3 of 4

১৩২. দিগ্‌গজগণকর্ত্তৃক বলিকৰ্ম্মবর্ণন

১৩২তম অধ্যায়

দিগ্‌গজগণকর্ত্তৃক বলিকৰ্ম্মবর্ণন

“হে যুধিষ্ঠির! অনন্তর সৰ্ব্বলোকপিতামহ ভগবান্ কমলযোনি ইন্দ্রাদি দেবগণকে সম্বোধন করিয়া কহিলেন, “হে সুরগণ! ঐ যে অবিদূরে [নিকটে] রসাতলবাসী তেজস্বী মহানাগ অবস্থান করিতেছে, উহার নাম রেণুক। যদি তোমাদিগের ধৰ্ম্মের নিগুঢ়তত্ত্ব পরিজ্ঞাত হইতে বাসনা থাকে, তাহা হইলে যেসমুদয় মহাবলপরাক্রান্ত মহাগজ শৈলকানন-সমাকীর্ণ পৃথিবী ধারণ করিতেছে তাহাদিগের নিকট রেণুককে প্রেরণ কর। রেণুক তাহাদের নিকট গমন করিলেই সমুদয় সূক্ষ্ম ধৰ্ম্ম অবগত হইয়া তোমাদের নিকট কীৰ্ত্তন করিতে সমর্থ হইবে, সন্দেহ নাই।

“ভগবান ব্রহ্মা এই কথা কহিলে, দেবগণ অবিলম্বে মহানাগ রেণুককে দিগ্‌গজদিগের নিকট প্রেরণ করিলেন। তখন রেণুক তাহাদিগের নিকট সমুপস্থিত হইয়া তাহাদিগকে সম্বোধনপূর্ব্বক কহিলেন, ‘হে মহাগজগণ! আমি দেবতা ও পিতৃগণের আজ্ঞানুসারে ধৰ্ম্মের নিগূঢ়তত্ত্ব শ্রবণ করিবার নিমিত্ত আপনাদিগের নিকট সমুপস্থিত হইয়াছি; অতএব আপনারা আমার নিকট উহা সবিস্তর কীৰ্ত্তন করুন।’

“তখন দিগ্‌গজগণ রেণুককে সম্বোধন করিয়া কহিল, ‘হে মহানাগ! কার্ত্তিকমাসের কৃষ্ণাষ্টমীতে অশ্লেষানক্ষত্রের যোগ হইলে দ্বেষ ও ক্রোধবিহীন হইয়া শ্রাদ্ধানুষ্ঠানপূর্ব্বক সায়ংকালে অনন্ত প্রভৃতি মহাবলপরাক্রান্ত অক্ষয় নাগসমুদয় ও তাহাদিগের বংশোদ্ভব ভুজঙ্গমগণ আমার বল ও তেজোবৃদ্ধির নিমিত্ত আমাকে বলি প্রদান করুন এবং ভগবান্ নারায়ণ পৃথিবীর উদ্ধারসময়ে যেরূপ বলশালী হইয়াছিলেন, আমারও সেইরূপ বললাভ হউক, এই বাক্য উচ্চারণ করিতে করিতে বল্মীকোপরি হস্তিপলাশপুষ্প, নীলবস্ত্র ও নীলানুলেপনের সহিত গুড়তণ্ডুল বলি প্রদান করা অবশ্য কর্ত্তব্য। এইরূপ কার্য্যের অনুষ্ঠান করিলে রসাতলবাসী ভূভারপীড়িত প্রাণীগণের নিতান্ত প্রীতিলাভ হয় এবং আমাদিগেরও ধরাধারণজনিত পরিশ্রম বিনষ্ট হয়। আমাদিগের মতে এপ্রকার বলিদানের তুল্য পরমধর্ম্ম আর নাই। কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, কি শূদ্র, যে যে কোন ব্যক্তি সংবৎসরকালে এইরূপে বলিপ্রদান করেন, তাঁহার ত্রিলোকবাসী মহাবলপরাক্রান্ত নাগসমুদয়ের শত বৎসর আতিথ্য করা হয়, তিনি অনায়াসে প্রভূত ধর্ম্মলাভ করিয়া থাকেন।

“মহানাগ রেণুক দিগ্‌গজদিগের মুখে এইরূপ ধৰ্ম্মোপদেশ শ্রবণ করিয়া দেবতা, পিতৃলোক ও ঋষিগণের নিকট গমনপূৰ্ব্বক উহা নিবেদন করিলে তাঁহারা উহার যথোচিত সৎকার করিতে লাগিলেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *