অধ্যায় ১
হাসানের কাছ থেকে প্রথম ব্যাপারটা শুনে ঠিক বিশ্বাস হচ্ছিল না।
“শওকত পাপেট শো করে?”
“ঠিক পাপেট শো না…” হাসান বিভ্রান্তের মত জবাব দেয়, “ওটাকে কি বলে? ওর হাতে একটা পুতুল থাকে, সেটা কথা বলে ওর সাথে।”
“ভেন্ট্রিলোকুইজম!” রুমি বিস্ময় ধ্বনি করে।
“দারুণ ব্যাপার তো! আমাদের মধ্যে কেউ একজন ভেন্ট্রিলোকুইস্ট, একদমই অবিশ্বাস্য!”
হাসানের হতভম্ব মুখ দেখে বোঝা গেল শব্দটার সাথে ও পরিচিত নয়। রুমি ওর কাছে ব্যাপারটা ব্যাখ্যা করলো,
“ভেন্ট্রিলোকুইজম বেশ মজার একটা বিষয়। সহজ কথায় এটা হল শব্দকে ছুড়ে দেয়া, এমনভাবে যাতে মনে হয় যিনি বলছেন তার মুখ থেকে নয়, আশপাশের কোথাও থেকে আসছে শব্দটা, যেমন ধর হাতে ধরা পুতুলের মুখ থেকে হতে পারে।”
“আচ্ছা, আমি তো ভেবেছিলাম পাপেটের গলাটা বোধহয় পর্দার পেছন থেকে কেউ দিচ্ছে,” হাসান মনে করার চেষ্টা করে। “সপ্তাহখানেক আগে ওর একটা শো ছিল, ইচ্ছা ছিল শো শেষে ওর সাথে দেখা করবো। ধরতেই পারলাম না, চট করে কই যেন চলে গেল শো শেষ হওয়া মাত্রই। ব্যাটা মনে হয় ভাল বিজি এসব নিয়ে।”
পুরনো বন্ধুরা অনেকদিন পর একসাথে একই ছাদের নিচে, হঠাৎ করে যেন ফিরে গেছি বছর দশেক আগের সেই কলেজের দিনগুলোতে, ক্যাফেটেরিয়ার আড্ডামুখর সময়ে। জহিরের বিয়ে উপলক্ষে আসা, নইলে এতদিন পর সবার সাথে দেখা হওয়াটা অকল্পনীয়।
ভেন্ট্রিলোকুইজম আমাদের দেশে এখনো অতটা পরিচিত হয়ে ওঠেনি, হাতে গোনা দু’একজন ভেন্ট্রিলোকুইস্ট আছে, তাও নন-প্রফেশনাল, শখের বশে বা মানুষকে চমকে দেয়ার জন্য প্র্যাকটিস করে। ভাই শওকতের মত সাদামাটা একটা ছেলে-ভেন্ট্রিলোকুইস্ট হয়ে রীতিমত শোকরে বেড়াচ্ছে সেটা আশ্চর্যের কথা তো বটেই, তবে আমাদের বিস্ময়টা ছিল অন্য জায়গায়।
শওকত ইন্টারমিডিয়েট পরীক্ষার মাস-ছয়েক আগে ভীষণ টাইফয়েডে পড়ে, অনেকদিন ভোগায় ওকে জ্বরটা। সারবার আগে ওর একটা স্থায়ী ক্ষতি করে দিয়ে যায় এটা। এরপর থেকে ওর যে কাজটি করতে সবচেয়ে কষ্ট হত তা হল কথা বলা । ও বাকশক্তি হারিয়ে ফেলে প্রায়।
“তুই ওর হদিস পেলি কই হঠাৎ?” জিজ্ঞেস করলাম হাসানকে।
“গ্রামের বাড়ির এক ছেলের সাথে দেখা সেদিন, ছেলেটাই খোঁজ দিল । তোরা হয়তো ভুলে গেছিস, শওকতের আর আমার হোম ডিস্ট্রিক্ট একই।”
ব্যাপারটা আসলেই আমরা ভুলে গেছিলাম। “আজকেও শো আছে নাকি?”
হাসান ঘড়ির দিকে তাকাল, “সন্ধ্যা সাতটা এখন, তারমানে ঠিক দুঘন্টা পরে লাস্ট শো, জায়গাটা উত্তরার কাছে যেতে চাইলে খুব দেরি করা যাবে না।”
বিয়ের অনুষ্ঠানও প্রায় শেষের দিকে, তাই আমরা দ্রুত সিদ্ধান্ত নিলাম। শওকতের শো দেখার লোভই জয়ী হল, জহিরের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম তিনজন। হাসান ওর গাড়ি করে আমাদের পৌঁছে দেবে শুধু, ওর আবার রাতেই চিটাগাং ফিরতে হবে।
যেতে যেতে শওকতকে নিয়েই আলোচনা হচ্ছিল।
হাসান বললো, “ওর বাবা মারা যাওয়ার পর ওদের অবস্থাটা চট করে পড়ে যায়, সংসারে অবশ্য তেমন কেউ ছিল না, বোন দুটোর আগেই বিয়ে হয়ে গেছিলো, ওর মা আর এক ছোট ভাই ছিল। বাকশক্তিহীন হয়ে যাওয়ায় টিউশন টাইপ কিছু যে করবে তারও উপায় ছিল না, পরে বেশ কিছুদিন এক পরিচিত লোকের ফার্মেসিতে বসতো, পড়াশোনার পাট ততদিনে চুকে গেছে। পরে শুনলাম প্র্যাকটিস করে করে কথা বলার সমস্যাটাও দূর করে ফেলেছে।”
“ওর সাথে আমার তেমন মাখামাখি ছিল না,” রুমি বললো, “তবে যতদূর দেখেছি মনে হয়েছিল বেশ আত্মপ্রত্যয়ী, আমার এখন যেটা মনে হয় নিজের অক্ষমতাকে একহাত দেখে নেয়ার জন্যই এমন এক পেশা বেছে নিল যেখানে কণ্ঠস্বরের মুন্সিয়ানাটা থাকতে হয় সবচেয়ে বেশি।”
ওদের কথা শুনতে শুনতে কিছুদিন আগে টিভিতে দেখা এক ভেন্ট্রিলোকুইস্টের শো এর কথা মনে পড়লো। এক কমেডিয়ানের হাতের পুতুল কথা বলছে সেজন্য নয়, সে কথোপকথন যথেষ্ট উপভোগ্য ছিল বলেই দেখছিলাম। তবে আমার সন্দেহ হচ্ছিল কোন বুজরুকি আছে কিনা, কারণ পুতুলটা কথা বলার সময় লোকটার চোয়াল একদমই নড়ছিল না। “ঠোঁট না নাড়িয়ে কথা বলা কি আদৌ সম্ভব?” আমি স্বগোতক্তি করলাম।
“ব্যাপারটা আসলে তা নয়,” রুমি ব্যাখ্যা করা শুরু করলো, “আসলে যে সব শব্দ ঠোঁট দিয়ে উচ্চারণ করা লাগে, ভেন্ট্রিলোকুইস্ট সেগুলো এড়িয়ে যায়। যেমন ধর, প ফ ব ভ ম এই সব বর্ণগুলোর জন্য ঠোঁট নাড়াতে হয়, ইংরেজিতে ল্যাবিয়াল সাউন্ড পি এফ বি ভি এম এগুলো তারা অন্য কিছু দ্বারা রিপ্লেস করে বলে। যেমন ধর, ‘তুই একটা বোকা’-এটাকে কোন ভেন্ট্রিলোকুইস্ট বলবে-‘তুই একটা গোকা’। আর কণ্ঠস্বরের রেজোন্যান্স বেশি থাকে বলে এসব ছোটখাট ব্যাপার ধরাই পড়ে না। মূলত হরবোলাদের মত নানা স্বরে কথা বলাই আসল ক্রেডিট, মুখ না নাড়ানোটা প্র্যাকটিস করলে হয়তো সবাই পারবে।”
শো শুরু হবার মিনিট পাঁচেক আগে আমরা পৌঁছলাম। টিকেট কেটে ঢুকতে বেগ পেতে হল না, হাউসফুল হওয়ার মত জনপ্রিয় হয়ে ওঠে নি হয়তো এখনো। হাসানকে বিদায় দিয়ে আমি আর রুমি সিট নিয়ে বসে পড়লাম। মূলত ম্যাজিক শো ছিল, বেশ ক’জন বিদেশি ম্যাজিশিয়ানও পারফর্ম করছিলো দেশি ম্যাজিশিয়ানদের পাশাপাশি। বেশ আনন্দই পাচ্ছিলাম, অনেকদিন পর এই ধরনের কোন শো দেখছি কিনা, নিজের অজান্তেই হাততালি দিতে দিতে হাত ব্যথা করে ফেললাম।
হঠাৎ করেই মঞ্চে শওকত ঢুকলো। অনেকদিন পর দেখলেও চিনতে মোটেও সমস্যা হল না। আগের চেয়ে অনেক রোগা হয়েছে, চোখের নিচে বয়সের ছাপ। হাতে একটা কাঠের পুতুল, এক বাচ্চা ছেলের মত মুখের আদল, কোট-টাই পরা। নিচের চোয়ালটা যে নাড়াচাড়া করা যায় তা ভাল করে দেখলেই বোঝা যায়। চেয়ার পেতে বসতেই কথোপকথন শুরু হয়ে গেল। শওকত পুতুলটার উদ্দেশ্যে বলল,
“গিলু, সবাইকে শুভেচ্ছা জানাও!”
একটা মিহি চিকন স্বর বেরিয়ে এল পুতুলের গলা থেকে,
“কেন? শুভেচ্ছা জানাবো কেন?”
“এটাই নিয়ম, লোকদের সাথে দেখা হলে প্রথমে তাই করতে হয়।”
“ওটাতো তোমাদের মানুষের নিয়ম, আমি কি মানুষ?”
“তোমাকেও মানুষ হতে হবে, সবাই তো মানুষ হতে চায়, জানো না? কাঠের পুতুল পিনোকিও ও তো মানুষ হতে চেয়েছিল-মনে নেই?”
“পিনোকিওকে আমি ঘৃণা করি, খালি মিথ্যা বলে নাক লক্ষ করা ছাড়া ও আর কীই বা পারে!”
“তুমি মিথ্যা বল না?
“বয়েই গেছে, আর আমি মানুষ হতে চাই না বরঞ্চ চাই তুমিও আমার মত পুতুল হয়ে যাও।”
এইভাবে বাক-বিতণ্ডা চলতে থাকে, হাত তালি আর হাসির হুল্লোড়ে কখনো কথোপকথন ঢাকা পড়ে যায়। পাশ থেকে রুমি আমাকে স্মরণ করিয়ে দেয়,
“লক্ষ করে দেখিস, অন্যান্য কথোপকথন থেকে এটা একটু আলাদা। দুজন মানুষ কথা বললে প্রায়ই যেটা হয়, একজনের কথার সাথে আরেকজনের কথা ওভারল্যাপ হয়। কিন্তু ভেন্ট্রিলোকুইস্ট একাই দু’জনের কথা চালিয়ে যায় বলে দুটো স্বরে যথেষ্ট গ্যাপ থাকে। পেশাদারিত্বের সাথে সাথে অবশ্য এই গ্যাপটা কমে আসে।”
ব্যাপারটা বলে রুমি শো এর আনন্দ কিছুটা নষ্ট করে দিল। আমি পুতুল আর শওকতের কণ্ঠস্বরের গ্যাপ এর দিকে খেয়াল করা শুরু করলাম কথা না শুনে। এবং বুঝলাম দুটো গলার মাঝে যথেষ্ট গ্যাপ আছে, তারমানে হয়তো শওকত এখনো অতটা উঁচুদরের ভেন্ট্রিলোকুইস্ট হতে পারে নি।
মোটামুটি একটা উপভোগ্য শো শেষ করে শওকত মঞ্চ ছাড়লো। আমরাও সাথে সাথে ওকে ধরতে বেরিয়ে গেলাম। স্টেজের পেছনে ঢুকতে গিয়ে ব্যর্থ হলাম, সেখানে ফাজিল টাইপ এক দারোয়ান দাঁড়ানো। আমরা শওকতের বন্ধু বলেও সুবিধা করা গেল না। বলল,
“আপনারা যত বড় তাবেদারই হন লাভ নাই, বাইরের মাইনষের এইখানে ঢোকা নিষেধ, যান গা!”
কথা শুনে রুমির মাথায় রক্ত চড়ে গেল। ও আগে থেকেই যথেষ্ট শর্টটেম্পারড, দারোয়ানের সাথে প্রায় মারামারি বাধিয়ে বসলো। চেঁচামেচিতে অবশ্য কাজ হল, ভেতর থেকে ভদ্রস্থ এক লোক এসে ক্ষমা চাইল। সে জানালো শো শেষ হওয়া মাত্রই শওকত তার রুমে চলে গেছে। শওকত যে হোটেলে উঠেছে তিনি তার ঠিকানা দিলেন।
হোটেলটা বেশি দূরে ছিল না। রিসেপশনিস্ট বলল, “উনি কারো সাথে দেখা করবেন না বলে রেখেছেন।”
“দেখুন, আমরা পুরনো বন্ধু, আপনি রুমে একটা ফোন দিন, আমরা কথা বললেই বুঝবে।”
ফোনে কাজ হল।
আমি ভিতরে ভিতরে অসহিষ্ণু হয়ে উঠছিলাম। এখনই সেলিব্রেটিদের মত ভংচং শুরু করলো শওকত।
শওকতের রুমে ঢুকে চমকাতে হল। আজকের দিনটা যথেষ্ট ঠান্ডা এমনিতেই, এই ঠান্ডার মধ্যেও ও ফুল এসি ছেড়ে রেখেছে। হঠাৎ করে মনে হল যেন উত্তরমেরুতে গিয়ে পড়লাম। ঘরে একটা মাত্র শেড ল্যাম্প জ্বালানো। শওকতের মুখভঙ্গি তাই ভাল বোঝা গেল না-এতদিন পর আমাদের দেখে ও উচ্ছ্বসিত না কিছুটা বিরক্ত।
কুশল বিনিময়ের পর শওকত জিজ্ঞেস করলো, “তা শো কেমন দেখলি?”
“অসাধারণ, তুই এমন একটা শো করছিস, ব্যাপারটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল।”
“কেন?”
আমি বললাম, “না মানে, তোর স্পিচে একটা সময় সমস্যা ছিল- সেটা সেরে উঠবার পর তো আর কথা হয় নি তোর সাথে!”
খানিকটা বিরতি নিয়ে ও বলল, “তা হঠাৎ তোরা এখানে, খোঁজ পেলি কই?”
জহিরের বিয়ের কথা বলতেই মনে হল ওর চোখমুখ শক্ত হয়ে গেছে।
“তোরা জানিস কলেজে থাকতে জহিরের সবচেয়ে কাছের বন্ধু কে ছিল?”
ও কী বলবে ব্যাপারটা অনুমান করে ফেললাম, জহিরের সাথে একসময় ওর খুব মাখামাখি ছিল । ওর সমস্যাটা হবার পর একটা সময় সব বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে যোগাযোগের ইচ্ছেটা ওর তরফ থেকেই ছিল না বলে আমাদের মনে হয়েছিল।
“কাল কোথায় শো করছিস?” পরিবেশ হালকা করার জন্য আমি বলি।
“সকালের ফ্লাইটে ইন্ডিয়া যাচ্ছি, ওখানে আগামী একসপ্তাহ শো আছে।”
রুমি বলল, “তা তোর হঠাৎ এ ইচ্ছা জাগলো কেন, ভেন্ট্রিলোকুইস্টহবার?”
“বোবা হওয়ার পরপরই।” থমথমে গলায় ও জবাব দিল।
ওর জবাবে আমরাও বিস্ময়ে হতবাক হয়ে গেলাম, বাকশক্তিহীন হবার পর ভেন্ট্রিলোকুইস্ট হবার চিন্তা খোঁড়া হবার পর দৌড়ে চ্যাম্পিয়ন হবার মতই নয় কি?
আমাদের অবাক হয়ে যাওয়াটা মনে হয় শওকত উপভোগ করলো, ওর মুখে এক ধরনের রহস্যময় হাসি ফুটে উঠলে মনে হল।
“ভেন্ট্রিলোকুইজম নিয়ে তোরা কদ্দুর জানিস?”
“আমরা খুব বেশি কিছু জানি না হয়তো…” রুমি বলল। তারপর ও আমাকে যা বলেছিল তাই রিপিট করলো।
হঠাৎ হাই তোলার ভঙ্গি করে শওকত ওকে থামিয়ে দেয়।
“মধ্যযুগের উইচ হান্টের নাম শুনেছিস, যখন ম্যাজিশিয়ানদের ধরে ধরে পুড়িয়ে মারা হত?”
“শুনেছি,” রুমি বলল, “হাজার হাজার ম্যাজিশিয়ানদের ধরে ধরে মারা হয়েছে।”
“সংখ্যাটা আসলে লাখে গিয়ে ঠেকেছিল, আবহাওয়া খারাপ হলেও দোষ হত জাদুকরদের। তাদের শাস্তি দেয়ার জন্য রীতিমত রাষ্ট্রীয় আইনও ছিল।”
“আইন?”
“এটা পরিচিত উইচক্র্যাফট অ্যাক্ট নামে, সে উইচহান্টে শুধু ম্যাজিশিয়ানদেরই নয়, ভেন্ট্রিলোকুইস্টদেরও ধরা হত, যদিও আপাত দৃষ্টিতে ভেন্ট্রিলোকুইস্ট মোটেও ম্যাজিশিয়ান নয়। কিন্তু যারা আসল ব্যাপারটা জানতো তারা বুঝতে পেরেছিল, ভেন্ট্রিলোকুইজমও ব্ল্যাক ম্যাজিকের মতই নিষিদ্ধ কিছু।”
“কিন্তু…” রুমি বলে ওঠে। শওকত সাথে সাথে হাত তুলে ওকে থামিয়ে দেয়।
“হ্যাঁ, অনেকের ধারণা এটা সাধারণ কিছু, প্র্যাকটিসের সাথে সম্পর্কিত, তাই যে কেউ ভেন্ট্রিলোকুইস্ট হতে পারে, এমনকি যে কেউ হচ্ছেও। কিন্তু সবাই প্রকৃত অর্থে ভেন্ট্রিলোকুইস্ট নয়। আসল ব্যাপারটা অনেক বড় কিছু। এর মধ্যে স্পিরিচুয়াল ইন্সপিরেশন আছে। আধ্যাত্মিক প্রেরণা। মূলত এটা একটা রিলিজিয়াস প্র্যাকটিস। ধর্মসংক্রান্ত আচার।”
কথা শুনে আমার মাথা ঘুরছিল, শওকতের কণ্ঠস্বরে এমন একটা গাম্ভীর্য যে অবিশ্বাসও করতে পারছিলাম না।
রুমি বলল, “আমিও এ ধরনের কথা যে শুনি নি তা না, ভেন্ট্রিলোকুইজম শব্দের মানে তো উদর থেকে কথা বলা, ধারণা করা হত মৃত আত্মা তাদের উদরে স্থান নিত এবং কথা বলতো।”
“এক্সাক্টলি” শওকত দাঁড়িয়ে যায়, “ল্যাটিন ভেন্টার আর লোকুই থেকে এসেছে শব্দটা । ভেন্টার হল উদর আর লোকুই মানে কথা বলা।”
“কিন্তু ব্যাপারটা তো ভেন্ট্রিলোকুইস্টদের ভণ্ডামি ছিল পুরোটাই, তাই না?”
“মোটেও না,” শওকতের দৃষ্টি কেমন অস্বাভাবিক হয়ে ওঠে, “তারা ছিল বিশেষ ক্ষমতাবান, সত্যি সত্যিই মৃতের আত্মা তাদের দেহে স্থান নিত। তাদের কথা তোদের ওই ইতিহাসের পাতায় নয়, একেবারে ধর্মগ্রন্থে আছে!”
“ধর্মগ্রন্থে?”
“হ্যাঁ, সেপটুয়াজিন্ট বাইবেলের নাম শুনেছিস, হিব্রু বাইবেলের সবচেয়ে প্রাচীন গ্রিক অনুবাদ। সেখানে ভেন্ট্রিলোকুইস্টদের কথা বলা আছে, গ্রিকরা একে বলতো গ্যাস্ট্রোম্যানসি অর্থাৎ উদর থেকে ভবিষ্যদ্বাণী করা।”
আমরা চুপ হয়ে গেলাম, বিস্ময়ের পাশাপাশি শওকতের তেজদীপ্ত কণ্ঠস্বরে যেন বশ হয়ে আছি।
“আমি বাকশক্তিহীন হয়ে যাওয়ার পর সবচেয়ে বড় আঘাতটা কি ছিল আনিস?” হঠাৎ প্রসঙ্গ পাল্টে শওকত আমাদের জিজ্ঞেস করলো।
“রুনু আমাকে ছেড়ে চলে যায়।”
কী বলবো বুঝে উঠতে পারছিলাম না। রুনুর সাথে শওকতের ভাব ছিল জানতাম, হয়তো সেটা প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বাকশক্তিহীন হওয়ার পর রুনু ওকে ছেড়ে চলে যায় এ ধরনের কোন ঘটনা জানা ছিল না।
“তোরা রুনুর খবর জানিস?”
আমাদের কারো জানা ছিল না।
“জানতাম, জানবি না,” ওর মুখে সামান্য হাসির মত। “আমি এত কাঁচা কাজ করি না!”
“মানে?” রুমি চেয়ার থেকে উঠে দাঁড়ায়, “তুই ওর কিছু করেছিস?”
“তেমন কিছু না…” শওকত মুখের মৃদু হাসিটা ধরে রেখে ধীরে ধীরে বলল,
“আমার আলমারিতে আর একটা পাপেট আছে। একটা মেয়ে পাপেট। এখনও ভাল করে কথা বলতে পারে না, তবে হ্যা, দিন দিন শিখছে।”
পুরো ব্যাপারটা আসলে কী বুঝে উঠতে পারলাম না, তবে শীতল ঘরে আধো আলো-অন্ধকারে ওর হিসহিসে গলায় বলা কথাটা শুনে আমি শিউরে উঠলাম, খুব অশুভ কিছু ঘটছে বলে মনে হল।
রুমির কি হল কে জানে, হঠাৎ ক্ষেপে ওঠলো মনে হল, চেঁচিয়ে বলল, “তুই রুনুকে খুন করেছিস?”
শওকত দৃঢ় স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, “মোটেও না, আমি খুনি নই। শুধুমাত্র একজন মূলধারার ভেন্ট্রিলোকুইস্ট।”
“তবে…” শওকত যোগ করে, “ওভাবে বেঁচে থাকার কোন মানে হয় না। এটা ওর প্রাপ্য ছিল। একটা পারফেক্ট পানিশমেন্ট, পানিশমেন্ট অব গোল্ডেন রুলস, ব্যালান্সড প্রতিশোধ!”
“ব্যালান্সড প্রতিশোধ?”
“নিশ্চয়ই। সত্যিকার অর্থেই । ও একটা প্রাইভেট মেন্টাল ক্লিনিকে আছে, ওভাবেই বেঁচে থাকবে অপ্রকৃতিস্থ হয়ে যতদিন বাঁচবে। ওর আত্মাটা ওর দেহে নেই আর!”
মাথামুন্ডু কিছুই বুঝলাম না। তারপরও মুখ দিয়ে প্রশ্নটা বেরিয়ে গেল, “আত্মা ছাড়া মানুষ বেঁচে থাকে?”
“আমি তো আত্মা গ্রহণের ঈশ্বরপ্রেরিত দূত নই। যে উপায়ে আমরা সেটা করি, তাতে আত্মার উল্লেখযোগ্য একটা অংশ দেহে থেকে যায়। আর বাকিটা…”
আর বাকিটা নিয়ে কী করা হয় শওকত শেষ করে না। শওকত ঠিক পাগল না আমাদের বোকা বানাচ্ছে বুঝতে পারছিলাম না।
“তারমানে আজকে যে ডামি নিয়ে তুই শো করলি, এটাও কোন মানুষের আত্মা বহনকারী?”
প্রশ্নটার জবাব না দিয়ে ও উল্টো আমাদের প্রশ্ন করে, “বোবা হওয়ার পরপরই আমি ভেন্ট্রিলোকুইস্ট হতে চেয়েছিলাম কেন জানিস?”
আমরা নিশ্চুপ হয়ে রইলাম, কী বলতে চায় বুঝতে পারলাম না।
“কারণ হল- ডাক্তার আমাকে বলে দিয়েছিল আমি আর কোনদিন স্বাভাবিক হতে পারবো না। শুনে সেইদিনই এক বোতল র্যাট পয়জন কিনে বাড়ি ফিরেছিলাম, কিন্তু সাহসে কুলায় নি ব’লে কিছু করতে পারি নি। পরে একদিন এক সাধকের খোঁজ পাই, ল্যে পিপলরা বলে প্রেতসাধক, মূলত ব্ল্যাক ম্যাজিশিয়ান। যে-সে মানুষ তার কাছে যাওয়ার সাহস পেত না, গেলেও কষ্কে পেত না। আমাকে কেন যেন ফিরিয়ে দিল না, আমার চোখের ক্ষোভ বোঝার ক্ষমতা তার ছিল। আমাকে দেখে বলল, “তুই বোবা, কিন্তু তোর আত্মাটা বোবা, সেটা দিয়ে বকবকাতে পারবি, কিন্তু সেটা আত্মহত্যার সামিল। চলে যা, দরকার নাই।” আমি তখন মরিয়া, পড়ে রইলাম যতক্ষণ না রাজি হয়। একটা ডামি পুতুল বানিয়ে নিয়ে গেলাম কয়েকদিন পর। তারপর যা করার উনি করে দিলেন।
“কি করেছে?”
“কি করেছে সেটা তোদের জেনে কাজ নেই। এরপর থেকে কথা বলে ডামিটা, আর আমি মুখ মিলাই!”
“রিভার্স ভেন্ট্রিলোকুইজম!” রুমি বিস্ময় ধ্বনি করে।
“তারচেয়েও বেশি কিছু। আমার শরীরটাও ডামির নিয়ন্ত্রণাধীন। আমার আত্মাটা আসলে ওখানেই বসানো।”
বলতে বলতে শওকত ধপ করে সোফায় এলিয়ে পড়ে। আর এতক্ষণ লক্ষ করি নি, পাপেটটা সোফারই একপাশে বসিয়ে রাখা। অন্ধকারে ভালো বোঝা যায় না। হঠাৎ মনে হল ওটা ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকাল। মুখটা হাঁ করা, বড় করে। চোখদুটো জ্বলজ্বলে। হঠাৎ তীক্ষ একটা শীতল কণ্ঠ বেরিয়ে এল সেখান থেকে, গা হিম করা-
“তোরা চলে যা, বেরিয়ে যা এক্ষুণি! নইলে বিপদ! ভীষণ বিপদ!”
সে স্বরে এমন কিছু ছিল যা অগ্রাহ্য করার সাধ্য আমার ছিল না। রুম থেকে কীভাবে ছুটে বেরিয়েছি নিজেই জানি না, রুমি সম্মোহিতের মত তাকিয়ে ছিল-ঘটনার আকস্মিকতায় যেন কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছে, আমি টেনে রুম থেকে বের করে আনি।
হোটেল থেকে নেমে এক ট্যাক্সি ধরি। দুজনেরই মুখ থমথমে। এ ধরনের কোন অভিজ্ঞতা হবে কেউ কি তা কস্মিন কালেও ভেবেছিলাম!
“পারফেক্ট পানিশমেন্ট, রুমি ট্যাক্সিতে বসে বিড়বিড় করে বলে, “শওকত পারফেক্ট পানিশমেন্টের কথা বলছিল।”
“মানে কি এর?” আমি ওর কথায় আবারও বিভ্রান্ত হই।
“এর মানে আই ফর আন আই, টুথ ফর আ টুথ, হাজার বছর আগের হাম্বুরাবি আইনেও যেটা ছিল, অনেকগুলো একেশ্বরবাদী ধর্মেও যে বিধান আছে, ব্যালান্সড় প্রতিশোধ, সবচেয়ে পারফেক্ট শাস্তি বিধান, চোখের বিনিময়ে চোখ, দাঁতের বিনিময়ে দাঁত…আত্মার বিনিময়ে আত্মা। শওকতের আত্মা, রুনুর আত্মা!”
হঠাৎ করে আজকের রাতটাকে কেমন দুঃস্বপ্নের মত মনে হয়।
