ভেন্ট্রিলোকুইস্ট – ১১

অধ্যায় ১১

অবশেষে রেস্টুরেন্টে এসে পৌঁছলেন মিলি, আমাদের নানা ধরনের উদ্ভট ও বিপজ্জনক আশঙ্কাগুলোকে মিথ্যা প্রমাণ করে। ইনফরমাল সাজে সম্পূর্ণ ভিন্ন লাগলেও চিনতে মোটেও কষ্ট হল না, আমাদের ওই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কয়েক ঘন্টা ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ সময়, তাই সামান্য সময়ের পরিচয় হলেও দেখেই মনে হল যেন কতকালের চেনা। সাক্ষাৎ মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসতে পেরেছি তার কারণে সে কৃতজ্ঞতা বোধ থেকেই হয়তো।

খুব সহজ ভঙ্গিতে মিলি আমাদের টেবিলে যোগ দিলেন। “এখানকার গার্লিক সুপটা আমার ভারি পছন্দের!”

“নিশ্চয়ই, আমরাও ক্ষুধা পেটে রেস্টুরেন্টের খাবার দাবারের সৌরভে একেবারে মারা যাচ্ছি।” রুমি মৃদু হেসে বলল।

“এখানে খুব বেশি সময় থাকতে পারবো না। খুব দ্রুত আমাদের কথা সারতে হবে। প্রথমে আমি জানতে চাই আপনারা কী করছিলেন রুশদি হসপিটালে, আপনার বোনকে দেখতে গিয়ে নিশ্চয়ই অ্যাডভেঞ্চারের জন্য ভৌমে ঢোকেন নি?”

“দ্যাটস আ লং স্টোরি!” রুমি বলল।

“মেক ইট শর্ট, আমার হাতে সময় কম।” এক ধরনের অস্বাভাবিক কর্তৃত্বপূর্ণ স্বরে বললেন মিলি। “তাছাড়া যদুর মনে হয় আপনারা বিষয়টার সাথে জড়িয়ে গেছেন উড়ে এসে জুড়ে বসার মত। কিন্তু তাতে আমাদের লাভই হয়েছে।”

“আপনাদের?”

“পরে সেটা এক্সপ্লেইন করছি। কিন্তু আপনাদের সবকিছু আমার শোনা চাই আগে। তারপর আমি মুখ খুলবো।”

রুমি দীর্ঘশ্বাস ছেড়ে সংক্ষেপে শওকত, রুনু আর আমাদের গত কয়েকদিনের পুরো ঘটনাগুলো খুলে বলা শুরু করলো।

রুমি শেষ করার পর মিলি বললেন, “এই শওকতের কাহিনী আমাদের অজানা ছিল। এটা আমাদের জন্য একটা গ্যাপ ছিল।”

“দয়া করে কি এখন ‘আমাদের’ শব্দটার ব্যাখ্যা দেবেন?” রুমি বলল।

“বলছি, ধৈর্য ধরেন। আমাকে মূলত একটা সিক্রেট প্রজেক্টের এজেন্ট বলতে পারেন। একটা ইন্টারন্যাশনাল ইনেভেস্টিগেশন ফার্ম। আপাতত সেটার নাম জেনে আপনাদের কাজ নেই, আমরা ইন্টারপোলের সাথে সহযোগী হিসেবে কাজ করছি।”

“তাহলে আপনারা সরাসরি কোন গ্রেফতার অভিযান করছেন না কেন?”

“আসলে আপনাদের রুশদির হাত কদুর সে সম্পর্কে কোন ধারণা নেই, সে কারণেই বলছেন। রুশদিকে আমাদের দেশের পুলিশ প্রশাসন দ্বারা কিছুই করা যাবে না, আগে বলেছি মন্ত্রী আমলা টাইপ লোকদের কিনে শোকেসে রাখার মত অর্থ এবং ক্ষমতা রুশদির আছে। এমনকি ইন্টারন্যাশনাল কোন ইনভেস্টিগেশন ফার্ম নাক গলালেও সে নাক কেটে দেয়ার মত সাপোর্ট আছে তার। তাছাড়া রুশদির ওখানে আমরা কোন অভিযান চালালে আমাদের মূল মিশনটা ব্যর্থ হয়ে যাবে। রুশদি যাদের ছায়ায় আছে তাদের কে ধরাই আমাদের লক্ষ্য। একটা বাটন প্রেসের মাধ্যমে ডৌমের সমস্ত ডেটা বিস্ফোরিত হয়ে নষ্ট হয়ে যাবে, সেই ব্যবস্থা রুশদি করে রেখেছে। সুতরাং অনেক ধীরে সুস্থে আমাদের অ্যাপ্রোচ করতে হবে।”

“তো, আপনারা কি করতে চাচ্ছেন এখন?” আমি বললাম।

আমার এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কোন সিক্রেট এজেন্টের সাথে তার গোপন মিশন নিয়ে আমরা আলোচনা করছি। মনে হচ্ছে এখনই মিলি উচ্চস্বরে হেসে উঠে বলবেন, তিনি রসিকতা করছিলেন।

“এখানে আমরা শুধুমাত্র একভাবেই রুশদির উপর আপার হ্যান্ড হতে পারি,” মিলি বললেন, “সেটা হল তার সিক্রেট ইনফরমেশনগুলো যদি আমাদের হাতে এসে পৌঁছায়। তার এক্সপেরিমেন্টাল ডেটাগুলি পাবলিশ করার মাধ্যমেই এই কাজ বন্ধ করা যায়, ধরা পড়বে পুরো একটি চক্র, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এ ধরনের পরীক্ষা করে বেড়াচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন দেশে। যাদের জন্য একাজ হচ্ছে সে সম্ভাব্য সন্দেহের তালিকায় আছে কয়েকটি উন্নত দেশের মিলিটারি ফোর্স, আছে কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আমি, রুশদির ওখানে আছি প্রায় দেড়বছর। ট্রাস্টওয়ার্দি হওয়ার জন্য যথেষ্ট সময়। আমরা প্রায় মাস ছয়েক ট্রাই করে যে কাজটা করতে সক্ষম হই আপনারা মাত্র তিন মিনিটে সে কাজটা করেছেন।”

“কোনটার কথা বলছেন?”

“ডৌমের পাসওয়ার্ড ।”

“কিন্তু…”।

“হ্যাঁ, দ্বিতীয় পাসওয়ার্ডটা আপনারা উদ্ধার করতে পারেন নি, অবশ্য সেজন্যই ধরা পড়েছেন সেটা সত্য না। আপনি পাসওয়ার্ডটা জানলেও ধরা পড়তেন। ওখানকার সিকিউরিটি সিস্টেম পৃথিবীর যেকোন সামরিক ঘাঁটির চেয়ে কম না। আপনি ওখানে ঢোকা মাত্রই রুশদি সেটা টের পেয়ে গেছে ওখানকার সেন্সর অ্যালার্টের মাধ্যমে। সেক্ষেত্রে হাসপাতাল থেকে বের হতে পারতেন না ডৌম থেকে বের হলেও। সাইকিয়াট্রিক হসপিটালে যাদের রাখা হয় তারা স্বভাবতই যথেষ্ট স্কিলড থাকে-উপরন্তু রুশদির রীতিমত সিকিউরিটি ট্রুপস আছে। আমাদের কাছে ওই ডৌমের সিকিউরিটি ব্যবস্থার নকশাটা রয়েছে। সেটা বলতে পারেন মোটামুটি অভেদ্য। সেখান থেকে কোন সিগন্যাল যায় না। ভেতর থেকে পাসওয়ার্ড দেয়া। পাসওয়ার্ড ভুল ট্রাই করা মাত্রই বাতাসে হ্যালোথেন ছড়িয়ে পড়ে, যেটার জন্য সাথে সাথে আপনি জ্ঞান হারাবেন।”

মিষ্টি গন্ধের গ্যাসের কথা মনে পড়ে গেল আমার। সেটা হ্যালোথেন ছিল।

“এবং সাথে সাথে অ্যালার্ম সিগন্যাল পৌছে যায় সিকিউরিটি গার্ডদের কাছে,” মিলি যোগ করলেন। “তাই আসলে ওখানে ঢুকবার কেবল একটাই উপায় আছে সেটা হল দুটো পাসওয়ার্ডই জানা এবং রুশদির সিকিউরিটি ফোর্সকে ঘায়েল করার মত শক্তি নিয়ে অ্যাপ্রোচ করা। সেটা না হলে ওখানে ঢোকার ট্রাই করা আর মৃত্যুকে স্বেচ্ছায় গ্রহণ করা একই। এমনকি সেটা কখনো মৃত্যুর চেয়েও বেশি কিছু-আপনারা সেটা জানেন। প্রথম পাসওয়ার্ডটা আপনারা আন্দাজ করতে পেরেছেন। এখন প্রশ্ন হল কীভাবে? আমাদের এজেন্সি কিন্তু এখন আশা করছে দ্বিতীয় পাসওয়ার্ডটা বের করতে হয়তো আপনারা কাজে আসতে পারবেন।”

প্রথম পাসওয়ার্ডটা আমরা কিভাবে বুঝলাম সেটা আমি সংক্ষেপে মিলিকে বললাম। মিলি শুনে বললেন, “তারমানে বাহাইদের সাথে সম্পর্ক থাকতে পারে সেটা আপনারাও গেজ করেছেন।”

“আমরা আসলে এখন কনফিউজড,” রুমি বলল, “বাহাইদের সাথে রুশদির সম্পর্কটা কী সেটা আমাদের কাছে এখনো পরিষ্কার না। আবার আন্ডার গ্রাউন্ডের পেন্টাগোনাল স্ট্রাকচার দেখে এখন আমাদের মনে হচ্ছে এটাস্যাটানিক টেম্পলও তো হতে পারে। আসলে রুশদি কি? বাহাই না শয়তানের পূজারী!”

“সেটা বেশ লম্বা ইতিহাস, সংক্ষেপে বললে বলতে ইয়, আমাদের মনে হয়েছে রুশদির এ টেম্পল বাহাই টেম্পলও না, হাটানিক টেম্পলও না। আমরাও প্রথমে এটা বাহাই টেম্পল ভেবেছিলাম। কিন্তু কোন বাহাই কমিউনিটির সাথে রুশদির কানেকশন নেই। আমরা ইন্ডিফ্লার বাহাই কমিউনিটি, বাংলাদেশি বাহাই সেন্টার সব জায়গায় বিশেষভাবে যোগাযোগ করেছি, ইজরায়েলের বাহাইদের মেইন সেন্টারে যোগাযোগ করেছি। সেগুলোর সাথে রুশদির কোন সম্পর্ক থাকলে এতদিনে সেটা আমরা জেনে ফেলতাম, কেননা টেম্পল নিয়ে লুকোচুরি খেলার ইতিহাস বাহাইদের নেই। আজ পর্যন্ত কোন বাহাই রুশদির এখানে আসে নি। যারা এসেছে তাদের আমরা ট্রেস করতে পারি নি। অত্যন্ত নিরাপত্তা বলয় নিয়ে শুধুমাত্র একবার একটা গ্রুপ এসেছিল, রুশদি যাদের তার ডৌম পর্যন্ত নিয়ে গেছিল। তারা এই সাবকন্টিনেন্টের না, আবার ইউরোপিয়ানও মনে হয় নি। তারা কথা বলছিল অদ্ভুত একসেন্টের ইংরেজিতে। আর স্যাটানিক টেম্পলে যে ধরনের রিচুয়াল প্রচলিত সেটাও এখানে অনুপস্থিত। সুতরাং এটা এখনো আমাদের অনুসন্ধানের আওতায় রয়েছে রুশদির স্পিরিচুয়াল ইন্সপিরেশনটা কাদের।”

শুনে আমাদের মাথা ঘুরতে লাগলো। বাহাই নয়! কারা তাহলে এসবের নেপথ্যে।

“তাহলে এত মিল হল কিভাবে? পাসওয়ার্ডটাও তো বাহাইজমের সাথে মিলে যায়।” আমি বলি ।

“পাসওয়ার্ডটার অর্থ হল দ্য গেইট। মিলি বললেন। সেটা এমনিতেই কি হতে পারে না? আর একটা লক্ষণীয় ব্যাপার হল রুশদি আসলে পাসওয়ার্ডটা সেট করেছে তার ওই ভিজিটরদের কথা অনুযায়ী। কারণ তারা যখন আসে তারাই পাসওয়ার্ডের কি প্রেস করে। দুটো পাসওয়ার্ডই তাই এমন কিছু যা হয়তো তাদের রিচুয়ালের অংশ। এটা রুশদির নিজের সেট করা না।”

সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে।

“তারমানে দ্বিতীয় পাসওয়ার্ডটা আসলে বাহাইজমের সাথে রিলেটেড ।” রুমি হতাশ হয়ে বলল ।

“হয়তো, তবে দ্বিতীয় পাসওয়ার্ডটার একটা কু হল সেটা একটা সংখ্যা।”

“পবিত্র সংখ্যা,” আমি বলি । আমাদের সাথে রুশদির কথোপকথনের কথা আমার মনে পড়ে যায়। এবং যেটা তার সম্প্রদায়কে তৃপ্তি দিয়ে আসছে!”

“তবে আপনারা আসায় আর একটা ব্যাপার জানতে পেরেছি, সেটা হল সংখ্যাটা কোন ডিভাইন সিরিজের।” মিলি যোগ করলেন।

“ডিভাইন সিরিজ?”।

“হুম, সেটা আমি জেনেছি যখন আপনাদের অচেতন দেহগুলোকে ডৌম থেকে সরিয়ে নিচে নিয়ে যাওয়া হচ্ছিল। রুশদি বলি, সম্ভবত অধিক উত্তেজনার কারণে মুখ ফসকে বের হয়ে গেছে, ডিভন নাম্বার অব ডিভাইন সিরিজ!”

“মানে কি?”

“হতে পারে রুশদি যে নির্দিষ্ট ধর্মের বা কোন স্পিরিচুয়াল গ্রুপের মেম্বার তাদের নিজস্ব কোন সিরিজ আছে, দে কনসিডার ইট অ্যাজ ডিভাইন।”

“সো ইটস কমপ্লিকেটেড অ্যাগেইন!” রুমি হতাশ হয়ে বলল। তারপর কিছুক্ষণ নীরবতা।

কিন্তু সবকিছু কেমন গুলিয়ে উঠছে। কত বড় পর্যায়ের কিছুর সাথে জড়িয়ে পড়েছি সেটা ভাবতেই শ্বাসবন্ধ হয়ে আসছে।

নীরবতা ভেঙে আমি বললাম, “তারমানে বলতে চাইছেন এখানে ডা: হারুনের কোন ইনভলভমেন্ট নেই।”

“অফকোর্স আছে। ডা: হারুনই প্রথম ইনফর্মার। তিনি ডিটেকটিভ ব্রাঞ্চকে ইনফর্ম করে এ ব্যাপারে। কারণ ডা: হারুন জানতেন কোন ফিশি কাজ করছে রুশদি। কিছুটা আন্দাজও করতে পেরেছেন তিনি, তবে তার ধারণা ছিল সেটা হবে অর্গান ট্রাফিকিং এর মত কোন কাজ। সেটা ভাবাটাই স্বাভাবিক। রুশদি যেটা করছে সেটা এতটা হাই প্রোফাইলের ব্যাপার সেটা অনেক এজেন্সির মাথাতেই ঢুকবে না যে হচ্ছেটা কী! রুশদি কতটা ক্ষমতাবান সেটা ডা: হারুন প্রথম বুঝতে পারেন যখন রাষ্ট্রীয়ভাবে সে ইনভেস্টিগেশনের জন্য অনুরোধ করে। কোন ধরনের ব্যবস্থাই নেয়া সম্ভব না তার বিপক্ষে। ডা: হারুন তাই ইন্টারন্যাশনাল ডিটেকটিভ এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করে, কারণ মূলত এ ব্যাপারগুলো জাতীয় নয়, ইন্টারন্যাশনাল কনসার্ন। হিউম্যান এক্সপেরিমেন্ট মূলত করা হয় মিলিটারি পারপাজ বা ফার্মাসিউটিক্যাল পারপাজে। তবে রুশদি যেগুলো করছে সেগুলোর সাথে সম্ভবত ফার্মাসিউটিক্যাল কোন রিলেশন নেই, কোন বৃহৎ মিলিটারি প্রজেক্টের অংশ হিসেবে হয়তো করা হচ্ছে। যেমন রুশদির এসব পরীক্ষা জাপানিদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউনিট ৭৩১ এর সাথে মিলে যায়, আবার কিছু পরীক্ষা হিটলারের ডক্টরদের সাথেও মিলে যায়।”

“এগুলোর সাথে পাসওয়ার্ডের কোন সামঞ্জস্য থাকতে পারে কিনা সে ব্যাপারে ভেবেছেন?”

“হয়তো আছে, হয়তো নেই!” মিলির কণ্ঠ হতাশ মনে হল।

“আপনি কি নিশ্চিত আপনাকে কেউ ফলো করছে না?” রুমি হঠাৎ প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো।

মিলি একথায় মোটেও চমকালেন না। “না, তবে কেউ ফলো করছে সে ব্যাপারে নিশ্চিত।”

“মানে?” আমাদের চমকানোর পালা এবার ।

“আমি রেস্টুরেন্টে ঢোকার ঠিক পনের মিনিট পর একজন এখানে ঢুকেছে । এন্ট্রির ঠিক প্রথম টেবিলটাতে বসেছে, যাতে একটু দূর থেকে আমাদের লক্ষ্য রাখতে পারে।”

“কি বলছেন?” আমি হতবাক হয়ে গেলাম ।

“না, তাকানোর দরকার নেই।” মিলি আমার গলা উঁচু করতে দেখে সাবধান করে দিল। “আমি তাকে চিনি, রুশদির প্রফেশনাল ট্র্যাকার।”

“রুশদি সাম হাউ বুঝে ফেলেছে আমিই আপনাদের উদ্ধারকর্তা। আপনাদের সাথে কাকতালীয়ভাবে আমার প্রথম দেখা হয় হসপিটালে। সেটার জন্য বলতে পারেন আপনারা বেঁচে গেছেন। তবে আমার সাথে আগে কথা না হলেও আমি হয়তো আপনাদের বাঁচানোর চেষ্টা করতাম, কারণ উই নিড ইউ। তবে সেটা ঘটার সম্ভাবনা কমে যেত। হসপিটালে বিনুর সাথেও আমার অনেকদিনের সখ্যতা। তাই বলতে পারেন আপনাদের প্রতি আমার একটা মানবিক দায়িত্ববোধ তৈরি হয়েছিল আপনাদের বাঁচানোর মত রিস্ক নেয়ার জন্য। আবার সেই কাকতালীয় সাক্ষাতের কারণে রুশদি কিছুটা হলেও আমার উপর নজর রাখছে। এবং আজকের ডিউটির পর থেকেই আমাকে ফলো করা হচ্ছে। তবে ফলো করার কারণ মোস্ট প্রবাবলি আপনাদের ট্রেস করা।”

“আমাদের ট্রেস করা?”

“এটা খুবই র‍্যাশনাল চিন্তা, রুশদি এখন আপনাদের খুঁজছে পাগলের মত। আমি দেড় বছরের বিশ্বস্ত হলেও আমার সাথে আপনাদের কোন কানেকশন আছে কিনা সেটা সে খতিয়ে দেখতে চায়। আমি হসপিটাল থেকে সরাসরি এখানে আসি, সম্ভবত তখন থেকেই ফলো করছে তবে আমি বুঝতে পেরেছি এখানে ঢোকার ঠিক আগ মুহূর্তে। খেয়াল করলাম একটা পরিচিত মুখসহ একটা গাড়ি আমার পিছনে এসে থামলো। আমার পিছু হটার উপায় ছিল না। আপনারা যে এ রেস্টুরেন্টে আছেন ঠিকই বুঝে ফেলেছে । ওর নিক নেম জয়নাল। প্রফেশনাল কিলার। তার কোমরে ৭.৬৫ মিমি একটা পিস্তল সবসময় থাকে। একে আমার পিছনে কোন একদিন লাগানো হবে সেটার জন্য আমি বহুদিন প্রতীক্ষা করছি। এখানে তাকে পাঠানো হয়েছে টু অ্যাসাসিনেট আস। নিচে নামা মাত্রই সে আমাদের গুলি করবে।”

এমনভাবে মিলি কথাগুলো বলছিলেন যে রেস্টুরেন্টের নিচে নামা মাত্রই গুলি করা ব্যাপারটা নৈমিত্তিক কোন বিষয়। এটাকে আমল দেয়ার কিছু নাই।

তারমানে আমরা আসলে প্রতীক্ষা করছি জয়নাল নামের কোন এক লোক তার কোমর থেকে একটা পিস্তল বের করে কখন আমাদের দিকে গুলি ছুড়ে মারে। আর ব্যাপারটা বোঝার পরও মিলি নামক এ নারী কিভাবে স্বাভাবিকভাবে আমাদের সাথে এতক্ষণ আলাপ চালালেন ভেবে পেলাম না।

“ঘাবড়াবেন না। একটু ঝামেলা করে এর হাত থেকে রেহাই পেতে হবে।”

তারপর যা ঘটলো তা মোেটামুটি অবিশ্বাস্য। এ ধরনের ঘটনা যে ফেস করবো তা ভাবনার অতীত ছিল। পুরো ব্যাপারটা কিছুটা আজগুবি দুঃস্বপ্নের মত লাগছিলো। মনে হচ্ছে জন যু’র কোন অ্যাকশন মুভি দেখার পর এবং রাতের গুরুপাক খাওয়ার দরুন এই দুঃস্বপ্ন দেখছি।

খাওয়ার পর্ব শেষ হওয়ার পর মিলি আমাদের বললেন, “বিল মিটিয়ে দিয়ে টেবিলটার কাছে গিয়ে এমনভাবে দাঁড়াবেন যাতে বাকিদের কাছ থেকে টেবিলটা একটু আড়াল হয়।”

“মানে?”

মানে কী বোঝার আগেই মিলি হাঁটা শুরু করলেন। আমরাও কথা না বাড়িয়ে ওয়েটারকে টিপসসহ বিলটা গুছিয়ে টেবিলটার কাছে চলে এলাম। একসাথে আসতে দেখেও না দেখার ভান করলো লোকটা। মুখ দেখেই বোঝা যায় সহজ কেউ নয়, একধরনের নিষ্ঠুরতা চোখে মুখে । পোশাক আশাক বেশ পরিপাটি। একমনে একটা সপে চামচ দিয়ে নাড়াচাড়া করছে। বোঝাই যাচ্ছে। খাওয়ায় মন নেই।

যখন সে বুঝলো তার টেবিলের আশেপাশে আমরা দাঁড়াচ্ছি কেমন একটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এটা তার কল্পনার বাইরে ছিল বোঝাই যাচ্ছে। চোখে তুলে আমাদের দিকে তাকাতেই মিলি কিছু একটা দিয়ে সজোরে তার মাথার পেছনে আঘাত করলেন। এবং সাথে সাথে লোকটার মুখে হাত দিয়ে চেপে ধরলেন। হাতে একটা রুমালের মত ধরা ছিল। অস্ফুট একটা আওয়াজ হল, এর বেশি কিছু না। লোকটা সাথে সাথে ঢলে পড়লো, সম্ভবত জ্ঞান হারিয়েছে। এত দ্রুত ব্যাপারটা ঘটে গেল মনে হচ্ছে মিলি প্রতিদিনই এমন কিছু করেন। আশপাশের কেউ টেরই পেল না যে এখানে কিছু ঘটছে।

মাথা থেকে যেটা দিয়ে আঘাত করেছেন সেটা সরিয়ে নিতেই শিউরে উঠলাম। একটা চামচ, মিলির হাতে ধরা। কাঁটা চামচ, একটা দাঁত বাদে বাকিগুলো বাঁকা করা। তাতে ওটা দেখতে হয়েছে খোঁচা মারার কোন অস্ত্রের মত। চামচগুলোর দাঁত এমনিতেই বেশ সরু । সেই সরু চোখালো দূতে সামান্য রক্ত লেগে আছে। আমাদের সাথে কথা বলার সময় দুটো চামচ দিয়ে মিলি কিছু করছিলেন। তারমানে আরেকটা চামচের সাহায্যে এই চামকে তিনি একটা উইপন বানিয়ে নিয়েছেন ।

লোকটার অচেতন ঢলে পড়া মাথাটা মিলি টেবিলে যত্ন করে রেখে দিলেন। তারপর দ্রুত আমরা বের হয়ে গেলাম।

“আপনি…?” রুমি কিছু বলতে চাইল মিলিকে।

“আর কোন উপায় ছিল না। ডু অর ডাই গেম। উই হ্যাভ টু প্লে।”

“লোকটা যদি মরে যায়?”

“অলরেডি গেছে।” মিলি দ্রুত হাঁটার সাথে তাল রেখে বেশ শান্ত কণ্ঠে বললেন।

“মানে?”

“এটা হিসাব করে মারা পাঙ্কচার ওউনড। মাথার পেছনের ওই নির্দিষ্ট জায়গাতে পাচার করার জন্য আমাকে দীর্ঘ সময়ের ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। জায়গাটার নাম নেপ অব দি নেক। প্রফেশনাল ওয়েতে সেখানে সামান্য একটা পিন ফুটালেও সাথে সাথে মারা যায় ভিকটিম। একদম হাই প্রফেশনাল কিলারদের জন্য এটা ভাল একটা পদ্ধতি, কারণ ফরেনসিক এক্সামিনেশন বা অটোপসি তে এটা ধরা পড়ে না বললেই চলে। এটা ভিকটিমের মেডুলা অবলাগাটাতে গিয়ে আঘাত করে, যার রেজাল্ট হল ইনসট্যান্ট ডেথ। সো হি ইজ ডেড বাই নাও।”

“কি বলছেন?”

“ঘাবড়াবেন না। এটা আমার জন্য প্রথম না।”

নিচে একটা ট্যাক্সি অপেক্ষা করছিল। মিলি সরাসরি সেটাতে উঠে গেলেন। এবং হাত ইশারায় আমাদেরও উঠতে বললেন,

“লিফট দিচ্ছি নিন, আপনাদের স্টেশন পর্যন্ত পৌঁছে দেই।”

আমরাও উচ্চবাচ্য না করে উঠে পড়লাম। স্টেশনে যাওয়ার জন্য একেবারে প্রিপেয়ার্ড হয়েই আমরা বের হয়েছিলাম। ট্রেন ছাড়তে বেশি সময় নেই।

ট্যাক্সিটা সাধারণ ট্যাক্সি নয়। এটা একটা ব্যক্তিগত গাড়ি। মাস্কিং করার জন্যই নিশ্চয়ই ট্যাক্সির মত লুক দেয়া হয়েছে।

“তারমানে আপনি আর রুশদির ওখানে ফিরতে পারছেন না।” আমি বললাম মিলিকে।

“উহু, সেটা বেশ রিস্কি হয়ে যাবে। তবে পাসওয়ার্ডটা বের করা মাত্রই কোনভাবে ঢুকে পড়ে বাকি কাজটুকু করে ফেলার ব্যবস্থা করার চেষ্টা করবো আমরা। আমাদের টিম এখন পাসওয়ার্ডের উপর কাজ করছে।”

“পাসওয়ার্ডটা ছাড়া আর কোনভাবেই আপনারা আর এগোতে পারছেন ?”

“হয়তো না, নতুন কোন ব্যাপার আর না ঘটলে। আপনাদের বন্ধু হাসান এবং তার মেইল উদ্ধার করতে পারলেও অনেকটা কাজ হয়ে যাবে। সুতরাং আপনারা সেটিই এখন দেখুন।”

“আমাদের সেটা দেখতেই হবে!” রুমি বলল । হাসানকে বিপদে আমরাই ফেলেছি, উদ্ধারও আমাদেরই করতে হবে!

“কিন্তু আমার বোনের কি হবে?” হঠাৎ সেই আশঙ্কায় আমি আবার শংকিত হয়ে উঠি।”

“আপনার বোনের অভিভাবকত্বে আপনার নাম ছিল না।” মিলি বললেন।

“জি, ওর হাজবেন্ডের নাম দেয়া আছে, রুহুল।”

“হুম, সুতরাং সেটা নিয়ে ভাববেন না। রুশদি আগে থেকেই বিশ্বাস করে বসে আছে আপনারা ফেইক রোগীর আত্মীয় সেজে ওখানে ঢুকেছেন, সেটা ভাবাই র‍্যাশনাল। আপনার বোনের হাজবেন্ডকে বলবেন কিছুদিন পরে যেন ওকে গিয়ে সরিয়ে নিয়ে যায়। এখনই আবার সে চেষ্টা করলে রুশদি সন্দেহ করতে পারে, তাই ধৈর্য ধরুন।”

আমি আর কিছু বলতে পারলাম না। কেমন একটা খচখচে অনুভূতি হতে লাগলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *