ভেন্ট্রিলোকুইস্ট – ২০ (উপসংহার)

উপসংহার

রুশদি হাসপাতালের ড্রাইভার মকবুল হোসেন সকালে ডিউটিতে এসে দেখে হাসপাতালের বাইরে কেমন অগোছালো। বাইরের সিকিউরিটি গার্ডদের দেখলো। ভোর হয়েছে সবে মাত্র। কি হইলো? সে মনে মনে বললো, সব গেল কই?

সে আর মাথা ঘামালো না, অনেক কাজ। আসতে এমনিতেই একটু দেরি হয়ে গেল। তাকে ডা: রুশদি গতকাল নিজ মুখে বলে একটা দায়িত্ব দিয়ে গেছেন। বলেছেন শেষ রাতে আসতে। মকবুল মনে মনে প্রার্থনা করলো, যাতে রুশদির মুখোমুখি না হওয়া লাগে ।

তিন বছর ধরে রুশদি হাসপাতালের একটা মিনি ট্রাক চালায় সে। হাসপাতালের নানা জিনিসপত্র, মেশিন এগুলো বহন করাই তার কাজ। আন্ডারগ্রাউন্ডে একটা মজুদ ঘর আছে, সেখানে যত জিনিসপত্র রাখা সব সে নিয়ে এসেছে কিংবা এখান থেকে অন্য কোথাও নিয়ে গেছে।

কী সৰ ভারি ভারি মেশিনপত্র ডাক্তার সাব আনেন! মকবুল মনে মনে বলল। আন্ডারগ্রাউন্ডে মালপত্র রাখবার বা বের করবার জন্য একটা পথ আছে, যেখানে অন্য কেউ ঢুকতে পারে না, একটা লিফট দিয়ে নামার পথ। সেটার পাঞ্চকার্ড ড্রাইভারদের মধ্যে একমাত্র তার কাছেই থাকে।

আজকে তার উপর দায়িত্ব ছিল আন্ডারগ্রাউন্ড থেকে একটা বাক্স নিয়ে সেটা এক ঠিকানায় পৌছে দেয়া ।

বেশ ঝামেলার কাজ, ভারি বাক্সগুলা ক্যারিয়ারে উঠানো, তারপর সেটা নিয়ে উপরে ওঠা, সেটা গাড়িতে তোলা। অবশ্য কিছুদিন পরপরই এই কাজ তার করতে হয়। ব্যাপার না!

মকবুল অবাক হয়ে লক্ষ করলো লিফটের দরজাটা আগে থেকেই খোলা রাখা, যেটা কখনোই হয় না। দুই পাল্লার মাঝখানে কে যেন একটা রড দিয়ে রেখেছে ।

ব্যাপারটা নিয়ে সে মাথা ঘামালো না । রড় সরিয়ে নিচে নামলো। বাক্সটা কেমন জানি! মকবুল একটা লম্বা মূর্তির মত বাক্সের সামনে দাঁড়িয়ে ভাবলো । হঠাৎ তার গা কাঁটা দিয়ে উঠলো। কালচে কিছু জমে আছে মেঝেতে। কি আছে এর ভেতরে।

“আগ্রহ দেখানো যাবে না, তাহলে ফল ভালো হবে না।”-রুশদির চাকরি দেয়ার সময়কার সতর্ক বাণীটা মনে পড়লো মকবুলের।

মকবুল কাজ শুরু করে দিল।

*

সকালে একটা মিনি ট্রাক এসে থামলো ডা: হারুনের বাড়ির সামনে।

এ বাড়িতেই বাক্সটা ড্রপ করে দেয়ার কথা বলেছিলেন রুশদি।

বাড়ির দারোয়ানের সহায়তায় বাক্সটা বাড়ির দাওয়া পর্যন্ত দিয়ে এসে মকবুল চলে এলো।

যাক, ভারমুক্ত আজকের মত। আর কোন ডিউটি নাই আজকে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবলো সে।

*

পরদিন সকালের কাগজে একটা খবর পড়ে অনেকেই চমকে উঠলো। কী অদ্ভুত খবর! স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ডা: হারুন গতকাল রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তাকে কে বা কারা সকালে একটা বাক্স পাঠায়। বাক্সটাতে একটা বিকৃত মৃতদেহ ছিল। সেটা তিনি সহ্য করতে পারেন নি বলেই এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিকৃত লাশটা ছিল তার দীর্ঘদিনের বন্ধু, সহপাঠী এবং সহকর্মী মানসিক ব্যাধি বিশেষজ্ঞ ডা: রোহান উদ্দিন রুশদির। এ চাঞ্চল্যকর ঘটনার তদন্তে…

“ধুর!” এ পর্যন্ত পড়ে পেপারটা ছুড়ে মারলো এক তরুণ ।

বোকা লোকটা শেষমেষ মারাই গেল, আমার কাজ-কর্মে সে লজ্জিত .. জানতাম। কিন্তু এতটা! ভাবলো তরুণ।

আর কীভাবে সে বুঝলো এটা আমারই কাজ! যদি সে জানতো ডা. রুশদি আসলে আমাকে নিয়ে যা করতে চেয়েছিলো সেটাই সে ফেরত পেয়েছে।

সেদিনের অভিজ্ঞতা এখন পর্যন্ত ওর কাছে সবচেয়ে ভয়াবহ স্মৃতি, খ্যাপাটে বুড়োটা পুরো তিনটা দিন ওর হাতপা বেঁধে রাখে, কোন খাবার দাবার ছাড়াই। মাঝখানে কেউ এসে ওর বাঁধন খুলে দেয়, কে দেয় সেটা ও জানে না, জ্ঞান ছিল তখন নিশ্চয়ই। তবে দীর্ঘদিনের ধকল সহ্য করার ক্ষমতাই ওকে বাঁচিয়ে দেয়। যখন গোলাগুলির শব্দে জ্ঞান ফিরে আর বুঝতে পারে হাতে পায়ে বাঁধন নেই, তখনই ও ঘাপটি মারে স্টোর রুমের এক কোণায়। কোন কারণে বুড়োটা উত্তেজিত ছিল, ওকে খোঁজা বাদ দিয়ে ফোনে কী যেন বলতে চাইছিলো, তবে সেটার সুযোগ ও দেয় না বুড়োকে, সুযোগ পাওয়া মাত্রই বুড়োর ঘাড় ভেঙে দেয়। কৌশলে গার্ডটারও অস্ত্র হাতিয়ে নেয়। আর সেটার ভয় দেখিয়েই ফলস সিলিং দিয়ে পালানোর সঠিক জায়গাটা জেনে নেয়। এভাবে আগেও বহুবার পালিয়েছে ও, লিফটটা কাজ করছে না বুঝতে পেরে ও তাই আর সময় নষ্ট করেনি।

গার্ডটার দেহ পড়ে আছে আরেক রুমে। সেটার খোঁজ বোধহয় কেউ পায় নি।

তরুণ ভাবলো। “কিন্তু বাক্সটা ওখান থেকে কে পাঠালো !” কোন কুলকিনারা পেল না তরুণ।

সমাপ্ত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *