অধ্যায় ১৮
দারুণ একটা সুসংবাদ শুনি।
বিনুকে নিয়ে গেছিলাম ডা: ফয়েজ এর কাছে। তিনি ভালমত দেখে আমাকে জানালেন অদ্ভুত এক তথ্য।
বিনুর কোন ধরনের মেজর সাইকোলজিকাল ডিসঅর্ডার নেই।
তাহলে কি সমস্যা ছিল ওর? আমি রীতিমত ভড়কে গেলাম। ও যেটা করেছে সেটা যদি সুস্থ কেউ করে সেটা তো আরো ভয়ংকর কথা।
তিনি বললেন, “তবে হ্যাঁ, এটা একটা সমস্যা, তবে সমস্যাটা অন্য ধরনের।”
“কি ধরনের?”
“আপনার বোন যেটাতে ভুগছে সেটাকে বলা হয় সমনাবিউলিজম।”
“সমনাবিউলিজম?”
“প্রচলিত ভাষায় যাকে বলা হয় স্লিপ ওয়াকিং। এটা সত্যিকার অর্থে কোন বড় সমস্যা নয়, বলতে পারেন এটা একটা ফিচার। যে ফিচারটা প্রায় প্রত্যেক মানুষেরই অল্প বিস্তর থাকে।”
“কি বলছেন, আমরা প্রত্যেকেই ঘুমিয়ে হাঁটি!”
“প্রায় প্রত্যেকে, আর হাঁটাই স্লিপ ওয়ার্কিং নয়। ধরুন ঘুমের মাঝে আপনি কিছুক্ষণের জন্য জেগে গেলেন, মানে মনে হচ্ছে আপনি জেগেছেন, হয়তো শুধু চোখ খুলে ঘড়িটা দেখলেন একবার, কিন্তু আসলে তখনও আপনি ঘুমাচ্ছেন। সেটাও এক ধরনের সমনাবিউলিজম। এটা ছোটবেলা অনেক শিশুর থাকে। তাদের ঘুমের মাঝে খানিকক্ষণ জাগাটা স্রেফ স্লিপ ওয়াকিং ছাড়া আর কিছু নয়। বয়সের সাথে সাথে সেটা অবশ্য কমে যেতে থাকে। একটা সময় সেটা একদমই থাকে না। তবে কিছু কিছু মানুষের সেটা থেকে যায়। তারা ঘুমের মাঝে উঠে ঘরময় পায়চারি করে, হাতের কাজ করে, রান্না করে, ঘর থেকে বের হয়ে রাস্তায় ঘোরাঘুরি করে। এমনকি নানা ধরনের ক্রাইমও করে!”
“কি ধরনের?”
“সেটা যেকোন ধরনের ভায়োলেন্ট আচরণ থেকে শুরু করে খুন পর্যন্ত হতে পারে। এটা বিচার প্রক্রিয়ার জন্য এক ধরনের সিগনিফিকেন্ট কেস, পৃথিবীতে বহু খুন হয় যেটা হয়তো খুনি নিজের অজান্তেই করে। এ ধরনের কেসগুলোর ক্ষেত্রে বিচার প্রক্রিয়ার লোকজন তাই বিভ্রান্ত হয়ে যান। কিছুদিন আগেও ওয়েলসের ব্রায়ান থমাস নামক একজন ভদ্রলোক ঘুমের মধ্যে তার স্ত্রীকে খুন করেন, তিনি ভয়ংকর কোন দুঃস্বপ্ন দেখছিলেন আর স্ত্রীকে ভাবছিলেন তার শত্রু। কোর্টে যখন প্রমাণিত হয় আসলেই ব্রায়ান স্লিপ ওয়াকার, তখন তাকে বেকসুর খালাস দেয়া হয়।”
আমি বললাম, “তারমানে বিনুও ঘুমের ভিতরে ওর বাচ্চার গলা কাটতে চাইছিলো!”
“হুম, ছোটবেলার পুতুলঘটিত ব্যাপারটার জন্য স্লিপ ওয়াকিংয়ের সাথে এই ভায়োলেন্সটা অ্যাড হয়েছে, যেদিন ও ঘটনাটা ঘটায় সেদিন ও ওর বাচ্চাদের নিজের পুতুল ভাবা শুরু করে, যারা ছোটবেলা পুতুল নিয়ে খেলে তাদের জন্য ব্যাপারটা খুবই স্বাভাবিক, ছোটবেলার ওই ঘটনার কারণে মাথাহীন পুতুলই একসময় ওর কাছে স্বাভাবিক হয়ে ওঠে, তাই বহুদিন পর ঘুমের ঘোরে ও যখন ওর বাচ্চাদের পুতুল ভাবা শুরু করে তখন ওর আবার ইচ্ছা হয় মাথাগুলো কেটে ফেলতে। আর হাতে তুলে নেয় ব্লেড!”
ব্যাপারটা ভেবে আবারও শিউরে উঠি আমি।
“তবে আপনার বোন বিনুর ব্যাপার যেটা মনে হল, ওর মাইল্ড সমনাবিউলিজম। তারমানে হয়তো ও ওর বাচ্চার গলা কাটার চেষ্টা করলেও সেটা পারতো না। খানিক পরে বাচ্চার কান্নার শব্দেই ওর ঘুম ভেঙে যেত। আর এটা নিয়ে আপনার খুব বেশি টেনশনের কারণ আছে বলে মনে হয় না। কিছুদিনের ট্রিটমেন্টেই বিনুর ভালো হয়ে যাওয়ার চান্স রয়েছে। এবং আপনি ইচ্ছা করলে ওকে বাড়িতেও নিয়ে যেতে পারেন, নিয়মিত ওষুধ-পত্র খেলে এ সমস্যা আর কখনো রিপিট হবে না।”
শুনে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আজীবনই না সাইকিয়াট্রিক হসপিটালে থাকতে হয় এ ভয় ছিল আমার ওকে নিয়ে।
*
বিকেলের দিকে কাজ থেকে ফিরছিলাম। আমি এখন যে প্রজেক্টে আছি সেটার কাজ বন্ধ হয়ে ছিল এ সপ্তাহে। নতুন উদ্যমে গতকাল থেকে আবার শুরু করলাম। রুমির পত্রিকা অফিসের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে হল রুমির সাথে দেখা করে আসি।
এ চার পাঁচদিনের অনুপস্থিতির ক্ষতি পুষিয়ে নিতে ওরও বেশ ব্যস্ত থাকার কথা। তবে ওর সাথে অনেক কথা জমে আছে না বলতে পারলে যেন দমবন্ধ হয়ে আসবে।
দশ মিনিটের কথা বলে অনেকক্ষণ বসিয়ে রেখে রুমি হাজির হল।
“স্যরি, রুমি ওর রুঢ় গলাটা যতটা সম্ভব মোলায়েম করে বলে ।
এক ছেলে এসে দুকাপ রঙ চা রেখে যায়। সেটায় এক চুমুক দিয়ে বললাম, “বাহ, বেশ গরম তো, এই শীতে গরম পানিটা গলার জন্য বেশ ভালো। কিছুটা মিষ্টিও মনে হচ্ছে।”
রুমি হেসে বলল, “প্রায়ই যেসব কারণে এই চাকরি ছেড়ে দেব ভাবি, তার মধ্যে এই দারুণ চায়ের পয়েন্টটাও থাকে।”
এক কন্ট্রিবিউটর এসে আবার মিনিট পাঁচেক কী একটা বুঝে নিল। যাওয়ার পর রুমি বিরস মুখে বলল, “গতকাল থেকে নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি না। দুদিনে একটা সাপ্লিমেন্ট রেডি করলাম। কন্ট্রিবিউটরদের বলা চলে কিছুটা জীবননাশের হুমকি টাইপ থ্রেট দিয়ে কাজ করাচ্ছি।”
মাঝখানে একটা ফোন এলো। বকবক বকবক টানা পাঁচমিনিট চললো ।
ফোন রাখতেই আমি বললাম, “ভুল সময়ে এসে পড়লাম মনে হয়। আজ তাহলে চলে যাই, খুব বেশি ব্যস্ত তুই এখন।”
“আরে ধুর, ব্যস্ততা শেষ। আমিই তোকে আজকে আসতে বলতাম। তাছাড়া তোকে দেখানোর মত দুটো মেইল আছে।”
“মেইল?”
“হুম, একটা ডাকযোগে পাঠানো। আরেকটা ইমেইল। গেজ কর তো কে পাঠিয়েছে।”
“পারছি না?” আমি সাফ বলে দিলাম।
“উহু, ট্রাই ম্যান।”
আমি বললাম, “একটা মিলির তরফ থেকে।”
“গুড, আরেকটা?”
“নো আইডিয়া।”
রুমি আমাকে একটা খাম এগিয়ে দিল। খামে নাম দেখে আমি চমকে উঠলাম, “শওকত !”
“হুম, পড়ে দেখ।”
আমি ভিতরের ভাঁজ করা কাগজটা পড়া শুরু করলাম।
রুমি এবং মারুফ, বন্ধুদয়,
আমি আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট আর আফসোসের জায়গা থেকে বের হয়ে আসতে পেরেছি তোদের কারণে। আমি তোদের প্রতি এজন্য আজীবন কৃতজ্ঞ থাকবো। পুরো ব্যাপারটা জানতে পারাটা অবশ্য আমার কাছে যথেষ্ট বেদনার একটা ব্যাপার ছিল, কিন্তু তোরা না থাকলে হয়তো রুনুর ব্যাপারটা আমি জানতামই না।
আমি খুবই আনন্দিত যে তোরা রুশদির হাত থেকে রেহাই পেয়েছিস, ও যে এতবড় শয়তান সেটা আমি এতদিনেও বুঝতে পারি নি।
তবে হসপিটাল থেকে তোদের নিরাপদে বের হওয়ার ক্ষেত্রে আমারও সামান্য একটা ভূমিকা ছিল। আমি ক্যাপসুল থেকে মেয়েটাকে বের করে নির্বিঘ্নে নিয়ে যাওয়ার জন্য একটা ট্রিকস খাটাই। আমার কী ট্রিকস তা বুঝতেই পারছিস, আমি রুশদির গলা নকল করে কন্ট্রোলপ্যানেলে বলে দেই যে সেমিনার রুম থেকে সব সিকিউরিটি গার্ড সরে যাও। আর কেউ বের হতে চাইলে যেন বাধা না দেয়া হয়। ট্রিকসটা কাজে লাগে কারণ কোন কারণে ইতিমধ্যে রুশদির কোন খবর ওখানকার কর্মচারীরা কেউ জানতো না। ফোনেও পাওয়া যাচ্ছিল না, শয়তানটা মনে হয় ততক্ষণে গা ঢাকা দিয়েছে। তাই সহজেই ব্যাপারটা কাজে লাগলো। তোরাও নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারলি।
ওকে নিয়ে ভাবিস না। আমার সাথেই আছে। খুব ভালো একটা মেন্টাল হসপিটালে ভর্তি করিয়েছি। ডাক্তার আশাবাদী মনে হল। আর আমি আমার ভেন্ট্রিলোকুইজম নিয়ে আছি, আর চেষ্টা করছি হরবোলা প্র্যাকটিসটাও জনপ্রিয় করতে। এটা বেশ সাড়া পাবে বলে আমার ধারণা।
তোদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি আবারও তোদের শত্রু ভাবা শুরু করেছিলাম। এমনকি প্রথম রাতে যখন শুনলাম, জহিরের বিয়ে থেকে এসেছিস, তখন মাথায় রক্ত চড়ে গেছিলো। শেষের দিকে মিথ্যা একটা ভয় দেখিয়েছি। তোদের, ব্যাপারটা ভাবতেই এখন লজ্জা লাগছে। প্রেতসাধককে অবশ্য আমি বিশ্বাস করতাম, তোদের কারণে সে ভুলটাও আমার ভাঙলো ।
পুনশ্চঃ আগামী সপ্তাহে একটা ইন্টারন্যাশনাল ভেন্ট্রিলোকুইজম শো আছে সুইডেনে। আমি সেখানে ঠোঁট নাড়িয়েই শো করবো, মানে হরবোলার শো টা করবো। এটার ব্যাপারে বেশ আগ্রহ আছে দেখলাম আয়োজকদের। তোদের খুব বেশি সমস্যা না থাকলে শোটাতে থাকতে পারিস। কয়েকজন গেস্ট নিতে পারার সুযোগ আছে আমার। তোরা গেলে সূযোগটার একটা গতি হবে।
যাস বা না যাস, তোদের জন্য প্রয়োজনীয় টিকেট পাঠিয়ে দিলাম চিঠির সাথে।
“এজন্যই খামে পাঠিয়েছে চিঠি!” পড়া শেষ হলে আমি রুমির দিকে তাকালাম।
“সো মেনি কি-ওয়ার্ডস, তারমানে এখনো অনেক কিছু আমি জানি না।” আমি যোগ করলাম।
“হুম, জানতে পারবে, ধৈর্য ধর বালক।”
আমি বললাম, “তারমানে সেদিন সত্যি আমাদের ভয় দেখিয়েছিলো শওকত।”
“উহু, একদম শেষে ওর পড়ে যাওয়া এবং ডামিটার কথা-বলা এ টুকু ছিল ওর ভয় দেখানো। শেষের দিকে আমাদের প্রশ্ন ওর কাছে অসহ্য লাগা শুরু করছিলো। তাই কাজটা করে।”
“ওর আত্মা ডামিতে বসানোর ব্যাপারটা?”
“সেটা ছিল প্রেতসাধকের কাজ। প্রেতসাধকের ব্যাপারে পরে আমি খোঁজ নিয়েছি। আমাদের দেশের প্রত্যেক গ্রামাঞ্চলেই এই টাইপ কিছু লোক থাকে, তারা কেউ নিজেদের দাবি করে জিন নামাতে পারে, আর কেউ বান মারতে পারে, যেটাকে আবার কেউ তুলনা করে ভুভুজমের সাথে, আবার কেউ নিজেকে দাবি করে প্রেতসাধক। মূলত যারা জিন বা আত্মা নামায় বলে নিজেদের দাবি করে তাদের দাবির পেছনে তাদের একটা প্র্যাকটিস আছে।”
“প্র্যাকটিস?!”
“হুম, জিন নামানো পীর-ওঝাদের সাথে সাক্ষাৎ করা আমাদের পরিচিত বহু মানুষ আছে। সেটা যারা দেখেছে তারা যেটা বলে জিন বা আত্মা এসে গম্ভীর গলায় কথা বলে। কথাগুলো আসে উঁচু থেকে, জলদ গম্ভীর গলা। তারমানে প্র্যাকটিসটা কি বুঝতে পারছিস?”
“ভেন্ট্রিলোকুইজম?!” আমি বিস্ময় নিয়ে বলে উঠলাম।
“হ্যাঁ, অবাক হলেও ব্যাপারটা সত্যি, আমাদের দেশে আনাচে কানাচে রয়েছে অনেক ভেন্ট্রিলোকুইস্ট। তারা হয়তো ঠোঁট না নাড়িয়ে কথা বলে না। কিন্তু যারা জিন-টিন নামায় তাদের ব্যাপারটা হল তারা সেটা করে অন্ধকার কোন জায়গায়। দে আর এক্সপার্ট ইন থ্রোয়িং ভয়েস। শওকত যার কাছে গেছিল সে একটু জানাশোনা টাইপ ছিল, শওকত গাঁয়ের অশিক্ষিত কেউ ছিল না, তাই পুতুলের মধ্যে আত্মা বসানোর পরামর্শ দেয় সে কিছুটা ধোঁকা দেয়ার জন্যই। কিন্তু পুতুলের জন্য যে গলা, হাই রেজোনেন্স, সেই গলায় কথা বলতে গিয়ে দেখা গেল শওকত স্বাভাবিকের চেয়ে ভালো পারছে। হাই রেজোনেন্সে মানে চিকন স্বরে কথা বলাটা স্বাভাবিকভাবেই একটু বেশি ইজি। ফলে ওই ধোঁকাটাই সাপে বর হয়ে দাঁড়ায় শওকতের জন্য । ও প্র্যাকটিস করতে থাকে। সাথে সাথে ওর বলার ক্ষমতাও বাড়তে থাকে। ও একসময় বিশ্বাস করতে শুরু করে ওর এই ডামি দিয়ে বেশ ভালো শো করতে পারবে। ভেন্ট্রিলোকুইজমের শো. এর কথা ও জানতো, সেভাবেই ও প্র্যাকটিস করা শুরু করে। শওকত আগে থেকেই গলার স্বর নকল করতে পারতো। তাই এটাতেও ও সফল হয়ে ওঠে সময়ের সাথে সাথে।”
“এক ডাক্তার ওকে না বলেছিল ওর মস্তিকের কথা বলার ব্ৰকাস এরিয়াতে প্রবলেম হয়ে গেছে, আর কোনদিন কথা বলতে পারবে না।” আমি বললাম।
“কিন্তু দেখা যাচ্ছে পারছে, তারমানে ভায়াগনসিস ভুল ছিল। আর টাইফয়েডের কারণে বাকশক্তিহীন হওয়া মানুষ অধিকাংশই সেরে ওঠে। ডাক্তার নিশ্চয়ই ওর কারেন্ট কন্ডিশন দেখে সেটা বলেছিল, কিন্তু সময়ের সাথে ওর ক্ষমতা রিজেনারেট করে।”
কিন্তু রুশদির সাথে তখন ওর ভাল টার্ম ছিল। রুশদি ওর ভুল ভাঙালো না কেন?”
“প্রথমে সে জন্য আমাদের জানতে হবে রুশদি নিজে সেটাকে ভুল ভাবতে কিনা! আমার ধারণা রুশদি নিজেও বিশ্বাস করতো আত্মাঘটিত ওসব ব্যাপারস্যাপার সত্যি। ভুলে যাচ্ছিস কেন, রুশদি অনেক আগে থেকেই আত্মার ওজন নির্ণয় টাইপ পরীক্ষা করতো। শওকত সেসময় থেকেই রুশদির অ্যাসিসট্যান্ট টাইপ ছিল। আত্ম ঘটিত এক্সপেরিমেন্ট করার সময়ও সে শওকতকে সাথে রাখে। তা নাহলে সুঁইয়ের ব্যাপারটা শওকত জানতো না।
“সুইয়ের ব্যাপারটা?”
“শওকত আত্মার ওজনের কথা বলেছিলো সুঁইয়ের এককের মাধ্যমে। আসলে ওই সময় ডা: রুশদি কয়েকটা এক্সপেরিমেন্ট করে সেই ডা: ডানকানের মত। কোন ফাইন ওয়েইট মেজারিং ডিভাইস দিয়ে সে তার কয়েকজন রোগীকে মেরে তাদের আত্মার ওজন নির্ণয়ের চেষ্টা করে। সে এক্সপেরিমেন্টগুলোতে রুশদি সফল হয় কিনা, অর্থাৎ আসলেই কোন ওজন পায় কিনা সেটা জানার কোন উপায় নেই। কিন্তু শওকতকে ওজনটা কত হবে তা ব্যাখ্যা করে তার কিলিং ইন্সট্রুমেন্ট দিয়ে।”
“সুই? কিলিং ইন্সট্রুমেন্ট?
“কেন নয়, সুই বা পিন পাচার হচ্ছে মেডিকেল পারসনদের জন্য সবচেয়ে সুবিধাজনক মারার পদ্ধতি, কারণ ঠিক কোন জায়গায় পাচার করলে মেডুলাতে গিয়ে আঘাত করে রেসপিরেটরি সেন্টারকে ডিজাবল করে দেবে সেটা তারা জানে।”
রুশদি এভাবে কতজনকে মেরেছে কে জানে! মিলিও জয়নালকে মারতে চেষ্টা করেছিল এভাবেই-আমার মনে পড়লো।
“তার মানে,” আমি বললাম, “শওকতের আত্মা নিয়ে ভুল ধারণা থাকলেও, অর্থাৎ রুশদি যদি বুঝতও যে সেটা ভুল তারপরও নিজের কাজের সুবিধার জন্য কখনো সেটা বলতো না।”
“হ্যাঁ, আর শওকতের ক্ষমতা রুশদি বুঝতে পেরেছিল। মানুষের কণ্ঠস্বর
নকল করার ওর যে ক্ষমতা অর্থাৎ ও যে হরবোলা সেটা রুশদি জানতো, তাই ভবিষ্যতে ওকে যে কাজে লাগবে সেটা রুশদির মাথায় ছিল। অনেকবারই হয়তো শওকতকে সে ব্যবহার করেছে।”
আমি বললাম, “তাহলে রুনুর আত্মা সরিয়ে নেয়া আর তাতে ওর অপ্রকৃতিস্থ হয়ে যাওয়ার ব্যাপারটা কি?”
“বলছি, তার আগে বল, আমাদের সেদিন কেন মনে হল মেয়ে পুতুল আর ছেলেপুতুলের কণ্ঠ ওভারল্যাপিং হচ্ছে?”
“পারসেপশনে হয়তো প্রবলেম ছিল। আমাদের দেশের হলগুলো অত আধুনিক নয়, কিছুটা ইকোও হচ্ছিল। তাতে হয়তো মনে হয়েছে।”
“গুড, আর একটা ব্যাপার আছে। আমরা কিছুটা টেনসড ছিলাম। শওকত তখন বেশ স্পিডি ছিল। এবং সবচেয়ে বড় কথা ছেলে পাপেটটার কণ্ঠ, এবং শওকতের কণ্ঠ কম রেজোনেন্সের ছিল, মেয়ে পাপেটের গলাটা ছিল তুলনামূলকভাবে অনেক হাই পিচের, অনেক তীক্ষ। গতকাল ওর শো এর একটা ভিডিও ক্লিপ যোগাড় করে দেখে বুঝেছি। পাশাপাশি দুটো ভিন্ন পিচের কষ্ঠ এবং কিছুটা ইকোর কারণে আমাদের ফলস পারসেপশন হচ্ছিল।”
আমি বললাম, “এগুলো মাইনর প্রবলেম, এগুলো বাদ দে। কিন্তু রুনুর অপ্রকৃতিস্থ হওয়ার ব্যাপারটা কি?”
“বলছি”, রুমি হাঁফ ছেড়ে বলল। “চল নিচে যাই, ভাল করে এককাপ চা না খেয়ে এটা বলা শুরু করা যাবে না। দ্যাটস আ লং স্টোরি অ্যান্ড শকিং অলসো।”
“সেদিন হাসানদের বাড়িতে তুই যখন ঘুমাচ্ছিলি আর আমি কলেজে গেলাম, তখনই আমি রুনুর পুরো নামটা জানতে পারি। তুই কি জানিস, রুনুর পুরো নাম কি?”
“উহু,” আমি উত্তর দিলাম। হাতে গোনা কয়েকজনের পুরো নাম জানি আমি।
“ওর পুরো নাম মালিকা কিয়ানি রুনু। ওর বাবার নাম ইলিয়াস হোসেইন কিয়ানি।”
“নামগুলো…” আমি বললাম। কিছু মেলানোর চেষ্টা করছিলাম। কোথায় শুনেছি এ ধরনের নাম।
“বাড়ির ঠিকানা নিয়ে আমি লোকমানকে নিয়ে রওনা দিলাম,” রুমি বলে চলছে, “ নামগুলো দেখেই আমি একটা ব্যাপার বুঝে ফেললাম। কলেজ থেকে খুব বেশি দূরে ছিল না ওদের বাড়িটা। ভাবলাম নিশ্চয়ই কাউকে পাব যাদের সাথে রুনুর ব্যাপারে আলোচনা করা যাবে। গিয়ে দেখি বিশাল এক বাড়ি। এত বড় বাড়ি হবে সেটা মাথায় আসে নি। শহরের ভেতরেই বাড়িটা একটা দ্রষ্টব্য হয়ে আছে কারণ বাড়ির পেছনে আর সামনে প্রচুর গাছপালা। কিছুটা অযত্নেই পড়ে আছে মনে হল। গেটে নক করতেই এক মধ্যবয়সী লোক গেট খুললেন। জিজ্ঞেস করলে কী চাই, আমি বললাম-এ বাড়িতে রুনু নামের এক মেয়ে ছিল, আমি তার ক্লাসমেট, দেখা করতে এসেছি। শুনে মনে হল তিনি আকাশ থেকে পড়লেন। রুনুকে চিনতেই পারলেন না। আমি জিজ্ঞেস করলাম এখানে তিনি কতদিন ধরে আছেন। বললেন, আট বছরের উপরে। আমি বললাম, আপনারা এখানে থাকার আগে যারা এখানে থাকতো তারা কোথায় জানেন? এমন সময় ভেতর থেকে এক বুড়ো মত লোক এসে আমাদের কথা থামিয়ে জিজ্ঞেস করলেন,
“তোমরা ইলিয়াস হোসেইনের খোঁজে আসছো?”
ইলিয়াস হোসেইন মানে রুনুর বাবা, ইলিয়াস হোসেইন কিয়ানি।
আমি মাথা নাড়লাম। বৃদ্ধ বললেন, “ভিতরে আইসা বস।
আমি আর লোকমান গিয়ে বসলাম। বাড়ির আসবার পত্রও বেশ পুরনো ধাঁচের। তিনি বললেন, বছর দশেক আগে এই এলাকায় আসেন তিনি, ইচ্ছা ছিল থেকে যাওয়ার। কিন্তু এত বড় একটা বাড়ি সস্তায় পাওয়ায় কিনে নিলেন। ইলিয়াস হোসেইন মারা যাওয়ার পর তার দুই ছেলে এখানে আর থাকতে চাইলে। তারা চলে গেল পাকিস্তান, তাদের আসল ঠিকানা।”
“তারমানে রুনুরা ছিল আসলে আটকে পড়া পাকিস্তানি।” আমি চমকে উঠলাম। অবশ্য কিয়ানি নাম শুনে আগেই সেটা আমার বোঝা উচিত ছিল।
“হুম।”
“আর আমরা সেটা এতদিনেও জানতে পারলাম না!”
অবশ্য আমাদের দেশে আটকে পড়া পাকিস্তানি এবং বিহারিরা যথাসম্ভব নিজেদের পরিচয় লুকিয়ে রাখতে চায়। রুনুও কি সেজন্য কোনদিন বলতে সাহস পায়নি?
ইলিয়াস হোসেইন ছিল তারমানে পাকিস্তানি, কিনি তার পদবি, কোন কারনে সে নিজ দেশে ফিরে যেতে পারে নি, কিংবা হতে পারে চায়নি যেতে। কিয়ানি গোত্র মূলত পাকিস্তানের পাঞ্জাব এবং বেলুচিস্তানের অধিবাসী । রুনু শওকতকে বলতো, তার বাড়িতে একটা সমস্যা আছে, এটাই কি সে সমস্যা?
“বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, আপনি বাড়িটা কিনেছেন তার ছেলেদের কাছ থেকে, তার মেয়ে তখন কোথায় সেটা জানতেন? তিনি বললেন, তাদের সম্পর্কে তিনি খুব বেশি জানেন না। শুধু জানেন তারা বাড়িঘর বিক্রি করে নিজ দেশে ফিরে যায়। তাদের সাথে আর কে ছিল তিনি জানতেন না। আমি মোটামুটি হতাশ হয়ে গেলাম। তারমানে সত্যিকার অর্থে রুনুর খোঁজ পেলাম না। ফিরতে যাব, এমন সময় দেখি লোকমান নেই। ও আবার কই গেল? গেটের কাছে। গিয়েও পেলাম না।
হঠাৎ এক তীক্ষ্ণ চিৎকারের মত করে লোকমান আমাকে ডাকলো। শব্দটা এলো বাড়ির পেছন থেকে।
কি হল? বুঝতে পারলাম না। দৌড়ে গেলাম। বৃদ্ধ আর তার ছেলেও আমার পিছু পিছু এলেন।
বাড়ির পেছনটা জঙ্গলের মত। সময়টা সূর্যাস্তের আগে আগে। আলো কমে এসেছে। তাই ও কী করছে ভালো মত বুঝতে পারলাম না প্রথমে। কাছে গিয়ে দেখি ও মাটি আঁকড়ে পড়ে আছে।
কী হল লোকমানের!
“কি হইছে লোকমান?” আমি ভীষণ বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলাম।
লোকমান বলল, “ভাইজান, এই বাড়ি আমি চিনতে পারছি। এইটা সেই বাড়ি যেই বাড়িতে আমি প্রথম কবর খুঁড়ি। এইটা আসলেই সেই বাড়ি কিনা সেইটা দেখতে যেখানে কবর খুঁড়ছিলাম সেইখানে খুঁজতে আসছি। এই দেখেন, এইখানে পাশাপাশি দুইটা কবর, গাছপালা হইয়া বোঝা যায় না। কিন্তু আমি ঠিকই বুঝছি, এখানেই আছে সেই কবর দুইটা। আমার প্রথম খোঁড়া কবর।”
ঘটনার আকস্মিকতায় আমরা তিনজনই নির্বাক হয়ে রইলাম, কিছুক্ষণ।
বৃদ্ধ বললেন, “আমরা তো জানি না, এখানে কবর আছে। কই কবর মিয়া? কবর থাকলে তারা আমারে বলতো না?”
তারপরে ব্যাপারটা সত্যি কিনা তা যাচাইয়ের জন্য লোকমানকে কোদাল ধরিয়ে দেয়া হল। ততক্ষণে সন্ধ্যে হয়ে গেছে। বৃদ্ধের ছেলে একটা সার্জার লাইট ধরে রেখেছে।
খুব বেশি খুঁড়তে হল না, বেরিয়ে এল পর পর দুটি নর কংকাল। অংশবিশেষ অবশিষ্ট আছে। বৃদ্ধ আর তার ছেলের চোখমুখ দেখে বুঝলাম যথেষ্ট ভয় পেয়েছেন। হাঁড়-গোড় দেখে সাথে সাথে পিছিয়ে গেলেন।
বৃদ্ধ বললেন, এগুলো আবার কবর দিয়া বাবা।
আমি একটু ভালমত পরীক্ষা করে দেখলাম হাঁড়গুলো। একজন ছিল বেশ বড়সর । আরেকজন ছোটখাট। এছাড়া আর কিছু বুঝলাম না। অস্টিওলজি পড়া থাকলে হয়তো বুঝতাম।”
“কাদের কংকাল?”
“আসছি, দাঁড়া। আবার হাঁড়গুলো কবর দিয়ে আমরা বৃদ্ধের বাড়িতে হাতমুখ ধুয়ে নিলাম। তিনি ততক্ষণে খোঁজ লাগিয়ে একজনকে বাড়িতে ডেকে এনেছেন। তার নাম করিম মিয়া। এই এলাকায় থাকেন অনেক আগে থেকে। বৃদ্ধ তাকে বললেন, করিম মিয়া, এগুলা কাদের কবর কও।
করিম মিয়া ইলিয়াস হোসেইন এর বাড়িতে কাজ করতো অনেক ছোট থেকে। তারা চলে যাওয়ার পর এখন অন্য কাজ করে। করিম মিয়া বলতে রাজি হল না। তাকে নাকি কসম কাটিয়ে রাখা হয়েছে যাতে সে কাউকে না বলে। ততক্ষণে আরো কিছু লোক এসেছে বাড়িতে। সবাই বদ্ধের স্বজন। করিম মিয়া খুব বেশিক্ষণ তার গো ধরে রাখতে পারলো না। বলল, “কবর একটা হইলো ইলিয়াস সাহেবের, আরেকটা তার মেয়ের।”
“মেয়ের! মানে রুনুর?” আমি চেঁচিয়ে উঠলাম।
“হ্যাঁ, রুনুর! করিম মিয়া বলল, রুনু আপারে মারছে তার ভাইয়েরা। খাওনে বিষ মিশাইয়া। আর তার বাপ মরছে হার্ট অ্যাটাকে।”
“তাহলে আমরা কাকে দেখলাম রুশদি হাসপাতালে। আর শওকতের কাছেই বা কে আছে!”
“ওটা আসলে রুনুর বোন, ওর নাম নাজিয়া। নামে মিল নেই, কিন্তু নাজিয়া আসলে রুনুর যমজ বোন। আইডেন্টিকাল টুইন। একই রকম দেখতে হুবহু। কিন্তু মানসিকভাবে অপ্রকৃতিস্থ ছিল।”
“অপ্রকৃতিস্থ?”
“ব্যাপারটা জন্ম থেকে না। ছোটবেলা কোন একটা অ্যাকসিডেন্ট হয়, তাতে নাজিয়া মাথায় গুরুতর চোট পেয়ে অপ্রকৃতিস্থ হয়ে যায়।”
“তারমানে এই মুহূর্তে শওকতের কাছে আছে নাজিয়া। রুনুর বোন। সেটা কি শওকত জানে?”
“আমি জানিয়েছি। সেদিনই জানিয়েছি যেদিন মিলির ইনভেস্টিগেশন টিমের কাছে ও ধরা পড়ে। টর্চার করেও ওর থেকে যে কোডটা বের করতে পারে নি তারা, সেটা আমাকে ও বলেছে যখন বুঝতে পেরেছে এতদিন ওকে ঠকানো হয়েছে। কারণ রুশদি এটা জানতো। কিন্তু শওকত কোনদিন বলে নি সেটা।”
“শওকত চট করে তোর কথা বিশ্বাস করলো কেন?”
“শওকতের জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছিলাম রুনুদের বাড়ি থেকে। বাড়ি থেকে নয় ঠিক, রুনুর কবর থেকে। একটা আঙটি, মাটিতে মিশে যায় নি এতদিনেও, তাড়াহুড়া করে কবর দেয়ায় আঙটিটা খুলে রাখা হয় নি হয়তো। সেটা পেয়ে শওকতের চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। শওকত ভালো মতই চিনতে পেরেছে আঙটিটা। তারপরই ও আমাকে কোডটা বলে দেয়।”
“এজন্যই শওকত তোকে চিঠিতে বলেছে যে ও জীবনের সবচেয়ে বড় কষ্ট আর আফসোসের জায়গা থেকে বের হয়ে আসতে পেরেছে। তারমানে শওকত ভাবতো এ কারণে রুনুর এই দশা, পরে বুঝতে পেরেছে রুনু আসলে অনেক আগে থেকেই নেই।”
“কিন্তু রুনুকে ওর ভাইয়েরা মারলো কেন?” আমি বললাম।
“আসলে ওর ভাইয়েরা নির্দেশ পালন করেছে। মারতে আদেশ দেয়া হয় নাজিয়াকে। নাজিয়ার খাবারে বিষ মিশিয়ে রাখা হয়। রুনু সেটা টের পেয়ে জেদ করে নাজিয়ার খাবার নিজে খেয়ে নেয়। বোনকে খুব ভালবাসতো রুনু-সেটাই স্বাভাবিক। যখন ইলিয়াস হোসেইন এসে দেখে তার অন্য মেয়েকে মারা হয়েছে তখন তার হার্ট অ্যাটাক হয়। খানিক পরে সেও মারা যায়। দুটো লাশ নিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায় বাকিরা। রাত হলে ধরে নিয়ে আসে লোকমান আর তার বাপকে। রাতেই সবার অলক্ষে জানাজা পড়িয়ে কবর দেয়া হয়। জানাজায় বাইরের কেউ থাকে না। ইমাম সাহেব, দুইভাই, করিম মিয়া, লোকমানের বাপ আর লোকমান। দুইভাইকে অভিশাপ দেন সেই রাতে ওদের মা।
করিম মিয়া বললো, তারপর থেকে নাকি দু’ভাই ভীষণ ভীতু হয়ে পড়ে। দরজা-জানালা সিটিয়ে থাকতো। বলতো, বাইরে বের হলেই নাকি একপাল কুকুর ওদের তাড়া করে। কেউ অবশ্য কখনো দেখেনি ওদের তাড়া করতে।”
“কিন্তু রুনুর বাপ-ভাই মিলে নাজিয়াকে মারতে চাইবে কেন? অদ্ভুত কথা হয়ে গেল না!”
“একজন অ্যাথ্রপলজিস্ট হিসেবে সেটা তোর গেজ করতে পারার কথা। ভেবে দেখ ওদের পরিবার কিন্তু পাকিস্তানি। পাকিস্তানের কিয়ানি গোত্রের, যে গোত্রটির রুট আবার আফগানিস্তান এবং ইরানের।”
“অনার কিলিং!!” আমি বিস্মিত হয়ে বললাম।
“সম্মান রক্ষার্থে হত্যা।”
অনার কিলিং বলতে মূলতঃ বোঝায়, পরিবারের সম্মান রক্ষার্থে পরিবারের সদস্যরা সম্মান বিনষ্টকারী কাউকে নিজেরাই মেরে ফেলে। সাধারণত এটার শিকার হয় পরিবারের কন্যা সন্তানরা কিংবা অন্য স্ত্রী সদস্যরা আর কখনো কখনো ছেলেরা। ধরা যাক, কোন মেয়ে যদি পালিয়ে বিয়ে করে, কিংবা অবৈধ কোন সম্পর্ক গড়ে তোলে, এমনকি পরিবারের মনোনীত জায়গায় বিয়ে না করে
তাহলেও তারা অনার কিলিং এর শিকার হতে পারে। আমাদের উপমহাদেশে পাকিস্তানে এই মৃত্যুর হারটা সবচেয়ে বেশি । শুনতে অবাক লাগলেও সত্যি প্রতিবছর পৃথিবী জুড়ে প্রায় পনেরো বিশ হাজার নারী ও কিছু পুরুষ এ ধরনের ঘটনার শিকার হয়ে নিজ পরিবারের লোকেদের হাতে মৃত্যুবরণ করে।
“কিন্তু রুনুর বোন, যে কিনা অপ্রকৃতিস্থ, তাকে কেন?” আমি থই পাই না।
“ব্যাপারটা বেশ ন্যাক্কারজনক, রুমি মুখ বিকৃত করে বলল। “অনার কিলিংয়ের অসভ্য একটা ফর্ম হল কেউ যদি সেক্সুয়াল অ্যাসাল্টের শিকার হয়, তাহলে পরিবারের সম্মান রক্ষার্থে সে ভিকটিমকে মেরে ফেলা হয়। পাকিস্তান ও ইন্ডিয়ায় প্রতিবছর শতশত এ-রকম হত্যাকান্ড হয়। সবচেয়ে ভয়ংকর ব্যাপার এ ধরনের অনার কিলিং সুইসাইড হিসেবে প্রচার করা হয়। করিম আলি যেটা বললেন, সেটা হল- এই বাড়িতে আলতাফ নামের এক লোকের যাতায়াত ছিল । লোকটা ছিল রুনুর মাস্টার, বাড়ি এসে পড়াত। নাজিয়াকে যে ঘরে বন্দি করে রাখা হয় একদিন তাকে সেখান থেকে পাকড়াও করা হয়। ধরা পড়ে স্বীকার করে আগেও কয়েকবার এ ঘরে সে ঢুকেছে। সাথে সাথে তার হাত পা বেধে, মুখে কাপড় ঢুকিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। মেরে লাশটা জঙ্গলে ফেলে দিয়ে আসে, শিয়াল-কুকুরে খেয়ে নেয়। তারপরপরই তাদের ট্রেডিশন অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হয়, নাজিয়াকেও মেরে ফেলা হবে। কিন্তু সেটা মেনে নেয় নি রুনু। যখন বুঝতে পারে তারপরও মেরে ফেলা হচ্ছে তখন নিজেই সে পরিণতি আলিঙ্গন করে নেয়, লজ্জায়, জেদে না অভিমানে কে জানে!”
অনেকক্ষণ নীরবতা।
পত্রিকা অফিসের পাশের এই চায়ের দোকানটা কেমন নীরব। মধ্যবয়সী এক চা অলা সেখানে বসে। অনেকদিন পরে টংয়ে বসে চা খেলাম। কলেজ আর ভার্সিটি থাকাকালীন টং ছাড়া অন্য কোথাকার চা মুখে কুচতো না।
আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম, “তারমানে লোকমান প্রথম যার জন্য কবর খেড়ে সে আমাদের রুনু।” ।
যে রুনুকে আমরা খুঁজছি সে ছিল না প্রথম থেকেই! ব্যাপারটা ভেবে কেমন একটা হাহাকার বেরিয়ে আসে বুকের ভেতর থেকে।
