3 of 4

১০৯. উপবাসসহ দ্বাদশমাসিক বিষ্ণুপূজা

১০৯তম অধ্যায়

উপবাসসহ দ্বাদশমাসিক বিষ্ণুপূজা

যুধিষ্ঠির কহিলেন, “পিতামহ! সমুদয় উপবাসের মধ্যে যাহার ফল সর্ব্বাপেক্ষা শ্রেয়স্কর ও অসন্দিগ্ধ, আপনি এক্ষণে তাহার বিষয় কীৰ্ত্তন করুন।”

ভীষ্ম কহিলেন, “ধৰ্ম্মরাজ! পূর্ব্বে ভগবান স্বয়ম্ভু এই বিষয়ে যেরূপ কহিয়াছেন, যাহা অনুষ্ঠান করিলে পুরম সুখলাভ হয়, আমি তাহা কীৰ্ত্তন করিতেছি, শ্রবণ কর।

“যিনি অগ্রহায়ণমাসের দ্বাদশীতে উপবাস করিয়া দিবারাত্রি কৃষ্ণের কেশব নাম উল্লেখপূর্ব্বক অর্চ্চনা করেন, তিনি অশ্বমেধযজ্ঞের ফললাভ করিতে সমর্থ হয়েন এবং তাঁহার সমুদয় পাপ ধ্বংস হইয়া যায়। যিনি পৌষমাসের দ্বাদশীতে উপবাস করিয়া অহোরাত্র কৃষ্ণের নারায়ণ নাম উল্লেখপূর্ব্বক অর্চ্চনা করেন, তাঁহার বাজপেয়যজ্ঞের ফল ও পরমসিদ্ধিলাভ হয়। যিনি মাঘমাসের দ্বাদশীতে উপবাস করিয়া অহোরাত্র কৃষ্ণের মাধব নাম উল্লেখপূর্ব্বক অর্চ্চনা করেন, তিনি বাজপেয়যজ্ঞের ফললাভ ও আপনার কুল উদ্ধার করিতে সমর্থ হয়েন। যিনি ফাল্গুনমাসের দ্বাদশীতে উপবাস করিয়া অহোরাত্র কৃষ্ণের গোবিন্দ নাম উল্লেখপূর্ব্বক পূজা করেন, তাঁহার অতিরাত্রযজ্ঞের ফল ও সোমলোকলাভ হয়। যিনি চৈত্রমাসের দ্বাদশীতে উপবাস করিয়া অহোরাত্র কৃষ্ণের বিষ্ণু নাম উল্লেখপূর্ব্বক পূজা করেন, তাঁহার পৌণ্ডরীক্যযজ্ঞের ফললাভ ও দেবলোকলাভ হইয়া থাকে। যিনি বৈশাখমাসের দ্বাদশীতে উপবাস করিয়া অহোরাত্র কৃষ্ণের মধুসূদন নাম উল্লেখপূর্ব্বক অর্চ্চনা করেন, তাঁহার অগ্নিষ্টোমযজ্ঞের ফললাভ ও সোমলোকলাভ হয়। যিনি জ্যৈষ্ঠমাসের দ্বাদশীতে উপবাস করিয়া অহোরাত্র কৃষ্ণের ত্রিবিক্রম নাম উল্লেখপূর্ব্বক পূজা করেন, তিনি গোমেধযজ্ঞের ফললাভ ও অন্দরাদিগের সহিত বিহার করিতে সমর্থ হয়েন। যিনি আষাঢ়মাসের দ্বাদশীতে উপবাস করিয়া অহোরাত্র কৃষ্ণের বামন নাম উল্লেখপূর্ব্বক পূজা করেন, তিনি নরমেধযজ্ঞের ফললাড ও অলরাদিগের সহিত বিহার করিয়া থাকেন। যিনি শ্রাবণমাসের দ্বাদশীতে উপবাস করিয়া অহোরাত্ৰ কৃষ্ণের শ্রীধর নামে উল্লেখপূর্ব্বক পুজা করেন, তিনি পঞ্চজ্ঞের ফললাভ ওঁ বিমানে আনোহণপূর্ব্বক দেবলোকে গমন করিয়া থাকেন। যিনি ভাদ্রমাসের দ্বাদশীতে উপবাস করিয়া অহোৱাত্র কৃষ্ণের হৃষীকেশ নাম উল্লেখপূর্ব্বক পূজা করেন, তাঁহার সৌত্রামণিযজ্ঞের ফল ও পবিত্রতালাভ হয়। যিনি আশ্বিনমাসের দ্বাদশীতে উপবাস করিয়া অহোরাত্র কৃষ্ণের পদ্মনাভ নাম উল্লেখপূর্ব্বক অর্চ্চনা করেন, তাঁহার নিশ্চয়ই গোসহস্রদানের ফললাভ হয়। যিনি কার্ত্তিকমাসের দ্বাদশীতে উপবাস করিয়া অহোরাত্র কৃষ্ণের দামোদর নাম উল্লেখপূর্ব্বক পূজা করেন, তিনি সকল যজ্ঞের অতি পবিত্র ফললাভে সমর্থ হয়েন।

‘যিনি এইরূপে সংবৎসরকাল ভগবান্ পুণ্ডরীকাক্ষের আরাধনা করেন, তাঁহার জাতিস্মরত্ব ও প্রভূত সুবর্ণলাভ হয় এবং তিনি অনতিকালমধ্যে বিষ্ণুভাব পরিগ্রহ করিতে সমর্থ হয়েন। এই দ্বাদশ মাসিক বিষ্ণুপূজা সমাপ্ত হইলে ব্রাহ্মণভোজন করান অথবা ব্রাহ্মণগণকে ঘৃত প্রদান করা অবশ্য কর্ত্তব্য। ভগবান বিষ্ণু স্বয়ং কহিয়াছেন যে, এইরূপ নিয়মানুষ্ঠান অপেক্ষা উৎকৃষ্ট উপবাস আর কিছুই নাই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *