ভেন্ট্রিলোকুইস্ট – ১৫

অধ্যায় ১৫

মুখের বাঁধনটা যেন আরো চেপে বসছে প্রতিনিয়ত। একটা নোংরা কাপড় দিয়ে দুই চোয়ালের মাঝখানটাতে শক্ত করে বাঁধা, তাতে জিহ্বাটা পর্যন্ত নাড়ানোর সুযোগ নেই। মনে হচ্ছে যেকোন সময় দম বন্ধ হয়ে মারা পড়বো। হাসানের অবস্থা আরো খারাপ নিশ্চয়ই। বেচারা একদিনের বেশি সময় ধরে বাঁধা। ভাবতেই কষ্ট হচ্ছে একসময়ের কোন এক ক্লাসমেটের মাধ্যমে জীবনের সবচেয়ে বড় বিপদে পড়তে হবে ।

দ্রুত চলছে মাইক্রোবাসটা। কোথায় নিয়ে যাচ্ছে আমাদের কে জানে। এ ক’দিনের ঘটনায় মনে হচ্ছে আমি পার করে ফেলেছি জীবনের অতি দীর্ঘ এক সময়। সবচেয়ে ঘটনাবহুল সময় । খানিক পরেই হয়তো এমন কোন পরিস্থিতিতে পড়তে হবে যেটা সম্ভবত হবে প্রচন্ড ভীতিকর, মৃত্যুগামী। শিকার হতে পারি যন্ত্রণাময় কোন হিউম্যান এক্সপেরিমেন্টের । তারপরও কেন যেন ভয় লাগছে না। সবকিছুই হালকা আর ফালতু মনে হচ্ছে।

আমার জীবনের সাথে কাউকে জড়াইনি ভেবে এই প্রথম কিছুটা আত্মতৃপ্তিও হচ্ছে। পাশে হাসান ওর স্ত্রী আর কন্যা-সন্তানের কথা ভেবে পাগলপ্রায়। আমাকে নিয়ে ভাববার কেউ নেই, সেটা কি একধরনের অর্জন, না ব্যর্থতা?

জগতে বন্ধন অবশ্যম্ভাবী, নানা কঠিন বন্ধন তৈরি হয় আমাদের অজান্তেই। সে বন্ধন থেকে মুক্ত থাকা বড় কঠিন। বন্ধনহীনতার জন্য হয় হতে হয় পশু, নয়তো ঋষি।

হঠাৎ গাড়িটা থেমে গেল। ঘন্টাখানেকের বেশি সময় ধরে চলেছে । থামলো কেন, চলে এসেছি? মৃদু কথাবার্তা শুনছি। হালকা প্রশ্নোত্তর। হঠাৎ মনে হল, এটা চেকপোস্ট। নিশ্চয়ই পুলিশ চেকপোস্ট। প্রাণপনে চেঁচিয়ে ওঠার চেষ্টা করলাম। কোন শব্দই বেরোলো না মুখ দিয়ে । ভোকাল কর্ডটা মনে হয় পাথর হয়ে আছে। দুমড়ে মুচড়ে নড়াচড়ার চেষ্টা করলাম। ফলস্বরুপ মাথার পেছনে একটা ভারি কিছুর আঘাত অনুভব করলাম। পাশেই বসা জামসেদের কাজ খুব সম্ভবত। ফিসফিস করে কানের কাছে বললো, কোন চালাকি না, একদম খুন করে ফেলবো!”

হাল ছেড়ে দিলাম । হয়তো এটাই ছিল বেঁচে যাওয়ার শেষ সুযোগ। গাড়ি আবার চলতে শুরু করলো । মাথার আঘাতে সারা শরীর অবশ হয়ে এল।

আষ্টেপৃষ্ঠে বাঁধা থাকায় ব্যথার তীব্রতায় মনে হল প্রাণ বেরিয়ে যাচ্ছে। ভীষণ জেদ লাগা শুরু করলো তাতে, মনে হচ্ছে হাতের বাঁধন খোলা থাকলে পাশে বসা নরপশুটাকে ছিড়ে ফেলতাম। তারপর অনেকক্ষণ কেটে গেছে। হঠাৎ মনে হল স্বাভাবিকভাবে চলছে না গাড়িটা । এঁকেবেঁকে চলছে। বেশ দ্রুত। যেন পালিয়ে যাচ্ছে। একটা বড়সড় ধাক্কা, হাঁড়মাংস মনে হয় আলাদা হয়ে যাচ্ছে ।

তারপর একদম থেমে গেল।

সাইলেন্সর লাগানো পিস্তলের গুলির আওয়াজ হল! বহুবার এ আওয়াজ মুভিতে শুনেছি। বাস্তবে শুনে চিনতে মোটেও কষ্ট হল না। একধরনের ধস্তাধস্তির আওয়াজ।

চেঁচামেচি। তারপর নীরবতা, অস্ফুট গলার আওয়াজ কয়েকজনের।

খুট করে কেউ একজন গাড়ির দরজা খুলল। হাত আর চোখের বাঁধন খুলে দিল ।

মারুফ, ঠিক আছিস?”

আহ! সেই পরিচিত গলা, মনে হচ্ছিল ঈশ্বর যেন নিজ দূত পাঠালেন আমাদের জন্য।

“রুমি!”

আমার আর হাসানের হাত-পায়ের বাঁধন খুব দ্রুত খুলে দিল রুমি, কোত্থেকে কীভাবে এলো কিছু জানতে ইচ্ছে করছিলো না। কারণ ও আমাদের বাঁচাতে আসবে এটাই যেন স্বাভাবিক। এতক্ষণ বাঁধা থাকায় হাত-পা অসাড় হয়ে গেছে। আস্তে আস্তে গাড়ি থেকে নামলাম। বাইরে কয়েকজন মানুষ। কারা এরা?

একটা বিস্তীর্ণ হাইওয়ের মাঝখানে আমরা। ঘড়িতে দেখলাম রাত আড়াইটা বাজে। আমরা যে কালো মাইক্রোতে ছিলাম, সেটা রাস্তার সাথে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। আরেকটু হলেই পাশের ধানক্ষেতে গিয়ে পড়তো।

সেটার সামনে আরও দুটো গাড়ি, একটা বেঢপ ল্যান্ড জার। আরেকটা এক ট্যাক্সি। রুমি এখন সেই ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলছে ।

চার-পাঁচজন কঠিন চেহারার লোক দাঁড়িয়ে । আরেকটু এগোতেই দেখলাম জামসেদ মাটিতে পড়ে আছে। গুলিবিদ্ধ, মৃত।

পরিবেশটা কেমন যেন। খোলা আকাশে নিচে কয়েকজন অচেনা মানুষ। একটা মৃতদেহ পড়ে আছে মাটিতে। রাতের শীতল হাওয়া বইছে। চারপাশটা যেন ধুধু করছে। সাঁই করে একটা গাড়ি চলে গেল পাশ দিয়ে। তিনটা গাড়ি অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে দেখে আরো দ্রুত গতিতে গেল যেন।

রুমি কাদেরকে সাথে নিয়ে এসেছে বুঝতে পারলাম না। ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিতেই ট্যাক্সিটা দ্রুত ঘুরে চলে গেল।

‘শওকত কই?”

“শওকত আছে।” রুমি বলল।

“কারা এরা?”

“বলছি সব। আগে গাড়িতে ওঠ। হাতে একদমই সময় কম।”

হাসান আর আমি ওদের গাড়িতে গিয়ে বসলাম। দেখি শওকতকে আগেই গাড়িতে উঠিয়ে রেখেছে, ঠিক আমাদের কিছুক্ষণ আগের অবস্থা করে। হাত-পা শক্ত করে বাঁধা। মুখও বাঁধা, তবে কাপড় দিয়ে নয়। স্কচ টেপ।

আমি বললাম, “ লাশটা এভাবে পড়ে থাকবে?” আমাদের গাড়ি ততক্ষণে চলতে শুরু করেছে ।

“ওসব নিয়ে ভাবার সময় নেই, ক্রসফায়ার। চালাকি করার চেষ্টা না করলে মরতো না। টহল পুলিশ যায় রাতে, ব্যবস্থা হয়ে যাবে লাশের।”

“এরা কারা?” আমি আবার প্রশ্ন করলাম। সামনের সারিতে বসা অচেনা মানুষদের দেখিয়ে বললাম।

“এরা এসকর্ট টিম, আমাদের উদ্ধারের জন্য পাঠানো। আমিও এদের চিনি। মাত্রই পরিচয় হল। হাইলি প্রফেশনাল টিম।”

“এসকর্ট টিম?” আমি আকাশ থেকে পড়লাম। “আর উই দ্যাট ইমপর্টেন্ট ইয়েট!”

“এই মুহূর্তে মোস্ট নটোরিয়াস থিং অন আর্থ ইজ হ্যাপেনিং হিয়ার। এখানকার সংশ্লিষ্ট সবাই ইমপর্টেন্ট।”

হাসান গাড়িতে উঠে ঢক ঢক করে ততক্ষণে আধা-বোতল পানি খেয়ে ফেলেছে। ও যেন বিশ্বাস করতে পারছে না শেষ পর্যন্ত শওকতের কবল থেকে রক্ষা পেয়েছে। গাড়িতে উঠে প্রথমেই ও বেশ মারমুখো হয়ে শওকতের উপর প্রায় ঝাঁপিয়ে পড়েছিল। আমরা কোনমতে ধরে শান্ত করলাম।

“তুই কীভাবে বুঝলি শওকত আমাকে আটকে রেখেছে।” আমি রুমিকে প্রশ্ন করি ।

“তোর কথা শুনে!”

“মানে?”

“মানে বলছি, তার আগে শওকতের সাথে একটু খোশ গল্প করে নেই। বলে ও শওকতের মুখের বাঁধনটা খুলে দিল।”

“মি: ভেন্ট্রিলোকুইস্ট, আপনার এ প্রতিভা যে আছে সেটাতো সন্দেহ করি নি।”

শওকত কিছু বলল না।

“কি প্রতিভা?” আমি বললাম ।

“আসলে ভেস্ট্রিলোকুইজম আমাদের দেশের জন্য নতুন কিছু না। তবে সেটা এক ভিন্ন ফর্মে আমাদের দেশে বহু আগে থেকে প্রচলিত, তাদের পদ্ধতিটা হয়তো ভিন্ন। কিন্তু ব্যাপারটা মোটামুটি একই। তবে শওকত সেভাবেও প্র্যাকটিস করছে সেটা জানা ছিল না।”

“মানে?”

“শওকত আসলে ভেন্ট্রিলোকুইস্টের পাশাপাশি একজন হরবোলা।”

“হরবোলা!”

“আসলে সব ভাল ভেন্ট্রিলোকুইস্টই মূলত ভাল হরবোলাও।”

“হরবোলা মানে তো যারা বিভিন্ন পশুপাখির ডাক বা প্রাকৃতিক শব্দ নকল করতে পারে।” আমি বললাম।

“হুম, আমরা সেটাই দেখি সচরাচর। হরবোলা আমাদের দেশের গ্রামীণ সমাজের বহু প্রাচীন একটা প্র্যাকটিস। মূলত শিকারের প্রয়োজনে কিছু কিছু শিকারী পশুপাখির ডাক নকল করা শেখে। এদের মধ্যে কেউ কেউ ব্যাপারটাতে বেশি পারদর্শী হয়ে ওঠে। একসময় তারা বুঝতে পারে তাদের গলাটা আর দশটা গলার মত না। তাদের গলায় আছে অন্য ধরনের ক্ষমতা। পরে তারা নানা জিনিসের শব্দ করে মানুষকে তাক লাগিয়ে দেয়। যেমন ধর বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দ, নানা ধরনের জীবজন্তুর ডাক! তবে ব্যাপার হচ্ছে আমাদের উপমহাদেশে কেউ কেউ এটাকে একদম পেশা হিসেবেও নিয়ে নেয়। হরবোলাদের সাথে ভেন্ট্রিলোকুইজমের বেসিক পার্থক্য হচ্ছে হরবোলারা পুতুল টুতুল নিয়ে, কোন মেকি ব্যাপার করে তাদের প্রতিভা দেখায় না। সরাসরি নানা ধরনের শব্দ নকল করে।”

“তো, শওকত কি হরবোলা?”

“নিশ্চয়ই, শওকত সেটা অনেক আগে থেকেই। কিন্তু সেটা কারো চোখে পড়ে নি, কারণ দুয়েকটা পশু-পাখির ডাক নকল করা এমন কিছু না, অনেকেই পারে। কিন্তু হরবোলাদের গোপন একটা ব্যাপার আছে সেটা হল অনেক হরবোলাই শুধুমাত্র পশুপাখির না, মানুষের গলাও নকল করতে পারে।”

“মানুষের গলা?”

“মানে হল যেকোন মানুষের মত করে অবিকলভাবে কথা বলতে পারে । এবং সেটা যেকোন আধুনিক ভয়েস সিনথেসাইজিং সিস্টেম থেকেও উন্নতভাবে। কারণ মানুষের কথা বলার ব্যাপারটা শুধু পিচ আর রেজোনেন্স এর উপর নির্ভর করে না। তাতে আছে নানা ধরনের টান, ব্যক্তিগত টোন। সেগুলো হরবোলারা হুবহু নকল করতে পারে।”

“তারমানে…”

“হ্যাঁ, হাসানকে শওকতই ফোন দেয় আমার গলা করে। তাই না শওকত?”

শওকত কিছু বলল না।

“তারমানে শওকত তোর গলার মত করে হাসানকে জয়ন্তপুরে নিয়ে গেছিলো!” আমি যেন বিশ্বাস করতে পারছি না।

“শুধু তাই না, ও আমাকেও সেই একইভাবে ধরতে চেয়েছিল।”

“কি রকম?”

“তুই যখন ফিরছিলি না, তখন আমি অনেকবার তোকে ফোন দেই। ধরছিলি না। আমি আশঙ্কা করা শুরু করলাম, নিশ্চয়ই কোন বিপদ হয়েছে।

হঠাৎ তোর নাম্বার থেকে ফোন আসে। তুই বললি, রুশদির ক্লিনিকের ঠিকানাটা তুই পেয়েছিল, আমি যেন তাড়াতাড়ি তোর সাথে এসে দেখা করি। সাথে আরেকটা কথা বললি, যে মোবাইলে চার্জ প্রায় শেষ। পরে ফোন দিয়ে আর নাও পেতে পারি।

জয়ন্তপুর আসার আগে আমার আর তোর জন্য আমি দুটো ফোন-সেট কিনলাম। জানতাম দীর্ঘ সময় বাইরে থাকতে হতে পারে, তাই একটু স্পেশাল মোবাইল সেট কিনেছিলাম। এটা লং স্ট্যান্ডবাই ব্যাটারির মোবাইল সেট। এর চার্জ থাকে মিনিমাম এক মাস। তারমানে বুঝলাম কথাটা মিথ্যা।

তুই আমার সাথে মিথ্যা বলবি কেন! আমি ভাবলাম । তাই ইচ্ছা করে আরো কিছুক্ষণ কথা চালালাম। প্রথমে ভাবছিলাম হয়তো এটা হতে পারে যে তোকে জোর করে কথা বলাচ্ছে। পরে বুঝলাম, উহু! সামওয়ান এস। ভয়েস সিনথেসাইজার বা অন্যকিছু! ওদিকে তার পরপরই মিলি আমাকে ফোন দিয়ে জানায় তারা যে ইনভেস্টিগশন প্রজেক্টে আছে, সেটার মিসিং লিংক হল শওকত । তাই এখন তারা শওকতকে খুঁজছে। আমি শওকত কোথায় থাকতে পারে সে সম্পর্কে তাদের কোন হেল্প করতে পারি কিনা সেটা জানতে চাইলেন।

আমি বললাম, শওকত তো ওর শো এর জন্য দেশের বাইরে আছে। মিলি বললেন, সেটা মিথ্যা। তারা খোঁজ নিয়ে জেনেছে শওকত দেশেই আছে। কোথাও ঘাপটি মেরে, রুশদির হয়ে কাজ করছে। দুয়ে দুয়ে চার মেলাতে কষ্ট হল না- শওকত হরবোলা হতে পারে সেটা স্বাভাবিক, কিন্তু ও যে মেইন কালপ্রিট সেটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। তাই নিশ্চিত ছিলাম না। নিশ্চিত হওয়ার জন্য ফোনে তোর গলাটা যে হাসপাতালে আসতে বলেছিল,

ভেন্ট্রিলোকুইস্ট

সেটার সামনে একটা ট্যাক্সি নিয়ে বসে ছিলাম-সারা রাতের জন্য ভাড়া করে। তোদের যখন নামালো তখন সব পরিষ্কার হয়ে গেল। আমি সাথে সাথে মিলিকে ফোনে সব জানালাম। মিলি বললেন, আমি যেন বেশ দূরত্ব রেখে তোদের নিয়ে যে মাইক্রোটা যাচ্ছে সেটা ফলো করি আর ফোনটা না কাটি। ফোনের সিগন্যালটা নেভিগেশনের মত ব্যবহার করে আমাদের অবস্থান জানতে পারে মিলির ইনভেস্টিগেশন ফার্ম। তারা তখন একটা প্রফেশনাল এসকর্ট টিম পাঠিয়ে দেয় আমাদের উদ্ধার করার জন্য আর শওকতকে ধরার জন্য। তারপরের ঘটনা কী ঘটেছে আশা করি চোখ বাঁধা থাকলেও টের পেয়েছিস।”

“আমরা এখন কই যাচ্ছি তাহলে?”

“যেখানে যাওয়ার কথা ছিল শওকতের তোদের নিয়ে, সেখানেই। রুশদি হসপিটালে।”

“ওখানে? কি হচ্ছে সেখানে?”

“কী হচ্ছে, ঠিক জানি না। মিলিরা নিজেরাও ভাল জানে না। তবে আজ রাতে কিছু একটা হবে।”

একটা তিনতলা বাড়ির সামনে গাড়ি থামলো। জায়গাটা খুব সম্ভবত ঢাকার কাছাকাছি কোন জনমানবহীন এলাকা। আশপাশে কোন বাড়িঘর দেখছি না। রাত তখন সোয়া তিনটা। গাড়ি থেকে শওকতকে নামানো হল। তারপর ধরে ভিতরে নিয়ে যাওয়া হল। আমরা পিছু নিলাম।

ভিতরে বেশ বড় বড় কামরা। তাতে অসংখ্য স্ক্রিন বসানো। সেগুলোর সামনে বসে গুটিকতক মানুষ। কয়েকজন আমাদের দেশি, আর কিছু মনে হল বাইরের। এরাই তাহলে ইনভেস্টিগেশন টিম। নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না এমন কিছু চলছে এই জায়গায়।

হঠাৎ কোত্থেকে মিলি এসে হাজির হলেন, “আপনারা তাহলে ঠিক আছেন?” “এখন পর্যন্ত!” রুমি বলল । “মি: হাসানের ইনবক্স থেকে ফাইলটা কি উদ্ধার করা গেছে?”

হাসান হতাশ হয়ে বলল, “আমাকে আটকে ফেলার পর ওদের প্রথম কাজ ছিল, আমার পাসওয়ার্ড জেনে নিয়ে মেইলটা ডিলিট করা।”

শুনে কোন ভাবান্তর হল না মিলির। “আমরাও সেটাই আশা করেছিলাম। সে যাই হোক, আশা করি আজকে রাতে আমরা মূল ডকুমেন্টগুলিই সংগ্রহ করতে সক্ষম হব।”

“কি হচ্ছে বলুন তো? পবিত্র সম্মেলনের ব্যাপারটা কি?” আমি বললাম ।

“ডা: রুশদির বানানো টেম্পলে আজ রাতে কোন রিচুয়াল পালিত হতে যাচ্ছে। কিন্তু সেটা কী ধরনের তা আমরা বুঝতে পারছি না। তাছাড়া সেটা কোন স্পিরিচুয়াল ব্যাপার না অন্য কিছু সেটাও ঘোলাটে। টেম্পলের মূল কক্ষ বা অকুলাসে কিছু একটা ঘটবে। সেটা ঘটানোর জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে। গত রাতের ফ্লাইটে মিডল ইস্ট, ইউরোপ ও অন্যান্য জায়গার অনেক মানুষ ঢাকায় এসেছে, তারা রাত একটার পর থেকে আস্তে আস্তে জমা হতে শুরু করেছে অকুলাসে।”

“এত রাতে?”

“গোপনীয়তার কোন ব্যাপার আছে বলেই হয়তো এত রাতে।”

শওকতকে একটা রুমে নিয়ে যাওয়া হল। একটা দ্রুত জিজ্ঞাসাবাদের জন্য, অনেক কিছু জানার আছে হয়তো ওর থেকে।

আমাদের এক জায়গায় বসিয়ে রেখে মিলি আবার কোথাও চলে গেলেন।

ঘড়িতে এখন রাত সাড়ে তিনটা। হাসান, রুমি আর আমি বসে আছি একটা মাঝারি সাইজের রুমে। আশপাশে রুমগুলোতে বেশ উত্তেজনা নিয়ে বাকিরা কাজ করছে সেটা বুঝতে পারছি। ছোটাছুটি, হাঁক-ডাক, সীমাহীন ব্যস্ততা। তার মধ্যে তিনজন হাত-পা গুটিয়ে বসে আছি সেটা যেমন অস্বাভাবিক, তেমনি অস্বস্তিকর ।

মিলি খানিকবাদে আবার রুমে এলেন। আপনাদের সাথে খুব দ্রুত একটা আলাপ সারতে হবে।” তিনি একটা চেয়ার টেনে আমাদের সামনে বসলেন।

“আপনাদের শওকত যথেষ্ট নন-কোঅপারেটিভ। বলা চলে মুখ থেকে কিছুই বের করছে না। এবং আমাদের যেটা মনে হচ্ছে সে কিছুটা সাইকোলজিকাললি ডিস্টার্বড, প্রলাপের মত বকছে।”

আমাদের যেটা একদম প্রথম রাতেই মনে হয়েছে। আমি মনে মনে বললাম।

“এখন যে জন্য এসেছি, একটু সংক্ষেপে বলুন- রুনু কে?” রুনুর ব্যাপারে তাহলে এরাও জেনে গেছে।

“কেন বলুন তো? আপনাদের ইনভেস্টিগেনির সাথে তার সম্পর্ক কি?” রুমি বলল ।

“বলছি, আগে বলে শেষ করুন।” আমি বলা শুরু করলাম, বেশ সংক্ষেপে বললাম। আসলে মিলির সাথে রেস্টুরেন্টের কথোপকথনেও রুনুর কথা আমরা বলেছি, কিন্তু তখন হয়তো তার কাছে ব্যাপারটা গুরুত্বপূর্ণ ছিল না, তাই মনে রাখার প্রয়োজন বোধ করে নি।

রুনুর সম্পর্কে পুরোটা শুনে মিলিকে একটু চিন্তিত মনে হল। আমি বললাম, “ওকে নিয়ে আবার কি হল?”

“গতকাল যেদিন হাসান সাহেব ওদের হাতে বন্দি হন ঠিক সেদিনই জয়ন্তপুর মডেল হসপিটাল থেকে রুনুকে রুশদির সাইকিয়াট্রিক হসপিটালে নিয়ে আসা হয়। শওকতও সেটা স্বীকার করেছে। তারমানে রুনু এতদিন জয়ন্তপুর মডেল হসপিটালের মানসিক ব্যাধি ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিল। আর আপনারা খুঁজতে এসেছিলেন রুশদির হসপিটালে । শওকত বলছে, রুনু পূর্ণাঙ্গতা লাভ করবে আজকে। কিসের বা কি উপায়ে সে পূর্ণাঙ্গতা সেটা বলতে সে রাজি নয়।”

“তারমানে এই হলি কনফারেন্স গট সামথিং টু ডু উইদ হার!”

“অ্যানিথিং লাইক স্যাক্রিফাইস?” আমি বললাম।

মিলি বললেন, “সেটা বলতে পারছি না, তবে সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়।”

“কিন্তু…” আমি আপত্তির সুরে বললাম, “ব্যাপার হল রুশদির হাতে অনেক স্পেসিমেন আছে। এতদিন পর রুনুকেই বা কেন বেছে নেয়া হল। আর শওকত রুশদির হয়ে কাজ করছে এবং রুনু শওকতের প্রিয়ভাজন। উৎসর্গ টাইপ কিছু যদি হয় তাহলে সেটা কি আনইউজুয়াল নয়?”

“ভূলে যাচ্ছেন কেন,” মিলি আমাকে থামিয়ে বললেন, “স্যাক্রিফাইসের জন্য সর্বোৎকৃষ্ট অপশনটিই বেছে নিতে হয়। সবচেয়ে প্রিয়ভাজন কাউকে। হতে পারে উৎসর্গটা হচ্ছে শওকতের তরফ থেকেই।”

কয়েক হাজার বছর আগে একেশ্বরবাদী ধর্মে প্রথম কোন মানুষ উৎসর্গ করার নির্দেশ দেন স্রষ্টা, মনোনীত এক মহাপুরুষকে। সে নির্দেশে তিনি তাঁর সবচেয়ে প্রিয় মানুষটিকে উৎসর্গ করতে চলে যান হাতে ধারালো ছুরি নিয়ে। তাঁরই পুত্রকে। সেটা শেষমেষ হতে দেননি স্রষ্টা। ফলস্বরুপ একেশ্বরবাদী ধর্মে মানুষ-উৎসর্গের কোন রীতি চালু হয় নি। রুনুই কি খানিক পরেই ঘটতে যাওয়া অজানা কোন রিচুয়ালের সর্বোৎকৃষ্ট অপশন?

মিলি বললেন, “আজকে রুশদি হসপিটালের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে অনেক গুণ বেশি। পুরো জায়গাটুকু যেন এক নিচ্ছিদ্র বলয় দিয়ে আবৃত করে রাখা। রুশদির সতর্ক হয়েছে গত ঘটনায়। তাই সমস্ত এমপ্লয়িদেরও বের করে দেয়া হয়েছে, হাতে-গোনা কয়েকজন বাদে। ফলে ভিতরের খবর এখন আমরা পাচ্ছি না বলা চলে। কিন্তু ডৌমের তথ্য বের করার জন্য আজকের রাতটাই ছিল সবচেয়ে ভালো সময়, কারণ আগত গেস্টদের একটা গ্রুপ ডৌম পর্যন্ত ভিজিট করবে, তাদের সাথে কোনমতে ভিড়তে পারলেই কার্য উদ্ধার হওয়ার সুযোগ ছিল। আর সেজন্য শওকতই ছিল আমাদের শেষ ভরসা। কারণ ওখানে ঢুকবার জন্য এখন যে উপায়টা আমাদের হাতে আছে সেটা হল, আজকের সম্মেলনে আগত গেস্টদের মত গেট-আপ নিয়ে তাদের সাথে মিশে যাওয়া। কিন্তু সেটার জন্য আরেকটা জিনিস জানা প্রয়োজন। একটা কোড!”

“কোড?”

“হ্যাঁ, নিরাপত্তার খাতিরে সিক্রেট সোসাইটিগুলো যে পদ্ধতিটা বহুকাল আগে থেকে ব্যবহার করে আসছে, একটা কোড বলে কোন সম্মেলনে যোগদান করতে হয়, সে-রকম একটা কোড বলে প্রতিটি স্টেপ দিয়ে ঢুকতে হচ্ছে, হয়তো ট্রেডিশন বজায় রাখবার জন্যই আপাত দুর্বল এ ব্যবস্থাটা রাখা হয়েছে। কোডটা অতি গোপনীয়, সংরক্ষিত। কোডটা কখনই লাউডলি উচ্চারিত হয় না, তাহলে হয়তো রুশদির হসপিটালে আমাদের লাগানো কিছু মাইক্রোচিপসে সেটা ধরা পড়তে। যেহেতু শওকতও এ অনুষ্ঠানের আমন্ত্রিত একজন, তারমানে ওর কাছেও ছিল সে কোড। কিন্তু মনে হচ্ছে সে রুশদির মারাত্মক অনুগত, এতক্ষণ নানাভাবে চেষ্টা করে কোন লাভ হয় নি। টর্চার করেও লাভ হচ্ছে না, রুশদি ওকে নিশ্চয়ই স্পিরিচুয়াললি মোটিভেটেড করেছে। প্রাণ বের হয়ে গেলেও কোন ইনফরমেশন দেবে না।”

“মিলি,” অনেকক্ষণ পর রুমি মুখ খুলল, “আপনি কি নিশ্চিত রুশদি যাকে জয়ন্তপুর থেকে নিয়ে এসেছে সেটা রুনুই। কারণ জয়ন্তপুর থেকে প্রায়ই রুশদি তার স্পেসিমেন কালেক্ট করে। সেটা যে কেউই হতে পারে।”

“আপনাদের বর্ণনা অনুযায়ী এবং আমরা যেভাবে খবর পেয়েছি তাতে লিখিত নাম রুনু। তাছাড়া শওকতও তাই বলেছে।”

“মিথ্যাও বলতে পারে, আর সাবজেক্টের নাম ইচ্ছে করলে চেঞ্জ করা নিশ্চয়ই যায়।”

“মিথ্যা? না না এটা নিশ্চিত থাকুন শওকত আমাদের কাছে মিথ্যা কিছু স্বীকার করে নি। কারণ একটা হাই অথোরিটেটিভ ইনভেস্টিগেশন ফার্ম হিসেবে জিজ্ঞাসাবাদের সময় আমরা এমন কিছু করি যাতে আমাদের সময় বাঁচে। মিথ্যা বলার অপশনটা আমরা বন্ধ করে দিই।”

“বন্ধ করে দেন?”

“শুনতে অদ্ভুত লাগতে পারে। ব্যাপারটা ব্যাখ্যা করার পর্যাপ্ত সময় আমাদের হাতে নেই। আচ্ছা সংক্ষেপে বলছি,” মিলি কিছুটা থেমে বললেন।

“সত্য না মিথ্যা-কোনটা বলা সহজ?”

“উম, বিয়ে যেহেতু এখনো করি নি তাই নিশ্চয়ই সত্য বলা, আমার জন্য।” আমি হেসে বললাম।

“সত্য বলাটাই,” মিলি বললেন, “কারণ সত্য বলতে মাথা খাটাতে হয় না, মিথ্যা বলা মানেই আপনার ইনোভেটিভ মাইন্ডকে খাটাতে হয়।”

“তাতে?”

“তার মানে মিথ্যা বলার জন্য আমাদের মস্তিস্ককে বেশি খাটাতে হয়। সত্য বলার জন্য সেটা লাগে না। এখন এমন কিছু ডাগ আছে, যার মাধ্যমে মস্তিস্ককে কিছু সময়ের জন্য বেশ দুর্বল করে দেয়া যায়। সেটা প্রয়োগের পর তাই তাকে কোন প্রশ্ন করার পর, সে মিথ্যা কিছু বলতে পারে না, চেষ্টা করলেও। বলতে রাজি নাও হতে পারে। কিন্তু মিথ্যা বলে না।”

শুনে আমি বেশ অবাক হলাম।“এ ধরনের ড্রাগও আছে নাকি?”

“এগুলোর জনপ্রিয় নাম হচ্ছে ট্রুথ সেরাম। ইন্ডিয়ার ক্রিমিনাল ইনভেস্টিগেশন বুরো এটা ব্যবহার করে সেটা মিডিয়াতে পর্যন্ত আসে, সবদেশেই এটা ব্যবহৃত হয়, তবে বাকিরা জানায় না।”

রুমি হঠাৎ বলল, “আমি একটু শওকতের সাথে কথা বলতে চাই। একাই!”

“আপনার কি মনে হয় তাতে লাভ হবে?”

“চেষ্টা করতে আশা করি দোষ নেই।”

মিলি একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, “আসুন আমার সাথে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *