ভেন্ট্রিলোকুইস্ট – ৪

অধ্যায় ৪

স্টেশনের পাশের বিশাল রেইনট্রি ঘেঁষে যে পথটা গেছে সেদিকে দূরে তাকালাম। রোদ পড়ে যাচ্ছে। রুমি আমার পাশে বসে আছে, চোখে মুখে সীমাহীন বিরক্তি । বারবার ঘড়ি দেখছে। স্টেশনে হাতে-গোনা কয়েকজন মানুষ। কিছুক্ষণ আগে কিছুটা ভিড়ের মত ছিল। ট্রেন ছেড়ে যেতেই চারপাশ নিশ্চুপ হয়ে এল। অবশ্য ছোট স্টেশনগুলোর নিয়মই এই। রশিদ মিয়ার জন্য বসে আছি, তার ইতিমধ্যে চলে আসার কথা। একটা চায়ের দোকানে বসে আছি, চা এর নামে কিছুটা চিনি মেশানো গরম পানি খেলাম।

স্টেশনের নাম জয়ন্তপুর স্টেশন, দুই সারি রেললাইনের সামনে একটা প্লাটফর্ম, স্টেশন মাস্টারের রুমটা ঘোট। ওয়েটিং রুমের বালাই নেই। প্লাটফর্মের একপাশে কিছু বেঞ্চি পাতা, তাতে কড়া রোদ পড়েছে। কয়েকটা ভেজা কাপড় শুকাতে দেয়া।

রুমি অস্ফুট স্বরে হাসানকে একটা গালি দিল, “শালারে বললাম, আয়, একদিনই তো! তুই এমন কি ঘণ্টার থিসিস করছিস? এই লোক ১০ মিনিটের মধ্যে না আসলে কোন হোটেলেই উঠে যাব, তোকে বলে রাখলাম!”

রুমির মেজাজটা দুপুরের ঘটনায় ভালই খিচড়ে আছে। এত ঝামেলা করে সেই সাত সকালে ঢাকা থেকে রওনা দিয়ে আমাদের সেই পুরনো কলেজে এসে দেখি কলেজ বন্ধ। দুই গ্রুপের মধ্যে প্রচণ্ড মারামারিতে গতকাল দশ বারোজন আহত, রীতিমত দা টা দিয়ে মারামারি হয়েছে। সেই উপলক্ষেই বন্ধ, কবে খুলবে ঠিক নেই। দারোয়ান মহসিন চাচা এখনো আছেন। তিনি বললেন, কালকে আবার খোঁজ নিতে। ক্লাস না হলেও কলেজ অফিস খোলার কথা।

রীতিমত হতাশ হলাম আমরা। আমাদের সময়ে পরিবেশ কত ভাল ছিল, আর রাজনীতির ফাঁদে পড়ে কী অবস্থা এখন! কলেজ বন্ধ থাকায় ঠিক নস্টালজিক হতে পারছিলাম না। পুরো ক্যাম্পাস খাঁ-খাঁ করছিলো। সামনের বিশাল পুকুর আর জারুল গাছটা এখনো আগের মতই আছে। কয়েকটা নতুন ভবন তৈরি হয়েছে। আশপাশের দুই-তিন জেলার মধ্যে এটা সবচেয়ে ভাল কলেজ, তাই চাপ সামলানোর জন্যই ক্লাসরুম বাড়াতে হচ্ছে নিশ্চয়ই।

রুনুর খোঁজটা আর নেয়া হল না আজ। ব্যাপারটা আশ্চর্যই বলতে হবে, যে দু-চারজনের সাথে এখনো যোগাযোগ আছে, কারো সাথেই রুনুর যোগাযোগ ছিল না, কয়েকজনতো মনেই করতে পারলো না কার কথা বলছি। সবার সাথেই কি ওর দূরত্ব ছিল? হয়তো ওর সার্কেলটাই আমাদের থেকে বিচ্ছিন্ন ছিল। তাই কলেজে এসে খোঁজ নেয়াটাই শেষ ভরসা ছিল। কলেজের রেজিস্ট্রি খাতায় ঠিকানা, ফোন নাম্বার থাকার কথা।

অবশেষে মধ্যবয়স্ক এক লোক এসে জানালেন তিনিই রশিদ মিয়া। “ভাইজান, মনে কিছু নিয়েন না, সদরে গেছিলাম বাজার করতে, আমাগো গ্রামে তো ভালো কিছু মেলে না, আইতে আইতে দেরি হইয়া গেল!”

ভালো অজুহাত, দেরির কারণটা ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের উপরই ফেলা হল! রশিদ মিয়ার সাথে ১৭-১৮ বছরের এক কিশোর।

“এর নাম লোকমান, বেজায় কামচোরা” রশিদ মিয়া সোৎসাহে পরিচয় করে দেন। লোকমান মনে হয় তাতে খুশিই হল, সবগুলো দাঁত বের করে লাজুক হাসি দিল যেন প্রশংসা করা হয়েছে।

রশিদ মিয়া এক তিনচাকার ভ্যান নিয়ে এসেছেন। এই এলাকার সবচেয়ে বিশ্বস্ত বাহন। লোকমান ভ্যান চালায়। আমরা তিনজনে কোনমতে উঠে বসি।

“দেইখখা চালাবি, উল্টাপাল্টা করলে থাবড়া খাবি?” রশিদ মিয়া লোকমানকে মনে হল আদরের সুরেই বললেন।

বিকেল হয়ে গেছে প্রায়।

রুমি ঘড়িতে সময়টা একবার দেখে নিয়ে বলল, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা কত দূর এখান থেকে?”

“তা ভ্যানে কইরা ঘন্টা দেড়েকের পথ হইবো।”

“আচ্ছা, আপনি লোকমানকে বলেন, ওইদিকে রওনা দিতে!”

রশিদ মিয়া বেশ অবাক হলেন। “ভাইজান, একটু পরেই সন্ধ্যা হইয়া যাইবো। এতদূর থিকা আসছেন। আগে বাড়ি গিয়া কিছু খাইয়া নেন।”

রুমি বেশ গম্ভীর গলায় বলল, “আপনার কোন সমস্যা থাকলে বা কাজ থাকলে আপনি অন্য ভ্যান নিয়ে চলে যান, লোকমান হাসানের বাড়ি পর্যন্ত পৌছে দিতে পারবে না?”

“না, না! আমার আর সমস্যা কী, চলেন।”

যেতে যেতে রশিদ মিয়া আজকে সদরে বাজার করতে গিয়ে কী কী ঝামেলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত বর্ণনা করে পুরো পথ সরব করে ৱাখলেন।

ততক্ষণে সন্ধ্যে হয়ে এসেছে। আকাশেও মনে হল মেঘ জমে উঠেছে। রক্তিম পশ্চিম আকাশে কালো ছোপ, এই আকাশের দিকে তাকিয়ে কতকাল মানুষ বিস্ময়ে ভেবেছে- এত লাল কেন আকাশটা, রক্তের মত লাল। কার রক্তক্ষরণ আকাশজুড়ে!

হঠাৎ ভীষণ জোরে হাওয়া বইতে লাগলো, পথের শুকনো পাতারা সর সর করে সরে যেতে থাকে। আধা পাকা রাস্তাটা ঘোলাটে হয়ে ওঠে ধুলোয়।

রশিদ মিয়া বিমর্ষ মুখে বললেন, “ভাইজান, অবস্থা তো বেগতিক! ঝড়-বৃষ্টি না শুরু হয়।”

বলতে বলতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হল, সাথে ভীষণ বাতাস। লোকমান প্রাণপণে চালিয়ে যাচ্ছে। আমি বললাম, “আশপাশে ভাল কোন জায়গা নেই থামার? ভিজে যাবো তো!”

লোকমান না থেমে বলল, “না ভাই, রাস্তার মাইঝে কই থামবেন, ভিজবেন, ভিজা কোন বিষয় না!”

ব্যাগে একটা নোটবুক ছিল, ব্যাগটা ওয়াটার প্রুফ কিনা মনে করতে পারলাম ।। ভাল একটা পরিস্থিতিতে পড়া গেল।

এমন সময় মনে হল পেছন থেকে একটা গাড়ি আসছে। হেড লাইটের তীব্র আলো। মাইক্রো মনে হল। গাড়িটা থামাতেই হবে, যে ঝড়-বৃষ্টি। লোকমানকে থামতে বলে রাস্তায় দাঁড়িয়ে গেলাম।

রশিদ মিয়া বললেন, “ভাইজান এইটা সদরের অ্যাম্বুলেন্স, থামবো না।”

বলতে বলতে হেডলাইট মুখের সামনে এসে গেল, থমকে দাঁড়ালো। দৌড়ে ড্রাইভারের উইন্ডোর কাছে গিয়ে চেঁচালাম, “ভাই হাসপাতালে যাবো! একটু দিয়ে আসেন!”

ড্রাইভারের মুখ ভালো বোঝা গেল না, পাশে বসা একজনের সাথে কথা বলে নিল । তারপর স্লাইড ডোরটা চট করে খুলে গেল।

“তাড়াতাড়ি ঢুকে পড়েন।” একটা তীব্র আদেশের মত শোনাল ড্রাইভারের পাশে বসা লোকটার কথাটা ।

কথা না বাড়িয়ে আমি ব্যাগ দু’টো দ্রুত গাড়িতে নিয়ে রাখলাম ! ভাগ্য ভালোই বলতে হবে, কোন রোগী ছিল না অ্যাম্বুলেন্সে। থাকলে অবশ্য থামতও না হয়তো । রুমি,আমি আর রশিদ মিয়া উঠে বসলাম রোগীর জন্য যে বেড রাখা তাতে গাদাগাদি করে।

লোকমান উঠবে না। ভ্যান রেখে অবশ্য ওঠার প্রশ্নও ওঠে ন রশিদ মিয়া বললেন, “তুই বাড়ি চইলা যা!”

ড্রাইভারের পাশের লোকটাকে এতক্ষণে চোখে পড়লো, ছোট করে ছাঁটা চুল, চোখে হালকা ফ্রেমের চশমা।

“ঢাকা থেকে এসেছেন?”

আমি সায় দিলাম, “জি!”

“হাসপাতালে কি কাজ? অসুস্থ কাউকে দেখছি নাতো!”

রুমি বলল, “আসলে একটা রিপোর্টিং এর জন্য এসেছি। আমরা সাংবাদিক।”

‘আমরা’ বলার কারণ বুঝলাম না। রুমি সাংবাদিক হলেও আমিতো এর ক ও জানিনা। অবশ্য আমরা যে কাজে এসেছি তাতে ‘মিথ্যা বলিব না’ টাইপ প্রতিজ্ঞা বিসর্জন দিতে হবেই।

ভদ্রলোক মনে হল একটু বিস্মিত হলেন, “রিপোর্টিং?”

রুমি ওর একটা কার্ড বাড়িয়ে দিল।

“আচ্ছা, আমি ডা: জামসেদ।” হাত বাড়িয়ে দিলেন তিনি।

আমরা হাত মেলালাম।

“কী বিষয়ে রিপোর্টিং সেটা বলা যাবে কি?”

নিশ্চয়ই না-মনে মনে বলি আমি।

“আসলে, থানা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বছরে কী-রকম রোগী ভর্তি হচ্ছে সে তথ্যটা আমি কালেক্ট করছি সব জেলা ঘুরে ঘুরে।”

“কিন্তু সেটা তো আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও পেতে পারেন!”

“না, না। আমার একদম এই মাসেরটা দরকার। দৈনিক পত্রিকা তো, বুঝলেন না।”

“আচ্ছা!”

দেখতে দেখতে হাসপাতালের সামনে এসে গেলাম। ডা: জামসেদ সদর হাসপাতালে যাবেন। আমাদের তাই নামিয়ে দিলেন ফটকের সামনে।

“আচ্ছা, আশা করি কোন সমস্যা হবে না। ভালো মত রিপোর্ট করুন আর রিপোর্ট শেষে ডাক্তারদের নামে একগাদা দুর্নাম করবেন। নাহলে কিন্তু মাস পিপলের ফেভারে যাবে না, কষ্ট করে করা রিপোর্টটা মাঠে মারা যাবে। হা হা!”

যেন দারুণ এক রসিকতা করেছেন, সে আত্মতৃপ্তিতে প্রাণখুলে হাসলেন ।

“এই তাহলে হাসপাতাল!” স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে তাকিয়ে বললাম।

প্রত্যন্ত অঞ্চলে হাসপাতালগুলোর দুরাবস্থা যত শুনে এসেছি তার সাথে দ্বিমত পোষণ করার কোন সুযোগ রাখেনি এর অবয়ব। ভিতরে ধুকতেই অফিস রুমের মত যেটা মনে হল, সেটাতে ঢুকে গেলাম। একঘোলা বাল্ব জ্বলছে মাথার উপরে, তাতে মনে হচ্ছে অন্ধকার যেন আরে জাপটে ধরেছে রুমে। একজন ক্লার্কের মত লোক বসে ছিলেন। চোখে মোটা ফ্রেমের ভারি চশমা, বয়স পঞ্চাশের কাছাকাছি হবে। আমাদের দিকে যতটা সম্ভব সন্দেহের দৃষ্টিতে তাকালেন।

“কি দরকার? রোগী ভর্তি সামনের রুমে!”

রুমি বলল, “রোগী না, এক পত্রিকা থেকে এসেছি। আমাদের কিছু ইনফরমেশন দরকার।”

শুনে মনে হল তিনি কিছুটা ভড়কালেন। তারপর ধাতস্থ হয়ে বললেন, “বলেন কি দরকার?”

“আমার বেশ আগের কিছু তথ্য দরকার। যেমন ধরেন বছর দশেক আগেকার। সে সময় ভর্তি হওয়া রোগীদের নাম, ডিউটিতে থাকা ডাক্তারদের নাম।” রুমি সাথে সাথে ওর ডেজিগনেশন কার্ডটা তার মুখের সামনে থেকে নাড়িয়ে নিয়ে এল। ওই কার্ডে বরাবরই ভাল কাজ হয়।

তিনি চিন্তিত মুখে বললেন, “এত আগের! ফাইলের স্টোর রুমটা চেক করতে হবে, ওখানে থাকার কথা।”

“আমাদের হাতে সময় আছে।” বলে রুমি একটু ঝুঁকে কয়েকটা নোট খুঁজে দিল তার হাতে।

লোকটা নিঃশব্দে উঠে গেলেন। রুমি আমার দিকে ফিরে কিছুটা তৃপ্তির হাসি হাসলো। এত সহজে কাজটা হয়ে যাবে হয়তো ভাবতে পারে নি। মিনিট পাঁচেক পরে লোকটা ফিরে এলেন। খালি হাতে।

“স্যরি ভাই, ফাইলগুলো নাই।”

“আপনি শিওর?”

“১০০ ভাগ।”

রুমির চোয়াল মোটামুটি ঝুলে পড়লো। আজকে দুটো কাজের কোনটাই হল।

“দেখেন, তথ্যগুলো ভীষণ দরকার ছিল, অন্য কোনভাবে কি…?”

জবাবে লোকটি রুমির দেয়া নোটগুলো বাড়িয়ে দিলেন, “আপনারা আসতে পারেন।”

“আচ্ছা, যাচ্ছি । আর ওটা রেখে দিন, প্রবলেম নাই।”

“মোটামুটি ব্যর্থ একটা দিন গেল” বেরিয়ে খেদে বললাম আমি।

রুমি বিড়বিড় করলো কী যেন।

“কি বলছিস?”

“নাথথিং, বাট নাইট ইজ স্টিল ইয়াং!”

“হাহ! সাংবাদিকরা হাল ছাড়ে না” আমি স্বগতোক্তি করি।

হাসানদের বাড়িতে ফিরতে ফিরতে রাত প্রায় নয়টা বেজে গেল। এমনিতে বৃষ্টি ভেজা পথ, তার উপর ভ্যানে করে এতটা দূর আসা। বেশ সময় লাগলো! হাসান বছরে এক-দুবার আসে বাড়িতে। বাকিটা সময় বলতে গেলে কেউই থাকে না। রশিদ মিয়া বাড়ির কেয়ার টেকারের মত। এখানে একটা রুম নিয়ে সে স্ত্রীসহ থাকে, তার দুই ছেলের কেউই গ্রামে নেই, কে কোথায় আছে এবং কী করে সে সম্পর্কে রশিদ মিয়ার ধারণাও স্পষ্ট না। লোকমানও এ বাড়িরই আশ্রিত। রশিদ মিয়ার সাথে তার সম্পর্ক পিতা-পুত্রের মত।

হাসানদের বাড়িটা ভালোই। আমার তো রীতিমত দারুণ লাগলো। এমন অজপাড়া গাঁয়ে সব ধরনের সুবিধা সম্বলিত বাড়ি ভাল না লেগে উপায় নেই । বিশেষ করে বাথরুম দেখে পুরোই মন ভাল হয়ে গেল। নতুন জায়গার এই একটা ব্যাপারটা নিয়েই আমি সবচেয়ে ভয়ে থাকি। গরম পানিরও ব্যবস্থা আছে। জম্পেশ একটা গোসল দিয়ে একেবারে দিনের সমস্ত ব্যর্থতাকে একহাত দেখিয়ে বেশ ফ্রেশ হয়ে গেলাম।

রুমির মুখ দেখে বুঝলাম এখনো নানা চিন্তা-ভাবনা করছে। দেখে দীর্ঘশ্বাস ফেললাম। ইন্টেলেকচুয়াল মানুষগুলা জীবনে শান্তি পায় না!

খেতে বসে বুঝলাম, রশিদ মিয়ার বাজারের গল্পটা নেহাত বাগাড়ম্বর ছিল । তার স্ত্রীর রান্নার হাতও দারুণ। এমনকি ঝালও ঠিকমতো দেয়া আছে । নিজ গ্রামের কারো বাড়িতে খেতে গেলে এই ঝামেলায় প্রায়ই পড়ি, দারুণ স্বাদ থাকা সত্ত্বেও ঝালের জন্য মুখে দেয়া যায় না । হাসানের উপর থেকে রাগ কিছুটা কমে গেল। ওকে এত করে বললাম,

“আমাদের সাথে আয়, তোদের দেশের পথঘাটে আমাদের মত ভিনদেশী দুইজনকে তুই এক কেয়ারটেকারের ভরসায় পাঠিয়ে দিচ্ছিস, ব্যাপারটা ভাল দেখায়?”

“রশিদ মিয়া থাকতে কোন চিন্তা নেই” – হাসানের এই এক কথা। “তাকে আমি সব বুঝায় দিছি, তোরা যাবি, যত শার্লক হোমসগিরি করার করবি। নো টেনশন, হি’ল বি দেয়ার ফর ইউ!”

যতটা সম্ভব ভরপেট খেয়ে নিলাম, এই রান্না মিস করা বিরাট বোকামি হবে। তারপরে কোনমতে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমে ডুবে গেলাম ।

“মারুফ, ওঠ!”

“কে?”

“আরে বোকা ওঠ, কাজ আছে!” রুমি কি পাগল হল, অন্ধকারে ডাকাডাকি করছে তো?

টর্চ লাইট জ্বলে উঠলো একটা। রুমির মুখে আলো পড়ে অপার্থিব একটা দৃশ্য তৈরি হল।

“কি করছিস? পাগল হয়েছিস?”

“চুপচাপ উঠে পড়, কাজ আছে।”

আমি উঠে বসি, কিছুটা ধাতস্থ হওয়ার চেষ্টা করি। রাত বাজে দেড়টা। গ্রামদেশের জন্য একেবারে ডেড সাইলেন্স পিরিয়ড।

“উঠে পর, রেডি হয়ে নে!”

আমি তবু ফ্যাল ফ্যাল করে টর্চের অতিপ্রাকৃত আলোয় ওর মুখের দিকে চেয়ে আছি।

“আরে ধুৎ!” ও আমাকে ধাক্কা মেরে ওঠায় ।

ও দেখি পুরোপুরি বাইরে যাওয়ার পোশাকে, কি হলো এতরাতে? আমি কোনমতে রুমের লাগোয়া বাথরুমে গিয়ে চোখেমুখে পানি দিলাম। তারপর ওর তাড়ায় তড়িঘড়ি করে জামাকাপড় পরে নিলাম। তারপর চুপিসারে বেরিয়ে এলাম রুম থেকে। কিসের জন্য এত লুকোচুরি কিছুই বুঝলাম না।

বাইরে মস্ত চাঁদ উঠেছে । গোলাকার এক সাদা বেলুন যেন গাছের ডালে আটকে আছে, বেলুনের গায়ে ছাই রঙা ছোপ। কয়েক ঘন্টার মধ্যেই আকাশ এত পরিষ্কার হয়ে গেল! এত জ্বলজ্বলে চাঁদ শহরে বোধহয় দেখা যায় না। গায়ের খাদগুলো যেন সত্যি সত্যিই কোন বৃদ্ধার অবয়ব তৈরি করেছে, যে অনবরত শুধু সুতো কেটে যাচ্ছে তার চড়কায়। হাজার বছর ধরে মানুষ এই অবয়ব নিয়ে কত কল্পনা তৈরি করেছে, কত স্বপ্ন দেখেছে। ভার্সিটির অ্যানথ্রপলজি ক্লাসের কথা মনে পড়ে গেল। কামরুল স্যার বলছেন, “পূর্ণ চন্দ্র হল দারুণ এক প্যারিডোলিয়া, অর্থাৎ এক এক জাতি এর মধ্যে এক এক ছবি খুঁজে পায়। ইউরোপিয়ানরা দেখে একজন দ-প্রাপ্ত মানুষ, যে কিনা ঈশ্বরের অভিশাপে চাঁদে নির্বাসিত, চাইনিজরা দেখে একটা বিশাল খরগোশ, আর আমরা দেখি সুতা-কাটা বুড়ি!”

মোটামুটি চমকে উঠলাম যখন দেখলাম, লোকমান বাইরে দাঁড়ানো। মুখে লাজুক হাসি নিয়ে ।

“কি ব্যাপার?”

রুমি নিচু স্বরে বলল, “লোকমান ভ্যান রেডি?”

“জে ভাই।”

“কই?”

“বাইরে আছে, চলেন ।”

আমি তখনো ঘোরের মধ্যে আছি। রুমির সাথে গিয়ে ভালে চড়ে বসলাম। লোকমান আস্তে আস্তে চালানো শুরু করলো। তারপর হঠাৎ করে গতি বাড়িয়ে দিল।

“ভাল মত পথঘাট চেনো তো লোকমান!”

লোকমান লাজুক হেসে বলল, “জে চিনি.”

আমি এবার অসহিষ্ণু হয়ে উঠি, “উড ইউ প্লিজ…?”

রুমি আমাকে থামিয়ে দেয়, “আমরা এখন যাচ্ছি হাসপাতালের দিকে।”

“মানে?”

“মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।”

“তুই না দেখলি ওখানে ডেটাগুলো নেই।”

“আমি দেখি নি, দেখেছে ওখানকার বদমাশ, বাটপার ও নিমকহারাম এক লোক! অ্যান্ড আই ডাউট হি গট অ্যানি অনেস্ট আই-সাইট!”

আমি বললাম, “কিভাবে শিওর হচ্ছিস?”

“আমরা যখন অপেক্ষা করছিলাম, আমি পর্দার ফাঁক দিয়ে লক্ষ্য করেছি সে ফাইলটা পেয়েছিল, মুখভঙ্গি দেখে ওটুকু বোঝা যায়। তারপরেই সে একটা ফোন পায় তার মোৰাইলে। তারপর কথা শেষ করে কি করেছে জানিস?”

আমি ফ্যাল ফ্যাল করে তাকাই জবাবে।

“ফাইলটা আরেকটা ড্রয়ারে রেখে দিয়েছে।”

“দেখেছিস তুই?”

“শেষেরটুকু দেখি নি, সাউন্ড শুনে বুঝেছি। এই ব্যাপারে গর্ব করার মত দক্ষতা আমার আছে তুই জানিস।”

রুমি প্রায়ই ঘরে চোখ বেঁধে নানা টিভি অনুষ্ঠান দেখে, তাতে নাকি ওর স্নায়ুর সেনসিটিভিটি বাড়ে।

আমি কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইলাম, “কিন্তু…”

“কি?”

“তুই এখন ওখানে ঢুকবি কিভাবে?”

“ওয়েইট ওল্ড ম্যান, নাইট ইজ স্টিল ইয়াং!” দ্বিতীয়বারের মত রাত্রি যৌবনা-টাইপ সস্তা ডায়লগ শোনাল রুমি।

নাহ! রুমি আসলেই জিনিয়াস।

মোটামুটি কোন ঝামেলা ছাড়াই আমরা হাসপাতালের ফাইলপত্রের রুমটায় ঢুকে পড়লাম।

সন্ধ্যার সময় যখন আমরা ফিরে আসছিলাম তখন এক ফাঁকে রুমি হাসপাতালের দারোয়ান যিনি, তাকে ম্যানেজ করে ফেলেছিল। বৃষ্টি থাকায় করিডোরে অপেক্ষা করছিলাম কখন বৃষ্টিটা খানিকটা ধরবে, সেই সুযোগে আমারও চোখ এড়িয়ে দারোয়ানকে উপযুক্ত মূল্যমানে একেবারে কিনে নিয়েছে বলা চলে। সব চাবি তার কাছে থাকে।

“মানি ক্যান ডু ওয়ান্ডার”-রুমি বলল আমায়।

যেখানে ক্লার্ক লোকটি বসেছিলেন তার সামনে দাঁড়িয়ে রুমি বলল, “আমি এখানে আছি। তুই এবার ওই ফাইল স্টোর রুমে যা, ডু মি আ ফেভার।”

আমি বললাম, “এখানে তোর থাকার দরকার কি?”

“আছে। কারণ চোখে খুঁজে ওটা আমরা পাব না এত ফাইল পত্রের ভিতর। তুই একটার পর একটা ড্রয়ার খুলে যা, আর আমি এখান থেকে সেটা দেখব এটা দিয়ে”- বলে ও ওর কানের দিকে তর্জনী নির্দেশ করলো।

“আমি আসলেই টিউবলাইট!” হেসে বললাম আমি।

রুমটা গিজগিজে, হাজার হাজার কাগজ পত্রে বোঝাই। তিন-চারটা আলমারি। রুমি বলে দিল, ডানপাশের কোন এক ড্রয়ার হবে। আমি একে একে ড্রয়ার খুলছি, এই প্রথম আমার মনে হল, প্রতিটা ড্রয়ারই ভিন্ন ভিন্ন শব্দ করে খুলছে, রুমি একটা একটা করে নাকচ করে দিচ্ছে।

“থাম!” আরেকটা ড্রয়ার টান দিতেই রুমি বলে ওঠে ।

আমি থেমে যাই, রুমি ঢুকে ড্রয়ারের ফাইলগুলো বের করে। একদম নিচে রাখা ফাইলটা, যেটার রঙেই বোঝা যাচ্ছে এ ড্রয়ারের বাসিন্দা তিনি নন-সেটা ধরে বের করে আনলো।

খুলতেই দেখা গেল, দশ বছর আগের সাল লেখা কোণায় বড় করে। রুমি ওর পকেট থেকে একটা ক্যামেরা বের করে চট করে পেজগুলোর স্ন্যাপশট নেয়া শুরু করলো, ৫-৬ পাতার ডকুমেন্ট। সময় লাগলো না। আবার জায়গামত রেখে আমরা বেরিয়ে গেলাম। দারোয়ানকে রুমি আরো কিছু গছিয়ে দিল।

ভ্যানে উঠে রুমিকে বললাম, “সেই সময়কার ডাক্তারের নামটা দেখেছিস?”

“হুম, সেজন্যই তো এত ঝামেলা করা, আর দেখবো না! রুমে গিয়ে পিসিতে বসে আরো ভাল করে দেখবো!”

“না না, সেজন্য না। রোহান উদ্দিন রুশদি- নামটা কেমন পরিচিত লাগছে, কোথায় যেন শুনেছি।”

“কস্মিনকালেও এই বিদঘুটে নাম শুনি নাই!” রুমি বলল ।

আমিও হাল ছেড়ে দিলাম, হয়তো নামের কোন পার্ট শুনেছি কারো নামে, তাই মনে হচ্ছে।

“যাক, আজকে অ্যাটলিস্ট একটা কাজ হল, এবং বেশ ভাইটাল কাজ।” রুমি আত্মতৃপ্তির সাথে বললো।

“হুম।”

“তা লোকমান, তুমি এত রাত্রে আসতে রাজি হলে-রুমি বলা মাত্রই।” আমি লোকমানকে জিজ্ঞেস করি খানিক পর।

লোকমান তখন অন্ধকার রাস্তা ধরে সাঁই সাঁই করে ভ্যান চালাচ্ছে । “জে ভাই, এইটা কোন বিষয় না!”

“ক্যান, ভয় নাই তোমার রাত্রে। পাড়া-গাঁয়ের মানুষ তো জিন-ভূতের ভয়ে অস্থির।”

“হে হে!” লোকমান লাজুক হাসি দেয়।

“আমি ওকে রাতে খাওয়ার পরই বলে রাখছিলাম!” রুমি বলল।

“লোকমান, ভ্যান চালাও কদ্দিন।” আমি আবার জিজ্ঞেস করলাম।

“জে ভাই, পাঁচ বছর হইবো।”

“আর কিছু করো? না শুধু ভ্যান চালাও।”

“জে ভাই, অনেক কিছুই করি। কামলা খাটি, মাটি কাটি। আরও অনেক কিছু করি শুনলে ডরাইবেন!”

“মানে, শুনি কি কর?” আমি হেসে উঠি।

“না থাউক, রাইতে এহন শুনলে ডরাইবেন।”

“ধুৎ মিয়া, কও!” আমি অসহিষ্ণু হয়ে উঠি। এই বাচ্চা ছেলে আমাকে ভয় পাওয়ার ভয় দেখায়!

“জে, ভাইজান, আমি কবর কাটি!” মিনমিনিয়ে জবাব দেয় লোকমান।

এই জবাবে আমরা দু’জনাই কিছুটা থমকে যাই ।

চাঁদের আলোয় রাস্তা আর পাশের ধু ধু বিস্তৃত ক্ষেত ধবধব করছে, নিশ্চুপ রাতের পথ । মাঝে মধ্যে দূর থেকে শোনা যাচ্ছে শেয়াল বা রাতের পাখির ডাক। অপার্থিব, ভয়ংকর সৌন্দর্য। মাঝে মাঝে গাছপালা ঢাকা অন্ধকার নিকষ কালো পথ, সে পথে আমাদের অনভ্যস্ত চোখ অন্ধ হয়ে যায়, নিরাপদে পথটুকু আমাদের পার করে দেয় লোকমান নামক একজন তরুণ, চোখ যার জ্বলজ্বলে, মুখে লাজুক হাসি।।

পার করে দেয়াই তার কাজ। আমি ভাবি। অন্ধকার পথ থেকে আলোতে কিংবা আলো থেকে অন্ধকারে, অন্ধকার জগতে!

হঠাৎ আমার কী একটা মনে পড়লো। আমি বিহ্বল গলায় বললাম, “রুমি, আমি জানি!”

“কি?” রুমি অবাক দৃষ্টিতে তাকায় আমার দিকে!

হঠাৎ কী এক আশঙ্কায় আমি কেঁপে কেঁপে উঠি, “আমি জানি রুনু কোথায়?” মাথার চুল আঁকড়ে ধরে আমি বলি। “আমি এটা কী করলাম!”

“তুই আবার কি করেছিস? কি বকছিস পাগলের মত?” রুমি বোকা বনে যায় আমার আচরণে । লোকমানও অবাক হয়ে তাকিয়ে থাকে আমার দিকে।

লাজুক হাসির বদলে মুখে এখন বিস্ময়!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *