কলিঙ্গরাজ এ কথা বলার পরও একজন চিৎকার করে বলেন, ‘আপনি চেদীরাজকে আমাদের হস্তে সমর্পণ করুন। যে পাপ অভিলাষ নিয়ে তিনি দন্তপুরে এসেছেন তাঁর জন্য শাস্তি পেতে হবে তাঁকে। আমরা এখনই বধ করব তাঁকে।’
এ কথা বলে জনতার মধ্যে থেকে দু-পা এগিয়ে এল সে। তার হাতে ধরা একটা সূচাগ্র ত্রিশূল।
আর তা দেখামাত্রই কলিঙ্গরাজ গুহসীব তাঁর দীর্ঘ শরীর দিয়ে চেদীরাজের দেহকে আরও ভালোভাবে আবৃত করে বললেন, ‘চেদীরাজকে যদি হত্যা করতে হয়, তাঁর শরীরে সামান্য আঘাতও করতে হয়, তবে তার পূর্বে আমাকে বধ করতে হবে। তারপর পরম প্রেমময়ের যা ইচ্ছা তাই হবে। ওই ত্রিশূল প্রথমে আমার দেহে নিক্ষেপ না করে চেদীরাজকে স্পর্শ করতে পারবে না তোমরা।’
এ কথা বলার পর তিনি তাঁর দু-হাত বুকের কাছে জড়ো করে বলতে লাগলেন—‘বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সঙ্ঘং শরণং গচ্ছামি।’
কলিঙ্গরাজের ত্রিশরণ মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে কেমন যেন স্তিমিত হয়ে আসতে লাগল হিংস্র জনতার উন্মত্ত কোলাহল। আর এর পরই জনতার মধ্যে থেকে কেউ একজন বিস্মিত কণ্ঠে বলে উঠল, ‘মহারাজের স্কন্ধে ওটা কী?’
সে কথা শুনে উপস্থিত জনতা কলিঙ্গরাজ গুহসীবের স্কন্ধের দিকে তাকিয়ে একদম নিশ্চুপ হয়ে গেল!
ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারলেন না চেদীরাজ চিত্তযান। কারণ তিনি রাজা গুহসীবের পশ্চাতে দাঁড়িয়ে। কলিঙ্গরাজের শরীরের সম্মুখভাগ দৃশ্যমান নয় তাঁর চোখে। তবে তিনি এবার খেয়াল করলেন জনতার অনেকের চোখ দিয়ে জল ঝরতে শুরু করেছে! আর রাজা গুহসীব হাত জোড় করে বলে চলেছেন ‘বুদ্ধং শরণং গচ্ছামি…।’
সেই নিস্তব্ধ জনতার মধ্যে থেকে আত্মপ্রকাশ করল এক ব্যক্তি। জল গড়িয়ে পড়ছে তার দু-চোখ বেয়ে। কলিঙ্গরাজের সামনে সে নতজানু হয়ে বসে কাতর কণ্ঠে বলল, ‘আমি কলিঙ্গবাসী একজন কামার, নাম বিশ্বকর্মা। চেদীরাজ, দন্তমন্দির ধ্বংস করতে যাচ্ছেন শুনে আমি ক্রোধ সম্বরণ করতে পারিনি। যে কিরিচ আপনার স্কন্ধে বিদ্ধ হয়ে আছে তা বৃক্ষের আড়াল থেকে আমিই নিক্ষেপ করেছিলাম চেদীরাজকে হত্যার অভিলাষে। কিন্তু ভুল করে আপনাকে অস্ত্রবিদ্ধ করেছি আমি। আমাকে আপনি রাজ রক্তপাত ঘটাবার জন্য মৃত্যুদণ্ড দিন।’
কলিঙ্গরাজ মন্ত্রোচ্চারণ থামিয়ে সেই কামারের হাত ধরে প্রথমে তাকে দাঁড় করালেন। তারপর দক্ষিণ হস্ত দিয়ে নিজের বামস্কন্ধ থেকে সেই তীক্ষ্ণ ফলা খুলে ফেলে কামারের হাতে দিয়ে বললেন, ‘তোমাকে আমি শাস্তি দেব না। ভগবান বুদ্ধ বলেছেন, ক্ষমাই হল পরম ধর্ম। তাঁর পথ থেকে আমি কখনোই বিচ্যুত হতে পারি না। এই অস্ত্র ধাতু নিয়ে তুমি কামারশালাতে ফিরে গিয়ে প্রদীপ গড়ো। অপরকে প্রেম-ভালোবাসার আলো দেখাও। পরম করুণাময়ের আশীর্বাদ বর্ষিত হোক তোমার ওপর।’
চোখের জল বাঁধ মানছে না কামার বিশ্বকর্মার। কোনওক্রমে সে কলিঙ্গরাজের চরণ স্পর্শ করে প্রণাম জানিয়ে তাঁর নির্দেশ পালনের জন্য পা বাড়াল। আর উপস্থিত জনতাও কলিঙ্গরাজের এই অদ্ভুত প্রেমঘন আচরণ প্রত্যক্ষ করে তাঁকে প্রণাম জানিয়ে নিস্তব্ধভাবে কিছু সময়ের মধ্যেই সে স্থান ত্যাগ করল।
কলিঙ্গরাজ এরপর ফিরে তাকালেন চেদীরাজের দিকে। তাঁর উদ্দেশে তিনি বললেন, ‘আমাকে মার্জনা করবেন আপনাকে ভূপতিত করেছি বলে। নচেৎ কিরিচ আপনার বক্ষ বিদীর্ণ করত! নৃপতির কাছে সাধারণ মানুষ সন্তানসম। যারা এখানে সমবেত হয়েছিল তাদের সকলের আচরণের জন্য আমি আপনার নিকট ক্ষমাপ্রার্থী।’ রক্ত ঝরছে কলিঙ্গরাজের বামস্কন্ধের কণ্ঠাস্থির নিকট থেকে। চেদীরাজ সেই ক্ষতচিহ্নের দিকে তাকিয়ে বিস্মিত হয়ে গেলেন।
চেদীরাজ মনে মনে বললেন—‘এমনও নৃপতি সম্ভব? যে রাজরক্ত প্রবাহিত করল তাকে ইনি ক্ষমা করলেন! সর্বোপরি শত্রুরাজার জীবন রক্ষার জন্য ভয়ঙ্কর কিরিচ নিজের শরীরে নিলেন! হ্যাঁ, আমি শত্রুরাজাই তো বটে, আমি ধ্বংস করতে এসেছি দন্তধাতু, কলিঙ্গর দন্তমন্দির!’
চেদীরাজ চিত্তযান বললেন, ‘আপনার জন্যই আজ আমার জীবন রক্ষা হল! নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনি আমার প্রাণ রক্ষা করলেন। এই নিন, আমার উত্তরীয় দিয়ে আপনার ক্ষতস্থান আবৃত করুন। নিশ্চয়ই ভীষণ বেদনাবোধ হচ্ছে আপনার!’
কলিঙ্গরাজ গুহসীব বললেন, ‘ধন্যবাদ। তবে উত্তরীয়র প্রয়োজন নেই। ভগবান বুদ্ধের আশীর্বাদে আমি কোনও বেদনা অনুভব করছি না। আর আমি সামান্য মানুষ মাত্র। আপনার প্রাণরক্ষা করার আমি কেউ নই। সে ক্ষমতা একমাত্র আছে করুণাময় বুদ্ধের। যা করার তিনিই করেছেন। হয়তো বা তিনি আমারও পরীক্ষা নিচ্ছেন। তিনি দেখতে চাইছেন আমি সত্যিই তাঁর দেখানো পথ-প্রেম, ভালোবাসা, করুণার পথকে অনুসরণ করছি কিনা?’
চেদীরাজ বাকরুদ্ধ হয়ে গেলেন কলিঙ্গপতির কথা শুনে।
কলিঙ্গরাজ বললেন, ‘এবার দন্তমন্দিরে গমন করি, চলুন। ওই শুনুন ভিক্ষুরা আমাদের অভ্যর্থনা জানাবার জন্য মঙ্গল শঙ্খ, ঝাঁঝর ইত্যাদি বাদ্যযন্ত্র বাজাচ্ছে।’
কিছু সময়ের মধ্যেই কলিঙ্গরাজের সঙ্গে প্রাচীন দন্তমন্দিরের সামনে উপস্থিত হলেন রাজা চিত্তযান। সূর্যালোকে ঝলমল করছে দন্তমন্দির। প্রবেশ তোরণের দু-পাশে প্রধান ভিক্ষু জেতবনের নির্দেশ মতো সার বেঁধে দাঁড়িয়ে আছে মুণ্ডিত মস্তক ভিক্ষুকুল। ঝাঁঝরের ঝমঝম শব্দ আর শঙ্খনাদ হচ্ছে। ভাবগম্ভীর অথচ এক শান্তিময় পরিবেশ বিরাজমান চারদিকে। দুই নৃপতি সেখানে উপস্থিত হতেই ভিক্ষু জেতবন একটি পদ্মকুঁড়ি চেদীরাজের হস্তে সমর্পণ করে সাদর অভ্যর্থনা জানালেন তাঁকে। তারপর একজন ভিক্ষু চেদীরাজের স্কন্ধে স্থাপন করলেন বুদ্ধের ধম্ম চিহ্ন আঁকা বস্ত্রখণ্ড। তাঁদের ব্যবহারে কোনও আশঙ্কা প্রকাশ পাচ্ছে না। রাজা চিত্তযান যেন দন্তমন্দির ধ্বংস করতে আসেননি! তিনি এসেছেন বুদ্ধের শেষ চিহ্নকে প্রণাম জানাতে! চেদীরাজ চিত্তযানকে অভ্যর্থনা জানাবার পর ভিক্ষু জেতবন কলিঙ্গরাজকে বললেন, ‘আপনি কলিঙ্গনৃপতি, কলিঙ্গের সকল প্রজার অভিভাবক তাই আমাদেরও অভিভাবক। কলিঙ্গবাসী ও আমাদের সকল ভিক্ষুর পক্ষ থেকে আমাদের অনুরোধ চেদীরাজকে আপনি ওই পবিত্রধাতু দর্শন করান।’
অতঃপর মন্দির প্রধানের কথা শুনে চেদীরাজকে নিয়ে দন্তমন্দিরে প্রবেশ করলেন কলিঙ্গরাজ।
মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করতেই সেই আশ্চর্য মন্দ্রধ্বনি কানে এল চিত্তযানের। তিনি, কলিঙ্গরাজের সঙ্গী হয়ে ধীর পদক্ষেপে মন্দিরের অলিন্দ বেয়ে দন্তধাতুর কক্ষের দিকে যত অগ্রসর হতে থাকলেন ততই সেই সমুদ্র গর্জনের মতো শব্দ প্রবল হতে থাকল! এ শব্দ কোথায় যেন শুনেছেন চেদীনৃপতি চিত্তযান! আর এর পরই তাঁর খেয়াল হল এই শব্দই তো গতরাতে সারা রাত ধরে ঘুমের মধ্যেও তাঁর কর্ণকুহরে প্রবেশ করেছে! কিন্তু তা কীভাবে সম্ভব? অবশেষে কলিঙ্গরাজের সঙ্গে চেদীরাজ এসে দাঁড়ালেন দন্তকক্ষের বন্ধ কপাটের সামনে। হ্যাঁ, অদ্ভুত শব্দটা আসছে কক্ষের অভ্যন্তর থেকেই!
স্বর্ণ অলঙ্কৃত চন্দনকাঠ নির্মিত কক্ষদ্বার উন্মোচন করলেন রাজা গুহসীব। সমুদ্র গর্জনের মতো গম্ভীরনাদ আরও প্রবলভাবে ছড়িয়ে পড়ল চারদিকে। পাদুকা উন্মোচন করে কলিঙ্গরাজের সঙ্গে সেই পবিত্রকক্ষে প্রবেশ করলেন চেদীরাজ চিত্তযান। কক্ষের মাথায় শুভ্র চাঁদোয়া টাঙানো আছে। তা থেকে ঝুলছে সুবর্ণগোলক, নীলকান্ত মণি, মুক্তাহার প্রভৃতি। কক্ষের ঠিক মধ্যস্থানে স্বর্ণখোচিত চন্দন কাঠ নির্মিত সিংহাসনের ওপর রক্ষিত মুখবন্ধ সেই স্বর্ণপাত্র। তা দেখতে অনেকটা ক্ষুদ্র বৌদ্ধ স্তূপের আকৃতির। যার মধ্যে রক্ষিত আছে ভগবান বুদ্ধের শেষ চিহ্ন—পবিত্র দন্তধাতু। চন্দনকাঠের সিংহাসনের উপরিভাগে হীরক অক্ষিবিশিষ্ট গাঢ় নীল বর্ণের দুটি মৎস্য দু-পাশ থেকে দন্তধাতু পাত্রটির ওপর ছত্রের ন্যায় মেলে আছে। ওই গম্ভীর নাদের উৎস যে সিংহাসনে রক্ষিত মুখবন্ধ পাত্রটি থেকে উত্থিত সে সম্পর্কে নিশ্চিত হলেন নৃপতি চিত্তযান। বিস্মিতভাবে তিনি চেয়ে রইলেন সেই পাত্রের দিকে। রাজা গুহসীব প্রথমে সেই পবিত্র দন্তধাতুর উদ্দেশে হাতজোড় করে দাঁড়ালেন। ধীরে ধীরে স্তিমিত হয়ে এল সেই গম্ভীর নাদ। কলিঙ্গপতি তারপর হাঁটুমুড়ে বসলেন সিংহাসনের সামনে। দক্ষিণ হস্ত প্রসারিত করে, বাম হস্ত দিয়ে দক্ষিণ হস্তের কনুই স্পর্শ করে সেই সুবর্ণপাত্রটি উন্মুক্ত করলেন তিনি। তারপর সেই উন্মুক্ত দন্তাধারের দিকে চেয়ে করজোড়ে বলতে লাগলেন—
‘হে বুদ্ধ শ্রেষ্ঠ, একদা বৃক্ষমূলে আশ্চর্যজনক অলৌকিক দৃশ্য প্রদর্শন করে আপনি তীর্থীয়দের বশীভূত করেছিলেন।
একদা সমগ্র মানবজাতি উৎফুল্ল হয়ে যখন ত্রিলোক কালচক্র নির্মাণে ব্যাপৃত ছিল, সেই সময় আপনার শরীরের ঊর্ধ্বাংশ থেকে অলৌকিক বারি ও অগ্নি নির্গত হয়েছিল।
বিশ্বকর্মা নির্মিত মণিসোপানে অধিষ্ঠিত হয়ে আপনি ‘লোক বিবরণ’ নামের অলৌকিক ঘটনা জনসমক্ষে প্রদশর্ন করে মানব জাতিকে মোহিত করেছিলেন।
সঙ্কস নগরীতে অমৃতপায়ীদের আপনি অভিধর্ম শিক্ষা প্রদানকালে অলৌকিক দৃশ্য দর্শন করিয়েছিলেন। ব্রহ্মা-দেবাসুররা চামরী, শঙ্খ, কমল দিয়ে আপনার পূজা করেছিলেন।
বোধিজন্মেও আপনার অলৌকিক শক্তি ছিল। আজও তা আছে। হে জ্ঞানী, হে করুণাময়, আপনার সেবকের অনুরোধ রক্ষা করুন। আপনার পবিত্র অলৌকিক দৃশ্য মানবজাতিকে প্রত্যক্ষ করান।’
কলিঙ্গরাজ একথা বলার পরই চেদীরাজ চিত্তযানের চোখের সামনে ধীরে ধীরে উজ্জ্বল অথচ স্নিগ্ধ এক আলোক প্রভা উত্থিত হতে থাকল সেই পাত্র থেকে। তারপর সেই দন্তধাতু আত্মপ্রকাশ করল। শূন্যে ভাসমান সেই দন্তধাতু থেকে বিচ্ছুরিত হচ্ছে মনমুগ্ধকর শুভ্র আলোক ছটা! পদ্মের সৌরভে পরিপূর্ণ হয়ে উঠছে কক্ষের বাতাস। জীবনের সব গ্লানি, সব ভাবনা, সব চিন্তা যেন মুছে যেতে লাগল চেদীরাজের মন থেকে! এক নির্মল শান্তিতে, আনন্দে যেন পরিপূর্ণ হয়ে উঠতে লাগল চিত্তযানের হৃদয়। এত শান্তি যেন আগে কোনওদিন বোধ হয়নি তাঁর। সেই অলৌকিক শূন্যে ভাসমান পবিত্র ধাতুদন্তর দিকে চেয়ে তাঁর মনে হল জন্ম-জন্মান্তর ধরে এই অলৌকিক দৃশ্য অবলোকন করার প্রতীক্ষাতেই যেন ছিলেন তিনি। এ জন্মে তাঁর জীবন সার্থক হল!
নিজের অজান্তেই কখন হাঁটুমুড়ে কলিঙ্গরাজের পাশে উপবেশন করেছেন চেদীরাজ চিত্তযান। মাথা থেকে রাজমুকুট খুলে ভূমিতে নামিয়ে রেখে সব অহং ত্যাগ করে শূন্যে ভাসমান সেই দন্তধাতুর উদ্দেশে তাঁর হাত দুটো বুকের কাছে জড়ো করলেন তিনি। কলিঙ্গরাজ গুহসীব তখন বলতে শুরু করেছেন—‘বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সঙ্ঘং শরণং গচ্ছামি।’
চিত্তযান গলা মেলালেন তাঁর সঙ্গে। দুই নৃপতির কণ্ঠস্বর সেই কক্ষ থেকে ছড়িয়ে পড়তে লাগল সারা মন্দিরে। উপস্থিত ভিক্ষুরাও কণ্ঠ মেলাল তাঁদের সঙ্গে।
কলিঙ্গরাজ হেসে বললেন, ‘তা নয় করলাম। কিন্তু রাজর্ষি পণ্ডুর নির্দেশ পালনের ব্যাপারে কী হবে?’
চেদীরাজ চিত্তযান বললেন, ‘এ কথা ঠিকই আমার বৌদ্ধধম্ম গ্রহণ ও পবিত্র দন্তধাতু ধ্বংস না করার সংবাদ শুনে প্রচণ্ড ক্ষুব্ধ হবেন জম্বুদ্বীপ অধিপতি। তিনি দন্তমন্দির ধ্বংস করার জন্য তার নিজস্ব সেনাদল প্রেরণ করবেন। হয়তো বা আমাকে, আপনাকে বধ করার নির্দেশও দেবেন।’
কলিঙ্গপতি বললেন, ‘আমার মৃত্যুর জন্য আমি ভাবিত নই। কিন্তু রাজর্ষির সেনারা এসে যদি কলিঙ্গর সাধারণ নাগরিকদের পীড়ন করে, হত্যা করে তবে তা বড় বেদনাদায়ক হবে।’
রাজা গুহসীবের কথা শোনার পর একটু ভেবে নিয়ে রাজা চিত্তযান বললেন, ‘আমার প্রস্তাব, আমার ধর্মগ্রহণ কার্য দ্রুত সম্পন্ন করার পর এই পবিত্র দন্তধাতু নিয়ে আমরা দুজন পাটলিপুত্র অভিমুখে রওনা হব। তাতে রাজর্ষি পণ্ডুর রোষানল থেকে রক্ষা পাবে দন্তনগরী, নিরীহ মানুষের জীবন রক্ষা হবে তাতে। রাজর্ষি পণ্ডু জম্বুদ্বীপের অধীশ্বর হতে পারেন ঠিকই, কিন্তু এই অলৌকিক দন্তধাতুর চেয়ে অধিক ক্ষমতাবান তিনি নন। তিনি রাজর্ষি হতে পারেন, কিন্তু দেবতা নন, আমরা দুজন বুদ্ধের শেষ চিহ্ন নিয়ে পাটলিপুত্র নগরীতে পদার্পণ করার পর ভগবান বুদ্ধের যা ইচ্ছা তাই হবে। আমার ধারণা ভগবানের শেষ চিহ্ন সেখানেও তাঁর অলৌকিকত্ব প্রদর্শন করে রাজর্ষি পণ্ডু সহ সবাইকে মোহিত করবেন।’
কলিঙ্গরাজ বললেন, ‘আমি আপনার প্রস্তাবে সম্মত। আপনার ধর্মগ্রহণ উৎসব সাঙ্গ হলে এই দন্তধাতু নিয়ে আমরা যাত্রা করব রাজর্ষি পণ্ডুর রাজধানী পাটলিপুত্র নগরীতে।’
চেদীরাজ চিত্তযানের দন্তধাতু মন্দির ধ্বংসের পরিবর্তে তার বৌদ্ধধম্ম গ্রহণের সিদ্ধান্তের কথা ছড়িয়ে পড়ল নগরীর সর্বত্র। তিনি দন্তধাতুর অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করেছেন শুনে চেদীবাহিনীর অনেকেই চেদীরাজের মতোই বৌদ্ধধম্ম গ্রহণের সিদ্ধান্ত নিলেন। দন্তমন্দির আর দন্তনগরীতে চেদীরাজ চিত্তযানের ধম্মগ্রহণ উপলক্ষে দ্বিতীয়বারের জন্য শুরু হল উৎসবের প্রস্তুতি।
নিগ্রণ্টপতি শম্বুকনাতের কাছেও এ সংবাদ পৌঁছতে বিলম্ব হল না। নগরীতেই অধিষ্ঠান করছিলেন তিনি। অনেক আশা নিয়ে শম্বুকনাত চেদীরাজকে পথ দেখিয়ে দন্তনগরীতে এনেছিলেন নিজের অপমানের প্রতিশোধ গ্রহণের জন্য। কিন্তু চেদীরাজ দন্তমন্দির, সেই অপবিত্র মৃত অস্থি ধ্বংস তো করলেনই না উপরন্তু নিজে অনুচর সমেত বৌদ্ধধম্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন! এ ব্যাপারটা প্রায় উন্মাদ করে তুলল আক্রোশ পরায়ণ নিগ্রণ্টপতিকে।
একদিন যখন নগরীতে তাঁর আবাসস্থানের পাশে নগরবাসীরা চেদীরাজের ধম্মগ্রহণ উৎসব উপলক্ষে অলঙ্কৃত কাষ্ঠতোরণ স্থাপন করছিল তখন সে দৃশ্য আর সহ্য করতে না পেরে তিনি সঙ্গীদের নিয়ে রাজপথে নেমে অভিসম্পাত দিতে শুরু করলেন কলিঙ্গরাজ আর চেদীরাজের উদ্দেশে! নিগ্রণ্টপতি যে চেদীরাজকে মন্দির ধ্বংস করার জন্য দন্তনগরীতে এনেছিলেন সে সম্পর্কে এতদিনে অবগত হয়ে গেছে নগরবাসী।
দুই নৃপতির উদ্দেশে নিগ্রণ্টপতি শম্বুকনাতকে প্রকাশ্যে অভিসম্পাত ও গালি বর্ষণ করতে দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠলেন নগরবাসী। তারা পাদুকা, কাষ্ঠ খণ্ড নিক্ষেপ করতে করতে পশ্চাদ্ধাবন করল শম্বুকনাতের। পলায়মান শম্বুকনাত কোনওরকমে প্রাণরক্ষা করে গিয়ে উপস্থিত হলেন ব্রাহ্মণ কুলপতি স্বয়ম্ভূচার্যর কাছে। তিনি তাঁকে বললেন, ‘এখন কী পথ নির্ধারণ করা যায়?’
স্বয়ম্ভূচার্য বললেন, ‘বর্তমানে যা অবস্থা তাতে আমার দিক থেকে আপনাকে প্রকাশ্যে কোনওরূপ সাহায্য করা অসম্ভব। শিষ্য অবলোকেশ্বরও আপনার সঙ্গী হতে অপারগ। কলিঙ্গরাজ গুহসীবের সমর্থনে আজ সবাই সমবেত। এমনকী সাধারণ ব্রাহ্মণরাও কলিঙ্গরাজকে সমর্থন করছেন। আপনি নিজেই তো সব দেখতে পাচ্ছেন, নিজের অবস্থাও বুঝছেন। ওরা আমার ওপরেও বেশ ক্ষুব্ধ হয়ে আছে। এমতাবস্থায় আপনাকে আমি কোনও রূপ সাহায্য করছি সে সংবাদ যদি নগরবাসীর কানে যায় তবে আমার ওপরও পাদুকা নিক্ষেপের সম্ভাবনা আছে। আপনার পক্ষে দন্তনগরী আর নিরাপদ নয়। আপনি আবার পাটলিপুত্র নগরীতে গিয়ে রাজর্ষি পণ্ডুকে ঘটনা প্রবাহ বিবৃত করার চেষ্টা করুন। তিনি যদি এ বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করার হয় করবেন।’
ব্রাহ্মণপতি স্বয়ম্ভূচার্যর থেকে সাহায্যদানে অপারগতার কথা শোনার পর আর উপায়ন্তর না দেখে, সামান্য কয়েকজন নিগ্রণ্টকে সঙ্গে নিয়ে কলিঙ্গরাজের প্রতি, প্রতিহিংসা নেবার জন্য একটা শেষ চেষ্টা করতে কলিঙ্গ ত্যাগ করে আবার রওনা হলেন পাটলিপুত্র নগরীর উদ্দেশে।
দেখতে দেখতে চেদীরাজেরও ধম্মগ্রহণের দিন এসে গেল। চিত্তযান ও তাঁর সঙ্গীদের দন্তমন্দিরে ভগবানের শেষ চিহ্নকে সাক্ষী রেখে ত্রিশরণ মন্ত্রে দীক্ষিত করলেন প্রধান ভিক্ষু জেতবন। জম্বুদ্বীপের রাজ্যগুলির মধ্যে উজ্জয়িনীর রাজা পূর্ব থেকেই বৌদ্ধধর্মাবলম্বী ছিলেন। কলিঙ্গ রাজের পর চেদীরাজও বৌদ্ধধম্ম গ্রহণ করাতে বহুশত বৎসর পর জম্বুদ্বীপের তিনটি রাজ্য উজ্জয়িনী, কলিঙ্গ, চেদীর রাজধর্ম হল বৌদ্ধধম্ম। বুদ্ধর শেষ চিহ্ন বহু শতাব্দীর পর জম্বুদ্বীপে বৌদ্ধধম্মর অঙ্কুর যেন মহাকালের গর্ভ থেকে আত্মপ্রকাশ করল। সাত দিবস ধরে আনন্দ উৎসব চলল নগরব্যাপী। এরপর পবিত্র দন্তধাতুটিকে নিয়ে কলিঙ্গ ত্যাগ করে পাটলিপুত্র নগরীতে যাত্রার প্রস্তুতি শুরু করলেন। দন্তমন্দিরে প্রধান ভিক্ষু জেতবন তাঁদের জানালেন, পাটলিপুত্র নগরীতে ‘সুভদ্দ’ নামের পরম বুদ্ধ ভক্ত আছেন। প্রয়োজনে তিনি হয়তো বা কোনও সাহায্য করতে পারেন দুই বৌদ্ধ নৃপতিকে।
যাত্রা শুরুর ঠিক আগের দিন কলিঙ্গরাজ দূতের মাধ্যমে জানতে পারলেন উজ্জয়িনীর রাজকুমার বুদ্ধ ভক্ত, ভগবানের শেষ চিহ্ন দর্শনের জন্য উজ্জয়িনী থেকে কলিঙ্গর উদ্দেশে যাত্রা শুরু করেছেন। কিন্তু এখন আর কলিঙ্গরাজের পাটলিপুত্র অভিমুখে যাত্রা স্থগিত রাখার উপায় নেই। মহামন্ত্রী ভার্গবকে তিনি নির্দেশ দিয়ে গেলেন যে উজ্জয়িনী কুমার এলে তাঁর আতিথিয়তার যেন ত্রুটি না হয়। যতদিন খুশি রাজপ্রাসাদে অথবা কলিঙ্গতে তাঁর ইচ্ছামতো স্থানে অবস্থান করতে পারেন উজ্জয়িনীর রাজকুমার।
পরদিন প্রত্যুষে দন্তমন্দিরে গিয়ে উপস্থিত হলেন কলিঙ্গরাজ গুহসীব। দন্তধাতুর পাত্রটি মস্তকে ধারণ করে পথে নামলেন তিনি। ভিক্ষু আর নগরবাসীরা তাঁকে অনুসরণ করে এল কলিঙ্গসীমান্ত পর্যন্ত। অশ্রুসজল চোখে তারা বিদায় জানাল তাদের প্রিয় নৃপতি আর ভগবান বুদ্ধর শেষ চিহ্নকে। আটশত বৎসর পর ভগবান বুদ্ধর পবিত্রধাতু কলিঙ্গত্যাগ করে নতুন পথ পরিক্রমায় অবতীর্ণ হল। আর সেই সুদূর পথ পরিক্রমণে কলিঙ্গরাজের সঙ্গী, পথপ্রদর্শক হলেন চেদীরাজ চিত্তযান।
