ভেন্ট্রিলোকুইস্ট – ২

অধ্যায় ২

পরদিন সকালে আমি হাসানের সাথে যোগাযোগ করলাম, পুরো ঘটনা শুনে ও থ মেরে রইল খানিকক্ষণ।

“তারমানে ভণ্ডামী এখনো ছাড়ে নাই?” হাসান হতাশ কণ্ঠে বলল । ‘ভণ্ডামী মানে?”

“ওর আত্মা নিয়ে বাড়াবাড়ি করাটা তো নতুন কোন ফেনোমেনোন না, কলেজ লাইফ থেকেই এই বাতিক আছে।”

“খুলে বল তো!”

“ব্যাপারটা বেশ হাস্যকর, একদিন সন্ধ্যাবেলা আমরা কয়েকজন আড্ডা দিচ্ছিলাম পাড়ার চায়ের দোকানের সামনে। শওকতও ছিল। হঠাৎ আত্মা নিয়ে কথা ওঠে। সাথে সাথে আড্ডার কয়েকজন উড়িয়ে দিল, “আরে ধুর! ওই জিনিসের পাত্তা নাই। থাকলে এতদিনে ল্যাবে ধরে আয়োনাইজড করে টেস্টটিউবে সাজায় রাখতো, তারপর আমরা সেইটার সস্ট টেস্ট করতাম। গোল্ডেন ইয়োলো না ব্রিক রেড!’ বলতে বলতে হাসির হুল্লোড় উঠলো। সবে আমরা কলেজের কেমিস্ট্রি ল্যাবে যাওয়া শুরু করেছি, তাই এই ধরনের রসিকতা জমে উঠলো। কিন্তু শওকত হঠাৎ খুব সিরিয়াস ভঙ্গিতে আমাদের থামিয়ে দিল । বলল, “আত্মা আছে, এবং সেটা ল্যাবরেটরিতে প্রমাণও করা যায়। প্রথমে আমরা রসিকতা ভেবে কয়েকজন হেসে উঠলাম। পরে ওর চোখের দৃষ্টি দেখে আবার থেমে গেলাম। চায়ের দোকানদার জলিল ভাইর কাছে ও একটা সুঁই চাইলো। চায়ের দোকান হলেও মুদি-দোকানের মত ছিল। সে খুঁজে একটা ছোট পুঁই বের করে দিল। শওকত সুঁইটা আমাদের চোখের সামনে নেড়ে বলল, ‘দেখছিস, একটা আত্মা এরকম ঠিক দশটা সুঁইয়ের সমান ওজনের হবে ধর। এটা মাপা সম্ভব। আমরা ততক্ষণে হতবাক হয়ে গেছি, ওর তথ্যে নয়, ওর মানসিক বৈকল্যে। আমাদের একজন রেগেমেগে জিজ্ঞেস ক্ৰলো, এইসব ফালতু কথা কই পেয়েছিস? শওকত তখন উঠে দাঁড়িয়ে, এর মুখের সামনে গিয়ে দাঁত খিচিয়ে বলল, ‘আমি নিজে মেপে দেখেছি। তারপর আর কোন কথা না বলে পিছন ফিরে হনহন করে হেঁটে চলে গেল।এর পর থেকে ওর সাথে আমাদের সম্পর্ক আর স্বাভাবিক হয় নি। বাকিরাও সুযোগ পেলেই ওর আড়ালে রসিকতা করতো এটা নিয়ে। এখনো এলাকার বন্ধুদের কাছে ওর নাম “সুই শওকত”।

বিকালের দিকে রুমি আমার ফ্ল্যাটে আসে। ওকে দেখে বুঝলাম ওই ঘটনায় ও এখনও বিপর্যস্ত। হাতে বেশ কিছু কাগজপত্র । হাসানের সাথে শওকতের ব্যাপারে যে-কথা হয়েছিল সেগুলো বললাম, শুনে ওর কোন ভাবান্তর হল না।

“শওকত একটা পাক্কা বদমাইশ। পুরাই ধাপ্পাবাজি করে আমাদের হেনস্তা করেছে। ওর সাথে আমরা যোগাযোগ রাখি নি, বিপদের সময়ে পাশে থাকি নি তাই গায়ের ঝাল ঝেড়েছে।” রুমি খানিক পরে বলল।

আমি বুঝলাম, যে রুমি নিজেকে যাবতীয় সংস্কারমুক্ত মানুষ ভাবে, এরকম একটা বিষয়ে হেনস্তা হয়ে ওর ভীষণ আঁতে লাগবে সেটাই স্বাভাবিক।

সাথে করে নিয়ে আসা কাগজের ফাইলটা ও আমার দিকে বাড়িয়ে দিল।

আমি কথা না বাড়িয়ে কাগজগুলোয় চোখ বুলালাম, কয়েকটা রেফারেন্স সাইটের প্রিন্ট-আউট ফিচার। ব্ল্যাক ম্যাজিক আর ভেন্ট্রিলোকুইজম সম্পর্কিত।

বলল, “সমস্যাটা সাইকোলজিকাল তা তো জানতামই। আমি রুমে গিয়ে তারপরও এসব নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করলাম। তারপর বুঝলাম শালা মহা ধাপ্পাবাজ । নাথিং বাট আ সিক।”

একটা কাগজ আমার চোখের সামনে নাড়িয়ে বলল, “অনেক ভেন্ট্রিলোকুইস্ট এ ধরনের ভয় দেখায় বা মানুষ তাদের নিয়ে এ ধরনের ভয় পায়। আসলে ডামি ব্যাপারটাতেই মানুষের সহজাত একটা ভয় আছে, এটা কেউ কেউ কাজে লাগায়। এই ধরনের ভয় পাওয়ার টার্মও আছে-অটোম্যাশোনোফোবিয়া। আর গত রাতে যেটা ঘটলো তার ব্যাপারটা হল- মডার্ন ডামিগুলোর এখন কিছু স্বয়ংক্রিয় মুভমেন্ট দেয়া যায়, চোয়ালের নাড়াচাড়া, চোখ ঘোরানো এসব আরকি, ইলেকট্রিক ডিভাইস বসানো থাকে অনেকগুলাতে। ও যখন পুতুলের পাশে হেলে পড়ে যায়, তখনই ও সেটাকে অ্যাকটিভ করে দেয় কোনভাবে বাটনে প্রেস করে। আর গলাটাতো বুঝতেই পারছিস, ও শুয়ে থেকে নিজেই দিয়েছে।”

শুনে আমার কাছেও ধাপ্পাবাজির বিষয়টা পরিষ্কার হয়ে যায়, ব্ল্যাক ম্যাজিক ফ্যাজিক আজীবন পাত্তা দেই নি, আর এই বয়সে এসে সেটাতে বিশ্বাস করাটাও অস্বস্তিকর। যে শওকত শয়ে শয়ে মানুষের সামনে এত দারুণভাবে ডামির গলা দিতে পারে, অন্ধকার ছোট ঘরে আমাদের বিহ্বল দুইজনকে বোকা বানানো ওর কাছে কোন ব্যাপারই ছিল না।

রুমি বলল, “আমরাও ভয় পেয়েছি, কারণ ভয়টা আমাদের ইন্সটিঙ্কটে ছিলো, মানুষের সহজাত প্রবৃত্তি তার মত প্রতিকৃতি দেখে ভয় পাওয়া। অটোম্যাশোনোফোবিয়ার মূল কারণ এটাই।”

“তার মানে আয়নায় আমাদের দেখে আমাদের ভয় পাওয়া উচিত?” আমি হেসে উঠলাম।

“নিশ্চয়ই, আয়নায় আমরা যেটা দেখছি সেটার ব্যাখ্যা আছে তোর মনে-তাই ভয় পাচ্ছিস না, ধর রাস্তায় হাঁটছিস, হঠাৎ তোর কোন পরিচিত মৃত ব্যক্তিকে তুই দেখলি তোর পাশে হাঁটছে, তুই ভয় পাবি?”

“পাওয়া তো উচিত!” আমি মাথা চুলকে বললাম।

“কিন্তু তারচেয়ে বেশি ভয় পাবি কখন জানিস? যখন দেখবি তোর পাশে আরেকজন তুই হাঁটছিস!”

ব্যাপারটা চিন্তা করে আমি আসলেই একটু ভড়কে গেলাম।

রুমি বলল, “কারণ সেটাতে স্পিরিচুয়াল ভয়ের পাশাপাশি অস্তিত্ব নিয়ে সংকটের মত ভয়ও কাজ করে। এই ভয়টাই সমস্ত মূর্তিপূজক ধর্মাবলম্বীদের বেস।”

আমার মুখ দেখেই রুমি বুঝলো আমি কিছু বুঝি নি। “আচ্ছা, বুঝিয়ে বলছি, পূজোর অনুষ্ঠানগুলো দেখেছিস তো?”

“হুম।”

“বাইরের চ্যানেলগুলোতে মাঝেমধ্যে আফ্রিকার কিছু মূর্তিপূজক জাতির রিচুয়াল দেখায়, দেখেছিস?”

“তেমন না, তবে কয়েকবার হয়তো দেখেছি।”

“ইনকাদের মূর্তি?”

“হ্যাঁ, একটা ডকুমেন্টারিতে।”

“এবার মনে করার চেষ্টা কর, যে জায়গার বা জাতির দেব-দেবীদের মূর্তি তুই দেখেছিস, মূর্তিগুলোর অ্যাপিয়ারেন্স ঠিক সেই জায়গার মানুষের মত। অর্থাৎ যারা মূর্তি বানাচ্ছে মূলত তারা তাদের প্রতিকৃতি বানাচ্ছে। আফ্রিকার মূর্তিগুলোর ঠোঁট মোটা, ভারতীয় দেবীরা ভারতীয় রমণীদের মত, ইনকামূর্তি রেড-ইন্ডিয়ান টাইপ চেহারার। আসলে সবাই নিজেদের প্রতিকৃতি বানাচ্ছে, তাই সেই প্রতিকৃতিতে থাকে তাদের সীমাহীন ভয়, কিংবা ভয়ের উল্টোপিঠেই যেটা থাকে শ্রদ্ধা। ডামি দেখে ভয় পাওয়াটা তাই অস্বাভাবিক না, এই সহজাত ভুয়া হাজার বছর ধরে আমাদের জিনে রয়ে গেছে। তাই দেখবি যত হরর মুভি তৈরি হয় কিংবা হরর গল্প লেখা হয় তার উল্লেখযোগ্য একটা সংখ্যা থাকে পুতুল বা ডামি নিয়ে।”

বুঝলাম রুমি এসব নিয়ে ভালই ঘাঁটাঘাঁটি করছে অবশ্য একটা দৈনিকের ফিচার এডিটর হওয়ায় পেশার প্রয়োজনে ওর নানা বিষয়ে খোঁজ রাখতে হয়। তার উপর সেই কলেজ লাইফ থেকে ওকে জেনে আসছি একটু অন্যরকম বলে, যেকোন বিষয় নিয়ে লাগলে একেবারে শেষ দেখে ছাড়ে।।

কাগজগুলোয় আমার চোখ বুলানো শেষে রুমি বলল, “আজকে ওর একটা শো আছে ঢাকায়। ব্যাটাকে আজকে ধরবো।”

আমি বললাম, “বাদ দে, এত পাত্তা দিয়ে লাভ কি?”

“উহু, এমন বোকা বনে থাকতে চাই না, ব্যাটাকে ধাপ্পাবাজিটা কবুল করিয়ে তারপর ক্ষ্যান্ত দেব।”

নিজের আত্মসম্মানেও বুঝলাম ভালোই লেগেছে, কারণ খানিক পরেই আমিও রুমির সাথে রওনা দিলাম শো ধরতে।

আজকে দেখলাম, ওর শো এর জন্য আলাদা হল। প্রগ্রেস লাইনটা দারুণভাবে রাইজিং তারমানে। মাঝামাঝি সিট নিয়ে বসে পড়লাম। শো টা শেষ হোক, আজকে একহাত হয়ে যাবে।

শওকত ঢুকতেই কিছুটা চমকালাম। আজকে ওর পুতুল দুইটা! একটা ছেলে আর একটা বড় চুলের মেয়ে পুতুল। তারমানে ওই পুতুলটাও নিয়ে এসেছে, যেটার কথা বলছিল। তাই মেয়ে ডামিটা দেখেই কেমন অস্বস্তি লাগা শুরু করলো। রুমিও মনে হল অস্বস্তি কাটানোর জন্যই পাশ থেকে বলল,

“ও আরো অ্যাডভান্সড ভেন্ট্রিলোকুইস্ট হবার ধান্ধায় আছে। দুই ডামির ভেন্ট্রিলোকুইস্ট আছে তবে হাতে গোনা।”

শওকতের প্রফেশনালিজম যে আরো উন্নত হয়েছে তা বুঝলাম, কারণ খানিক পরেই পুতুলের কথোপকথনে ডুবে গেলাম। দুটো গলা দিচ্ছে দারুণ আর তাতে সেন্স অব হিউমার প্রবল।

দেখতে দেখতে ছেলেবেলার একটা ঘটনা মনে পড়ে গেল। পুরান ঢাকার এক বাসায় থাকি তখন। ছোট চাচা এসেছে আমেরিকা থেকে, সাথে আমাদের সব ভাই-বোনদের জন্য একটা করে গিফট। আমার জন্য একটা পিস্তল, ট্রিগার টেনে ধরলেই নানা ধরনের আওয়াজ হত আর ওর গায়ে লাগানো লাল-নীল লাইটগুলো জ্বলতো নিভতো। আনন্দে আমার চোখে পানি এসে গেল। ইশ কী সুন্দর!

আমার ছোট বোন বিনু পেল একটা ডল, সোনালি চুলের, বড় গাঢ় নীল চোখ । আমাকে দেখিয়ে বলল, “দাদা, দেখো কী সুন্দর ডল আমার।”

শুনে আমি খেপে উঠতাম, “বোকা কোথাকার, ডল নিয়ে খেলার কি আছে? আমার পিস্তলটা দেখেছিস!”

আমার পিস্তলে ওর কোন আগ্রহ ছিল না, এত অবাক হতাম! সারাদিন ও ওর ডল নিয়ে পড়ে থাকতো, খাওয়াতো, ঘুম পাড়াতো। পিস্তলটার জন্য তখন পাড়ার সব ছেলেরা আমাকে হিংসে করতো। আমাকে শুনিয়ে বলতো- এর চেয়ে ভাল পিস্তল ওদের আছে, অথচ ওটা ছুঁতে পেলে একেবারে চোখ চকচক করতো। আর ন্যাওটা গোছের ছেলেগুলো একেবারে গায়ে পড়ে খাতির করতো।

একবার ধরার জন্য।

অথচ বিনুর কোন আগ্রহই ছিল না, তখনও স্কুলে ভর্তি হয় নি, সামনের বার হবে। তাই সারাদিন বসে থাকতো পুতুলটা নিয়ে। পিস্তলটার দিকে ফিরেও চাইতো না, তাতে ভিতরে ভিতরে আমি খেপে উঠতাম একদমই সহ্য হচ্ছিল না আমার পিস্তলের চেয়ে ওর ডল ওর কাছে বেশি ভাল লাগায়। একদিন তাই ভয়ংকর এক সিদ্ধান্ত নিলাম, সরিয়ে দিতে হবে আমার প্রতিদ্বন্দ্বীকে!

এক রাত্রে পুতুলটা সরিয়ে নিলাম ও ঘুমিয়ে পড়ার পর, তারপর পেন্সিল কাটার ছুরি দিয়ে গলাটা পেঁচিয়ে পেঁচিয়ে কাটলাম, অনেকক্ষণ লাগলো মাথাটা ধড় থেকে আলাদা করতে। জানালা দিয়ে ছুড়ে দিলাম মাথাটা নিচের ময়লা ফেলার জায়গায়। তারপর মাথাহীন পুতুলটা আবার জায়গামত রেখে এলাম তৃপ্তি নিয়ে…

ভাবনাটায় ছেদ পড়লো হঠাৎ, কেন যেন অস্বস্তি লাগা শুরু করলো। কেন যে বুঝতে পারছিলাম না। মনে হল সবই তো ঠিক আছে, তবু কোথায় যেন একটু অস্বাভাবিকতা। তারপর হঠাৎ করেই ধরতে পারলাম। মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোতের মত বয়ে গেল। রুমির দিকে তাকিয়ে দেখি ও ভ্রু কুঁচকে স্টেজের দিকে তাকিয়ে আছে।

“একটা ব্যাপার খেয়াল করেছিস?”

“শ…শ” রুমি মুখে আঙুল দিয়ে আমাকে থামিয়ে দিল।

বুঝলাম ও আগেই খেয়াল করেছে। আমি তবুও বললাম, “দেখেছিস, ছেলে পুতুল আর শওকতের গলাটা কখনো ওভারল্যাপ না করলেও মেয়ে পুতুলটার গলার সাথে প্রায়ই ওদের স্বরের ওভারল্যাপ হচ্ছে।”

রুমি আগের শো’য়ের দিন আমাকে বলেছিল, সাধারণ কথাবার্তা আর ভেন্ট্রিলোকুইজমের পার্থক্য হল সাধারণ কথাবার্তায় মাঝেমধ্যেই একজনের কথা শেষ না হতেই আর একজন কথা বলে ওঠে, তাই প্রায়ই কথার ওভারল্যাপ হয়। কিন্তু ভেন্ট্রিলোকুইস্ট একাই দু’জনের গলা দেয়ায় কখনো ওভারল্যাপ হয় না।

রুমি কোন জবাব দিল না। ওর চোখে মুখে দারুণ হতাশার চিহ্ন। হঠাৎ মনে হল, মেয়ে পুতুলটা ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকাল। সে দৃষ্টি এত জীবন্ত যে আমি শিউরে উঠলাম।

মুখটা হাঁ করা, বড় করে। যেন অট্টহাসি হাসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *