অধ্যায় ১৬
এত বড় এক দুঃসংবাদ অপেক্ষা করছিলো আমার জন্য সেটা ভাবতে পারি নি। গত কয়েকদিনে অনেকগুলো বিপদে পড়েছি। এমন সব বিপদ যেসবের কোন সীমা নেই, মৃত্যুগামী বিপদ। তাতেও খুব একটা লাগে নি। কারণ ব্যক্তিগতভাবে আমি একটু উদাসীন টাইপ। নিজের জীবন নিয়ে যা হয় তোক ঘরানার একটা মনোভাব আছে।
কিন্তু মিলি এসে চট করে যে নিউজটা দিলেন তাতে পুরোপুরি মুষড়ে পড়লাম। ডা: রুশদি আমাদের, মানে আমাকে, রুমি আর হাসানকে একটা মেসেজ পাঠিয়েছে। ভয়েস মেসেজ। শওকত ও জামসেদকে বার বার ফোন দিয়ে না পাওয়ার পর রুশদি যা বোঝার বুঝে নিয়েছে। তবে আমরা যে মিলির টিমের সাথে আছি সেটা হয়তো এখনো সে বুঝতে পারে নি। তাই শওকতের মোবাইলে পাঠানো ভয়েস মেসেজটা আমাদের তিনজনের উদ্দেশ্যেই। গলাটা যান্ত্রিকভাবে কিছুটা চেঞ্জ করা।
“যাদের উদ্দেশ্যে মেসেজটা দিচ্ছি নাম উল্লেখ না করলেও আশা করি মেসেজটা তোমাদের কাছে পৌঁছবে। তোমরা অনেক দূর চলে গেছে। একটু বেশিই। যদিও কোনকিছু প্রমাণ করার মত তথ্য তোমাদের হাতে নেই, তারপরও আমি চাই না, আমার কার্যাবলি কেউ জেনে মুখে মুখে বলে বেড়াক, তাছাড়া তোমাদের একজন সরাসরি প্রিন্ট মিডিয়ার সাথে সম্পর্কিত, ব্যাপারটা আমার জন্য একটু অস্বস্তিকর। তোমাদের খুঁজে বের করে শেষ করে দেয়া আমার জন্য কিছুই না, তাই বলা চলে তোমাদের একটা চান্স দিচ্ছি। চলে আসো ঘন্টা দুয়েকের ভিতরে। তোমাদের জীবন রেহাই পাবে কথা দিচ্ছি, শুধু আমি বিশেষ পদ্ধতিতে এখানকার স্মৃতিটুকু ভুলিয়ে দেব। আর কিছুই করবো না আর একটা কথা, যদি এর মধ্যে না আসো, তবে তোমাদের একজনের বোন যে আমার জিম্মায় আছে, তাকে পরবর্তীতে একটা বরফের চাই বা মাইনাসের অনেক নিচে জমে যাওয়া এক বরফমূর্তি রূপে পাবেও তাকে ইতিমধ্যে একটা দারুণ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছে। সো, জারি ওয়েটিং ফর ইউ।”
রুশদি জেনে গেল কিভাবে বিনুই আমার বোন? আমি সাথে সাথে রুহুলকে ফোন দিলাম। বিনুর গার্ডিয়ান হিসেবে ওর হাজবেন্ড রুহুলের নামই এন্ট্রি করা ছিল হাসপাতালে।
এত রাতে রুহুল ফোন পেয়ে কিছুটা ভড়কে গেল। ধাতস্থ হতে কিছুটা সময় নিল। তারপর ওর থেকে শুনে বুঝলাম, ব্যাপার কী! রুশদির কোন কারণে সন্দেহ হয়েছে বিনু হয়তো আমাদেরই কেউ, সে গতকাল রুহুলকে ফোন দেয় । এবং বিনুর সম্পর্কে আরো তথ্য লাগবে এই কারণ দেখিয়ে পরিবারের সবার নাম নেয়।
তারমানে এভাবেই রুশদি জেনে ফেলে আমি যে ওর ভাই! মাথার চুল ছিড়তে ইচ্ছে করছে দুঃখে, ক্ষোভে।
আমি মিলিকে বললাম, “আমি যাচ্ছি, ওরা দু’জন থাকুক । আপনি প্লিজ ব্যবস্থা করুন।”
হাসান বললো, “গত কয়েকদিনের স্মৃতি ভুলিয়ে দেবে মানে? সেটা কিভাবে সম্ভব?”
“সম্ভবত এলএসডি, মিলি বললেন। এটা আরেকটা এক্সপেরিমেন্ট। মূলত ব্রেইন ওয়াশ করার প্রসেস। আমেরিকার সিআইএও আমাদের জানামতে এ এক্সপেরিমেন্টে অর্থায়ন করেছিল। এলএসডি প্রয়োগ করে মানুষকে ব্লাঙ্ক পেজ বানিয়ে দেয়া যায়।”
“তারমানে জীবনের সমস্ত স্মৃতিই ভুলিয়ে দেয়ার কথা বলেছে হারামিটা!”
“নির্দিষ্ট ডোজ প্রয়োগ করে কিছু নির্দিষ্ট দিনের স্মৃতি ভোলানোর কোন পন্থা যদি রুশদি আবিষ্কার করে না থাকে তাহলে সেটাই।”
ইতিমধ্যে রুমি চলে এসেছে। সব শুনে বলল,
“ডোন্ট ওয়ারি, আমরা যাচ্ছি। কিন্তু ধরা দেয়ার জন্য নয়, উদ্ধার করার জন্য।” তারপর মিলির দিকে ফিরে বলল, “আপনি আমাদের কষ্টুমস এর ব্যবস্থা করুন। কোডটা আমি জেনে ফেলেছি!”
*
বছর খানেক আগের ঘটনা। গভীর রাতে রুহুলের ফোন পাই।
“ভাইয়া, একটা অ্যাকসিডেন্ট হইছে। আসতে পারবেন?
“অ্যাকসিডেন্ট?” আমি ধড়মড় করে লাফিয়ে উঠি ঘুম থেকে। এত রাতে! নিশ্চয়ই গুরুতর কিছু। “বিনুর কিছু হয়েছে?”
“না না ভাইয়া, ও ঠিক আছে। আপনি পারলে একটু আসেন…” রুহুলের গলা শুনে মনে হল কাঁদছে।
কী হল আন্দাজ করতে পারলাম না।
বিনুর শরীর খারাপ ছিল, সপ্তাহখানেক আগে ডেলিভারি হয়েছে । টুইন বেবি ছিল। তাই সিজারিয়ান অপারেশন করতে হয়েছে এবং ডাক্তারদের মতে যমজ বাচ্চা ব’লে অবস্থা বেশ ক্রিটিকাল ছিল।
ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে বেশ ঝামেলা করে পৌঁছলাম। ভিতরে ঢুকে আঁতকে উঠলাম। কি ব্যাপার! এইটুকু বাচ্চার কি হল? বিনুর টুইন বাচ্চার একটা বেড়ে, গলায় ব্যান্ডেজ করা।
এক তরুণ ডাক্তার এসে বললেন, “বিপদ কেটে গেছে। ভাগ্য ভাল বেশি গভীর কাটা ছিল না।”
“বাচ্চাগুলোকে দেখে রাখতে পারো না!” রুহুলের উপর রীতিমত রেগে গেলাম আমি । “কীভাবে হলো এটা?”
রুহুল বলল, “ভাইয়া, এটা ওই ধরনের কোন অ্যাকসিডেন্ট না।”
“মানে?”
“কাজটা করেছে বিনু, আপনার বোন। একটা ব্লেড দিয়ে বাচ্চাটার গলা কাটবার চেষ্টা করছিলো।”
শুনে আমি শিউরে উঠলাম। মনে হচ্ছিল পা এর নিচ থেকে মাটি সরে যাচ্ছে।
কী বলছে এসব!
“অন্য বাচ্চাটা কই?”
“আছে, নিরাপদে আছে।”
“আর বিনু?”
“বিনু বাসায়ই আছে। আটকে রেখেছে বাকিরা।”
আমি থমকে দাঁড়িয়ে রইলাম।
এতদিন ভাবতাম ব্যাপারটা বোধহয় ছোটবেলাতেই ছিল, এখন সেরে গেছে। কিন্তু সুপ্ত রয়ে গেছে এখনো কে জানতো?
ব্যাপারটা মনে পড়লো ওখানে দাঁড়িয়েই। বেশ কয়েকবছর আগে স্টোর রুমটা ঘাঁটতে গিয়ে একটা থলে পাই। থলেটা খুলে দেখি আমাদের ছোটবেলার খেলনা, আমার সেই পিস্তলটাও আছে। বিনুর খেলনাগুলোও, মজা করে ঘেঁটে দেখছিলাম।
হঠাৎ ব্যাগটা ছুড়ে ফেলে দিই, কিছুটা ভয় পেয়েই ভিতরে পাঁচ-ছয়টা পুতুল, প্রত্যেকটারই গলা যত্ন করে কাটা। বিনু বাড়িতে যত পুতুল ছিল সবগুলিরই গলা কেটে রেখেছিল।
তখনও আন্দাজ করতে পারি নি সামনে কত বড় বিপর্যয় অপেক্ষা করছিলো আমাদের জন্য ।
ওর চিকিৎসা দরকার!
*
রাত পৌনে চারটা।
শীতকাল, তাই রাতগুলো অনেক বড়। ভোর হাতে এখনও প্রায় ঘন্টা দুয়েক বাকি। আমরা খানিক আগে রুশদি হসপিটালে ঢুকেছি। ঢোকাটা যতটা কঠিন, আবার ঠিক ততটাই সোজা।
রুশদির এত এত সিকিউরিটি গার্ড আছে, তা বোঝার কোন উপায়ই ছিল না আজকে না এলে। পুরো হাসপাতালটাকে ঘিরে অসংখ্য আধুনিক অস্ত্রবহণকারী প্রহরী। এমনভাবে অবস্থান নেয়া যে কাছাকাছি না এলে অস্তিত্ব টের পাওয়া যায়।
আমাদের পরনে লম্বা হাতা, মাথায় হুডসহ ধবধবে সাদা আলখেল্লা। এটাই আজকের সম্মেলনের পোশাক। পাস কোডটা বলা মাত্রই খুব বেশি ঝামেলা করলো না গেটের প্রহরী। একবার শুধু আপাদমস্তক চেক করে গেট খুলে দিল। একইভাবে আরো দু’বার বলতে হল কোডটা সামনের দু’জায়গায়।
কোডটা একটা সংখ্যা, তিন ডিজিটের। সে ভিজিট তিনটার যোগফল আবার ৯। সেটাতে আর অবাক হলাম না।
অন্যরকমভাবে সাজানো করিডোর, মনেই হচ্ছে না এটা একটা হাসপাতাল। কেমন একটা গমগমে আওয়াজ হচ্ছে। সামনে-পিছনে আরো অনেকে আছেন, সবার পরনে সাদা আলখেল্লা, মাথায় হুড তোলা।
কারা এরা?
অন্য সময় হলে বোঝার চেষ্টা করতাম। কিন্তু এখন বিনুর চিন্তায় মাথা খারাপের মত অবস্থা। বেশি দেরি হয়ে গেলে রুশদির কাছে গিয়ে হাঁটু গেড়েই বসতে হবে, এছাড়া উপায় নেই।
রোগীদের কেবিন আর ওয়ার্ডের করিডোরগুলো বন্ধ। এন্ট্রি থেকে সেমিনার রুম অকুলাস পর্যন্ত একটা সিঙ্গেল ট্রাক তৈরি করা হয়েছে স্পেশালভাবে, এখানকার ইন্টেরিওর ডিজাইনারের প্রশংসা না করে পারলাম না। সত্যিকারের স্পিরিচুয়াল আবহ তৈরি করা হয়েছে। রুশদির কর্মচারী বাইরে যতটা বেশি ভিতরে দেখলাম ততটাই কম। আমার ঠিক পেছনেই আছে রুমি আর মিলি। হাসানও শেষমেষ আসতে চেয়েছিল। কিন্তু আমরা কিছুটা জোর করে ওকে আনিনি। কস্টিউম আর স্পেশাল স্কিন কালারের জন্য নিজেদেরই নিজেদেরকে চিনতে কষ্ট হচ্ছে।
*
অকুলাস!
আবার চলে এলাম সেই সেমিনার রুমের সামনে। ভারি পাল্লাটা সরিয়ে ভিতরে ঢুকতেই মনে হল দম বন্ধ হয়ে যাবে। বিশাল স্পিন্ডল শেপের সেমিনার রুমটাতে প্রায় শ’খানেক মানুষ। সবার পরনে একই পোশাক, মনে হল এক ধরনের অশুভ শুভ্রতায় ছেয়ে আছে জায়গাটা। সারিবদ্ধভাবে বসে আছে সবাই। সবারই হুড টানা। তবে যতটুকু চেহারা দেখা যাচ্ছিল তাতে বুঝলাম, নানা দেশের মানুষ আছে এখানে। সাদা চামড়া, কালো চামড়া।
একটা মৃদু গুঞ্জন, হালকা কথাবার্তা, চেয়ারটানা আর হাঁটাচলার শব্দ। সব মিলিয়ে বোঝা যাচ্ছে মূল অনুষ্ঠান এখনো শুরু হয় নি।
সামনের নয়টা কালো টেবিল গোল করে পাতানো। ভালো মত বোঝা যাচ্ছে। না, তবে মনে হচ্ছে টেবিলগুলোর মাঝখানে কিছু একটা আছে।
প্রতিটা টেবিলে দুজন করে বসে আছে। তাদের পোশাকগুলোও একটু ভিন্ন। তাদের আলখেল্লার কলার আর হাতাতে সোনালি স্ট্রাইপ বসানো। নিশ্চয়ই উচ্চপদস্থ সদস্য তারা ।
“আপনাদের রুনু ওখানে!” মিলি টেবিলগুলোর মাঝখানে নির্দেশ করলো। আরেকটু সামনে যেতেই ভাল মত চোখে পড়লো আমাদের। নয়টা টেবিলের মাঝখানে একটা ক্যাপসুলের মত। বেশ বড়, পুরোটা কাঁচের তৈরি। নিচ থেকে অনেকগুলো টিউব বেরিয়ে নিচের স্ট্রাকচারের সাথে যুক্ত। সে ক্যাপসুলে বুকে দুহাত দিয়ে সোজা হয়ে শুয়ে আছে এক অনিন্দ্য সুন্দরী রমণী। বহু কষ্টে চিনতে পারলাম-আমাদের রুনু!
কোন এক অদ্ভুত সাজ দেয়া হয়েছে, গাঢ় পার্পল রঙের একটা পোশাক গায়ে, চুলগুলোতে কিছু করা হয়েছে, জ্বলজ্বল করছে। মনে হচ্ছে রূপকথার ঘুমকুমারী। যে বহু বছর ধরে ঘুমিয়ে আছে কোন এক রাজপুত্রের জন্য ।
ক্যাপসুলের সাথে একটা কাউন্ট-ডাউন টাইমার লাগানো। ১:২৪ ১:২৩ এক ঘন্টা বিশ মিনিট পরেই এখানে কিছু ঘটবে।
মিলি ঘড়ি দেখে বললেন, এখন বাজে ৪:০৫ ঠিক সূর্যোদয়ের মূহুর্তে কিছু একটা ঘটবে তারমানে।
আজকে সুর্যোদয় সাড়ে পাঁচটার দিকে হবে।
সূর্যের সাথে সম্পর্কিত! আমি অবাক হয়ে গেলাম সূর্য-প্রত্যেকটি ধর্ম তাদের ধর্মীয় নানা রিচুয়ালের আনুষঙ্গিক অংশ বানিয়ে রেখেছে যাকে শত শত বছর ধরে। তারমানে এ সম্মেলন কোন ধর্মীয় গোষ্ঠীর কিন্তু তাহলে কারা এরা?
“বিনু কোথায় থাকতে পারে। বিনুকে খুঁজে বের করা দরকার প্রথমে।”
মিলি বললেন, “আন্ডারগ্রাউন্ডের কোন রুমে থাকার সম্ভাবনা বেশি, যেখানে আপনাদের আটকে রাখা হয়। ওখানকার দুটা রুম ল্যাব রুম, সেখানের কোন ফ্রিজারেই হয়তো রাখা।”
ভাবতেই আমি শিউরে উঠলাম। কতক্ষণ আগে রাখা হয়েছে ওকে?
“ডা: রুশদি কোথায়?” আশপাশে তাকিয়ে দেখতে পেলাম না।
মিলি বললেন, “চলুন দ্রুত আমরা আন্ডারগ্রাউন্ডটা সার্চ করে আসি। পরে আরো কাজ বাকি আছে।”
সেমিনার রুমের বাইরে মানুষজন কমে এসেছে। সবাই মোটামুটি ভিতরে বসে গেছে। আমরা তিনজন দ্রুত পায়ে করিডোর দিয়ে হাঁটা দিলাম।
মিলি বলে চলছেন, “আন্ডারগ্রাউন্ডে যাওয়ার একটা মাত্র পথ আছে, সেটা হল করিডোরের শেষ মাথায় একটা লিফট আছে, একটা স্ক্রিনের পেছনে। সেটাতে কার্ড পাঞ্চ করে ঢুকতে হয়।”
“কার্ড পাঞ্চ করতে হয়?”
“চিন্তা নেই, সে ধরনের একটা কার্ড আমার কাছে আছে, কার্ডটা আমরা তৈরি করে নিয়েছি।”
করিডোরটা মনে হচ্ছে অনেক দীর্ঘ, এবার রীতিমত ছুটছি। শেষ মাথায় একটা বিশাল পেইন্টিং এর মত। এটাই স্ক্রিন। পেছনে গিয়েই একটা লিফটের দরজা পেলাম। দরজাটা স্বাভাবিক না, বেশ চওড়া। মিলি দরজার পাশে কার্ডটা পাঞ্চ করতেই চট করে খুলে গেল লিফট। ভেতরটাও বেশ বড়, হাসপাতালের লিফটগুলো কিছুটা বড় হয় স্ট্রেচার বহন করতে হয় বলে, কিন্তু এটা দিয়ে মনে হচ্ছে আরো ভারি এবং বিশাল কিছু ওঠা নামা করানো হয়।
আবার সেই পেন্টাগোনাল হল রুমে হাজির হলাম। আজকে আর সিকিউরিটি ক্যামেরার তোয়াক্কা করার সময় নেই।
মিলি বললেন, “খুব সম্ভবত আজকে সব নজর উপরের হল রুমেই আছে। এখানকার অ্যালার্ট সিস্টেম বন্ধ থাকার কথা।”
ছোটা শুরু করলাম আবার। লিফট থেকে নেমেই হাতের বামপাশে একটা রুম। ঢুকে গেলাম। বিরাট একটা ল্যাব রুম। অনেক ধরনের যন্ত্রপাতি রাখা। ফ্রিজার রাখা আছে তিনটা! তিনজন তিনটার দিকে ছুটলাম।
ও নাহ! নেই। এরুমে নেই। বের হয়ে পরের রুমে গেলাম। ঢুকেই থমকে গেলাম। খাঁ খাঁ করছে। তিনটা দেয়াল একধরনের বিভ্রম সৃষ্টি করে পুরো ফাঁকা হলে, মনে হয় বেশ ছোট রুম। সব রুম এখনো ব্যবহার করা হয় নি।
বের হয়ে পরেরটাতে ঢুকলাম দ্রুত।
বিনু, কই আছিস বোন আমার!
এটা আবার আরেক ল্যাব রুম। এটাতে ফ্রিজার একটাই। নিঃশ্বাস বন্ধ করে ছুটে গেলাম।
এখানেও নেই। পরের রুমটা সেই স্টোর রুম, যেখানে আমরা বন্দি ছিলাম।
এস্কেপ করুন, পরেরটাতে চলুন। রুমি তাড়া লাগলো। ও রুমে কোন ফ্রিজার ছিল না।
কিন্তু পরেরটাতে ঢুকে দেখি বিশাল রুম জুড়ে মাত্র একটা মেশিন। বিস্তর ফাঁকা জায়গা অবশ্য পড়ে আছে । কিসের মেশিন বুঝতে পারলাম না। দেখে মনে হচ্ছে কোন ফ্লাইং সসার ।
মিলি বললেন, “এটাই সেন্ট্রিফিউজ করার যন্ত্র।”
সব রুম শেষ । তাহলে বিনু কোথায়! আমি মাথার চুল আঁকড়ে ধরলাম। “স্টোর রুমটা দেখি চল”
রুমি বলল, “কে জানে ওখানেই কিনা!”
কথা না বাড়িয়ে ছোটা শুরু করলাম । পাশের রুমটাই।
দরজা ধরে ধাক্কা দিতেই কেমন একটা কটু গন্ধ নাকে এসে লাগলো। রুমটায় আগের মত একটামাত্র বাতি জ্বলছে।
রুমের কোণটার কাছে একটা মনুষ্য অবয়ব। দৌড়ে গেলাম কাছে। একজন মানুষ উবু হয়ে আছে। চেয়ারের সাথে আষ্টেপৃষ্ঠে বাঁধা।
“কে এটা?”
“ডা: হারুনের ছেলে।” মিলি বললেন। অজ্ঞান হয়ে আছে চেয়ারে।
“কি যেন নাম ছিল ছেলেটার?”
“নাহিয়ান,” রুমি বলল। “এখনও যে বাঁচিয়ে রেখেছে সেটাই তো আমার কাছে বিস্ময়ের ব্যাপার মনে হচ্ছে।”
রুশদি গতকাল থেকে যে-রকম বিজি ছিল, একে নিয়ে আবার সময় বোধহয় পায় নি। পাশেই আয়রন মেইডেনটা দেখে বুঝতে পারলাম এর ভাগ্যে কী ঘটতে যাচ্ছে। আমরা দ্রুত ছেলেটার হাত পায়ে বাঁধন খুলে দিলাম । তারপর মেঝেতে শুইয়ে দিলাম। শকে চলে গেছে মনে হচ্ছে।
মিলি বললেন, “এ এখানেই থাকুক। একে নিয়ে ভাববার সময় দূর্ভাগ্যজনকভাবে আমাদের নেই। চলুন!”
“এ রুমেও কোন ফ্রিজার নাই। আমি আগে থেকেই জানতাম।” রুমি বলল।
“কই যাব তাহলে?” আমার কণ্ঠটা হাহাকারের মত শোনালো।
“বিনু, তোকে আমি বাঁচাতে পারলাম না। আমি মাথার চুল আঁকড়ে মেঝেতে বসে পড়লাম।
মিলি আমার পাশে বসে বললেন, “মারুফ সাহেব! আমাদের আর একটা ল্যাব দেখা বাকি! আগেই ভেঙে পড়বেন না।”
“কোনটা? এখানে আর কোন ল্যাব নেই!”
“আছে। দ্য মোস্ট প্রটেকটেড ল্যাব। দ্য ডৌম।”
আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। ডৌমটাই ছিল রুশদি হসপিটালে আমাদের দেখা প্রথম ল্যাব। এখন আমার মনে পড়ছে, সেখানে নানা ধরনের অচেনা মেশিন ছিল, ছিল কয়েকটা ফ্রিজারও।
“চলুন।” হঠাৎ মিলি বললেন, “এ রুমে ক্যামেরা সক্রিয় আছে।”
“কি বলছেন?”
মিলি হাত দিয়ে দেয়ালের সাথে লাগানো ক্যামেরাটা দেখালো। “এটা মাত্র মনে হল নড়ে উঠলো!”
তারমানে কেউ একজন আমাদের দেখছে।
শুনে একটা ভীতির মত অনুভব হল। ইঁদুরের মত আবার আটকা পড়ে যাব না তো!
মিলি বললেন, “দাঁড়িয়ে থাকার সময় এটা নয় । রান!”
তিনজনে ছোটা শুরু করলাম।
পেছনে শুয়ে থাকলো নাহিয়ান নামক এক যুবক, যে তার পালক পিতার এক পুরনো শত্রুর শিকার।
ত্রিকোণ স্টোর রুম আর এখান থেকে উপরে ওঠার একমাত্র পথ লিফটের সম্পর্ক মোটামুটি মুখোমুখি। স্টোর রুমটার দরজা দিয়ে বের হয়ে একদম সরাসরি আমরা ছুটলাম । যদি কোন সিকিউরিটি ফোর্স আসবার আগেই আমরা উপরে উঠে ভিড়ের সাথে মিশে যেতে পারি কেবল তখনই বিনুকে বাঁচানোর এবং নিজেদের বাঁচানোর একটা সুযোগ থাকবে।
যখন লিফটের দরজার কাছে প্রায় এসে পড়েছি, তখন মিলি বললেন, “পাশের রুমটায় ঢুকে পড়ুন।”
“মানে?”
মিলি হাত ইশারায় লিফটের ডিসপ্লেটা দেখালেন। সেখানে একটা নিম্মমুখী অ্যারো চিহ্ন, ২ থেকে ১ হয়ে গেল পাশের সংখ্যাটা। তারমানে কেউ নামছে!
আমরা মিলির নির্দেশ অনুযায়ী পাশের রুমটায় ঢুকে গেলাম। এ রুমটা হল সেটা যেটা পুরোপুরি খালি। ভিতরে ঢুকে দরজার সামান্য ফাঁক দিয়ে মিলি তাকিয়ে রইলেন। রুমটা খালি হলেও কিছু জঞ্জালের মত রাখা, আশপাশের রুমে কাজ করতে গিয়ে যেসব জঞ্জাল জমেছে সেগুলোর সাময়িক ডিসপোজালের জন্য হয়তো। সেখান থেকে রুমি একটা রডের মত কিছু একটা নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে রইলো।
মিলি একসময় হাত ইশারায় আমাদের বেরোতে বললেন। ওরা স্টোর রুমটায় ঢুকেছে। আমরা পা টিপে টিপে বের হলাম । তারপর লিফটের উদ্দেশ্যে বেশ জোরেসোরে একটা দৌড় দিলাম। আমাদের প্রতিটা পদক্ষেপে মেঝেতে যেন হাতুড়ি পেটানোর মত শব্দ হচ্ছে। সে শব্দে এই নীরব হলরুম যেন ফেটে যাচ্ছে।
পেছন থেকে সাথে সাথে আরেকটা পদধ্বনি শুনতে পেলাম যেন। তারমানে যারা এসেছিল তারা টের পেয়ে গেছে আমরা লিফটের দিকে যাচ্ছি। মিলি তার কার্ডটা লিফটের দরজায় পাঞ্চ করলেন, পেছনে তাকিয়ে দেখি স্টোর রুমের দরজা খুলে বেরিয়ে এলো এক লোক, হাতে একটা অস্ত্রের মত। আমরা এখনও রেঞ্জের বাইরে। সেও ছুটে আসছে। ঠিক পেছনেই আরেকটা অবয়ব। চিনতে কষ্ট হল না, রুশদিই যে।
“দরজাটা খুলছে না কেন?” মিলি আরেকবার পাঞ্চ করলেন । সিকিউরিটি গার্ড কাছাকাছি এসে পড়েছে, তার ভারি অস্ত্রটা এবার সে তাক করার চেষ্টা করছে। মৃদু একটা শব্দ করে লিফটের দরজাটা তখন খুলে গেল। একেবারে লাফিয়ে উঠলাম বলা চলে। উঠেই ক্লোজ বাটনে প্রেস করেছি। দরজাটা যখন প্রায় বন্ধ হয়ে এসেছে তখনই একটা বুলেট এসে লাগলো দরজায়।
ছোট্ট একটা বুলেটের কী শক্তি সাথে সাথে টের পেলাম! পুরো লিফটটাই যেন কেঁপে উঠলো।
ভাগ্য ভালই বলতে হবে, দরজায় লাগাতে কোন বিপদ ঘটলোনা। লিফটটা এবার উপরে উঠা শুরু করলো।
স্বস্তির নিশ্বাস ফেললাম। উপরের তলার করিডোরে মেমেই মিলি রুমি থেকে ওর হাতের রড নিয়ে পাল্লা দুটোর মাঝখানে বসিয়ে দিল যাতে পাল্লাটা আর বন্ধ হয়। তারমানে লিফটা আর নিচে নামবে না।
অন্তত কিছুক্ষণের জন্য রুশদির আর উরে ওঠা সম্ভব না। কারণ উপরে উঠবার জন্য লিফট ছাড়া আর কোন মাধ্যম নেই সেটা খানিক আগেই জানলাম। কেউ এসে রডটা সরানোর আগেই আমাদের ডৌমে পৌঁছে যেতে হবে!
অকুলাসে ঢুকে দেখি অধিকাংশ আলখেল্লাধারীই সারিবদ্ধ হয়ে বসে পড়েছে। সুসংগঠিত কোন সমাবেশের রূপ চলে এসেছে। রুনুর ক্যাপসুলটা এখন মেঝে থেকে বেশ উঁচুতে ওঠানো। এখন কাউন্ট-ডাউনটা ভালো মত দেখা যাচ্ছে। আর চল্লিশ মিনিটের মত আছে।
আমরা আলখেল্লার হুডটা ভালো মত তুলে দিয়ে দেয়াল ঘেঁষে এগুতে থাকি ।
দ্রুত চলে এলাম ডৌমের সিঁড়ির কাছে, প্রজেক্টরের বিশাল স্ক্রিনের পেছনে। পুরো হলরুমটা এখন মানুষের গুঞ্জনে গমগম করছে।
দরজার বাইরে আমি দাঁড়িয়ে বললাম, “আমি একলা যাব। কারণ দ্বিতীয় পাসওয়ার্ডটা আমরা জানি না। বেরোতে যদি না পারি তাহলে বাইরে কেউ থাকলে সেটাই ভাল হবে। তিনজনের একসাথে যাওয়াটা বোকামি হবে।”
এটার লকিং মেকানিজমটা মিলি আমাদের বুঝিয়ে দিয়েছিলেন, সেটা হল প্রথম পাসওয়ার্ডটা দেবার পর সিঁড়ির নিচের লকড গেটটা ওপেন হয়, খুবই পুরু স্টিলের গেট। পুরো ডৌমটাই অবশ্য তাই দিয়ে তৈরি। এক্সপ্লোসিভ ব্যবহার করেও এটা ভোলা যাবে না। খুলবার পর ভিতরে প্রবেশ করার সাথে সাথে সেন্সরের মাধ্যমে গেটটা বন্ধ হয়ে যায়। সিড়ি বেয়ে উঠবার পর ভৌমের মুখে আরেকটা গেট আছে। সেটা শুধুমাত্র তখনই খোলে যখন প্রথমটা পুরোপুরি বন্ধ হয়। তারমানে প্রথম গেটটা কোন কিছু দিয়ে খোলা রেখে আমরা ডৌমে প্রবেশ করতে পারবো না। এবং কেউ একজন ভিতরে একবার প্রবেশ করার পর বাইরের লকটা জ্যাম হয়ে যায়। শুধুমাত্র ভিতরের পাসওয়ার্ড দিয়ে সে বের হবার পরই আবার সেই জ্যাম কাটে। তারমানে হাইলি সিকিওরড একটা ব্যবস্থা।
রুমি বলল, “আমি যাব। কারণ আমি দ্বিতীয় পাসওয়ার্ডটা বের করতে পারবো।”
“কনফার্ম?”
“অফকোর্স নট, বাট আই কান্ট লিভ ইউ দেয়ার!”
মিলি বললেন, “আমিও বাইরে থাকতে চাই না। আমার শেষ মিশন ওটার ভিতরেই। আমি সেজন্যই এসেছি আজকে!”
আমরা তিনজনই জানি, রুশদি যেকোন সময় ডৌমটা উড়িয়ে দিতে পারে ফোনে নির্দেশ দিয়েই। এমনভাবে এটার ভেতরে এক্সপ্লোসিভ সেট করা যাতে বিল্ডিং এর আর কোন অংশের ক্ষতি না করে ডৌমের ভেতরের পুরোটা ছাই করে দেয়া যায়। সেটা মাথায় আনাটা এখন খুব বেশি বিলাসিতা মনে হচ্ছে।
আমি বাটন প্রেস করা শুরু করলাম। “দ্য গেট।”
আল বাব।
আস্তে করে খুলে যাচ্ছে গেটটা। যেটা দ্বিতীয়বার আমরা আবার খুলতে পারবো কিনা আমাদের জানা নেই।
মিলি হঠাৎ তার মোবাইল বের করে বললেন, “শওকত পালিয়েছে।”
“মানে?”
সেন্টার থেকে মাত্র আমাকে মেসেজ করা হল, “শওকত পালিয়েছে ওখান থেকে!”
ডেভিল ইজ জয়িনিং দ্য গেম! আমি মনে মনে ভাবলাম ।
মেসেজটা কতটুকু দরকারি সেটা বোঝা যাচ্ছে না, তবে টাইমিংটা বেশ ভালো হয়েছে। কারণ ভৌমের ভেতরে ঢোকামাত্রই মেসেজটা আর পেতাম না আমরা ।
দ্রুত এগুলাম সিঁড়ি দিয়ে। পেছনে একজন পুরনো বন্ধু, তার পেছনে একজন অচেনা কিন্তু বিশ্বস্ত নারী।
