১৮
দন্তকুমারের তিরে নিহত হলেন পাষণ্ড নৃপতি ক্ষীরধার। তথাগতর শেষ চিহ্ন ও দন্তপুর রক্ষা পেল এ সময়ের জন্য। কিন্তু দন্তধাতুর আচরণে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। যে মন্ত্রধ্বনি নির্গত হত দন্তধাতু থেকে, সেই রাত থেকে তা থেমে গেল। অথচ ধাতুটিকে জেতবনসহ অন্য ভিক্ষুরা যেমন নিষ্ঠা ভরে পূজা করতেন, তেমনই পূজা করে চললেন। কিন্তু, যে ধ্বনি এতদিন দন্তপুরবাসীকে ধাতুদন্তের ঐশ্বরিক শক্তি সম্পর্কে বিশ্বাস জাগিয়ে এসেছে। নিরাপত্তার আশ্বাস দিয়েছে, সেই শব্দ স্তব্ধ হয়েই রইল। খোলের মধ্যে যেমন শঙ্খজীব নিশ্চুপভাবে অবস্থান করে তেমনই গর্ভগৃহর অভ্যন্তরে স্বর্ণ আধারে নিশ্চুপ হয়ে রইল সেই পবিত্র ধাতু। দিন যত এগোতে লাগল তত অশুভ আশঙ্কার কালো মেঘ যেন জমা হতে শুরু করল দন্তপুরের ভাগ্যাকাশে।
জম্বুদ্বীপ অধিপতি সম্রাট পণ্ডু আর জীবিত নেই যে তিনি রক্ষা করবেন ভগবানের শেষ চিহ্ন আর কলিঙ্গনগরীকে। তাঁর সাম্রাজ্য এখন খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে স্বাধীন নৃপতিদের দখলে। দন্তকুমারের নিজের দেশও কিছুদিন আগে বৌদ্ধধম্ম ত্যাগ করে সনাতনধর্মকেই রাজধর্ম রূপে ঘোষণা করেছে। কলিঙ্গর আশেপাশে সব রাজ্য-মহাজনপদগুলোই বর্তমানে সনাতনধর্মাবলম্বী। তবুও কলিঙ্গরাজ প্রধান ভিক্ষু জেতবন ও জামাতা দন্তকুমারের সঙ্গে আলোচনা করে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে দূত পাঠালেন, যদি দন্তপুর শত্রুর দ্বারা আক্রান্ত হয় তবে যাতে অন্য রাজারা কলিঙ্গকে সামরিক সাহায্য প্রদান করেন সেই অভিলাষে। দন্তকুমারও তাঁর দুই সঙ্গীকে নিয়ে চেষ্টা করে যেতে লাগলেন কলিঙ্গর যুবকদের একত্রিত করে সেনাদল গড়ে তোলার জন্য।
প্রতি বিকালে কলিঙ্গরাজ গুহসীব এসে উপস্থিত হন দন্তমন্দিরে। দন্তধাতুর উদ্দেশে সন্ধ্যারতি সাঙ্গ হলে তিনি প্রধান ভিক্ষু জেতবনের কাছে ধর্মালোচনা শোনেন, তারপর রাত্রিকালে প্রাসাদে ফিরে আসেন। কিন্তু ঘুম আসে না কলিঙ্গরাজের। প্রতিরাতেই তার মনে হয়, পরদিনই হয়তো দূত বহন করে আনবে কোনও দুঃসংবাদ। নিজের জীবন নিয়ে বা সিংহাসন রক্ষার জন্য চিন্তিত নন কলিঙ্গ নরেশ, তিনি শুধু চিন্তিত তাঁর নিরীহ প্রজাদের জন্য, পবিত্র ধাতুদন্তর জন্য। সত্যিই যদি কোনও শক্তিশালী শত্রুর দ্বারা দন্তপুর আক্রান্ত হয় তবে কি রক্ষা পাবে তারা?
ইতিমধ্যে এক গুপ্তচর খবর এনেছে, ক্ষীরধারের মৃত্যুর পর সে দেশের সিংহাসনে বসেছেন ক্ষীরধারের ভ্রাতুষ্পুত্র কীচক নামের একজন। কীচক একইসঙ্গে মল্ল রাজার ভাগিনেয়। সেও নাকি তাঁর পিতৃব্যর মতোই অতিশয় শঠ ব্যক্তি। নতুন রাজার পরামর্শদাতা নাকি এক জ্যোতিষী! তার চেহারার যে বিবরণ কলিঙ্গরাজ চরের মুখ থেকে শুনেছেন তাতে সেই রাজ জ্যোতিষী যে জৈন সন্ন্যাসী শম্বুকনাত তা বুঝতে অসুবিধা হয়নি গুহসীবের। শম্বুকনাতের প্রতিহিংসা কি এত দ্রুত শেষ হবে? কীচক কি তার পিতৃব্য হত্যার প্রতিশোধ নিতে কলিঙ্গ আক্রমণ করবে না? এ সব কথা ভেবে ঘুম আসে না কলিঙ্গনরেশের।
সেদিন বিকালে সূর্যদেব যখন আকাশ পরিক্রমা সেরে সমুদ্রে অবগাহন শুরু করলেন তখন প্রতি বিকালের মতো কলিঙ্গনরেশ দন্তমন্দিরে গিয়ে হাজির হলেন। গর্ভগৃহে মৌন দন্তধাতুকে সন্ধ্যারতি করলেন ভিক্ষুরা। সন্ধ্যাপূজা শেষ হলে সংলগ্ন এক কক্ষে কলিঙ্গনরেশ ও অন্য ভিক্ষুদের সামনে তথাগত ধম্ম দর্শন বিবৃত করতে বসলেন দন্তমন্দিরের প্রধান ভিক্ষু জেতবন। বৌদ্ধধম্মের লক্ষ হল তৃষ্ণা বা আসক্তি ও অবিদ্যার ফলে উদ্ভূত দুঃখর নিরসন ঘটানো। সেজন্য পারমিতা চর্চা করার কথাই তিনি এদিন শ্রোতাদের বললেন। জেতবনের ধর্মালোচনা যখন শেষ হল তখন অনেক আগেই বাইরে অন্ধকার নেমে গেছে। আলোচনা শেষে অন্য ভিক্ষুরা সব একে একে কক্ষ ত্যাগ করলেন, সেখানে বসে রইলেন শুধু মহাভিক্ষু জেতবন ও কলিঙ্গনরেশ। প্রদীপ স্তম্ভে একটা তাম্রপ্রদীপ জ্বলছে। তার আলো এসে পড়েছে কলিঙ্গ নরেশের মুখমণ্ডলে। জেতবন দেখলেন সে মুখমণ্ডলে প্রকট হয়ে উঠেছে দুশ্চিন্তার ছাপ!
তা দেখে জেতবন বললেন, ‘মহারাজ আপনাকে আজ বড় চিন্তাক্লিষ্ট মনে হচ্ছে?’
রাজা গুহসীব বললেন, ‘হ্যাঁ, আজ আপনার ধম্ম আলোচনাও যেন আমার কর্ণকুহরে তেমনভাবে প্রবেশ করল না।’
ভিক্ষু বললেন, ‘আমাকে প্রশ্ন করার জন্য মার্জনা করবেন। কিন্তু আপনার মনোসংযোগ বিচ্ছিন্ন হবার কারণ কি ব্যক্ত করা যায়?’
কলিঙ্গনরেশ বললেন, কিরাত রাজ্য আর প্রাগজ্যোতিষপুরে যে দূতেদের পাঠানো হয়েছিল তারা আজ ফিরে এসে জানিয়েছে সেখানকার নৃপতিরা কলিঙ্গকে কোনওরূপ সাহায্য করতে পারবে না। কারণ তারা কোনও যুদ্ধে জড়াতে চান না। অন্য নৃপতিরাও সম্ভবত একই সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমার ধারণা।’
এ কথা বলে একটু থেমে বৃদ্ধ রাজা গুহসীব একটু বিহ্বল ভাবে বললেন, ‘সত্যি কি আমরা রক্ষা করতে পারব না ভগবানের শেষ চিহ্নকে? এই দন্তপুর, তার অধিবাসিবৃন্দ তারা কি রক্ষা পাবে না? সত্যিই কি কোনও ভয়ঙ্কর দুর্যোগ সূচিত হতে চলেছে কলিঙ্গর বুকে?’
কলিঙ্গনরেশের কথা শুনে নিশ্চুপ হয়ে রইলেন দন্তমন্দিরের প্রধান ভিক্ষু জেতবন।
কলিঙ্গরাজ এর পর বেশ উত্তেজিত স্বরে বললেন, ‘কেন নিস্তব্ধ হয়ে গেল ভগবানের পবিত্র দন্তধাতু? এ সব প্রশ্নের উত্তর কি কারো কাছে নেই?
ভিক্ষু জেতবন এবার বললেন, ‘হয়তো একজনের কাছে এ সব প্রশ্নের জবাব আছে, তিনি মহাজ্ঞানী, ভবিষ্যদ্রষ্টা প্রাচীন ভিক্ষু সেই কুকুসন্ধ। ইতিপূর্বে যাঁর সঙ্গে আপনি একবার সাক্ষাৎ করেছিলেন।’
ভিক্ষু কুকুসন্ধর কথা শুনে কলিঙ্গপতি বললেন, ‘হ্যাঁ, হ্যাঁ, জীবন্ত বুদ্ধ-সঙ্গী নিশ্চয়ই এসব প্রশ্নের উত্তর জানেন। আমি এই উৎকণ্ঠা, উদ্বেগ আর সহ্য করতে পারছি না। চলুন, আমরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করি?’
জেতবন বললেন, ‘হ্যাঁ, তাঁর সঙ্গে সাক্ষাৎ করা প্রয়োজন।’
কলিঙ্গরাজ গুহসীব আর প্রাসাদে ফিরলেন না। তিনি আর জেতবন অপেক্ষা করতে লাগলেন রাত্রি গভীর হবার জন্য।
এক সময় দন্তনগরী ঘুমিয়ে পড়ল। নিস্তব্ধ হয়ে গেল চারদিক। সেই মধ্যরাতে দন্তমন্দির ত্যাগ করে কলিঙ্গরাজ গুহসীব আর ভিক্ষু জেতবন পথে নামলেন সেই মহাজ্ঞানীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে। আকাশে এক ফালি ম্রিয়মান চাঁদ, তার নীচে ঘুমন্ত নগরী। তার মধ্যে দিয়ে দুজনে এগিয়ে চললেন সমুদ্র তটের দিকে। ক্রমশ তীব্র হতে লাগল সমুদ্র গর্জন। এক সময় সমুদ্র তটে পৌঁছে গেলেন। চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে না সমুদ্রর বুকে। গাঢ় অন্ধকারময় সমুদ্রর জল রাশি। আর ঢেউগুলো যেন কালনাগিনীর বিষাক্ত ফণার মতো বালুতটে আছড়ে পড়ে কোনও অশুভ সংকেত সূচিত করছে। নির্জন বালুতট বেয়ে সমুদ্রকে একপাশে রেখে এগতে লাগলেন তাঁরা।
এক সময় তাঁরা পৌঁছে গেলেন সেই গোপন স্থানে যেখানে অবস্থান করছেন কুকুসন্ধ। সে জায়গায় শুধু বালু ঢিবির গোলক ধাঁধা। রাজা গুহসীব ইতিপূর্বে যখন এ স্থানে এসেছিলেন তখন চন্দ্রালোকে বালু ঢিবিগুলো শুভ্রবর্ণের দেখাচ্ছিল, কিন্তু আজ তা কৃষ্ণবর্ণের। রাজা গুহসীবের তা দেখে মনে হতে লাগল, সব কিছুই যেন অমঙ্গলের বার্তা বহন করছে। যে বালু ঢিবির অন্তরালে সহস্র বৎসর ধরে কুকুসন্ধ ধ্যানস্থ থাকেন, প্রদীপের আলো দেখে সেখানে পৌঁছেই চমকে গেলেন রাজা গুহসীব ও ভিক্ষু জেতবন। ধ্যান ভঙ্গ হয়েছে কুকুসন্ধর। বালির আড়াল থেকে আত্মপ্রকাশ করেছেন তিনি। কঙ্কালের মতো শরীর তাঁর। হাড়ের ওপর যেন শুধু চামড়া বিছানো। মুখমণ্ডলের সব গহ্বর লবণে পরিপূর্ণ। প্রদীপের কম্পমান আলোতে বালু ঢিবির আলো-আঁধারীতে বসে থাকা বুদ্ধ-শিষ্যর এই অবয়বকে যে-কোনও মানুষ প্রেতমূর্তি ভাবতে পারে।
মহাজ্ঞানী নিজেই ধ্যান ভঙ্গ করে বসে আছেন দেখে বিস্মিত গুহসীব আর জেতবন প্রাচীন সন্ন্যাসীর কিছুটা তফাতে হাঁটু মুড়ে বসে তাঁকে প্রণাম জানালেন। বুদ্ধ সহচরের অক্ষিকোটর লবণে পরিপূর্ণ হলেও তাঁরা প্রণাম জানাতেই তিনি নড়ে উঠে বুঝিয়ে দিলেন, দিব্যদৃষ্টির সাহায্যে তাদের দেখতে পাচ্ছেন।
কয়েক মুহূর্তের নীরবতা। রাজা গুহসীব করজোড়ে তাঁর উদ্দেশে বললেন, ‘হে বুদ্ধ-শিষ্য মহাজ্ঞানী, ভবিষ্যদ্রষ্টা, ভগবানের পবিত্র চিহ্নর নীরব হয়ে যাওয়া কি কোনও বিপদের ইঙ্গিতবাহী?’
এই প্রশ্ন শুনে কুকুসন্ধ করোটির মতো চর্মহীন মুণ্ডটা ওপর-নীচ করলেন। অর্থাৎ, হ্যাঁ, বিপদ আসছে।
ভিক্ষু জেতবন এরপর দ্বিতীয় প্রশ্ন করলেন তাকে, ‘দন্তমন্দির কি ধ্বংস হয়ে যাবে?’
আবার একই ভাবে মাথাটা ওপর-নীচ করলেন। অর্থাৎ দ্বিতীয় প্রশ্নের উত্তরও, হ্যাঁ।
দ্বিতীয় প্রশ্নের উত্তর শুনে আতঙ্কিত রাজা গুহসীব কম্পিত কণ্ঠে তৃতীয় তথা শেষ প্রশ্ন করলেন, ‘তবে ভগবানের শেষ চিহ্নকে কী ভাবে রক্ষা করব আমি?’
এ প্রশ্ন শুনে সেই অতি প্রাচীন মহাভিক্ষু কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলেন। তারপর তাঁর কাঠির মতো দক্ষিণ হস্ত প্রসারিত করে তর্জনি দিয়ে সমুদ্রের দিকে নির্দেশ করলেন।
আর এর পরই এক খণ্ড মেঘ এসে ঢেকে দিল মাথার ওপরের চাঁদকে। প্রচণ্ড শব্দ করে সমুদ্রর বুকে কোথাও যেন জলোচ্ছ্বাস হল। প্রদীপটাও নিভে গেল বাতাসে। নিকষ কালো অন্ধকার নেমে এল চারপাশে। সেই অন্ধকারের মধ্যে হারিয়ে গেলেন বুদ্ধ সঙ্গী মহা প্রাচীন সন্ন্যাসী কুকুসন্ধ। কোনওক্রমে সে স্থান ত্যাগ করে ফিরে এলেন তাঁরা দুজন।
দুর্যোগ যে আসছেই তা কুকুসন্ধর কথা শুনে নিশ্চিত হয়ে গেলেন কলিঙ্গরাজ গুহসীব। তিনি ঘটনা ব্যক্ত করলেন জামাতা দন্তকুমারকে। তবে একটা ব্যাপার রাজা গুহসীব বা ভিক্ষু জেতবন সঠিকভাবে বুঝতে পারলেন না। তা হল গুহসীবের তৃতীয় প্রশ্নের জবাবে মহাজ্ঞানী কুকুসন্ধ সমুদ্রর দিকে আঙুল তুলে দেখিয়ে ঠিক কী বোঝাতে চেয়েছেন? দন্তমন্দির ধ্বংস হবার উপক্রম হলে কি তিনি ভগবানের শেষ চিহ্নকে সমুদ্রে বিসর্জন দিতে বললেন?
দিন এগিয়ে চলল। তবে আগের মতোই নিয়মিত চলতে লাগল দন্তমন্দিরের নিত্য পূজাপাঠ। যদিও পবিত্র দন্তধাতু আগের মতোই নীরব হয়ে রইল। যে সব দূতকে বিভিন্ন দেশে সাহায্যের আবেদন জানিয়ে পাঠানো হয়েছিল, তারা একে একে ফিরে এসে জানাতে লাগল যে কোনও রাজাই কলিঙ্গকে সাহায্য করার জন্য প্রস্তুত নয়। রাজা গুহসীব ভগবান বুদ্ধকে স্মরণ করতে লাগলেন আসন্ন বিপদ থেকে দন্তপুরবাসীকে রক্ষা করার জন্য। রাজপ্রাসাদ ত্যাগ করে তিনি সর্বক্ষণ অধিষ্ঠান করতে লাগলেন বুদ্ধ প্রার্থনায়। একমাত্র রাজ জামাতা দন্তকুমারই আসন্ন দুর্যোগকে প্রতিহত করার লক্ষে অবিচল চিত্তে দিবারাত্র পরিশ্রম করে যেতে লাগলেন সেনাদল গঠনের জন্য।
প্রত্যহ ভোরের আলো ফোটার আগেই ধীবররা সমুদ্রবক্ষে মাছ ধরতে যায়। একদিন এক ধীবর শেষ রাতে এক অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হল। সে দেখতে পেল এক শুভ্র কঙ্কাল চন্দ্রালোকে নির্জন বালুতটের ওপর দিয়ে হেঁটে ধীরে ধীরে সমুদ্রের বুকে নেমে অদৃশ্য হয়ে গেল। স্বাভাবিক ভাবেই সেই মূর্তিকে কোনও প্রেতাত্মা ভেবে ভুল করেছিল সেই ধীবর। কাজেই সে খবর ছড়িয়ে পড়তে দেরি হল না। এবং এই সংবাদ পৌঁছল রাজা গুহসীব আর ভিক্ষু জেতবনের কানেও। শ্রবণ করে তাঁরা দুজন অন্য একটা ব্যাপার অনুমান করে দিনের আলোতেই রওনা হলেন সমুদ্রতটের দিকে। সেই বালু ঢিবির গোলক ধাঁধায় পৌঁছে তাঁরা দেখতে পেলেন তাঁদের অনুমানই সত্যি। যে বালু ঢিবির অন্তরালে বুদ্ধ সহচর, মহাজ্ঞানী কুকুসন্ধ হাজার বছর ধরে ধ্যানমগ্ন থাকতেন, তা ভেঙে চারপাশে ছড়িয়ে আছে, উল্টে পড়ে আছে প্রদীপ।
সেই শূন্য বালুরাশির দিকে তাকিয়ে দন্তমন্দিরের প্রধান পুরোহিত জেতবন বললেন, ‘লোকে বলে কুকুসন্ধই নাকি সেই বুদ্ধ-শিষ্য, যিনি ভগবানের পবিত্র ধাতু বহন করে এনেছিলেন কলিঙ্গে। তিনি যখন এ স্থান ত্যাগ করলেন তখন বুঝতে হবে দুর্যোগ সমাগত।’
ভিক্ষু জেতবনের অনুমানই সত্যি হল। বালুতট থেকে নগরীতে প্রবেশ করা মাত্রই এক অশ্বারোহী বার্তা বাহক এসে সংবাদ দিল অস্মকরাজ কীচক যুদ্ধ ঘোষণা করেছে কলিঙ্গর বিরুদ্ধে। দু-পাশ থেকে অস্মক আর মল্লবাহিনী যাত্রা শুরু করেছে দন্তনগরী ধ্বংস করার জন্য। কিছু কালের মধ্যেই দন্তনগরীর সীমানায় উপস্থিত হবে তারা!
এ সংবাদ পাওয়া মাত্রই মহারাজ গুহসীব, ভিক্ষু জেতবনের পরামর্শ মতো দন্তমন্দিরের প্রাঙ্গণে নাগরিক সভার আহ্বান জানালেন এই বিষয়ে অবগত করার জন্য।
জনাকীর্ণ সভায় রাজা গুহসীব আবেগ মথিত কণ্ঠে বললেন, ‘শত্রু বাহিনী এগিয়ে আসছে দন্তনগরীর দিকে। এই দন্তমন্দিরে রক্ষিত ভগবানের শেষ চিহ্ন আমার কাছে দেবতুল্য, আর জাতি-ধর্ম-কর্ম নির্বিশেষে দন্তপুরের প্রতিটি নাগরিক আমার কাছে সন্তান তুল্য। যুদ্ধ যদি বাঁধে তবে অনেক নিরীহ নাগরিক, শ্রমণের প্রাণ যাবে, বহুলোক অস্ত্রঘাতে পঙ্গু হবে। আমি তা চাই না। আমি বরং দন্তপুর ত্যাগ করে অস্মক বাহিনীর সঙ্গে একাকী যুদ্ধ করতে যাই। আমাকে হত্যা করতে পারলে হয়তো কীচকের ক্রোধ প্রশমিত হবে। হয়তো তারা আর দন্তপুরে পদার্পণ করবে না। রক্ষা পাবে দন্তধাতু, রক্ষা পাবে দন্তপুরবাসীদের প্রাণ। আমার জামাতা দন্তকুমার রাজ্য শাসনের পক্ষে অত্যন্ত উপযুক্ত। আমি ইতিপূর্বেই মনস্থির করেছি যে তিনিই কলিঙ্গর সিংহাসনে বসবেন। পরবর্তীকালে যে, দন্তকুমারের নেতৃত্বে দন্তপুর বা কলিঙ্গে সুশাসনের অভাব হবে না তা আমি জানি। এ ব্যাপারে আমি আপনাদের মতামত জানতে চাই।’
কলিঙ্গরাজ গুহসীবের এই বক্তব্যের পর প্রথমে মতামত জানাবার জন্য উঠে দাঁড়ালেন তাঁর জামাতা দন্তকুমার। তিনি বললেন, ‘মহারাজ আমাকে মার্জনা করবেন। আমি এভাবে কলিঙ্গর সিংহাসনে বসতে অপারগ। যদি আমি ধরেও নিই যে আপনার প্রাণের বিনিময় ওই দুরাচারী কীচক দন্তনগরী পর্যন্ত অগ্রসর হল না, তবুও আমি আপনার শূন্য সিংহাসনে বসতে পারব না। কারণ, তা হলে আমাকে এ অপবাদ সারা জীবন বহন করে চলতে হবে যে একজন প্রজাবৎসল রাজার প্রাণের বিনিময়ে আমি সিংহাসনে আরোহণ করেছি। এ অপবাদ বহন করা আমার পক্ষে সম্ভব হবে না। আমি ইতিমধ্যে এক সেনাদল গঠন করেছি। তা দিয়ে আমি অস্মক বাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা করব। তাতে যদি আমার মৃত্যু ঘটে তবে তা হবে সিংহাসন আরোহণ অপেক্ষা অনেক বেশি গৌরবজনক।’
দন্তকুমার তাঁর মতামত দান করার পর দন্তমন্দিরের প্রধান পুরোহিত জেতবন তাঁর বক্তব্য রাখলেন। তিনি বললেন, ‘হে রাজন, ভগবান বুদ্ধর সঙ্ঘ ভাবনা ঐক্যের ভাবনা। সুখ, দুঃখ বণ্টিত হয় সঙ্ঘর মধ্যে। সম্মিলিত ভাবনা মানুষকে বেঁচে থাকার দিশা দেখায়। ভগবান অপরের দুঃখযন্ত্রণাকে গ্রহণ করতে শিখিয়েছিলেন। দন্তমন্দিরের ভিক্ষু অথবা দন্তপুরবাসীদের ভবিষ্যতের কথা ভেবে আপনার মনের যে প্রবল আশঙ্কার সৃষ্টি হয়েছে তা আমরা সকলেই বুঝতে পারছি। এতকাল ধরে আমরা দন্তপুরবাসীরা যেমন আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি, তেমন কোনও কষ্ট যদি নেমে আসে তাও আমরা সকলে ভাগ করে নেব। দুঃখের দায় আপনার একার নয়। এ ভাবে আপনার জীবন বলিদানের ভাবনাকে আমি দন্তমন্দিরের প্রধান হিসাবে সমর্থন করছি না।’
ভিক্ষু জেতবনের বক্তব্য সম্পূর্ণ হবার পর উঠে দাঁড়ালেন সনাতনধর্মের প্রতিনিধি এক ব্রাহ্মণ। তিনি বললেন, ‘আমাদের ধর্মে বলা আছে অত্যাচারী, পররাজ্য লোভী, পাপিষ্ঠকে সংহার কোরো। সত্যর সমর্থনে, শুভর সমর্থনে দাঁড়িয়ে প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করো। কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করো না। যে কারণে মহাকাল ত্রিশুল ধারণ করেন, বিষ্ণু চক্র ধারণ করেন। বার বার সংহারক মূর্তিতে আবির্ভূত হয়েছেন তাঁরা। আমাদের ধর্মে বলা হয়েছে, প্রজার কর্তব্য হল তার প্রতিপালককে সাহায্য করা, দুর্যোগের সময় সর্বশক্তি দিয়ে তাঁর পাশে দাঁড়িয়ে অন্নদাতার ঋণ পরিশোধ করা। সনাতনধর্মাবলম্বীদের পক্ষ থেকে আমি আপনাকে আশ্বস্ত করছি এই দুর্যোগে আমরা প্রত্যেকে আপনার পাশে থাকব।’
রাজা গুহসীব এবার বললেন, ‘জামাতা দন্তকুমার ও তাঁর দুই সঙ্গী একটা সেনাদল গড়ে তুলেছে ঠিকই, কিন্তু সেই সেনাদল আকারে ক্ষুদ্র। তারা কীভাবে পারবে অস্মক বাহিনীকে প্রতিরোধ করতে?’
জনতার ভিড়ের মধ্যে থেকে এবার এক কৃষক উঠে দাঁড়াল। সে বলল, ‘আমি এক চাষি। আপনাদের মতো বিদ্যা বুদ্ধি আমার কোনওটাই নেই। তবে আমি গল্প শুনেছি, সম্রাট অশোক যখন আমাদের দেশ আক্রমণ করেছিল তখন কৃষকরা লাঙলের ফলা দিয়ে তরবারি বানিয়েছিল, ধীবর তার মাছ ধরার বল্লম ব্যবহার করেছিল যুদ্ধের অস্ত্র হিসাবে, কুম্ভকার তার মৃৎ কলসে গরম তৈল পরিপূর্ণ করে নিক্ষেপ করেছিল শত্রুসেনাদের। তেমনই আমরা কৃষকরাও আবার লাঙলের ফলা থেকে তরবারি বানাতে প্রস্তুত।’
এরপর একের পর এক সমাজের সর্বস্তরের নাগরিকরা তাদের বক্তব্যে জানাতে লাগল যে তারা এ যুদ্ধে সর্বতোভাবে কলিঙ্গরাজের পাশে থাকতে প্রস্তুত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তারা চেষ্টা করবে দন্তমন্দিরকে রক্ষা করবার, দন্তনগরীকে রক্ষা করবার।
নাগরিকদের তাঁর প্রতি, দন্তপুরের প্রতি ভালোবাসা দেখে জল এসে গেল প্রজাপালক নৃপতি গুহসীবের চোখে। আলোচনা সভায় সিদ্ধান্ত হল দন্তপুরবাসী সম্মিলিতভাবে প্রতিহত করার চেষ্টা করবে অস্মক বাহিনীকে। আর এ যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবেন গুহসীব জামাতা দন্তকুমার। তারপর ভগবান বুদ্ধর যা অভিলাষ তাই হবে।
যুদ্ধের নিবিড় প্রস্তুতি শুরু হয়ে গেল এর পরদিন থেকেই। নগরীর যে কামারশালাগুলোতে এতদিন লাঙলের ফলা, কাস্তে বা গৃহ সামগ্রী নির্মাণ হতো, তার পরিবর্তে নির্মাণ হতে শুরু হল তরবারি, কিরিচ, খড়্গ ইত্যাদি সামগ্রী। নাগরিকরা দলে দলে যোগ দিতে লাগল সেনা দলে। তাদের অস্ত্রশিক্ষা দিতে লাগলেন দন্তকুমার ও তাঁর দুই সহচর পুলস্ত ও কেতু। পুর নারীরাও যুক্ত হলেন এ কাজে। নব গঠিত সৈন্য দলের জন্য তারা পোশাক প্রস্তুতিতে নিয়োজিত হলেন। রাজকন্যা হেমমালা তার বহু মূল্য রত্নহারসহ সমস্ত অলঙ্কার স্বেচ্ছায় তুলে দিলেন স্বামী দন্তকুমারকে তা বিক্রয় করে যুদ্ধের ব্যয়ভার বহন করার জন্য। ওদিকে কলিঙ্গর দুপাশ থেকে দন্তপুরের দিকে এগিয়ে আসতে থাকল অস্মক ও মল্লবাহিনী।
তবে যুদ্ধ প্রস্তুতির জন্য কিন্তু দন্তমন্দিরে ভগবানের পবিত্র দন্তধাতুর পূজাপাঠের কোনও ছেদ পড়ল না। প্রধান ভিক্ষু জেতবন ও অন্য ভিক্ষুরা নিত্যনৈমিত্তিকভাবে পূজা করে যেতে লাগলেন তার। যদিও পবিত্র ধাতু থেকে কোনও শব্দ নির্গত হল না। তবুও মহারাজ গুহসীবসহ অনেকেই মনে মনে এ ধারণা পোষণ করতে লাগলেন, হয়তো শেষ মুহূর্তে আবার কোনও অলৌকিক ক্ষমতা প্রদর্শন করবে ভগবানের শেষ চিহ্ন। হয়তো যুদ্ধ বন্ধ হয়ে যাবে অথবা তাঁর মহিমায় পরাজিত হবে অস্মক বাহিনী, রক্ষা পাবে দন্তপুর, নিজেই নিজেকে রক্ষা করবেন ভগবানের শেষ চিহ্ন।
