ভেন্ট্রিলোকুইস্ট – ৯

অধ্যায় ৯

“ডা: রুশদি,” রুমি দৃঢ় কণ্ঠে বলে ওঠে। “আপনি বেশ নিশ্চিন্ত হয়ে আমাদের সাথে খোশ গল্প করতে এসেছেন, কারণ আপনি জানেন যে আপনার তৈরি ডৌম থেকে কারো সাথে যোগাযোগ করা যায় না। কোন ফোন দেয়া যায় না, মেসেজ করা যায় না।”

শুনে আমি একটু অবাক হলাম। ব্যাপারটা তো খেয়াল করি নি!

“বেশ শক্তিশালী এক সিগন্যাল জ্যামার লাগিয়েছেন সেখানে। সবধরনের মোবাইল অপারেটরের সিগন্যাল জ্যাম করে রাখার জন্য, যাতে ভেতরে কেউ ঢুকতে পারলেও বাইরের সাথে যোগাযোগ না করতে পারে।”

সিগন্যাল জ্যামার? উন্নত দেশগুলোতে লাইব্রেরির মত নীরবতা বাঞ্ছনীয় এলাকায় এগুলো ব্যবহার হয় শুনেছি । রুশদির মুখ দেখে মনে হল তিনি কিছুটা বিভ্রান্ত। রুমি কি বলতে চায় অনুমান করার চেষ্টা করছেন।

“কিন্তু আপনি নিশ্চয়ই একটা ব্যাপার খেয়াল করেন নি। আমাদের মোবাইলগুলো একটু আধুনিক। আপনার পকেটে যে মডেলটা আছে দেখলাম, সেটাতে এসব অপশন নেই জানি, তাই সম্ভাবনা আছে সেসব সম্পর্কে হয়তো আপনি এখনো জানেন না। আপনার ডৌমে থাকতে আমি যে অপশনটা ব্যবহার করেছি সেটাকে বলা হয় মোবাইলের ইন্সট্যান্ট মেইল। যে ডকুমেন্টগুলো আমি পেয়েছি সেগুলোর হাই রেজুলেশন ফটো তোলার মত ক্যামেরা ছিল ওটাতে। আর হ্যাঁ, মেইলটা কোথা থেকে পাঠানো হচ্ছে তার জিপিএস জেনারেটেড পিনপয়েন্টেড-কারেক্ট লোকেশনটা ট্যাগড থাকে। আমাদের হাপিশ করে দেয়ার আগে একটা কথা ভেবে এগুবেন, মেইলটা কোন রাষ্ট্রায়ত্ত ইনভেস্টিগেশন ফার্মে পাঠানো হয় নি!”

“আমাকে বোকা বানানোর চেষ্টাটা ভালোই হচ্ছে!” রুশদি হেসে বলল। তোমার কি ধারণা আমি কিছু না বুঝেই সিগন্যাল জ্যামারটা লাগিয়েছি। মোবাইল ডিভাইস যে সিগন্যালে নেটের মাধ্যমে ডেটা পাঠায় সেটা ওটা দিয়ে ব্লকড। তোমার পাঠানো মেইলের রিসিভারের দীর্ঘজীবন কামনা করি । হয়তো কোন একদিন সে মেইলটা পেতেও পারে। অবশ্য ডিভাইসগুলো যদি অক্ষত থাকে ততদিন।”

“কিন্তু ওখানে ব্যবহারের জন্য আপনার এক শক্তিশালী ওয়াইফাই জোন ক্রিয়েটেড আছে!” রুমি নির্লিপ্ত গলায় বলল।

“তুমি বলতে চাইছো না যে সেটার পাসওয়ার্ডও তুমি ব্রেক করেছো!”

“অফকোর্স না। সেটার চেষ্টাও করি নি। ওয়াইফাই জোন যারা ক্রিয়েট করে রাখে তারা অনেকেই পাসওয়ার্ডের ঝামেলাটা করে না, অন্তত আউটসাইডাররা ব্যবহার করে তাদের ব্যান্ডউইথ খেয়ে নেবে এই টাইপ ছোটখাট চিন্তা তারা করে। তবে আপনি যেহেতু সিগন্যাল জ্যামার লাগিয়েছেন তার মানে আপনারটা পাসওয়ার্ড ছাড়া রাখবেন সেটা ভাবাটাই বোকামি। আর ওই পাসওয়ার্ড আপনার ব্যক্তিগত কিছু হওয়ার চান্সই বেশি, সেটা অনুমান করার মত পর্যাপ্ত ডেটা আমার হাতে ছিল না, তাই চেষ্টা করার প্রশ্নই আসে না। কিন্তু তারপরও আমি আমার ওয়াইফাই এনএবলড সেট দিয়ে মেইলটা পাঠাতে সক্ষম হই।”

রুশদির মুখ দেখে বোঝা গেল, কোন খেই পাচ্ছে না। আমিও বুঝে উঠতে পারছি না রুমি আসলে কী বলতে চায়।

“ডা: রুশদি, আপনার সিগন্যাল জ্যামার দিয়ে সব সিগন্যাল জ্যাম করা কিন্তু আপনি নিজে ব্যবহারের জন্য ওয়াইফাইয়ের সিগন্যালকে জ্যাম করে রাখেন নি। কারণ সেটা পাসওয়ার্ড দেয়া, তাই সেটা নিয়ে আপনার কোন ভয় ছিল না। এবং সেটাই ছিল আপনার সিস্টেম সিকিউরিটির একমাত্র উইক পয়েন্ট। আমি যখন আমার হ্যান্ডসেট দিয়ে মেইলটা পাঠানোর চেষ্টা করি, তখন ওটা মোবাইল অপারেটরের নেট না পেয়ে প্রথমে আপনার ওয়াইফাই সিগন্যালটা ব্যবহারের চেষ্টা করে। কিন্ত পাসওয়ার্ড দেয়া, সুতরাং বাদ। তবে সাথে সাথেই সেটা বিকল্প আরেকটা সিগন্যাল পেয়ে যায় আশেপাশের আর কোন ওয়াইফাই জোনের । এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, স্বভাবতই ব্যাপারটা অপ্রত্যাশিত নয় । এবং আগেই বলেছি দে ডোন্ট কেয়ার ইনাফ টু সেট আ পাসওয়ার্ড।”

বোঝাই যাচ্ছে রুশদি এমন কিছু আশা করে নি। মনে হল তার চোয়াল ঝুলে পড়েছে।

আমি সুযোগ পেয়ে বললাম, “আর শুনুন, আমাদের নিয়ে যদি আপনার প্ল্যানটা ফলান, তাহলে আপনি লুজারই হবেন। কারণ আপনার ডা: হারুন আমাদের চিনবে না। আমরা কারও কোন প্রজেক্টের জন্য এখানে আসি নাই। আমরা এসেছি আপনার একসময়কার শিষ্য শওকতের কথা ধরে ।

“শওকত দ্য ভেন্ট্রিলোকুইস্ট!” রুশদি যেন আকাশ থেকে পড়লো।

“জি, আমরা ওর কলেজ লাইফের বন্ধু।”

“বিশ্বাসঘাতক আর অকৃতজ্ঞ বন্ধু।”

“সেটা ভুল বোঝাবুঝি ছিল, তাছাড়া ওটা আমাদের ব্যাপার, আপনার তাতে কি এসে যায়?”

রুশদি কী বুঝলো নিজেই জানে। আমাদের মুখের সামনে এসে বলল, “তোমরা যেই হও না কেন, আমার অন্দরমহলে ঢুকবার পর তোমাদের সব ফ্যান্সি আইডিয়াগুলো ভুলে যাও। তোমাদের নিয়ে আমার প্ল্যান যদি চেঞ্জ করতে হয় মনে রেখ, সেটা ভাল কিছু হবে না।”

তারপর গটগট করে হেঁটে বেরিয়ে গেল দরজা দিয়ে । আমাদের জন্য কী অপেক্ষা করছে ঠিক বুঝতে পারছি না।

আঘাতপ্রাপ্ত বাঘ বেশি ভয়ংকর!

*

ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। কোথায় যেন টুংটাং আওয়াজ হচ্ছে। দু’হাত দূরের জিনিসও ভাল দেখা যাচ্ছে না, শুধু অনেক দূরে এক আলোক রেখা। সরে যাচ্ছে, আস্তে আস্তে। চারপাশে কেমন অস্থিরতা, অসংখ্য ছায়া। ছায়াগুলোও স্থির , মোমের শিখার মত কেঁপে কেঁপে চলছে, কোথায় কে জানে!

আলোটা লক্ষ্য করে এগুচ্ছি ।

কে যেন তাগিদ দেয়, “আলোটাকে চোখের আড়াল করো না। আরো দ্রুত, আড়াল হলেই পেছন থেকে ঘন অন্ধকার জাপটে ধরবে।”

শো শো একটা আওয়াজ হচ্ছে।

পথটা অদ্ভুত, বালি আর বালি। বালিতে পা দেবে যায়, জুততার ভিতর ঢুকে যায়। ছুটছি আর ছুটছি।

অন্ধকারটা জীবন্ত। পেছন পেছন ধেয়ে আসছে। মাঝে মাঝে ঝলকে উঠছে ওর ধারালো ফলা।

আলোটা আর নড়ছে না। চলে এলাম কাছাকাছি। আহা, আরেকটু

হঠাৎ আলোটা বড় হতে লাগলো। বড় হতে হতে গ্রাস করে ফেললো চারপাশ।

আলো আর আলো। রুক্ষ, খসখসে। কুৎসিত আলো। মুখ দিয়ে, চোখ দিয়ে খসখসে আলোটা ঢুকে যাচ্ছে দেহের ভিতর । ভীষণ কষ্ট ।

পাগলের মত পিছু হটতে থাকি। খানিকটা অন্ধকার দরকার । নরম, তরল অন্ধকার! আলোটা জাপটে ধরে থাকে, ছাড়বে না কিছুতেই। দুমড়ে, মুচড়ে সরতে থাকি। হাত-পা অবশ হয়ে আসে। মায়াময় অন্ধকার। ছুঁতে পারি না।

“উঠুন, মারুফ সাহেব!” একটা রিনরিনে চাপা নারী কণ্ঠ। কোথায় শুনেছি এ কণ্ঠ! চোখ খোলার চেষ্টা করি। খুলতেই তীব্র একটা যন্ত্রণা হয়।

“আলোটা!” হাত দিয়ে সরাতে ইশারা করি ।

আলোটা সরে যায়। অনেক কষ্টে চোখ খুলি। এত ভারি কেন চোখের পাতা।

আবছা অন্ধকার রুমটা ভেসে ওঠে । ত্রিকোণাকার সেই রুম। একমাত্র যে বাতিটা ছিল সেটাও নেভানো।

“জেগেছেন?” আবার সেই রিনরিনে কণ্ঠ । খুব কাছেই দাঁড়িয়ে আছে কেউ।

“কে?” ধাতস্থ হবার চেষ্টা করি।

জবাব পাওয়া যায় না। রুমিকে জাগানোর চেষ্টা করছে বুঝতে পারলাম। দু’জনেই ঘুমিয়ে পড়লাম কীভাবে। অজ্ঞান হইনি, সেটা হলে দুঃস্বপ্ন দেখতাম না। অপেক্ষা আর ক্ষুধা-তৃষ্ণায় দুর্বল হয়ে একসময়ে ঘুমিয়ে পড়েছিলাম। কতক্ষণ কেটে গেছে কে জানে!

রুমির কথা অনুযায়ী হাসানের চলে আসার কথা ছিল সাহায্য নিয়ে ইতিমধ্যে। মেইলটা ও হাসানকেই করেছিল। একমাত্র হাসানই বাইরের কেউ যে আমাদের পুরো ব্যাপারটা জানে, তাই অতি সংক্ষেপে হাসানকেই জানানো যুক্তিসঙ্গত ছিল। তবে ডা: রুশদির কতটা ক্ষমতা-সেটার পরিচয় যৎসামান্য পেয়েছি। তাই সে মেইলে কোন কাজ হবে সে ভরসাও করতে পারছিলাম না ।

রুমিটা জাগছে না। দীর্ঘসময়ের স্টার্ভেশনে শকে চলে যায় নি তো!

“কে আপনি?” আমি নারী মূর্তিকে উদ্দেশ্য করে বললাম।

“আপনাদের বাঁধন খুলে দিয়েছি, পালান।”

হাতের বাঁধন খোলা, টেরই পাইনি এতক্ষণ । “আপনি সেই নার্স !”

“শ শ…” মুখে আঙুল দিয়ে ইশারা করে আমাকে থামিয়ে দেন।

“কিন্তু কেন? আপনি রুশদির এমপ্লই না?”

আমার কথার জবাব না দিয়ে আলোটা ধরে রুমির চোখের কোটরের উপরের মার্জিনে বুড়ো আঙুল দিয়ে জোরে চাপ দেন। জ্ঞান ফেরানোর এটা একটা পদ্ধতি আমি জানতাম।

রুমি অস্ফুট শব্দ করে জেগে ওঠে।

“এত অন্ধকার কেন?” রুমি হতভম্বের মত ধীরে ধীরে বলে।

“লাইটটা আমি নিভিয়েছি ঢোকার সময়।”

নার্সের গলায় রুমি চমকে উঠলো। হাতের বাঁধন খোলা টের পাবার পর উঠে দাঁড়াল।

“মিস মিলি? আমাদের গাইড ছিলেন ঢুকবার সময়?” রুমি নার্সের নামটা মনে রেখেছে।

“হ্যাঁ, যতদ্রুত সম্ভব আপনাদের পালাতে হবে। একটা থকথকে মাংসপিণ্ডে পরিণত হতে যদি না চান!”

“আমাদের ধারণা ছিল আমরা আরো ভাল কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, সামথিং সাউন্ডস মিউজিকাল।”

“না না, সেটা বাদ। রুশদি বুঝে গেছে আপনারা ডা: হারুনের কেউ হন। তারচেয়েও বড় কথা ডা: হারুনের জন্য তিনি অনেক ভাল একটা অল্টারনেটিভও খুঁজে পেয়েছেন।”

“অল্টারনেটিভ! কে?”

“সেটা আপনাদের এখন মনে হয় জেনে কাজ নেই। তবে সে জন্য রুশদি আপনাদের ছেড়ে দেবে আশা করি সেটা ভেবে নেওয়ার মত বোকা আপনারা নন। আপনাদের সে আজই ব্যবহার করবে তার নতুন এক এক্সপেরিমেন্টে-সেন্ট্রিফিউগাল টেস্ট অব হিউম্যান বডি।”

“মানে?”

“এ রুমের পাশেই আরেকটা ত্রিকোণাকার রুম আছে। সেখানে অত্যাধুনিক একটি ও টি এর মত আছে। সেখানে আমার ঢুকবার এখনো সুযোগ হয় নি। আমি শুধু কন্ট্রোল প্যানেলের ক্যামেরায় রুমটা ঘন্টাদুয়েক আগে একবার দেখার চান্স পাই। সেখানে নতুন একটা চেম্বারের ফিনিশিং টাচ দিচ্ছিলো এখানকার মেকানিকাল ট্রুপস। ওটা আসলে একটা সেন্ট্রিফিউজ মেশিন। যার ভিতরের সিলিন্ডারগুলোতে কিছু রেখে মিনিটে কয়েক হাজার বার ঘুরানো যায়। তাতে সে সিলিন্ডারের কন্টেন্ট সেন্ট্রিফিউজড হয়ে যায়।”

“মানে? ব্লাড সেন্ট্রিফিউজের মত?”

“হ্যাঁ, আমরা ছোট সেন্ট্রিফিউজ মেশিনে ব্লাড নিয়ে যেটা করি ব্লাড সেলগুলোকে সেরাম থেকে আলাদা করার জন্য, সে-রকম কিছুই হয়তো করতে চাচ্ছেন। কিন্তু ডা: রুশদির এ মেশিনের সিলিন্ডার গুলো এতবড় যে একজন মানুষকে অনায়াসে সেখানে স্থান দেয়া যায়।”

শুনে আমি আঁতকে উঠি। থকথকে মাংসপিণ্ড বলতে খানিক আগে মিলি কী বুঝাতে চেয়েছেন আমি বুঝে ফেললাম।”

‘তোমাদের নিয়ে আমার প্ল্যান যদি চেঞ্জ করতে হয় মনে রেখ, সেটা ভাল কিছু হবে না। রুশদির শেষ কথাটা মনে পড়লো ।।

“আমাদের বাঁচাতে আসলেন কেন? আপনার এতে রিস্ক নেই?” রুমি জিজ্ঞেস করলো।

“বোঝাই যাচ্ছে আপনাদের কেউ একজন কেন বাঁচাতে এসেছে এটাই সবচেয়ে বড় সমস্যা এখন। তারচেয়ে আমি যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের হাতে আমি একটা ব্যাগ দিয়ে দিচ্ছি, সেখানে একটা নাম্বার পাবেন। আপনারা যদি বেঁচে ফিরতে পারেন, তাহলে গুনে গুনে তিনটা কল করবেন ঠিক এক মিনিট বিরতি দিয়ে দিয়ে । কোনটারই উত্তর আশা করবেন। পরবর্তীতে আপনার সে নাম্বারে ফোন করে পুরো ব্যাপারটা আমি জানিয়ে দেব।”

একটা কাপড়ের ব্যাগ আমার হাতে ধরিয়ে দিলেন তিনি।

“পুরো জায়গাটা সিসি ক্যামেরা দিয়ে কাভার করা। এবং সেসব ক্যামেরা অপারেট করছে যে সে ঘুমিয়ে থাকলেও আমাদের বিপদের সম্ভাবনা আছে। কারণ ক্যামেরায় সেন্সর লাগানো। মুভমেন্ট-অ্যালার্ম সেট করে দেয়ার পরে কোন মুভমেন্ট হলেই তা ক্যামেরায় ধরা পড়ে, এবং একটা অ্যালার্ম হিসেবে যায়। সুতরাং আমাদের প্রতিটা পা ফেলতে হবে সাবধানে। নির্দিষ্ট একটা পথই আছে যেটা ক্যামেরার আওতার বাইরে।”

“এত সতর্কতা! মনে হচ্ছে আমরা ইউএসের পেন্টাগনের ভেতরে আছি।”

আমার কথায় মিলি হেসে ফেললেন। এই পরিস্থিতিতে হাসিটা অস্বাভাবিক লাগলো।

“স্যরি, কিন্তু কাকতালীয় ব্যাপার হল এ জায়গাটার নাম রুশদি নিজেই দিয়েছে পেন্টাজোন। হয়তো আপনার মত তার মনেও এই কথা ছিল বলেই সে এমন নাম দিয়েছে।”

“পেন্টাজোন?” অবাক হয়ে গেলাম।

“নামকরণের ব্যাপারটা দেখলেই বুঝবেন, তো আপনাদের যেটা করতে হবে সেটা বলি। আমরা এ রুম থেকে বের হলেই দেখবো বিশাল একটা কনফারেন্স রুম।”

“অকুলাসের মত? হাসপাতালের ভিতরে একটা সেমিনার রুম ছিল।”

“সেটার চেয়েও বেশ বড়!”

“কি বলছেন?!”

“ধৈর্য ধরুন, নিজ চোখেই দেখতে পাবেন। এর বড়ত্বের কারণেই আমরা সুবিধাটা পাব। এই রুমের নির্দিষ্ট একটা জায়গা আছে যেটাকে সিসি ক্যামেরা রিচ করে না। আমরা ঠিক আরেকটা সুবিধা পুলির মোশন অ্যালার্ম এর জন্য।”

“সুবিধা?” “হ্যাঁ, মোশন অ্যালার্মের জন্য অপারেটিং রুমের অপারেটর অ্যালার্ম চালু করে দেয়ার পর স্ক্রিনে আর চোখ রাখার প্রয়োজন বোধ করে না। সে বসে বসে সোশ্যাল নেটওয়ার্কিং করে নয়তো শেয়ারবাজারের খোঁজখবরে ব্যস্ত হয়ে পড়ে, এমনকি ঘুমিয়ে পড়ে। তাই আমি যখন এ ঘরের মোশন সেন্সর অ্যালার্ম বন্ধ করার জন্য রুমের লাইট নিভিয়ে রুমে ঢুকেছি সেটা নিশ্চয়ই সে খেয়ালই করেনি।”

“আলোটা? যেটা চোখে মেরেছেন?”

“ওটা চোখের রিফ্লেক্স টেস্টের জন্য পেন লাইটের আলো। সেটা ক্যামেরার ফোকাসে আসে না। যেটা বলছিলাম, আমরা দরজা খুলে পেন্টাজোনের কনফারেন্স রুমে ঢুকে যাবো। সেটার ঠিক আমি যে জায়গাটা দিয়ে যাব আপনারা ঠিক সেখান দিয়েই যাবেন।”

মিলির পিছু পিছু আমরা সন্তর্পণে রওনা দেই। ত্রিকোণাকার রুমটার একটা কোণের মধ্যে ছিলাম আমরা এতক্ষণ। যে দেয়ালটায় দরজাটা রয়েছে তার ঠিক বিপরীত কোণে। ত্রিকোণ হওয়ায় রুমের আয়তন নিয়ে একধরনের বিভ্রম তৈরি হয়। রুমটা এত বিশাল সেটা ধরা পড়ে না। অন্ধকারটা খুব বেশি নিকষ কালো। মিলি তার পেন লাইটটা একটু সামনে থেকে জ্বেলে আবার বন্ধ করে দিচ্ছে। যাতে আমরা পথ বুঝতে পারি । একসময় দরজার কাছাকাছি এসে পড়লাম।

মিলি বললেন, “এবার দেখুন আপনাদের পেন্টাজোন।”

পাল্লাটা টান দিতেই আমরা হাঁ হয়ে গেলাম। “এটা কি?”

নিজের চোখকে বিশ্বাস করাটা খুব বেশি অবাস্তব মনে হল।

“ইমপসিবল!” রুমি বিস্ময়ের সাথে বলল ।।

আমাদের সামনে যে জায়গাটা সেটার আকৃতি দেখে মনে হয় এটা নিশ্চয়ই তৈরি হয়েছে ফুটবল বা এ জাতীয় কিছু খেলার জন্য। একটা বিশাল হলরুম! ছাদ থেকে মৃদু একটা আলোতে পুরো হলরুমটা সামান্য আলোকিত। তাতে আবছা একটু আলো আঁধারি পরিবেশ তৈরি হয়েছে। মেঝের ঝকঝকে সাদা টাইলসগুলো মৃদু আলোতেও জ্বলজ্বল করছে। প্রথমে মনে হচ্ছিল হলরুমটা গোলাকার, চোখ সয়ে যেতে বুঝলাম আসলে পাঁচটা বই দেয়াল। পুরো জায়গাটাই অস্বাভাবিক এখন বুঝলাম । আগের রুমে ছি তিন দেয়াল। আর এখন এই জায়ান্ট রুমটা পাঁচ দেয়ালের।

এরকম একটা জায়গা দিয়ে কী করছে রুশদি, রুশদিকে নিয়ে ভয়টা আবার জেঁকে বসল মনে । মানুষ বিশালত্বের কাছে অসহায় বোধ করে। সেজন্যই হয়তো।

মিলি বললেন, “আমি এর আগে একবারই ঢুকতে পেরেছিলাম এখানে। সব লাইট যখন জ্বালানো হয়, তখন চেহারাই পাল্টে যায়।”

রুমি মনে হল এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। বিড়বিড় করে কী যেন বলছে।

মিলি বললেন, “চলুন!”

রুমি তারপরও ঠায় দাড়িয়ে রইলো, কী যেন হিসাব মেলানোর চেষ্টা করছে। “এটা তো আন্ডারগ্রাউন্ড, তাই না । উপরে এর কয়তলা বলতে পারেন?”

মিলি মনে হল ওর প্রশ্নে অবাক হলেন। “কেন আপনারা এখনো জানেন। এটা তো হসপিটালেরই নিচে।”

“তারমানে পাঁচতলা মাত্র!”

“নিশ্চয়ই।”

“কিন্তু এই স্ট্রাকচার ব্যবহৃত হয় মূলত স্কাইস্ক্র্যাপার তৈরির জন্য।”

“স্কাইস্ক্র্যাপার? বহুতল ভবন?” আমি অবাক হয়ে গেলাম।

“নিশ্চয়ই, মিনিমাম ৪০ ফ্লোরের বহুতল ভবনের জন্য এই স্ট্রাকচার ব্যবহৃত হত একসময় কিংবা আরো বেশি। এটাকে বলে টিউব স্ট্রাকচার।”

“টিউব”

‘আমার কাছে তাই মনে হচ্ছে। এই স্ট্রাকচার আমাদের দেশে দেখবো সেটার আশা আমার বহুদিনের। কিন্তু রুশদির এখানে দেখে সন্তুষ্ট হতে পারলাম ।”

“তোর সাবজেক্ট আমি যদুর জানি মাস-কমিউনিকেশন, আর্কিটেকচার নয়!” আমি বিরক্ত হয়ে বললাম। “এটা বোঝার জন্য আর্কিটেক্ট হতে হয় না। এটা হাই রাইজ স্ট্রাকচারের জন্য বেসিক ডিজাইন। ন্যাশনাল জিওগ্রাফিকের মেগাস্ট্রাকচারের কয়েকটা পর্ব দেখলেই বোঝা যায়। তাছাড়া আমার সাপ্লিমেন্ট পাতার জন্য কয়েকটা আর্টিকেল লিখতে হয়েছিল মডার্ন আর্কিটেকচার নিয়ে। লতিফ যে সিরিজটা শুরু করেছিল ওর ফাঁকিবাজির কারণে যেটা আমাকেই পরে শেষ করতে হয়েছে। সেটার জন্য বেশ খাটনি করতে হয়েছে সেসময়।”

লতিফ আমাদের আর্কিটেক্ট বন্ধু ।

“তবে এটা বহুতল ভবন ছাড়াও আরেকটা উদ্দেশ্যে ব্যবহৃত হয়, সেটা হল অনেক বড় ফ্লোর স্পেসের জন্যে। এই রুমের সবচেয়ে অস্বাভাবিক ব্যাপারটা কি?”

“বিশালত্ব!” আমি বললাম।

“গুড অ্যানসার। রুমটা অনেক বড় মনে হচ্ছে কারণ হল পুরো রুমটার মাঝখানে কোন পিলার নেই। কনভেনশন হলের জন্য যে-রকম দরকার পড়ে। আর যেহেতু এটা শুধুমাত্র কনভেনশন হল না, উপরেও ফ্লোর আছে, তারমানে প্রচলিত পোস্ট অ্যান্ড লিনটেল স্ট্রাকচারে তৈরি হয় নি এটা।”

“পোস্ট অ্যান্ড হোয়াট?”

“আর্কিটেকচারের ভাষায় সেটা, অন্যদের কাছে বিম-কলাম স্ট্রাকচার। আসল কথা হল, এ রুমের অস্বাভাবিক বড় ফ্লোর স্পেসের জন্য আমার মনে হচ্ছে এটা হল-টিউব স্ট্রাকচার! পৃথিবীর অধিকাংশ দেশে হাই রাইজ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হওয়া যে স্ট্রাকচারটা আমাদের দেশেই থাকা উচিত ছিল সবার আগে!”

“মানে?”

মানে হল, টিউব স্ট্রাকচার, যার কারণে পুরো পৃথিবীতে খুব সহজে হাই রাইজ আর বিশাল ফ্লোরস্পেসের স্ট্রাকচার নির্মাণ হচ্ছে সেটা ডেভেলপ করেছেন আমাদের দেশেরই আর্কিটেক্ট এফ আর খান। ফাদার অব টিউবুলার ডিজাইন ফর হাই রাইজ স্ট্রাকচার!”

এফ আর খান মানে আর্কিটেক্ট ফজলুর রহমান খান। তার নাম আমি শুনেছি। সিয়ার্স টাওয়ার, যেটা বহু বছর ধরে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা ছিল সেটা তার ডিজাইনে তৈরি হয়েছিল।

মিলি তাড়া লাগালেন। কথা বলার সময় এটা নয়।

আমার ধারণা ছিল মিলি বোধহয় দেয়াল ঘেঁষে এগুবেন। তার বদলে তিনি নাক বরাবর হাঁটা শুরু করলেন, একেবারে মাঝখান দিয়ে।

“মিলি, আপনি শিওর এখানে ক্যামেরার কাভারেজ নেই।” স্বর নিচু করে আমি জিজ্ঞেস করলাম।

“নিশ্চয়ই। আপনারা একদম সোজা হেঁটে আসুন আমার মত।”

এ রুমটার চারদিকে প্রায় ৫-৬টা ক্যামেরা বসানো। মোশন সেন্সরড ক্যামেরা, অথচ আমরা একেবারে রুমের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। এরকম ঠিক মাঝখানটাতে ক্যামেরাগুলোর কোন কাভারেজ নেই ব্যাপারটা অবিশ্বাস্য।

মানুষের বড় একটি দুর্বলতা, সহজ করে ভাবতে না পারা! সেটাকেই কাজে লাগিয়েছে এখানকার সিকিউরিটি এক্সপার্ট ।।

পুরো রুমটা সাবধানে পার হতে মিনিট দুয়েক সময় লাগলো যেকোন সময় একটা তীক্ষ্ণ অ্যালার্ম বেজে উঠবে সে আশঙ্কায় মনে হচ্ছে যেন পথটুকু প্রায় নিঃশ্বাস আটকে পার হয়েছি। রুমের স্ট্রাকচারে অধিকারও মুগ্ধ হলাম ঠিক মাঝখানে যখন দাঁড়িয়ে ছিলাম। জায়গাটা পার্থিব-মন্ত্রে হয় না। আমাদের চেনা জগতের সাথে কোথায় যেন অমিল। হালকা আলো, বিশালত্ব আর পঞ্চভুজী এ হল রুমে এক অপার্থিব সৌন্দর্য রয়েছে। প্রচলিত চার দেয়ালে অভ্যস্ত আমাদের কাছে বিসদৃশ লাগবার কথা ছিল, অথচ মনে হচ্ছে এটাই সবচেয়ে মানানসই সবচেয়ে মানানসই।

কেন মনে হল জানি না। এরকম স্ট্রাকচার কি আগে কোথাও দেখেছি? দেয়ালগুলোর ঠিক মাঝখানে একটা করে দরজা। ভালমত খেয়াল না করলে বোঝা যায় না। এমন একটা দরজা দিয়ে আমরা বের হয়ে এ রুমটায় এসেছি। বাকি রুমগুলোতে কি আছে? ভীষণ আগ্রহ হচ্ছে জানার। তবে এতক্ষণ পর্যন্ত রুশদিকে যতটা চিনেছি, তাতে অন্তত জানি সে আগ্রহ পূরণ করার মত বিপজ্জনক কাজ আর হয় না।

বিশাল একটা স্ক্রিনের সামনে চলে এলাম আমরা। প্রজেক্টরের স্ক্রিন কি? একটা দেয়াল প্রায় ঢাকা এটা দিয়ে। মিলি হামাগুড়ি দিয়ে ওপাশে চলে গেলেন স্ক্রিনের নিচ দিয়ে। আমরাও একই কাজ করলাম। পেছনে পৌঁছে সে দেয়ালের দরজার কাছে চলে এলাম।

মিলি বললেন, “প্রস্তুত হয়ে নিন আবারো অন্ধকারের জন্য। এটা একটা অপারেশন থিয়েটার।”

অপারেশন থিয়েটার? ভিভিসেকশন কি এখানেই হয়েছে? মনে মনে বললাম আমি। এরকম ভূগর্ভস্থ একটা ওটি তে যা ইচ্ছা তাই ঘটতে পারে। কিংবা হয়তো ঘটে বলেই এরকম জায়গায় অবস্থান এটার। আমরা ঢুকে যাই রুমের ভেতর।

খানিকক্ষণ সময় লাগলো চোখ অভ্যস্ত হতে। আমরা যে রুমে বন্দি ছিলাম সেটার চেয়ে কিছুটা কম অন্ধকার এখানে। কারণটা একটু পরে বুঝলাম। রুমটা নানা ধরনের ভারি ভারি মেশিন, ইলেকট্রিক ডিভাইসে ভরপুর, কয়েকটা মনে হল টিভি বা অন্যকোথাও দেখেছি ওটি ইন্সট্রুমেন্ট হিসেবে। সেগুলোর রিডিং ডিসপ্লে থেকে যে আলোকচ্ছটা বেরোচ্ছে তাতেই রুমের অন্ধকার কিছুটা হালকা হয়েছে। রুমের ভিতরটা একেবারে জমে যাওয়ার মত ঠান্ডা। শরীরে কাঁপন ধরে গেল কিছুক্ষণের মধ্যেই।

রুমি বলল, “এ রুমটাও ত্রিকোণাকার, তাই না?”

মিলি বললেন, “হ্যাঁ!”

“তারমানে বাকি যে তিনটা রুম আছে প্রত্যেকটাই একই রকম!”

“সেটা বলতে পারছি না। আমার সৌভাগ্য হয় নি এখনো সেগুলোতে প্রবেশের।”

মিলি ওটি বেডটা টানদিয়ে রুমের একটা কোণে নিয়ে এলেন। আমরাও হাত লাগালাম। তারপর সেটার পাশের কোন এক লিভারে ধরে টান দিতেই বেডটা আরো একহাত উঁচু হয়ে গেল।

“এবার মনোযোগ দিয়ে শুনুন।” মিলি হাঁফ ছেড়ে বললেন। “আপনাদের পালাতে হবে এই ড্রপ সিলিং দিয়ে”

“কি বলছেন?”

“…যদি বাঁচতে চান । বাক্যের পরের অংশ এটা।”

রুমি তাকিয়ে কিছুক্ষণ হিসেব করলো। “আমাদের আগের রুমেও এ ধরনের সিলিং ছিল।”

“সেটা দিয়ে আপনারা বের হতে পারতেন না। এ রুমেরটা দিয়েই শুধুমাত্র এক্সিটে যাওয়া সম্ভব।”

“এখন ঠিক কতো বাজে?”

মিলি তার ঘড়ি দেখলেন, “ভোর হতে আর দু’ঘন্টা বাকি । আশা করছি তার আগেই আপনারা বের হয়ে যেতে পারবেন।”

“এটার এক্সিটটা কোথায়”

“এক্সিটটা হসপিটাল এরিয়ার ভিতরেই। ঠিক পেছনে। ভবনের একদম শেষ মাথায় একটা ব্লকড গ্রিলড ডোর পাবেন, ব্যাগে ইন্সট্রুমেন্ট দেয়া আছে। সেসব দিয়ে ওপেন করে আপনাদের বেরোতে হবে। বের হলেই দেখতে পাবেন বাম পাশে কন্সট্রাকশনের কাজ চলছে নতুন এক ভবনের। আপনারা ডান পাশ দিয়ে হেঁটে চলে যাবেন। আর যদি দেখেন ডান দিকে মানুষ আছে তবে সহজ ভঙ্গিতে কনস্ট্রাকশন যেখানে চলছে সেখানে গিয়ে লুকিয়ে থাকবেন কিংবা কাজে হাত লাগাবেন।”

“কনস্ট্রাকশনের কাজে?”

“ভাববেন না, ওখানে যারা কাজ করছে আশা করি তারা কেউ ধরতে পারবে। অবশ্য এসব কিছুই দরকার হবে না, যদি আপনারা ভোর হওয়ার আগেই বেরিয়ে যেতে পারেন।”

একটা ছোট ব্যাগ এগিয়ে দিলেন নার্স। সেখান থেকে একটা কাগজ বের করে আমাদের হাতে দিলেন, “ফলস সিলিংয়ের ব্যাপারে আশা করি আপনাদের আইডিয়া আমার চেয়ে ভাল আছে। আর এ কাগজটায় একটা ডায়াগ্রাম আছে। এটা আমি নিজে দেখি নি। জাস্ট প্রিন্ট করে নিয়ে এসেছি। এটা ধরে এগুলে আশা করি সহজেই বের হয়ে যেতে পারবেন। সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি চলে যান।”

রুমি বেডের উপর দাঁড়িয়ে সিলিংয়ে জোরে চাপ দিতেই একটা টাইলস খুলে এলো, উপরের স্পেসটা দেখলাম টর্চ ধরতেই। বেশ বড় জায়গা উপরে। অসংখ্য পাইপ, ইলেকট্রিক তার দেখা যাচ্ছে। দেখেই আমার গলা শুকিয়ে এলো, এর মধ্য দিয়ে যেতে হবে!

আমি মিলির দিকে ফিরে বললাম, “কিন্তু বিনু আমার বোন?”

“ওকে নিয়ে ভাববেন না। ও নিরাপদেই থাকবে।” আমি মিলির চোখের দিকে খানিকক্ষণ চেয়ে রইলাম।

“রুশদি জানতেই পারে নি ও আপনার বোন।” আবার বললেন তিনি।

আমি দীর্ঘশ্বাস ফেললাম।

রুমি তাড়া লাগালো, “উই গট নো আদার অপশন নাও।”

“আর ব্যাগটাতে দুটো রেইনকোট আছে।” মিলি যোগ করলেন।

“বাইরে বৃষ্টি হচ্ছে?”

“হচ্ছিল, এখনো হচ্ছে কিনা জানি না, কাজে লাগতে পারে।”

“মিস মিলি, থ্যাংকস!”

মিলি কোন জবাব দিলেন না।

রুমি সিলিংয়ে উঠে গেল। আমিও উঠে যাওয়ার চেষ্টা করলাম। সিলিংয়ের টাইলসটা আগের জায়গায় বসাবার আগ মুহূর্তে আমি নিচে দাঁড়িয়ে থাকা মিলিকে আবার বললাম, “আমার বোনটাকে দেখবেন, প্লিজ।”

“আপনি ভাববেন না, আপনাদের যাত্রা শুভ হোক।”

“আপনিও ভাল থাকবেন।”

মিলি ওটি বেড় ধরে আগের জায়গায় নেয়া শুরু করলেন। আমাদের দিকে না ফিরে বললেন,

“এই শুভকামনাটা এখন খুব দরকার আমার!” যথেষ্ট রিস্ক নিয়েই তিনি আমাদের সাহায্য করলেন-সেটা বলার অপেক্ষা রাখে না।

রুমি টর্চ নিয়ে সামনে এগিয়ে চললো।

“টাইলসে ভর দিস না । পাশের স্টিলের পাতে হাত দিয়ে দিয়ে এগোবি।” রুমি সাবধান করে আমাকে। ধীরে ধীরে এগোতে থাকি। সামনে যেন অন্ধকার গহ্বর। সে গহ্বরের শেষ কোথায় আমরা জানি না। ভুল পথে এগোলে আটকে যেতে পারি, জ্যান্ত কবর হয়ে যেতে পারি কিংবা ভেন্ট্রিলেশনের সমস্যার কারণে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এক দৃঢ়তা নিয়ে আমরা এগোতে থাকি। আমাদের বের হতেই হবে। উদ্ধার করতে হবে রুনুকে, আমার বোনকে, পিশাচ রুশদির কবল থেকে বাঁচাতে হবে অসংখ্য নিরীহ মানুষকে।

হঠাৎ রুমি থেমে বলল, “হসপিটালটার সামনের দিকটা কোনদিক মুখী? মনে আছে?”

“উম, মোস্ট প্রবাবলি নর্থ-ফেসড।” আমি পাশ থেকে জবাব দিলাম। দু’জন পাশাপাশি চলার মত স্পেস রয়েছে এখানটায়।

“আমার হাতে যে এক্সিটটার ম্যাপ আছে সেটাতে দিক আঁকা নেই, বড় কোন ডায়াগ্রামের অংশবিশেষ সেজন্য হয়তো। কিন্তু আমরা যে ত্রিকোণাকার রুমের উপর আছি সেটার অবস্থান এখানে বোঝা যাচ্ছে। এ রুমের দরজার বিপরীতের যে কোণটা আছে ঠিক সেখানটা বরাবর আমাদের এক্সিটটা। যদিও সেখানে পৌঁছতে যথেষ্ট ঝামেলা করতে হবে বলেই মনে হচ্ছে। তবে কথা হল মিস মিলি যেহেতু বলেছেন এটা হসপিটালের পেছনটাতে, তার মানে নিশ্চয়ই এটা কোন সাউথফেসড-এক্সিট!”

“তো? কি বলতে চাচ্ছিস?” আমি হামাগুড়ি দেয়া থামিয়ে অবাক হয়ে ওর দিকে তাকালাম।

“তারমানে আমাদের নিচের রুমটা একটা ত্রিকোণাকার রুম। যার একটা কোণ পুরোপুরি সাউথফেসড ।

“কনগ্রাচুলেশনস? আর কিছু?” আমি বিরক্তি চেপে জিজ্ঞেস করলাম ।

“আর সেটার বেসে একটা পাঁচ দেয়াল বিশিষ্ট এক হলরুম। মানে পাঁচবাহু বিশিষ্ট এক পঞ্চভুজ। যার প্রতিবাহুকে বেস ধরে পাঁচটা ত্রিকোণাকার রুম বানানো । একটা পেন্টাগনের পাঁচবাহুতে পাঁচটা ত্রিভুজ। কি মনে হচ্ছে?”

“ও গড!” হঠাৎ পুরো ব্যাপারটা আমি বুঝে গেলাম। ইটস আ পেন্টাগ্রাম। একটা পেন্টাজোন বিশাল তারকা!”

“হ্যাঁ। এবং যার একটা কোণ দক্ষিণমুখী। তারমানে ম্যাপে আঁকা হলে স্যাটানিক পেন্টাগ্রাম। ম্যাপে সাউথ সবসময় নিচে থাকে। স্যাটানিক পেন্টাগ্রামেও তারকার একটা কোণ নিচে থাকে!”

তারপর খানিকটা থেমে বলল “খুব দ্রুত বের হতে হবে আমাদের!” রুমির গলাটা ভীত না উত্তেজিত বুঝতে কষ্ট হল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *