অধায় ৩
রুমি সে রাতটা আমার বাসায়ই থেকে গেল, শো থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিল। রাতের খাবার খেতে বসার আগ পর্যন্ত ও কোন কথাই বলল, কী যেন হিসেব মিলাচ্ছে মনে হল। খাবার টেবিলে আমাকে বলল,
“তোকে হাসান কী বলেছিল না ফোনে গতকাল, রিপিট করতে শুনি।”
শুনে টুনে ও বলল, “এখন তো রাত প্রায় ১১টা, হাসান নিশ্চয়ই ঘুমিয়ে পড়ে নি।”
“কথা বলতে চাস? ঘুমিয়ে পড়ার তো কথা না, ও তো শুনেছি সারা-রাতই জেগে থাকে, কী যেন থিসিস করছে।”
“ও না ফিজিক্সের লেকচারার?”
“হ্যাঁ, কিন্তু থিসিস করার জন্য এখন মাস দুয়েকের ছুটিতে আছে, সারাদিন সেটা নিয়েই থাকে। দাঁড়া তোকে ধরিয়ে দিচ্ছি।”
আমি ফোনে চেষ্টা করতেই লাইন পেয়ে গেলাম, রুমিকে দিলাম। রুমি লাউডস্পিকারে দিয়ে দিল যাতে আমিও শুনি।
রুমি হাসানকে বলল, “আচ্ছা, শওকতের সুঁই এর সাথে আত্মা নিয়ে যে ঘটনা ঘটেছিল সেটা আবার বল।”
হাসান বেশ অবাক হল মনে হল। বলল, “ওই হাস্যকর ব্যাপারটা নিয়ে তোরা মাথা ঘামাচ্ছিস কেন বুঝলাম না।”
“দয়া করে প্রশ্ন করিস না, তুই জাস্ট রিপিট কর।”
আমিও বুঝলাম না রুমির ওই ব্যাপারে এত আগ্রহ কেন। ইতিমধ্যে আমার কাছ থেকে ও ব্যাপারটা একবার শুনে ফেলেছে।
“শওকতের যে সময়ের ঘটনাটা বললি সে সময় ও কি অস্বাভাবিক কারো সাথে মিশতো?”
“আমার তো তেমন কাউকে চোখে পড়ে নি, তবে ওর নাড়ি-নক্ষত্র তো জানি। আমাদের চোখের আড়ালে কারো সাথে মিশতো কি মা কে জানে। আসলে আমাদেরও তখন মনে হতো ও কারো পাল্লায় পড়েছে।
রুমি বলল, “আরেকটু মনে করার চেষ্টা কর। ধর কোন ইন্টেলেকচুয়াল কেউ কিংবা মেডিকেল পারসন টাইপ কেউ।”
খানিকটা সময় নিল হাসান। তারপর বেশ উচ্ছ্বাসের সাথে বলল, “হুম, মেডিকেল পারসন একজন আছে। সে সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সের এক নতুন ডাক্তারের সাথে ওর কিছুটা খাতির ছিল।”
রুমি বলল, “ঘটনাটা খুলে বলতো ভালো করে মনে করে।”
“কলেজের ফার্স্ট ইয়ারের দিকে হবে, সে সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এক ডাক্তার আসে। লোকটাকে কয়েকদিন দেখেছিলাম-বেশ সৌম্য দর্শন ছিল, এলাকায় ভাল ডাক্তার বলতে তখন সে-ই। মফস্বলে তো ভাল ডাক্তার থাকে না । বেশ হাত-যশ ছিল তার। কয়েকদিনের মধ্যেই নাম ছড়িয়ে পড়লো আমাদের এলাকায়।
একদিন গাছ থেকে পড়ে শওকতের পাঁজরের হাঁড় ভেঙে যায়, আমরা ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাই। এমন চিৎকার করছিলো যেন মরে যাচ্ছে। হাসপাতাল হলে কী হবে, এখানে অনেক চিকিৎসাই হয় না, হাঁড়-ভাঙার জন্য জেলা সদরে যেতে হয়। সেই ডাক্তার এসে প্রথমে শওকতকে এমন জোর গলায় ধমক দিল যে মুহূর্তে ওর চিৎকার বন্ধ হয়ে গেল। তারপর ভাঙা জায়গায় হাত রেখে বলল-যা, ভাল হয়ে যাবি, এটা নিয়ে ভাবিস না। তবে কটা দিন বেশি নড়িস না। সে কিছুই করলো না, প্লাস্টার বা ব্যান্ডেজ কোনটাই না । কিছুদিন বাদে আসলেই শওকত পুরো ভাল হয়ে গেল।
এরপর থেকে শুনতাম শওকত প্রায়ই সেই ডাক্তারের কাছে গিয়ে পড়ে থাকতো, তার কাজে-কর্মে হেল্প করতো। কৃতজ্ঞতা থেকে না ডাক্তারটাই ওকে যেতে বলতো সেটা জানি না। তবে একদিন ও আমাদের বলল, ওই ডাক্তার ওর আধ্যাত্মিকতার দীক্ষা শুরু। জগৎ সম্পর্কে অনেক কিছুই ও জানতো না যা তার মাধ্যমে ও জেনেছে। সেগুলো অবশ্য কী সেটা কোনদিন মুখ ফুটে বলে নি। ওই লোকটাই ওর মাথা নষ্ট করেছে কিনা কে জানে।”
হাসানের কাছ থেকে আবার শুনে রুমি বলল, “আচ্ছা, সেই সুইটার সাইজ তোর মনে আছে?”
“হুম, সবচেয়ে ছোট সাইজের সুঁই, ঘরে বসে সেলাই করে যেগুলো দিয়ে।”
“আচ্ছা, শোন । তোর কাজের জন্য নিশ্চয়ই রুমে একটা ল্যাব আছে?”
“হ্যাঁ, ছোটখাট । কয়েকটা ইন্সটুমেন্টের, কেন?”
“
তুই ওরকম একটা সুঁই এর ওজন মেপে আমাকে জানা, ফাইন মেজারিং টুলস নিশ্চয়ই আছে?”
শুনে মনে হয় ও আকাশ থেকে পড়লো । আমিও যথেষ্ট অবাক হলাম, রুমি কি একটু বেশি বাড়াবাড়ি করছে না!
হাসান বলল, “তা আছে, কিন্তু ওই সুঁই কই পাবো এতরাতে?”
“আচ্ছা, তুই আগামীকাল জানা, যত দ্রুত আর যেভাবে সম্ভব। তার আগে আর কোন প্রশ্ন করিস না।”
বলে রুমি লাইনটা কেটে দিল। তারপর আমার দিকে ফিরে বলল, “ঘুমাবো কোথায়?”
কী মায়াবী সুর! সুরের টানে ভেসে যাচ্ছি, কোথায় কে জানে। জার্মানীর সেই ছোট্ট শহরের কোন মন্ত্রমুগ্ধ বালক যেন, কোন এক পাগলাটে বংশীবাদকের পিছু পিছু ছুটে চলছি অজানা নিরুদ্দেশে।
ছুটছি ছুটছি।
চারদিকে ধূসর আর বিষণ্নতা ভরা পাথুরে পথ, প্রাণপণে ছুটে চলছি। হঠাৎ সব পাল্টে গেল, কোথায় যেন টুংটাং আওয়াজ হচ্ছে, রমিজ চাচার আইসক্রিমের ঘন্টার শব্দ, পকেট হাতড়ে একটা আধুলি বের করে আবার ছুটি।
“চাচা! আইসক্রিম!”
চলে যাচ্ছে বরফে ভরা গাড়িটা, শুনতেই পেল না। রাস্তা-ভরা এত ভাঙা ইট, হোঁচট খেয়ে বারবার পড়ে যাচ্ছি, পায়ের পাতা, হাঁটু ছড়ে যাচ্ছে, তবু ছুটছি- ধরতেই হবে বরফ-গাড়িটা, সবুজ ধোঁয়া ওঠা আইসক্রিমে ভরা।
পেছন থেকে আবার শুনি বাঁশিওয়ালার মায়াবী সুর । সে সুরে পা আটকে যায়, যেন স্রোতের বিপরীতে হাঁটছি। চলে যাচ্ছে বরফ গাড়ি, বাঁশির সুর টেনে নিচ্ছে বিষণ্ণ আর অন্ধকার পথে-নিয়ে যাবে অনেক দূর, টানছে তো টানছেই, গাঢ় অন্ধকারে ডুবে যাচ্ছি। হঠাৎ দেখা পাই বাঁশিওয়ালার, লম্বা টুপি মাথায়, যেন সং সেজেছে, পরনে লাল রঙের পা ছোঁয়া আলখেল্লা, মুখটা দেখা যাচ্ছে না। কিন্তু হাতে তার বাঁশি নেই, দুহাত দিয়ে ধরে আছে একটা পুতুল, তাতে পাগলের মত ফু দিয়ে যাচ্ছে। পুতুলটা খুব পরিচিত লাগছে। পুতুলটার গা-হাতপা সুন্দর কাপড়ে মোড়ানো, কিন্তু মাথার জায়গাটা ফাঁকা, যত্ন করে কাটা। সেখানে গভীর গর্ত, বাঁশিওয়ালা সুর তুলছে সে গর্তে ফু দিয়ে।
হঠাৎ সুরটা কেমন বদলে যায়, দারুণ বিষণ্ণ হয়ে ওঠে উস সুর বুকে চেপে ধরে, মনে হয় যেন পাঁজর আঁকড়ে ধরে ভেঙে ফেলবে, দম বন্ধ হয়ে আসে, সুর বাড়তেই থাকে, বাড়তেই থাকে… । ক্রিং ক্রিং করে বিছানার পাশের ফোনটা বিকই স্বরে বেজে ওঠে। ঘুম ভেঙে ধড়মড়িয়ে উঠে বসি। ঘড়িতে দেখলাম রাত দুইটা। ছেলেবেলার সেই দুঃস্বপ্নটা এখনো মাঝে-মধ্যেই তাড়া করে । কে ফোন দিল এত রাতে? বিরক্ত হওয়ার বদলে ফোনদাতার প্রতি কৃতজ্ঞ হয়ে উঠি। নাহলে হয়তো ওই দুঃস্বপ্ন থেকে এত তাড়াতাড়ি জেগে উঠতে পারতাম না। ওপাশে হাসানের গলা শোনা গেল ।
“ঘুমাচ্ছিস?”
“হোয়াট এলস অ্যাম আই সাপোসড টু ডু?”
“না, তোরা যেভাবে শওকতকে নিয়ে গবেষণায় নেমেছিস, আমি তো ভাবলাম আমার মত ঘুম-টুম বাদ দিয়ে দিয়েছিস! শোন রুমিকে বলিস- আমি ওই পুঁই এর ওজন মেপে ফেলেছি। আমার বউয়ের কাছেই ছিল ওরকম পুঁই বুঝলি, মেয়েরা যে কত-কিছু জমায়া রাখে! যাক ভালোই হল। ফ্র্যাকশনে এসেছে রেজাল্টটা, তাই তোকে মুখে না বলে আমি তোর মোবাইলে সেন্ড করছি । তুই সকালে রুমিকে দেখাইস, আমি সকালের দিকে ঘুমে থাকতে পারি। আর ওকে বলিস, সেই দশ বছর আগেকার সুঁই আর এখনকার পুঁই এর মেটালিক কম্বিনেশনে পার্থক্য থাকতে পারে, তাই একদম একই ওজন হবে এমন কোন কথা নেই। তবে আশা করি কাছাকাছিই হবে।”
ফোন রেখে বসার ঘরে রাখা মোবাইলটা চেক করতে গেলাম, দেখি রুমির ঘরে বাতি জ্বলছে!
এখনো ঘুমায় নাই! দরজায় নক করলাম। “আয়।”
“ঘুমাস নাই?”
“না, নেটে কিছু পড়াশোনা করছিলাম। তাছাড়া ঘুমও আসছে না। কে ফোন দিল এত রাতে?”
হাসান ফোন দিয়েছে শুনে চমকে উঠলো। আমি বললাম, “ও মেপে ফেলেছে । মেসেজে রেজাল্টটা সেন্ড করেছে। দ্যাখ!”
ও রীতিমত লাফিয়ে উঠলো দেখবার জন্য। তারপর মনে মনে কিছুক্ষণ হিসেব করলো।
তারপর আগে কখনো যেটা দেখি নি রুমির মুখে তাই দেখলাম চিন্তিত মুখ থেকে মুখটা আস্তে আস্তে হয়ে গেল ভীত-সন্ত্রস্ত । মোবাইল ধূরা হাতটা দেখলাম সামান্য কাঁপছে ।।
“কি হলো তোর? কি ব্যাপার?”
“সামথিং ভেরি রং ইজ গোয়িং অন!” বিছানায় বসে বিড়বিড় করল ও।
“কী আজেবাজে বকছিস!” আমি ধমকেলাম।
“বলছি দাঁড়া, ” জোরে শ্বাস নিল ও। তারপর ধীরে ধীরে শান্ত হল।
“কোন কথা না বলে যা বলি মনোযোগ দিয়ে শুনে যা, হয়তো এমন কিছু সত্যের মুখোমুখি হবি যেটা নর্মাল্যি হেসেই উড়িয়ে দিতি বললে । কিন্তু এখন যা শুনছিস, সিরিয়াসলি শোন । হতে পারে আমরা বিরাট কোন ঝামেলায় জড়িয়ে গেছি, কিংবা পজিটিভলি ধরতে পারিস, বিরাট কোন সত্যের মুখোমুখি পড়ে গেছি-যার সামনে হয়তো আমাদের কোনদিনই পড়ার দরকার হত না।”
রুমি ঠিক আছে তো! মনে মনে আমি বলি ।
ও বলে চলছে, “গত শতকের প্রথম দিকের ঘটনা, ম্যাসাচুসেটসে একটা চ্যারিটি হসপিটাল ছিল, মূলত সেটা ছিল একদম শেষ পর্যায়ের টিবি রোগীদের আশ্রম। তাদের মঙ্গলের জন্য সবচেয়ে ভাল যে পদ্ধতিটা বাকি ছিল সেটা হল প্রার্থনা-সেটা ছাড়া মূলত আর কোন ফলপ্রসূ ব্যবস্থা ছিল না। আসলে এই চ্যারিটি হোমের কাজ ছিল টিবি রোগীদের আইসোলেট করে রাখা যাতে রোগটা ছড়ায়। সেখানে দায়িত্বে ছিলেন তখনকার নামকরা একজন সার্জন। যিনি ছিলেন আধ্যাত্মিকতায়ও সুপরিচিত ও অতি শ্রদ্ধেয় এক ব্যক্তিত্ব। হঠাৎ করে তিনি সেই চ্যারিটি হোমের রোগীদের উপর দারুণ রহস্যময় এক পরীক্ষা চালান, রোগীদের জন্য তখন তিনি ব্যক্তিগতভাবে কোন চিকিৎসার ব্যবস্থা করতেন না, প্রার্থনা করতেন না। একটা কাজই করতেন, অপেক্ষা! রোগীগুলো কখন মারা যাবে সেই অপেক্ষা!”
“মানে?”
“তিনি মৃতদের নিয়ে একটা পরীক্ষা করছিলেন। পরবর্তীতে তার সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় কয়েকটা ইন্টারন্যাশনাল জার্নালে। জার্নাল অব দ্য আমেরিকান সোসাইটি ফর সাইকিকল রিসার্চ এ সেটা প্রকাশ হওয়ার পর আলোড়ন বয়ে যায়। এ ধরনের পরীক্ষা সবাইকে জানিয়ে করার সাহস আগে কেউ করে নি।”
“কি পরীক্ষা?”
“তিনি সদ্যমৃত দেহ আর খানিকক্ষণ আগের জীবিত দেহের ওজন নিতেন, মৃত্যুশয্যায় উপস্থিত থেকে। তিনি মৃতপ্রায় রোগীকে এমন এক বেডে নিয়ে রাখতেন যেটা আসলে একটা নিক্তি, যা কয়েকগ্রামের তারতম্যও ধরতে পারে। তিনি অনেকগুলো রোগীকে এভাবে ওজন নিয়ে দেখান, মৃত্যুর সাথে সাথে তাদের প্রত্যেকের কিছুটা ওজন কমে যায়। প্রশ্ন হল সে ওজনটা কিসের? মারা যাওয়ার সাথে সাথে তার দেহ থেকে তখনও কিছু লস হয়নি, না জামা-কাপড়, না কোন বর্জ্য পদার্থ, কিছু লস হলেও সেটা তখনো-কর্ডে থাকার কথা, কয়েক মিনিটে দেহের পেশী বা কোন তন্ত্রেরও পরিবর্তন হয় নি। অথচ একটা অ্যামাউন্টের ওজন কমে যাচ্ছে। সেটা তবে কিসের?”
চারদিকে সুনশান নীরবতা, মধ্যরাত পেরিয়েছে অনেক আগে। পুরো জগৎ যেন ঘুমিয়ে আছে । এ দারুণ নিশ্ৰুপ পরিবেশে রুমির এ প্রশ্নে আমি চমকে উঠি।
এতদিনকার ধ্যান ধারণা নাড়া খায়।
“আত্মা!” আমি অস্ফুট স্বরে বলে উঠি। “হ্যাঁ, আত্মা।” রুমির চোখ চক চক করে।
“সেই সার্জনের নাম ছিল ডানকান ম্যাকডুগাল। অনেকে ভাবছিলেন হয়তো মৃত্যুর সাথে সাথে বাষ্পীভবনের মাধ্যমে বা কোন মেটাবলিক কারণে ওজনটা হ্রাস পায়। কিন্তু তিনি পরীক্ষা করে দেখান, নিম্নশ্রেনীর কোন প্রাণিতে ওজন হ্রাস হয় না, মেটাবলিক কারণে হলে সব প্রাণীরই হওয়ার কথা। তিনি নিশ্চিত হওয়ার জন্য প্রায় ১৫ টা কুকুরের উপর একই পরীক্ষা চালান। কিন্তু সেক্ষেত্রে কোনবারই ওজন হ্রাস হয় না।”
ঈশ্বর কি শুধু মানুষের দেহেই দিয়েছেন আত্মা!
আমি নির্বাক হয়ে বসে রইলাম, হঠাৎ রুমি দাঁড়িয়ে বলল, “আর সে আত্মার নির্ণীত ওজন কত জানিস? অধিকাংশ ক্ষেত্রে ২১ গ্রাম বা তার কাছাকাছি!”
তারপর রুমি আমার চোখের সামনে হাসানের মেসেজটা তুলে ধরে,
“হাসান লিখে পাঠিয়েছে সুইয়ের ওজন প্রায় ২ গ্রাম । তারমানে দশটা সুঁই প্রায় ২০ গ্রাম । কত কাছাকাছি ফল!”
“তারমানে শওকতও করেছে একই পরীক্ষা।”
“প্রশ্ন হল শওকত পরীক্ষাটা করেছে কাদের উপর?”
“সেটা আমাদের জানতেই হবে!” রুমির গলাটা অচেনা শোনায়।
