১৭
রাজা গুহসীব ও জামাতা দন্তকুমার আর প্রাসাদে ফিরলেন না। প্রধান ভিক্ষু জেতবন ও অন্য ভিক্ষুদের সঙ্গে দন্তমন্দিরেই অবস্থান করতে লাগলেন গুপ্তচরের ফিরে আসার প্রতীক্ষায়। কলিঙ্গবাসীদের অবশ্য মন্দিরের অভ্যন্তরের ঘটনা জানা ছিল না। কলিঙ্গ নরেশ গুহসীব দন্তধাতু নিয়ে মন্দিরে প্রবেশের পর তারা অন্তর্হিত হয়েছিল মন্দির চত্বর ছেড়ে। নিস্তব্ধ দুপুরে এক অজানা আশঙ্কা যেন আবর্তিত হতে লাগল দন্তধাতুর মন্দিরে। সময় এগিয়ে চলল।
অর্ধপ্রহর সময় অতিক্রান্ত হবার পর সেই চর ফিরে এল দন্তমন্দিরে। সে জানাল, সেই রণহস্তী ও ভিনদেশী তীর্থযাত্রী বলে পরিচয় দেওয়া লোকগুলি পুরীধামের উদ্দেশে যাত্রা করেনি। দন্তনগরীর সংলগ্ন এক নারিকেল বনে অবস্থান করছে তারা। তাদের আচরণে সন্দেহ বর্তমান। নিজেদের মধ্যে তারা আলোচনায় নিমগ্ন। আর পথপার্শ্বে যত সংখ্যায় তাদের দেখা গেছিল তার তুলনায় অধিক সংখ্যায় তারা নারিকেল বনে অবস্থান করছে।
চরের মুখ থেকে এ কথা শুনে সবাই বুঝতে পারলেন, তীর্থযাত্রী বলে পরিচয় দেওয়া লোকগুলোর আচরণ অবশ্যই সন্দেহজনক।
কলিঙ্গপতি চরকে জিগ্যেস করলেন, ‘ওই নারিকেল কুঞ্জের সমাবেশে তুমি আরও এমনকী কিছু দৃষ্টিগোচর করেছ, যা তোমার চোখে কিছুটা অদ্ভুত বলে মনে হয়েছে?’
চর কিয়ৎক্ষণ চিন্তা করে বলল, ‘এক ব্যক্তিকে দেখছিলাম সে নারিকেল পাতার শলাকা সংগ্রহ করে ঝাঁটা প্রস্তুত করছিল। যদিও তার মুখমণ্ডল আচ্ছাদনে আবৃত, তবুও সে ব্যক্তির উন্মুক্ত হস্ত ও পদযুগল দেখে বুঝতে পারলাম, সেখানে উপস্থিত জনতার মধ্যে একমাত্র সেই ব্যক্তি কৃষ্ণকায়।’
‘ঝাঁটা’ ও ‘কৃষ্ণকায়’ এ দুটো শব্দ শুনে কলিঙ্গ নরেশের হঠাৎই এক ব্যক্তির কথা মনে পড়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ‘ওই ব্যক্তির আকৃতি কেমন?’
চর এ প্রশ্নর জবাবে সেই অবগুণ্ঠনধারী কৃষ্ণকায় ব্যক্তির আকৃতির যে বিবরণ দিল তাতে আশঙ্কার চিহ্ন ফুটে উঠল কলিঙ্গ নরেশের মুখে। তিনি প্রধান ভিক্ষু জেতবনকে বললেন, ‘আমার অনুমান ওই কৃষ্ণকায়, ঝাঁটা ধারণকারী ব্যক্তি হলেন সেই জৈন গোষ্ঠীপতি শম্বুকনাত। রাজর্ষি পণ্ডু তাঁকে পাটলিপুত্র নগরী থেকে বিতাড়িত করেছিলেন। তারপর আর তাঁর কোনও সংবাদ পাইনি। আমি এক প্রকার ভুলেই গেছিলাম সেই দুষ্টের কথা। আমার মনে হচ্ছে তিনিই কোনও অনিষ্ট সাধনের জন্য দন্তপুরে এসে উপস্থিত হয়েছেন। যারা তাঁর সঙ্গে এসেছেন হয়তো তারা তাঁর অনুগামী। এই কয়েক বৎসর অজ্ঞাতবাসে তিনি তাঁদের সংগ্রহ করেছেন। অথবা কোনও নরপতি তাঁকে লোকবল, সেনাবল দিয়ে সাহায্য করছেন। রাজর্ষি পণ্ডুর মৃত্যুর পর জম্বুদ্বীপের ও পার্শ্ববর্তী অঞ্চলের নরপতিরা এখন শুনি নিজ নিজ ইচ্ছায় পরিচালিত হন, কারণ, তাঁদের শাসন করার কেউ নেই।’
ভিক্ষু জেতবন, কলিঙ্গ নরেশের কথা শুনে বললেন, ‘ওই কৃষ্ণকায় ব্যক্তি যদি সেই জৈন সন্ন্যাসী হয়ে থাকেন তবে নিশ্চিতভাবে তাঁর প্রধান লক্ষ হবে এই দন্তমন্দির ধ্বংস করা। কারণ, তিনি সর্বাপেক্ষা ঘৃণা করেন ভগবানের শেষ চিহ্নকে।’
দন্তকুমার বললেন, ‘আমার নিশ্চিত অনুমান ওই কৃষ্ণকায় ব্যক্তির সঙ্গীরা যুদ্ধব্যবসায়ী অথবা রাজসৈন্য। নচেৎ সমর হস্তীকে নিয়ন্ত্রণ করার দক্ষতা তাদের থাকত না।’
এ সব কথা শুনে একজন বৌদ্ধ ভিক্ষু বললেন, ‘সরাসরি ওই ব্যক্তিদের কাছে উপস্থিত হয়ে তাদের পরিচয়, বিশেষ করে ওই অবগুণ্ঠধারী ব্যক্তির পরিচয় সম্পর্কে নিঃসন্দেহ হওয়া যায় না কি? তারপর সেই মতো ব্যবস্থা নেওয়া যাবে?’
রাজা গুহসীব বললেন, ‘এতে সংঘাতের প্রবল সম্ভাবনা আছে। তারা যদি অস্ত্র ধরে আমাদের আক্রমণ করে, তবে তা আমরা প্রতিহত করব কী ভাবে। একমাত্র জামাতা দন্তকুমার ছাড়া আমরা সকলেই অস্ত্রধারণে অক্ষম। হ্যাঁ, কিছু নগরবাসীকে আমাদের সঙ্গী করা যায় ঠিকই, কিন্তু সংঘাত হলে উভয়পক্ষের হতাহত হবার সম্ভাবনা থেকেই যায়। আমি কীভাবে একজন নগরবাসীকেও মৃত্যুর মুখে ঠেলে দিই?’
জেতবন বললেন, ‘তাহলে আমাদের এখন কী কর্তব্য? আমার অনুমান শম্বুকনাত ও তাঁর সেনাদল আজ রাতেই দন্তমন্দির আক্রমণ করবে। তাহলে কী আমরা এই ভরসাতেই শুধু অপেক্ষা করে থাকব, যে ভগবানের শেষ চিহ্ন তাঁর কোনও অলৌকিক ক্ষমতাবলে দন্তনগরীকে রক্ষা করেন কিনা? কিন্তু তবে ওই পবিত্র ধাতু অস্ত্র উৎখনন করালেন কেন?’
উপস্থিত দন্তকুমার বললেন, ‘আপনি সঠিক কথাই বলছেন। দন্তধাতু এক্ষেত্রে হয়তো তার অলৌকিক ক্ষমতা প্রদর্শনের পরিবর্তে দেখতে চাইছেন যে আমরা অস্ত্রধারণের মাধ্যমে তাঁকে ও কলিঙ্গনগরীকে রক্ষা করতে সমর্থ কিনা? তাই তিনি স্বস্থানে উপবেশন করার আগে আমাদের দিয়ে অস্ত্র উদ্ধার করালেন।’ কলিঙ্গ নরেশ চিন্তিতভাবে বললেন, ‘কিন্তু অস্ত্র উদ্ধার হলেও তুমি একা কী ভাবে ওই রণহস্তী সমেত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে?’
দন্তকুমার বললেন, ‘আমি একা নই। উজ্জ্বয়িনী থেকে আমি যখন এ নগরীতে প্রবেশ করেছিলাম তখন আমার দুই ধনুর্ধর সঙ্গীও ছিল, পুলস্ত ও কেতু। তারা এখন আমারই মতো কলিঙ্গ রমণীদের বিবাহ করে এ নগরীতেই দিন যাপন করছেন। তাঁরা দুজন যে শুধু শর নিক্ষেপে দক্ষ তাই নয়, অন্ধকারে তাঁরা শব্দভেদী বাণ নিক্ষেপ করতে পারে। তারাও এ যুদ্ধে আমার সঙ্গী হবে। রাত্রির জন্য প্রতীক্ষা করতে হবে আমাদের। যেহেতু অনুমান করা যেতে পারে যে এই দন্তমন্দিরই এই সেনাদলের আক্রমণের প্রধান লক্ষবস্তু, তাই নিরাপত্তার স্বার্থে কলিঙ্গ নরেশ-সহ আপনারা সকলে রাজপ্রসাদে গিয়ে অবস্থান করুন। প্রাসাদের ছাদে তৈল রঞ্জিত কাষ্ঠ, প্রস্তর খণ্ড সঞ্চয় করে রাখুন। যদি এমন অবস্থা হয় যে ওই সেনাদল প্রথমে এই দন্তমন্দির আক্রমণ না করে প্রাসাদ আক্রমণ করল, তবে সে ক্ষেত্রে আপনারা অস্ত্রধারণে সক্ষম না হলেও জ্বলন্ত অগ্নি কাষ্ঠ, প্রস্তর ইত্যাদি ওপর থেকে নিক্ষেপ করে শত্রুদের প্রতিহত করতে পারেন।
ভিক্ষু জেতবন, দন্তকুমারকে বললেন, ‘তিরের আঘাতে তোমরা না-হয় সেনা-দলের গতিরোধ করলে, কিন্তু সামান্য তিরের আঘাতে ওই প্রকাণ্ড রণহস্তীর গতি রোধ করা সম্ভব হবে না। মন্দির অথবা প্রাসাদ তোরণ ভাঙার জন্যই ওই রণহস্তীকে সঙ্গে আনা হয়েছে বলে আমার অনুমান।’
দন্তমন্দিরের প্রধান ভিক্ষু জেতবনের প্রশ্নর জবাবে দন্তকুমার বললেন, ‘নিজ দেশে রাজকুমার হিসাবে আমি যখন যুদ্ধবিদ্যা অধ্যায়ন করেছিলাম তখন রণহস্তীর গতিরোধ করার কৌশলও জেনে ছিলাম। কয়েকজন লোককে জঙ্গলে পাঠাতে হবে যথাসম্ভব অধিক পরিমানে শুকনো বজ্রবীজ সংগ্রহ করার জন্য।’
দন্তকুমারের অভিপ্রায় মতো এরপর কয়েকজন ভিক্ষু জঙ্গলের উদ্দেশে রওনা হয়ে গেলেন বজ্রবীজ সংগ্রহ করে আনার জন্য। দন্তকুমার ডাকিয়ে আনালেন তাঁর দুই তিরন্দাজ সহযোগী পুলস্ত ও কেতুকে। তাদের নিজস্ব ধনুর্বাণ তাদের সঙ্গেই ছিল। দন্তকুমারের তির-ধনুক আর নিজেদের অস্ত্র পরিচর্যা করতে বসল তাঁরা।
বিকাল হয়ে গেল এক সময়। ভিক্ষুরাও জঙ্গল থেকে ফিরে এল কয়েক ধামা শুষ্ক বজ্রবীজ সংগ্রহ করে। দন্তকুমার এরপর কলিঙ্গ নরেশ ও বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে বললেন, ‘সন্ধ্যা নামার আগে আপনারা রাজপ্রাসাদে গিয়ে প্রবেশ দ্বার বন্ধ করে ভিতরে আশ্রয় নিন। যদি ওই সেনারা আগে প্রাসাদ আক্রমণ করে, তাহলে ছাদ থেকে মশাল আন্দোলিত করে সংকেত করবেন। আমরা পৌঁছে যাব সেখানে।’
দন্তকুমারের কথা শুনে কিছুটা অনিচ্ছাসত্ত্বেও কলিঙ্গ নরেশ গুহসীব ও ভিক্ষু জেতবন, অন্য ভিক্ষুদের নিয়ে রওনা হলেন প্রাসাদের দিকে।
সূর্য সমুদ্রর বুকে ঢলতে শুরু করেছে। অন্ধকার নামার আর বেশি বিলম্ব নেই। অন্য সবাই মন্দির ত্যাগ করার পর সহযোগীদের নিয়ে কাজ শুরু করলেন দন্তকুমার। জঙ্গল থেকে আনা বজ্রবীজ ছড়িয়ে দেওয়া হল মন্দিরের প্রধান তোরণের মুখে ও সামনের পাথর বসানো চত্ত্বরে। তারপর তাঁরা মন্দিরে প্রবেশ করে প্রধান তোরণ ভালো ভাবে এঁটে দিলেন, এমনকী পয়ঃপ্রণালীগুলোর মুখগুলোও ভালো ভাবে পাথর চাপা দিয়ে বন্ধ করলেন। এ সব কাজ সাঙ্গ করে দন্তকুমার এসে দাঁড়ালেন গর্ভগৃহর দরজার সামনে। দরজার কপাট বন্ধই ছিল। কেমন যেন এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে বন্ধ কপাটের ওপাশে। প্রধান ভিক্ষু জেতবন মন্দির ত্যাগ করেছেন। বন্ধুভক্ত দন্তকুমার তাই নিজেই সান্ধ্য প্রদীপ জ্বালিয়ে বন্ধ কপাটের সামনে রাখলেন। তারপর করজোড়ে নতমস্তকে দন্তধাতুর উদ্দেশে প্রণাম জানিয়ে বললেন, ‘হে তথাগত, জাতক শ্রেষ্ঠ, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার শেষ চিহ্নকে রক্ষা করতে পারি।’
দেবতার উদ্দেশে প্রণাম জানিয়ে কলিঙ্গ নরেশের জামাতা দন্তকুমার ধনুর্বাণে সজ্জিত হয়ে তাঁর দুই সঙ্গীকে নিয়ে দেওয়াল গাত্র বেয়ে দন্ত মন্দিরের শীর্ষে আরোহন করলেন। সেখানে যে ছত্র প্রথিত আছে সেই বেদিতে আশ্রয় গ্রহণ করলেন তাঁরা। শেষ বারের মতো একবার দন্তমন্দিরের শীর্ষ থেকে অস্তাচলগামী সূর্যলোকে তাঁরা সমগ্র দন্তপুর দৃষ্টিগোচর করলেন। কী অসাধারণ সমুদ্রতীরবর্তী দন্তনগরীর সৌন্দর্য। সর্বত্র সীমাহীন শান্তি বিরাজমান। সনাতনধর্মাবলম্বীদের মন্দির থেকে ঘণ্টাধ্বনি ভেসে আসছে। সন্ধ্যারতির প্রস্তুতি শুরু হয়েছে সেখানে। দন্তপুরবাসী জানেই না যে তাদের এই শান্তিভঙ্গ করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছে একদল হিংস্র মানুষ। কিছুক্ষণের মধ্যেই সমুদ্রবক্ষে সূর্য ডুবে গেল। ধীরে ধীরে দন্তকুমারদের চোখের সামনে মুছে যেতে লাগল দন্তপুর। চারপাশ ঢেকে যেতে লাগল নিকষ কালো অন্ধকারে।
অন্ধকার নামার সঙ্গে সঙ্গে দন্তনগরী সংলগ্ন সেই নারিকেল বাগানে উপস্থিত আগন্তুকদের মধ্যেও চঞ্চলতা শুরু হল। জৈন সন্ন্যাসী শম্বুকনাতের সঙ্গে আলোচনা করে অস্মকরাজ ক্ষীরধার এই সিদ্ধান্ত নিয়েছেন যে, রাত একটু গভীর হলে দন্তপুরবাসী যখন নিদ্রামগ্ন হবে তখন তারা প্রবেশ করবেন নগরীতে। এরপর ধীরে ধীরে প্রস্তুত হতে শুরু করল নৈশ অভিযানের জন্য। রণহস্তীর পিঠ থেকে বোঁচকা নামিয়ে তার মধ্যে রাখা অস্ত্র ধারণ করতে লাগল। হিংস্রতা ফুটে উঠল তাদের মুখমণ্ডলে। এখন আর ছদ্মবেশ ধারণের প্রয়োজন নেই। তাই অস্ত্রধারণের সঙ্গে সঙ্গে ক্ষীরধার তার রাজমুকুটও ধারণ করলেন। এ মুকুট ক্ষীরধারের দম্ভের প্রতীক।
চাঁদ মাঝ আকাশে উঠে গেল এক সময়। নগরীর ভিতর থেকে যখন আর কোনও শব্দ ভেসে এল না তখন আক্রমণের জন্য প্রস্তত হয়ে সেই নারিকেল বাগানের বাইরে যুদ্ধ সাজে রণহস্তী সমেত আত্মপ্রকাশ করল ক্ষীরধার ও তার সঙ্গীরা। ক্ষীরধার, জৈন সন্ন্যাসীকে প্রশ্ন করলেন, ‘গণৎকার, আমরা প্রথমে কোথায় যাব?’
জৈন সন্ন্যাসী শম্বুকনাতের প্রধান লক্ষ হল তথাগতর শেষ চিহ্ন ধ্বংস করা। তাই সে বলল, ‘প্রথমে দন্তমন্দিরে গিয়ে ওই অপবিত্র অস্থি ধ্বংস করার পর আমরা অচিরেই রাজপ্রাসাদে প্রবেশ করে কলিঙ্গরাজকে হত্যা করে রাজকন্যাকে হরণ করতে পারব।’
রাজা ক্ষীরধার বললেন, ‘আচ্ছা, তাই হবে।’
নিঃশব্দে ঘুমন্ত দন্তপুরে প্রবেশ করল অস্মক রাজের বাহিনী। তারপর শম্বুকনাতের দেখানো পথ ধরে তারা এগোল দন্তমন্দিরের দিকে।
দন্তমন্দিরের শীর্ষে বসে চাঁদের আলোতে নগরীর ওপর দৃষ্টি নিক্ষেপ করছিলেন দন্তকুমার আর তাঁর সঙ্গীরা। প্রথমে তাঁদের দৃষ্টি গোচর হল বিশালাকৃতির সেই রণহস্তী। তারপর তার পিছনে দেখা দিল সেই সেনাদল। তারা এগিয়ে আসছে দন্তমন্দিরের দিকেই। দন্তকুমার পুলস্ত আর কেতুকে নিয়ে প্রস্তুত হলেন তাদের প্রতিহত করার জন্য।
দন্তমন্দিরের কাছে উপস্থিত হয়েই স্বমূর্তি ধারণ করল অস্মক সেনারা। তাদের প্রচণ্ড হিংস্র চিৎকারে অস্ত্রর ঝনঝনানিতে বিদীর্ণ হয়ে যেতে লাগল রাত্রির নিস্তব্ধতা। সেই শব্দে দন্তপুরবাসীদেরও নিদ্রাভঙ্গ হল, কিন্তু তারা অনুধাবন করতে পারল না কোথা থেকে ভেসে আসছে সেই উন্মত্ত চিৎকার!
অস্মকরাজ ক্ষীরধার আর শম্বুকনাত ভেবেছিলেন তাদের রণধ্বনি শুনে আতঙ্কিত হয়ে বৌদ্ধ শ্রমণরা মন্দিরের প্রধান তোরণ খুলে বাইরে বেরিয়ে আসবেন। কিন্তু তেমন ঘটনা যখন ঘটল না তখন ক্ষীরধার নির্দেশ দিলেন রণহস্তী দিয়ে কপাট ভেঙে ফেলার।
সেই নির্দেশ পালন করার জন্য রণহস্তীর পিঠে বসা তার চালক সৈন্য রণহস্তী নিয়ে এগোল কপাট ভাঙার জন্য। কিন্তু সেদিকে কয়েক পা এগিয়েই হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়ল হস্তী। তাকে এগিয়ে নিয়ে যাবার জন্য হস্তীর মাথায় অঙ্কুশের ঘা দিল। সেই আঘাত পেয়ে রণহস্তী আবার সামনে পা ফেলেও আবার পা তুলে নিল। হস্তী আর নড়ে না। আসল ব্যাপারটা হল যে বজ্রবীজ অর্থাৎ কুলের বীজ তোরণের সামনে ছড়িয়ে রাখা আছে, তার জন্যই হস্তীর পা রুদ্ধ হয়েছে। কুলের বীজ ছোট হলেও তা অতি কঠিন ও খাঁজ কাটা। হস্তী সামনে পা ফেললেই তার প্রকাণ্ড শরীরে ভারে তা ঢুকে যাচ্ছে হস্তীর শরীরের সব থেকে নরম অংশ তার পায়ের নীচে। তাই হস্তী সামনে পা ফেলতে পারছে না।
কিন্তু মাহুত ব্যাপারটা বুঝতে না পেরে ক্রমাগত ঘা দিতে লাগল হস্তীর মাথায়। আর এরপর এক ঘটনা ঘটল। অঙ্কুশের প্রচণ্ড ঘা খেয়ে এক সময় খেপে গেল হস্তীটা। শুড় দিয়ে সে মাহুত সৈন্যকে পিঠ থেকে টেনে নামিয়ে মাটিতে আছাড় মারল। তারপর পিছন ফিরে বেশ কয়েকজন সৈন্যকে পদপিষ্ট করে ছুটতে শুরু করল। আচম্বিতে এই ঘটনা ঘটায় সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হল। রণহস্তীর পদপৃষ্ট হবার আশঙ্কাতে সৈন্যদের অনেকে এদিকে-ওদিকে পালাতে শুরু করল। আর ঠিক সেই সময় দন্তমন্দিরের শীর্ষে আত্মগোপন করা দন্তকুমার তাঁর দুই সঙ্গী তির নিক্ষেপ করা শুরু করলেন অস্মক সেনাদের দিকে। ওপর থেকে নেমে আসা ঝাঁকে ঝাঁকে তিরে বিদ্ধ হয়ে লুটিয়ে পড়তে লাগল ক্ষীরধারের সেনারা। তারা বুঝতেও পারল না তির বৃষ্টি কোথা থেকে হচ্ছে। ব্যাপারটা কোনও দৈব অথবা ভৌতিক ঘটনা মনে করে হতাহত সঙ্গীদের মন্দিরের সামনে ফেলে রেখে তারা পালাতে শুরু করল। শেষ হয়ে গেল তাদের যুদ্ধ। মৃতসৈন্যরা ছাড়া আর একজনও মন্দিরের তোরণের সামনে পড়ে রইল না। তখনও দন্তকুমারের তূণীরে একটা তির অবশিষ্ট রয়েছে।
দন্তকুমার এরপর তাঁর সঙ্গীদের নিয়ে মন্দির শীর্ষ ছেড়ে নীচে নামতে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ে তিনি একটা অস্পষ্ট শব্দ শুনে মন্দিরের পিছনের অংশের দিকে গিয়ে নীচের দিকে ঝুঁকে দেখলেন মন্দির গাত্র বেয়ে ওপরের দিকে উঠে আসছে একজন। লোকটা সম্ভবত বুঝতে পেরেছে যে অদৃশ্য ঘাতকরা মন্দির শীর্ষেই অবস্থান করছে। তাই তার এই প্রচেষ্টা। তারপর দুই সঙ্গী নীচে দাঁড়িয়ে। যে লোকটা ওপরে উঠে আসছে তার কোমরে দীর্ঘ তরবারি। চাঁদের আলোতে ঝিলিক দিচ্ছে মাথার রাজউষ্ণীষ! লোকটা মুখ তুলে চাইতেই চাঁদের আলোতে দন্তকুমার মুহূর্তের মধ্যে চিনে ফেললেন তাকে। আরে এ তো সেই ক্ষীরধার! সরোবর তীরে যে হরণ করতে চেয়েছিল রাজকন্যা হেমমালাকে! মুহূর্তের মধ্যে তাঁর আগমনের অর্থ স্পষ্ট হয়ে গেল রাজকুমার দন্তকুমারের কাছে। দন্তকুমার আর কালক্ষেপ করলেন না। ধনুকে শেষ বাণ রচনা করে তা নিক্ষেপ করলেন ক্ষীরধারের উদ্দেশে। অব্যর্থ লক্ষ। তিরবিদ্ধ রাজা ক্ষীরধার দেওয়াল গাত্র থেকে ছিটকে পড়লেন মাটিতে। তাঁর দুই সঙ্গী ক্ষীরধারের দেহটাকে কোনও রকমে উঠিয়ে নিয়ে পলায়ন করতে লাগল। দন্তকুমার আর তাঁর সঙ্গীদের কাছে আর কোনও তির অবশিষ্ট না থাকাতে তাঁরা তাঁদের গতিরোধ করতে পারলেন না। ক্ষীরধারের দেহ নিয়ে তার সঙ্গীরা অদৃশ্য হয়ে গেল দন্তকুমারের দৃষ্টির বাইরে।
রাতের অন্ধকারে অস্মকরাজের দেহ বহন করে নগরীর বাইরে এসে থামল লোক দুজন। ক্ষীরধারের দেহ মাটিতে নামিয়ে রাখার পর তারা বুঝতে পারল যে দেহে আর প্রাণ নেই। যারা ক্ষীরধারের দেহ বহন করছিল তারা হলেন জৈন সন্ন্যাসী শম্বুকনাত ও মৃত রাজার ভ্রাতুষ্পুত্র কীচক। মৃত জ্যেষ্ঠতাতর মুখের দিকে তাকিয়ে সে বলল, ‘এবার কী হবে?’
ধূর্ত জৈন সন্ন্যাসী কিন্তু এ ঘটনাতেও বিচলিত হলেন না। তিনি বললেন, ‘কী আবার হবে? আপনার রাজ সিংহাসনের বসার পথ উন্মুক্ত হয়েছে। আপনি যদি আমার শর্তে রাজি হন তবে আমি সে ব্যবস্থা করতে পারি।’
কীচক তার জ্যেষ্ঠতাতর মতনই শঠ ও লোভী ব্যক্তি। সে আবার মল্ল রাজের ভাগ্নেও বটে। সে সঙ্গে সঙ্গে বলল, ‘কী শর্ত পালন করতে হবে বলো? তুমি যদি আমাকে রাজ সিংহাসনে বসাতে পারো তবে আমি তোমার সব শর্তেই রাজি।’
শম্বুকনাত বললেন, ‘আমরা সামান্য কয়েকজন সৈন্য নিয়ে এসেছিলাম বলে কলিঙ্গরাজ আমাদের পরাস্ত করতে পারলেন। তিনি যে ধনুর্ধর বাহিনী নিয়োগ করেছেন তা আমার জানা ছিল না। তবে বড় সৈন্য বাহিনীর বিপক্ষে দাঁড়ানো নিশ্চয়ই এই ধনুর্ধর বাহিনীর পক্ষে সম্ভব নয়। তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে, সিংহাসন লাভের পর অস্মক ও মল্লর সম্মিলিত বাহিনী নিয়ে দন্তপুর আক্রমণ করবে। ধ্বংস করতে হবে দন্তমন্দির, হত্যা করতে হবে রাজা গুহসীবকে, হরণ করতে হবে রাজকন্যাকে, প্রতিশোধ নিতে হবে অস্মকরাজের হত্যাকাণ্ডের। তরবারি স্পর্শ করে তুমি শপথ নাও।’
কীচক তরবারি স্পর্শ করে বলল, ‘আমি এই তরবারি স্পর্শ করে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমি রাজ্য লাভ করে দন্তনগরী ধ্বংস করব। এবার বলো কী ভাবে তুমি আমাকে সিংহাসনে বসাবে?’
জৈন সন্ন্যাসী এবার কীচককে অবাক করে দিয়ে মৃত অস্মকরাজ ক্ষীরধারের মাথা থেকে রাজমুকুট খুলে কীচকের মাথায় পরিয়ে দিয়ে বললেন, ‘অস্মক রাজ্যে ফিরে গিয়ে সবাইকে জানাতে হবে যে অস্মকরাজ ক্ষীরধার মৃত্যুর পূর্বে নিজ হাতে তার রাজমুকুট আপনার মাথায় পরিয়ে দিয়ে, সিংহাসনের উত্তরাধিকারী রূপে আপনাকে নির্বাচন করে গেছেন। এবং আমি সেই ঘটনার জীবন্ত সাক্ষী। এ কথা শোনার পর মৃত রাজার অন্য ভ্রাতুষ্পুত্র বা অন্য কেউ সিংহাসনের দাবী করতে পারবেন না। আজকে রাতে এই মুহূর্তর ঘটনার কথা আমরা দুজন ছাড়া আর কেউ কোনওদিন জানবে না।’
কীচকের মতো শঠ লোকও অবাক হয়ে গেল জ্যোতিষীরূপী শম্বুকনাতের ধূর্ত বুদ্ধি দেখে। শম্বুকনাত এরপর হেসে বললেন, ‘মহারাজ, এবার আমরা মৃত রাজার মৃতদেহ নিয়ে অস্মক রাজ্যের পথ ধরি।’
শম্বুকনাতের কথা মতোই ক্ষীরধারের মৃতদেহ উঠিয়ে নিয়ে এরপর অস্মকদেশে ফেরবার জন্য রওনা হলে নতুন রাজা কীচক।
পরদিন ভোরের আলো ফুটতেই দন্তমন্দিরে এসে উপস্থিত হলেন কলিঙ্গরাজ গুহসীব, প্রধান ভিক্ষু জেতবন ও অন্য ভিক্ষুরা। দন্তকুমার তাঁদের জানালেন ক্ষীরধারই রাজমুকুট ধারণ করে ফিরে এসেছিলেন দন্তমন্দির ধ্বংস করতে। দন্তকুমারের তির অস্মকরাজের হৃৎপিণ্ডে বিদ্ধ হয়েছে। তাঁর জীবিত থাকার সম্ভাবনা না থাকলেও জৈন সন্ন্যাসী শম্বুকনাত পলায়ন করতে সক্ষম হয়েছে। সমগ্র ঘটনা পর্যালোচনা করে উপস্থিত সবাই বুঝতে পারলেন অস্মকরাজ্যের সঙ্গে সংঘাতের নিষ্পত্তি এত দ্রুত সমাপ্ত হবে না। তারা নিশ্চয়ই আবার কলিঙ্গ রাজ্য আক্রমণের উদ্যোগ নেবে প্রতিশোধ গ্রহণ করার জন্য।
