অধ্যায় ১৩
রুমটা স্যাঁতসেঁতে। ফাইলপত্র অগোছালো, আলমারিটা মনে হচ্ছে ব্রিটিশ আমলের কোন অ্যান্টিক দ্রব্য। চেয়ার টেবিলও বেঢপ সাইজের। সে-রকম দুটো চেয়ার পেতে আমি আর রুমি বসে আছি। বাইরে রশিদ মিয়া কিছুটা ভীত মুখে দাঁড়িয়ে আছেন। তিনি ভিতরে আসতে রাজি না।
আরো আধঘন্টা আগে আমরা এসেছি। কনস্টেবল জলিলুর রহমানের বাড়ি পুলিশ স্টেশনের পাশেই। তাই আমরা আসার পর “বসেন” বলে একজন চলে গেল তাকে ডেকে আনতে। ঘড়িতে সময় সাড়ে দশটা। পুলিশ স্টেশনের এই তাহলে অবস্থা!
জলিলুর রহমান চোখে-মুখে একধরনের রাশভারী ভাব এনে আমাদের কথা শুনলো। রুমি নিজেকে সাংবাদিক পরিচয় দেয়ার পরও তার মুখভঙ্গির কোন পরিবর্তন হল না।
“তারমানে বলতাছেন, হাসান সাহেব কিডন্যাপ হইছে? কিন্তু সেইটা তো আপনাদের আন্দাজ।”
“ঠিক আছে আন্দাজ, কিন্তু এটা সত্যি হওয়ার চান্স অনেক।”
“ভাই চান্স ধইরা কোন লাভ নাই, দেখেন নিজেরা খুঁইজা, আমাদের ডাকবেন শিওর হওয়ার পর।”
বুঝলাম এই লোকের সাথে কথা বলে কোন লাভ নাই। আমাদের পাত্তা দেয়ার কোন ইচ্ছে তার নেই। এতক্ষণের রাশভারী মুখখাশটা খুলে সে এখন একটা ম্যাচের কাঠি দিয়ে একমনে কান চুলকাচ্ছে। শেষমেষ আমরা একটা জিডি করে থানা থেকে বের হয়ে গেলাম। রুশদির আস্তানাটা খুঁজে বের করতে হবে আমাদেরই, যেভাবেই হোক।
এদিকে নতুন যন্ত্রণা শুরু হয়েছে। ঋতু বার বার ফোন দিচ্ছে। গতকাল থেকে হাসানের ফোন বন্ধ পেয়ে পাগলের মত এখন আমাদের ফোন দিচ্ছে। রুমি কোনমতে বুঝিয়ে টুঝিয়ে দিচ্ছে। ২%
জয়ন্তপুর শহরটা বেশ বড়। হাসানদের বাড়ির ওদিকটার মত মফস্বল ভাবটা নেই, অন্যান্য বিচ্ছিন্ন শহরগুলোর মত ক্রিয়মাণ না। ভিড়ভাট্টা, জ্যাম সবই আছে। নাগরিক আবহে বহুদিন থাকতে থাকতে এখন ব্যস্ত শহরের ঝাটপূর্ণ পরিবেশই আপন মনে হয়। মানুষের কোলাহল, পথের উটকো ভিখিরি, ফুটপাথের দোকানগুলো আর যানজট ছাড়াই যেন দমবন্ধ হয়ে আসে। তাই। সচরাচর মফস্বল শহরগুলোয় কেমন অস্বস্তি হয়, মনে হয় আধা-গেঁচড়া একটা ব্যাপার হয়ে আছে। সেসবের তুলনায় জয়ন্তপুর যথেষ্ট স্বস্তিদায়ক। ঝামেলাময়, লোকসমাগমে গমগমে পরিবেশ।
রশিদ মিয়া বললেন, “ভাইজান, কি করবেন এহন?”
“দেখি, কী করা যায়” রুমি বলল।
“আচ্ছা, এখানে ক্লিনিক আছে কয়টা। জয়ন্তপুরে।”
“সেইটা তো বলতে পারতেছি না, অনেকগুলানই তো আছে।”
এমনটা হতেই পারে যে এখানেও রুশদির কোন ক্লিনিক আছে, রুশদি যদি জয়ন্তপুর থেকে এখনো তার স্পেসিমেন কালেক্ট করার ধান্ধায় থাকে, তবে তা থাকাই উচিত, আর তাই যদি থেকেই থাকে তবে এটাও মোটামুটি ধরা যায় হাসানকে সেখানেই আটকে রাখা হবে। এত বড় শহরে রুশদির কোন ক্লিনিক থাকলে সেটা ঠিক কোথায় তা বের করা যথেষ্ট কষ্টসাধ্য হবে। কয়েকটা ডিসপেনসারির লোকদের জিজ্ঞেস করেও খুব একটা কু পাওয়া গেল না।
“একটাভাবেই এখন হেল্প পেতে পারি।” রুমি বলল। “শওকত?” আমি জিজ্ঞেস করি।
“হুম, শওকত জানতে পারে রুশদির কোন ক্লিনিক থাকলে সেটা কোথায় আছে।”
“কিন্তু শওকতের সাথে যোগাযোগের উপায় কি, আমাদের কাছে ওর কোন কনটাক্ট নাম্বার নেই। সেই রাতে ওর থেকে নাম্বার নেয়ার অবস্থা ছিল না।”
“হুম, তবে ভুলে যাচ্ছিস কেন, আমরা এখন শওকতের গ্রামের বাড়িতেই আছি। সেখান থেকে নাম্বারটা নিতে পারবো সহজেই।”
রশিদ মিয়ার বেশ সময় লাগলো শওকতকে চিনতে। তাতে আমরা বেশ অবাক হলাম, কারণ গ্রামদেশে সবাই সবাইকে বেশ ভাল করেই চেনে। তারমানে শওকতের সাথে এ জায়গার সম্পর্ক বেশ কমে গেছে।
তিনি জানালেন শওকতরা কেউ আর সে বাড়িতে থাকে না এখন।
“মানে? কেউ থাকে না?”
“তাদের এক দুঃসম্পর্কের আত্মীয় থাকে মেলাদিন ধইরা।”
“আচ্ছা, চলেন দেখা যাক!”
আমরা দেরি না করে শওকতদের বাড়ি রওনা দিলাম। হাতে সময় কম, ভ্যানে করে যেতে বেশ সময় লাগবে পৌঁছতে।
শওকতদের বাড়িটা দেখে মনে হল বেশ অবস্থাসম্পন্ন। একতলা পাকাবাড়ি। ছিমছাম। বড় একটা কৃষ্ণচূড়া গাছ বাড়ি লাগোয়া।
গিয়ে শুনলাম শওকতরা স্থায়িভাবে ঢাকা চলে গেছে অনেকদিন, এখন খুব একটা আসে না। মাঝে মাঝে শওকত দুয়েকদিনের জন্য আসে। বাড়ি দেখাশোনা করেন শওকতের দুঃসম্পর্কের এক মামা।
তিনি জানালেন শওকত প্রায় বছর খানেক হল আসে না এখানে।
অনেক খুঁজে তিনি একটা নাম্বার বের করলেন। শওকতের ঢাকার বাসার টিএনটি নাম্বার। এছাড়া আর কোন নাম্বার তার কাছে নেই।
রুমি ফোন দিল সাথে সাথে।
“জি, শওকত আছে?”
“কবে? আচ্ছা। আসবে কবে?”
“নাম্বারটা…ও আচ্ছা।”
“আচ্ছা, ঠিক আছে। আমি ওর বন্ধু, রুমি আমার নাম । বলবেন।”
“নেই?” আমি জিজ্ঞেস করলাম ফোন রাখবার পর।
“নাহ! কোন শো এর জন্য নাকি দেশের বাইরে আছে, পারসোনাল নাম্বারটা এখন বন্ধ।”
“তো, এখন কি করবো আমরা?” আমি বললাম।
রুমি বিরক্তিসূচক অস্ফুট আওয়াজ করলো, “দেখা যাক।”
খানিক পর রুমি হঠাৎ বলল, “আরেকটা উপায় আছে, আরে ধুর! এটা মাথায় এলো না কেন এতক্ষণ!”
“কোনটা?”।
“ডাঃ জামসেদ!”
জয়ন্তপুরে কয়েকদিন আগে প্রবল ঝড় বৃষ্টির সন্ধ্যায় আমাদের পরিচয় হয় যার সাথে।
“জামসেদ নিশ্চয়ই জানবে এ এলাকায় কোন ক্লিনিক কার। রুশদির কোন ক্লিনিক থেকে থাকলেও তারই জানবার কথা।”
জামশেদের নাম্বারটা যোগাড় করতে আবার সেই স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া লাগলো। ফোন দিয়ে পরিচয় দিতেই চট করে চিনে ফেলল । অবশ্য মাত্র কদিন আগেই ওভাবে ঝড়বৃষ্টির মধ্যে পরিচয় হল, ভুলে যাওয়ার কথা না।
ডা: রুশদি নামের কারো ক্লিনিক বা হাসপাতাল টাইপ কিছু জয়ন্তপুরে আছে কিনা জানতে চাওয়াতে মনে হল বেশ অবাক হয়েছেন বললেন,
“ডা: রুশদি এই এলাকার বেশ জনপ্রিয় ডাক্তার ছিলেন একসময়, কিন্তু এখন তো একদমই এখানকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন।”
“কিন্তু তার কোন ক্লিনিক তো এখনো থাকতে পারে তাই না?”
“হয়তো, দাঁড়ান আমি একটু দেখি। খানিক পরে ফোন দিচ্ছি।”
মিনিট পাঁচেক পরে ডা: জামসেদ ফোন দিলেন।
“হুম, মারুফ সাহেব! আপনি এক কাজ করুন। আমিতো এখন ডিউটিতে। সন্ধ্যার পর পারলে হসপিটালে চলে আসুন। তখন প্রেশার একটু কম থাকে। জয়ন্তপুরের ক্লিনিকগুলোর একটা লিস্ট থাকার কথা হসপিটালের দপ্তরে, খুঁজে দেখতে হবে ? ওটা না দেখে বলা মুস্কিল।”
তারমানে সন্ধ্যা পর্যন্ত কিছু করার নেই। রশিদ মিয়ার সাথে আবার হাসানদের বাড়িতে ফিরে এলাম। সবকিছু কেমন ছন্নছাড়া লাগছে । হাসানের কোন ক্ষতি হয়ে গেলে নিজেদের ক্ষমা করতে পারবো না। কি দরকার ছিল আমাদের এত ঝামেলার মধ্যে জড়ানো? অবশ্য নিজেদের অজান্তেই এত বড় এক ব্যাপারে জড়িয়ে গেছি। কে জানতো কেঁচো খুড়তে এরকম কেউটে সাপ বেরিয়ে আসবে।
রুশদি এখন কি করছে? নিশ্চয়ই পাগলের মত আমাদের খুঁজে বেড়াচ্ছে। যদি আমরা জয়ন্তপুরে রুশদির হাসপাতাল বা ক্লিনিক টাইপ কিছু পেয়েও যাই, সেখানে কাউকে খুঁজে বের করা সহজ এবং নিরাপদ হবে না নিশ্চয়ই। অন্যভাবে এগোতে হবে। কীভাবে সেটা এখনো ভাবিনি, আগে দেখা যাক রুশদির কোন ক্লিনিক আদৌ পাওয়া যায় কিনা, রুশদি অতি ধূর্ত হলে নিজের নামটা সরিয়েও রাখতে পারে। সেক্ষেত্রে হয়তো অনেক আগের রেকর্ড চেক করতে হবে। সেটা আবার ডা: জামশেদের হাসপাতালে নাও থাকতে পারে।
রশিদ মিয়ার স্ত্রীর অসাধারণ রান্নাও আজকে ভাল লাগলো না। নানা ধরনের আশঙ্কায় ক্ষুধা নষ্ট হয়ে গেছে বহু আগেই ।
গতরাতে পড়া শিরো ইশির কথা আবার মনে পড়লো। রুমিকে ডিটেইলস বললাম। রুমি এ ব্যাপারে পুরোটুকু জানতো না। নাৎজি ডাক্তারদের এক্সপেরিমেন্টের কথা যেভাবে মানুষ জানে, সে তুলনায় শিবরা ইশির ঘটনা যথেষ্ট গুপ্ত একটা বিষয়। ইউনিট ৭৩১ কে ধরা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সিক্রেট বিষয়গুলোর মধ্যে সবচেয়ে সফলভাবে গোপন রাখা টপিক।
ডা: রুশদি যে সোসাইটির জন্য কাজ করছে এমনটা হতেই পারে তারা শিরো ইশির সেসব এক্সপেরিমেন্টের ডেটা আবার নতুন করে পেতে চাচ্ছে। শিবরা ইশির বীভৎস অত্যাচারের এক্সপেরিমেন্টগুলো বিশেষ করে বায়োউইপন নিয়ে করা তার কাজগুলো, তখনকার অনেক রাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর জন্য অনেক মূল্যবান কিছু ছিল। কিছু পরীক্ষা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর কাছে বহু আকাঙ্ক্ষিত। যুক্তরাষ্ট্র তাই শিরো ইশিকে তার সমস্ত ডেটাসহ সরিয়ে নিজদেশে নিয়ে নেয়। যাতে এসব তথ্যের ভাগীদার আর কেউ না থাকে। তাই স্বভাবতই এমন একটি চক্র পৃথিবীতে রয়ে গেছে হয়তো যারা সে তথ্যগুলো উদ্ধার করতে চাচ্ছে।
আমার বক্তব্য শুনে রুমি কোন মন্তব্য করলো না। একটা বিশাল ভয়ংকর ধাঁধার মধ্যে আটকে আছি আমরা।
খাওয়াদাওয়া শেষে আমি বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়লাম। রাতে ট্রেনে ঘুম হয় নি বলেই বোধহয়। ঘুমটা অবশ্য ভালো হল না। নানা ধরনের বাজে দুঃস্বপ্ন দেখলাম। ঘন্টাখানেকের মধ্যেই জেগে গেলাম। দেখি রুমি কোথায় যেন গেছে।
রশিদ মিয়াকে জিজ্ঞেস করলাম বাইরে বের হয়ে।
বললেন, “ভাইজান একটু বাইরে গেছে। আপনে ঘুমাইতেছেন দেইখা লোকমানরে নিয়া গেল!”
মানে, কই গেল? ফোন দিলাম সাথে সাথে ।
রুমি বলল, “আমি একটু কলেজে এসেছি । ভাবলাম সময়টা কাজে লাগাই। রুনুর ঠিকানাটা যদি পাই তাহলে একটা কাজ এগিয়ে থাকবে।”
“আমি যেতাম, জাগালি না কেন?”
“না না, তোর রেস্ট দরকার, আজকে রাতে ঘুমানোর চান্স নাও পেতে পারিস। আমি বিকালের মধ্যে চলে আসছি।”
আমাদের কলেজটা এখান থেকে ঘন্টা দুয়েকের পথ। আমরা যখন পড়তাম তখন আরো অনেক বেশি সময় লাগতো নিশ্চয়ই। কারণ রাস্তাঘাট এত উন্নত ছিল না। মাঝখানে আবার একটা ছোট নদী পড়ে। এখন সেখানে ব্রিজ হয়ে গেছে। তাই হাসান এবং শওকতের মত স্থানীয় ছেলেপিলেও আমাদের সাথে হোস্টেলেই থাকতো। কলেজ লাইফে ওদের এলাকায় কখনো আসা হয় নি কেন সেটা এক বিস্ময়। ছুটি ছাটা পেলে বাড়ি চলে যেতাম কিংবা ঘুরতে যাওয়া হত । আশপাশের বন্ধুদের বাড়ি-টাড়ি যাওয়ার সুযোগ হয় নি তাই ।
বিকালের দিকে রুমি আবার ফোন দিল।
বলল, ফিরতে দেরি হবে।
আমি বললাম, “মানে কি? ওখানে আবার কি হল?”
“কিছু হয় নি। রুনুর ঠিকানাটা বহুত ঝামেলা করে জোগাড় করেছি। সবগুলা বদমাইশ। টাকা ছাড়া কিছুই হয় না আজকাল।”
আমি বললাম, “তো, এখন দেরি হবে কেন? রওনা দে এখনই।”
“উহু, শোন। দেখলাম রুনুদের বাড়ির ঠিকানা কলেজ থেকে বেশি দূরে নয়। তাই ভাবলাম যাই দেখা করে আসি। রুনুর পরিবারের কাউকে পেলে খোঁজ নিয়ে যাই।”
“তো, গেছিস?”
“আমি এখন রুনুর বাড়ির দাওয়ায়!”
“বাড়ির লোকজন কি বলল? জানে রুনু কোথায়?”
“বিশাল কোন ঝামেলা আছে এখানে!”
“মানে?”
“তোকে ফিরে বলব, এখানে একটা কাজ আছে এখন। তাই একটু দেরি হবে। তুই এক কাজ কর, ডা: জামসেদের ওখানে চলে যা, প্রয়োজনে রশিদ মিয়াকে সাথে নিয়ে যা। আমি রাতে এসে জয়েন করছি। রুশদির ক্লিনিকটা যদি ট্রেস করতে পারিস তাহলে রাতে অনেক কাজ বাকি আছে, সেজন্য কিছু কেনাকাটা আছে। আমি সেগুলো নিয়েই আসবো।”
“আচ্ছা!” আমি হতাশ কণ্ঠে জবাব দিলাম ।
নতুন কী এমন ব্যাপার ঘটলো বুঝলাম না। তবে আশার কথা রুনুর কোন খবর শেষ পর্যন্ত মিলেছে। তবে বুঝতেই পারছি খবরটা স্বাভাবিক কিছু না। ফোনে কথা বলার সময় ওর গলার উত্তেজনাটুকু অনুভব করতে পারছিলাম।
জয়ন্তপুর মডেল হসপিটালটা একটা প্রাইভেট হসপিটাল। শুনলাম আশপাশের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বড়। দোতলায় ডায়াগনস্টিক সেন্টার। নিচে আউটডোর, ডাক্তারদের চেম্বার। উপরে ওয়ার্ড।
আমি এসে ফোন দিতেই ডা: জামসেদ বললেন, “সোজা উপরে চলে আসুন, আমি ৩ নং ওয়ার্ডে।” ।
উপরে গিয়ে খুঁজে পেতে সমস্যা হল না ।
“যাক, খুঁজে আসতে পেরেছেন। মি: রুমি কই, দ্য জার্নালিস্ট?” দেখেই অভিবাদন জানালেন ডা: জামশেদ। হাতে একটা ক্লিপবোর্ড ধরা l
“ও আসে নি, একটা কাজে আটকে গেছে!”
“আমাদের এ ছোট্ট শহরে আপনাদের এত কী কাজ বুঝি না!”
“বুঝতেই পারছেন আপনাদের শহরে বেশ ঝামেলা আছে।” আমি হেসে বললাম।
“হুম, কনসার্নিং। আসুন আমার সঙ্গে, আপনাকে কীভাবে সাহায্য করা যায় দেখি। রোগীর চাপটা একটু বেশি বুঝতেই পারছেন।”
“তা আর বলতে।”
আরেক জনকে কী একটা বুঝিয়ে দিয়ে তিনি আমাকে সাথে নিয়ে করিডোর ধরে হাঁটা দিলেন।
একটা রুমে ঢুকলাম আমরা। চেয়ার-টেয়ার পাতানো। মিটিং টাইপ কিছু করার রুম মনে হল।
“বসুন, তো যা বলছিলেন, রুশদিকে নিয়ে লাগলেন হঠাৎ?”
“একটা রিপোর্টের কাজে, তাকে নিয়ে কোন রিপোর্ট লিখবে হয়তো রুমি।”
“হুম, তার মানে কাক হয়ে আরেক কাক শিকারে সাহায্য করতে হবে।”
“তাই করতে হয়, যখন কাকটা হঠাৎ বাজপাখি হয়ে ওঠে !”
“হাহ, ভালো বলেছেন। এক কাজ করুন না, রুমি সাহেবকেও এখানে আসতে বলুন, কাজ শেষে জম্পেশ একটা আড্ডা হবে। হাসপাতালের পাশের বিরিয়ানিটার সুনাম আছে, এ এলাকায় যখন এসেছেন, স্বাদটা মুখে নিয়েই ফিরবেন না হয়।”
“থ্যাংক ইউ, তবে রুমি মনে হয় না আসতে পারবে। ফিরতে ফিরতে কতক্ষণ লাগে কে জানে।”
জামসেদ মনে হল হতাশ হলেন, বেশ ফুর্তিবাজ বোঝাই যাচ্ছে, অতিথিপরায়ণও।
“যাইহোক, আপনি একটু বসুন। আমি আসছি ফাইলগুলো নিয়ে।” জামশেদ উঠলেন।
হঠাৎ কেমন একটা অনুভূতি হল । কোন একটা ঝামেলা আছে এখানে। ঝামেলাটা কি? কেনই বা মনে হচ্ছে?
কয়েকদিন আগের ঘটনাটা মনে পড়লো।
আমি আর রুমি এখানকার স্বাস্থ্য কমপ্লেক্সে গেছিলাম যেদিন সেদিনকার, সেখানকার কেরানি যথেষ্ট ঘুষ নিয়েও রুমিকে দশবছর আগেকার ফাইলটা দিতে রাজি হয় না। রুমির ভাষ্যমতে সে ফাইলটা খুঁজে পেয়েছিল কিন্তু, হঠাৎ করে সিদ্ধান্ত বদল করে ফাইলটা লুকিয়ে ফেলে। খুব সম্ভবত একটা ফোন পেয়ে।
ফোন পেয়ে! ব্যাপারটা একদমই খেয়াল ছিল না। ২ কে ফোন করতে পারে কেরানিকে?
আমরা জয়ন্তপুরে এসেছি সেটা কে জানতো তখন তার খানিক আগে ডা: জামেসেদের সাথে পরিচয় হয় আমাদের। তিনিই জানতেন আমরা কিছু একটা সম্পর্কে খোঁজ নিতে এসেছি। সে কেরানিকে ফোন দিয়ে নিশ্চয়ই জানতে পারে আমরা আসলে বছর দশেক আগেকার কোন ডকুমেন্ট চাচ্ছি। তারমানে এমনটা হতেই পারে ডা: জামসেদ আসলে রুশদিরই লোক। রুশদির নিশ্চয়ই কোন স্ট্রং রিপ্রেজেন্টিটিভ থাকবে এখানে।
ব্যাপারটা ভাবতেই অস্বস্তি আর কিছুটা ভয় লাগা শুরু করলো।
রশিদ মিয়াকেও সাথে আনি নি। রশিদ মিয়া কী এক কাজ করছিলেন, তাই ভাবলাম শুধু শুধু ওনাকে যন্ত্রণা দিয়ে লাভ কি! যাব আর আসবো ।
পালাতে হবে এখান থেকে জামসেদ ফিরে আসার আগেই। এখন আমি নিশ্চিত যে জামসেদ রুশদির সাঙ্গপাঙ্গরই কেউ। রুমি না আসায় সে কতটা হতাশ হয়েছে সেটা তো নিজ চোখেই দেখলাম। নিশ্চয়ই তাকে বলা হয়েছে আমাদের দুজনকেই ধরে ফেলতে।।
দৌড়ে গিয়ে বের হতে হবে । উঠে দরজা টান দিতেই বুঝলাম দরজা লক করা!
এবং সাথে সাথেই রুমে দু’জন লোক ঢুকলো। হাতে দড়ির মত, ঢুকেই আমাকে জাপটে ধরলো।
একবিন্দু নড়ার সামর্থ রইলো না। লোকগুলোর পোশাক দেখেই বুঝলাম হাসপাতালেরই কেউ, ভায়োলেন্ট রোগীদের ম্যানেজ করার জন্য হাসপাতালে কিছু লোক থাকে তাদের মতই হবে। কাউকে ধরে বেঁধে ফেলায় দারুণ পারদর্শী। কিছু একটা দিয়ে মুখটাও বেঁধে ফেলল ।
হাত-পা ছোড়াছুড়ি থামিয়ে দিলাম। জানি কোন লাভ নেই।
ঠিক একদিন পরই দ্বিতীয়বারের মত একইভাবে হাত-পা বাঁধা অবস্থায় বিপদে পড়তে হল । নতুন যুক্ত হল একটা নোংরা কাপড় দিয়ে মুখটাও বাঁধা। এভাবে খানিকক্ষণ থাকলে নিঃশ্বাস বন্ধ হয়েই মারা পড়বে। আরো এক দফা বাকি ছিল । একজন আরেকটা কাপড় হাতে এগিয়ে আসছে। বুঝলাম চোখ বাঁধবে। শেষ মুহূর্তে দরজার কাছে ডা: জামসেদকে দেখলাম, রুমে ঢুকছে। পিছনে আরো একটা পরিচিত মুখ!
দেখে চিৎকার করে উঠতে গেলাম। কিন্তু সেটা একটা বোবাধ্বনির মত শোনালো আমার নিজের কানেই।
জামসেদের সাথেই রুমে ঢুকছে আমাদের শওকত! মুখে ওর এক ধরনের আশ্চর্য নির্লিপ্ততা।
কালো একটা আবরণ চোখের দৃষ্টি ঢাকা পড়ে গেল। অন্ধকার। একধরনের বিভীষিকাময় বোবা অন্ধকার!
