অধ্যায় ৫
শেষ ঘন্টাটা পড়েছে অনেক আগে, ইশকুলের পেছনের ইউক্যালিপটাসের গোড়াটা বাঁধানো। গাছটা নাকি রাক্ষুসে, পাগলের মত মাটি থেকে পানি শুষে নেয়। ইশকুলের আগের হেডস্যারের খুব প্রিয় ছিল এই গাছ, কোথেকে যেন জোগাড় করে সারা ইশকুলে অনেকগুলো লাগিয়েছেন। আমাদের বিজ্ঞান স্যার তাতে খুবই বিরক্ত, ক্লাসে প্রায়ই বলেন,
“গাছটা দেশে ছড়িয়ে পড়লে বিপদ! খুব খারাপ গাছ!”
স্কুলব্যাগটা মাথায় দিয়ে বাঁধানো বেদিতে শুয়ে আছি। ইউক্যালিপটাসের পিছল শরীরটা উঠে গেছে উপরে, অনেক উপরে। সেখানে ডাল-পালা মেলে প্রসারিত গাঢ় অবয়ব, অনেকগুলো বাহু যেন কোন প্রাণীর, ছাড়া ছাড়া। ছায়াটা তাই ঘন হয়ে ওঠে নি। রোদের ছটা নরম হয়ে লাগছে চোখে-মুখে।
এতক্ষণে নিশ্চয়ই বাসায় হুলস্থুল পড়ে গেছে । বিনু কান্নাকাটি করে নিশ্চয়ই বাড়ি মাথায় তুলেছে। যা করতে প্রতিদিন পুতুলটা নিয়ে!
আজকে বাড়ি ফিরলে যে কী হবে!
এখন একটু একটু খারাপ লাগছে। এত প্রিয় ডল ওর। মাথাটা না কাটলেও পারতাম। হাত-পা একটা কেটে দিলেই হত মনে হয়। মাথা না থাকলে তো পুতুলটাই ফেলে দিতে হবে। অনুশোচনা বাড়ছিল ধীরে ধীরে। আমারই বা কী দোষ, নিজেকে বোঝালাম। ওই পুতুলটা নিয়ে খেলতে দেখলে আমার ভীষণ খারাপ লাগতো। আমার পিস্তলটা ছুঁতে পর্যন্ত চায় না এমনকি। ওর একটা শাস্তি দরকার ছিল। ধরা পড়লে হয়তো বড় ধরনের একটা পিটুনী খেতে হবে। সেটা ভেবে খানিকটা ভয় লাগছে। জানানো যাবে না কিছুতেই। স্বীকারই করবো না!
বাসায় ঢুকতেই মা চিৎকার করলো, “কই ছিলি এতক্ষণ?”
মুখ স্বাভাবিক রাখার চেষ্টা করলাম, কিন্তু ভিতরে ভিতরে ভয়ে গলা শুকিয়ে আসছিলো। “সবাই মিলে ফুটবল খেলেছি ইশকুল শেষে।
“মিথ্যে কথা হচ্ছে না! জয়, মুন্না ওরা সবাই চলে এসেছে, তুই একলা ফুটবল খেলছিলি?”
“ওদের সাথে আমি খেলি না!”
“তা খেলবে ক্যানো? পাড়ার বদমাশগুলোর সাথেই তো তোমার খেলা চাই। ক্লাস ফোরে পড়ো মাত্রর, এখনই পাখা গজিয়ে গেছে, দেরি করে বাড়ি ফেরা হচ্ছে, না!”
নিঃশ্বাস চেপে অপেক্ষা করছিলাম কখন আসে পুতুলের কথা, বিনুর কথা । অবাক হওয়ার ভান করে একদম অস্বীকার করতে হবে। আড়চোখে দেখছিলাম বিনু আছে কিনা আশেপাশে। নাই! সারাদিন নিশ্চয়ই খুব কান্নাকাটি করেছে।
ব্যাপার কি? টের পায় নি এখনো!
সন্তর্পণে হেঁটে বিনুর দরজা দিয়ে উঁকি মারি। কিছু একটা খেলছে, মনোযোগ দিয়ে। খেলছে! তারপরও বোঝে নাই এখনো? অস্বস্তি লাগা শুরু করলো আমার ভীষণ । গিয়ে খোঁজ নিতেও সাহস পাচ্ছিলাম না। পায়ে পায়ে হেঁটে কাছে গিয়ে দাঁড়ালাম। খেয়ালই করলো না। একমনে খেলে যাচ্ছে। কী যেন গান গাইছে। গানের সুর ধরে আস্তে আস্তে মাথা দোলাচ্ছে। নীরবে সরে এলাম । যাক বাবা, কোন অঘটন ঘটে নি। বাচ্চা মানুষ তো, মনে হয় ভুলেই গেছে। হাফ ছেড়ে বাঁচলাম ।
সন্ধ্যা থেকে তুমুল বৃষ্টি শুরু হল। ঝড়ের মত বাতাস । বৃষ্টির হাটে জানালার শার্সিগুলো ঘোলা হয়ে উঠলো, মা পড়তে বসতে কড়াকড়ি করলো না। বাবা দু’দিনের জন্য অফিসের কাজে বাইরে গেছে, ঝড়-বৃষ্টি দেখে মা সেটা নিয়েই সারাক্ষণ টেনশন করা শুরু করলো । জানালার কাঁচ দিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের দিকে তাকিয়ে রইলাম। বৃষ্টির পানি ল্যাম্পপোস্টের হলুদ আলোয় খেলছিল যেন, বাতাসের সাথে সাথে জলের ধারা বদলে যাচ্ছে, লাফিয়ে সরে যাচ্ছে, আর তলায় যেন টগবগ করে ফুটছিলো, যেমনটা ফোটে উনুনে। ইলেকট্রিকের আলো চলে গেছে, বিছানা গুছিয়ে দিয়ে গেছে মা, আজকে যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। ঝমঝম আওয়াজ শুনতে শুনতে একসময় চোখ লেগে এল । তলিয়ে গেলাম গভীর ঘুমে ।
গুনগুন করে কে যেন গান গাইছে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল কেন বুঝলাম না । জানালা দিয়ে মস্ত চাঁদ উঠেছে। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে বিছানা, চাদর। তারমানে বৃষ্টি থেমে গেছে আর আকাশও কেমন পরিষ্কার হয়ে গেছে। একটু খুশি হয়ে উঠলাম, খেলার মাঠের পানিটা তাহলে নেমে যেতে পারে, সন্ধ্যা থেকে যে বৃষ্টি হল, মাঠে পানি উঠে যাবে ভেবে মনটা খুব খারাপ ছিলো।
আবার মনে হল গুনগুন করে কে যেন গান গাইছে। বিছানা থেকে নেমে এলাম।
মা কি ঘুমোয় নি! ঘর পেরুতেই ভড়কে গেলাম, বারান্দার দরজাটা খোলা। খোলা দরজা দিয়ে হুড়মুড় করে জ্যোৎস্নার আলো এসে বসার ঘরটার এক পাশ ভরে রেখেছে। দরজাটা কখনো আটকানো হয় না, বারান্দাটা গ্রিল দিয়ে আটকে দেবার পর থেকে অবশ্য। কিন্তু ভেজানোই তো থাকে রাত্রে।
মা’র ঘরে উকি দিলাম। নাহ! মা জেগে নেই। গভীর ঘুমে তলিয়ে আছে। আমি হাই তুলে আমার বিছানার দিকে রওনা দিলাম। হঠাৎ চমকে উঠলাম, আরে বিনু কই! ওকে তো মায়ের পাশে দেখলাম না!
এমন সময় মনে হল, গুনগুন করে গানের আওয়াজটা আবার আসছে, বারান্দা থেকেই তো। পা টিপে টিপে এগিয়ে গেলাম, এটা পাগল নাকি।
মেজাজ পুরো খারাপ হয়ে গেল। দেখি বিনু বারান্দায় বসে বসে খেলছে। বারান্দা বৃষ্টির পানিতে ভিজে আছে। চাঁদের আলোয় ভেজা মেঝে চকচক করছে। সেইখানে লেপ্টে বসে গভীর মনোযোগ দিয়ে বিনু খেলছে। খেলছে আর গান গাইছে। কী যে বলছে গানে খুব মনোযোগ দিয়ে শুনেও বুঝতে পারলাম। সুরটা ওঠানামা করছে। সুরের সাথে মাথাটা দোলাচ্ছে আস্তে আস্তে।
“এই বিনু!” আমি আস্তে বললাম।
শুনলোই না মনে হল। আস্তে করে ধাক্কা দিলাম ।
“কিরে পাগল হয়েছিস, এতরাতে খেলছিস যে?” ভ্রূক্ষেপই নেই।
এবার খেপে উঠলাম, “যা বলছি ভিতরে।”
তারপরও না নড়ায় দিলাম জোরে ধাক্কা। তাতে হাত খসে ওর হাতে ধরা পুতুল মেঝেতে পড়ে গেল। পড়ে যেতেই পাগলের মত হাতড়ে পুতুলটা আবার বুকের কাছে জড়িয়ে ধরলো।
সেই পুতুলটা, এতক্ষণ দেখি নি। মাথাটা ওর যত্ন করে কাটা। মাথার জায়গাটায় গভীর গর্ত। বুকের কাছে বিনু আঁকড়ে ধরে আছে যেন কিছুতেই কেউ কেড়ে নিতে না পারে। আমি দু’পা পিছিয়ে গিয়ে দেয়াল আঁকড়ে দাঁড়াই। মাথা কাটা একটা পুতুল নিয়ে এতরাতে এই অপার্থিব আলোতে ওকে খেলতে দেখে কেন যেন আমার গলা শুকিয়ে আসে।
“ওটা নিয়ে এখন খেলছিস কেন বিনু?” বিনু প্রশ্নের জবাব দেয় না।
“যা ঘুমিয়ে পড়, ঘরে আয়,” আমার কণ্ঠে আকুতি ফুটে ওঠে।
“এতরাতে খেলছিস ক্যান, চল সকালে উঠে খেলিস।” । বিনু হঠাৎ ধারালো চোখে আমার দিকে তাকায়, সে চোখের দৃষ্টি আমারকেমন অচেনা মনে হয়।
“ও বলেছে!” আস্তে আস্তে বলে বিনু।
“কি বলেছে? কে বলেছে?”
বিনু পুতুল আরো জোরে আঁকড়ে ধরে বলে, “ও বলেছে যে শুধু সবাই ঘুমিয়ে পড়লে ওকে নিয়ে খেলতে।”
হঠাৎ বিনুর দৃষ্টি স্বাভাবিক হয়ে আসে, কল কল করে ওঠে অন্যসময়ের মত।
“দেখ, দাদা। কী সুন্দর চুল আমার ডলের। আজকে বেণী করে দিয়েছি।” বলে মাথাকাটা পুতুলটা আমার সামনে নাড়তে থাকে। “কী সুন্দর, কী সুন্দর!” বিনুর চোখ খুশিতে জ্বলজ্বল করে।
***
“রুশদি সাইকিয়াট্রিক হসপিটাল” আমি বলি রুমিকে।
“কি?”
“রুনু থাকবে ওখানেই!”
“সাইকিয়াট্রিক হসপিটাল?”রুমিকে বিভ্রান্ত দেখায়, “তুই কীভাবে জানলি?”
“কিছুদিন আগে বিনুকে আমি ভর্তি করেছি ওখানে।”
“তোর বোন বিনুকে? বিনুর না বিয়ে হল দু’বছর আগে। ওর মানসিক সমস্যা? কবে থেকে?”।
“কবে থেকে জানি না, ছোটবেলা থেকেই হয়তো। এত প্রকট একটা সমস্যা আছে ওর কখনো বুঝি নি। বিয়ের পর ভয়ংকর ব্যাপারটা ধরা পড়ে।”
“একেবারে মেন্টাল হসপিটালে ভর্তি হতে হল! সমস্যাটা কি?”
“সেটা অন্যসময় বলবো,” আমি বিব্রত হয়ে উত্তর দেই। “ওই হসপিটালের মালিক এর নাম হল-রোহান উদ্দিন রুশদি! মানসিক ব্যাধি বিশেষজ্ঞ ।”
“রোহান উদ্দিন রুশদি! মানে মাত্র যার নাম আমরা খুঁজে বের করলাম!” রুমির চোখ বড় হয়ে যায়।
“হুম, বিনুকে নিয়ে আমিই গেছিলাম বলে নামটা প্ৰথম থেকেই পরিচিত লাগছিলো।”
“আর শওকতের দীক্ষা-গুরুও ছিল এই ডাক্তার। দশ বছর আগে যার পোস্টিং ছিল এই জয়ন্তপুর গ্রামে।”
দুয়ে দুয়ে চার মিলে যেতে সময় লাগে না । শওকতও বলেছিল রুনু আছে কোন মানসিক হাসপাতালে । অপ্রকৃতিস্থ হয়ে। আমার বোনও আছে একই হসপিটালে, ডা: সোম বলেছিল অন্য আরেক মেন্টাল হসপিটালের কথা, সেটা দেখে আমার পছন্দ হয় নি। রুশদির পরিবেশ দেখে আমি মুগ্ধ হই। সিট প্রতি টাকা কিছুটা বেশিই লাগবে, তা লাগুক। কতদিন ওর থাকতে হবে কে জানে! পরিবেশ ভালো থাকা দরকার। এখন মনে হচ্ছে কেন এই কাজ করতে গেলাম।
“সকাল হওয়ামাত্রই ঢাকায় রওনা দিতে হবে ।” রুমিকে বললাম।
রুমি কিছু বলল না। লোকমানকে একবার সাবধানে চালাতে বলল। আর ঘন্টা-খানেকের মধ্যেই আকাশ পরিষ্কার হওয়া শুরু করবে।
প্রথমেই বিনুকে সরিয়ে নিতে হবে ওখান থেকে। তারপর খুঁজে বের করতে হবে রুনুকে। ধারণা সঠিক হলে ওখানকার কোন সিটে ও ভর্তি থাকবে।
“তুই জানালি না কেন বিনু হসপিটালে ভর্তি?” রুমি হঠাৎ প্রশ্ন করে।
“এটা জানানোর মত কোন বিষয় না। কতটা অস্বস্তিকর সেটা তুই বুঝবি ।”
“ওই পুতুল নিয়েই কোন ঘটনা ঘটেছিল?” রুমি পুতুলের ঘটনাটা জানতো, বাচ্চাদের কত পাগলামি থাকে সেই কথা প্রসঙ্গে একদিন বলে ফেলেছিলাম।
“উহু, সেটা ওই রাতেই সেরে যায়। সেদিন মা উঠে ব্যাপার দেখে পুতুলটা ছুড়ে ফেলে দেয়। তারপরে আর কোনদিন ও পুতুলই খেলে নি। ইশকুলে ভর্তি হয়ে সেসবের কথা আর মনেও নেই ওর।”
“তবে?” আমার অস্বস্তি হয় । কপালে মৃদু ঘাম জমতে থাকে।
“ঠিক আছে পরে বলিস, কিন্তু আমার মনে হয় হয়তো ব্যাপারটা আমার জানা প্রয়োজন।”
আকাশের রঙ কিছুটা হালকা হয়ে এসেছে। শেষ রাতের শীতল হাওয়া গায়ে লাগছে। লোকমান দৃঢ় ভঙ্গিতে ভ্যান চালাচ্ছে। হাসানের বাড়ির ফটকে পৌঁছে গেলাম। চুপচাপ ঘরে ঢুকলাম। এখন শুধু সকাল হওয়ার প্রতীক্ষা। সকালের ট্রেন ধরে ফিরে যেতে হবে ঢাকা, যত দ্রুত সম্ভব সেখানে আমাদের জন্য কী অপেক্ষা করছে কে জানে। কোন ভণ্ডামি না আসলেই কোন স্পিরিচুয়াল ব্যাপার!
রুমিকে বিনুর ব্যাপারটাও খুলে বলতে হবে। সেটা ভেবেই আমি ভিতরে ভিতরে কেমন শিউরে উঠি। আমি কি পারবো রুমিকে বলতে?
